সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি:সংগৃহীত
‘আমি মানুষ হত্যা করতে চাই না’ ইরানের সাথে আজই নতুন আলোচনা: ট্রাম্প

ইরানের সঙ্গে সামরিক সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের পথ বেছে নিতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি মানুষ হত্যা করতে চাই না।” একই সঙ্গে তিনি জানান, সোমবার থেকেই ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হবে। ট্রাম্পের দাবি, সম্ভাব্য একটি সমঝোতার সুযোগ তৈরি হওয়ায় বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি আপাতত স্থগিত রাখা হয়েছে।   স্থানীয় সময় রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এবং ইরানও সে বিষয়ে অবগত ছিল। তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে আপাতত সামরিক পদক্ষেপ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   তিনি বলেন, “আগামীকাল বিকেল থেকেই আলোচনা শুরু হবে। দেখা যাক কী হয়। আমরা যখন চাই, তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। কিন্তু আমি মানুষ হত্যা করতে চাই না।”   এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। কারণ, সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। তার মতে, আলোচনায় হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি—উভয় বিষয়ই অন্তর্ভুক্ত থাকবে।   ট্রাম্প আরও বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারসহ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অংশীদাররা সপ্তাহান্তে তাকে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। যদিও দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা মেহর ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানায়নি। সংস্থাটি ট্রাম্পের বক্তব্যকে “আরেকটি নতুন মিথ্যা” বলে আখ্যায়িত করেছে।   অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি নিয়ে চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। তবে সোমবারের বৈঠক কোথায় হবে বা কারা এতে অংশ নেবেন, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত তথ্য দেননি।   ট্রাম্প দাবি করেন, পরিকল্পিত সামরিক অভিযান বাস্তবায়িত হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযানের একটি হতে পারত। তবে সম্ভাব্য হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।   এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবন আল-রেজা বলেছেন, তেহরান প্রতিপক্ষের প্রতিটি হুমকিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তার ভাষায়, “আমরা কখনোই অপ্রস্তুত থাকব না, আবার নিষ্ক্রিয়ও থাকব না।”   ট্রাম্পের আলোচনার ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়ে। সোমবার এশীয় বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়।   হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা কমার সম্ভাবনা এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধানের আশাই বিশ্ববাজারে তেলের দাম কমার প্রধান কারণ।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৬:২৭
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি: কোলাজ আমেরিকা বাংলা
ট্রাম্পের যুদ্ধ বিরতি আলোচনার ইঙ্গিতকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ আলোচনা চলছে না। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আলোচনার ইঙ্গিতও প্রত্যাখ্যান করেছে তেহরান।   পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে, তবে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে নৌ চলাচল ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা।    ইরানের দাবি, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ও আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকায় প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। তেহরান বলছে, শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই নৌপথ সম্পূর্ণ স্বাভাবিক হবে না।    এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে পারে। তবে তেহরানের সর্বশেষ অবস্থান সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা বা আলোচনার অনুরোধ নেই।    বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। তাই এই নৌপথের নিরাপত্তা এবং চলাচল স্বাভাবিক রাখা আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকদের মত।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৬:১১
ট্রাফিক সিগনাল। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ড্রাইভারদের জন্য নতুন সতর্কতা, লাল বাতিতে ডান দিকে মোড় নেওয়া হতে পারে নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে ট্রাফিক নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব উঠেছে। প্রস্তাবটি পাস হলে শহরের অধিকাংশ এলাকায় লাল বাতি জ্বললে গাড়িচালকরা আর ডান দিকে মোড় নিতে পারবেন না। বর্তমানে টেনেসি আইনে সম্পূর্ণ থেমে পথচারী ও অন্যান্য যানবাহনকে অগ্রাধিকার দিয়ে অধিকাংশ মোড়ে লাল বাতিতে ডান দিকে ঘোরার অনুমতি রয়েছে।    স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেআরএন ও অন্যান্য মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ন্যাশভিল মেট্রো কাউন্সিলের সদস্য স্যান্ড্রা সেপুলভেদা এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছেন। তার দাবি, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়ানো এবং দুর্ঘটনা কমানো।    বর্তমানে ন্যাশভিলে চালকেরা লাল বাতিতে সম্পূর্ণ থেমে নিরাপদ মনে হলে ডান দিকে মোড় নিতে পারেন, যদি সেখানে ‘নো টার্ন অন রেড’ সাইন না থাকে। নতুন প্রস্তাব কার্যকর হলে শহরের আরবান সার্ভিসেস ডিস্ট্রিক্টের অধিকাংশ মোড়ে এই সুবিধা বাতিল হবে।    প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি কার্যকর হতে হলে মেট্রো কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। ন্যাশভিল ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (এনডিওটি) এবং পুলিশ বিভাগও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মতামত দেয়নি। তবে কাউন্সিল সদস্য সেপুলভেদা বলেছেন, শহরের বিভিন্ন পথচারী নিরাপত্তা পরিকল্পনায় আগে থেকেই এমন সুপারিশ ছিল।    যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে একই ধরনের বিধিনিষেধ চালু রয়েছে। ওয়াশিংটন ডিসিতে শহরজুড়ে লাল বাতিতে ডান দিকে মোড় নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে আটলান্টা ও সান ফ্রান্সিসকোতে পথচারীর চাপ বেশি এমন এলাকায় এই বিধিনিষেধ কার্যকর রয়েছে।   এদিকে, প্রস্তাবটি নিয়ে ন্যাশভিলবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে পথচারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে সমর্থন করছেন, আবার অনেকের মতে এতে অপ্রয়োজনীয় যানজট বাড়তে পারে এবং বিদ্যমান ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ করাই বেশি জরুরি।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৬:২
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস। ছবি সংগৃহীত
এক ভূমি অফিসের সব কর্মকর্তা বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অফিসটির সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।   জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান জেলা প্রশাসক। সেখানে তিনি দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।   পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়। এর ফলে ওই ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকেই একযোগে সাময়িক বরখাস্তের আওতায় আনা হয়েছে।   জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলোর বিষয়ে আরও তদন্ত করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।   এদিকে কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া সফিপুর এলাকার আরেকটি ভূমি অফিসও পরিদর্শন করেন।   গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৫:৫২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়া এখনো শান্তি চায় না, যুদ্ধ দীর্ঘায়িতের পথেই পুতিন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য নতুন কূটনৈতিক উদ্যোগের কথা জানালেও ইউক্রেনের বিশ্লেষকদের দাবি, ক্রেমলিন এখনো যুদ্ধ বন্ধে আগ্রহী নয়।   ইউক্রেনভিত্তিক সংবাদমাধ্যম Kyiv Post-এ প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধ বন্ধের পরিবর্তে সংঘাত আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত মিলছে।   প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুতিন ইউক্রেনকে স্বাধীন জাতিসত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আগের অবস্থানেই রয়েছেন। একই সঙ্গে যুদ্ধকে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য ও ক্ষমতার কাঠামো ধরে রাখার একটি হাতিয়ার হিসেবেও উপস্থাপন করছেন বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়।   অন্যদিকে, সের্গেই লাভরভ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা বন্ধ, রাশিয়ার দখল করা অঞ্চলগুলোর দাবিকে স্বীকৃতি এবং মস্কোর নিরাপত্তা শর্ত মেনে নেওয়ার ওপর জোর দেন। এসব অবস্থানকে শান্তি আলোচনার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে Kyiv Post।   তবে রাশিয়া বরাবরের মতোই বলছে, তারা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তা হতে হবে তাদের নিরাপত্তা স্বার্থ ও ঘোষিত শর্তের ভিত্তিতে। মস্কো পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তাকেও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ হিসেবে দায়ী করে আসছে।   এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখবে। তবে উভয় পক্ষের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৫:২৮
মৃত্যু হওয়া মুকুন্দ ময়ূর। ছবি সংগৃহীত
চিপসের প্যাকেটের খেলনা বল গলায় আটকে ৫ বছরের শিশুর মৃত্যু

ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটে থাকা একটি প্লাস্টিকের খেলনা বল গলায় আটকে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।   নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে মাইসুরু জেলার গৌরিপুরা গ্রামের বাসিন্দা। বাবা সন্তোষ ও মা ঐশ্বর্যার একমাত্র সন্তান ছিল সে।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চিপসের একটি প্যাকেটের সঙ্গে উপহার হিসেবে পাওয়া ছোট প্লাস্টিকের বল নিয়ে খেলছিল মুকুন্দ। খেলতে খেলতে অসাবধানতাবশত বলটি তার মুখে চলে যায় এবং পরে গলায় আটকে শ্বাসরোধের পরিস্থিতি সৃষ্টি হয়।   পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করেন।   ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিকের খেলনা বলটি কুরকুরে ব্র্যান্ডের একটি চিপসের প্যাকেটের সঙ্গে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলনাটি শ্বাসনালিতে আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।   ঘটনার পর ছোট শিশুদের জন্য খাদ্যপণ্যের সঙ্গে দেওয়া ক্ষুদ্রাকৃতির খেলনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হাতে ছোট আকারের খেলনা বা সহজে গিলে ফেলা যায় এমন বস্তু তুলে দেওয়া ঝুঁকিপূর্ণ। এ ধরনের বস্তু শ্বাসনালিতে আটকে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের সর্বক্ষণ নজরদারিতে থাকার পরামর্শ দিয়েছেন তারা।   ভারতে এর আগেও ছোট খেলনা, মুদ্রা, ব্যাটারি ও অন্যান্য ক্ষুদ্র বস্তু গিলে ফেলার কারণে শিশুদের মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর শিশুদের জন্য তৈরি পণ্য ও উপহারসামগ্রীর নিরাপত্তা মান নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৫:১৫
আহত পুলিশ সদস্য ছবি: সংগৃহীত
