সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
সন্তানকে সুইমিংপুলে ডুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার টেনেসির এক নারী। ছবি: সংগৃহীত
নিজের সন্তানকে সুইমিং পুলের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা, মা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে নিজের এক সন্তানকে বাড়ির পেছনের সুইমিংপুলে জোর করে পানির নিচে চেপে ধরে হত্যার চেষ্টা করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে গুরুতর শিশু নির্যাতন ও অবহেলার অভিযোগ আনা হয়েছে।   ওয়াশিংটন কাউন্টি শেরিফস অফিস জানিয়েছে, গত ১৫ জুলাই বিকেল প্রায় ৫টার দিকে জনসন সিটির কোচরান রোডের একটি বাড়ি থেকে গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।   তদন্তে জানা যায়, ৩১ বছর বয়সী মিকাইলি রে বিয়ার্ন (Mikaylee Rae Beirne) বাড়ির পেছনের সুইমিংপুলে কয়েকজন শিশুর সঙ্গে ছিলেন। এ সময় বাড়ির ভেতরে আরেকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অবস্থান করছিলেন।   প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ এক শিশু দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে ওই প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে জানায় যে, বিয়ার্ন অপর এক শিশুকে জোর করে পানির নিচে চেপে ধরে রেখেছেন।   খবর পেয়ে ওই ব্যক্তি দ্রুত সুইমিংপুলে গিয়ে শিশুটিকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ার্নকে বলেন। তবে অভিযোগ অনুযায়ী, তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে ছাড়তে অস্বীকৃতি জানান।   পরে ওই প্রাপ্তবয়স্ক ব্যক্তি জোর করে বিয়ার্নকে সরিয়ে শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন। কিছুক্ষণ পর আরেকজন প্রাপ্তবয়স্ক ঘটনাস্থলে পৌঁছে বিয়ার্নের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে চলে যান।   পরে জরুরি সেবা কর্মীদের ডাকা হলে আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির শরীরে সামান্য আঘাত ও কিছু স্থানে কালশিটে দাগ পাওয়া গেছে। সৌভাগ্যবশত, তার অবস্থা গুরুতর হয়নি।   ওয়াশিংটন কাউন্টি শেরিফস অফিসের সদস্যরা অল্প সময়ের মধ্যেই বিয়ার্নকে খুঁজে বের করে গ্রেপ্তার করেন। বর্তমানে তিনি ওয়াশিংটন কাউন্টি ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। আদালত তার জামিনের পরিমাণ ৫০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করেছেন।   শেরিফ কিথ সেক্সটন বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পূর্ণ কারণ ও পেছনের পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ঘটনাটি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ২১:২৩
ইরানে নতুন দফার বিমান হামলার তথ্য প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই ইরানে মার্কিন বিমান হামলা শুরু

বিশ্ব যখন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে উচ্ছ্বাসে মেতেছিল, ঠিক সেই সময় ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এটি ইরানে টানা নবম রাতের সামরিক অভিযান, যার লক্ষ্য দেশটির সামরিক সক্ষমতা আরও দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।   সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, নতুন এই অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রয়েছে। তাদের দাবি, হামলায় ইরানের সামরিক স্থাপনা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সংক্রান্ত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এমন অবকাঠামো ধ্বংস করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য।   বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই নৌপথ দিয়ে বিশ্বের বড় অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে সেখানে সামরিক সংঘাত বাড়তে থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।   এদিকে, ইরানের পাল্টা ড্রোন হামলার আশঙ্কায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কুয়েত। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, আকাশসীমায় প্রবেশকারী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত হওয়ার পর সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের শব্দ মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নাগরিকদের আতঙ্কিত না হয়ে সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।   মার্কিন হামলার পাশাপাশি ইরানও উপসাগরীয় অঞ্চলে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত, বাহরাইন, জর্ডানসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি করেছে। যদিও এসব হামলার সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও এর প্রভাব পড়তে পারে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ২০:৩৩
বিশ্বকাপ ফাইনাল চলাকালে পশ্চিম তীরে নিহত এক ফিলিস্তিনি। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে নিহত ফিলিস্তিনি তরুণ

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। বিশ্বের কোটি কোটি দর্শকের সঙ্গে ফিলিস্তিনের অনেক মানুষও ম্যাচটি উপভোগ করছিলেন। তবে সেই আনন্দের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বিশ্বকাপের ফাইনাল দেখার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।   স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার (স্থানীয় সময়) পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর-পূর্বে অবস্থিত দেইর জারির শহরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একজন ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তার নাম বা বয়স প্রকাশ করেনি। অন্যদিকে, ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই তরুণ আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর দেইর জারির এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।   এদিকে, চলতি বিশ্বকাপে স্পেনের প্রতি ফিলিস্তিনিদের সমর্থনের বিষয়টি আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। গাজার বহু মানুষ ক্যাফে, অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও খোলা জায়গায় একসঙ্গে বসে স্পেনের ম্যাচ উপভোগ করেছেন। অনেকের মতে, গাজা ইস্যুতে স্পেন সরকারের অবস্থান এবং দেশটির প্রতি সংহতির অনুভূতির কারণেই স্পেনের প্রতি তাদের সমর্থন আরও জোরালো হয়ে ওঠে।   অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সামরিক অভিযান, নিরাপত্তা তল্লাশি, বিক্ষোভ এবং বিভিন্ন সংঘর্ষকে কেন্দ্র করে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়ে আসছে।   বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ ছিল, ঠিক সেই সময় পশ্চিম তীরে ঘটে যাওয়া এই প্রাণহানির ঘটনা অঞ্চলটির চলমান অস্থিরতা ও মানবিক সংকটকে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় নিয়ে এসেছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ২০:২১
অভিবাসীর কন্যাকে বিয়ে করে অভিবাসীদের বিরুদ্ধে কথা?’ জেডি ভ্যান্সকে ওবামার প্রশ্ন
