সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
কোলাজ: আমেরিকা বাংলা
জো বাইডেনের বিশেষ ক্ষমায় যাবজ্জীবন থেকে মুক্তি, এক বছর না পেরোতেই ফের অর্থ পাচার চক্রে জড়ালেন স্মিথ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ ক্ষমায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি আবারও মাদক পাচার এবং অবৈধ অর্থ লেনদেনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছেন। ৫৫ বছর বয়সী ল্যাকেন্টো ব্রায়ান স্মিথ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আদালতে অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই যাত্রায় তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সম্প্রতি মিশিগানের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে তাকে গ্রেপ্তারের পর মামলার নথি উন্মুক্ত করা হয়।   আদালতের নথি অনুযায়ী, ২০০৬ সালে বিপুল পরিমাণ কোকেন পাচার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে জুরি বোর্ড স্মিথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তবে ২০২৫ সালের ১৭ জানুয়ারি, হোয়াইট হাউস ছাড়ার ঠিক কয়েকদিন আগে জো বাইডেন তার সাজা মওকুফ করেন। এরপর একই বছরের জুলাই মাসে কারাগার থেকে মুক্তি পেয়ে ৮ বছরের শর্তসাপেক্ষ মুক্তির (সুপারভাইজড রিলিজ) অধীনে টেক্সাসের হিউস্টনে বসবাস শুরু করেন তিনি। প্রোবেশন অফিসের অনুমতি নিয়েই তিনি সেখানে স্থানান্তরিত হয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   তবে মুক্তির পর নতুন জীবনের সুযোগ পেয়েও তিনি পুরনো পথে হাঁটা শুরু করেন। আইআরএস (IRS) ক্রিমিনাল ইনভেস্টিগেশনের স্পেশাল এজেন্ট জোসেফ ম্যাকের দায়ের করা ৩৩ পৃষ্ঠার অভিযোগে বলা হয়েছে, ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) এক ছদ্মবেশী এজেন্টের ফাঁদে পা দেন স্মিথ। ওই আন্ডারকভার এজেন্ট নিজেকে অর্থ পাচারকারী হিসেবে পরিচয় দিয়েছিলেন।   স্মিথ তাকে জানান, তিনি টেক্সাসে থাকলেও তার মূল ব্যবসা মিশিগানে চলছে। এরপর মিশিগানের মাস্কেগনে থাকা তার এক সহযোগীর মাধ্যমে একটি ওয়ালমার্ট স্টোরের পার্কিং লটে ছদ্মবেশী আরেক নারী এজেন্টের কাছে ৮০ হাজার ডলারের অবৈধ অর্থ হস্তান্তর করেন স্মিথ। পরবর্তীতে এই অর্থ মেক্সিকোর ব্যাংকে পাচার করা হয়। এমনকি স্মিথ ওই এজেন্টের কাছে গর্ব করে বলেছিলেন, গত ২০ বছর আগে তিনি যখন রাস্তায় ছিলেন তখন বেশ বড় মাপের ব্যবসায়ী ছিলেন এবং কারাগারে বসেও সপ্তাহে ২০ কিলোগ্রাম কোকেন পাচার নিয়ন্ত্রণ করতেন।   আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ংকর কর্মকাণ্ড চালানোর মধ্যেই গত ১৬ জুলাই স্মিথ আদালতে তার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ কমানোর আবেদন করেছিলেন। সেখানে তিনি দাবি করেন, তিনি একটি ট্রাকিং কোম্পানি খুলেছেন এবং সমাজের একজন ইতিবাচক ও উৎপাদনশীল সদস্য হিসেবে নতুন জীবন শুরু করেছেন। রাষ্ট্রপতির ক্ষমাকে দ্বিতীয় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি আরও লিখেছিলেন, তিনি আইন মেনে সৎ জীবনযাপন করছেন এবং এই সুযোগকে হেলায় হারাতে চান না। যদিও তার এই আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আদালত, তবে তার আগেই মাদক ও অর্থ পাচারের নতুন অভিযোগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লেন।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৬:৪৩
কানাডার ভিজিটর ভিসা পেতে বিদেশিদের মানতে হবে ৬টি আবশ্যিক শর্ত
কানাডার ভিজিটর ভিসা পেতে বিদেশিদের মানতে হবে ৬টি আবশ্যিক শর্ত

কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ সম্প্রতি বিদেশি নাগরিকদের ভিজিটর বা দর্শনার্থী ভিসা পাওয়ার ক্ষেত্রে ৬টি আবশ্যিক শর্তের কথা স্পষ্টভাবে তুলে ধরেছে। টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নামে পরিচিত এই ভিসার মাধ্যমে মূলত পর্যটন, পরিবার বা বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং স্বল্পমেয়াদী বিভিন্ন কাজের জন্য দেশটিতে প্রবেশের সুযোগ পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা ও অপরাধমূলক রেকর্ডের পাশাপাশি আবেদনকারীর সঙ্গে তার নিজ দেশের সম্পর্ক কতটা দৃঢ় এবং নির্দিষ্ট সময়ে দেশে ফিরে যাওয়ার সদিচ্ছা আছে কি না—সেসব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে।   ভিসা পাওয়ার প্রথম শর্ত অনুযায়ী, ভিসা প্রক্রিয়ার শুরুতে প্রত্যেক আবেদনকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট থাকতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং প্রয়োজনে তা প্রমাণে স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করতে হতে পারে। তৃতীয় শর্তে বলা হয়েছে, কানাডার আইন অনুযায়ী অগ্রহণযোগ্য এমন কোনো অপরাধমূলক বা ইমিগ্রেশন-সংক্রান্ত রেকর্ড থাকলে আবেদনকারী ভিসার জন্য সরাসরি অযোগ্য বলে বিবেচিত হবেন। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্তটি হলো, নিজ দেশের সাথে আবেদনকারীর দৃঢ় সম্পর্ক থাকা। নিজ দেশে আবেদনকারীর চাকরি, স্থাবর সম্পত্তি বা পরিবারের মতো শক্তিশালী কারণগুলো প্রমাণ করে যে, তিনি শুধু নির্দিষ্ট সময়ের জন্যই কানাডা যাচ্ছেন।   চতুর্থ শর্তটির সাথেই ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে পঞ্চম শর্তটি। এখানে আবেদনকারীকে ইমিগ্রেশন অফিসারের কাছে সন্তোষজনকভাবে প্রমাণ করতে হবে যে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি কানাডা ত্যাগ করবেন। এটি আবেদনের অন্যতম সংবেদনশীল দিক, যা প্রতিটি কেস অনুযায়ী ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। সর্বশেষ ও ষষ্ঠ শর্তটি হলো আর্থিক সক্ষমতা। কানাডায় অবস্থানকালীন সম্পূর্ণ খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে থাকতে হবে। ভ্রমণের সময়কাল এবং তিনি কোথায় থাকবেন (হোটেলে নাকি পরিচিত কারও বাসায়), তার ওপর ভিত্তি করে এই অর্থের পরিমাণ পরিবর্তিত হতে পারে।   এই ছয়টি মূল শর্তের বাইরেও অনেক সময় কানাডায় বসবাসরত কোনো আয়োজকের কাছ থেকে আমন্ত্রণপত্র বা ইনভাইটেশন লেটার চাওয়া হতে পারে, যা ভিসা আবেদনকে আরও শক্তিশালী করে। তবে ভিজিটর ভিসার জন্য সুনির্দিষ্ট কোনো আয়ের সীমা বেঁধে দেওয়া হয়নি, তাই আর্থিক সক্ষমতার বিষয়টি ইমিগ্রেশন কর্মকর্তাদের নিজস্ব বিবেচনার ওপরই নির্ভর করে। এদিকে, আরেকটি পৃথক ঘোষণায় কানাডা তাদের 'প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রাম' (PGP)-এর আওতায় নতুন আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, দেশের ইমিগ্রেশন ব্যবস্থাকে টেকসই ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৬:২১
নিহত নারী মেরি কেট গোল্ডিং
১১ মাসের শিশুকে রেখে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, পরে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সে ১১ মাসের শিশুকে বাসায় রেখে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার কয়েক ঘণ্টা পর একটি পার্ক থেকে ওই স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সম্ভাব্য হত্যার পর আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে।   নিহত নারী মেরি কেট গোল্ডিং (৩৪)। তিনি পেনসিলভানিয়ার বাকস কাউন্টির বাসিন্দা ছিলেন এবং কাউন্সিল রক হাই স্কুলের সাবেক শিক্ষার্থী। নিউইয়র্কে টেলিভিশন ও চলচ্চিত্রের সেট ডেকোরেটর হিসেবে কাজ করতেন তিনি।   পুলিশ জানায়, কুইন্সের অ্যাস্টোরিয়ায় নিজেদের বাসা থেকে গোল্ডিংয়ের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার সময় দম্পতির ১১ মাস বয়সী শিশুটিও বাসার ভেতরে ছিল। তবে শিশুটি অক্ষত রয়েছে এবং পরে পরিবারের পরিচিত একজন তাকে নিরাপদ স্থানে নিয়ে যান।   এর কয়েক ঘণ্টা পর কাছের অ্যাস্টোরিয়া পার্কে একটি গাছ থেকে গোল্ডিংয়ের স্বামী জোসেফ আজ্জারেত্তো (৩৩)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, স্ত্রীকে হত্যার পর তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।   আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার আগে দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। মৃত্যুর আগে আজ্জারেত্তো এক আত্মীয় ও এক বন্ধুকে ফোন করে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছিলেন বলেও তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে। তবে এসব তথ্য এখনো পুলিশের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।   মেরি কেট গোল্ডিং নিউইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। পেশাগত জীবনে তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’ ও ‘গুজবাম্পস’-এর সেট ডেকোরেশন বিভাগে কাজ করেছেন। সহকর্মীরা তাকে মেধাবী ও সৃজনশীল পেশাজীবী হিসেবে স্মরণ করেছেন।   পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা হিসেবে তদন্ত করছে। তবে হত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ বা দম্পতির মধ্যে বিরোধের প্রকৃতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটির পূর্ণ চিত্র স্পষ্ট হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৬:১১
মুসলিম মেয়রকে গুয়ানতানামোতে পাঠানোর দাবি, মার্কিন সিনেটরের মন্তব্যে তোলপাড়
মুসলিম মেয়রকে গুয়ানতানামোতে পাঠানোর দাবি, মার্কিন সিনেটরের মন্তব্যে তোলপাড়