পাকিস্তানে জঙ্গি সহিংসতার অবসান ও শান্তি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল এলাকায় শান্তির দাবিতে আয়োজিত এক জনসমাবেশ শেষ হওয়ার পর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং নয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুই ডজনেরও বেশি মানুষ।    রোববার কাবাল থানা চত্বরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ‘সোয়াত পিপলস পিস আপরাইজিং’ সমাবেশে জঙ্গি সহিংসতার অবসান এবং উপত্যকায় স্থায়ী শান্তির দাবিতে শত শত মানুষ অংশ নেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা চলে যাওয়ার সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে সরকার।   এখন পর্যন্ত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা সন্দেহ করছেন, এর পেছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা তাদের সহযোগী কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে সোয়াত উপত্যকায় টিটিপির তৎপরতা আবারও বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা নিয়মিত শান্তি সমাবেশ করে আসছেন।    একসময় সামরিক অভিযানের মাধ্যমে জঙ্গিমুক্ত ঘোষণা করা সোয়াত উপত্যকায় সাম্প্রতিক মাসগুলোতে আবারও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এ হামলা সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিল।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৫:১১
২০২৯ সালের মধ্যে গ্রিনল্যান্ড হবে যুক্তরাষ্ট্রের! ট্রাম্পের নতুন দাবি
বাজি ধরুন’, ২০২৯ সালের মধ্যে গ্রিনল্যান্ড হবে যুক্তরাষ্ট্রের! ট্রাম্পের নতুন দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড-নীতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই, অর্থাৎ ২০২৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে—এমন দাবি করে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সাময়িকী নিউজউইক।   প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আর্কটিক দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তার প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা, আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার এবং বিরল খনিজ সম্পদের কৌশলগত গুরুত্বের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।    বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের হাতে ২০২৯ সাল পর্যন্ত সময় থাকায় এ সময়ের মধ্যে বিভিন্ন কূটনৈতিক, অর্থনৈতিক বা নিরাপত্তা-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে গ্রিনল্যান্ড ইস্যুকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। তবে এটি মূলত একটি বিশ্লেষণ ও সম্ভাবনার মূল্যায়ন; যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করা হয়নি।    গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীন একটি স্বশাসিত অঞ্চল। দ্বীপটির সরকার ও ডেনমার্ক বারবার স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণের। সাম্প্রতিক সময়েও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।    বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে অবস্থিত এবং উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের সংযোগস্থলে এর কৌশলগত অবস্থান রয়েছে। এছাড়া বিরল খনিজ সম্পদ ও সামরিক গুরুত্বের কারণে বহু বছর ধরেই এটি আন্তর্জাতিক ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।   নিউজউইকের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড প্রশ্নে আগের চেয়ে আরও দৃঢ় অবস্থান নিলেও বাস্তবে এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে হলে ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং আন্তর্জাতিক আইনের জটিল বাস্তবতার মুখোমুখি হতে হবে। তাই বিষয়টি এখনো মূলত কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার পর্যায়েই রয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৪:৫১
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ‘আইসিই অভিযান’ মোকাবিলার প্রশিক্ষণ
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ‘আইসিই অভিযান’ মোকাবিলার প্রশিক্ষণ! চীনা শিক্ষার্থীদের জন্য নতুন ক্যাম্প

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে শিক্ষার্থীদের জন্য অভিনব ধরনের নিরাপত্তা প্রশিক্ষণের আয়োজন করছে চীনের কিছু বেসরকারি সামার ক্যাম্প। সেখানে সম্ভাব্য অপহরণ, ঘৃণাজনিত হামলা, অনলাইন প্রতারণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর আকস্মিক অভিযানের মতো পরিস্থিতি মোকাবিলার মহড়াও করানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের নিয়ে অনিশ্চয়তা বাড়ায় এসব প্রশিক্ষণ জনপ্রিয় হয়ে উঠেছে।    প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতির মতো পরিবেশে বিভিন্ন জরুরি অবস্থার মুখোমুখি করা হয়। কোথাও ‘অপহরণ’ পরিস্থিতির অভিনয়, কোথাও আবার আইসিই কর্মকর্তাদের অভিযানের অনুকরণে মহড়া দেওয়া হয়। প্রশিক্ষকদের দাবি, এসব অনুশীলনের উদ্দেশ্য শিক্ষার্থীদের আতঙ্কিত করা নয়; বরং অপ্রত্যাশিত পরিস্থিতিতে কীভাবে শান্ত থাকতে হবে, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং নিরাপদ সিদ্ধান্ত নিতে হবে, তা শেখানো।    দক্ষিণ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বেইজিংয়ের এক শিক্ষার্থী জানান, যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার আগে তিনি এমন একটি ক্যাম্পে অংশ নেন। সেখানে তাকে অপহরণের কৃত্রিম পরিস্থিতির মুখোমুখি করা হয় এবং পরে প্রশিক্ষকরা ব্যাখ্যা করেন, সংকটময় মুহূর্তে কীভাবে আচরণ করলে ঝুঁকি কমানো যায়।    ক্যাম্প পরিচালকদের ভাষ্য, তাদের নিরাপত্তা প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে ক্যাম্পাসে হয়রানি, প্রতারণা, বর্ণবিদ্বেষমূলক হামলা এবং আকস্মিক আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মতো পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক অনুশীলন অন্তর্ভুক্ত করা হয়েছে।    তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণে অন্তর্ভুক্ত কিছু ঝুঁকির বাস্তবতা নিয়ে প্রশ্নও রয়েছে। উদাহরণ হিসেবে, যুক্তরাষ্ট্রে অপরিচিত ব্যক্তির মাধ্যমে অপহরণের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। তাই বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, কিছু মহড়া সম্ভাব্য ঝুঁকির তুলনায় অতিরঞ্জিত হতে পারে।    এদিকে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতি, অবস্থানের মেয়াদ এবং অভিবাসন প্রয়োগে কঠোরতার কারণে চীনা পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে। এই অনিশ্চয়তার মধ্যেই অনেক অভিভাবক সন্তানদের বিদেশে পাঠানোর আগে অতিরিক্ত নিরাপত্তা প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৪:৩১
