সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: ৬০০ স্থাপনা ছাই, ৬০ হাজার মানুষকে সরিয়ে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় স্পোকেন এলাকাসহ বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।   দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়া, তীব্র তাপপ্রবাহ এবং প্রবল দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। শুধু স্পোকেন ও আশপাশেই প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি অঙ্গরাজ্যেও একাধিক দাবানল সক্রিয় রয়েছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।   আগুনের ঝুঁকিতে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন স্পোকেন কনভেনশন সেন্টারে জরুরি আশ্রয়কেন্দ্র চালু করেছে, যেখানে বাস্তুচ্যুত মানুষদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে।   স্থানীয়ভাবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আবাসিক এলাকাজুড়ে বিশাল অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং দমকল বাহিনী আগুনের বিস্তার ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।   মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই বাসিন্দাদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।   শুধু ওয়াশিংটনেই নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে বুলডোজার, হেলিকপ্টার ও বিমান ব্যবহার করা হচ্ছে। সেখানে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে এবং ৬০০টির বেশি বাড়িসহ প্রায় ৮০০ স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে।   এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি উটাহ, মন্টানা ও পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, দক্ষিণ নেভাডা ও উত্তর মন্টানার বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতাও বহাল রয়েছে।   অন্যদিকে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা করপোরেশন জানিয়েছে, রোববার পর্যন্ত প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। দাবানলে দুটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী কয়েক দিন নতুন করে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও রয়েছে।   বিশেষজ্ঞদের মতে, চলমান তাপপ্রবাহ, কম আর্দ্রতা ও প্রবল বাতাস অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানল পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৪:২১
অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত
অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত

ইতালিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে দণ্ডিত এক প্রবাসী বাংলাদেশিকে স্থায়ীভাবে বহিষ্কার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তার বসবাসের অনুমতি বাতিল করে ইতালীয় প্রশাসন এই ব্যবস্থা নেয়। দেশটির রাষ্ট্রীয় পুলিশের তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   মঙ্গলবার ভেনিস বিমানবন্দর থেকে পুলিশি তত্ত্বাবধানে একটি বাণিজ্যিক ফ্লাইটে ওই বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। ইতালির আদালতের গোপনীয়তা নীতির কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, তার নাম মাসুম মিয়া (৫৫)। তার বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার চল্লাবাজ এলাকায়। তিনি প্রায় ১৫ বছর ধরে ইতালির উত্তর-পূর্বাঞ্চলের গোরিৎসিয়া প্রদেশের মনফালকোন এলাকার একটি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন।   তদন্তে উঠে আসে, তিনি দীর্ঘদিন ধরে তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এমনকি স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালেও তাকে চড়, ঘুষি ও লাথি মারার অভিযোগ আদালতে প্রমাণিত হয়।   এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর গোরিৎসিয়া আদালত তাকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। পরে ত্রিয়েস্তে আপিল আদালতও সেই রায় বহাল রাখেন।   রায়ের পর ভুক্তভোগী নারী ও তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে গোরিৎসিয়া পুলিশের অভিবাসন বিভাগ তাদের একটি নারী সহায়তা কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করে। একই সঙ্গে অপরাধের গুরুত্ব বিবেচনায় ওই বাংলাদেশির ইতালিতে বসবাসের অনুমতি বাতিল করা হয়। পরে গোরিৎসিয়ার প্রিফেক্ট তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ জারি করেন। সেই সিদ্ধান্ত কার্যকর করতেই মঙ্গলবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।   এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং মনফালকোনের সাবেক মেয়র আন্না মারিয়া সিসিন্ট বলেন, যারা নারী ও শিশুদের ওপর সহিংসতা চালায় এবং মানবিক মূল্যবোধ ও আইনের প্রতি সম্মান দেখায় না, তাদের ইতালিতে থাকার অধিকার নেই।   মনফালকোনের বর্তমান মেয়র লুকা ফাসানও ঘটনাটিকে ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, পরিবারে নারী নির্যাতনের কোনো স্থান নেই। ইতালিতে বসবাস ও কাজ করতে চাইলে দেশটির আইন এবং সামাজিক মূল্যবোধ মেনে চলতে হবে।   এদিকে মিলানে বাংলাদেশের কনস্যুলেটের কনসাল শরিফুল ইসলাম জানিয়েছেন, এই বহিষ্কারের বিষয়ে ইতালীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করেনি। তবে তিনি প্রবাসী বাংলাদেশিদের ইতালির আইন মেনে চলা এবং যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৪:২
‘না’ শুনেই থেমে যাননি, বিশ্বের প্রথম ডাউন সিনড্রোম-সম্পন্ন আইনজীবী আনা ভিক্টোরিয়া
‘না’ শুনেই থেমে যাননি, বিশ্বের প্রথম ডাউন সিনড্রোম-সম্পন্ন আইনজীবী আনা ভিক্টোরিয়া

ডাউন সিনড্রোমের কারণে একের পর এক বৈষম্যের শিকার হয়েও থেমে যাননি আনা ভিক্টোরিয়া। একটি আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ হারানোর পর অন্য বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর পড়াশোনা শেষ করে বিশ্বের প্রথম ডাউন সিনড্রোম–সম্পন্ন আইনজীবী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। এবার তার লক্ষ্য নিজের অঙ্গরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করা।   আনা ভিক্টোরিয়া জানিয়েছেন, নিজের শহরে বৈষম্যের শিকার হওয়ার কারণেই তাকে সেখান থেকে চলে যেতে হয়েছিল। এমনকি একই কারণে তাকে প্রচলিত বিদ্যালয়ে না পড়ে অনলাইনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা শেষ করতে হয়।   তবে প্রতিকূলতা তার পথ থামাতে পারেনি। পরে অন্য একটি বিশ্ববিদ্যালয় তাকে আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ দেয়। পাঁচ বছরের কঠোর অধ্যবসায়ের পর তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বিশ্বের প্রথম ডাউন সিনড্রোম–সম্পন্ন আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।   আইনজীবী হওয়ার পর আনা ভিক্টোরিয়া এখন সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। তার মতে, মানুষের সক্ষমতা কখনোই শারীরিক বা মানসিক বৈশিষ্ট্য দিয়ে বিচার করা উচিত নয়; সুযোগ পেলে সবাই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে।   এবার তার নতুন লক্ষ্য রাজনীতিতে প্রবেশ করা। তিনি নিজের অঙ্গরাজ্যের পার্লামেন্টে নির্বাচিত হয়ে আইন প্রণয়ন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে চান।   বিশেষজ্ঞদের মতে, ডাউন সিনড্রোম একটি জেনেটিক অবস্থা, যা মানুষের শেখার গতি ও শারীরিক বিকাশে কিছু প্রভাব ফেলতে পারে। তবে উপযুক্ত শিক্ষা, পারিবারিক সহায়তা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে ডাউন সিনড্রোম–সম্পন্ন ব্যক্তিরাও শিক্ষা, কর্মজীবন ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন।   আনা ভিক্টোরিয়ার সাফল্য সেই বাস্তবতারই একটি অনন্য উদাহরণ। বৈষম্য ও বাধা অতিক্রম করে তিনি শুধু আইনজীবীই হননি, বরং বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতীক হিসেবেও অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:৫২
দুই ‘মোসাদ’ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
দুই ‘মোসাদ’ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত দুই ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এ পদক্ষেপ দেশটির জাতীয় নিরাপত্তা নীতির কঠোর অবস্থানের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।   প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে তারা ইসরায়েলের কাছে ইরানের সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থানসহ সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।   তবে অভিযুক্তদের নাম-পরিচয়, বিচারপ্রক্রিয়ার বিস্তারিত কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের স্থান ও সময় সম্পর্কে ইরানি কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।   এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভ-পরবর্তী সময়ে জুলাই পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংস্থাটির দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল।   অন্যদিকে, ইরানের বিচার বিভাগ বরাবরই দাবি করে আসছে, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হয়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ইরানে এ ধরনের মামলার বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।   ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তাসংক্রান্ত মামলাগুলোতে তেহরানের কঠোর অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে আরও দৃশ্যমান হয়েছে। বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই ইরান এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখছে, যদিও এসব বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:৪৫
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড
যেভাবে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন, জেনে নিন সহজ উপায়

হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলে হওয়া গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণ করতে চান অনেকেই। তবে জনপ্রিয় এই বার্তাবিনিময় অ্যাপে এখনো সরাসরি কল রেকর্ড করার সুবিধা নেই। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিকল্প উপায়ে কল সংরক্ষণ করতে হয়। তবে এ ধরনের রেকর্ডিংয়ের আগে গোপনীয়তা ও আইনগত বিষয় সম্পর্কে সতর্ক থাকা জরুরি।   বর্তমানে কিছু অ্যান্ড্রয়েড ফোনে ‘কল রেকর্ডার (আর্লি অ্যাকসেস)’ নামের একটি অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের অডিও কল রেকর্ড করা সম্ভব। কিছু ডিভাইসে ভিডিও কলের শব্দও সংরক্ষণ করা যায়। তবে এই সুবিধা সব স্মার্টফোনে সমানভাবে কাজ করে না।   অ্যাপটি ব্যবহার করতে হলে প্রথমে এটি ইনস্টল করে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। এরপর মাইক্রোফোন, পরিচিতি তালিকা, বিজ্ঞপ্তি ও রেকর্ডিং–সংক্রান্ত অনুমতিগুলো চালু করতে হবে। পরে রেকর্ডিং অপশন সক্রিয় করে প্রয়োজনীয় সেটিংস সম্পন্ন করলেই অ্যাপটি ব্যবহারের জন্য প্রস্তুত হবে।   সেটআপ সম্পন্ন হওয়ার পর হোয়াটসঅ্যাপে কল শুরু হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন সংরক্ষণ করতে পারে। পরে অ্যাপে প্রবেশ করে রেকর্ড করা কল, রেকর্ডের সময় এবং কলের দৈর্ঘ্যসহ বিভিন্ন তথ্য দেখা যাবে।   তবে অ্যান্ড্রয়েডের সংস্করণ, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতি এবং সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে অনেক ডিভাইসে এই সুবিধা আংশিক বা পুরোপুরি অকার্যকর হতে পারে।   বিকল্প হিসেবে অনেক স্মার্টফোনে থাকা বিল্ট-ইন ‘পর্দা ধারণ’ সুবিধা ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কল সংরক্ষণ করা যায়। ফোনে এ সুবিধা না থাকলে নির্ভরযোগ্য পর্দা ধারণকারী অ্যাপ ব্যবহার করা যেতে পারে।   তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করা অনেক দেশে আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তাই যেকোনো কল রেকর্ড করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেওয়া এবং স্থানীয় আইন মেনে চলাই সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল উপায়।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:৩৯
প্রবাসীর বসতবাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা
দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে গুঁড়িয়ে দিল বাড়ি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রথম স্ত্রীকে গোপনে পুনরায় বিয়ে করে বিদেশে চলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতবাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ি ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।   স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে খেজুরতলা গ্রামের সোনিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী রফিকুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রফিকুল মালয়েশিয়ায় ফিরে যান। পরে সোনিয়ার বিরুদ্ধে অন্য এক প্রবাসীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে একপর্যায়ে থানায়ও অভিযোগ হয়। পরবর্তীতে রফিকুল সোনিয়াকে তালাক দিয়ে একই এলাকার মুকুল হোসেনের মেয়েকে বিয়ে করেন। ওই সংসার প্রায় এক বছর স্থায়ী হয়।   স্থানীয়দের দাবি, প্রায় ১০ দিন আগে রফিকুল গোপনে তার প্রথম স্ত্রী সোনিয়াকে আবার বিয়ে করেন। এরপর তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। বিষয়টি জানাজানি হলে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে রোববার সকালে ভেকু দিয়ে রফিকুলের বসতবাড়ি ভেঙে ফেলেন।   বাড়ি ভাঙার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত আলোচনায় আসে। ভিডিওতে একটি বসতবাড়ি ভারী যন্ত্র দিয়ে ভেঙে ফেলতে দেখা যায়।   স্থানীয় সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দীন বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন ভেকু দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে। পরে জানতে পারেন, প্রথম স্ত্রীকে গোপনে বিয়ে করে বিদেশে চলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন এ কাজ করেছেন।   তিনি আরও বলেন, যদি রফিকুল প্রতারণা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কারও বসতবাড়ি ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।   এদিকে রফিকুলের দ্বিতীয় স্ত্রীর বাবা মুকুল হোসেন দাবি করেন, রফিকুল তার মেয়ের সঙ্গে প্রতারণা করেছেন। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার মেয়েকে বিয়ে করার পর আবার গোপনে আগের স্ত্রীকে বিয়ে করে বিদেশে নিয়ে গেছেন। এতে তার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।   রফিকুল ইসলাম বর্তমানে মালয়েশিয়ায় থাকায় তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।   আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, পারিবারিক বিরোধ বা প্রতারণার অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে বসতবাড়ি ভাঙচুর করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এখন অভিযোগ দায়ের হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে পুলিশ।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:৩৩
লন্ডনের ওয়েস্টমিনস্টারে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা
ভারতের ‘তেলাপোকা’ আন্দোলনের ঢেউ এবার ব্রিটেনে, পার্লামেন্টের সামনে শিক্ষার্থীদের শক্ত অবস্থান

ভারতে আলোচিত ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ আন্দোলনের প্রভাব এবার পৌঁছেছে যুক্তরাজ্যেও। দেশটির পার্লামেন্ট ভবনের সামনে শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের একটি দল প্রতীকী ‘তেলাপোকা’ সেজে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, ক্রমবর্ধমান ছাত্রঋণের বোঝা লাখো তরুণের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে এবং বর্তমান ঋণব্যবস্থায় জরুরি সংস্কার প্রয়োজন।    লন্ডনের ওয়েস্টমিনস্টারে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ব্যানার, মুখোশ ও প্রতীকী পোশাক ব্যবহার করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেও অনেক তরুণ চাকরি, বাড়ি কেনা কিংবা স্বাভাবিক আর্থিক জীবন শুরু করতে পারছেন না। তাদের মতে, ছাত্রঋণের সুদ ও পরিশোধের বর্তমান কাঠামো পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।   বিক্ষোভকারীদের অভিযোগ, উচ্চশিক্ষাকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বছরের পর বছর ঋণের বোঝা বহন করছেন। ফলে কর্মজীবনের শুরুতেই তারা বড় ধরনের আর্থিক চাপে পড়ছেন।   এই প্রতিবাদের বিশেষ দিক ছিল ‘তেলাপোকা’ প্রতীকের ব্যবহার। ভারতে সম্প্রতি যে ‘ককরোচ’ আন্দোলন বিশ্বজুড়ে আলোচনায় আসে, সেটি শুরু হয়েছিল অনলাইনে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে। পরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তা লাখো তরুণের আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের চাপে ভারতের শিক্ষা খাতে সংস্কারের দাবি জোরালো হয় এবং তৎকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগও ঘটে।    পর্যবেক্ষকদের মতে, যুক্তরাজ্যের এই প্রতিবাদ দেখিয়ে দিল যে শিক্ষা-পরবর্তী ঋণের বোঝা ও তরুণদের আর্থিক অনিশ্চয়তা এখন শুধু একটি দেশের সমস্যা নয়; এটি অনেক উন্নত দেশের জন্যও বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভারতের ‘তেলাপোকা’ আন্দোলনের প্রতীক ব্যবহার করে ব্রিটিশ শিক্ষার্থীরা সেই বৈশ্বিক উদ্বেগের বার্তাই তুলে ধরতে চেয়েছেন।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ৩:২০
অ্যালকোহল ছবি: কোলাজ আমেরিকা বাংলা
‘অল্প অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ভালো’—ধারণাটি ভুল প্রমাণিত নতুন গবেষণায়

