নিউ ইয়র্কে মায়েদের জন্য ফর্মুলা ও খাবার সহায়তা, উইকে আবেদন করবেন যেভাবে জানুন
নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত যোগ্য বাংলাদেশি পরিবারগুলো শিশুদের খাবার, নির্দিষ্ট ধরনের ইনফ্যান্ট ফর্মুলা ও অন্যান্য পুষ্টিকর খাবার কিনতে উইক কর্মসূচির সহায়তা পেতে পারে। গর্ভবতী নারী, সদ্য সন্তান জন্ম দেওয়া মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর পরিবারের জন্য এ কর্মসূচি চালু রয়েছে। এটি শুধু বাংলাদেশিদের জন্য নয়; যোগ্য নিউইয়র্কবাসী সবাই আবেদন করতে পারেন।
নিউ ইয়র্ক সিটির সরকারি তথ্যসেবা অ্যাকসেস এনওয়াইসি জানিয়েছে, উইকে আবেদনের সময় ইমিগ্রেশন স্ট্যাটাস জানতে চাওয়া হয় না। তবে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বসবাস, পরিবারের আয় এবং কর্মসূচির অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হয়। শিশুর বাবা, দাদা-দাদি, নানা-নানি বা অন্য প্রধান পরিচর্যাকারীও শিশুর জন্য আবেদন করতে পারেন।
উইকের সুবিধা নগদ টাকা হিসেবে দেওয়া হয় না। যোগ্য ব্যক্তিরা ই-উইক কার্ড দিয়ে অনুমোদিত খাবার কেনেন। পরিবারের প্রয়োজন অনুযায়ী খাবারের পাশাপাশি পুষ্টি বিষয়ে পরামর্শ ও বুকের দুধ খাওয়ানোর সহায়তাও পাওয়া যায়। কোন শিশুর জন্য কী খাবার বা ফর্মুলা পাওয়া যাবে, তা উইক অফিস নির্ধারণ করে।
আবেদন বা কাছের উইক অফিসের তথ্য জানতে ১-৮০০-৫২২-৫০০৬ নম্বরে কল করা যায়। ফোনে বা সরাসরি সাক্ষাতের সময় ঠিক করতেও এই নম্বর ব্যবহার করা যায়।
উইকের বাইরে বিনামূল্যে খাবারের প্রয়োজন হলে নিউ ইয়র্ক সিটির কমিউনিটি ফুড কানেকশন কর্মসূচির ফুড প্যান্ট্রি ও কমিউনিটি কিচেনের খোঁজ পাওয়া যায় ৩১১ নম্বরে কল করে। প্রচলিত ‘NYC FOOD’ লিখে ৩০৪-৩০৪ নম্বরে টেক্সট করার নির্দেশনাটি মূলত আগের বছরের গ্রীষ্মকালীন খাবার কর্মসূচির প্রচারে ব্যবহৃত হয়েছে। বর্তমান ফুড প্যান্ট্রির অবস্থান জানতে সিটি কর্তৃপক্ষ ৩১১ নম্বর ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এবার মার্কিন সিনেটে ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্ব বা 'সিনেট মেজরিটি লিডার' পদ নিয়ে দলের ভেতরেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা চাক শুমারকে চ্যালেঞ্জ জানিয়ে এই পদে লড়ার ঘোষণা দিয়েছেন মেরিল্যান্ডের ডেমোক্রেটিক সিনেটর ও ইসরায়েল সমালোচক হিসেবে পরিচিত ক্রিস ভ্যান হোলেন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ভ্যান হোলেন জানান, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং সেই ডাকে সাড়া দিতেই তিনি প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তের দাবি মেটাতে আমাদের নতুন নেতৃত্বের প্রয়োজন। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, বরং মার্কিন জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা।’ আগামী ডিসেম্বরের শুরুতে রুদ্ধদ্বার ও গোপন ব্যালটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে। গত কয়েক দশকের মধ্যে এই প্রথম সিনেট ডেমোক্রেটিক লিডার পদে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। দলের ভেতরে বিভক্তি ও শুমারের আত্মবিশ্বাস ৭৫ বছর বয়সী চাক শুমার দীর্ঘ সময় ধরে সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছেন। এবারের নির্বাচনে ৫৫টিরও বেশি আসন জিতে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারে তাঁর বড় ভূমিকা থাকলেও দলের প্রগতিশীল অংশ এবং তৃণমূল