সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন

যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে বেইজিং এই সহায়তা প্রদান করবে।   চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান ও লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত।   তিনি বলেন, “সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে দেশ দুটির জনগণকে পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করার পাশাপাশি অর্থনীতি ও জীবিকার উন্নয়নে সহযোগিতা করা হবে।”   চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই সহায়তার উদ্দেশ্য শুধুমাত্র মানবিক সংকট মোকাবিলা নয়, বরং যুদ্ধ-পরবর্তী সময়ে স্থিতিশীলতা ও পুনর্গঠন কার্যক্রমকে সহায়তা করা।   প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর এটি দ্বিতীয়বারের মতো তেহরানের জন্য মানবিক সহায়তা ঘোষণা করল বেইজিং। এর আগে মার্চ মাসেও চীন ইরানের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছিল।   এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ইরান পরিস্থিতি নিয়ে নতুন সমঝোতার আলোচনা চলছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ও সমঝোতা প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এ চুক্তি স্বাক্ষরের জন্য একটি আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতি চলছে।   চীনের এই সহায়তা ঘোষণাকে বিশ্লেষকরা যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় বেইজিংয়ের সক্রিয় কূটনৈতিক ও অর্থনৈতিক উপস্থিতির অংশ হিসেবে দেখছেন।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৬:৪০
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ঘিরে সমালোচনা, যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ঘিরে সমালোচনা, যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক

ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, যুক্তরাষ্ট্র তার অস্তিত্বের জন্য ইসরাইলের কাছে ঋণী। তার এই মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সরাসরি বিপরীত অবস্থান তৈরি করেছে।   হাকাবি ইসরাইলে দেওয়া এক ভাষণে বলেন, ইহুদি ভিত্তি ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকত না এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস গঠনে এই ভূমির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তার ভাষায়, “ইহুদি ভিত্তি ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকত না। যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য এই ভূমির ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”   অন্যদিকে, এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল টিকে থাকতে পারত না। তিনি আরও মন্তব্য করেন, “আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট ইচ্ছুক ছিলেন না।”   ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে রাষ্ট্রদূত হাকাবির মন্তব্যের অবস্থান ভিন্নতা তৈরি করেছে। একদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে ধরেছেন, অন্যদিকে হাকাবি যুক্তরাষ্ট্রের ভিত্তি গঠনে ইসরাইলের ভূমিকার কথা উল্লেখ করেছেন।   এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র–ইসরাইল সম্পর্ক এবং রাজনৈতিক বক্তব্যের পারস্পরিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৬:১৫
ছবি: স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের ভিডিও
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাইভেট বিমান বিধ্বস্ত, নিহত ১ আহত আর ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি প্রাইভেট বিমান হাইওয়ের ওপর বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে লারেডো শহরের লুপ ২০ হাইওয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।   প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি উল্টে গিয়ে হাইওয়ের ওপর পড়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে যায়। আগুনের তীব্রতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।   ল্যারেডো পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বিমানে মোট ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।   দুর্ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষ ও জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ সময় দুই ব্যক্তি, একজন হাতুড়ি এবং অন্যজন শাবল ব্যবহার করে বিমানের ককপিটের কাঁচ ভেঙে ভেতরে আটকে পড়াদের বের করার চেষ্টা করেন।   