কানাডা

সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বদলে যাচ্ছে সাদা হাঙরের স্বাভাবিক বিচরণক্ষেত্র। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূলে বাড়ছে হাঙরের আনাগোনা: সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিতে বদলে যাচ্ছে জলজ প্রাণীর বিচরণক্ষেত্র

যুক্তরাষ্ট্র ও কানাডার আটলান্টিক উপকূলে বিশ্বের অন্যতম বৃহৎ সাদা হাঙরের চলাচল নতুন করে গবেষকদের নজর কেড়েছে। প্রায় ১৪ ফুট দীর্ঘ ও ১ হাজার ৬৫০ পাউন্ডের বেশি ওজনের এই পুরুষ সাদা হাঙরের নাম ‘কনটেন্ডার’। একই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলে হাঙর দেখা যাওয়ার ঘটনাও বেড়েছে। বিজ্ঞানীদের মতে, সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কয়েকটি হাঙর প্রজাতির স্বাভাবিক বিচরণক্ষেত্র বদলে যাচ্ছে।   গবেষণা প্রতিষ্ঠান ওশার্চ (Ocearch) জানায়, কনটেন্ডার আটলান্টিক মহাসাগরে এখন পর্যন্ত উপগ্রহ যন্ত্র বসানো সবচেয়ে বড় পুরুষ সাদা হাঙর। ২০২৫ সালের জানুয়ারিতে এর পৃষ্ঠপাখনায় স্যাটেলাইট ট্যাগ সংযুক্ত করা হয়। গবেষকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সী এই হাঙর প্রতি বছর মৌসুমি অভিবাসনের অংশ হিসেবে ফ্লোরিডা থেকে কানাডা পর্যন্ত যাতায়াত করে। চলতি বছরের ১১ জুলাই সর্বশেষ কানাডার নোভা স্কশিয়া উপকূলে এর অবস্থান শনাক্ত করা হয়েছে। এর আগে উত্তর ক্যারোলাইনা ও মেইনের কাছেও একাধিকবার এর অবস্থান ধরা পড়ে।   কনটেন্ডারের এই যাত্রাপথ এমন এক সময়ে সামনে এসেছে, যখন নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমুদ্রসৈকতে হাঙর দেখা যাওয়ার সংখ্যা বেড়েছে। শুধু জুলাই মাসেই নিউইয়র্ক সিটির রকঅ্যাওয়ে সৈকতের আশপাশে ১৬ বার হাঙর দেখা গেছে। এতে অনেক পর্যটক ও স্থানীয় বাসিন্দার মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন, হাঙর দেখা যাওয়ার সংখ্যা বাড়লেও মানুষের ওপর হামলার ঝুঁকি এখনও খুবই কম।   ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক শ্যানন ব্যারি বলেন, সমুদ্রের পানি উষ্ণ হওয়ার কারণে হাঙরের অনেক প্রজাতি ধীরে ধীরে উত্তর দিকে চলে যাচ্ছে। তার নেতৃত্বে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বুল হাঙরও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে আগের তুলনায় আরও উত্তরে ছড়িয়ে পড়ছে। এসব হাঙর নদীর মোহনা ও স্বল্প লবণাক্ত পানিতেও সহজে চলাচল করতে পারে। ফলে যেসব এলাকায় মানুষ সাঁতার কাটেন বা মাছ ধরেন, সেখানে মানুষ ও হাঙরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে।   তবে গবেষকদের মতে, এ পরিবর্তনকে আতঙ্কের চেয়ে জলবায়ু পরিবর্তনের একটি দৃশ্যমান প্রভাব হিসেবে দেখা উচিত। গত মাসে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা নতুন রেকর্ডে পৌঁছেছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশ সমুদ্র শোষণ করে নিচ্ছে। এর সঙ্গে চলমান এল নিনো পরিস্থিতিও সমুদ্রকে আরও উষ্ণ করে তুলছে।   বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ হাঙর ঠান্ডা পানি এড়িয়ে চলে। তাই সমুদ্র উষ্ণ হলে তারা নতুন এলাকায় চলে যেতে পারে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে বড় সাদা হাঙরের জন্যও সমস্যা তৈরি হতে পারে। সাম্প্রতিক গবেষণায় সতর্ক করা হয়েছে, অতিরিক্ত উষ্ণ পানিতে এ ধরনের হাঙরের শরীর অতিরিক্ত গরম হয়ে প্রাণঘাতী ঝুঁকিও তৈরি হতে পারে।   এ মাসেই ফ্লোরিডার একটি সৈকতে এক ব্যক্তি হাঙরের কামড়ে আহত হন। তবে বিজ্ঞানীরা বলছেন, বিচ্ছিন্ন এমন ঘটনা ঘটলেও বিশ্বজুড়ে হাঙরের আক্রমণ এখনও অত্যন্ত বিরল। গত বছর বিশ্বে উসকানিবিহীন হাঙরের কামড়ের ঘটনা ছিল মাত্র ৬৫টি, যার মধ্যে ২৫টি ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে প্রতি বছর মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে প্রায় ১০ কোটি হাঙর মারা যায়। মাছ ধরার জালে আটকা পড়ে কিংবা খাদ্য, খেলাধুলা ও হাঙরের পাখনার বাণিজ্যের জন্য বিপুলসংখ্যক হাঙর নিধন করা হয়। গবেষকদের মতে, সমুদ্রে হাঙরের উপস্থিতি সাধারণত একটি সুস্থ সামুদ্রিক বাস্তুতন্ত্রের লক্ষণ। কারণ খাদ্যশৃঙ্খল স্বাভাবিক থাকলেই শীর্ষ শিকারি হিসেবে হাঙরের সংখ্যা টিকে থাকে।   শার্ক রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিল হ্যামারশলাগ বলেন, সংরক্ষণ কার্যক্রম ও আধুনিক নজরদারি ব্যবস্থার কারণে এখন অনেক এলাকায় হাঙর সহজে শনাক্ত হচ্ছে। তবে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবেও তারা এমন সব অঞ্চলে যাচ্ছে, যেখানে আগে খুব কম দেখা যেত। উদাহরণ হিসেবে তিনি বলেন, কেপ কডের আরও উত্তরে এখন টাইগার হাঙর দেখা যাচ্ছে, যা আগে ছিল অত্যন্ত বিরল।   তিনি আরও বলেন, হাঙরের ভয়ে সমুদ্রে যাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। কারণ হাঙর সাধারণত মানুষকে এড়িয়ে চলতে চায়। তবে সমুদ্রে নামার সময় কিছু সতর্কতা মানা উচিত। যেমন চকচকে গয়না না পরা, সন্ধ্যার সময় বা মাছের অস্বাভাবিক চলাচল দেখা গেলে পানিতে না নামা। তার ভাষায়, মানুষ সমুদ্রের স্থায়ী বাসিন্দা নয়, বরং অতিথি। আর হাঙরের জন্য সমুদ্রই তাদের স্বাভাবিক আবাসস্থল।

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ৩১, ২০২৬ ১৪:০
কানাডার মিউজিক ফেস্টিভ্যাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ২৮ বছর বয়সী তরুণী
কানাডার মিউজিক ফেস্টিভ্যাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ২৮ বছর বয়সী নারী প্যারামেডিক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অনুষ্ঠিত বিখ্যাত ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল থেকে ২৮ বছর বয়সী এক নারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। কায়লা বোইসভার্ট নামের ওই তরুণী পেশায় একজন ইভেন্ট প্যারামেডিক বা চিকিৎসাকর্মী। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) দেওয়া তথ্যমতে, সোমবার রাত সোয়া ২টার দিকে সালমো শহরের শাম্ভালা মিউজিক ফেস্টিভ্যালে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে জোর তল্লাশি ও তদন্ত শুরু করেছে।   সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, অন্টারিওর ট্রেনটনের বাসিন্দা কায়লা কেবল এই উৎসবে যোগ দেওয়ার জন্যই ব্রিটিশ কলাম্বিয়ায় এসেছিলেন। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে, রবিবার বিকেলে 'থ্রেডস'-এ এক বন্ধুর সঙ্গে হাসিমুখে তোলা একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছিলেন, অবশেষে এই রত্নের (বন্ধুর) সঙ্গে আনন্দ করতে ব্রিটিশ কলাম্বিয়ায় এসে পৌঁছেছেন। উৎসবস্থলে তার সঙ্গে থাকা এক বন্ধু জানিয়েছেন, রাত ৩টার দিকে কায়লার সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে কায়লার ফোন বন্ধ বা সংযোগের বাইরে রয়েছে।   কায়লার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে তার ওই বন্ধু ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তিনি স্থানীয় সব হাসপাতালে খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও কায়লার কোনো নাম বা তথ্য নেই। নিখোঁজ হওয়ার সময় কায়লার পরনে একটি গ্রাফিক টি-শার্ট ও সাইকেডেলিক বা রঙিন প্যাটার্নের প্যান্ট ছিল এবং তার পিঠে একটি ব্যাকপ্যাক ছিল। জনসাধাণের সাহায্যে তাকে যেন দ্রুত খুঁজে পাওয়া যায়, সেজন্য ওই বন্ধু কায়লার সর্বশেষ পরিহিত পোশাকের ছবিও অনলাইনে শেয়ার করেছেন।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৯, ২০২৬ ১৪:০
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি
রোমান্টিক সময় কাটাচ্ছেন ট্রুডো-কেটি, আলোচনায় সানস্ক্রিন মাখানোর ছবি

