সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
জর্ডানে ইরানি হামলায় নিহত নিউইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা সার্জেন্ট অ্যাঞ্জেল র্যাম্পারসাড। ছবি: সংগৃহীত
ইরানের হামলায় নিহত ১৮তম মার্কিন সেনা নিউইয়র্কের বাসিন্দা, কর্মরত ছিলেন বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটে

ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) নিউইয়র্কের ওজোন পার্ক এলাকার বাসিন্দা ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস. র্যাম্পারসাডের পরিচয় প্রকাশ করেছে। তিনি জর্ডানে ইরানের হামলার পর নিখোঁজ ছিলেন। পরে তাঁর মরদেহ শনাক্ত হওয়ার পর তাঁকে নিহত হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।    পেন্টাগনের তথ্য অনুযায়ী, সার্জেন্ট র্যাম্পারসাড ১৭ জুলাই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় নিখোঁজ হন। হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রথমে দুই সেনার মৃত্যুর খবর নিশ্চিত করলেও একজনকে নিখোঁজ বলে জানায়। পরবর্তী অনুসন্ধান ও পরিচয় শনাক্তকরণের পর পেন্টাগন জানায়, নিখোঁজ সেই সেনাই ছিলেন সার্জেন্ট র্যাম্পারসাড। ঘটনাটি এখনও তদন্তাধীন।    সার্জেন্ট অ্যাঞ্জেল এস. র্যাম্পারসাড জার্মানির আন্সবাখে অবস্থানরত ১ম ব্যাটালিয়ন, ৫৭তম এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্ট, ৫২তম এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড এবং ১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের সদস্য ছিলেন। তিনি সিগন্যাল অপারেশনস সাপোর্ট স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর ইউনিটের প্রধান দায়িত্ব ছিল ক্ষেপণাস্ত্র ও আকাশপথের হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর ঘাঁটি রক্ষা করা।    এর আগে একই হামলায় নিহত আরও দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করা হয়। তারা হলেন হাওয়াইয়ের ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গনজালেস। তিনজনই জর্ডানে ইরানের হামলায় প্রাণ হারান।    এদিকে, ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোন নিরাপদে ধ্বংস করার অভিযানের সময় পৃথক এক ঘটনায় নর্থ ক্যারোলাইনার সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইনটন নিহত হন। তাঁর মৃত্যুসহ চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে।    জর্ডানে হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন বাহিনীর অবস্থানরত ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার ঘটনায় পেন্টাগনের তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ১০:৩৬
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ছবি: সংগৃহীত
আমেরিকার সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে অনুমোদন পেলেন বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী

বাংলাদেশি-আমেরিকান আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ওফ দ্য ইউনাইটেড স্টেটস এ আইনজীবী হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন। এই অনুমোদনের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে মামলা দায়ের, আবেদন উপস্থাপন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মক্কেলের পক্ষে আদালতে উপস্থিত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে তিনি এটিকে তাঁর পেশাজীবনের একটি গর্বের মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।   ফেসবুকে দেওয়া এক পোস্টে মঈন চৌধুরী লিখেছেন, “আমেরিকার সর্বোচ্চ আদালত Supreme Court of the United States-এ Admitted Attorney at Law হিসেবে আমি গর্বিত।”     যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থায় সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অনুমোদন পাওয়া একটি মর্যাদাপূর্ণ পেশাগত স্বীকৃতি। এ অনুমোদন পেতে একজন আইনজীবীকে সাধারণত অন্তত তিন বছর কোনো অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালতের বারে সুনামের সঙ্গে আইন পেশায় থাকতে হয়। পাশাপাশি সুপ্রিম কোর্টে আগে থেকেই অনুমোদিত দুইজন আইনজীবীর সুপারিশ, নির্ধারিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন এবং শপথ গ্রহণের মতো আনুষ্ঠানিক ধাপ অতিক্রম করতে হয়।   অ্যাটর্নি মঈন চৌধুরী নিউইয়র্ক, মিশিগানে সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পরিচিত আইনজীবীদের একজন। অভিবাসন আইনসহ বিভিন্ন আইনি বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক মক্কেল রয়েছে এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।   তাঁর এই অর্জনের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী আইনজীবী, কমিউনিটির নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই এটিকে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি আইনজীবীদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে উল্লেখ করেছেন।   বাংলদেশি কমিউনিটির নেতাদের মতে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি একজন অ্যাটর্নির পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং সুনামের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। যদিও দেশটির সর্বোচ্চ আদালতে প্রতিবছর তুলনামূলকভাবে অল্পসংখ্যক মামলার শুনানি হয়, তবুও সেখানে আইনজীবী হিসেবে অনুমোদন পাওয়া যুক্তরাষ্ট্রের আইন পেশায় একটি সম্মানজনক অর্জন হিসেবে বিবেচিত হয়।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ১০:২৭