বিমানটি নেটজেটস পরিচালিত একটি সেসনা সাইটেশন ল্যাটিচিউড মডেলের প্রাইভেট জেট ছিল। এটি মেক্সিকোর সান হোসে দেল কাবো থেকে উড্ডয়ন করে যুক্তরাষ্ট্রের অস্টিনের দিকে যাচ্ছিল। পরে যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি লারেডোর দিকে ডাইভার্ট করা হয়।   প্রাথমিক তথ্য অনুযায়ী, লারেডো বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানান এবং কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।   স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানটি লুপ ২০ হাইওয়ের ওপর জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় এটি চলন্ত একটি গাড়িকে আঘাত করে এবং মুহূর্তের মধ্যেই ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটিকে “হলিউড সিনেমার দৃশ্যের মতো” বলে বর্ণনা করেন। তারা জানান, আগুন ও ধ্বংসাবশেষের কারণে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।   ল্যারেডো পুলিশের মুখপাত্র জোসে বায়েজা বলেন, “দুঃখজনকভাবে এই ঘটনায় একজন নিহত হয়েছেন। এটি একটি ট্র্যাজিক ঘটনা।” পুলিশ জানিয়েছে, আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং পরিবারের সদস্যদের জানানো না পর্যন্ত কারও নাম প্রকাশ করা হবে না। বিমান কোম্পানি নেটজেটস জানিয়েছে, তারা তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।   লারেডো শহরের মেয়র ড. ভিক্টর ত্রেভিনো বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের অনুমান থেকে বিরত থাকা উচিত।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। দুর্ঘটনার পর লুপ ২০ হাইওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলাকালীন সড়কের একটি অংশ আংশিকভাবে বন্ধ থাকবে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৫:৫৭
ছবি: সংগৃহীত
তদন্তের মুখে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, আলোচনায় ৩০ মিলিয়ন ডলারের সম্পদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং তার স্ত্রী জেনিফার সিবেল নিউজমের আনুমানিক ৩০ মিলিয়ন ডলারের সম্পদ ও ব্যবসায়িক সংযোগ নতুন করে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে কর সংক্রান্ত বিষয়, সাবেক সহযোগীদের ভূমিকা এবং রাজ্য প্রশাসনের কিছু কর্মীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।   মার্কিন গণমাধ্যম সিএনএন এবং দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার একাধিক হুইসেলব্লোয়ারের অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি অফিস এই তদন্ত পরিচালনা করছে। বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে যখন গভর্নর নিউজম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এফবিআই এবং ডিওজে তার বিরুদ্ধে তদন্ত করছে।   প্রতিবেদনে বলা হয়, রাজনীতিতে প্রবেশের আগেই গ্যাভিন নিউজম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। ২০০৪ সালে সান ফ্রান্সিসকোর মেয়র পদে নির্বাচন করার সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার। এই সম্পদের বড় অংশ আসে ওয়াইন ও হসপিটালিটি ব্যবসা থেকে।   তার ব্যবসায়িক উদ্যোগ শুরু হয় প্লাম্পজ্যাক (PlumpJack) নামের একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, যা তিনি গর্ডন গেটি পরিবারের সঙ্গে সম্পর্কের মাধ্যমে গড়ে তোলেন। বিলি গেটির সঙ্গে অংশীদারিত্বে তিনি বালবোয়া ক্যাফে এবং প্লাম্পজ্যাক প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই ব্যবসা ওয়াইনারি, রেস্তোরাঁ এবং হোটেল খাতে বিস্তৃত হয়।   প্রতিবেদনে আরও বলা হয়, এই ব্যবসাগুলো সময়ের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক প্রভাবের সঙ্গেও যুক্ত হয়ে পড়ে। নিউজম দম্পতির মালিকানায় ক্যালিফোর্নিয়ার ফেয়ার ওকসে ১২ হাজার ৬০০ বর্গফুটের একটি বাড়ি রয়েছে। এটি ২০১৮ সালে ৩ দশমিক ৭ মিলিয়ন ডলারে কেনা হয়, যার বড় অংশ ঋণ হিসেবে নেওয়া হয়েছিল।   পরবর্তীতে ২০২৪ সালের শেষ দিকে তারা ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টির কেন্টফিল্ড এলাকায় ৯ দশমিক ১ মিলিয়ন ডলারের একটি বাড়ি কেনেন। পরিবারটি তাদের চার সন্তানের শিক্ষার সুবিধার্থে এই এলাকায় বসবাস করছে বলে জানা গেছে। গ্যাভিন নিউজম একাধিক বই লিখেছেন। তার সাম্প্রতিক আত্মজীবনী “ইয়াং ম্যান ইন আ হারি” থেকে তিনি এক লাখ ডলারের বেশি আয় করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   প্রতিবেদনে আরও বলা হয়, তার রাজনৈতিক অ্যাকশন কমিটি তার নিজের বই প্রচারের জন্য প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন ডলার ব্যয় করেছে। সরকারি নথি অনুযায়ী, বই প্রকাশনা ও রয়্যালটি থেকে তার আয় এক লাখ ডলারের বেশি। তবে সরকারি দায়িত্বে থাকার কারণে তার পডকাস্ট থেকে কোনো আয় হয়নি।   