জার্নাল অব সাইকোফার্মাকোলজিসহ একাধিক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, অল্প মাত্রার অ্যালকোহলও মস্তিষ্কের কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের জন্য অ্যালকোহলের কোনো নিরাপদ মাত্রা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।   দীর্ঘদিন ধরে ধারণা ছিল, দিনে অল্প পরিমাণ অ্যালকোহল পান হৃদ্‌স্বাস্থ্য বা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। তবে নতুন গবেষণাগুলো বলছে, এই ধারণার পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং অল্প মাত্রার অ্যালকোহলও দীর্ঘমেয়াদে মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।   সম্প্রতি জার্নাল অব সাইকোফার্মাকোলজি–তে প্রকাশিত গবেষণা এবং এ–সংক্রান্ত একাধিক বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গেছে, নিয়মিত অ্যালকোহল গ্রহণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মনোযোগ, স্মৃতিশক্তি, পরিকল্পনা এবং সমস্যা সমাধানের মতো জ্ঞানীয় দক্ষতাকে দুর্বল করতে পারে।   গবেষকদের মতে, অ্যালকোহল মস্তিষ্কের গ্রে ম্যাটার ও হোয়াইট ম্যাটার—উভয়ের ওপর প্রভাব ফেলে। গ্রে ম্যাটার চিন্তাভাবনা, বিচার-বিশ্লেষণ ও স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে, আর হোয়াইট ম্যাটার মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করে। নিয়মিত অ্যালকোহল গ্রহণে এই দুই অংশের কার্যকারিতা কমে যেতে পারে।   বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহল শুধু মস্তিষ্কের কোষেই প্রভাব ফেলে না; এটি ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত করে, শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় এবং ভিটামিন বি–১ (থায়ামিন)–এর ঘাটতি তৈরি করতে পারে। এসব পরিবর্তন দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি হ্রাস, শেখার ক্ষমতা কমে যাওয়া এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে।   জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায়ও দেখা গেছে, দীর্ঘদিন অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ মস্তিষ্কের এমন স্নায়বিক সার্কিট ক্ষতিগ্রস্ত করতে পারে, যা আত্মনিয়ন্ত্রণ, বিচার-বিশ্লেষণ এবং আচরণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে অ্যালকোহল ছাড়ার পরও এসব পরিবর্তনের কিছু অংশ দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারে।   বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আগেই জানিয়েছে, স্বাস্থ্যের জন্য অ্যালকোহল গ্রহণের এমন কোনো মাত্রা নেই, যাকে সম্পূর্ণ নিরাপদ বলা যায়। সাম্প্রতিক গবেষণাগুলোও একই ধরনের বার্তা দিচ্ছে—বিশেষ করে মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষেত্রে তথাকথিত ‘পরিমিত পান’ও ঝুঁকিমুক্ত নয়।   তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, অল্প অ্যালকোহল গ্রহণ করলেই সবার স্থায়ী মস্তিষ্কের ক্ষতি হবে—এমন সিদ্ধান্ত এখনই দেওয়া যায় না। তবে গবেষণাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত করছে, অ্যালকোহল যত কম গ্রহণ করা যায়, মস্তিষ্কের জন্য তত ভালো। বিশেষ করে যাদের পরিবারে ডিমেনশিয়া, স্ট্রোক বা অন্যান্য স্নায়বিক রোগের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি হতে পারে।   নতুন এসব গবেষণার ফলে একসময় প্রচলিত থাকা ‘অল্প অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ভালো’ ধারণাটি নিয়ে বৈজ্ঞানিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে জনস্বাস্থ্যবিষয়ক নির্দেশিকায়ও এ বিষয়ে পরিবর্তন আসতে পারে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ২:৫৬
শেখ হাসিনা
৫ই আগস্ট দুই বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা!

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর দীর্ঘ দুই বছর পুরোপুরি আড়ালে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঠিক দুই বছর পূর্তিতে আগামী ৫ আগস্ট তিনি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে আসছেন। জানা গেছে, নয়াদিল্লির 'ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া' (এফসিসি সাউথ এশিয়া)-র উদ্যোগে আয়োজিত এক বিশেষ ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি হাজির হয়ে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের রোডম্যাপ তুলে ধরবেন।   নয়াদিল্লির ঐতিহাসিক স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আয়োজিত এই হাই-ভোল্টেজ ভার্চ্যুয়াল কর্মসূচিতে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের বেশ কয়েকজন হাই-প্রোফাইল নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। এফসিসি সাউথ এশিয়া ও আন্তর্জাতিক প্রেস ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ওয়ায়েল আওয়াদের পরিচালনায় এই বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও প্যানেলে থাকছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক এবং কাউন্টার-টেররিজম বিশ্লেষক আবু ওবাইদা আরিন। মানবাধিকার প্রতিনিধি হিসেবে যুক্ত হবেন 'বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ'-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও ইউএসএ চ্যাপ্টারের পরিচালক শাহ মো. বখতিয়ার।   সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক কূটনীতিক, ক্রীড়া তারকা এবং মানবাধিকার কর্মীদের একই প্যানেলে নিয়ে আসাকে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান পুনর্গঠনের এক বড় রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দলটির বহু নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। বিশ্ব গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ হাসিনা একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, তেমনি অন্যদিকে ভারতে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি নিজের ওপর ওঠা অভিযোগগুলোর জবাব দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবেও এটিকে কাজে লাগাতে পারেন।   বর্তমানে বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনার ভাবমূর্তি চরম মেরুকৃত। একদলীয় শাসন, ২০২৪-এর আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়ন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মৃত্যুদণ্ডের রায়ের কারণে দেশের বড় একটি অংশের কাছে তিনি স্বৈরাচারের প্রতীক। অন্যদিকে, তাকে ফিরিয়ে আনতে বর্তমান বাংলাদেশ সরকার ভারতের ওপর ক্রমাগত আইনি ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছিলেন যে, জীবন বা গ্রেপ্তারের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ ও দেশজুড়ে তীব্র ক্ষোভের বিপরীতে দলীয় অনুসারীদের প্রত্যাশা—এই দুই মেরুর টানাপোড়েনে আগামী ৫ আগস্টের বৈঠকে তিনি ঠিক কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাখছে পুরো দক্ষিণ এশিয়া।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ২:৩১
ঘুমন্ত শিশুকে হত্যায় কারাগার থেকে মুক্ত খুনি
ঘুমন্ত শিশুকে হত্যায় কারাগার থেকে মুক্ত খুনি! পরিরারের ক্ষোভ, নতুন করে প্রশ্নের মুখে বিচারব্যবস্থা

