সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
৩ বছর ধরে জেলে ইমরান খান, এবার মুক্তির দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ
৩ বছর ধরে জেলে ইমরান খান, এবার মুক্তির দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসকে ‘স্বেচ্ছাচারী আটক’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, খানের বিরুদ্ধে চলা একাধিক মামলায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী ন্যায্য বিচার নিশ্চিত করা হয়নি এবং তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিচারব্যবস্থাকে অপব্যবহার করা হয়েছে।    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের মূল্যায়নে বলেছে, ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার নথি এবং সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য পর্যালোচনার পর তারা ন্যায্য বিচার প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে। সংস্থাটির মতে, এসব অনিয়মের ফলে তার স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং তাকে ইচ্ছাকৃতভাবে আটক রাখা হয়েছে।    এদিকে জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডসও পাকিস্তান সরকারকে ইমরান খানের কারাবাসের পরিবেশ উন্নত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানকে দীর্ঘ সময় একাকী কক্ষে রাখা, বাইরের বিশ্বের সঙ্গে সীমিত যোগাযোগ এবং আইনজীবী ও পরিবারের সদস্যদের সাক্ষাতে বাধা দেওয়ার অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি একাকী বন্দিত্ব আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অমানবিক আচরণ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে তা মানসিক নির্যাতনের পর্যায়েও পড়তে পারে।    ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ একাধিক মামলায় তিনি দণ্ডিত বা বিচারাধীন। তবে শুরু থেকেই তিনি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও অভিযোগ করে আসছে যে, তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মামলা করা হয়েছে।    অন্যদিকে পাকিস্তান সরকার অতীতে ইমরান খানের বিরুদ্ধে আনা নির্যাতন ও একাকী বন্দিত্বের অভিযোগ অস্বীকার করেছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্টে দাখিল করা নথিতে সরকার দাবি করেছিল, তিনি প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ কারাগারে রয়েছেন এবং আইনজীবী, পরিবারের সদস্য ও দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন।    সাম্প্রতিক সময়ে ইমরান খানের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার দল। তবে পাকিস্তান সরকার এসব অভিযোগের অনেকগুলোই প্রত্যাখ্যান করেছে। ইমরান খানের কারাবাস নিয়ে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও মানবাধিকার ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশ : আগস্ট ৬, ২০২৬ ০:৫০
আমেরিকার জাতীয় প্রতীক বল্ড ঈগল গুলি করে হত্যা করায় ওয়াশিংটনের বাসিন্দার বিরুদ্ধে ফেডারেল মামলা
আমেরিকার জাতীয় প্রতীক বল্ড ঈগল গুলি করে হত্যা করায় ওয়াশিংটনের বাসিন্দার বিরুদ্ধে ফেডারেল মামলা

যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত একটি বল্ড ঈগল গুলি করে হত্যার অভিযোগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বাসিন্দার বিরুদ্ধে ফেডারেল অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, বল্ড ঈগল সুরক্ষিত বন্যপ্রাণী হওয়ায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয়।    প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বল্ড অ্যান্ড গোল্ডেন ঈগল প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তদন্তে অভিযোগ করা হয়েছে, তিনি একটি বল্ড ঈগলকে গুলি করেন, যার ফলে পাখিটি মারা যায়। ঘটনাটি তদন্তের পর ফেডারেল প্রসিকিউটররা আদালতে অভিযোগ দায়ের করেন।    মার্কিন আইনে বল্ড ঈগল আর বিপন্ন প্রজাতির তালিকায় না থাকলেও এটি এখনো ফেডারেল আইনের আওতায় বিশেষভাবে সুরক্ষিত। যথাযথ সরকারি অনুমতি ছাড়া কোনো বল্ড বা গোল্ডেন ঈগল হত্যা, আহত করা, ধরা, বিক্রি, পরিবহন বা এর দেহের কোনো অংশ সংরক্ষণ করা আইনত নিষিদ্ধ। আইন ভঙ্গের ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ড—উভয় দণ্ডই হতে পারে।    বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বল্ড ঈগল শুধু যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীকই নয়, দেশের পরিবেশগত ভারসাম্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই এ ধরনের ঘটনার তদন্তে সাধারণত ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসসহ সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলো যৌথভাবে কাজ করে।    সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বল্ড ঈগল হত্যার একাধিক ঘটনায় ফেডারেল মামলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সুরক্ষিত বন্যপ্রাণী রক্ষায় আইন প্রয়োগ অব্যাহত থাকবে এবং অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ : আগস্ট ৬, ২০২৬ ০:৪৬
ইরান যুদ্ধের চাপ, দ্রুত কমছে অস্ত্রের মজুত, ট্রাম্প-প্রতিরক্ষামন্ত্রীর  বৈঠক নিয়ে তোলপাড়
ইরান যুদ্ধের চাপ, দ্রুত কমছে অস্ত্রের মজুত, ট্রাম্প-প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে তোলপাড়

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত দ্রুত কমে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দপ্তর এ ধরনের দ্বন্দ্বের খবর অস্বীকার করেছে।    ওয়াশিংটন পোস্ট ও অন্যান্য মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প জানতে পারেন যে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত প্রত্যাশার তুলনায় দ্রুত কমে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতি নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে তীব্র আলোচনা হয়।   প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, অস্ত্রের সীমিত মজুতই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আরও বড় সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। একই সঙ্গে পেন্টাগনের ভেতরে অস্ত্র সরবরাহ ও বাজেট নিয়ে জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।    তবে হোয়াইট হাউস এই খবরকে সঠিক নয় বলে দাবি করেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও অতীতে একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে এবং মজুত সংকটের অভিযোগকে তিনি "মিডিয়ার তৈরি গল্প" হিসেবে উল্লেখ করেছেন।    অন্যদিকে, সাম্প্রতিক মাসগুলোতে পেন্টাগন কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের ব্যয় মেটাতে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কিছু অস্ত্র ক্রয়ের বাজেট থেকে অর্থ সরিয়ে নিতে হয়েছে। পেন্টাগনের কর্মকর্তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি ধরে রাখতে অতিরিক্ত অর্থ বরাদ্দ জরুরি হয়ে পড়েছে।    প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, টমাহক ক্রুজ মিসাইল, প্যাট্রিয়ট এবং থাডের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মজুত পুনর্গঠনে দীর্ঘ সময় লাগতে পারে। ফলে যুক্তরাষ্ট্রকে একদিকে চলমান সামরিক অভিযান পরিচালনা এবং অন্যদিকে ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।    এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আলোচনার জন্য "শেষ সুযোগ" দেওয়ার কথা বলেছেন। ফলে সামরিক প্রস্তুতি, অস্ত্রের মজুত এবং কূটনৈতিক উদ্যোগ—এই তিনটি বিষয়ই এখন যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রকাশ : আগস্ট ৬, ২০২৬ ০:৩৫
আমেরিকায় এই ৫টি জিনিস কখনোই ফুল প্রাইসে কিনবেন না
আমেরিকায় এই ৫টি জিনিস কখনোই ফুল প্রাইসে কিনবেন না, সঠিক সময়ে কিনলেই বড় সাশ্রয়

যুক্তরাষ্ট্রে নতুন বসবাস শুরু করা অনেকেই প্রয়োজনের তাগিদে ইলেকট্রনিক্স, ফার্নিচার বা শিশুদের বিভিন্ন সামগ্রী ফুল প্রাইসে কিনে ফেলেন। কিন্তু মার্কিন রিটেইল বাজারে বছরের নির্দিষ্ট সময়ে বড় ধরনের সিজনাল সেল, ক্লিয়ারেন্স এবং হলিডে ডিসকাউন্টের সুযোগ থাকে। সঠিক সময়ে কেনাকাটা করলে একটি পরিবারের বছরে কয়েকশ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করা সম্ভব বলে ভোক্তা বিশেষজ্ঞরা মনে করেন।   সবচেয়ে বেশি ছাড় পাওয়া যায় ইলেকট্রনিক্স পণ্যে। টেলিভিশন, ল্যাপটপ, হেডফোন বা অন্যান্য প্রযুক্তিপণ্য সাধারণত ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে, মেমোরিয়াল ডে এবং ব্যাক টু স্কুল মৌসুমে উল্লেখযোগ্য ছাড়ে বিক্রি হয়। নতুন মডেল বাজারে আসার আগে পুরোনো মডেলের দামও অনেক কমে যায়। তাই জরুরি প্রয়োজন না থাকলে এসব পণ্য কেনার আগে বড় সেলের জন্য অপেক্ষা করাই লাভজনক।   ফার্নিচার ও ম্যাট্রেসের ক্ষেত্রেও একই কৌশল কার্যকর। যুক্তরাষ্ট্রে বছরে দুই দফা নতুন ফার্নিচার কালেকশন আসে। প্রেসিডেন্টস ডে, লেবার ডে এবং ফোর্থ অব জুলাই উপলক্ষে পুরোনো স্টক ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দেওয়া হয়। ফলে একই মানের পণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি হয়।   মৌসুমি পোশাক কেনার ক্ষেত্রেও সময় নির্বাচন গুরুত্বপূর্ণ। শীতের পোশাক সাধারণত ফেব্রুয়ারি ও মার্চে এবং গ্রীষ্মকালীন পোশাক আগস্ট ও সেপ্টেম্বরে সবচেয়ে কম দামে বিক্রি হয়। নতুন মৌসুমের পণ্য রাখার জন্য রিটেইলাররা এ সময় এন্ড অব সিজন সেল ঘোষণা করে।   রান্নাঘর ও গৃহস্থালির ছোট অ্যাপ্লায়েন্সেও বড় ছাড় পাওয়া যায় বছরের বিশেষ সময়গুলোতে। এয়ার ফ্রায়ার, কফি মেকার, ব্লেন্ডার এবং ভ্যাকুয়াম ক্লিনারের মতো পণ্যে অ্যামাজন প্রাইম ডে, ব্ল্যাক ফ্রাইডে এবং বছরের শেষের হলিডে সিজনে আকর্ষণীয় অফার দেওয়া হয়।   শিশুদের জন্য কার সিট, স্ট্রলার এবং অন্যান্য বেবি গিয়ার কেনার ক্ষেত্রেও আগে থেকে পরিকল্পনা করলে ভালো সাশ্রয় সম্ভব। টার্গেট, ওয়ালমার্টসহ বিভিন্ন বড় রিটেইলার নিয়মিত রেজিস্ট্রি ডিসকাউন্ট, কুপন এবং বান্ডেল অফার দেয়। পাশাপাশি বিভিন্ন স্টোরের দাম, ওয়ারেন্টি এবং রিটার্ন নীতিমালা তুলনা করলে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।   ভোক্তা বিশেষজ্ঞদের পরামর্শ, বড় কেনাকাটার আগে অন্তত দুই থেকে তিনটি স্টোরের দাম তুলনা করা, কুপন ও ক্যাশব্যাক অফার যাচাই করা এবং স্টোরের লয়্যালটি প্রোগ্রাম ব্যবহার করা উচিত। অনেক সময় সামান্য অপেক্ষা এবং পরিকল্পিত কেনাকাটাই একটি পরিবারের বার্ষিক খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে।   তবে ডিসকাউন্ট ও অফারের সময়, পরিমাণ এবং শর্ত স্টোর, অঙ্গরাজ্য ও মৌসুমভেদে ভিন্ন হতে পারে। তাই কেনাকাটার আগে সংশ্লিষ্ট স্টোর বা বিক্রেতার সর্বশেষ অফার যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

