সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের প্রতীকী ছবি । ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে ব্যাপক ধরপাকড়, পাঁচ দিনে ১০ হাজারের বেশি আটক

ওয়াশিংটন, ২ জুলাই: যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন আইন বাস্তবায়নে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, গত পাঁচ দিনে পরিচালিত অভিযানে ১০ হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ দাবি করেছে, আটক হওয়া ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে অথবা তারা আগে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।   স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক অভিযানের মূল লক্ষ্য ছিল বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকারী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা। বিভাগটির দাবি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অভিবাসন আইন কার্যকর করতেই দেশব্যাপী এ অভিযান পরিচালিত হচ্ছে।   তবে স্বাধীনভাবে সরকারি তথ্য বিশ্লেষণকারী গবেষকদের প্রতিবেদনে কিছুটা ভিন্ন চিত্র উঠে এসেছে। সরকারি নথির ভিত্তিতে করা এক বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে প্রতিদিন এক হাজারেরও বেশি ব্যক্তিকে আটক করা হচ্ছে। এসব আটকের প্রায় অর্ধেকই স্থানীয় কারাগার, আটককেন্দ্র অথবা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে হয়েছে।   এদিকে নিউইয়র্কের আইনজীবীদের একটি সংগঠনের বিশ্লেষণে বলা হয়েছে, শহরটিতে প্রশাসনিকভাবে আটক হওয়ার সংখ্যা ২০১৭ অর্থবছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। তাদের তথ্যমতে, আটক হওয়া শত শত ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো ফৌজদারি মামলার রেকর্ড ছিল না। আবার উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা বিচারাধীন রয়েছে।   অন্যদিকে সরকারি নথি বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসের শুরুতেই নিউইয়র্কে অভিবাসন কর্তৃপক্ষের আটকের সংখ্যা ২০২৪ সালের পুরো বছরের মোট আটকের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।   এই অভিযান এমন সময়ে জোরদার করা হয়েছে, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত জন্মসূত্রে নাগরিকত্বের বিদ্যমান নীতিতে পরিবর্তন আনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ আবেদন নাকচ করে দেয়। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অধিকাংশ শিশুর নাগরিকত্বের বর্তমান সাংবিধানিক ব্যবস্থা বহাল রয়েছে।   বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রে কঠোর অবস্থানের ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযান নতুন করে জাতীয় পর্যায়ে আলোচনা তৈরি করেছে। যদিও প্রশাসনের দাবি, এই অভিযানের লক্ষ্য অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তবু স্বাধীন তথ্য বিশ্লেষণ বলছে, আটক হওয়া সবার বিরুদ্ধে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড নেই। ফলে অভিযানটি নিয়ে দেশজুড়ে বিতর্কও অব্যাহত রয়েছে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২২:৩১
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি টিকিয়ে রাখতে প্রতিরক্ষায় বড় বিনিয়োগ জরুরি: হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তার ভাষ্য, শক্তিশালী সামরিক সক্ষমতা ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য ও জাতীয় নিরাপত্তা ধরে রাখা সম্ভব নয়। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০২৭ অর্থবছরের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন তিনি।   একটি মতামতধর্মী নিবন্ধে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জাতীয় ঋণ অবশ্যই উদ্বেগের বিষয়। তবে সামরিক খাতে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়াই বর্তমানে দেশের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিই দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, ডলারের আধিপত্য, স্বল্প সুদে ঋণ গ্রহণের সক্ষমতা এবং বৈশ্বিক বাণিজ্য নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।   হেগসেথ বলেন, শুধু ট্রেজারি বিভাগ ডলারের স্থিতিশীলতা নিশ্চিত করে না, এতে মার্কিন বিমান বাহিনীরও ভূমিকা রয়েছে। একইভাবে শুধু ফেডারেল রিজার্ভ নয়, মেরিন কোরও অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। আর বৈশ্বিক মুক্ত বাণিজ্য টিকিয়ে রাখতে শুধু বাণিজ্য বিভাগ নয়, মার্কিন নৌবাহিনীরও অবদান রয়েছে।   তার মতে, যুক্তরাষ্ট্র সামরিকভাবে অপ্রতিদ্বন্দ্বী থাকলে দেশটি সহজে ঋণ নিতে পারে, বৈশ্বিক বাণিজ্যের নিয়ম নির্ধারণ করতে পারে এবং অর্থনৈতিক সুবিধা ধরে রাখতে সক্ষম হয়। কিন্তু সামরিক সক্ষমতা দুর্বল হলে বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়বে, যা বাজার, বিনিয়োগ এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।   চীনের সামরিক শক্তি দ্রুত বাড়ছে উল্লেখ করে হেগসেথ বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় প্রতিরক্ষা বাজেট পর্যাপ্ত না হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন মহাকাশ, সাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় যুদ্ধব্যবস্থা, সমুদ্রের নিচের প্রযুক্তি এবং দূরপাল্লার হামলার সক্ষমতায় বড় বিনিয়োগের সময় এসেছে।   তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কংগ্রেসের সদস্যদের বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দিয়েছে এবং কেন এই বাজেটকে জরুরি বলে মনে করছে, তা ব্যাখ্যা করেছে। হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ আর্থিক নিরীক্ষা (অডিট) পাস করতে ব্যর্থ হয়েছে। তবে বর্তমান প্রশাসন এটিকে অগ্রাধিকার দিয়েছে এবং ২০২৮ সালের মধ্যেই সফলভাবে অডিট সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।   তার ভাষ্য, বাজেটের প্রতিটি খাত পর্যালোচনা করে অগ্রাধিকারহীন ব্যয় কমানো হয়েছে, যার ফলে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করে তা গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পে স্থানান্তর করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তির বিনিময়ে প্রতিরক্ষা ঠিকাদারদের নিজেদের অর্থে নতুন উৎপাদন কারখানা ও অ্যাসেম্বলি লাইন স্থাপনে উৎসাহিত করা হচ্ছে। এতে একদিকে কর্মসংস্থান বাড়ছে, অন্যদিকে সরকারের ব্যয়ও কমছে।   হেগসেথের মতে, নতুন এই ব্যবস্থায় সেনাবাহিনী নির্ধারিত সময়ের আগেই আধুনিক অস্ত্র ও প্রযুক্তি পাবে। একই সঙ্গে বড় প্রতিরক্ষা ঠিকাদারদেরও নতুন প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, অন্যথায় তাদের পরিবর্তে নতুন প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হবে।   নিবন্ধের শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গুরুত্বপূর্ণ হলেও দায়িত্বশীল প্রতিরক্ষা ব্যয় আরও বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, আর্থিক শৃঙ্খলা ও শক্তিশালী প্রতিরক্ষা, দুটি লক্ষ্যই একসঙ্গে অর্জন করা সম্ভব এবং সে জন্য কংগ্রেসকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট অনুমোদন করা উচিত।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২২:৯
ছবি: সাইবারনিউজ
