নিউজার্সি

ছবি: নিউইয়র্ক পোস্ট
নিউজার্সিতে নিজ বাড়িতে স্ত্রীকে গুলি করে হত্যার পর ফেডারেল এজেন্টের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নিজ বাড়িতে স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজেই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন এক মার্কিন ফেডারেল এজেন্ট। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নিউজার্সির সেয়ারভিল এলাকার একটি বাড়িতে। মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, শুক্রবার রাতে ৪৬ বছর বয়সী কেলি আইটাউরোকে তাদের বাড়ির ভেতরে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পাওয়া যায়।   অন্যদিকে, ৫২ বছর বয়সী স্বামী ক্রিস্টোফার আইটাউরোর মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির পেছনের উঠান থেকে। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।   স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই চাঞ্চল্যকর ঘটনাটিকে একটি 'মার্ডার-সুইসাইড' বা হত্যা ও আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে, যেখানে ক্রিস্টোফারকেই মূল সন্দেহভাজন শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ ও রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।   স্থানীয় সংবাদমাধ্যমের প্রাপ্ত রেকর্ড অনুযায়ী, ক্রিস্টোফার আইটাউরো মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন স্পেশাল বা বিশেষ এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে সেয়ারভিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকার সকল বাসিন্দাকে সাময়িকভাবে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়। সেসময় অন্তত ৪০ মিনিটের জন্য রাস্তাটির একাংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।   এদিকে, এই আকস্মিক ও নির্মম ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন নিহত কেলির ননদ, যেখানে তিনি কেলির শেষকৃত্যানুষ্ঠানের কথাও জানান। ফেসবুকে তিনি লেখেন, "শুক্রবার আমার সুন্দর মনের ভাবি কেলিকে আমাদের কাছ থেকে চরম অমানবিক ও আকস্মিকভাবে কেড়ে নেওয়া হয়েছে।" কেলিকে একজন অত্যন্ত দয়ালু, সহানুভূতিশীল ও অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, যারাই কেলির সান্নিধ্য পেয়েছেন, তাদের সবার মাঝেই তিনি এক চিরস্থায়ী ইতিবাচক ছাপ রেখে গেছেন।

ইসতিয়াক আহমেদ জুলাই ৮, ২০২৬ ১৪:০
আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা । ছবি: সংগৃহীত
চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় চার বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী

নিউজার্সির আটলান্টিক সিটিতে অবস্থিত আটলান্টিক সিটি হাই স্কুলের ২০২৬ সালের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের ব্যাচে চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত চার শিক্ষার্থী মেধা তালিকায় স্থান অর্জন করে কমিউনিটির জন্য গৌরব বয়ে এনেছেন।   মঙ্গলবার ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াকে আয়োজিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের উপস্থিতিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে। চার বছরের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পর শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে সাফল্যের আনন্দ।   অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।   স্কুলের মেধা তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের মধ্যে আরফিন আশিয়া দ্বিতীয়, সুমাইয়া তাসসুম চতুর্থ, সেন চৌধুরী সপ্তম এবং রাহাত রহমান নবম স্থান অর্জন করেন।   অনুষ্ঠানের সূচনা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে শিক্ষার্থীরা শোভাযাত্রাসহ নির্ধারিত আসনে বসেন এবং পর্যায়ক্রমে মঞ্চে উঠে ডিপ্লোমার প্রতীকী কপি গ্রহণ করেন।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি হাই স্কুলের প্রিন্সিপাল ড. কনস্ট্যান্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট ড. স্মল, স্কুল বোর্ডের সদস্যবৃন্দ এবং সিটি কাউন্সিলের প্রতিনিধিরা।   শিক্ষার্থীদের এই সাফল্যে শুধু অভিভাবকরাই নয়, পুরো বাংলাদেশি কমিউনিটিতেও আনন্দের আবহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বলেন, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করে যে অধ্যবসায়, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে বিশ্বের যেকোনো প্রান্তে সাফল্য অর্জন করা সম্ভব।   কমিউনিটির নেতারা মনে করেন, এই কৃতিত্ব শুধু সংশ্লিষ্ট পরিবারগুলোর নয়, বরং পুরো প্রবাসী বাংলাদেশি সমাজের গর্ব। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তারা উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে আরও বড় সাফল্য অর্জন করবে।

Unknown জুন ২৪, ২০২৬ ১৪:০
নিউজার্সির প্রাইমারি নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত চৌধুরী ও লাকী চৌধুরী | ছবি: সংগৃহীত
নিউজার্সির প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত ও লাকী চৌধুরীর জয়