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ৬ বছর বয়সী শিশু লোগান টিপটন হত্যাকাণ্ডে জড়িত রোনাল্ড এক্সান্টাস কারামুক্ত হওয়ায় নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শিশুটির পরিবার বলছে, বিচারব্যবস্থা তাদের সঙ্গে অন্যায় করেছে। অন্যদিকে কেন্টাকি কর্তৃপক্ষ জানিয়েছে, আদালত নির্ধারিত সাজা সম্পূর্ণ হওয়ায় আইন অনুযায়ী তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।    ২০১৫ সালের ৭ ডিসেম্বর কেন্টাকির ভার্সেইলস শহরের একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ৬ বছর বয়সী লোগান টিপটনকে ছুরিকাঘাতে হত্যা করেন রোনাল্ড এক্সান্টাস। হামলায় শিশুটির বাবা এবং দুই বোনও গুরুতর আহত হন।    পরবর্তীতে ২০১৮ সালে আদালতে হত্যার অভিযোগে তাকে 'মানসিক ভারসাম্যহীনতার কারণে দায়মুক্ত' ঘোষণা করা হয়। তবে পরিবারের অন্য সদস্যদের ওপর হামলার ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাভোগের সময় আইন অনুযায়ী বিভিন্ন সাজা-ছাড়ের সুবিধা পাওয়ায় তার মুক্তির সময় এগিয়ে আসে।    এটি এক্সান্টাসের প্রথম মুক্তি নয়। ২০২৫ সালে তিনি বাধ্যতামূলক তত্ত্বাবধান কর্মসূচির আওতায় মুক্তি পেলেও অল্প সময়ের মধ্যেই ফ্লোরিডায় গিয়ে নিবন্ধন-সংক্রান্ত শর্ত ভঙ্গ করায় তাকে আবার গ্রেপ্তার করে কেন্টাকিতে ফিরিয়ে আনা হয়। পরে বাকি সাজা শেষ করে এবার তিনি আনুষ্ঠানিকভাবে মুক্তি পান।    লোগানের বাবা ডিন টিপটন ছেলের হত্যাকারীর মুক্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের পরিবার আজীবনের শাস্তি ভোগ করছে, অথচ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি মুক্ত জীবন ফিরে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বিচারব্যবস্থার সমালোচনা করেন এবং ভবিষ্যতে আরও কঠোর আইন প্রণয়নের দাবি জানান।    এই ঘটনাকে কেন্দ্র করেই কেন্টাকিতে 'লোগানস ল' নামে একটি আইন পাস হয়েছে। নতুন আইনে সহিংস অপরাধীদের সাজা, প্যারোল এবং মানসিক ভারসাম্যহীনতার প্রতিরক্ষা-সংক্রান্ত বিধান আরও কঠোর করা হয়েছে। তবে আইনটি পূর্ববর্তী মামলায় প্রযোজ্য না হওয়ায় এক্সান্টাস এর আওতায় পড়েননি।    কেন্টাকি ডিপার্টমেন্ট অব কারেকশনস জানিয়েছে, এক্সান্টাসকে আগাম মুক্তি দেওয়া হয়নি এবং প্যারোল বোর্ডও তাকে মুক্ত করেনি। আদালতের দেওয়া সাজা পূর্ণ হওয়ার পর বিদ্যমান আইন অনুসারেই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ২:১২
সরাসরি চাঁদের দিকে ছুটছে স্পেসএক্সের রকেট
কেউ থামাতে পারবে না! সরাসরি চাঁদের দিকে ছুটছে স্পেসএক্সের রকেট

পৃথিবীর কক্ষপথে ভেসে থাকা স্পেসএক্সের একটি ব্যবহৃত ফ্যালকন-৯ রকেটের উপরের অংশ আগামী ৫ আগস্ট চাঁদের পৃষ্ঠে অনিচ্ছাকৃতভাবে আঘাত হানতে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এটি কোনো দুর্ঘটনাজনিত বিপর্যয় নয়; বরং মহাকাশ গবেষণার জন্য বিরল এক পর্যবেক্ষণের সুযোগ তৈরি করবে।    জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, রকেটের অংশটি ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল (প্রায় ৮ হাজার ৭০০ কিলোমিটার) গতিতে চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি এলাকায় আঘাত করবে। এতে প্রায় ৯০ ফুট চওড়া এবং ১৬ ফুট গভীর একটি নতুন গর্ত তৈরি হতে পারে। একই সঙ্গে ধুলা ও শিলাখণ্ডের একটি বিশাল মেঘ তৈরি হবে, যা শক্তিশালী টেলিস্কোপ দিয়ে কিছু সময়ের জন্য পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে।   রকেটের এই অংশটি ২০২৫ সালের জানুয়ারিতে স্পেসএক্সের ফ্যালকন-৯ উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়েছিল। ওই মিশনে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট এবং জাপানের আইস্পেসের হাকুটো-আর চন্দ্রযান বহন করা হয়। মিশন শেষে রকেটের উপরের ধাপটি মহাকাশে ভেসে থাকে এবং পরে এর গতিপথ পরিবর্তিত হয়ে চাঁদের দিকে চলে যায়।  বিজ্ঞানীদের মতে, এই সংঘর্ষ পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না এবং বর্তমানে চাঁদে থাকা কোনো কার্যকর মিশনের ওপরও প্রভাব ফেলবে না। তবে এটি মানুষের তৈরি মহাকাশযানের চাঁদে আঘাতের বিরল ঘটনা হওয়ায় গবেষকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। এই সংঘর্ষ থেকে উড়ে যাওয়া ধুলা, গর্তের আকার এবং প্রভাব বিশ্লেষণ করে চাঁদের পৃষ্ঠের গঠন ও ভবিষ্যৎ চন্দ্র অভিযানের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে নতুন তথ্য পাওয়া যেতে পারে।   নাসার লুনার রিকনাইস্যান্স অরবিটার (এলআরও) এবং দক্ষিণ কোরিয়ার দানুরি চন্দ্রযান সংঘর্ষস্থলের আগে ও পরে ছবি তুলে পরিবর্তন পর্যবেক্ষণের পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন মানমন্দির ও অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীরাও ঘটনাটি পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছেন।    বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা মহাকাশে ক্রমবর্ধমান 'স্পেস জাঙ্ক' বা মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকেও নতুন করে সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে চাঁদে মানব ও রোবোটিক অভিযান বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহৃত রকেট ও অন্যান্য মহাকাশযানের অংশ কীভাবে নিরাপদে অপসারণ করা হবে, সেটি আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ১:৪৩
আমেরিকার কোন স্টেটে বসবাস করলে সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?
আমেরিকার কোন স্টেটে বসবাস করলে সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? জেনে নিন

যুক্তরাষ্ট্রে সিরিয়াল কিলারের সংখ্যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি হলেও দেশটির সব রাজ্যে ঝুঁকি সমান নয়। জনসংখ্যার অনুপাতে পরিচালিত এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, সিরিয়াল কিলারের ঘনত্বের দিক থেকে সবার ওপরে রয়েছে ওয়াইওমিং। ফলে জনসংখ্যার তুলনায় এ রাজ্যে সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো রাজ্যের চেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে।   সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পরিচিত সিরিয়াল কিলারের সংখ্যা, জনসংখ্যা এবং ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ওয়াইওমিংয়ে প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে প্রায় ১৩ দশমিক ৫৯ জন পরিচিত সিরিয়াল কিলারের রেকর্ড রয়েছে। অর্থাৎ গড় হিসাবে প্রতি ৭৩ হাজার ৫৮৪ জনে একজন পরিচিত সিরিয়াল কিলারের অনুপাত দাঁড়ায়।  তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলাস্কা, যেখানে প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে ১২ দশমিক ২১ জন পরিচিত সিরিয়াল কিলারের তথ্য রয়েছে। এরপর রয়েছে ওরেগন, মন্টানা ও মিসৌরি। বিশ্লেষকদের মতে, পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতেই তুলনামূলক বেশি ঘনত্ব লক্ষ্য করা গেছে।    অন্যদিকে মোট সংখ্যার বিচারে চিত্রটি ভিন্ন। ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক ১২৮ জন পরিচিত সিরিয়াল কিলারের রেকর্ড রয়েছে। এরপর রয়েছে টেক্সাস (৯০) ও ফ্লোরিডা (৭৬)। তবে এসব রাজ্যের জনসংখ্যা অনেক বেশি হওয়ায় মাথাপিছু হিসাবে তাদের অবস্থান শীর্ষে নয়। একইভাবে নিউইয়র্কে ৩৯ জন পরিচিত সিরিয়াল কিলার ও শত শত ভুক্তভোগীর রেকর্ড থাকলেও জনসংখ্যার কারণে মাথাপিছু হিসাবে রাজ্যটির অবস্থান নিচের দিকে।    বিশ্লেষণে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইতিহাসজুড়ে পরিচিত সিরিয়াল কিলারের সংখ্যা ৩ হাজার ৬০০-এর বেশি, যা বিশ্বের মোট পরিচিত সিরিয়াল কিলারের প্রায় দুই-তৃতীয়াংশ। তবে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, এই পরিসংখ্যান ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং বর্তমানে সক্রিয় সিরিয়াল কিলারের সংখ্যা বোঝায় না।    গবেষকরা সতর্ক করে বলেছেন, এমন তথ্য সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত আতঙ্ক তৈরির জন্য নয়। বাস্তবে একজন আমেরিকানের সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনও অত্যন্ত কম। পাশাপাশি অপরাধবিজ্ঞানীরা মনে করিয়ে দিয়েছেন, আধুনিক ফরেনসিক প্রযুক্তি, ডিএনএ বিশ্লেষণ, নজরদারি ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ফলে গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে সিরিয়াল হত্যাকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ০:৫০
দুই বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা ফিলিস্তিনি যুবকের সন্ধান মিলল ইসরায়েলি সেনার ইনস্টাগ্রামের ছবিতে
দুই বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা ফিলিস্তিনি যুবকের সন্ধান মিলল ইসরায়েলি সেনার ইনস্টাগ্রামের ছবিতে