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি দক্ষিণ ফ্রান্সে দারুণ রোমান্টিক সময় কাটাচ্ছেন। মঙ্গলবার বন্ধুদের একটি দলের সঙ্গে নৌবিহারে গিয়ে এই জুটিকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। পেজ সিক্সের হাতে আসা কিছু ছবিতে দেখা যায়, হালকা নীল রঙের একটি স্প্যাগেটি-স্ট্র্যাপ পোশাক পরিহিত কেটি পেরির বুকে পরম যত্নে সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছেন ট্রুডো। চোখে রোদচশমা এবং কানে বড় দুল পরা ‘ফায়ারওয়ার্ক’ খ্যাত এই গায়িকা তখন বেশ ফুরফুরে মেজাজে খালি পায়ে বিশ্রাম নিচ্ছিলেন। পরে দুজনকে নৌকায় দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তুলতেও দেখা যায়।   শনিবার সুইজারল্যান্ডে পারফর্ম করার মাধ্যমে নিজের ‘ইউরো সামার ফেস্টিভ্যাল’ ট্যুর শেষ করেছেন কেটি পেরি। মূলত দীর্ঘ এই কনসার্ট ট্যুরের ক্লান্তি দূর করতেই তিনি এই অবকাশ যাপনে বের হয়েছেন। গত মাসেই একটি সূত্র জানিয়েছিল যে, কাজের ফাঁকে প্রেমিক এবং সম্ভব হলে সন্তানদের নিয়ে ইয়টে করে সুন্দর কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করছেন এই পপ তারকা। নৌবিহার শেষে এই জুটিকে ডক ধরে হাঁটতেও দেখা যায়। সে সময় ৪১ বছর বয়সী পেরির চোখ ছিল মোবাইল ফোনে এবং ৫৪ বছর বয়সী ট্রুডোর কাঁধে ছিল একটি বড় টোট ব্যাগ। ক্যাজুয়াল এই আউটিংয়ে ট্রুডোর পরনে ছিল জলপাই রঙের লম্বা হাতার শার্ট, খাকি রঙের প্যান্ট এবং বাদামি স্যান্ডেল।   দীর্ঘ এক বছর ধরে প্রেম করছেন ট্রুডো ও পেরি এবং নিজেদের সম্পর্ক নিয়ে তাদের কোনো রাখঢাক নেই। গত মাসে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি রোমান্টিক পিকনিকের সময় তাদের আবেগঘন চুম্বনের ছবিও প্রকাশ্যে এসেছিল। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মন্ট্রিয়লে প্রথম ডেটের পর থেকেই তারা একে অপরের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। সূত্রটি আরও জানায়, দুজনেই তাদের আগের সিরিয়াস সম্পর্ক থেকে সদ্য বেরিয়ে এসেছিলেন এবং পেরি নিজেও ভাবেননি যে তিনি এত দ্রুত কারও প্রেমে পড়বেন।   কেটি পেরি তার প্রাক্তন বাগদত্ত অরল্যান্ডো ব্লুমের ৫ বছর বয়সী মেয়ে ডেইজির মা। অন্যদিকে, জাস্টিন ট্রুডো তার প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ারের ঘরের তিন সন্তান—জেভিয়ার (১৮), এলা-গ্রেস (১৭) এবং হ্যাড্রিয়েন (১২)-এর বাবা। আগের সম্পর্কের তিক্ততা ভুলে বর্তমানে তারা দুজন দারুণ সময় পার করছেন। পেরির মতে, জীবনসঙ্গীর মধ্যে তিনি যা যা খুঁজছিলেন, ট্রুডোর মধ্যে তার সবই আছে। কানাডার সাবেক এই প্রধানমন্ত্রীর দুর্দান্ত রসবোধ, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং পুরোদস্তুর ভদ্রোচিত আচরণের কারণেই পেরি তার প্রতি ভীষণ মুগ্ধ।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৯, ২০২৬ ১৪:০
কানাডায় শিক্ষার্থীদের কাজের অনুমতি নিয়ে ইমিগ্রেশন দপ্তরের নতুন নির্দেশনা
কানাডায় শিক্ষার্থীদের কাজের অনুমতি নিয়ে ইমিগ্রেশন দপ্তরের নতুন নির্দেশনা

পড়াশোনার পাশাপাশি কাজের পরিকল্পনা থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ একটি আইনি ব্যাখ্যা ও নির্দেশনা জারি করেছে কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)। সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় শিক্ষার্থীর ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি বাতিল হওয়ার পর উদ্ভূত বিভ্রান্তি দূর করতেই এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। কানাডায় উচ্চশিক্ষার জন্য আসা বিদেশি শিক্ষার্থীরা ঠিক কোন কোন শর্ত পূরণ করলে কাজ করার আইনি বৈধতা পাবেন, তা নতুন এই নির্দেশনায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।   নির্দেশনায় আইআরসিসি সুস্পষ্টভাবে জানিয়েছে যে, হাতে শুধু স্টাডি পারমিট থাকলেই কোনো শিক্ষার্থী শর্তহীনভাবে কাজ করার সুযোগ পাবেন না। ক্যাম্পাসের বাইরে কাজ করতে চাইলে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে অবশ্যই কানাডা সরকার অনুমোদিত কোনো 'ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন' (ডিএলআই)-এ পূর্ণকালীন (ফুল-টাইম) শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত থাকতে হবে।   এছাড়া তাদের এমন কোনো একাডেমিক, ভোকেশনাল বা প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামে যুক্ত থাকতে হবে, যার মেয়াদ কমপক্ষে ছয় মাস এবং পড়াশোনা শেষে যা একটি সুনির্দিষ্ট ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান করবে। নির্দেশনায় সবচেয়ে বেশি জোর দিয়ে বলা হয়েছে যে, ক্লাস বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু হওয়ার আগে কোনোভাবেই কোনো বিদেশি শিক্ষার্থী কানাডায় কোনো ধরনের কাজ শুরু করতে পারবেন না।   কানাডা সরকারের এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো স্টুডেন্ট ভিসা প্রোগ্রামের স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীরা যেন পড়াশোনার মূল উদ্দেশ্য থেকে সরে না যান, তা নিশ্চিত করা। ইমিগ্রেশন দপ্তর কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, উল্লেখিত নিয়মগুলোর সামান্যতম লঙ্ঘন হলেও শিক্ষার্থীর স্টাডি পারমিট তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে। একইসঙ্গে ভবিষ্যতে তাদের কানাডায় অবস্থান করা বা ইমিগ্রেশন আবেদনের ক্ষেত্রে বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়তে হবে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে কানাডা সরকার অভিবাসন নীতিতে যেসব কড়াকড়ি আরোপ করছে, এই নির্দেশনা তারই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৮, ২০২৬ ১৪:০
কানাডায় মার্কিন কনস্যুলেটে আবারও বন্দুক হামলা, তদন্তে টরন্টো পুলিশ
কানাডায় মার্কিন কনস্যুলেটে আবারও বন্দুক হামলা, তদন্তে টরন্টো পুলিশ

চলতি বছরে দ্বিতীয়বারের মতো কানাডার টরন্টোয় অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৫টার দিকে কনস্যুলেট ভবনের বাইরে পাহারারত এক নিরাপত্তা কর্মকর্তা গুলির শব্দ শুনতে পান। এরপরই লাইসেন্স প্লেটবিহীন একটি সাদা গাড়িকে দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং ভবনের বাইরের দেওয়ালে আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনার সময় কঠোর নিরাপত্তাবেষ্টিত এই ভবনের ভেতরে অন্তত দুজন কর্মী উপস্থিত থাকলেও পুরু দেওয়ালের কারণে তারা গুলির কোনো শব্দ শুনতে পাননি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।   টরন্টো পুলিশের উপপ্রধান ফ্র্যাঙ্ক বারেডো জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের ধরতে শহরজুড়ে পুলিশি সতর্কতা বাড়ানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ দ্রুতগতিতে পালিয়ে যাওয়া গাড়িটির পিছু নিলেও জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে পরে ধাওয়া বন্ধ করে দেয়। টরন্টোর মেয়র অলিভিয়া চাও এই হামলাকে 'দুঃসাহসী' আখ্যা দিয়ে অপরাধীদের দ্রুত খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে এই তদন্তকাজে টরন্টো পুলিশকে সহায়তা করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা।   এর আগে গত মার্চ মাসেও একই কনস্যুলেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল, যেটিকে পুলিশ ‘জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা’ হিসেবে উল্লেখ করেছিল। সেই ঘটনার তদন্তে অভিযান চালাতে গিয়ে গত জুনে পুলিশ কর্মকর্তা মার্ক পিনিজোট্টো নিহত হন। পরবর্তীতে ১৮ ও ১৯ বছর বয়সী কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের ধারণা, কনস্যুলেটে হামলার এই ঘটনাগুলো মূলত ভাড়াটে বন্দুকধারীদের একটি বৃহত্তর চক্রের কাজ। এদিকে, গত রবিবার টরন্টোয় ইহুদি মালিকানাধীন দুটি বেকারিতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত একটিতে গুলি চালানো হয়। সোমবার পুলিশ জানিয়েছে, আপাতত কনস্যুলেট ও বেকারিতে হামলার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি, তবে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।   সাম্প্রতিক এসব সহিংসতা ও হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এই ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত মে মাসে উত্তর আমেরিকা ও ইউরোপে ইহুদি প্রতিষ্ঠান এবং টরন্টোর মার্কিন কনস্যুলেটসহ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি (৩২) নামের এক ইরাকি নাগরিককে গ্রেপ্তার করেছিল মার্কিন কর্মকর্তারা। তবে সর্বশেষ এই কনস্যুলেট হামলার সঙ্গে তার বা তার চক্রের কোনো সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৮, ২০২৬ ১৪:০
কানাডা ভ্রমণ শেষে মিশিগানে ফেরার পথে ভুল পরিচয়ের জেরে মার্কিন সীমান্তে হেনস্তার শিকার হয়েছেন এক এইচ-১বি ভিসা ধারী। ছবি: সিবিপি ফটোগ্রাফি
নামের ভুলে মার্কিন সীমান্তে আটক এইচ-১বি ভিসাধারী, আধাঘণ্টা পর মিলল মুক্তি

