লস অ্যাঞ্জেলেসে পুলিশ ও তাদের গাড়িতে জ্বলন্ত বস্তুনিক্ষেপ, আইস-বিরোধী বিক্ষোভকারীকে ৩ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর অভিযানের বিরুদ্ধে অনুষ্ঠিত সহিংস বিক্ষোভে পুলিশের ওপর আগুন জ্বালানো বস্তু ও পাথর নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তিকে তিন বছরের ফেডারেল কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ ৫৩ হাজার ৪১৫ ডলার ক্ষতিপূরণ পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ৪২ বছর বয়সী ইসমাইল ভেগা। তিনি লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টলেক এলাকার বাসিন্দা। ২০২৫ সালের ৮ জুন ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিক্ষোভের সময় তিনি অন্যদের সঙ্গে মহাসড়কের ওপরের সেতুতে অবস্থান করেন। সে সময় ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের (সিএইচপি) সদস্যরা নিচে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ অনুযায়ী, বিক্ষোভকারীরা আগুন জ্বালানো কার্ডবোর্ড, শুকনো গাছপালা ও অন্যান্য জ্বলন্ত বস্তু নিচে থাকা পুলিশ সদস্যদের দিকে নিক্ষেপ করেন।
আদালতে দাখিল করা স্বীকারোক্তিতে ভেগা বলেন, তিনি জানতেন যে সেতুর নিচে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন এবং আগুন জ্বালানো বস্তু নিক্ষেপ করলে তাদের মৃত্যু বা গুরুতর আহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবুও তিনি অন্যদের সঙ্গে আগুন লাগানো বস্তু প্রস্তুত করতে সহায়তা করেন এবং একটি জ্বলন্ত কার্ডবোর্ড সিএইচপির একটি গাড়ির দিকে ছুড়ে মারেন, যা গাড়িটির ওপর গিয়ে পড়ে।
তদন্তে আরও উঠে আসে, বিক্ষোভ চলাকালে ভেগা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একাধিক পাথরও নিক্ষেপ করেন। পরে তিনি স্বীকার করেন, কর্তব্যরত কর্মকর্তাদের কাজ ব্যাহত করার উদ্দেশ্যেই তিনি এসব কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। চলতি বছরের ২৯ এপ্রিল তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেন।
মামলার নথিতে প্রসিকিউটররা বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত সহিংস এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাদের জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের এক সার্জেন্ট আদালতে লিখিত বিবৃতিতে জানান, ওই দিনের ঘটনা তার কর্মজীবনের অন্যতম সহিংস অভিজ্ঞতা ছিল এবং এর মানসিক প্রভাব তার পরিবারেও পড়েছে।
এই মামলায় ভেগা পঞ্চম ব্যক্তি, যিনি সাজা পেলেন। একই ঘটনায় অভিযুক্ত ইয়াচুয়া মাউরিসিও ফ্লোরেসের সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ আগস্ট। অন্যদিকে প্রধান আসামি অ্যাডাম চার্লস পালের্মোর সাজা ঘোষণা হওয়ার কথা ১৪ ডিসেম্বর। তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ফেডারেল কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
মামলাটি তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ক্যালিফোর্নিয়া অঞ্চলের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তদন্তে সহযোগিতা করেছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক সাবেক আচরণগত স্বাস্থ্য বিশেষজ্ঞের বিরুদ্ধে তার সাবেক কিশোর রোগীকে দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতনের অভিযোগে একাধিক গুরুতর ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। প্রসিকিউটরদের অভিযোগ, অভিযুক্ত থেরাপিস্ট তার পেশাগত অবস্থানের