এআই অবকাঠামো এখন চোরদের নিশানায়, যুক্তরাষ্ট্রে ১৩ লাখ ডলারের ডেটা সেন্টার সরঞ্জাম চুরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের দ্রুত সম্প্রসারণের সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে ডেটা সেন্টার নির্মাণে ব্যবহৃত মূল্যবান সরঞ্জাম ও তামার তার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সম্প্রতি ১৩ লাখ ডলারের বেশি মূল্যের ডেটা সেন্টার অবকাঠামো সরঞ্জাম ও তামার তার বহনকারী দুটি ট্রেলার চুরির ঘটনা সামনে এসেছে।   যুক্তরাষ্ট্রের কুক কাউন্টি শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর একটি ট্রাক ইয়ার্ড থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি চুরি হওয়া ট্রাকের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে একটি ট্রেলারে প্রায় তিন লাখ ডলার মূল্যের তামার তার ছিল, যা আলাবামা থেকে চুরি করা হয়েছিল।   তদন্তকারীরা ট্রাকটির বিল্ট-ইন ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে অবস্থান শনাক্ত করেন। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, ট্রেলারটি অক্ষত থাকলেও ট্রাকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নম্বরপ্লেট লাগানো ছিল। পরে তদন্তে জানা যায়, ওই নম্বরপ্লেটও উইসকনসিন থেকে চুরি করা হয়েছিল।   আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অপরাধীরা প্রথমে আলাবামা থেকে ট্রাকটি চুরি করে। এরপর পরিচয় গোপন করতে চুরি করা নম্বরপ্লেট লাগিয়ে সেটি ইলিনয়ে নিয়ে আসে। ট্রাক ইয়ার্ডের মালিক তদন্তকারীদের জানান, যে ব্যক্তি চুরি হওয়া ট্রাকটি সেখানে রেখে গিয়েছিল, সে এক সপ্তাহ আগেও আরেকটি ট্রাক একই স্থানে এনে রেখেছিল।   পরে ওই দ্বিতীয় ট্রাকটির মালিক জানান, তার ট্রেলারটি ফ্লোরিডার জ্যাকসনভিল থেকে চুরি হয়েছিল। এতে প্রায় ১০ লাখ ডলারের ডেটা সেন্টার অবকাঠামো সরঞ্জাম ছিল, যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডেটা সেন্টারে সরবরাহ করার কথা ছিল। তবে নিরাপত্তার স্বার্থে ওই ট্রেলারের বর্তমান অবস্থান প্রকাশ করেনি কর্তৃপক্ষ।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।   এদিকে ছয় মাসব্যাপী এক অনুসন্ধানে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধচক্র এখন সরবরাহ ব্যবস্থার প্রযুক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে মূল্যবান পণ্য চুরি করছে। তারা 'স্ট্র্যাটেজিক থেফট' নামে পরিচিত একটি কৌশল ব্যবহার করে ট্রাক পরিবহন প্রতিষ্ঠান, ব্রোকার বা ক্যারিয়ারদের প্রতারণার মাধ্যমে পণ্য কিংবা অর্থ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।   কার্গো চুরি প্রতিরোধবিষয়ক প্রতিষ্ঠান ভেরিস্ক কার্গোনেটের তথ্য অনুযায়ী, গত বছর উত্তর আমেরিকায় প্রায় ৭২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের পণ্য চুরি হয়েছে। এসব চুরির বড় অংশই ছিল তামাসহ বিভিন্ন ধাতু এবং এন্টারপ্রাইজ কম্পিউটিং হার্ডওয়্যার।   প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, বর্তমানে সংঘবদ্ধ অপরাধচক্রের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে ডেটা সেন্টারের কম্পিউটিং সরঞ্জাম এবং ক্রিপ্টোকারেন্সি মাইনিং যন্ত্রপাতি। উচ্চ বাজারমূল্য ও বাড়তি চাহিদার কারণে এসব পণ্য চোরচক্রের কাছে ক্রমেই বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২২:১
ছবি: সংগৃহীত
স্পাইডার-ম্যানের নতুন সিনেমার প্রচারে এক মঞ্চে টম হল্যান্ড ও মেসি

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল বড় পর্দার জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের প্রচারণায়। মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারমূলক ভিডিওতে অভিনেতা টম হল্যান্ডের সঙ্গে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।   বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকা মেসি এবার সিনেমাপ্রেমীদেরও নজর কেড়েছেন। সম্প্রতি প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়, একটি কফিশপে বসে পিটার পার্কার (টম হল্যান্ড) কফি পান করতে করতে ফোনে কথা বলছেন। ঠিক তখনই স্পাইডার-ম্যানকে খুঁজতে একটি ট্র্যাকার হাতে ক্যাফেতে প্রবেশ করেন লিওনেল মেসি।   মেসিকে সামনে দেখে বিস্মিত হয়ে পিটার পার্কার বলে ওঠেন, ‘তুমি... মেসি?’ তবে ক্যাফের মালিকের প্রতিক্রিয়া ছিল একেবারেই স্বাভাবিক। তিনি শান্তভাবে জবাব দেন, ‘হ্যাঁ, উনি মেসি।’ এরপর পিটার পার্কার মেসিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে বাইরে যান এবং স্পাইডার-ম্যানের পোশাকে ফিরে আসেন। পরে স্পাইডার-ম্যান মজার ছলে মেসিকে জিজ্ঞেস করেন, ‘উঁচুতে ভয় লাগে না তো?’   এরপরই দেখা যায়, আকাশচুম্বী ভবনের মাঝ দিয়ে জাল ছুড়ে স্পাইডার-ম্যান মেসিকে নিয়ে উড়ে বেড়াচ্ছেন। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই এটিকে বছরের অন্যতম আকর্ষণীয় সিনেমা প্রচারণা হিসেবে মন্তব্য করছেন। এদিকে নির্মাতারা জানিয়েছেন, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হতে যাচ্ছে বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা পুরোপুরি স্ক্রিন-এক্স (ScreenX) প্রযুক্তির জন্য শুটিং করা হয়েছে।   এই প্রযুক্তিতে শুধু সামনের পর্দাই নয়, সিনেমা হলের দুই পাশের দেয়ালও প্রদর্শনের অংশ হয়ে যায়। ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারেন। নির্মাতাদের দাবি, এতে স্পাইডার-ম্যান যখন আকাশচুম্বী ভবনের ফাঁক দিয়ে জাল ছুড়ে উড়বে, তখন দর্শকদেরও মনে হবে তারা যেন তার সঙ্গেই উড়ে চলেছেন।   বিশ্বব্যাপী ৩১ জুলাই মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে তার আগে ১৭ জুলাই পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’ সিনেমায়ও দেখা যাবে টম হল্যান্ডকে। ফলে পরপর দুটি বড় বাজেটের চলচ্চিত্র নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ব্রিটিশ অভিনেতা।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২১:৪৭
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টে ধাক্কার পরও ‘বার্থ ট্যুরিজম’ দমনে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করলেও তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তানকে যুক্তরাষ্ট্রে জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির বিচার বিভাগ (ডিওজে)। ভিসা আবেদনের সময় প্রকৃত উদ্দেশ্য গোপন করে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার ঘটনাগুলোকে প্রতারণা হিসেবে বিবেচনা করে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।   মঙ্গলবার বিচার বিভাগের জালিয়াতি দমন শাখার সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন ম্যাকডোনাল্ড ফেডারেল প্রসিকিউটরদের উদ্দেশে পাঠানো এক স্মারকে বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবস্থাকে প্রতারণার মাধ্যমে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে যারা ভিসা আবেদনে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করেন, তাদের বিরুদ্ধে বিদ্যমান ফৌজদারি আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।   ম্যাকডোনাল্ড বলেন, অনেক ‘বার্থ ট্যুরিজম’ কার্যক্রমেই মিথ্যা তথ্য দিয়ে ভিসা নেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের প্রচলিত ফৌজদারি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। স্মারকে অতীতে পরিচালিত কয়েকটি মামলার উদাহরণও তুলে ধরা হয়েছে।   ২০২৪ সালে ‘ইউএসএ হ্যাপি বেবি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করার অভিযোগে মাইকেল ওয়েই ইউয়ে লিউ ও জিং ডং দম্পতির প্রত্যেককে ৪১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ ছিল, তারা বিপুল অর্থের বিনিময়ে গ্রাহকদের ভুয়া তথ্য ব্যবহার করে মার্কিন ভিসা পেতে সহায়তা করতেন।   এর আগে ২০২২ সালে নিউইয়র্কভিত্তিক ইব্রাহিম আকসাকালকে স্বাস্থ্যসেবা জালিয়াতি ও প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তুর্কি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা প্রচার করতেন এবং কীভাবে গর্ভধারণের তথ্য গোপন রাখতে হবে সে বিষয়ে পরামর্শ দিতেন।   এছাড়া ২০২০ সালে চাও ‘এডউইন’ চেন পরিচালিত ‘ইউ উইন ইউএসএ’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটি প্রতি গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৮০ হাজার ডলার পর্যন্ত আদায় করত এবং ৫০০-এর বেশি গ্রাহককে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে সহায়তা করেছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চেনকে ৩৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়।   