হোমওনার্স অ্যাসোসিয়েশনে ৯৭৭ ডলার দেনা, নিলামে বিক্রি সাড়ে চার লাখ ডলারের বাড়ি
অ্যারিজোনার মেসায় মাত্র ৯৭৭ ডলার হোমওনার্স অ্যাসোসিয়েশন বা হোআ (HOA) এর বকেয়া থেকে শুরু হওয়া বিরোধে সাড়ে চার লাখ ডলারের একটি বাড়ি শেষ পর্যন্ত নিলামে কিনে নিয়েছে সেই হোআ। ২০২৫ সালের শেষ দিকে হওয়া এই নিলামে বাড়িটির দাম ওঠে মাত্র ৮ হাজার ১৭২ ডলার। ঘটনাটি নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে।
ইস্ট মেসার বাসিন্দা টবি নিউটন ২০২২ সালে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ডলারে চার বেডরুমের বাড়িটি কিনেছিলেন। অবসর জীবনের জন্য কেনা বাড়িটিতে তিনি তার দীর্ঘদিনের সঙ্গী শেরি প্যাটেনকে নিয়ে বসবাস করছিলেন।
২০২৪ সালে নিউটনের চাকরি চলে যাওয়ার পর তিনি আর্থিক সমস্যায় পড়েন। একই সময়ে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হন। ফলে বাড়ির নিয়মিত খরচের পাশাপাশি হোআর প্রায় ১৭০ ডলার ত্রৈমাসিক ফি পরিশোধ করাও তার জন্য কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে হোআর কাছে তার বকেয়া দাঁড়ায় ৯৭৭ ডলার, যার মধ্যে ফি ও সুদ ছিল।
নিউটনের দাবি, বকেয়া পরিশোধের জন্য তিনি হোআর সঙ্গে একাধিকবার পেমেন্ট প্ল্যানের চেষ্টা করেন। প্রথমে মাসে ৫০ ডলার, পরে ১৩৩ দশমিক ৭০ ডলার এবং শেষ পর্যন্ত মাসে ২০০ ডলার দেওয়ার প্রস্তাব দেন। তার ভাষ্য অনুযায়ী, এসব প্রস্তাব গ্রহণ করা হয়নি।
এরপর বিষয়টি ফোরক্লোজার প্রক্রিয়ায় গড়ায়। আদালতের প্রক্রিয়ায় অ্যাটর্নি ফি, কালেকশন খরচ ও অন্যান্য ব্যয় যুক্ত হতে থাকে। ফলে প্রাথমিক ৯৭৭ ডলারের বকেয়া পরে কয়েক হাজার ডলারে বেড়ে যায়।
২০২৫ সালে আদালতের প্রক্রিয়া শেষে বাড়িটি পাবলিক অকশনে তোলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সুপারস্টিশন স্প্রিংস কমিউনিটি মাস্টার অ্যাসোসিয়েশন ৮ হাজার ১৭২ ডলারের সর্বোচ্চ দর দিয়ে বাড়িটি কিনে নেয়। অর্থাৎ প্রায় সাড়ে চার লাখ ডলারের মূল্যের একটি বাড়ি হোআর নিলাম ক্রয়ে চলে যায় মাত্র কয়েক হাজার ডলারে।
এদিকে বাড়িটি হারানোর পরও নিউটন ও প্যাটেন সেখানে অবস্থান করছেন বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে। বাড়িটি ফেরত পাওয়ার জন্য তারা আইনি উদ্যোগের পাশাপাশি অর্থ সংগ্রহের চেষ্টা করছেন।
ঘটনাটির সময়কালও গুরুত্বপূর্ণ। নিউটনের বিরুদ্ধে ফোরক্লোজার প্রক্রিয়া শুরু হয় ২০২৪ সালে। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে অ্যারিজোনায় নতুন আইন কার্যকর হয়, যেখানে পরিকল্পিত আবাসিক কমিউনিটির হোআর ফোরক্লোজারের ক্ষেত্রে বকেয়ার সীমা ১ হাজার ২০০ ডলার থেকে বাড়িয়ে ১০ হাজার ডলার করা হয় এবং বকেয়া থাকার সময়সীমা এক বছর থেকে ১৮ মাস করা হয়। ফলে নিউটনের মামলাটি নতুন নিয়ম কার্যকর হওয়ার আগের আইনি কাঠামোর অধীনে এগিয়েছিল।