কানাডা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় ভুল পরিচয়ের কারণে এক এইচ-১বি ভিসাধারী ভ্রমণকারীকে আটক করে হাতকড়া পরায় যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থা। পরে আঙুলের ছাপ ও পরিচয় যাচাই শেষে এটি নামের বিভ্রান্তি ছিল বলে নিশ্চিত হয়ে প্রায় ৩০ মিনিট পর তাকে ছেড়ে দেওয়া হয়।   প্রকাশিত তথ্য অনুযায়ী, ঘটনাটি সপ্তাহান্তে ডেট্রয়েট-উইন্ডসর সীমান্তে ঘটে। ভ্রমণকারী প্রথমবারের মতো সড়কপথে কানাডা সফর করে মিশিগানে ফিরছিলেন। তার এইচ-১বি ভিসার মেয়াদ শেষ হতে তখনও এক মাসের বেশি সময় বাকি ছিল।   সীমান্তে নিয়মিত জিজ্ঞাসাবাদের পর এক কর্মকর্তা তাকে গাড়ি থেকে নামতে বলেন। বাইরে অপেক্ষমাণ দুই কর্মকর্তা তার হাতে হাতকড়া পরিয়ে একটি আটককক্ষে নিয়ে যান। সেখানে তার শরীর তল্লাশি করা হয়। পরে হাতকড়া খুলে অন্য কক্ষে নিয়ে আঙুলের ছাপ নেওয়া হয় এবং নাম, কানাডা সফরের উদ্দেশ্য ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়।   কিছুক্ষণ পর কর্মকর্তারা বুঝতে পারেন, তারা যাকে খুঁজছিলেন এই ভ্রমণকারী তিনি নন। পরিচয় যাচাইয়ে দেখা যায়, একই বা কাছাকাছি নামের আরেক ব্যক্তির সঙ্গে বিভ্রান্তির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর তাকে আরও কিছু সাধারণ প্রশ্ন করা হয় এবং কম্পিউটারে তথ্য যাচাই শেষে প্রায় ৩০ মিনিট পর জানিয়ে দেওয়া হয় যে এটি কেবল পরিচয়গত বিভ্রান্তি ছিল। এরপর তাকে যেতে দেওয়া হয়।   ঘটনার পর ওই ভ্রমণকারী নিজের অভিজ্ঞতা অনলাইনে প্রকাশ করে জানতে চান, ভবিষ্যতেও এমন সমস্যার মুখোমুখি হতে পারেন কি না। তার পোস্টের জবাবে অনেকেই জানান, মিশিগান সীমান্তে একই ধরনের পরিচয় বিভ্রান্তির কারণে তারা অতীতে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ বা আটকের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ধরনের পুনরাবৃত্ত পরিচয়জনিত বিভ্রান্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে সহায়তার আবেদন করা যায়। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে অন্টারিওর এক সংগীতশিল্পী একই নামের এক অপরাধীর সঙ্গে বিভ্রান্তির কারণে ডেট্রয়েট সীমান্তে আটক হয়েছিলেন। কয়েক ঘণ্টা পর তার পরিচয় নিশ্চিত হলে তাকেও ছেড়ে দেওয়া হয়। সাম্প্রতিক ঘটনাটি নিয়ে প্রকাশের সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তাবাস্সুম জুলাই ২৭, ২০২৬ ১৪:০
বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে অ্যাসাইলাম চাইলেন ১০ বাংলাদেশি
বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে অ্যাসাইলাম চাইলেন ১০ বাংলাদেশি

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ভিজিট ভিসায় কানাডায় গিয়ে ১৭৫ জন দর্শনার্থী রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন করেছেন। তাদের মধ্যে রয়েছেন ১০ জন বাংলাদেশি। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেশটির একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।   আইআরসিসির তথ্য অনুযায়ী, ২০ জুলাই ২০২৬ পর্যন্ত ফিফা বিশ্বকাপ-সংশ্লিষ্ট অস্থায়ী বসবাসের আবেদন অনুমোদন পেয়েছিলেন ২৬ হাজার ১১১ জন। এর মধ্যে ১৭৫ জন পরবর্তীতে শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেন। আবেদনকারীরা নিজেদের অস্থায়ী বসবাসের আবেদনে ফিফা বিশ্বকাপের দর্শনার্থী হিসেবে পরিচয় দিয়েছেন।   তথ্যে দেখা গেছে, আশ্রয়প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৫ জন ঘানার নাগরিক। এছাড়া মিশর ও কলম্বিয়া থেকে ১৫ জন করে, সেনেগাল থেকে ১০ জন এবং ইকুয়েডর থেকে ৫ জন আবেদন করেছেন।   বিশেষভাবে আলোচনায় এসেছে এমন কয়েকটি দেশের নাগরিকদের আবেদন, যাদের জাতীয় দল বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জনই করতে পারেনি। এসব দেশের মধ্যে রয়েছে কেনিয়া, চীন, বাংলাদেশ, নাইজেরিয়া, বুরুন্ডি, নেপাল ও পাকিস্তান। এর মধ্যে কেনিয়া থেকে ১৫ জন, চীন, বাংলাদেশ ও নাইজেরিয়া থেকে ১০ জন করে এবং বুরুন্ডি, নেপাল ও পাকিস্তান থেকে ৫ জন করে আশ্রয়ের আবেদন করেছেন।   জুন ও জুলাই মাসে টরন্টো ও ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট উপলক্ষে বিদেশি দর্শনার্থীদের জন্য ২৬ হাজারের বেশি ভিসা ইস্যু করেছিল কানাডা।   তবে আশ্রয়প্রার্থীদের মধ্যে কতজন ফুটবলার, কোচ, কর্মকর্তা বা দলের সহায়তাকারী সদস্য ছিলেন, সে তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে আইআরসিসি।   কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দর্শনার্থী এখনও বৈধ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আশ্রয়ের আবেদন করেননি, তাদের মধ্যে কেউ পরে আবেদন করলে মোট সংখ্যা আরও বাড়তে পারে।   বিশ্বকাপ শুরুর আগেই কানাডা সরকার সতর্ক করেছিল, টুর্নামেন্ট শেষে দর্শনার্থীরা যাতে নিজ নিজ দেশে ফিরে যান, তা নিশ্চিত করতে ভিসা আবেদন কঠোরভাবে যাচাই করা হবে। একই সঙ্গে জানানো হয়েছিল, কোনো আবেদনকারীর ক্ষেত্রে যদি কর্মকর্তারা মনে করেন তিনি ভ্রমণের আড়ালে কানাডায় থেকে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে তার ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে অথবা দেশটিতে প্রবেশের অনুমতি নাও দেওয়া হতে পারে।

নীলুফা নিশাত জুলাই ২৭, ২০২৬ ১৪:০
গত চার মাসের মধ্যে এই কূটনৈতিক মিশনে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটায় তদন্তে নেমেছে টরন্টো পুলিশ। ছবি: সংগৃহীত
টরন্টোর মার্কিন কনস্যুলেটের বাইরে গুলি বর্ষণ, তদন্তে কানাডীয় পুলিশ

কানাডার টরন্টোতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরে ভোরে গুলি বর্ষণের একটি ঘটনা ঘটেছে। গত চার মাসের মধ্যে কূটনৈতিক এই মিশনে এ ধরনের হামলার দ্বিতীয় ঘটনা এটি হওয়ায় বিষয়টি নিয়ে গভীর তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ।   টরন্টো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে কনস্যুলেটের কাছাকাছি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিকট শব্দ শুনতে পান দায়িত্বরত কর্মকর্তারা। ঘটনার পরপরই একটি সাদা রঙের সেডান গাড়িকে দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যেতে দেখা যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো সন্দেহভাজন ব্যক্তির বিবরণও প্রকাশ করা হয়নি।   পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে এবং আলামত সংগ্রহের জন্য কনস্যুলেটের আশেপাশের পুরো এলাকাটি সাময়িকভাবে ঘিরে রেখেছে। এর আগে গত ১০ মার্চ একই কনস্যুলেট ভবন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরবর্তীতে ১৮ ও ১৯ বছর বয়সী দুই তরুণকে গ্রেপ্তার করে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।   প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করেছিল যে আগের সেই গুলির ঘটনাটি মূলত টাকার বিনিময়ে ভাড়া করা কোনো বন্দুকধারীর কাজ ছিল, যেখানে কম বয়সী তরুণদের সুনির্দিষ্ট ওই লক্ষ্যবস্তুতে হামলার জন্য ভাড়া করা হয়েছিল। সাম্প্রতিক এই নতুন ঘটনার পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তাবাস্সুম জুলাই ২৬, ২০২৬ ১৪:০
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে চালু হলো বহুল প্রতীক্ষিত গর্ডি হাও আন্তর্জাতিক সেতু
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে চালু হলো বহুল প্রতীক্ষিত গর্ডি হাও আন্তর্জাতিক সেতু