পর্যায়ে নতুন ও তরুণ নেতৃত্বের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালের বসন্তে একটি ব্যয় বিলের ভোটে রিপাবলিকানদের পক্ষ নেওয়ায় শুমারের বিরুদ্ধে দলের ভেতরে যে অসন্তোষ তৈরি হয়েছিল, ভ্যান হোলেনের এই প্রার্থিতা সেই বিভক্তিকেই সামনে নিয়ে এল। তবে জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী চাক শুমার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘দলের ভবিষ্যৎ নিয়ে যেকোনো আলোচনাকে আমি স্বাগত জানাই। তবে আমাদের যৌথ অর্জনে আমি গর্বিত এবং ডেমোক্রেটিক লিডার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট আমার পক্ষেই রয়েছে।’ ইতোমধ্যে তিনি ২০২৭ সালের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে সিনেটরদের সাথে একান্ত বৈঠক শুরু করেছেন, যেখানে স্বাস্থ্যসেবা, শুল্ক নীতি এবং ইরান যুদ্ধ বন্ধের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। কে কার পক্ষে? ৬৭ বছর বয়সী ভ্যান হোলেন এখনো নিজের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ না করলেও, ইসরায়েল ও বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর সাথে শুমারের ঘনিষ্ঠতার কঠোর সমালোচনা করে আসছেন। ভ্যান হোলেনের প্রতি সমর্থন জানিয়েছেন প্রগতিশীল নেতা বার্নি স্যান্ডার্স এবং মিশিগান থেকে সদ্য নির্বাচিত সিনেটর আব্দুল এল-সাইয়েদ। এল-সাইয়েদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে দলের এখন ‘সাহসী নেতৃত্ব’ প্রয়োজন। অন্যদিকে, ওহাইওর নবনির্বাচিত সিনেটর শেরড ব্রাউন, মেইনের অ্যাঙ্গাস কিং এবং নেভাদার ক্যাথরিন কর্টেজ মাস্তোর মতো প্রভাবশালী সিনেটররা শুমারের পাশেই দাঁড়িয়েছেন। শুমারের সমর্থকদের মতে, নির্বাচনী সাফল্যের কারিগর ও অভিজ্ঞ নেতাকে সরিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং মন্তব্য করেছেন, ‘বিশ্বকাপ জেতার পর কেউ কি দলের ম্যানেজারকে বরখাস্ত করে?’ সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
চীনা গুপ্তচর সন্দেহভাজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, মার্কিন কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক সিইওকে
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে বিনিয়োগের জেরে উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
মাত্র ২৩ বছর বয়সে নিজেদের চেষ্টায় ৪২০ কোটি ডলারের মালিক দুই ভারতীয় তরুণ
যুক্তরাষ্ট্রের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১০ লাখ ডলারের পুরস্কার তহবিল নিয়ে নতুন প্রতিযোগিতা চালু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ আনুমানিক সাড়ে ১২ কোটি টাকা। ‘মুন বেস চ্যালেঞ্জ’ নামের প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা চাঁদে মানুষের স্থায়ী বসবাসের উপযোগী ঘাঁটি নির্মাণের জন্য নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ সময় ২০২৭ সালের ২৫ জানুয়ারি। গত ৮ নভেম্বর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার ভিজিটর কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় নাসা। সংস্থাটির লক্ষ্য, ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে এমন একটি স্থায়ী ঘাঁটি গড়ে তোলা, যেখানে নভোচারীরা দীর্ঘ সময় অবস্থান করে গবেষণা ও বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা কাজে লাগাতে চায় সংস্থাটি। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, ভবিষ্যতের মহাকাশ গবেষণায় অবদান রাখতে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। সৃজনশীল চিন্তা, দলগতভাবে কাজ করার দক্ষতা এবং কঠিন সমস্যার সমাধান খুঁজে বের করার আগ্রহ থাকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া সম্ভব। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ছয়টি নির্দিষ্ট বিষয়ের যেকোনো একটিতে উদ্ভাবনী সমাধান তৈরি করতে হবে। বিষয়গুলো হচ্ছে চাঁদে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ, স্থানীয় উপকরণ ব্যবহার করে অবকাঠামো নির্মাণ, অক্সিজেন ও পানিসহ জীবনধারণ সহায়ক ব্যবস্থা, চন্দ্রপৃষ্ঠে চলাচলের প্রযুক্তি, যোগাযোগ নেটওয়ার্ক এবং নভোচারীদের নিরাপত্তা। উদাহরণ হিসেবে চাঁদে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা, চাঁদের ধুলাবালি থেকে নভোচারীদের সুরক্ষা, স্বয়ংক্রিয় যানবাহনের মাধ্যমে মালামাল পরিবহন কিংবা সীমিত সম্পদ ব্যবহার করে নিরাপদ আবাসস্থল তৈরির মতো বিষয় নিয়ে কাজ করতে পারবেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় জমা দেওয়া ধারণাগুলোকে চাঁদের প্রতিকূল পরিবেশে বাস্তবায়নের সম্ভাবনাও বিবেচনায় নিতে হবে। নাসার তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। একটি হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবং অন্যটি কলেজ ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। প্রতিটি দলে দুই থেকে পাঁচজন শিক্ষার্থী থাকতে হবে। পাশাপাশি একজন প্রাপ্তবয়স্ক শিক্ষক বা অনুমোদিত প্রশিক্ষককে টিম কোচ হিসেবে যুক্ত করতে হবে। হাইস্কুল বিভাগের জন্য সাধারণভাবে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা যোগ্য বিবেচিত হবেন। অন্যদিকে উচ্চশিক্ষা বিভাগে অংশ নিতে শিক্ষার্থীদের বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রের নির্ধারিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। উভয় বিভাগের জন্যই আলাদা শিক্ষাগত ও নিবন্ধনসংক্রান্ত শর্ত রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিযোগিতায় অংশ নিতে মার্কিন নাগরিক হওয়া সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। নাসার প্রকাশিত নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকরাও নির্দিষ্ট শর্ত পূরণ করে অংশ নিতে পারবেন। তবে তাঁদের যুক্তরাষ্ট্রের যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত থাকতে হবে। ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন এমন বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। অন্যদিকে বাংলাদেশে অবস্থান করে শুধু বাংলাদেশের কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থীরা বর্তমান যোগ্যতার শর্ত অনুযায়ী সরাসরি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রভিত্তিক যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে হবে। আবেদন করতে প্রথমে নাসার STEM Gateway প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। এরপর শিক্ষার্থীদের দুই থেকে পাঁচজনের দল গঠন করে একজন যোগ্য টিম কোচ নির্বাচন করতে হবে। প্রত্যেক সদস্যের নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের প্রমাণ এবং কোচের সম্মতিপত্র জমা দিতে হবে। আবেদনকারীদের প্রতিযোগিতার অফিসিয়াল নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট প্রস্তুত করতে হবে। নিবন্ধন শেষ হওয়ার পর শিক্ষার্থীদের নির্বাচিত বিষয়ের ওপর একটি প্রযুক্তিগত