সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
জোহরান মামদানি, মেয়র নিউইয়র্ক। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ১০ লাখ অ্যাপার্টমেন্টে ভাড়া বাড়ানো হচ্ছে না, তবু কিছু বাসিন্দার বাড়তে পারে ভাড়া

নিউইয়র্ক সিটির প্রায় ১০ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। শহরের রেন্ট গাইডলাইনস বোর্ড এক ও দুই বছরের লিজের ক্ষেত্রে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনী প্রচারে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি পূরণ হওয়ায় এটি মেয়র জোহরান মামদানির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।   তবে এই সিদ্ধান্তের বাইরে থেকে গেছেন ব্রঙ্কসের ট্রেসি টাওয়ার্স আবাসনের শত শত বাসিন্দা। তাদের জন্য বরং আগামী চার বছরে ধাপে ধাপে প্রায় ৩০ দশমিক ৫৯ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব এসেছে, যা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ব্রঙ্কসের ৮৭১ ইউনিটের ট্রেসি টাওয়ার্স 'মিচেল-লামা' কর্মসূচির আওতায় পরিচালিত একটি সাশ্রয়ী আবাসন প্রকল্প। এই কর্মসূচি ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের নিয়মের আওতায় পড়ে না। ফলে রেন্ট গাইডলাইনস বোর্ডের ভাড়া স্থগিতের সিদ্ধান্ত এখানকার বাসিন্দাদের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না।   আবাসনটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আরওয়াই ম্যানেজমেন্ট চলতি মাসে ভাড়া বাড়ানোর আবেদন করে। প্রস্তাব অনুযায়ী, প্রথম বছরে ১৫ শতাংশ, পরবর্তী দুই বছরে প্রতি বছর ৫ শতাংশ এবং চতুর্থ বছরে আরও ৩ শতাংশ ভাড়া বাড়ানো হবে। সব মিলিয়ে চার বছরে ভাড়া বৃদ্ধি দাঁড়াবে ৩০ দশমিক ৫৯ শতাংশে। এর ফলে বর্তমানে এক শয়নকক্ষের একটি ফ্ল্যাটের মাসিক ভাড়া ১ হাজার ৩৪৪ ডলার থেকে বেড়ে ধাপে ধাপে প্রায় ১ হাজার ৭৫০ ডলারে পৌঁছাতে পারে।   বিশেষজ্ঞদের মতে, মিচেল-লামা কর্মসূচির আবাসনগুলোর ভাড়া নির্ধারণ করে নিউইয়র্ক সিটির হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এইচপিডি) বিভাগ। রাজ্যের আইন অনুযায়ী, ভবনের পরিচালন ব্যয় মেটাতে প্রয়োজনীয় ভাড়া বৃদ্ধির আবেদন অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে সংস্থাটির। ফলে এই ক্ষেত্রে মেয়রের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। এ পরিস্থিতি মেয়র মামদানির জন্য রাজনৈতিক অস্বস্তিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাড়া বৃদ্ধির প্রস্তাব কমানো বা বিকল্প আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসনসহ ছয়জন নির্বাচিত জনপ্রতিনিধি মেয়রের কাছে চিঠি পাঠিয়েছেন।   জুলি মেনিন বলেন, জীবনযাত্রার ব্যয় যখন লাগামছাড়া, তখন মিচেল-লামার বাসিন্দাদের ওপর ৩০ শতাংশের বেশি ভাড়া বৃদ্ধির চাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কীভাবে পরিস্থিতি এত দূর গড়াল, তা নিয়েও উদ্বেগ রয়েছে। আগামী জুলাই মাসে এ বিষয়ে শুনানির আয়োজন করবে নিউইয়র্ক সিটি কাউন্সিল।   অন্যদিকে, মেয়রের কার্যালয় জানিয়েছে, ট্রেসি টাওয়ার্সের মতো আবাসনগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ করা হবে। তবে বিদ্যমান রাজ্য আইনের কারণে পরিচালন ব্যয় মেটাতে প্রয়োজনীয় ভাড়া বৃদ্ধির বিষয়টি সমর্থন করা ছাড়া বিকল্প নেই। এইচপিডি কমিশনার ডিনা লেভি বাসিন্দাদের সঙ্গে বৈঠকে জানান, ভাড়া বাড়ানোর উদ্দেশ্য ভবনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়। মূল সমস্যা হলো ভবনটির দীর্ঘদিনের আর্থিক সংকট। আবাসনটি তিন বছর ধরে বন্ধকী ঋণের কিস্তি পরিশোধে পিছিয়ে রয়েছে এবং নিয়মিত পরিচালন ব্যয়ও মেটাতে পারছে না। তিনি জানান, ভবনের বিকল লিফট, ছাদ চুইয়ে পানি পড়াসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে আলাদাভাবে ৩ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।   তবে এসব ব্যাখ্যায় আশ্বস্ত নন অনেক বাসিন্দা। বিশেষ করে নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল প্রবীণদের মধ্যে উদ্বেগ বেশি। ৭৯ বছর বয়সী সাবেক ভাড়াটিয়া সমিতির সভাপতি টনি টেইলর বলেন, অবসরে যাওয়ার সময় এই আবাসনটি সত্যিই সাশ্রয়ী ছিল। এখন এমন অবস্থায় পৌঁছেছি যে ওষুধ কিনব, নাকি খাবার কিনব, সেটাই ভাবতে হচ্ছে। স্থানীয় কাউন্সিল সদস্য এরিক ডিনোভিটজও বিষয়টির অসঙ্গতির কথা তুলে ধরেন। তাঁর ভাষায়, রেন্ট গাইডলাইনস বোর্ড যখন ২ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়েও তীব্র বিতর্কের মুখে পড়ে, তখন একই শহরে অন্য একটি আবাসনে ৩০ শতাংশের বেশি ভাড়া বাড়ানোর বিষয়টি মেনে নেওয়া হচ্ছে।   তবে ট্রেসি টাওয়ার্সের প্রায় এক-তৃতীয়াংশ বাসিন্দা ফেডারেল সেকশন ৮ আবাসন ভর্তুকি বা প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাড়া সুরক্ষা কর্মসূচির আওতায় থাকায় তাদের নিজস্ব পকেট থেকে অতিরিক্ত ভাড়া দিতে হবে না। কিন্তু বাকি শত শত পরিবারের জন্য এই প্রস্তাব বড় আর্থিক চাপ তৈরি করতে পারে।   ভাড়াটিয়া সমিতির সভাপতি জিন হিলের অভিযোগ, সাশ্রয়ী আবাসনের প্রতিশ্রুতি দিয়েই মেয়র নির্বাচিত হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে অনেক বাসিন্দার মনে হচ্ছে, সেই প্রতিশ্রুতি তাদের জন্য ছিল না।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ২১:৩
মার্কিন সুপ্রিম কোর্টের নতুন রায়ে সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফেরানোর আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পেল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আশ্রয়প্রার্থীদের প্রবেশের আগেই ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় আইনি সমর্থন পেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ৬-৩ ভোটের রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, যেসব ব্যক্তি এখনো মেক্সিকোর ভূখণ্ডে অবস্থান করছেন, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ না করা পর্যন্ত মার্কিন আইনের অধীনে আশ্রয়ের আবেদন করার অধিকার দাবি করতে পারবেন না। এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ‘মিটারিং’ নীতি পুনরায় কার্যকর করার পথ আরও সহজ হলো।   মামলাটির সূত্রপাত ২০১৭ সালে। অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন আল ওত্রো লাদো অভিযোগ করেছিল, সীমান্তে আশ্রয়প্রার্থীদের আটকে রেখে আবেদন গ্রহণ না করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘন করা হচ্ছে। পরে একটি নিম্ন আদালত সেই নীতিকে অবৈধ ঘোষণা করলেও, সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়।   সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ মতামতে বিচারপতি স্যামুয়েল আলিটো বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে 'যুক্তরাষ্ট্রে আগমন' বলতে প্রকৃতপক্ষে দেশটির ভূখণ্ডে প্রবেশ করাকেই বোঝায়। ফলে সীমান্তের মেক্সিকো অংশে অবস্থানকারী কোনো ব্যক্তি আইনি অর্থে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলে গণ্য হবেন না এবং সে অবস্থায় তিনি আশ্রয় আবেদনের অধিকার দাবি করতে পারবেন না।   এই রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বিভাগের প্রধান আইন উপদেষ্টা জেমস পার্সিভাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত দক্ষিণ সীমান্ত আরও কার্যকরভাবে সুরক্ষিত রাখতে প্রশাসনের হাতে একটি গুরুত্বপূর্ণ আইনি উপায় তুলে দিয়েছে।   তবে রায়ের তীব্র সমালোচনা করেছেন মানবাধিকারকর্মী ও অভিবাসন আইনজীবীরা। আল ওত্রো লাদো-এর ওয়াটার ড্রপ কর্মসূচির সমন্বয়কারী জেমস করদেরো বলেন, বৈধ উপায়ে আশ্রয়ের আবেদন করার সুযোগ সীমিত হয়ে গেলে অনেক মানুষ বাধ্য হয়ে পাহাড়, মরুভূমি কিংবা ঝুঁকিপূর্ণ অনিয়মিত পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করবেন। এতে প্রাণহানির আশঙ্কা বাড়বে। তিনি জানান, তাদের স্বেচ্ছাসেবকেরা নিয়মিত সীমান্তবর্তী মরুভূমিতে পানি, খাদ্য ও জরুরি সামগ্রী পৌঁছে দেন, যা অনেক ক্ষেত্রে জীবন রক্ষায় সহায়ক হয়।   অভিবাসন আইনজীবী সামান নাসেরির মতে, যদিও এখনো নতুন কোনো নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি, তবে ট্রাম্প প্রশাসন খুব দ্রুত এই আইনি সুযোগ কাজে লাগাতে পারে। তাঁর আশঙ্কা, এর ফলে আশ্রয় আবেদনকারীর সংখ্যা কমলেও সীমান্তে আটক এবং অনিয়মিত প্রবেশের অভিযোগে গ্রেপ্তারের ঘটনা বাড়তে পারে।   রায়ের বিপক্ষে অবস্থান নেওয়া তিন বিচারপতির একজন সোনিয়া সোটোমেয়র তাঁর ভিন্নমত পোষণ করে বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও বেশি মানুষ বিপজ্জনক পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করবেন এবং অনেকেই প্রাণ হারাতে পারেন। তাঁর মতে, এই রায় আশ্রয়প্রার্থীদের জন্য বিদ্যমান আইনি সুরক্ষাকে দুর্বল করে দিয়েছে।   উল্লেখ্য, সীমান্তে আশ্রয় আবেদন সীমিত করার 'মিটারিং' পদ্ধতি প্রথম চালু হয় ২০১৬ সালে বারাক ওবামা প্রশাসনের সময় অভিবাসীর চাপ বাড়ার প্রেক্ষাপটে। পরে ট্রাম্পের প্রথম মেয়াদে এটি আনুষ্ঠানিক নীতিতে রূপ পায়। ২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে নীতিটি বাতিল করেন। সর্বশেষ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রয়োজনে ট্রাম্প প্রশাসন আবারও সেই ব্যবস্থা চালুর আইনি ভিত্তি পেল।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ২০:৪২
ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নতুন ভ্রমণ নি ষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। ছবি: সংগৃহীত
ইবোলা আতঙ্কে ৩ আফ্রিকার দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সৌদির

ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আফ্রিকার তিন দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে ওই দেশগুলো থেকে আগত যাত্রীদের জন্য সব ধরনের ভিসা প্রদান ও সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।   সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এবং দেশটির পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগত ভ্রমণকারীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইবোলার সম্ভাব্য বিস্তার রোধে জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।   কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সরাসরি ওই তিন দেশ থেকেই নয়, অন্য কোনো দেশ হয়ে সৌদিতে প্রবেশ করতে চাইলেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ডিআরসি, উগান্ডা বা দক্ষিণ সুদানের যেকোনো একটিতে অবস্থান করেছেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।   ওয়াকায়া বলেছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার ঠেকাতে দেশটির স্বাস্থ্যঝুঁকি পর্যবেক্ষণ ও মহামারি মোকাবিলা ব্যবস্থা স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিষয়ক সুপারিশ হালনাগাদ করা হবে।   শুধু নিষেধাজ্ঞাই নয়, ইবোলা-প্রভাবিত অঞ্চলের প্রতিবেশী দেশগুলো থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সতর্কতা। রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আগত যাত্রীদের জন্য প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।   সৌদি কর্তৃপক্ষের দাবি, বর্তমানে দেশটির জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশে কোনো নিশ্চিত বা সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হয়নি। তবে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।   বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষাপটে ইবোলার সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ে বিভিন্ন দেশ ইতোমধ্যে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ও অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা চালু করেছে। বিশেষ করে ডিআরসি, উগান্ডা ও দক্ষিণ সুদানকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা বৃদ্ধি পেয়েছে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ২০:২৭
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর l ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরই পাল্টা আঘাত ইরানের, আইআরজিসির নিশানায় মার্কিন বাহিনী

ইরানের উপকূলে মার্কিন বিমান হামলার কড়া জবাব হিসেবে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম এবং আইআরএনএ-তে প্রকাশিত আইআরজিসির মিডিয়া অফিসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   বিবৃতিতে বলা হয়, আইআরজিসির নৌবাহিনী ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে হামলায় সুনির্দিষ্ট কোন কোন স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে বা বিস্তারিত আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কোনো তথ্য প্রদান করা হয়নি।   ইরানের উপকূলে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন বরাবরের মতোই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এই বিমান হামলা চালিয়েছে।   আইআরজিসি তাদের বিবৃতিতে একটি সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেছে, যেখানে হরমোজ প্রণালিতে নৌযান চলাচলের নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের সঙ্গে ইসলামাবাদের সুনির্দিষ্ট ব্যবস্থা বা চুক্তি রয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষকে প্ররোচিত করার মাধ্যমে এই প্রতিশ্রুতি লঙ্ঘনের চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে ইরান প্রয়োজনীয় জবাব দিয়েছে।   যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তেহরানের পক্ষ থেকে আরও ব্যাপক ও ভয়াবহ পাল্টা জবাব দেওয়া হবে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ২০:১১