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: ৬০০ স্থাপনা ছাই, ৬০ হাজার মানুষকে সরিয়ে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় স্পোকেন এলাকাসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।   দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়া, তীব্র তাপপ্রবাহ এবং প্রবল দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। শুধু স্পোকেন ও আশপাশেই প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি অঙ্গরাজ্যেও একাধিক দাবানল সক্রিয় রয়েছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।   আগুনের ঝুঁকিতে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন স্পোকেন কনভেনশন সেন্টারে জরুরি আশ্রয়কেন্দ্র চালু করেছে, যেখানে বাস্তুচ্যুত মানুষদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে।   স্থানীয়ভাবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আবাসিক এলাকাজুড়ে বিশাল অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং দমকল বাহিনী আগুনের বিস্তার ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।   মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই বাসিন্দাদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।   শুধু ওয়াশিংটনেই নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে বুলডোজার, হেলিকপ্টার ও বিমান ব্যবহার করা হচ্ছে। সেখানে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে এবং ৬০০টির বেশি বাড়িসহ প্রায় ৮০০ স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে।   এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি উটাহ, মন্টানা ও পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, দক্ষিণ নেভাডা ও উত্তর মন্টানার বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতাও বহাল রয়েছে।   অন্যদিকে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা করপোরেশন জানিয়েছে, রোববার পর্যন্ত প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। দাবানলে দুটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী কয়েক দিন নতুন করে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও রয়েছে।   বিশেষজ্ঞদের মতে, চলমান তাপপ্রবাহ, কম আর্দ্রতা ও প্রবল বাতাস অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানল পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৪:২১
অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত
অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত

ইতালিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে দণ্ডিত এক প্রবাসী বাংলাদেশিকে স্থায়ীভাবে বহিষ্কার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তার বসবাসের অনুমতি বাতিল করে ইতালীয় প্রশাসন এই ব্যবস্থা নেয়। দেশটির রাষ্ট্রীয় পুলিশের তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   মঙ্গলবার ভেনিস বিমানবন্দর থেকে পুলিশি তত্ত্বাবধানে একটি বাণিজ্যিক ফ্লাইটে ওই বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। ইতালির আদালতের গোপনীয়তা নীতির কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, তার নাম মাসুম মিয়া (৫৫)। তার বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার চল্লাবাজ এলাকায়। তিনি প্রায় ১৫ বছর ধরে ইতালির উত্তর-পূর্বাঞ্চলের গোরিৎসিয়া প্রদেশের মনফালকোন এলাকার একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন।   তদন্তে উঠে আসে, তিনি দীর্ঘদিন ধরে তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এমনকি স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালেও তাকে চড়, ঘুষি ও লাথি মারার অভিযোগ আদালতে প্রমাণিত হয়।   এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর গোরিৎসিয়া আদালত তাকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। পরে ত্রিয়েস্তে আপিল আদালতও সেই রায় বহাল রাখেন।   রায়ের পর ভুক্তভোগী নারী ও তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে গোরিৎসিয়া পুলিশের অভিবাসন বিভাগ তাদের একটি নারী সহায়তা কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করে। একই সঙ্গে অপরাধের গুরুত্ব বিবেচনায় ওই বাংলাদেশির ইতালিতে বসবাসের অনুমতি বাতিল করা হয়। পরে গোরিৎসিয়ার প্রিফেক্ট তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ জারি করেন। সেই সিদ্ধান্ত কার্যকর করতেই মঙ্গলবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।   এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং মনফালকোনের সাবেক মেয়র আন্না মারিয়া সিসিন্ট বলেন, যারা নারী ও শিশুদের ওপর সহিংসতা চালায় এবং মানবিক মূল্যবোধ ও আইনের প্রতি সম্মান দেখায় না, তাদের ইতালিতে থাকার অধিকার নেই।   মনফালকোনের বর্তমান মেয়র লুকা ফাসানও ঘটনাটিকে ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, পরিবারে নারী নির্যাতনের কোনো স্থান নেই। ইতালিতে বসবাস ও কাজ করতে চাইলে দেশটির আইন এবং সামাজিক মূল্যবোধ মেনে চলতে হবে।   এদিকে মিলানে বাংলাদেশের কনস্যুলেটের কনসাল শরিফুল ইসলাম জানিয়েছেন, এই বহিষ্কারের বিষয়ে ইতালীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করেনি। তবে তিনি প্রবাসী বাংলাদেশিদের ইতালির আইন মেনে চলা এবং যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৪:২
‘না’ শুনেই থেমে যাননি, বিশ্বের প্রথম ডাউন সিনড্রোম-সম্পন্ন আইনজীবী আনা ভিক্টোরিয়া
‘না’ শুনেই থেমে যাননি, বিশ্বের প্রথম ডাউন সিনড্রোম-সম্পন্ন আইনজীবী আনা ভিক্টোরিয়া