অভিবাসীর কন্যাকে বিয়ে করে অভিবাসীদের বিরুদ্ধে কথা?’ জেডি ভ্যান্সকে ওবামার প্রশ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অভিবাসনবিষয়ক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। লেখক ও সাংবাদিক ম্যালকম গ্ল্যাডওয়েলের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, একজন মানুষের আমেরিকান পরিচয়কে তার বাবা-মায়ের জন্মস্থান বা পারিবারিক শিকড় দিয়ে বিচার করার বক্তব্যের সঙ্গে ভ্যান্সের ব্যক্তিগত জীবনের একটি স্পষ্ট সাংঘর্ষিক দিক রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।    ওবামা বলেন, বর্তমান ভাইস প্রেসিডেন্ট এমন একটি ধারণা তুলে ধরছেন, যা মূলত ‘We the People’-এর একটি ‘blood-and-soil’ বা বংশপরিচয়ভিত্তিক সংস্করণ। তার ভাষায়, সেখানে একজন মানুষের বাবা-মা কে এবং তারা কতদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন—এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ ভ্যান্স নিজেই একজন অভিবাসী পরিবারের কন্যাকে বিয়ে করেছেন।    ওবামার এই মন্তব্যের ইঙ্গিত ছিল যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্সকে ঘিরে। উষা ভ্যান্স যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও তার বাবা-মা ভারত থেকে অভিবাসন করেছিলেন। জেডি ও উষা ভ্যান্সের তিন সন্তান রয়েছে এবং তারা তাদের চতুর্থ সন্তানের অপেক্ষায় রয়েছেন।    আলোচনায় ম্যালকম গ্ল্যাডওয়েল বলেন, এক শতাব্দী আগে অভিবাসীবিরোধী অবস্থান নেওয়া কোনো শীর্ষ রাজনীতিকের পক্ষে অভিবাসী পরিবারের সদস্যকে বিয়ে করা প্রায় অকল্পনীয় ছিল। এর জবাবে ওবামা বলেন, “Hypocrisy is progress” বা “ভণ্ডামিও এক ধরনের অগ্রগতি।” তার ব্যাখ্যায়, অন্তত তখন মানুষ বুঝতে পারে যে তার অবস্থানের সঙ্গে বাস্তবতার একটি অসঙ্গতি রয়েছে এবং সেটিই পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে।    সাম্প্রতিক সময়ে জেডি ভ্যান্স জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) নিয়ে কড়া অবস্থান নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে কেবল একটি ধারণা নয়, বরং নির্দিষ্ট জনগোষ্ঠীর একটি জাতি হিসেবে তুলে ধরার পক্ষে বক্তব্য দিয়েছেন। এসব অবস্থানকে ঘিরেই ওবামা তার সমালোচনা করেন।    ওবামা আরও বলেন, যুক্তরাষ্ট্রের শক্তি তার বহুত্ববাদে। বিভিন্ন দেশ, সংস্কৃতি ও অভিবাসী পটভূমি থেকে আসা মানুষ একসঙ্গে আমেরিকান পরিচয় গড়ে তুলেছেন। তার মতে, নাগরিকত্ব বা জাতীয় পরিচয়কে বংশপরিচয়ের ভিত্তিতে সীমাবদ্ধ করার চেষ্টা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অন্তর্ভুক্তিমূলক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৯:৪২
ছবি: নিউইয়র্ক পোস্ট
ক্যালিফোর্নিয়ায় আমলাতান্ত্রিক জটিলতায় আটকে মেগাসিটি প্রকল্প, টেক্সাসে গেল ১০ হাজার চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভারী শিল্পের পুনরুজ্জীবন ঘটাতে সিলিকন ভ্যালির বিলিয়নিয়ারদের অর্থায়নে শুরু হওয়া মেগা-প্রজেক্ট 'ক্যালিফোর্নিয়া ফরেভার' বড় ধরনের ধাক্কা খেয়েছে। সোলানো কাউন্টির বিস্তীর্ণ অঞ্চলে একটি নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ার যে উচ্চাভিলাষী স্বপ্ন তারা দেখেছিল, রাজ্যের কুখ্যাত আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা এখন তীব্র সমালোচনার মুখে।   সম্প্রতি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান সারোনিক টেকনোলজিস তাদের ৩.২ বিলিয়ন ডলারের 'পোর্ট আলফা' স্বয়ংক্রিয় শিপইয়ার্ড ক্যালিফোর্নিয়ার বদলে টেক্সাসের ব্রাউনসভিলে নির্মাণের ঘোষণা দিলে এই মেগাসিটি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়। এই একটি সিদ্ধান্তের ফলেই ক্যালিফোর্নিয়া প্রায় ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ হারালো।   ক্যালিফোর্নিয়ার সাশ্রয়ী বাসস্থানের সংকট দূর করা এবং উন্নত উৎপাদন ও প্রতিরক্ষা খাতে চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে সোলানো কাউন্টির ৫০ হাজার একরেরও বেশি জমি নিয়ে এই মেগা-প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছিল। লরেন পাওয়েল জবস, রিড হফম্যান, মার্ক অ্যান্ড্রেসেনের মতো প্রখ্যাত বিলিয়নিয়ার বিনিয়োগকারীদের অর্থায়নে ফ্ল্যানারি অ্যাসোসিয়েটস এই বিশাল প্রকল্পের নেপথ্যে রয়েছে।   ক্যালিফোর্নিয়া ফরেভারের প্রতিষ্ঠাতা ও সিইও জ্যান স্রামেক এটিকে একুশ শতকের উৎপাদন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে জমি কেনা হলেও, আমলাতন্ত্র, ধীরগতির আইন প্রণয়ন প্রক্রিয়া, রাজনৈতিক দ্বন্দ্ব এবং স্থানীয়দের বিরোধিতার মতো পুরনো সমস্যাগুলোর কারণে প্রকল্পের কাজ এখনো মাঠ পর্যায়ে শুরু করা যায়নি।   সারোনিক টেকনোলজিসের ক্যালিফোর্নিয়া ছেড়ে যাওয়ার ঘটনাকে রাজ্যের ব্যবসায়ী মহলের জন্য একটি বিশাল ক্ষতি হিসেবে দেখছেন বিশ্লেষক ও রাজনীতিকরা। ক্যালিফোর্নিয়ার গভর্নর পদপ্রার্থী স্টিভ হিলটন রাজ্যের ব্যবসাবিমুখ মনোভাব এবং অতিরিক্ত নীতিমালার কঠোর সমালোচনা করে অবিলম্বে এসব বাধা দূর করার আহ্বান জানিয়েছেন।   তবে প্রকল্পের পক্ষের আইনপ্রণেতারা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমলাতান্ত্রিক বাধা দূর করতে নতুন বিল পাসের জোর প্রচেষ্টা চালাচ্ছেন। সাবেক ডেমোক্র্যাটিক স্টেট সিনেটর ড্যারেল স্টেইনবার্গ এবং রবার্ট হার্টজবার্গ আশাবাদী যে, লাল ফিতার দৌরাত্ম্য কমাতে পারলে ভবিষ্যতে অন্যান্য বড় শিপবিল্ডার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই স্বপ্নের শহরে বিনিয়োগ করতে ছুটে আসবে। আগামী কয়েক দশকের মধ্যে এখানে ৪ লাখ মানুষের বাসস্থান ও বিশাল বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলার যে প্রাথমিক রূপরেখা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে এখন রাজ্যের নীতিগত সহায়তাই প্রধান ভরসা।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৯:২১
ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের মেমফিসে ১৩ বছরের মেয়ের খাটের নিচে লুকিয়ে থাকা যুবককে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা।

যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে ১৩ বছর বয়সী মেয়ের বিছানার নিচে এক যুবককে লুকিয়ে থাকতে দেখে তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। কেন্ড্রা স্কট নামের ৩৬ বছর বয়সী ওই নারীকে ফার্স্ট-ডিগ্রি বা প্রথম মাত্রার খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার কিছু আগে মেমফিসে কেন্ড্রার বাড়ির বাইরে থেকে রডেরিয়াস মর্টন নামের ২০ বছর বয়সী ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।   আদালতের নথি ও আইনজীবীর তথ্যমতে, চাঞ্চল্যকর এই ঘটনার সূত্রপাত ঘটে যখন ওই কিশোরী রাত ১টার দিকে মর্টনকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। এর প্রায় ৩০ মিনিট পর কেন্ড্রা স্কট বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিতে শুরু করেন এবং ক্ষুব্ধ হয়ে জানতে চান ঘরের ভেতর কে আছে। মায়ের হাতে বন্দুক দেখে কিশোরী মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে।   পুলিশকে সে জানায়, তার মা আগেই হুমকি দিয়েছিলেন যে ঘরের ভেতর কোনো ছেলেকে দেখলে তিনি তাকে গুলি করবেন। একপর্যায়ে মেয়ে দরজা খুলে দিলে কেন্ড্রা ঘরের ভেতর প্রবেশ করেন এবং মেয়ের বিছানার নিচে মর্টনকে লুকিয়ে থাকতে দেখেন। ক্ষিপ্ত হয়ে তিনি মর্টনকে গালিগালাজ করে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন এবং তাকে অনুসরণ করে সদর দরজা পর্যন্ত যান।   ঠিক তখনই একটি গুলির শব্দ শুনতে পান ওই কিশোরী এবং তাদের এক প্রতিবেশী। ওই প্রতিবেশী পুলিশকে জানান, তিনি বাড়ি থেকে বেরিয়ে কেন্ড্রাকে মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখনো তার হাতে বন্দুক ছিল এবং তিনি স্বীকার করছিলেন যে, "আমি তাকে গুলি করেছি, আমি তাকে গুলি করেছি।" ঘটনাস্থল থেকে পুলিশ একটি স্মিথ অ্যান্ড ওয়েসন ব্ল্যাক হ্যান্ডগান এবং গুলির খোসা উদ্ধার করেছে। কেন্ড্রাকে জিজ্ঞাসাবাদের পর মেমফিস পুলিশ তাকে প্রথম মাত্রার হত্যা এবং বিপজ্জনক অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দায়ে অভিযুক্ত করেছে।   