সাঁজোয়া যানের নিচে চাপা পড়ে আদ্রিয়ান বনসে নামের এক মার্কিন সেনার মৃত্যু l ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সামরিক মহড়ায় ট্যাংকের নিচে চাপা পড়ে মার্কিন সেনার মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি প্রশিক্ষণ মাঠে ২৭ টন ওজনের একটি সাঁজোয়া যানের (ট্যাংক) নিচে চাপা পড়ে এক মার্কিন সেনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গত ১০ জুন ভোরে সামরিক মহড়া চলাকালীন 'এম২ ব্র্যাডলি' নামের একটি ফাইটিং ভেহিকল বা সাঁজোয়া যানের নিচে চাপা পড়েন ২৯ বছর বয়সী আদ্রিয়ান বনসে। জানা গেছে, ওই মহড়া চলাকালীন সময়ে সাঁজোয়া যানটি থেকে চালকের দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি বেশ সীমিত ছিল, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।   নিহত আদ্রিয়ান বনসে মূলত জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্টে মোতায়েন থাকা মার্কিন সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি ডিভিশনের একজন কমব্যাট ইঞ্জিনিয়ার ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে থার্ড ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল জন লুবাস এক বিবৃতিতে বলেন, "এটি আমাদের পুরো ডিভিশনের জন্য একটি বিধ্বংসী ক্ষতি।   আদ্রিয়ান ছিলেন একজন অসাধারণ সেনা, যিনি আমাদের মিশন এবং গর্বের সাথে দেশের সেবা করার প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত ছিলেন। আমরা গভীরভাবে শোকাহত এবং এই কঠিন সময়ে তার পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের পাশে আছি।" নিউইয়র্কের বাসিন্দা স্পেশালিস্ট আদ্রিয়ান ২০২৩ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।   জানা গেছে, মোহাভি মরুভূমির ন্যাশনাল ট্রেনিং সেন্টারে আদ্রিয়ান সাঁজোয়া যানগুলোর সাথে প্রশিক্ষণ নিচ্ছিলেন। বিদেশে মোতায়েনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ঘোষণার আগে সেনা ইউনিটগুলো সাধারণত এক মাস ধরে এই প্রশিক্ষণ মাঠে বড় পরিসরে মহড়া পরিচালনা করে থাকে। থার্ড ইনফ্যান্ট্রি ডিভিশন তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, ফোর্ট স্টুয়ার্টে নতুন যোগ দিলেও আদ্রিয়ান ইতিমধ্যেই তার সহকর্মীদের মাঝে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছিলেন।   উল্লেখ্য, গত বছর মার্কিন সেনাবাহিনীতে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা বা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩১ জন সেনার মৃত্যু হয়েছিল, যার বেশিরভাগই ছিল সামরিক যান উল্টে যাওয়ার মতো গ্রাউন্ড দুর্ঘটনা।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৯:২৯
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মার্কিন হামলার পর তেহরানের কড়া বার্তা: ‘এই ভুলের জন্য অনুতপ্ত হবে যুক্তরাষ্ট্র’

ইরানের মাটিতে চালানো সাম্প্রতিক মার্কিন বিমান হামলাকে 'যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘন' বলে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছেন যে, আলোচনা বা যুদ্ধবিরতির কোনো নীতিমালার প্রতিই তার ন্যূনতম দায়বদ্ধতা বা সম্মান নেই।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন হামলার কঠোর সমালোচনা করে এই শীর্ষ ইরানি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।   ইব্রাহিম আজিজি তার পোস্টে বলেন, "যুদ্ধবিরতির এই ধরনের বেপরোয়া লঙ্ঘনের কারণে তাদের (যুক্তরাষ্ট্রের) অতীতের মতোই পিছু হটতে হবে এবং এই পদক্ষেপের জন্য তাদের চরমভাবে অনুতপ্ত হতে হবে।" একই পোস্টে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তিনি আরও স্পষ্ট করে লেখেন, "একে অপরের ওপর দোষ চাপানোর এই কূটকৌশল বা খেলা এখন আর কাজ করবে না।"

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৯:১২
ছবি: নিউইয়র্ক পোস্ট
মার্কিন অবকাঠামোয় সাইবার হামলা, ৩.৪ বিলিয়ন ডলারের ক্ষতির অভিযোগে গ্রেপ্তার ইরানি হ্যাকার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে ৩.৪ বিলিয়ন ডলারের ক্ষতিসাধনের অভিযোগে মন্টিনিগ্রোয় এক ইরানি হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে। মন্টিনিগ্রোর পুলিশ এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।   ৩৯ বছর বয়সী এই সন্দেহভাজন হ্যাকারের কাছে ইরান এবং তুরস্কের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কম্পিউটার জালিয়াতি, হ্যাকিং, ষড়যন্ত্র এবং পরিচয় চুরির মতো গুরুতর অভিযোগে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। মন্টিনিগ্রোর অ্যাড্রিয়াটিক উপকূলীয় শহর কোতর থেকে তাকে গ্রেপ্তার করার পর, এখন প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য রাজধানী পোদগোরিচার একটি হাইকোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।   মন্টিনিগ্রোর পুলিশ অধিদপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই হ্যাকার ২০১৩ সাল থেকে অত্যন্ত বড় পরিসরে সাইবার হামলা চালিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে তিনি এসব বিধ্বংসী হামলা চালান। কর্তৃপক্ষের দাবি, এসব হামলার মাধ্যমে চুরি করা সংবেদনশীল ডেটা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ মূলত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরানের অন্যান্য সংস্থার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে।   তদন্তকারীদের ধারণা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার এক বৃহত্তর রাষ্ট্রীয় সাইবার প্রচারণার অংশ ছিল এই হামলাগুলো।   বর্তমানে এই সন্দেহভাজন ব্যক্তি মন্টিনিগ্রো পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। যুক্তরাষ্ট্র এবং এর বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো লক্ষ্য করে ইরানভিত্তিক সাইবার হামলাগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো।   গত এপ্রিলেও মার্কিন সাইবার নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরানি হ্যাকিংয়ের চেষ্টা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এই গ্রেপ্তারের ঘটনা আন্তর্জাতিক সাইবার অপরাধ দমনে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৮:৫৪
দেম্বেলের রেকর্ডগড়া হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ফ্রান্স l ছবি: সংগৃহীত
দেম্বেলের ৩২ মিনিটের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

