- প্রচ্ছদ
- Topic
পার্থ
অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী তাসনিম ঐশির মৃ ত্যুর খবর পাওয়া গেছে। তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে এডিথ কোয়ান ইউনিভার্সিটিতে (ইসিইউ) পড়াশোনা করছিলেন। মাত্র তিন মাস আগে দেশ ছেড়ে যাওয়া এই তরুণীর আকস্মিক মৃ ত্যুর খবরে পরিবার, স্বজন ও সাবেক সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তাসনিম ঐশি। সেখানে নতুন পরিবেশে পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা নিয়ে তাঁর পথচলা শুরু হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছানোর মাত্র তিন মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তাঁর জীবন থেমে যাওয়ার খবর সামনে এসেছে। তবে পার্থের ঠিক কোন এলাকায় এবং কবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় তাসনিম পথচারী ছিলেন, নাকি কোনো যানবাহনে অবস্থান করছিলেন, তাও জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় অন্য কেউ আ হ ত হয়েছেন কি না, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাসনিম ঐশির মৃ ত্যুর ঘটনায় তাঁর পরিচিতজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের কথা জানা গেছে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার অল্প সময়ের মধ্যে এমন মৃ ত্যুর খবর তাঁদের জন্য বেদনাদায়ক হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক এই শিক্ষার্থী অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর মৃ ত্যুর বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কিংবা স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে তাসনিমের ম র দে হ দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, অথবা অস্ট্রেলিয়াতেই তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেওয়া তাসনিম ঐশির আকস্মিক মৃ ত্যুর খবর আবারও প্রবাসে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও তাঁদের পরিবারের মধ্যে সড়ক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে।
অস্ট্রেলিয়ার পার্থে নিজের বাবা-মায়ের কেনা বাড়ির মালিক হওয়ার আশায় ১১ বছরে তাদের ৫ লাখ ৫০ হাজার ডলারের বেশি দিয়েছিলেন এক নারী। কিন্তু এক দশকেরও বেশি সময় পর বাবা-মা জানালেন, তিনি বাড়িটির মালিক নন, কেবল ভাড়াটিয়া। শেষ পর্যন্ত বাড়িটি বিক্রি ঠেকাতে আদালতের দ্বারস্থ হলেও পুরোপুরি সফল হননি ওই নারী। তবে বিক্রির পর পাওয়া অর্থের একটি অংশের ওপর তার দাবি থাকতে পারে বলে জানিয়েছেন আদালত। ব্রিয়ানা লেন নামের ওই নারী পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টে বাবা অ্যালান ব্রিগস ও মা ওয়েন্ডি ব্রিগসের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন। তার দাবি, ২০১৪ সালে বাবা-মায়ের সঙ্গে একটি মৌখিক সমঝোতা হয়েছিল। সেই অনুযায়ী, বাবা-মা তাদের নামে বাড়ি কিনবেন এবং তিনি ও তার স্বামী প্রতি মাসে অর্থ পরিশোধ করবেন। একসময় বাড়িটির মালিকানা তাদের কাছে চলে যাওয়ার কথা ছিল। বাবা-মায়ের বক্তব্য অবশ্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, তারা মেয়েকে বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন ভাড়াটিয়া হিসেবে। বাড়িটি কখনো তার নামে দেওয়ার কোনো লিখিত বা মৌখিক চুক্তি তারা