যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রচলিত ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা আগের মতো অনির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে না; বরং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ করা হবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, বেশিরভাগ শিক্ষার্থী সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেতে পারেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসায় থাকা শিক্ষার্থীরা সাধারণত “ডিউরেশন অব স্ট্যাটাস” নীতির আওতায় থাকেন। অর্থাৎ, তারা নির্ধারিত শিক্ষা কার্যক্রমে নিয়ম মেনে যুক্ত থাকলে পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। নতুন নীতিতে এই ব্যবস্থার পরিবর্তন এনে নির্দিষ্ট মেয়াদ নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাবিত পরিবর্তনের আওতায় যারা চার বছরের মধ্যে পড়াশোনা শেষ করতে পারবেন না, তাদের অতিরিক্ত সময়ের জন্য আলাদাভাবে অনুমতি বা ভিসা সম্প্রসারণের আবেদন করতে হতে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদি গবেষণা, ডক্টরাল প্রোগ্রাম বা জটিল একাডেমিক কার্যক্রমে থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
নতুন নীতিতে শুধু শিক্ষার্থী ভিসা নয়, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জে ভিসা এবং বিদেশি সাংবাদিকদের আই ভিসার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। জে ভিসাধারীদের ক্ষেত্রেও সর্বোচ্চ চার বছরের সীমা এবং সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে আরও কম সময়ের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ভিসা ব্যবস্থার ওপর নজরদারি বাড়ানো এবং দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগের মতে, বর্তমান ব্যবস্থায় কিছু ক্ষেত্রে অবস্থানের সময়সীমা নির্ধারণ কঠিন হয়ে পড়ে।
নতুন নিয়ম কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক কর্মসংস্থানের সুযোগ, বিশেষ করে পড়াশোনা শেষে কাজের অনুমতি বা ওপিটি ব্যবহারের ক্ষেত্রেও নতুন প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে। বর্তমানে অনেক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা শেষে নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান।
এছাড়া প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে পড়াশোনা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য দেওয়া সময়সীমা কমানোর বিষয়টিও রয়েছে। বর্তমান ৬০ দিনের গ্রেস পিরিয়ড কমিয়ে ৩০ দিন করার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আসেন। নতুন নিয়ম কার্যকর হলে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিদেশি শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে।
প্রস্তাবিত নিয়মটি কার্যকর হওয়ার আগে সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের পরই নতুন নিয়মের চূড়ান্ত রূপ পরিষ্কার হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে করা এক মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি সম্প্রচারিত জনপ্রিয় পডকাস্ট ‘দ্য জো রগান এক্সপেরিয়েন্স’-এ অংশ নিয়ে ভ্যান্স বাইডেন প্রশাসনের সাবেক কর্মীদের সমালোচনা করতে গিয়ে বলেন, তার মতে বাইডেনকে এমনভাবে আইসক্রিম খেতে দেখানো হতো, যা ছিল “সবচেয়ে অদ্ভুত ও ইঙ্গিতপূর্ণ” উপস্থাপনা। তিনি বলেন, “আমি যেটা বুঝতে পারিনি, সেটা হলো খারাপ স্টাফ ওয়ার্ক। তারা তাকে এমনভাবে আইসক্রিম খাওয়াত, যা ছিল কল্পনা করা যায় এমন সবচেয়ে অদ্ভুত ও ইঙ্গিতপূর্ণ।” ভ্যান্সের এ মন্তব্যের পর পডকাস্টের সঞ্চালক জো রগান বলেন, তিনি আগে বিষয়টি সেভাবে খেয়ালই করেননি এবং এটিকে “খারাপ অপটিকস” বা জনসমক্ষে উপস্থাপনার দুর্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। মন্তব্যটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী ভ্যান্সকে ব্যঙ্গ করে মন্তব্য করেন যে, একটি সাধারণ আইসক্রিম খাওয়ার দৃশ্যকে তিনি অপ্রয়োজনীয়ভাবে “ইঙ্গিতপূর্ণ” হিসেবে ব্যাখ্যা করেছেন। এ নিয়ে অসংখ্য মিম ও সমালোচনামূলক পোস্টও প্রকাশিত হয়। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়, ভ্যান্স নাকি বাইডেনের আইসক্রিম খাওয়াকে “যৌনতার সঙ্গে” যুক্ত করেছেন। কিন্তু পডকাস্টের সম্পূর্ণ সাক্ষাৎকারে তিনি এমন কোনো বক্তব্য দেননি। তিনি “suggestive” বা “ইঙ্গিতপূর্ণ” শব্দটি ব্যবহার করলেও সরাসরি যৌনতা বা “sex” শব্দের উল্লেখ করেননি। ফলে এ ধরনের দাবিকে তার বক্তব্যের ব্যাখ্যা বা রাজনৈতিক সমালোচনা হিসেবে দেখা হচ্ছে, সরাসরি উদ্ধৃতি হিসেবে নয়। প্রায় তিন ঘণ্টার ওই সাক্ষাৎকারে ভ্যান্স মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে ট্রাম্প প্রশাসনের যোগাযোগ কৌশল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়েও কথা বলেন। তবে নীতিগত আলোচনার চেয়ে বাইডেনের আইসক্রিম খাওয়া নিয়ে তার মন্তব্যই সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তে