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত চৌধুরী ও লাকী চৌধুরী। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তারা আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটি পারসন পদে জয়লাভ করেন।   এই বিজয়ের মাধ্যমে সুব্রত চৌধুরী টানা চতুর্থবারের মতো ডেমোক্র্যাটিক কমিটি পারসন হিসেবে নির্বাচিত হলেন। অন্যদিকে লাকী চৌধুরী একই পদে দ্বিতীয়বারের মতো জয় অর্জন করেছেন।   নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় এই দম্পতি তাদের প্রতি আস্থা রাখার জন্য আটলান্টিক কাউন্টির ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।   সুব্রত চৌধুরী বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা। ২০১২ সালে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন। বর্তমানে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।   পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি কমিউনিটি সাংবাদিকতা, সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এবং একজন ছড়াকার, কবি ও অনুবাদক হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য এবং প্রথম এশিয়ান-আমেরিকান হিসেবে আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক পরামর্শক পর্ষদে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডেরও সদস্য।   অন্যদিকে লাকী চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের বাসিন্দা। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর বর্তমানে তিনি আটলান্টিক সিটি গভর্নমেন্টের মার্কেন্টাইল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে কর্মরত রয়েছেন।   পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় মূলধারার রাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার অংশগ্রহণ তাকে স্থানীয় কমিউনিটিতে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।   বাংলাদেশি বংশোদ্ভূত এই দম্পতির পুনর্নির্বাচন নিউজার্সিতে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

তাবাস্সুম জুন ২৩, ২০২৬ ১৪:০
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সাবেক মাফিয়া কাউন্সিলম্যান

যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক কাউন্সিলম্যানকে চাঁদাবাজি এবং অন্যান্য গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জন অ্যালাইট (৬৩) নামের এই ব্যক্তি একসময় কুখ্যাত মাফিয়া চক্রের হয়ে কাজ করতেন এবং নিজের মুখে একাধিক খুনের কথা স্বীকারও করেছিলেন। শুক্রবার নিউজার্সির অ্যাটর্নি জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ইংলিশটাউনের কাউন্সিলম্যান অ্যালাইটের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, কর্পোরেট অসদাচরণসহ আরও বেশ কিছু আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।   কর্মকর্তাদের অভিযোগ, অ্যালাইট আইনি সর্বোচ্চ সীমার চেয়ে বেশি সুদে লোকজনকে ঋণ দিতেন। কেউ টাকা বা সম্পদ ফেরত দিতে ব্যর্থ হলে তাদের ওপর পাশবিক সহিংসতার হুমকি দেওয়া হতো। প্রসিকিউটররা জানিয়েছেন, এই অবৈধ চাঁদাবাজির স্কিম বা পরিকল্পনা বাস্তবায়ন করতে অ্যালাইট তাঁর 'স্ট্রেইটেন্ড-আউট এন্টারটেইনমেন্ট ইনকর্পোরেটেড' নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকেও ব্যবহার করেছিলেন।   নিউজার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট এই গ্রেপ্তারের বিষয়ে বলেন, অপরাধ বিচার বিভাগ এবং নিউজার্সি স্টেট পুলিশের কঠোর তদন্ত ও আন্তরিক সহযোগিতার ফলেই এই গ্রেপ্তার সম্ভব হয়েছে। তিনি আরও যোগ করেন, যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে এবং চুরি করে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।   নিউইয়র্কের কুইন্স থেকে উঠে আসা আলবেনিয়ান-আমেরিকান বংশোদ্ভূত অ্যালাইট দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধ অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন। কুখ্যাত 'গোট্টি' এবং 'গাম্বিনো' ক্রাইম ফ্যামিলির শীর্ষ এনফোর্সার হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৫ সালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাফিয়া জীবন ছাড়ার বিষয়ে কথা বলেছিলেন অ্যালাইট। সেখানে তিনি ১৫টি খুন, ৩০-৪০ জনকে গুলি করা এবং শতাধিক মানুষকে পাইপ ও বেসবল ব্যাট দিয়ে পেটানোর রোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছিলেন।   একটি সংঘবদ্ধ খুনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছিলেন, কথাবার্তা চলার মাঝেই তিনি ওই ব্যক্তির মাথায় দুই-তিনটি গুলি করেন এবং তারপর তার ওপর থুথু ফেলেন। এটি তার কাছে বেসবল খেলা দেখতে যাওয়ার মতোই সাধারণ বিষয় ছিল এবং খুন করার পর তিনি বাইরে গিয়ে ডাবল চিজবার্গার, ফ্রেঞ্চ ফ্রাই ও কোক খেয়েছিলেন।   যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের কারাগারে ১৪ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর মুক্তি পেয়ে অ্যালাইট মাফিয়া চক্রের সঙ্গে তাঁর অতীতের সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এরপর তিনি 'ক্যাচ মি অন দ্য রান' নামে একটি জনপ্রিয় পডকাস্টও চালু করেন, যেখানে তিনি মাফিয়া জীবনের নানান অজানা গল্প এবং পুলিশের হাত থেকে পালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করতেন।   এছাড়াও একাধিক বই ও তথ্যচিত্রে তাঁর জীবনের গল্প উঠে এসেছে। ২০২৫ সালের মে মাসে ইংলিশটাউনের মেয়র ড্যানিয়েল ফ্রান্সিসকো তাঁকে কাউন্সিলম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সে সময় অ্যালাইট গণমাধ্যমকে জানিয়েছিলেন, ফেন্টানাইলের ওভারডোজে মেয়ের মৃত্যুর পর তিনি সমাজের জন্য ভালো কিছু করতে চান। তিনি আরও বলেছিলেন, তিনি তো আর এখন অপরাধী নন, বরং সবকিছু সঠিক পথে পরিচালনার এক মিশনে নেমেছেন। তবে সাম্প্রতিক এই গ্রেপ্তারের ঘটনায় তাঁর সেই দাবির সত্যতা নিয়ে ফের বড় ধরনের প্রশ্ন উঠল।