প্রকাশ : আগস্ট ৬, ২০২৬ ০:২৯
আইসিইর জন্য বোস্টনে ২৫০ পার্কিং স্পেসের পরিকল্পনা
আইসিইর জন্য বোস্টনে ২৫০ পার্কিং স্পেসের পরিকল্পনা, শুরু তীব্র বিরোধিতা

ম্যাসাচুসেটসের বোস্টনে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্ভাব্য নতুন কার্যক্রম পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে ২৪৯টি পার্কিং স্পেসের ব্যবস্থা করতে আগ্রহ প্রকাশ করেছে। এ তথ্য প্রকাশের পর থেকেই স্থানীয় রাজনীতিক, অভিবাসী অধিকারকর্মী এবং নগর পরিকল্পনাবিদদের মধ্যে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।    মার্কিন সরকারের প্রকাশিত একটি ‘সোর্সেস সট’ বা বাজার যাচাই-সংক্রান্ত নোটিশে দেখা যায়, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন আইসিই দেশজুড়ে বিভিন্ন শহরে বিদ্যমান বা পরিকল্পিত অফিসের কাছাকাছি গাড়ি রাখার জায়গা খুঁজছে। সেই তালিকায় বোস্টনের জন্য ২৪৯টি পার্কিং স্পেসের চাহিদার কথা উল্লেখ করা হয়েছে। তবে এটি কোনো চূড়ান্ত লিজ চুক্তি বা নির্মাণ প্রকল্প নয়; ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আগে বাজারে কী ধরনের সুযোগ রয়েছে, তা যাচাই করার প্রাথমিক ধাপ বলে নোটিশে স্পষ্ট করা হয়েছে।   নোটিশ অনুযায়ী, এসব পার্কিং স্পেস টানা পাঁচ বছরের জন্য লিজ নেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে, যার মধ্যে প্রথম তিন বছর হবে নির্ধারিত বা ‘ফার্ম’ মেয়াদ। পার্কিংয়ের স্থানগুলো সংশ্লিষ্ট এলাকার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে এবং একই স্থানে অবস্থিত হওয়ার শর্তও রাখা হয়েছে। বোস্টনের পাশাপাশি ডালাস, ফিলাডেলফিয়া, ফিনিক্স, লাস ভেগাস, ডেনভার-সংলগ্ন এঙ্গেলউডসহ আরও কয়েকটি শহরের জন্যও একই ধরনের পার্কিং চাহিদার কথা উল্লেখ করা হয়েছে।    এই উদ্যোগ সামনে আসার পর বোস্টনজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের আশঙ্কা, আইসিই যদি শহরের কেন্দ্রস্থলে কার্যক্রম সম্প্রসারণ করে, তাহলে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়তে পারে। অন্যদিকে, সমর্থকদের দাবি, ফেডারেল সংস্থার প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা সরকারি কার্যক্রমেরই অংশ।   উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বোস্টন সিটি প্রশাসন ও আইসিইর মধ্যে অভিবাসন নীতি নিয়ে একাধিকবার মতবিরোধ দেখা গেছে। শহরের মেয়র মিশেল উ আগেও সিটি সম্পত্তিতে আইসিইর বেসামরিক অভিযান সীমিত করার লক্ষ্যে নির্বাহী আদেশ জারি করেছিলেন।    এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান নোটিশকে অনেকেই নতুন আইসিই অফিস স্থাপনের সিদ্ধান্ত হিসেবে দেখলেও বাস্তবে এটি কেবল বাজার যাচাইয়ের একটি প্রাথমিক পদক্ষেপ। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের আগে আলাদা দরপত্র, লিজ প্রক্রিয়া এবং অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

প্রকাশ : আগস্ট ৬, ২০২৬ ০:২৪
কারাগার ১৩৬ ঘণ্টা কাজ করে পাওয়া ১৭ ডলার গাজায় দান করলেন মার্কিন বন্দি
কারাগার ১৩৬ ঘণ্টা কাজ করে পাওয়া ১৭ ডলার গাজায় দান করলেন মার্কিন বন্দি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে প্রায় চার দশক ধরে বন্দি থাকা হামজা নামে পরিচিত এক ব্যক্তির মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। ঘণ্টায় মাত্র ১৩ সেন্ট মজুরিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ১৩৬ দশমিক ৫ ঘণ্টা কাজ করে তিনি যে ১৭ ডলার ৭৪ সেন্ট পেচেক পান, তার পুরো অর্থই গাজার বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা তহবিলে দান করেন। পরে তার এই আত্মত্যাগের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের উদ্যোগে তার জন্য ১ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়।    প্রকাশিত তথ্য অনুযায়ী, হামজা ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে পরিচ্ছন্নতা ও পোর্টার হিসেবে কাজ করতেন। তার দীর্ঘ সময়ের শ্রমের বিনিময়ে পাওয়া সামান্য অর্থও নিজের কাছে না রেখে মানবিক সহায়তার উদ্দেশ্যে দান করার সিদ্ধান্ত নেন।   লস অ্যাঞ্জেলেসভিত্তিক চলচ্চিত্র নির্মাতা জাস্টিন মাশুফ, যিনি বহু বছর ধরে হামজার সঙ্গে যোগাযোগ রাখছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার কর্মঘণ্টার হিসাব এবং দানের চেকের ছবি প্রকাশ করেন। সেই পোস্ট দ্রুত ব্যাপক সাড়া ফেলে এবং অসংখ্য মানুষ জানতে চান, কীভাবে তারা হামজাকে সহায়তা করতে পারেন।  এরপর হামজার মুক্তির পর নতুন জীবন শুরুতে সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করা হয়। অল্প সময়ের মধ্যেই সেখানে ১ লাখ ডলারের বেশি অনুদান জমা পড়ে। এই অর্থ তার আবাসন, পোশাক, দৈনন্দিন প্রয়োজন, চাকরির প্রশিক্ষণসহ সমাজে পুনর্বাসনের বিভিন্ন খাতে ব্যবহারের পরিকল্পনা করা হয়।    তবে অর্থ সংগ্রহ প্রত্যাশার চেয়ে অনেক বেশি হওয়ার পর হামজা নিজেই অনুরোধ জানান, তার জন্য আর অনুদান না দিয়ে গাজাসহ বিশ্বের অন্যান্য সংকটাপন্ন অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে। তার মতে, যাদের মানবিক সহায়তার প্রয়োজন আরও বেশি, তাদের প্রতিই মানুষের মনোযোগ দেওয়া উচিত।    আইনি নথি অনুযায়ী, হামজা ১৯৮৬ সালে দ্বিতীয় ডিগ্রির হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হন। পরবর্তীতে কারাগারে থাকাকালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে প্যারোলের চেষ্টা চালিয়ে যান। তার পরিচয় গোপন রাখার অনুরোধ করা হয়েছিল, যাতে তার প্যারোল প্রক্রিয়ায় কোনো প্রভাব না পড়ে।    মাত্র ১৭ ডলার ৭৪ সেন্টের এই অনুদান অর্থমূল্যে ছোট হলেও মানবিক দৃষ্টান্ত হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একজন বন্দির সামান্য উপার্জন নিঃস্বার্থভাবে দান করার ঘটনা অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে, আর সেই অনুপ্রেরণার ফলেই তার নতুন জীবনের জন্য গড়ে ওঠে লক্ষাধিক ডলারের সহায়তা তহবিল।