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না বলে ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের নেতারাই গ্রেপ্তার হওয়ার যোগ্য, নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রশ্নই ওঠে না: ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনোভাবেই, কোনো পরিস্থিতিতেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।”   ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছিলেন, নেতানিয়াহু শহরে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। মামদানি দাবি করেন, নির্বাচনী প্রচারণার সময় তিনি এ ধরনের পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন।   তবে ট্রাম্প এই অবস্থানকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, নেতানিয়াহু বর্তমানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাই তাঁকে গ্রেপ্তারের প্রশ্নই ওঠে না।   একই সঙ্গে ট্রাম্পের মন্তব্য, “যাদের গ্রেপ্তার হওয়া উচিত, তারা হলো ইরানের সেই নেতারা, যারা নিজেদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।”   গত বছর গাজা যুদ্ধের সময় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রও শুরু থেকেই আইসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।   ট্রাম্প প্রশাসন বরাবরই আইসিসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁর প্রশাসনের অবস্থান, যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্রদের বিরুদ্ধে আইসিসির পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।   এদিকে মামদানি পরে স্বীকার করেছেন, নিউইয়র্ক সিটির নিজস্বভাবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা নেই। তবে তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।   ট্রাম্পের সর্বশেষ এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, তাঁর প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে সফর করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ১০:৫
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সফল আয়োজনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যুক্ত হলো রেকর্ড ২০ বিলিয়ন ডলার। ছবি: কোলাজ - আমেরিকা বাংলা
বিশ্বকাপ ফুটবলের ছোঁয়ায় যুক্তরাষ্ট্রের আয় বাড়ল দুই হাজার কোটি ডলার

ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিশাল আর্থিক সমৃদ্ধি যুক্ত হয়েছে। ব্যাংক অব আমেরিকার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক এই টুর্নামেন্ট কেন্দ্রিক তৈরি হওয়া ৪০ বিলিয়ন ডলারের মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের অর্ধেক সরাসরি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবাহিত হয়েছে। এর ফলে ক্যানসাস সিটি ও ফিলাডেলফিয়ার মতো স্বাগতিক শহরগুলোর স্থানীয় ব্যবসায় অভূতপূর্ব গতি এসেছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ ভোক্তা খরচের নতুন রেকর্ড গড়েছে।   ব্যাংক অব আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ময়নিহান জানান, বিশ্বমানের এই টুর্নামেন্টের ইতিবাচক অর্থনৈতিক প্রভাব কেবল স্টেডিয়ামের গ্যালারিতেই সীমাবদ্ধ ছিল না। ব্যাংকের প্রায় ৭ কোটি গ্রাহকের কেনাকাটা বিশ্লেষণ করে দেখা গেছে, তারা গত বছরের একই সময়ের তুলনায় ৫ থেকে ৬ শতাংশ বেশি অর্থ ব্যয় করেছেন। বিশেষ করে রেস্তোরাঁ, বার ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষের যাতায়াত ও খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করেছে।   যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান সংস্থা সেন্সাস ব্যুরোর তথ্যেও ব্যবসা-বাণিজ্যের এই চাঙ্গাভাব স্পষ্ট ধরা পড়েছে। চলতি বছরের জুন মাসে খুচরা বিক্রি ও খাদ্য সেবা খাতে আয়ের পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে টানা পঞ্চম মাসের মতো উর্ধ্বমুখী রয়েছে। ব্যাংক অব আমেরিকার তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য ও পানীয় খাতে কেনাকাটা ৩.৮ শতাংশ, পোশাক বিক্রি ৭ শতাংশ এবং সাধারণ পণ্যের বাজার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।   স্বাগতিক শহরগুলোর হোটেল ও পর্যটন খাতেও এই টুর্নামেন্টের প্রভাবে রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সির স্বাগতিক এলাকায় গত জুন মাসেই ফুটবল সমর্থকরা ১.২ বিলিয়ন ডলার ব্যয় করেছেন, যা থেকে রাজস্ব আয় দাঁড়িয়েছে ২২৮ মিলিয়ন ডলার। এছাড়া হোটেল কক্ষ প্রতি আয়ের দিক থেকে ক্যানসাস সিটিতে প্রায় ৯০ শতাংশ এবং সান ফ্রান্সিসকোতে ৫৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। বিদেশি পর্যটকদের খরচের হিসাব এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত না করায় প্রকৃত আর্থিক লাভের অঙ্ক আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।   ক্রীড়া অর্থনীতিবিদদের মতে, টুর্নামেন্টের সূচি ও দলগুলোর উপস্থিতির ওপর প্রতিটি শহরের স্থানীয় অর্থনীতির লাভ নির্ভর করেছে। বোস্টনে স্কটল্যান্ডের সমর্থকদের আনাগোনা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করলেও অন্যান্য দেশের খেলাগুলোতে তুলনামূলকভাবে স্থানীয় দর্শকদের উপস্থিতি বেশি ছিল। অন্যদিকে জুনে সার্বিক কর্মসংস্থান বৃদ্ধিতে কিছুটা ধীরগতি দেখা গেলেও এবং বিনোদন খাতে কর্মসংস্থান কমলেও বিশ্বকাপ কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য সার্বিক অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা পালন করেছে।   বিশ্বকাপ ফুটবলের সফল সমাপ্তির পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও নীতিনির্ধারকরা এই অর্থনৈতিক অর্জনকে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করছেন। জুনে অনুষ্ঠিত স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল খেলা দিয়ে শেষ হওয়া এই আসরের পর বোস্টন শহর কর্তৃপক্ষ ২০৩১ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দৌড়ে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরগুলোতে পুনরায় যৌথ বা এককভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজনের আগ্রহ ব্যক্ত করেছেন।   সূত্র: দ্য নিউ ইয়র্ক পোস্ট

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৯:৫৭
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সংস্কারের দাবিতে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ। ছবি সংগৃহীত