করেননি। পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি লারিসা স্ট্রকের সাম্প্রতিক রায়ে দুই পক্ষের এই ভিন্ন বক্তব্য উঠে এসেছে। ঘটনার শুরু ২০১৪ সালে। তখন ব্রিয়ানা ও তার স্বামী বেন লেন আর্থিক সংকটে ছিলেন এবং পার্থের ক্ল্যারমন্ট এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতেন, সেটি হারানোর আশঙ্কায় ছিলেন বলে আদালতকে জানান ব্রিয়ানা। তার দাবি, ওই সময় তিনি বাবা-মায়ের কাছে নিজেদের জন্য একটি বাড়ি কেনার ক্ষেত্রে সহায়তা চান। বাবা তাদের ঋণের জামিনদার হতে রাজি না হয়ে নিজের নামে বাড়ি কেনার প্রস্তাব দেন। ব্রিয়ানার ভাষ্য অনুযায়ী, বাড়িটির ঋণের মাসিক কিস্তি তারা পরিশোধ করবেন এবং ভবিষ্যতে বাড়িটির মালিকানা তাদের হবে। এরপর ২০১৪ সালের নভেম্বরে অ্যালান ও ওয়েন্ডি ব্রিগস পার্থের সোয়ানবোর্ন এলাকায় তিন শয়নকক্ষের একটি বাড়ি কেনেন। বাড়িটির দাম ছিল প্রায় ১১ লাখ অস্ট্রেলীয় ডলার। বাড়িটি কটেসলো বিচের কাছাকাছি একটি অভিজাত এলাকায় অবস্থিত। পরের মাস থেকেই ব্রিয়ানা ও তার স্বামী সেখানে বসবাস শুরু করেন এবং অর্থ পরিশোধ করতে থাকেন। ব্রিয়ানার হিসাব অনুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত তিনি ৬৯টি মাসিক কিস্তিতে মোট ২ লাখ ৯৬ হাজার ৭০০ ডলার দেন। কোভিড-১৯ মহামারির সময় কিস্তি চালিয়ে যেতে তিনি নিজের অবসরকালীন সঞ্চয় থেকে আরও ১০ হাজার ডলার তোলেন। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্তও তিনি নিয়মিত অর্থ পরিশোধ করেছেন বলে দাবি করেন। ব্যাংক লেনদেনের বিবরণে অনেক ক্ষেত্রে এসব অর্থের পাশে ‘মর্টগেজ’ বা বাড়ির ঋণের কিস্তি লেখা ছিল। ওই সময় তিনি মোট ২ লাখ ৫৩ হাজার ৪৬২ ডলার দিয়েছেন বলে আদালতকে জানান। বাড়িতে অগ্নিকুণ্ড স্থাপন, বৈদ্যুতিক কাজ ও নিরাপত্তা ব্যবস্থার মতো বিভিন্ন কাজে ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে আরও ১৯ হাজার ৮০ ডলার খরচ করার দাবিও করেন তিনি। তবে বাবা-মায়ের দাবি, ওই অর্থ বাড়ির মালিকানা পাওয়ার জন্য দেওয়া হয়নি। তারা বলছেন, মেয়ে কখনো কখনো ভাড়া হিসেবে অর্থ পাঠাতেন, আবার কোনো কোনো মাসে কিছুই দিতেন না। কিছু সময়ে মাসিক ভাড়া মাত্র ৩৩৪ ডলার পর্যন্ত নেমে এসেছিল এবং একপর্যায়ে প্রায় ৫ হাজার ৩০০ ডলার ভাড়া বকেয়াও হয়েছিল। ব্রিগস দম্পতির দাবি, বাড়িটি তারা ১২ বছরের সুদভিত্তিক ঋণে কিনেছিলেন। অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত তারা মূল ঋণ কমানোর পরিবর্তে মূলত সুদ পরিশোধ করছিলেন। তাদের মাসিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ৫০০ ডলার। বিরোধটি প্রকাশ্যে আসে ২০২৪ সালে। তখন অ্যালান ব্রিগস তার মেয়েকে জানান, বাড়িটি তারই মালিকানাধীন এবং ব্রিয়ানা সেখানে ভাড়াটিয়া হিসেবে থাকছেন। তিনি একটি আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করার কথাও বলেন। পরের বছর অ্যালান জানান, তারা বাড়িটি বিক্রি করতে চান। ব্রিয়ানা তখন বাড়ি দেখতে সম্ভাব্য ক্রেতাদের প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। পরে বাবা-মায়ের সঙ্গে তার বিরোধ আরও তীব্র হয়। মামলায় ব্রিয়ানার পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাবার পাঠানো কিছু খুদে বার্তাও। ২০২৪ সালের অক্টোবরে অ্যালান তাকে একটি বার্তায় জানান, বাড়ি বিক্রির পর বিনিয়োগ করার বা