সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
'জবরদস্তিমূলক শ্রম' রোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে অস্ট্রেলীয় পণ্যে ১২.৫% বাড়তি কর আরোপ করলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
শুল্কের নামে অস্ট্রেলিয়াকে ঘায়েল করলেন ট্রাম্প! ১২.৫% বাড়তি কর আরোপে সিডনিতে ক্ষোভ

'জবরদস্তিমূলক শ্রম' রোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে অস্ট্রেলীয় পণ্যের ওপর ১২.৫ শতাংশ নতুন বাণিজ্য শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে অযৌক্তিক এবং মুক্ত বাণিজ্য চুক্তির পরিপন্থী বলে আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে আলবানিজ সরকার।   প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে, জবরদস্তিমূলক শ্রমবিরোধী নীতি বাস্তবায়নে ব্যর্থতার তালিকায় থাকা ৫৪টি দেশের মধ্যে অস্ট্রেলিয়াও রয়েছে। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে ১২.৫ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে। চীন, ব্রাজিল, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলোও এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় তিনটি রপ্তানি পণ্য—যেমন গরুর মাংস ও স্বর্ণ এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।   মার্কিন বাণিজ্য বিভাগ দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা জবরদস্তিমূলক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করে তা কার্যকরভাবে বাস্তবায়ন করছে। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ডন ফ্যারেল। তিনি বলেন, আধুনিক দাসপ্রথা ও জবরদস্তিমূলক শ্রম প্রতিরোধে অস্ট্রেলিয়ার আইন বিশ্বের অন্যতম সেরা এবং এই শুল্ক সম্পূর্ণ অযৌক্তিক। উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মারলেসও মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে 'বোকামি' বলে মন্তব্য করেছেন।   এদিকে বিরোধী দলের পক্ষ থেকে বর্তমান সরকারের সমালোচনা করে বলা হয়েছে যে, অস্ট্রেলিয়াকে কানাডা বা যুক্তরাজ্যের মতো কম শুল্কের (১০%) তালিকায় রাখতে ব্যর্থ হয়েছে সরকার। দেশটির ব্যবসায়ী ও কৃষিখাতের শীর্ষ সংগঠনের প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের এই একতরফা ও ভিত্তিহীন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। বর্তমানে এই নতুন শুল্ক আরোপের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।   সূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৮:৩৪
ডেলাওয়্যারে সংঘটিত ট্রিপল মার্ডারের চার মাস পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছবি: সংগৃহীত
হোন্ডা সিআর-ভি গাড়ির সেই চালককে ধরিয়ে দিলে ৫ হাজার ডলার পুরস্কারের ঘোষণা এফবিআই এর

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে গত মার্চে সংঘটিত প্রাণঘাতী গুলি হামলার তদন্তে নতুন উদ্যোগ নিয়েছে এফবিআই। মামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্য দিলে ৫ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে সংস্থাটি। প্রায় চার মাস পেরিয়ে গেলেও হামলার সঙ্গে জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।    এফবিআই জানায়, গত ২৪ মার্চ স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু আগে উইলমিংটনের নর্থ অ্যাডামস স্ট্রিটের ৬০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। পরে গুরুতর আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় ৪ মে মারা যান। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে, আর একজন আহত অবস্থায় চিকিৎসা পান।    তদন্তে পাওয়া নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, ফ্লোরিডার নম্বরপ্লেটযুক্ত একটি ধূসর রঙের হোন্ডা সিআর-ভি ঘটনাস্থলে এসে থামে। এরপর গাড়ির ভেতর থেকে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। পরে তদন্তকারীরা জানতে পারেন, গাড়িটি ঘটনার কয়েক সপ্তাহ আগে ফিলাডেলফিয়া থেকে চুরি হয়েছিল। হামলার দুই দিন পর সেটি পেনসিলভানিয়ার চেস্টার এলাকা থেকে উদ্ধার করা হয়।    নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী রায়ান ইভান্স, ২১ বছর বয়সী ওয়াহকি ট্যাবরন এবং ৩৭ বছর বয়সী জিনা টাইবেরি। আহত আরেক ব্যক্তির পরিচয় বা সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।    এফবিআই ও উইলমিংটন পুলিশ জানিয়েছে, হামলার পেছনে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। যে কোনো তথ্য, যা সন্দেহভাজনদের গ্রেপ্তার ও দণ্ড নিশ্চিত করতে সহায়তা করবে, তার জন্য ৫ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শী বা এ ঘটনায় কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৮:২৩
মিথ্যা ধর্ষণের অভিযোগ ও ব্ল্যাকমেইলের দায়ে হংকংয়ে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত ব্রিটিশ তরুণী ইসাবেল রোজ। ছবি: সংগৃহীত
ধর্ষণের মিথ্যা অভিযোগ ও ব্ল্যাকমেইলের দায়ে হংকংয়ে ব্রিটিশ তরুণীর কারাদণ্ড

হংকংয়ে এক ব্রিটিশ ব্যাংকারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে ব্ল্যাকমেইল ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার অপরাধে ২৬ বছর বয়সী এক ব্রিটিশ তরুণীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, দণ্ডিত তরুণীর নাম ইসাবেল রোজ। দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দা রোজ দক্ষিণ-পূর্ব এশিয়া ভ্রমণের সময় ওই ব্রিটিশ ব্যাংকারের সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে ২০২৪ সালের শুরুতে তার আমন্ত্রণে হংকংয়ে যান। হংকংয়ে পৌঁছানোর পরই ওই ব্যাংকার তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। তবে হংকংয়ের ডিস্ট্রিক্ট জজ আদ্রিয়ানা নোয়েল সু চিং রায়ে উল্লেখ করেন যে, এই অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট এবং অভিযুক্ত তরুণী বিচার চলাকালীন বিন্দুমাত্র অনুশোচনা প্রকাশ করেননি।   আদালতের নথিপত্র অনুযায়ী, ধর্ষণের অভিযোগ তোলার পর ওই ব্যক্তির কাছে প্রথমে ৫ হাজার পাউন্ড এবং পরবর্তীতে ১ লাখ পাউন্ড দাবি করেন রোজ, যা পরবর্তীতে ব্ল্যাকমেইলের অপরাধ হিসেবে প্রমাণিত হয়। যদিও রোজ দাবি করেছিলেন যে, ওই অর্থ তাঁর বিমান ভাড়া, থাকা-খাওয়ার খরচ এবং চিকিৎসার ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছিল। তবে বিচারক তা খারিজ করে বলেন যে, অভিযুক্ত ব্যাংকার তার প্রতি উদারতা দেখালেও রোজ তার সেই সুযোগ নিয়েছিলেন। বিচারক তাঁর আচরণকে ‘অশুভ’ ও ‘দুষ্টু প্রকৃতির’ বলে মন্তব্য করেন।   এদিকে এই রায়ের পর নারী অধিকার কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, যৌন নিপীড়নের শিকার হওয়ার পর নারীদের আচরণ সবসময় একরকম হয় না এবং ট্রমার কারণে তাদের আচরণে ভিন্নতা আসতে পারে। তবে আদালতের রায়ের পর তরুণীর পরিবার ও আইনি দল পরবর্তী করণীয় ঠিক করতে আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন। এই ঘটনার জেরে প্রায় দুই বছর হংকংকে আটকে থাকার পর অবশেষে তাকে এই সাজা ভোগ করতে হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৮:১৪