ঘটনাটি সামনে আসার পর হোআর ক্ষমতা, বকেয়া আদায়ের পদ্ধতি এবং তুলনামূলকভাবে ছোট অঙ্কের দেনা থেকে একটি বাড়ির ওপর ফোরক্লোজার কীভাবে হতে পারে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের জন্য কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে দেশটির ডাক বিভাগ। ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) একটি স্বাধীন ফেডারেল সংস্থা, যেখানে দেশজুড়ে বিভিন্ন সময়ে পূর্ণকালীন, খণ্ডকালীন ও মৌসুমি কর্মী নিয়োগ করা হয়। ডাকবাহক, চিঠি ও পার্সেল বাছাই, গ্রাহকসেবা, পরিবহন এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন পদে কাজের সুযোগ রয়েছে। তবে কোন এলাকায় কতটি পদ খালি, তা নির্ভর করে চলমান নিয়োগ বিজ্ঞপ্তির ওপর। ইউএসপিএসের উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে সিটি ক্যারিয়ার অ্যাসিস্ট্যান্ট (সিসিএ), মেইল হ্যান্ডলার অ্যাসিস্ট্যান্ট (এমএইচএ), পিএসই মেইল প্রসেসিং ক্লার্ক এবং সেলস অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েট। ডাকবাহকদের চিঠি ও পার্সেল পৌঁছে দিতে হয়, মেইল হ্যান্ডলারদের ডাক ও প্যাকেট বাছাই এবং ওঠানো-নামানোর কাজ করতে হয়। অন্যদিকে, প্রসেসিং ক্লার্করা ডাকপত্র ও পার্সেল বিতরণের জন্য প্রস্তুত করেন। কিছু পদে বাইরে হাঁটাহাঁটি করে কাজ করতে হয়, আবার কিছু পদে গুদাম বা ডাক প্রক্রিয়াকরণ কেন্দ্রে শিফট অনুযায়ী কাজ করতে হয়। বেতন পদ ও নিয়োগের ধরন অনুযায়ী আলাদা। উদাহরণ হিসেবে, ২০২৬ সালের বেতন তালিকায় নতুন সিটি ক্যারিয়ার অ্যাসিস্ট্যান্টদের ঘণ্টাপ্রতি বেতন ২১ ডলারের বেশি। কিছু পিএসই পদের প্রাথমিক বেতন ঘণ্টায় প্রায় ২০ থেকে ২৩ ডলারের মধ্যে হতে পারে। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের হিসাবে ঘণ্টায় ২১ ডলার বেতন হলে বছরে প্রায় ৪৩ হাজার ৬৮০ ডলার আয় হয়। এর পাশাপাশি যোগ্য কর্মীরা ওভারটাইম, রাতের শিফট ও রবিবার কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক পেতে পারেন। তবে অতিরিক্ত কাজ নিশ্চিত নয়; পদ, কর্মঘণ্টা ও সংশ্লিষ্ট চুক্তির ওপর তা নির্ভর করে। ক্যারিয়ার পদে কর্মীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স, অবসরকালীন সুবিধা, লাইফ ইন্স্যুরেন্স, অসুস্থতাজনিত ছুটি ও বার্ষিক ছুটির ব্যবস্থা রয়েছে। যোগ্য কর্মীরা পেনশন এবং থ্রিফট সেভিংস প্ল্যানের মতো অবসর সঞ্চয় কর্মসূচিতেও অংশ নিতে পারেন। তবে সিসিএ, পিএসই ও অন্যান্য নন-ক্যারিয়ার পদের সুবিধা নিয়মিত কর্মীদের মতো নাও হতে পারে। তাই আবেদন করার আগে চাকরিটি ক্যারিয়ার নাকি নন-ক্যারিয়ার, তা যাচাই করা জরুরি। সাধারণভাবে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হয়। কিছু ক্ষেত্রে হাইস্কুল ডিপ্লোমা থাকলে ১৬ বছর বয়সেও আবেদন করা যায়। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা ইউএসপিএসের নির্ধারিত যোগ্যতাসম্পন্ন অভিবাসন মর্যাদা থাকতে হবে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড চেক, ড্রাগ স্ক্রিনিং এবং প্রয়োজন অনুযায়ী মেডিকেল মূল্যায়নে উত্তীর্ণ হতে হয়। কিছু পদের জন্য অনলাইন অ্যাসেসমেন্ট বা পরীক্ষা দিতে হয়। গাড়ি চালানোর দায়িত্ব থাকলে বৈধ ড্রাইভার লাইসেন্স ও নিরাপদ ড্রাইভিং রেকর্ডও প্রয়োজন হতে পারে। আগ্রহীরা ইউএসপিএসের সরকারি চাকরির ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করে নিজের শহর বা জিপ কোড দিয়ে চাকরি খুঁজতে