ধারণাপত্র তৈরি করে জমা দিতে হবে। প্রথম ধাপে পাঁচ থেকে সাত পৃষ্ঠার কনসেপ্ট পেপার জমা দেওয়ার নিয়ম রয়েছে। এতে সমস্যার বিবরণ, প্রস্তাবিত প্রযুক্তিগত সমাধান, বাস্তবায়নের সম্ভাবনা এবং প্রয়োজনীয় চিত্র বা নকশা অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিযোগিতার প্রথম ধাপের প্রজেক্ট জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি। এরপর ১১ মার্চ ফাইনালিস্টদের নাম ঘোষণার পরিকল্পনা রয়েছে। নির্বাচিত দলগুলোকে নিজেদের উদ্ভাবনী ধারণা আরও বিস্তারিতভাবে উপস্থাপন করতে হবে। চূড়ান্ত পর্বে সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও প্রেজেন্টেশন এবং সর্বোচ্চ ১৫ স্লাইডের উপস্থাপনা জমা দিতে হবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ এপ্রিল চূড়ান্ত পর্বের প্রজেক্ট জমা দেওয়ার শেষ সময়। বিজয়ীদের নাম ঘোষণার পরিকল্পনা রয়েছে একই বছরের ৬ মে। তবে নাসা বা প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিযোগিতায় মোট ১০ লাখ ডলার পর্যন্ত নগদ পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই অর্থ একজন বিজয়ীকে দেওয়া হবে না। বরং বিভিন্ন বিভাগ, বিষয় ও প্রতিযোগিতার ধাপ অনুযায়ী নির্বাচিত দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। প্রথম ধাপের ফাইনালিস্ট, চূড়ান্ত পর্বের রানারআপ এবং সেরা দলগুলোর জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগে থেকে বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিংবা মহাকাশ প্রযুক্তিতে পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষার্থীরাও যোগ্যতার শর্ত পূরণ করে অংশ নিতে পারবেন। শিক্ষার্থীরা হাতে আঁকা নকশা, ডিজিটাল ডিজাইন কিংবা সাধারণ উপকরণ দিয়ে তৈরি মডেলের মাধ্যমেও তাঁদের ধারণা ব্যাখ্যা করতে পারবেন। তবে প্রতিযোগিতায় জমা দেওয়া কাজ শিক্ষার্থীদের নিজস্ব হতে হবে। অন্যের গবেষণা বা নকশা ব্যবহার করলে যথাযথ স্বীকৃতি দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়ার সুযোগ থাকলেও সেটি কীভাবে ব্যবহার করা হয়েছে, তা স্পষ্টভাবে জানাতে হবে। সব লিখিত ও ভিডিও উপস্থাপনা ইংরেজিতে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। নাসার মুন বেস কর্মসূচির অন্যতম উদ্দেশ্য চাঁদে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি পরীক্ষা করা। এ কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ভবিষ্যতের মহাকাশ গবেষণার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে পারে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর স্কুল ও কলেজপড়ুয়া সন্তানদের জন্য এই প্রতিযোগিতা বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর একটি সুযোগ। বিশেষ করে রোবটিকস, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা তুলে ধরতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের ২০২৭ সালের ২৫ জানুয়ারির মধ্যে নাসার STEM Gateway প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে বয়স, শিক্ষাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের যোগ্যতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টসংক্রান্ত শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: নাসা
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় নতুন ১২৮ প্রশ্ন, বাংলায় শিখুন প্রথম ২০টি
যুক্তরাষ্ট্রে বাড়ির ইন্স্যুরেন্সের খরচ কমানোর তিন কার্যকর কৌশল, জেনে নিন বিস্তারিত
