সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
কোনো অপরাধের রেকর্ড নেই, তবুও আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল জার্মানি
কোনো অপরাধের রেকর্ড নেই, তবুও আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল জার্মানি

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে যাওয়ার পর এই প্রথম কোনো অপরাধের রেকর্ড না থাকা সত্ত্বেও এক আফগান নাগরিককে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠিয়েছে জার্মানি। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবারের ওই ফ্লাইটে মোট ৩১ জন আফগান নাগরিককে ফেরত পাঠানো হয়, যাদের মধ্যে কেবল ওই একজনের কোনো অপরাধের রেকর্ড ছিল না। বাকি ৩০ জনেরই অতীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে।   স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিন্ডট জানান, ওই আফগান নাগরিক জার্মানিতে তার আশ্রয়ের আবেদন (অ্যাসাইলাম ক্লেইম) নাকচ হওয়ার পর আইনগতভাবে ডিপোর্টেশনের আওতাভুক্ত হয়ে পড়েন। আশ্রয়ের সুযোগ হারিয়ে তিনি ইউরোপের অন্য একটি দেশে অবৈধভাবে বসবাসের চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানে ধরা পড়ার পর তাকে পুনরায় জার্মানিতে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত জার্মানি থেকে তাকে সরাসরি আফগানিস্তানে ডিপোর্ট করা হয়।   ২০২১ সালে তালেবানদের প্রত্যাবর্তনের পর থেকে আফগানিস্তানে ডিপোর্টেশন প্রক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত বিতর্কিত একটি বিষয়। ফেরত যাওয়া ব্যক্তিদের মানবাধিকার ও সার্বিক নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ রয়েছে। তারপরও ২০২৪ সালে নতুন করে আফগান নাগরিকদের ফেরত পাঠানো শুরু করে জার্মানি এবং এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষকে ডিপোর্ট করেছে বার্লিন।   মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, জার্মানি থেকে ফেরত পাঠানো এসব আফগান নাগরিকের মধ্যে অন্তত একজনকে এরই মধ্যে হত্যার শিকার হতে হয়েছে, যা এই ডিপোর্টেশন প্রক্রিয়ার ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ দিকটিকে আরও প্রকট করে তুলেছে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৮:২৯
নিউইয়র্কে শহীদ ডিটেকটিভ দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধায় স্মরণ করলেন মেয়র মামদানিসহ সবাই
নিউইয়র্কে শহীদ ডিটেকটিভ দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধায় স্মরণ করলেন মেয়র মামদানিসহ সবাই

নিউইয়র্কে কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ, দিদারুল ইসলামের পরিবারের সদস্য, সহকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।    স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, দিদারুল ইসলাম নিজের জীবনের বিনিময়ে অন্যদের রক্ষা করতে গিয়ে সর্বোচ্চ আত্মত্যাগের নজির স্থাপন করেছেন। মেয়র জোহরান মামদানি তাঁকে স্মরণ করে বলেন, দিদারুল ইসলাম যেভাবে জীবন কাটিয়েছেন, ঠিক সেভাবেই তিনি অন্যের সেবায় নিয়োজিত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি তাঁর সাহস, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠাকে নিউইয়র্ক সিটির জন্য এক স্থায়ী অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।    ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে এক বন্দুকধারীর হামলায় দিদারুল ইসলাম নিহত হন। সে সময় তিনি ভবনটিতে নিরাপত্তা দায়িত্ব পালন করছিলেন। হামলায় তিনি ছাড়াও আরও তিনজন নিহত হন। পরে হামলাকারী ভবনের ভেতরেই আত্মহত্যা করে। ওই ঘটনার পর এনওয়াইপিডি দিদারুল ইসলামকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেয় এবং তাঁর বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিভাগের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি ‘মেডেল অব অনার’ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।    বাংলাদেশে জন্ম নেওয়া দিদারুল ইসলাম যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর প্রথমে স্কুল সেফটি এজেন্ট হিসেবে কাজ করেন। পরে এনওয়াইপিডিতে যোগ দিয়ে ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করেন। সহকর্মীদের কাছে তিনি একজন বিনয়ী, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৬ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।    দিদারুল ইসলামের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ চলতি মাসে ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় তাঁর বসবাসের এলাকার একটি সড়কের নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’। এছাড়া তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ‘দিদারুল ইসলাম পুলিশ রিক্রুটমেন্ট অ্যাক্ট’ নামে একটি আইন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই আইনের লক্ষ্য স্কুল সেফটি এজেন্টসহ জননিরাপত্তা খাতে কর্মরত ব্যক্তিদের এনওয়াইপিডিতে যোগদানে উৎসাহিত করা এবং তাঁদের পূর্ববর্তী সরকারি চাকরির অভিজ্ঞতাকে পেনশন সুবিধার আওতায় আনা।    প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এই স্মরণানুষ্ঠান শুধু একজন পুলিশ কর্মকর্তার আত্মত্যাগকে স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদান, জননিরাপত্তায় নিবেদন এবং একজন অভিবাসীর সাহসিকতাকে নতুন করে সম্মান জানানোর একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৮:১৭
৮৪ লাখ ডলার বেতনের স্বপ্নের শীর্ষ পদে বসার মাত্র তিন সপ্তাহের মাথায় আকস্মিক মৃত্যু ব্রায়ান ম্যালয়ের
৮৪ লাখ ডলার বেতনের স্বপ্নের শীর্ষ পদে বসার মাত্র তিন সপ্তাহের মাথায় আকস্মিক মৃত্যু ব্রায়ান ম্যালয়ের

ফিলাডেলফিয়াভিত্তিক ৩ বিলিয়ন ডলারের ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান কার্পেন্টার টেকনোলজি কর্পোরেশনের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান ম্যালয় (৫৯) আকস্মিকভাবে মারা গেছেন। ৮৪ লাখ ডলারের এই শীর্ষ পদে দায়িত্ব গ্রহণের মাত্র তিন সপ্তাহের মাথায় গত শুক্রবার তিনি 'হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে' মৃত্যুবরণ করেন বলে সোমবার কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে মহাকাশ, চিকিৎসাবিজ্ঞান ও সামরিক শিল্পের জন্য স্টেইনলেস স্টিল অ্যালয় তৈরি করা এই কোম্পানির তরফ থেকে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি।   গত ১ জুলাই পূর্বসূরি টনি থেনের স্থলাভিষিক্ত হয়ে সিইও পদে বসেছিলেন ম্যালয়। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন এবং সে সময় তাঁর বার্ষিক আয় ছিল ২৭ লাখ ডলার। সিইও পদে তাঁর পূর্বসূরি টনি থেনের বেতন ও শেয়ার মিলিয়ে আয় ছিল ৮৪ লাখ ডলার। আগামী বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সামনে কোম্পানির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন পেশ করার কথা ছিল ম্যালয়ের। কোম্পানি জানিয়েছে, ওই সম্মেলনটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তবে ম্যালয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সোমবার শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দর প্রায় ৪.৬ শতাংশ কমে যায়।   ম্যালয়ের এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করে কোম্পানির পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, গত এক দশক ধরে কার্পেন্টার টেকনোলজিতে ব্রায়ানের অবদান ছিল অনস্বীকার্য। তিনি ছিলেন একজন অত্যন্ত সম্মানিত নেতা, যিনি কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্য, কর্মদক্ষতা ও পরিচালনার উৎকর্ষের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তাঁর মৃত্যুতে পূর্ববর্তী সিইও টনি থেনে, যিনি ২০১৫ সাল থেকে কোম্পানিটির নেতৃত্ব দিয়ে আসছিলেন, তাৎক্ষণিকভাবে পুনরায় নিজের পুরোনো পদে ফিরে এসেছেন। ২০১৫ সালে এই কোম্পানিতে যোগ দেওয়া ম্যালয় মৃত্যুকালে স্ত্রী লুইজা এবং তিন সন্তান রেখে গেছেন। উল্লেখ্য, ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত কার্পেন্টার টেকনোলজি কর্পোরেশনে বর্তমানে সাড়ে চার হাজারেরও বেশি কর্মী কর্মরত আছেন।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৮:৬
কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে ২,৬০০ কর্মী ছাঁটাই করছে বিশ্বের শীর্ষ পেমেন্ট নেটওয়ার্ক কোম্পানি ভিসা
কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে ২,৬০০ কর্মী ছাঁটাই করছে বিশ্বের শীর্ষ পেমেন্ট নেটওয়ার্ক কোম্পানি ভিসা