পারবেন। সিটি ক্যারিয়ার অ্যাসিস্ট্যান্ট, মেইল হ্যান্ডলার অ্যাসিস্ট্যান্ট ও পিএসইর মতো অনেক পদের আবেদন নতুন ক্যারিয়ার পোর্টালে নেওয়া হয়; কিছু অন্য পদের জন্য পুরোনো ই-কেরিয়ার ব্যবস্থাও ব্যবহার করতে হয়। প্রতিটি বিজ্ঞপ্তিতে বেতন, যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ উল্লেখ থাকে। আবেদন ও নিয়োগ পরীক্ষার জন্য কোনো ফি লাগে না। চাকরির নামে কেউ টাকা চাইলে সতর্ক থাকতে হবে এবং শুধু ইউএসপিএসের সরকারি নিয়োগব্যবস্থার মাধ্যমেই আবেদন করতে হবে।
নিউইয়র্কে মেডিকেইড হারানোর আশঙ্কা, বাসিন্দাদের সহায়তায় ৩০ লাখ ডলারের উদ্যোগ
নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার দাবি টাম্পের
ট্রাম্পের দেওয়া ১ হাজার ডলারের চাইল্ড অ্যাকাউন্ট নিতে নারাজ বাবা, মেয়ের নামে জড়াতে চান না প্রেসিডেন্টের নাম
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ওক পার্কে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের বরাতে এবিসি সেভেন শিকাগো জানিয়েছে, রোববার(১ নভেম্বর) এক পুরুষ ওই নারীকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থল থেকে প্রায় ২৯টি গুলির খোসা পাওয়া গেছে। শিকাগোর পশ্চিমের এই উপশহরে ঘটনাটি ঘটে মধ্যরাতের পর। ওক পার্ক পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার, রাত সাড়ে ১২টার দিকে লাইম্যান অ্যাভিনিউয়ের ১১০০ ব্লকে গুলি চালানো হয়। ঘটনার আগে নারী ও পুরুষটির মধ্যে তর্কের দৃশ্য রিং ক্যামেরায় ধরা পড়ে। পুলিশের বর্ণনা অনুযায়ী, তর্কের একপর্যায়ে পুরুষটি অস্ত্র বের করে নারীকে লক্ষ্য করে গুলি চালান। আহত অবস্থায় তাঁকে লয়োলা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। সিবিএস শিকাগোর পৃথক প্রতিবেদনে ঘটনাস্থল লাইম্যান অ্যাভিনিউ ও হার্ভার্ড স্ট্রিটের মোড়ের কাছে বলে উল্লেখ করা হয়েছে। জায়গাটি অস্টিন বুলেভার্ড ও শিকাগোর সীমানা থেকে এক ব্লক পশ্চিমে। এর কিছুটা দক্ষিণে রুজভেল্ট রোড এবং সিসেরোর সীমানা অবস্থিত। সিবিএসের প্রতিবেদনে ঘটনাস্থলে গুলির খোসা চিহ্নিত করতে অন্তত ৩০টি আলামত নির্দেশক মার্কার দেখা যাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, এবিসি সেভেন পুলিশের বরাতে খোসার সংখ্যা জানিয়েছে প্রায় ২৯টি। দুটি প্রতিবেদনে আলামতের সংখ্যা উল্লেখের ধরন আলাদা। এবিসি সেভেনের প্রতিবেদন অনুযায়ী, নিহত নারীর পরনে হ্যালোউইনের পোশাক ছিল। নিহত নারী ও সন্দেহভাজন পুরুষটির পরিচয় তখনো জানা যায়নি। তাঁদের সম্পর্ক, তর্কের কারণ কিংবা গ্রেপ্তারের বিষয়ে ওই প্রতিবেদনে তথ্য দেওয়া হয়নি। সূত্র: এবিসি সেভেন শিকাগো ও সিবিএস শিকাগো।
যুক্তরাষ্ট্রের ওরেগনে আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ৫০০ ফুট নিচে পড়ে নি হত ব্রিটিশ শিক্ষার্থীসহ ৩
যুক্তরাষ্ট্রে খালি বাড়ির সংখ্যা কমছে, তবু কাটছে না আবাসন সংকট
