সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধে নিরপেক্ষ থাকায় শি জিনপিং ও পুতিনকে ধন্যবাদ ট্রাম্পের

ইরানের সঙ্গে সংঘাতের সময় নিরপেক্ষ অবস্থান নেওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনের বিষয়ে তার প্রচেষ্টায় তারা কোনো বাধা সৃষ্টি করেননি।   ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের জন্য পরিস্থিতি আরো উন্নত হয়েছে।’   ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সংঘাত থেকে দূরে থাকার জন্য তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কৃতজ্ঞ।   ট্রাম্প বলেন, ‘আমি চীনের প্রেসিডেন্ট জিনপিংকে ধন্যবাদ জানাতে চাই। আমি তার সঙ্গেই ছিলাম। তিনি নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন এবং আমি এর প্রশংসা করি। আমি ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ জানাতে চাই; তিনি খুবই নিরপেক্ষ ছিলেন। তারা আমাদের জন্য পরিস্থিতি আরো অনেক কঠিন করে তুলতে পারতেন।’   মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, চীন ও রাশিয়া চাইলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারত। তবে তারা তা না করে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।   সূত্র: মিডল ইস্ট আই

প্রকাশ : জুন ১৮, ২০২৬ ১:১৭
ছবি: সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আফগানিস্তান

আফগানিস্তানের সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশনার পর এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, আগামী ১৭ জুন থেকে সরকারি কর্মচারীদের স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।   পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে একটি চিঠি গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিটিতে আফগানিস্তানের সর্বোচ্চ আদালতের প্রতীক ব্যবহার করা হয়েছে।   চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন প্রদেশের সকল বিভাগীয় প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন তাদের অধীনস্থ উচ্চপদস্থ ও নিম্নপদস্থ সব কর্মচারীকে স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত করেন।   চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা সামরিক ও বেসামরিক উভয় বিভাগের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। এতে বলা হয়, এই নিষেধাজ্ঞা থেকে কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা কেবল সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার হাতে থাকবে।   বিষয়টি সম্পর্কে জানতে আফগান সরকারের দুই মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল ডন। তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। একইভাবে, আদেশসংক্রান্ত চিঠির বিষয়ে মন্তব্য চাওয়া হলেও আফগানিস্তানের সর্বোচ্চ আদালত কোনো প্রতিক্রিয়া জানায়নি।   সূত্র: ডন

প্রকাশ : জুন ১৮, ২০২৬ ১:১০
ছবি: সংগৃহীত
‘নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান’, উপদেষ্টাদের কাছে ট্রাম্পের মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামলানো কঠিন। তিনি বলেছেন, নেতানিয়াহু ‘সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান’। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, নেতানিয়াহু তার কাছে ‘চমৎকার’ একজন ব্যক্তি মনে হলেও অনেক সময় তিনি সীমা অতিক্রম করে ফেলেন।   ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর মধ্যে হওয়া বেশির ভাগ ফোনালাপেই নেতানিয়াহু নতুন সামরিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। এসব আলোচনায় ট্রাম্প ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও দাবি করেন ওই কর্মকর্তা।   ওই কর্মকর্তা বলেন, “বিবি (নেতানিয়াহু) প্রেসিডেন্টকে বোঝান কেন কোনো স্থানে হামলা চালানো প্রয়োজন, কেন ইসরাইলি গোয়েন্দারা তা করতে সক্ষম এবং কখন তা করা উচিত। প্রেসিডেন্ট এসব শোনেন। প্রায় প্রতিটি ফোনালাপ একই ধরনের হয়।”   প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক থাকলেও সামরিক অভিযান ও আঞ্চলিক সংঘাত মোকাবিলার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।   মিডল ইস্ট আই জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের ভেতরে নেতানিয়াহুর সামরিক কৌশল নিয়ে ক্রমবর্ধমান অস্বস্তির কথাও উঠে এসেছে।

প্রকাশ : জুন ১৮, ২০২৬ ০:৩৬
ছবি: সংগৃহীত
ইরান অভিযানে ইলন মাস্কের গ্রোক এআই ব্যবহারের দাবি, আদালতে পেন্টাগন কর্মকর্তার স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা আদালতে দাখিল করা শপথনামায় দাবি করেছেন, ইরানে সামরিক অভিযানের সময় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘গ্রোক’ ব্যবহার করেছে মার্কিন প্রশাসন। নথি অনুযায়ী, ৯৬ ঘণ্টার মধ্যে ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে ২ হাজারের বেশি অস্ত্র ব্যবহারের অভিযানে এ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে।   পেন্টাগনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যামেরন স্ট্যানলি আদালতে জমা দেওয়া শপথনামায় গ্রোককে “জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রযুক্তি বিভিন্ন মিশন-গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রমে সহায়তা করে।   প্রতিবেদন অনুযায়ী, এটিই সম্ভবত প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে স্পষ্টভাবে স্বীকার করা হলো যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র সরকার।   তবে পেন্টাগনের সামরিক কর্মকাণ্ডে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। বিশেষ করে বেসামরিক হতাহতের ঘটনাগুলো সামনে আসার পর এআই-নির্ভর লক্ষ্যবস্তু নির্বাচন ও হামলা পরিচালনার পদ্ধতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।   নতুন এই তথ্য সামনে আসে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন এনএএসিপির করা একটি মামলার শুনানিতে। মামলায় অভিযোগ করা হয়েছে, ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই-এর ‘কলোসাস ২’ ডেটা সেন্টার প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অন্তত ৫৭টি গ্যাসচালিত টারবাইন পরিচালনা করেছে, যা যুক্তরাষ্ট্রের ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বা পরিচ্ছন্ন বায়ু আইন লঙ্ঘন করে।   মামলার নথিতে গ্রোকের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়, যা পরে জনসমক্ষে আসে।

প্রকাশ : জুন ১৮, ২০২৬ ০:২৩
ছবি: সংগৃহীত
ইরানের বালিকা বিদ্যালয়ে হামলা ‘ইচ্ছাকৃত নয়’, বললেন ট্রাম্প