প্রকাশ : আগস্ট ৬, ২০২৬ ০:১৬
অবসরজীবনের জন্য সবচেয়ে সাশ্রয়ী অঙ্গরাজ্যের তালিকায় শীর্ষে ওয়েস্ট ভার্জিনিয়া। ছবি: সংগৃহীত
অবসরের পর বসবাসের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাশ্রয়ী অঙ্গরাজ্য কোনটি? প্রকাশ পেল ২০২৬ সালের তালিকা

অবসরের পর কম খরচে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে চাইলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। ‘রিটায়ারমেন্ট লিভিং’-এর ২০২৬ সালের এক গবেষণায় দেখা গেছে, অবসরের জন্য সবচেয়ে সাশ্রয়ী ১০টি অঙ্গরাজ্যের মধ্যে সাতটিই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত।   গবেষণায় যুক্তরাষ্ট্রের জনশুমারি ব্যুরো, রেডফিন, মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ), এএএ, সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস), সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য ব্যবহার করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোর অবস্থান নির্ধারণে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে আবাসন ব্যয়, জীবনযাত্রার ব্যয় এবং কর-সুবিধা।   তালিকার শীর্ষে রয়েছে ওয়েস্ট ভার্জিনিয়া। গবেষণায় বলা হয়েছে, দেশটির মধ্যে এই অঙ্গরাজ্যেই আবাসন ও জীবনযাত্রার ব্যয় সবচেয়ে কম। সেখানে একটি এক বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া ৬৪৩ ডলার এবং একজনের মাসিক গড় মুদি খরচ ২০৫ ডলার। হিসাব অনুযায়ী, ওয়েস্ট ভার্জিনিয়ায় স্বাচ্ছন্দ্যে অবসর জীবন কাটাতে একজনের প্রায় ৩ লাখ ৩ হাজার ১৯৯ ডলার সঞ্চয় থাকলেই চলবে।   এর বিপরীতে, সবচেয়ে ব্যয়বহুল অঙ্গরাজ্যগুলোর একটি ওয়াইয়োমিংয়ে অবসর কাটাতে প্রয়োজন হতে পারে প্রায় ৫ লাখ ৭৪ হাজার ডলার সঞ্চয়। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মিসিসিপি ও আলাবামা। কম জীবনযাত্রার ব্যয়ের কারণে এই দুই অঙ্গরাজ্য উচ্চ অবস্থান অর্জন করেছে। মিসিসিপি তুলনামূলক কম আবাসন ব্যয়ের সুবিধা পেয়েছে, আর আলাবামা এগিয়ে রয়েছে কর-সুবিধার কারণে।   প্রথম পাঁচে থাকা বাকি দুটি অঙ্গরাজ্য হলো ওকলাহোমা ও আরকানসাস। ওকলাহোমায় আবাসন ও জীবনযাত্রার ব্যয় কম হলেও কর-সুবিধার ক্ষেত্রে তুলনামূলক পিছিয়ে থাকায় সামগ্রিক অবস্থান কিছুটা নেমে গেছে। অন্যদিকে আরকানসাস কম আবাসন ব্যয় এবং কর-সুবিধা দুই ক্ষেত্রেই ভালো অবস্থানে রয়েছে। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, অবসরের জন্য সবচেয়ে সাশ্রয়ী শীর্ষ ১০টি অঙ্গরাজ্যের কোনোটিই সোশ্যাল সিকিউরিটি সুবিধার ওপর রাজ্য কর আরোপ করে না, যা অবসরপ্রাপ্তদের জন্য একটি বড় আর্থিক সুবিধা।   অন্যদিকে, অবসরজীবনের জন্য সবচেয়ে ব্যয়বহুল অঙ্গরাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া। আবাসন ব্যয়ের ক্ষেত্রে এটি সবচেয়ে ব্যয়বহুল অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হয়েছে। জীবনযাত্রার ব্যয় ও কর-সুবিধার ক্ষেত্রেও এর অবস্থান তুলনামূলক নিচের দিকে। দ্বিতীয় স্থানে রয়েছে হাওয়াই, যেখানে আবাসন ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় দেশের অন্যতম সর্বোচ্চ।   সবচেয়ে ব্যয়বহুল পাঁচ অঙ্গরাজ্যের তালিকায় আরও রয়েছে ওয়াশিংটন, ওরেগন এবং কলোরাডো। ২০২৬ সালের গবেষণা অনুযায়ী, অবসরের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাশ্রয়ী ১০টি অঙ্গরাজ্য হলো ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, আলাবামা, ওকলাহোমা, আরকানসাস, কেন্টাকি, মিসৌরি, লুইজিয়ানা, ইন্ডিয়ানা এবং কানসাস।   অন্যদিকে অবসরের জন্য সবচেয়ে ব্যয়বহুল ১০টি অঙ্গরাজ্য হলো ক্যালিফোর্নিয়া, হাওয়াই, ওয়াশিংটন, ওরেগন, কলোরাডো, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, উটাহ, নিউইয়র্ক এবং মিনেসোটা।   বিশ্লেষকদের মতে, অবসরের জন্য অঙ্গরাজ্য নির্বাচন করার সময় শুধু আবাসন ব্যয় নয়, করনীতি, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার খরচ এবং সামাজিক নিরাপত্তা সুবিধাও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২৩:৫৭
নির্বাচনী সমাবেশে ট্রাম্পের পরিচিত নাচ ও অঙ্গভঙ্গি নিয়ে আলোচনা। ছবি: সংগৃহীত
আমার নাচ আর অঙ্গভঙ্গি মেলানিয়ার একদম পছন্দ নয়:ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনী সমাবেশে তার নাচ এবং বিভিন্ন অঙ্গভঙ্গি প্রথম নারী মেলানিয়া ট্রাম্পের পছন্দ নয়। তার ভাষায়, মেলানিয়া মনে করেন এসব আচরণ একজন প্রেসিডেন্টের ভাবমূর্তির সঙ্গে পুরোপুরি মানানসই নয়।   নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, বুধবার নেভাদার লাস ভেগাসে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ব্যক্তিগত এই কথোপকথনের কথা তুলে ধরেন। সমাবেশে তিনি বলেন, নারী ক্রীড়ায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি যে ওজন উত্তোলনের ভঙ্গি করেন, সেটি মেলানিয়ার একদম পছন্দ নয়।   ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, "আমি যখন ওজন উত্তোলনের ভঙ্গি করি, মেলানিয়া বলেন এটি প্রেসিডেন্টসুলভ নয়। আমি তাকে বলেছি, হয়তো এটি প্রেসিডেন্টসুলভ নয়, কিন্তু আমি বড় ব্যবধানে নির্বাচন জিতেছি।" বক্তৃতার সময় তিনি সেই পরিচিত অঙ্গভঙ্গিও করে দেখান।   এটি প্রথম নয় যে ট্রাম্প প্রকাশ্যে মেলানিয়ার এমন মন্তব্যের কথা জানালেন। এর আগেও তিনি একাধিকবার বলেছেন, তার নির্বাচনী সমাবেশের নাচ কিংবা মঞ্চে করা বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে মেলানিয়ার আপত্তি রয়েছে। একই সঙ্গে তিনি মেলানিয়াকে "অত্যন্ত মার্জিত রুচির মানুষ" বলেও উল্লেখ করেছেন। ট্রাম্পের নির্বাচনী সমাবেশের অন্যতম পরিচিত অংশ হলো বক্তব্য শেষে জনপ্রিয় গান 'ওয়াই.এম.সি.এ.'-এর (Y.M.C.A.) তালে তার নাচ। গত কয়েক বছরে এটি তার সমর্থকদের কাছে এক ধরনের নিয়মিত রাজনৈতিক প্রতীক হয়ে উঠেছে।   চলতি বছরের জানুয়ারিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, মেলানিয়া তাকে প্রশ্ন করেছিলেন, "তুমি কি কল্পনা করতে পারো, সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এভাবে নাচতেন?" ২০২৩ সালে ক্যালিফোর্নিয়া রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠানে ট্রাম্প একই ধরনের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, মেলানিয়া তাকে বলেছিলেন, "এটা প্রেসিডেন্টসুলভ নয়।"   জবাবে তিনি নাকি বলেছিলেন, "কিন্তু মানুষ এটা পছন্দ করে।" ট্রাম্পের দাবি, সমাবেশে উপস্থিত সমর্থকেরা প্রায়ই তাকে "নাচুন, নাচুন" বলে উৎসাহিত করেন। ট্রাম্প আরও বলেন, শুধু নাচ নয়, নারী ক্রীড়ায় ট্রান্সজেন্ডার অংশগ্রহণ নিয়ে বক্তব্য দেওয়ার সময় তার অভিনয়ধর্মী অঙ্গভঙ্গিও মেলানিয়ার ভালো লাগে না। জানুয়ারিতে তিনি স্মরণ করেন, মেলানিয়া তাকে বলেছিলেন, "প্রিয়, দয়া করে ওজন তোলার ভঙ্গিটা কোরো না। এটা খুবই খারাপ দেখায়।"   ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তখনও তিনি একই উত্তর দিয়েছিলেন "কিন্তু আমি তো প্রেসিডেন্ট হয়েছি।" এছাড়া অতীতেও ট্রাম্প বলেছেন, টেলিভিশনে তার সাক্ষাৎকার দেখার পর মেলানিয়া মাঝে মাঝে তার উপস্থাপনা বা ক্যামেরায় উপস্থিতি নিয়েও মন্তব্য করেন। একবার তিনি নাকি বলেছিলেন, "তোমাকে ভালো লাগছিল না, আলোটা খুব বেশি ছিল।"   যদিও মেলানিয়া ট্রাম্প সাধারণত ব্যক্তিগত এসব কথোপকথন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন না, তবু ট্রাম্প বিভিন্ন সমাবেশে প্রায়ই তাকে এমন একজন হিসেবে তুলে ধরেন, যিনি তার জনসমক্ষে উপস্থিতি ও উপস্থাপনা নিয়ে পরামর্শ দেন।   তবে স্ত্রী আপত্তি জানালেও ট্রাম্প তার পরিচিত নাচ ও অঙ্গভঙ্গি চালিয়ে যাচ্ছেন। তার দাবি, সমর্থকেরা এসব মুহূর্ত উপভোগ করেন এবং নির্বাচনী সমাবেশে এগুলো দেখার প্রত্যাশা নিয়েই আসেন।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২৩:৪৭
চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের ওপরের অংশ। ছবি: এআই
চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট

এক বছরেরও বেশি সময় মহাকাশে ভেসে থাকার পর অবশেষে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটের একটি ওপরের ধাপ (আপার স্টেজ)। বিজ্ঞানীদের ধারণা, এই সংঘর্ষের ফলে চাঁদের পৃষ্ঠে একটি নতুন গর্ত বা ক্রেটার তৈরি হয়েছে এবং বিপুল পরিমাণ ধূলিকণা চারদিকে ছড়িয়ে পড়েছে।   ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪ হাজার কেজি ওজনের রকেটের অংশটি ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল বেগে চাঁদের পৃষ্ঠে আঘাত হানে। এই গতি শব্দের গতির প্রায় সাত গুণ। বিজ্ঞানীদের হিসাবে, সংঘর্ষের শক্তি ছিল প্রায় তিন টন টিএনটি বিস্ফোরণের সমতুল্য।   রকেটটির উৎক্ষেপণ হয় ২০২৫ সালের জানুয়ারিতে। এর মাধ্যমে দুটি চন্দ্রযান (লুনার ল্যান্ডার) নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়। মিশন সফলভাবে শেষ হওয়ার পর রকেটের নিচের অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসে ধ্বংস হলেও ওপরের অংশটি মহাকাশেই থেকে যায়।   স্পেসএক্সের কর্মকর্তা জুলিয়ানা শেইম্যান জানান, সৌর সক্রিয়তা এবং চাঁদ ও পৃথিবীর মহাকর্ষীয় বলের প্রভাবে রকেটটির গতিপথ ধীরে ধীরে পরিবর্তিত হয়। শেষ পর্যন্ত সেটি চাঁদের দিকে ধাবিত হয়ে উচ্চগতিতে আঘাত হানে।   প্রাথমিক বিশ্লেষণে বিজ্ঞানীরা ধারণা করছেন, এই সংঘর্ষে চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ১০ লাখ কেজি ধূলিকণা ও শিলাখণ্ড ছিটকে বের হয়েছে। এসব ধূলিকণা ও ধ্বংসাবশেষ প্রায় ১১৪ মাইল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।   মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই ঘটনায় পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির আশঙ্কা নেই। তবে সংঘর্ষের প্রকৃত প্রভাব মূল্যায়নে নাসার ‘লুনার রিকনেসান্স অরবিটার’ (Lunar Reconnaissance Orbiter) আগামী কয়েক দিনের মধ্যে ঘটনাস্থলের উচ্চ রেজল্যুশনের ছবি সংগ্রহ করবে। এসব ছবি বিশ্লেষণ করে নতুন সৃষ্ট ক্রেটারের আকার, গভীরতা এবং ছড়িয়ে পড়া ধূলিকণার পরিমাণ সম্পর্কে আরও নির্ভুল তথ্য জানা যাবে।   বিজ্ঞানীদের মতে, ঘটনাটি যদিও পরিকল্পিত ছিল না, তবুও এটি চাঁদের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। কোনো ভারী বস্তু চাঁদের পৃষ্ঠে আঘাত করলে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কীভাবে ধূলিকণা ও শিলাখণ্ড ছড়িয়ে পড়ে এবং চাঁদের মাটির গঠন কীভাবে পরিবর্তিত হয় এসব বিষয়ে মূল্যবান তথ্য পাওয়া যেতে পারে।   বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে চাঁদে মানব মিশন, স্থায়ী ঘাঁটি নির্মাণ এবং নতুন মহাকাশযানের নিরাপদ অবতরণের পরিকল্পনায় এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষও ভবিষ্যতের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।   সূত্র: দ্য টেলিগ্রাফ

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২৩:৩৩
অভিবাসীদের জন্য নতুন আইনি সহায়তা প্রচারণা শুরু করেছে নিউইয়র্ক সিটি। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে অভিবাসীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, ৩ লাখ ডলারের বিশেষ প্রচারণা শুরু

নিউইয়র্ক সিটিতে বসবাসকারী অভিবাসীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার হটলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে মাসব্যাপী একটি প্রচারণা শুরু করেছে নিউইয়র্ক সিটির মেয়রের অভিবাসী বিষয়ক কার্যালয় (Mayor's Office of Immigrant Affairs)।   পিআইএক্স১১ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই প্রচারণার মাধ্যমে নিউইয়র্কের পাঁচটি বরোজুড়ে বিভিন্ন ভাষায় অভিবাসন-সংক্রান্ত বিনামূল্যের আইনি সহায়তার তথ্য প্রচার করা হবে। প্রিন্ট, ডিজিটাল এবং রেডিও বিজ্ঞাপনের মাধ্যমে বাসিন্দাদের জানানো হবে কীভাবে তারা নিরাপদ, গোপনীয় এবং বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।   ২০২৬ অর্থবছরে নিউইয়র্ক সিটি কাউন্সিলের বরাদ্দ দেওয়া তিন লাখ ডলারের অর্থায়নে পরিচালিত হচ্ছে এই ক্যাম্পেইন। কর্মসূচির আওতায় ইংরেজি, স্প্যানিশ, চীনা, রুশ, আরবি, উর্দু, পাঞ্জাবি, ফরাসি, নেপালি, তিব্বতি, তাগালোগ, হাইতিয়ান ক্রেওলসহ মোট ১৭টি ভাষায় তথ্য প্রচার করা হবে, যাতে বিভিন্ন ভাষাভাষী অভিবাসীরা সহজেই এই সেবার বিষয়ে জানতে পারেন।   সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিন্ট ও রেডিও বিজ্ঞাপন বিভিন্ন কমিউনিটি ও জাতিগত গণমাধ্যমে প্রচার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও বিজ্ঞাপন প্রকাশ করা হবে। নিউইয়র্কে বসবাসকারী যেকোনো ব্যক্তি, তার অভিবাসন-সংক্রান্ত অবস্থান যাই হোক না কেন, বিনামূল্যে ও গোপনীয় এই আইনি সহায়তা হটলাইনে ফোন করতে পারবেন। এজন্য ১-৮০০-৩৫৪-০৩৬৫ নম্বরে কল করা যাবে। এছাড়া ৩১১ নম্বরে ফোন করে "Immigration Legal" বললেও সংশ্লিষ্ট সেবার সঙ্গে সংযুক্ত হওয়া যাবে।   হটলাইনটির কার্যক্রম পরিচালিত হবে সপ্তাহের কর্মদিবসে। সোমবার ও বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।   নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, "এই মাসে আমরা ১৭টি ভাষায়, মানুষের পড়া সংবাদপত্র, শোনা রেডিও স্টেশন এবং তাদের নিজ নিজ কমিউনিটির মাধ্যমে সরাসরি আইনি সহায়তার তথ্য পৌঁছে দিচ্ছি।"   তিনি আরও বলেন, "যদি আমরা বলি নিউইয়র্ক অভিবাসীদের স্বাগত জানায়, তাহলে প্রত্যেক বাসিন্দা যেন প্রয়োজনে কোথায় সাহায্য পাবেন তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এই প্রচারণার মাধ্যমে আমরা ঠিক সেটিই করছি।"   সিটি কর্তৃপক্ষের আশা, নতুন এই উদ্যোগের ফলে অভিবাসীরা তাদের আইনি অধিকার, পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে আরও সহজে তথ্য পাবেন এবং প্রয়োজনে দ্রুত সঠিক সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২৩:১৮
প্রেমিকের সঙ্গে প্রথম সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
প্রেমিকের সঙ্গে দেখা করতে মেক্সিকো থেকে ভেনেজুয়েলায়, পাঁচ ঘণ্টা পরই ভূমিকম্পে প্রাণ গেল প্রেমিকের