ডাউন সিনড্রোমের কারণে একের পর এক বৈষম্যের শিকার হয়েও থেমে যাননি আনা ভিক্টোরিয়া। একটি আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ হারানোর পর অন্য বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর পড়াশোনা শেষ করে বিশ্বের প্রথম ডাউন সিনড্রোম–সম্পন্ন আইনজীবী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। এবার তার লক্ষ্য নিজের অঙ্গরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করা।   আনা ভিক্টোরিয়া জানিয়েছেন, নিজের শহরে বৈষম্যের শিকার হওয়ার কারণেই তাকে সেখান থেকে চলে যেতে হয়েছিল। এমনকি একই কারণে তাকে প্রচলিত বিদ্যালয়ে না পড়ে অনলাইনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা শেষ করতে হয়।   তবে প্রতিকূলতা তার পথ থামাতে পারেনি। পরে অন্য একটি বিশ্ববিদ্যালয় তাকে আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ দেয়। পাঁচ বছরের কঠোর অধ্যবসায়ের পর তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বিশ্বের প্রথম ডাউন সিনড্রোম–সম্পন্ন আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।   আইনজীবী হওয়ার পর আনা ভিক্টোরিয়া এখন সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। তার মতে, মানুষের সক্ষমতা কখনোই শারীরিক বা মানসিক বৈশিষ্ট্য দিয়ে বিচার করা উচিত নয়; সুযোগ পেলে সবাই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে।   এবার তার নতুন লক্ষ্য রাজনীতিতে প্রবেশ করা। তিনি নিজের অঙ্গরাজ্যের পার্লামেন্টে নির্বাচিত হয়ে আইন প্রণয়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে চান।   বিশেষজ্ঞদের মতে, ডাউন সিনড্রোম একটি জেনেটিক অবস্থা, যা মানুষের শেখার গতি ও শারীরিক বিকাশে কিছু প্রভাব ফেলতে পারে। তবে উপযুক্ত শিক্ষা, পারিবারিক সহায়তা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে ডাউন সিনড্রোম–সম্পন্ন ব্যক্তিরাও শিক্ষা, কর্মজীবন ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন।   আনা ভিক্টোরিয়ার সাফল্য সেই বাস্তবতারই একটি অনন্য উদাহরণ। বৈষম্য ও বাধা অতিক্রম করে তিনি শুধু আইনজীবীই হননি, বরং বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতীক হিসেবেও অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:৫২
দুই ‘মোসাদ’ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
দুই ‘মোসাদ’ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত দুই ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এ পদক্ষেপ দেশটির জাতীয় নিরাপত্তা নীতির কঠোর অবস্থানের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।   প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে তারা ইসরায়েলের কাছে ইরানের সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থানসহ সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।   তবে অভিযুক্তদের নাম-পরিচয়, বিচারপ্রক্রিয়ার বিস্তারিত কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের স্থান ও সময় সম্পর্কে ইরানি কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।   এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভ-পরবর্তী সময়ে জুলাই পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংস্থাটির দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল।   অন্যদিকে, ইরানের বিচার বিভাগ বরাবরই দাবি করে আসছে, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হয়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ইরানে এ ধরনের মামলার বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।   ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তাসংক্রান্ত মামলাগুলোতে তেহরানের কঠোর অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে আরও দৃশ্যমান হয়েছে। বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই ইরান এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখছে, যদিও এসব বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:৪৫
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড
যেভাবে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন, জেনে নিন সহজ উপায়

হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলে হওয়া গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণ করতে চান অনেকেই। তবে জনপ্রিয় এই বার্তাবিনিময় অ্যাপে এখনো সরাসরি কল রেকর্ড করার সুবিধা নেই। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিকল্প উপায়ে কল সংরক্ষণ করতে হয়। তবে এ ধরনের রেকর্ডিংয়ের আগে গোপনীয়তা ও আইনগত বিষয় সম্পর্কে সতর্ক থাকা জরুরি।   বর্তমানে কিছু অ্যান্ড্রয়েড ফোনে ‘কল রেকর্ডার (আর্লি অ্যাকসেস)’ নামের একটি অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের অডিও কল রেকর্ড করা সম্ভব। কিছু ডিভাইসে ভিডিও কলের শব্দও সংরক্ষণ করা যায়। তবে এই সুবিধা সব স্মার্টফোনে সমানভাবে কাজ করে না।   অ্যাপটি ব্যবহার করতে হলে প্রথমে এটি ইনস্টল করে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। এরপর মাইক্রোফোন, পরিচিতি তালিকা, বিজ্ঞপ্তি ও রেকর্ডিং–সংক্রান্ত অনুমতিগুলো চালু করতে হবে। পরে রেকর্ডিং অপশন সক্রিয় করে প্রয়োজনীয় সেটিংস সম্পন্ন করলেই অ্যাপটি ব্যবহারের জন্য প্রস্তুত হবে।   সেটআপ সম্পন্ন হওয়ার পর হোয়াটসঅ্যাপে কল শুরু হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন সংরক্ষণ করতে পারে। পরে অ্যাপে প্রবেশ করে রেকর্ড করা কল, রেকর্ডের সময় এবং কলের দৈর্ঘ্যসহ বিভিন্ন তথ্য দেখা যাবে।   তবে অ্যান্ড্রয়েডের সংস্করণ, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতি এবং সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে অনেক ডিভাইসে এই সুবিধা আংশিক বা পুরোপুরি অকার্যকর হতে পারে।   বিকল্প হিসেবে অনেক স্মার্টফোনে থাকা বিল্ট-ইন ‘পর্দা ধারণ’ সুবিধা ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কল সংরক্ষণ করা যায়। ফোনে এ সুবিধা না থাকলে নির্ভরযোগ্য পর্দা ধারণকারী অ্যাপ ব্যবহার করা যেতে পারে।   তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করা অনেক দেশে আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তাই যেকোনো কল রেকর্ড করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেওয়া এবং স্থানীয় আইন মেনে চলাই সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল উপায়।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:৩৯
