- প্রচ্ছদ
- Topic
সিঙ্গাপুর
হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী এবং সংযুক্ত আরব আমিরাত পরিচালিত কন্টেইনার জাহাজ 'জিএফএস প্রাইড' ডুবে যাওয়ার পর ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত ১৩ ও ১৪ অক্টোবরের দিকে অজানা প্রজেক্টাইল বা মাইনের আঘাতে বিধ্বস্ত হয়ে জাহাজটিতে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত সেটি সাগরে তলিয়ে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) নিশ্চিত করেছে যে, জাহাজে থাকা ২১ জন ক্রুকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই ঘটনার পর দাবি করেছে, জাহাজটি একটি "অননুমোদিত এবং বিপজ্জনক" রুট ব্যবহার করার কারণে নৌ-মাইনের আঘাতে ডুবে গেছে। মূলত তেল প্রবাহ ও আঞ্চলিক বাণিজ্যে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের ক্রমবর্ধমান হামলার অংশ হিসেবেই এই ঘটনাকে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ট্যাঙ্কারের পাশাপাশি এ ধরনের কন্টেইনারবাহী জাহাজ লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে ভীতির সঞ্চার করেছে। তবে জাহাজডুবির পর সাগরে এক চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়। দুবাই থেকে আরব বাজারগুলোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিলাসবহুল পণ্যবাহী এই জাহাজটি ডুবে যাওয়ার পর এর কন্টেইনারগুলো ও ভেতরের পণ্য সাগরে ভাসতে থাকে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, স্থানীয়রা ছোট ছোট নৌকায় করে সাগরে ভাসমান আইফোন ও দামি পারফিউম লুট বা সংগ্রহ করছে। এই অপ্রত্যাশিত দৃশ্য এবং বাণিজ্যিক জাহাজের ওপর এমন ধ্বংসাত্মক হামলা আন্তর্জাতিক শিপিং রুটের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
অনুমতি ছাড়াই বিদেশে বসে অফিসের কাজ করায় চাকরি হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক মুদ্রা লেনদেনকারী চার্লস গ্রাহাম। ছুটি কাটাতে সিঙ্গাপুরে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় না ফিরে সেখান থেকেই কাজে যোগ দিয়েছিলেন তিনি। পরে তাঁর ল্যাপটপের অবস্থান শনাক্ত করে বিষয়টি জানতে পারে প্রতিষ্ঠানটি। চাকরিচ্যুতির প্রক্রিয়ায় অন্যায্যতা ছিল বলে সিদ্ধান্ত দিলেও অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশন তাঁকে চাকরিতে পুনর্বহাল বা অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়নি। দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গ্রাহাম প্রায় ২০ মাস ধরে এইচআইএফএক্স অস্ট্রেলিয়ায় কাজ করছিলেন। প্রতিষ্ঠানটি ‘এক্সই’ নামে ব্যবসা পরিচালনা করে। এর আগে সিঙ্গাপুরে অবস্থান করে কাজ করার অনুমতি চেয়েছিলেন তিনি। তবে তাঁর সেই আবেদন নাকচ করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর ছুটি কাটাতে সিঙ্গাপুরে যান গ্রাহাম। ছুটি শেষে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ায় ফিরে আসার কথা থাকলেও তিনি সেখান থেকেই অফিসের কাজ চালিয়ে যেতে থাকেন। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে তাঁর ব্যবস্থাপক তথ্যপ্রযুক্তি বিভাগের সহায়তা নেন। পরে গ্রাহামের অফিসের ল্যাপটপের অবস্থান অনুসরণ করে জানা যায়, তিনি সিঙ্গাপুরে রয়েছেন। গ্রাহামের দাবি, তাঁর সঙ্গী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে অসুস্থ হয়ে পড়ায় দেশে ফেরার ফ্লাইট পিছিয়ে দিতে হয়েছিল। এরপর তিনি কাজে যোগ দিলেও জমে থাকা ইমেইল, ফোনকল এবং গ্রাহকদের অভিযোগ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। এ কারণে নিজের অবস্থান সম্পর্কে ব্যবস্থাপককে জানানো হয়নি বলে ব্যাখ্যা দেন তিনি। তবে প্রতিষ্ঠান তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। তাদের বক্তব্য ছিল, দেশে ফেরার পরিকল্পনা পরিবর্তন এবং সঙ্গীর ভ্রমণে অক্ষমতার বিষয়ে গ্রাহাম যথেষ্ট প্রমাণ দিতে পারেননি। সবকিছু বিবেচনায় নিয়ে ২০২৫ সালের ডিসেম্বরে তাঁকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি নিয়ে ফেয়ার ওয়ার্ক কমিশনে শুনানি হলে গ্রাহামের বিদেশে বসে কাজ করার আগের একটি ঘটনাও সামনে আসে। এর আগে বালি থেকে কাজ করার সময় তিনি জানিয়েছিলেন, বাসায় মেরামতের কাজ চলায় তাঁকে বাড়িতে থাকতে হচ্ছে। তবে তাঁর ব্যবস্থাপকের বক্তব্য ছিল, গ্রাহাম যে বিদেশে অবস্থান করছিলেন, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। কমিশন চাকরিচ্যুতির প্রক্রিয়ায় গ্রাহামকে জবাব দেওয়ার সুযোগ দেওয়ার ক্ষেত্রে ঘাটতি ছিল বলে মনে করেছে। অর্থাৎ, তাঁকে চাকরি থেকে বাদ দেওয়ার পদ্ধতি পুরোপুরি ন্যায্য ছিল না। তবে কমিশনের সিদ্ধান্তে এটিও বিবেচনায় নেওয়া হয় যে, গ্রাহামের আচরণে অসদাচরণের বিষয় ছিল এবং তিনি এরই মধ্যে চার সপ্তাহের বেতন পেয়েছেন। এসব বিষয় বিবেচনা করে কমিশন তাঁকে আগের পদে ফিরিয়ে নেওয়া কিংবা অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়নি। ফলে চাকরিচ্যুতির প্রক্রিয়ায় অন্যায্যতা চিহ্নিত হলেও গ্রাহাম চাকরি বা বাড়তি আর্থিক সুবিধা—কোনোটিই পাননি। ঘটনাটি বিদেশে অবস্থান করে দূর থেকে কাজ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অনুমতি ও কর্মস্থলের নীতিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরেছে। বিশেষ করে, কোনো কর্মী ছুটিতে বিদেশে গেলে বা নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন সেখানে অবস্থান করলে, সেখান থেকে কাজ করার অনুমতি আছে কি না, তা নিশ্চিত করা জরুরি। অনুমতি ছাড়া কাজ চালিয়ে গেলে তা চাকরির ওপর প্রভাব ফেলতে পারে—চার্লস গ্রাহামের ঘটনা তারই একটি উদাহরণ।
ডিজিটাল দুনিয়ার ‘ব্রেইন রট’ বা মনোযোগ কমে যাওয়ার সমস্যা দূর করে নাগরিকদের মধ্যে বই পড়ার সংস্কৃতি আরও সুদৃঢ় করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। ‘রিডএসজি’ (ReadSG) নামক পাঁচ বছর মেয়াদি এই নতুন জাতীয় কর্মসূচির আওতায়, দিনে অন্তত ১৫ মিনিট বই পড়লেই দেশের নাগরিকদের পুরস্কৃত করা হচ্ছে। ন্যাশনাল লাইব্রেরি বোর্ড (NLB)-এর চালু করা এই ক্যাম্পেইনের অধীনে আগ্রহীরা নির্দিষ্ট ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের পড়ার সময় ট্র্যাক করে ভার্চুয়াল রিওয়ার্ড বা কয়েন জিততে পারবেন। জানা গেছে, প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে ২০টি ভার্চুয়াল কয়েন পাওয়া যাবে এবং ১০০০ কয়েন জমলে তা নগদ এক ডলারে রূপান্তর করা সম্ভব হবে। ক্যাম্পেইনের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিদিন তিনটি এমআরটি (MRT) স্টেশন পার হওয়ার সময়টুকু, বাসের জন্য অপেক্ষার প্রহর কিংবা সকালের কফি পানের ফাঁকে ব্যয় করা মাত্র ১৫ মিনিট সময়ই একটি শক্তিশালী পাঠাভ্যাস গড়ে তোলার জন্য যথেষ্ট। ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা ট্যাম এই উদ্যোগ প্রসঙ্গে জানান, শর্ট-ফর্ম কনটেন্ট মানুষকে দ্রুত তথ্য দিলেও দীর্ঘক্ষণ ধরে বই পড়ার অভ্যাস মনোযোগ, কল্পনাশক্তি এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে শাণিত করে। দিন দিন জটিল হয়ে ওঠা বর্তমান বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে নাগরিকদের আরও বেশি কৌতূহলী, চিন্তাশীল ও দূরদর্শী হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তাছাড়া নতুন পাঠকদের আকৃষ্ট করতে এই কার্যক্রমে বিভিন্ন মজার ‘ফ্লেভার অব রিডিং’ বা রিডিং প্রোফাইল যুক্ত করা হয়েছে— যেমন ‘কুইহ লাপিস’, ‘কুলফি’, ‘আং কু কুইহ’ এবং ‘তাং ইউয়ান’, যা অংশগ্রহণকারীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে তুলে ধরে। ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের গবেষক লোহ চিন ই-এর মতে, পড়ার অভ্যাসটিকে ‘গ্যামিফাই’ বা আনন্দদায়ক করে তোলার কৌশলটিই সিঙ্গাপুরের এই উদ্যোগের সবচেয়ে বড় শক্তি। তিনি জানান, অনেকেই হয়তো স্ক্রিনে দ্রুত কিছু পড়ে নেন, কিন্তু গভীরভাবে পড়ার প্রতি যে নিবেদন, তা বর্তমানে অনেকটাই কমে গেছে; আর সেই গভীর মনোযোগ ফিরিয়ে আনতে ১৫ মিনিটের এই লক্ষ্যমাত্রা একটি অত্যন্ত কার্যকর ও বাস্তবসম্মত উপায়।
সম্পর্ক চলাকালে সাবেক প্রেমিকার জন্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার সিঙ্গাপুর ডলার খরচ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী চন্দর আগরওয়াল। পরে সেই অর্থকে সুদমুক্ত ঋণ দাবি করে সাবেক প্রেমিকা ফেলিশিয়া লির কাছ থেকে ফেরত চেয়ে সিঙ্গাপুর হাইকোর্টে মামলা করেন তিনি। তবে আদালত তার দাবি খারিজ করে দিয়েছে। চন্দর আগরওয়াল ভারতের তালিকাভুক্ত পরিবহন ও লজিস্টিকস প্রতিষ্ঠান টিসিআই এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক। আদালতের নথি অনুযায়ী, ২০১৯ সালে একটি ফ্লাইটে ফেলিশিয়া লির সঙ্গে তার পরিচয় হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং ২০২৩ সালের ডিসেম্বরে সেই সম্পর্কের অবসান ঘটে। সম্পর্ক চলাকালে লির জন্য বিভিন্ন খাতে অর্থ ব্যয় করেন আগরওয়াল। এর মধ্যে ছিল ক্রেডিট কার্ডের প্রায় ২ লাখ ৬ হাজার সিঙ্গাপুর ডলারের খরচ, বিদেশ ভ্রমণের জন্য প্রায় ১ লাখ ২৯ হাজার ডলার, জীবনবীমার প্রিমিয়াম, ফেংশুই বিশেষজ্ঞের সেবা এবং স্ট্যানফোর্ড-এনইউএসের একটি নির্বাহী শিক্ষাক্রমের প্রায় ৩০ হাজার ডলার ফি। যুক্তরাষ্ট্র ও হংকং ভ্রমণের প্রথম শ্রেণির বিমান টিকিট এবং কেনাকাটার খরচও তার দাবির মধ্যে ছিল। আগরওয়ালের দাবি ছিল, এসব অর্থ তিনি উপহার হিসেবে দেননি; বরং লি এগুলো সুদমুক্ত ঋণ হিসেবে নিয়েছিলেন এবং