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল নিউইয়র্ক সিটির মুসলিম মেয়র জোহরান মামদানিকে নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি মামদানিকে ‘গুণ্ডা’ আখ্যা দিয়ে বলেন, তাকে গ্রেপ্তার করে কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে সামরিক কারাগারে পাঠানো উচিত। এই মন্তব্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রক্ষণশীল ধারার উপস্থাপক বেনি জনসনের এক অনুষ্ঠানে টিউবারভিল দাবি করেন, জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারেন। তবে তিনি তার এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। এর আগেও টিউবারভিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ধ্বংস হওয়া যমজ ভবনের ছবি এবং জোহরান মামদানির একটি ইফতার অনুষ্ঠানের ছবি পাশাপাশি প্রকাশ করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “শত্রু এখন আমাদের ভেতরেই রয়েছে।” এই মন্তব্যকে ঘিরেও ব্যাপক সমালোচনা হয় এবং অনেকেই এটিকে মুসলিমবিদ্বেষী বক্তব্য হিসেবে আখ্যায়িত করেন। জোহরান মামদানি টিউবারভিলের বক্তব্যের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দারিদ্র্য দূর করার পরিবর্তে ঘৃণা ছড়ানো হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর।   মার্কিন সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার টিউবারভিলের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে আক্রমণ নয়, বরং যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতিও অপমানজনক। তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রে অভিবাসন, ধর্ম ও জাতিগত পরিচয় নিয়ে রাজনৈতিক বিভাজন দিন দিন আরও তীব্র হচ্ছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৬:৭
আহত সাংবাদিক
বিক্ষোভ কাভার করতে গিয়ে আহত সাংবাদিক, শরীরে এখনও ৩০টি পেলেট

ভারতের রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি কাভার করতে গিয়ে পেলেটের আঘাতে আহত এক সাংবাদিক জানিয়েছেন, ঘটনার পরও তাঁর শরীরের ভেতরে ৩০টি পেলেট রয়ে গেছে। দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা, চিকিৎসা ব্যয় এবং পেশাগত ক্ষতির কথা উল্লেখ করে তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন।   দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাংবাদিক বিক্ষোভস্থলে দায়িত্ব পালন করার সময় আহত হন। চিকিৎসকেরা তাঁর শরীর থেকে সব পেলেট অপসারণ করতে পারেননি। বর্তমানে শরীরে রয়ে যাওয়া পেলেটের কারণে তিনি নিয়মিত ব্যথা অনুভব করছেন এবং ভবিষ্যতে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সাংবাদিকটি বলেন, “আমার শরীরের ভেতরে এখনও ৩০টি পেলেট রয়েছে। প্রতিদিন ব্যথা নিয়ে বাঁচতে হচ্ছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম।”   তিনি আরও বলেন, ঘটনাটি তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি পেশাগত জীবনেও গুরুতর প্রভাব ফেলেছে। চিকিৎসার ব্যয় বহন করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাই তিনি যথাযথ ক্ষতিপূরণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।   প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় তিনি আহত হন। তবে দিল্লি পুলিশ পেলেট গান ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।   পুলিশের দাবি, তারা ভিড় নিয়ন্ত্রণে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেছে। এদিকে সাংবাদিকের অভিযোগের পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং নাগরিক সমাজের বিভিন্ন অংশ দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৫:৫৪
যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা হতে পারে যে ৫টি অপ্রত্যাশিত কারণে I ছবি: সংগৃহীত
গাঁজা সেবনের স্বীকারোক্তি থেকে মোবাইলের চ্যাট, যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা হতে পারে

আন্তর্জাতিক ভ্রমণকারীদের অনেকের জন্যই যুক্তরাষ্ট্রে প্রবেশ একটি নিয়মিত ঘটনা। তবে একটি বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ইএসটিএ (ESTA) থাকলেই যে দেশটিতে প্রবেশের শতভাগ নিশ্চয়তা মিলবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা বন্দর বা বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। অনেক সময় গুরুতর কোনো অপরাধ বা ইমিগ্রেশন আইনের বড় কোনো লঙ্ঘন না থাকা সত্ত্বেও সাধারণ কিছু ভুলের কারণে যাত্রীদের অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। এর মধ্যে এমন কিছু কাজ রয়েছে, যেগুলোকে ভ্রমণকারীরা সম্পূর্ণ নির্দোষ মনে করলেও মার্কিন ইমিগ্রেশন আইনে তা বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হয়।   যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়ার অন্যতম একটি কারণ হলো 'হোমস্টে' বা বিনামূল্যে থাকার বিনিময়ে গৃহস্থালির কাজে সহায়তা করা। ভ্রমণ খরচ কমাতে অনেকেই স্থানীয় পরিবারের সঙ্গে থাকেন এবং বিনিময়ে তাদের রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা বা পোষা প্রাণী দেখভালের মতো কাজ করে দেন। নগদ অর্থ লেনদেন না হলেও মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা একে ক্ষতিপূরণ বা 'অননুমোদিত কাজ' হিসেবে বিবেচনা করেন। উদাহরণস্বরূপ, ২০২৫ সালে ব্রিটিশ গ্রাফিক আর্টিস্ট রেবেকা বার্ক 'ওয়ার্কঅ্যাওয়ে' নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে এমন একটি সাংস্কৃতিক বিনিময়ে অংশ নিয়ে বিপাকে পড়েন। তাকে কাজের ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে হাতকড়া পরিয়ে ১৯ দিন ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটকে রাখার পর যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়।   অতীতের গাঁজা বা মারিজুয়ানা সেবনের কথা স্বীকার করাও ভ্রমণকারীদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। কানাডা এবং যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্যে বিনোদনের উদ্দেশ্যে গাঁজা সেবন বৈধ হলেও, মার্কিন ফেডারেল ইমিগ্রেশন আইনে এটি সম্পূর্ণ বেআইনি। ভ্রমণকালীন সময়ে গাঁজা বহন না করলেও, অতীতে তা সেবনের কথা স্বীকার করলে 'ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট'-এর ২১২ ধারার অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে। ২০২৪ সালে এক কানাডীয় পর্যটককে ২০১০ সালের একটি জিজ্ঞাসাবাদে গাঁজা সেবনের কথা স্বীকার করার জেরে সম্প্রতি সীমান্ত থেকে ফেরত পাঠানো হয় এবং তার 'নেক্সাস' কার্ডটি বাতিল করে দেওয়া হয়।   ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করলে আইনি কোনো সমস্যা না হওয়ার কথা থাকলেও, ঘন ঘন এবং দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করা সিবিপি কর্মকর্তাদের সন্দেহের কারণ হতে পারে। এক কানাডীয় নারী কয়েক মাসের ব্যবধানে বারবার দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাকে পুনরায় প্রবেশ করতে দেওয়া হয়নি। মূলত, পর্যটকদের নিজেদের দেশে শক্তিশালী শিকড় বা 'স্ট্রং টাইজ' প্রমাণ করতে হয়; অন্যথায় কর্মকর্তারা ধারণা করতে পারেন যে পর্যটক ভিসার আড়ালে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছেন।   এছাড়া পূর্বের কোনো ভিসার আবেদন অমীমাংসিত বা প্রত্যাখ্যাত হয়ে থাকলে সিবিপি কর্মকর্তারা পর্যটক ভিসায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নজরদারি চালিয়ে থাকেন। শুধু তাই নয়, বিমানবন্দরে প্রবেশের সময় সন্দেহ হলে কর্মকর্তারা ভ্রমণকারীর মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করার আইনি ক্ষমতা রাখেন। ডিজিটাল মাধ্যমে যদি এমন কোনো চ্যাট, ইমেইল বা সোশ্যাল মিডিয়া পোস্ট পাওয়া যায় যা দিয়ে চাকরি খোঁজা, দীর্ঘমেয়াদী বাড়িভাড়া, রিমোট জব করা বা স্থায়ী হওয়ার কোনো ইঙ্গিত মেলে, তবে পর্যটককে সাথে সাথেই ফেরত পাঠানো হবে। পর্যটক ভিসায় গিয়ে স্থায়ী হওয়ার এই 'ইমিগ্রেন্ট ইনটেন্ট' বা অভিবাসন অভিপ্রায় ডিজিটাল প্রমাণের মাধ্যমে ধরা পড়লে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা নেমে আসতে পারে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৫:৪৫
কনর রিড ও তার স্ত্রী
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ইন্টারভিউতে ডেকে নিয়ে ব্রিটিশ তরুণকে আটক করল মার্কিন ইমিগ্রেশন