কেন্ড্রার আইনজীবী ব্লেক ব্যালিন এই ঘটনাকে "যেকোনো ১৩ বছর বয়সী মেয়ের অভিভাবকের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন" বলে আখ্যায়িত করেছেন। তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে কোনো মানুষ যৌক্তিকভাবে আচরণ করতে পারে কি না। তবে অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং আত্মরক্ষা প্রশিক্ষক বাডি স্মিথ জানিয়েছেন, কেন্ড্রা স্কটের এই মামলাটি টেনেসির 'ক্যাসল ডকট্রিন' বা আত্মরক্ষা আইনের আওতায় পড়বে না। কারণ ওই যুবক জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেনি বা অনুপ্রবেশকারী ছিল না, এবং হলফনামায় এমন কোনো অভিযোগ নেই যে সে মা বা অন্য কাউকে হুমকি দিয়েছিল। আদালতের কাছে এবং জুরির সামনে এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।   এদিকে, এই ঘটনাটি অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, পরিস্থিতি বিবেচনায় মায়ের এই পদক্ষেপ হয়তো যৌক্তিক ছিল; আবার অনেকের মতে, তিনি চরম বাড়াবাড়ি করে ফেলেছেন। এমনকি কেন্ড্রার প্রতিবেশীরাও এই ইস্যুতে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৮:৫৫
শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন
শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু করা স্পেনই শেষ পর্যন্ত শেষ হাসি হাসল। বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরল লা রোজারা। ফাইনালে ১০ জনের আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের রোমাঞ্চকর জয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিল ইউরোপের পরাশক্তিরা। শুরুর হতাশা কাটিয়ে একের পর এক জয় আর গোলপোস্ট অক্ষত রেখে স্পেনের এই শিরোপা জয় যেন এক অবিশ্বাস্য রূপকথার গল্প।   দারুণ সব প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা এদিন সমর্থকদের পুরোপুরি হতাশ করেছে। পুরো ১২০ মিনিটের খেলায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে স্পেন। আর্জেন্টিনা মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখতে সক্ষম হয় এবং পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও রাখতে পারেনি। নির্ধারিত সময়ে স্পেনের জয় না পাওয়াটা ছিল স্রেফ দুর্ভাগ্য। তবে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার পেছনে মূল অবদান ছিল আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের, যিনি ১০টি দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের গোল আর ঠেকাতে পারেননি তিনি।   ম্যাচের শুরু থেকেই স্পেনের দাপট ছিল চোখে পড়ার মতো। মাত্র ৫ মিনিটের মাথায় লামিন ইয়ামাল দলকে প্রায় এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রথমার্ধের ২৩ মিনিটে আর্জেন্টিনা মাত্র ৩২ শতাংশ বল দখলে রাখতে পেরেছিল, যেখানে মেসি, গঞ্জালেজ ও আলভারেজরা ছিলেন অনেকটা নিষ্প্রভ। স্প্যানিশ অধিনায়ক রদ্রি পুরো মাঠ জুড়ে দারুণ খেলেছেন, এমনকি ডিফেন্সেও রেখেছেন বড় অবদান। অন্যদিকে ৪১ মিনিটে ওয়ারজাবালকে ফাউল করে হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ, যিনি পরবর্তীতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।   দ্বিতীয়ার্ধে লিওনেল স্কালোনি দলে পরিবর্তন আনলেও আর্জেন্টিনার খেলায় খুব একটা ধার ফেরেনি। ৫৫ মিনিটে ওতামেন্দির দারুণ ট্যাকল এবং গোলরক্ষক মার্টিনেজের বীরত্বে আর্জেন্টিনা বেশ কয়েকটি নিশ্চিত গোল হজম থেকে বেঁচে যায়। তবে ম্যাচের শেষ ভাগে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। ১৯৬৬ সালের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে প্রথম ৭০ মিনিটে লক্ষ্যে কোনো শট নিতে ব্যর্থ হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়ে স্কালোনির শিষ্যরা।   অতিরিক্ত সময়ের শুরুতেই নিকো উইলিয়ামসের একটি গোল ভিএআর-এর সাহায্যে বাতিল হয়ে যায় ফাউলের কারণে। তবে স্পেন তাদের আক্রমণের ধারা অব্যাহত রাখে। অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের মাত্র ২৭ সেকেন্ডের মাথায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। পেদ্রো পোরোর ক্রস থেকে উইলিয়ামসের সহায়তায় দারুণ এক ফিনিশিংয়ে বল জালে জড়ান বদলি হিসেবে নামা ফেরান তোরেস। ২০১৪ সালে মারিও গোৎসের পর আবারও ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে হৃদয় ভাঙে আর্জেন্টিনার, আর স্পেন মেতে ওঠে বিশ্বজয়ের বুনো উল্লাসে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৮:৩১
যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার জন্য গ্রান্টের সুযোগ I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার জন্য গ্রান্টের সুযোগ, স্যানট্যান্ডারের কর্মসূচিতে মিলতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত

যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জুলাই মাসে উন্মুক্ত হয়েছে একাধিক গ্রান্ট কর্মসূচি। ব্যবসা সম্প্রসারণ, নতুন উদ্যোগে বিনিয়োগ এবং আর্থিক সহায়তা দিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এ মাসে অনুদানের আবেদন গ্রহণ করছে। এর মধ্যে স্যানট্যান্ডার ইউএসের ‘কালটিভেট স্মল বিজনেস’ কর্মসূচিতে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত গ্রান্ট পাওয়ার সুযোগ থাকায় এটি বিশেষভাবে উদ্যোক্তাদের নজর কেড়েছে।    দ্য বিজনেস জার্নালসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে আবেদন গ্রহণকারী উল্লেখযোগ্য গ্রান্ট কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে স্যানট্যান্ডার ইউএসের পাশাপাশি স্ট্যানলির একটি বিশেষ অনুদান উদ্যোগও।    স্যানট্যান্ডার ইউএসের ‘কালটিভেট স্মল বিজনেস’ মূলত যুক্তরাষ্ট্রের প্রাথমিক পর্যায়ের খাদ্য ও খাদ্যসংশ্লিষ্ট ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তাদের জন্য পরিচালিত হয়। ১২ সপ্তাহের এই বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা ও প্রবৃদ্ধি কৌশল নিয়ে প্রশিক্ষণ এবং মেন্টরশিপ পান। কর্মসূচি সফলভাবে শেষ করা সব অংশগ্রহণকারী ২ হাজার ৫০০ ডলার অনুদান পান এবং নির্বাচিত সেরা উদ্যোক্তারা অতিরিক্ত সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত গ্রান্টের জন্য বিবেচিত হন।    এই কর্মসূচিতে আবেদন করতে হলে ব্যবসাটি যুক্তরাষ্ট্রে পরিচালিত হতে হবে, অন্তত এক বছর ধরে কার্যক্রম চালিয়ে যেতে হবে, পূর্ণকালীনভাবে ব্যবসায় যুক্ত থাকতে হবে এবং প্রতিষ্ঠানে ১০ জনের কম পূর্ণকালীন কর্মী থাকতে হবে। এছাড়া গত অর্থবছরে প্রতিষ্ঠানের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। চলতি বছরের ফল (Fall) ব্যাচের আবেদন গ্রহণের শেষ সময় ২১ জুলাই।    অন্যদিকে, স্ট্যানলি ১৯১৩ এবং টুগেদারএক্সআর (TOGETHXR)-এর যৌথ ‘চেঞ্জিং দ্য গেম’ গ্রান্ট কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রভিত্তিক পাঁচটি লাভজনক খাদ্য বা পানীয় ব্যবসাকে ২০ হাজার ডলার করে অনুদান দেওয়া হবে। নারীদের খেলাধুলাকে উৎসাহিত করে এমন ব্যবসাগুলো এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবে। এ গ্রান্টের আবেদন শেষ হবে ৩১ জুলাই।    ব্যবসা বিশেষজ্ঞদের মতে, ব্যাংক ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনুদানভিত্তিক অর্থায়নের গুরুত্ব বাড়ছে। গ্রান্টের অর্থ ফেরত দিতে হয় না, ফলে নতুন উদ্যোক্তা ও সম্প্রসারণে আগ্রহী ছোট ব্যবসাগুলোর জন্য এসব কর্মসূচি উল্লেখযোগ্য সহায়তা হতে পারে। আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, শর্তাবলি এবং সময়সীমা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৮:৮