গত ফেব্রুয়ারিতে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনা ‘ইচ্ছাকৃতভাবে কেউ ঘটায়নি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ঘটনাটি এখনও তদন্তাধীন এবং যুদ্ধ পরিস্থিতিতে ভুল হয়ে থাকে।   ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “কেউ ইচ্ছাকৃতভাবে ওই কাজ করেনি। যুদ্ধে ভুল হয়েই থাকে। যুদ্ধ খুবই নিষ্ঠুর। বিষয়টি এখনও তদন্তাধীন।” গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনেই মিনাবের ওই বালিকা বিদ্যালয়ে হামলা হয়। ইরানি কর্মকর্তাদের দাবি, হামলায় ১৭৫ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন।   এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে ধারণা করা হচ্ছে, হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী হতে পারে। তদন্তের পরিধি ইতোমধ্যে বাড়িয়েছে পেন্টাগন। তবে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিকভাবে কোনো প্রাথমিক ফলাফল প্রকাশ বা স্বীকার করেনি।   হামলার পরপরই ট্রাম্প কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই এর জন্য ইরানকে দায়ী করেছিলেন। পরে তিনি সেই অবস্থান থেকে সরে এসে বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং তদন্তের ফলাফল তিনি মেনে নেবেন।   গত মাসে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান জানান, তদন্ত প্রক্রিয়াটি বেশ জটিল। কারণ, সংশ্লিষ্ট বিদ্যালয়টি ইরানের একটি সক্রিয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটির সীমানার ভেতরে অবস্থিত। তবে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।   বিদ্যালয়টির সংরক্ষিত ওয়েবসাইট তথ্য অনুযায়ী, এটি ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর একটি স্থাপনার পাশেই অবস্থিত ছিল। এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলার লক্ষ্য নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত মার্কিন কর্মকর্তারা সম্ভবত পুরোনো গোয়েন্দা তথ্য ব্যবহার করেছিলেন। বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশ : জুন ১৮, ২০২৬ ০:১২
২৫০ বছর পূর্তির আগে যুক্তরাষ্ট্র নিয়ে বাড়ছে সংশয়
২৫০ বছর পূর্তির আগে যুক্তরাষ্ট্র নিয়ে বাড়ছে সংশয়, জরিপে উঠে এলো উদ্বেগজনক চিত্র

আগামী মাসে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই মাইলফলককে ঘিরে দেশজুড়ে নানা আয়োজন থাকলেও ঠিক তার আগেই প্রকাশিত এক জরিপে উঠে এসেছে ভিন্ন চিত্র—দেশটির ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ।   বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স ও ইপসোসের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ মনে করেন, বর্তমান কাঠামোয় যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে টিকে থাকতে নাও পারে। জরিপে অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ জানিয়েছেন, আগামী ২৫০ বছর পরেও যুক্তরাষ্ট্র একক রাষ্ট্র হিসেবে বর্তমান অবস্থায় থাকবে—এমনটা তারা বিশ্বাস করেন না।   দলীয় বিভাজনের দিক থেকেও মতামতে পার্থক্য স্পষ্ট। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ৪০ শতাংশ এমন আশঙ্কা প্রকাশ করেছেন, যেখানে রিপাবলিকানদের মধ্যে এ হার ২৬ শতাংশ। তবে এখনও সংখ্যাগরিষ্ঠ ৬২ শতাংশ মার্কিনি মনে করেন, দেশটি দীর্ঘ সময় ধরে টিকে থাকবে।   জরিপে গণতন্ত্র নিয়েও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রায় দুই-তৃতীয়াংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখন ঝুঁকির মুখে রয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে এই উদ্বেগের হার সবচেয়ে বেশি—৮৫ শতাংশ। রিপাবলিকানদের মধ্যে এ হার ৫০ শতাংশ।   গত বছরের আগস্টে পরিচালিত অনুরূপ এক জরিপে গণতন্ত্র নিয়ে উদ্বেগ ছিল ৫৭ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে এই উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।   রাজনৈতিক সহিংসতা নিয়েও শঙ্কা বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ মার্কিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে রাজনৈতিক সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে।   এদিকে, যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ হিসেবে দেখার প্রবণতাও কমে এসেছে। বর্তমানে মাত্র ৩০ শতাংশ নাগরিক এমনটি মনে করেন, যা ২০১৭ সালের ৩৮ শতাংশ থেকে কম। ডেমোক্র্যাটদের মধ্যে এই হার আরও কমে ২৬ শতাংশ থেকে ১১ শতাংশে নেমে এসেছে। তবে রিপাবলিকানদের মধ্যে এখনও প্রায় ৬০ শতাংশ যুক্তরাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ বলে মনে করেন।   স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়েও জনমনে অসন্তোষ রয়েছে। অনেকেই মনে করছেন, এসব আয়োজন অতিরিক্ত রাজনৈতিক রঙে প্রভাবিত। ডেমোক্র্যাটদের প্রায় তিন-চতুর্থাংশ এবং রিপাবলিকানদের অর্ধেকের বেশি এই মত পোষণ করেছেন।   উদযাপনের ধরনেও দুই দলের মধ্যে পার্থক্য দেখা গেছে। রিপাবলিকানদের ৫২ শতাংশ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার রঙের পোশাক পরার পরিকল্পনা করেছেন, যেখানে ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ২০ শতাংশ। একইভাবে আতশবাজি উপভোগের আগ্রহও রিপাবলিকানদের মধ্যে তুলনামূলক বেশি।   অনলাইনে পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ১,৫৩৭ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন।   বিশ্লেষকদের মতে, এই জরিপের ফলাফল দেশটির ক্রমবর্ধমান রাজনৈতিক বিভাজন এবং সাধারণ মানুষের মধ্যে ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা হতাশারই প্রতিফলন। স্বাধীনতার ২৫০ বছর পূর্তির মতো ঐতিহাসিক মুহূর্তের প্রাক্কালে এমন চিত্র যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২৩:৫৩