সরকার উৎখাতের ষড়যন্ত্রের দায়ে যথাক্রমে আট ও ১১ বছরের কারাদণ্ড পাওয়া রুশ নাগরিক লেভ লাকশটানভ (বামে) ও ইগর রাতচিন (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের ষড়যন্ত্র ও প্রাণঘাতী বিক্ষোভের দায়ে অঙ্গোলায় দুই রুশ নাগরিকের জেল

অঙ্গোলায় সরকার উৎখাতের ষড়যন্ত্র এবং প্রাণঘাতী বিক্ষোভ উসকে দেওয়ার দায়ে দুই রুশ নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের এই সাজা ঘোষণা করেন।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, দণ্ডিত দুই রুশ নাগরিক হলেন—লেভ লাকশটানভ ও ইগর রাতচিন। আদালত তাঁদের যথাক্রমে আট ও ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে শুরু থেকেই তারা এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছেন যে, তারা মূলত ব্যবসায়িক ও সাংস্কৃতিক কাজের উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করছিলেন।   অঙ্গোলার কৌঁসুলিদের অভিযোগ, গত বছর জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মিনিবাস ট্যাক্সি চালকদের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে তীব্র সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছিল, যাতে সরকারি হিসাব অনুযায়ী অন্তত ২২ জন নিহত এবং ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ গ্রেপ্তার হন। সেই বিক্ষোভ ও সহিংসতার পেছনে এই দুই রুশ নাগরিকের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। প্রসিকিউটরদের দাবি, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার এবং অঙ্গোলার রাজনীতিতে নিজেদের আধিপত্য বাড়াতেই তারা এই ষড়যন্ত্র করেছিলেন। এছাড়া ওই দুই ব্যক্তি রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি প্রোপাগান্ডা নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।   এই মামলায় অভিযুক্ত দুই স্থানীয় নাগরিকের মধ্যে স্পোর্টস সাংবাদিক কার্লোস তোমেকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হলেও বিরোধী দলের যুবনেতা ফ্রান্সিসকো ডি অলিভিরা আদালত থেকে খালাস পেয়েছেন। এদিকে রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত দুই রুশ নাগরিক ও প্রসিকিউশন পক্ষ উভয়েই আপিল করেছেন। আপিল প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কারাগারেই থাকবেন। তবে এ বিষয়ে অঙ্গোলায় অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৮:৩
ফ্লোরিডার একটি বিলাসবহুল রিসোর্টের ২৮ তলা থেকে নিচে পড়ে রিয়ালিটি টিভি তারকা ইয়াকির লেভির রহস্যজনক মৃত্যু। ছবি: সংগৃহীত
ফ্লোরিডার হোটেলে রহস্যজনক মৃত্যু: ২৮ তলা থেকে পড়ে রিয়ালিটি তারকার প্রাণহানি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ধনী ব্যবসায়ী ও রিয়ালিটি টিভি ব্যক্তিত্ব ইয়াকির লেভি ফ্লোরিডার একটি বিলাসবহুল রিসোর্টের ২৮ তলা থেকে নিচে পড়ে মারা গেছেন। বন্ধুদের কাছে শেষ টেক্সট পাঠানোর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার ও বন্ধুরা একে আত্মহত্যা বলে মানতে নারাজ হলেও বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।   দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী ইয়াকির লেভি গত সোমবার রাতে সানি আইলস বিচের আকোয়াটিনা রিসোর্ট অ্যান্ড রেসিডেন্সে দুই বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। বন্ধুরা যখন ভ্যালেটে গাড়ি থামান, ঠিক তখনই লেভি তাঁদের একটি মেসেজ পাঠান—‘আমি আসছি’। এর মাত্র কয়েক সেকেন্ড পরই তাঁরা একটি জোরালো শব্দ শুনতে পান এবং হোটেলের বারান্দা থেকে একজনের নিচে পড়ার খবরে অতিথিদের মধ্যে চিৎকার শুরু হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।   ইসরায়েলের রামলায় জন্ম নেওয়া ইয়াকির লেভি একসময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। পকেটে মাত্র ৩০০ ডলার নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সম্পত্তি মেরামতের একটি সফল বহুজাতিক কোম্পানি গড়ে তোলেন। তাঁর এই অভাবনীয় সাফল্যের গল্প নিয়ে ইসরায়েলের চ্যানেল ১৩-এর রিয়ালিটি সিরিজ ‘দ্য আমেরিকানস’-এ পর্বও প্রচারিত হয়েছিল। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী এবং চার, দশ ও বারো বছর বয়সী তিন সন্তানের জনক ছিলেন।   মিয়ামি-ডেড শেরিফ অফিসের হোমিসাইড ব্যুরো ঘটনাটিকে ‘অশ্রেণিভুক্ত মৃত্যু’ হিসেবে তদন্ত করছে। যদিও পুলিশ রিপোর্টে ঘটনাটিকে ‘আত্মহত্যাজনিত আঘাত’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে নিহতের পরিবার ও বন্ধুরা তা পুরোপুরি অস্বীকার করেছেন। ঘনিষ্ট বন্ধু এরান হার্শ জানান, মৃত্যুর আগের দিনও তিনি বন্ধুদের সঙ্গে নৌকায় সময় কাটিয়েছেন এবং অত্যন্ত আনন্দিত ছিলেন, ফলে তাঁর আত্মহত্যা করার কোনো প্রশ্নই আসে না। বর্তমানে ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং তাঁর মরদেহ ইসরায়েলে দাফন করার কথা রয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৭:৫৫
নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ করার জন্য নিউ ইয়র্ক নগরবাসীকে আহ্বান জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভের ডাক মামদানির, নিউ ইয়র্ক পুলিশের তীব্র ক্ষোভ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাঁর বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ করার জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ফিফা বিশ্বকাপ, এনবিএ ফাইনাল এবং স্বাধীনতা দিবসসহ গ্রীষ্মজুড়ে অত্যন্ত ব্যস্ত ও ক্লান্তিকর সময় পার করা নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) মেয়রের এই উসকানিমূলক আহ্বানে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে।   নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে গত বছর নির্বাচনী প্রচারণার সময় মেয়র মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে। তবে সম্প্রতি নিজের অবস্থান থেকে সরে এসে তিনি স্বীকার করতে বাধ্য হন যে, নেতানিয়াহুকে গ্রেফতার করার মতো কোনো আইনি এখতিয়ার বা ক্ষমতা তাঁর নেই। গ্রেফতার করতে ব্যর্থ হওয়ার পরই তিনি নগরবাসীকে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদের ডাক দেন।   মেয়রের এই ঘোষণায় পুলিশ মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ ইউনিয়ন নেতারা বলছেন, গ্রীষ্মজুড়ে ফিফা বিশ্বকাপ, নিউ ইয়র্ক নিক্সের এনবিএ ফাইনাল জয় এবং স্বাধীনতা দিবস ও 'আমেরিকা ২৫০' উদযাপনের মতো বিশাল সব ইভেন্ট সামলাতে গিয়ে পুলিশ সদস্যদের চরম ধকল গেছে। টানা ১২ ঘণ্টার ডিউটি ও অতিরিক্ত কাজের চাপ সামলানো পুলিশ বাহিনীকে এখন মেয়রের এই রাজনৈতিক উসকানিমূলক অবস্থানের কারণে নতুন করে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে।   পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়রের এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা পুলিশের ওপর মারাত্মক কাজের চাপ সৃষ্টি করবে। তাঁর মতে, মেয়রের এমন উত্তপ্ত বক্তব্য সহিংস ও উগ্র আন্দোলনকারীদের আরও বেপরোয়া করে তুলতে পারে এবং পরিস্থিতি যেকোনো সময় চরম বিশৃঙ্খলার দিকে মোড় নিতে পারে। এছাড়া কোনো পুলিশ সদস্য আহত হলে তার সম্পূর্ণ দায় মেয়রের ওপরই বর্তাবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।   অন্যদিকে, মেয়রের এমন হটকারী সিদ্ধান্ত নিয়ে পুলিশ সদস্যদের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ম্যানহাটনের এক পুলিশ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়র হয়তো ভুলে গেছেন যে তিনি এখন আর কোনো সাধারণ অ্যাক্টিভিস্ট নন, তিনি একটি শহরের মেয়র। আইনশৃঙ্খলা রক্ষা করা এবং শান্তি বজায় রাখার দায়িত্ব তাঁর, অথচ তিনি নিজেই উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।   এত সমালোচনা ও বাড়তি কাজের চাপের পরও পুলিশ ইউনিয়নগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী শরৎকালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন চলাকালীন যেকোনো পরিস্থিতি কঠোর পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে নিউ ইয়র্ক পুলিশ।   সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৭:৪৬
লং আইল্যান্ডে মুসলিম ছেলেদের আবাসিক স্কুল চালুর পরিকল্পনার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের তীব্র অসন্তোষ ও প্রতিবাদ। ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কের লং আইল্যান্ডে মুসলিম আবাসিক স্কুল চালুর প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ

নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বে শোর আবাসিক এলাকায় একটি মুসলিম ছেলেদের আবাসিক স্কুল চালুর পরিকল্পনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। প্রায় ১২০ জন কিশোর শিক্ষার্থী নিয়ে গড়ে উঠতে যাওয়া এই আবাসিক স্কুলটি তাদের শান্ত উপশহরের পরিবেশ নষ্ট করবে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।   নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে ৫ মিলিয়ন ডলারে ১৩ একরের একটি ওয়াটারফ্রন্ট সম্পত্তি কিনে নেয় ‘ইউনাইটেড আমেরিকান মুসলিম অ্যাসোসিয়েশন’। এর আগে সম্পত্তিটি রোমান ক্যাথলিক মন্টফোর্ট মিশনারিদের অধীনে ছিল এবং একসময় সেখানে একটি ক্যাথলিক সেমিনারি ও পরবর্তীতে প্রিস্টদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। তবে নতুন মালিকরা সেখানে ইসলামিক শিক্ষাকেন্দ্র ও আবাসিক স্কুল চালুর উদ্যোগ নিলে স্থানীয় ‘স্যাক্সন সেজ নো’ নামের একটি সংগঠনের ব্যানারে বাসিন্দারা এর বিরুদ্ধে সোচ্চার হন।   গত মঙ্গলবার আইসলিপ টাউন জোন বোর্ডের এক সভায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে শত শত ক্ষুব্ধ বাসিন্দা উপস্থিত হয়ে এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান। স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় একটি বড় মাপের আবাসিক স্কুল চালু হলে অতিরিক্ত শব্দদূষণ, যানজট এবং এলাকার নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। এছাড়া ছোট শিশুদের জন্য একটি ডে কেয়ার সেন্টার চালুর বিষয়েও বাসিন্দাদের মনে নানা প্রশ্ন রয়েছে।   অন্যদিকে স্কুলটির আইনজীবী স্যামুয়েল এল. বিফুলকো এবং আয়োজকরা জানিয়েছেন, টাউনের জোন কোড মেনেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নিয়ম মেনে বোর্ডিং স্কুলটি পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের ওপর কঠোর নিয়মকানুন থাকায় এলাকার শান্ত পরিবেশ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও দাবি তাদের। বর্তমানে বিষয়টি আইসলিপ টাউন জোন বোর্ডের পর্যালোচনায় রয়েছে।   সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৭:৩০
অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের ফলে সৌদি রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদের মৃত্যুকে দুর্ঘটনা বলল ব্রিটিশ আদালত। ছবি: সংগৃহীত
লন্ডনের হোটেলে মাদক ও অতিরিক্ত অ্যালকোহলে সৌদি যুবরাজের মৃত্যু

লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের ফলে সৌদি আরবের রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদের মৃত্যুর ঘটনায় রায় দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। ময়নাতদন্ত ও সার্বিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে আদালত নিশ্চিত করেছেন যে, ২৯ বছর বয়সী যুবরাজের এই মৃত্যু কোনো আত্মহত্যা নয়, বরং একটি দুর্ঘটনা।   বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের বাথরুমের মেঝে থেকে যুবরাজের মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, মৃত্যুর আগের রাতে তিনি নিজের কক্ষেই একা ছিলেন। পরবর্তীতে টক্সিকোলজি প্রতিবেদনে তাঁর শরীরে উচ্চ মাত্রায় অ্যালকোহলের পাশাপাশি পার্টি ড্রাগ জিএইচবি, গাঁজা, জ্যানাক্স ও অন্যান্য অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধের উপস্থিতি পাওয়া যায়।   মাদক ও অ্যালকোহলের বিষাক্ত যৌথ প্রভাবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। সৌদি রাজপরিবারের এই সদস্য দীর্ঘ দিন ধরে মাদক ও অ্যালকোহলের আসক্তিতে ভুগছিলেন এবং মৃত্যুর কিছুদিন আগেও লন্ডনের দুটি পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছিলেন। তবে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই মৃত্যুর পেছনে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা বা আত্মহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।   সূত্র: দ্য টেলিগ্রাফ