প্রবাসীর বসতবাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা
দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে গুঁড়িয়ে দিল বাড়ি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রথম স্ত্রীকে গোপনে পুনরায় বিয়ে করে বিদেশে চলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতবাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ি ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।   স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে খেজুরতলা গ্রামের সোনিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী রফিকুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রফিকুল মালয়েশিয়ায় ফিরে যান। পরে সোনিয়ার বিরুদ্ধে অন্য এক প্রবাসীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে একপর্যায়ে থানায়ও অভিযোগ হয়। পরবর্তীতে রফিকুল সোনিয়াকে তালাক দিয়ে একই এলাকার মুকুল হোসেনের মেয়েকে বিয়ে করেন। ওই সংসার প্রায় এক বছর স্থায়ী হয়।   স্থানীয়দের দাবি, প্রায় ১০ দিন আগে রফিকুল গোপনে তার প্রথম স্ত্রী সোনিয়াকে আবার বিয়ে করেন। এরপর তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। বিষয়টি জানাজানি হলে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে রোববার সকালে ভেকু দিয়ে রফিকুলের বসতবাড়ি ভেঙে ফেলেন।   বাড়ি ভাঙার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত আলোচনায় আসে। ভিডিওতে একটি বসতবাড়ি ভারী যন্ত্র দিয়ে ভেঙে ফেলতে দেখা যায়।   স্থানীয় সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দীন বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন ভেকু দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে। পরে জানতে পারেন, প্রথম স্ত্রীকে গোপনে বিয়ে করে বিদেশে চলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন এ কাজ করেছেন।   তিনি আরও বলেন, যদি রফিকুল প্রতারণা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কারও বসতবাড়ি ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।   এদিকে রফিকুলের দ্বিতীয় স্ত্রীর বাবা মুকুল হোসেন দাবি করেন, রফিকুল তার মেয়ের সঙ্গে প্রতারণা করেছেন। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার মেয়েকে বিয়ে করার পর আবার গোপনে আগের স্ত্রীকে বিয়ে করে বিদেশে নিয়ে গেছেন। এতে তার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।   রফিকুল ইসলাম বর্তমানে মালয়েশিয়ায় থাকায় তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।   আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, পারিবারিক বিরোধ বা প্রতারণার অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে বসতবাড়ি ভাঙচুর করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এখন অভিযোগ দায়ের হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে পুলিশ।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:৩৩
লন্ডনের ওয়েস্টমিনস্টারে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা
ভারতের ‘তেলাপোকা’ আন্দোলনের ঢেউ এবার ব্রিটেনে, পার্লামেন্টের সামনে শিক্ষার্থীদের শক্ত অবস্থান

ভারতে আলোচিত ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ আন্দোলনের প্রভাব এবার পৌঁছেছে যুক্তরাজ্যেও। দেশটির পার্লামেন্ট ভবনের সামনে শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের একটি দল প্রতীকী ‘তেলাপোকা’ সেজে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, ক্রমবর্ধমান ছাত্রঋণের বোঝা লাখো তরুণের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে এবং বর্তমান ঋণব্যবস্থায় জরুরি সংস্কার প্রয়োজন।    লন্ডনের ওয়েস্টমিনস্টারে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ব্যানার, মুখোশ ও প্রতীকী পোশাক ব্যবহার করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেও অনেক তরুণ চাকরি, বাড়ি কেনা কিংবা স্বাভাবিক আর্থিক জীবন শুরু করতে পারছেন না। তাদের মতে, ছাত্রঋণের সুদ ও পরিশোধের বর্তমান কাঠামো পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।   বিক্ষোভকারীদের অভিযোগ, উচ্চশিক্ষাকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বছরের পর বছর ঋণের বোঝা বহন করছেন। ফলে কর্মজীবনের শুরুতেই তারা বড় ধরনের আর্থিক চাপে পড়ছেন।   এই প্রতিবাদের বিশেষ দিক ছিল ‘তেলাপোকা’ প্রতীকের ব্যবহার। ভারতে সম্প্রতি যে ‘ককরোচ’ আন্দোলন বিশ্বজুড়ে আলোচনায় আসে, সেটি শুরু হয়েছিল অনলাইনে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে। পরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তা লাখো তরুণের আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের চাপে ভারতের শিক্ষা খাতে সংস্কারের দাবি জোরালো হয় এবং তৎকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগও ঘটে।    পর্যবেক্ষকদের মতে, যুক্তরাজ্যের এই প্রতিবাদ দেখিয়ে দিল যে শিক্ষা-পরবর্তী ঋণের বোঝা ও তরুণদের আর্থিক অনিশ্চয়তা এখন শুধু একটি দেশের সমস্যা নয়; এটি অনেক উন্নত দেশের জন্যও বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভারতের ‘তেলাপোকা’ আন্দোলনের প্রতীক ব্যবহার করে ব্রিটিশ শিক্ষার্থীরা সেই বৈশ্বিক উদ্বেগের বার্তাই তুলে ধরতে চেয়েছেন।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:২০
অ্যালকোহল ছবি: কোলাজ আমেরিকা বাংলা
‘অল্প অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ভালো’—ধারণাটি ভুল প্রমাণিত নতুন গবেষণায়