প্রায় ২১ মাস ধরে নিখোঁজ থাকা এক তরুণ ফিলিস্তিনির জীবিত থাকার প্রথম প্রমাণ মিলেছে এক ইসরায়েলি সেনার ইনস্টাগ্রাম পোস্ট করা ছবিতে। ছবিটি শনাক্ত করার পর তার পরিবার নিশ্চিত হয়েছে যে, নিখোঁজ হওয়ার পর অন্তত এক সময় তিনি জীবিত ছিলেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন এবং তাকে কোনো আইনি প্রক্রিয়ার আওতায় রাখা হয়েছে কি না, এসব প্রশ্ন এখনও অজানা।   নিখোঁজ তরুণের নাম মাহমুদ আতাল্লাহ আল-দ্রিমলি (২২)। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে তাকে চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায় দুই নারী ইসরায়েলি সেনার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা ছবিটি দেখে তাকে শনাক্ত করেন।   পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ২ নভেম্বর মাহমুদ গাজা সিটিতে ফেরার চেষ্টা করার সময় নিখোঁজ হন। সে সময় উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণে ছিল ইসরায়েলি বাহিনী।   ছবিটি মাহমুদের জীবিত থাকার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এলেও, তার বর্তমান অবস্থান, শারীরিক অবস্থা কিংবা তিনি আটক রয়েছেন কি না, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ফলে তার পরিবার এবং মানবাধিকারকর্মীদের উদ্বেগ আরও বেড়েছে।   গাজায় চলমান সংঘাতের মধ্যে বহু ফিলিস্তিনির নিখোঁজ হওয়া, আটক থাকা বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার অভিযোগ বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তুলে ধরেছে। মাহমুদ আল-দ্রিমলির ঘটনাও সেই উদ্বেগকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ০:৩৩
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা বা বিক্রির পরিকল্পনা? আগে জেনে নিন কেন ৭০% বাড়ির মালিক বিক্রি করছেন না
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা বা বিক্রির পরিকল্পনা? আগে জেনে নিন কেন ৭০% বাড়ির মালিক বিক্রি করছেন না

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। বাড়ির দাম এখনও তুলনামূলক বেশি থাকলেও বিক্রির জন্য বাজারে বাড়ির সরবরাহ সীমিত। অর্থনীতিবিদরা বলছেন, এর অন্যতম প্রধান কারণ হলো ‘লক-ইন ইফেক্ট’—অর্থাৎ কম সুদের মর্টগেজ ধরে রাখতে বাড়ির মালিকদের অনীহা।   সাম্প্রতিক আবাসন বাজার বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে যাদের সক্রিয় হোম মর্টগেজ রয়েছে, তাদের বড় একটি অংশ ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে নেওয়া ঋণের সুবিধা ভোগ করছেন। সে সময় মর্টগেজ সুদের হার ছিল ঐতিহাসিকভাবে কম, অনেক ক্ষেত্রে ৩ থেকে ৪ শতাংশের মধ্যে। এমনকি অধিকাংশ ঋণগ্রহীতার সুদের হার এখনও ৫ শতাংশের নিচে রয়েছে।   অন্যদিকে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নতুন ৩০ বছরের ফিক্সড-রেট মর্টগেজের সুদের হার ৬ থেকে ৭ শতাংশের বেশি পর্যায়ে অবস্থান করছে। ফলে কেউ যদি এখন নিজের পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কেনেন, তবে তাকে আগের তুলনায় অনেক বেশি সুদে নতুন ঋণ নিতে হবে। এতে মাসিক কিস্তির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।   এই কারণেই অনেক বাড়ির মালিক বর্তমান বাড়ি বিক্রি না করে সেটিতেই বসবাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আবাসন বাজারে এই প্রবণতাকে ‘লক-ইন ইফেক্ট’ নামে অভিহিত করা হয়। এর ফলে বিক্রির জন্য নতুন বাড়ির সংখ্যা কমে যাচ্ছে এবং বাজারে সরবরাহ সংকুচিত হচ্ছে।   বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্রথমবারের মতো বাড়ি কিনতে ইচ্ছুক ক্রেতাদের ওপর। বাজারে বিক্রির জন্য বাড়ি কম থাকায় প্রতিযোগিতা বেড়েছে এবং অনেক এলাকায় মূল্যও উচ্চ পর্যায়ে রয়ে গেছে।   অন্যদিকে, যাদের আগে থেকেই কম সুদের মর্টগেজ রয়েছে, তারা নতুন ঋণ নেওয়ার পরিবর্তে বিদ্যমান ঋণ ধরে রাখছেন। অনেক পরিবার নতুন বাড়ি কেনার বদলে বর্তমান বাড়ি সংস্কার বা সম্প্রসারণের পথ বেছে নিচ্ছেন।   অর্থনীতিবিদদের ধারণা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমালে আবাসন বাজারে কিছুটা গতি ফিরতে পারে। তবে ২০২১-২২ সালের মতো ৩ থেকে ৪ শতাংশের অত্যন্ত কম মর্টগেজ সুদের হার অদূর ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা খুবই সীমিত বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।   বিশেষজ্ঞদের পরামর্শ, যারা এখন বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তারা আগে থেকেই স্থানীয় ঋণদাতার কাছ থেকে প্রি-অ্যাপ্রুভাল নিয়ে রাখুন এবং ভালো ক্রেডিট স্কোর বজায় রাখুন। এতে অনুকূল সুদে ঋণ পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং প্রতিযোগিতাপূর্ণ বাজারে দ্রুত সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ০:২৬
ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে এবার মুখ খুলল ভারত
পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে চাকরি করতে ১ লাখ ডলার ফি? ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে এবার মুখ খুলল ভারত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগ পেতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ২২ লাখ টাকা) পর্যন্ত ফি নেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণের সক্ষমতাও কমে যেতে পারে।   মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, প্রস্তাবিত ফি যুক্ত করা হতে পারে ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ কর্মসূচির সঙ্গে। এই কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর সাধারণত ১ বছর এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে স্নাতকেরা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থেকে কাজ করার সুযোগ পান।   প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি এখনও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের  পর্যায়ে আলোচনাধীন। হোয়াইট হাউস চূড়ান্ত অনুমোদন দেবে কি না, সেটিও এখনও নিশ্চিত নয়। এছাড়া এই অর্থ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় নাকি নিয়োগকারী প্রতিষ্ঠান—কে বহন করবে, সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো নীতিকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা না করার কথা জানিয়েছে ডিএইচএস।    এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভিসা ও অভিবাসন নীতি প্রতিটি দেশের সার্বভৌম সিদ্ধান্ত হলেও ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ভারতীয় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরবে।    বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনার আর্থিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর ফলে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।   বিশেষজ্ঞদের আশঙ্কা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি থেকে বিপুল আয় করা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোও এতে ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে প্রযুক্তি ও আর্থিক খাতের বহু প্রতিষ্ঠান, যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করা বিদেশি মেধাবীদের নিয়োগ দিয়ে থাকে, তারাও দক্ষ কর্মী নিয়োগে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।    উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন সম্প্রতি বৈধ অভিবাসন ও শিক্ষার্থী ভিসা ব্যবস্থায় একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা বিধি, অবস্থানের সময়সীমা এবং কর্মসংস্থানের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এই প্রস্তাবকে সেই বৃহত্তর অভিবাসন নীতিরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ০:১৫
ক্যালিফোর্নিয়ার প্যাসিফিকা সৈকতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বিভিন্ন প্রজাতির কুকুর। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়া উপকূলে কুকুরদের বিশ্ব সার্ফিং প্রতিযোগিতা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আবারও বসেছে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী সার্ফিং প্রতিযোগিতা। এবারের 'ওয়ার্ল্ড ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপ'-এ বিভিন্ন জাত ও আকারের কয়েক ডজন কুকুর সার্ফবোর্ডে চড়ে ঢেউ জয়ের লড়াইয়ে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেছে।   শনিবার উত্তর ক্যালিফোর্নিয়ার প্যাসিফিকা সৈকতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শত শত দর্শক ভিড় করেন। ল্যাব্রাডর, স্প্যানিয়েল, বুলডগ, মিনিয়েচার পিনশারসহ বিভিন্ন প্রজাতির কুকুর রঙিন সার্ফবোর্ডে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ পাড়ি দেয়। নিরাপত্তার জন্য প্রতিটি কুকুরের গায়ে ছোট লাইফ জ্যাকেট পরানো হয়েছিল।   আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কুকুর সার্ফিং প্রতিযোগিতা। এখানে শুধু ঢেউয়ে ভেসে থাকা নয়, বরং কুকুর কতক্ষণ সার্ফবোর্ডে ভারসাম্য ধরে রাখতে পারে, কত বড় ঢেউ সফলভাবে অতিক্রম করে এবং সার্ফিংয়ের সময় তাদের আত্মবিশ্বাস কেমন, সেসব বিষয় বিবেচনা করে বিচারকেরা নম্বর দেন।   প্রতিযোগিতার সময় কুকুরগুলোর প্রশিক্ষকেরা উপযুক্ত ঢেউ ধরতে তাদের সহায়তা করেন। এরপর কুকুরগুলো নিজেরাই সার্ফবোর্ডে দাঁড়িয়ে ঢেউয়ের ওপর ভেসে চলে। কোনো কুকুর পানিতে পড়ে গেলে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করেন।   শুধু প্রতিযোগিতাই নয়, আয়োজনের অংশ হিসেবে পোষা প্রাণী দত্তক গ্রহণ কার্যক্রম এবং প্রাণী কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়।   প্রতিযোগিতায় অংশ নেওয়া মিনিয়েচার পিনশার প্রজাতির কুকুর 'রাস্টি'-র মালিক সোফিয়া স্যাডলোভস্কি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, মাত্র চার মাস বয়স থেকেই রাস্টির সার্ফিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। একদিন ছবি তোলার জন্য তাকে সার্ফবোর্ডে দাঁড় করানো হয়েছিল। কিন্তু সে বোর্ড থেকে নামতেই চাইছিল না। সোফিয়ার ভাষায়, "আমি তাকে সমুদ্রের একটি ঢেউয়ে ছেড়ে দিই, আর সে নিজেই সার্ফ করতে শুরু করে।"   সবুজ রঙের একটি লাইফ জ্যাকেট পরে রাস্টি প্রতিযোগিতায় অংশ নেয়। একপর্যায়ে একটি ঢেউয়ে সার্ফবোর্ড উল্টে গেলে সে পানিতে পড়ে যায়। তবে পাশে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন।   সোফিয়া আরও জানান, রাস্টি শুধু ঢেউয়ের সঙ্গেই নয়, ক্যানসারের সঙ্গেও লড়াই করেছে। তার দাবি, তিনি এবং তার পোষা কুকুর দুজনই ক্যানসারকে পরাজিত করেছেন। এবারের প্রতিযোগিতায় ছোট, মাঝারি ও বড় আকারের কুকুরদের জন্য আলাদা বিভাগ ছিল। এছাড়া মানুষ ও কুকুর একসঙ্গে একই সার্ফবোর্ডে অংশ নেওয়ার 'ট্যান্ডেম' বিভাগও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।   সান ফ্রান্সিসকো থেকে প্রায় ১৬ মাইল দক্ষিণে অবস্থিত প্যাসিফিকা শহরে প্রতিবছর এই ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া, বিনোদন এবং প্রাণী কল্যাণকে একসঙ্গে তুলে ধরার জন্য এটি আন্তর্জাতিকভাবে পরিচিত একটি আয়োজন হিসেবে বিবেচিত হয়।