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৭:১৮
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ছেলের মরদেহ উদ্ধার করলেন পুলিশ কনস্টেবল। ছবি: সংগৃহীত
নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করতে যান এক পুলিশ কনস্টেবল। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন, যে শিশুর মরদেহ উদ্ধার করতে এসেছেন, সেটি তাঁরই একমাত্র ছেলে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।   শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।   নিহত তুহিন (১০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত একজন কনস্টেবল। তাদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক তুহিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুল। তখনও তিনি জানতেন না, নিহত শিশুটি তাঁর নিজের সন্তান।   ঘটনাস্থলে পৌঁছে ছেলের নিথর দেহ দেখে তিনি স্তব্ধ হয়ে যান। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়রা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলের সেই মর্মান্তিক দৃশ্য উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।   কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কনস্টেবল সামসুল থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সেখানে গিয়ে জানতে পারেন, নিহত শিশুটি তাঁর নিজের ছেলে। ঘটনাটি পুরো পুলিশ সদস্যদের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।   ওসি আরও জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৭:৯
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’   পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, ‘বলে দিছি, বুঝে নেন।’ এর আগে বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রও লেখা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তাতে স্বাক্ষর হয়নি। স্পিকার দেশে না থাকায় পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছিল।   রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যেই দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার বিষয়ে স্পিকার সেখানে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।   চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হওয়ার পর নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরে আসেন তিনি।   রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।   বঙ্গভবনে দায়িত্ব পালনকারী আরেক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘স্যার দুদিন আগে জানিয়েছেন যে, ওরা আমাকে (রাষ্ট্রপতি) চলে যেতে বলেছেন। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও।’ ‘ওরা’ বলতে কাকে বুঝিয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।   উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। তিনিই একমাত্র রাষ্ট্রপতি, যিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৬:৫১
ইতিহাসে প্রথমবারের মতো নিউইয়র্ককে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল শহর হয়ে উঠেছে মায়ামি। ছবি: সংগৃহীত
মায়ামিতে থাকা এখন নিউইয়র্কের চেয়েও ব্যয়বহুল, মধ্যবিত্তের জন্য বাড়ছে টিকে থাকার সংকট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি মহানগর এলাকায় বসবাসের খরচ ইতিহাসে প্রথমবারের মতো নিউইয়র্ক মহানগর এলাকার চেয়েও বেশি হয়ে গেছে। একসময় কম কর, উষ্ণ আবহাওয়া ও তুলনামূলক কম খরচের কারণে যেসব মানুষ নিউইয়র্ক ছেড়ে মায়ামিতে চলে যেতেন, সেই সমীকরণ এখন বদলে গেছে। বিশ্লেষকদের মতে, উচ্চ আয়ের মানুষদের জন্য শহরটি এখনও আকর্ষণীয় হলেও মধ্যবিত্ত ও স্থানীয় বাসিন্দাদের জন্য জীবনযাত্রার ব্যয় দ্রুত নাগালের বাইরে চলে যাচ্ছে।    যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের সর্বশেষ আঞ্চলিক মূল্যসূচক বিশ্লেষণ অনুযায়ী, মায়ামি–ফোর্ট লডারডেল–ওয়েস্ট পাম বিচ মহানগর এলাকার জীবনযাত্রার ব্যয়ের সূচক নিউইয়র্ক মহানগর এলাকার চেয়েও বেশি। বর্তমানে কেবল সান ফ্রান্সিসকো বে এরিয়াই মায়ামির চেয়ে বেশি ব্যয়বহুল।  বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ মহামারির পর নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক উচ্চ আয়ের মানুষ এবং ব্যবসাপ্রতিষ্ঠান দক্ষিণ ফ্লোরিডায় চলে আসে। এতে আবাসন বাজারে চাহিদা দ্রুত বেড়ে যায়। পাশাপাশি বাড়ির মূল্য, ভাড়া, বীমা, ব্যক্তিগত স্কুলের খরচ এবং রেস্তোরাঁয় খাওয়ার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ২০১৯ সালের পর থেকে মায়ামি অঞ্চলে ভোক্তা মূল্য প্রায় ৩৬ শতাংশ বেড়েছে, যা যুক্তরাষ্ট্রের বড় মহানগরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।   নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চাপে পড়েছেন মধ্যম আয়ের চাকরিজীবী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সেবাখাতের কর্মীরা। তাদের অনেকের আয় বাড়লেও তা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে শহরের কেন্দ্র থেকে দূরের এলাকায় চলে যাওয়া বা অন্য অঙ্গরাজ্যে স্থানান্তরের প্রবণতাও বাড়ছে।    অন্যদিকে উচ্চ আয়ের পেশাজীবী, আর্থিক খাতের কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে মায়ামির আকর্ষণ এখনো কমেনি। কারণ, ফ্লোরিডায় এখনো কোনো অঙ্গরাজ্য আয়কর নেই। অনেকের মতে, উচ্চ করের অঙ্গরাজ্য থেকে আসা ধনীদের জন্য কর-সুবিধা ব্যয় বৃদ্ধির একটি অংশ পুষিয়ে দেয়। তবে সাধারণ পরিবারের ক্ষেত্রে সেই সুবিধা কার্যত মিলছে না।    অর্থনীতিবিদরা বলছেন, মায়ামির দ্রুত মূল্যবৃদ্ধির মূল কারণ আবাসনের সীমিত সরবরাহ, জনসংখ্যা বৃদ্ধি, উচ্চ বীমা ব্যয় এবং শক্তিশালী রিয়েল এস্টেট বাজার। এসব কারণে শহরটির দীর্ঘদিনের ‘সাশ্রয়ী বিকল্প’ হিসেবে পরিচিতি প্রায় হারিয়ে গেছে।  যদিও মায়ামি এখনও উষ্ণ আবহাওয়া, সমুদ্রসৈকত ও কর-সুবিধার কারণে অনেকের কাছে আকর্ষণীয় গন্তব্য, তবু জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় শহরটির ভবিষ্যৎ আবাসন বাজার এবং মধ্যবিত্তের টিকে থাকার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৬:৩০
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনা সার্জেন্ট লিওনার্ড জে. ম্যাকনিলের পরিচয় মৃত্যুর ৮০ বছর পর নিশ্চিত। ছবি: সংগৃহীত