বর্তমানে যুক্তরাষ্ট্র সরকার ‘বার্থ ট্যুরিজম’-এর মাধ্যমে বছরে কত শিশু জন্ম নিচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ করে না। তবে অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের হিসাবে, প্রতিবছর প্রায় ২৬ হাজার শিশুর জন্ম এ ধরনের ভ্রমণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অন্যদিকে সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের দাবি, শুধু পর্যটক ভিসায় আসা নারীদের কাছেই বছরে প্রায় ৩৩ হাজার শিশুর জন্ম হয়।   এছাড়া অস্থায়ী ভিসাধারী ও অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের কাছেও আরও কয়েক লাখ শিশুর জন্ম হয়। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ‘বার্থ ট্যুরিজম’কে দ্রুত বিস্তার লাভ করা একটি শিল্প হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “কেউ যদি গর্ভবতী অবস্থায় শুধুমাত্র সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিক বানানোর উদ্দেশ্যে এখানে আসে, তাহলে সেটি আইন লঙ্ঘনের শামিল। আমরা এটি বন্ধে কাজ করছি এবং তা করেই ছাড়ব।”   এর আগে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের সেই নির্বাহী আদেশ বাতিল করে, যাতে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশনা ছিল। আদালতের ওই রায়ের পরই ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে বিদ্যমান আইন আরও কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেয় মার্কিন বিচার বিভাগ।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২১:৩৮
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ধর্ষণ মামলা: সাজা কম হওয়ায় ক্ষোভ, কলম্বিয়ান নাগরিককে বহিষ্কারের দাবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক ১৪ বছর বয়সী কিশোরকে ধর্ষণের ঘটনায় দোষ স্বীকার করা এক অবৈধ অভিবাসীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা ভোগ শেষে তাকে যুক্তরাষ্ট্র থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কিশোরের বাবা। একই সঙ্গে নিউইয়র্কে সাজা ঘোষণার পর অভিযুক্তকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দায়ের হওয়া আরেকটি ফৌজদারি মামলার মুখোমুখি করতে সেখানে পাঠানো হয়েছে।   ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় ও মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ৩১ বছর বয়সী নাগরিক নিকল আলেক্সান্দ্রা কনত্রেরাস-সুয়ারেজ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ম্যানহাটনের থমাস জেফারসন পার্কের বিপরীতে অবস্থিত একটি বডেগা দোকানের শৌচাগারে ১৪ বছর বয়সী এক কিশোরকে ধর্ষণ করেন।   পরবর্তী সময়ে মার্চ মাসে তিনি দ্বিতীয় ডিগ্রির ধর্ষণের অভিযোগে আদালতে নিজের দোষ স্বীকার করে নেন। ভুক্তভোগী কিশোরকে যেন আদালতে এসে পুনরায় সাক্ষ্য দিতে না হয়, সেই বিষয়টি বিবেচনা করে প্রসিকিউশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়। এই সমঝোতার ভিত্তিতে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।   আদালতের নির্দেশ অনুযায়ী, কনত্রেরাস-সুয়ারেজকে দ্বিতীয় স্তরের যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকতে হবে। এর পাশাপাশি আগামী ১০ বছর তাকে প্রবেশন পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় ভুক্তভোগী কিশোরের বাবা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত একজন অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে ধর্ষণের মতো গুরুতর অপরাধে লিপ্ত হয়েছে।   তিনি আশা প্রকাশ করেন যে, সাজা ভোগ করা শেষ হলে তাকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে আর কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, “এটি কোনো ভুল ছিল না, এটি ছিল সচেতন সিদ্ধান্ত। আমার ছেলের সঙ্গে এই ঘটনা না ঘটলেও অন্য কোনো শিশুর সঙ্গে এমন অপরাধ ঘটতে পারত।”   আদালতে দেওয়া এক লিখিত বিবৃতিতে ভুক্তভোগী কিশোর জানায়, এই ঘটনাটি তাকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছে এবং সে এই বিষয়ে আর কোনো বিস্তারিত আলোচনা করতে চায় না। সে এখন সমস্ত অতীত ভুলে স্বাভাবিক জীবনে ফিরে যেতে আগ্রহী। কিশোরটি বলে, “এখন অভিযুক্ত আর এখানে নেই। অবশেষে আমি মনে করছি, কিছুটা শান্তি ফিরে পেয়েছি।”   মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে কনত্রেরাস-সুয়ারেজকে আটক করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি নিউইয়র্কে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।   চলতি বছরের মার্চ মাসে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই মামলায় মাত্র ছয় মাসের সাজা প্রদানের বিষয়টিকে “ন্যায়বিচারের গুরুতর ব্যর্থতা” হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছিল।   ধর্ষণের মামলায় দণ্ডিত হওয়ার ফলে কনত্রেরাস-সুয়ারেজের বিরুদ্ধে অভিবাসন-সংক্রান্ত কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়। তবে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ। বর্তমানে তাকে জামিন ছাড়া কঠোর হেফাজতে রাখা হয়েছে।   এদিকে, নিউইয়র্কের সাজা শেষে কনত্রেরাস-সুয়ারেজকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেডফোর্ডে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি, পতিতাবৃত্তি-সংক্রান্ত অপরাধ এবং হামলার অভিযোগে পৃথক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২১:২৬
প্রতীকী ছবি: সংগৃহীত
জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, তবু অর্থবছরজুড়ে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি। তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারে, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন।   বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।   তবে সামগ্রিক প্রবৃদ্ধির বিপরীতে জুন মাসে রেমিট্যান্স প্রবাহে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ মাসে দেশে এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার, যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া টানা ছয় মাস পর এই প্রথম কোনো মাসে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এলো।   বিশ্লেষকদের মতে, মাসভিত্তিক ওঠানামা থাকলেও পুরো অর্থবছরে রেমিট্যান্স প্রবাহের শক্তিশালী প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২০:৫০
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
ট্রাম্প তেল আবিবের ‘পোষ্যদের’ সামলাতে না পারলে শিক্ষা দেবে ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দেওয়া থেকে বিরত রাখা। অন্যথায় ইরানই ‘উপযুক্ত শিক্ষা’ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।   বুধবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এ মন্তব্য করেন। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বক্তব্যের জবাবেই তিনি এই সতর্কবার্তা দেন। আরাগচি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। ওই সমঝোতার আওতায় মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবে তার ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।   তিনি আরও বলেন, ‘যদি তারা (ইসরায়েল) তাদের প্রভুর নির্দেশ না মানে, তাহলে ইরানই তাদের শিক্ষা দেবে। আমাদের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দেওয়া হবে।’   এর আগে সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘মৃত্যুর লক্ষ্যবস্তু’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ছাড় আদায়ের চেষ্টা করছে। তবে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। যদিও কোনো চুক্তির মাধ্যমে সেই লক্ষ্য অর্জিত হলে সেটিই ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।   