মাত্র ৯ বছর বয়স থেকে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ২৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রিন কার্ডের সাক্ষাৎকার গ্রহণের কথা বলে ডেকে নিয়ে গ্রেপ্তার করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ইমিগ্রেশন অফিসে গত ৩ জুন সাক্ষাৎকার দিতে গিয়ে পরিবারের চোখ ফাঁকি দিয়ে আটক হন কনর রিড নামের ওই তরুণ। প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে তাকে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে এবং যেকোনো সময় তাকে যুক্তরাজ্যে জোরপূর্বক ফেরত পাঠানোর আশঙ্কা করা হচ্ছে।   যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির চ্যাথামে জন্ম নেওয়া কনর রিড ২০০৭ সালে পরিবারের সঙ্গে শিক্ষার্থী ভিসার অধীনে নির্ভরশীল হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি আমেরিকান স্কুলেই পড়াশোনা করেছেন এবং জীবনের সিংহভাগ সময় দেশটিতে কাটালেও মাত্র একবার যুক্তরাজ্যে যান। ২০১১ সালে প্রথমবার তাকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হলেও, বয়সের কারণে তিনি 'ড্যাকা' (DACA) কর্মসূচির আওতায় আইনি সুরক্ষা ও কাজ করার অনুমতি পান। তবে পরবর্তীতে অ্যালকোহল গ্রহণ, মাদকের সরঞ্জাম রাখা এবং পুলিশকে কাজে বাধা দেওয়ার মতো কয়েকটি ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ায় ২২ বছর বয়সে তার ড্যাকা স্ট্যাটাস নবায়নের সুযোগ হাতছাড়া হয়। বর্তমানে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি অনুযায়ী তাকে ‘অপরাধী অবৈধ অভিবাসী’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।   ২০২০ সালে মার্কিন নাগরিক জায়লিনকে বিয়ে করেন কনর। তাদের তিন বছর বয়সী দুটি জমজ সন্তানও রয়েছে। বৈবাহিক সূত্রের ভিত্তিতে স্থায়ী বসবাসের বা ‘গ্রিন কার্ড’ পেতে তিনি আবেদন করেছিলেন। ৩ জুন টাম্পার ইমিগ্রেশন সেন্টারে সাক্ষাৎকার চলাকালেই চারজন আইস কর্মকর্তা তাকে হঠাৎ গ্রেপ্তার করে নিয়ে যান। তাকে প্রথমে পিনেল্যাস কাউন্টি জেলে এবং পরবর্তীতে লুইজিয়ানার একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠায় কর্তৃপক্ষ।   আইস (ICE)-এর এক মুখপাত্র জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নির্দেশনায় গুরুতর ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত অবৈধ অভিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে বহিষ্কার করা হচ্ছে। কনর বর্তমানে এই চূড়ান্ত বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল আবেদনের প্রস্তুতি নিচ্ছেন, তবে এই আইনি লড়াইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে অন্তত ছয় মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৫:২৫
ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন
ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ বাঁচাতে ঘর ছাড়ছেন হাজারো মানুষ

ভয়াবহ দাবানলের কারণে স্পেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চল এবং আভিলা প্রদেশে একাধিক স্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় জাতীয় বেসামরিক সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে উদ্ধার অভিযান, অগ্নিনির্বাপণ কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত এলাকার ব্যবস্থাপনার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মাদ্রিদের পশ্চিমাঞ্চল, ভিলা দেল প্রাদো, সান মার্তিন দে ভালদেইগ্লেসিয়াস, পেলায়োস দে লা প্রেসা এবং আলদেয়া দেল ফ্রেসনোসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত অগ্নিনির্বাপণ কর্মী, সামরিক জরুরি বাহিনী, পানিবাহী উড়োজাহাজ ও উড়ন্তযান মোতায়েন করা হয়েছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরে স্পেনে ইতোমধ্যে এক লাখ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে এবং দাবানলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহের তীব্রতা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা এবং শুষ্ক বনাঞ্চল দক্ষিণ ইউরোপজুড়ে দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।   এদিকে প্রতিবেশী ফ্রান্সেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানেও বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত অগ্নিনির্বাপণ সহায়তা চাওয়া হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, তাপপ্রবাহ অব্যাহত থাকলে ইউরোপের আরও কয়েকটি দেশে দাবানল পরিস্থিতির অবনতি হতে পারে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৪:৫৫
US Releases Official 10-Step Guide to Becoming an American Citizen Through Naturalisation
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে ১০ ধাপের সরকারি নির্দেশনা প্রকাশ, গ্রিন কার্ডধারীদের জন্য যা জানা জরুরি

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আইনি প্রক্রিয়া আরও স্পষ্টভাবে তুলে ধরে ১০ ধাপের একটি নির্দেশনা প্রকাশ করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস। বিশেষ করে  গ্রিন কার্ডধারীদের নাগরিকত্বের আবেদন করার আগে কী কী ধাপ সম্পন্ন করতে হবে, সেই প্রক্রিয়াই এতে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হয়েছে।   ইউএসসিআইএসের নির্দেশনা অনুযায়ী, নাগরিকত্বের আবেদন করার আগে প্রথমেই নিশ্চিত হতে হবে যে আবেদনকারী ইতোমধ্যে কোনোভাবে মার্কিন নাগরিকত্বের অধিকারী কি না। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ না করলেও কিছু ক্ষেত্রে বাবা-মায়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকতে পারে। এমন কোনো সুযোগ না থাকলে আবেদনকারীকে ন্যাচারালাইজেশন বা আইনি প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে।   এরপর আবেদনকারীকে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা যাচাই করতে হবে। সাধারণভাবে আবেদনকারীর বয়স, যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বসবাসের সময়কাল, নির্দিষ্ট সময় ধরে যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে অবস্থান এবং ভালো নৈতিক চরিত্রের মতো বিষয় বিবেচনা করা হয়। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত যোগ্যতার শর্তও প্রযোজ্য হতে পারে।   যোগ্যতা নিশ্চিত করার পর নাগরিকত্বের জন্য ফরম এন-৪০০, অর্থাৎ ন্যাচারালাইজেশনের আবেদনপত্র প্রস্তুত করতে হবে। ইউএসসিআইএসের অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে অনেক আবেদনকারী অনলাইনে এই ফরম জমা দিতে পারেন। আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সহায়ক নথিও প্রস্তুত করতে হয়।   পরবর্তী ধাপে ফরম এন-৪০০ জমা দেওয়া এবং নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হয়। আবেদন গ্রহণের পর ইউএসসিআইএস একটি রসিদ নোটিশ দেয়। অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনকারী নিজের মামলার অগ্রগতি ও আবেদনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন।   কিছু আবেদনকারীর ক্ষেত্রে বায়োমেট্রিকস দেওয়ার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে ইউএসসিআইএস নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান উল্লেখ করে অ্যাপয়েন্টমেন্ট নোটিশ পাঠায়। প্রয়োজন অনুযায়ী আঙুলের ছাপ, ছবি বা স্বাক্ষর সংগ্রহ করা হতে পারে।   বায়োমেট্রিকস ও প্রাথমিক যাচাইয়ের ধাপ শেষ হলে আবেদনকারীকে ইউএসসিআইএসের নির্ধারিত কার্যালয়ে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এই সাক্ষাৎকারে আবেদনপত্রের তথ্য যাচাইয়ের পাশাপাশি নাগরিকত্বের যোগ্যতা এবং প্রযোজ্য ইংরেজি ও নাগরিকত্ব জ্ঞান পরীক্ষার বিষয়গুলোও মূল্যায়ন করা হতে পারে।   সাক্ষাৎকারের পর ইউএসসিআইএস আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত জানায়। আবেদন অনুমোদিত হতে পারে, অতিরিক্ত নথি বা তথ্যের প্রয়োজন হলে সিদ্ধান্ত স্থগিত রাখা হতে পারে, অথবা আবেদনকারী যোগ্য নন বলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে। ইংরেজি বা নাগরিকত্ব পরীক্ষার ক্ষেত্রে প্রথমবার সফল না হলে আইন ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে পুনরায় পরীক্ষার সুযোগ থাকতে পারে।   আবেদন অনুমোদিত হলে পরবর্তী ধাপে আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ বা ওথ অব অ্যালিজিয়েন্স গ্রহণের জন্য ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে অংশ নিতে হয়। কিছু ক্ষেত্রে সাক্ষাৎকারের দিনই শপথ গ্রহণের সুযোগ থাকতে পারে। তা সম্ভব না হলে ইউএসসিআইএস আলাদা নোটিশের মাধ্যমে অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়।   শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদনকারী আইনগতভাবে মার্কিন নাগরিক হিসেবে গণ্য হন না। অনুষ্ঠানে সাধারণত নির্ধারিত ফরমের প্রশ্নমালা পূরণ, ইউএসসিআইএস কর্মকর্তাদের কাছে উপস্থিতি নিশ্চিত করা এবং গ্রিন কার্ড জমা দেওয়ার পর আনুগত্যের শপথ গ্রহণ করতে হয়। এরপর আবেদনকারীকে ন্যাচারালাইজেশনের সনদ দেওয়া হয়।   শপথ গ্রহণের মধ্য দিয়ে নাগরিকত্বের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও নতুন নাগরিকের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকাও এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এর মধ্যে ফেডারেল নির্বাচনে ভোট দেওয়া, জুরি হিসেবে দায়িত্ব পালন এবং যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইন মেনে চলার মতো নাগরিক দায়িত্ব রয়েছে।   ইউএসসিআইএসের নির্দেশনায় বলা হয়েছে, নাগরিকত্বের আবেদনসংক্রান্ত ফরম, নির্দেশনা এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণের সরকারি ব্যবস্থা তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে পাওয়া যায়। তবে নাগরিকত্বের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী ইউএসসিআইএসের সর্বশেষ সরকারি নিয়ম ও নির্দেশনা যাচাই করা গুরুত্বপূর্ণ।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৪:৩৯
ছবি: নিউইয়র্ক পোস্ট
লস অ্যাঞ্জেলেসে বার্ষিক ৩০০ কোটি ডলার খরচের পরও বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা

