- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ট্যাটু শিল্পী ড্যানিয়েল “ডেস” সানচেজ এস্ট্রাদাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি ফেডারেল আদালত। ২০২৫ সালে অনুষ্ঠিত অভিবাসনবিরোধী সংস্থা আইসিই (ICE)-এর বিরুদ্ধে এক বিক্ষোভকে ঘিরে তার বিরুদ্ধে আনা অভিযোগে এই দণ্ড দেওয়া হয়। মামলার নথি অনুযায়ী, ওই বিক্ষোভে তিনি সরাসরি অংশ নেননি। তবে প্রসিকিউটররা আদালতে দাবি করেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে তার স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর তিনি একটি বাক্স পরিবহনে সহায়তা করেন, যার ভেতরে রাজনৈতিক পুস্তিকা (জিন) ও সংশ্লিষ্ট উপকরণ ছিল। রায় ঘোষণার আগে আদালতে দেওয়া বক্তব্যে সানচেজ এস্ট্রাদা নিজেকে ‘সন্ত্রাসী’ নন বলে দাবি করেন। তিনি বলেন, তিনি একজন বাবা, স্বামী, শিক্ষক ও কবি—এবং তার কর্মকাণ্ডকে সে দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। এই রায় ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু অধিকারকর্মী ও বিশ্লেষকরা।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা ভারি বর্ষণে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে ভূমিধস ও জলাবদ্ধতার কারণে সড়ক ও রেল যোগাযোগে গুরুতর বিঘ্ন দেখা দিয়েছে, ফলে মুম্বাই ও পুনের মধ্যে যাতায়াত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাই, থানে, পালঘর ও রায়গড় জেলায় তিন ঘণ্টার ‘রেড অ্যালার্ট’ জারি করে। সতর্কবার্তায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। এই সতর্কতার পরপরই প্রশাসন জরুরি পদক্ষেপ নিতে শুরু করে। প্রতিকূল আবহাওয়ার কারণে মুম্বাই, থানে ও পালঘরের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই বিশ্ববিদ্যালয় নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে। নতুন সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্যে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। কুরলা এলাকায় একটি বড় গাছ রাস্তার পাশের দোকানের ওপর ভেঙে পড়লে ৬৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। সাকি নাকায় জলাবদ্ধতার নিচে ঢেকে থাকা খোলা নর্দমায় পড়ে ডুবে মারা যান আরেক ব্যক্তি। চেম্বুরে একটি গাছ স্কুলবাসের ওপর ভেঙে পড়লে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ছাড়া নবি মুম্বাইয়ের খারঘরে বর্ষাকালে ঝুঁকিপূর্ণ হওয়ায় নিষিদ্ধ ঘোষিত পাণ্ডবকাড়া জলপ্রপাতে প্রবেশ করে দুই যুবক প্রাণ হারান। মিরা রোড-ভাইয়ান্দার এলাকায় মোটরসাইকেলের ওপর একটি নারিকেল গাছ ভেঙে পড়লে সেখানেও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পুনের কাছাকাছি লোহাগড় দুর্গসংলগ্ন পাতান গ্রামে ভূমিধসে একটি পরিবার আটকা পড়েছে বলে জানিয়েছেন কোলহাপুর রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক রঞ্জন কুমার শর্মা। তাদের উদ্ধারে জরুরি তৎপরতা চালানো হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পুনে-মুম্বাই এক্সপ্রেসওয়ের একটি কংক্রিটের স্তম্ভ ধসে পড়েছে। পাশাপাশি পুরোনো মুম্বাই-পুনে মহাসড়কের বিকল্প পথ মাভাল ও তামিনি ঘাটে তীব্র জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুই দিক থেকেই সড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। টানেল-২-এর কাছে ভূমিধসের কারণে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রেল যোগাযোগেও এর প্রভাব পড়েছে। কারজাত ও লোনাভালার মধ্যবর্তী দক্ষিণ-পূর্ব ঘাট অঞ্চলে ভূমিধসের কারণে মধ্য রেলওয়ের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ না থাকায় কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, চলমান বর্ষা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে, ফলে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান অধ্যুষিত গ্রাম নিরাপত্তার কারণে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হতে চায়—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন লেবাননের সীমান্তবর্তী একটি খ্রিস্টান শহরের মেয়র, যিনি এটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন। রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান গ্রাম হিজবুল্লাহর প্রভাব ও হামলার আশঙ্কায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে। তার এই বক্তব্য প্রকাশের পরই লেবাননের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে সীমান্ত অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিন্ত জবেইল জেলার অন্তর্গত খ্রিস্টান অধ্যুষিত শহর রমিশের মেয়র হান্না আল-আমিল এই দাবিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। দক্ষিণ লেবাননের কোনো শহর বা গ্রামের মানুষ কখনোই এমন কোনো আবেদন করেনি।” মেয়র আল-আমিল আরও বলেন, দেশের ভূখণ্ডকে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যুক্ত করার চিন্তাই লেবাননের জনগণের কাছে অগ্রহণযোগ্য। “এ ধরনের প্রস্তাব কেবল অবাস্তবই নয়, আমাদের জাতীয় চেতনার সঙ্গেও সাংঘর্ষিক,”—যোগ করেন তিনি। তার মতে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলগুলো কোনো বিচ্ছিন্ন এলাকা নয়; বরং এগুলো দেশের অবিচ্ছেদ্য অংশ, যেখানে মানুষের মধ্যে গভীর দেশপ্রেম এবং লেবাননের প্রতি অটুট আনুগত্য রয়েছে। “আমরা লেবাননের মানুষ, এবং আমাদের পরিচয়, ইতিহাস ও ভবিষ্যৎ এই দেশকে ঘিরেই,”—বলেন তিনি। এদিকে, সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা বৃদ্ধির অভিযোগও সামনে এসেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে নেতানিয়াহুর এই মন্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের অবস্থান তুলে ধরে জানায়, দক্ষিণ লেবাননের খ্রিস্টান সম্প্রদায় ঐতিহাসিকভাবে নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখলেও তারা জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থানেই রয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনার এই সময়ে এমন বক্তব্য কূটনৈতিক সম্পর্ক এবং সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও নজর বাড়ছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী এবং সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন যৌথভাবে ২০২৭ অর্থবছরের জন্য রেকর্ড ১২৫.