৮০ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন বিমানসেনার পরিচয় শনাক্ত! ফিরিয়ে আনা হলো নিজ দেশে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আকাশে বিমান ভূপাতিত হওয়ার পর যুদ্ধবন্দি হিসেবে আটক হওয়া মার্কিন সেনা সার্জেন্ট লিওনার্ড জে. ম্যাকনিলের পরিচয় অবশেষে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স  অ্যাকাউন্টিং এজেন্সি । মৃত্যুর প্রায় ৮০ বছর পর তাঁর মরদেহ নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় ফিরিয়ে আনা হচ্ছে।    ডিপিএএ জানায়, ফ্লোরিডার অরল্যান্ডোর বাসিন্দা ২৭ বছর বয়সী ম্যাকনিল যুক্তরাষ্ট্রের আর্মি এয়ার ফোর্সের একজন টেল গানার ছিলেন। তিনি একটি বি-২৯ ‘সুপারফোর্ট্রেস’ বোমারু বিমানে দায়িত্ব পালন করতেন। ১৯৪৫ সালের ৫ মে জাপানের কিউশু দ্বীপের ওপর একটি সামরিক অভিযানের সময় তাঁর বিমানটি জাপানি বাহিনীর হামলায় ভূপাতিত হয়। তিনি জীবিত অবস্থায় ধরা পড়লেও পরে যুদ্ধবন্দি হিসেবে মারা যান।    যুদ্ধ শেষ হওয়ার পর দীর্ঘদিন তাঁর ভাগ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরে ঐতিহাসিক নথি, সামরিক রেকর্ড, নৃতাত্ত্বিক বিশ্লেষণ, দন্ত পরীক্ষার তথ্য এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। ডিপিএএ আনুষ্ঠানিকভাবে তাঁকে শনাক্ত করার পর পরিবারের কাছে বিষয়টি জানানো হয়েছে।    মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ম্যাকনিলের মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় ফ্লোরিডায় দাফন করা হবে। এর মধ্য দিয়ে আট দশক ধরে চলা একটি পরিবারের অপেক্ষার অবসান ঘটছে।   ডিফেন্স পিওডব্লিউ/এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সির তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিখোঁজ বা অশনাক্ত হয়ে যাওয়া মার্কিন সেনাসদস্যদের পরিচয় শনাক্ত ও স্বদেশে ফিরিয়ে আনার কাজ এখনও চলমান। আধুনিক ডিএনএ প্রযুক্তি এবং ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে প্রতি বছরই বহু দশক আগে নিখোঁজ হওয়া সেনাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৬:২২
ইরানবিষয়ক সামরিক পদক্ষেপে ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণে প্রতিনিধি পরিষদে ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাব পাস। ছবি: সংগৃহীত
ইরান ইস্যুতে ট্রাম্পকে থামাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিষয়ক সামরিক পদক্ষেপে কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তবে কয়েক ঘণ্টার মধ্যেই একই ধরনের একটি প্রস্তাব সিনেটে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় কার্যকর হওয়ার পথ আপাতত বন্ধ হয়ে গেছে।    বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ২১৪–২০৮ ভোটে প্রস্তাবটি পাস হয়। এতে চারজন রিপাবলিকান সদস্য নিজ দলের অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে পারবেন না এবং চলমান সামরিক তৎপরতা বন্ধ করতে হবে।    প্রস্তাবটির উদ্যোক্তা ছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য প্রমিলা জয়াপাল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা বা দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের বিষয়ে চূড়ান্ত কর্তৃত্ব কংগ্রেসের হাতে থাকা উচিত। তাঁর অভিযোগ, প্রশাসন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।    তবে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হলেও একই দিনে সিনেটে অনুরূপ একটি প্রস্তাব ৪৯–৪৭ ভোটে আটকে যায়। ফলে প্রেসিডেন্টের ওপর তাৎক্ষণিক কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হয়নি।    মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও, প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জরুরি পরিস্থিতিতে সীমিত সামরিক অভিযান পরিচালনা করতে পারেন। তবে ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ অনুযায়ী, দীর্ঘ সময় সামরিক অভিযান চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। এই আইনি ক্ষমতার ব্যাখ্যা নিয়েই বহু বছর ধরে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে বিতর্ক চলছে।    ইরানের সঙ্গে কয়েক মাস ধরে চলা সংঘাত যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও বড় ইস্যু হয়ে উঠেছে। যুদ্ধের ব্যয়, মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশাসনের সমালোচনা বাড়ছে। একই সঙ্গে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষও রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।    অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই সামরিক অভিযান প্রয়োজন। রিপাবলিকান নেতৃত্বের অধিকাংশ সদস্যও প্রেসিডেন্টের এই অবস্থানকে সমর্থন করছেন।    সব মিলিয়ে প্রতিনিধি পরিষদের এই ভোট ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। যদিও সিনেটে সমর্থন না পাওয়ায় প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে নীতিগত পরিবর্তন আনতে পারছে না, তবুও ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউসের ক্ষমতার দ্বন্দ্ব যে আরও তীব্র হচ্ছে, এই ভোট তারই নতুন ইঙ্গিত দিয়েছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৬:১০
U.S. Capitol building on Capitol Hill in Washington, D.C. U.S ...and Donald Trump ছবি: কোলাজ আমেরিকা বাংলা
ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবারের এই ভোটকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে কংগ্রেসের সর্বশেষ প্রতীকী রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।   প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ২১৪টি, বিপক্ষে ২০৮টি। এতে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। তারা হলেন—মিশিগানের টম ব্যারেট, পেনসিলভানিয়ার ব্রায়ান ফিটজপ্যাট্রিক, ওহাইওর ওয়ারেন ডেভিডসন এবং কেনটাকির থমাস ম্যাসি।   ডেমোক্র্যাট প্রতিনিধি প্রমিলা জয়াপাল উত্থাপিত প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে মার্কিন সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।   তবে প্রস্তাবটি মূলত প্রতীকী। কারণ গত কয়েক মাসে কংগ্রেসে একই ধরনের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একাধিক প্রস্তাব পাস হয়েছে। কিন্তু এসব উদ্যোগ এখন পর্যন্ত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বন্ধ করতে পারেনি।   