বিশ্বের বৃহত্তম পেমেন্ট নেটওয়ার্ক কোম্পানি ভিসা তাদের প্রযুক্তি ও পণ্য বিভাগে বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে। কাজের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বাড়াতে প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের প্রায় ৭ শতাংশ বা ২ হাজার ৬০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান ম্যাকইনারনি কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে এই কর্মী সংকোচনের কথা জানিয়েছেন।   তিনি ওই মেমোতে উল্লেখ করেছেন, সামনের নতুন সুযোগগুলো কাজে লাগাতে এবং বর্তমান রূপান্তরের যুগে ভিসার নেতৃত্ব ধরে রাখতে কাজের ধরনে পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিসার কাজের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত ও আধুনিক করতে ব্যাপকভাবে সাহায্য করছে।   অবশ্য সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই একটি বড় প্রভাবক হিসেবে কাজ করলেও এটিই একমাত্র কারণ নয়। মূলত গত কয়েক বছরের ব্যাপক নিয়োগের পর বর্তমানে আর্থিক ও প্রযুক্তি খাতজুড়ে যে ব্যয় সংকোচনের প্রবণতা চলছে, এটি তারই অংশ। পাশাপাশি, ভিসা এখন এমন কিছু লাভজনক খাতে বিনিয়োগ বাড়াতে চাইছে, যেগুলোকে তারা ভবিষ্যতের প্রবৃদ্ধির চালিকাশক্তি বলে মনে করে।   এর মধ্যে রয়েছে উচ্চবিত্ত গ্রাহক পরিষেবা, ক্রস-বর্ডার বা আন্তঃসীমান্ত লেনদেন, ব্যবসায়িক রেমিট্যান্স এবং ভৌগোলিক সম্প্রসারণ। ম্যাকইনারনি তার মেমোতে আরও জানান, গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সময়োপযোগী কৌশলের কারণে ভিসা বর্তমানে বাণিজ্য জগতে এক দারুণ গতিশীলতার সাথে নতুন যুগে প্রবেশ করেছে।   জানা গেছে, ছাঁটাইয়ের শিকার হতে যাওয়া কর্মীদের সাথে খুব শিগগিরই যোগাযোগ শুরু করবে ভিসা কর্তৃপক্ষ এবং তাদের পরবর্তী কাজের সুযোগ বা ট্রানজিশনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। গত অর্থবছরের শেষে ভিসার মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ৩৪ হাজার ১০০ জন। মঙ্গলবার মার্কিন শেয়ার বাজার বন্ধ হওয়ার পর প্রতিষ্ঠানটির প্রান্তিক আয়ের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে, যেখানে তাদের আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার আরও বিস্তারিত চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৭:৪০
নিউইয়র্কের বাফলোতে এক বাংলাদেশিকে মারধরের অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার
নিউইয়র্কের বাফলোতে এক বাংলাদেশিকে মারধরের অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার

নিউইয়র্ক বাফলোর ইউনিভার্সিটি ডিস্ট্রিক্টে এক বাংলাদেশিকে মারধরের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম বাফলো প্রতিদিন এর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় সেকেন্ড-ডিগ্রি অ্যাসল্ট ও গ্যাং অ্যাসল্ট অভিযোগে মামলা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত আরও দুজনকে শনাক্তের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে বাফলো পুলিশের আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি।   প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) রাতে বাফলোর ইউনিভার্সিটি ডিস্ট্রিক্টের রোজ সুপার মার্কেটের পার্কিং লটে এ ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলাম দাবি করেন, তিনি দুই বন্ধুকে নিয়ে নায়াগ্রা ফলসে যাওয়ার জন্য ১০০ ডলারে একটি রাইডের ব্যবস্থা করেছিলেন। গাড়িতে ওঠার পর রাইড নিয়ে বিরোধ সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।   আরিফুল ইসলামের অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষই পুলিশে ফোন করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। তার দাবি, এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, চশমা ভেঙে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয়।   বাফলো প্রতিদিন-এর তথ্যমতে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন আব্দুল মান্নান তাজু ও জাহাঙ্গীর সম্রাট। এছাড়া গিয়াস উদ্দিন ও মাসুক নামে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, পুলিশ ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের ভূমিকা তদন্ত করছে।   আহত আরিফুল ইসলাম আরও দাবি করেন, তিনি সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করেছেন এবং একজন প্রতিবন্ধী ব্যক্তি। মারধরের ঘটনায় তিনি বুকে, মাথায়, হাতে ও কোমরে আঘাত পেয়েছেন বলে জানান। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় তাকে বিশ্রাম ও থেরাপি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।   স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা জামিন পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।   এদিকে, অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে বাফলো প্রতিদিন জানিয়েছে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৭:৩২
৫ দিন নিখোঁজ থাকার পর আবুধাবি সিআইডির হেফাজতে মিলল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুর খোঁজ
৫ দিন নিখোঁজ থাকার পর আবুধাবি সিআইডির হেফাজতে মিলল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুর খোঁজ

সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে গত পাঁচ দিন ধরে ‘নিখোঁজ’ থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু বর্তমানে দেশটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে রয়েছেন। মীর্জা আদনান নামের ওই কেবিন ক্রুকে ঠিক কী অভিযোগে বা সন্দেহের বশবর্তী হয়ে আটক করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি আমিরাত কর্তৃপক্ষ।   বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও শারজাহ স্টেশনের সূত্রমতে, গত ২২ জুলাই বিজি-১৫১ ফ্লাইট নিয়ে শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মীর্জা আদনান। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে। পরবর্তীতে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য শারজাহ থেকে তাকে আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং বর্তমানে তিনি সেখানেই বন্দি অবস্থায় রয়েছেন।   এ ঘটনা প্রসঙ্গে সোমবার বিমানের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন বলেন, "ওই কেবিন ক্রু একটি ফ্লাইট পরিচালনা করতে সেখানে গিয়েছিলেন এবং ইমিগ্রেশন তাকে আটক করেছে।" আটকের কারণ জানতে চাইলে তিনি জানান, "ইমিগ্রেশন সাধারণত এ ধরনের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করে না। তারা নিজস্ব তদন্ত শেষে তাকে হয়তো ছেড়ে দেবে, নয়তো কোনো অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবে।" তবে এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। অন্যদিকে, বিমানের ফ্লাইট অপারেশনস পরিচালক ক্যাপ্টেন এ কে এম আমিনুল ইসলাম জানান, পুরো বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।   বিমানের শারজাহ স্টেশনের ব্যবস্থাপক জাকির হোসাইন বলেন, "আমি জানতে পেরেছি যে শারজাহ সিআইডি তাকে আটক করে আবুধাবি শাখার কাছে হস্তান্তর করেছে। পরবর্তীতে আবুধাবি পুলিশ বিমানের আবুধাবি স্টেশন ও বাংলাদেশ দূতাবাসের সাথেও যোগাযোগ করেছে এবং দূতাবাস পুরো বিষয়টি অবগত রয়েছে।"   বিমানের আবুধাবি স্টেশনের ব্যবস্থাপক মো. আনোয়ার উল ফিরদাউস জানিয়েছেন, বিমানের কর্মকর্তারা শারজাহ বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইডি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও আটকের সুনির্দিষ্ট কোনো কারণ তারা জানাননি। তারা শুধু বলেছেন, সময় হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বর্তমানে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৭:২৩
কানাডায় শিক্ষার্থীদের কাজের অনুমতি নিয়ে ইমিগ্রেশন দপ্তরের নতুন নির্দেশনা
কানাডায় শিক্ষার্থীদের কাজের অনুমতি নিয়ে ইমিগ্রেশন দপ্তরের নতুন নির্দেশনা

পড়াশোনার পাশাপাশি কাজের পরিকল্পনা থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ একটি আইনি ব্যাখ্যা ও নির্দেশনা জারি করেছে কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)। সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় শিক্ষার্থীর ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি বাতিল হওয়ার পর উদ্ভূত বিভ্রান্তি দূর করতেই এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। কানাডায় উচ্চশিক্ষার জন্য আসা বিদেশি শিক্ষার্থীরা ঠিক কোন কোন শর্ত পূরণ করলে কাজ করার আইনি বৈধতা পাবেন, তা নতুন এই নির্দেশনায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।   নির্দেশনায় আইআরসিসি সুস্পষ্টভাবে জানিয়েছে যে, হাতে শুধু স্টাডি পারমিট থাকলেই কোনো শিক্ষার্থী শর্তহীনভাবে কাজ করার সুযোগ পাবেন না। ক্যাম্পাসের বাইরে কাজ করতে চাইলে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে অবশ্যই কানাডা সরকার অনুমোদিত কোনো 'ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন' (ডিএলআই)-এ পূর্ণকালীন (ফুল-টাইম) শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত থাকতে হবে।   এছাড়া তাদের এমন কোনো একাডেমিক, ভোকেশনাল বা প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামে যুক্ত থাকতে হবে, যার মেয়াদ কমপক্ষে ছয় মাস এবং পড়াশোনা শেষে যা একটি সুনির্দিষ্ট ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান করবে। নির্দেশনায় সবচেয়ে বেশি জোর দিয়ে বলা হয়েছে যে, ক্লাস বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু হওয়ার আগে কোনোভাবেই কোনো বিদেশি শিক্ষার্থী কানাডায় কোনো ধরনের কাজ শুরু করতে পারবেন না।   কানাডা সরকারের এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো স্টুডেন্ট ভিসা প্রোগ্রামের স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীরা যেন পড়াশোনার মূল উদ্দেশ্য থেকে সরে না যান, তা নিশ্চিত করা। ইমিগ্রেশন দপ্তর কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, উল্লেখিত নিয়মগুলোর সামান্যতম লঙ্ঘন হলেও শিক্ষার্থীর স্টাডি পারমিট তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে। একইসঙ্গে ভবিষ্যতে তাদের কানাডায় অবস্থান করা বা ইমিগ্রেশন আবেদনের ক্ষেত্রে বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়তে হবে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে কানাডা সরকার অভিবাসন নীতিতে যেসব কড়াকড়ি আরোপ করছে, এই নির্দেশনা তারই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৬:৫১
এএ ইউএস মর্টগেজের সিইও মাহবুবুর ভূঁইয়া I কোলাজ: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার আগে যেসব ভুল এড়াতে বলছেন এএ ইউএস মর্টগেজের সিইও মাহবুবুর ভূঁইয়া

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা অনেকের জন্য জীবনের অন্যতম বড় বিনিয়োগ। তবে পর্যাপ্ত প্রস্তুতি ও সঠিক পরামর্শের অভাবে অনেক ক্রেতাই এমন কিছু ভুল করেন, যা মর্টগেজ অনুমোদন থেকে শুরু করে ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতা পর্যন্ত নানা সমস্যার কারণ হতে পারে। এএ ইউএস মর্টগেজের সিইও, মর্টগেজ লোন কর্মকর্তা এবং আটলান্টার কমিউনিটি নেতা মাহবুবুর ভূঁইয়া মনে করেন, এসব ভুলের বেশিরভাগই এড়ানো সম্ভব, যদি শুরু থেকেই সঠিক পরিকল্পনা ও পেশাদার পরামর্শ নেওয়া হয়।   ভিডিওতে দেখুনঃ যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার আগে যেসব ভুল এড়াতে বলছেন মাহবুবুর ভূঁইয়া   মাহবুবুর ভূঁইয়া বলেন, বাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব কিংবা আত্মীয়স্বজনের অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া। তার ভাষায়, অনেকেই এমন ব্যক্তির পরামর্শ অনুসরণ করেন, যিনি হয়তো কয়েক বছর আগে বাড়ি কিনেছেন। কিন্তু সেই সময়ের মর্টগেজ নীতিমালা, সুদের হার এবং আবাসন বাজারের বাস্তবতা বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল নাও থাকতে পারে।   তিনি বলেন, একজন অভিজ্ঞ লোন অফিসার বা মর্টগেজ কনসালট্যান্টের সঙ্গে শুরুতেই পরামর্শ করলে একজন ক্রেতা তার আর্থিক অবস্থা, ঋণ গ্রহণের সক্ষমতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পেতে পারেন। এতে পরবর্তী সময়ে অপ্রয়োজনীয় জটিলতার ঝুঁকি অনেকটাই কমে যায়।   নগদ অর্থ ব্যবস্থাপনা নিয়েও সতর্ক করেছেন মাহবুবুর ভূঁইয়া। তিনি বলেন, অনেক ক্রেতা বাড়ি কেনার উদ্দেশ্যে বড় অঙ্কের নগদ অর্থ একসঙ্গে ব্যাংকে জমা দেন। কিন্তু মর্টগেজ প্রক্রিয়ায় অর্থের উৎস যাচাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই কখন, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় অর্থ ব্যাংকে জমা দেওয়া উচিত, সে বিষয়ে আগে থেকেই লোন অফিসারের পরামর্শ নেওয়া জরুরি। এতে আবেদন প্রক্রিয়া আরও সহজ হয় এবং অপ্রত্যাশিত জটিলতা এড়ানো সম্ভব হয়।   বাড়ি কেনার সময় দরকষাকষি বা নেগোশিয়েশনের ক্ষেত্রেও আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন তিনি। তার মতে, অনেক ক্রেতা পছন্দের বাড়ি দেখে বাজেটের সীমা ভুলে যান এবং সামর্থ্যের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু বাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মাসিক আর্থিক সক্ষমতা বিবেচনা করা।   মাহবুবুর ভূঁইয়া বলেন, একজন ক্রেতাকে আগে থেকেই হিসাব করতে হবে তিনি প্রতি মাসে কত ডলার মর্টগেজ পরিশোধ করতে পারবেন। শুধুমাত্র পছন্দের বাড়ি পাওয়ার জন্য অতিরিক্ত আর্থিক চাপ নেওয়া ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে যদি মাসিক কিস্তি পরিশোধ কঠিন হয়ে যায়, তাহলে সেই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে।   তিনি আরও বলেন, বাড়ি কেনা শুধু একটি সম্পত্তি কেনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদি আর্থিক দায়বদ্ধতা। তাই পুরো প্রক্রিয়াজুড়ে অভিজ্ঞ লোন অফিসার, রিয়েল এস্টেট এজেন্ট এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের পরামর্শ নিয়ে এগোনোই সবচেয়ে নিরাপদ ও বিচক্ষণ সিদ্ধান্ত।   যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে সুদের হার, ঋণের শর্ত এবং নীতিমালা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। ফলে অতীতের অভিজ্ঞতার চেয়ে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই একজন হোমবায়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এএ ইউএস মর্টগেজের সিইও মাহবুবুর ভূঁইয়া।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৬:৫২
যুক্তরাষ্ট্রের মেডিকেইড নিয়মের ফাঁদে পড়ে বেহাত হতে পারে পৈতৃক বসতবাড়ি
যুক্তরাষ্ট্রের মেডিকেইড নিয়মের ফাঁদে পড়ে বেহাত হতে পারে পৈতৃক বসতবাড়ি

যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা বা 'মেডিকেইড' সুবিধা গ্রহণকারী প্রবীণদের মৃত্যুর পর তাদের বসতবাড়ি বেহাত হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ২০১২ সালে মারা যাওয়া ফিলোমেন বেনোইট নামের এক নারী প্রায় ৯ বছর ধরে মেডিকেইড সুবিধা নিয়েছিলেন, যার ফলে তার নামে ৪ লাখ ১৫ হাজার ডলারের বেশি সরকারি ব্যয়ের বিল জমেছিল।   ২০১৯ সালে তার স্বামী ক্লারভক্সের মৃত্যুর পর নিউজার্সি কর্তৃপক্ষ তাদের বসতবাড়ির ওপর আইনি অধিকার (লিয়েন) দাবি করে বসে। পরে বাড়িটি ৩ লাখ ২ হাজার ডলারে বিক্রি হলেও দেখা যায়, মেডিকেইডের পাওনা অর্থের পরিমাণ বাড়িটির বিক্রয়মূল্যের চেয়েও এক লাখ ডলারেরও বেশি! মূলত যুক্তরাষ্ট্রের 'মেডিকেইড এস্টেট রিকভারি' নীতির কারণেই দেশটিতে এমন সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।   যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি চিকিৎসা বা নার্সিং হোমের ব্যয় অত্যন্ত চড়া; একটি সাধারণ রুমের বাৎসরিক খরচ ১ লাখ ১৪ হাজার থেকে ১ লাখ ২৯ হাজার ডলার পর্যন্ত হতে পারে। এই বিপুল ব্যয় মেটাতে গিয়ে সাধারণ পরিবারগুলো যখন নিঃস্ব হয়ে পড়ে, তখন মেডিকেইড তাদের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়। তবে সবচেয়ে বড় বিভ্রান্তিটি তৈরি হয় আবেদনের প্রাথমিক পর্যায়ে।   মেডিকেইড সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের সময় আবেদনকারীর নিজের ব্যবহৃত বসতবাড়িটিকে সম্পদের হিসাবে ধরা হয় না। ফলে পরিবারগুলো স্বস্তিতে থাকে এই ভেবে যে তাদের বাড়িটি হয়তো নিরাপদ। কিন্তু ফেডারেল আইন অনুযায়ী, ৫৫ বছর বা তার বেশি বয়সী কোনো সুবিধাভোগীর মৃত্যুর পর রাজ্য সরকারগুলোকে বাধ্য করা হয় ওই ব্যক্তির পেছনে ব্যয় হওয়া দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আদায় করে নিতে।   বাস্তবতায় অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রাপ্তবয়স্ক সন্তানেরা উত্তরাধিকার সূত্রে বাড়িটি পাওয়ার আশায় বছরের পর বছর নিজেদের পকেট থেকে এর রক্ষণাবেক্ষণ বিল বা প্রপার্টি ট্যাক্স পরিশোধ করেন। কিন্তু মৃত্যুর পর যখন 'এস্টেট রিকভারি' বা সম্পত্তি পুনরুদ্ধার নিয়মটি কার্যকর হয়, তখন তাদের চরম স্বপ্নভঙ্গ হয়।   রাটগার্স ইউনিভার্সিটির গবেষক আমান্ডা স্পিশাক-থমাসের মতে, এই রিকভারি নীতির কারণে নিম্ন আয়ের পরিবারগুলো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তাদের সঞ্চিত সম্পদের মূল অংশই হলো এই বসতবাড়ি। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক পরিবারগুলোর ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে পাওয়া সামান্য অর্থও তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে, যা এই আইনি বেড়াজালে আটকে ব্যাহত হচ্ছে।   তবে মেডিকেইডের এই অর্থ আদায়ের নিয়ম একেক রাজ্যে একেক রকম হতে পারে। পিটসবার্গ এলাকার প্রবীণ-আইনজীবী টিম সেচলার জানান, কিছু রাজ্য কেবল 'প্রোবেট' বা সাধারণ আইনি হস্তান্তরের প্রক্রিয়ায় থাকা সম্পদ থেকে তাদের খরচ আদায় করে। কিন্তু নিউজার্সির মতো বেশ কিছু রাজ্য এস্টেট বা সম্পদের অনেক বিস্তৃত সংজ্ঞা ব্যবহার করে, যার ফলে যৌথ মালিকানাধীন সম্পত্তিতেও তারা আইনি ভাগ বসাতে পারে।   ফলে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন দেখা দেওয়ার কয়েক বছর পর পরিবারের সদস্যরা জানতে পারেন যে তাদের সাধের বাড়িটি আর তাদের নেই। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আকস্মিক সংকটের আগেই সঠিক আইনি পরিকল্পনা ও পরামর্শ গ্রহণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৬:১০
সঞ্চয়ের বদলে ভ্রমণকেই বেছে নিচ্ছে জেন-জি
মাসে ১৬০ ডলার জমিয়েই মিলিয়নিয়ার হওয়া সম্ভব, তবু সঞ্চয়ের বদলে ভ্রমণকেই বেছে নিচ্ছে জেন-জি