ইসতিয়াক আহমেদ জুন ২০, ২০২৬ ১৪:০
বিজনেস অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ পুরস্কার গ্রহণ করছেন আফসানা আনজুম । ছবি: সংগৃহীত
নিউজার্সিতে ‘বিজনেস অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ পুরস্কারে পেলেন বাংলাদেশি উদ্যোক্তা আফসানা আনজুম

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে আবাসন নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিজনেস অ্যান্ড কমিউনিটি পার্টনারশিপ’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা আফসানা আনজুম। শনিবার রাতে ইটন টাউনের শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে কমিউনিটি অ্যাফেয়ার্স অ্যান্ড রিসোর্স সেন্টারের ১৪তম গালা অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।   আফসানা আনজুম নিউজার্সিভিত্তিক নির্মাণ ও পরিবেশগত পুনর্বাসন প্রতিষ্ঠান ‘তাহশিন কনস্ট্রাকশন’-এর মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি দুই হাজারের বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে।   বিশেষ করে শিশুদের নিরাপত্তার জন্য ঘরবাড়ি থেকে সিসা ও অ্যাসবেস্টস অপসারণ কার্যক্রমে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সুনাম অর্জন করেছে।   অনুষ্ঠানে জানানো হয়, তাহশিন কনস্ট্রাকশন বর্তমানে নিউজার্সির ১৫টি অনুমোদিত সংস্থার জন্য সিসা দূষণ অপসারণ ও পুনর্বাসনের কাজ করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অঙ্গরাজ্য অনুমোদিত অ্যাসবেস্টস অপসারণকারী ঠিকাদার এবং ‘লেড ইন্সপেক্টর’ হিসেবেও স্বীকৃত।   আটলান্টিক কাউন্টিতে বাংলাদেশি কমিউনিটির পরিবারগুলোর নিরাপদ আবাসন নিশ্চিত করতে আফসানা আনজুম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। হারিকেন স্যান্ডির পর ক্ষতিগ্রস্ত বাড়িঘরের উন্নয়ন ও বন্যা ঝুঁকি মোকাবিলাতেও তার সক্রিয় ভূমিকার কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়। এই অবদানের স্বীকৃতি হিসেবে নিউজার্সির সিনেটর ও অ্যাসেম্বলিম্যানদের পক্ষ থেকেও তাকে বিশেষ মানপত্র প্রদান করা হয়। আফসানা আনজুম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রিধারী এবং চার সন্তানের জননী। তার স্বামী জহিরুল ইসলাম বাবুলের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাউথ জার্সির বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, নিরাপদ আবাসন ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছেন।   তার এই অর্জনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।  

Unknown মে ১০, ২০২৬ ১৪:০
নিউজার্সিতে বৈশাখী মেলায় প্রবাসীদের অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা । ছবি: সংগৃহীত
নিউজার্সিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বৈশাখী মেলা, প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণময় উৎসব