এদিকে, ইরানের বিরুদ্ধে হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইরান ও তাদের মিত্র হুথিদের বিরুদ্ধে “বড় ধরনের সামরিক শাস্তি” দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।   এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হয়েছে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথেও উত্তেজনা বেড়েছে।   অন্যদিকে, যুদ্ধবিরতির কার্যত ভেঙে পড়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলা অব্যাহত রয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।   এই পরিস্থিতিতে প্রতিনিধি পরিষদের সর্বশেষ ভোট ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির ওপর কংগ্রেসের রাজনৈতিক চাপ বাড়ালেও, তাৎক্ষণিকভাবে ইরান যুদ্ধ বন্ধে এর বাস্তব প্রভাব কতটা পড়বে—সেটিই এখন বড় প্রশ্ন।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৫:৫১
ট্রাম্পের আমলে কত মানুষ বিতাড়িত হবেন, এই ভবিষ্যৎবানীকে 'জঘন্য' বলে ডেমোক্র্যাট নেতার ক্ষোভ
ট্রাম্পের আমলে কত মানুষ বিতাড়িত হবেন, এই ভবিষ্যৎবানীকে 'জঘন্য' বলে ডেমোক্র্যাট নেতার ক্ষোভ

যুক্তরাষ্ট্র থেকে চলতি বছরে কত মানুষকে বিতাড়িত করা হবে, সেই সংখ্যা নিয়ে অর্থের বিনিময়ে পূর্বাভাস দেওয়ার সুযোগ চালু করায় অনলাইন প্রেডিকশন মার্কেট কালশির তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সেথ মলটন। তাঁর অভিযোগ, অভিবাসীদের জীবন ও ভবিষ্যৎকে এভাবে বাজির বিষয়ে পরিণত করা অনৈতিক।   ম্যাসাচুসেটসের এই আইনপ্রণেতা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে কালশির উদ্যোগকে ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মানুষের জীবনকে ক্যাসিনোর চিপ হিসেবে দেখা যায় না। একই সঙ্গে বিতাড়নের সংখ্যা নিয়ে চালু করা বাজারটি বন্ধ করতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান তিনি।  কালশির ওয়েবসাইটে ‘এ বছর কত মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে’—এমন একটি বাজার চালু রয়েছে। এতে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট সংখ্যার ওপর অর্থ বিনিয়োগ করতে পারেন। বছরের শেষে সরকারি তথ্যের ভিত্তিতে ফল নির্ধারণ করা হবে এবং সঠিক পূর্বাভাসে অর্থ দেওয়া হবে।  প্রেডিকশন মার্কেটে সাধারণত নির্বাচন, অর্থনীতি, আবহাওয়া, খেলাধুলা ও সরকারি সিদ্ধান্তসহ ভবিষ্যতের বিভিন্ন ঘটনার সম্ভাব্য ফল নিয়ে চুক্তি কেনাবেচা করা হয়। চুক্তির দাম থেকে কোনো ঘটনার সম্ভাবনা সম্পর্কে বাজারে অংশগ্রহণকারীদের সম্মিলিত ধারণা পাওয়া যায়। তবে যুদ্ধ, মৃত্যু, নিখোঁজ ব্যক্তি কিংবা বিতাড়নের মতো মানবিক সংকটকে কেন্দ্র করে বাজার চালুর নৈতিকতা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক বাড়ছে।   মলটন এর আগেও এ ধরনের প্ল্যাটফর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ২০২৬ সালের মার্চে তিনি নিজের কংগ্রেস কার্যালয়ের সব কর্মীর জন্য কালশি ও পলিমার্কেটের মতো প্রেডিকশন মার্কেটে অংশ নেওয়া নিষিদ্ধ করেন। তাঁর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বাজার গোপন সরকারি তথ্য জানা ব্যক্তিদের আর্থিক লাভের সুযোগ তৈরি করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে অনৈতিক প্রণোদনা সৃষ্টি করতে পারে।    এর আগে যুদ্ধের মধ্যে নিখোঁজ এক মার্কিন সেনাসদস্যকে জীবিত পাওয়া যাবে কি না, তা নিয়ে পলিমার্কেটে বাজির বাজার চালু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মলটন। তাঁর সমালোচনার পর ওই বাজারটি বন্ধ করে দেওয়া হয় এবং কীভাবে সেটি অনুমোদন পেয়েছিল, তা তদন্তের কথা জানায় প্রতিষ্ঠানটি।  কালশি নিজেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা কমোডিটি ফিউচারস ট্রেডিং কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি বৈধ ইভেন্ট-কন্ট্রাক্ট বাজার হিসেবে পরিচয় দেয়। প্রতিষ্ঠানটির দাবি, রাজনীতি, অর্থনীতি ও অভিবাসনসহ বিভিন্ন বিষয়ের সম্ভাব্য ফল নিয়ে অংশগ্রহণকারীরা সেখানে চুক্তি কেনাবেচা করতে পারেন। তবে বিতাড়নের মতো বিষয়ে বাজার পরিচালনা নিয়ে মলটনের সমালোচনার জবাবে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো প্রকাশ্য মন্তব্য করেছে কি না, তা স্পষ্ট নয়।    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন আইন প্রয়োগ, আটক ও বিতাড়ন কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, প্রশাসনের অভিযানে ছয় লাখের বেশি মানুষকে বিতাড়িত করা হয়েছে এবং আরও অনেকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তবে স্বাধীন গবেষকেরা সতর্ক করেছেন, বিভিন্ন সরকারি সংস্থা ভিন্ন পদ্ধতিতে হিসাব প্রকাশ করায় মোট বিতাড়নের নির্ভরযোগ্য ও সমন্বিত সংখ্যা নির্ধারণ করা কঠিন।   ঘটনাটি যুক্তরাষ্ট্রে প্রেডিকশন মার্কেটের সীমা ও নৈতিকতা নিয়ে চলমান বিতর্ককে আরও সামনে এনেছে। সমালোচকদের প্রশ্ন, ভবিষ্যৎ ঘটনা অনুমান ও আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার নামে মানুষের আটক, বিতাড়ন কিংবা জীবন-মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়কে লাভের বাজারে পরিণত করার অনুমতি দেওয়া উচিত কি না।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৫:২৭
sale home picture
আকাশছোঁয়া বাড়ির দামের মধ্যেও যুক্তরাষ্ট্রের যেসব শহরে এখন বাড়ি কেনা সবচেয়ে সহজ

দীর্ঘদিন বিক্রেতাদের দাপটের পর যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, দেশের আরও নয়টি বড় শহরের আবাসন বাজার দ্রুত ‘ক্রেতাবান্ধব’ বা বায়ার্স মার্কেটের দিকে এগোচ্ছে। ফলে আগের তুলনায় বাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতারা বেশি দর-কষাকষির সুযোগ পাচ্ছেন।    রিয়েলটর ডটকমের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের ‘মার্কেট ক্লক’ প্রতিবেদনে ১০০টি মহানগর এলাকার আবাসন পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখা যায়, বর্তমানে ১৯টি মহানগর এলাকা ইতোমধ্যেই বায়ার্স মার্কেট হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি আরও ৯টি শহর চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ সেই অবস্থায় পৌঁছাতে পারে।  প্রতিবেদনে যেসব শহরকে দ্রুত ক্রেতাবান্ধব বাজারের দিকে এগোতে দেখা গেছে, সেগুলো হলো—আটলান্টা (জর্জিয়া), বেকার্সফিল্ড (ক্যালিফোর্নিয়া), বার্মিংহাম (আলাবামা), হনোলুলু (হাওয়াই), হিউস্টন (টেক্সাস), মেমফিস (টেনেসি), রিভারসাইড (ক্যালিফোর্নিয়া), সান অ্যান্টোনিও (টেক্সাস) এবং সিরাকিউজ (নিউইয়র্ক)।    