আর্লিং হালান্ডকে ছাড়া মাঠে নামা নরওয়ের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পরিণত হয়েছিল এক চরম দুঃস্বপ্নে। শুরুর একাদশে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে থাকলেও, মাঠের ফুটবলে সব আলো নিজের দিকে টেনে নেন সদ্য ব্যালন ডি’অর জয়ী উইঙ্গার উসমান দেম্বেলে। তার দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে নরওয়েকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স।   ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল বেছে নেয় দিদিয়ের দেশমের দল। ফলস্বরূপ, মাত্র সপ্তম মিনিটেই দলের প্রথম গোলটি আদায় করে নেন দেম্বেলে। এর কিছুক্ষণ পর, ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই তারকা ফরোয়ার্ড। দুই গোল হজমের পর নরওয়েও দ্রুত লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল। ২১তম মিনিটে থেলোনিয়াস আসগার্ডের দারুণ এক গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে তারা। কিন্তু ফরাসিদের মুহুর্মুহু আক্রমণের সামনে নরওয়ের রক্ষণভাগ শেষ পর্যন্ত নিজেদের প্রতিরোধ ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়।   ম্যাচের ৩২তম মিনিটে এক অসাধারণ দলীয় বোঝাপড়ার মাধ্যমে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। মাঝমাঠ থেকে অরেলিয়েন চুয়ামেনির বাড়ানো বল বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দারুণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি, যেখানে নরওয়ের গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। মাত্র ৩২ মিনিটে করা এই হ্যাটট্রিকটি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক হিসেবে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্ট।   বিরতির পর নরওয়ে ম্যাচে ফেরার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি বক্সে অস্কার বব ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের নেওয়া দুর্বল স্পটকিকটি দারুণ দক্ষতায় রুখে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনিঁয়া। এরপর ফরাসিদের নিরঙ্কুশ আধিপত্যের মাঝেই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেজিরে দুয়ের গোলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান রানার্সআপ ফ্রান্স।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৮:৩৭
ইরানে মার্কিন বিমান হামলা l ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা

হরমোজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কড়া জবাব হিসেবে শুক্রবার (২৬ জুন) ইরানের ওপর সরাসরি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই সামরিক পদক্ষেপের তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, বৃহস্পতিবার সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ‘এম/ভি এভার লাভলি’-তে ইরানের ড্রোন হামলার জোরালো প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা চালানো হয়েছে।   মার্কিন যুদ্ধবিমানগুলো মূলত ইরানের মিসাইল ও ড্রোন মজুতকেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটগুলোকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হেনেছে। পেন্টাগন জানিয়েছে, ড্রোন হামলার শিকার হওয়ার সময় কার্গো জাহাজটি ওমান উপকূল ঘেঁষে হরমোজ প্রণালি অতিক্রম করছিল। যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি বাহিনীর এই অকারণ আগ্রাসন সুস্পষ্টভাবে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।   এদিকে, ইরানে এই প্রতিশোধমূলক হামলার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য সামনে আসে। বৃহস্পতিবার হরমোজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইরানকে কোনো পরিণতির মুখোমুখি হতে হবে কি না— ওভাল অফিসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "আপনারা শিগগিরই তা দেখতে পাবেন।" আর এর পরপরই ইরানে এই মার্কিন হামলার খবর প্রকাশ্যে এলো।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৮:১৫
নেপারভিল পুলিশের কমান্ডার উইলিয়ামস l ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ২৮ বছরের সেবা শেষে অবসরে নেপারভিল পুলিশের কমান্ডার উইলিয়ামস।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নেপারভিল শহরের পুলিশ বিভাগে দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় ধরে সুনামের সাথে দায়িত্ব পালনের পর অবসরে যাচ্ছেন কমান্ডার মিচাউস উইলিয়ামস।   সম্প্রতি নেপারভিল পুলিশ বিভাগের পক্ষ থেকে এক ঘোষণার মাধ্যমে তার এই অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কমান্ডার উইলিয়ামস তার দীর্ঘ কর্মজীবনে বিভাগের জন্য একজন অমূল্য সম্পদ হিসেবে কাজ করেছেন।   পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তার উপস্থিত বুদ্ধি, রসবোধ এবং সহকর্মীদের প্রতি বন্ধুসুলভ আচরণ সবাইকে মুগ্ধ করত। তার এই বিদায় পুলিশ বিভাগে একটি শূন্যতার সৃষ্টি করবে বলে মনে করছেন সহকর্মীরা।   নেপারভিল শহরের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তায় তার অসামান্য অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ বিভাগের পক্ষ থেকে তার সুস্থ ও আনন্দময় অবসর জীবন কামনা করা হয়েছে এবং জনসাধারণকেও তাকে শুভেচ্ছা জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৭:৪১
ছবি: নিউইয়র্ক পোস্ট
লস অ্যাঞ্জেলেসে সবচেয়ে দামি ভাড়াবাড়ির তালিকায় কেটি পেরির বিলাসবহুল বাড়ি

লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলসে অবস্থিত ১০৩ বছরের পুরোনো একটি বিলাসবহুল এস্টেট ভাড়ার জন্য বাজারে এসেছে, যা শহরটির ইতিহাসের অন্যতম দামি ভাড়াবাড়ি হিসেবে রেকর্ড গড়েছে। 'পার্ক হিল এস্টেট' নামের এই সুবিশাল বাড়িটির একসময়ের মালিক ছিলেন বিখ্যাত পপতারকা কেটি পেরি। বাড়িটিতে থাকতে হলে মাসে ২ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার খরচ করতে হবে।   এমনকি বছরের নির্দিষ্ট সময় এবং লস অ্যাঞ্জেলেসের উৎসবের ওপর ভিত্তি করে এই ভাড়া মাসে ৩ লাখ ৯৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্রোকাররা। ৩ একর জমির ওপর নির্মিত এই মনোরম বাড়ি থেকে শহরের দিগন্ত ও মহাসাগরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।   ১৯২৩ সালে রিয়েল এস্টেট ডেভেলপার সি.এফ. ডিউইটের হাত ধরে নির্মিত ৮১৫৯ হলিউড বুলেভার্ডের এই বাড়িটির ইতিহাস বেশ সমৃদ্ধ। পরবর্তীকালে এটি কিংবদন্তি সংগীত প্রযোজক রালফ পিয়ারের মালিকানায় ছিল, যার আমন্ত্রণে ফ্র্যাঙ্ক সিনাত্রা বা ডিন মার্টিনের মতো তারকারা এখানে আসতেন। সাম্প্রতিক সময়ে অ্যাডেল, ড্রেক, কেভিন হার্ট, ড্যানিয়েল কালুয়া ও লুইস হ্যামিল্টনের মতো বিশ্বখ্যাত তারকারা এখানে সময় কাটিয়েছেন।   জানা যায়, ২০১১ সালে কেটি পেরি ও তার তৎকালীন স্বামী রাসেল ব্র্যান্ড সাড়ে ৬ মিলিয়ন ডলারে বাড়িটি কিনলেও তারা কখনোই সেখানে স্থায়ীভাবে বসবাস করেননি। তবে কেটি পেরি ইয়োগা ও পাইলেটিসের জন্য বাড়ির ভেতরের একটি গ্রিনহাউস ব্যবহার করতেন। ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের পর তারা বাড়িটি বর্তমান মালিক ও লাস ভেগাসের হোটেল ডেভেলপার লরেঞ্জো ডউমানির কাছে ৫৫ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি করে দেন।   বর্তমানে পুরোপুরি সংস্কার করা এই বাড়িটিকে আধুনিক বিলাসবহুল জীবনযাপনের উপযোগী করে তোলা হয়েছে। এখানে ৯টি বেডরুম, ১১টি বাথরুম, একটি ভূমধ্যসাগরীয় ধাঁচের মূল বাড়ি, দ্বিতল পুল হাউস এবং একটি বিচ্ছিন্ন কাসিটা রয়েছে। ইতালির ফ্লোরেন্স থেকে আমদানি করা মার্বেল পাথর এবং ৪৫ ফুট উঁচু ক্যাথেড্রাল-স্টাইলের লিভিং রুম বাড়িটির আভিজাত্য আরও বাড়িয়ে দিয়েছে।   এ ছাড়া রয়েছে রিসোর্ট-স্টাইলের ইনফিনিটি পুল, স্পা, ইনডোর-আউটডোর জিম, ইনফ্রারেড সনা, স্টিম রুম, হোম থিয়েটার এবং একটি পিকলবল কোর্ট। ব্রোকাররা জানিয়েছেন, যদিও বেভারলি হিলস বা বেল-এয়ারে এর চেয়েও বেশি ভাড়ার বাড়ি রয়েছে, তবে হলিউড হিলস এলাকার জন্য এটি নিঃসন্দেহে একটি নতুন রেকর্ড।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৭:২৯
