যুক্তরাষ্ট্রে গাড়ির বিমা গ্রাহকদের ৫০০ কোটি ডলার ফেরত দিচ্ছে স্টেট ফার্ম
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমা প্রতিষ্ঠান স্টেট ফার্ম মিউচুয়াল অটোমোবাইল ইন্স্যুরেন্স কোম্পানি তাদের অটো বা গাড়ি বিমার গ্রাহকদের জন্য এককালীন ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলার ক্যাশ-ব্যাক ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদান শুরু করেছে। এক শতাব্দীরও বেশি সময়ের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ডিভিডেন্ড প্রদানের ঘটনা বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ডব্লিউএফটিভি।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এই সুবিধার আওতায় ৪ কোটি ৯০ লাখেরও বেশি তালিকাভুক্ত গাড়ি কভার করা হচ্ছে। ইতোমধ্যে লাখ লাখ গ্রাহক এই অর্থ পেতে শুরু করেছেন এবং আগামী কয়েক মাস ধরে দেশব্যাপী পর্যায়ক্রমে এই অর্থ বিতরণ অব্যাহত থাকবে।
এই বিশাল অঙ্কের ডিভিডেন্ডের জন্য তারাই যোগ্য হিসেবে বিবেচিত হবেন, যাদের ২০২৫ সালের যেকোনো সময় স্টেট ফার্মের ব্যক্তিগত অটো ইন্স্যুরেন্স পলিসি চালু ছিল এবং হিসাব অনুযায়ী যাদের ডিভিডেন্ডের পরিমাণ অন্তত ১০ ডলার। ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি গ্রাহক ঠিক কত টাকা পাবেন, তা নির্ভর করছে ২০২৫ সালে পরিশোধিত প্রিমিয়ামের পরিমাণের ওপর।
বিভিন্ন অঙ্গরাজ্য অনুযায়ী এই হার ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে গড়ে প্রতিটি গাড়ির বিপরীতে প্রায় ১০০ ডলার করে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে। স্টেট ফার্ম জানিয়েছে, তাদের এই বিশাল অর্থ ফেরতের সিদ্ধান্তটি সম্ভব হয়েছে কোম্পানির সুদৃঢ় আর্থিক কাঠামো এবং ২০২৫ সালে প্রত্যাশার চেয়ে ভালো আন্ডাররাইটিং পারফরম্যান্সের কারণে।
গ্রাহকরা কীভাবে এই অর্থ পাবেন বা তাদের পেমেন্টের বর্তমান অবস্থা কী, তা জানতে স্টেট ফার্ম একটি নির্দিষ্ট প্রক্রিয়া চালু করেছে। যেসব গ্রাহকের ইমেইল ঠিকানা প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত আছে, তারা একটি ইমেইল পাবেন, যেখানে পেমেন্ট পোর্টালের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট অথবা চেক বেছে নেওয়ার সুযোগ থাকবে।
আর যাদের ইমেইল ঠিকানা নেই, তাদের ঠিকানায় সরাসরি ডাকযোগে চেক পাঠিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে বা পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গ্রাহকরা স্টেট ফার্মের নির্দিষ্ট ওয়েবসাইট sfdividend.com-এ ভিজিট করতে পারেন বলে মর্নিংস্টার জানিয়েছে।
এছাড়াও ডিভিডেন্ড কাস্টমার কন্ট্যাক্ট সেন্টারে (1-888-808-9532) কল করেও এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানা যাবে। তবে এই পেমেন্ট পলিসির ক্রেডিটের বদলে আলাদাভাবে দেওয়া হবে এবং এর কারণে গ্রাহকদের ভবিষ্যৎ অটো ইন্স্যুরেন্স রেট বা প্রিমিয়ামে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreচীনের সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে পরকীয়ার