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল ভারত, শিক্ষা সংকট ঘিরে বিক্ষোভে লাখো তরুণের ক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন শহরে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম এবং জবাবদিহির দাবিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ রাস্তায় নেমেছেন। আন্দোলনকারীদের মূল দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার।   আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করলে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। এরপর সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং বহু এলাকায় ইন্টারনেট পরিষেবা সীমিত করার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা যুব সংগঠন জানিয়েছে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের দাবি, এটি শুধু একটি পরীক্ষা বা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় নয়; বরং দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।   তবে কেন্দ্র সরকার এখনো শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবী ভগৎ সিং ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছিলেন। এর অর্থ ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’। বর্তমানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রতিবাদ ও গণআন্দোলনে এই স্লোগান ব্যবহৃত হয়ে থাকে। সাম্প্রতিক এই বিক্ষোভ শুধু শিক্ষা খাতের সংকট নয়, বরং তরুণদের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ, কর্মসংস্থান সংকট এবং প্রশাসনিক জবাবদিহির দাবিকেও সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি কীভাবে এগোয়, সেদিকে নজর রাখছে দেশটির রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৯:৪১
হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের সর্বশেষ সংস্করণে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে বাংলাদেশ। ছবি: কোলাজ - আমেরিকা বাংলা
পাসপোর্টের র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পেছনে বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত ২০২৬ সালের মাঝামাঝি সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। তবে র‌্যাংকিংয়ে উন্নতি হলেও বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় মাত্র ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন, যা বৈশ্বিক মানদণ্ডে এখনও তুলনামূলকভাবে সীমিত।    হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার সর্বশেষ এই সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) টিম্যাটিক ডেটাবেসের তথ্যের ভিত্তিতে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে এ র‌্যাংকিং তৈরি করে।    সর্বশেষ সূচকে বাংলাদেশ উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে। গত বছরের তুলনায় তিন ধাপ এগোলেও ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধার গন্তব্য কমে ৩৫টিতে নেমে এসেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৭। র‌্যাংকিংয়ের পরিবর্তন মূলত অন্যান্য দেশের অবস্থানের পরিবর্তনের কারণেও হয়েছে।    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। দেশটির অবস্থান ৫২তম এবং তাদের নাগরিকরা ৯৩টি দেশে ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান। ভারতের অবস্থান ৮১তম, শ্রীলঙ্কা ৯৪তম, বাংলাদেশের পরেই রয়েছে নেপাল। পাকিস্তানের অবস্থান ১০১তম, আর তালিকার সর্বশেষে রয়েছে আফগানিস্তান।    বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।    হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বজুড়ে একটি স্বীকৃত সূচক হিসেবে বিবেচিত হয়। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই কতটি দেশে প্রবেশ করা যায়, তার ভিত্তিতেই এই র‌্যাংকিং নির্ধারণ করা হয়।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৯:৩৩
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি ফেডারেল আইন ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী বলে জানাল বিচার বিভাগ। ছবি: সংগৃহীত
ইউসি সান ডিয়েগো মেডিকেল স্কুলে শ্বেতাঙ্গ ও এশীয় শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের অভিযোগ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করেছে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো (ইউসি সান ডিয়েগো) স্কুল অব মেডিসিন ভর্তিপ্রক্রিয়ায় শ্বেতাঙ্গ ও এশীয় আবেদনকারীদের প্রতি বৈষম্য করেছে। বিভাগের তদন্তে বলা হয়েছে, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক আবেদনকারীদের ভর্তি বাড়াতে বিশ্ববিদ্যালয় এমন কিছু পদ্ধতি ব্যবহার করেছে, যা ফেডারেল আইন এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন সোমবার জানায়, তাদের তদন্তে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টি আবেদনকারীদের এমসিএটি স্কোর ও জিপিএর মতো একাডেমিক যোগ্যতার পাশাপাশি এমন কিছু বিষয় বিবেচনা করেছে, যা বাস্তবে বর্ণভিত্তিক অগ্রাধিকার নিশ্চিত করতে ব্যবহৃত হয়েছে। বিভাগের ভাষ্য অনুযায়ী, এর ফলে তুলনামূলকভাবে কম একাডেমিক যোগ্যতা থাকা কিছু কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক আবেদনকারী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, আর বেশি যোগ্যতা থাকা কিছু শ্বেতাঙ্গ ও এশীয় আবেদনকারী বাদ পড়েছেন।    বিচার বিভাগ আরও দাবি করেছে, আবেদনকারীদের ব্যক্তিগত দুর্ভোগ বা প্রতিকূলতা সম্পর্কিত উত্তরের মাধ্যমে তথাকথিত ‘আন্ডাররিপ্রেজেন্টেড মাইনরিটি’ শনাক্ত করা হতো। পরে সেই তথ্য ব্যবহার করে সাক্ষাৎকারের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট গোষ্ঠীর আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তদন্তে এ পদ্ধতিকে ১৯৬৪ সালের সিভিল রাইটস অ্যাক্টের টাইটেল সিক্স এবং ২০২৩ সালে সুপ্রিম কোর্টের ‘স্টুডেন্টস ফর ফেয়ার অ্যাডমিশনস বনাম হার্ভার্ড’ মামলার রায়ের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।    তবে ইউসি সান ডিয়েগো এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিচার বিভাগের চিঠি পর্যালোচনা করছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, তাদের মেডিকেল স্কুলে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে একই কঠোর একাডেমিক মানদণ্ড পূরণ করতে হয় এবং তারা আইন মেনেই ভর্তি কার্যক্রম পরিচালনা করে।    বিচার বিভাগ জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে ভর্তিনীতি সংশোধনের চেষ্টা করবে। সমঝোতা না হলে আদালতে মামলা করা হতে পারে।    ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বর্ণভিত্তিক ভর্তি নীতি বাতিলের রায় দেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া নিয়ে একাধিক তদন্ত শুরু করেছে। এর আগে ইউসিএলএ, ইয়েল এবং ইউসি ডেভিসের মেডিকেল স্কুলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলে তদন্তের ফল প্রকাশ করেছিল বিচার বিভাগ।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৯:১৭