প্রকাশ : আগস্ট ৩, ২০২৬ ০:৮
অভিযোগ অনুযায়ী, এই সাদা নিসান সেন্ট্রা গাড়ির চালক ভারতীয় বংশোদ্ভূত এক নারীকে ধাওয়া করেন। ছবি: সংগৃহীত
'ভারতে ফিরে যাও': যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত নারী ও তার সন্তানকে গাড়ি নিয়ে ধাওয়া

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোরসাইথ কাউন্টির এক ভারতীয় বংশোদ্ভূত নারী অভিযোগ করেছেন, সড়কে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি তাকে এবং তার ১২ বছর বয়সী মেয়েকে ধাওয়া করেন এবং বর্ণবাদী মন্তব্য করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পুলিশ প্রতিবেদন দায়ের হয়নি এবং অভিযোগগুলোর স্বাধীন যাচাইও সম্ভব হয়নি।   এনআরআই পালসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জুলাই বিকেলে জনস ক্রিক ও আলফারেটা এলাকার স্টেট ব্রিজ রোডে ঘটনাটি ঘটে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই নারী জানান, তিনি গাড়ি চালানোর সময় একটি সাদা রঙের নিসান সেন্ট্রা গাড়িকে ডান দিকে মোড় নেওয়ার লেনে ঢোকার সুযোগ করে দেন।   তার দাবি, এর কিছুক্ষণ পরই ওই গাড়ির চালক জানালার কাচ নামিয়ে এমন একটি হাতের ইশারা করেন, যাতে তার মনে হয় লোকটির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। পরিস্থিতি এড়াতে তিনি লেন পরিবর্তন করলেও অভিযুক্ত চালক বারবার তার গাড়ির সামনে আসার চেষ্টা করেন এবং এক পর্যায়ে রাস্তার চিহ্ন অতিক্রম করে তার পথ রোধ করারও চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।   নারীর ভাষ্য অনুযায়ী, ওল্ড মিল্টন পার্কওয়ের কাছে একটি লাল বাতিতে গাড়ি থামলে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে চিৎকার করতে থাকেন। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি তাকে উদ্দেশ করে বলেন, "ভারতে ফিরে যাও। এটা তোমার জায়গা নয়।" পাশাপাশি আরও অবমাননাকর মন্তব্যও করেন। তিনি বলেন, আশপাশে অনেক মানুষ থাকলেও যানজটের কারণে তিনি সেখান থেকে সরে যেতে পারেননি। পরিস্থিতি আরও খারাপ না করতে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি।   তার অভিযোগ, সিগন্যাল ছাড়ার পরও ওই ব্যক্তি তার গাড়িকে অনুসরণ করতে থাকেন। নিজের বাসার অবস্থান প্রকাশ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় তিনি নিজের আবাসিক এলাকায় না গিয়ে উড ব্রিজ অ্যাপার্টমেন্টস এলাকায় যান এবং সেখান থেকে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। তিনি বলেন, "আমার ১২ বছরের মেয়েও গাড়িতে ছিল। আমরা দুজনই খুব ভয় পেয়েছিলাম। আমি চাইনি সে জানতে পারুক আমরা কোথায় থাকি।"   নারীর দাবি, ৯১১-এ কথা বলার সময় তিনি গাড়ির জানালা নামানোর পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে চলে যান। তিনি গাড়িটির কয়েকটি ছবি তুলতে সক্ষম হলেও নম্বরপ্লেট পুরোপুরি দেখতে পারেননি। তার ভাষ্য অনুযায়ী, নম্বরপ্লেটের শুরুতে ইংরেজি 'C' অক্ষর ছিল। তিনি চালককে ৪০ থেকে ৫০ বছর বয়সী, পরিষ্কার মুখের, শ্বেতাঙ্গ পুরুষ হিসেবে বর্ণনা করেছেন।   তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছের ট্রাফিক ক্যামেরার ভিডিও পর্যালোচনার অনুরোধ করেছিলেন। পরে একজন পুলিশ কর্মকর্তা ফোনে তার সঙ্গে কথা বললেও ঘটনাস্থলে কেউ আসেননি। সন্দেহভাজন ব্যক্তি চলে যাওয়ায় কোনো আনুষ্ঠানিক পুলিশ প্রতিবেদনও করা হয়নি।   গত ১২ বছর ধরে আটলান্টা মহানগর এলাকায় বসবাসকারী ওই নারী একটি আইন প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, তিনি সবসময় সতর্কভাবে গাড়ি চালান এবং অন্য নারীদেরও আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালাতে উৎসাহিত করেন।   বর্তমানে তিনি আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন, যাতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। এ ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে জনস ক্রিক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২৩:৫৮
লেকে পরিবারের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি হন মিলার পরিবার। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ১৫টি মাকড়সার কামড়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন নারী, স্ত্রীকে বাঁচাতে গিয়ে চাকরি হারিয়ে নিঃস্ব স্বামী