অপব্যবহার করে প্রথমে কিশোরটির আস্থা অর্জন করেন এবং পরে চিকিৎসক-রোগীর সম্পর্কের সীমা লঙ্ঘন করে তার সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করেন। কনট্রা কস্টা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় জানিয়েছে, ২৬ বছর বয়সী সোফিয়া ড্রটসের বিরুদ্ধে অবৈধ যৌন সম্পর্ক, অপ্রাপ্তবয়স্ককে ক্ষতিকর উপাদান পাঠানো, অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন কর্মকাণ্ড এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগসহ একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানির জন্য শিগগিরই আদালতে তাকে হাজির করা হবে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ড্রটস ক্যালিফোর্নিয়ার মার্টিনেজে অবস্থিত জন এ. ডেভিস জুভেনাইল হলে আচরণগত স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি ১৭ বছর বয়সী এক কিশোরের থেরাপিস্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। অভিযোগে বলা হয়েছে, কিশোরটি সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পরও চিকিৎসা কার্যক্রমের ধারাবাহিকতায় তাদের যোগাযোগ অব্যাহত ছিল এবং চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৪ জুলাইয়ের মধ্যে একাধিকবার যৌন নির্যাতনের ঘটনা ঘটে।, গত ১৪ জুলাই প্রবেশন বিভাগের এক তত্ত্বাবধায়কের দেওয়া তথ্যের ভিত্তিতে কনকর্ড পুলিশ ড্রটসকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। একই ঘটনায় ভুক্তভোগী কিশোরের পরিবার কনট্রা কস্টা কাউন্টির বিরুদ্ধে পৃথক একটি দেওয়ানি মামলাও দায়ের করেছে। ভুক্তভোগী কিশোরের পরিচয় গোপন রাখা হয়েছে। তার মা এক বিবৃতিতে বলেন, ছেলের মানসিক সুস্থতার জন্য তারা একজন পেশাদারের ওপর আস্থা রেখেছিলেন, কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেছে। তিনি আরও বলেন, তাদের পরিবারের প্রধান লক্ষ্য এখন ছেলের সুস্থ হয়ে ওঠা এবং ভবিষ্যতে যেন অন্য কোনো পরিবার এমন পরিস্থিতির মুখোমুখি না হয়, সেটি নিশ্চিত করা। পরিবারের আইনজীবী জন বারিস আদালতে দাখিল করা নথিতে দাবি করেছেন, ড্রটস ২০২৪ সাল থেকেই কিশোরটির সঙ্গে অনুপযুক্ত ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা শুরু করেন। তখন কিশোরটির বয়স ছিল ১৪ বা ১৫ বছর এবং তিনি দুই বছরের জন্য কিশোর সংশোধনাগারে ছিলেন। মামলায় অভিযোগ করা হয়েছে, থেরাপিস্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ধীরে ধীরে কিশোরটির সঙ্গে এমন একটি মানসিক নির্ভরতার সম্পর্ক তৈরি করেন, যা পরে যৌন নির্যাতনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আদালতের নথিতে আরও বলা হয়েছে, কিশোরটি প্রবেশনে মুক্তি পাওয়ার পরও কনট্রা কস্টা হেলথের অধীনে ড্রটস তার থেরাপিস্ট হিসেবে কাজ চালিয়ে যান। ওই সময়েই অভিযোগ অনুযায়ী অবৈধ যৌন সম্পর্কের ঘটনাগুলো ঘটে। একই সঙ্গে মামলায় দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট কাউন্টির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়করা সম্ভাব্য সতর্ক সংকেত শনাক্ত করতে ব্যর্থ হন, যার ফলে অভিযোগ অনুযায়ী নির্যাতনের ঘটনা দীর্ঘ সময় চলতে থাকে। আইনজীবী জন বারিস বলেন, শুধু একজন কর্মীর বিরুদ্ধে অভিযোগই নয়, পুরো তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। তার মতে, বিদ্যমান পর্যবেক্ষণ ও জবাবদিহি ব্যবস্থা কার্যকরভাবে কাজ করলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতে পারত। তদন্তে জানা