সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

লস অ্যাঞ্জেলেসে মেট্রো স্টেশনের পাশে গাড়ির ধাক্কায় ৩ নারী নিহত, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১০:৫৪
লস অ্যাঞ্জেলেসে মেট্রো স্টেশনের পাশে গাড়ির ধাক্কায় ৩ নারী নিহত, চালক গ্রেপ্তার
লস অ্যাঞ্জেলেসে মেট্রো স্টেশনের পাশে গাড়ির ধাক্কায় ৩ নারী নিহত, চালক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের  লস অ্যাঞ্জেলেসে নর্থ হলিউড মেট্রো স্টেশনের পাশে পথচারী ও সড়কের পাশের খাবার বিক্রেতাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৬১ বছর বয়সী চালক ইহোর ডেমিয়েনেনকোকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহেও তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) চালককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ।

 

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে নর্থ ল্যাঙ্কারশিম বুলেভার্ড ও চ্যান্ডলার বুলেভার্ডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি দক্ষিণমুখী পথে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো স্টেশনের পাশের ফুটপাতে উঠে যায়। সেখানে থাকা পথচারী ও খাবারের দোকানিদের চাপা দেয় গাড়িটি। একপর্যায়ে গাড়িটি রাস্তার পাশের একটি খাবারের দোকানের তাঁবুর নিচে গিয়ে থামে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা পৌঁছান।

 

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, নিহত তিন নারী ৪০, ৫৩ ও ৬৯ বছর বয়সী। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যাঁদের মধ্যে গাড়িচালকও রয়েছেন। আহতদের মধ্যে দুই নারী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। নিহতদের মধ্যে অন্তত দুজন দীর্ঘদিন ধরে ওই মেট্রো স্টেশনের বাইরে খাবার বিক্রি করতেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের অনেকেই নিয়মিত যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের পরিচিত ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন ৬১ বছর বয়সী ইহোর ডেমিয়েনেনকো। তিনি লস অ্যাঞ্জেলেসের ভ্যালি ভিলেজ এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকে পড়ায় তাঁকে উদ্ধার করতে হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পুলিশ তাঁকে তিনটি হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানোর কথা নিশ্চিত করেছে। অন্যদিকে এবিসি ৭ জানিয়েছে, মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, তাঁর জামিনের অঙ্ক ৬০ লাখ ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।

 

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। গাড়িচালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিলেন, নাকি এটি দুর্ঘটনা—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ক্যাপ্টেন ওয়ার্নার কাস্তিয়ো জানিয়েছেন, চালককে গাড়ি থেকে উদ্ধারের সময় তিনি সচেতন ছিলেন, তবে তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছিল। পুলিশ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও মেট্রো স্টেশনের নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করছে। দুর্ঘটনার আগে গাড়ির গতিবিধি এবং চালকের আচরণ বিশ্লেষণ করা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শী জিয়ান বারবারোনা জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক কয়েক মুহূর্ত আগে তিনি ওই জায়গা দিয়ে হেঁটে পার হন। এরপর হঠাৎ গাড়ির চাকার বিকট শব্দ শুনতে পান। ফিরে তাকিয়ে দেখেন, সড়কের পাশে থাকা মানুষ ও দোকানগুলোর ওপর গাড়িটি উঠে গেছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলা পার্কার জানিয়েছেন, ওই এলাকার খাবার বিক্রেতারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা করতেন। তাঁদের অনেকেই পথচারী ও গৃহহীন মানুষকে সহায়তা করতেন। পরিচিত এসব মানুষের এমন মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও ক্ষোভ তৈরি হয়েছে।

 

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, মেট্রো স্টেশনের পাশে ফুটপাতে থাকা খাবার বিক্রেতা ও পথচারীদের ওপর গাড়িটি উঠে যাওয়ার ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। শহরের সংশ্লিষ্ট বিভাগগুলো পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে নিহতদের পরিচয় ও তাঁদের পরিবারের বিষয়ে আরও তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

 

সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, এবিসি ৭ লস অ্যাঞ্জেলেস।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে মেটার বিশাল ডেটা সেন্টার নির্মাণের কারণে দীর্ঘদিনের বসতবাড়ি ছাড়তে হচ্ছে একাধিক পরিবারকে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মেটার বিশাল ডেটা সেন্টার নির্মাণে ঘর হারাচ্ছেন বাসিন্দারা, ৯০ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিশাল ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পের কারণে দীর্ঘদিনের বসতবাড়ি ছাড়তে হচ্ছে একাধিক পরিবারকে। মেসন কাউন্টির মেসভিল শহরের কাছে মিডোল্যান্ড ভিলেজ নামের একটি আবাসিক এলাকায় বসবাসকারীদের ঘর ছাড়ার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। পুনর্বাসনের জন্য পরিবারপ্রতি সর্বোচ্চ ৫০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব থাকলেও সেই অর্থ পাওয়ার শর্ত নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। স্থানীয় মানবাধিকারকর্মীদের আশঙ্কা, অন্তত ১০ জন বাসিন্দা গৃহহীন হয়ে পড়তে পারেন।   মিডোল্যান্ড ভিলেজ মূলত ট্রেইলার হোম বা স্থানান্তরযোগ্য ঘর নিয়ে গড়ে ওঠা একটি আবাসিক এলাকা। এখানে অনেক পরিবার বছরের পর বছর ধরে বসবাস করছে। বাসিন্দাদের মধ্যে প্রবীণ এবং নির্দিষ্ট মাসিক আয়ের ওপর নির্ভরশীল মানুষও রয়েছেন। হঠাৎ করে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ পাওয়ায় তাঁদের অনেকেই নতুন বাসস্থান খুঁজে পেতে সমস্যায় পড়েছেন।   স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেআরসি লোকাল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে বাসিন্দাদের ঘর ছাড়ার বিনিময়ে ২০ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে প্রতিবাদ ও আপত্তির মুখে সেই অর্থ বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়। তবে অভিযোগ উঠেছে, বাসিন্দারা নিজেদের ট্রেইলার সরিয়ে নেওয়ার অথবা তা ফেলে রেখে এলাকা ছেড়ে যাওয়ার পরই ওই অর্থ পাওয়ার যোগ্য হবেন।   এই শর্ত নিয়েই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের বাসিন্দারা। কারণ, নতুন বাসা ভাড়া নেওয়া, জামানত দেওয়া, মালামাল পরিবহন এবং অন্যত্র বসবাস শুরু করার জন্য আগেই অর্থ প্রয়োজন। কিন্তু প্রতিশ্রুত অর্থ হাতে পাওয়ার আগে তাঁদের পুরোনো বাসস্থান ছাড়তে হচ্ছে। ফলে অনেকের পক্ষে স্থানান্তরের প্রাথমিক খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে।   মেসভিল মানবাধিকার কমিশনের সদস্য জেসন গাইলস জানিয়েছেন, অর্থ পাওয়ার এই শর্ত বাসিন্দাদের জন্য গুরুতর সমস্যা তৈরি করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেকের কাছেই নিজেদের খরচে অন্যত্র চলে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তিনি আশঙ্কা করছেন, অন্তত ১০ জন বাসিন্দা গৃহহীন হওয়ার গুরুতর ঝুঁকিতে রয়েছেন। কমিশন তাঁদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে কাজ করছে। তবে এলাকায় সাশ্রয়ী মূল্যের বাসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।   ইতিমধ্যে মিডোল্যান্ড ভিলেজের অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। আগে যেখানে পাশাপাশি ট্রেইলার হোম ছিল, সেখানে এখন অনেক জায়গা ফাঁকা পড়ে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, একসময় এই এলাকায় নিয়মিত শিশুদের খেলাধুলা করতে দেখা যেত। কিন্তু পরিবারগুলো চলে যাওয়ার পর সেই চেনা পরিবেশ অনেকটাই হারিয়ে গেছে।   এলাকার বাসিন্দা ও ধর্মযাজক গ্রেগরি জোন্স গত আট বছর ধরে পরিবার নিয়ে মিডোল্যান্ড ভিলেজে বসবাস করছেন। অন্য অনেকের তুলনায় তাঁর পরিস্থিতি কিছুটা ভালো। কারণ, তিনি ইতিমধ্যে থাকার জন্য নতুন জায়গা খুঁজে পেয়েছেন এবং মালামাল গোছানোর কাজ শুরু করেছেন। তবে প্রতিবেশীদের ভবিষ্যৎ নিয়ে তিনিও উদ্বিগ্ন।   জোন্সের মতে, বাসিন্দাদের ঘর ছাড়ার দিনেই অর্থ পরিশোধের ব্যবস্থা করা উচিত ছিল। তাহলে শীতের মৌসুম শুরু হওয়ার আগেই পরিবারগুলো নতুন বাসস্থানে যাওয়ার প্রস্তুতি নিতে পারত। তিনি আশা করছেন, যাঁরা এখনো নতুন ঘর খুঁজে পাননি, তাঁদের সহায়তায় শহর অথবা কাউন্টি প্রশাসন এগিয়ে আসবে।   এই উচ্ছেদসংকটের পেছনে রয়েছে মেটার পরিকল্পিত বিশাল ডেটা সেন্টার প্রকল্প। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটি মেসন কাউন্টিতে প্রায় ২ হাজার ৯০০ একর জমির ওপর একটি ডেটা সেন্টার কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করছে। প্রকল্পটি কেনটাকির অন্যতম বৃহৎ শিল্প উন্নয়ন উদ্যোগে পরিণত হতে পারে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।   গত ১৩ অক্টোবর মেসন কাউন্টির প্রশাসনিক কর্তৃপক্ষ প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি চুক্তি অনুমোদন করে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই বিনিয়োগের মাধ্যমে নির্মাণ পর্যায়ে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান এবং প্রকল্প চালু হওয়ার পর কয়েক শ স্থায়ী চাকরির সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি এলাকার অবকাঠামো উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে।   তবে বড় অঙ্কের বিনিয়োগ ও সম্ভাব্য কর্মসংস্থানের এই উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে ট্রেইলার হোমে বসবাস করছেন এবং সীমিত আয়ের ওপর নির্ভরশীল, তাঁদের জন্য অল্প সময়ের মধ্যে নতুন বাসস্থান খুঁজে পাওয়া সহজ নয়।   স্থানীয় মানবাধিকার কমিশন এখন সবচেয়ে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করছে। তবে পুনর্বাসনের প্রতিশ্রুত অর্থ হাতে পাওয়ার আগেই ঘর ছাড়ার শর্ত বহাল থাকলে কয়েকটি পরিবারের সামনে গৃহহীন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।     সূত্র: ব্যাকইয়ার্ড গার্ডেন লাভার