পরে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু লি সেই দাবি অস্বীকার করেন। আদালতও আগরওয়ালের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি যে লি এসব অর্থকে ঋণ হিসেবে নিয়েছিলেন বা ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন। মামলার সময় একটি হাতে লেখা চুক্তির কথাও সামনে আসে। তবে আদালত সেটিকেও আগরওয়ালের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ হিসেবে গ্রহণ করেনি। বিচারক উল্লেখ করেন, বিপুলসংখ্যক হোয়াটসঅ্যাপ বার্তা থাকা সত্ত্বেও সেগুলোর মধ্যে এমন স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, যেখানে লি ওই অর্থগুলোকে ঋণ হিসেবে স্বীকার করেছেন বা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বরং আদালতের পর্যবেক্ষণে দেখা যায়, সম্পর্কের শুরু থেকেই আগরওয়াল লির জন্য ব্যয়বহুল উপহার ও বিভিন্ন সুবিধা দিয়ে আসছিলেন। বিচারকের মতে, সম্পর্ক শেষ হওয়ার পর আগরওয়াল এসব খরচকে নতুনভাবে ঋণ হিসেবে দাবি করেন। আদালত শেষ পর্যন্ত তার সব দাবি খারিজ করে দেয় এবং তাকে সাবেক প্রেমিকার আইনি খরচও পরিশোধের নির্দেশ দেয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণায় এশিয়া মহাদেশের অভাবনীয় সাফল্যের চিত্র উঠে এসেছে সদ্য প্রকাশিত ইউএস নিউজের ২০২৬–২০২৭ সালের 'বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ' সাবজেক্ট র্যাঙ্কিংয়ে। এই তালিকায় বিশ্বের শীর্ষ দশটি এআই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম ধনী দেশ সিঙ্গাপুরের দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। বৈশ্বিক এই তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ)। অন্যদিকে, আগের চেয়ে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে কেবল সিঙ্গাপুরই শীর্ষ দশে অবস্থান করতে পেরেছে। এই অঞ্চলের অপর দেশ হিসেবে মালয়েশিয়ার চারটি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের ১৬৫ থেকে ২৪১তম স্থানের মধ্যে রয়েছে। তালিকায় চীন এককভাবে তাদের সুস্পষ্ট আধিপত্য বিস্তার করেছে। শীর্ষ দশে কোনো মার্কিন বা ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের নাম না থাকলেও, আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে তালিকায় দাপট দেখাচ্ছে মূল ভূখণ্ডের চীন। চীনের স্বনামধন্য সিংহুয়া বিশ্ববিদ্যালয় বৈশ্বিকভাবে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া তালিকায় নবম স্থানে রয়েছে দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং। ইউএস নিউজের এই র্যাঙ্কিং তৈরিতে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে কমপক্ষে ২০০টি এআই গবেষণাপত্র প্রকাশ করেছে এমন প্রতিষ্ঠানগুলোকে বিবেচনায় নিয়ে বিশ্বের ২,২৫০টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। এআই ছাড়াও এনটিইউ এবং এনইউএস কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স ও ফিজিক্সের মতো বিষয়গুলোতেও বৈশ্বিকভাবে শীর্ষ স্থানগুলোতে অবস্থান করছে। সার্বিক বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এনইউএস এশিয়ায় দ্বিতীয় ও বিশ্বে ১৬তম এবং এনটিইউ এশিয়ায় চতুর্থ ও বিশ্বে ২৭তম স্থান লাভ করেছে।
