সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ছবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি। ছবিটি প্রকাশ করেছেন তার বোন মাসুমা হাদি, যেখানে দেখা যায় মাদ্রাসা শিক্ষার্থীদের অধিকার আদায়ে একটি বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
জানা গেছে, ছবিটি ২০০৮ কিংবা ২০০৯ সালের দিকে তোলা। সে সময় দাখিল ও আলিম পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে ২০০ নম্বর করে না পড়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির কয়েকটি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেতেন না মাদ্রাসা শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মাসুমা হাদি তার ফেসবুক পোস্টে জানান, সেই সময় ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় আলিম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় সহপাঠীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন ওসমান বিন হাদি। পাশাপাশি ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিও দেন তারা।
পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলন ও সমালোচনার মুখে ২০১৩ সালে মাদ্রাসা বোর্ড দাখিল ও আলিম সিলেবাসে বাংলা ও ইংরেজি ২০০ নম্বর অন্তর্ভুক্ত করে। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পড়ার সুযোগ পান মাদ্রাসা শিক্ষার্থীরা।
ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে ২০০৭ সালে দাখিল এবং ২০০৯ সালে আলিম সম্পন্ন করেন ওসমান বিন হাদি। পরে ২০১০–১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে সেখান থেকেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।