কেলেঙ্কারিতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-এর পদত্যাগের দুই মাস আগেই গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির শেয়ারে পাঁচ দফা লেনদেন হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিনিয়োগ অ্যাকাউন্টে। নতুন এক আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ১ নভেম্বর ট্রাম্পের স্বাক্ষর করা এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অফিস অব গভর্নমেন্ট এথিক্স প্রকাশিত ওই নিয়মিত লেনদেন প্রতিবেদনে মোট ৭৫১টি লেনদেনের তালিকা রয়েছে। ফেডারেল কর্মকর্তারা কেবল বিস্তৃত পরিসরে লেনদেনের তথ্য প্রকাশ করেন; সিএনবিসির হিসাব অনুযায়ী, এসব লেনদেনের মোট মূল্য ৪ কোটি ৯ লাখ থেকে ১৪ কোটি ৮১ লাখ মার্কিন ডলারের মধ্যে। এনভিডিয়ার পাঁচটি লেনদেনের মধ্যে চারটিই ছিল ক্রয়। এর মধ্যে সবচেয়ে বড় ক্রয়টি ছিল ১ লাখ ১ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে, যা ঘটে গত ২ সেপ্টেম্বর—গিটহাবের মতো প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’ ১ হাজার ২৯০ কোটি ডলারে কিনে নেওয়ার ঘোষণা দেওয়ার ঠিক একদিন আগে। অন্যদিকে, একমাত্র বিক্রয়টি ছিল ১ হাজার ১ থেকে ১৫ হাজার ডলারের মধ্যে, যা হয় গত ২৪ সেপ্টেম্বর—সেদিনই তৎকালীন সিইও জেনসেন হুয়াং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে ট্রাম্পের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছিলেন। দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর গত সপ্তাহে পদত্যাগ করেন হুয়াং; যার একটি সম্পর্ক ছিল এমন এক নারীর সঙ্গে, যাঁকে বেইজিংয়ের গুপ্তচর বলে মনে করে মার্কিন গোয়েন্দা সংস্থা। ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালেই এ বিষয়ে ট্রাম্পকে গোয়েন্দা ব্রিফিং দেওয়া হয়েছিল। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে চীন। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বিনিয়োগ অ্যাকাউন্ট থেকে প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিসের শেয়ারও দুই দফায় বিক্রি করা হয়েছে—গত ১ সেপ্টেম্বর ৫০ হাজার ১ থেকে ১ লাখ ডলারের এবং ১০ সেপ্টেম্বর আরও ছোট একটি অংশ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশপথে দেশব্যাপী ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় এলথ্রিহ্যারিসকে দায়ী করেছিলেন পরিবহনমন্ত্রী শন ডাফি। মার্কিন বিমান চলাচল ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে প্রত্যন্ত আরকানসাসে প্রতিষ্ঠানটির বসানো একটি নতুন রাউটারে ত্রুটি দেখা দেওয়ায় দেশজুড়ে এফএএ-এর টেলিযোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছিল বলে জানানো হয়। পাশাপাশি কাতারের উপহার দেওয়া একটি বোয়িং ৭৪৭ বিমানকে ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহার উপযোগী করে তোলার কাজও করছে এলথ্রিহ্যারিস। এ ছাড়া ওই পোর্টফোলিওতে স্পেসএক্সের শেয়ার ও করপোরেট নোট (১ সেপ্টেম্বর ১ লাখ ১ থেকে ২ লাখ ৫০ হাজার ডলারের বন্ড ক্রয়সহ) কেনা হয়েছে