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক যোগাযোগ ও সীমান্ত পারাপারকে আরও সহজ করতে দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হলো গর্ডি হাও আন্তর্জাতিক সেতু। সোমবার (২৭ জুলাই) যান চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয় উত্তর আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলটি। নতুন এই সেতুটি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের সঙ্গে কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর শহরকে সরাসরি সংযুক্ত করেছে। বিশ্বের অন্যতম দীর্ঘ কেবল-স্টেইড এই আন্তর্জাতিক সেতুটি কানাডা সরকারের সম্পূর্ণ অর্থায়নে নির্মিত হয়েছে।   গর্ডি হাও ইন্টারন্যাশনাল ব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক এই সেতু উত্তর আমেরিকার অন্যতম ব্যস্ত সীমান্ত করিডরে পণ্য ও যাত্রী পরিবহনকে আগের চেয়ে অনেক বেশি দ্রুত, নিরাপদ এবং কার্যকর করে তুলবে। এতে অত্যাধুনিক কাস্টমস প্লাজা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং বাণিজ্যিক ট্রাক চলাচলের জন্য সম্পূর্ণ পৃথক অবকাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে ডেট্রয়েট-উইন্ডসর করিডরে দীর্ঘদিনের যানজট যেমন কমবে, তেমনি সীমান্ত পারাপারের সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা এই সেতুটিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারিত্বের এক নতুন মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন।   কর্মকর্তারা জানান, ডেট্রয়েট–উইন্ডসর করিডর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য পরিবহন হয়। নতুন এই সংযোগ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার পাশাপাশি পরিবহন ব্যয় কমাবে এবং দুই দেশের মধ্যকার শত শত বিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্যকে আরও গতিশীল করবে। বিশেষ করে মোটরগাড়ি, উৎপাদন ও কৃষিশিল্পের পণ্য পরিবহনে এই সেতু অভাবনীয় ভূমিকা রাখবে। কানাডার কিংবদন্তি আইস হকি তারকা গর্ডি হাওয়ের প্রতি সম্মান জানিয়ে নামকরণ করা এই সেতুটি কয়েক বছরের ব্যাপক নির্মাণযজ্ঞ শেষে অবশেষে উত্তর আমেরিকার বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করল।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৬, ২০২৬ ১৪:০
কানাডায় প্রেমিকের হাতে খু ন ২৩ বছরের ভারতীয় তরুণী
কানাডায় প্রেমিকের হাতে খু ন ২৩ বছরের ভারতীয় তরুণী, শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রেমিক

কানাডার এডমন্টনে নিজ বাড়িতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৩ বছর বয়সী এক ভারতীয় তরুণী। নিহত ওই তরুণীর নাম দমনপ্রীত কৌর, যিনি ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলার সামরালা এলাকার বাসিন্দা। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তরুণীর ২২ বছর বয়সী প্রেমিক রিতিশ কুমারকে ‘সেকেন্ড-ডিগ্রি মার্ডার’-এর অভিযোগে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ।   এডমন্টন পুলিশ সার্ভিসের (ইপিএস) দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই (২০২৬) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে সিলভারবেরি এলাকার একটি বাড়ি থেকে সন্দেহজনকভাবে আহত ও অচেতন অবস্থায় দমনপ্রীতকে উদ্ধার করা হয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে হেফাজতে নেয়। গত ১৪ জুলাই এডমন্টন মেডিকেল এক্সামিনার অফিসের ময়নাতদন্তের প্রতিবেদনে এই মৃত্যুকে সুস্পষ্ট ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়। তদন্তের স্বার্থে মৃত্যুর প্রকৃত কারণ প্রথমে গোপন রাখা হলেও, গত ২৩ জুলাই পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, শ্বাসরোধ করার কারণেই দমনপ্রীতের মৃত্যু হয়েছে।   পুলিশ জানিয়েছে, এটি একটি ‘ইন্টিমেট পার্টনার হোমিসাইড’ বা সঙ্গীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড এবং তারা আপাতত এই ঘটনায় অন্য কোনো সন্দেহভাজনকে খুঁজছে না। মর্মান্তিক এই ঘটনায় গত ২২ জুলাই প্রেমিক রিতিশ কুমারকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে তার বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে, নিহত তরুণীর মরদেহ নিজ দেশ ভারতে তার পরিবারের কাছে ফিরিয়ে নিতে একটি ‘গোফান্ডমি’ (GoFundMe) ক্যাম্পেইন শুরু করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। আন্তর্জাতিক পরিবহন, আইনি নথিপত্র এবং শেষকৃত্যের বিপুল খরচ মেটাতে সাধারণ মানুষের কাছে অনুদানের আবেদন জানানো হয়েছে সেখানে। ইতোমধ্যে ২০ হাজার ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ১৯ হাজার ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৫, ২০২৬ ১৪:০
করাচি বিমানবন্দরে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বহনের দায়ে কানাডীয় নাগরিক রাহিল ধন্নানির আট বছরের কারাদণ্ড। ছবি: সংগৃহীত
করাচি বিমানবন্দরে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বহন: কানাডীয় নাগরিকের ৮ বছরের কারাদণ্ড

পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমতি সীমার অতিরিক্ত মার্কিন ও কানাডিয়ান ডলার বহনের অপরাধে এক কানাডিয়ান নাগরিককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কাস্টমস, ট্যাক্সেশন অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং বিষয়ক বিশেষ আদালত এই রায় দেন।   দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রাহিল ধন্নানি। বিশেষ আদালতের বিচারক ড. শাবান ওয়াহিদ কাস্টমস আইনের বিভিন্ন ধারায় তাকে পাঁচ ও তিন বছর করে মোট আট বছরের কারাদণ্ড প্রদান করেন।   মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৪ জানুয়ারি রাহিল ধন্নানি তার পরিবারসহ ব্যাংকক হয়ে করাচি থেকে কানাডার ভ্যানকুভারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় কাস্টমস কর্মকর্তারা তাকে কোনো বৈদেশিক মুদ্রা সঙ্গে আছে কি না তা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।   তবে তার লাগেজ তল্লাশি করে ১ লাখ ১১ হাজার ৪০০ মার্কিন ডলার এবং ৩১ হাজার ৪২৫ কানাডিয়ান ডলার উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নাইমাতুল্লাহ সুমরো জানান, আইনগত সীমার অতিরিক্ত এই বৈদেশিক মুদ্রা অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।   অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, অভিযুক্তকে কোনো ডিক্লেলারেশন ফর্ম দেওয়া হয়নি এবং কাস্টমস তল্লাশির চূড়ান্ত ধাপ অতিক্রম করার আগেই তাকে আটক করা হয়েছিল। তবে আদালত ডিফেন্সের এই যুক্তি খারিজ করে দেন।   আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, অভিযুক্ত একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ভ্রমণকারী হওয়ায় কাস্টমস নিয়ম সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন। কাস্টমস কর্মকর্তার সরাসরি প্রশ্নের পরও মিথ্যা বলা এবং কোনো সন্তোষজনক বৈধ ব্যাখ্যা না দেওয়ায় এটি স্পষ্ট যে তিনি জেনেশুনে এবং সচেতনভাবে আইন লঙ্ঘন করে মুদ্রা পাচারের চেষ্টা করেছিলেন। সব তথ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত রাষ্ট্রপক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন।   সূত্র: ডন

তাবাস্সুম জুলাই ২৪, ২০২৬ ১৪:০
কানাডায় লিভ-ইন থাকা অবস্থায় সঙ্গী ঋতীশ কুমারের হাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলেন ভারতীয় শিক্ষার্থী দামানপ্রীত কৌর | ছবি: সংগৃহীত
লিভ-ইন থাকা অবস্থায় সঙ্গীর দ্বারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ভারতীয় শিক্ষার্থী

কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনে বসবাসরত ভারতের পাঞ্জাবের ২৩ বছর বয়সী শিক্ষার্থী দামানপ্রীত কৌরের মৃত্যুর ঘটনায় তার ২২ বছর বয়সী লিভ-ইন সঙ্গী ঋতীশ কুমারের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তকারীরা ঘটনাটিকে ‘ইনটিমেট পার্টনার হোমিসাইড’ বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে সংঘটিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছেন।    এডমন্টন পুলিশ সার্ভিস (ইপিএস) জানায়, গত ৯ জুলাই শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিলভারবেরি এলাকার একটি বাসা থেকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় দামানপ্রীত কৌরকে উদ্ধার করা হয়। জরুরি চিকিৎসা সেবা কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও ১২ জুলাই তিনি মারা যান। ১৪ জুলাই সম্পন্ন হওয়া ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ শ্বাসরোধ  বলে নিশ্চিত করা হয় এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়।   পুলিশের তথ্য অনুযায়ী, ২২ জুলাই ভারতীয় নাগরিক ঋতীশ কুমারকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির হত্যা মামলা দায়ের করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্য কোনো সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে না। অভিযোগটি আদালতে এখনও প্রমাণিত হয়নি।    ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দামানপ্রীত কৌর পাঞ্জাবের লুধিয়ানা জেলার সামরালা এলাকার বাসিন্দা ছিলেন এবং শিক্ষার্থী ভিসায় কানাডায় পড়াশোনা করতে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানান, তার মরদেহ ভারতে ফিরিয়ে আনতে অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।    কানাডায় ‘ইনটিমেট পার্টনার হোমিসাইড’ বলতে বর্তমান বা সাবেক স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা কিংবা একসঙ্গে বসবাসকারী সঙ্গীর হাতে সংঘটিত হত্যাকাণ্ডকে বোঝানো হয়। এ ধরনের মামলায় তদন্তের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি বিচারিক প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হয়।