মাসে মাত্র ১৬০ ডলার বা প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা সঞ্চয় করেই অবসর বয়সে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে তরুণ জেন-জি (Gen Z) প্রজন্মের সামনে। তবে সঞ্চয়ের চেয়ে তারা ছুটি কাটানো ও বিশ্বভ্রমণকেই জীবনের প্রধান অগ্রাধিকার হিসেবে বেছে নিচ্ছেন, যা পরবর্তীতে তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।   বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জে.পি. মরগানের (J.P. Morgan) এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে দেখা যায়, ২৯ বছর বা তার কম বয়সী জেন-জি তরুণদের প্রায় ৪৮ শতাংশই অবসরকালীন সঞ্চয়ের চেয়ে ট্রাভেল করাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।   প্রতিবেদনে উল্লেখ করা হয়, গবেষণায় অংশ নেওয়া চারটি ভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে জেন-জিদের মধ্যেই ঘুরে বেড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি। এর বিপরীতে ৬২ থেকে ৮০ বছর বয়সী 'বেবি বুমার' প্রজন্মের মাত্র ১১ শতাংশ সদস্য ঘুরতে যাওয়ার জন্য সঞ্চয় করাকে অগ্রাধিকার দেন।   জে.পি. মরগান জানিয়েছে, সব কর্মীর জন্যই অবসরকালীন নিরাপত্তা গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হলেও তরুণ কর্মীরা তাদের তাৎক্ষণিক আর্থিক চাহিদাকে আগে রাখছেন। তবে অবসরের সঠিক পরিকল্পনা তৈরিতে নিজেদের প্রতিষ্ঠান বা নিয়োগকর্তাদের কাছ থেকে দিকনির্দেশনা আশা করছেন তরুণরা। বেবি বুমারদের তুলনায় জেন-জিরা তাদের রিটার্নমেন্ট প্ল্যানে প্রতি মাসে কত টাকা দেওয়া উচিত—সে বিষয়ে পরামর্শ পেতে প্রায় ৬০ শতাংশ বেশি আগ্রহী।   বাস্তবতা হলো, সাধারণ আমেরিকানরা অবসরে স্বাচ্ছন্দ্যে চলার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন মনে করেন, তাদের প্রকৃত সঞ্চয় তার চেয়ে অনেক কম। 'শ্রোডার্স' নামের এক আর্থিক প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী, একজন গড় আমেরিকান কর্মী মনে করেন অবসরে তার ১২ লাখ ডলার সঞ্চয় থাকা দরকার, কিন্তু প্রায় অর্ধেক কর্মী মনে করেন অবসরে তাদের ঝুলিতে থাকবে ৫ লাখ ডলারের কম।   ২০৩২ সালে যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থার প্রধান একটি তহবিল খালি হয়ে গেলে অবসরপ্রাপ্তদের প্রাপ্ত ভাতা ২২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা কম বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ার ওপর জোর দিচ্ছেন। হিসাব অনুযায়ী, কোনো ২০ বছর বয়সী তরুণ যদি মাসে মাত্র ১৬০ ডলার করে জমায়, তবে অবসরের বয়সে গিয়ে সে অনায়াসেই ১ মিলিয়নের বেশি বা কোটিপতি হতে পারবে; যা ৪৫ বছর বয়সে শুরু করলে প্রতি মাসে প্রয়োজন হতো ১,৩৯৫ ডলার।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৫:৫২
বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক
আগামী ১০ বছরে টাকার দাম থাকবে না, আরও যা বললেন ইলন মাস্ক

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট মানুষের তুলনায় বেশি পণ্য ও সেবা উৎপাদন করবে। এমন পরিস্থিতিতে অর্থের প্রচলিত গুরুত্ব অনেকটাই কমে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক। দ্য ইকোনমিস্ট-এর একটি পডকাস্টে ভবিষ্যতের অর্থনীতি ও এআই প্রযুক্তি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।   মাস্কের ভাষ্য, এআই-নির্ভর প্রযুক্তি যদি খাবার, বাসস্থান, যাতায়াতসহ মানুষের প্রয়োজনীয় অধিকাংশ সেবা সহজে এবং পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সক্ষম হয়, তাহলে অর্থের বর্তমান ভূমিকা উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে। তার মতে, উৎপাদন ও সেবার প্রাচুর্য তৈরি হলে অর্থনৈতিক ব্যবস্থাও নতুন বাস্তবতার মুখোমুখি হবে।   তিনি আরও দাবি করেন, আগামী পাঁচ বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মিলিত মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে। ভবিষ্যতে মানুষের করা অধিকাংশ কাজ এআই ও রোবট সম্পন্ন করতে পারবে বলেও তার ধারণা। তবে অর্থের পরিবর্তে কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা বিনিময় পদ্ধতি গড়ে উঠতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।   কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুধু ইলন মাস্কেই সীমাবদ্ধ নয়। ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস এবং এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের নেতৃত্বও উন্নত এআইয়ের দ্রুত অগ্রগতি এবং এর সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিভিন্ন সময় সতর্কতা ও পূর্বাভাস দিয়েছেন।   তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, এসব বক্তব্য ভবিষ্যৎ নিয়ে ব্যক্তিগত বিশ্লেষণ ও পূর্বাভাস। কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা দ্রুত বাড়লেও আগামী কয়েক বছরে ঠিক কী ধরনের পরিবর্তন ঘটবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি নীতিমালা, অর্থনৈতিক কাঠামো এবং সমাজের গ্রহণযোগ্যতার ওপরও ভবিষ্যতের বাস্তবতা অনেকাংশে নির্ভর করবে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৫:৩২
সেই এইচ-১বি বন্ধের প্রস্তাব
যে ভিসায় ভর করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হাজারো ভারতীয়, সেই এইচ-১বি বন্ধের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় কাজের পরিকল্পনা থাকলে নতুন এই প্রস্তাবটি সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। মার্কিন সিনেটে রিপাবলিকান সিনেটর টিম শিহি ‘এন্ড এইচ-১বি অ্যাবিউজ অ্যাক্ট’ নামের একটি বিল উত্থাপন করেছেন, যেখানে নতুন এইচ-১বি ভিসা ইস্যু করা তিন বছরের জন্য স্থগিত করাসহ এই কর্মসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এটি এখনও কেবল একটি বিল এবং আইনে পরিণত হয়নি, তবে এটি পাস হলে প্রতি বছর এইচ-১বি ভিসার একটি বিশাল অংশ পাওয়া ভারতীয় পেশাজীবীদের ওপর এর মারাত্মক প্রভাব পড়বে।   মন্টানার এই সিনেটরের মতে, এইচ-১বি কর্মসূচিটি এমন সব বিশেষায়িত পদের জন্য তৈরি করা হয়েছিল, যেখানে আমেরিকান কোম্পানিগুলো পর্যাপ্ত যোগ্য কর্মী পায় না। এটিকে কম খরচের বিদেশি শ্রমিক দিয়ে আমেরিকানদের প্রতিস্থাপনের কাজে ব্যবহার করা উচিত নয়। তার দাবি, এই বিলটি পাস হলে কর্মসূচিটি তার মূল উদ্দেশ্যে ফিরে যাবে, জালিয়াতি কমবে এবং আমেরিকান কর্মীরা অগ্রাধিকার পাবেন। প্রস্তাবিত এই বিলে আগামী তিন বছরের জন্য নতুন এইচ-১বি ভিসা প্রদান পুরোপুরি স্থগিত রাখা এবং প্রতিটি এইচ-১বি পিটিশনের জন্য এক লাখ মার্কিন ডলার ফি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এছাড়া বর্তমান লটারি পদ্ধতির বদলে উচ্চ বেতনের চাকরিতে অগ্রাধিকার দিয়ে একটি বেতনভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে।   পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ, থার্ড-পার্টি স্টাফিং এজেন্সির ব্যবহার এবং যুক্তরাষ্ট্রে কাজের পাশাপাশি স্থায়ী বসবাসের সুযোগ বা 'ডুয়াল ইনটেন্ট' বিধান বাতিলের কথাও উল্লেখ রয়েছে। বিলটিতে এইচ-শ্রেণির ভিসা গ্রহীতাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগ বন্ধ করা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য 'অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং' বা ওপিটি-এর মতো কাজের অনুমতি বাতিল করার মতো কঠোর প্রস্তাব রাখা হয়েছে। বিলটিতে ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত এক লাখ ডলার ফি পুনরায় আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা আগে একটি ফেডারেল আদালত কংগ্রেসের অনুমোদনহীন অবৈধ কর আখ্যা দিয়ে বাতিল করেছিল।   ভারত এই এইচ-১বি কর্মসূচির অন্যতম প্রধান সুবিধাভোগী দেশ। প্রতি বছর হাজার হাজার ভারতীয় প্রকৌশলী, আইটি পেশাজীবী, গবেষক ও স্বাস্থ্যকর্মী এই ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করতে যান। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে এই পেশাজীবীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তিন বছর নতুন ভিসা বন্ধ থাকার পাশাপাশি বিপুল ফি আরোপের কারণে কোম্পানিগুলো স্পন্সরশিপ দিতে নিরুৎসাহিত হতে পারে। এছাড়া পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ বন্ধ হলে এবং পড়াশোনা শেষে শিক্ষার্থীদের কাজের পথ রুদ্ধ হলে ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের আকর্ষণ অনেকটাই কমে যাবে। তবে আপাতত প্রস্তাবটি কেবল মার্কিন সিনেটে উত্থাপিত হয়েছে। এটিকে আইনে পরিণত হতে আইনি প্রক্রিয়ার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তাই বর্তমানে বিদ্যমান নিয়মেই এইচ-১বি ভিসা কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এই মুহূর্তে ভিসা প্রত্যাশীদের তাৎক্ষণিক চিন্তার কোনো কারণ নেই।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৫:২৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডা. অদিতি সাহা অনন্যা
যুক্তরাষ্ট্রের শিকাগোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি নবীন চিকিৎসক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডা. অদিতি সাহা অনন্যা নামের এক বাংলাদেশি তরুণ চিকিৎসক। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে চিকিৎসা পেশার নতুন অধ্যায় শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার এমন করুণ ও অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও গোটা চিকিৎসক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। নিহত অদিতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়; তিনি তার বাবা বাবুল সাহার একমাত্র কন্যাসন্তান ছিলেন।   পারিবারিক ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, ডা. অদিতি সাহা অনন্যা রাজধানীর জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে সফলভাবে এমবিবিএস সম্পন্ন করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে অত্যন্ত প্রতিযোগিতামূলক 'ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন' (USMLE) সফলভাবে সম্পন্ন করে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এই মেধাবী তরুণী।   সবশেষ চলতি বছরের জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি শুরু করেছিলেন ডা. অদিতি। চিকিৎসক হিসেবে নিজের বর্ণিল স্বপ্নযাত্রায় সবেমাত্র পা রেখেছিলেন তিনি, কিন্তু শিকাগোর সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা অকালেই কেড়ে নেয় তার সম্ভাবনাময় জীবন। তার মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে ও প্রবাসে অবস্থানরত সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে একজন মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৫:১৪
উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা দুই শহর এখন এশিয়ায়
উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা দুই শহর এখন এশিয়ায়, শীর্ষে সিউল ও টোকিও

