ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা।
ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার ওই উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেন। খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
নাম প্রকাশ না করার শর্তে উপদেষ্টা জানান, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তার ভাষায়, “আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন।”
তিনি আরও বলেন, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলা হয়েছে। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন, যারা সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে আহমাদিনেজাদের ব্যক্তিগত বাসভবন, যা হামলাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত, সেটি লক্ষ্যবস্তু হয়নি এবং অক্ষত রয়েছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে তার উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, এ ধরনের খবর সঠিক নয়।
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।