পরিবারের সবাইকে নিয়ে লেকের ধারে গ্রীষ্মকালীন তাঁবু খাটিয়ে ঘুরতে যাওয়ার আনন্দে হঠাৎ নেমে এসেছে চরম বিপর্যয়। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের বাসিন্দা ও চার সন্তানের জননী ব্রিটেনি মিলার এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পরিবার নিয়ে ঘুরতে গিয়ে অন্তত ১৫টি বিষাক্ত মাকড়সার কামড়ে আক্রান্ত হওয়ার পর তার শরীরে রক্ত জমাট বাঁধার মতো মারাত্মক জটিলতা দেখা দিয়েছে।   স্থানীয় সংবাদমাধ্যম এবং পরিবারের তৈরি করা একটি অনুদান সংগ্রহের পাতায় প্রকাশিত তথ্যানুযায়ী, গত মে মাসের শেষের দিকে কানসাসের উইচিতা শহর থেকে ৩৫ মাইল পশ্চিমে অবস্থিত চিনি স্টেট পার্কে ক্যাম্পিংয়ে যায় মিলার পরিবার। রাতের বেলা ক্যাম্পফায়ারের পাশে বসে থাকার সময় হঠাৎ ব্রিটেনি টের পান তার কাপড়ের ভেতর ও পায়ে একাধিক মাকড়সা উঠে এসেছে। মাকড়সার ভয়ে আতকে ওঠার আগেই অন্তত ১৫টি মাকড়সা তার পায়ের দুই পাশে ও শরীরের বিভিন্ন স্থানে দংশন করে।   ঘটনার প্রায় এক সপ্তাহ পর থেকে ব্রিটেনির ডান পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। সেই ব্যথাকে তিনি তীব্র ছুরিকাঘাতের অনুভূতির সঙ্গে তুলনা করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে ৪ জুন তাকে উইচিতার ওয়েসলি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, মাকড়সার কামড়ের স্থানে বিষক্রিয়া থেকে তার পায়ের মাংসপেশিতে বিশালাকার রক্ত জমাট বেঁধে রক্তপিণ্ড তৈরি হয়েছে। জমাট বাঁধা রক্ত অপসারণ ও সংক্রমিত স্থান পরিষ্কার করতে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে।   তবে অস্ত্রোপচারটি চিকিৎসকদের জন্য মোটেও সহজ ছিল না। ব্রিটেনি দীর্ঘদিন ধরে যকৃৎ বা লিভারের জটিল রোগে ভুগছিলেন, যা শেষ ধাপে পৌঁছে গিয়েছিল। একই সঙ্গে তার রক্ত জমাট বাঁধা সংক্রান্ত দুটি বিরল শারীরিক জটিলতাও ছিল। ফলে অস্ত্রোপচার করতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার প্রাণহানির চরম ঝুঁকি তৈরি হয়। চিকিৎসকেরা দুই সপ্তাহের মাথায় আশা ছেড়ে দিয়ে জানিয়েছিলেন যে, তার হাতে হয়তো আর মাত্র কয়েক দিন থেকে সর্বোচ্চ এক মাসের আয়ু বাকি রয়েছে।   চিকিৎসকদের এই পূর্বাভাস সত্ত্বেও ৯ থেকে ১৫ বছর বয়সী চার সন্তান ও স্বামীর মুখে চেয়ে লড়াই থামাননি ব্রিটেনি। তিনি চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেন যে পরিবারের জন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করবেন। টানা ১০ দিন মেডিকেল আইসিইউ এবং পরবর্তীতে কার্ডিও আইসিইউতে রেখে তাকে রক্ত, প্লাজমা, অণুচক্রিকা ও উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।   কঠিন চিকিৎসাপদ্ধতি অতিক্রম করে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল মনে হলেও নতুন করে এক জটিলতার মুখোমুখি হতে হয়। তার অস্ত্রোপচারের স্থানে ব্যাকটেরিয়াজনিত চরম সংক্রমণ দেখা দেয়, যার ফলে সেখানের টিস্যু বা তন্তুর মৃত্যু ঘটতে শুরু করে। পচে যাওয়া চামড়া ও মাংস ফেলে দিতে শয্যাশায়ী অবস্থাতেই তার শরীরে আরও দুটি অস্ত্রোপচার চালাতে হয়। বর্তমানে ব্রিটেনির বেঁচে থাকার জন্য জরুরিভিত্তিতে যকৃৎ প্রতিস্থাপন প্রয়োজন, তবে সেই বড় অস্ত্রোপচারের জন্য তার শরীর উপযোগী হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।   দীর্ঘদিন ধরে চলা এই মানবিক সংকটে পরিবারটিতে আর্থিক বিপর্যয় নেমে এসেছে। অসুস্থ স্ত্রীর পাশে সারাক্ষণ হাসপাতালে অবস্থান করার কারণে চাকরি হারিয়েছেন তার স্বামী জেইক মিলার। উপার্জন ও স্বাস্থ্যবিমা বন্ধ হয়ে যাওয়ার ফলে চার সন্তানকে নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। পরবর্তীতে চিকিৎসার খরচ জোগাতে জেইক মিলার সাধারণ মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।   চিকিৎসকদের ধারণামতে, তাকে কামড়ানো মাকড়সাগুলো কানসাস অঞ্চলে পাওয়া যাওয়া অত্যন্ত বিষাক্ত 'ব্রাউন রিক্লুস' প্রজাতির হতে পারে। আকারে অত্যন্ত ছোট এই মাকড়সার বিষ মানবদেহে প্রবেশ করলে চামড়ায় পচন এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে রক্ত জমাট বাঁধার মতো মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২৩:৪০
ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক ফেডারেল বিচারক। ছবি: সংগৃহীত
বিচারকদের কড়া সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ, প্রশ্ন সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে

যুক্তরাষ্ট্রজুড়ে ফেডারেল বিচারকদের একটি অংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের (ডিওজে) আইনজীবীদের আচরণ ও আদালতে দেওয়া তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন। তাদের অভিযোগ, বিভিন্ন মামলায় সরকারের আইনজীবীরা এমন আচরণ করেছেন, যা আদালতের ভাষায় "অবৈধ", "অনৈতিক", "অশোভন" বা বিভ্রান্তিকর। এর ফলে সরকারের বক্তব্যকে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বাস করার দীর্ঘদিনের বিচারিক নীতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।   অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে শত শত মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ৪০টিরও বেশি মামলায় বিচারকেরা সরাসরি সরকারের প্রতি প্রচলিত বিচারিক আস্থার নীতি বা "প্রিজাম্পশন অব রেগুলারিটি" নিয়ে প্রশ্ন তুলেছেন। এই নীতির অর্থ হলো, আদালত সাধারণভাবে ধরে নেয় যে সরকারি কর্মকর্তারা আইন ও নীতিমালা মেনেই দায়িত্ব পালন করেছেন, যদি না তার বিপরীত প্রমাণ পাওয়া যায়।   প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিচারকদের সমালোচনার বড় অংশই অভিবাসন অভিযান, ব্যাপক বহিষ্কার, সরকারি কর্মী ছাঁটাই এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য নীতিগত পদক্ষেপসংক্রান্ত মামলাগুলোকে ঘিরে। অনেক বিচারক মন্তব্য করেছেন, সরকারের আইনজীবীদের বক্তব্য এখন আর আগের মতো বিনা প্রশ্নে গ্রহণ করা যাচ্ছে না।   রোড আইল্যান্ডে ট্রাম্প মনোনীত ফেডারেল বিচারক মেরি ম্যাকএলরয় একটি মামলায় অভিযোগ করেন, বিচার বিভাগ তথ্য গোপন করেছে এবং আদালতের কাছে ভুল তথ্য উপস্থাপন করেছে। হাসপাতালের বিরুদ্ধে তদন্তে সংবেদনশীল চিকিৎসা নথি সংগ্রহের জন্য সরকারের কৌশল নিয়ে তিনি কড়া ভাষায় প্রশ্ন তোলেন এবং বলেন, বিচার বিভাগের প্রতি যে আস্থা এতদিন ছিল, তা এই মামলায় আর বজায় নেই।   নিউ জার্সির ফেডারেল বিচারক ক্রিস্টিন ও'হার্ন এক অভিবাসন মামলায় মন্তব্য করেন, ব্যক্তিগতভাবে দায়িত্বশীল কোনো কর্মকর্তা শপথ নিয়ে তথ্য না দিলে তিনি আর সরকারের বক্তব্য অন্ধভাবে গ্রহণ করবেন না। তার অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে এক আটক ব্যক্তিকে অন্য একটি কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল।   মিনেসোটার একটি মামলায় বিচারক প্যাট্রিক শিল্টজও সরকারের পদক্ষেপকে "ভিত্তিহীন" বলে সমালোচনা করেন। তার ভাষায়, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বা চাপ সৃষ্টি করতে ফৌজদারি তদন্তের ব্যবহার আইনের সুস্পষ্ট অপব্যবহার এবং অনৈতিক আচরণ। অন্যদিকে বিচার বিভাগ সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিভাগের মুখপাত্র কিয়ারস্টেন পেলস এক বিবৃতিতে বলেন, ডিওজের আইনজীবীরা সততা, পেশাদারিত্ব এবং আইনগত দায়িত্ব মেনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে বিভাগ একমত নয়।   প্রোপাবলিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন মামলায় বিচারকেরা সরকারের নথিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অস্তিত্বহীন মামলার নজির, ভুল তারিখ, তথ্যগত অসঙ্গতি এবং বিভ্রান্তিকর উপস্থাপনার উদাহরণও উল্লেখ করেছেন। এসব ঘটনার কারণে সরকারের প্রতি আদালতের আস্থায় ধীরে ধীরে ভাঙন তৈরি হচ্ছে বলে আইন বিশেষজ্ঞদের মত।   সাবেক ফেডারেল বিচারক জন ই. জোনস বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইতিহাসে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। তার মতে, বর্তমানে অনেক বিচারকই সরকারি কৌঁসুলিদের বক্তব্যকে আগের মতো নির্ভরযোগ্য বলে মনে করছেন না।   আইন বিশেষজ্ঞ জেরেমি ফোগেলের ভাষায়, আদালতে যা ঘটছে তা এখন শুধু আইনি বিরোধ নয়, বরং সরকারের একটি শাখা আরেকটি শাখার বৈধতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলের প্রধান আইনজীবী মিচ বার্নার্ড বলেন, বিচার বিভাগের বর্তমান আচরণের কারণে সরকার ভবিষ্যতে আরও বেশি মামলায় পরাজিত হতে পারে।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২৩:১৮
কোভিড-১৯, টিকা ও অটিজম ইস্যুতে লাইভ সাক্ষাৎকারে তীব্র বিতর্কে জড়ান রবার্ট এফ. কেনেডি জুনিয়র ও ডানা ব্যাশ। ছবি: সংগৃহীত
সিএনএনের লাইভ অনুষ্ঠানে সঞ্চালক ও মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর তুমুল ঝগড়া

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং সিএনএনের জ্যেষ্ঠ সঞ্চালক ড্যানা ব্যাশের মধ্যে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকার অনুষ্ঠানে এক নজিরবিহীন উত্তপ্ত বাক্যবিনিময় ঘটেছে। সিএনএনের বিশেষ অনুষ্ঠান 'স্টেট অব দ্য ইউনিয়ন'-এ করোনা মহামারি, টিকার কার্যকারিতা, হামের প্রাদুর্ভাব এবং অটিজম ইস্যুতে দুই পক্ষের মধ্যে এই জোর বাকযুদ্ধ গড়ে ওঠে।   সাক্ষাৎকারের শুরুতেই করোনা মহামারির সময় স্বাস্থ্য বিভাগের নীতি ও ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। ভবিষ্যতে সম্ভাব্য কোনো স্বাস্থ্য সংকট বা মহামারি দেখা দিলে কীভাবে তা মোকাবিলা করা হবে সঞ্চালক ড্যানা ব্যাশের এমন প্রশ্নের জবাবে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী নাগরিকেদের সাংবিধানিক অধিকার সুরক্ষার ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, গত মহামারির সময় সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার ও বাকস্বাধীনতা ক্ষুণ্ন করাটাই ছিল তৎকালীন প্রশাসনের সবচেয়ে বড় ভুল।   জবাবে সঞ্চালক ব্যাশ দাবি করেন যে তিনি জনস্বাস্থ্য সংকট মোকাবিলা নিয়ে প্রশ্ন করছেন, কোনো রাজনৈতিক অধিকার নিয়ে নয়। এতে ক্ষুব্ধ হয়ে কেনেডি সরাসরি ব্যাশকে লক্ষ্য করে বলেন, তৎকালীন সংকটে মূল সমস্যার একটি বড় অংশ ছিল সিএনএনসহ মূলধারার গণমাধ্যমগুলো। কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তীব্রভাবে প্রশ্নের মুখোমুখি করাই সাংবাদিকতার প্রধান কাজ, কিন্তু আপনারা সেটি না করে সরকারের বক্তব্য প্রচার করেছেন, যা সরাসরি সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন।   সিএনএন সঞ্চালক ড্যানা ব্যাশ তখন দাবি করেন যে করোনা টিকা কার্যকর ছিল এবং এটি একটি প্রমাণিত সত্য। তিনি অভিযোগ করেন, টিকা নিয়ে ভুল তথ্যের কারণে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত এক থেকে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে কেনেডি বিষয়টিকে ভিত্তিহীন দাবি করেন এবং ব্যাশকে একটিমাত্র নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণার প্রমাণ উপস্থিত করতে চ্যালেঞ্জ জানান।   আলোচনার একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব নিয়ে কথা ওঠে। কেনেডি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে অন্যান্য দেশের তুলনায় এই প্রাদুর্ভাব মোকাবিলায় অনেক ভালো কাজ করছে। তবে বিগত মহামারির কারণে নিয়মিত টিকাদান ব্যাহত হওয়া এবং কিছু ধর্মীয় গোষ্ঠীর টিকা নিতে অস্বীকৃতি জানানোকে তিনি নতুন করে হাম বিস্তারের কারণ হিসেবে উল্লেখ করেন। সঞ্চালকের বিশেষ অনুরোধে তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে অভিভাবকদের উদ্দেশে বিদ্যালয় খোলার আগে শিশুদের প্রয়োজনীয় হামের টিকা দেওয়ার আহ্বান জানান।   পরবর্তীতে অটিজম এবং টিকার সম্ভাব্য সম্পর্কের বিষযটি আলোচনায় আসে। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে কেনেডি জানান, ট্রাম্প প্রশাসন অটিজমের মূল কারণ অনুসন্ধানে টিকা ও এর উপাদানের সংযোগ নিয়ে গভীর গবেষণা চালাতে চায়। কেনেডি দাবি করেন, এই বিষয়টি নিয়ে এ পর্যন্ত পর্যাপ্ত নিরপেক্ষ বৈজ্ঞানিক গবেষণা হয়নি। তিনি ব্যাশকে মূলধারার নির্দিষ্ট কিছু যুক্তি তোতাপাখির মতো বারবার পুনরাবৃত্তি করছেন বলে তীব্র কটাক্ষ করেন।   প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে চলা এই উত্তপ্ত সাক্ষাৎকার শেষে সঞ্চালক ড্যানা ব্যাশ আলোচনার বিতর্কিত রূপ নিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করেন। তবে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরাই তাদের প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে গণমাধ্যমের নিষ্ক্রিয়তা ও বস্তুনিষ্ঠতার অভাবকে স্বাস্থ্য সংকটের পেছনে অন্যতম কারণ বলে নিজের অবস্থানে অনড় থাকেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী।

প্রকাশ : আগস্ট ২, ২০২৬ ২২:৪৫