কোনো ঘাটতি পূরণের জন্য তার হাতে অর্থ থাকবে। কয়েক সপ্তাহ পর আরেক বার্তায় তিনি বাড়ি বিক্রির পর মেয়েকে অর্থ দেওয়ার সম্ভাবনার কথাও জানান। ২০২৬ সালের জানুয়ারিতেও বাড়ি বিক্রি ও সেই অর্থ ব্যবহারের বিষয়ে তিনি ব্রিয়ানাকে একটি প্রস্তাব দেন। আদালতে এসব বার্তা দুই পক্ষের সম্পর্ক ও বাড়ির অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রমাণ হিসেবে উঠে আসে। ২০২৬ সালের এপ্রিল মাসে ব্রিগস দম্পতি বাড়িটির জন্য একজন ক্রেতার প্রস্তাব গ্রহণ করেন। রায়ে বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। তবে সম্পত্তির বাজারমূল্য প্রায় ২০ লাখ ডলারে পৌঁছেছে বলে বিভিন্ন সম্পত্তি-তথ্যভিত্তিক সূত্রে ধারণা করা হয়েছে। অর্থাৎ ২০১৪ সালে কেনার সময়ের তুলনায় বাড়িটির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। এরপর ৯ জুলাই ব্রিয়ানা অর্থ পরিশোধ বন্ধ করেন। একই মাসে তিনি বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেন এবং বাড়ি বিক্রি ঠেকাতে সম্পত্তির ওপর বিশেষ আইনি নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানান। বিচারপতি স্ট্রক বলেন, ব্রিয়ানার দাবি এমন একটি গুরুতর প্রশ্ন তৈরি করেছে, যা বিচার করার মতো। তবে এই পর্যায়ে তার দাবিকে খুব শক্তিশালী বলা যাচ্ছে না। প্রকৃতপক্ষে বাড়িটির মালিকানা নিয়ে কে সঠিক, তা চূড়ান্তভাবে নির্ধারণের জন্য আলাদা আইনি কার্যক্রম প্রয়োজন হবে। আদালত শেষ পর্যন্ত বাড়ি বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেন। বিচারপতির মতে, বাড়িটি বিক্রি করা এবং বিক্রির অর্থের মধ্যে যেকোনো বিতর্কিত অধিকার সংরক্ষণ করাই দুই পক্ষের স্বার্থের জন্য বেশি উপযোগী। এর একটি বড় কারণ ছিল বাবা-মায়ের বাড়ির ঋণের চাপ। আদালতকে জানানো হয়, বাড়িটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না হলে ঋণের মাসিক পরিশোধের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। ২০২৬ সালের শেষ নাগাদ তাদের মাসিক পরিশোধের চাপ ১৩ হাজার ৫১৩ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আদালতে তুলে ধরা হয়। ব্রিগস দম্পতির বক্তব্য ছিল, তারা যদি বাড়িটি বিক্রি করতে না পারেন এবং ঋণের পুরো দায় বহন করতে হয়, তাহলে ভবিষ্যতে তারা আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়তে পারেন। তবে আদালত ব্রিয়ানার দাবি পুরোপুরি বাতিল করেনি। বিচারপতি স্ট্রক বলেছেন, বাড়ি বিক্রির পর ঋণ, বিক্রয়সংক্রান্ত খরচ এবং মূলধন লাভ কর পরিশোধের পর আনুমানিক ৮ লাখ ডলার অবশিষ্ট থাকতে পারে। ওই অর্থের ওপর ব্রিয়ানার কোনো আইনগত দাবি আছে কি না, তা পরবর্তী মামলায় নির্ধারণ করা হবে। এ জন্য ব্রিয়ানাকে ২১ দিনের মধ্যে বাবা-মায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাড়ি বিক্রির পর অবশিষ্ট অর্থ আদালতের তত্ত্বাবধানে রাখা হবে। অর্থাৎ, আপাতত বাড়ি বিক্রির পথ খুলে গেলেও ১১ বছর ধরে দেওয়া ৫ লাখ ৫০ হাজার ডলারের বেশি অর্থের পুরো বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। বাড়িটির মালিকানা নিয়ে বাবা-মেয়ের বিরোধ এবং ব্রিয়ানার অর্থ ফেরত বা বিক্রয়লব্ধ অর্থের অংশ পাওয়ার দাবি পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে। সূত্র: ডেইলি মেইল ও পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের রায়।