"ক্যালিফোর্নিয়া ডিএমভি (DMV) ড্রাইভিং লাইসেন্স জালিয়াতি তদন্তের জেরে হাজার হাজার চালককে পুনরায় পরীক্ষা দেওয়ার নির্দেশ"। ছবি : সংগৃহীত
ক্যালিফোর্নিয়ার ড্রাইভিং পরীক্ষায় সন্দেহজনক ফল, ৩০ দিনের মধ্যে পুনঃপরীক্ষার নির্দেশ ১১ হাজার চালককে

ক্যালিফোর্নিয়ায় ড্রাইভিং লাইসেন্সধারী প্রায় ১১ হাজার চালককে আবারও লিখিত ড্রাইভিং পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে অঙ্গরাজ্যের মোটরযান বিভাগ (ডিএমভি)। পরীক্ষায় অনিয়ম ও সম্ভাব্য জালিয়াতির সন্দেহে তাঁদের আগের পরীক্ষার ফল বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় পরীক্ষায় পাস করতে না পারলে তাঁদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।    ক্যালিফোর্নিয়া ডিএমভি জানিয়েছে, নিয়মিত অভ্যন্তরীণ পর্যালোচনার সময় কিছু লিখিত পরীক্ষার ফলাফলে অস্বাভাবিক ধরণ বা ‘ইরেগুলারিটি’ ধরা পড়ে। পরে তদন্তে সংস্থাটির সন্দেহ হয়, কিছু পরীক্ষার্থী বিভিন্ন উপায়ে পরীক্ষার নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে কোনো ব্যক্তি চূড়ান্তভাবে জালিয়াতি করেছেন—এমন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।    ডিএমভি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত চালকদের কাছে নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে নির্ধারিত ডিএমভি কার্যালয়ে গিয়ে লিখিত পরীক্ষা আবার দিতে হবে। নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ না নিলে বা পাস করতে ব্যর্থ হলে তাঁদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।    সংস্থাটি এখনো প্রকাশ করেনি ঠিক কী ধরনের জালিয়াতির সন্দেহ করা হচ্ছে বা কীভাবে অনিয়ম শনাক্ত হয়েছে। তবে চলমান তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। ডিএমভির একজন মুখপাত্র জানান, কয়েকটি ঘটনা ইতোমধ্যে সংশ্লিষ্ট কাউন্টির জেলা অ্যাটর্নিদের কাছে সম্ভাব্য ফৌজদারি তদন্তের জন্য পাঠানো হয়েছে।    এদিকে নোটিশ পাওয়া অনেক চালক দাবি করেছেন, তাঁরা কোনো ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত নন। অনেকে অভিযোগ করেছেন, সুনির্দিষ্ট কারণ না জানিয়েই তাঁদের আবার পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে অঙ্গরাজ্যের কয়েকজন আইনপ্রণেতাও ডিএমভির কাছে ব্যাখ্যা চেয়েছেন এবং তদন্তের পদ্ধতি সম্পর্কে আরও স্বচ্ছতা দাবি করেছেন।    ডিএমভির ভাষ্য, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ট্রাফিক আইন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষা পদ্ধতির বিশ্বাসযোগ্যতা রক্ষায় কোনো অনিয়মের ইঙ্গিত পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৯:১১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:সংগৃহীত
ট্রাম্পের আর্থিক তথ্য প্রকাশের নির্দেশ, বিবিসির ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় নতুন মোড়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ব্যবসা–সংক্রান্ত বিস্তারিত আর্থিক তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার একটি ফেডারেল আদালতের বিচারক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় এ আদেশ দেওয়া হয়েছে, যা মামলার গতিপথে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।    মামলার শুনানিতে যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক এনজোলিক লেট রায় দেন, ট্রাম্প যেহেতু তাঁর অভিযোগে ব্যবসা, ব্র্যান্ড ও আর্থিক ক্ষতির দাবি তুলেছেন, তাই সেই দাবির সত্যতা যাচাইয়ে বিবিসির আর্থিক নথি চাওয়ার অধিকার রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ট্রাম্পকে তাঁর ব্যবসায়িক ট্রাস্টের আর্থিক তথ্য এবং সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে হবে।    এই মামলা শুরু হয় ২০২৪ সালে প্রচারিত বিবিসির একটি ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে। ট্রাম্পের অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের ঘটনার আগে দেওয়া তাঁর ভাষণের বিভিন্ন অংশ সম্পাদনার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল, যাতে মনে হয় তিনি সমর্থকদের সহিংসতায় উসকানি দিয়েছিলেন। এর ফলে তাঁর ব্যক্তিগত সুনাম ও ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।    অন্যদিকে বিবিসি আগেই স্বীকার করেছিল, প্রামাণ্যচিত্রে ভাষণের সম্পাদনায় ভুল হয়েছিল এবং সে জন্য তারা দুঃখ প্রকাশও করে। তবে সম্প্রচারটি মানহানিকর ছিল—এ অভিযোগ তারা অস্বীকার করে আসছে। বিবিসির আইনজীবীদের দাবি, ট্রাম্পের ক্ষতির দাবির ভিত্তি যাচাই করতে আর্থিক তথ্য প্রয়োজন।    শুনানির আগে ট্রাম্পের আইনজীবীরা মামলাটি কেবল সুনামহানির দাবিতে সীমিত রাখার চেষ্টা করেন এবং আর্থিক ক্ষতির কিছু দাবি প্রত্যাহারের উদ্যোগ নেন। কিন্তু আদালত মনে করেন, মামলার মূল অভিযোগে ব্যবসায়িক ক্ষতির বিষয়টি এখনো প্রাসঙ্গিক। ফলে আর্থিক নথি প্রকাশের নির্দেশ বহাল রাখা হয়।    আদালতের এই আদেশের বিরুদ্ধে ট্রাম্পের আইনজীবীরা আপিল করতে পারবেন। মামলার মূল বিচার এখনো শুরু হয়নি এবং এটি আগামী বছর ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৮:৫৬
এমপি গাজী নজরুল। ছবি:সংগৃহীত
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সাংগঠনিক তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।    বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান। নির্বাহী পরিষদের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।    জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে তদন্ত করা হয়। সেই তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তটি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।    এর আগে গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করতে দলীয় তদন্ত কমিটি গঠন করে জামায়াতে ইসলামী। তদন্ত প্রতিবেদন নির্বাহী পরিষদের কাছে উপস্থাপনের পরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৮:৩৮
কমলা হ্যারিস। ছব:সংগৃহীত
২০২৮ নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রথম পছন্দ কি আবার কমলা হ্যারিস?