এদিকে যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্রদের মধ্যে হওয়া সমঝোতায় সংঘাত এড়িয়ে চলার কথা উল্লেখ থাকলেও ইসরায়েল জানিয়েছে, তারা এই চুক্তির পক্ষ নয়। ইসরায়েলের অবস্থান হলো, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ তারা অব্যাহত রাখবে। অন্যদিকে ওয়াশিংটন আঞ্চলিক যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।   অন্যদিকে, কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফার পরোক্ষ আলোচনার আগে ইরানের দুটি সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ এবং উপসাগরে প্রবেশ ও বের হওয়া জাহাজের কাছ থেকে ফি আদায়ের অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তেহরান অনড় অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে শক্তি প্রয়োগের পথেও হাঁটতে প্রস্তুত তারা।   সূত্রগুলোর দাবি, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতার আওতায় ইরান ৬০ দিনের জন্য কোনো ফি ছাড়াই জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিল। তবে কোন জাহাজ চলবে এবং কোন রুট ব্যবহার করবে, সেই নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে বলে তারা মনে করে।   ইরানি সূত্রগুলোর ভাষ্য, অন্তর্বর্তীকালীন সময় শেষ হওয়ার পরও এই নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে চায় তেহরান। এ বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় অন্য কোনো বিষয়ে অগ্রসর হবে না ইরানি আলোচকরা।   তারা আরও জানিয়েছে, অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ বাড়ানো না হলে আগস্টের মাঝামাঝি থেকে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে ফি আদায় শুরু করতে পারে ইরান। তবে কী পরিমাণ ফি নেওয়া হবে বা কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২০:৪২
ছবি: রয়টার্স
ইরানের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ইরানের পরমাণু ইস্যুতেও অগ্রগতি হচ্ছে।   ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে। ইরান অনেক দূর এগিয়ে এসেছে। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত বৈঠকগুলোও খুব ভালো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। তাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। এখন সামনে কী হয়, সেটাই দেখার বিষয়।’   এদিকে বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র এবং এক ইরানি কর্মকর্তার বরাতে জানা গেছে, বুধবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আলোচনার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সমঝোতায় পৌঁছানো এবং একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিশ্চিত করার পথ খুঁজে বের করা।   সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের আগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। কাতার ও পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে কুশনার ও উইটকফ সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নেননি। তারা মূলত আলোচনার ভিত্তি তৈরির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২০:১৯
কন্যাশিশুকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগে কিশোর গ্রেপ্তার I  ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কন্যাশিশুকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ক্লেরমন্ট পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার বেলা ১১টা ৩৮ মিনিটের দিকে লিনওক ড্রাইভের ১৪০০ ব্লকের একটি বাড়িতে পুলিশ সদস্যরা পৌঁছান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, অভিযুক্ত ওই কিশোর শিশুটিকে সজোরে মেঝেতে আছড়ে ফেলেছে। এরপর লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন এবং জরুরি চিকিৎসার জন্য পোমোনা ভ্যালি হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে যান।   অন্যদিকে, পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত কিশোরকে নিজেদের হেফাজতে নেয় এবং তাকে ক্লেরমন্ট পুলিশ বিভাগের কারাগারে নিয়ে যায়।   আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় শিশুটিকে পরবর্তীতে অরেঞ্জ কাউন্টির চিলড্রেনস হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং বর্তমানে সে লস প্যাড্রিনোস জুভেনাইল হলে বন্দি রয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।   লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্বাঞ্চলে অবস্থিত ক্লেরমন্ট মূলত একটি শান্ত ও অভিজাত শহর। হার্ভে মাড, ক্লেরমন্ট ম্যাককেনা, পোমোনা এবং স্ক্রিপসের মতো মর্যাদাপূর্ণ সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গঠিত ‘দ্য ক্লেরমন্ট কলেজেস’-এর অবস্থান এখানেই। প্রায় ৩৭ হাজার জনসংখ্যার এই শহরটিতে অপরাধের হার একেবারেই কম। পরিসংখ্যান বলছে, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে এক দশকে শহরটিতে মাত্র ছয়টি হত্যাকাণ্ডের রেকর্ড রয়েছে।   তাই এমন একটি শান্তিপূর্ণ শহরে শিশু হত্যার এই রোমহর্ষক ঘটনা স্থানীয় বাসিন্দাদের রীতিমতো হতবাক করেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলমান রয়েছে। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ক্লেরমন্ট পুলিশ বিভাগের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২০:১৬
ফাইল ছবি: ডেভিড ইউলিট
সব জল্পনার অবসান, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্র্যাভিস কেলসি। গত মঙ্গলবার সিএনএনের কাছে দুটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।   সূত্রগুলোর দাবি, আগামী বৃহস্পতিবার ম্যানহাটনে বিয়ের প্রস্তুতিমূলক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এরপর শুক্রবার হবে মূল আয়োজন, যা ভোর ৪টা পর্যন্ত চলতে পারে। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।   বুধবার (১ জুলাই) সকালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে কর্মীদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। তারা বেশ কয়েকটি রহস্যময় বাক্স ভেন্যুতে নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে এক কর্মী বলেন, ‘আমার মুখ বন্ধ, আমি কিছুই বলতে পারব না।’   এই বহুল আলোচিত বিয়ে এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন নিউইয়র্ক সিটি গ্রীষ্মকালীন নানা আয়োজন ও উৎসবকে কেন্দ্র করে সবচেয়ে ব্যস্ত সময় পার করছে। দেশটির বাস্কেটবল দল নিউইয়র্ক নিক্স দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার পর এনবিএ চ্যাম্পিয়ন হওয়ায় শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পাশাপাশি ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শহরে পর্যটকদেরও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।   শহরে টেইলর সুইফটের ভক্তদের পাশাপাশি বিপুলসংখ্যক সংবাদকর্মীও অবস্থান নিয়েছেন। তবে কয়েক দিন আগ পর্যন্ত এই গোপন আয়োজন সম্পর্কে গণমাধ্যমের কাছে কোনো নিশ্চিত তথ্য ছিল না। এমনকি আমন্ত্রিত অতিথিদের অনেকেই অনুষ্ঠানস্থল সম্পর্কে নিশ্চিত নন বলেও জানা গেছে।   ট্র্যাভিস কেলসির সতীর্থ এবং ‘টাইট এন্ড ইউনিভার্সিটি’র (টিইউ) অন্যতম প্রতিষ্ঠাতা জর্জ কিটল জানিয়েছেন, তিনি বিয়ের আমন্ত্রণপত্র পেলেও অনুষ্ঠানটি কোথায় হবে, সে বিষয়ে নিশ্চিত নন। গত সপ্তাহে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিটল বলেন, ‘আমি গত রাতে ট্র্যাভিসকে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। কিন্তু সে শুধু হেসে বিষয়টি এড়িয়ে গেছে।’   তবে একটি বিষয় নিশ্চিত করেছেন তিনি। কিটলের ভাষ্য, টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি অতিথিদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিয়েতে কোনো ধরনের উপহার না আনতে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ২০:১১
যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু, দুর্ঘটনা থেকে আত্মহত্যা কোন কারণে কত প্রাণ ঝরে?