সিঙ্গাপুরের চায়নাটাউনের একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার (প্রায় ২ লাখ সিঙ্গাপুর ডলার) মূল্যের একটি হিরা চুরির পরিকল্পনা করেছিলেন দুই ভারতীয় নাগরিক। আসল হিরার পরিবর্তে একই আকার ও নম্বরের নকল হিরা রেখে পালানোর কৌশলও নিয়েছিলেন তারা। কিন্তু পুরো ঘটনাই ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। পরে দেশ ছাড়ার আগেই বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এ ঘটনায় ৪১ বছর বয়সী মাঙ্গরোলিয়া মনোজকুমার কুরজিভাইকে দুই বছর দুই মাস দুই সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত। তিনি চুরির অভিযোগ স্বীকার করার পর গত ১৭ জুলাই আদালত এ রায় দেন। একই মামলার অপর অভিযুক্ত ৩০ বছর বয়সী সেরাসিয়া মিলান রামনিকভাইয়ের বিরুদ্ধে মামলার শুনানি আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতে উপস্থাপিত নথি অনুযায়ী, দুই অভিযুক্ত ভিজিট পাসে সিঙ্গাপুরে প্রবেশ করেন। সেখানে যাওয়ার আগে ভারতের সুরাটে তারা আসল হিরার আকৃতি, ওজন ও সিরিয়াল নম্বরের সঙ্গে মিল রেখে একটি নকল হিরা তৈরি করান। উদ্দেশ্য ছিল দোকানের কর্মীদের চোখ ফাঁকি দিয়ে আসল হিরা বদলে নকলটি রেখে চলে যাওয়া। পরিকল্পনা অনুযায়ী, মনোজকুমার দোকানের বিক্রয় ব্যবস্থাপককে বিভিন্ন গয়না দেখানোর অনুরোধ করে ব্যস্ত রাখেন। সেই সুযোগে মিলান মুখে লুকিয়ে রাখা নকল হিরাটি বের করে প্রদর্শনের জন্য আনা ৪ দশমিক ৯৫ ক্যারেটের আসল হিরার সঙ্গে অদলবদল করেন। এরপর আসল হিরাটি মুখে লুকিয়ে ফেলেন। তবে তাদের পরিকল্পনা সফল হয়নি। দোকানের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। দুই ব্যক্তি দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্রয় ব্যবস্থাপক বিশেষ পরীক্ষার যন্ত্রে হিরাটি পরীক্ষা করে বুঝতে পারেন সেটি আসল নয়। ঘটনার পরপরই দুই অভিযুক্ত নির্ধারিত সময়ের আগেই হোটেল থেকে চেক-আউট করেন এবং সেদিন সন্ধ্যায় ভারতের উদ্দেশে বিমানের টিকিট বুক করেন। কিন্তু চাঙ্গি বিমানবন্দরের টার্মিনাল-৩-এ অভিবাসন কার্যক্রম শেষ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে মিলানের ব্যাগ তল্লাশি করে চুরি হওয়া আসল হিরাটি উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, অভিযুক্তরা শুধুমাত্র চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সিঙ্গাপুরে এসেছিলেন। অপরাধ সংঘটনের আগে থেকেই নকল হিরা তৈরি করা, আসল হিরা অদলবদলের কৌশল নির্ধারণ এবং দ্রুত দেশ ছাড়ার পরিকল্পনা তাদের পূর্বপরিকল্পিত অপরাধের প্রমাণ। অন্যদিকে, দণ্ডপ্রাপ্ত মনোজকুমার আদালতে দোভাষীর মাধ্যমে জানান, ভারতে তার দুই সন্তান রয়েছে। তিনি আদালতের কাছে কম শাস্তির আবেদন করেছিলেন। তবে অপরাধের ধরন, পরিকল্পনা ও আর্থিক ক্ষতির বিষয় বিবেচনায় আদালত কারাদণ্ডের রায় দেন। সূত্র: এনডিটিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই দলটির মহাসচিব সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন। দলীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি শিগগিরই দেশে ফিরবেন।