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের এখনও সময় বাকি। তবে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে নিউইয়র্ক ম্যাগাজিনের এক প্রতিবেদনে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলের সম্ভাব্য শীর্ষ প্রতিদ্বন্দ্বী বা ‘ফ্রন্টরানার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে দলের বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগীর বক্তব্য তুলে ধরা হয়েছে, যদিও হ্যারিস এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি।    প্রতিবেদনে হ্যারিসের এক সাবেক সহযোগীর ভাষ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে তাঁর পরিচিতি প্রায় সর্বজনীন। ফলে সম্ভাব্য অন্য প্রার্থীদের তুলনায় প্রচারণার শুরুতেই তিনি বড় সুবিধা নিয়ে মাঠে নামতে পারেন। অন্যদের যেখানে নিজেদের পরিচিতি তৈরি ও অর্থ সংগ্রহে সময় ব্যয় করতে হবে, সেখানে হ্যারিস ইতোমধ্যেই জাতীয় রাজনীতির পরিচিত মুখ।    হ্যারিসের ঘনিষ্ঠ একজন সমর্থক দাবি করেছেন, ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের পরও হ্যারিস মনে করেন, তিনি জিততে পারতেন। তাঁর বিশ্বাস, প্রচারণার সময় কৌশলগত কিছু সিদ্ধান্তে পরামর্শকদের ভূমিকা ছিল ভুল, যা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। তবে এ বক্তব্য ব্যক্তিগত মতামত হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।    তবে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে হ্যারিসকে নিয়ে একমত নন সবাই। ২০২৪ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। ওই নির্বাচনে গুরুত্বপূর্ণ সব সুইং অঙ্গরাজ্যে হেরে যান এবং প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ডেমোক্র্যাটিক প্রার্থী জনপ্রিয় ভোটেও পিছিয়ে পড়েন। ফলে অনেকের মতে, ২০২৮ সালের মনোনয়ন লড়াইয়ে তাঁকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।    রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন দৌড়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসম, সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ, পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরোসহ আরও কয়েকজন প্রভাবশালী নেতা অংশ নিতে পারেন। ফলে দলটির প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা বেশ জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে।    এদিকে মঙ্গলবার ছিল সেই ঘটনার দুই বছর, যেদিন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর অল্প সময়ের মধ্যেই কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হন এবং নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হন। যদিও শেষ পর্যন্ত ট্রাম্পই বিজয়ী হন।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৮:১৭
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনা প্রত্যাহারে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন লেবাননের প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠায় ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার অত্যন্ত জরুরি।    মঙ্গলবার হোয়াইট হাউসে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে ট্রাম্প ও আউন লেবাননের নিরাপত্তা পরিস্থিতি, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, দেশটির সেনাবাহিনীকে সহায়তা, পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে আলোচনা করেন। প্রায় দুই দশকের মধ্যে এটি কোনো লেবাননের প্রেসিডেন্টের প্রথম হোয়াইট হাউস সফর।    বৈঠকের পর লেবাননের প্রেসিডেন্টের দপ্তর জানায়, আউন ট্রাম্পকে বলেছেন, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার না হলে দেশের সার্বভৌমত্ব সুসংহত করা সম্ভব হবে না। তাঁর ভাষায়, রাষ্ট্রের নিরাপত্তা ও কর্তৃত্ব কেবল লেবাননের নিজস্ব বাহিনীর হাতেই থাকা উচিত।   আলোচনায় হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের বিষয়টিও গুরুত্ব পায়। গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যে কাঠামোগত সমঝোতা হয়, তার অন্যতম লক্ষ্য ছিল ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পথ তৈরি করা। তবে হিজবুল্লাহ ইতোমধ্যে ওই পরিকল্পা এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিরোধিতা করেছে।   বৈঠকে ট্রাম্প বলেন, লেবাননকে সম্মানের সঙ্গে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। তিনি আরও ঘোষণা দেন, ১৯৮৫ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে আবার সরাসরি লেবাননে উড়ার অনুমতি দেওয়া হবে।    এদিকে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের পর সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন শুরু হয়েছে। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির প্রথম বাস্তব পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।    তবে এখনো দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান করছে এবং সংঘাতের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতে আউন আশা করছেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৮:৭
বাড়ি বিক্রির বিজ্ঞাপন। ছবি:সংগৃহীত
আমেরিকার আবাসন সংকটে আশার আলো, বিক্রির অপেক্ষায় ৩ লাখের বেশি খালি জমি