হেগসেথকে ধমক দিয়েছেন যে প্রহরী পরদিন তাকেই পদক দিলেন তিনি
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনাবেচার বাজারে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। মর্টগেজের সুদের হার বেড়ে যাওয়ায় গত অক্টোবরে পুরোনো বাড়ি বিক্রির গতি নেমে এসেছে ১৬ বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে। একই সঙ্গে বাড়ির দাম এখনো চড়া থাকায় নতুন ক্রেতাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস (NAR) জানিয়েছে, অক্টোবরে আগের মাসের তুলনায় বাড়ি বিক্রি কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। তবে বিক্রি কমলেও বাড়ির মধ্যম মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এনএআরের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে মৌসুমি সমন্বয়ের পর পুরোনো বাড়ি বিক্রির বার্ষিক গতি দাঁড়িয়েছে ৩৭ লাখ ৫০ হাজার ইউনিটে। এটি ২০১০ সালের আগস্টের পর সর্বনিম্ন। এই সংখ্যা অক্টোবর মাসে বাস্তবে বিক্রি হওয়া মোট বাড়ির সংখ্যা নয়। বরং ওই মাসের বিক্রির গতি সারা বছর অব্যাহত থাকলে বছরে কত বাড়ি বিক্রি হতে পারে, তার হিসাব। গত বছরের অক্টোবরের তুলনায় বিক্রির হার কমেছে ৮ দশমিক ৮ শতাংশ। অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়েও কম বাড়ি বিক্রি হয়েছে। টানা তিন মাস ধরে বার্ষিক বিক্রির গতি ৪০ লাখের নিচে রয়েছে। বাড়ি বিক্রি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ মর্টগেজের উচ্চ সুদের হার। যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ৩০ বছরের ফিক্সড রেট মর্টগেজের গড় সুদ অক্টোবরে ছিল ৭ দশমিক ৩৩ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ। গত বছরের একই সময়ে এই হার ছিল ৬ দশমিক ২৫ শতাংশ। অক্টোবরের শুরুতে সুদের হার একপর্যায়ে ৭ দশমিক ৪ শতাংশে পৌঁছায়, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। উচ্চ সুদের কারণে একই দামের বাড়ি কিনতেও ক্রেতাদের প্রতি মাসে আগের তুলনায় বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে। ফলে অনেক সম্ভাব্য ক্রেতা আপাতত বাড়ি কেনার পরিকল্পনা স্থগিত রেখেছেন। এনএআরের প্রধান অর্থনীতিবিদ লরেন্স ইউন বলেছেন, বর্তমান বাজার ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই কঠিন। তাঁর মতে, দীর্ঘ সময় পর মর্টগেজের সুদ এতটা বেড়ে যাওয়ায় বাড়ি কেনার সামর্থ্য কমেছে। যুক্তরাষ্ট্রে ২০২২ সাল থেকে আবাসন বাজারে ধীরগতি চলছে। করোনাকালে সুদের হার তুলনামূলক কম থাকলেও পরবর্তী সময়ে তা দ্রুত বাড়তে শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুদ্ধ শুরুর পর জ্বালানির দাম ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ে। এর প্রভাবে দীর্ঘমেয়াদি ঋণের বাজারে সুদের চাপ তৈরি হয়, যা মর্টগেজের খরচ আরও বাড়িয়েছে। বাড়ি বিক্রি কমলেও দামে বড় ধরনের পতন দেখা যায়নি। এনএআরের তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া পুরোনো বাড়ির মধ্যম মূল্য ছিল ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার। গত বছরের একই মাসের তুলনায় এটি শূন্য দশমিক ৪ শতাংশ বেশি। ১৯৯৯ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের জন্য এটি সর্বোচ্চ মধ্যম মূল্য। যুক্তরাষ্ট্রে টানা ৪০ মাস ধরে আগের বছরের একই মাসের তুলনায় বাড়ির দাম বেড়েছে। অর্থাৎ বিক্রির গতি কমে গেলেও জাতীয় পর্যায়ে বাড়ির মূল্য এখনো ঊর্ধ্বমুখী। তবে অঞ্চলভেদে বাড়ির দাম ও বাজার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বাড়ি বিক্রি সবচেয়ে বেশি কমেছে। আগের মাসের তুলনায় সেখানে বিক্রি কমেছে ৯ দশমিক ৭ শতাংশ। দক্ষিণাঞ্চলে কমেছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মধ্য-পশ্চিমাঞ্চলে ৩ দশমিক ২ শতাংশ। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলে বিক্রির হার অপরিবর্তিত রয়েছে। তবে গত বছরের অক্টোবরের তুলনায় যুক্তরাষ্ট্রের চারটি প্রধান অঞ্চলেই বাড়ি বিক্রি কমেছে। একই সময়ে প্রথমবার বাড়ি কেনা ক্রেতাদের অংশগ্রহণও কমেছে। অক্টোবরে মোট বিক্রির মাত্র ২৯ শতাংশ ছিল প্রথমবারের ক্রেতাদের, যেখানে সেপ্টেম্বরে এই হার ছিল ৩১ শতাংশ। উচ্চ সুদ ও বাড়ির দাম নতুন ক্রেতাদের বাজারে প্রবেশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাড়ি বিক্রি কমে যাওয়ায় বাজারে অবিক্রীত বাড়ির সংখ্যা বেড়েছে। অক্টোবরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে বিক্রির অপেক্ষায় ছিল প্রায় ১৫ লাখ ৯০ হাজার বাড়ি। এটি ২০১৯ সালের নভেম্বরের পর সর্বোচ্চ। আগের মাসের তুলনায় অবিক্রীত বাড়ির সংখ্যা বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ। বর্তমান বিক্রির গতি অনুযায়ী, এসব বাড়ি বিক্রি হতে প্রায় ৫ দশমিক ১ মাস লাগতে পারে। সাধারণত চার থেকে ছয় মাসের বাড়ির সরবরাহকে তুলনামূলক ভারসাম্যপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করা হয়। ফলে যাঁরা বর্তমান সুদের হার ও বাড়ির দাম সামলাতে পারছেন, তাঁদের সামনে আগের তুলনায় বেশি বাড়ি দেখার এবং দাম নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। বাজারে বাড়ি বিক্রি হতে সময়ও বাড়ছে। অক্টোবরে একটি বাড়ি বিক্রি হতে মধ্যম হিসেবে ৩৫ দিন লেগেছে, যা সেপ্টেম্বরে ছিল ৩৩ দিন। অন্যদিকে নগদ অর্থে বাড়ি কেনার প্রবণতা কিছুটা বেড়েছে। অক্টোবরে মোট লেনদেনের ২৯ শতাংশ হয়েছে নগদ অর্থে, যেখানে আগের মাসে এই হার ছিল ২৭ শতাংশ। রিয়েলটর ডটকমের তথ্য অনুযায়ী, বাজারে তালিকাভুক্ত প্রায় পাঁচটির মধ্যে একটি বাড়ির প্রাথমিক দাম কমানো হয়েছে। অর্থাৎ সব এলাকায় বাড়ির দাম সমানভাবে বাড়ছে না। কিছু বিক্রেতা ক্রেতা আকৃষ্ট করতে নিজেদের প্রত্যাশিত মূল্য কমাতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, মর্টগেজের সুদ উল্লেখযোগ্যভাবে না কমলে যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে দ্রুত স্বাভাবিক গতি ফিরে আসার সম্ভাবনা সীমিত। তবে বাজারে বাড়ির সরবরাহ বাড়ার ফলে ক্রেতাদের দর-কষাকষির সুযোগ কিছুটা উন্নত হতে পারে। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার পরিকল্পনা করছেন এমন প্রবাসী বাংলাদেশিদের জন্যও এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। শুধু বাড়ির বিক্রয়মূল্য নয়, মর্টগেজের সুদ, ডাউন পেমেন্ট, প্রপার্টি ট্যাক্স, বাড়ির বিমা এবং ক্লোজিং খরচ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কারণ বাড়ির দাম কিছুটা কমলেও সুদের হার বেশি থাকলে মাসিক মর্টগেজ পরিশোধের খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস (এনএআর)।
যুক্তরাষ্ট্রের ওহাইওতে ১৭ বছরেই শর্তসাপেক্ষে বিয়ের আইনি স্বীকৃতি, মিলছে প্রাপ্তবয়স্কের অধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোক্তা আবুবকর হানিপের বিশ্ববিদ্যালয়ে ১০০ শিক্ষার্থীর জন্য ৬৫ লাখ ডলারের স্কলারশিপ