যুক্তরাষ্ট্রে স্থায়ী ডেলাইট সেভিং টাইম চালুর উদ্যোগ I কোলাজ: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে স্থায়ী ডেলাইট সেভিং টাইম চালুর উদ্যোগ, অতীতের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রে আবারও বছরজুড়ে স্থায়ী ‘ডেলাইট সেভিং টাইম’ (ডিএসটি) চালুর জোর তৎপরতা শুরু হয়েছে। প্রতিনিধি পরিষদে 'সানশাইন প্রটেকশন অ্যাক্ট' পাস হওয়ার পর বিলটি এখন সিনেট ও পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এই আইনটি পুরোপুরি কার্যকর হলে মার্কিন নাগরিকদের আর বছরে দুবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা সামনে বা পেছনে সরাতে হবে না।   তবে বছরজুড়ে ডেলাইট সেভিং টাইম পালন করা শুনতে যতটা সহজ মনে হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাস বলে এই ব্যবস্থা কার্যকর করা বেশ জটিল। এর আগে ১৯৭০-এর দশকে ঠিক একই সিদ্ধান্ত নেওয়া হলেও চরম বিপত্তি ও জনরোষের মুখে অল্প সময়ের মধ্যেই তা বাতিল করতে হয়েছিল।   জ্বালানি সংরক্ষণের লক্ষ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ডেলাইট সেভিং টাইম চালু করা হয়। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালে এটি পুনরায় চালু হলেও সময় পরিবর্তন নিয়ে বিভিন্ন রাজ্য ও স্থানীয় প্রশাসনের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ১৯৬৬ সালে ‘ইউনিফর্ম টাইম অ্যাক্ট’-এর মাধ্যমে বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের নিয়মটি সুনির্দিষ্ট করা হয়।   কিন্তু ১৯৭৩ সালে জাতীয় জ্বালানি সংকটের মুখে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বছরজুড়ে স্থায়ী ডিএসটি কার্যকর করার বিশেষ বিলে স্বাক্ষর করেন। শুরুতে দেশটির প্রায় ৮০ শতাংশ নাগরিক এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও মাত্র কয়েক মাসের মধ্যে এর সমর্থন কমে ৪২ শতাংশে নেমে আসে।   বছরজুড়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে রাখার মূল বিপত্তি দেখা দেয় শীতকালে। সূর্য দেরিতে ওঠায় দেশের অনেক স্থানে সকাল প্রায় ৯টা পর্যন্ত চারপাশ অন্ধকার থাকত। ফলে কোমলমতি শিশুদের টর্চলাইট হাতে নিয়ে ঘোর অন্ধকারে স্কুলে যেতে হতো, যা মারাত্মক সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে যানবাহনের ধাক্কায় শিশু হতাহতের ঘটনা ঘটে, যার মধ্যে কেবল ফ্লোরিডাতেই আটজন শিশুর মৃত্যু হয়।   অন্যদিকে মার্কিন পরিবহন দপ্তর থেকে জানানো হয়, স্থায়ী এই ব্যবস্থার ফলে জ্বালানি সাশ্রয়ের পরিমাণ ছিল মাত্র ০.৪ থেকে ১.৫ শতাংশ, যা প্রত্যাশার তুলনায় অতি সামান্য। ফলে সার্বিক নিরাপত্তা ও অচলাবস্থা বিবেচনায় ১৯৭৪ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড নতুন বিলে স্বাক্ষর করে স্থায়ী ডিএসটি বাতিল করেন এবং দেশকে আগের নিয়মে ফিরিয়ে আনেন।   বর্তমানে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠন স্থায়ী ডেলাইট সেভিং টাইমের পরিবর্তে ‘স্থায়ী স্ট্যান্ডার্ড টাইম’ চালুর জোর দাবি জানাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, সকালে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া মানুষের বায়োলজিক্যাল ক্লক বা ‘সারকাডিয়ান রিদম’-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা রক্তচাপ, হৃদস্পন্দন, মানসিক স্বাস্থ্য ও ঘুমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।   অন্যদিকে অর্থোডক্স ইহুদি সম্প্রদায় মনে করে, সকালে সূর্য দেরিতে উঠলে তাদের নির্ধারিত সময়ের সকালের ধর্মীয় প্রার্থনা শেষ করে সময়মতো কর্মস্থলে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। ফলে ইউএস কংগ্রেসে এখন স্থায়ী ডিএসটি ও স্থায়ী স্ট্যান্ডার্ড টাইম উভয় ধরনের একাধিক বিল বিবেচনাধীন থাকলেও, অতীতের অভিজ্ঞতার কারণে সিনেট শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাবে কি না, তা নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৭:৪৮
মেটলাইফের বুলেটপ্রুফ গ্যালারিতে বিশ্বকাপ ফাইনালে ডোনাল্ড ট্রাম্প
কড়া নিরাপত্তায় মেটলাইফের বুলেটপ্রুফ গ্যালারিতে বিশ্বকাপ ফাইনালে ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হয়েছেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তার এই উপস্থিতিকে কেন্দ্র করে স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে স্টেডিয়ামের একটি সম্পূর্ণ সুরক্ষিত বুলেটপ্রুফ গ্যালারিতে বসার ব্যবস্থা করা হয়, যাতে অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি এড়ানো যায়।   নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মেটলাইফ স্টেডিয়ামজুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। স্টেডিয়ামের সাধারণ প্রবেশপথ থেকে শুরু করে ভিআইপি গ্যালারি পর্যন্ত সর্বত্রই নিশ্ছিদ্র নজরদারি ও কড়া তল্লাশির ব্যবস্থা করা হয়। ড্রোনের মাধ্যমে আকাশসীমা এবং মাঠের চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় রাখা হয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের শেষ ম্যাচে ডোনাল্ড ট্রাম্পের এই উপস্থিতি ফুটবল ভক্ত ও দর্শকদের মাঝে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।   নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের বাইরের পরিবেশেও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। আশপাশের সড়কগুলোতে যান চলাচল ও সাধারণের প্রবেশাধিকার সীমিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। গ্যালারিতে হাজারো ফুটবলপ্রেমীর বাঁধভাঙা উচ্ছ্বাস ও উন্মাদনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের এই হাই-প্রোফাইল উপস্থিতি এখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালের অন্যতম আলোচিত ও চর্চিত বিষয় হয়ে উঠেছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৭:১৮
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে কঠিন হচ্ছে হাজারো মানুষের যুক্তরাষ্ট্রে আসার পথ
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে কঠিন হচ্ছে হাজারো মানুষের যুক্তরাষ্ট্রে আসার পথ

যুক্তরাষ্ট্রে নতুন জীবন গড়ার স্বপ্ন নিয়ে প্রতিবছর লাখো মানুষ শিক্ষার্থী ভিসা, কর্মসংস্থানভিত্তিক ভিসা, পরিবারভিত্তিক অভিবাসন, বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড কিংবা অন্যান্য বৈধ অভিবাসন কর্মসূচির মাধ্যমে দেশটিতে আসার চেষ্টা করেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একের পর এক কঠোর অভিবাসন নীতি কার্যকর ও প্রস্তাবিত হওয়ায় বৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে আসার পথ আগের তুলনায় আরও কঠিন হয়ে উঠছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।    ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং অভিবাসন ব্যবস্থায় আরও কঠোর যাচাই-বাছাইয়ের ওপর জোর দিচ্ছে। তবে এর প্রভাব শুধু অবৈধ অভিবাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থী, দক্ষ পেশাজীবী, গ্রিন কার্ড প্রত্যাশী এবং পরিবারভিত্তিক অভিবাসন আবেদনকারীদের ক্ষেত্রেও নতুন নিয়ম ও বাড়তি যাচাইয়ের প্রভাব পড়ছে।    সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিতর্কিত ‘পাবলিক চার্জ’ নীতি পুনর্বহালের ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রিন কার্ড আবেদনকারীর আর্থিক সক্ষমতা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পারিবারিক অবস্থা এবং ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা আরও বিস্তৃতভাবে মূল্যায়ন করা হবে। প্রশাসনের দাবি, এই নীতির উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে স্বনির্ভর অভিবাসীদের উৎসাহিত করা।    এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করা কিছু গ্রিন কার্ড প্রত্যাশীর জন্য ১ লাখ ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড চালুর একটি প্রস্তাবও বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনাটি এখনো চূড়ান্ত না হলেও এটি বাস্তবায়িত হলে বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হতে পারে।    অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে বিভিন্ন ধরনের অস্থায়ী ভিসা আবেদনকারীর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পর্যালোচনার নির্দেশনা দিয়েছে। এফ, এম ও জে ক্যাটাগরির শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসা, এইচ-১বি এবং আরও কয়েকটি ভিসা শ্রেণির আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল উন্মুক্ত রাখার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা যাচাই আরও কঠোরভাবে করা যায়।    এছাড়া সাম্প্রতিক এক চূড়ান্ত নিয়মে এফ, জে এবং আই ভিসাধারীদের দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতি পরিবর্তন করে নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে অবস্থানের নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান ও নবায়ন প্রক্রিয়ায় নতুন বাস্তবতা তৈরি হতে পারে।    অভিবাসন আইনজীবীদের জাতীয় সংগঠন আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশন (AILA) নতুন ‘পাবলিক চার্জ’ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির মতে, এই পরিবর্তনের ফলে অভিবাসন ব্যবস্থায় বিভ্রান্তি বাড়তে পারে, একই সঙ্গে অভিবাসন কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বিস্তৃত হবে, যা অভিবাসী পরিবার ও কমিউনিটির জন্য অনিশ্চয়তা তৈরি করতে পারে।    AILA-এর প্রেসিডেন্ট জেফ জোসেফ এক বিবৃতিতে বলেন, বহু বছর ধরে কংগ্রেস নির্ধারিত সুস্পষ্ট মানদণ্ড অনুসরণ করে পাবলিক চার্জ মূল্যায়ন করা হতো। নতুন নীতিতে সেই স্বচ্ছ কাঠামো থেকে সরে এসে কর্মকর্তাদের বিবেচনাধীন ক্ষমতা আরও বাড়ানো হয়েছে, যা আবেদনকারীদের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।    অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী ভিসা, কর্মভিত্তিক ভিসা, গ্রিন কার্ড বা পরিবারভিত্তিক অভিবাসনের আবেদন করার আগে আর্থিক সক্ষমতার প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা, চাকরির তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুত করা উচিত। তাদের মতে, বর্তমান নীতিগত পরিবেশে ছোট একটি অসঙ্গতিও অতিরিক্ত যাচাই, বিলম্ব বা আবেদন জটিল হওয়ার কারণ হতে পারে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৭:৫
ছবি: নিউইয়র্ক পোস্ট
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঝেনি ওয়ালেস (২০) নামের এক উদীয়মান কলেজ বাস্কেটবল খেলোয়াড়। গত বুধবার (১৫ জুলাই) বিকেলে ক্যালিফোর্নিয়ার আই-১৫ (I-15) ফ্রিওয়েতে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ ফুট নিচে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কাজন পাস এলাকার এই সড়কটি ক্যালিফোর্নিয়ার অন্যতম বিপজ্জনক একটি রুট হিসেবে ব্যাপকভাবে পরিচিত, যেখানে প্রায়শই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।   ভিক্টর ভ্যালি কমিউনিটি কলেজের শিক্ষার্থী ঝেনি ওয়ালেস পেশাদার বাস্কেটবল লিগ ডব্লিউএনবিএ (WNBA)-তে খেলার স্বপ্ন দেখতেন। সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল বুধবার দুপুর ১টা ৫১ মিনিটে ডেভোরের কেনউড অ্যাভিনিউয়ের উত্তরে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানেই ভিক্টরভিলের বাসিন্দা ঝেনি হ্যারিসকে (তিনি ঝেনি ওয়ালেস নামেও পরিচিত ছিলেন) মৃত ঘোষণা করা হয়।   মেয়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত মা তামারা ওয়ালেস স্থানীয় কেটিএলএ৫ (KTLA5) সংবাদমাধ্যমকে বলেন, "সে কেবল আমার মেয়েই নয়, আমার সেরা বন্ধু ও প্রথম সন্তান ছিল। সে সবসময় আমাকে হাসিখুশি রাখত এবং নানা কাজে উৎসাহ দিত। ছোট ভাই-বোনের কাছে সে ছিল সেরা একজন বোন।" মর্মান্তিক এই ঘটনার দিন তামারা মেয়েকে ফোন করলে একজন পুলিশ কর্মকর্তা কল রিসিভ করে তাকে এই দুঃসংবাদটি দেন।   এদিকে, ঝেনির কলেজ বাস্কেটবল দল ইনস্টাগ্রামে এক আবেগঘন শোকবার্তায় জানিয়েছে, ঝেনি কেবল একজন সতীর্থ ছিলেন না, তিনি ছিলেন তাদের 'র্যাম' (Ram) পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ ও প্রিয়মুখ, যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।   জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে ঝেনির সেরা বন্ধু এবং ওই বন্ধুর মা-ও উপস্থিত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। এদিকে, ঝেনির শেষকৃত্য ও আনুষঙ্গিক খরচ মেটাতে 'গোফান্ডমি' (GoFundMe) প্ল্যাটফর্মে একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যা এরই মধ্যে ১৫ হাজার ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৪ হাজার ৫০০ ডলারের বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আগামী ১৯ জুলাই অ্যাপল ভ্যালির সিভিক সেন্টার পার্কে তার স্মরণে একটি বিশেষ শোকসভার আয়োজন করা হবে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৬:৫১
ছবি: নিউইয়র্ক পোস্ট
বিমানে ইকোনমি থেকে ফার্স্ট ক্লাসে ফ্রি আপগ্রেড পেতে যা করবেন, জানালেন ১৫ বছরের অভিজ্ঞ বিমানবালা

পরবর্তী বিমানযাত্রায় ইকোনমি ক্লাস থেকে ফার্স্ট ক্লাসে বিনামূল্যে আসন আপগ্রেড করার কথা ভাবছেন? কাজটা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। ১৫ বছর ধরে বিমানবালা হিসেবে কাজ করা বারবারা ব্যাসিলিয়ারি জানিয়েছেন, যাত্রীরা সামনের দিকের বিলাসবহুল আসনে যাওয়ার জন্য নানা ফন্দি আঁটেন।   কিন্তু কেবিন ক্রুদের বকশিশ দেওয়া বা 'হানিমুনে যাচ্ছি' বলে সহানুভূতি আদায়ের চেষ্টা—এসবের কোনোটিই আসলে কাজে আসে না। বারবারা জানান, বেশিরভাগ সময় বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগেই আপগ্রেডের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। ফলে ক্রুদের কাছে অনুরোধ করেও কোনো লাভ হয় না, কারণ তারা কেবল এয়ারলাইন্সের দেওয়া তালিকা অনুসরণ করেন।   মূলত 'ফ্রিকোয়েন্ট ফ্লায়ার স্ট্যাটাস' বা যারা নিয়মিত যাতায়াত করেন, আপগ্রেডের ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়। তবে স্ট্যাটাস যেমনই হোক না কেন, কিছু স্মার্ট কৌশল জানা থাকলে ফার্স্ট ক্লাসে আপগ্রেড পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বারবারা পরামর্শ দেন, ফ্লাইটের দিন পর্যন্ত অপেক্ষা না করে অনলাইনে চেক-ইন শুরু হওয়ার সাথে সাথেই তা সম্পন্ন করা উচিত।   অনেক এয়ারলাইন্সে একই অগ্রাধিকার থাকা দুই যাত্রীর মধ্যে যিনি আগে চেক-ইন করেন, তাকেই আপগ্রেডের সুযোগ দেওয়া হয়। এছাড়া, যারা একা ভ্রমণ করেন তাদের এই সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ, বিমানে পুরো একটি পরিবারের বদলে কেবল একজন যাত্রীর আসন পরিবর্তন করা ক্রুদের জন্য অনেক সহজ।   পোশাকের বিষয়টি সরাসরি আসন পরিবর্তনের সাথে যুক্ত না হলেও, পরিপাটি পোশাক পরলে তা যাত্রীর অনুকূলে কাজ করতে পারে। বারবারা বলেন, খুব বেশি ক্যাজুয়াল বা অগোছালো পোশাক অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। একেবারে স্যুট-টাই পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে পরিপাটি থাকলে ক্রুদের নজর এড়ানোর সম্ভাবনা কমে যায়।   সম্প্রতি বিমানের পোশাকবিধি নিয়ে এয়ারলাইন্স কর্মীদের কড়াকড়ি বেশ আলোচনার জন্ম দিয়েছে। উদাহরণস্বরূপ, ফিটনেস ইনফ্লুয়েন্সার এড্ডা এলিসাকে তার পোশাকের কারণে সম্প্রতি লুফথানসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। টিকটকে দেওয়া এক ভিডিওতে তিনি অভিযোগ করেন, স্পোর্টস ব্রা ও বাইকার শর্টস পরায় এক এয়ারলাইন্স কর্মী তাকে 'নগ্ন' আখ্যা দিয়ে বিমানে উঠতে বাধা দিয়েছিলেন।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৬:২৮