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে নতুন সম্ভাবনার কথা জানিয়েছে আবাসনবিষয়ক প্রতিষ্ঠান জিলো। প্রতিষ্ঠানটির নতুন গবেষণায় দেখা গেছে, দেশজুড়ে বিক্রির জন্য তালিকাভুক্ত ৩ লাখেরও বেশি খালি জমিতে যদি অন্তত একটি করে বাড়ি নির্মাণ করা যায়, তাহলে দেশের আবাসন ঘাটতি প্রায় ৬ শতাংশ কমে আসতে পারে।    জিলোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে পাঁচ একর বা তার কম আয়তনের ৩ লাখ ২৪২টি খালি প্লট বিক্রির জন্য তালিকাভুক্ত ছিল। এগুলো দেশের মোট বিক্রয়যোগ্য সম্পত্তির প্রায় ১৭ দশমিক ৪ শতাংশ। প্রতিটি প্লটে একটি করে বাড়ি নির্মাণ করা হলে বর্তমানে প্রায় ৪৭ লাখ বাড়ির যে ঘাটতি রয়েছে, তা কমে প্রায় ৪৪ লাখ ৪০ হাজারে নেমে আসবে।    গবেষণায় আরও বলা হয়েছে, বিক্রির জন্য থাকা একটি প্লটের গড় আয়তন প্রায় শূন্য দশমিক ৫৭ একর। অনেক ক্ষেত্রে এসব জমিতে একটি নয়, একাধিক বাড়ি নির্মাণও সম্ভব। ফলে বাস্তবে আবাসন ঘাটতি কমার হার গবেষণায় উল্লেখিত হিসাবের চেয়েও বেশি হতে পারে।    সবচেয়ে বেশি খালি প্লট রয়েছে ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া অঙ্গরাজ্যে। অন্যদিকে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও আলাস্কায় বিক্রির জন্য থাকা সম্পত্তির এক-তৃতীয়াংশেরও বেশি খালি জমি।    জিলোর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কারা এনজি বলেছেন, এই খালি প্লটগুলো যুক্তরাষ্ট্রের প্রায় দুই দশকের আবাসন সংকট মোকাবিলার সবচেয়ে সহজ সুযোগগুলোর একটি। তবে জমি থাকা সত্ত্বেও নির্মাণকাজ এগিয়ে নিতে বড় বাধা হয়ে আছে জোনিং বিধিনিষেধ, অনুমোদন প্রক্রিয়ার জটিলতা এবং অর্থায়নের সীমাবদ্ধতা। এসব বাধা কমানো গেলে অনেক খালি জমিই দ্রুত আবাসনে রূপ নিতে পারে।    গবেষণাটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রে আবাসনের উচ্চ মূল্য ও সীমিত সরবরাহ ক্রেতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জিলোর সাম্প্রতিক আরেক বিশ্লেষণ অনুযায়ী, নতুন নির্মাণ বাড়লেও দেশটিতে আবাসনের ঘাটতি এখনও প্রায় ৪৭ লাখ ইউনিটে স্থির রয়েছে, যা আবাসন ব্যয় বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৭:৫৬
দাবানল ফ্রান্সে।ছবি;সংগৃহীত
দাবানলে ফ্রান্সে জরুরি অবস্থা, ঘরছাড়া শত শত মানুষ

দক্ষিণ ফ্রান্সের ভার  অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে শত শত মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন ২ হাজার ৫০০ হেক্টরের বেশি বনভূমি পুড়িয়ে দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর লড়াই চালাচ্ছেন প্রায় ১ হাজার ১০০ দমকলকর্মী।    স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পন্তেভ, কোটিনিয়াক, সিলঁ-লা-কাসকাদ, কোরাঁ এবং মঁফোর-সুর-আর্জঁস এলাকার বাসিন্দারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অন্তত ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।    ভার অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র কমান্ডার উইলিয়াম ভোগল বলেন, পুরো রাত অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়েছে। বুধবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে বাতাসের গতি কিছুটা অনুকূলে থাকায় পরিস্থিতির উন্নতির আশা করছেন তাঁরা, যদিও তাপমাত্রা এখনো অনেক বেশি।    দাবানলের কারণে কোটিনিয়াক গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় ২ হাজার ৩০০ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সেবা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।    এর আগে চলতি সপ্তাহেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একই বিভাগে আরও কয়েকটি দাবানল দেখা দেয়। ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়েছে।    ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ, খরা ও দাবানলের তীব্রতা বাড়ছে, যা এ ধরনের দুর্যোগকে আরও ঘন ঘন ও ভয়াবহ করে তুলছে।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৭:৪৩
অপারেশনাল ক্যামোফ্লেজ প্যাটার্ন (ওসিপি) মার্কিন সেনা সদস্য। ছবি:সংগৃহীত
জর্ডানে ঘাঁটিতে হামলায় নিখোঁজ মার্কিন সেনাও নিহত বলে ধারণা, পরিচয় প্রকাশ পেন্টাগনের

জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে গত সপ্তাহের হামলায় নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে নিহত বলে ধারণা করা ওই সেনার পরিচয় প্রকাশ করা হয়েছে।   পেন্টাগনের তথ্য অনুযায়ী, নিহত বলে ধারণা করা সেনাসদস্য হলেন ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস. র্যাম্পারসাড, যিনি নিউইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা। গত ১৭ জুলাই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে শত্রুপক্ষের হামলার পর তাকে প্রথমে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। পরে তার সামরিক অবস্থান "ডিউটি স্ট্যাটাস–হোয়্যারঅ্যাবাউটস আননোন" থেকে "নিহত বলে ধারণা করা হচ্ছে" হিসেবে হালনাগাদ করা হয়েছে। ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে।    এর আগে একই হামলায় নিহত দুই মার্কিন সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছিল পেন্টাগন। তারা হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তারা ইসলামিক স্টেটবিরোধী অভিযানে সহায়তার জন্য জর্ডানে মোতায়েন ছিলেন।    সার্জেন্ট র্যাম্পারসাড জার্মানির আনসবাখে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর ১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের অধীন একটি ইউনিটে কর্মরত ছিলেন। তার মরদেহ শনাক্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই পেন্টাগন আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করে।    মার্কিন ও ইরান-সংশ্লিষ্ট সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। জর্ডানের ওই বিমানঘাঁটিতে হামলার ঘটনাটি সংঘাতের সাম্প্রতিক পর্যায়ে মার্কিন বাহিনীর জন্য অন্যতম বড় প্রাণহানির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। 

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৭:২৩
পুলিশের প্রটোকল। ছবি: সংগ্রহীত
ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে সন্দেহভাজনের মৃত্যু, এলাকা এড়িয়ে চলার আহ্বান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে পারিবারিক সহিংসতার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ধাওয়া করার পর পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কী পরিস্থিতিতে গুলি চালানো হয়েছিল, তা নিয়ে পৃথক তদন্ত শুরু হয়েছে।    সিমি ভ্যালি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ডুসান স্ট্রিটের ২৫০০ ব্লকে একটি পারিবারিক সহিংসতার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান কর্মকর্তারা। সেখানে পৌঁছে তারা জানতে পারেন, ৩৭ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ইতোমধ্যে ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন ও বয়স্ক ব্যক্তির ওপর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের যথেষ্ট ভিত্তি পাওয়া যায়।    পুলিশের দাবি, সন্দেহভাজনের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী এলে তিনি পুলিশের সঙ্গে ‘গুলি বিনিময়ে জড়ানোর’ ইচ্ছার কথাও জানিয়েছিলেন। পরে দুপুর প্রায় ১টা ৩৫ মিনিটে সিমি ভ্যালি টাউন সেন্টারের কাছে তাঁর গাড়ি শনাক্ত করা হলে পুলিশ থামার নির্দেশ দেয়। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে পালিয়ে যান এবং শুরু হয় ধাওয়া।    ধাওয়া শেষে ডুসান স্ট্রিট এলাকায় সন্দেহভাজনের পিকআপ ট্রাকের সঙ্গে একটি পুলিশ মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর সেখানে গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থলের আকাশপথের ভিডিওতে একটি ক্ষতিগ্রস্ত পিকআপ ট্রাক, একটি ভেঙে যাওয়া পুলিশ মোটরসাইকেল এবং গুলির চিহ্ন দেখা গেছে।    সিমি ভ্যালি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে তদন্তের স্বার্থে গুলি চালানোর পরিস্থিতি বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।    ঘটনার তদন্তে সিমি ভ্যালি পুলিশের গোয়েন্দা শাখার পাশাপাশি ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরও অংশ নিয়েছে। একই সঙ্গে পুলিশের প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ব্যুরো পৃথক অভ্যন্তরীণ তদন্ত করবে।   ঘটনার পর কয়েক ঘণ্টা ডুসান স্ট্রিট ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়। পুলিশ বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে ওই এলাকায় না যাওয়ার অনুরোধ জানায় এবং প্রত্যক্ষদর্শীদের তদন্তে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৬:৫৪
এআই মানুষ। ছবি:সংগৃহীত
কোন নির্দেশ ছাড়াই এক এআই হ্যাক করল আরেক এআই কে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন এক নজিরবিহীন ঘটনার কথা প্রকাশ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পরীক্ষাধীন দুটি উন্নত এআই মডেল মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করে। প্রযুক্তি বিশ্বে এ ঘটনাকে এআই নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।    ওপেনএআই জানায়, ঘটনাটি ঘটে একটি অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষার সময়। ওই পরীক্ষায় এআই মডেলগুলোর সাইবার সক্ষমতা যাচাই করা হচ্ছিল। এজন্য স্বাভাবিকের তুলনায় কিছু নিরাপত্তা নিয়ন্ত্রণ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। সেই সুযোগে মডেলগুলো পরীক্ষার সীমাবদ্ধতা অতিক্রম করে ইন্টারনেটে প্রবেশ করে এবং পরে হাগিং ফেসের সার্ভারে ঢোকার পথ খুঁজে নেয়।    তদন্তে জানা গেছে, এআই মডেলগুলোর লক্ষ্য ছিল পরীক্ষায় ভালো ফল করা। এজন্য তারা নিজেরাই পরীক্ষার উত্তর খুঁজতে বিভিন্ন কৌশল ব্যবহার করে। একপর্যায়ে চুরি হওয়া লগইন তথ্য এবং আগে থেকে অজানা একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে হাগিং ফেসের সিস্টেমে প্রবেশের চেষ্টা চালায়।    হাগিং ফেস প্রথমে তাদের সিস্টেমে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করে হামলাটি থামিয়ে দেয়। পরে ওপেনএআই তদন্ত করে নিশ্চিত হয়, হামলার পেছনে ছিল তাদের নিজস্ব পরীক্ষাধীন এআই মডেল। দুটি প্রতিষ্ঠান এখন যৌথভাবে পুরো ঘটনার তদন্ত করছে।    ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এ ঘটনাকে ‘নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে আরও শক্তিশালী এআই তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ঝুঁকিও বাড়তে পারে। তাই উন্নত এআই মডেল পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।    হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেমেন্ট ডেলাঙ্গেও জানিয়েছেন, হামলার ধরন এতটাই জটিল ছিল যে শুরু থেকেই তাঁদের সন্দেহ হয়েছিল এটি কোনো শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার করে চালানো হয়েছে। পরে ওপেনএআইয়ের তদন্তে সেই ধারণাই সত্য প্রমাণিত হয়।    ওপেনএআই বলেছে, এ ঘটনায় ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত কোনো এআই মডেল, ডেটাসেট বা সেবায় পরিবর্তন আনা হয়নি। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে গবেষণার পরিবেশে অতিরিক্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ যুক্ত করা হচ্ছে এবং হাগিং ফেসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৬:১৬
দিল্লির বিক্ষোভে পুলিশের আঘাত।ছবি:সংগৃহীত
দিল্লির বিক্ষোভে পুলিশের আঘাতে ২০ বছর বয়সী তরুণী আইসিইউতে ভর্তি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণদের অনলাইনভিত্তিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ অভিমুখী কর্মসূচিতে পুলিশের অভিযানের সময় গুরুতর আহত এক তরুণীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার যন্তর মন্তরে সংঘর্ষের পর তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থার উন্নতি হওয়ায় ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে এবং তিনি এখন নিজে শ্বাস নিতে পারছেন।   এনডিটিভির প্রতিবেদনে তরুণীর বয়স নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের শিরোনামে তাঁকে ২০ বছর বয়সী বলা হলেও হাসপাতালের হালনাগাদ তথ্যে তাঁর বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে। তিনি এখন পুরোপুরি সচেতন এবং চিকিৎসকদের নির্দেশনায় সাড়া দিচ্ছেন। তাঁর মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই পরীক্ষায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।   সোমবার ককরোচ জনতা পার্টির ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী ও সমর্থক যন্তর মন্তর থেকে ভারতের পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।   পুলিশি অভিযানের সময় ওই তরুণী একটি ব্যারিকেডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে তাঁর মাথায় আঘাত লাগে। এ অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে পৃথক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।   