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১১:৭
লস অ্যাঞ্জেলেসে মেট্রো স্টেশনের পাশে গাড়ির ধাক্কায় ৩ নারী নিহত, চালক গ্রেপ্তার

লস অ্যাঞ্জেলেসে মেট্রো স্টেশনের পাশে গাড়ির ধাক্কায় ৩ নারী নিহত, চালক গ্রেপ্তার

ফ্লোরিডায় মহাসড়কে দুর্ঘটনায় যানচলাচল সাময়িক বন্ধ , সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের

ফ্লোরিডায় মহাসড়কে দুর্ঘটনায় যানচলাচল সাময়িক বন্ধ , সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের

গত এক বছরে যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে বাদ পড়েছেন ৫৫ লাখের বেশি মানুষ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ৫৫ লাখ মানুষ হারিয়েছেন স্ন্যাপ সুবিধা, সঞ্চয় ভেঙে খাদ্য সহায়তায় ফুড ব্যাংক

ফ্লোরিডায় প্রেমিকের গুলিতে ১৬ বছরের কিশোরী নিহত, গ্রেপ্তার ১৯ বছরের তরুণ
ফ্লোরিডায় প্রেমিকের গুলিতে ১৬ বছরের কিশোরী নিহত, গ্রেপ্তার ১৯ বছরের তরুণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৬ বছর বয়সী প্রেমিকাকে গুলি করে হত্যার পর সড়কের পাশে মরদেহ ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। নিহত কিশোরীর নাম ভিক্টোরিয়া পেরেজ। এ ঘটনায় তাঁর প্রেমিক রবার্ট অ্যান্থনি টিমন্সকে গ্রেপ্তার করেছে পাসকো কাউন্টি শেরিফের কার্যালয়। তদন্তকারীদের দাবি, গাড়িতে বসে দুজনের মধ্যে তর্কের একপর্যায়ে ভিক্টোরিয়ার মাথায় গুলি করেন টিমন্স। পরে তাঁর মরদেহ রাস্তার পাশের ঝোপের মধ্যে ফেলে যান। সোমবার (৯ নভেম্বর) সন্দেহভাজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পাসকো কাউন্টির শেরিফ জেফ হ্যারিংটন।   শেরিফের কার্যালয় ও স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ নভেম্বর শনিবার রাত ৮টার দিকে ফ্লোরিডার স্প্রিং হিল এলাকার চিলো স্ট্রিটের কাছে সর্বশেষ দেখা গিয়েছিল ভিক্টোরিয়াকে। পরদিন রোববার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে নিখোঁজ জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। প্রায় চার ঘণ্টা পর সকাল ১১টা ২৪ মিনিটে ক্রেলা ড্রাইভের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভিক্টোরিয়ার বলে শনাক্ত করেন কর্মকর্তারা। তাঁর মরদেহ রাস্তা থেকে প্রায় ১৫ ফুট দূরে ঝোপঝাড়ের মধ্যে পড়ে ছিল।   তদন্তকারীরা আশপাশের নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জানতে পারেন, রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে ভিক্টোরিয়া তাঁর অ্যাপার্টমেন্ট এলাকা থেকে প্রেমিক টিমন্সের গাড়িতে ওঠেন। এরপর গাড়ির ভেতরে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। পাসকো কাউন্টির শেরিফ জেফ হ্যারিংটন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টিমন্স স্বীকার করেন, তর্কের সময় তাঁর কোলে একটি আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে তিনি অস্ত্রটি বের করে ভিক্টোরিয়ার মাথার বাম পাশে গুলি করেন বলে তদন্তকারীদের জানান। গুলিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশের ধারণা।   