ছবি: নিউইয়র্ক পোস্ট
দীর্ঘদিন বেকার? সিভি ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সুপারমার্কেট লিডল

ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার এই যুগে বেকারদের জন্য আশার আলো নিয়ে এসেছে যুক্তরাজ্যের বিখ্যাত সুপারমার্কেট চেইন ‘লিডল’। প্রতিষ্ঠানটি এমন এক অভিনব নিয়োগ উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে কমপক্ষে ছয় মাস ধরে বেকার থাকা প্রার্থীরা কোনো জীবনবৃত্তান্ত বা সিভি জমা দেওয়া ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ পাবেন।   আগামী এক বছর ধরে লিডল তাদের স্টোরের এন্ট্রি-লেভেলের পদ এবং ওয়্যারহাউসের প্রায় ৫০০টি পদে দীর্ঘমেয়াদি বেকারদের জন্য এই বিশেষ সুযোগটি সংরক্ষিত রাখবে। চাকরিপ্রার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতিতে সহায়তা করতে যুক্তরাজ্যের কর্মসংস্থান ও পেনশন বিভাগের (ডিডব্লিউপি) সাথে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি।   ব্রিটেনের শ্রমবাজার যখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, ঠিক তখনই এমন একটি ইতিবাচক উদ্যোগ সামনে এলো। কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) সাম্প্রতিক সতর্কতা অনুযায়ী, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে কর্মসংস্থান পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। চলতি মাসে প্রকাশিত সরকারি পরিসংখ্যানেও দেখা গেছে, দেশটিতে চাকরির শূন্যপদ গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে (৭ লাখ ৭ হাজারে) নেমে এসেছে।   এমন বাস্তবতায় লিডল গ্রেট ব্রিটেনের চিফ পিপল অফিসার স্টেফানি রজার্স জানান, বেকারত্ব সারা দেশের মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং এই উদ্যোগটি মূলত তাদের জন্যই নেওয়া হয়েছে, যাদের কর্মক্ষেত্রে প্রবেশের প্রথম ধাপটি পার হতে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হয়। যুক্তরাজ্যের কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ডেম ডায়ানা জনসনও এই উদ্যোগের প্রশংসা করে একে ‘কল্যাণ থেকে কর্মসংস্থানে’ ফেরার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে অভিহিত করেছেন।   নতুন এই উদ্যোগের পাশাপাশি গৃহহীনদের কর্মসংস্থানে সহায়তাকারী দাতব্য সংস্থা ‘স্ট্যান্ডিং টল’-কে ৫০ হাজার পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছে লিডল। গত বছর সফল একটি পাইলট প্রকল্পের পর এই অংশীদারিত্বের পরিধি বাড়ানো হয়েছে, যেন আগামী বছরগুলোতে আরও বেশি গৃহহীন মানুষকে দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের আওতায় আনা যায়। উল্লেখ্য, ১৯৯৪ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করা লিডল বর্তমানে ১ হাজারের বেশি স্টোর পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তরা রিটেইল খাতে অন্যতম সর্বোচ্চ প্রারম্ভিক মজুরি পাবেন, যা দেশব্যাপী ঘণ্টায় ১৩.৪৫ পাউন্ড থেকে শুরু হবে এবং কাজের মেয়াদের ওপর ভিত্তি করে তা ১৪.৪৫ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পাবে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৭:১১
কোলাজ: আমেরিকা বাংলা
৭ বছর বয়সেই ২৫৫ পাউন্ড ওজন, বাবা-মায়ের অবহেলা ও চিকিৎসাবঞ্চনায় প্রাণ গেল এক শিশুর

যুক্তরাষ্ট্রের মিশিগানে চরম অবহেলা ও চিকিৎসাবঞ্চিত রেখে ৭ বছর বয়সী এক স্থূলকায় শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে তার বাবা-মাকে অভিযুক্ত করা হয়েছে। ক্যাসপার নামের ওই শিশুটির মৃত্যুর সময় ওজন ছিল ২৫৫ পাউন্ড (প্রায় ১১৫ কেজি)। প্রসিকিউটরদের মতে, বাবা-মায়ের 'অভূতপূর্ব ও ভয়াবহ অবহেলার' কারণেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটির এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে।   এই অমানবিক ঘটনায় ৪০ বছর বয়সী ড্যামিয়েন ও'ব্রায়েন এবং তার স্ত্রী জেসিকা ও'ব্রায়েনকে (৪১) সেকেন্ড-ডিগ্রি মার্ডার, শিশু নির্যাতন ও নিষ্ঠুরতার অভিযোগে অভিযুক্ত করেছে স্থানীয় প্রশাসন।   ঘটনার সূত্রপাত গত বছরের (২০২৫ সালের) ৪ নভেম্বর। মিশিগানের ফ্লিন্ট টাউনশিপে ওই পরিবারের অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর বাড়ি থেকে জরুরি নম্বরে (৯১১) কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর অসুস্থ অবস্থায় ক্যাসপারকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, 'ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি' বা হৃদযন্ত্রের অস্বাভাবিকতা থেকে হার্ট ফেইলিউরের কারণে তার মৃত্যু হয়েছে, যার পেছনে অন্যতম প্রধান অনুঘটক ছিল মাত্রাতিরিক্ত স্থূলতা।   মৃত্যুর সময় ৪ ফুট ২ ইঞ্চি উচ্চতার ক্যাসপারের ওজন ছিল ২৫৫ পাউন্ড, যা যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর নির্দেশিত ৭ বছর বয়সী শিশুদের স্বাভাবিক ওজনের (৫০ থেকে ৭৩ পাউন্ড) চেয়ে বহুগুণ বেশি।   জেনেসি কাউন্টির প্রসিকিউটর ডেভিড লেটন এই ঘটনাকে চরম নিষ্ঠুরতা হিসেবে উল্লেখ করে জানান, স্বাস্থ্যবীমা এবং বাবার ভালো আয় থাকা সত্ত্বেও ক্যাসপারকে জীবনে মাত্র একবার চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল এবং সে কখনো স্কুলেও যায়নি।   সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেদিন ক্যাসপার মারা যায়, সেদিন সকালেও ওই দম্পতি নিজেদের পোষা কুকুরের চিকিৎসার জন্য পশু চিকিৎসককে বাড়িতে ডেকেছিলেন। লেটন আরও জানান, সরকারি কোনো নথিতেই এই শিশুদের অস্তিত্ব ছিল না। বর্তমানে অভিযুক্ত দম্পতিকে জামিন ছাড়াই জেনেসি কাউন্টি জেলে আটক রাখা হয়েছে এবং আগামী ২ জুলাই তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৬:৫৩
জামিন ছাড়া আটকে রাখার নীতি পুনর্বহাল করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন l ছবি: সংগৃহীত