আন্দোলনকারীরা মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। তাঁদের অভিযোগ, একের পর এক পরীক্ষায় অনিয়মের কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হলেও সরকার কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।   সূত্রের তথ্য অনুযায়ী, সোমবারের সংঘর্ষে অন্তত ৯০ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে ৭৯ জনকে মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে তাদের ১১৮ জনের বেশি সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ২০টির বেশি যানবাহন।   আহতদের দেখতে মঙ্গলবার হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।   আন্দোলনকারীদের দুই প্রতিনিধি নাড্ডার সঙ্গে বৈঠক করে তিনটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া।   সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনাটি ইতিবাচক পরিবেশে হয়েছে। আন্দোলনকারীদের যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়। তবে দাবি পূরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।   পুলিশ আগের দিন যন্তর মন্তরের মঞ্চ ও তাঁবু সরিয়ে দিলেও মঙ্গলবার থেকে সেখানে আবারও অবস্থান নেন বিক্ষোভকারীরা। বুধবারও কর্মসূচি অব্যাহত থাকে এবং রাতভর আরও সমর্থক বিক্ষোভস্থলে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়।   শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের দিকে মিছিল করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী। পুলিশ তাঁদের কর্মসূচিতে বাধা দেয় এবং রাহুল গান্ধীসহ কয়েকজনকে সাময়িকভাবে আটক করে। আটক ও আহত আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছে কংগ্রেস।   দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা করা হয়েছে। সহিংসতা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এসব মামলা হয়েছে।   ভারত সরকার বলছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে পুনরায় পরীক্ষা নেওয়া এবং দ্রুত ফল প্রকাশের ব্যবস্থাও করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৫:৫৭
মামদানি ।ছবি:সংগৃহিত
নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন না মামদানি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সফরে গ্রেপ্তার করার আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই বলে স্বীকার করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। তবে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানিয়েছেন।    মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি জানান, তাঁর প্রশাসন বিষয়টি নিয়ে আইনি পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সেই ক্ষমতা রয়েছে বলে তিনি দাবি করেন।    ভিডিও বার্তায় মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগের বিচার হওয়া উচিত। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয়ে পরোয়ানা বাস্তবায়নের আহ্বান জানান।    মেয়র নির্বাচনের প্রচারণার সময় মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। সম্প্রতি তিনি বলেছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে এলে বিষয়টি নিয়ে তাঁর প্রশাসন আইনি পথ খুঁজছে। তবে সর্বশেষ আইনি পর্যালোচনার পর তিনি স্বীকার করেন, স্থানীয় প্রশাসনের সেই ক্ষমতা নেই।    মামদানির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, নিউইয়র্কবাসীর সেবা করাই মেয়রের দায়িত্ব, কোনো সশস্ত্র গোষ্ঠীর পক্ষে প্রচারণা চালানো নয়।    অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো অবস্থাতেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।    যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় এবং আদালতের এখতিয়ারও স্বীকৃতি দেয় না। ফলে আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করার বিষয়ে দেশটির ওপর কোনো চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা নেই।    ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ চলাকালে সংঘটিত কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সময়ে হামাসের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ইসরায়েল সরকার ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার স্বীকার করে না।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৫:৪৮
ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। ছবি:সংগৃহীত
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ৮৪ বিলিয়ন ডলারের জরিমানা আরোপ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মোট ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের জরিমানা আরোপ করা হয়েছে।   ডিএইচএসের তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি আদালতের চূড়ান্ত বহিষ্কার আদেশ (Final Order of Removal) পাওয়ার পরও যুক্তরাষ্ট্র ত্যাগ করেননি, তাঁদের লক্ষ্য করেই এই জরিমানাগুলো জারি করা হয়েছে।   যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বহিষ্কার আদেশ অমান্য করে দেশে অবস্থান করলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা করার বিধান রয়েছে। সেই আইনের আওতায় দীর্ঘদিনের বকেয়া জরিমানা হিসাব করেই মোট অঙ্কটি নির্ধারণ করা হয়েছে।   ট্রাম্প প্রশাসন বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো অভিবাসন আইন কার্যকর করা এবং আদালতের নির্দেশ অমান্যকারীদের জবাবদিহির আওতায় আনা।   অন্যদিকে, অভিবাসন অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, অধিকাংশ অভিবাসীর পক্ষেই এত বড় অঙ্কের জরিমানা পরিশোধ করা বাস্তবে সম্ভব নয়। ফলে এটি কার্যকর আর্থিক শাস্তির চেয়ে ভীতির পরিবেশ তৈরির কৌশল হিসেবেই বেশি ব্যবহৃত হতে পারে।   দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, গণহারে আটক অভিযান, দ্রুত বহিষ্কার কার্যক্রম এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আর্থিক শাস্তি—সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা চলছে।

প্রকাশ : জুলাই ২২, ২০২৬ ৫:৩৫