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় ইউরোপকে পেছনে ফেলে শীর্ষ দুটি স্থান দখল করে নিয়েছে এশিয়ার দুই প্রধান নগরী। যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্যবিশ্লেষক সংস্থা ‘কোয়াককোয়ারেলি সাইমন্ডস’ (কিউএস)-এর প্রকাশিত ‘বেস্ট স্টুডেন্ট সিটিজ ২০২৭’ র‌্যাঙ্কিং অনুযায়ী, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের এক নম্বর স্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। আর তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জাপানের রাজধানী টোকিও। বিশ্বের ১৫০টি শহরের ওপর বিশ্ববিদ্যালয়ের মান, শিক্ষার্থীদের বৈচিত্র্য, জীবনযাত্রার মান, নিরাপত্তা, কর্মসংস্থানের সুযোগ ও সাশ্রয়ী খরচের মতো ৬টি মানদণ্ডের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।   শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শহরের এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের মানের ক্ষেত্রে ১০০-তে ১০০ স্কোর করে শীর্ষস্থান নিশ্চিত করেছে সিউল। পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপদ পরিবেশের কারণে শিক্ষার্থীরা এই শহরটিকে অত্যন্ত উচ্চ রেটিং দিয়েছেন। অন্যদিকে, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ ও আবেদনের যোগ্যতার ক্ষেত্রে টোকিও ১০০ স্কোর অর্জন করেছে। পরিচ্ছন্ন রাস্তাঘাট, চমৎকার পরিবহন ব্যবস্থা এবং বিশ্বের প্রধানতম আর্থিক কেন্দ্রগুলোর একটি হওয়ায় পড়ালেখা শেষে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুবিধার জন্য টোকিও শিক্ষার্থীদের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে।   আন্তর্জাতিক শিক্ষাগন্তব্য হিসেবে শীর্ষ ১০টি শহরের মধ্যে ইউরোপের ৬টি শহর স্থান পেলেও সামগ্রিক তালিকায় তিন নম্বরে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন। তবে উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে ঐতিহ্যবাহী শিক্ষাগন্তব্য হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বেশ কিছু শহরের অবস্থান আগের তুলনায় পিছিয়েছে। যুক্তরাষ্ট্রে কেবল বোস্টন (১৮তম) শহরই শীর্ষ ২০-এর মধ্যে জায়গা পেতে সক্ষম হয়েছে। অপরদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শহরগুলোর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে; যেখানে চীনের বেইজিং ১৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে উন্নীত হয়েছে এবং সিঙ্গাপুর, তাইপে ও কুয়ালালামপুরের অবস্থানও আগের চেয়ে বেশ মজবুত হয়েছে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৪:৫৭
আফ্রিকার ২৫ শহরে ভিসা সেবা বন্ধ করছে যুক্তরাষ্ট্র
২৫ শহরে বন্ধ মার্কিন ভিসা সেবা, আবেদনকারীদের ভরসা এখন আঞ্চলিক হাব