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় একই ধাঁচ, ক্লান্ত ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা বা সামলানো অত্যন্ত কঠিন—এমন মন্তব্য নাকি ব্যক্তিগত আলোচনায় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নেতানিয়াহু পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে থাকেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে নেতানিয়াহুর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে ওই সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, ব্যক্তি হিসেবে তিনি নেতানিয়াহুকে “চমৎকার” মনে করেন, যদিও মাঝে মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে প্রত্যাশার চেয়ে বেশি দূর এগিয়ে যান।   মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, দুই নেতার মধ্যে হওয়া টেলিফোন আলাপগুলো প্রায়ই ইসরায়েলের পক্ষ থেকে নতুন সামরিক অভিযানের প্রস্তাব বা চাপকে কেন্দ্র করেই আবর্তিত হতো। এতে করে সময়ের সঙ্গে সঙ্গে একই ধরনের অনুরোধ শুনতে শুনতে কিছুটা ক্লান্তি অনুভব করতে শুরু করেন ট্রাম্প।   হোয়াইট হাউসের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে ওই কর্মকর্তা বলেন, “নেতানিয়াহু সাধারণত প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন কেন কোনো লক্ষ্যবস্তুতে হামলা প্রয়োজন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো কেন এ বিষয়ে যথেষ্ট প্রস্তুত। প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে এসব শোনেন, কিন্তু কথোপকথনের ধরণ প্রায় একই থাকে।”   বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে কৌশলগত মতপার্থক্যের ইঙ্গিত মিলছে। বিশেষ করে সামরিক পদক্ষেপের মাত্রা ও সময় নির্ধারণ নিয়ে দুই দেশের নীতিনির্ধারকদের মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিরাজ করছে। এ প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেল আবিবের নীতিগত অবস্থান ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২৩:২৮
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
হরমুজে স্বাভাবিক নৌ চলাচল ফিরছে, অবরোধ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র: শাহবাজ শরিফ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চুক্তির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে।   বৃহস্পতিবার (১৮ জুন) আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই–এর এক প্রতিবেদনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সমঝোতা কার্যকর করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইরান তাদের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও এই জলপথে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে।   আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট ভাষায় জানান, “যুক্তরাষ্ট্র ও ইরানের এই সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে।” তিনি বলেন, এই চুক্তিকে সামনে রেখে আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আনুষ্ঠানিকভাবে পরবর্তী কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।   পাকিস্তানের উদ্যোগে এবং কাতারের সহায়তায় অনুষ্ঠেয় এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা প্রশমনে এটি ইতিবাচক বার্তা দেবে বলেও মনে করা হচ্ছে।   শাহবাজ শরিফ এই সমঝোতাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ সমৃদ্ধির ভিত্তি গড়ে তুলবে। তার ভাষায়, “এই সমঝোতা শুধু দুই দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”   বিশেষজ্ঞদের মতে, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল। এই জলপথ স্বাভাবিকভাবে চালু হলে বৈশ্বিক বাণিজ্য, বিশেষ করে তেল সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।   পর্যবেক্ষকদের ধারণা, ইরান-যুক্তরাষ্ট্রের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত পরিস্থিতি প্রশমনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। একই সঙ্গে এটি বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় স্থিতিশীলতা আনতেও ভূমিকা রাখবে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২৩:৪
বাংলাদেশ–নেপাল সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ
বাংলাদেশ–নেপাল সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বুধবার (১৭ জুন) কাঠমান্ডুতে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।   সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান নেপালের স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকেও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পৌঁছে দেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার প্রতি নেপালের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।   বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের দৃঢ় যোগাযোগের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র থাকলেও তার অনেকটাই এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে উল্লেখ করেন তিনি।   রাষ্ট্রদূত আরও বলেন, উন্নয়ন ও আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ও নেপাল একই ধরনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ জোরদার করা জরুরি। এ সময় তিনি জ্বালানি, বাণিজ্য, পর্যটন, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন।   আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি সার্ক ও বিমসটেকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন তিনি।   জবাবে নেপালের স্পিকার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা নেপালের উন্নয়ন যাত্রায় কার্যকর ভূমিকা রাখতে পারে।   দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে খেলাধুলার গুরুত্বও তুলে ধরেন স্পিকার। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়াতে ক্রীড়া বড় ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।   এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি তুলে ধরে স্পিকার বলেন, হিমালয় অঞ্চল ও উপকূলীয় এলাকার পরিবেশগত চ্যালেঞ্জ এখন পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি যৌথ উদ্বেগে পরিণত হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।   বৈঠকে বাংলাদেশে চিকিৎসা ও কারিগরি শিক্ষায় অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বিভিন্ন সুবিধা প্রদানে বাংলাদেশের অব্যাহত সহায়তার প্রশংসাও করেন নেপালের স্পিকার।   সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করতে এবং ভবিষ্যতে বহুমুখী সহযোগিতার পথ সুগম করতে সহায়ক হবে।  