বিশ্লেষণে বলা হয়েছে, এসব শহরে বাড়ির তালিকা বা ইনভেন্টরি বেড়েছে, বিক্রি হতে আগের তুলনায় বেশি সময় লাগছে এবং অনেক বিক্রেতা মূল্য কমানো, ক্লোজিং কস্টে সহায়তা বা মর্টগেজ সুদের হার কমানোর মতো অতিরিক্ত সুবিধা দিতে আগ্রহী হচ্ছেন। এতে ক্রেতাদের হাতে আগের তুলনায় বেশি বিকল্প এবং দর-কষাকষির সুযোগ তৈরি হয়েছে।    আটলান্টার রিয়েল এস্টেট এজেন্ট লিআ্যান ওয়েদার্স বলেন, বাজারে বাড়ির সরবরাহ বেড়েছে এবং উচ্চ মর্টগেজ সুদের কারণে অনেক সম্ভাব্য ক্রেতা অপেক্ষায় রয়েছেন। ফলে বিক্রেতারা এখন মূল্য ও অন্যান্য শর্ত নিয়ে আলোচনায় বেশি নমনীয় হচ্ছেন।    হিউস্টনের বাজারেও একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। স্থানীয় রিয়েল এস্টেট পেশাজীবীদের মতে, একক পরিবারের বাড়ির ইনভেন্টরি প্রায় ৫.২ মাসে পৌঁছেছে। এর ফলে ক্রেতারা তাড়াহুড়া না করে বিভিন্ন বাড়ি তুলনা, পরিদর্শন এবং দর-কষাকষির সুযোগ পাচ্ছেন।    সান অ্যান্টোনিওতে বিশেষ করে নতুন নির্মিত বাড়ির ক্ষেত্রে নির্মাতারা সুদের হার কমানোর সুবিধা, ক্লোজিং কস্ট বহন এবং অন্যান্য প্রণোদনা দিচ্ছেন। বাজার বিশ্লেষকদের ধারণা, মর্টগেজ সুদের হার উল্লেখযোগ্যভাবে কমে না গেলে আগামী কয়েক মাসও ক্রেতাদের জন্য অনুকূল পরিস্থিতি বজায় থাকতে পারে।    রিয়েলটর ডটকমের এই বিশ্লেষণে আবাসন বাজারের ভারসাম্য নির্ধারণে বাড়ির সরবরাহ, বাজারে থাকার সময়, মূল্য পরিবর্তন এবং তালিকাভুক্ত দামের তুলনায় বিক্রয়মূল্যসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আবাসন বাজারের চিত্র এখন একরকম নয়; কোথাও বিক্রেতাদের প্রভাব বজায় থাকলেও অনেক শহরে ধীরে ধীরে ক্রেতাদের অবস্থান শক্তিশালী হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৪:১৬
এয়ারলাইন আলাস্কা এয়ার গ্রুপ
ইরান যুদ্ধের ফলে গ্যাসের দাম বাড়ায় ৭৬ মিলিয়ন ডলার লোকসানের চাপে যুক্তরাষ্ট্রের অন্যতম এয়ারলাইনস

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় এয়ারলাইন আলাস্কা এয়ার গ্রুপ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৬০ লাখ ডলার (৭৬ মিলিয়ন) নিট লোকসানের কথা জানিয়েছে। কোম্পানির দাবি, ইরান যুদ্ধসহ বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জেট জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাদের ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে শক্তিশালী যাত্রীচাহিদার কারণে আগামী প্রান্তিকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।   আলাস্কা এয়ার গ্রুপের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ৩০ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির নিট লোকসান হয়েছে ৭৬ মিলিয়ন ডলার বা শেয়ারপ্রতি ৬৮ সেন্ট। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ১৭ কোটি ২০ লাখ ডলার মুনাফা করেছিল। যদিও একই সময়ে কোম্পানির মোট রাজস্ব ১০ শতাংশ বেড়ে ৪ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।   কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন মিনিকুচ্চি বলেন, ব্যবসার মূল ভিত্তি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। বছরের প্রথমার্ধে সময়নিষ্ঠ ফ্লাইট পরিচালনায় শিল্পে শীর্ষ অবস্থানে ছিল আলাস্কা এয়ার। এছাড়া হাওয়াইয়ান এয়ারলাইন্সের সঙ্গে একীভূতকরণের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে এবং সিয়াটল থেকে রোম, লন্ডন ও রেইকিয়াভিকে নতুন আন্তর্জাতিক ফ্লাইটও চালু হয়েছে। তার ভাষায়, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না হলে প্রতিষ্ঠানটি লাভজনক প্রান্তিক পার করত।   প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে জেট জ্বালানির গড় মূল্য গ্যালনপ্রতি ৪ দশমিক ৪৩ ডলারে পৌঁছায়, যা এক বছর আগের তুলনায় ৮৫ শতাংশ বেশি। এর ফলে মাত্র তিন মাসেই কোম্পানির অতিরিক্ত প্রায় ৬০ কোটি ডলার ব্যয় হয়েছে।   বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা এবং রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর হামলার কারণে বৈশ্বিক পরিশোধন ব্যয় ও জেট ফুয়েলের দাম বেড়ে যায়। পশ্চিম উপকেন্দ্রিক রুট নেটওয়ার্ক এবং হাওয়াইগামী ফ্লাইট বেশি হওয়ায় আলাস্কা এয়ার এই মূল্যবৃদ্ধির প্রভাব তুলনামূলক বেশি অনুভব করেছে।   তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন মাসেই তারা আবার লাভজনক অবস্থায় ফিরেছে। করপোরেট ভ্রমণ, প্রিমিয়াম সেবা, কার্গো এবং লয়্যালটি কর্মসূচি থেকে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তৃতীয় প্রান্তিকে জ্বালানির দাম কিছুটা কমবে ধরে নিয়ে শেয়ারপ্রতি শূন্য থেকে ১ ডলার পর্যন্ত আয়ের পূর্বাভাস দিয়েছে কোম্পানি।   চলতি বছর জ্বালানির মূল্য অস্থির থাকায় আলাস্কা এয়ার আগেই পূর্ণ বছরের আর্থিক পূর্বাভাস স্থগিত করেছিল। তবে পরিস্থিতি স্থিতিশীল হলে সেপ্টেম্বরে নতুন পূর্ণাঙ্গ পূর্বাভাস প্রকাশ করবে বলে জানিয়েছে কোম্পানি।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৩:৫২
ছবি: কোলাজ আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের কোন শহরের মানুষ দারিদ্র্যতার জন্য সবচেয়ে বেশি মানসিক চাপে থাকে? গবেষণা যা বলছে

অর্থনৈতিক অনিশ্চয়তা, দারিদ্র্য, অপরাধ, স্বাস্থ্যঝুঁকি ও পারিবারিক অস্থিরতার মতো নানা কারণে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মানসিক চাপ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে প্রকাশিত নতুন এক সমীক্ষায় দেশটির সবচেয়ে মানসিক চাপে থাকা শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট। সমীক্ষাটি পরিচালনা করেছে ব্যক্তিগত অর্থবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়ালেটহাব।   ওয়ালেটহাব যুক্তরাষ্ট্রের ১৮২টি শহরকে কাজের চাপ, আর্থিক চাপ, পারিবারিক চাপ এবং স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত চাপ—এই চারটি প্রধান সূচকে ৩৯টি ভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করে এ তালিকা তৈরি করেছে। বিশ্লেষণে ব্যবহার করা হয়েছে বেকারত্বের হার, দারিদ্র্য, আয়, চাকরির নিরাপত্তা, শিশু পরিচর্যার ব্যয়, অপরাধের হার, স্বাস্থ্যসেবা প্রাপ্তিসহ বিভিন্ন সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য।   