অভিবাসীদের জামিন ছাড়াই আটক রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা অভিবাসীদেরও গ্রেপ্তার করার পর জামিনের কোনো সুযোগ না দিয়ে আটকে রাখার অনুমতি চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার প্রকাশ্যে আসা এক আইনি নথিতে দেখা যায়, প্রশাসন একটি ফেডারেল আপিল আদালতের গত মে মাসের সিদ্ধান্ত বাতিল করার আবেদন জানিয়েছে। মে মাসের ওই রায়ে কয়েক দশকের পুরোনো অভিবাসন আইনের যে নতুন ব্যাখ্যার ওপর ভিত্তি করে বর্তমান প্রশাসনের 'গণ-আটক নীতি' পরিচালিত হচ্ছে, তা প্রত্যাখ্যান করা হয়েছিল।   গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ৬-৩ রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বেঞ্চ অভিবাসন নীতির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে দুটি বড় আইনি জয় এনে দেয়। এর মধ্যে লাখ লাখ হাইতিয়ান ও সিরীয় অভিবাসীর নির্বাসন ঠেকানোর সুরক্ষা প্রত্যাহার করার অনুমতিও ছিল। ওই রায়ের ঠিক আগেই চলতি সপ্তাহের শুরুর দিকে সুপ্রিম কোর্টে এই আপিলটি দায়ের করেছিল প্রশাসন। সিনসিনাটি-ভিত্তিক ষষ্ঠ ইউএস সার্কিট কোর্ট অব আপিলস-এর ২-১ প্যানেলের দেওয়া রায় পর্যালোচনার জন্যই এই আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, শত শত নিম্ন আদালতের বিচারকদের পাশাপাশি যে তিনটি আপিল আদালত প্রশাসনের এই বিনা জামিনে আটক রাখার নীতির বিরোধিতা করেছে, ষষ্ঠ সার্কিট কোর্ট তার মধ্যে অন্যতম।   তবে আরও দুটি আপিল আদালত প্রশাসনের এই নীতির প্রতি সমর্থন জানিয়েছে। মার্কিন সলিসিটর জেনারেল ডি. জন সয়ার এই বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, 'অভিবাসন আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির' কারণে আটকে থাকা ব্যক্তিরা হাজার হাজার মামলা দায়ের করছেন, যার দ্রুত মীমাংসা প্রয়োজন। এক পিটিশনে সয়ার যুক্তি দিয়ে বলেন, অবৈধভাবে প্রবেশের পর যেসব বিদেশি নাগরিক দেশে বসবাস করছেন, তাদের অপসারণ প্রক্রিয়ার সময় আটকে রাখলে তারা শুনানির সময় পালাতে পারবেন না এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে তাদের অপসারণ নিশ্চিত করা সহজ হবে।   দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অভিবাসন আইনের ব্যাখ্যার বাইরে গিয়ে গত বছর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) একটি নতুন অবস্থান গ্রহণ করে। তারা জানায়, কেবল সীমান্তে পৌঁছানো ব্যক্তিরাই নন, বরং আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অনাগরিকরাও 'প্রবেশের আবেদনকারী' (applicants for admission) হিসেবে বিবেচিত হবেন এবং বাধ্যতামূলক আটকের আওতাধীন থাকবেন। কেন্দ্রীয় অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে 'প্রবেশের আবেদনকারী' ব্যক্তিরা অভিবাসন আদালতে তাদের মামলার কার্যক্রম চলাকালীন বাধ্যতামূলকভাবে আটক থাকবেন এবং তারা জামিন শুনানির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বিচার বিভাগের অধীনস্থ 'বোর্ড অব ইমিগ্রেশন আপিলস' গত সেপ্টেম্বরে একটি সিদ্ধান্তের মাধ্যমে এই ব্যাখ্যাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে, যার ফলে দেশজুড়ে অভিবাসন বিচারকরা বাধ্যতামূলক আটকের নির্দেশ দেওয়া শুরু করেন।   ষষ্ঠ সার্কিট কোর্টের রায়টি মূলত মিশিগানের কিছু মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছিল। মেক্সিকো, এল সালভাদর, ভেনেজুয়েলা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার ওই নাগরিকরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)-এর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ষষ্ঠ সার্কিট কোর্ট তাদের রায়ে জানায়, প্রশাসন ১৯৯৬ সালের 'ইলিগ্যাল ইমিগ্রেশন রিফর্ম অ্যান্ড ইমিগ্র্যান্ট রেসপনসিবিলিটি অ্যাক্ট'-এর একটি ধারার অপব্যাখ্যা করেছে। আদালত আরও উল্লেখ করে যে, জামিন শুনানি থেকে বঞ্চিত করার মাধ্যমে ওই অভিবাসীদের মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনীর অধীনে থাকা আইনি প্রক্রিয়ার অধিকার বা 'ডিউ প্রসেস' চরমভাবে ক্ষুণ্ন করা হয়েছে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৬:২৫
শুল্ক আরোপের কড়া হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প l ছবি: সংগৃহীত
মার্কিন কোম্পানির ওপর ডিজিটাল কর বসালে পাল্টা ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প আবারও আগ্রাসী শুল্ক আরোপের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন কোম্পানিগুলোর ওপর কোনো দেশ 'ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স' বা ডিজিটাল সেবা কর বসালে, সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে তিনি সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যেকোনো বাণিজ্য চুক্তি বাতিল করে হলেও এই নতুন শুল্ক নীতি কার্যকর করা হবে।   নিজের পোস্টে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ মার্কিন কোম্পানিগুলোর ওপর অবিলম্বে ডিজিটাল সেবা কর বাস্তবায়নের আলোচনা করছে এবং কিছু দেশ ইতোমধ্যে এটি কার্যকর করার দ্বারপ্রান্তে রয়েছে। তিনি বলেন, "আমার এই বিবৃতিটি একটি সতর্কবার্তা।   যে দেশই এমন কর বসাবে, যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের যেকোনো ও সমস্ত পণ্যের ওপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।" তিনি আরও যোগ করেন, কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত বা বাস্তবায়িত অবস্থায় থাকলেও এই শুল্ক নীতি তার ঊর্ধ্বে থাকবে। দেশগুলো কর বসানোর পথে এগোলে তাৎক্ষণিকভাবে এই ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।   উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত ট্রাম্পের প্রস্তাবিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের একটি প্রচেষ্টার বিরুদ্ধে রায় দিয়েছিল। আদালত জানিয়েছিল, ১৯৭০-এর দশকের বাণিজ্য আইন অনুযায়ী এ ধরনের একচেটিয়া শুল্ক আরোপ সমর্থনযোগ্য নয়। তবে আদালতের এসব রায় তাকে শুল্ক আরোপের হুমকি থেকে মোটেও বিরত রাখতে পারেনি। চলতি মাসের শুরুতেও জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ এনে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়াসহ ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৬:১০
ছবি: এআই-নির্মিত প্রতীকী ছবি
মেডিকেয়ার–মেডিকেইডে অপ্রয়োজনীয় চিকিৎসা ও বিলিং: বাংলাদেশি কমিউনিটির জন্য যা জানা জরুরি