মাসের পর মাস অনলাইনে কথা বলার পর অবশেষে প্রেমিকের সঙ্গে প্রথমবার দেখা করতে মেক্সিকো থেকে ভেনেজুয়েলায় যান এক তরুণী। কিন্তু বহু প্রতীক্ষিত সেই সাক্ষাতের মাত্র পাঁচ ঘণ্টা পরই শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারান তার প্রেমিক। সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই তরুণীর অভিজ্ঞতা ইতোমধ্যে হাজারো মানুষের হৃদয় ছুঁয়েছে।   স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, "lobita_xx94" নামে পরিচিত ওই তরুণী গত ২৪ জুন ভেনেজুয়েলায় পৌঁছান। বিমানবন্দরে ফুল ও উপহার নিয়ে তাকে স্বাগত জানান তার প্রেমিক ভিক। দীর্ঘদিনের ভার্চুয়াল সম্পর্ক সেদিনই প্রথম বাস্তবে রূপ নেয়।   কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তরুণীর দাবি, সাক্ষাতের প্রায় পাঁচ ঘণ্টা পর ভেনেজুয়েলায় আঘাত হানে শক্তিশালী দ্বৈত ভূমিকম্প। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় ভিক নিহত হন, আর তিনি নিজে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হন।   ঘটনার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তরুণী লিখেছেন, "জীবন আমাদের একসঙ্গে মাত্র পাঁচ ঘণ্টা সময় দিয়েছিল।" এই একটি বাক্যই যেন তাদের অসমাপ্ত ভালোবাসার পুরো গল্প তুলে ধরে। বহুদিনের অপেক্ষার পর যে সম্পর্ক বাস্তবে শুরু হয়েছিল, তা কয়েক ঘণ্টার মধ্যেই এক মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে শেষ হয়ে যায়।   সামাজিক মাধ্যমে প্রকাশিত তার এই অভিজ্ঞতা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ভালোবাসা, ভাগ্য এবং জীবনের অনিশ্চয়তার এক হৃদয়স্পর্শী উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।   তবে তার ব্যক্তিগত বর্ণনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পে প্রাণহানির তথ্য প্রকাশ করলেও, তরুণীর ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।   বিশ্লেষকদের মতে, এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো কখনো কখনো সময়ের দৈর্ঘ্যে নয়, বরং অনুভূতির গভীরতায় মাপা হয়।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২২:৩৮
বাবা-মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ইউলিসেস সারভিন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে পারিবারিক কলহের জেরে নিজের মা-বাবাকেই গুলি করে হত্যা করল ১৯ বছরের ছেলে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুটনাম কাউন্টিতে পারিবারিক বিরোধের জেরে নিজের বাবা-মাকে গুলি করে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি শুক্রবার রাতে সাটসুমা এলাকার একটি বাড়ির সামনে ঘটে।   পুটনাম কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা ১৬ মিনিটে মুসকেট ড্রাইভের একটি বাড়ি থেকে জরুরি ফোনকল আসে। ফোনকারী জানান, এক ব্যক্তি পরিবারের সদস্যদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে আছেন। পরে আরেকটি ফোনকলে ওই এলাকায় গুলির শব্দ শোনার খবর পাওয়া যায়।   ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ির বাইরে ১৯ বছর বয়সী ইউলিসেস সারভিনকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি ছোট শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। কর্মকর্তাদের নির্দেশে তিনি অস্ত্রটি ফেলে দেন। এরপর শিশুটিকে নিরাপদে সরিয়ে নিয়ে সারভিনকে আটক করা হয়।   পরে বাড়ির বাইরে আলাদা দুটি স্থানে সারভিনের বাবা ও মাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ৫১ বছর বয়সী মিগুয়েল সারভিনকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলেই মারা যান ৪৭ বছর বয়সী সিসিলিয়া সারভিন।   তদন্তকারীদের প্রাথমিক ধারণা, সারভিন, তার বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যে একটি তর্ক-বিতর্কের একপর্যায়ে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় বাড়ির ভেতরে থাকা আরও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যান।   পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সারভিনের বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ, ভবন বা যানবাহনের দিকে গুলি ছোড়ার দুটি অভিযোগ, গুরুতর হামলার তিনটি অভিযোগ এবং শিশুকে অবহেলার একটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুটনাম কাউন্টি কারাগারে বিচারপূর্ব আটক রয়েছেন। আদালত তার জামিন মঞ্জুর করেনি।   তবে তদন্ত এখনো চলমান। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তিনি কোথা থেকে পেয়েছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   পুলিশ নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তারের সময় সারভিনের সঙ্গে থাকা শিশুটির বয়স বা পরিচয় প্রকাশ করেনি। এছাড়া ঘটনাস্থলে আরও শিশু ছিল কি না বা থাকলে তাদের অবস্থা কী সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযোগ আনা হতে পারে বলেও জানিয়েছে পুটনাম কাউন্টি শেরিফের কার্যালয়। এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২২:২১
টেক্সাসের অস্টিনে নিজস্ব স্টুডিও থেকে ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে জো রোগান। ছবি: সংগৃহীত
কে এই জো রোগান? অনলাইন টক শো করেই বছরে আয় ৮ কোটি ২০ লাখ ডলার

বিশ্বের সর্বোচ্চ আয়কারী অনলাইন টক শো উপস্থাপক হিসেবে নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন কমেডিয়ান, ইউএফসি ধারাভাষ্যকার এবং মিডিয়া ব্যক্তিত্ব জো রোগান। ফোর্বসের ২০২৬ সালের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মাত্র এক বছরে তার অনলাইন অনুষ্ঠান ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ থেকে কর-পূর্ব আনুমানিক ৮ কোটি ২০ লাখ ডলার আয় হয়েছে।    ৫৮ বছর বয়সী জো রোগান যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে স্ট্যান্ডআপ কমেডিয়ান ও ইউএফসি ধারাভাষ্যকার হিসেবে পরিচিত। তবে গত এক দশকে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তার দীর্ঘ সাক্ষাৎকারভিত্তিক অনলাইন টক শো ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ এর মাধ্যমে। এই অনুষ্ঠানে রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, ব্যবসা, খেলাধুলা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে বিশ্বের শীর্ষ উদ্যোক্তা, বিজ্ঞানী, ক্রীড়াবিদ, শিল্পী এবং রাজনীতিবিদদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেন তিনি। অনুষ্ঠানটি স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কোটি কোটি মানুষ নিয়মিত দেখেন ও শোনেন।    জো রোগান ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ছেড়ে টেক্সাসের অস্টিনে চলে যান। সেখানে তিনি প্রায় ১ কোটি ৪৪ লাখ ডলার মূল্যের একটি বাড়ি কিনে অত্যাধুনিক স্টুডিও গড়ে তোলেন, যেখান থেকেই এখন তার জনপ্রিয় অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। ক্যালিফোর্নিয়ার কঠোর কোভিড-১৯ বিধিনিষেধ এবং টেক্সাসের তুলনামূলক স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগকে স্থানান্তরের অন্যতম কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন।    যারা পডকাস্ট বা অনলাইন টক শো করেন তাদের মতে, জো রোগানের বিপুল আয়ের পেছনে শুধু ইউটিউব বা স্পটিফাইয়ের বিজ্ঞাপন নয়, বরং মাল্টি মিলিয়ন ডলারের লাইসেন্সিং চুক্তি, স্পন্সরশিপ, বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠান সম্প্রচারের অধিকার এবং তার শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড বড় ভূমিকা রেখেছে। ২০২৪ সালে স্পটিফাইয়ের সঙ্গে তার নতুন চুক্তির ফলে অনুষ্ঠানটি একাধিক প্ল্যাটফর্মে বিতরণের সুযোগ পায়, যা তার আয় আরও বাড়িয়ে দেয়।    ফোর্বসের সর্বশেষ তালিকায় জো রোগানের আনুমানিক ৮ কোটি ২০ লাখ ডলারের আয় দ্বিতীয় অবস্থানে থাকা প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠান টিবিপিএনের ৭ কোটি ডলারের আয়ের চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি। এতে টানা আরেকবার বিশ্বের সর্বোচ্চ আয়কারী অনলাইন টক শো উপস্থাপকের অবস্থান ধরে রাখলেন তিনি।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২২:০
মিশিগানের ডিস্ট্রিক্ট-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মিনহাজ চৌধুরী। ছবি: সংগৃহীত
মিশিগান প্রাইমারি নির্বাচনের ফলের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা মিনহাজ চৌধুরীর

মিশিগান স্টেট হাউসের ডিস্ট্রিক্ট-১৪ আসনের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে বর্তমান স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফলের কাছে পরাজয়ের পর ভোটার, বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক এবং নির্বাচনী প্রচারণায় সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রার্থী মিনহাজ চৌধুরী।   নির্বাচনের ফল প্রকাশের পর দেওয়া এক বিবৃতিতে মিনহাজ চৌধুরী বলেন, গতকাল ৪ আগস্ট অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে ওয়ারেন, সেন্টার লাইন, ম্যাডিসন হাইটস ও হেজেল পার্ক নিয়ে গঠিত মিশিগানের ডিস্ট্রিক্ট-১৪-এর ভোটাররা তাকে যে ভালোবাসা, আস্থা ও সমর্থন দিয়েছেন, তার জন্য তিনি চিরকৃতজ্ঞ।   তিনি বিশেষভাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের সহযোগিতা, পরামর্শ ও নিরলস সমর্থন তার প্রচারণাকে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন তিনি।   এবারের নির্বাচনে মিনহাজ চৌধুরী নিজেকে একজন কমিউনিটি-কেন্দ্রিক প্রার্থী হিসেবে তুলে ধরেন। তার নির্বাচনী প্রচারণায় স্থানীয় জনগণের কার্যকর প্রতিনিধিত্ব, জননিরাপত্তা, শিক্ষা, ছোট ব্যবসার উন্নয়ন, পরিবারভিত্তিক সামাজিক মূল্যবোধ এবং বাংলাদেশিসহ অভিবাসী কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। নির্বাচনী প্রচারণাজুড়ে তিনি কমিউনিটির সঙ্গে সরাসরি যোগাযোগ ও জনসম্পৃক্ততার ওপরও জোর দেন।   বিবৃতিতে মিনহাজ চৌধুরী বলেন, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না এলেও ভোটারদের প্রতিটি সমর্থন তার কাছে অত্যন্ত মূল্যবান। তিনি বলেন, একটি নির্বাচনের ফলাফল মানুষের জন্য কাজ করার অঙ্গীকারকে থামিয়ে দিতে পারে না; বরং কমিউনিটির প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়।   তিনি আরও বলেন, আগামী দিনেও দল-মত নির্বিশেষে কমিউনিটির উন্নয়ন, ঐক্য এবং জনকল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। মানুষের ভালোবাসা ও বিশ্বাসই তার ভবিষ্যৎ পথচলার সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন তিনি।   মিশিগানের ডিস্ট্রিক্ট-১৪ আসনে বর্তমান স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে মিনহাজ চৌধুরী বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেন। যদিও তিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে মনোনয়ন অর্জন করতে পারেননি, তবে তার প্রচারণা বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নির্বাচনী প্রক্রিয়ায় কমিউনিটির অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখে।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২১:৫২
কর্মীদের জন্য নতুন অবসর সঞ্চয় পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন ৪০১(কে)-এর জনক টেড বেনা। ছবি: সংগৃহীত
বেতন না কেটেই জমবে সঞ্চয়! যুক্তরাষ্ট্রে আসছে নতুন ৪০১(কে) পরিকল্পনা, মিলতে পারে বাড়ি কেনার সুযোগ