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২২:৪৫
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা: কার লাভ বেশি—নতুন সমীকরণে কে এগিয়ে?

দীর্ঘদিনের উত্তেজনা ও আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান বহুল আলোচিত একটি সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে।   ‘যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক’ শিরোনামের এই চুক্তিতে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ডিজিটাল পদ্ধতিতে ইলেকট্রনিক স্বাক্ষর করেছেন।   চুক্তির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করার কথাও বলা হয়েছে। তবে পুরো চুক্তি জনসমক্ষে প্রকাশ না করায় শুরুতে সমালোচনা তৈরি হয়। পরবর্তীতে সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ আংশিক বিবরণ প্রকাশ করে।   মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এই সমঝোতার ফলে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার পথ তৈরি হবে এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে আনার সুযোগও তৈরি হবে। তিনি বলেন, ইরান প্রতিশ্রুতি রক্ষা করলে যুক্তরাষ্ট্রও ইতিবাচক সাড়া দেবে এবং অর্থনৈতিক সুবিধা বাড়ানো হবে।   জানা গেছে, আনুষ্ঠানিকভাবে স্মারকটি স্বাক্ষরের পর চূড়ান্ত চুক্তির জন্য ৬০ দিনের একটি সময়সীমা শুরু হবে। এই সময়ের মধ্যে দুই দেশ বিস্তারিত আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে।   সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান অবিলম্বে সব ধরনের সামরিক সংঘাত বন্ধে সম্মত হয়েছে। বিশেষ করে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান উত্তেজনা প্রশমনে উভয় পক্ষ স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও রয়েছে।   চুক্তিতে আরও বলা হয়েছে, স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নৌ অবরোধ প্রত্যাহার শুরু করবে এবং ৩০ দিনের মধ্যে তা সম্পূর্ণ তুলে নেবে। একই সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যার মধ্যে সমুদ্রের মাইন অপসারণও অন্তর্ভুক্ত।   এছাড়া বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অঙ্গীকার করেছে ইরান। পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে তারা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে।   অর্থনৈতিক দিক থেকেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে এই সমঝোতায়। যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের নিয়ে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন পরিকল্পনা তৈরির কথা জানিয়েছে, যা ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ইরানের তেল রপ্তানি ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।   পারমাণবিক ইস্যুতে ইরান আবারও জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের পথে যাবে না। মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় নিষ্ক্রিয় করার বিষয়েও দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তদারকির ভূমিকা পালন করবে।   চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থা বজায় রাখার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। অর্থাৎ ইরান তার পারমাণবিক কর্মসূচির বর্তমান স্তর অক্ষুণ্ন রাখবে এবং যুক্তরাষ্ট্র নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না।   বিশ্লেষকদের মতে, এই সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত চুক্তি পর্যন্ত পথ সহজ হবে না বলেও সতর্ক করছেন তারা।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২২:১৯
কাতারে আকামা বাতিলের পর থাকার সময় কমলো, নতুন নিয়মে বাড়ছে জরিমানার চাপ
কাতারে আকামা বাতিলের পর থাকার সময় কমলো, নতুন নিয়মে বাড়ছে জরিমানার চাপ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট বা ‘আকামা’ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রবাসীর আকামা বাতিল হওয়ার পর তিনি সর্বোচ্চ ১৪ দিন—অর্থাৎ দুই সপ্তাহ—দেশটিতে বৈধভাবে অবস্থান করতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ৩০ দিন।   কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক ওয়েবিনারে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদ আলী আল কুওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি জানান, নির্ধারিত ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রবাসীকে প্রতিদিন ১০ কাতারি রিয়াল হারে জরিমানা গুনতে হবে। ফলে সময়সীমা অতিক্রম করলে আর্থিক চাপও বাড়বে।   শুধু প্রবাসী শ্রমিকই নয়, কাতারে ভ্রমণরত পর্যটক ও দর্শনার্থীদের জন্যও কড়া সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের তাদের ভিসার মেয়াদ ও অনুমোদিত অবস্থানকাল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।   ভ্রমণ সংক্রান্ত জটিলতা এড়াতে দেশ ছাড়ার আগে ‘মেট্রাশ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের আইনি অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা, ওভারস্টে ফি কিংবা সরকারি অন্য কোনো বকেয়া থাকলে তা আগেই পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় বাধার মুখে পড়তে পারেন যাত্রীরা।   এছাড়া প্রবাসীদের সুবিধার্থে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট বা স্বয়ংক্রিয় গেট ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে বিমানবন্দরের আগমন ও বহির্গমন টার্মিনালে মোট ৭৬টি ই-গেট চালু রয়েছে, যা যাত্রীদের সময় বাঁচাতে সহায়তা করছে।   ওয়েবিনারে কাতারে জন্ম নেওয়া প্রবাসীদের সন্তানদের আইনি প্রক্রিয়া সম্পর্কেও গুরুত্ব দেওয়া হয়। নবজাতকের জন্মের পর দ্রুত পাসপোর্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এরপর নিজ দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বাবার স্পন্সরশিপের অধীনে শিশুর রেসিডেন্সি পারমিট নিশ্চিত করা বাধ্যতামূলক।   বিশ্লেষকরা বলছেন, নতুন এই নিয়ম কাতারে অবস্থানরত প্রবাসীদের জন্য সময় ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। একই সঙ্গে আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২২:৯
ছবি: নিউইয়র্ক পোস্ট
ফ্লোরিডায় আইভিএফ বিভ্রাটে জন্ম নেওয়া সন্তান নিজের নয় জেনেও স্থায়ী অভিভাবকত্বের চুক্তি করলেন দম্পতি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) ল্যাবের মারাত্মক এক ভুলের কারণে এক দম্পতির গর্ভে জন্ম নিয়েছে অন্য এক দম্পতির জিনগত সন্তান। তবে এই চাঞ্চল্যকর চিকিৎসাগত বিভ্রাটের পরও শিশুটির জন্মদাত্রী মা ও তার স্বামী তাকে নিজেদের কাছেই রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। শিশুটির আসল বা জৈবিক (বায়োলজিক্যাল) মা-বাবার সঙ্গে একটি পারস্পরিক চুক্তির মাধ্যমে তারা এই স্থায়ী অভিভাবকত্ব নিশ্চিত করেছেন।   আদালতের নথি অনুযায়ী, ফ্লোরিডার বাসিন্দা টিফানি স্কোর এবং স্টিভেন মিলস দম্পতি গত শুক্রবার অরেঞ্জ কাউন্টি আদালতে জানান যে, তারা তাদের ৬ মাস বয়সী কন্যাসন্তান শিয়া-র আসল জিনগত মা-বাবাকে শনাক্ত করতে পেরেছেন। একই সাথে তাদের সাথে একটি ‘যৌথ কাস্টডি’ বা অভিভাবকত্ব চুক্তিতেও উপনীত হয়েছেন। এই চুক্তির শর্ত অনুযায়ী, টিফানি ও স্টিভেনই শিশু শিয়া-র চিরস্থায়ী আইনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন।   তবে জিনগত মা-বাবার গোপনীয়তা রক্ষার স্বার্থে এই চুক্তির অন্যান্য বিস্তারিত বিবরণ আদালতের বাইরে গোপন রাখা হয়েছে। দম্পতির আইনজীবী জ্যাক স্কারোলা জানিয়েছেন, উভয় পরিবারই একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে একটি সুদৃঢ় বন্ধুত্ব ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছেন।   এই ঘটনার সূত্রপাত গত বছরের এপ্রিলে, যখন ‘ফার্টিলিটি সেন্টার অব অরল্যান্ডো’-র ল্যাবরেটরিতে ভুলবশত টিফানি স্কোরের শরীরে অন্য এক দম্পতির ভ্রূণ প্রতিস্থাপন করা হয়। এরপর গত ১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে টিফানি এক কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটির শারীরিক গঠন ও গায়ের রঙে ভিন্নতা দেখে দম্পতির মনে সন্দেহের উদ্রেক হয়।   পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, শিশুটি জিনগতভাবে টিফানি বা স্টিভেনের সাথে মোটেও সম্পর্কিত নয়, বরং সে শতভাগ দক্ষিণ এশীয় (সাউথ এশিয়ান) বংশোদ্ভূত। ল্যাবের এই চরম অবহেলার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে এই দম্পতি ক্লিনিকের প্রধান চিকিৎসক ড. মিল্টন ম্যাকনিকোলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।   আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে টিফানি ও স্টিভেন আদালতকে আরও জানিয়েছেন যে, তারা তাদের বাকি থাকা নিজস্ব ভ্রূণটি অন্য একটি নিরাপদ মেডিকেল সেন্টারে সরিয়ে নিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে সেটির পিলগ্রিম বা পৈতৃক সত্ত্বা পরীক্ষা করা হবে। ল্যাবরেটরির এই মারাত্মক ভুলের প্রমাণ পাওয়ার পর, ‘ফার্টিলিটি সেন্টার অব অরল্যান্ডো’ কর্তৃপক্ষ ২০ মে-র মধ্যে তাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা দিয়েছে।   অন্যদিকে, শুনানির সময় অরল্যান্ডোর বিচারক মার্গারেট শ্রাইবার এই দুই পরিবারের সমঝোতাকে সাধুবাদ জানিয়ে বলেন, শিশুটি ছোট থাকতেই এই ধরনের একটি সুন্দর চুক্তিতে পৌঁছানো অত্যন্ত ইতিবাচক এক সিদ্ধান্ত। এর আগে এক আবেগঘন বার্তায় টিফানি ও স্টিভেন বলেছিলেন, "আমাদের সন্তান যেদিন জন্ম নিয়েছিল, সেদিন যেমন সত্য ছিল আজও ঠিক তেমনি সত্য—আমরা তাকে আজীবন ভালোবাসব এবং চিরকাল তার মা-বাবা হয়েই থাকব।"  