শেরিফের ভাষ্য অনুযায়ী, হত্যার পর টিমন্স গাড়ি নিয়ে কাছাকাছি ক্রেলা ড্রাইভ এলাকায় যান। সেখানে রাস্তা থেকে প্রায় ১৫ ফুট দূরে ভিক্টোরিয়ার মরদেহ ফেলে রেখে চলে যান। পরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কাছের একটি জলাশয়ে ফেলে দেওয়ার কথাও তিনি তদন্তকারীদের জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যে তাঁর গাড়ি জব্দ করেছে এবং সেটি থেকে আলামত সংগ্রহ করছে। পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাপার্টমেন্ট ও ঘটনাস্থল পরীক্ষা করা হচ্ছে। অস্ত্রটি উদ্ধারে পাসকো কাউন্টির ডাইভ ও আন্ডারওয়াটার রিকভারি টিম জলাশয়ে অনুসন্ধান চালাচ্ছে।   ভিক্টোরিয়ার পরিবার ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, টিমন্সের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। সম্পর্কটিকে তাঁরা অস্থির ও বিষাক্ত বলে বর্ণনা করেছেন। পরিবারের সদস্যরা ভিক্টোরিয়াকে ওই সম্পর্ক থেকে দূরে রাখতে এবং তাঁকে সহায়তা করতে চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন শেরিফ। তবে হ্যারিংটন বলেছেন, হত্যাকাণ্ডের আগে তাঁদের সম্পর্কের মধ্যে শারীরিক সহিংসতার কোনো পূর্ববর্তী অভিযোগ পুলিশের কাছে নথিভুক্ত ছিল না। যদিও আগে অভিযোগ না থাকার অর্থ এই নয় যে সম্পর্কটিতে কখনো সহিংসতা ঘটেনি।   এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) পোর্ট রিচিতে ভিক্টোরিয়ার স্মরণে একটি শোকসভা ও মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর পরিবার ও বন্ধুরা। সেখানে তাঁকে প্রাণবন্ত, হাসিখুশি ও কৌতূহলী একজন কিশোরী হিসেবে স্মরণ করেন স্বজনেরা। তাঁর সৎবাবা র‍্যান্ডি উইলিয়ামস বলেন, ভিক্টোরিয়া পরিবারের কাছে সবকিছু ছিল। তাঁকে আনন্দে রাখতে পরিবার সব সময় চেষ্টা করত। অল্প বয়সে এমন মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।   অন্যদিকে ১৯ বছর বয়সী রবার্ট অ্যান্থনি টিমন্সের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি প্রিমেডিটেটেড মার্ডার বা পূর্বপরিকল্পিত প্রথম মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার আদালতে প্রথমবার হাজির করা হলে তাঁকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেওয়া হয় এবং তাঁর জন্য একজন সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর তাঁকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে। তদন্ত অব্যাহত থাকলেও পুলিশ জানিয়েছে, ঘটনাটি বিচ্ছিন্ন এবং এ ঘটনায় সাধারণ মানুষের জন্য নতুন কোনো নিরাপত্তাঝুঁকি নেই। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত টিমন্স আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।   সংবাদসূত্র: পাসকো কাউন্টি শেরিফের কার্যালয়, ফক্স ১৩ নিউজ।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১০:৮
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে মেরিল্যান্ড স্টেট বিএনপি। ছবি: সংগৃহীত

মেরিল্যান্ডে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইরান যুদ্ধে ব্যয় করা অর্থ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছ থেকে ফেরত পেতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ দ্রুত ফেরত চান ট্রাম্প, দিতে হবে ইসরায়েলকেও