যুক্তরাষ্ট্রে অবসরকালীন সঞ্চয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন ৪০১(কে) পরিকল্পনার জনক হিসেবে পরিচিত টেড বেনা। তার নতুন ধারণা, কর্মীদের বেতন থেকে এক ডলারও না কেটেই নিয়োগকর্তার অর্থায়নে সঞ্চয় গড়ে তোলা সম্ভব হবে। ভবিষ্যতে এই অর্থ জরুরি প্রয়োজন কিংবা বাড়ি কেনার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যেও ব্যবহার করা যেতে পারে।   টেড বেনা প্রস্তাবিত এই নতুন পরিকল্পনার নাম দিয়েছেন রেডিশ। এটি প্রচলিত ৪০১(কে)-এর বিকল্প নয়, বরং একটি অতিরিক্ত সঞ্চয় সুবিধা হিসেবে ভাবা হয়েছে। বর্তমানে প্রস্তাবটি নীতিগত পর্যায়ে রয়েছে; এটি এখনো চালু হয়নি।    বেনার ভাষ্য, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক নিম্ন ও মধ্যম আয়ের কর্মী খাবার, বাসস্থান, হেলথ কেয়ার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেই হিমশিম খান। ফলে তাদের পক্ষে পেচেক থেকে নিয়মিত অর্থ কেটে ৪০১(কে)-তে জমা রাখা কঠিন হয়ে পড়ে। তাই এমন একটি ব্যবস্থা দরকার, যেখানে কর্মীদের নিজস্ব আয় থেকে অর্থ কাটা ছাড়াই সঞ্চয় গড়ে উঠবে।    প্রস্তাব অনুযায়ী, কোনো কর্মী নির্ধারিত কর্মদক্ষতা, উপস্থিতি, নিরাপদে কাজ সম্পন্ন করা, বিক্রয় লক্ষ্যমাত্রা বা প্রতিষ্ঠানের নির্ধারিত অন্যান্য লক্ষ্য পূরণ করলে নিয়োগকর্তা তার নামে একটি বিশেষ অবসর সঞ্চয় হিসাবে অর্থ জমা দেবেন। কোম্পানির নীতির ওপর নির্ভর করে এই অর্থ সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক ভিত্তিতে জমা হতে পারে। অর্থাৎ কর্মী ভালো পারফরম্যান্স করলে তার সঞ্চয়ও বাড়বে, কিন্তু সেই অর্থ তার বেতন থেকে কাটা হবে না।    বেনা মনে করেন, শুধু অবসরের জন্য ২০ বা ৩০ বছর অপেক্ষা করার পরিবর্তে এই ধরনের সঞ্চয় জরুরি আর্থিক প্রয়োজন, চিকিৎসা ব্যয় কিংবা প্রথম বাড়ি কেনার ডাউন পেমেন্টের মতো স্বল্পমেয়াদি লক্ষ্য পূরণেও সহায়ক হতে পারে। তার মতে, এতে সঞ্চয়ের অভ্যাস যেমন বাড়বে, তেমনি কর্মীদের কর্মদক্ষতা বাড়াতেও এটি উৎসাহ হিসেবে কাজ করবে।    প্রস্তাবিত পরিকল্পনায় নিয়োগকর্তারও আর্থিক সুবিধা থাকতে পারে। কারণ এটি যোগ্য অবসর সঞ্চয় পরিকল্পনার কাঠামোর মধ্যে পরিচালিত হলে কিছু পেরোল-সংক্রান্ত কর ও ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে বলে পরিকল্পনাটির উদ্যোক্তারা দাবি করছেন।    মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের দুই-তৃতীয়াংশের বেশি কর্মীর ৪০১(কে)-ধরনের অবসর সঞ্চয় পরিকল্পনায় অংশ নেওয়ার সুযোগ থাকলেও, যোগ্য কর্মীদের মাত্র প্রায় অর্ধেক এতে অংশ নেন। টেড বেনার মতে, এটিই প্রমাণ করে যে বর্তমান ব্যবস্থা অনেক কর্মীর জন্য কার্যকরভাবে কাজ করছে না।    তবে অনেক অর্থনীতিবিদদের মতে, অবসরকালীন সঞ্চয় ব্যবস্থায় যেকোনো পরিবর্তন বা নতুন পরিকল্পনা চালুর আগে এর করনীতি, অর্থ উত্তোলনের নিয়ম এবং দীর্ঘমেয়াদি আর্থিক প্রভাব ভালোভাবে মূল্যায়ন করা জরুরি। কারণ ‘রেডিশ’ পরিকল্পনাটি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য নিয়োগকর্তা, অবসর সঞ্চয় খাত এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সমর্থন প্রয়োজন।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২১:৪৪
সাশ্রয়ী আবাসন খাতে ৭৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জেপিমরগান চেজ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সাশ্রয়ী আবাসনের জন্য ৭৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জেপিমরগান, কী সুবিধা পাবেন বাড়ির ক্রেতারা?