তাবাস্সুম জুলাই ২৪, ২০২৬ ১৪:০
দ্বিতীয় পাসপোর্ট পাওয়ার পর শিশুদের নিয়ে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে সীমান্তেই আটকে দেওয়া হলো এক পরিবারকে | ছবি: সংগৃহীত
দ্বিতীয় পাসপোর্ট পাওয়ার পর ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হলো না কানাডীয় পরিবারকে

শিশুদের নিয়ে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এক কানাডীয় পরিবারকে সীমান্তে প্রায় ১২ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের ছবি ও আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি তাদের মুঠোফোন তল্লাশি করা হয় এবং একজনের ফোন রেখে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। ঘটনার তিন সপ্তাহ পরও ফোনটি ফেরত পাওয়া যায়নি বলে পরিবারের এক বন্ধুর ভাষ্য।   ঘটনাটি সামনে আসে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে। পরে পোস্টটি মুছে ফেলা হয়। ভ্রমণকারীদের এক বন্ধু ওই পোস্টে ঘটনার বিবরণ দিয়ে সীমান্তে কী ঘটেছিল এবং ভবিষ্যতে তারা আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না, সে বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। পরে ভ্রমণবিষয়ক সংবাদমাধ্যম দ্য ট্রাভেল ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।   প্রকাশিত বিবরণ অনুযায়ী, পরিবারটির সদস্যরা কানাডার নাগরিক। তবে সীমান্তে নথিপত্র পরীক্ষা করার সময় তাদের কাছে তিউনিসিয়ার পাসপোর্টও পাওয়া যায়। এরপর তাদের আরও বিস্তারিত যাচাইয়ের জন্য সেকেন্ডারি ইন্সপেকশনে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।   তবে তিউনিসিয়ার দ্বিতীয় পাসপোর্ট থাকার কারণেই তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, এমন কোনো তথ্য মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি নিশ্চিত করেনি। পরিবারটির প্রবেশ প্রত্যাখ্যানের নির্দিষ্ট কারণও প্রকাশ্যে জানা যায়নি।   পরিবারটির বন্ধুর দাবি, সেকেন্ডারি ইন্সপেকশনের সময় তাদের ছবি ও আঙুলের ছাপ নেওয়া হয় এবং মুঠোফোন পরীক্ষা করেন কর্মকর্তারা। একপর্যায়ে একজনের ফোন নিজেদের কাছে রেখে দেন সিবিপি কর্মকর্তারা।   পোস্টে আরও দাবি করা হয়, শুরুতে কয়েকজন কর্মকর্তা তাদের আশ্বস্ত করেছিলেন যে প্রক্রিয়াটি শেষ হতে বেশি সময় লাগবে না। কিন্তু অপেক্ষা দীর্ঘ হতে হতে প্রায় ১২ ঘণ্টায় গড়ায়। শেষ পর্যন্ত পরিবারটিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে কানাডায় ফেরত পাঠানো হয়।   পরিবারটির একজনের মুঠোফোন ঘটনার তিন সপ্তাহ পরও ফেরত পাওয়া যায়নি বলে দাবি করেছেন পোস্টদাতা। ফোনটির বিষয়ে জানতে সীমান্ত কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি বলেও তিনি জানান।   এই নির্দিষ্ট ঘটনার বিস্তারিত বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সিবিপির পক্ষ থেকেও পরিবারটির পরিচয়, ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, প্রবেশ প্রত্যাখ্যানের কারণ কিংবা ফোনটি দীর্ঘ সময় ধরে রাখার বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি পাওয়া যায়নি। ফলে এসব তথ্য সংশ্লিষ্ট পক্ষের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।   তবে যুক্তরাষ্ট্রের সীমান্তে বিদেশি ভ্রমণকারীদের সেকেন্ডারি ইন্সপেকশনে নেওয়া অস্বাভাবিক নয়। সিবিপির সরকারি তথ্য অনুযায়ী, প্রাথমিক যাচাইয়ের সময় নথিপত্র বা দেওয়া তথ্যে কোনো বিষয় আরও যাচাইয়ের প্রয়োজন হলে, অভিবাসনসংক্রান্ত প্রশ্ন দেখা দিলে অথবা কর্মকর্তারা অতিরিক্ত পরীক্ষা প্রয়োজন মনে করলে একজন যাত্রীকে সেকেন্ডারি ইন্সপেকশনে পাঠাতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে যাত্রীকে দৈবচয়নের ভিত্তিতেও অতিরিক্ত যাচাইয়ের জন্য নেওয়া হয়।   সিবিপির তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রের প্রবেশপথগুলোতে ৪২ কোটির বেশি আন্তর্জাতিক যাত্রী প্রক্রিয়াকরণ করা হয়। তাদের মধ্যে প্রায় এক কোটি ২৬ লাখ ৬১ হাজার যাত্রীকে সেকেন্ডারি ইন্সপেকশনে পাঠানো হয়েছিল, যা মোট যাত্রীর প্রায় ৩ শতাংশ।   সীমান্তে মুঠোফোন তল্লাশির বিষয়েও সিবিপির নির্দিষ্ট নীতিমালা রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশটি থেকে বের হওয়ার সময় কর্মকর্তারা প্রয়োজনে যাত্রীর মুঠোফোন, কম্পিউটার, ক্যামেরাসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করতে পারেন। সিবিপির হিসাবে, ২০২৪ অর্থবছরে ৪৭ হাজার ৪৭ জন আন্তর্জাতিক যাত্রীর ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করা হয়েছিল, যা মোট যাত্রীর শূন্য দশমিক শূন্য এক শতাংশেরও কম।   সিবিপির নীতিমালা অনুযায়ী, সীমান্ত তল্লাশি চালিয়ে যাওয়ার প্রয়োজনে কোনো ইলেকট্রনিক ডিভাইস সাময়িকভাবে নিজেদের কাছে রাখতে পারেন কর্মকর্তারা। পাঁচ দিনের বেশি ডিভাইস রাখতে হলে উচ্চপর্যায়ের অনুমোদনের প্রক্রিয়া রয়েছে এবং ১৫ দিনের বেশি রাখার ক্ষেত্রেও আরও ঊর্ধ্বতন পর্যায়ের অনুমোদন প্রয়োজন।   তাই আলোচিত ঘটনায় ফোনটি সত্যিই তিন সপ্তাহ ধরে সিবিপির কাছে থেকে থাকলে সেটি সাধারণ প্রাথমিক সময়সীমার চেয়ে দীর্ঘ। তবে কেন ফোনটি রাখা হয়েছে বা এর জন্য প্রয়োজনীয় ঊর্ধ্বতন অনুমোদন নেওয়া হয়েছে কি না, সে তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি।   কানাডার নাগরিকদের সাধারণ পর্যটন বা স্বল্পমেয়াদি সফরের জন্য অধিকাংশ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা প্রয়োজন হয় না। কিন্তু কানাডার নাগরিকত্ব বা পাসপোর্ট যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। যুক্তরাষ্ট্রের প্রবেশপথে একজন বিদেশি নাগরিককে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সিবিপি কর্মকর্তাদের রয়েছে।   এ কারণে পরিবারটির দ্বিতীয় পাসপোর্ট পাওয়ার পর অতিরিক্ত যাচাই শুরু হওয়ার দাবি সংবাদটির গুরুত্বপূর্ণ অংশ হলেও, সেই পাসপোর্টকেই তাদের প্রবেশ প্রত্যাখ্যানের নিশ্চিত কারণ হিসেবে দেখানোর মতো সরকারি তথ্য এখন পর্যন্ত নেই।

তাবাস্সুম জুলাই ২৪, ২০২৬ ১৪:০
আমদানি পুনঃপরিদর্শন ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় ৪,৩০০ পাউন্ড চিকেন নুডলস স্যুপ প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত
স্যুপে স্বাদ না থাকায় কানাডা থেকে আসা ৪,৩০০ পাউন্ড চিকেন নুডলস স্যুপ ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় ৪ হাজার ৩০০ পাউন্ড ক্যানজাত চিকেন নুডলস স্যুপ বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফুড সেফটি অ্যান্ড ইনস্পেকশন সার্ভিস (FSIS)। কারণ, পণ্যগুলো বাধ্যতামূলক আমদানি পুনঃপরিদর্শন ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যা খাদ্য নিরাপত্তা বিধিমালার লঙ্ঘন।    এফএসআইএস জানিয়েছে, কানাডার কুইবেকভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান BCI Foods Inc. স্বেচ্ছায় এই রিকল কার্যক্রম শুরু করেছে। প্রত্যাহার করা পণ্যটি ১০ দশমিক ৫ আউন্সের “tasty KITCHEN Chicken Noodle Condensed Soup PRODUCT OF CANADA” নামে বিক্রি হচ্ছিল। এটি ৪ ফেব্রুয়ারি ২০২৬ সালে উৎপাদিত হয় এবং ক্যানে “Best By: 2028 FE 04”, লট কোড “5 9 2 26 035” ও কানাডার প্রতিষ্ঠান নম্বর “EST. 142” উল্লেখ রয়েছে।    সরকারি তথ্য অনুযায়ী, এই চালানটি ওকলাহোমার বিভিন্ন ফুড ব্যাংক ও খাদ্য বিতরণ কেন্দ্রে সরবরাহ করা হয়েছিল। প্রতিষ্ঠানটি নিজেই এফএসআইএসকে জানায় যে, পণ্যটি যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় প্রয়োজনীয় আমদানি পুনঃপরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়নি। এরপরই রিকলের সিদ্ধান্ত নেওয়া হয়।    এফএসআইএস বলেছে, এখন পর্যন্ত এই স্যুপ খেয়ে কেউ অসুস্থ হয়েছেন বা কোনো ধরনের স্বাস্থ্যগত ক্ষতির শিকার হয়েছেন—এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট পণ্য যাদের কাছে রয়েছে, তাদের এটি না খেয়ে ফেলে দেওয়া অথবা কেনা প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।    খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যাহার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তারা নিয়মিত নজরদারি চালাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব বিতরণকারী প্রতিষ্ঠানকে বাজার থেকে পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ২৪, ২০২৬ ১৪:০
কানাডার ভিজিটর ভিসা পেতে বিদেশিদের মানতে হবে ৬টি আবশ্যিক শর্ত
কানাডার ভিজিটর ভিসা পেতে বিদেশিদের মানতে হবে ৬টি আবশ্যিক শর্ত

কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ সম্প্রতি বিদেশি নাগরিকদের ভিজিটর বা দর্শনার্থী ভিসা পাওয়ার ক্ষেত্রে ৬টি আবশ্যিক শর্তের কথা স্পষ্টভাবে তুলে ধরেছে। টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নামে পরিচিত এই ভিসার মাধ্যমে মূলত পর্যটন, পরিবার বা বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং স্বল্পমেয়াদী বিভিন্ন কাজের জন্য দেশটিতে প্রবেশের সুযোগ পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা ও অপরাধমূলক রেকর্ডের পাশাপাশি আবেদনকারীর সঙ্গে তার নিজ দেশের সম্পর্ক কতটা দৃঢ় এবং নির্দিষ্ট সময়ে দেশে ফিরে যাওয়ার সদিচ্ছা আছে কি না—সেসব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে।   ভিসা পাওয়ার প্রথম শর্ত অনুযায়ী, ভিসা প্রক্রিয়ার শুরুতে প্রত্যেক আবেদনকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট থাকতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং প্রয়োজনে তা প্রমাণে স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করতে হতে পারে। তৃতীয় শর্তে বলা হয়েছে, কানাডার আইন অনুযায়ী অগ্রহণযোগ্য এমন কোনো অপরাধমূলক বা ইমিগ্রেশন-সংক্রান্ত রেকর্ড থাকলে আবেদনকারী ভিসার জন্য সরাসরি অযোগ্য বলে বিবেচিত হবেন। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্তটি হলো, নিজ দেশের সাথে আবেদনকারীর দৃঢ় সম্পর্ক থাকা। নিজ দেশে আবেদনকারীর চাকরি, স্থাবর সম্পত্তি বা পরিবারের মতো শক্তিশালী কারণগুলো প্রমাণ করে যে, তিনি শুধু নির্দিষ্ট সময়ের জন্যই কানাডা যাচ্ছেন।   চতুর্থ শর্তটির সাথেই ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে পঞ্চম শর্তটি। এখানে আবেদনকারীকে ইমিগ্রেশন অফিসারের কাছে সন্তোষজনকভাবে প্রমাণ করতে হবে যে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি কানাডা ত্যাগ করবেন। এটি আবেদনের অন্যতম সংবেদনশীল দিক, যা প্রতিটি কেস অনুযায়ী ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। সর্বশেষ ও ষষ্ঠ শর্তটি হলো আর্থিক সক্ষমতা। কানাডায় অবস্থানকালীন সম্পূর্ণ খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে থাকতে হবে। ভ্রমণের সময়কাল এবং তিনি কোথায় থাকবেন (হোটেলে নাকি পরিচিত কারও বাসায়), তার ওপর ভিত্তি করে এই অর্থের পরিমাণ পরিবর্তিত হতে পারে।   এই ছয়টি মূল শর্তের বাইরেও অনেক সময় কানাডায় বসবাসরত কোনো আয়োজকের কাছ থেকে আমন্ত্রণপত্র বা ইনভাইটেশন লেটার চাওয়া হতে পারে, যা ভিসা আবেদনকে আরও শক্তিশালী করে। তবে ভিজিটর ভিসার জন্য সুনির্দিষ্ট কোনো আয়ের সীমা বেঁধে দেওয়া হয়নি, তাই আর্থিক সক্ষমতার বিষয়টি ইমিগ্রেশন কর্মকর্তাদের নিজস্ব বিবেচনার ওপরই নির্ভর করে। এদিকে, আরেকটি পৃথক ঘোষণায় কানাডা তাদের 'প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রাম' (PGP)-এর আওতায় নতুন আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, দেশের ইমিগ্রেশন ব্যবস্থাকে টেকসই ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

ইসতিয়াক আহমেদ জুলাই ২৪, ২০২৬ ১৪:০
দাবানলে ক্ষতিগ্রস্ত অন্টারিওর হোয়াইটওয়াটার লেক ফার্স্ট নেশন সম্প্রদায়। বামে ডাগ ফোর্ড, ডানে ডোনাল্ড ট্রাম্প। ছবি: কোলাজ আমেরিকা বাংলা
কানাডায় দাবানলে পুড়লো ১৮ লাখ একর জমি, ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রেও পড়ায় ট্রাম্পের ক্ষোভ

কানাডার অন্টারিও অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল আরও বিস্তৃত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৩৫ হাজার হেক্টর বা ১৮ লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। বর্তমানে প্রদেশটিতে প্রায় ১৯০টি দাবানল সক্রিয় রয়েছে। আগুনের ঝুঁকিতে উত্তর-পশ্চিম অন্টারিও থেকে প্রায় ১ হাজার ৮০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।   দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পৌঁছেছে। উইসকনসিন, আইওয়া, মিসৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, ওহাইও এবং মিশিগানের কিছু এলাকায় বায়ুর মান কমে যাওয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।   এই পরিস্থিতিতে কানাডার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর প্রভাব ফেলছে এবং আগুন নিয়ন্ত্রণে কানাডাকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।   ট্রাম্পের এই মন্তব্যের জবাব দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। তিনি বলেন, কানাডা দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অতীতে বিভিন্ন দুর্যোগের সময় যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। তার ভাষ্য, সংকটের সময়ে একে অপরকে দোষারোপ না করে সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।   ডাগ ফোর্ড আরও জানান, দাবানল নিয়ন্ত্রণে অন্টারিওতে হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। আগুন মোকাবিলায় বিমান, তাপ শনাক্তকারী প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।   কানাডার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৫ হাজার ৩০০-এর বেশি অগ্নিনির্বাপক কর্মী দাবানল নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন। তবে শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং বাতাসের কারণে অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।    জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তর আমেরিকায় দাবানলের সংখ্যা ও তীব্রতা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। দীর্ঘ সময়ের খরা, অতিরিক্ত তাপমাত্রা এবং শুষ্ক বনাঞ্চল আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বায়জিদ হাসান জুলাই ২০, ২০২৬ ১৪:০
প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামে নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কানাডা সরকার। ছবি: সংগৃহীত
মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে আনার নতুন আবেদন বন্ধ করল কানাডা

কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য মা-বাবা এবং দাদা-দাদি বা নানা-নানিকে স্থায়ীভাবে নিয়ে যাওয়ার অন্যতম জনপ্রিয় কর্মসূচি প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রাম (পিজিপি)-এ বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ (আইআরসিসি) ঘোষণা দিয়েছে, এই কর্মসূচির আওতায় নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য গ্রহণ স্থগিত করা হয়েছে।   আইআরসিসি জানিয়েছে, অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর, টেকসই এবং অপেক্ষমাণ আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগটির ভাষ্য, পিজিপি কর্মসূচিতে আবেদনকারীর সংখ্যা দীর্ঘদিন ধরেই নির্ধারিত আসনের তুলনায় অনেক বেশি। ফলে জমে থাকা বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তি এবং অপেক্ষার সময় কমিয়ে আনতেই নতুন আবেদন আপাতত বন্ধ রাখা হচ্ছে।   তবে যেসব আবেদন ইতোমধ্যে জমা পড়েছে, সেগুলোর প্রক্রিয়াকরণ স্বাভাবিকভাবেই চলবে। আইআরসিসি জানিয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে পিজিপি কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৫ হাজার মানুষকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আবেদন বন্ধ হলেও পুরোনো আবেদনগুলোর মূল্যায়ন ও অনুমোদনের কাজ অব্যাহত থাকবে।   সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে এই কর্মসূচির আওতায় ৬০ হাজারেরও বেশি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অনেক ক্ষেত্রে আবেদন নিষ্পত্তি হতে প্রায় ৩৩ মাস পর্যন্ত সময় লাগছে। কুইবেকে এই অপেক্ষার সময় আরও বেশি, যা ৬৬ মাস পর্যন্ত পৌঁছাতে পারে। এই দীর্ঘসূত্রতা কমিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য।   তবে নতুন আবেদন বন্ধ হলেও পারিবারিক পুনর্মিলনের সুযোগ পুরোপুরি বন্ধ হচ্ছে না। আইআরসিসি বলেছে, মা-বাবা এবং দাদা-দাদি বা নানা-নানিরা সুপার ভিসা কর্মসূচির মাধ্যমে কানাডায় পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে পারবেন। এই ভিসার আওতায় একবার প্রবেশ করলে টানা পাঁচ বছর কানাডায় অবস্থান করা যায়। এছাড়া ১০ বছরের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশের সুযোগ রয়েছে।   সম্প্রতি সুপার ভিসা কর্মসূচিকেও আরও সহজলভ্য করতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আয় এবং স্বাস্থ্যবিমা-সংক্রান্ত কয়েকটি শর্ত শিথিল করায় এখন আগের তুলনায় বেশি পরিবার এই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে আশা করছে কানাডা সরকার। সরকারের মতে, স্থায়ী বসবাসের নতুন আবেদন আপাতত বন্ধ থাকলেও সুপার ভিসার মাধ্যমে পরিবারগুলোর পুনর্মিলন অব্যাহত থাকবে।   আইআরসিসি আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পিজিপি কর্মসূচির জন্য নতুন 'ইন্টারেস্ট টু স্পনসর' ফরম গ্রহণ করা হবে না এবং সম্ভাব্য স্পনসরদের নতুন করে আবেদন করার আমন্ত্রণও পাঠানো হবে না। ভবিষ্যতে কর্মসূচিটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত হলে তা সরকারি ওয়েবসাইট এবং আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ১৭, ২০২৬ ১৪:০
ভয়াবহ বায়ুদূষণ থেকে বাঁচতে সাধারণ কাপড়ের মাস্কের পরিবর্তে এন৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ছবি: সংগৃহীত
দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, যে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা

কানাডাজুড়ে চলমান দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলের বায়ুমান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে গ্রেট লেকস ও উত্তর-পূর্বাঞ্চলের বহু এলাকায় বায়ুদূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রয়োজনে বাইরে বের হলে সাধারণ কাপড়ের মাস্ক নয়, বরং এন৯৫, কেএন৯৫ বা কেএফ৯৪ ধরনের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।   মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার  এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, কয়েকটি এলাকায় বায়ুমানের অবনতি ‘হ্যাজার্ডাস’ বা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকতে, জানালা-দরজা বন্ধ রাখতে এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।   বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়ায় থাকা অতিক্ষুদ্র দূষিত কণা পিএম২.৫ সহজেই মানুষের ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। কিছু ক্ষেত্রে এসব কণা রক্তপ্রবাহেও পৌঁছে যায়, যা শ্বাসতন্ত্র ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।   ওয়েলনেস ইকুইটি অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. টাইলার ইভানস নিউজউইককে বলেন, দাবানলের ধোঁয়া থেকে সুরক্ষা পেতে শুধু মাস্ক পরলেই হবে না, সঠিক ধরনের মাস্ক ব্যবহার করতে হবে। তার ভাষায়, কাপড়ের বা সাধারণ সার্জিক্যাল মাস্ক এসব অতিক্ষুদ্র কণা প্রতিরোধে কার্যকর নয়। মুখের সঙ্গে ভালোভাবে লেগে থাকে এমন এন৯৫ বা কেএন৯৫ মাস্কই সবচেয়ে কার্যকর সুরক্ষা দিতে পারে।   তিনি আরও বলেন, যাদের বাইরে যাওয়া এড়ানোর সুযোগ নেই, যেমন বহিরাঙ্গনে কর্মরত শ্রমিক, গৃহহীন মানুষ বা যেসব পরিবারে পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ কিংবা বায়ু পরিশোধন ব্যবস্থা নেই, তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তাই এন৯৫ মাস্ক বিতরণের ক্ষেত্রে এসব মানুষকে অগ্রাধিকার দেওয়া উচিত।   স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দাবানলের ধোঁয়ার সংস্পর্শে এলে কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, হাঁপানি বেড়ে যাওয়া, মাথাব্যথা এবং চোখ জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং অ্যাজমা, সিওপিডি বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকি অনেক বেশি।   দীর্ঘ সময় ধরে বা বারবার দাবানলের ধোঁয়ার মধ্যে থাকলে হৃদ্‌রোগ, ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।   বিশেষজ্ঞদের মতে, এন৯৫ ও কেএন৯৫—দুই ধরনের মাস্কই সঠিকভাবে পরলে বাতাসে ভাসমান অন্তত ৯৫ শতাংশ অতিক্ষুদ্র কণা ছেঁকে ফেলতে সক্ষম। তবে এন৯৫ মাস্ক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (এনআইওএসএইচ) কর্তৃক অনুমোদিত হওয়ায় এটি তুলনামূলকভাবে কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তৈরি হয়। তা সত্ত্বেও মানসম্মত ও মুখের সঙ্গে ভালোভাবে ফিট করা কেএন৯৫ মাস্কও কার্যকর সুরক্ষা দিতে পারে।   বিশেষজ্ঞরা আরও জানান, কানাডার দাবানলের ধোঁয়া উচ্চ বায়ুমণ্ডলের বাতাসের প্রবাহে শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। এ কারণে আগুন থেকে অনেক দূরে থাকা শহরগুলোতেও ঘন ধোঁয়া, দৃষ্টিসীমা কমে যাওয়া এবং বায়ুদূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করতে হচ্ছে।   কানাডায় বর্তমানে শত শত দাবানল জ্বলছে। এর মধ্যে অনেকগুলো বজ্রপাতের কারণে সৃষ্টি হলেও, অসতর্ক ক্যাম্পফায়ার, ফেলে দেওয়া সিগারেট, যন্ত্রপাতি বা যানবাহন থেকে নির্গত স্ফুলিঙ্গের মতো মানবসৃষ্ট কারণেও আগুন লাগছে। গরম আবহাওয়া, কম আর্দ্রতা, প্রবল বাতাস এবং শুকনো বনাঞ্চল এসব আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করছে।

তাবাস্সুম জুলাই ১৬, ২০২৬ ১৪:০
কানাডার শহর।  ছবি:সংগৃহীত
স্থায়ী বসবাসের জন্য পরিবারের সদস্যদের স্পন্সর স্থগিত করল কানাডা

কানাডায় অভিবাসীদের বাবা-মা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চালু থাকা প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির সরকার। বুধবার এ সিদ্ধান্তের কথা জানায় কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ।   সরকারের এই সিদ্ধান্তে কানাডায় থাকা বহু অভিবাসী পরিবারের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা বাবা-মা বা দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য আপাতত নতুন করে আবেদন করার সুযোগ থাকছে না।   কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে নতুন অভিবাসী ও নাগরিকদের জন্য একটি কার্যকর এবং দীর্ঘমেয়াদি টেকসই অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামে আবেদনের সংখ্যা নির্ধারিত আসনের তুলনায় অনেক বেশি হওয়ায় নতুন আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়েছে।   তবে ইতোমধ্যে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়া চলবে। ২০২৫ থেকে ২০২৭ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর এই কর্মসূচির আওতায় ১৫ হাজার মানুষকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।   কর্তৃপক্ষের মতে, নতুন আবেদন বন্ধ রাখলে পুরোনো আবেদনগুলোর জট কমবে এবং সেগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। বর্তমানে এই কর্মসূচিতে আবেদনকারীদের সংখ্যা এত বেশি যে অনেক পরিবারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।   বিকল্প হিসেবে বাবা-মা ও দাদা-দাদিদের জন্য সুপার ভিসা চালু থাকছে। এই ভিসার মাধ্যমে তারা একবারে সর্বোচ্চ পাঁচ বছর কানাডায় থাকতে পারবেন। পাশাপাশি ১০ বছর মেয়াদে একাধিকবার কানাডায় প্রবেশের সুযোগও রয়েছে।   তবে স্থায়ী বসবাসের আবেদনের তুলনায় সুপার ভিসার নিয়ম আলাদা হওয়ায় পরিবারগুলোকে নতুন করে পরিকল্পনা করতে হবে। কানাডা সরকার জানিয়েছে, পরিবার পুনর্মিলন এখনো দেশটির অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে অভিবাসন ব্যবস্থার ওপর চাপ কমাতে প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ আপাতত বন্ধ রাখা হয়েছে।   এই কর্মসূচিতে আবেদনের চাপ কতটা বেড়েছে, তা বোঝা যায় অপেক্ষমাণ আবেদনের সংখ্যা থেকেই। বর্তমানে ৬০ হাজার ৫০০টিরও বেশি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে দুই বছরেরও বেশি সময় লাগছে।   এর আগে ২০২৪ সালে এই কর্মসূচির মাধ্যমে ২৭ হাজার ৩৩০ জন কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পান। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৮ হাজার ৩১৩ জন।   অন্যদিকে, সুপার ভিসার ক্ষেত্রেও আবেদন অনুমোদনের সংখ্যা কমেছে। ২০২৪ সালে ৫৩ হাজার ৬৯৫টি সুপার ভিসা আবেদন অনুমোদন করা হয়, যেখানে ২০২৩ সালে অনুমোদনের সংখ্যা ছিল ৭৩ হাজার ১১৩টি।   কানাডায় থাকা অভিবাসীদের জন্য বাবা-মা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে দেশটিতে নেওয়ার সুযোগ দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন আবেদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় এখন অনেক পরিবারকে পরবর্তী সরকারি ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

সিদ্দিকুর রহমান জুলাই ১৫, ২০২৬ ১৪:০
কানাডায় ভয়াবহ দাবানল ছবি : সংগৃহীত
মিনেসোটায় ছড়িয়ে পড়ছে দাবানল, জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ড মোতায়েন