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২০:৫৬
ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
ইরানের আটকে থাকা সম্পদ অবমুক্ত হলে হিজবুল্লাহকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক শান্তি চুক্তির মাধ্যমে লেবাননে হিজবুল্লাহর আর্থিক ও রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করার পথ তৈরি করেছে ইরান। একটি নতুন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আটকে থাকা তহবিল এবং তেল চুক্তি থেকে অর্থপ্রবাহ শুরু হলেই তেহরান তার মিত্র হিজবুল্লাহকে বিপুল আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।   এই সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুদ্ধোত্তর বিনিয়োগ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা সম্পদ অবমুক্ত করার মাধ্যমে ইরান শত শত বিলিয়ন ডলার লাভ করতে যাচ্ছে। রয়টার্সের বরাত দিয়ে একাধিক আঞ্চলিক কূটনীতিক ও লেবাননের শীর্ষ পর্যায়ের সূত্র জানিয়েছে, এই তহবিলের একটি বড় অংশ লেবাননে যুদ্ধবিধ্বস্ত হিজবুল্লাহর সামরিক ও রাজনৈতিক শাখা পুনর্গঠনের কাজে ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান।   হিজবুল্লাহর যোগাযোগ কার্যালয়ও তাদের প্রতি ইরানের প্রকাশ্য সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরও ইরান এই গোষ্ঠীটিকে এক বিলিয়ন ডলার তহবিল হস্তান্তর করেছিল। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে থাকা তহবিল উদ্ধারের শর্ত বা বিস্তারিত হিসাবনিকাশ যাই হোক না কেন, ইরান তাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।   অন্যদিকে, যুক্তরাষ্ট্র কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবমুক্ত করা এই তহবিল কোনোভাবেই কোনো "সন্ত্রাসী সংগঠনকে" অর্থায়নের কাজে ব্যবহার করা যাবে না। চুক্তির শর্ত লঙ্ঘিত হলে এই অর্থ আবারও আটকে দেওয়া হবে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল মধ্যপ্রাচ্যে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো ধ্বংস করা।   শান্তি আলোচনার সময় লেবানন পরিস্থিতি বারবার উত্তেজনার সৃষ্টি করেছে, যার জেরে গত মাসে এই আলোচনা ভেস্তে গিয়ে পুনরায় যুদ্ধও শুরু হয়েছিল। তবে নতুন সমঝোতা স্মারকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, যা টানা যুদ্ধে বিপর্যস্ত গোষ্ঠীটির জন্য কিছুটা স্বস্তির কারণ হবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই যুদ্ধের কারণে হিজবুল্লাহ চরম ক্ষতির সম্মুখীন হয়েছে এবং গত মার্চ মাস থেকে দক্ষিণ লেবাননে প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছে।   এই সংখ্যাটি ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চলা ইসরায়েল-হামাস যুদ্ধে নিহত ৩,৭৬৮ জনের প্রায় সমান।   তহবিল সংকটের কারণে গত মাসে হিজবুল্লাহ যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি মানুষের পরিবারের জন্য তাদের নগদ অর্থ সহায়তা কমাতেও বাধ্য হয়েছিল। নতুন এই চুক্তির ফলে হিজবুল্লাহ ফের আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২০:২১
ছবি: সংগৃহীত
কিম জং উনকে মোকাবিলায় ট্রাম্পের সহযোগিতা চাইল দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সহযোগিতা ও নেতৃত্ব চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের জটিল সংঘাত নিরসনে ট্রাম্প যেভাবে কূটনৈতিক ভূমিকা রেখেছেন, ঠিক একইভাবে তিনি যেন উত্তর কোরিয়া ইস্যুতেও অগ্রণী ভূমিকা পালন করেন।   কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর এবার ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়া সংকটের দিকে পূর্ণ মনোযোগ দিতে পারে। এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন খোদ ট্রাম্প নিজেই। ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার ঘোষণা দেওয়ার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক শীর্ষ বৈঠকের একটি ছবি পোস্ট করেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।   ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সিউলের প্রেসিডেন্ট কার্যালয় (ব্লু হাউস) জানিয়েছে, বৈঠকে ট্রাম্প অত্যন্ত আগ্রহের সঙ্গে কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় প্রেসিডেন্ট লি জে-মিয়ং ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, "মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের মতোই উত্তর কোরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানেও আপনি নেতৃত্ব দিন।" জবাবে মার্কিন প্রেসিডেন্টও উত্তর কোরিয়া ইস্যুটির স্থায়ী সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।   উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে-মিয়ং উত্তর কোরিয়ার বিষয়ে তার পূর্বসূরি ইউন সুক-ইওলের কঠোর অবস্থানের বিপরীত হেঁটে তুলনামূলক নমনীয় ও আলোচনার নীতি অনুসরণ করছেন। যদিও পিয়ংইয়ং এখন পর্যন্ত সিউলের এই শান্তি উদ্যোগগুলোতে ইতিবাচক সাড়া না দিয়ে তা প্রত্যাখ্যান করে আসছে, তবুও ট্রাম্পের সম্ভাব্য মধ্যস্থতা এই অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন কোনো মোড় এনে দিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৯:৩৯
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মঞ্চে সাফল্য নিশ্চিতে জাইমা রহমানের যুগান্তকারী প্রস্তাব

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন শেষে দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিভা বিকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন জাইমা রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তরুণ অ্যাথলেটদের সঙ্গে তার ব্যক্তিগত আলাপচারিতা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।   জাইমা রহমান জানান, দেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকাদের মধ্যে শৃঙ্খলাবোধ, খেলাধুলার প্রতি আনন্দ এবং দৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে তোলার ক্ষেত্রে বিকেএসপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।   প্রতিষ্ঠানটির নিবেদিতপ্রাণ কোচ ও সংশ্লিষ্ট কর্মীদের ভূয়সী প্রশংসা করলেও একটি আক্ষেপের কথাও তুলে ধরেন জাইমা রহমান। তিনি প্রশ্ন রাখেন, এত সম্ভাবনা ও অবকাঠামো থাকার পরও আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে পদক জয়ে বাংলাদেশ কেন এখনো এতটা পিছিয়ে আছে? এই ঘাটতি পূরণে এবং বিশ্বমঞ্চে কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে তিনি বেশ কিছু পরিবর্তনের ওপর জোর দিয়েছেন।   তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে পদক খরা কাটাতে তরুণ অ্যাথলেটদের একদম ছোটবেলা থেকেই দক্ষিণ এশিয়ার বাইরের দেশগুলোতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে, যাতে তারা বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে পরিচিত হতে পারে। এর পাশাপাশি আধুনিক ক্রীড়া বিজ্ঞানের (স্পোর্টস সায়েন্স) সহায়তা বৃদ্ধি এবং এমন একটি যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের আহ্বান জানান তিনি, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে উন্নতমানের অ্যাথলেটিক প্রশিক্ষণের সঠিক ভারসাম্য বজায় থাকবে।   জাইমা রহমানের বিশ্বাস, এই পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের ক্রীড়াবিদরা আগামীতে বিশ্বমঞ্চে নিজেদের পূর্ণ সক্ষমতার প্রমাণ দিতে পারবেন।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৯:২
ছবিঃ জিলো রিসার্চ
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা এখন বিলাসিতা, সাধারণ ‘স্টার্টার হোম’ কিনতেও লাগছে ১০ লাখ ডলার