যুক্তরাষ্ট্রে সম্প্রতি মেডিকেয়ার ও মেডিকেইড কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক বড় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসছে। ফেডারেল তদন্তে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান, হোম হেলথ এজেন্সি, থেরাপি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় চিকিৎসা দেখিয়ে বা অতিরঞ্জিত বিল জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর স্বাস্থ্যসেবা খাতে স্বচ্ছতা এবং রোগীদের সচেতনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে!   নাম প্রকাশে অনিচ্ছুক মিশিগানে বাস করেন বাংলাদেশি চিকিৎসক বলেন, এ ধরনের অনিয়মের সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো অনেক রোগীই বুঝতে পারেন না তাদের নামে কী ধরনের চিকিৎসা বা সেবা দেখিয়ে মেডিকেয়ার কিংবা মেডিকেইডে বিল পাঠানো হচ্ছে। যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে সরাসরি কোনো অর্থ পরিশোধ করতে হয় না, তাই অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করেন না। অথচ প্রতিটি বিল শেষ পর্যন্ত সরকারি তহবিল থেকে পরিশোধ করা হয়, যা মূলত করদাতাদের অর্থ।   সাম্প্রতিক সময়ে বিভিন্ন তদন্তে উঠে এসেছে, কিছু অসাধু প্রতিষ্ঠান চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় নয় এমন পরীক্ষা-নিরীক্ষা, থেরাপি বা হোম হেলথ সেবা দীর্ঘদিন চালিয়ে যাওয়ার মাধ্যমে সরকারি স্বাস্থ্যবীমা কর্মসূচিতে বড় অঙ্কের বিল জমা দিয়েছে। যদিও সব চিকিৎসক, নার্স, থেরাপিস্ট বা হোম হেলথ প্রতিষ্ঠান এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়, তবুও কিছু অসাধু চক্র পুরো ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।   উদাহরণ হিসেবে ধরা যাক, একজন রোগীর সামান্য আঘাত বা পায়ে মচকানোর মতো সমস্যার জন্য সীমিত চিকিৎসাই যথেষ্ট হতে পারে। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে বাড়িতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, মূল্যায়ন বা থেরাপি প্রদান করা হয়, তাহলে রোগীর অধিকার রয়েছে জানতে চাওয়ার—এসব সেবা কেন প্রয়োজন, কে অনুমোদন দিয়েছেন এবং তার নামে ঠিক কত অর্থের বিল সরকারি বীমা কর্মসূচিতে পাঠানো হচ্ছে।   একইভাবে হোম হেলথ বা পুনর্বাসনমূলক থেরাপির ক্ষেত্রেও রোগী ও পরিবারের সদস্যদের সতর্ক থাকা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসার প্রয়োজন শেষ হওয়ার পরও যদি মাসের পর মাস একই ধরনের সেবা চলতে থাকে, তাহলে রোগীর উচিত চিকিৎসক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে এর যৌক্তিকতা জানতে চাওয়া। অনেক সময় রোগী না বুঝেই এমন কাগজপত্রে স্বাক্ষর করেন, যার মাধ্যমে তার নামে বিভিন্ন সেবার বিল করা সম্ভব হয়।   বিশেষ করে বাংলাদেশি অভিবাসী কমিউনিটির অনেক প্রবীণ ব্যক্তি ভাষাগত সীমাবদ্ধতার কারণে চিকিৎসা সংক্রান্ত নথিপত্র পুরোপুরি বুঝতে পারেন না। এ সুযোগে কেউ যেন তাদের নামে অপ্রয়োজনীয় সেবা দেখিয়ে বিল করতে না পারে, সে বিষয়ে পরিবারকেও সচেতন থাকতে হবে।   মিশিগানে থাকেন বাংলাদেশি সেই চিকিৎসক পরামর্শ দিয়ে বলেন, চিকিৎসা গ্রহণের আগে ও পরে নিজের চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা, অপ্রয়োজনীয় মনে হলে প্রশ্ন করা এবং নিয়মিত মেডিকেয়ার বা মেডিকেইডের বিলিং বিবরণ পর্যালোচনা করা উচিত। যদি এমন কোনো সেবা বা চিকিৎসার বিল দেখা যায় যা রোগী বাস্তবে গ্রহণ করেননি, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।   মেডিকেয়ার ও মেডিকেইডের অর্থ কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের নয়; এটি জনগণের করের অর্থ। তাই অপ্রয়োজনীয় চিকিৎসা, অতিরঞ্জিত বিলিং বা প্রতারণামূলক দাবি শুধু সরকারের আর্থিক ক্ষতিই করে না, বরং পুরো স্বাস্থ্যব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং প্রকৃত রোগীদের জন্য বরাদ্দকৃত সম্পদের ওপরও চাপ সৃষ্টি করে।   সচেতনতা, প্রশ্ন করার মানসিকতা এবং নিজের চিকিৎসা-সংক্রান্ত তথ্য নিয়মিত যাচাই করার অভ্যাসই পারে এ ধরনের অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৪:১২
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারাকাসসহ বিস্তীর্ণ এলাকা l ছবিঃ এপি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ভেনেজুয়েলায় আঘাত হানা শতাব্দীর অন্যতম শক্তিশালী দুই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৯৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। কারাকাস এবং লা গুয়াইরা অঙ্গরাজ্যের ধসে পড়া ভবনগুলোর নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।   স্থানীয় উদ্ধারকর্মীরা দিন-রাত অবিরাম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও আটকে পড়া মানুষের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের প্রধান দুটি হাসপাতাল রোগীতে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় এবং চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দেওয়ায় চিকিৎসা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।   ভয়াবহ এই মানবিক বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সাড়া দিয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে ৮০ সদস্যের একটি বিশেষায়িত দল এবং মেক্সিকো, এল সালভাদরসহ কয়েকটি দেশের উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছে অনুসন্ধান কার্যক্রমে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা এই আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম তদারকি করছেন।   পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের 'সিভিল প্রোটেকশন মেকানিজম'-এর আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, লুক্সেমবার্গ, চেকিয়া ও নেদারল্যান্ডস থেকে মানবিক সহায়তা ও বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার এই বিপর্যয় মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, জাতিসংঘ এই সহায়তা সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দেবে।   উল্লেখ্য, বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প দুটি আঘাত হানে। দ্বিতীয় ভূকম্পনটিকে ১৯০০ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার উপকূলজুড়ে বিস্তৃত 'সান সেবাস্তিয়ান ফল্ট'-এ ফাটল সৃষ্টির কারণেই এই দুর্যোগের সূত্রপাত। যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যার প্রভাষক ড. অ্যামি গিলিগানের মতে, এত বড় মাত্রার ভূমিকম্প সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ব্যাপক ভাঙন সৃষ্টি করতে সক্ষম।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৩:২৩