আফ্রিকা মহাদেশজুড়ে নিজেদের ভিসা ও কনস্যুলার কার্যক্রম সুসংহত করতে এক বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট থেকে মহাদেশটির ২৫টি মার্কিন কূটনৈতিক মিশনে সব ধরনের সাধারণ ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে নির্দিষ্ট ২০টি আঞ্চলিক হাবের মাধ্যমে ভিসা পরিষেবা পরিচালনা করা হবে। নিরাপত্তা স্ক্রিনিং ব্যবস্থা জোরদার এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই পদক্ষপ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অবশ্য কোনো দূতাবাস বা কনস্যুলেট পুরোপুরি বন্ধ করা হচ্ছে না, কেবল স্থানীয় পর্যায়ে সাধারণ ভিসা দেওয়ার সেবাটি বন্ধ থাকবে।   নতুন এই ব্যবস্থার অধীনে নাইজেরিয়ার আবুজারা, মাদাগাস্কারের আন্তানানারিভো, জিম্বাবুয়ের হারারে, অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও চাদের এনজামেনাসহ ২৫টি শহরের মার্কিন মিশনে আর কোনো সাধারণ অভিবাসী ও অ-অভিবাসী ভিসা আবেদন গ্রহণ করা হবে না। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর আবেদনকারীদের এখন থেকে ভিসা সংক্রান্ত সাক্ষাৎকার ও অন্যান্য কার্যক্রমের জন্য অন্য দেশের নির্ধারিত হাবগুলোতে যেতে হবে। ডাকার, আক্রা, আদ্দিস আবাবা, কেপটাউন, জোহানেসবার্গ, লাগোস ও নাইরোবির মতো ২০টি গুরুত্বপূর্ণ শহরের কেন্দ্রগুলোকে ভিসা কার্যক্রমের নতুন হাব হিসেবে নির্বাচন করা হয়েছে।   মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা জোরদার করা, সরকারি অপচয় হ্রাস এবং মার্কিন নাগরিকদের স্বার্থ প্রথম স্থানে রেখে কাজ করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারই অংশ হিসেবে এই পুনর্গঠন। নির্দিষ্ট কয়েকটি আঞ্চলিক হাবে কার্যক্রম কেন্দ্রীভূত করার মাধ্যমে ভিসা প্রদানের মান ও প্রাথমিক যাচাই-বাছাই ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করছে ওয়াশিংটন। তবে এই নতুন ব্যবস্থার কারণে আফ্রিকান আবেদনকারীদের ওপর ভ্রমণ খরচ ও প্রক্রিয়াগত জটিলতার বাড়তি বোঝা চাপবে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৪:৪৪
কানাডায় মার্কিন কনস্যুলেটে আবারও বন্দুক হামলা, তদন্তে টরন্টো পুলিশ
কানাডায় মার্কিন কনস্যুলেটে আবারও বন্দুক হামলা, তদন্তে টরন্টো পুলিশ

চলতি বছরে দ্বিতীয়বারের মতো কানাডার টরন্টোয় অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৫টার দিকে কনস্যুলেট ভবনের বাইরে পাহারারত এক নিরাপত্তা কর্মকর্তা গুলির শব্দ শুনতে পান। এরপরই লাইসেন্স প্লেটবিহীন একটি সাদা গাড়িকে দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং ভবনের বাইরের দেওয়ালে আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনার সময় কঠোর নিরাপত্তাবেষ্টিত এই ভবনের ভেতরে অন্তত দুজন কর্মী উপস্থিত থাকলেও পুরু দেওয়ালের কারণে তারা গুলির কোনো শব্দ শুনতে পাননি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।   টরন্টো পুলিশের উপপ্রধান ফ্র্যাঙ্ক বারেডো জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের ধরতে শহরজুড়ে পুলিশি সতর্কতা বাড়ানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ দ্রুতগতিতে পালিয়ে যাওয়া গাড়িটির পিছু নিলেও জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে পরে ধাওয়া বন্ধ করে দেয়। টরন্টোর মেয়র অলিভিয়া চাও এই হামলাকে 'দুঃসাহসী' আখ্যা দিয়ে অপরাধীদের দ্রুত খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে এই তদন্তকাজে টরন্টো পুলিশকে সহায়তা করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা।   এর আগে গত মার্চ মাসেও একই কনস্যুলেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল, যেটিকে পুলিশ ‘জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা’ হিসেবে উল্লেখ করেছিল। সেই ঘটনার তদন্তে অভিযান চালাতে গিয়ে গত জুনে পুলিশ কর্মকর্তা মার্ক পিনিজোট্টো নিহত হন। পরবর্তীতে ১৮ ও ১৯ বছর বয়সী কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের ধারণা, কনস্যুলেটে হামলার এই ঘটনাগুলো মূলত ভাড়াটে বন্দুকধারীদের একটি বৃহত্তর চক্রের কাজ। এদিকে, গত রবিবার টরন্টোয় ইহুদি মালিকানাধীন দুটি বেকারিতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত একটিতে গুলি চালানো হয়। সোমবার পুলিশ জানিয়েছে, আপাতত কনস্যুলেট ও বেকারিতে হামলার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি, তবে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।   সাম্প্রতিক এসব সহিংসতা ও হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এই ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত মে মাসে উত্তর আমেরিকা ও ইউরোপে ইহুদি প্রতিষ্ঠান এবং টরন্টোর মার্কিন কনস্যুলেটসহ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি (৩২) নামের এক ইরাকি নাগরিককে গ্রেপ্তার করেছিল মার্কিন কর্মকর্তারা। তবে সর্বশেষ এই কনস্যুলেট হামলার সঙ্গে তার বা তার চক্রের কোনো সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৪:২৬
মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মীর প্রাণহানি
মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মীর প্রাণহানি

গত পাঁচ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী নিহত হয়েছেন। সম্প্রতি দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত এসব সরকারি কর্মচারীদের পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সময় তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন এবং দেশ সেবায় তাদের এই চরম আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।   নিহতদের মধ্যে দেশের জরুরি ও মৌলিক পরিষেবাগুলো সচল রাখতে গিয়ে প্রাণ হারানো নানা পেশার মানুষ রয়েছেন। ফাতেমেহ মোহাজেরানি তার বক্তব্যে বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন হরমোজগান প্রদেশে জনগণের টেলিযোগাযোগ ব্যবস্থা সচল রাখার দায়িত্বে থাকা বিটিএস টাওয়ারের প্রকৌশলীদের কথা। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে গিয়ে নিহত লাইনম্যান এবং চরম সংকটময় মুহূর্তে সেবাদানকারী নিবেদিতপ্রাণ চিকিৎসক ও নার্সদের কথাও তিনি গভীর শোকের সঙ্গে উল্লেখ করেন। যুদ্ধের এই কঠিন সময়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে তারা দেশের জন্য নিজেদের দায়িত্ব পালন করে গেছেন।   সরকারি এই মুখপাত্র আরও উল্লেখ করেন যে, প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো ও নিহতদের স্মরণ করা মূলত তাদের আত্মত্যাগের প্রতি গোটা জাতির সম্মান প্রদর্শনেরই একটি অংশ। তিনি জোর দিয়ে বলেন, দেশের সেবায় জীবন উৎসর্গকারী এই বীর সন্তানদের অতুলনীয় প্রচেষ্টার কাছে গোটা জাতি আজীবন ঋণী থাকবে এবং ইরান তাদের এই মহান আত্মত্যাগের কথা সর্বদা পরম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৪:৬
যুক্তরাষ্ট্রে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে প্রায় অর্ধেক আমেরিকান
যুক্তরাষ্ট্রে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে প্রায় অর্ধেক আমেরিকান, জরিপে চাঞ্চল্যকর তথ্য

গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন দেশটির প্রায় অর্ধেক নাগরিক।   সম্প্রতি প্রকাশিত এক জরিপের ফলাফলে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সাধারণ আমেরিকানদের পাশাপাশি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি উল্লেখযোগ্য অংশও এই দাবির পক্ষে সায় দিয়েছেন।   প্রকাশিত জরিপের তথ্যানুযায়ী, ট্রাম্পকে ভোট দেওয়া নাগরিকদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত।   অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জোর দিয়ে বলেছেন, মার্কিন ভূখণ্ডে গাজা যুদ্ধের কোনো অভিযোগ তুলে নেতানিয়াহুকে কখনোই গ্রেপ্তার করতে দেওয়া হবে না।   উল্লেখ্য, গাজা সংঘাত তীব্র হওয়ার পর বিগত এক বছরে নেতানিয়াহু বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন।   মার্কিন প্রশাসনের নীতি ও রাজনৈতিক আশ্বাস সত্ত্বেও সাধারণ আমেরিকান এবং ট্রাম্প সমর্থকদের এক বড় অংশের মাঝে নেতানিয়াহুর গ্রেপ্তার নিয়ে এমন মনোভাব আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৩:৫১
আশরাফ উদ্দিন আকন্দ শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক
‘নিশি রাতে পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’, বিএনপি নেতার বিরুদ্ধে নারীর অভিযোগ

নরসিংদীর শিবপুরে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে মধ্যরাতে পুকুরপাড়ে ডাকার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আশরাফ উদ্দিন আকন্দ শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সম্প্রতি ভুক্তভোগী ওই নারীর অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগীর দাবি, ফ্যামিলি কার্ড করে দেওয়ার শর্ত হিসেবে তাকে এই কুপ্রস্তাব দেওয়া হয়। এর আগেও অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন সরকারি সুবিধা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।   অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও চক্রান্ত বলে দাবি করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ উদ্দিন আকন্দ। তার ভাষ্যমতে, সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দলেরই একটি প্রতিপক্ষ ওই নারীকে ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি জানান, প্রায় পাঁচ মাস আগে পা ভেঙে যাওয়ায় তিনি এখনও পুরোপুরি সুস্থ নন; তাই মধ্যরাতে পুকুরপাড়ে যাওয়ার অভিযোগটি একেবারেই অবান্তর। এছাড়া গত ঈদে ওই নারীকে জাকাতের কাপড় ও চালের স্লিপ দিতে না পারার ক্ষোভ থেকে এই মিথ্যা নাটক সাজানো হতে পারে বলেও তিনি দাবি করেন।   পুরো ঘটনাটি নিয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে এবং অভিযুক্ত আশরাফ উদ্দিনও যোগাযোগ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে দল থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি এটি যদি নিছক চক্রান্ত প্রমাণিত হয়, তবে সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৩:৩৮
জেফরি এপস্টিন ও তার প্রেমিকা
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য বেলারুশীয় প্রেমিকার ভুয়া সমকামী বিয়ের ব্যবস্থা করেছিলেন জেফরি এপস্টিন

বেলারুশীয় ডেন্টিস্ট প্রেমিকাকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে রাখার জন্য এক অভিনব ও প্রতারণামূলক পথ বেছে নিয়েছিলেন প্রয়াত মার্কিন ধনকুবের জেফরি এপস্টিন। স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রেমিকাকে নির্বাসন (ডিপোর্টেশন) থেকে বাঁচাতে তিনি এক ভুয়া সমকামী বিয়ের আয়োজন করেছিলেন। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ (ডিওজে) কর্তৃক প্রকাশিত বেশ কিছু গোপন ইমেইল এবং 'নিউ ইয়র্ক টাইমস'-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।   জানা গেছে, এপস্টিনের ওই প্রেমিকার নাম কারিনা শুলিয়াক (৩৭)। ২০১০ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে ২০১২ সালে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ডেন্টিস্ট্রিতে ভর্তির আবেদন করার সময় তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ২০১৩ সালের মার্চ মাসে শুলিয়াককে পাঠানো এক ইমেইলে এপস্টিন লেখেন, "আমার মনে হয় এখন তোমার একজন আমেরিকান প্রেমিকা খুঁজে নেওয়ার সময় এসেছে। গ্রিন কার্ড পাওয়ার সবচেয়ে দ্রুততম উপায় হবে সমকামী বিয়ে।" এরপর এপস্টিন নিজেই তার এক ৩০ বছর বয়সী নারী সহকারীকে শুলিয়াকের সাথে বিয়ের জন্য নির্বাচন করেন। নিউ ইয়র্কে সমকামী বিয়ে বৈধ হওয়ার সুযোগ নিয়ে ২০১৩ সালের ৯ অক্টোবর সিটি ক্লার্ক অফিসে আইনগতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।   বিয়ের পর শুলিয়াকের গ্রিন কার্ডের আবেদন সফলভাবে প্রক্রিয়াধীন হয় এবং ২০১৮ সালের মে মাসে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। এর ঠিক পরের বছরই ওই নারী সহকারীর সাথে তার বিবাহবিচ্ছেদ ঘটে। 'হাউস কমিটি অন ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম'-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এপস্টিন মূলত তার ওই সহকারীকে এই বিয়েতে বাধ্য করেছিলেন। বিয়ের পর ওই সহকারী যখন জানতে পারেন যে মাত্র কয়েকদিন পরই শুলিয়াকের ডিপোর্টেশন শুনানি হতে যাচ্ছে, তখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। কমিটি এই বিয়েকে নিছক 'প্রতারণামূলক' বলে আখ্যায়িত করেছে। তাদের মতে, কেবল শুলিয়াককে যুক্তরাষ্ট্রে থাকার আইনি বৈধতা দিতেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে কমিটি তার নাগরিকত্ব বাতিলের কোনো সুপারিশ করেনি।   কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ২০১৫ সালে স্নাতক সম্পন্ন করা শুলিয়াক ছিলেন এপস্টিনের জীবনের শেষ প্রেমিকা। ২০১৯ সালে জেলের ভেতর আত্মহত্যার মাত্র দু'দিন আগে সই করা উইলে এপস্টিন তার এই প্রেমিকাকে ১০০ মিলিয়ন ডলার, ৩২ ক্যারেটের একটি আংটি এবং প্যারিস ও পাম বিচসহ নিজের বিতর্কিত ‘পেডো আইল্যান্ড’ ও নিউ মেক্সিকোর জোরো র‍্যাঞ্চ লিখে দিয়েছিলেন। ২৮৮ মিলিয়ন ডলারের সেই উইলে শুলিয়াক ছাড়াও গিসলেইন ম্যাক্সওয়েল এবং এপস্টিনের ভাই মার্কের নাম ছিল।   উল্লেখ্য, শুলিয়াকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি, এমনকি তাকে এপস্টিনের ভুক্তভোগী হিসেবেও আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়নি। শুলিয়াকের আইনজীবীর দাবি অনুযায়ী, ম্যানহাটনের জেলে মৃত অবস্থায় উদ্ধারের আগের দিনও এপস্টিন শুলিয়াকের সাথে কথা বলেছিলেন। ফোনে তিনি জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে আনা ফেডারেল যৌন অপরাধের অভিযোগগুলোর নিষ্পত্তি হতে সময় লাগবে এবং তিনি শুলিয়াককে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন।

প্রকাশ : জুলাই ২৮, ২০২৬ ১৩:২১