জার্নাল অব সাইকোফার্মাকোলজিসহ একাধিক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, অল্প মাত্রার অ্যালকোহলও মস্তিষ্কের কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের জন্য অ্যালকোহলের কোনো নিরাপদ মাত্রা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।   দীর্ঘদিন ধরে ধারণা ছিল, দিনে অল্প পরিমাণ অ্যালকোহল পান হৃদ্‌স্বাস্থ্য বা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। তবে নতুন গবেষণাগুলো বলছে, এই ধারণার পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং অল্প মাত্রার অ্যালকোহলও দীর্ঘমেয়াদে মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।   সম্প্রতি জার্নাল অব সাইকোফার্মাকোলজি–তে প্রকাশিত গবেষণা এবং এ–সংক্রান্ত একাধিক বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গেছে, নিয়মিত অ্যালকোহল গ্রহণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মনোযোগ, স্মৃতিশক্তি, পরিকল্পনা এবং সমস্যা সমাধানের মতো জ্ঞানীয় দক্ষতাকে দুর্বল করতে পারে।   গবেষকদের মতে, অ্যালকোহল মস্তিষ্কের গ্রে ম্যাটার ও হোয়াইট ম্যাটার—উভয়ের ওপর প্রভাব ফেলে। গ্রে ম্যাটার চিন্তাভাবনা, বিচার-বিশ্লেষণ ও স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে, আর হোয়াইট ম্যাটার মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করে। নিয়মিত অ্যালকোহল গ্রহণে এই দুই অংশের কার্যকারিতা কমে যেতে পারে।   বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহল শুধু মস্তিষ্কের কোষেই প্রভাব ফেলে না; এটি ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত করে, শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় এবং ভিটামিন বি–১ (থায়ামিন)–এর ঘাটতি তৈরি করতে পারে। এসব পরিবর্তন দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি হ্রাস, শেখার ক্ষমতা কমে যাওয়া এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে।   জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায়ও দেখা গেছে, দীর্ঘদিন অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ মস্তিষ্কের এমন স্নায়বিক সার্কিট ক্ষতিগ্রস্ত করতে পারে, যা আত্মনিয়ন্ত্রণ, বিচার-বিশ্লেষণ এবং আচরণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে অ্যালকোহল ছাড়ার পরও এসব পরিবর্তনের কিছু অংশ দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারে।   বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আগেই জানিয়েছে, স্বাস্থ্যের জন্য অ্যালকোহল গ্রহণের এমন কোনো মাত্রা নেই, যাকে সম্পূর্ণ নিরাপদ বলা যায়। সাম্প্রতিক গবেষণাগুলোও একই ধরনের বার্তা দিচ্ছে—বিশেষ করে মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষেত্রে তথাকথিত ‘পরিমিত পান’ও ঝুঁকিমুক্ত নয়।   তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, অল্প অ্যালকোহল গ্রহণ করলেই সবার স্থায়ী মস্তিষ্কের ক্ষতি হবে—এমন সিদ্ধান্ত এখনই দেওয়া যায় না। তবে গবেষণাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত করছে, অ্যালকোহল যত কম গ্রহণ করা যায়, মস্তিষ্কের জন্য তত ভালো। বিশেষ করে যাদের পরিবারে ডিমেনশিয়া, স্ট্রোক বা অন্যান্য স্নায়বিক রোগের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি হতে পারে।   নতুন এসব গবেষণার ফলে একসময় প্রচলিত থাকা ‘অল্প অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ভালো’ ধারণাটি নিয়ে বৈজ্ঞানিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে জনস্বাস্থ্যবিষয়ক নির্দেশিকায়ও এ বিষয়ে পরিবর্তন আসতে পারে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ২:৫৬
শেখ হাসিনা
৫ই আগস্ট দুই বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা!

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর দীর্ঘ দুই বছর পুরোপুরি আড়ালে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঠিক দুই বছর পূর্তিতে আগামী ৫ আগস্ট তিনি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে আসছেন। জানা গেছে, নয়াদিল্লির 'ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া' (এফসিসি সাউথ এশিয়া)-র উদ্যোগে আয়োজিত এক বিশেষ ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি হাজির হয়ে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের রোডম্যাপ তুলে ধরবেন।   নয়াদিল্লির ঐতিহাসিক স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আয়োজিত এই হাই-ভোল্টেজ ভার্চ্যুয়াল কর্মসূচিতে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের বেশ কয়েকজন হাই-প্রোফাইল নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। এফসিসি সাউথ এশিয়া ও আন্তর্জাতিক প্রেস ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ওয়ায়েল আওয়াদের পরিচালনায় এই বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও প্যানেলে থাকছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক এবং কাউন্টার-টেররিজম বিশ্লেষক আবু ওবাইদা আরিন। মানবাধিকার প্রতিনিধি হিসেবে যুক্ত হবেন 'বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ'-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও ইউএসএ চ্যাপ্টারের পরিচালক শাহ মো. বখতিয়ার।   সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক কূটনীতিক, ক্রীড়া তারকা এবং মানবাধিকার কর্মীদের একই প্যানেলে নিয়ে আসাকে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান পুনর্গঠনের এক বড় রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দলটির বহু নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। বিশ্ব গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ হাসিনা একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, তেমনি অন্যদিকে ভারতে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি নিজের ওপর ওঠা অভিযোগগুলোর জবাব দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবেও এটিকে কাজে লাগাতে পারেন।   বর্তমানে বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনার ভাবমূর্তি চরম মেরুকৃত। একদলীয় শাসন, ২০২৪-এর আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়ন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মৃত্যুদণ্ডের রায়ের কারণে দেশের বড় একটি অংশের কাছে তিনি স্বৈরাচারের প্রতীক। অন্যদিকে, তাকে ফিরিয়ে আনতে বর্তমান বাংলাদেশ সরকার ভারতের ওপর ক্রমাগত আইনি ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছিলেন যে, জীবন বা গ্রেপ্তারের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ ও দেশজুড়ে তীব্র ক্ষোভের বিপরীতে দলীয় অনুসারীদের প্রত্যাশা—এই দুই মেরুর টানাপোড়েনে আগামী ৫ আগস্টের বৈঠকে তিনি ঠিক কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাখছে পুরো দক্ষিণ এশিয়া।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ২:৩১
