ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৮৫ জন সাধারণ নাগরিক এবং ১১ জন সামরিক বাহিনীর সদস্য বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা Human Rights Activists News Agency (এইচআরএএনএ)।
মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এই তথ্য তুলে ধরে। ওয়াশিংটন ডিসি থেকে পরিচালিত সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর থেকে এখন পর্যন্ত ইরানে মোট নিহত বেসামরিক মানুষের সংখ্যা অন্তত ৭৪২ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে ইরানের ত্রাণ সংস্থা Iranian Red Crescent Society মৃতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল।
তবে প্রকাশিত এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এইচআরএএনএ আরও জানায়, সর্বশেষ হামলায় একাধিক সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বান্দার আব্বাসে অবস্থিত শহীদ বাহোনার পিয়ারসহ বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।