এবং টেসলার শেয়ারেও একাধিকবার বিনিয়োগ করা হয়েছে। প্যালান্টির-এর শেয়ার যোগ করা হয়েছে দুবার এবং ইন্টেলে ১৫ হাজার ১ থেকে ৫০ হাজার ডলারের শেয়ার কেনা হয়েছে—যে ইন্টেলে গত বছর ফেডারেল সরকার ১০ শতাংশ অংশীদারত্ব নিয়েছিল। প্রতিরক্ষা খাতে ইন্টারসেপ্টর উৎপাদন বাড়াতে জেনারেল ডাইনামিক্স ও লকহিড মার্টিনের সঙ্গে পেন্টাগনের সাত বছরের চুক্তি ঘোষণার দুই দিন পর, গত ২ সেপ্টেম্বর জেনারেল ডাইনামিক্সের অল্প কিছু শেয়ার কেনা হয়। সবচেয়ে বড় একক লেনদেনটি ছিল ভ্যানগার্ডের একটি ডিভিডেন্ড ফান্ডে ৫০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ। এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর কমকাস্ট, ম্যাকডোনাল্ডস এবং হোম ডিপোর শেয়ারে ১০ লাখ থেকে ৫০ লাখ ডলার করে বিক্রি করা হয়েছে। স্টক অ্যাক্টের নির্ধারিত ৪৫ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নভেম্বরের শুরুতে এথিক্স কর্মকর্তাদের কাছে এই প্রতিবেদন জমা পড়ে। প্রথমবার দেরিতে প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে সাধারণত ২০০ ডলার জরিমানা করা হয়। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এসব লেনদেনে ট্রাম্পের কোনো ভূমিকা নেই। গত অক্টোবরে রয়টার্সকে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, “বিনিয়োগ সংক্রান্ত সব সিদ্ধান্ত সম্পূর্ণভাবে স্বাধীন ব্যবস্থাপকেরা নিয়ে থাকেন। এখানে স্বার্থের কোনো সংঘাত নেই।” ব্লুমবার্গের এক পর্যালোচনা অনুযায়ী, দ্বিতীয় দফায় অভিষেকের পর থেকে গত জুনের শেষ পর্যন্ত ১৭ মাসে ট্রাম্প বা তাঁর অর্থ ব্যবস্থাপকেরা প্রায় ২৮ হাজার ৭০০টি লেনদেন করেছেন—যা মার্কিন কংগ্রেসের সব সদস্যের সম্মিলিত লেনদেনের চেয়েও বেশি।
আইসিই এজেন্টদের মাস্ক নিষিদ্ধ ও পরিচয় প্রকাশের আইন বাতিলের পথে, স্থায়ী নিষেধাজ্ঞা আদালতের
এড শিরানের সঙ্গে একই ভবনে বসবাসের সুযোগ, ফ্ল্যাটের দাম ১২.৫ মিলিয়ন ডলার
অনন্ত মহাকাশে ভেসে চলেছে ভয়েজার: মানুষের স্বপ্নযানে কেন ন গ্ন নারী-পুরুষের ছবি?
টার্কির রেকর্ড মূল্যবৃদ্ধি এবং জ্বালানি তেলের উচ্চ দামের কারণে যুক্তরাষ্ট্রে এ বছর থ্যাংকসগিভিং ডিনারের খরচ বাড়তে যাচ্ছে। বুধবার (১৮ নভেম্বর) ‘আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন’ প্রকাশিত এক জরিপে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং পুয়ের্তো রিকোর শত শত স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিত্যপণ্যের বাজারদর পর্যবেক্ষণ করে সংস্থাটি জানিয়েছে, ১০ জনের একটি গড় থ্যাংকসগিভিং ভোজের খরচ গত বছরের তুলনায় ৬ শতাংশ বেড়ে ৫৮.৬৩ ডলারে দাঁড়াবে। গত ৪০ বছর ধরে থ্যাংকসগিভিংয়ের খরচ হিসাব করা ফার্ম ব্যুরোর তথ্যমতে, ২০২২ সালের পর এই প্রথম আমেরিকানদের উৎসবের খাবারে বাড়তি অর্থ গুনতে হচ্ছে; যদিও ২০২২ সালে এই খরচ রেকর্ড ৬৪.