গেছে, সোফিয়া ড্রটস ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তাকে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রশংসা করা হয়েছিল এবং পরে তিনি ক্লিনিক্যাল সাইকোলজিতে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ ছিল। মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালতে অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে গঠন করা হলে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে আদালতে অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
ট্রাম্প প্রশাসনের তথ্য শেয়ারিং নীতিতে বিপাকে অভিবাসী পরিবার, গ্রেপ্তার ১২ হাজারের বেশি শিশু ও অভিভাবক
যুক্তরাষ্ট্রের শিকাগোতে একদিনে ৪টি টর্নেডোর আঘাত, প্রবল ঝড়ে প্লাবিত শত শত বাড়ি, ৫ লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন
লস অ্যাঞ্জেলেসে পুলিশ ও তাদের গাড়িতে জ্বলন্ত বস্তুনিক্ষেপ, আইস-বিরোধী বিক্ষোভকারীকে ৩ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৯ বছর বয়সী মন্ট্রিয়লের বাসিন্দা মেলিনা ফ্রাত্তোলিনের মৃত্যুর ঘটনায় চলমান হত্যা মামলার বিচারে আদালতে উঠে এসেছে হৃদয়বিদারক ফরেনসিক তথ্য। চিকিৎসা পরীক্ষকের ভাষ্য অনুযায়ী, শিশুটি ডুবে মারা যায় এবং তার ফুসফুস, শ্বাসনালি ও পাকস্থলীতে কাদামাটি ও জলজ উদ্ভিদের অংশ পাওয়া গেছে। এই তথ্য আদালতে উপস্থাপনের সময় অভিযুক্ত বাবা লুসিয়ানো ফ্রাত্তোলিন মরদেহের ছবি দেখার পরিবর্তে মুখ ফিরিয়ে নেন। মঙ্গলবার নিউইয়র্কের এলিজাবেথটাউনের এসেক্স কাউন্টি আদালতে ফরেনসিক বিশেষজ্ঞ ডা. মাইকেল সিকিরিকা জুরিদের জানান, এটি "নিশ্চিতভাবেই ডুবে মৃত্যুর ঘটনা"। তার ভাষ্য অনুযায়ী, শিশুটির ফুসফুস অস্বাভাবিকভাবে স্ফীত ছিল এবং ভেতরে গভীর পর্যন্ত কাদামাটি ও উদ্ভিদের কালো কণা পাওয়া যায়, যা জীবিত অবস্থায় পানিতে শ্বাস নেওয়ার স্পষ্ট প্রমাণ। আদালতে সাক্ষ্য চলাকালে জুরিদের সামনে মেলিনার মরদেহ উদ্ধারের সময় তোলা ছবি প্রদর্শন করা হয়। তবে হত্যা মামলার আসামি ও শিশুটির বাবা লুসিয়ানো ফ্রাত্তোলিন সেদিকে না তাকিয়ে আদালতে বসেই একটি নোটপ্যাডে লিখতে থাকেন বলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন। ফরেনসিক বিশেষজ্ঞ জানান, ২০২৫ সালের ২০ জুলাই নিউইয়র্কের এসেক্স কাউন্টির ইগল লেকের কাছে প্যারাগন ব্রুক নামের একটি অগভীর জলধারা থেকে মেলিনার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে প্রচুর কাদামাটি লেগে ছিল। তার শরীরে কিছু আঁচড় ও হালকা আঘাতের চিহ্নও পাওয়া যায়। তদন্তে আরও উঠে এসেছে, মরদেহটি পানির নিচে একটি বড় পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। প্রসিকিউশনের অভিযোগ, লুসিয়ানো ফ্রাত্তোলিন নিজের মেয়েকে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে অপহরণের গল্প সাজিয়েছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন, লেক জর্জ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার মেয়েকে তুলে নিয়ে গেছে। ওই অভিযোগের ভিত্তিতে অ্যাম্বার অ্যালার্ট জারি করা হলেও তদন্তে তার বক্তব্যের সঙ্গে বিভিন্ন তথ্যের অসঙ্গতি ধরা পড়ে। পরদিন বন বিভাগের উদ্ধারকর্মীরা শিশুটির মরদেহ খুঁজে পান। একই দিনে আদালতে সাক্ষ্য দেন মেলিনার মা কালি গ্যালানিসও। তিনি বলেন, ঘটনার কয়েক মাস আগে মেলিনা তার বাবার সঙ্গে ইথিওপিয়া সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছিল। পরে সেই বিদেশ সফর বাতিল করে বাবা-মেয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে যান। প্রসিকিউশন এই সাক্ষ্যকে মামলার প্রাসঙ্গিক অংশ হিসেবে আদালতে উপস্থাপন করেছে। ৪৬ বছর বয়সী লুসিয়ানো ফ্রাত্তোলিনের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির হত্যা এবং মরদেহ গোপন করার অভিযোগ আনা হয়েছে। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলার বিচার এখনও চলমান এবং প্রসিকিউশন আরও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করবে বলে আদালতকে জানিয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
কস্টকোর গ্রাহকদের জন্য সুখবর! ক্ষতিপূরণ হিসেবে পেতে পারেন ৫০০ ডলারের ও বেশি
৫০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খাবারের দাম সর্বোচ্চ! বাজার খরচে চাপ বেড়েছে ৩৩%
নিউইয়র্কে ফ্ল্যাটে ঢুকে ঘুমন্ত নার্সকে ধর্ষণ, যুবকের ৩৪ বছরের জেল
যুক্তরাষ্ট্রে আবাসন ও আকর্ষণীয় জীবনযাত্রার জন্য ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য অত্যন্ত সুপরিচিত হলেও সার্বিক নিরাপত্তাগত দিক থেকে এর বড় বড় শহরগুলোর অবস্থান বেশ আশঙ্কাজনক। ব্যক্তিগত অর্থায়ন বিষয়ক জনপ্রিয় প্ল্যাটফর্ম 'স্মার্টঅ্যাসেট'-এর এক নতুন সমীক্ষায় দেখা গেছে, দেশটির সবচেয়ে কম নিরাপদ বা ঝুঁকিপূর্ণ বড় শহরগুলোর তালিকায় শীর্ষভাগে রয়েছে সান ফ্রান্সিসকো, ওকল্যান্ড, স্টকটন এবং রিভারসাইডের নাম। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার আইকনিক দুই শহর সান ফ্রান্সিসকো এবং ওকল্যান্ড নিরাপত্তার দিক থেকে যুক্তরাষ্ট্রের তলানির ১০টি শহরের মধ্যে ঠাঁই পেয়েছে। অন্তত আড়াই লাখ জনসংখ্যাবিশিষ্ট ৮৩টি মার্কিন শহরের সহিংস অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার এবং দুর্যোগজনিত ঝুঁকির ওপর ভিত্তি করে এই গবেষণা পরিচালিত হয়। সমীক্ষার তথ্যানুযায়ী, ওকল্যান্ডে অপরাধের হার প্রতি এক হাজার বাসিন্দার বিপরীতে ১৯.৩টি ঘটনা, যা মেমফিসের পর পুরো যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দিক থেকে সান ফ্রান্সিসকো ও স্টকটন যৌথভাবে দেশের শীর্ষে অবস্থান করছে; যেখানে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে দুর্ঘটনায় মৃত্যুর হার ১৮.৫ জন। এছাড়া ক্যালিফোর্নিয়ার আরভাইন এবং সান্তা আনার মতো শহরগুলোতে অপরাধের মাত্রা তুলনামূলক কম হওয়া সত্ত্বেও শহর দুটি নিরাপদ তালিকায় এগোতে পারেনি। মূলত দাবানল ও ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রার প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকির কারণেই শহর দুটি পিছিয়ে পড়েছে। সমীক্ষাভুক্ত ক্যালিফোর্নিয়ার ১২টি শহরের একটিও যুক্তরাষ্ট্রের ১০টি নিরাপদ শহরের তালিকায় জায়গা করে নিতে পারেনি। উল্টো অপরাধ ও অন্যান্য ঝুঁকি কাটিয়ে কম সড়ক দুর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি সামলানোর সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ শহর নির্বাচিত হয়েছে ভার্জিনিয়ার ‘ভার্জিনিয়া বিচ’। তবে টেক্সাসের ক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে; অঙ্গরাজ্যটির প্ল্যানো ও লারেডো যেমন শীর্ষ ১০টি নিরাপদ শহরের মধ্যে স্থান করে নিয়েছে, তেমনি ডালাস ও হিউস্টন স্থান পেয়েছে সবচেয়ে অনিরাপদ ১০টি শহরের তালিকায়।
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দামে ৫০ বছরের রেকর্ড, ৭ বছরে বেড়েছে ৩৩%
লস অ্যাঞ্জেলেসে বিক্রিতে উঠল ১০৩ বছরের পুরোনো বিরল মাটির বাড়ি