যুক্তরাষ্ট্রে সাশ্রয়ী মূল্যের আবাসন বাড়ানো এবং আরও বেশি মানুষের জন্য বাড়ির মালিক হওয়ার সুযোগ তৈরি করতে আগামী ১০ বছরে ৭৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান জেপিমরগান চেজ (JPMorgan Chase)।   প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের 'আমেরিকান ড্রিম ইনিশিয়েটিভ'-এর আওতায় এই অর্থ বিনিয়োগ করা হবে। পরিকল্পনার লক্ষ্য হলো ১০ লাখ সাশ্রয়ী আবাসন ইউনিট নির্মাণ বা সংরক্ষণ করা এবং অন্তত পাঁচ লাখ মানুষকে বাড়ি কিনতে সহায়তা করা। এর মধ্যে প্রায় দুই লাখ প্রথমবারের মতো বাড়ি কিনতে যাওয়া ক্রেতাও থাকবেন।   সোমবার ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে জেপিমরগান চেজ ৮৫০ জন নতুন হোম লেন্ডিং অ্যাডভাইজার নিয়োগ দেবে। পাশাপাশি ঋণ গ্রহণের পুরো প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল সেবা চালু করা হবে। উচ্চ সুদের হার এবং ধীরগতির আবাসন বাজারকে আবারও সচল করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।   প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে ৩৪২টি অ্যাপার্টমেন্টের একটি ভবনের জন্য ২০ কোটি ডলারের অর্থায়ন এবং সান ফ্রান্সিসকোর পত্রেরো হিল এলাকায় সাশ্রয়ী আবাসন প্রকল্পে আরও দেড় কোটি ডলার বিনিয়োগ উল্লেখযোগ্য।   জেপিমরগানের ভাষ্য অনুযায়ী, আবাসন খাতের এই উদ্যোগ 'আমেরিকান ড্রিম ইনিশিয়েটিভ'-এর একটি অংশ মাত্র। একই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আর্থিক শিক্ষা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নেও বিনিয়োগ করা হবে। তবে আবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল বিনিয়োগের ইতিবাচক প্রভাব থাকলেও একে এককভাবে আবাসন সংকটের সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।   রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ক্লেভার রিয়েল এস্টেটের প্রেসিডেন্ট বেন মাইজেস বলেন, ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো 'নির্মাণ বা সংরক্ষণ'। কারণ বিদ্যমান সাশ্রয়ী আবাসন সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও সেটি নতুন বাড়ির সংখ্যা বাড়ায় না। তার মতে, বছরে গড়ে এক লাখ ইউনিটের হারে প্রকল্প এগোলেও বাস্তবে নতুন আবাসনের সংখ্যা এর চেয়েও কম হতে পারে। তিনি আরও বলেন, "জেপিমরগান অর্থায়ন দিতে পারে, কিন্তু ভবন নির্মাণের অনুমোদন দিতে পারে না। প্রকৃত সাফল্য নির্ভর করবে কত দ্রুত নতুন আবাসন নির্মাণ সম্ভব হয় এবং তা অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত হয় কি না।"   অ্যারিজোনাভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সিকিং এজেন্টসের সহ-প্রতিষ্ঠাতা জিম গ্রুলারও একই মত প্রকাশ করেছেন। তার ভাষায়, অর্থায়ন আবাসন নির্মাণে সহায়ক হলেও স্থানীয় জোনিং আইন, নির্মাণ অনুমোদনের সময়, দক্ষ শ্রমিকের সংকট, অবকাঠামো এবং নির্মাণ ব্যয় এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দীর্ঘমেয়াদে সফল হতে হলে ব্যাংক, নির্মাতা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং নীতিনির্ধারকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।   রিয়েলটর ডটকমের হিসাব অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ৪০ লাখেরও বেশি বাড়ির ঘাটতি রয়েছে। সেই তুলনায় ১০ বছরে ১০ লাখ আবাসন ইউনিট নির্মাণ বা সংরক্ষণের লক্ষ্য সমস্যার একটি অংশের সমাধান করলেও পুরো সংকট দূর করতে যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।   রিয়েল এস্টেট প্রতিষ্ঠান মোমেন্টাম রিয়েলটির জন ব্রুকস বলেন, এই উদ্যোগের ফলে মর্টগেজ সুদের হার বা ঋণ পাওয়ার শর্তে বড় কোনো পরিবর্তন আসবে না। তবে যদি এর মাধ্যমে সত্যিই মধ্যম আয়ের মানুষের নাগালের মধ্যে আরও বেশি বাড়ি বাজারে আসে, তাহলে ভবিষ্যতে এটি অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি কার্যকর মডেল হয়ে উঠতে পারে।   অন্যদিকে ভিএ লোন নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা লেভি রজার্সের মতে, ঘোষণাটি বড় হলেও এর বাস্তব প্রভাব নির্ভর করবে প্রকল্প বাস্তবায়নের ওপর। কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান আবাসন ঘাটতির তুলনায় পরিকল্পনাটি মোট চাহিদার মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ পূরণ করতে পারে।   বিশ্লেষকদের মতে, জেপিমরগানের এই উদ্যোগ শুধু সামাজিক দায়বদ্ধতার অংশ নয়, ব্যবসায়িক দিক থেকেও প্রতিষ্ঠানটির জন্য লাভজনক হতে পারে। কারণ বাড়ির মালিক হলে একজন গ্রাহক দীর্ঘমেয়াদে মর্টগেজ, সঞ্চয়, বিনিয়োগ, বীমা ও অন্যান্য ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত থাকেন। ফলে নতুন বাড়ির মালিক তৈরি হলে ব্যাংকের সম্ভাব্য গ্রাহকও বাড়বে।   তাদের মতে, যুক্তরাষ্ট্রের আবাসন সংকট শুধু আবাসন খাতের সমস্যা নয়; এটি দেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই আবাসনের সরবরাহ বৃদ্ধি এবং বাড়ি কেনার সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২১:৩৭
মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও তার পরিবার। ছবি: সংগৃহীত
মিশিগানে ডেমোক্র্যাট মুসলিম প্রার্থী আবদুল এল-সাইয়েদের স্ত্রী কে? জানুন তার পরিবার ও রাজনৈতিক পথচলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রগতিশীল রাজনীতিক আবদুল এল-সাইয়েদ। দলীয় প্রাইমারিতে অল্প ব্যবধানে জয়ের পর নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে যাচ্ছে।   নিউইয়র্ক টাইমসের ভোটের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এল-সাইয়েদ মধ্যপন্থী কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সকে এক শতাংশেরও কম ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন। এই রাজনৈতিক সাফল্যের পর নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন ও পরিবার।   এল-সাইয়েদের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট অনুযায়ী, তার স্ত্রী ডা. সারা জুকাকু একজন মনোরোগ বিশেষজ্ঞ। দুজনের পরিচয় হয়েছিল ইউনিভার্সিটি অব মিশিগানে পড়াশোনার সময়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবাদপত্র 'দ্য মিশিগান ডেইলি'-তে ২০০৬ সালে প্রকাশিত এক প্রতিবেদনে তাদের সম্পর্কের বিষয়টি উঠে আসে।   সেই সময় সারা জুকাকু জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময়ই তাদের বাগদান সম্পন্ন হয়। একই প্রতিবেদনে আবদুল এল-সাইয়েদ বলেছিলেন, ইসলাম ধর্মের শিক্ষা তাকে অল্প বয়সেই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অঙ্গীকারবদ্ধ হতে অনুপ্রাণিত করেছিল। তার ভাষায়, "আমি ভাবতাম, একজন মানুষের সঙ্গেই আমার দেখা হবে এবং তাকেই আমি বিয়ে করব। আমার কাছে এটিই একটি সম্পর্কের সবচেয়ে নির্মল রূপ।"   নির্বাচনী প্রচারণার বিভিন্ন ভিডিওতেও সারাকে দেখা গেছে। একটি ভিডিওতে তিনি সন্তান জন্মদানের সময় জটিলতার মুখে নিজের শ্রমিক ইউনিয়নের সহায়তার কথা তুলে ধরেন। সে সময় তিনি চিকিৎসক হিসেবে রেসিডেন্সি করছিলেন। তিনি বলেন, প্রয়োজন না হওয়া পর্যন্ত অনেকেই ইউনিয়নের গুরুত্ব বোঝেন না, কিন্তু কঠিন সময়ে সেই সহায়তা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।   আবদুল এল-সাইয়েদ তার লেখা 'হিলিং পলিটিক্স: আ ডক্টরস জার্নি ইনটু দ্য হার্ট অব আওয়ার পলিটিক্যাল এপিডেমিক' বইতেও স্ত্রী সম্পর্কে লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, সারার বাবা-মা ভারতের একটি গ্রাম থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন। স্ত্রীর আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার প্রশংসা করে তিনি লেখেন, জীবনে নিজের পরিচয় খুঁজে পেতে তাকে সংগ্রাম করতে হয়েছে, কিন্তু সারা সবসময় আত্মবিশ্বাসী ছিলেন। তার মতে, মনোরোগ বিশেষজ্ঞ হওয়া সারার ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানানসই।   মাদার্স ডে উপলক্ষে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এল-সাইয়েদ সারাকে "আমার সবচেয়ে বড় ভরসা এবং আমাদের দুই কন্যার অসাধারণ মা" বলে উল্লেখ করেন। দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে। তাদের নাম এমালি (Emmalee) ও সেরিন (Serene)।   এল-সাইয়েদের পারিবারিক শিকড়ও বৈচিত্র্যময়। তার প্রচারণা শিবিরের তথ্য অনুযায়ী, তার বাবা মোহাম্মদ এল-সাইয়েদ মিশর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন। তিনি বাবার পাশাপাশি সৎমা জ্যাকির সঙ্গেও বেড়ে উঠেছেন, যার পরিবারের শিকড় মিশিগানের গ্রাটিয়ট কাউন্টিতে। অন্যদিকে 'আরব আমেরিকা'র তথ্য অনুযায়ী, তার মা ডা. ফাত্তেন এলকোমি মিসৌরি অঙ্গরাজ্যে নার্স প্র্যাকটিশনার হিসেবে কর্মরত।   এদিকে নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে এল-সাইয়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্স। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে।   ইপিক-এমআরএ পরিচালিত এক জরিপে রজার্স ৪৬ শতাংশ সমর্থন নিয়ে এল-সাইয়েদের (৪৩ শতাংশ) চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছেন। তবে মিচেল রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনসের আরেকটি জরিপে দুজনই ৪৫ শতাংশ করে সমর্থন পেয়েছেন। অন্যদিকে গ্লেনগারিফ গ্রুপের এক জরিপে রজার্স ৪৯ শতাংশ এবং এল-সাইয়েদ ৩৯ শতাংশ সমর্থন পেয়েছেন।   বিশ্লেষকদের মতে, মিশিগান বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ 'ব্যাটলগ্রাউন্ড' অঙ্গরাজ্য। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অল্প ব্যবধানে রাজ্যটিতে জয় পান। ফলে এখানে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত করতে শুধু দলীয় ভোটার নয়, স্বতন্ত্র ভোটারদেরও সমর্থন অর্জন করতে হবে। সেই দিক থেকে আবদুল এল-সাইয়েদের প্রার্থিতা প্রগতিশীল ডেমোক্র্যাটদের জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষাও হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২১:২০
অনলাইনে অনুদান চাওয়াকে কেন্দ্র করে বিতর্কে ব্রায়ান রোমেরো। ছবি: সংগৃহীত
বাড়িভাড়া পরিশোধে অনলাইনে অনুদান চেয়ে তদন্তের মুখে নিউইয়র্কের নবনির্বাচিত আইনপ্রণেতা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্স থেকে অ্যাসেম্বলি সদস্য হিসেবে নির্বাচিত হতে যাওয়া ডেমোক্র্যাট নেতা ব্রায়ান রোমেরোকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের আগেই ব্যক্তিগত ভাড়া ও জীবনযাত্রার খরচ মেটাতে অনলাইনে অনুদান চাওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নৈতিকতা তদন্তের দাবি উঠেছে।   নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রোমেরোর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার রোজা সানচেজ গত ৩ আগস্ট অঙ্গরাজ্যের লেজিসলেটিভ এথিকস কমিশন এবং কমিশন অন এথিকস অ্যান্ড লবিং ইন গভর্নমেন্টের (COELIG) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি বলেন, নির্বাচনে জয়ের পর নিজের রাজনৈতিক অবস্থান ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করেছেন রোমেরো।   চিঠিতে সানচেজের অভিযোগ, "অ্যাসেম্বলি আসনে জয়ের বিষয়টি ব্যবহার করে তিনি মানুষের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহে উৎসাহিত করেছেন।" তার দাবি, এ ধরনের উদ্যোগ "অত্যন্ত অনুপযুক্ত, অনৈতিক এবং আইনের পরিপন্থী।"   ব্রায়ান রোমেরো ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (DSA) সদস্য। তিনি গত জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিজয়ী হন। ৩৪তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে রিপাবলিকান দলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কার্যত তিনিই ওই আসনের নবনির্বাচিত আইনপ্রণেতা। এই আসনের আওতায় কুইন্সের অ্যাস্টোরিয়া, করোনা ও ইস্ট এলমহার্স্ট এলাকার অংশ রয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, রোমেরো অনলাইন তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম গোফান্ডমিতে একটি প্রচারণা চালু করে ভাড়া, মুদি পণ্য এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়তা চান। বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হলে এবং গণমাধ্যমের অনুসন্ধান বাড়ার পর তিনি সেই প্রচারণা সরিয়ে নেন। তবে তার আগে এক হাজার ডলারেরও বেশি অনুদান সংগ্রহ হয়েছিল।   নিউইয়র্কের পাবলিক অফিসার্স আইনে নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যক্তিগত সুবিধার জন্য এমন অনুদান বা উপহার চাওয়ার ওপর বিধিনিষেধ রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, রোমেরো তখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। ফলে ঘটনাটি আইন লঙ্ঘনের পরিবর্তে একটি "ধূসর ক্ষেত্র" বা ব্যাখ্যাসাপেক্ষ পরিস্থিতি তৈরি করেছে।   অভিজ্ঞ নির্বাচন আইনজীবী কিথ করবেট বলেন, ফেডারেল, অঙ্গরাজ্য বা স্থানীয় পর্যায়ের কোনো প্রার্থীকে ব্যক্তিগত বিল পরিশোধের জন্য গোফান্ডমি খুলতে তিনি আগে দেখেননি। তবে তার মতে, এটি সরাসরি আইন ভঙ্গের শামিল নয়।   অন্যদিকে স্বচ্ছতা ও সুশাসনবিষয়ক সংগঠন রিইনভেন্ট অ্যালবানির জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা রেচেল ফস বলেন, বিষয়টি আইনের ধূসর এলাকায় পড়তে পারে। তবে ভবিষ্যতে এমন স্বার্থের সংঘাত এড়াতে আগেই স্পষ্ট নির্দেশনা থাকা উচিত। তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নৈতিকতা বিষয়ক নির্দেশিকা তৈরিরও আহ্বান জানান।   অভিযোগের বিষয়ে কমিশন অন এথিকস অ্যান্ড লবিং ইন গভর্নমেন্ট এক বিবৃতিতে জানায়, আইনি গোপনীয়তার বাধ্যবাধকতার কারণে তারা কোনো অভিযোগ পেয়েছে কি না কিংবা কোনো তদন্ত চলছে কি না সে বিষয়ে মন্তব্য করতে পারবে না। অন্যদিকে ব্রায়ান রোমেরো আগেই স্বীকার করেছিলেন যে গোফান্ডমি খোলা ছিল একটি "ভুল" সিদ্ধান্ত। তার দাবি, সমালোচনার মুখে প্রচারণাটি সরিয়ে নেওয়ার পর তিনি সংগৃহীত অর্থ নিজের কাছে রাখেননি।   রোমেরো এর আগে জানান, অ্যাসেম্বলি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে নৈতিকতা-সংক্রান্ত পরামর্শ মেনে মার্চ মাসে তাকে অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস্টেন গনজালেজের জ্যেষ্ঠ উপদেষ্টার পদ ছাড়তে হয়। এরপর দীর্ঘদিন নিয়মিত আয়ের উৎস না থাকায় সঞ্চয় শেষ হয়ে যায় এবং ভাড়া পরিশোধে সমস্যায় পড়েন।   গোফান্ডমি পাতায় তিনি লিখেছিলেন, অস্থায়ী কর্মসংস্থানের কারণে নতুন কাজ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তিনি বেকার ভাতার জন্য আবেদন করলেও তখনও তা পাননি। পরে একটি ছোটখাটো কাজ পেলেও নিয়মিত পারিশ্রমিক পাওয়ার আগ পর্যন্ত ভাড়া পরিশোধে সহায়তা প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন।   রোমেরোকে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ সমর্থন দিয়েছিলেন। তবে নতুন এই বিতর্কের বিষয়ে তদন্তের দাবিতে তিনি আর কোনো মন্তব্য করেননি।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২১:২
অভিযুক্ত মা ২৬ বছর বয়সী ক্যালিয়ান হিথম্যান, যাকে চরম মাতাল অবস্থায় পুলিশ গ্রেপ্তার করেছে। ছবি: সংগৃহীত
বাড়িতে আগুন লাগার সময় গাড়ির সিটে বন্দি শিশু, নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে ছিলেন মা