গৃহহীন সংকট মোকাবিলায় বছরে প্রায় ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলার ব্যয় করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গৃহহীন মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত দুই বছরের টানা হ্রাসের পর ২০২৬ সালের নতুন তথ্য-উপাত্তে এই বিপরীত চিত্র উঠে এসেছে। একাধিক সূত্রের তথ্যমতে, লস অ্যাঞ্জেলেস সিটি ও কাউন্টিতে মোট গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৩.৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে রাস্তাঘাট, ফুটপাত এবং অস্থায়ী তাঁবুতে বসবাসকারী চরম গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৭.৯ শতাংশ।   সংকট নিরসনে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস-এর বিশেষ কর্মসূচি 'ইনসাইড সেফ'-এর পেছনে চলতি বছরই প্রায় ১০ কোটি ডলার বাজেট বরাদ্দ রাখা হয়েছিল, যেখানে প্রতিটি গৃহহীন ব্যক্তির পেছনে শহরের প্রায় ৩৪ হাজার ডলার পর্যন্ত খরচ হচ্ছে। এছাড়া 'প্রজেক্ট হোমকি' ও কাউন্টির ভোটারদের অনুমোদিত 'মেজার এ' সেলস ট্যাক্স থেকে প্রাপ্ত বার্ষিক ১০০ কোটি ডলারসহ সিটি ও কাউন্টি প্রশাসন যৌথভাবে বছরে প্রায় ৩০০ কোটি ডলারের বিশাল তহবিল ব্যবহার করছে।   তবে এই বিপুল অর্থ ব্যয়ের পরও সংকটের গভীরতা বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় অধিকার রক্ষা সংস্থাগুলো। তাদের মতে, প্রশাসনের ব্যর্থতা, সুনির্দিষ্ট রূপরেখার অভাব এবং জবাবদিহিতা না থাকায় বিপুল অর্থ অপচয় হচ্ছে।   অন্যদিকে, এই ব্যর্থতার দায় কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর চাপিয়েছেন মেয়র ক্যারেন বাস। মেয়র কার্যালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি ও মূল্যস্ফীতির কারণে জ্বালানি, নিত্যপণ্য ও বাড়িভাড়া বৃদ্ধি পেয়ে কম আয়ের বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর তহবিল ছাঁটাইয়ের ফলে গৃহহীনদের জন্য রক্ষাকবচ দুর্বল হয়ে গেছে।   তবে আসন্ন মেয়র নির্বাচনের মুখে লস অ্যাঞ্জেলেসে এই পরিসংখ্যান রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মেয়রের প্রধান প্রতিদ্বন্দ্বী ও সিটি কাউন্সিল সদস্য নিথিয়া রমন এই অস্থায়ী আশ্রয় ব্যবস্থার সমালোচনা করলেও, তার নিজস্ব বেশ কয়েকটি উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতার খবরও সম্প্রতি গণমাধ্যমে সামনে এসেছে।   এদিকে অঞ্চলটির গৃহহীন ব্যবস্থাপনা সমন্বয়কারী সংস্থা 'লস অ্যাঞ্জেলেস হোমলেস সার্ভিসেস অথরিটি' (LAHSA)-র পরিচালনা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। সাধারণত বছরের শুরুর দিকে এই প্রতিবেদন প্রকাশিত হলেও, এবার ব্যাপক বিলম্বের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলাফলটি প্রকাশ পেতে যাচ্ছে।   এমনকি চরম অনিয়মের অভিযোগে বর্তমানে সংস্থাটির বেশ কিছু প্রস্তাবিত বরাদ্দ স্থগিত রেখেছে মার্কিন নির্দেশক কর্তৃপক্ষ। সার্বিকভাবে, বিশাল বাজেট সত্ত্বেও লস অ্যাঞ্জেলেসে গৃহহীনদের পুনর্বাসনে ইতিবাচক ফল না আসায় নগর প্রশাসনের সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে এসেছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৪:৩৯
কারাগারে সহবন্দির সঙ্গে সংঘর্ষ, নির্জন কারাবাসে শন ‘ডিডি’ কম্বস
কারাগারে সহবন্দির সঙ্গে সংঘর্ষ, নির্জন কারাবাসে শন ‘ডিডি’ কম্বস

