- প্রচ্ছদ
- Topic
বৈজ্ঞানিক গবেষণা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি মাশরুমে একই সঙ্গে বিভ্রমসৃষ্টিকারী উপাদান সাইলোসাইবিন ও প্রাণঘাতী বিষের শ্রেণি অ্যামাটক্সিন শনাক্ত করেছেন গবেষকেরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, একই মাশরুমে এই দুই ধরনের উপাদান পাওয়ার ঘটনা এটিই প্রথম। গ্যালেরিনা ইন্ডিকা নামের মাশরুমটিকে তাঁরা ডাকছেন ‘ডার্ক ম্যাজিক মাশরুম’। গবেষণাটি ১১ নভেম্বর বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজিতে প্রকাশিত হয়েছে। আবিষ্কারের সূত্র পান অ্যান্ড্রু কুনিক। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার অধ্যাপক ম্যাথিউ ই. স্মিথের গবেষণাগারে কাজ করার সময় তিনি অর্ডওয়ে সুইশার বায়োলজিক্যাল স্টেশনে ছত্রাকের নমুনা সংগ্রহ ও নথিভুক্ত করছিলেন। সেখানে পাওয়া ছোট বাদামি মাশরুমটি নাড়াচাড়া করলে নীলচে দাগ তৈরি হয়। কিছু সাইলোসাইবিনযুক্ত মাশরুমেও এমন বৈশিষ্ট্য দেখা যায়। বিষয়টি গবেষকদের আরও পরীক্ষা করতে উৎসাহিত করে। গ্যালেরিনা গণের কিছু মাশরুমে বিষাক্ত উপাদান থাকার কথা আগে থেকেই জানা ছিল। তবে গ্যালেরিনা ইন্ডিকার পূর্ণাঙ্গ রাসায়নিক ও জিনগত বৈশিষ্ট্য তখনো নথিভুক্ত হয়নি। গবেষণায় এই প্রজাতিতে অ্যামাটক্সিনের একটি নতুন ধরন পাওয়া যায়। ফলে পরিচিত একটি প্রজাতির ভেতরে অজানা রাসায়নিক বৈশিষ্ট্য উঠে এসেছে। কুনিক মাশরুমটির জিনগত তথ্য বিশ্লেষণ করেন এবং গবেষক মাইকেল ক্রিস্টোফার রাসায়নিক পরীক্ষা চালান। পরে দুই পরীক্ষার ফল মিলিয়ে তাঁরা উভয় ধরনের উপাদানের উপস্থিতি নিশ্চিত করেন। সাইলোসাইবিন মানুষের উপলব্ধি ও অনুভূতিতে পরিবর্তন ঘটাতে পারে। অন্যদিকে, অ্যামাটক্সিনের কিছু ধরন প্রাণঘাতী মাশরুম বিষক্রিয়ার জন্য দায়ী। মাশরুমটি কেন একসঙ্গে এই দুই ধরনের রাসায়নিক তৈরি করে, তা এখনো স্পষ্ট নয়। গবেষকেরা এর পরিবেশগত ভূমিকা বুঝতে আরও পরীক্ষা করতে চান। নির্দিষ্ট উপাদান তৈরির সঙ্গে যুক্ত জিন নিষ্ক্রিয় করে ছত্রাকটির ওপর কী প্রভাব পড়ে, ভবিষ্যৎ গবেষণায় সেটি পরীক্ষা করার সুযোগ রয়েছে। অধ্যাপক স্মিথের ভাষ্য, মাশরুমটি এত ছোট ও সাধারণ বাদামি রঙের যে অন্য শত শত প্রজাতি থেকে আলাদা করা প্রশিক্ষিত বিশেষজ্ঞদের জন্যও কঠিন। এই আবিষ্কার দেখতে সাধারণ ছত্রাকের মধ্যেও জটিল ও অজানা রাসায়নিক বৈশিষ্ট্য থাকার বিষয়টি সামনে এনেছে। সংবাদসূত্র ইউনিভার্সিটি অব ফ্লোরিডা, সায়েন্স নিউজ।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নর্থ কুইন্সি হাইস্কুলের শিক্ষার্থী মাইসারাহ রহমানের বৈজ্ঞানিক গবেষণার প্রশংসা করেছেন অঙ্গরাজ্যটির সিনেটর জন এফ কিনান। বোস্টনের স্টেট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের গবেষণা উপস্থাপন করেন তিনি। তাঁর কাজের মান দেখে মুগ্ধ সিনেটর বলেন, গবেষণাটি এমন উচ্চমানের যে তা একজন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীর কাজের সঙ্গে তুলনা করা যায়। তরুণ প্রজন্মের