যুক্তরাষ্ট্রে আবাসন খরচ ক্রমাগত বেড়েই চলেছে এবং তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রখ্যাত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জিলোর নতুন এক বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। তাদের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ২৪২টি শহরে এখন প্রাথমিক বা 'স্টার্টার হোম'-এর দাম অন্তত ১০ লাখ ডলার (১ মিলিয়ন ডলার) বা তারও বেশি।   জিলো মূলত কোনো নির্দিষ্ট অঞ্চলের সর্বনিম্ন এক-তৃতীয়াংশ মূল্যের বাড়িকে 'স্টার্টার হোম' হিসেবে সংজ্ঞায়িত করে থাকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ সালের পর থেকে অন্তত সাত অঙ্কের (মিলিয়ন ডলার) মূল্যের সাধারণ বাড়ি থাকা মেট্রোপলিটন এলাকার সংখ্যা তিনগুণ বেড়েছে। করোনা মহামারির সময় থেকে আবাসন সংকট, বিপুল চাহিদা এবং ঐতিহাসিকভাবে মর্টগেজ বা বন্ধকি ঋণের সুদের হার কম থাকার কারণে বাড়ির দাম হু হু করে বাড়তে শুরু করে।   জিলোর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কারা এনজি এক বিবৃতিতে জানান, মহামারিটি বাড়ি কেনার খরচকে নতুন করে নির্ধারণ করেছে। এর ফলে মিলিয়ন-ডলারের স্টার্টার হোমগুলো এখন কেবল কয়েকটি উপকূলীয় রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশের অন্তত দুই ডজনেরও বেশি রাজ্যে ছড়িয়ে পড়েছে। তবে জিলো এ-ও উল্লেখ করেছে যে, দেশজুড়ে সাধারণ স্টার্টার হোমের গড় মূল্য এখনো ১০ লাখ ডলারের চেয়ে অনেক কম; যা বর্তমানে প্রায় ১ লাখ ৯৯ হাজার ডলারের কাছাকাছি অবস্থান করছে।   ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েল্টরসের মতে, দেশটিতে একটি বাড়ির সামগ্রিক মধ্যম (মিডিয়ান) মূল্য প্রায় ৪ লাখ ১৮ হাজার ডলার।   রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রেডফিনের তথ্য অনুযায়ী, এই গড় মূল্যের একটি বাড়ি কেনার সামর্থ্য অর্জন করতে একটি পরিবারের বার্ষিক আয় অন্তত ১ লাখ ১৭ হাজার ডলার হওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, গড় আয়ের একটি পরিবারকে মধ্যম দামের বাড়ির পেছনে তাদের আয়ের অন্তত ৪০ শতাংশ ব্যয় করতে হয়। যদিও বিশেষজ্ঞরা সাধারণত পরামর্শ দেন যে, ১৫ শতাংশ ডাউনপেমেন্ট দেওয়ার পর মাসিক মর্টগেজ পেমেন্ট যেন কোনোভাবেই বার্ষিক আয়ের ৩০ শতাংশের বেশি না হয়।   জিলোর বিশ্লেষণ অনুযায়ী, এই আকাশছোঁয়া মূল্যের স্টার্টার হোমগুলোর বড় একটি অংশ ক্যালিফোর্নিয়ার শহরগুলোতে অবস্থিত। রাজ্যটিতে এমন ১০৫টি শহর রয়েছে যেখানে একটি সাধারণ সম্পত্তির দাম অন্তত ১০ লাখ ডলার। অর্থনীতিবিদ কারা এনজি জানান, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও দামি স্টার্টার হোম ক্রমশ সাধারণ বিষয়ে পরিণত হচ্ছে। তিনি বলেন, উত্তর-পূর্বের শহরগুলোতে মিলিয়ন-ডলারের স্টার্টার হোমগুলো বেশি দেখা যাচ্ছে, কারণ সেখানে আবাসন সংকটের এখনো কোনো কার্যকর সমাধান হয়নি।   অন্যদিকে ‘সান বেল্ট’ এলাকার বাজারগুলো নতুন বাড়ি সরবরাহের মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করেছে, যার ফলে সেখানে দাম বৃদ্ধির হার কিছুটা স্থিতিশীল রয়েছে।   জিলোর তথ্যমতে, মহামারির আগে যেখানে মাত্র ৯টি রাজ্যে মিলিয়ন-ডলারের স্টার্টার হোম ছিল, সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৬টি রাজ্যে অন্তত একটি করে এমন শহর রয়েছে। এই তালিকায় ক্যালিফোর্নিয়া (১০৫টি) শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে নিউইয়র্ক (৪১টি), নিউ জার্সি (২৬টি), ফ্লোরিডা (১১টি), ম্যাসাচুসেটস (১০টি), ওয়াশিংটন (৮টি) এবং টেক্সাস (৭টি)। এছাড়াও কানেকটিকাট, হাওয়াই, মেরিল্যান্ড, কলোরাডো এবং ইলিনয়ের মতো রাজ্যগুলোতেও এমন উচ্চমূল্যের স্টার্টার হোমের দেখা মিলছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৮:৩৯
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি তহবিলে বড় সংকট, অবসর ভাতায় কাটছাঁটের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘সোশ্যাল সিকিউরিটি’ আগামী মাত্র ছয় বছরের মধ্যে বড় ধরনের তহবিল সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, কম অভিবাসন এবং কর কাঠামোর পরিবর্তনের কারণে এই খাতের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। এর ফলে অবসরে যাওয়া এবং প্রতিবন্ধী নাগরিকদের মাসিক সুবিধায় স্বয়ংক্রিয়ভাবে বড় ধরনের কাটছাঁটের আশঙ্কা তৈরি হয়েছে।   তবে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয় এড়ানো সম্ভব, যদি মার্কিন আইনপ্রণেতারা কিছু কঠিন অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে রাজি হন। সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের প্রধান অ্যাকচুয়ারি কারেন গ্লেন জানিয়েছেন, এটি মূলত একটি সাধারণ গাণিতিক সমস্যা হলেও এর রাজনৈতিক সমাধান বেশ জটিল। এই ঘাটতি পূরণ করতে হলে সরকারকে হয় করের হার বাড়াতে হবে, নয়তো নাগরিকদের সুযোগ-সুবিধা কমাতে হবে, অথবা দুইয়ের সংমিশ্রণ ঘটাতে হবে।   সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, সোশ্যাল সিকিউরিটি দেউলিয়া হয়ে গেলে হয়তো সুবিধাভোগী প্রায় ৭ কোটি আমেরিকান আর কোনো অর্থই পাবেন না। কিন্তু অর্থনীতিবিদরা স্পষ্ট করেছেন যে, তহবিল শেষ হলেও মাসিক চেক দেওয়া পুরোপুরি বন্ধ হবে না, তবে বর্তমানে চলমান গড় মাসিক পেমেন্ট ২,০৭১ ডলার থেকে প্রায় ৫০০ ডলার পর্যন্ত কমে যেতে পারে।   এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা মূলত কয়েকটি সম্ভাব্য সমাধানের কথা বলছেন। এর মধ্যে অন্যতম হলো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ক্যাপ বা করের সর্বোচ্চ সীমা বাতিল করা। বর্তমানে ২০২৬ সালে ১,৮৪,৫০০ ডলারের বেশি আয়ের ওপর কোনো পে-রোল কর দিতে হয় না। এই সীমা তুলে দিলে বা উচ্চ আয়ের মানুষের ওপর কর পুনর্বহাল করলে তহবিলের ঘাটতি অনেকটাই দূর করা সম্ভব। এছাড়া পে-রোল ট্যাক্সের বর্তমান হার ৬.২ শতাংশ থেকে বাড়িয়ে কর্মী ও নিয়োগকর্তা উভয়ের জন্যই ৮.৫ শতাংশ করার প্রস্তাবও রয়েছে, যা এই সংকট সম্পূর্ণ দূর করতে পারে।   অন্যান্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে পূর্ণ অবসরের বয়সসীমা ৬৭ থেকে বাড়িয়ে ৬৯ বছর করা, যার ফলে নাগরিকদের আয়ু বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখা সম্ভব হলেও বার্ষিক সুবিধা গড়ে ১৩ শতাংশ পর্যন্ত কমে আসবে। পাশাপাশি উচ্চ আয়ের চাকরিজীবীদের জন্য সোশ্যাল সিকিউরিটির সুবিধা কমিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন কিছু রিপাবলিকান নীতিনির্ধারক।   অন্যদিকে, দেশের শীর্ষ ধনীদের বিনিয়োগ খাত, যেমন ক্যাপিটাল গেইন্স বা লভ্যাংশের ওপর নতুন করে কর আরোপের দাবি তুলেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। সম্প্রতি স্পেসএক্স-এর আইপিও-র মাধ্যমে ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার ঘটনার পর এই আলোচনা আরও গতি পেয়েছে। অর্থনীতিবিদদের মতে, ধনকুবেরদের বিনিয়োগের ওপর ১২.৪ শতাংশ কর আরোপ করা গেলে সোশ্যাল সিকিউরিটির এই দীর্ঘমেয়াদি সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব। তবে শেষ পর্যন্ত কোন গোষ্ঠী এই সংস্কারের খরচ বহন করবে, তা নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্ক এখনও তুঙ্গে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৮:১৯
ছবি: নিউইয়র্ক পোস্ট
নিউইয়র্ক নিকসের জয়ের আনন্দে খুদে ভক্তদের জন্য বিশেষ আয়োজন, প্যারেডের আগেই জমজমাট উৎসব