সব অভিবাসীর তথ্য নয়, অপরাধের অভিযোগ থাকা নির্দিষ্ট ব্যক্তিদের তথ্য চায় আইস

সব অভিবাসীর তথ্য নয়, অপরাধের অভিযোগ থাকা নির্দিষ্ট ব্যক্তিদের তথ্য চায় আইস

প্রতিনিধি পরিষদে নাটকীয়ভাবে অভিশংসন থেকে বেঁচে গেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে যেভাবে অভিশংসন থেকে বাঁচালেন ১১ ডেমোক্র্যাট!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) শেষ মুহূর্তের নাটকীয়তায় অভিশংসনের হাত থেকে বেঁচে গেলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ডেমোক্র্যাটদের ১১ জন আইনপ্রণেতার অনুপস্থিতির কারণে হারের মুখ দেখতে হয়েছে অভিশংসন প্রস্তাবের সমর্থকদের। আর এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সময়ে নিশ্চিত এক রাজনৈতিক পরাজয় থেকে রক্ষা পেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।   ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সামরিক অভিযান পরিচালনার অভিযোগে রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস মাসের উদ্যোগে এই অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল, যাতে পূর্ণ সমর্থন ছিল ডেমোক্র্যাটদের। তবে মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি হাউস জুডিশিয়ারি কমিটিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৮ সপ্তাহের মধ্যে বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হতে যাওয়া এবং আগামী ৩ জানুয়ারি ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ নিতে চলায়, এই পদক্ষেপের মাধ্যমে চলতি মেয়াদে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবটি কার্যকরভাবে ধামাচাপা দেওয়া হলো।   অভিশংসন প্রস্তাব আটকে দেওয়ার মূল ভোটাভুটিতে ১৮ জন প্রতিনিধি অনুপস্থিত ছিলেন, যার মধ্যে ১১ জনই ডেমোক্র্যাটিক পার্টির। ডেমোক্র্যাট প্রতিনিধিরা উপস্থিত থেকে ভোট দিলে অভিশংসন ঠেকানোর রিপাবলিকান প্রস্তাবটি পরাজিত হতো এবং চলতি সপ্তাহেই হেগসেথের চূড়ান্ত অভিশংসনের পথ সুগম হতো।   অনুপস্থিত ডেমোক্র্যাটদের তালিকায় রয়েছেন ন্যান্সি পেলোসি, জুলিয়া ব্রাউনলি, লু ক্যারেয়া, লরা গিলেন, স্টিভেন হর্সফোর্ড, জোনাথন জ্যাকসন, ব্রিটানি পিটারসেন, মেলানি স্ট্যানসবারি, হ্যালি স্টিভেন্স, মেরিলিন স্ট্রিকল্যান্ড এবং ফ্রেডেরিকা উইলসন। ওয়াশিংটন ডিসির যানজট, স্বাস্থ্যগত বিষয় ও পূর্বনির্ধারিত কর্মসূচির অজুহাত দিলেও তাদের অনুপস্থিতি নিয়ে নিজ দলের মধ্যেই চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।   ভোটাভুটির পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ডেমোক্র্যাটদের অভিশংসন প্রচেষ্টা "শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।" অন্যদিকে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরের ক্ষোভ সামলাতে হুকুমের দায়িত্ব থাকা হাউস লিডার হাকিম জেফরিসের নেতৃত্ব নিয়ে দলটির প্রগতিশীল অংশ থেকে কড়া সমালোচনা করা হচ্ছে।   তবে নতুন বছরের জানুয়ারিতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর পুনরায় হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক নেতৃত্ব।   সূত্র: আল জাজিরা

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ৮:৩৫
নিউইয়র্কে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ হলো লার্নার পারমিট লিখিত পরীক্ষা। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় পাসের প্রস্তুতি, জানুন ২০ গুরুত্বপূর্ণ প্রশ্ন

নিউইয়র্কে স্থায়ীভাবে প্রতিবন্ধী যুদ্ধফেরত সেনাদের কর মওকুফের উদ্যোগ, সুবিধা পেতে পারেন ৪৫০০ পরিবার

নিউইয়র্কে স্থায়ীভাবে প্রতিবন্ধী যুদ্ধফেরত সেনাদের কর মওকুফের উদ্যোগ, সুবিধা পেতে পারেন ৪৫০০ পরিবার

যুক্তরাষ্ট্রে ১৭ নভেম্বর  রেডিও -টিভিতে জরুরি সতর্কতা পরীক্ষা, মোবাইলে আসবে না বার্তা

যুক্তরাষ্ট্রে ১৭ নভেম্বর রেডিও -টিভিতে জরুরি সতর্কতা পরীক্ষা, মোবাইলে আসবে না বার্তা

0 Comments