০৫ ডলারে পৌঁছেছিল। ফার্ম ব্যুরো জানিয়েছে, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দুধ, ডিনার রোল, আলু এবং ক্র্যানবেরির মতো থ্যাংকসগিভিংয়ের প্রধান উপকরণগুলো প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনে কৃষকদের খরচ অনেক বেড়ে গেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (AAA)-এর তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম হু হু করে বেড়ে গত সেপ্টেম্বরে প্রতি গ্যালন রেকর্ড ৬.৫৩ ডলারে পৌঁছায়। বুধবার ডিজেলের গড় দাম ছিল গ্যালনপ্রতি ৫.৯৬ ডলার, যা এক বছর আগের তুলনায় ৫৮ শতাংশ বেশি। জ্বালানির পাশাপাশি গত এক বছরে টার্কির দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফার্ম ব্যুরোর জরিপ অনুযায়ী, এ বছর ১৬ পাউন্ড ওজনের একটি টার্কির গড় দাম দাঁড়িয়েছে ২৩.৬৮ ডলার, যা গত বছর ছিল ২১.৫০ ডলার। ‘লিপ মার্কেট অ্যানালিটিক্স’-এর নির্বাহী পরিচালক মার্ক জর্ডান জানান, ২০২২ সাল থেকে বার্ড ফ্লু মার্কিন টার্কির খামারগুলোতে ব্যাপক ক্ষতি করলেও সম্প্রতি প্রকোপ কমায় উৎপাদন বেড়েছে। তবে চর্বিহীন প্রোটিনের প্রতি আমেরিকানদের ঝোঁক এবং রপ্তানি বেড়ে যাওয়ায় টার্কির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা মজুত কমিয়ে দাম বাড়িয়ে দিয়েছে। মার্কিন কৃষি দপ্তর (USDA) ধারণা করছে, এ বছর আস্ত হিমায়িত টার্কির পাইকারি দাম প্রতি পাউন্ড রেকর্ড ১.৭৬ ডলারে পৌঁছাবে, যা গত বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। জর্ডানের মতে, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব এ বছরের টার্কির দামে না পড়লেও আগামী বছর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অবশ্য থ্যাংকসগিভিং মেনুর হাতেগোনা কয়েকটি পণ্যের দাম গত বছরের চেয়ে কিছুটা কমেছে। এর মধ্যে ১ পাউন্ডের গাজর ও সেলেরি ভেজিটেবল ট্রে-তে ৫ সেন্ট, ১৬ আউন্সের হিমায়িত মটরশুঁটির ব্যাগে ৪ সেন্ট এবং হিমায়িত পাই ক্রাস্টের দাম সামান্য কমেছে; তবে পাম্পকিন পাই ফিলিংয়ের দাম বেড়েছে। অন্যদিকে, ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক সুপারমার্কেট কম দামে থ্যাংকসগিভিং প্যাকেজ ঘোষণা করেছে। যেমন—‘অ্যালডি’ (Aldi) ১০ জনের পুরো মেনুর প্যাকেজ দিচ্ছে ৩৯ ডলারে এবং ‘ওয়ালমার্ট’ (Walmart) ১০ জনের প্যাকেজ দিচ্ছে ৩৫ ডলারে। উল্লেখ্য, মহামারির পর থেকেই নিত্যপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি আমেরিকানদের হতাশ করেছে এবং সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়েও এর প্রভাব পড়েছে। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ঘরে খাওয়ার পণ্যের দাম ২২ শতাংশ বেড়েছে, যা স্বাভাবিক খাদ্য মূল্যস্ফীতির প্রায় দ্বিগুণ। তবে এ বছর ঘরে খাওয়ার পণ্যের দাম ২.৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা সাম্প্রতিক বার্ষিক গড় ২.৬ শতাংশের তুলনায় কিছুটা কম।
নিউইয়র্কে অ্যামাজনের ডেলিভারি বিলে অর্ডারপ্রতি খরচ ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে
ভিসা, মাস্টারকার্ড ও জেপিমরগ্যানে সাইবার হামলা, ফাঁস হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য
২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ভ্যান্সকে পেছনে ফেললেন মার্কো রুবিও