বিশ্বের অন্যতম উন্নত চিকিৎসা ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী জরুরি সেবা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এর বেশির ভাগই হৃদরোগ, ক্যানসার, বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য স্বাভাবিক স্বাস্থ্যগত কারণে হলেও প্রতিদিন শত শত মানুষের প্রাণ ঝরে সড়ক দুর্ঘটনা, বন্দুক-সংক্রান্ত সহিংসতা, আত্মহত্যা, মাদকের অতিরিক্ত সেবন এবং অন্যান্য প্রতিরোধযোগ্য কারণে।   যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর প্রকাশিত জাতীয় মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বছরে ৩০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার ৪০০ জন মানুষের জীবনাবসান ঘটে।   সিডিসির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। এরপর রয়েছে ক্যানসার। তবে তৃতীয় সর্বোচ্চ কারণ হলো অনিচ্ছাকৃত দুর্ঘটনা, যার মধ্যে সড়ক দুর্ঘটনা, মাদকের অতিরিক্ত সেবন, বিষক্রিয়া, পড়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা অন্তর্ভুক্ত। এসব কারণে বছরে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়, যা প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক।   বন্দুক-সংক্রান্ত সহিংসতা যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জননিরাপত্তা সংকট হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত ঘটনায় প্রতিদিন গড়ে প্রায় ১২০ জন মানুষের মৃত্যু হয়। এর মধ্যে হত্যাকাণ্ডের পাশাপাশি আত্মহত্যার ঘটনাও উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে।   আত্মহত্যার সংখ্যাও উদ্বেগজনক। সিডিসির তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৩০ জনের বেশি মানুষ আত্মহত্যা করেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্য সমস্যা, একাকীত্ব, মাদকাসক্তি, আর্থিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।   একইভাবে হত্যাকাণ্ডেও প্রতিদিন গড়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। এসব ঘটনার বড় অংশেই আগ্নেয়াস্ত্র ব্যবহারের তথ্য উঠে এসেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিছু শহরে হত্যাকাণ্ডের হার কমেছে, তবুও বন্দুক-সংক্রান্ত সহিংসতা এখনো যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত সামাজিক ও নিরাপত্তাজনিত সমস্যা।   সড়ক দুর্ঘটনাও প্রাণহানির বড় কারণ হয়ে রয়েছে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)-এর তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৪০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। অতিরিক্ত গতি, মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, মোবাইল ফোন ব্যবহার এবং অসতর্ক চালনা এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত।   মাদকের অতিরিক্ত সেবনও যুক্তরাষ্ট্রের জন্য একটি দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সংকট। বিশেষ করে ফেন্টানিলসহ শক্তিশালী কৃত্রিম ওপিওয়েডের কারণে গত কয়েক বছরে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে এ ধরনের মৃত্যুর হার কিছুটা কমার ইঙ্গিত মিলেছে, তবুও প্রতি বছর হাজার হাজার মানুষ অতিরিক্ত মাদক সেবনের কারণে প্রাণ হারাচ্ছেন।   পারিবারিক সহিংসতার ঘটনাও দেশটিতে উদ্বেগের বিষয়। যদিও এ ধরনের ঘটনায় প্রতিদিন কতজন মারা যান, সে বিষয়ে আলাদা কোনো জাতীয় দৈনিক পরিসংখ্যান প্রকাশ করা হয় না। কারণ এসব মৃত্যু সাধারণত হত্যাকাণ্ড, শিশু নির্যাতন বা অন্যান্য অপরাধের পরিসংখ্যানের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বলছে, প্রতিবছর হাজারো গুরুতর অপরাধ ও প্রাণহানির ঘটনার পেছনে পারিবারিক বিরোধ ভূমিকা রাখে।   জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিনের এই বিপুল প্রাণহানি কমাতে শুধু উন্নত চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট নয়। মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা জোরদার, বন্দুক-সংক্রান্ত সহিংসতা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের মতে, প্রতিরোধমূলক ব্যবস্থা আরও কার্যকর করা গেলে প্রতিবছর হাজার হাজার মানুষের জীবন রক্ষা করা সম্ভব।   যুক্তরাষ্ট্রের বিশাল জনসংখ্যার তুলনায় অধিকাংশ মৃত্যুই স্বাভাবিক বা স্বাস্থ্যগত কারণে হলেও প্রতিদিন ঘটে যাওয়া শত শত প্রতিরোধযোগ্য মৃত্যু দেশটির জনস্বাস্থ্য ও জননিরাপত্তার জন্য এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৯:৪৩
কোলাজ: আমেরিকা বাংলা
গরু জবাইয়ে নিষেধাজ্ঞার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ থালাপতি সরকার

ভারতের মাদ্রাজ হাইকোর্টের দেওয়া গরু জবাইয়ের সম্পূর্ণ নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর বিজয় থালাপতি সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই নির্দেশ বর্তমান আইনি কাঠামোর পরিপন্থী এবং এটি নির্ধারিত আইনের পরিধিকে অতিক্রম করে গেছে।   তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮-এর ৪ নম্বর ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে রাজ্যে পশু জবাইয়ের আইনি সুযোগ থাকলেও হাইকোর্টের সাম্প্রতিক রায় তা পুরোপুরি উপেক্ষা করে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে জানানো হয়েছে।   বিদ্যমান আইন অনুযায়ী, কোনো গরুর বয়স ১০ বছরের বেশি হলে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী বলে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যয়িত হলে তা জবাই করার সুযোগ রয়েছে। কিন্তু গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ তাদের আদেশে জানায়, কেবল নির্ধারিত কসাইখানাতেই পশু জবাই করা যাবে।   একই সাথে বকরি ঈদ বা অন্য যেকোনো দিন গরু বা বাছুর জবাই না করার জন্য রাজ্যের মুখ্য সচিব এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়। আইনি সংবাদমাধ্যম ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুসারে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছে যে, হাইকোর্টের এই নির্দেশনার ফলে রায়ের ভেতরেই একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা প্রচলিত আইনের সীমানাকে ছাড়িয়ে গেছে।   মূলত হিন্দু মাক্কাল কাচির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট এই রায় প্রদান করেছিল। পিটিশনে অভিযোগ করা হয় যে, জনসমক্ষে অবৈধভাবে গরু জবাই বন্ধ করতে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনার সময় হাইকোর্ট ভারতের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের কথা উল্লেখ করে, যেখানে রাষ্ট্রকে গরু, বাছুর এবং অন্যান্য দুগ্ধজাত ও মালবাহী গবাদি পশু জবাই নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   আদালত স্পষ্ট জানিয়েছিল যে, ৪৮ অনুচ্ছেদের আলোকে ১৯৫৮ সালের আইনের ৪ নম্বর ধারাটিকে কঠোরভাবে ব্যাখ্যা করতে হবে এবং নির্ধারিত শংসাপত্র ছাড়া কোনোভাবেই জবাইয়ের অনুমতি দেওয়া যাবে না। গ্রামীণ অর্থনীতি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের পূর্ববর্তী একটি আদেশের ওপর ভিত্তি করেই আদালত এই সিদ্ধান্ত নেয়।   বকরি ঈদে পশু কুরবানির ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়েও মাদ্রাজ হাইকোর্টের ওই বেঞ্চ সুপ্রিম কোর্টের পুরোনো কিছু পর্যবেক্ষণের উল্লেখ করেছিল। আদালতের মতে, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বহু মুসলিম বকরি ঈদে গরু কুরবানি করেন না এবং এই দিনে গরু উৎসর্গ করা ইসলাম ধর্মের বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক বিষয় নয়।   কোরবানি ঈদে মুসলিমদের পশু কুরবানির ধর্মীয় রীতির মধ্যে গরুকে একমাত্র মাধ্যম হিসেবে গণ্য করা হয়নি। ফলে এই উৎসবে গরু জবাই ধর্মীয় আচার-অনুষ্ঠানের কোনো অপরিহার্য অংশ নয় বলেই মাদ্রাজ হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছিল, যে ব্যাখ্যার বিরুদ্ধেই এখন সর্বোচ্চ আদালতে চূড়ান্ত আইনি লড়াইয়ে নেমেছে তামিলনাড়ু সরকার।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৯:৩৪