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারাকাসসহ বিস্তীর্ণ এলাকা l ছবিঃ এপি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ভেনেজুয়েলায় আঘাত হানা শতাব্দীর অন্যতম শক্তিশালী দুই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৯৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। কারাকাস এবং লা গুয়াইরা অঙ্গরাজ্যের ধসে পড়া ভবনগুলোর নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।   স্থানীয় উদ্ধারকর্মীরা দিন-রাত অবিরাম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও আটকে পড়া মানুষের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের প্রধান দুটি হাসপাতাল রোগীতে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় এবং চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দেওয়ায় চিকিৎসা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।   ভয়াবহ এই মানবিক বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সাড়া দিয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে ৮০ সদস্যের একটি বিশেষায়িত দল এবং মেক্সিকো, এল সালভাদরসহ কয়েকটি দেশের উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছে অনুসন্ধান কার্যক্রমে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা এই আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম তদারকি করছেন।   পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের 'সিভিল প্রোটেকশন মেকানিজম'-এর আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, লুক্সেমবার্গ, চেকিয়া ও নেদারল্যান্ডস থেকে মানবিক সহায়তা ও বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার এই বিপর্যয় মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, জাতিসংঘ এই সহায়তা সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছে দেবে।   উল্লেখ্য, বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প দুটি আঘাত হানে। দ্বিতীয় ভূকম্পনটিকে ১৯০০ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার উপকূলজুড়ে বিস্তৃত 'সান সেবাস্তিয়ান ফল্ট'-এ ফাটল সৃষ্টির কারণেই এই দুর্যোগের সূত্রপাত। যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যার প্রভাষক ড. অ্যামি গিলিগানের মতে, এত বড় মাত্রার ভূমিকম্প সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ব্যাপক ভাঙন সৃষ্টি করতে সক্ষম।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১৩:২২
ছবি: কোলাজ । আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে লাখো অভিবাসীর অনিশ্চয়তা, ট্রাম্পকে টিপিএস বাতিলের ক্ষমতা দিল সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ের ফলে দেশটিতে বসবাসরত কয়েক লাখ অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকদের জন্য দেওয়া টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বাতিলের ক্ষমতা বহাল রাখার সুযোগ দিয়েছে।   এই রায়ের ফলে প্রায়৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান এবং ৬ হাজার সিরীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার অধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন। টিপিএস বাতিল হলে তাদের অনেককেই সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা কিংবা মানবিক সংকটে থাকা নিজ নিজ দেশে ফিরে যেতে হতে পারে।   আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা রায়ে বলেন, টিপিএস প্রদান বা বাতিলের সিদ্ধান্ত মূলত নির্বাহী বিভাগের এখতিয়ার। সাংবিধানিক প্রশ্ন ছাড়া এ ধরনের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনার সুযোগ সীমিত। ফলে ভবিষ্যতেও প্রশাসন টিপিএস সংক্রান্ত সিদ্ধান্ত নিতে তুলনামূলক বেশি স্বাধীনতা পাবে।   তবে এই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিবাসন অধিকারকর্মীদের অভিযোগ, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজারো পরিবার এই কর্মসূচির ওপর নির্ভর করে জীবন গড়ে তুলেছে। হঠাৎ করে তাদের আইনি সুরক্ষা ও কর্মসংস্থানের সুযোগ হারানো শুধু মানবিক সংকটই সৃষ্টি করবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।   টিপিএস মূলত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা চরম অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকদের অস্থায়ী নিরাপত্তা দেওয়ার জন্য চালু করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে এই কর্মসূচির আওতায় থাকা অনেক মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ী জীবন গড়ে তুলেছেন। ফলে তাদের সুরক্ষা এক ঝটকায় প্রত্যাহার করা বড় ধরনের সামাজিক ও মানবিক প্রশ্নের জন্ম দিয়েছে।   অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অবস্থান হলো, টিপিএস একটি অস্থায়ী কর্মসূচি এবং এর মেয়াদ অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট দেশের পরিস্থিতি বিবেচনা করে এই মর্যাদা বাতিল করার ক্ষমতা সরকারের রয়েছে।   রায়ের পর এখন বিষয়টি আবারও রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব পেয়েছে। অভিবাসন অধিকার সংগঠনগুলো কংগ্রেসকে দ্রুত আইন প্রণয়নের মাধ্যমে টিপিএসধারীদের জন্য স্থায়ী আইনি সুরক্ষা বা নাগরিকত্বের পথ তৈরি করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নতুন করে জাতীয় বিতর্কও উসকে দিয়েছে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১২:৪৯
ছবি : ইউএটিভি
রুশ বন্দিদশা থেকে মুক্ত পেল ১৬০ ইউক্রেনীয় সেনা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে বড় আকারের এক বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় রুশ বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বদেশে ফিরেছেন ১৬০ জন ইউক্রেনীয় সেনা। শুক্রবার (২৬ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন বন্দি থাকার পর আরও ১৬০ ইউক্রেনীয় যোদ্ধা দেশে ফিরেছেন।   এটি ছিল সমসংখ্যক বন্দি বিনিময় চুক্তি। এর আওতায় ইউক্রেনও নিজেদের হেফাজতে থাকা ১৬০ জন রুশ সেনাকে রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্ত হওয়া ১৬০ জন সেনার সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার হাতে বন্দি ছিলেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য।   মুক্তিপ্রাপ্ত সেনারা যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্রন্টে দায়িত্ব পালন করেছিলেন। তারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, কিয়েভ, চেরনিহিভ এবং সুমি অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন। ইউক্রেন জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১১৫ জনই ছিলেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিউপোল শহরের প্রতিরক্ষায় অংশ নেওয়া যোদ্ধা। ২০২২ সালে রুশ আগ্রাসনের শুরুর দিকে মারিউপোল ও আজভস্তাল ইস্পাত কারখানাকে কেন্দ্র করে দীর্ঘ ও তীব্র যুদ্ধ হয়েছিল।   অন্যদিকে, ইউক্রেনের কাছ থেকে ফেরত পাওয়া ১৬০ জন রুশ সেনাকে প্রথমে প্রতিবেশী বেলারুশে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হবে। রাশিয়ার মানবাধিকার কমিশনারের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা ও পুনর্বাসন কার্যক্রম শেষ হওয়ার পর তাদের নিজ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে মস্কো।   রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও সাম্প্রতিক মাসগুলোতে কয়েক দফা বন্দি বিনিময় হয়েছে। দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত থাকলেও মানবিক বিবেচনায় বন্দি বিনিময়কে যুদ্ধকালীন বিরল সহযোগিতার একটি ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ : জুন ২৬, ২০২৬ ১২:৩৫