এক ব্যক্তি ইউএস বর্ডার প্যাট্রোল এজেন্টের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছেন। পরবর্তীতে অপর এক বর্ডার প্যাট্রোল এজেন্টের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার ইউমা বর্ডার প্যাট্রোল সেক্টরের ব্লাইদ স্টেশনে এই ঘটনাটি ঘটে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার রডনি স্কট জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক নাগরিক ও এজেন্টদের জন্য তাত্ক্ষণিক হুমকি তৈরি করেছিলেন। তাকে থামাতে যখন এজেন্টরা এগিয়ে যান, তখন তিনি একজন বর্ডার প্যাট্রোল এজেন্টকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর এক সহকর্মী ওই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। ছুরিকাঘাতে আহত এজেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই ঘটনার সময় আরও এক কর্মকর্তা আহত হয়েছেন, তবে তাঁর আঘাতের বিবরণ প্রকাশ করা হয়নি। ক্যালিফোর্নিয়ার ব্লাইদ স্টেশনটি ইউমা সেক্টরের অধীনে থাকা তিনটি সীমান্ত স্টেশনের একটি। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই স্টেশনটি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত একমাত্র স্টেশন, বাকি দুটি অ্যারিজোনাতে অবস্থিত। এই স্টেশনের এজেন্টরা দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়া, উত্তর-পশ্চিম অ্যারিজোনা এবং পুরো নেভাদা রাজ্য জুড়ে দায়িত্ব পালন করেন। সম্প্রতি জুলাইয়ের শুরুতে এই স্টেশনের এজেন্টরা একটি মানব পাচার চক্রের তৎপরতা রুখে দিয়েছিলেন। বর্তমানে এফবিআই এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অফিস অব ইন্সপেক্টর জেনারেলসহ বেশ কয়েকটি সংস্থা মিলে এই ঘটনার তদন্ত করছে।
দারিদ্র্য, গৃহহীন জীবন আর দিনের পর দিন না খেয়ে থাকার কঠিন বাস্তবতা পেরিয়ে নিউইয়র্কের ১৯ বছর বয়সী প্রিন্স উইকস হাইস্কুল সমমানের ডিপ্লোমা অর্জন করেছেন। শুধু তাই নয়, মাত্র দুই মাসে পড়াশোনা শেষ করে তিনি নিজের ব্যাচের ভ্যালেডিক্টোরিয়ান বা সেরা গ্র্যাজুয়েট নির্বাচিত হয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য এখন যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনায় এসেছে। প্রিন্সের বেড়ে ওঠা আর্থিক অনিশ্চয়তার মধ্যেই। কৈশোরে তিনি স্কুলের দশম শ্রেণিতে পড়ার সময় লেখাপড়া ছেড়ে দেন, পরিবারের পাশে দাঁড়াতে কাজ করার আশায়। পরে বাবার সঙ্গে নিউইয়র্ক সিটিতে চলে এলেও পর্যাপ্ত আয় না থাকায় তাঁদের জীবন নেমে আসে চরম সংকটে। কখনও আশ্রয়কেন্দ্রে, কখনও পরিচিতজনের বাসায় রাত কাটাতে হয়েছে। এমনও দিন গেছে, যখন দু’বেলা খাবার জোটেনি। ক্ষুধার্ত অবস্থায় কখনও কখনও হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থতার ভান করে একটি স্যান্ডউইচ বা হালকা খাবার সংগ্রহ করতেন তিনি। জীবনের মোড় ঘুরতে শুরু করে ২০২৫ সালের ডিসেম্বরে। একটি কর্মসংস্থান কেন্দ্রে কর্মরত এক পরামর্শকের পরামর্শে তিনি নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের ‘পাথওয়েজ টু গ্র্যাজুয়েশন’ কর্মসূচিতে ভর্তি হন। প্রচলিত শিক্ষাব্যবস্থা থেকে ঝরে পড়া ১৭ থেকে ২১ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য পরিচালিত এই বিনামূল্যের কর্মসূচিতে দিন ও সন্ধ্যার ক্লাসের পাশাপাশি নাশতা, মধ্যাহ্নভোজ এবং যাতায়াতের জন্য মেট্রোকার্ডের সুবিধাও দেওয়া হয়। স্ট্যাটেন আইল্যান্ড ক্যাম্পাসে সপ্তাহে পাঁচ দিন নিয়মিত ক্লাস করে মাত্র দুই মাসেই হাইস্কুল সমমানের ডিপ্লোমা সম্পন্ন করেন প্রিন্স। জিইডি পরীক্ষায় উচ্চ নম্বর অর্জনের পাশাপাশি কলেজ ও কর্মজীবন প্রস্তুতি কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণের কারণে তাঁকে ব্যাচের ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত করা হয়। গত ২২ জুন সমাবর্তন অনুষ্ঠানে ১১৭ জন সহপাঠী, শিক্ষক ও পরিবারের সদস্যদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রিন্স বলেন, দারিদ্র্য, বৈষম্য, আত্মসন্দেহ, গৃহহীনতা এবং অনাহারের মতো কঠিন বাস্তবতার মধ্য দিয়েই তাঁকে বেড়ে উঠতে হয়েছে। অনেক সময় মনে হয়েছে সামনে আর কোনো পথ নেই। তবুও তিনি ভুল পথে না গিয়ে নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। সহপাঠীদের উদ্দেশে তিনি বলেন, দৃঢ় থাকো, কখনও হাল ছেড়ো না। প্রত্যেক মানুষের মধ্যেই অসাধারণ কিছু করার সম্ভাবনা লুকিয়ে আছে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় একদিন সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়। স্ট্যাটেন আইল্যান্ড শাখার প্রধান ডনি সোয়ানসন প্রিন্সকে একজন অনুকরণীয় শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর মনোযোগ, পরিশ্রম এবং শেখার আগ্রহ অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা। বর্তমানে প্রিন্স উইকস নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে স্যানিটেশন কর্মী হিসেবে কাজ করছেন। কলেজে পড়ার জন্য অর্থ সঞ্চয় করছেন তিনি। ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তরুণ।