সমীক্ষায় বলা হয়েছে, ডেট্রয়েটে বেকারত্ব ও দারিদ্র্যের হার দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ। একই সঙ্গে সহিংস অপরাধের হারও বেশি হওয়ায় শহরটির বাসিন্দারা বহুমাত্রিক চাপের মধ্যে রয়েছেন। এসব কারণেই ডেট্রয়েটকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মানসিক চাপে থাকা শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।   তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেরিল্যান্ডের বাল্টিমোর এবং তৃতীয় স্থানে ওহাইওর ক্লিভল্যান্ড। বাল্টিমোরে উচ্চ ভাড়া ও সহিংস অপরাধ বড় চাপের কারণ হিসেবে উঠে এসেছে। অন্যদিকে ক্লিভল্যান্ডে তুলনামূলক কম আয়, উচ্চ দারিদ্র্য এবং বিচ্ছেদ ও বিবাহবিচ্ছেদের হার বেশি হওয়ায় শহরটি শীর্ষ তিনে রয়েছে।   শীর্ষ ১০-এর তালিকায় আরও রয়েছে গালফপোর্ট (মিসিসিপি), মেমফিস (টেনেসি), শ্রিভপোর্ট (লুইজিয়ানা), ফিলাডেলফিয়া (পেনসিলভানিয়া), টলেডো (ওহাইও), বার্মিংহাম (আলাবামা) এবং জ্যাকসন (মিসিসিপি)।   ওয়ালেটহাবের বিশ্লেষক চিপ লুপো বলেন, মানুষ কোথায় বসবাস করছে, সেটিও তাদের মানসিক স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে। যেসব শহরে অপরাধের হার বেশি, অর্থনীতি দুর্বল, জনস্বাস্থ্যব্যবস্থা কার্যকর নয় এবং যানজট তীব্র, সেখানে বসবাসকারীদের মানসিক চাপ স্বাভাবিকভাবেই বেশি হয়।   বিশ্লেষকদের মতে, শুধু ব্যক্তিগত জীবন নয়, অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থানের অনিশ্চয়তা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নিরাপত্তাজনিত উদ্বেগও এখন যুক্তরাষ্ট্রের অনেক শহরে দীর্ঘমেয়াদি মানসিক চাপের প্রধান কারণ হয়ে উঠেছে। তাই কোথায় বসবাস করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আয়ের পাশাপাশি জীবনমান ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৩:৩৭
অভিযুক্ত বাবা  সল মার্টিনেজ
ঘুরতে গিয়ে নিজের ৩ বছরের ছেলেকে হত্যা; স্যুটকেসে লাশ ভরে ফেলে রাখায় গ্রেপ্তার বাবা

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার পর তার মরদেহ স্যুটকেসে ভরে ফেলে রাখার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ২২ বছর বয়সী সল মার্টিনেজ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুকে হত্যার কথা স্বীকার করেন এবং তদন্তকারীদের সেই স্থানে নিয়ে যান, যেখানে স্যুটকেসের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।   মেমফিস পুলিশ জানায়, গত ১৯ জুলাই শিশুটির মা পুলিশকে জানান, তাদের তিন বছর বয়সী ছেলে জোসেফ মার্টিনেজকে তার জৈবিক বাবা, যিনি শিশুটির অভিভাবক ছিলেন না, অনুমতি ছাড়াই বাড়ি থেকে নিয়ে গেছেন। পরদিন সল মার্টিনেজ বাড়িতে ফিরলেও শিশুটি তার সঙ্গে ছিল না। এরপরই নিখোঁজ শিশুকে উদ্ধারে তদন্ত শুরু হয়।   তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্তের বাবা গভীর রাতে তাকে একটি বড় বাদামি রঙের স্যুটকেস গাড়িতে তুলতে দেখেছিলেন। পরে ছেলে কোথায়, এমন প্রশ্ন করলে প্রথমে সল মার্টিনেজ দাবি করেন, শিশুটি এক বন্ধুর কাছে রয়েছে। তবে কিছুক্ষণ পর তিনি স্বীকার করেন যে শিশুটি মারা গেছে এবং তার মরদেহ উলফ রিভারের কাছে ফেলে রাখা হয়েছে।   পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে সল মার্টিনেজ তদন্তকারীদের একটি বনাঞ্চলে নিয়ে যান। সেখানে একটি স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার করা হয় তিন বছর বয়সী জোসেফের মরদেহ। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।   এ ঘটনায় সল মার্টিনেজের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা, গুরুতর শিশুনির্যাতন, মরদেহের অবমাননা, আলামত নষ্ট এবং গুরুতর শিশুনির্যাতনের সময় হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।   মেমফিস পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত এখনো চলছে। একই সঙ্গে শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ৩:২৭
টেনেসি অঙ্গরাজ্য
যুক্তরাষ্ট্রের টেনেসিতে চাকরির বাজারে নতুন সংকট, একটি পদের জন্য বাড়ছে প্রতিযোগিতা

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নতুন চাকরিপ্রার্থীদের জন্য প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। যদিও রাজ্যটির বেকারত্বের হার এখনো তুলনামূলকভাবে কম, তবুও নতুন কর্মসংস্থান তৈরির ধীরগতি শ্রমবাজারে চাপ বাড়াচ্ছে।   টেনেসির সাম্প্রতিক শ্রমবাজার বিশ্লেষণে দেখা গেছে, গত এক বছরে রাজ্যটিতে কর্মরত মানুষের সংখ্যা ৩০ হাজারেরও বেশি কমে প্রায় ৩৩ লাখ ৭২ হাজারে নেমে এসেছে, যা ২০২৪ সালের শেষ দিকের পর সর্বনিম্ন। অন্যদিকে নিয়োগদাতাদের জরিপে অ-কৃষি খাতে কিছু নতুন চাকরি সৃষ্টি হলেও সেই প্রবৃদ্ধি আগের তুলনায় অনেক ধীর। একই সময়ে মৌসুমি সমন্বয় করা বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশে স্থিতিশীল রয়েছে।   ইউনিভার্সিটি অব টেনেসির বয়েড সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চের পরিচালক অর্থনীতিবিদ ডন ব্রুস বলেন, সমস্যার মূল কারণ চাকরির ঘাটতি নয়; বরং শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে যাওয়া। অনেক মানুষ শ্রমবাজার ছেড়ে যাওয়ায় কর্মসংস্থানের সামগ্রিক চিত্রে এক ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে।   অর্থনীতিবিদদের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যের মতো টেনেসিতেও ‘লো-হায়ার, লো-ফায়ার’ পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো বড় পরিসরে কর্মী ছাঁটাইও করছে না, আবার নতুন নিয়োগেও আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। ফলে নতুন চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং একটি পদের জন্য প্রতিযোগীও বেড়ে যাচ্ছে।   জাতীয় পর্যায়েও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে জুন মাসে কর্মসংস্থান বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং শ্রমশক্তিতে অংশগ্রহণের হার পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য নীতির অনিশ্চয়তা, উচ্চ ঋণব্যয় এবং নিয়োগে সতর্ক অবস্থানের কারণে শ্রমবাজারে এই ধীরগতি দেখা দিয়েছে।   বিশ্লেষকদের মতে, বেকারত্বের হার কম থাকলেও কর্মসংস্থান সৃষ্টির গতি আরও কমে গেলে নতুন চাকরিপ্রার্থীদের জন্য প্রতিযোগিতা বাড়বে এবং চাকরি পেতে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে। তাই আগামী কয়েক মাসের শ্রমবাজারের গতিপ্রকৃতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশ : জুলাই ২৪, ২০২৬ ২:৪৩