ছবি: নিউইয়র্ক পোস্ট
মেয়ে ও চার নাতি-নাতনিকে হত্যার পর নিজের জীবনও শেষ করেন দাদি, মৃত্যুর পরও ক্ষমা করল না পরিবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের মেয়ে ও চার নাতি-নাতনিকে বিষপ্রয়োগে হত্যার পর আত্মঘাতী হয়েছেন অ্যামি জে. স্টিডম্যান নামের ৬৪ বছর বয়সী এক নারী। এমন নৃশংস ও মর্মান্তিক ঘটনার পর খুনির প্রতি চরম ঘৃণা ও অবজ্ঞা প্রকাশ করেছে তার বেঁচে থাকা পরিবারের সদস্যরা। মৃত্যুর পর অ্যামির কোনো ছবি ছাড়াই চরম অবজ্ঞাপূর্ণ মাত্র দুই লাইনের একটি সংক্ষিপ্ত শোকবার্তা প্রকাশ করেছে তারা।   আলবেনিভিত্তিক একটি ফিউনারেল হোমের ওয়েবসাইটে প্রকাশিত ওই শোকবার্তায় কেবল লেখা হয়েছে, "অ্যামি জে. স্টিডম্যান, ৬৪, গত ২৩ জুন ২০২৬, মঙ্গলবার মারা গেছেন। পরিবারের অনুরোধে তার শেষকৃত্য পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।"   নিউইয়র্কের মেকানিকভিল এলাকায় স্টিডম্যানের বাড়ি থেকে পুলিশ তাকেসহ তার ৪৪ বছর বয়সী মেয়ে সারাহ মেয়ার্স এবং চার নাতি-নাতনি—১৩ বছরের হার্পার হারমন, ১১ বছরের হাডসন হারমন এবং ১০ বছর বয়সী গ্যাভিন ও গ্রেসলিন হারমনের মৃতদেহ উদ্ধার করে। মেকানিকভিলের পুলিশ প্রধান বিল র‍্যাবিট জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুট থেকে এটি স্পষ্ট যে, স্টিডম্যান ওই পাঁচজনকে ইচ্ছাকৃতভাবে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।   তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে প্রেসক্রিপশন ও ওষুধের উপস্থিতি পাওয়া গেছে যা ইচ্ছাকৃত বিষপ্রয়োগের আলামত বহন করে। মর্মান্তিক এই ঘটনায় একটি শিশুকে ছুরিকাঘাতও করা হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ধরন সম্পূর্ণ নিশ্চিত করতে টক্সিকোলজি পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।   স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি শিশুদের বাবা ব্র্যাডি হারমন আইনি লড়াইয়ের মাধ্যমে সন্তানদের নিজের হেফাজতে নেওয়ার অধিকার পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এই ক্ষোভ থেকেই দাদি এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ব্র্যাডি হারমন ও সারাহ মেয়ার্সের বিয়ে হয়েছিল ২০১৫ সালে এবং চার বছর পর তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই দীর্ঘ সাড়ে ছয় বছর ধরে সন্তানদের ফিরে পাওয়ার আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন ব্র্যাডি।   গ্রীষ্মের ছুটিতে তিনি সন্তানদের নিজের কাছে উটাহতে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু গত ১০ জুন সারাহর সাথে শেষবার কথা হলে তিনি দাবি করেছিলেন যে শিশুরা অসুস্থ। দীর্ঘ লড়াইয়ের পর সন্তানদের ফিরে পাওয়ার ঠিক আগমুহূর্তে এমন মর্মান্তিক খবরে পুরোপুরি ভেঙে পড়েছেন শিশুদের বাবা। তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে আইনি ব্যবস্থার দীর্ঘসূত্রিতাকে দায়ী করেছেন।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৯:৩
নিখোঁজ তরুণীর লাশ মিলল সাগরে I ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় নিখোঁজ তরুণীর লাশ মিলল সাগরে, শেষবার দেখা গিয়েছিল এক যুবকের সঙ্গে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার তিন দিন পর সাগরের বুক থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেইশা নিকোল জোনস (৩১) নামের ওই তরুণীকে সর্বশেষ স্থানীয় একটি স্ট্রিপ ক্লাবের (অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ক্লাব) বাইরে দেখা গিয়েছিল। ফ্লোরিডার বিস্কেইন উপসাগরে ভার্জিনিয়া কির কাছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)-এর একটি গবেষণা ভবনের নিকটবর্তী পানিতে তার মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।   এই রহস্যজনক মৃত্যুর পর শোকে পাথর হয়ে গেছে তার পরিবার। কীভাবে এবং কেন তিনি সেখানে পৌঁছালেন, তার উত্তর খুঁজছেন স্বজন ও তদন্তকারী কর্মকর্তারা।   স্থানীয় পুলিশের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টার দিকে নর্থ মিয়ামি বিচের 'ডিনস গোল্ড' নামক একটি স্ট্রিপ ক্লাব থেকে বের হয়ে ট্যাক্সিতে করে হ্যালান্ডেল বিচের 'স্কারলেটস ক্যাবারেট' নামের আরেকটি ক্লাবে যান কেইশা। একটি সিসিটিভি ফুটেজে তাকে ওই ক্লাবের বাইরে একজন ব্যক্তির হাত ধরে থাকতে দেখা যায়।   যেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ওই ক্লাবটির দূরত্ব সেখান থেকে প্রায় ২১ মাইল। কেইশার বাবা রিচার্ড ফার্লো সংবাদমাধ্যমকে জানান, ওই ব্যক্তিই সম্ভবত শেষ মানুষ, যার সঙ্গে তার মেয়েকে জীবিত দেখা গিয়েছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই (FBI) এই ঘটনার তদন্ত করছে। তবে তদন্তের স্বার্থে তারা এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। মিয়ামি-ডেড কাউন্টির মেডিকেল এক্সামিনার অফিস জানিয়েছে, আনুষ্ঠানিক শনাক্তকরণের জন্য তারা পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করছে।   এদিকে, মেয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে মিশিগান থেকে মিয়ামি বিচে ছুটে এসেছেন রিচার্ড ফার্লো। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, তাদের পুরো পরিবার এখন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার মেয়ে সম্প্রতি নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছিল, নিয়মিত গির্জায় যেত এবং জীবনকে একটি সুন্দর পথে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছিল।   মর্গে মেয়ের বর্ণনার সঙ্গে মিলে যাওয়া একটি মৃতদেহ উদ্ধারের খবর পাওয়ার পর থেকে তিনি শারীরিকভাবেও অসুস্থ বোধ করছেন বলে জানান। কে বা কারা কেইশার সঙ্গে শেষ মুহূর্তে ছিল এবং কীভাবে তার এমন মর্মান্তিক মৃত্যু হলো, সেই প্রশ্নের উত্তর পেতে এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছে তার শোকসন্তপ্ত পরিবার।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৮:৪৭
মেডিকেইড জালিয়াতির সন্দেহে ফেডারেল তদন্ত I ছবি: সংগৃহীত