ছবি: নিউইয়র্ক পোস্ট
পেরুর আন্দিজ অঞ্চলে শক্তিশালী ৫.৫ মাত্রার ভূমিকম্প, ধসে পড়ল ঘরবাড়ি-গির্জা, নিহ ত ৫

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ অঞ্চলে শনিবার রাতে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৫ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শনিবার রাত ৯টা ২০ মিনিটের সামান্য পর পেরুর মধ্যাঞ্চলীয় সিকায়া শহরের কাছে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।   আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বহু ঘরবাড়ি এবং একটি স্থানীয় গির্জা ধসে পড়ায় অন্তত ৩০০ জন বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচে অজানা সংখ্যক মানুষ এখনও নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রোববার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।   পেরুর ন্যাশনাল সিভিল ডিফেন্স ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের কারণে স্থানীয় গির্জা ও মঠসহ বেশ কয়েকটি ভবন পুরোপুরি ধসে পড়েছে এবং অনেক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নিখোঁজ বাসিন্দাদের সন্ধানে উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।   স্থানীয় সিভিল ডিফেন্স কার্যালয়ের প্রধান লুইস ভাসকুয়েজ জানিয়েছেন, ওই অঞ্চলে ঐতিহ্যবাহী 'অ্যাডোবি' বা কাঁচা মাটির তৈরি বাড়িঘরের বহুল ব্যবহারের কারণেই মূলত ক্ষয়ক্ষতির মাত্রা এতটা ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামীণ এসব দুর্বল নির্মাণসামগ্রী শক্তিশালী কম্পন সহ্য করতে না পারায় সহজেই ভবনগুলো ধসে পড়ে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।   ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিনির্ভর জনপদ চোঙ্গো বাজো থেকে আসা ছবিগুলোতে চরম হৃদয়বিদারক দৃশ্য ফুটে উঠেছে। সেখানে দেখা যায়, রাতের অন্ধকারে গৃহহীন পরিবারগুলো কম্বল মুড়ি দিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বাইরে অবস্থান করছেন এবং প্রতিবেশীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিজেদের শেষ সম্বলটুকু খুঁজছেন।   ধসে পড়া ভবনের নিচে গবাদিপশু আটকে থাকার দৃশ্যও সংবাদমাধ্যমে উঠে এসেছে। ভূমিকম্পে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া হারমেনেগিল্ডা গুয়ামালাতো নামের এক বাসিন্দা স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেন, "আমার বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।" বর্তমানে তিনি তাঁর তিন সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী হুয়ায়ুকাচি প্রদেশে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৫:৫২
ফ্লোরিডার নতুন নাম পাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর
ট্রাম্পের নামে বিমানবন্দরে যেতে আপত্তি জানালে ফ্রি ফ্লাইট পরিবর্তন ? যা জানাল ইউনাইটেড

ফ্লোরিডার নতুন নাম পাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে অনিচ্ছুক যাত্রীদের বিনা খরচে অন্য গন্তব্যে পাঠানোর কোনো বিশেষ নীতি চালু হয়নি বলে জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। যাত্রীসেবা কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ বার্তাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে পড়ার পর শুক্রবার এ অবস্থান স্পষ্ট করে মার্কিন বিমান সংস্থাটি।    ভ্রমণবিষয়ক প্রকাশনা লাইভ অ্যান্ড লেটস ফ্লাইয়ের হাতে আসা ওই বার্তায় ইউনাইটেডের রিজার্ভেশন কর্মীদের বলা হয়েছিল, কোনো যাত্রী নতুন নামের বিমানবন্দরে যেতে না চাইলে কাছাকাছি ফোর্ট লডারডেল বা মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার বিকল্প দেওয়া যেতে পারে। নির্দেশনায় টিকিট পরিবর্তনটি সমমূল্যের বিনিময় হিসেবে সম্পন্ন করার কথাও ছিল, যাতে যাত্রীকে অতিরিক্ত অর্থ দিতে না হয়।   তবে ইউনাইটেড এয়ারলাইনস বলেছে, বার্তাটির ভাষা যথাযথ ছিল না এবং এতে প্রতিষ্ঠানের নীতি সঠিকভাবে তুলে ধরা হয়নি। সংস্থাটির এক মুখপাত্র জানান, বিভিন্ন কারণে যাত্রীরা কোনো ফি ছাড়াই টিকিটে পরিবর্তনের সুযোগ পেতে পারেন। কিন্তু শুধু কোনো বিমানবন্দরের নাম বা তিন অক্ষরের কোড পছন্দ না হওয়ার কারণে গন্তব্য পরিবর্তনের অনুমতি ইউনাইটেডের নীতিতে নেই।    এর ফলে ট্রাম্পের নামে বিমানবন্দরটির নামকরণের বিরোধিতা করা কোনো যাত্রী স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচে ফোর্ট লডারডেল কিংবা মিয়ামির ফ্লাইটে স্থানান্তরের সুযোগ পাবেন না। সাধারণ টিকিটের শর্ত, আসন খালি থাকা এবং এয়ারলাইনসের প্রচলিত পরিবর্তন নীতির ভিত্তিতেই প্রতিটি অনুরোধ বিবেচিত হবে।   ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ৯ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। ফ্লোরিডার আইনসভায় পাস হওয়া সংশ্লিষ্ট বিলে গভর্নর রন ডেস্যান্টিস ৩০ মার্চ অনুমোদন দেন। আইনটি ১ জুলাই কার্যকর হওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন নাম চালু করা হয়।   যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানবন্দরটির নতুন নাম অনুযায়ী তাদের চার্ট ও তথ্যভান্ডারে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। তবে যাত্রীদের টিকিট, বোর্ডিং পাস ও লাগেজ ট্যাগে আন্তর্জাতিক বিমানবন্দর কোড ১৮ আগস্ট পর্যন্ত পিবিআই থাকবে। এরপর আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার ব্যবহৃত কোড পরিবর্তিত হয়ে ডিজেটি হবে।    নাম ও কোড পরিবর্তনের কারণে বিমানবন্দরের মালিকানা, পরিচালনা ব্যবস্থা, ফ্লাইট কিংবা যাত্রীসেবায় কোনো পরিবর্তন হবে না। পাম বিচ কাউন্টিই আগের মতো বিমানবন্দরটির নীতি, অর্থায়ন ও কার্যক্রম পরিচালনা করবে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৫:৩৮
ছবি: ইরান যুদ্ধে প্রাণ হারানো ১৬ মার্কিন সেনাসদস্য; দুজনের পরিচয় এখনও প্রকাশিত হয়নি
ইরানের হামলায় বাড়ছে মার্কিন সেনা হতাহতের সংখ্যা, নিহত ১৬, আহত ৪২৭; সর্বশেষ হামলায় নিখোঁজ ১