যুক্তরাষ্ট্রের আলোচিত সংগীত তারকা শন ‘ডিডি’ কম্বস কারাগারে এক সহবন্দির সঙ্গে সংঘর্ষের ঘটনায় নির্জন কারাবাসে গেছেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, নিউ জার্সির ফেডারেল কারাগার এফসিআই ফোর্ট ডিক্সে এ ঘটনা ঘটে।    প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী কম্বস বর্তমানে ৫০ মাসের কারাদণ্ড ভোগ করছেন। কারাগারের ভেতরে এক সহবন্দির মন্তব্যকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে কারারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপত্তাজনিত কারণে কম্বসকে নির্জন কারাবাসে পাঠানো হয়।   এবিসি নিউজ আরও জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে অবগত একটি সূত্র সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল কারা ব্যুরো বন্দিদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার নীতির কারণে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।   বিনোদন বিষয়ক সাময়িকী এন্টারটেইনমেন্ট উইকলি জানায়, সংঘর্ষটি অল্প সময়ের মধ্যেই কারারক্ষীরা থামিয়ে দেন। তবে এই ঘটনার কারণে কম্বসের সাজা বা সম্ভাব্য মুক্তির তারিখে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।   শন ‘ডিডি’ কম্বস ২০২৫ সালে পতিতাবৃত্তির উদ্দেশ্যে ব্যক্তিদের পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং ৫০ মাসের কারাদণ্ড পান। তবে যৌন পাচার ও সংঘবদ্ধ অপরাধচক্র পরিচালনার মতো গুরুতর অভিযোগ থেকে তিনি খালাস পান। বর্তমানে তিনি নিউ জার্সির এফসিআই ফোর্ট ডিক্স কারাগারে সাজা ভোগ করছেন।   ঘটনার পর কম্বসের আইনজীবী বা প্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষও নিরাপত্তা ও গোপনীয়তার নীতির কথা উল্লেখ করে বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৪:২৪
Donald Trump listens as Mehmet Oz speaks
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ধাক্কা, গুরুত্বপূর্ণ চার লড়াইয়ে এগিয়ে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। নতুন জরিপের গড় ফলাফলে দেখা গেছে, এপ্রিল মাসে যেখানে রিপাবলিকানরা এগিয়ে ছিল, জুলাইয়ে সেখানে ভোটের সমীকরণ বদলে গেছে।   ভোটহাব (VoteHub)-এর ২১ জুলাই প্রকাশিত সর্বশেষ জরিপ বিশ্লেষণে দেখা যায়, আইওয়া, মিশিগান ও ওহাইওর সিনেট নির্বাচনের পাশাপাশি ওহাইওর গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা এখন গড় হিসেবে এগিয়ে রয়েছেন।   আইওয়ায় রিপাবলিকান অ্যাশলি হিনসনের বিপরীতে ডেমোক্র্যাট প্রার্থী জশ টুরেক এখন সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। এপ্রিলে রিপাবলিকানদের গড়ে ০.৭ শতাংশের লিড থাকলেও জুলাইয়ে ডেমোক্র্যাটদের পক্ষে ০.৫ শতাংশের ব্যবধান তৈরি হয়েছে।   মিশিগানে অবসর নেওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসন ঘিরেও পাল্টেছে পরিস্থিতি। এপ্রিলে রিপাবলিকানদের গড়ে ১.৯ শতাংশ এগিয়ে থাকার চিত্র থাকলেও জুলাইয়ে ডেমোক্র্যাটদের গড় লিড দাঁড়িয়েছে ১.৮ শতাংশ।   ওহাইওর সিনেট নির্বাচনেও রিপাবলিকানদের প্রাথমিক সুবিধা হারিয়ে গেছে। এপ্রিলের গড়ে রিপাবলিকানরা ০.৩ শতাংশ এগিয়ে থাকলেও সর্বশেষ জরিপে ডেমোক্র্যাটরা ০.৯ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছে। একইভাবে ওহাইওর গভর্নর নির্বাচনে এপ্রিলের সামান্য রিপাবলিকান লিড জুলাইয়ে ডেমোক্র্যাটদের ০.৯ শতাংশের গড় ব্যবধানে রূপ নিয়েছে।   তবে জরিপে এগিয়ে থাকলেও বাজিভিত্তিক নির্বাচনী পূর্বাভাস প্লাটফর্মগুলোর মূল্যায়ন ভিন্ন চিত্র দেখাচ্ছে। কালশি ও পলিমার্কেট -এর মতো পূর্বাভাস বাজার এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা বেশি দেখাচ্ছে, বিশেষ করে আইওয়া ও ওহাইওর কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে। অন্যদিকে মিশিগান সিনেট আসনে ডেমোক্র্যাটদের সম্ভাবনাই বেশি বলে মূল্যায়ন করা হয়েছে।   বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ের ভোটের চিত্র খুব বেশি পরিবর্তিত না হলেও অঙ্গরাজ্যভিত্তিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে ভোটারদের মনোভাব বদলাতে শুরু করেছে। ফলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত মিলছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৪:১৮
বাড়ি আছে, কিন্তু মানুষের জন্য নয় আবাসন সংকটে নতুন বিতর্ক যুক্তরাষ্ট্রে
বাড়ি আছে, কিন্তু মানুষের জন্য নয় আবাসন সংকটে নতুন বিতর্ক যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে আবাসন সংকটের মধ্যে বড় করপোরেট প্রতিষ্ঠানের আবাসিক বাড়ির মালিকানা ও ভাড়ার ব্যবসা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য “তারা যত খুশি সম্পত্তি কিনতে পারে, কিন্তু আমাদের ঘরবাড়ি ভাড়ায় দিতে পারবে না” এ বিতর্ককে আরও উসকে দিয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, কংগ্রেসে আলোচিত একটি প্রস্তাবে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একক পরিবারের বসবাসযোগ্য বাড়ি দীর্ঘমেয়াদে ভাড়ার জন্য ধরে রাখার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের বিষয়টি উঠে এসেছে। প্রস্তাবটির সমর্থকদের দাবি, এতে বাজারে আরও বেশি বাড়ি বিক্রির জন্য উন্মুক্ত হবে এবং প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহী সাধারণ পরিবারগুলো উপকৃত হবে।   সাম্প্রতিক বছরগুলোতে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো হাজার হাজার বাড়ি কিনে ভাড়ার ব্যবসা গড়ে তুলেছে। এতে অনেক এলাকায় বাড়ির দাম বেড়েছে এবং মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য নিজস্ব বাড়ি কেনা আরও কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, আবাসন খাতের বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, এ ধরনের কঠোর নিয়ন্ত্রণ নতুন আবাসন নির্মাণে বিনিয়োগ কমিয়ে দিতে পারে। তাদের আশঙ্কা, এতে ভাড়ার জন্য নতুন বাড়ি নির্মাণের গতি কমে গেলে দীর্ঘমেয়াদে ভাড়াটিয়ারাই ক্ষতির মুখে পড়তে পারেন।   যুক্তরাষ্ট্রে উচ্চ সুদের হার, সীমিত আবাসন সরবরাহ এবং বাড়ির মূল্যবৃদ্ধির কারণে আবাসন সংকট বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। এ অবস্থায় করপোরেট মালিকানার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৪:১৮
ভারতীয় গবেষক বদর খান সুরি
ফিলিস্তিনপন্থী বক্তব্যে আটক ভারতীয় গবেষককে ফের বন্দি করতে চেয়েও ব্যর্থ ট্রাম্প প্রশাসন

ফিলিস্তিনপন্থী বক্তব্যের কারণে গত বছর ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক জর্জটাউন ইউনিভার্সিটির ভারতীয় গবেষক বদর খান সুরিকে ফের হেফাজতে নেওয়ার ট্রাম্প প্রশাসনের চেষ্টা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। বৃহস্পতিবার ২-১ ভোটে দেওয়া রায়ে ফোর্থ ইউএস সার্কিট কোর্ট অব আপিলস সুরিকে মুক্ত রাখার নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে। একই সঙ্গে মামলাটি ভার্জিনিয়া থেকে টেক্সাসে স্থানান্তরের সরকারের দাবিও নাকচ করেছে আদালত।   এই রায় শুধু সুরির ব্যক্তিগত মামলার জন্য নয়, ইমিগ্রেশন হেফাজতে থাকা ব্যক্তিরা তাদের আটকাদেশের বৈধতা সরাসরি ফেডারেল আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন কি না, সেই বৃহত্তর আইনি প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই ধরনের মামলায় অন্য দুটি ফেডারেল আপিল আদালত বিপরীত সিদ্ধান্ত দেওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত ইউএস সুপ্রিম কোর্টে নিষ্পত্তির সম্ভাবনাও তৈরি হয়েছে।   ভারতীয় নাগরিক বদর খান সুরি ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটির পোস্টডক্টরাল ফেলো। তিনি একজন মার্কিন নাগরিককে বিয়ে করেছেন। ২০২৫ সালের মার্চে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা ICE তাকে গ্রেপ্তার করে। এরপর প্রায় ছয় সপ্তাহ তাকে টেক্সাসের একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়।   সুরির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তার গ্রেপ্তারের সময় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছিল, পররাষ্ট্রনীতির স্বার্থে তার যুক্তরাষ্ট্রে উপস্থিতি বিরূপ পরিণতি তৈরি করতে পারে বলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্ধারণ করেছিলেন। সরকার তার সোশ্যাল মিডিয়া কার্যক্রম এবং ফিলিস্তিনপন্থী বক্তব্যের বিষয়টিও সামনে এনেছিল।   সুরি ও তার আইনজীবীরা সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে বলেন, ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে তার মতামত প্রকাশ এবং তার ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্ত্রীর পারিবারিক যোগাযোগের কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সরকার অবশ্য তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার বৈধতা দাবি করে আসছে।   ২০২৫ সালের মে মাসে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালত সুরিকে মুক্তির নির্দেশ দেয়। বিচারক তার হেফাজত নিয়ে গুরুতর সাংবিধানিক প্রশ্ন রয়েছে বলে উল্লেখ করেছিলেন। এরপর ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এবং মামলাটি ভার্জিনিয়ার পরিবর্তে টেক্সাসে পরিচালনার পক্ষে অবস্থান নেয়।   ২৩ জুলাই ফোর্থ সার্কিটের তিন বিচারকের প্যানেল ২-১ সিদ্ধান্তে সরকারের আপিল প্রত্যাখ্যান করে। সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা বলেন, সুরির মতো কোনো ননসিটিজেন তার চলমান ইমিগ্রেশন মামলার নিষ্পত্তির অপেক্ষা না করেই হেফাজতের বৈধতা নিয়ে ফেডারেল আদালতের শরণাপন্ন হতে পারেন।   এখানেই মামলাটির গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন সামনে এসেছে, হেবিয়াস কর্পাস। শতাব্দীপ্রাচীন এই আইনি সুরক্ষার মাধ্যমে সরকারি হেফাজতে থাকা কোনো ব্যক্তি আদালতের কাছে জানতে চাইতে পারেন, তাকে আটকে রাখার বৈধ আইনি ভিত্তি রয়েছে কি না।   ফোর্থ সার্কিটের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা বলেছেন, ইমিগ্রেশন মামলা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হেফাজতের বিরুদ্ধে ফেডারেল আদালতে যাওয়ার সুযোগ না থাকলে সেই আইনি সুরক্ষা কার্যত অর্থহীন হয়ে যেতে পারে। কারণ ইমিগ্রেশন মামলা নিষ্পত্তি হতে কয়েক মাস, এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৪:২
কোলাজ: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বিচারকদের গণহারে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন, উদ্বেগ জানাল জাতিসংঘ