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল, কঠোর নজরদারিতে বিদেশি নাগরিকেরা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ইমিগ্রেশন অভিযানের সময় পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় আইসিইর এক এজেন্টের বিরুদ্ধে গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত এজেন্ট মারিও আলবার্তো মোরালেস সোমবার (২ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। গত ১০ অক্টোবরের ওই ঘটনায় ৪৮ বছর বয়সী এক মেক্সিকান নির্মাণশ্রমিকের পা ভেঙে যায়। শুক্রবার (৩০ অক্টোবর) হ্যারিস কাউন্টির একটি গ্র্যান্ড জুরি এজেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেয়। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এবিসি১৩ জানিয়েছে, অভিযুক্ত ৩৩ বছর বয়সী মোরালেস যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে গাড়িকে বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করে গুরুতর হামলার দুটি অভিযোগ রয়েছে। তবে তিনি ইচ্ছাকৃতভাবে কাউকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী ডেভিড লিন্ডেনমুথ দাবি করেছেন, ঘটনাটি নিছক দুর্ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ একটি দুর্ঘটনাকে অপরাধ হিসেবে উপস্থাপন করছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর হিউস্টনের একটি পার্কিং লটে। ওই দিন আইসিইর অভিযানের সময় মিগুয়েল পারা হার্নান্দেজ নামের এক মেক্সিকান নাগরিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মোরালেস একটি পরিচয়বিহীন এসইউভি গাড়ি নিয়ে তাঁকে অনুসরণ করেন। একপর্যায়ে গাড়িটি পার্কিং লটের মাঝের বিভাজক অংশ অতিক্রম করে হার্নান্দেজকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, হার্নান্দেজ দৌড়ে পালানোর সময় আইসিই এজেন্টের গাড়িটি বিভাজক অংশ পেরিয়ে তাঁর দিকে এগিয়ে যায় এবং তাঁকে আঘাত করে। শুক্রবার সংবাদ সম্মেলনে হ্যারিস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন টেয়ার অভিযুক্ত এজেন্টের বডি ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রকাশ করেন। সেখানে গাড়ি চালানোর সময় মোরালেসকে স্টিয়ারিং দ্রুত ঘোরাতে দেখা যায়। পরে গাড়ি থামিয়ে তিনি নেমে আসেন। তখন আহত ব্যক্তি মাটিতে পড়ে চিৎকার করছিলেন। ভিডিওতে আরেক আইসিই এজেন্ট ঘটনাস্থলে পৌঁছানোর পর মোরালেসকে বলতে শোনা যায়, তিনি গাড়ি নিয়ে এগিয়ে আসার সময় ওই ব্যক্তিকে ধাক্কা দিয়েছেন। তদন্তকারীরা ঘটনাটির ভিডিও ফুটেজ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করেছেন। হ্যারিস কাউন্টি শেরিফ অফিসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হার্নান্দেজ তদন্তকারীদের জানিয়েছেন, আইসিই এজেন্ট মুখে মাস্ক পরতে শুরু করলে তিনি ভয় পেয়ে পালিয়ে যান। তাঁর অভিযোগ, এরপর এজেন্ট গাড়িটি তাঁর দিকে চালিয়ে দেন। অন্যদিকে মোরালেস তদন্তকারীদের স্বীকার করেছেন, ধাক্কা দেওয়ার আগে তিনি ব্রেক করেননি। তবে কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার উদ্দেশ্য ছিল না বলে দাবি করেছেন তিনি। ঘটনার বিষয়ে আইসিইর বক্তব্য ভিন্ন। সংস্থাটি জানিয়েছে, হার্নান্দেজ নিজেই মোরালেসের গাড়ির সামনে দৌড়ে চলে এসেছিলেন। ফলে গাড়িচাপার ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কি না, তা নিয়ে অভিযুক্ত এজেন্টের বক্তব্যের সঙ্গে তদন্তে উঠে আসা তথ্যের