নিউইয়র্ক কুইন্সে এক মাইল এলাকায় ৬৪টি অ্যাডাল্ট ডে-কেয়ার, মেডিকেইড জালিয়াতির সন্দেহে ফেডারেল তদন্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের ফ্লাশিং এলাকায় অস্বাভাবিক সংখ্যক মেডিকেইড-অর্থায়িত সামাজিক অ্যাডাল্ট ডে-কেয়ার (Social Adult Day Care) কেন্দ্র গড়ে ওঠাকে ঘিরে সম্ভাব্য জালিয়াতির অভিযোগ তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে সিবিএস নিউজ।   প্রতিবেদন অনুযায়ী, ফ্লাশিংয়ের মাত্র এক মাইল ব্যাসার্ধের মধ্যে ৬৪টি সামাজিক অ্যাডাল্ট ডে-কেয়ার কেন্দ্র রয়েছে, যা যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো এলাকার তুলনায় সবচেয়ে ঘনবসতিপূর্ণ এমন কেন্দ্রের সমাবেশ। এসব প্রতিষ্ঠানে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের খাবার, ব্যক্তিগত পরিচর্যা, সামাজিক কার্যক্রম এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়। এসব সেবার বিপরীতে মেডিকেইড কর্মসূচির মাধ্যমে সরকারি অর্থ থেকে বিল পরিশোধ করা হয়।   সিবিএস নিউজের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রজুড়ে অ্যাডাল্ট ডে-কেয়ার সেবায় মেডিকেইডের ব্যয় ছিল প্রায় ৩ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ১৭ শতাংশ ব্যয় হয়েছে শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৩৭৫টি কেন্দ্রে, যা দেশের যেকোনো অঙ্গরাজ্যের মধ্যে সর্বোচ্চ। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে নিউইয়র্কে এই খাতে সরকারি ব্যয় প্রায় চার গুণ বেড়েছে।   আরও উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে ফ্লাশিং এলাকায় মেডিকেইড-যোগ্য প্রবীণ জনগোষ্ঠী বেড়েছে প্রায় ২০ শতাংশ। কিন্তু একই সময়ে ডে-কেয়ার কেন্দ্রগুলোর মাধ্যমে যেসব প্রবীণের নামে মেডিকেইডে বিল করা হয়েছে, সেই সংখ্যা বেড়েছে প্রায় ৩৯০ শতাংশ। এই অস্বাভাবিক বৃদ্ধিই তদন্তকারীদের নজর কেড়েছে।   যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (CMS)-এর প্রশাসক ড. মেহমেত ওজ সিবিএস নিউজকে বলেন, “প্রশ্ন হচ্ছে, একটি এলাকায় আসলে কতগুলো সামাজিক অ্যাডাল্ট ডে-কেয়ার কেন্দ্রের প্রয়োজন হতে পারে?” তাঁর এই মন্তব্য থেকেই বোঝা যায়, ফেডারেল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে।   সিবিএস নিউজ জানিয়েছে, নিউইয়র্কের কয়েকটি অ্যাডাল্ট ডে-কেয়ার কেন্দ্র নিয়ে ইতোমধ্যে তদন্ত চলছে এবং কিছু ক্ষেত্রে ফেডারেল পর্যায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।   এদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মেডিকেইড কর্মসূচিতে অপব্যবহার ঠেকাতে তারা নতুন নজরদারি ব্যবস্থা চালু করেছে এবং নিয়মিত পর্যালোচনা করছে। বিভাগটির তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ৩৮৭টি কেন্দ্রকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মামলায় আইনগত পদক্ষেপের জন্য অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে মেডিকেইডসহ বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচিতে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ বেড়েছে। এর আগে ক্যালিফোর্নিয়ায় হসপিস সেবা এবং মিনেসোটায় শিশু কল্যাণ কর্মসূচি নিয়েও বড় ধরনের জালিয়াতির অভিযোগে তদন্ত ও মামলা হয়েছে। তবে ফ্লাশিংয়ের অ্যাডাল্ট ডে-কেয়ার কেন্দ্রগুলোর বিরুদ্ধে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। ফেডারেল তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৮:৩৪
প্রাণ হারালেন যুদ্ধফেরত মার্কিন সেনাসদস্য I ছবি: সংগৃহীত
পার্কিং লটে বাকবিতণ্ডা থেকে গুলি, প্রাণ হারালেন যুদ্ধফেরত মার্কিন সেনাসদস্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়ালমার্টের পার্কিং লটে গাড়ি রাখা নিয়ে বিতণ্ডার জেরে গুলিতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ব্রোওয়ার্ড কাউন্টির নর্থ লডারডেলে অবস্থিত ওয়ালমার্ট স্টোরের সামনে এই ঘটনা ঘটে। ব্রোওয়ার্ড শেরিফ অফিস (বিএসও) জানিয়েছে, পার্কিংয়ের জায়গা নিয়ে এক নারীর সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে গুলিবিদ্ধ হন বার্ট ডিগুগলিয়েলমো নামের ওই ব্যক্তি।   বিএসও-এর দেওয়া তথ্যমতে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার ঠিক আগে নর্থ লডারডেলের ৭৯০০ ওয়েস্ট ম্যাকনাব রোডের ওয়ালমার্ট থেকে ৯১১ নম্বরে কল করে গোলাগুলির খবর জানানো হয়। খবর পেয়ে শেরিফ কার্যালয়ের সদস্য ও ফায়ার রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা বার্টকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ব্রোওয়ার্ড হেলথ মেডিকেল সেন্টারে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   পুলিশ জানিয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা দখলকে কেন্দ্র করেই মূলত বার্টের সঙ্গে ওই অজ্ঞাত নারীর কথা-কাটাকাটি শুরু হয় এবং এর জেরেই গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘটনার পর অভিযুক্ত নারী পালিয়ে যাননি। তিনি ঘটনাস্থলেই অবস্থান করেন এবং তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি সম্পূর্ণ আত্মরক্ষার্থেই গুলি ছুড়তে বাধ্য হয়েছিলেন।   এদিকে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় ওয়ালমার্টে আসা সাধারণ ক্রেতারা তীব্র বিস্ময় ও আতঙ্ক প্রকাশ করেছেন। ডেভিড অ্যান্ডারসন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হেঁটে যাওয়ার সময় হঠাৎ এক নারীকে তীব্র চিৎকার করে অনেক কিছু বলতে শোনেন। অন্যদিকে, নিহত বার্টের বোন এই ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েছেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার ভাই ছিলেন ‘ডেজার্ট স্টর্ম’ যুদ্ধে অংশ নেওয়া একজন পদকপ্রাপ্ত সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা।   সামরিক জীবন শেষে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে নার্স হিসেবেও মানুষের সেবা করেছেন। ভাইকে একজন ধর্মপ্রাণ ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বার্ট কখনো কারও ক্ষতি করতে পারেন না। ব্রোওয়ার্ড শেরিফ অফিসের গোয়েন্দারা জানিয়েছেন, তদন্ত সম্পন্ন হওয়ার পর পুরো ঘটনার প্রতিবেদন স্টেট অ্যাটর্নি অফিসে জমা দেওয়া হবে এবং এরপরই অভিযুক্তের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৮:২৫
সাইবার হামলার অভিযোগে কথিত হ্যাকার I ছবি: সংগৃহীত
১০০ মিলিয়ন ডলারের সাইবার হামলার অভিযোগে কথিত হ্যাকারকে যুক্তরাষ্ট্রে আনল এফবিআই

আন্তর্জাতিক সাইবার অপরাধ দমনে বিশাল এক সাফল্যের মুখ দেখেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং দেশটির বিচার বিভাগ (ডিওজে)। সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের অন্যতম কুখ্যাত সাইবার অপরাধী চক্র ‘স্ক্যাটার্ড স্পাইডার’-এর কথিত সদস্য পিটার স্টোকসকে ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে।   তার বিরুদ্ধে ফেডারেল আদালতে সাইবার ষড়যন্ত্র, কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং জালিয়াতির গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিলে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ফিনল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টোকসকে গ্রেপ্তার করে। গত সপ্তাহে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর শিকাগোর একটি ফেডারেল আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।   তদন্তকারী কর্মকর্তাদের দাবি, পিটার স্টোকস ‘স্ক্যাটার্ড স্পাইডার’ নামের যে হ্যাকার গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন, তা সাইবার দুনিয়ায় অক্টোপাস, আনসি৩৯৪৪ (UNC3944) এবং অক্টা টেম্পেস্ট নামেও পরিচিত। মার্কিন কর্তৃপক্ষের দেওয়া ভাষ্য অনুযায়ী, অত্যন্ত ধূর্ত এই চক্রটি নিত্যনতুন কৌশলে যুক্তরাষ্ট্রের শতাধিক প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে।   