যুক্তরাষ্ট্রে শতাধিক ইমিগ্রেশন বিচারককে গণছাঁটাই এবং অবৈধ অভিবাসীদের তড়িঘড়ি করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের গৃহীত এসব সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে এবং অভিবাসীদের ন্যায়বিচার পাওয়ার মৌলিক অধিকারকে চরমভাবে বিঘ্নিত করতে পারে।   ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে শিকাগোসহ দেশজুড়ে অন্তত ১০০ জনেরও বেশি ইমিগ্রেশন বিচারককে পদচ্যুত করা হয়েছে। এছাড়া বহাল থাকা বিচারকদের ওপর বিচার বিভাগ থেকে দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠাতে অভূতপূর্ব চাপ সৃষ্টি করা হচ্ছে।   বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার মার্গারেট স্যাটারথওয়েট এক সাক্ষাৎকারে বলেন, এই পদক্ষেপগুলো কেবল বিচার বিভাগ পুনর্গঠন বা ছোট করার বিষয় নয়, বরং নিরপেক্ষ বিচারকদের সরিয়ে তাদের জায়গায় মূলত 'বহিষ্কার কার্যকর করার বিচারক' বসানোর একটি রাজনৈতিক চেষ্টা।   তিনি জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী যারা নির্যাতন বা বৈষম্যের ভয়ে আশ্রয়ের আবেদন করছেন, তাদের মামলা অবশ্যই একটি স্বাধীন ও নিরপেক্ষ ব্যবস্থার অধীনে শুনানির অধিকার রয়েছে। ট্রাম্প প্রশাসনের এই হস্তক্ষেপ আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের ওপর প্রযোজ্য বাধ্যতামূলক আইনি বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন ঘটাচ্ছে।   এদিকে শিকাগোর সাবেক ইমিগ্রেশন বিচারক কার্লা এস্পিনোজা জানান, বর্তমান বিচারকদের ওপর মামলা দ্রুত শেষ করার জন্য প্রশাসনিক চাপ দিন দিন বাড়ছে। অভিবাসীদের তাদের আইনি লড়াই চালিয়ে যাওয়ার কিংবা মুক্তির আবেদন জানানোর জন্য পর্যাপ্ত সময় পর্যন্ত দেওয়া হচ্ছে না।   জাতিসংঘের পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক ক্ষেত্রে একজন বিচারককে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ১০০ থেকে ২০০টি মামলা নিষ্পত্তি করতে বাধ্য করা হচ্ছে, যা আত্মপক্ষ সমর্থনের সুযোগকে কার্যত অসম্ভব করে তোলে। সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী নাগরিক বা অনাগরিক নির্বিশেষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রত্যেকেরই আইনি সুরক্ষার (ডিউ প্রসেস) অধিকার রয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৩:৫৪
টেক্সাসে ট্রেনের কনটেইনারে ৭ অভিবাসীর মৃত্যু, মানবপাচারের অভিযোগে ইউএস সিটিজেনসহ ১১ জন অভিযুক্ত
টেক্সাসে ট্রেনের কনটেইনারে ৭ অভিবাসীর মৃত্যু, মানবপাচারের অভিযোগে ইউএস সিটিজেনসহ ১১ জন অভিযুক্ত

টেক্সাসে মালবাহী ট্রেনের একটি বন্ধ কনটেইনারে ১৪ বছরের এক শিশুসহ সাত অভিবাসীর মৃত্যুর ঘটনায় ইউএস সিটিজেনসহ ১১ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গ্র্যান্ড জুরি। কয়েক মাস ধরে চলা হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্সের তদন্তের পর চলতি সপ্তাহে টেক্সাসের ডেল রিওতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। শুক্রবার, ২৪ জুলাই এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।   অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্তরা এমন একটি মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন, যারা মেক্সিকো থেকে অবৈধভাবে সীমান্ত পার করানোর পর অভিবাসীদের যুক্তরাষ্ট্রের আরও ভেতরে নিয়ে যেতে মালবাহী ট্রেন ব্যবহার করত। বিচার বিভাগের দাবি, চক্রটি অন্তত ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের ১২ মে পর্যন্ত সক্রিয় ছিল।   অভিযুক্ত ১১ জন হলেন ডেল রিওর কারিনা গার্সিয়া, এডসন আলেহান্দ্রো পেরেজ ও মায়রা আলেহান্দ্রা হুয়ের্তা, মেক্সিকোর সেফেরিনো হুয়ের্তা-কাসিয়াস, মারিয়া নর্মা নেরি দে মোরান, দামিয়ান হুয়ের্তা আনালুকাস ও রোসারিও ক্রিস্টাল লোপেজ-সালদানা, হন্ডুরাসের জোনাস উলোয়া-আগুইলেরা ও ফ্র্যাঙ্কলিন উইলিয়ামস আয়ালা আগুইলেরা, টেক্সাসের ঈগল পাসের এরিক হার্নান্দেজ এবং গুয়াতেমালার পাসকুয়াল রাইমুন্ডো লোয়ারকা।   বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৩৭ বছর বয়সী কারিনা গার্সিয়া একজন ইউএস সিটিজেন। তিনি এবং মেক্সিকান নাগরিক সেফেরিনো হুয়ের্তা-কাসিয়াস এখনও পলাতক। অন্যদিকে মায়রা আলেহান্দ্রা হুয়ের্তাকে ১২ মে ডেল রিও থেকে গ্রেপ্তার করা হয় এবং তিনি ফেডারেল হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে মধ্য ও দক্ষিণ টেক্সাসে কয়েক দিনব্যাপী অভিযানে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।   মামলার অভিযোগ অনুযায়ী, মানবপাচার চক্রটি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার বিনিময়ে জনপ্রতি দেড় হাজার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত নিত। অভিবাসী কিংবা তাদের পরিবার ও বন্ধুরা হন্ডুরাস, মেক্সিকো, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানে থাকা পাচারকারীদের এই অর্থ দিতেন।   যে ঘটনাকে কেন্দ্র করে ১১ জনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে, সেটি ঘটে গত মে মাসে।   ফেডারেল অভিযোগপত্রে বলা হয়েছে, এপ্রিলের শেষ দিকে অন্তত সাতজন অভিবাসীকে মেক্সিকোর আকুনিয়া থেকে টেক্সাসের ডেল রিও এলাকায় আনার ব্যবস্থা করে চক্রটি। ৯ মে তাদের সীমান্ত পার করিয়ে ডেল রিওতে ইউনিয়ন প্যাসিফিকের রেললাইনের কাছে নিয়ে যাওয়া হয়।   সেদিন দুপুরে একটি ইউনিয়ন প্যাসিফিক ট্রেন সেখানে থেমে থাকার সময় পাচারকারীরা লাল রঙের বোল্ট কাটার দিয়ে একটি কনটেইনারের দরজার তালা কেটে সাতজনকে ভেতরে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এরপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।   কনটেইনারটিতে কোনো ভেন্টিলেশন বা কুলিং ব্যবস্থা ছিল না। বাইরে থেকে বন্ধ করে দেওয়ায় ভেতর থেকেও দরজা খোলার সুযোগ ছিল না। তদন্তের তথ্য অনুযায়ী, সেদিন বাইরের তাপমাত্রা ছিল ৮৮ থেকে ৯২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। কনটেইনারে থাকা সাতজনের একজনের বয়স ছিল মাত্র ১৪ বছর।   ট্রেনটি পরে ডেল রিও থেকে সান আন্তোনিওর দিকে যাত্রা করে। অভিযোগপত্রে বলা হয়েছে, সান আন্তোনিও পৌঁছানোর পর পাচারকারীরা কনটেইনারের দরজা খুলে ভেতরের অভিবাসীদের সংকটাপন্ন অবস্থায় দেখতে পায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একজনের মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয় এবং বাকিদের কনটেইনারের ভেতরেই রেখে যাওয়া হয় বলে অভিযোগ।   পরদিন ১০ মে ট্রেনটি লারেডোর দিকে যাওয়ার পর ইউনিয়ন প্যাসিফিক রেলইয়ার্ডের এক কর্মী কনটেইনার থেকে একটি পা বেরিয়ে থাকতে দেখেন। পরে ভেতরে ছয়জনের মরদেহ পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরে সান আন্তোনিওতে রেললাইনের পাশে সপ্তম ব্যক্তির মরদেহ উদ্ধার করে।   নিহত সাতজনের মধ্যে চারজন মেক্সিকোর এবং তিনজন হন্ডুরাসের নাগরিক ছিলেন। তাদের মধ্যে ১৪ বছরের শিশুটিও ছিল। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, কনটেইনারে আটকা পড়া অন্তত একজন মৃত্যুর আগে তার এক স্বজনকে বার্তা পাঠিয়ে সাহায্যের আকুতি জানিয়েছিলেন।   ফেডারেল গ্র্যান্ড জুরির অভিযোগপত্রে ১১ জনের প্রত্যেকের বিরুদ্ধে মৃত্যুর কারণ হওয়া অবৈধ অভিবাসী পরিবহনের ষড়যন্ত্র এবং সেই পরিবহনে সহায়তার একটি করে অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সাজা নির্ধারণ করবেন ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক।   ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং টেক্সাসের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জাস্টিন আর. সিমন্স শুক্রবার মামলার নতুন অভিযোগের তথ্য ঘোষণা করেন। হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্সের অধীনে একাধিক ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থা মামলাটির তদন্তে যুক্ত রয়েছে।   বিচার বিভাগ জানিয়েছে, অভিযোগপত্রে থাকা বিষয়গুলো এখনো কেবল অভিযোগ। আদালতে সন্দেহাতীতভাবে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত প্রত্যেক ব্যক্তিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৩:৩৮
অবসরে গিয়ে যে দুই ভুলের জন্য আফসোস করছেন অর্ধেকের বেশি আমেরিকান
অবসরে গিয়ে যে দুই ভুলের জন্য আফসোস করছেন অর্ধেকের বেশি আমেরিকান