বিরোধ রয়েছে। হ্যারিস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন টেয়ার শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, আহত হার্নান্দেজের একটি পা ভেঙে গেছে। তিনি বর্তমানে ফেডারেল কর্তৃপক্ষের হেফাজতে একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলছে। আইসিই জানিয়েছে, ওই দিনের অভিযানের মূল লক্ষ্য ছিলেন হোসে মেন্ডোজা সার্ভান্তেস নামের এক ব্যক্তি। সংস্থাটির দাবি, তাঁকে হার্নান্দেজের সঙ্গে একটি গাড়িতে উঠতে দেখা গিয়েছিল। তবে এই তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এফআইইএলকে মেন্ডোজা সার্ভান্তেসের মেয়ে জানিয়েছেন, তাঁর বাবা প্রায় এক দশক আগে মারা গেছেন। ফলে অভিযানের লক্ষ্য হিসেবে যাঁর নাম উল্লেখ করা হয়েছে, তাঁর পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে অভিযুক্ত মোরালেসের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল সোমবার আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করেছেন। মোরালেস এক বছরের কিছু বেশি সময় ধরে আইসিইতে কর্মরত রয়েছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে কারাগার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও কাজ করেছেন। আদালতের নথি অনুযায়ী, ২০১৩ সালে চারটি ডিভিডি চুরির অভিযোগে মোরালেসের বিরুদ্ধে একটি লঘু অপরাধের মামলা হয়েছিল। পরে ২৭০ ডলার জরিমানা পরিশোধ এবং সমঝোতার ভিত্তিতে ওই অভিযোগ খারিজ করা হয়। চলতি নির্বাচনী চক্রে তিনি টেক্সাসের ৩৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। শুক্রবারের সংবাদ সম্মেলনে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন টেয়ার বলেন, মোরালেসের অতীত সম্পর্কে কর্তৃপক্ষের কাছে উল্লেখযোগ্য তথ্য রয়েছে। তাঁর অভিজ্ঞতায় এ ধরনের অতীত থাকা কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় নিয়োগ দেওয়া হতো না বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের সময় ফেডারেল এজেন্টদের বলপ্রয়োগ নিয়ে চলমান বিতর্কের মধ্যে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে অভিবাসন অভিযানে গুলি চালানো ও মানুষ আহত হওয়ার একাধিক ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার ঘটনা তুলনামূলকভাবে বিরল। এর আগে মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানের সময় এক ভেনেজুয়েলার নাগরিককে গুলি করে আহত করার পর এফবিআইকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আইসিই এজেন্ট ক্রিশ্চিয়ান কাস্ত্রোর বিরুদ্ধে মামলা হয়। তিনি গত মাসে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। হিউস্টনের ঘটনায় মোরালেসের বিরুদ্ধে গ্র্যান্ড জুরি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের সিদ্ধান্ত দিলেও আদালতে তাঁর অপরাধ এখনো প্রমাণিত হয়নি। আগামী সোমবার তাঁর আত্মসমর্পণের পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে বাড়ির মাসিক এইচওএ ফি ২৫০০ ডলার, বাড়ি হারানোর শঙ্কায় বাসিন্দারা
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কাছে হোমকামিং পার্টিতে গোলাগুলি, আ হত অন্তত ৭ জন