রোজার মাসে ইফতার ও তারাবির নামাজের পর বিভিন্ন মসজিদে বিতরণ করা হয় বিরিয়ানি, তেহারি কিংবা অন্যান্য খাবার। এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবছরই চলে আলোচনা, মিম ও রিলসের ঝড়। এবার সেই আগ্রহকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি নতুন অ্যাপ—‘বিরিয়ানি দিবে’।
অ্যাপটি ডেভেলপ করেছেন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স।
২১ ফেব্রুয়ারি রাতে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে লাইভ করা হয়। ডেভেলপারের দাবি, ব্যবহারকারীরা এখানে জানতে পারবেন কোন এলাকায়, কোন মসজিদে, কখন ফ্রি বিরিয়ানি বা তেহারি বিতরণ করা হচ্ছে।
ডেভেলপার জুবায়ের জানান, এটি মূলত একটি “ফান প্রজেক্ট”। ওয়েবসাইট ও অ্যাপে ব্যবহারকারীরা লাইভ লোকেশন যুক্ত করতে পারবেন। কেউ চাইলে তথ্য যুক্ত করতে পারবেন, আবার অন্যরা সেই তথ্য যাচাই (ভেরিফাই) করার সুযোগও পাবেন।
তার ভাষায়, “এটা একদমই মজার ছলে করা একটি উদ্যোগ। যে কেউ চাইলে ভিজিট করে দেখতে পারে এবং সুযোগ থাকলে খাবার গ্রহণ করতে পারে।”
রোজার মাসে মসজিদের বিরিয়ানি নিয়ে সামাজিক মাধ্যমে যে উচ্ছ্বাস দেখা যায়, সেটিকে প্রযুক্তির মাধ্যমে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে উদ্যোগটিকে। ইতোমধ্যে তরুণদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অ্যাপটির ওয়েব সংস্করণ পাওয়া যাচ্ছে:
https://biriyanidibe1.vercel.app/
তবে সংশ্লিষ্টরা বলছেন, যেকোনো তথ্য ব্যবহার করার আগে বাস্তবতা যাচাই করা এবং স্থানীয় নিয়ম-শৃঙ্খলা মেনে চলা উচিত।