এমন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের হাতেই ভবিষ্যৎ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি নিজের অক্টোবর মাসের কার্যক্রমের বিবরণ দিতে গিয়ে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন সিনেটর কিনান। ৩ নভেম্বর প্রকাশিত তাঁর মাসিক সংবাদপত্রে বলা হয়, অক্টোবর মাসে অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা থেকে তিনজন কৃতী ব্যক্তি তাঁদের অর্জনের স্বীকৃতি নিতে স্টেট হাউসে এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নর্থ কুইন্সি হাইস্কুলের শিক্ষার্থী মাইসারাহ রহমান। তিনি ম্যাসাচুসেটস বিজ্ঞান ও প্রকৌশল মেলার অংশ হিসেবে নিজের বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনা ও গবেষণার মান সিনেটরকে বিশেষভাবে মুগ্ধ করেছে। ম্যাসাচুসেটসের বিজ্ঞান ও প্রকৌশল মেলার আঞ্চলিক পর্যায়ের প্রকাশিত নথিতে মাইসারাহর একটি গবেষণা প্রকল্পের তথ্যও পাওয়া গেছে। প্রকল্পটির নাম ‘ইন্ট্রোডিউসিং ভালস্যাল’। এতে মহাকাশে অবস্থানরত নারী নভোচারীদের ঋতুস্রাব নিয়ন্ত্রণ এবং দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে হাড়ের খনিজ ঘনত্ব কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ ধরনের হরমোনভিত্তিক জরায়ু-অভ্যন্তরীণ গর্ভনিরোধক ব্যবস্থা বা আইইউডির ধারণা উপস্থাপন করা হয়েছে। এটি একটি গবেষণা ও নকশাভিত্তিক প্রস্তাব, প্রতিষ্ঠিত চিকিৎসাপদ্ধতি নয়। এ ছাড়া ২০২৬ সালের ম্যাসাচুসেটস হাইস্কুল বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক পুরস্কার তালিকায়ও মাইসারাহ রহমানের নাম রয়েছে। সেখানে তাঁকে ওয়েন্টওর্থ ইনস্টিটিউট অব টেকনোলজির ‘মোমেন্টাম ল্যাব’ গ্রীষ্মকালীন শিক্ষাকর্মসূচির বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এ ধরনের কর্মসূচিতে হাতে-কলমে শেখার সুযোগ দেওয়া হয়। ফলে গবেষণার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক শিক্ষায় তাঁর অগ্রগতির বিষয়টিও সামনে এসেছে। সিনেটর জন কিনান তাঁর বক্তব্যে বলেন, মাইসারাহর মতো মেধাবী, আগ্রহী ও পরিশ্রমী শিক্ষার্থীদের দেখে ভবিষ্যৎ প্রজন্মের ওপর তাঁর আস্থা আরও বেড়েছে। তিনি মনে করেন, তরুণদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও নতুন কিছু জানার আগ্রহ ভবিষ্যতের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে। একজন হাইস্কুল শিক্ষার্থীর গবেষণা এভাবে অঙ্গরাজ্যের একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রশংসা পাওয়ায় নর্থ কুইন্সি হাইস্কুলের শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনের জন্যও এটি উল্লেখযোগ্য অর্জন। সংবাদসূত্র: ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর জন এফ কিনানের কার্যালয়, ম্যাসাচুসেটস বিজ্ঞান ও প্রকৌশল মেলা।