সত্যজিৎ রায়ের ‘শিবু আর রাক্ষসের কথা’ গল্পের সেই অঙ্কের স্যার জনার্দনবাবুর কথা মনে পড়ে? যাকে রাক্ষস ভেবে ভয়ে শিউরে উঠেছিল শিবু। কল্পনার সেই দৃশ্য যেন বাস্তবে রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের এক যুবকের জীবনে। কার্ল নামের ওই মার্কিন যুবক অনেকের মুখমণ্ডলেই হঠাৎ অস্বাভাবিক ও রাক্ষুসে পরিবর্তন দেখতে পাচ্ছেন। এমনকি কারও কারও চেহারা তাঁর চোখে বিড়ালের মতোও রূপ নিচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই বিরল স্নায়বিক অবস্থাটিকে বলা হয় ‘প্রোসোপোমেটামরফোফসিয়া’ (Prosopometamorphopsia), যা লোকমুখে পরিচিত ‘ডেমন ফেস সিনড্রোম’ নামে। ঠিক কী ঘটছে আক্রান্তের চোখে? যখন কোনো পরিচিত বা প্রিয় মানুষের দিকে তাকানো হয়, তখন আক্রান্ত ব্যক্তির চোখে মুখের স্বাভাবিক গড়ন বদলে গিয়ে বিকৃত ও দানবীয় রূপ নিতে পারে। এ ধরনের ক্ষেত্রে চোখগুলো মাথার দু’পাশে প্রসারিত হয়ে যাওয়ার মতো মনে হয়, নাকের পাটা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং গাল ও কপালে গভীর খাঁজ তৈরি হয় বলে বর্ণনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অসুখকে সাধারণ ‘হ্যালুসিনেশন’ বা দৃষ্টিভ্রমজনিত কল্পনা হিসেবে দেখার সুযোগ নেই। হ্যালুসিনেশনে বাস্তবে যা নেই তা চোখের সামনে ভেসে ওঠে; কিন্তু এই অবস্থায় সামনে থাকা মানুষটি ও তাঁর মুখ বাস্তবই থাকে, কেবল মস্তিষ্কের সংকেত প্রক্রিয়াকরণে ত্রুটির কারণে সেই মুখ বিকৃতভাবে দৃশ্যমান হয়। অথচ কার্লের সাধারণ দৃষ্টিশক্তি স্বাভাবিক এবং তাঁর চশমা পরার প্রয়োজন হয় না। মস্তিষ্কের স্নায়ুপথে কেন এই গোলমাল? বিশেষজ্ঞদের মতে, মানুষের মস্তিষ্কে মুখমণ্ডল চিনতে ও বিশ্লেষণ করতে বিশেষ স্নায়ুপথ কাজ করে। ‘কগনিটিভ নিউরোসায়েন্স’ জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে দু’জন রোগীর ওপর চালানো গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ওই পরীক্ষায় রোগীদের মানুষের মুখের এক হাজারের বেশি ছবি এবং দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন বস্তু দেখানো হয়। দেখা যায়, মুখের ছবি দেখার সময় তাঁরা তীব্র দৃশ্যগত বিকৃতি টের পেলেও দৈনিন্দের সাধারণ বস্তুগুলোর ক্ষেত্রে কোনো বিকৃতি অনুভব করেননি। বিজ্ঞানী আন্তোনিও মেলো ও ব্র্যাড ডুকেইন ২০২৫ সালে প্রকাশিত একটি বইয়ে ব্যাখ্যা করেছেন, চোখের পিছনের অংশে আলো পড়ার পর সংকেত মস্তিষ্কের পিছন দিকে যায় এবং সেখান থেকে মুখের সামনের দিকের অংশ বিশ্লেষণের বিশেষ অঞ্চলগুলোতে পৌঁছায়। এই ধাপে মস্তিষ্ক নাক, চোখ বা কানের মতো অঙ্গগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে সেগুলোর পারস্পরিক দূরত্ব ও বিন্যাস যাচাই করে—যাকে ‘কনফিগারাল প্রসেসিং’ বলা হয়। এই সূক্ষ্ম ভারসাম্যে বিঘ্ন ঘটলেই মুখের গঠনে এমন বিভ্রান্তিকর বিকৃতি তৈরি হয়। সূত্র: পপুলার সাযেন্স।
এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না
দিনদুপুরে লন্ড্রি কার্টে ১৫ লাখ ডলার নিয়ে পালানোর চেষ্টা, নিউইয়র্কে গ্রেপ্তার দম্পতি