প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও বাংলা নববর্ষ উদযাপন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি–এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় এক টুকরো বাংলাদেশে।   শনিবার, ৯ মে নিউজার্সির কল্টস নেক শহরে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবে রঙিন পোশাক, বাংলা গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ সংস্কৃতির নানা উপস্থাপনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ অংশ নিয়ে বৈশাখী আনন্দ ভাগ করে নেন।   অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফায়জুর রহমান সাবু। তিনি বলেন, প্রবাসে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনি সংগঠনের কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ জানান এবং কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।   বক্তারা বলেন, বৈশাখ শুধু উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসের প্রতীক। প্রবাসে এমন আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রাখে।   অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্ব বক্তব্য রাখেন এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন রীনা আমানুল্লাহ, ডা. ফারুক আজম, শামীমা হোসেন লিপি, মেহের নিগার, শামীম, নাজনীন হোসেইন, মারুফ আলম, ডা. বিল্লা এবং ডা. মনোয়ার হোসেন।   আয়োজনে একটি বিশেষ মুহূর্ত ছিল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান। দীর্ঘদিন কমিউনিটি নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে ডা. লুসি হোসেনকেও তাঁর অবদানের জন্য সম্মান জানানো হয়।   আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রবাসী শিল্পীরা। বাংলা গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। শিশুদের পরিবেশনা বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে। প্রবাসী বাংলাদেশিদের মতে, এই ধরনের আয়োজন কেবল উৎসব নয়, বরং বাংলা সংস্কৃতি ও পরিচয় ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।  

Unknown মে ৯, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
আটলান্টিক সিটিতে বিএএসজের ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে।   রোববার (৩ মে) রাতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আগামী ১০ মে রোববার সকাল ৯টায় আটলান্টিক সিটির বদর ফিল্ডে টুর্নামেন্টটি শুরু হবে। বিএএসজের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে।   তাদের মতে, এই আয়োজনের লক্ষ্য হচ্ছে ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা।   টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র।   বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শাহ মাহমুদ এবং সদস্যসচিব রফিকুল ইসলাম ক্রীড়াপ্রেমী ও কমিউনিটির সদস্যদের এই আয়োজন উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

তাবাস্সুম মে ৩, ২০২৬ ১৪:০
এনালিলিয়া মেহিয়া
নিউ জার্সির বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী এনালিলিয়া মেহিয়ার বিশাল জয়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এনালিলিয়া মেহিয়া (Analilia Mejia)। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জো হ্যাথাওয়েকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি এখন মার্কিন প্রতিনিধি পরিষদের নতুন সদস্য। সাবেক কংগ্রেস সদস্য মিকি শেরিল নিউ জার্সির গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এই আসনটি শূন্য হয়েছিল। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মেহিয়া প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী হ্যাথাওয়ে পেয়েছেন প্রায় ৪০ শতাংশ ভোট। বিজয় পরবর্তী ভাষণে উচ্ছ্বসিত মেহিয়া বলেন, "আমি এখানে কারো সাথে খেলার জন্য আসিনি, আমি এসেছি মানুষের অধিকারের জন্য লড়াই করতে। এটি বাম বা ডানের লড়াই নয়, এটি ন্যায় ও অন্যায়ের লড়াই।" এনালিলিয়া মেহিয়া একজন কট্টর প্রগতিশীল রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি বার্নি স্যান্ডার্স এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের মতো নেতাদের সমর্থন পেয়েছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি মূলত নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা, আবাসন সুবিধা এবং ধনীদের ওপর কর বৃদ্ধির মতো প্রগতিশীল ইস্যুগুলোকে গুরুত্ব দিয়েছেন। এছাড়াও গাজা ইস্যুতে ইসরায়েলি সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বেশ আলোচিত হয়েছিলেন। এই জয়ের ফলে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা আরও একটি বাড়লো, যা বর্তমানে রিপাবলিকানদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে। মেহিয়া আগামী জানুয়ারি পর্যন্ত এই মেয়াদের বাকি সময়টুকু দায়িত্ব পালন করবেন এবং আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে তিনি আবারও পূর্ণ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

ইসমাইল হোসাইন এপ্রিল ১৬, ২০২৬ ১৪:০
জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Top week

নিহত গুগল কর্মকর্তা শীতল রজেসিয়েন। ছবি: সংগৃহীত
আমেরিকা

যুক্তরাষ্ট্রে গুগলের শীর্ষ ভারতীয় নারী কর্মকর্তাকে গুলি করে হত্যা করলেন স্বামী, ছেলেও হাসপাতালে

মোহাম্মদ ইব্রাহিম জুলাই ১২, ২০২৬ ১৪:০