কানাডা সীমান্তসংলগ্ন উত্তর মিনেসোটায় একাধিক দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় শান্তিকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর টিম ওয়ালজ। আগুন নিয়ন্ত্রণ, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং স্থানীয় জরুরি কর্মীদের সহায়তার জন্য মিনেসোটা ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।   মাত্র পাঁচ দিনের মধ্যে দাবানলে ৮০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুনগুলো এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।   গভর্নর ওয়ালজ বলেন, উত্তর মিনেসোটার দাবানল মোকাবিলায় তিনি শান্তিকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ন্যাশনাল গার্ডকে সহায়তার নির্দেশ দিয়েছেন। বাসিন্দা ও তাঁদের সম্পদ রক্ষায় দিনরাত কাজ করা দমকলকর্মী ও অন্যান্য জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।   ন্যাশনাল গার্ডের সদস্যরা অগ্নিনির্বাপণ কার্যক্রমে সরাসরি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও পরিবহন সুবিধা দিতে পারবেন। দুর্গম বনাঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়া, জরুরি সরবরাহ পৌঁছানো এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করাও তাঁদের দায়িত্বের মধ্যে থাকতে পারে।   যুক্তরাষ্ট্রের বন বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর মিনেসোটার সুপিরিয়র ন্যাশনাল ফরেস্টে অন্তত ১৬টি সক্রিয় দাবানল শনাক্ত হয়েছে। এই বনাঞ্চলের ভেতরে অবস্থিত জনপ্রিয় বাউন্ডারি ওয়াটার্স ক্যানো এরিয়া ওয়াইল্ডারনেসের কয়েকটি অংশে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।   নিরাপত্তাজনিত কারণে বিয়ার ট্র্যাপ, থাম্ব ও উলফপ্যাক নামের অগ্নিকাণ্ডপ্রবণ এলাকাগুলো বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এসব এলাকা সুপিরিয়র ন্যাশনাল ফরেস্টের লাক্রোয়া রেঞ্জার ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। আগুন সম্পূর্ণ নিভে না যাওয়া পর্যন্ত অথবা কর্তৃপক্ষ নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।   সপ্তাহান্তে বনরক্ষী ও উদ্ধারকর্মীরা বিভিন্ন পর্যটন এলাকা থেকে দর্শনার্থীদের বের করে আনেন। গ্রীষ্মকালে প্রায় দেড় লাখ মানুষ সুপিরিয়র ন্যাশনাল ফরেস্টে ঘুরতে যান। ফলে ব্যস্ত পর্যটন মৌসুমের মধ্যে দাবানল ছড়িয়ে পড়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।   বন বিভাগ জানিয়েছে, জরুরি সেবাকর্মীদের কাজে বাধা সৃষ্টি না করা এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম নিরাপদে পরিচালনার জন্য আক্রান্ত এলাকাগুলো বন্ধ রাখা হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বন্ধ ঘোষণা করা বনপথ, ক্যাম্পিং এলাকা এবং জলপথে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।   দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় পুরো সুপিরিয়র ন্যাশনাল ফরেস্টে ক্যাম্পফায়ারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কাঠ বা কয়লা ব্যবহার করে আগুন জ্বালানো, রান্না করা কিংবা গ্রিল চালানোর অনুমতি নেই। তবে নির্ধারিত নিরাপত্তা শর্ত মেনে গ্যাস বা প্রোপেনচালিত চুলা ব্যবহার করা যাবে।   মিনেসোটা ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস উত্তরাঞ্চলে চরম অগ্নিঝুঁকির কারণে ‘রেড ফ্ল্যাগ ওয়ার্নিং’ জারি করেছে। এ ধরনের সতর্কতার অর্থ হলো—তাপমাত্রা, বাতাস, কম আর্দ্রতা ও শুকনো গাছপালার কারণে ছোট একটি আগুনও দ্রুত বড় দাবানলে পরিণত হতে পারে।   ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সপ্তাহান্তের উচ্চ তাপমাত্রা আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়েছে। তীব্র গরমে মাটি, শুকনো ঘাস এবং গাছপালার আর্দ্রতা দ্রুত কমে যায়। এর সঙ্গে বাতাস যুক্ত হলে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।   কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির আশপাশ থেকে শুকনো পাতা, ডাল ও দাহ্য বস্তু সরিয়ে রাখতে বলেছে। গাড়ি শুকনো ঘাসের ওপর পার্ক না করা, সিগারেটের অবশিষ্টাংশ বাইরে না ফেলা এবং কোনো ধরনের খোলা আগুন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।   আগুনের কাছাকাছি এলাকার মানুষকে জরুরি ব্যাগ প্রস্তুত রাখতে বলা হয়েছে। এতে পরিচয়পত্র, প্রয়োজনীয় ওষুধ, পানি, খাবার, মোবাইল চার্জার, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে দেরি না করে এলাকা ছাড়তে বলা হয়েছে।   দাবানলের ধোঁয়া উত্তর মিনেসোটাসহ আশপাশের এলাকার বায়ুর মানেও প্রভাব ফেলতে পারে। শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী এবং হাঁপানি, ফুসফুস বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের ধোঁয়াযুক্ত পরিবেশে বাইরে কম সময় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের দরজা-জানালা বন্ধ রাখা এবং সম্ভব হলে বায়ু পরিশোধক ব্যবহারের কথাও বলা হয়েছে।   মিনেসোটা ও আশপাশের অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আবহাওয়া, বায়ুমানের সতর্কতা এবং সরিয়ে নেওয়ার নির্দেশ নিয়মিত অনুসরণ করা প্রয়োজন। বিশেষ করে বনাঞ্চল, লেক সুপিরিয়র ও বাউন্ডারি ওয়াটার্স এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রার আগে বন বিভাগের সর্বশেষ নিষেধাজ্ঞা যাচাই করতে বলা হয়েছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। বাতাসের গতি বা দিক বদলালে অল্প সময়ের মধ্যেই আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তাই বন্ধ এলাকা দেখতে যাওয়া, ছবি তুলতে অগ্নিকাণ্ডের কাছাকাছি যাওয়া অথবা ড্রোন ওড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। ড্রোনের কারণে অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত উড়োজাহাজ ও হেলিকপ্টারের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।   গভর্নর ওয়ালজের জরুরি ঘোষণার ফলে রাজ্য সরকার অতিরিক্ত জনবল, যন্ত্রপাতি ও আর্থিক সহায়তা দ্রুত ব্যবহার করতে পারবে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ রাখা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনরুদ্ধার কার্যক্রমেও এই জরুরি ব্যবস্থা কাজে লাগানো হবে।

সিদ্দিকুর রহমান জুলাই ১২, ২০২৬ ১৪:০
টরন্টোর আনন্দমুখর ‘সালসা’ উৎসবে গোলাগুলির পর সাধারণ মানুষের মধ্যে বিরাজমান চরম আতঙ্ক। ছবি: সংগৃহীত
দুই ব্যক্তির গুলিতে কানাডার উৎসবের আমেজ বদলে গেল আতঙ্কে, নিহত ২, আহত ৪

কানাডার টরন্টো শহরের একটি ব্যস্ত রাস্তার উৎসবের কাছে গুলির ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এটি কোনো একক হামলাকারীর আক্রমণ নয়; বরং দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন।   টরন্টো পুলিশের ডেপুটি চিফ ফ্র্যাঙ্ক বারেডো জানান, শনিবার রাত ৮টা ১২ মিনিটে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ ওয়েস্ট এবং আর্লিংটন অ্যাভিনিউ এলাকায় গুলির খবর পাওয়া যায়। ওই সময় সেখানে লাতিন আমেরিকান সংস্কৃতির বার্ষিক ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসব চলছিল।   পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে রাতের সংবাদ সম্মেলন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি। নিহত দুজনই পুরুষ বলে নিশ্চিত করেছে পুলিশ।   ঘটনার পরপরই এলাকায় সক্রিয় বন্দুকধারীর আশঙ্কায় সাধারণ মানুষকে সেখান থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি নিরাপদ।   ডেপুটি চিফ বারেডো বলেন, প্রাথমিকভাবে সক্রিয় হামলাকারীর আশঙ্কা তৈরি হলেও পরে তদন্তে জানা যায়, এটি দুই ব্যক্তির মধ্যে গুলির ঘটনা। তবে এ ধরনের ঘটনা উৎসবে থাকা অসংখ্য সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে।   প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দের পর উৎসবে থাকা মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেন। কাছের একটি রেস্টুরেন্টে থাকা ভ্যালেরি রদ্রিগেজ বলেন, মানুষ একে অপরকে মাটিতে শুয়ে পড়ার জন্য বলছিলেন, কারণ কেউ বুঝতে পারছিলেন না কী ঘটছে।   উৎসবের এক বিক্রেতা প্যাটসি গুতিয়েরেজ জানান, মুহূর্তের মধ্যে বিপুলসংখ্যক মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে চলে যেতে শুরু করেন। পরে আয়োজন বন্ধ করে দেওয়া হয়।   ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ টরন্টোর অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব, যেখানে প্রতিবছর হাজারো মানুষ লাইভ সংগীত, নাচ, খাবার ও লাতিন সংস্কৃতির বিভিন্ন আয়োজন উপভোগ করতে জড়ো হন।   ঘটনার পর টরন্টোর মেয়র অলিভিয়া চাও এমন জনসমাগমপূর্ণ স্থানে সহিংসতার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।   অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডও নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।   পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ইসতিয়াক আহমেদ জুলাই ১২, ২০২৬ ১৪:০
জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

Top week

২০২৬ সালের তালিকায় এগিয়ে যে ৫ স্টেট

যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ বাংলাদেশিদের জীবন সবচেয়ে স্বস্তির? ২০২৬ সালের তালিকায় এগিয়ে যে ৫ স্টেট

নীলুফা নিশাত আগস্ট ১, ২০২৬ ১৪:০