পোষা কুকুর বা বিড়ালকে পাশে নিয়ে ঘুমানো অনেকের কাছেই স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি করে। তবে নতুন করে আলোচনায় এসেছে, রাতে পোষা প্রাণীর সঙ্গে একই ঘরে বা একই বিছানায় ঘুমানোর অভ্যাস ঘুমের মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ২০২৪ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীর সঙ্গে ঘুমানো মানুষের মধ্যে ঘুমের মান তুলনামূলকভাবে খারাপ এবং অনিদ্রার উপসর্গ বেশি দেখা যায়। তবে গবেষণাটি এমন অভ্যাসকে সরাসরি ঘুমের সমস্যার কারণ হিসেবে প্রমাণ করেনি। গবেষণাটি যুক্তরাষ্ট্রের ১ হাজার ৫০০ জনের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের ঘুমের অভ্যাস নিয়ে প্রশ্নপত্র পূরণ করতে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রায় অর্ধেক জানিয়েছিলেন, রাতের অন্তত কিছু সময় তারা পোষা প্রাণীর সঙ্গে একই ঘরে ঘুমান। গবেষণায় ‘পোষা প্রাণীর সঙ্গে ঘুমানো’ বলতে একই বিছানায় শোয়া বোঝানো হয়নি শুধু, একই ঘরে রাতের কিছু সময় ঘুমানোও এর অন্তর্ভুক্ত ছিল। এরপর গবেষকেরা পোষা প্রাণীর সঙ্গে ঘুমানো এবং না ঘুমানো ব্যক্তিদের ঘুমের অভ্যাস তুলনা করেন। বিশ্লেষণে দেখা যায়, পোষা প্রাণীর সঙ্গে একই ঘরে ঘুমানো ব্যক্তিদের ঘুমের মান কম এবং অনিদ্রার উপসর্গ তুলনামূলক বেশি। বয়স, লিঙ্গসহ বিভিন্ন জনমিতিক পার্থক্য হিসাব করার পরও এই সম্পর্ক দেখা যায়। তবে গবেষকেরা সতর্ক করেছেন, প্রশ্নপত্রভিত্তিক এই গবেষণা থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে পোষা প্রাণীর সঙ্গে ঘুমানোর কারণেই ঘুমের সমস্যা তৈরি হয়েছে। পোষা প্রাণীর ধরন বিবেচনা করলে গবেষণায় আরও একটি পার্থক্য পাওয়া যায়। কুকুরের সঙ্গে একই ঘরে ঘুমানোর ক্ষেত্রে ঘুমের ওপর নেতিবাচক প্রভাবের প্রমাণ পাওয়া গেলেও বিড়ালের ক্ষেত্রে একই ধরনের সম্পর্ক পাওয়া যায়নি। অর্থাৎ পোষা প্রাণীর সঙ্গে ঘুমানোর প্রভাব সব প্রাণীর ক্ষেত্রে একই হতে পারে না। প্রাণীর নড়াচড়া, শব্দ, আকার এবং রাতে মানুষের ঘুমের মধ্যে তাদের আচরণও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে গবেষকেরা মনে করছেন। গবেষণার একটি উল্লেখযোগ্য তথ্য হলো, পোষা প্রাণীর সঙ্গে ঘুমানো অংশগ্রহণকারীদের ৯৩ শতাংশ মনে করেছিলেন, তাদের পোষা প্রাণী ঘুমের ওপর হয় ইতিবাচক নয়তো নিরপেক্ষ প্রভাব ফেলে। অর্থাৎ যারা নিজেদের ঘুমের মান নিয়ে সমস্যায় ছিলেন, তাদের অনেকেই সেই সমস্যার সঙ্গে পোষা প্রাণীর উপস্থিতির কোনো সম্পর্ক দেখেননি। গবেষকদের মতে, এই বিষয়টি ইঙ্গিত দিতে পারে যে অনেক মানুষ রাতে পোষা প্রাণীর কারণে ঘুমের ওপর তৈরি হওয়া সূক্ষ্ম ব্যাঘাত সম্পর্কে সচেতন নন। তবে এর অর্থ এই নয় যে পোষা প্রাণী মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বরং দিনের বেলায় পোষা প্রাণী মানুষের মানসিক ও শারীরিক সুস্থতায় বিভিন্নভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাদের সঙ্গে সময় কাটানো নিয়মিত শারীরিক কর্মকাণ্ডে উৎসাহ দিতে পারে, দৈনন্দিন রুটিন ধরে রাখতে সাহায্য করতে পারে এবং একাকিত্ব কমিয়ে সঙ্গ ও মানসিক স্বস্তি দিতে পারে। তাই পোষা প্রাণীর সামগ্রিক উপকারিতা এবং রাতে ঘুমের ওপর সম্ভাব্য প্রভাবকে আলাদা