কর্মজীবন শেষ হওয়ার পর আর্থিক নিরাপত্তা নিয়ে নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের বহু অবসরপ্রাপ্ত মানুষ। নতুন এক গবেষণায় দেখা গেছে, অর্ধেকের বেশি অবসরপ্রাপ্ত আমেরিকান এখন দুটি সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি আফসোস করছেন। একটি হলো অবসরের জন্য আরও আগে সঞ্চয় শুরু না করা, অন্যটি কর্মজীবনে পর্যাপ্ত অর্থ জমাতে না পারা।   টিয়া ইনস্টিটিউট (TIAA Institute) এর এর নতুন গবেষণায় এই চিত্র উঠে এসেছে। ১,৫৯১ জন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত জরিপের ফল অনুযায়ী, অবসরপ্রাপ্তদের ৫৩ শতাংশ বলেছেন, তারা আরও আগে থেকে অবসর সঞ্চয় শুরু না করায় আফসোস করেন। আর ৫২ শতাংশের আফসোস, তারা অবসরের জন্য যথেষ্ট অর্থ জমাতে পারেননি।   গবেষণাটি এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা, আবাসন ও অন্যান্য খরচ অবসর পরিকল্পনায় বাড়তি চাপ তৈরি করছে। যারা এখনও কর্মজীবনে আছেন, তাদের মধ্যেও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। টিয়া ইনস্টিটিউট বলছে, অবসরের আগে অপ্রত্যাশিত ব্যয় বা আর্থিক জরুরি পরিস্থিতি মোকাবিলার মতো পর্যাপ্ত অর্থ হাতে রাখা কর্মজীবীদের অন্যতম বড় উদ্বেগ।   অবসর পরিকল্পনায় কেন আগে সঞ্চয় শুরু করা গুরুত্বপূর্ণ, সেটিও টিয়া ইনস্টিটিউট এর আরেকটি ২০২৬ সালের গবেষণায় স্পষ্ট হয়েছে। প্রতিষ্ঠানটির হিসাবে, অবসরের ৩৫ বছর আগে থেকে আয়ের ১০ শতাংশ হারে ধারাবাহিকভাবে সঞ্চয় করার পরিবর্তে কেউ যদি ১০ বছর দেরিতে শুরু করেন, একই অবসর আয়ের লক্ষ্যে পৌঁছাতে তার সঞ্চয়ের হার প্রায় দ্বিগুণ করে ১৮ দশমিক ৯ শতাংশে নিতে হতে পারে।   এর পেছনে বড় ভূমিকা রয়েছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কম্পাউন্ডিংয়ের। কর্মজীবনের শুরুতে জমা করা অর্থ দীর্ঘ সময় বিনিয়োগে থাকার সুযোগ পায়। ফলে মূল সঞ্চয়ের পাশাপাশি সেই অর্থ থেকে অর্জিত মুনাফাও পরবর্তী সময়ে আরও আয় তৈরির সুযোগ পায়। দেরিতে শুরু করলে এই দীর্ঘ সময়ের সুবিধাটিই কমে যায়।   অবসরের জন্য আমেরিকানদের প্রত্যাশিত সঞ্চয় এবং বাস্তবে তারা যতটা জমাতে পারবেন বলে মনে করছেন, তার মধ্যেও বড় ব্যবধান দেখা যাচ্ছে।   স্ক্রোডার্স এর U.S. Retirement Survey অনুযায়ী, কর্মক্ষেত্রের 401(k), 403(b) বা 457-এর মতো অবসর পরিকল্পনায় অংশ নেওয়া আমেরিকানরা মনে করেন, স্বাচ্ছন্দ্যে অবসর কাটাতে গড়ে প্রায় ১২ লাখ ডলার সঞ্চয় প্রয়োজন। অথচ ৫১ শতাংশের ধারণা, অবসরের সময় তাদের সঞ্চয় পাঁচ লাখ ডলারেরও কম থাকবে। ২৪ শতাংশ মনে করছেন, তাদের হাতে আড়াই লাখ ডলারেরও কম থাকবে।   বর্তমান ব্যয়ের চাপও অবসর সঞ্চয়ে প্রভাব ফেলছে। স্ক্রোডার্স এর জরিপে কর্মক্ষেত্রের অবসর পরিকল্পনায় অংশ নেওয়া ৫৫ শতাংশ মানুষ জানিয়েছেন, অন্যান্য খরচের কারণে তারা বেতনের ১০ শতাংশ অবসরের জন্য সঞ্চয় করতে পারছেন না। ৩৩ শতাংশের ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ তাদের অবসর সঞ্চয়ের চেয়েও বেশি। আবার ২৭ শতাংশ ইতোমধ্যে কর্মক্ষেত্রের অবসর তহবিল থেকে অর্থ ধার করেছেন।   যারা ইতোমধ্যে অবসরে গেছেন, তাদের আর্থিক অভিজ্ঞতাও উদ্বেগের চিত্র দেখাচ্ছে। স্ক্রোডার্স এর ২০২৬ সালের পৃথক জরিপে ৪৯ শতাংশ অবসরপ্রাপ্ত জানিয়েছেন, অবসরে তাদের খরচ প্রত্যাশার চেয়ে বেশি হচ্ছে। ৫৮ শতাংশ জানেন না তাদের সঞ্চিত অর্থ কত দিন চলবে এবং ৬৪ শতাংশ বলেছেন, অবসরে যাওয়ার আগে আরও বেশি পরিকল্পনা করা উচিত ছিল।   স্বাস্থ্যসেবার খরচও বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। জরিপে অংশ নেওয়া অবসরপ্রাপ্তরা গড়ে তাদের মাসিক আয়ের ১৬ শতাংশ স্বাস্থ্যসেবা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, প্রেসক্রিপশন ও অন্যান্য চিকিৎসা ব্যয়ে খরচ করছেন। ৫৮ শতাংশ জানিয়েছেন, তারা ভেবেছিলেন মেডিকেয়ার তাদের চিকিৎসা ব্যয়ের আরও বড় অংশ বহন করবে।   তবে অবসরের জন্য সবার নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রয়োজন, এমন কোনো একক হিসাব নেই। একজন মানুষের প্রয়োজনীয় সঞ্চয় তার বয়স, আয়, জীবনযাত্রার ধরন, ঋণ, স্বাস্থ্যসেবা ব্যয়, সোশ্যাল সিকিউরিটি সুবিধা, পেনশন এবং অন্যান্য সম্পদের ওপর নির্ভর করে। ফলে স্ক্রোডার্স এর জরিপে উঠে আসা ১২ লাখ ডলারকে সবার জন্য প্রয়োজনীয় অবসর তহবিল হিসেবে দেখার সুযোগ নেই। এটি জরিপে অংশগ্রহণকারীদের গড় প্রত্যাশা।   নতুন গবেষণাগুলো থেকে অবশ্য একটি বিষয় স্পষ্ট। অবসরে পৌঁছানোর পর যে সিদ্ধান্তগুলো নিয়ে সবচেয়ে বেশি আফসোস করছেন অনেক আমেরিকান, সেগুলো নেওয়ার সময় ছিল কর্মজীবনেই। তাদের অভিজ্ঞতা এখন যারা চাকরি করছেন, বিশেষ করে যাদের সামনে এখনও দীর্ঘ কর্মজীবন রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে উঠেছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৩:২৭
ছবি: নিউইয়র্ক পোস্ট
নিজ মায়ের হাতে তিন সন্তান হত্যার ভয়াবহ বর্ণনা শুনে কেঁদে ফেললেন আদালতে উপস্থিত সদস্যরা