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্লেনডেলে একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় দুই বছরের এক শিশুকে কার সিটে আটকে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটির মা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।   স্থানীয় সংবাদমাধ্যম ১২নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ১ আগস্ট গ্লেনডেলের ৬৭তম অ্যাভিনিউ ও ক্যাকটাস রোড এলাকার একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলকর্মীরা। পরে গ্লেনডেল পুলিশ বিভাগের প্রকাশিত বডিক্যাম ভিডিওতে দেখা যায়, ঘন ধোঁয়ায় ভরা বাড়িতে প্রবেশ করে কর্মকর্তারা একটি দুই বছরের শিশুকে কার সিটে বাঁধা অবস্থায় খুঁজে পান। ধোঁয়ার কারণে শিশুটি প্রায় অচেতন হয়ে পড়েছিল এবং নিজে থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না।   পুলিশ সদস্যরা দ্রুত শিশুটিকে কোলে নিয়ে বাড়ির বাইরে নিরাপদ স্থানে নিয়ে যান, যাতে সে খোলা বাতাসে শ্বাস নিতে পারে। এরপর তারা আবার বাড়ির ভেতরে ফিরে গিয়ে বসার ঘরের সোফার পাশে মেঝেতে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার পরিচয় ২৬ বছর বয়সী ক্যালিয়েন হিথম্যান (Kallien Heathman) হিসেবে নিশ্চিত করা হয়।   বডিক্যামের ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা বারবার তাকে জাগানোর চেষ্টা করেন। পরে তাকে টেনে-হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে আসার সময় তিনি চিৎকার করেন এবং কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করেন।   তদন্তে পুলিশ জানতে পারে, মাইক্রোওয়েভে পিজ্জা গরম করার সময় সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় বাড়িতে থাকা সাত বছর বয়সী আরেক শিশু তার বাবাকে ফোন করে পরিস্থিতির কথা জানায়। পরে ওই বাবা জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি পুলিশকে জানান, ওই নারী তার সাবেক সঙ্গী এবং সে সময় শিশু দুটির দায়িত্ব তার কাছেই ছিল।   স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স ১০-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় হিথম্যানের রক্তে অ্যালকোহলের মাত্রা আইনসিদ্ধ সীমার প্রায় পাঁচ গুণ বেশি ছিল। পুলিশের ভাষ্য, ঘটনার সময় শিশু দুটির অভিভাবক হিসেবে দায়িত্বে ছিলেন হিথম্যান। অতিরিক্ত মদ্যপ অবস্থায় শিশুদের কার্যত তত্ত্বাবধানহীন রেখে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গুরুতর শিশু নির্যাতনের (ফেলনি চাইল্ড অ্যাবিউজ) মামলা দায়ের করা হয়েছে।   ঘটনায় উদ্ধার হওয়া শিশুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে দ্রুত উদ্ধার অভিযানের কারণে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ২০:৩২
ইউক্রেনে সবজি বিক্রেতাকে লক্ষ্য করে রুশ ড্রোন হামলা
ইউক্রেনে সবজি বিক্রেতাকে লক্ষ্য করে রুশ ড্রোন হামলা, ভিডিও ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ঘটনাটি খেরসন শহরের একটি বাজার এলাকায় ঘটে। পরে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ভিডিওটি প্রকাশ করলে সেটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম যাচাই করে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ৫২ বছর বয়সী এক সবজি বিক্রেতা নিজের গাড়ি থেকে সবজি নামানোর সময় একটি রুশ চালকবিহীন উড়োজাহাজ তাকে অনুসরণ করতে থাকে।   প্রাণ বাঁচাতে তিনি গাড়ির চারপাশে দৌড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে উড়োজাহাজটি তার খুব কাছে বিস্ফোরিত হলে তিনি আহত হন।বিস্ফোরণের ধাতব খণ্ড তার পা ও পিঠে বিদ্ধ হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা তার স্ত্রী অক্ষত ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনাকে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। দেশটির প্রসিকিউটরদের ভাষ্য, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সাধারণ নাগরিককে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই হামলার সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। রাশিয়া এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে যুদ্ধ শুরুর পর থেকে মস্কো বারবার দাবি করে আসছে, তারা সাধারণ নাগরিককে লক্ষ্য করে হামলা চালায় না। অন্যদিকে ইউক্রেন বলছে, সাম্প্রতিক সময়ে খেরসনসহ সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের ওপর চালকবিহীন উড়োজাহাজের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরে ইউক্রেনে সাধারণ মানুষের হতাহত হওয়ার ঘটনা বেড়েছে। এসব হতাহতের বড় একটি অংশ ঘটেছে চালকবিহীন উড়োজাহাজ ও ক্ষেপণাস্ত্র হামলায়।

প্রকাশ : আগস্ট ৫, ২০২৬ ১৯:৫১