করে দেখা প্রয়োজন। গবেষকদের মতে, রাতে পোষা প্রাণী একই ঘরে থাকলে শব্দ, নড়াচড়া কিংবা শরীরের তাপমাত্রার মতো বিষয় ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে কেউ যদি ঘুমাতে যাওয়ার পর বারবার জেগে ওঠেন বা গভীর ঘুমে যেতে সমস্যা হয়, তাহলে ঘরের পরিবেশের এসব বিষয় বিবেচনা করা যেতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে পোষা প্রাণীর উপস্থিতি মানসিক স্বস্তি দিলেও একই সময়ে তাদের ঘুমের ধারাবাহিকতায় সূক্ষ্ম ব্যাঘাত তৈরি হতে পারে। তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি ছিল জরিপভিত্তিক গবেষণা, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের ঘুমের অভ্যাস সম্পর্কে তথ্য দিয়েছেন। ফলে তাদের ঘুমের সমস্যা পোষা প্রাণীর কারণে হয়েছে কি না, তা সরাসরি নির্ধারণ করা সম্ভব হয়নি। একই সঙ্গে গবেষণায় অংশগ্রহণকারীরা তাদের সঙ্গী, সন্তান বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে একই বিছানায় ঘুমাতেন কি না, সেই বিষয়টিও আলাদাভাবে মূল্যায়ন করা হয়নি। গবেষণাটির ফল প্রকাশিত হয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী Scientific Reports-এ। গবেষণাপত্রটির শিরোনাম ছিল “Co-sleeping with pets, stress, and sleep in a nationally-representative sample of United States adults”। গবেষণার প্রধান লেখক ব্রায়ান এন. চিন ট্রিনিটি কলেজের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক। পরবর্তী সময়ে তিনি The Conversation-এ গবেষণার ফল ও এর তাৎপর্য নিয়ে বিস্তারিত লিখেছেন, যা পরে বিভিন্ন সংবাদমাধ্যম পুনঃপ্রকাশ করেছে। যারা পোষা প্রাণীকে সঙ্গে নিয়েই ঘুমাতে চান, তাদের জন্য গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কয়েকটি সাধারণ পরামর্শ দিয়েছেন। ঘুমানোর জায়গাটি যেন মানুষ ও পোষা প্রাণী উভয়ের জন্য যথেষ্ট প্রশস্ত হয়, তা নিশ্চিত করা যেতে পারে। বিছানার চাদর ও অন্যান্য কাপড় নিয়মিত পরিষ্কার ও পরিবর্তন করা এবং পোষা প্রাণীর সঙ্গে একটি নির্দিষ্ট রাতের রুটিন তৈরি করাও সহায়ক হতে পারে। তবে কোন অভ্যাস সবচেয়ে কার্যকর, তা নির্ধারণ করতে আরও গবেষণা প্রয়োজন। সব মিলিয়ে গবেষণাটি পোষা প্রাণীর সঙ্গে ঘুমানোকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত দেয়নি। বরং এটি দেখিয়েছে, পোষা প্রাণীর সঙ্গে ঘুমানোর অভ্যাসের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও সতর্কভাবে নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে কারও নিয়মিত ঘুমে সমস্যা থাকলে এবং রাতে পোষা প্রাণী একই ঘরে থাকলে, ঘুমের পরিবেশ ও অভ্যাসের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ভবিষ্যতের গবেষণায় আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে কোন ধরনের মানুষ বা কোন ধরনের পোষা প্রাণীর ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা যায়, সেটিও স্পষ্ট হতে পারে। সূত্র: Scientific Reports, The Conversation