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে নিজের তিন শিশু সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত মা লিন্ডসে ক্ল্যান্সির বিচারকার্যের জন্য চূড়ান্ত জুরি নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্ভাব্য জুরিদের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক সংবেদনশীল প্রশ্নের মুখোমুখি হতে হয়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তিন শতাধিক সম্ভাব্য জুরির সাক্ষাৎকার নেওয়া হয়।   এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিবরণ শুনে এবং নিহতদের ময়নাতদন্তের ছবি দেখার সম্ভাবনার কথা জেনে অনেক জুরিই কান্নায় ভেঙে পড়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। অবশেষে বৃহস্পতিবার ১২ জন নারী ও ৬ জন পুরুষের সমন্বয়ে ১৮ সদস্যের চূড়ান্ত জুরি প্যানেল গঠন করা হয়। জুরিদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের বা পরিবারের কারও পোস্টপার্টাম বিষণ্ণতা (সন্তান জন্মদানের পর বিষণ্ণতা), উদ্বেগ বা বাইপোলার ডিজঅর্ডারের মতো মানসিক সমস্যার ইতিহাস আছে কি না এবং তারা আসামিপক্ষের মানসিক অসুস্থতার দাবিকে কতটা নিরপেক্ষভাবে বিবেচনা করতে পারবেন।   মামলার বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন ও ডিফেন্স—উভয় পক্ষের জন্যই জুরিদের মানসিকতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। লিন্ডসের আইনজীবী কেভিন রেডিংটন জানান, জুরিরা সাক্ষীদের সাথে পূর্বপরিচিতি থাকা সত্ত্বেও বা মামলার ভয়াবহ বিবরণ শুনেও কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, তা যাচাই করাই ছিল এই দীর্ঘ প্রশ্নমালার মূল উদ্দেশ্য। আবেগঘন এই শুনানিতে অংশ নিতে গিয়ে অনেক জুরি কেঁদে ফেলায় আদালতের ভেতরে টিস্যু বক্স পর্যন্ত রাখতে হয়েছিল। আগামী সোমবার থেকে এই মামলার উদ্বোধনী যুক্তিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে, যা প্রায় দুই মাস ধরে চলতে পারে এবং এতে ২০০ জনের মতো সাক্ষী সাক্ষ্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।   লিন্ডসে ক্ল্যান্সির বিরুদ্ধে ২০২৩ সালের জানুয়ারিতে নিজের বাড়ির বেজমেন্টে ব্যায়ামের ব্যান্ড পেঁচিয়ে তিন সন্তান—কোরা (৫), ডসন (৩) এবং ৮ মাস বয়সী ক্যালানকে হত্যার অভিযোগ রয়েছে। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন এবং কোমরের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। লিন্ডসের প্রাক্তন স্বামী প্যাট্রিক ক্ল্যান্সি, যিনি সম্প্রতি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, তিনি এই মামলার একজন মূল সাক্ষী। গত সপ্তাহে তিনি আদালতে আবেদন করেন যেন ঘটনার দিন তার করা ৯১১ কল রেকর্ড এবং সন্তানদের ময়নাতদন্তের ছবি বা পোশাক জনসমক্ষে প্রদর্শন করা না হয়।   শুক্রবার বিচারক উইলিয়াম সুলিভান তার এই আবেদন মঞ্জুর করেছেন। মামলার চূড়ান্ত রায় নির্ভর করছে জুরিরা লিন্ডসেকে পোস্টপার্টাম সাইকোসিসে আক্রান্ত রোগী হিসেবে বিবেচনা করেন, নাকি প্রসিকিউশনের দাবি অনুযায়ী তাকে একজন সুপরিকল্পিত খুনি হিসেবে চিহ্নিত করেন, তার ওপর।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১৩:১৯
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ৮৪ বিলিয়ন ডলার জরিমানা, দেশ না ছাড়লে প্রতিদিন ৯৯৮ ডলার
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ৮৪ বিলিয়ন ডলার জরিমানা, দেশ না ছাড়লে প্রতিদিন ৯৯৮ ডলার

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে এ পর্যন্ত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ১ লাখ ৩ হাজারের বেশি সিভিল জরিমানা জারি করা হয়েছে। এসব জরিমানার মোট পরিমাণ প্রায় ৮৪ বিলিয়ন ডলার। প্রেসিডেন্টের কঠোর অভিবাসন নীতির আওতায় ইতোমধ্যেই ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ আদায় করা হয়েছে।   বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চূড়ান্তভাবে দেশে ফেরতের নির্দেশ পাওয়া যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ব্যর্থ হবেন, নির্দেশ পালনের আগ পর্যন্ত তাদের প্রতিদিন ৯৯৮ ডলার করে জরিমানা গুনতে হবে। ডিএইচএস সতর্ক করে জানিয়েছে, দেশে ফেরত পাঠানোর আগেই অভিবাসীদের এই জরিমানা পরিশোধ করতে হবে, অন্যথায় তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।   প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও জোরপূর্বক বহিষ্কারের বদলে স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহিত করা। হোমল্যান্ড সিকিউরিটির মতে, প্রথাগত আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠানোর চেয়ে এই পদ্ধতিটি কম ব্যয়বহুল। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) তাদের 'সিবিপি হোম' অ্যাপের মাধ্যমে এই নীতির ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সিবিপির একটি প্রচারপত্রে অভিবাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে, 'স্বেচ্ছায় দেশে ফেরা নিরাপদ' এবং তারা চাইলে নিজেদের পছন্দমতো ফ্লাইটের টিকিট কেটে দেশে ফিরে যেতে পারেন।   ডিএইচএস জানিয়েছে, যেসব অবৈধ অভিবাসীর কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তারা স্বেচ্ছায় ফিরে গেলে যুক্তরাষ্ট্রে উপার্জিত অর্থ সাথে নেওয়ার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতাও তাদের অক্ষুণ্ণ থাকবে। এমনকি যারা বিমানের টিকিট কিনতে অক্ষম, তারা সরকারি ভর্তুকিতে ভ্রমণের সুবিধাও পেতে পারেন। তবে যারা স্বেচ্ছায় দেশ ছাড়তে অস্বীকৃতি জানাবেন, তাদের কোনো রকম পূর্বপ্রস্তুতির সুযোগ না দিয়েই গ্রেপ্তার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।   ডিএইচএসের তথ্যমতে, ট্রাম্পের ক্ষমতায় ফেরার প্রথম বছরে ৩০ লাখেরও বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন, যার মধ্যে প্রায় ২২ লাখ অভিবাসী স্বেচ্ছায় ফিরে গেছেন। এছাড়া, গত ১৭ মে পর্যন্ত প্রায় ৯ লাখ অবৈধ অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে এবং আরও ৯ লাখের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।   ট্রাম্প প্রশাসন তাদের এই নীতিকে চূড়ান্ত বহিষ্কারাদেশ কার্যকর এবং অভিবাসন নিয়ন্ত্রণের খরচ কমানোর একটি বৈধ হাতিয়ার হিসেবে দাবি করেছে। তারা মনে করে, জো বাইডেন প্রশাসনের সময়কালের রেকর্ড সংখ্যক সীমান্ত অতিক্রমের পর বর্তমান পদক্ষেপগুলো অবৈধ অভিবাসন হ্রাসে কার্যকর ভূমিকা রাখছে।   তবে, এই বিপুল অঙ্কের সিভিল জরিমানা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেট সদস্যরা। সিনেটের বিচার বিভাগীয় কমিটির ইমিগ্রেশন সাবকমিটির র‍্যাংকিং মেম্বার ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যালেক্স প্যাডিলা এবং ইলিনয়ের ডেমোক্র্যাটিক হুইপ ডিক ডারবিন চলতি সপ্তাহে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।   চিঠিতে তারা অবিলম্বে এই অন্যায্য জরিমানার অপপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন। সিনেটরদের অভিযোগ, ড্যাকা (DACA) কর্মসূচির আওতাভুক্ত, গ্রিন কার্ড প্রত্যাশী এবং মানবপাচার বা পারিবারিক সহিংসতার শিকার হওয়া বৈধভাবে অবস্থানকারী অনেক অভিবাসীকেও অযৌক্তিকভাবে এই জরিমানার আওতায় আনা হচ্ছে, যা আইন মান্যকারী অভিবাসীদের সুরক্ষার নীতিকে সরাসরি লঙ্ঘন করছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১২:৫৯
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ আত্মঘাতী হামলা
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ আত্মঘাতী হামলা, ১২ সেনাসহ নিহত ১৫; দায় স্বীকার টিটিপির

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি যৌথ নিরাপত্তা চৌকিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ১২ জন সেনাসদস্যসহ মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।   আফগান সীমান্তের কাছে অবস্থিত ট্যাঙ্ক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, শুরুতে সশস্ত্র জঙ্গিরা সেনাবাহিনী ও পুলিশের ওই যৌথ নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়। তবে কঠোর নিরাপত্তা বলয় ভেদ করতে ব্যর্থ হওয়ার পর, হামলাকারীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চৌকির বাইরের দিকের শক্ত দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এই ভয়াবহ বিস্ফোরণেই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।   এই আত্মঘাতী হামলায় ১২ জন সেনা সদস্যের পাশাপাশি ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী এক আবেগঘন বার্তায় নিহতদের 'বীর সন্তান' আখ্যা দিয়ে জানিয়েছে, তারা দেশের জন্য চূড়ান্ত আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন। উল্লেখ্য, ট্যাঙ্ক জেলাসহ এই সীমান্ত এলাকাটি দীর্ঘদিন ধরেই সশস্ত্র জঙ্গিদের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের এই উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি তৎপরতা ও চোরাগোপ্তা হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।   এদিকে, ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় সশস্ত্র জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলায় তাদের চারজন আত্মঘাতী সদস্য অংশ নিয়েছিল। প্রসঙ্গত, বর্তমান সরকার উৎখাত করে দেশটিতে নিজেদের কট্টর ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিক সশস্ত্র লড়াই চালিয়ে আসছে এই তালেবান গোষ্ঠীটি।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ১২:৩৪