এসব হামলার মাধ্যমে হ্যাকাররা ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মুক্তিপণ আদায় করেছে এবং আরও কয়েক মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি সাধন করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই হ্যাকার গোষ্ঠীর সদস্যরা মূলত ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ এবং ‘সিম সোয়াপ’ কৌশল ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়া ফাঁকি দিত। এরপর অত্যন্ত সন্তর্পণে অভ্যন্তরীণ নেটওয়ার্কে ঢুকে সংবেদনশীল তথ্য চুরি করে তা প্রকাশের হুমকি দিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করত।   এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচিত এই গ্রেপ্তারটি মূলত তাদের বিশেষ অভিযান ‘অপারেশন রিপটাইড’-এর একটি অংশ। আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বের যেকোনো প্রান্তে লুকিয়ে থাকা সাইবার অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘটিত সাইবার হামলা   প্রতিহত করা। সাম্প্রতিক বছরগুলোতে স্ক্যাটার্ড স্পাইডার গোষ্ঠীর নাম টেলিযোগাযোগ, প্রযুক্তি, খুচরা ব্যবসা ও আর্থিক খাতের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলার কারণে বারবার উঠে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শুধু প্রযুক্তিগত দুর্বলতা নয়, বরং মানুষের সাধারণ ভুলগুলোকে কাজে লাগিয়ে সূক্ষ্মভাবে হামলা চালানোর ক্ষেত্রে এই গোষ্ঠীটি বিশ্বে অদ্বিতীয়। তবে পুরো বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায়, আদালতে অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত পিটার স্টোকসকে আইনগতভাবে নির্দোষ হিসেবেই বিবেচনা করা হবে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৭:৫৪
জেরুজালেমে মার্কিন দূতাবাস I ছবি: সংগৃহীত
জেরুজালেমে স্থায়ী মার্কিন দূতাবাস নির্মাণে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঐতিহাসিক চুক্তি

জেরুজালেমে একটি স্থায়ী দূতাবাস প্রাঙ্গণ নির্মাণের লক্ষ্যে নতুন এক চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে দক্ষিণ জেরুজালেমের অ্যালেনবি কম্পাউন্ডে যুক্তরাষ্ট্রের নতুন ও স্থায়ী এই দূতাবাসটি নির্মিত হবে।   উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন বিতর্কিত জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মার্কিন কূটনৈতিক মিশন তেল আবিব থেকে সেখানে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার স্থায়ী দূতাবাস নির্মাণের এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হলো।   চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ওয়াশিংটন জেরুজালেমকে ইহুদিদের আদি, চিরস্থায়ী ও চিরন্তন রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। তিনি জোর দিয়ে বলেন, জেরুজালেমের মাটিতে তারা যুক্তরাষ্ট্রের পতাকা ওড়াতে যাচ্ছেন এবং এই নতুন স্থায়ী দূতাবাসটি ইসরায়েলে মার্কিন কূটনৈতিক কার্যক্রমের মূল কেন্দ্র (মাদারশিপ) হিসেবে কাজ করবে। এদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার ‘অটুট মিত্রতার’ একটি সুস্পষ্ট প্রমাণ বলে তিনি মন্তব্য করেন।   তবে ঐতিহাসিকভাবেই জেরুজালেম শহরটি ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরেই পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝে নতুন দূতাবাস নির্মাণের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ। সংস্থাটির দাবি, এই পদক্ষেপ একটি গভীর ও ঐতিহাসিক অবিচারকে পাকাপোক্ত করবে।   এক বিবৃতিতে তারা জানিয়েছে, ১৯৫০ সালের বৈষম্যমূলক ‘অনুপস্থিত সম্পত্তি আইনের’ (Absentees’ Property Law) অধীনে ফিলিস্তিনি জমির মালিকদের কাছ থেকে জোরপূর্বক বাজেয়াপ্ত করা জমিতেই এই দূতাবাসটি নির্মাণ করা হচ্ছে।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৭:৪৪
কাতারের উপহার দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিমানে প্রথমবার উড়লেন ট্রাম্প I ছবি: সংগৃহীত
কাতারের উপহার দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিমানে প্রথমবার উড়লেন ট্রাম্প

কাতারের উপহার দেওয়া নতুন 'এয়ারফোর্স ওয়ান' বিমানে চড়ে প্রথমবারের মতো সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর কাতার সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বিলাসবহুল এই বোয়িং ৭৪৭-৮ (Boeing 747-8) বিমানটি উপহার দেওয়া হয়। বুধবার নর্থ ডাকোটার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে এই বিমানের প্রথম আনুষ্ঠানিক ব্যবহার শুরু করেছেন ট্রাম্প।   যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ ট্রেন যাত্রা ও স্বাগত অনুষ্ঠানে অংশ নিতে তার এই নর্থ ডাকোটা সফর। পাশাপাশি সেখানে টেডি রুজভেল্ট প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিও পরিদর্শনের কথা রয়েছে তার।   চলতি মাসের শুরুর দিকে ৪০০ মিলিয়ন ডলার মূল্যের এই অত্যাধুনিক বিমানটির উন্মোচন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি মূলত বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন প্রেসিডেন্টদের সেবায় ব্যবহৃত সামরিক গ্রেডের ৭৪৭-২ বিমানটির স্থলাভিষিক্ত হলো। ধারণা করা হচ্ছে, ২০২৮ সালে মার্কিন বিমানবাহিনীর কাছে বোয়িংয়ের নতুন বহর হস্তান্তরের আগপর্যন্ত এই বিমানটিই এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করা হবে।   যাত্রার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি সম্ভবত বিশ্বের সর্বকালের সেরা বাণিজ্যিক বিমান। প্রথম ফ্লাইটের আগে তিনি অত্যন্ত রোমাঞ্চিত উল্লেখ করে জানান, সাধারণ বাণিজ্যিক বিমানকে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ও অন্যান্য জটিল প্রযুক্তি যুক্ত করে প্রস্তুত করা হয়েছে। বিমানটির আপগ্রেডেশনে মার্কিন করদাতাদের খুব সামান্যই অর্থ ব্যয় হয়েছে জানিয়ে তিনি একে যুক্তরাষ্ট্রের প্রতি সদয় একটি দেশের দেওয়া বিশেষ উপহার হিসেবে অভিহিত করেন।   মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিমানটির আপগ্রেডেশনে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে এর আভিযানিক সক্ষমতাকে বেশি অগ্রাধিকার দেওয়ায় অভ্যন্তরীণ ডিজাইনে খুব সামান্যই পরিবর্তন আনা হয়েছে। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিউং সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নতুন এই এয়ারফোর্স ওয়ানের ভেতরের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে বিশাল কনফারেন্স টেবিল, চামড়ার আসন এবং চকচকে কাঠের প্যানেল দেখা গেছে।   এছাড়া বিমানে সাংবাদিকদের জন্য থাকা প্রশস্ত কেবিনের সিটগুলোতে আরামদায়ক ম্যাসাজ সুবিধা ও ব্যক্তিগত টিভি স্ক্রিনও যুক্ত করা হয়েছে। আগের পুরোনো বিমানটির প্রসঙ্গে ট্রাম্প জানান, ৩০ বছরের পুরোনো বিমানটি নতুনগুলোর পাশে বেমানান লাগত, যা দেশের জন্য মোটেও শোভনীয় ছিল না। তবে নতুন এই অত্যাধুনিক বিমানটি নিয়ে পুরো দেশবাসী এবং তিনি নিজে অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রকাশ : জুলাই ১, ২০২৬ ১৭:২৯