ঘুমন্ত শিশুকে হত্যায় কারাগার থেকে মুক্ত খুনি
ঘুমন্ত শিশুকে হত্যায় কারাগার থেকে মুক্ত খুনি! পরিরারের ক্ষোভ, নতুন করে প্রশ্নের মুখে বিচারব্যবস্থা

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ৬ বছর বয়সী শিশু লোগান টিপটন হত্যাকাণ্ডে জড়িত রোনাল্ড এক্সান্টাস কারামুক্ত হওয়ায় নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শিশুটির পরিবার বলছে, বিচারব্যবস্থা তাদের সঙ্গে অন্যায় করেছে। অন্যদিকে কেন্টাকি কর্তৃপক্ষ জানিয়েছে, আদালত নির্ধারিত সাজা সম্পূর্ণ হওয়ায় আইন অনুযায়ী তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।    ২০১৫ সালের ৭ ডিসেম্বর কেন্টাকির ভার্সেইলস শহরের একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ৬ বছর বয়সী লোগান টিপটনকে ছুরিকাঘাতে হত্যা করেন রোনাল্ড এক্সান্টাস। হামলায় শিশুটির বাবা এবং দুই বোনও গুরুতর আহত হন।    পরবর্তীতে ২০১৮ সালে আদালতে হত্যার অভিযোগে তাকে 'মানসিক ভারসাম্যহীনতার কারণে দায়মুক্ত' ঘোষণা করা হয়। তবে পরিবারের অন্য সদস্যদের ওপর হামলার ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাভোগের সময় আইন অনুযায়ী বিভিন্ন সাজা-ছাড়ের সুবিধা পাওয়ায় তার মুক্তির সময় এগিয়ে আসে।    এটি এক্সান্টাসের প্রথম মুক্তি নয়। ২০২৫ সালে তিনি বাধ্যতামূলক তত্ত্বাবধান কর্মসূচির আওতায় মুক্তি পেলেও অল্প সময়ের মধ্যেই ফ্লোরিডায় গিয়ে নিবন্ধন-সংক্রান্ত শর্ত ভঙ্গ করায় তাকে আবার গ্রেপ্তার করে কেন্টাকিতে ফিরিয়ে আনা হয়। পরে বাকি সাজা শেষ করে এবার তিনি আনুষ্ঠানিকভাবে মুক্তি পান।    লোগানের বাবা ডিন টিপটন ছেলের হত্যাকারীর মুক্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের পরিবার আজীবনের শাস্তি ভোগ করছে, অথচ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি মুক্ত জীবন ফিরে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বিচারব্যবস্থার সমালোচনা করেন এবং ভবিষ্যতে আরও কঠোর আইন প্রণয়নের দাবি জানান।    এই ঘটনাকে কেন্দ্র করেই কেন্টাকিতে 'লোগানস ল' নামে একটি আইন পাস হয়েছে। নতুন আইনে সহিংস অপরাধীদের সাজা, প্যারোল এবং মানসিক ভারসাম্যহীনতার প্রতিরক্ষা-সংক্রান্ত বিধান আরও কঠোর করা হয়েছে। তবে আইনটি পূর্ববর্তী মামলায় প্রযোজ্য না হওয়ায় এক্সান্টাস এর আওতায় পড়েননি।    কেন্টাকি ডিপার্টমেন্ট অব কারেকশনস জানিয়েছে, এক্সান্টাসকে আগাম মুক্তি দেওয়া হয়নি এবং প্যারোল বোর্ডও তাকে মুক্ত করেনি। আদালতের দেওয়া সাজা পূর্ণ হওয়ার পর বিদ্যমান আইন অনুসারেই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ২:১২
সরাসরি চাঁদের দিকে ছুটছে স্পেসএক্সের রকেট
কেউ থামাতে পারবে না! সরাসরি চাঁদের দিকে ছুটছে স্পেসএক্সের রকেট

পৃথিবীর কক্ষপথে ভেসে থাকা স্পেসএক্সের একটি ব্যবহৃত ফ্যালকন-৯ রকেটের উপরের অংশ আগামী ৫ আগস্ট চাঁদের পৃষ্ঠে অনিচ্ছাকৃতভাবে আঘাত হানতে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এটি কোনো দুর্ঘটনাজনিত বিপর্যয় নয়; বরং মহাকাশ গবেষণার জন্য বিরল এক পর্যবেক্ষণের সুযোগ তৈরি করবে।    জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, রকেটের অংশটি ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল (প্রায় ৮ হাজার ৭০০ কিলোমিটার) গতিতে চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি এলাকায় আঘাত করবে। এতে প্রায় ৯০ ফুট চওড়া এবং ১৬ ফুট গভীর একটি নতুন গর্ত তৈরি হতে পারে। একই সঙ্গে ধুলা ও শিলাখণ্ডের একটি বিশাল মেঘ তৈরি হবে, যা শক্তিশালী টেলিস্কোপ দিয়ে কিছু সময়ের জন্য পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।   রকেটের এই অংশটি ২০২৫ সালের জানুয়ারিতে স্পেসএক্সের ফ্যালকন-৯ উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়েছিল। ওই মিশনে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট এবং জাপানের আইস্পেসের হাকুটো-আর চন্দ্রযান বহন করা হয়। মিশন শেষে রকেটের উপরের ধাপটি মহাকাশে ভেসে থাকে এবং পরে এর গতিপথ পরিবর্তিত হয়ে চাঁদের দিকে চলে যায়।  বিজ্ঞানীদের মতে, এই সংঘর্ষ পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না এবং বর্তমানে চাঁদে থাকা কোনো কার্যকর মিশনের ওপরও প্রভাব ফেলবে না। তবে এটি মানুষের তৈরি মহাকাশযানের চাঁদে আঘাতের বিরল ঘটনা হওয়ায় গবেষকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। এই সংঘর্ষ থেকে উড়ে যাওয়া ধুলা, গর্তের আকার এবং প্রভাব বিশ্লেষণ করে চাঁদের পৃষ্ঠের গঠন ও ভবিষ্যৎ চন্দ্র অভিযানের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে।   নাসার লুনার রিকনাইস্যান্স অরবিটার (এলআরও) এবং দক্ষিণ কোরিয়ার দানুরি চন্দ্রযান সংঘর্ষস্থলের আগে ও পরে ছবি তুলে পরিবর্তন পর্যবেক্ষণের পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন মানমন্দির ও অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীরাও ঘটনাটি পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছেন।    বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা মহাকাশে ক্রমবর্ধমান 'স্পেস জাঙ্ক' বা মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকেও নতুন করে সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে চাঁদে মানব ও রোবোটিক অভিযান বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহৃত রকেট ও অন্যান্য মহাকাশযানের অংশ কীভাবে নিরাপদে অপসারণ করা হবে, সেটি আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১:৪৩