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত, চারজন হাসপাতালে ভর্তি এবং একজন নিখোঁজ হয়েছেন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন বাহিনীর মোট নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন এবং আহতের সংখ্যা প্রায় ৪২৭ জনে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।    সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ১৭ জুলাই জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার সময় মার্কিন ও মিত্রবাহিনী প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করছিল। হামলায় দুই সেনাসদস্য নিহত হন। আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং একজন সেনাসদস্য এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত প্রকাশ করা হবে না।    এই হামলার পরপরই ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলার উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ হামলার সক্ষমতা দুর্বল করে দেওয়া।    চলমান সংঘাতটি শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা শুরু করে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তাদের সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি সীমিত ছিল। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তীব্র আকার ধারণ করে এবং বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকে।    যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আহতদের একটি বড় অংশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের অভিঘাত, ড্রোন হামলা এবং অন্যান্য যুদ্ধজনিত আঘাতে আহত হয়েছেন। এর মধ্যে অনেকেই চিকিৎসা শেষে দায়িত্বে ফিরলেও গুরুতর আহতদের চিকিৎসা এখনো চলছে।    অন্যদিকে ইরানও দাবি করেছে, মার্কিন বিমান হামলায় তাদের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌপরিবহন নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৫:৫
আইস ডিটেনশন সেন্টারে অমানবিক পরিবেশ: চিকিৎসা সংকটে ধুঁকছেন হাজারো অভিবাসী
আইস ডিটেনশন সেন্টারের ভেতরের বাস্তবতা: চিকিৎসা সংকট, অমানবিক পরিবেশে পরিবার থেকে বিচ্ছিন্ন হাজারো অভিবাসী

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান জোরদারের মধ্যেই দেশটির বৃহত্তম ICE (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) ডিটেনশন সেন্টারের ভেতরের পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। প্রতিবেদনে আটক অভিবাসীদের বর্ণনায় চিকিৎসা সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ, আইনি সহায়তার সীমাবদ্ধতা এবং দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার মতো নানা অভিযোগ উঠে এসেছে।    দ্য নিউ ইয়র্কারের অনুসন্ধানী প্রতিবেদনে টেক্সাসের এল পাসোতে অবস্থিত ক্যাম্প ইস্ট মন্টানা ডিটেনশন সেন্টারের বাস্তবতা তুলে ধরা হয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে দ্রুত সম্প্রসারিত এই কেন্দ্রটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভিবাসী আটক কেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রটি পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই সেখানে বিপুলসংখ্যক অভিবাসীকে রাখা শুরু হয়।    প্রতিবেদনে আটক ব্যক্তিদের অভিযোগ অনুযায়ী, অনেককে সপ্তাহের পর সপ্তাহ সূর্যের আলো ছাড়াই ভবনের ভেতরে থাকতে হয়েছে। কোথাও কোথাও নষ্ট টয়লেট, দূষিত পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং চিকিৎসাসেবা পেতে দীর্ঘ অপেক্ষার কথাও উঠে এসেছে। কয়েকজন বন্দি অভিযোগ করেছেন, প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী না থাকায় তারা নিজেদের পোশাক ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বাধ্য হয়েছেন।    প্রতিবেদনে কিউবার বংশোদ্ভূত রে নামের এক অভিবাসীর অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। বহু বছর ধরে তিনি নিয়মিতভাবে ICE-এর বিকল্প তদারকি কর্মসূচির আওতায় কর্মকর্তাদের কাছে হাজিরা দিতেন। কিন্তু একদিন নিয়মিত রিপোর্ট করতে গিয়েই তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ডিটেনশন সেন্টারে রয়েছেন। তার স্ত্রী, যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, জানান—একটি স্বাভাবিক পারিবারিক জীবন মুহূর্তেই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।    অনুসন্ধানে আরও বলা হয়েছে, অনেক অভিবাসীর জন্য আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে জামিনের সুযোগও সীমিত হয়ে যাচ্ছে। এর ফলে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে হেবিয়াস করপাস আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে।    প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রটি পরিচালনার জন্য বিলিয়ন ডলারের একটি চুক্তি এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়েছিল, যার আগে বড় আকারের অভিবাসী ডিটেনশন পরিচালনার অভিজ্ঞতা ছিল না। এ বিষয়েও ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।    অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আটক ব্যক্তিদের মানবিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে স্বাধীন তদন্ত এবং কার্যকর নজরদারি প্রয়োজন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অবস্থান হলো, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং বহিষ্কার কার্যক্রম কার্যকর করতে ডিটেনশন ব্যবস্থা আইনানুগভাবেই পরিচালিত হচ্ছে।    সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে ICE-এর অভিযান বৃদ্ধি, নতুন ডিটেনশন সেন্টার চালু এবং আটক ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আটক ব্যক্তিদের মৌলিক মানবাধিকার রক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৪:৫৩
সম্পর্ক ভাঙার কথা বলায় প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগ I ছবি: সংগৃহীত
সম্পর্ক ভাঙার কথা বলায় প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগ, হিউস্টনে যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে সম্পর্ক শেষ করার কথা বলার পর ৪১ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় হিউস্টনের উত্তর-পূর্বাঞ্চলের শেলডন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে ২৯ বছর বয়সী কোডি প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।   হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পর মেরিটাইম ড্রাইভের ১১১০০ ব্লকের একটি বাড়িতে গুলির খবর পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে যান। সেখানে টনিয়া সুইঙ্ক নামের ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টনিয়া ও কোডি প্রেমের সম্পর্কে ছিলেন এবং একই বাড়িতে থাকতেন। ঘটনার দিন তাঁদের মধ্যে দীর্ঘ সময় ধরে তর্ক চলছিল। একপর্যায়ে টনিয়া সম্পর্কটি শেষ করে দেওয়ার কথা জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তদন্তকারীদের অভিযোগ, এরপর কোডি তাঁকে গুলি করেন।   ঘটনার পর পরিবারের এক সদস্য জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে খবর দেন। ডেপুটিরা পৌঁছানোর সময় কোডি ঘটনাস্থলেই ছিলেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।   শেরিফের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দাদের সঙ্গে কথা বলার সময় কোডি গুলি করার কথা স্বীকার করেছেন। পরে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয় এবং তাঁকে হ্যারিস কাউন্টি কারাগারে পাঠানো হয়।    তবে পুলিশের বক্তব্য ও তদন্তে উঠে আসা তথ্য এখনো অভিযোগ পর্যায়ে রয়েছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কোডিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে। ঘটনার পেছনে সম্পর্কসংক্রান্ত বিরোধের বাইরে অন্য কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।   হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয়ের হত্যাকাণ্ড তদন্তকারী দল ও অপরাধস্থল পরিদর্শনকারী কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে।   যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে সম্পর্ক শেষ করার কথা বলার পর ৪১ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় হিউস্টনের উত্তর-পূর্বাঞ্চলের শেলডন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে ২৯ বছর বয়সী কোডি প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।   হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পর মেরিটাইম ড্রাইভের ১১১০০ ব্লকের একটি বাড়িতে গুলির খবর পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে যান। সেখানে টনিয়া সুইঙ্ক নামের ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টনিয়া ও কোডি প্রেমের সম্পর্কে ছিলেন এবং একই বাড়িতে থাকতেন। ঘটনার দিন তাঁদের মধ্যে দীর্ঘ সময় ধরে তর্ক চলছিল। একপর্যায়ে টনিয়া সম্পর্কটি শেষ করে দেওয়ার কথা জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তদন্তকারীদের অভিযোগ, এরপর কোডি তাঁকে গুলি করেন।   ঘটনার পর পরিবারের এক সদস্য জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে খবর দেন। ডেপুটিরা পৌঁছানোর সময় কোডি ঘটনাস্থলেই ছিলেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।   শেরিফের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দাদের সঙ্গে কথা বলার সময় কোডি গুলি করার কথা স্বীকার করেছেন। পরে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয় এবং তাঁকে হ্যারিস কাউন্টি কারাগারে পাঠানো হয়।    তবে পুলিশের বক্তব্য ও তদন্তে উঠে আসা তথ্য এখনো অভিযোগ পর্যায়ে রয়েছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কোডিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে। ঘটনার পেছনে সম্পর্কসংক্রান্ত বিরোধের বাইরে অন্য কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।   হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয়ের হত্যাকাণ্ড তদন্তকারী দল ও অপরাধস্থল পরিদর্শনকারী কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৪:৩৫
সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত I গ্রাফিক্স: আমেরিকা বাংলা
৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

চলমান আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে চরম জ্বালানি সংকটের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কৌশলগত তেলের মজুত (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ) কমতে কমতে গত ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রাশিয়ার সংবাদমাধ্যম ইউরেশিয়া ডেইলির এক বিশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়েই ওয়াশিংটনকে তাদের জরুরি মজুতে হাত দিতে হয়েছে।   যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ)-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটির বর্তমান কৌশলগত তেলের মজুত কমে মাত্র ৩১৯ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। ১৯৮৩ সালের পর এটিই আমেরিকার ইতিহাসের সর্বনিম্ন মজুতের রেকর্ড। এমনকি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের সর্বনিম্ন রেকর্ডের চেয়েও বর্তমান মজুত আরও ২৭ মিলিয়ন ব্যারেল কম।   বিশ্লেষকদের মতে, এবার মূলত ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের অর্থনৈতিক ও জ্বালানিগত প্রভাব মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে এই মজুত ব্যবহার করছে ওয়াশিংটন। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর সদস্য দেশগুলোর বৈঠকে বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটি তারই ধারাবাহিকতা।   রাশিয়ার ন্যাশনাল এনার্জি সিকিউরিটি ফান্ডের জ্যেষ্ঠ বিশ্লেষক ইগর ইউশকভ এই পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর বৈশ্বিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতেই যুক্তরাষ্ট্র মূলত এই নীতি অনুসরণ করছে।   তবে প্রতিবার যখনই দেশটির তেলের মজুত রেকর্ড মাত্রায় কমে যাওয়ার খবর সামনে আসে, তখনই আন্তর্জাতিক বাজারে এর উল্টো ও নেতিবাচক প্রভাব পড়ে এবং তেলের দাম আরও বৃদ্ধি পায়। এই পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পশ্চিম এশিয়ার তেল বৈশ্বিক বাজারে পৌঁছানোর জন্য বিভিন্ন বিকল্প পথ ও কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে। ইউশকভ সতর্ক করে আরও বলেন, চলমান ভূ-রাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম আবারও ১০০ ডলার বা তারও বেশি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৪:১৬
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
২০ লাখ টাকার লোভে নিজের স্বামীকে বিষধর সাপের কামড় খাইয়ে হত্যা করলেন স্ত্রী

ভারতের উত্তরপ্রদেশের মিরাটে বিমার ২০ লাখ টাকা হাতিয়ে নিতে এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়া প্রেমিক ও সাপুড়ের সহায়তায় নিজের স্বামীকে বিষধর সাপ দিয়ে কামড় খাইয়ে নৃশংসভাবে হত্যা করেছেন এক নারী। শুক্রবার (১৭ জুলাই) ভোরে মিরাটের হস্তিনাপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ মূল পরিকল্পনাকারী স্ত্রী দামিনী পাওয়ার (৩০) এবং তার প্রেমিক তুষার কুমারসহ মোট চারজনকে গ্রেফতার করেছে।   পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অতুল পাওয়ার (৩২) এবং দামিনীর মধ্যে সাত বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল। মাত্র তিন মাস আগে অতুল একটি প্লে-স্কুল চালু করেন এবং সেখানে তুষার কুমার নামের এক ব্যক্তিকে স্কুলের ভ্যানচালক হিসেবে নিয়োগ দেন। এর কিছুদিন পরই চালক তুষারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন দামিনী। এদিকে অতুলের নামে ২০ লাখ টাকার একটি জীবন বিমা পলিসি ছিল।   সেই বিমার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে নিজেদের নতুন ভবিষ্যৎ গুছিয়ে নিতেই তারা অতুলকে হত্যার এই ভয়ংকর ছক কষেন। পরিকল্পনা অনুযায়ী, তুষারকে তার নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে বলা হয়, যাতে পরবর্তীতে দামিনী ও তুষার বিয়ে করে একসঙ্গে সংসার পাততে পারেন।   হত্যাকাণ্ডের দিন রাতে প্রথমে অতুলকে চেতনানাশক ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপর তার গায়ের কম্বলের ভেতর একটি বিষধর সাপ ছেড়ে দিয়ে দামিনী তার সন্তানকে নিয়ে অন্য ঘরে চলে যান। সাপের কামড়ে বিছানাতেই মর্মান্তিক মৃত্যু হয় অতুলের। পরদিন সকাল ৬টার দিকে দামিনী নাটক শুরু করেন এবং চিৎকার করে প্রতিবেশীদের জানান যে তার স্বামী অচেতন অবস্থায় পড়ে আছেন এবং বিছানায় একটি সাপ রয়েছে। প্রতিবেশীরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এবং অতুলকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   প্রাথমিকভাবে এটিকে সাধারণ সাপের কামড়ে মৃত্যু বলে মনে হলেও, অতুলের পরিবার দামিনীর এই দাবি মেনে নিতে অস্বীকার করে এবং পুলিশে খবর দেয়। তদন্তে নেমে মিরাটের এসএসপি অবিনাশ পান্ডে জানান, দামিনীর মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে চালক তুষারের সঙ্গে ঘন ঘন কথা বলার প্রমাণ পাওয়া যায়। এরপর তুষারের ফোন তল্লাশি করে একটি বাক্সে বন্দি সাপের ছবি উদ্ধার করা হয়।   পুলিশের কঠোর জেরার মুখে দামিনী ও তুষার দুজনেই এই পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তারা জানান, দামিনীর প্ররোচনাতেই তুষার স্থানীয় সাপুড়েদের কাছ থেকে বিষধর সাপটি কিনে এনেছিলেন। এই অপরাধে সহায়তার জন্য সনু কুমার ও উদয় কুমার নামে দুই সাপুড়েকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত চারজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর ধারা ১০৩ (১) (খুন) এবং ১২৩ (বিষ বা চেতনানাশক প্রয়োগ করে ক্ষতি সাধন)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশ : জুলাই ১৯, ২০২৬ ১৩:৫৬