৮ বিলিয়ন ডলারের একটি বাজেট চুক্তি ঘোষণা করেছেন। বাজেট ঘোষণার পর সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মেয়র মামদানী দাবি করেন, পুঁজিবাদীদের চেয়ে সমাজতন্ত্রীরা অর্থনীতি ভালো বোঝেন এবং পূর্বসূরিদের অর্থনৈতিক অব্যবস্থাপনা তাঁরা সহজেই সমাধান করতে পারেন। তবে ম্যানহাটন ইনস্টিটিউটের পরিচালক ও আইনি নীতি বিষয়ক গবেষক জন কেচাম মেয়রের এই দাবিকে নিছক সস্তা প্রচারণা বলে অভিহিত করেছেন। তাঁর মতে, সিটির এই নতুন বাজেটটি মোটেও টেকসই কাঠামোর ওপর দাঁড়িয়ে নেই। আপাতদৃষ্টিতে বাজেটটিকে ভারসাম্যপূর্ণ মনে হলেও এটি মূলত কিছু সাময়িক কৌশল ও আর্থিক কারচুপির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা আগামী বছরগুলোতে সিটির জন্য বড় সংকট ডেকে আনবে। বিশ্লেষকদের মতে, মেয়র মামদানী তাঁর সম্ভাব্য দুই মেয়াদের পেনশনের কিস্তি বাবদ প্রতি বছর ২ বিলিয়ন ডলার দেওয়া থেকে বাঁচতে বর্তমানের বিলটি ভবিষ্যতের করদাতাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। বর্তমানের কিস্তি ফাঁকি দেওয়ার এই হঠকারী সিদ্ধান্তের কারণে আগামী ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে সিটিকে অতিরিক্ত প্রায় ৭ বিলিয়ন ডলার সুদ গুনতে হবে। বর্তমানের দায় এড়াতে গিয়ে সিটির ভবিষ্যৎ অর্থনীতিকে চরম ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। সিটির এই চূড়ান্ত বাজেটে গত বছরের তুলনায় ব্যয় প্রায় ৮.৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা গত বছর ছিল ১১৬ বিলিয়ন ডলার। মে মাসের প্রস্তাবিত খসড়া থেকে শুরু করে চূড়ান্ত চুক্তি হওয়া পর্যন্ত বিভিন্ন এজেন্সির কর্মসূচিতে মাত্র কয়েক দিনের ব্যবধানে ১.৪ বিলিয়ন ডলার ব্যয় বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ সিটির অভ্যন্তরীণ অর্থ প্রবাহ বা নগদ তহবিলের অবস্থা ক্রমশ মন্থর হয়ে পড়েছে, যেখানে ব্যয়ের তুলনায় রাজস্ব আয়ের প্রবৃদ্ধি খুবই নগণ্য। বর্তমান বাজেটে সংকট এড়ানো গেলেও আগামী জানুয়ারি মাসেই মেয়রকে আবারও বড় ধরনের ঘাটতির মুখোমুখি হতে হবে। মেয়রের নিজস্ব হিসাব অনুযায়ী আগামী অর্থবছরে এই ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৬.৪ বিলিয়ন ডলার, যা সিটির হিসাব নিয়ন্ত্রকের মতে ৮.৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। আগামী বছর সিটির সরকারি কর্মচারীদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেতন বাড়ানোর জন্য ইউনিয়নগুলোর পক্ষ থেকে বড় ধরনের চাপ আসবে, যা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল সিটির হাতে নেই। তাছাড়া সমাজতান্ত্রিক এবং পুলিশ-বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর চাপে মেয়র মামদানী সিটির পুলিশ বাহিনীতে নতুন করে ৫৮০ জন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা বাতিল করেছেন, যা নিয়ে স্পিকারের সাথে তাঁর তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল। একই সাথে হাউজিং ভাউচার কর্মসূচির মতো ব্যয়বহুল প্রকল্পে খরচ বাড়ানোর ফলে সিটির ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, কোনো রকম সমাজতান্ত্রিক ব্যাখ্যা দিয়ে অর্থনীতির এই কঠিন বাস্তবতাকে আড়াল করা সম্ভব নয়। সূত্র: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে ১৮ মাস বয়সী যমজ সন্তানের মৃত্যুর জন্য টিকাকে দায়ী করে আলোচনায় আসা এক মায়ের বিরুদ্ধে এবার প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রায় এক বছরব্যাপী তদন্ত শেষে পুলিশ ২৩ বছর বয়সী আন্দ্রেয়া শ–কে গ্রেপ্তার করেছে। মামলাটি এখন আদালতে বিচারাধীন। পায়েট পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ মে আইডাহোর পায়েট শহরের একটি বাড়িতে একই বিছানায় ১৮ মাস বয়সী যমজ শিশু ডালাস ও টাইসন শ–এর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২৬ সালের ২৯ জুন গ্র্যান্ড জুরি আন্দ্রেয়া শ–এর বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে অভিযোগপত্র (ইনডাইটমেন্ট) দাখিল করে। পরে তাকে বোইসি শহরে গ্রেপ্তার করা হয়। শিশুদের মৃত্যুর কয়েক দিনের মধ্যেই আন্দ্রেয়া শ ও তার স্বামী একটি পডকাস্টে অংশ নিয়ে দাবি করেছিলেন, নিয়মিত টিকা নেওয়ার পর তাদের সন্তানরা অসুস্থ হয়ে মারা যায়। পডকাস্টটি প্রকাশ করেছিল অ্যান্টি-ভ্যাকসিন সংগঠন ‘চিলড্রেনস হেলথ ডিফেন্স’, যার নেতৃত্বে একসময় বর্তমান মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র ছিলেন। পডকাস্টে আন্দ্রেয়া শ দাবি করেন, ১৮ মাস বয়সীদের জন্য নির্ধারিত হেপাটাইটিস-এ, ইনফ্লুয়েঞ্জা ও ডিটিএপি টিকা নেওয়ার পরপরই তার যমজ সন্তান অসুস্থ হয়ে পড়ে। পরে অ্যান্টি-ভ্যাকসিন কর্মীরাও শিশুদের মৃত্যুকে টিকার সঙ্গে যুক্ত করে বিভিন্ন প্রচারণা চালান। তবে প্রায় এক বছর তদন্তের পর পুলিশ আন্দ্রেয়া শ–এর বিরুদ্ধে হত্যা মামলা করে। আদালতের অভিযোগপত্রে শিশুদের শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণের বিস্তারিত প্রকাশ করা হয়নি। ফলে আদালতেই প্রসিকিউশনকে তাদের অভিযোগ প্রমাণ করতে হবে। অন্যদিকে আন্দ্রেয়া শ–এর আইনজীবী জো ফিলিচেত্তি এখনও দাবি করে আসছেন, শিশুদের মৃত্যুর জন্য টিকাই দায়ী। তবে এ দাবির পক্ষে তিনি কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত প্রমাণ প্রকাশ করতে পারেননি বলে স্থানীয় সংবাদমাধ্যম কেটিভিবি জানিয়েছে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, যুক্তরাষ্ট্রে অনুমোদিত শিশুদের নিয়মিত টিকা নিরাপদ ও কার্যকর। টিকা শিশু মৃত্যুর কারণ—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। এ ঘটনায়ও এখন পর্যন্ত তদন্তকারী সংস্থাগুলো টিকার সঙ্গে শিশুদের মৃত্যুর কোনো সম্পর্কের কথা জানায়নি। মামলাটি বর্তমানে বিচারাধীন। তাই আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আন্দ্রেয়া শ আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি অভিবাসন ডিটেনশন সেন্টারে খাবারে কৃমি ও পোকামাকড়, চিকিৎসাসেবার সংকট এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তুলে গণস্বাক্ষরযুক্ত চিঠি দেওয়ার পর এক অভিবাসীকে একাকী সেলে রাখা, পরে একাধিকবার অন্য কেন্দ্রে স্থানান্তর এবং তার ওপর কঠোর নজরদারি আরোপের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশটির অভিবাসন আটক কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনুসন্ধানী সংবাদমাধ্যম স্পটলাইট পিএ ও ডব্লিউআইটিএফ-এর যৌথ প্রতিবেদনে বলা হয়, হন্ডুরাসের নাগরিক এদিন ড্যানিয়েল চিনচিলা-রোকে পেনসিলভানিয়ার ক্লিয়ারফিল্ড কাউন্টিতে অবস্থিত মশ্যানন ভ্যালি প্রসেসিং সেন্টারে আটক রয়েছেন। গত ৩ মার্চ তিনি ৬৮ জন আটক ব্যক্তির স্বাক্ষরসহ একটি চিঠিতে অভিযোগ করেন, কেন্দ্রটিতে পরিবেশিত খাবার পচা এবং তাতে কৃমি বা পোকামাকড় পাওয়া যায়। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা ও দন্তচিকিৎসা না পাওয়া, এমনকি টয়লেট পেপার ও হাত ধোয়ার সাবানের মতো মৌলিক সামগ্রীর সংকটের কথাও উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযোগের কিছুদিন পর খাবার পরিবেশনের সময় এক আটক ব্যক্তি সবুজ রঙের বমি করলে কয়েকজন বন্দি খাবার গ্রহণে বিরত থাকেন। কর্তৃপক্ষের দাবি, চিনচিলা-রোকে অন্যদের এ কর্মসূচিতে উৎসাহিত করেছিলেন। তবে তার আইনজীবী ক্রেইগ শ্যাগিন বলেন, তিনি প্রতিবাদে অংশ নিলেও এর আয়োজক ছিলেন না। এরপর চিনচিলা-রোকেকে সাত দিনের জন্য একাকী সেলে রাখা হয়। তার দাবি, এ সময় তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত ট্যাবলেটও কেড়ে নেওয়া হয়। অভ্যন্তরীণ নথিতে ভবিষ্যতে এ ধরনের প্রতিবাদ নিরুৎসাহিত করার উদ্দেশ্যে তাকে আলাদা করে রাখার কথা উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। পরবর্তীতে তাকে প্রথমে টেক্সাসের পোর্ট ইসাবেল সার্ভিস প্রসেসিং সেন্টার এবং পরে লুইজিয়ানার উইন কারেকশনাল সেন্টারে স্থানান্তর করা হয়। গত ৬ জুন তাকে আবার পেনসিলভানিয়ার মশ্যানন ভ্যালি কেন্দ্রে ফিরিয়ে আনা হলেও তার নিরাপত্তা শ্রেণি নিম্ন ঝুঁকির ‘ব্লু’ থেকে ‘ইয়েলো’তে উন্নীত করা হয়েছে বলে জানান তার আইনজীবী। এর ফলে তার ওপর নজরদারি এবং চলাফেরার বিধিনিষেধ আরও কঠোর হয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া তার বান্ধবীর ফোন নম্বরও ব্লক করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। চিনচিলা-রোকের আইনজীবীর ভাষ্য, ২০২৩ সালে একজন অভিবাসন বিচারক জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনের আওতায় তাকে হন্ডুরাসে ফেরত না পাঠানোর নির্দেশ দেন। তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাকে তৃতীয় কোনো দেশে, বিশেষ করে মেক্সিকোতে পাঠানোর চেষ্টা করছে। চিনচিলা-রোকে জানান, টেক্সাসে অবস্থানকালে তাকে মেক্সিকো সীমান্তগামী একটি বাসে উঠতে বলা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন, কারণ মেক্সিকোতে তার কোনো বৈধ কাগজপত্র নেই। এদিকে ডিটেনশন সেন্টারটি পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান জিও গ্রুপ নির্দিষ্ট অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর কাছে পাঠায়। ICE এক বিবৃতিতে জানায়, তাদের হেফাজতে থাকা ব্যক্তিদের প্রতিদিন তিন বেলা খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। তবে এদিন ড্যানিয়েল চিনচিলা-রোকের অভিযোগ বা তার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংস্থাটি নির্দিষ্ট কোনো মন্তব্য করেনি।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হলে লেবাননের বিরুদ্ধে ‘দ্রুত সামরিক অভিযান’ চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। দক্ষিণ লেবাননের দখলকৃত বিউফোর্ট দুর্গ (আরবিতে কালআত আল-শাকিফ) পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান ইয়াল জামির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিউফোর্ট এলাকায় মোতায়েন সেনাদের পরিদর্শন করেন। ওই সফরেই তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হলে ইসরায়েল দ্রুত সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বিউফোর্ট দুর্গকে ‘কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান’ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে দাবি করা হয়, এলাকাটি হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামোতে পরিপূর্ণ। জামির আরও দাবি করেন, ইরানের অর্থায়ন ও সহায়তায় কয়েক দশক ধরে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বসতিগুলোকে লক্ষ্য করে বিস্তৃত সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ অবকাঠামো গড়ে তুলেছে। তিনি লেবাননের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় নিজেদের দায়িত্ব পালন করে ওই এলাকা থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে দিতে হবে। তবে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত মে মাসের শেষ দিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দেন, ইসরায়েলি বাহিনী বিউফোর্ট দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে। ২০০০ সালের পর এটিই লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে গভীর অগ্রযাত্রা বলে দাবি করা হয়। অন্যদিকে হিজবুল্লাহ সে সময় জানায়, ইসরায়েলি বাহিনী দুর্গে প্রবেশের সময় সেখানে তাদের কোনো সামরিক উপস্থিতি ছিল না। সংগঠনটি অভিযোগ করে, প্রচারণার উদ্দেশ্যেই ইসরায়েল ওই এলাকা দখল করেছে। দক্ষিণ লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা হিসেবে পরিচিত বিউফোর্ট দুর্গ। ২০০০ সালে ইসরায়েলি বাহিনী সেখান থেকে সরে গেলেও সাম্প্রতিক সংঘাতের মধ্যে এলাকাটি আবারও আলোচনায় আসে। উল্লেখ্য, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য ছিল দুই পক্ষের সংঘাত বন্ধ করা এবং দীর্ঘদিনের উত্তেজনার মূল কারণগুলো সমাধানের পথ খুঁজে বের করা। তবে যুদ্ধবিরতির এই উদ্যোগের মধ্যেও সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৪ হাজার ৩০৩ জন নিহত এবং ১২ হাজার ২০২ জন আহত হয়েছেন। এছাড়া সংঘাতের কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে লেবাননের পক্ষ থেকে অভিযোগ করা হলেও এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আতশবাজির উৎসব চলাকালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। শিকাগোতে অবতরণের প্রস্তুতির সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে আতশবাজির আঘাত লাগে। তবে পাইলটের দক্ষতায় উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং এতে থাকা ৫২ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্যের কেউ আহত হননি। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১০৭৬ জর্জিয়ার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইলিনয়ের শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ৮টার দিকে অবতরণের সময় উড়োজাহাজটি একটি আতশবাজির সংস্পর্শে আসে। ডেল্টা এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, অবতরণের সময় উড়োজাহাজটি সম্ভবত একটি আতশবাজির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপরও বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে এবং নিজস্ব শক্তিতে গেট পর্যন্ত পৌঁছে যায়। ঘটনাটি সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিওতেও ঘটনাটির উল্লেখ রয়েছে। সেখানে পাইলট বলেন, "আমাদের উড়োজাহাজে একটি আতশবাজি আঘাত করেছে। প্রায় ২০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় আমরা একটি বড় ধাক্কা অনুভব করেছি। আশা করছি এটি নিচ থেকে ছোড়া একটি মর্টার ধরনের আতশবাজি ছিল।" ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। নিয়ন্ত্রক কর্মকর্তা পাইলটকে জানান, বিমানবন্দরের অবতরণপথের কাছাকাছি বেশ কয়েকটি বাড়ি থেকে আতশবাজি ছোড়া হচ্ছে এবং এ ধরনের একাধিক অভিযোগ ইতোমধ্যেই পাওয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি শিকাগো পুলিশকে জানানো হয়েছে। শিকাগো পুলিশ বিভাগ জানিয়েছে, উড়োজাহাজটি একটি অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উড়োজাহাজের বাইরের অংশের রঙের সামান্য ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্যদিকে ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, অবতরণের পর এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজটি বিস্তারিত পরীক্ষা করা হয়। এতে কাঠামোগত বা নিরাপত্তাজনিত কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-ও ঘটনাটির তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপনে প্রতিবছর বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বড় আকারে আতশবাজির প্রদর্শনী হয়। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বিপুল পরিমাণ আতশবাজি ফোটানো হয়, যা অনেক সময় পর্যাপ্ত তদারকি ছাড়াই পরিচালিত হয়। এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে বিশেষ আয়োজন করা হয়। ওয়াশিংটন ন্যাশনাল মলে ৪০ মিনিটব্যাপী আতশবাজির প্রদর্শনীর জন্য কাছাকাছি রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজ চলাচলও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) নিয়ে বিতর্ক নতুন মোড় নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের একটি বিল আবারও কংগ্রেসে উত্থাপনের উদ্যোগ নিয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি৪ (WCMH)-এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ওই আদেশে স্বাক্ষর করেছিলেন। তার যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার অবৈধভাবে অবস্থানকারী বা অস্থায়ী ভিসাধারী অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। সুপ্রিম কোর্টের এই রায়ের পর বুধবার সিনেটর বার্নি মোরেনো একই উদ্দেশ্যে একটি বিল পুনরায় উত্থাপনের ঘোষণা দেন। মোরেনো যে বিলটি পুনরায় উত্থাপন করেছেন, সেটি প্রথম ১৯৯৩ সালে প্রস্তাব করেছিলেন তৎকালীন ডেমোক্র্যাট সিনেটর হ্যারি রিড। বিলটির উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব সংক্রান্ত ধারা ব্যাখ্যা করে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত করা। নতুন করে উত্থাপিত বিলে শুধু জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ই নয়, অবৈধ অভিবাসনের জন্য আরও কঠোর শাস্তি, প্রতি বছর অভিবাসী গ্রহণের সংখ্যা কমানো এবং আশ্রয়প্রার্থীদের সুযোগ সীমিত করারও প্রস্তাব রাখা হয়েছে। বার্নি মোরেনো বলেন, তিনি হ্যারি রিডের প্রস্তাবিত "ঠিক একই বিল" আবারও কংগ্রেসে আনছেন। তার ভাষায়, "ডেমোক্র্যাট পার্টিতে চরমপন্থীদের প্রভাব বাড়ার আগে তাদের নেতা হ্যারি রিড জন্মসূত্রে নাগরিকত্বের অবসান, অবৈধ অভিবাসীদের ভোটাধিকার রোধ এবং অবৈধ শ্রম ব্যবহারকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য একটি চমৎকার বিল এনেছিলেন। আমি চাই, এবার এই বিলের ওপর ভোট হোক।" তবে এই বিলের ইতিহাস ভিন্ন। ১৯৯০-এর দশকে বিলটি কমিটিতেই আটকে যায়। পরে ২০০৬ সালে হ্যারি রিড নিজেই এ ধরনের বিল আনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি একসময় এটিকে নিজের রাজনৈতিক জীবনের "সবচেয়ে বড় ভুলগুলোর একটি" বলে উল্লেখ করেছিলেন। পরে সাংবাদিকদের বলেন, "আমি বিষয়টি ঠিকভাবে বুঝতে পারিনি। এমন প্রস্তাব দেওয়ায় আমি বিব্রত।" উল্লেখযোগ্য বিষয় হলো, বার্নি মোরেনো নিজেও একজন অভিবাসী। তিনি কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৮ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব গ্রহণের সময় নিজের কলম্বিয়ার নাগরিকত্ব ত্যাগ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি কংগ্রেসের আরও ২৭ সদস্যের সঙ্গে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল রাখার আহ্বান জানিয়েছিলেন। সর্বশেষ রায়ের পরও তিনি দাবি করেন, আদালত ১৪তম সংশোধনীর সঠিক ব্যাখ্যা দেয়নি এবং এ বিষয়ে এখন কংগ্রেসের উদ্যোগ নেওয়া উচিত। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা রায়ে বলেন, দীর্ঘদিনের সাংবিধানিক ব্যাখ্যা অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভ করেন। যদিও বিচারপতি ব্রেট কাভানাফ সাংবিধানিক ব্যাখ্যার বিষয়ে ভিন্ন মত পোষণ করলেও তিনি ট্রাম্পের নির্বাহী আদেশের বিপক্ষেই ভোট দেন। তার মতে, আদেশটি বিদ্যমান ফেডারেল আইনের সঙ্গে সাংঘর্ষিক ছিল। রায়ের পর সামাজিক মাধ্যমে বার্নি মোরেনো ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, বর্তমান নীতি তথাকথিত 'বার্থ ট্যুরিজম' বা সন্তানকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার প্রবণতাকে উৎসাহিত করছে। সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ-এর হিসাব অনুযায়ী, প্রতি বছর পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে আসা নারীদের প্রায় ৩৩ হাজার শিশু জন্মগ্রহণ করে, যা দেশটিতে মোট জন্মের প্রায় ০.৯ শতাংশ। মোরেনো জানিয়েছেন, ওয়াশিংটনে ফিরে আনুষ্ঠানিকভাবে তিনি বিলটি আবারও কংগ্রেসে উপস্থাপন করবেন।
সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে ৬৩০ কোটি ডলার (প্রায় ৫২ হাজার কোটি রুপি) মূল্যের একটি বড় প্রতিরক্ষা ক্রয় পরিকল্পনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ভারত। এই পরিকল্পনার আওতায় ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধী প্রযুক্তি এবং নৌ ও বিমানবাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম কেনা হবে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) এ সিদ্ধান্ত অনুমোদন দেয়। প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বাধীন এই কাউন্সিলে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আনুমানিক ব্যয় হবে ৫২ হাজার কোটি রুপি, যা প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলারের সমান। তবে এসব সরঞ্জাম কত সময়ের মধ্যে সংগ্রহ করা হবে কিংবা সেগুলো বিদেশ থেকে আমদানি করা হবে নাকি দেশীয়ভাবে উৎপাদন করা হবে, সে বিষয়ে সরকার বিস্তারিত জানায়নি। অনুমোদিত তালিকায় রয়েছে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ (ইলেকট্রনিক ওয়ারফেয়ার) ব্যবস্থা, মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, বহনযোগ্য ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য জেটচালিত কামিকাজে ড্রোন ব্যবস্থা। এ ছাড়া ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন নৌ-মাইন, জাহাজভিত্তিক ড্রোন এবং সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি জোরদারে একটি পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বিমানবাহিনীর জন্য উচ্চ উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) কেনার পরিকল্পনাও রয়েছে। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দূরবর্তী পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হবে। গত এক দশকে ভারত ঐতিহ্যগত অস্ত্র সরবরাহকারী রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা উৎপাদনেও জোর দিচ্ছে নয়াদিল্লি। বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাত ভারতের সামরিক সক্ষমতা আরও আধুনিক করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে। এদিকে ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে নৌবাহিনীর আধুনিকায়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। এর অংশ হিসেবে গত ডিসেম্বর দেশটি অন্তত ৭৫টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন সংগ্রহের প্রক্রিয়া শুরু করে, যার বেশিরভাগই দেশীয়ভাবে নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শুরুতেও ভারত প্রায় ৩৯ বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছিল। সেই তালিকায় ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তও ছিল।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপনকে ঘিরে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত শহর নিউপোর্ট বিচে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আতশবাজি, মারামারি, ভাঙচুর এবং একটি সুপারমার্কেটে লুটপাটের ঘটনায় গত ৩৬ ঘণ্টায় ৪০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। লস অ্যাঞ্জেলেস টাইমস ও সিটি নিউজ সার্ভিস জানিয়েছে, শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নিউপোর্ট পেনিনসুলা এলাকায় বড় ধরনের জনসমাগমের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ ছিল, বিপুলসংখ্যক মানুষ অবৈধভাবে আতশবাজি ফুটাচ্ছিল, মারামারিতে জড়াচ্ছিল এবং জনশৃঙ্খলা ভঙ্গ করছিল। ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে কাছাকাছি থেকে বড় ধরনের আতশবাজি ফোটাতে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি জনতার মধ্যে আতশবাজি ছুড়ে দিচ্ছেন। আরেকটি ভিডিওতে স্পাইডার-ম্যানের মুখোশ পরা একজনকে ট্রাফিক সিগন্যালের খুঁটিতে উঠে জনতাকে 'ইউএসএ, ইউএসএ' স্লোগান দিতে উৎসাহিত করতে দেখা যায়। এ ছাড়া সামাজিক মাধ্যমে প্রকাশিত অন্য ভিডিওগুলোতে কয়েকজনকে রাস্তার সাইনবোর্ড ভেঙে নিয়ে যেতে এবং কাছের প্যাভিলিয়ন্স সুপারমার্কেটে ঢুকে লুটপাট করতে দেখা যায়। নিউপোর্ট বিচের একটি টাকো রেস্তোরাঁয় কর্মরত ১৯ বছর বয়সী মিয়া মেয়ার্স জানান, বিকেল থেকেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছিল। তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ দোকানের জানালায় আঘাত করছিল, অপ্রাপ্তবয়স্কদের প্রকাশ্যে মদ্যপান করতে দেখা গেছে এবং কর্মীদের উদ্দেশ্য করে চিৎকার-চেঁচামেচিও করা হয়। পরদিন সকালে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা সৈকত এলাকায় নেমে আগের রাতের আবর্জনা পরিষ্কার করেন। মেয়ার্স বলেন, নিউপোর্ট বিচের বাসিন্দারা তাদের শহরকে পরিচ্ছন্ন রাখতে একসঙ্গে কাজ করেছেন। সকালে কাজে এসে আগের রাতের বিশৃঙ্খলার খুব বেশি চিহ্ন আর দেখা যায়নি। গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার আগে নিউপোর্ট বিচ কর্তৃপক্ষ 'নট ইন নিউপোর্ট' নামে একটি জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছিল। এতে প্রকাশ্যে মাতাল হওয়া, অবৈধ আতশবাজি ব্যবহার এবং বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ৬ জুলাই পর্যন্ত নির্ধারিত নিরাপত্তা জোনে এসব অপরাধের জরিমানাও তিনগুণ করা হয়। নিউপোর্ট বিচের মেয়র লরেন ক্লেইম্যান বলেন, স্বাধীনতা দিবসে শহরে প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় বাড়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বাইরের অঙ্গরাজ্য থেকে তরুণদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, স্বল্পমেয়াদি ভাড়া দেওয়া আবাসনগুলোর জন্যও কঠোর নীতি নেওয়া হয়েছে। কোনো ভাড়াটিয়া জননিরাপত্তা আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট আবাসনের অনুমতিপত্র বাতিল করা হতে পারে। মেয়র আরও বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর যারা আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ মানেনি, তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ৩৬ ঘণ্টায় ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক এবং নিউপোর্ট বিচের বাইরের বাসিন্দা। ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আতশবাজির বিস্ফোরণে আহত হন। তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। এদিকে নিউপোর্ট বিচ পুলিশ অ্যাসোসিয়েশন সামাজিক মাধ্যমে জানায়, কথিত 'টিকটক টেকওভার' কর্মসূচির আহ্বানে বিপুলসংখ্যক উসকানিদাতা শহরে জড়ো হয়েছিল। তাদের দাবি, দাঙ্গাকারীদের তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা ছিল প্রায় ১:৫০০ অনুপাতে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে। নিউপোর্ট বিচ পুলিশ বিভাগ জানিয়েছে, পুরো ঘটনার পর্যালোচনা করা হচ্ছে। আগামী বছরের স্বাধীনতা দিবস উদ্যাপনে নিরাপত্তা আরও জোরদারের বিষয়টি বিবেচনা করা হবে।