নিউইয়র্ক নিকসের ঐতিহাসিক এনবিএ চ্যাম্পিয়নশিপ জয় উদযাপনে বাদ যায়নি শিশুরাও। বৃহস্পতিবার শহরের মূল ‘টিকার-টেপ প্যারেড’-এর আগেই, বুধবার আপার ওয়েস্ট সাইডে শত শত খুদে ভক্ত তাদের প্রিয় দলকে নিয়ে মেতে ওঠে। শিশুদের স্কুলের সময়সূচি এবং মূল প্যারেডের সম্ভাব্য অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে চিলড্রেনস মিউজিয়াম অব ম্যানহাটন (সিএমওএম) প্রথমবারের মতো শিশুদের উপযোগী এই বিশেষ পার্টির আয়োজন করে।   মিউজিয়ামের সিইও ডাভা শুব জানান, শহরের বড় অনুষ্ঠানগুলো সাধারণত সকালে হয়, তাই শিশুদের স্কুল, রাতের খাবার ও ঘুমানোর রুটিনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিকেল ৪টায় এই আয়োজন করা হয়েছে। আপার ওয়েস্ট সাইডের বাসিন্দা এবং নিকসের একনিষ্ঠ ভক্ত জেসিকা সাইনফেল্ড ও অ্যামি শুমারের হাত ধরে উৎসবের সূচনা হয়। “গো নিউইয়র্ক গো” গানের তালে নেচে ওঠা খুদে ভক্তদের আনন্দ দিতে কমলা ও নীল রঙের কনফেত্তি ওড়ানো হয়।   সম্পূর্ণ বিনা মূল্যের এই ইভেন্টে ছিল ফেস পেইন্টিং, নাচ এবং নিকস তারকাদের বিশাল কাটআউটের সঙ্গে ছবি তোলার সুযোগ, যা শিশুদের মূল প্যারেডে যেতে না পারার আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়েছে।   শিশুদের জন্য এই আলাদা আয়োজনের পেছনে অন্যতম কারণ ছিল মূল প্যারেডের সময়সূচি। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী আগেই জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় মূল প্যারেড শুরু হলেও শহরের স্কুলগুলোর ক্লাস বা রিজেক্টস পরীক্ষা স্থগিত করা হবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধ সত্ত্বেও এই সিদ্ধান্ত বহাল থাকায় হাজার হাজার শিক্ষার্থীর পক্ষে মূল আয়োজনে যোগ দেওয়া সম্ভব নয়।   তাছাড়া, শহরের ইতিহাসে সবচেয়ে বড় হতে যাওয়া এই প্যারেডে ব্যাগ নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায়, ছোট শিশুদের প্রয়োজনীয় খাবার বা পানি নিয়ে সেখানে যাওয়া অভিভাবকদের জন্য এক বড় চ্যালেঞ্জ। তাই জ্যারেড ভার্টেরামোর মতো অনেক অভিভাবকই ঝুঁকি না নিয়ে তাদের সন্তানদের মিউজিয়ামের এই নিরাপদ ও আনন্দঘন পরিবেশে নিয়ে এসেছেন।   তবে এর মধ্যেও ১০ বছর বয়সী মেসন আলভারাডোর মতো কিছু ভাগ্যবান শিশু আছে, যাদের অভিভাবকরা জীবনের এই বিরল মুহূর্তের সাক্ষী হতে একদিনের জন্য স্কুল কামাই করার অনুমতি দিয়েছেন। মেসনের মা অ্যাঞ্জেলিকা জানান, নিকস খেলোয়াড়দের হাল না ছাড়ার মানসিকতা শিশুদের জন্য একটি বড় অনুপ্রেরণা, তাই তারা সশরীরে মূল প্যারেড দেখতে উপস্থিত থাকবেন।   আনন্দ-উৎসবের পাশাপাশি মিউজিয়ামের এই আয়োজনের একটি বড় শিক্ষণীয় দিকও ছিল। কঠোর পরিশ্রম, দলবদ্ধ প্রচেষ্টা এবং চ্যাম্পিয়নশিপ জয়ের পরপরই প্রতিপক্ষ সান আন্তোনিও স্পার্সের খেলোয়াড়দের সঙ্গে নিকস তারকা জ্যালেন ব্রানসনের হাত মেলানোর মতো চমৎকার স্পোর্টসম্যানশিপ থেকে শিশুদের জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখানোর ওপর বিশেষ জোর দিয়েছেন আয়োজকরা।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৭:৫৬
এস-৩০০ভি ক্ষেপণাস্ত্র l ছবি: সংগৃহীত
ইউক্রেনের জোরালো হামলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষায় মিসাইল ঘাটতি, যুদ্ধের মোড় ঘোরার ইঙ্গিত

সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার দৃশ্যপট পরিবর্তনের জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের টানা ও গভীর হামলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ এস-৩০০ মিসাইলের মজুতে চরম ঘাটতি দেখা দিয়েছে। এই সংকটের সুযোগ নিয়ে ইউক্রেনীয় বাহিনী এখন আরও সহজে রাশিয়ার অভ্যন্তরে সফল আক্রমণ চালাতে সক্ষম হচ্ছে বলে দাবি করছেন সামরিক বিশ্লেষকরা।   ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গত শতকের ষাট ও সত্তরের দশকে তৈরি সোভিয়েত আমলের এস-৩০০ মিসাইল রাশিয়ার আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান হাতিয়ার। যুদ্ধক্ষেত্রে বর্তমানে রাশিয়া এস-৩৫০, এস-৪০০ এবং প্যান্টসির-এস১-এর মতো অত্যাধুনিক ব্যবস্থা ব্যবহার করলেও এস-৩০০ মিসাইলের ওপর তাদের নির্ভরতা একেবারেই কমেনি।   ইউক্রেনীয় গোয়েন্দাদের ২০২৫ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে রাশিয়ার হাতে অন্তত ৪০০টির বেশি এস-৩০০ ও এস-৪০০ ইন্টারসেপ্টর ছিল। তবে বর্তমানে এই মজুত উদ্বেগজনক হারে কমে আসছে। এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়া সম্প্রতি তাদের আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত এস-৩০০ মিসাইলগুলোকে ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি, ইউক্রেনের জেট ইঞ্জিনযুক্ত অত্যাধুনিক ও দ্রুতগতির ড্রোনগুলোকে ঠেকাতেও রাশিয়াকে তাদের এই মূল্যবান মিসাইলগুলোর বিশাল একটি অংশ খরচ করতে হচ্ছে।   রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা সংকটকে আরও ঘনীভূত করতে ইউক্রেন এখন সরাসরি তাদের মিসাইল সাইটগুলোতে লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের রুশ সামরিক বিশেষজ্ঞ রব লি জানান, গত কয়েক মাসে ক্রিমিয়া, লুহানস্কসহ বিভিন্ন অধিকৃত অঞ্চলে রাশিয়ার বিপুল সংখ্যক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে কিয়েভ। পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এই মিসাইলগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ, বিশেষ করে গাইডেন্স সিকার এবং কন্ট্রোল মডিউলের তীব্র সংকটে পড়েছে।   চীন বা পশ্চিমা বাজার থেকে এসব যন্ত্রাংশ সংগ্রহ করতে না পারায় মস্কোর পক্ষে দ্রুত এই বিপুল ঘাটতি পূরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।   তবে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (জিইউআর) ভারপ্রাপ্ত প্রধান ওলেহ চোরনি সতর্ক করে বলেছেন যে, ড্রোন হামলা মোকাবিলার জন্য রাশিয়ার হাতে এখনও বেশ কিছু অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রয়েছে। অন্যদিকে, এই দীর্ঘস্থায়ী যুদ্ধে ইউক্রেনও নিজস্ব আকাশ প্রতিরক্ষা সংকটে ভুগছে। বিশেষ করে রুশ ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সক্ষম মার্কিন প্যাক-৩ ইন্টারসেপ্টরের তীব্র অভাব কিয়েভকে বেশ চিন্তায় ফেলেছে।   নরওয়েজিয়ান ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া যেখানে বছরে ৬০০ থেকে ৮০০ ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে, সেখানে বিশ্বব্যাপী প্যাক-৩ প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন গত বছর মাত্র ৬২০টি ইন্টারসেপ্টর সরবরাহ করেছে। তারপরও রাশিয়ার এই মিসাইল ঘাটতির খবর যুদ্ধক্ষেত্রে কিয়েভের অবস্থানকে মানসিকভাবে শক্তিশালী করেছে।   সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার অস্ত্র দিয়ে এই ধরনের জোরালো হামলাই মূলত যুদ্ধ বন্ধে মস্কোকে বাধ্য করার অন্যতম প্রধান উপায়।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৭:৩৮
ছবি : এআই
প্রিয় দল হারলে মন ভালো করবেন যে ৭ উপায়ে

ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি কোটি মানুষের কাছে এটি আবেগ, ভালোবাসা ও পরিচয়ের অংশ। তাই প্রিয় দল হারলে মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। অনেক সমর্থক ম্যাচের পর হতাশ হয়ে পড়েন, সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন বা দীর্ঘ সময় ধরে পরাজয়ের কষ্ট বয়ে বেড়ান। ১. কষ্ট পাওয়াটা স্বাভাবিক, সেটি মেনে নিন প্রিয় দল হারার পর মন খারাপ হওয়া কোনো দুর্বলতা নয়। নিজের অনুভূতিকে অস্বীকার না করে কিছুটা সময় দিন। আবেগকে স্বাভাবিকভাবে গ্রহণ করলে হতাশা দ্রুত কাটিয়ে ওঠা সহজ হয়।   ২. মনে রাখুন, ফুটবল একটি খেলা জয়-পরাজয় খেলাধুলারই অংশ। বিশ্বের সেরা দলগুলোও নিয়মিত হার-জিতের মধ্য দিয়েই এগিয়ে যায়। একটি ম্যাচের ফলাফল আপনার ব্যক্তিগত জীবন বা সাফল্যের সঙ্গে সম্পর্কিত নয়—এ কথা মনে রাখুন।   ৩. কিছু সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকুন পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, ব্যঙ্গ বা প্রতিপক্ষ সমর্থকদের মন্তব্য চোখে পড়তে পারে। এসব বিষয় মন আরও খারাপ করতে পারে। তাই কিছু সময়ের জন্য ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়া ভালো।   ৪. বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান মন খারাপের সময় প্রিয় মানুষদের সঙ্গ অনেক স্বস্তি দেয়। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, পরিবারের সঙ্গে সময় কাটান। এতে হতাশা কমে এবং মন অন্যদিকে ব্যস্ত থাকে।   ৫. ম্যাচের ইতিবাচক দিকগুলো ভাবুন হার মানেই সবকিছু খারাপ ছিল না। ম্যাচে দলের ভালো কিছু মুহূর্ত, খেলোয়াড়দের চেষ্টা বা লড়াইয়ের মানসিকতা মনে করার চেষ্টা করুন। এতে হতাশার পরিবর্তে আশাবাদ তৈরি হয়।   ৬. নিজের পছন্দের কাজে মন দিন সিনেমা দেখা, বই পড়া, গান শোনা, হাঁটতে যাওয়া বা অন্য কোনো শখের কাজে সময় কাটান। নতুন কাজে মনোযোগ দিলে পরাজয়ের কষ্ট ধীরে ধীরে কমে আসে।   ৭. সামনে নতুন ম্যাচের অপেক্ষা করুন একজন প্রকৃত সমর্থক শুধু জয়ের সময় নয়, কঠিন সময়েও দলের পাশে থাকেন। একটি হার মানেই মৌসুম শেষ নয়। সামনে নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা অপেক্ষা করছে।   ফুটবলের আসল আনন্দ কোথায়? ফুটবলের সৌন্দর্য শুধু ট্রফি জেতার মধ্যে সীমাবদ্ধ নয়। বন্ধুদের সঙ্গে খেলা দেখা, উত্তেজনা ভাগাভাগি করা, গোলের আনন্দে উল্লাস করা কিংবা কঠিন সময়ে দলকে সমর্থন করাও এই খেলার গুরুত্বপূর্ণ অংশ।   প্রিয় দল হয়তো আজ হেরেছে, কিন্তু সমর্থকের ভালোবাসা হারেনি। আর সেই নিঃস্বার্থ সমর্থনই ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত করেছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১৭:১৫