হলিউডের ব্যস্ত জীবন ছেড়ে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে স্থায়ী হওয়ার সিদ্ধান্তকে জীবনের অন্যতম সেরা পরিবর্তন বলে মনে করছেন ‘ল্যান্ডম্যান’ তারকা আলি লার্টার। তার ভাষায়, লস অ্যাঞ্জেলেসের তুলনায় আইডাহোতে জীবন অনেক বেশি সহজ, শান্ত এবং পরিবারকেন্দ্রিক। সম্প্রতি নিউপোর্ট বিচ টিভি ফেস্টিভ্যালে ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ২০২০ সালে পরিবারের সঙ্গে আইডাহোর সান ভ্যালিতে চলে যাওয়ার পর থেকে তাদের গ্রীষ্মকালীন জীবনধারা পুরোপুরি বদলে গেছে। আলি লার্টার বলেন, এখন সন্তানদের নিয়ে আগের মতো দীর্ঘ পাহাড়ি পথে হাঁটতে যাওয়া সম্ভব না হলেও তারা একসঙ্গে সাইকেল চালান, নদীর ঠান্ডা পানিতে সময় কাটান এবং প্রকৃতির কাছাকাছি থাকেন। তিনি বলেন, "আমরা বাড়িতে বারবিকিউ করি, আমাদের কুকুরগুলোর সঙ্গে খেলি। আমার মেয়ে ভলিবল খেলতে পছন্দ করে। মাঝে মাঝে আমরা স্থানীয় দোকান থেকে আইসক্রিম খেতে যাই।" তার ভাষায়, "এখানে জীবন অনেক সহজ। গ্রীষ্মে রাত ১০টা পর্যন্ত সূর্যের আলো থাকে। তাই সন্তানদের সঙ্গে অনেক বেশি সময় কাটানোর সুযোগ পাই।" আলি লার্টার ও তার স্বামী অভিনেতা হেইস ম্যাকআর্থার দুই সন্তানের বাবা-মা। তাদের ছেলে টেডির বয়স ১৫ বছর এবং মেয়ে ভিভিয়েনের বয়স ১১ বছর। অভিনেত্রী জানান, কোভিড-১৯ মহামারির সময় ২০২০ সালে মাত্র দুই মাসের জন্য আইডাহোতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ধারণা ছিল, ক্যালিফোর্নিয়ার স্কুল দ্রুত খুলে যাবে। কিন্তু তা না হওয়ায় সন্তানদের পড়াশোনা অনলাইনে চলতে থাকে। অন্যদিকে আইডাহোর স্কুল খুলে যাওয়ায় তাদের ছোট মেয়েকে সেখানে কিন্ডারগার্টেনে ভর্তি করাতে সক্ষম হন। লার্টারের ভাষায়, ওই সময়েই তারা স্থানীয় অনেক পরিবারের সঙ্গে পরিচিত হন। সন্তানদের নিয়ে স্কি করা, একসঙ্গে সময় কাটানো এবং ছোট শহরের পরিবেশ তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। পরে গ্রীষ্মের ছুটিতে লস অ্যাঞ্জেলেসে ফিরে গিয়ে তারা উপলব্ধি করেন, হলিউডে একজন অভিনেতার জীবন শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়। নিয়মিত অডিশনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও দাতব্য আয়োজনে উপস্থিত থাকারও চাপ থাকে। তিনি বলেন, "আমরা সেই জীবন আর চাইনি। আমরা আমাদের সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছি। তখনই সিদ্ধান্ত নিই, আইডাহোতেই থেকে দেখব।" তবে লস অ্যাঞ্জেলেসের প্রতি ভালোবাসার কথা অস্বীকার করেননি আলি লার্টার। তিনি বলেন, শহরটি সবসময়ই তার হৃদয়ের একটি অংশ হয়ে থাকবে। কিন্তু বর্তমান জীবনধারায় তিনি পরিবারের জন্য বেশি সময় দিতে পারছেন, যা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ল্যান্ডম্যান’-এ অ্যাঞ্জেলা চরিত্রে অভিনয় করছেন আলি লার্টার। সিরিজটিতে তিনি অভিনেতা বিলি বব থরন্টনের চরিত্রের সাবেক স্ত্রী হিসেবে অভিনয় করেছেন। সাক্ষাৎকারে তিনি মজার ছলে বলেন, বাস্তব জীবনেও মাঝে মাঝে অ্যাঞ্জেলা চরিত্রের সাহসী ও প্রাণবন্ত ব্যক্তিত্বকে নিজের মধ্যে ধারণ করতে ইচ্ছা হয়।
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠান গ্রেট সাউদার্ন ব্যাংক চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তাদের নয়টি শাখা বন্ধ করার ঘোষণা দিয়েছে। ব্যাংকটির এ সিদ্ধান্তের ফলে অন্তত ৬৬ জন কর্মীর চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মিসৌরি, আরকানসাস, কানসাস ও আইওয়া অঙ্গরাজ্যে অবস্থিত এসব শাখা ধাপে ধাপে বন্ধ করা হবে। বেশিরভাগ শাখা আগামী ১ অক্টোবর কার্যক্রম বন্ধ করবে। তবে আরকানসাসের রজার্স শহরের শাখাটি ২৫ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাবে। ব্যাংকের ঘোষণা অনুযায়ী, বন্ধ হতে যাওয়া শাখাগুলো হলো: স্প্রিংফিল্ড, মিসৌরি ওজার্ক, মিসৌরি নিক্সা, মিসৌরি লিস সামিট, মিসৌরি ওকভিল, মিসৌরি রজার্স, আরকানসাস ওলাথে, কানসাস অ্যানকেনি, আইওয়া প্লেজেন্ট হিল, আইওয়া ব্যাংকটি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ৬৬টি পদ বিলুপ্ত করা হবে। তবে রজার্স শাখাটি আগে বন্ধ হওয়ায় সেখানে কর্মরতদের চাকরি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। দ্য ইউএস সান-কে দেওয়া এক বিবৃতিতে গ্রেট সাউদার্ন ব্যাংকের একজন মুখপাত্র বলেন, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো তারাও নিয়মিতভাবে ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন করে থাকে। তিনি বলেন, বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে কখনো কখনো পণ্য, সেবা এবং জনবল পুনর্বিন্যাসের প্রয়োজন হয়। সেই মূল্যায়নের ফল হিসেবেই নয়টি ব্যাংকিং কেন্দ্র বন্ধ এবং বিভিন্ন বিভাগে মোট ৬৬টি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ, চাকরি পরিবর্তনে সহায়তা এবং প্রতিষ্ঠানের অন্যান্য শূন্য পদে আবেদন করার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেও গত জুন মাসে গ্রেট সাউদার্ন ব্যাংক দুটি শাখা বন্ধ করেছিল। একটি শাখা ৬ জুন এবং আরেকটি ২০ জুন বন্ধ হয়। ওই সিদ্ধান্তের ফলে আরও ২৮ জন কর্মী চাকরি হারান। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং খাতে ডিজিটাল সেবার ব্যবহার দ্রুত বাড়ছে। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের প্রসারের কারণে অনেক আর্থিক প্রতিষ্ঠান তাদের শাখা নেটওয়ার্ক পুনর্বিন্যাস করছে। বাজার পরিস্থিতি ও গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে বিভিন্ন ব্যাংক শাখা কমানো এবং কার্যক্রম পুনর্গঠনের পথে হাঁটছে।
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পরই জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তির ঘোষণা দেন তিনি। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ম্যাচ শেষ হওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার জানান, ব্রাজিলের হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ। ম্যাচ শেষে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, "আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।" এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে প্রায় দেড় দশকের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়ার পর দ্রুতই দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন নেইমার। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। ব্রাজিলের হয়ে ৮০টি গোল করেছেন এই তারকা, যা দেশের ফুটবল ইতিহাসে সর্বাধিক। এছাড়া জাতীয় দলের জার্সিতে তার রয়েছে চারটি হ্যাটট্রিক। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে সর্বোচ্চ নয়টি গোল করেছেন তিনি। ক্যারিয়ারে ব্রাজিলকে ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক এনে দেওয়ার অন্যতম নায়ক ছিলেন তিনি। এবারের বিশ্বকাপে অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলোয় আর্লিং হলান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের। এই জয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নর্ডিক দেশটি। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার মধ্যেই নেইমারের অবসরের ঘোষণা ব্রাজিল সমর্থকদের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে। দীর্ঘ সময় ধরে ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন তিনি। তার বিদায়ের মাধ্যমে ব্রাজিল ফুটবলের একটি স্মরণীয় অধ্যায়েরও সমাপ্তি ঘটল।
যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সরাসরি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় বালোগুনকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে রোববার ফিফার শৃঙ্খলা কমিটি জানায়, ওই লাল কার্ডের কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে আসন্ন বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন এই মার্কিন ফরোয়ার্ড। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর সঙ্গে ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেন। যদিও ফোনালাপ সম্পর্কে প্রকাশ্যে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি। এদিকে দ্য গার্ডিয়ান এবং অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-ও পৃথক প্রতিবেদনে জানিয়েছে, বালোগুনের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে হোয়াইট হাউস ফিফার সঙ্গে যোগাযোগ করেছিল। তবে ওই প্রতিবেদনে ট্রাম্প নিজে ফোন করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি লেখেন, "সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। একটি বড় অন্যায়ের অবসান হয়েছে।" তবে ওই পোস্টে ইনফান্তিনোর সঙ্গে কোনো ফোনালাপের উল্লেখ করেননি। এ বিষয়ে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও সংস্থাটি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময় উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালে ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার নবপ্রবর্তিত 'ফিফা পিস প্রাইজ' প্রদান করেন, যা দুই পক্ষের ঘনিষ্ঠ সম্পর্কের একটি আলোচিত উদাহরণ হিসেবে বিবেচিত হয়। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের শাস্তি ও শৃঙ্খলাবিষয়ক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে ট্রাম্পের কথিত ফোনালাপ ফিফার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছিল কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে আলোচনা চললেও ফিফার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে ক্রীড়াঙ্গন।
টেক্সাসের ডালাসে বিশ্বকাপ চলাকালে মিশর জাতীয় ফুটবল দলের এক কর্মকর্তার সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনায় সৃষ্টি হওয়া উত্তেজনার অবসান হয়েছে। ভাইরাল হওয়া ওই ঘটনার পর ডালাস পুলিশ ও মিশর দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং উভয় পক্ষ সৌহার্দ্যের প্রতীক হিসেবে উপহার বিনিময় করে। ঘটনাটি ঘটে ২ জুলাই ডালাসে মিশর দলের হোটেলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে মিশর দলের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসানের উত্তপ্ত বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়। সে সময় দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মিশর দলের দাবি, একজন খেলোয়াড় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। এ সময় পুলিশ সদস্য অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করেন এবং টিম ডিরেক্টর ইব্রাহিম হাসানকে ধাক্কা দেন। অন্যদিকে ডালাস পুলিশ জানায়, হোটেল কর্তৃপক্ষের অনুরোধে তারা সেখানে গিয়েছিল এবং পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) যাচাইকে কেন্দ্র করেই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর শনিবার ডালাস পুলিশ জানায়, তারা মিশর দলের প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উভয় পক্ষ জার্সি ও স্মারক উপহার বিনিময় করে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। মিশর দলের প্রধান কোচ হোসাম হাসানও পরে জানান, পুলিশ তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং তিনি বিষয়টিকে সমাপ্ত বলে মনে করছেন। একই সঙ্গে তিনি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন। তবে ঘটনাটি নিয়ে প্রশ্ন পুরোপুরি থেমে যায়নি। ডালাস সিটি কাউন্সিলের সদস্য অ্যাডাম বাজালদুয়া ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্লাস্টিক সার্জন সারওয়া আলদুরির মরদেহ নিজ বাড়ির পেছনের সুইমিং পুল থেকে উদ্ধার করা হয়েছে। কয়েক বছর আগে একটি কসমেটিক অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা লাইসেন্স হারিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম KGET-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড শহরের পাইনগ্লেন ড্রাইভের একটি বাড়িতে ৭১ বছর বয়সী সারওয়া আলদুরিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করা হয়। কার্ন কাউন্টি করোনারের দপ্তর তার পরিচয় নিশ্চিত করেছে। এদিকে বেকার্সফিল্ড পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। আলদুরির মৃত্যুর কারণ, মৃত্যুর ধরন এবং এর পেছনের পরিস্থিতি নির্ধারণে তদন্ত চলছে। এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। প্রায় ৩৫ বছর ধরে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ (ওবি-জিওয়াইএন) হিসেবে চিকিৎসাসেবা দিয়েছেন আলদুরি। পরবর্তীতে তিনি বেকার্সফিল্ডের বেলা হেলথ অ্যান্ড বিউটি নামের একটি কসমেটিক সার্জারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানে নারীদের স্বাস্থ্যসেবা, সুস্থতা এবং বিভিন্ন সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচারে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। তবে তার পেশাগত জীবনে বড় ধরনের বিতর্ক তৈরি হয় ২০১৬ সালের একটি কসমেটিক অস্ত্রোপচারকে ঘিরে। অভিযোগ অনুযায়ী, ওই বছর এক রোগীর লিপোসাকশন ও টামি টাক অস্ত্রোপচার করেন আলদুরি। অস্ত্রোপচারের পর রোগী মারা যান। পরে ক্যালিফোর্নিয়া মেডিকেল বোর্ড বিষয়টি তদন্ত করে। ২০২১ সালে দায়ের করা অভিযোগে বলা হয়, ওই ধরনের অস্ত্রোপচার পরিচালনার জন্য আলদুরির পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা ছিল না। তদন্তে আরও উল্লেখ করা হয়, রোগীর মৃত্যু হয়েছিল ফ্যাট এম্বোলিজম নামে পরিচিত একটি জটিলতায়। এ অবস্থায় শরীরের চর্বির ক্ষুদ্র কণা রক্তপ্রবাহে প্রবেশ করে রক্তনালীতে বাধা সৃষ্টি করতে পারে, যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তদন্ত শেষে চিকিৎসা বোর্ড প্রথমে আলদুরিকে সাত বছরের জন্য প্রবেশনে রাখে। তবে বোর্ডের নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত ২০২৪ সালের মার্চ মাসে তিনি স্বেচ্ছায় তার ক্যালিফোর্নিয়ার চিকিৎসা লাইসেন্স সমর্পণ করেন। তার মৃত্যুর ঘটনায় নতুন করে নানা প্রশ্ন তৈরি হলেও পুলিশ বলছে, ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হবে না।
ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শীর্ষ প্রভাবশালী রাষ্ট্র ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই নির্বাচন কেবল নেতৃত্ব পরিবর্তনের লড়াই নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ অভিবাসন নীতি, অর্থনৈতিক দিক-নির্দেশনা এবং সামাজিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টানা দুই মেয়াদ পূর্ণ করায় সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে আর প্রার্থী হতে পারছেন না। ফলে ক্ষমতার শীর্ষ পদে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য ফ্রান্স এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সন্ধিক্ষণে প্রবেশ করেছে, যা প্রধান দলগুলোকে তাদের কৌশল পুনর্গঠনে বাধ্য করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন সাধারণত দুই দফায় অনুষ্ঠিত হয়। প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হয়। বর্তমান সাংবিধানিক সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের প্রথম দফার ভোট ১৮ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জরিপভিত্তিক বিশ্লেষণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, যার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে দেশটির সংবেদনশীল ‘অভিবাসন ইস্যু’। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ জুড়ে অভিবাসন প্রবাহ বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এই বিতর্ককে আরও জোরালো করেছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে ডানপন্থি রাজনৈতিক শক্তি ‘ন্যাশনাল র্যালি’ অভিবাসন ইস্যুকে তাদের প্রধান নির্বাচনী এজেন্ডা হিসেবে সামনে এনেছে। দলটি নতুন অভিবাসন কমানো, পরিবার পুনর্মিলনের শর্ত কঠোর করা এবং নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া আরও জটিল করার পক্ষে অবস্থান নিয়েছে। তবে ডানপন্থি শিবিরের মূল নেতৃত্ব নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে; দলটির প্রধান মুখ মেরিন ল্য পেন বর্তমানে একটি আইনি আপিল প্রক্রিয়ার রায়ের অপেক্ষায় আছেন। আদালতের রায়ে তিনি যদি অযোগ্য ঘোষিত হন, তবে দলটির সম্ভাব্য নতুন নেতৃত্ব হিসেবে জর্দান বারদেলার নাম সামনে আসছে। অন্যদিকে, মধ্যপন্থি শিবির দক্ষ কর্মী ও শিক্ষার্থীদের জন্য বৈধ অভিবাসন চালু রেখে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারসাম্যপূর্ণ নীতির কথা বলছে এবং বামপন্থি দলগুলো একে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানাচ্ছে। এই নির্বাচনী টানাপোড়েনের কারণে ফ্রান্সে বসবাসরত বিশাল অভিবাসী সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ ও আগ্রহ বাড়ছে। বিশেষ করে রেসিডেন্স পারমিট, নাগরিকত্ব এবং পরিবার পুনর্মিলন সংক্রান্ত নীতিতে সম্ভাব্য পরিবর্তনের প্রভাব নিয়ে তাদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে ফরাসি প্রশাসনিক সূত্রগুলো স্পষ্ট করেছে যে, বর্তমানে কার্যকর অভিবাসন নীতিই অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে কোনো পরিবর্তন হলে তা যথাযথ আইন প্রণয়ন ও সংসদীয় অনুমোদনের মাধ্যমেই বাস্তবায়িত হবে। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের ২০২৭ সালের এই নির্বাচন কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ নীতি কাঠামো নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে আবির্ভূত হয়েছে। সূত্রঃ যুগান্তর
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতিত ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দেখা মিলেছে সুদূর যুক্তরাষ্ট্রে। দীর্ঘ দুই বছর ধরে পলাতক ও আত্মগোপনে থাকার পর অবশেষে নিউইয়র্কে প্রকাশ্যে এলেন নারায়ণগঞ্জের এই সাবেক দাপুটে নেতা। তার আকস্মিক উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার স্থানীয় ফটোসাংবাদিক নেহের সিদ্দিকী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শামীম ওসমানের একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে দেখা যায়, নিউইয়র্কের একটি নদীর তীরে দাঁড়িয়ে অত্যন্ত উদাসী ভঙ্গিতে ধূমপান করছেন তিনি। দীর্ঘদিন জনসম্মুখের আড়ালে থাকা এই নেতার এমন ভিন্ন রূপের ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দেশ ছাড়ার পর গত দুই বছর তিনি ঠিক কোথায় এবং কীভাবে আত্মগোপন করেছিলেন, তা নিয়ে প্রবাসী কমিউনিটিতে নতুন করে জল্পনাকল্পনা শুরু হয়েছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি পোস্টে শামীম ওসমানকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গেও দেখা যায়। ওই ছবিতে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ স্থানীয় একাধিক নেতাকর্মীর সঙ্গে ছবি তুলেছেন তিনি। পতিত সরকারের একজন পলাতক ও আলোচিত সাবেক সংসদ সদস্যের এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জর্জিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিশেষ বারবিকিউ পার্টির আয়োজন করেছে গাজী ফাউন্ডেশন। আজ রবিবার (৫ জুলাই) স্থানীয় লাকি সোলস পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মৌসুমি ফলমূল ও চিকেন বারবিকিউসহ বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা করা হয়। উৎসবমুখর পরিবেশে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তাদের মতে, এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে এবং প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আনন্দ একসঙ্গে উদযাপনের সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম গাজী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।