তদন্তে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে জেনিফার সিবেল নিউজমের বিভিন্ন প্রতিষ্ঠান ও আয় কাঠামোর ওপর। তিনি “রিপ্রেজেন্টেশন প্রজেক্ট” নামের একটি নারীবাদী অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা, যেখানে তার বার্ষিক আয় এক লাখ ৫০ হাজার ডলারের বেশি। এছাড়া তিনি “গার্লস ক্লাব এন্টারটেইনমেন্ট” নামের একটি মিডিয়া প্রোডাকশন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। প্রতিবেদনে বলা হয়, এই প্রতিষ্ঠানটি তার নন-প্রফিট সংস্থা থেকে বার্ষিক প্রায় ১ লাখ ৫০ হাজার ডলারের অর্থ পেয়ে থাকে।   প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিউজম “ক্যালিফোর্নিয়া পার্টনারস প্রজেক্ট” নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে প্রায় ৪ দশমিক ৪ মিলিয়ন ডলারের অনুদান প্রবাহে সহায়তা করেছেন। এসব অর্থ তার স্ত্রীর সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সঙ্গে ওভারল্যাপ রয়েছে বলে অভিযোগ উঠেছে।   আইন বিশেষজ্ঞদের মতে, এসব আর্থিক কার্যক্রম আইনগতভাবে বৈধ হলেও স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তবে নিউসম এবং তার স্ত্রী উভয়েই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। গভর্নর নিউজম অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ফেডারেল সংস্থাগুলোকে ব্যবহার করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এই তদন্ত ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করেছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৫:৪৩
ছবি: সিএনএন
মাত্র ০.১% ভোটারই নির্ধারণ করতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ: কেন আলোচনায় মেকারফিল্ড উপনির্বাচন?

যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডের অ্যাশটন-ইন-মেকারফিল্ডে অনুষ্ঠিতব্য একটি উপনির্বাচনকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে সাধারণ একটি কমিউনিটি সেন্টারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ভোটের ফলাফল ক্ষমতাসীন লেবার পার্টি এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।   প্রায় ৭৬ হাজার ভোটারের এই আসনে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার খুব ছোট একটি অংশ, আনুমানিক ০.১ শতাংশ ভোটারই পরোক্ষভাবে নির্ধারণ করতে পারেন স্টারমারের রাজনৈতিক অবস্থান এবং লেবার পার্টির দিকনির্দেশনা।   অ্যাশটন-ইন-মেকারফিল্ড, উত্তর ইংল্যান্ডের এই এলাকা দীর্ঘদিন ধরে লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। গত নির্বাচনে এই অঞ্চলের ২৫টির মধ্যে ২৪টি আসন জিতে নিয়েছে রিফর্ম ইউকে, যা লেবার শিবিরে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।   এই পরিস্থিতিতে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামকে ঘিরে নতুন রাজনৈতিক কৌশল তৈরি করছে লেবার সমর্থক শিবির। তিনি আগামীতে পার্লামেন্টে ফিরে আসার পরিকল্পনা করছেন এবং তার সম্ভাব্য নেতৃত্ব চ্যালেঞ্জ স্টারমারের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।   বার্নহ্যাম বর্তমানে এমপি না হওয়ায় তিনি সরাসরি লেবার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। তবে এই উপনির্বাচনে জয় পেলে তার জন্য সেই পথ খুলে যেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।   লেবার পার্টির বর্তমান অবস্থান দুর্বল হওয়ার পেছনে নীতি পরিবর্তন, রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বিধা এবং নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগকে দায়ী করা হচ্ছে। একাধিক মন্ত্রী ইতোমধ্যে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   এদিকে রিফর্ম ইউকে, যা জাতীয় পর্যায়ের জনমত জরিপে এগিয়ে রয়েছে, লেবার ভোটব্যাংকে বড় ধরনের প্রভাব ফেলছে। পাশাপাশি সবুজ দল এবং অন্যান্য ছোট দলগুলোও ঐতিহ্যগত লেবার ভোট বিভক্ত করছে।   অ্যান্ডি বার্নহ্যামকে অনেকে “কিং অব দ্য নর্থ” হিসেবে উল্লেখ করেন। তিনি ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে নিজেকে একজন কার্যকর স্থানীয় প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার সমর্থকরা বলছেন, তিনি ব্রিটিশ রাজনীতির প্রচলিত ওয়েস্টমিনস্টার কেন্দ্রিক কাঠামোর বাইরে গিয়ে “ম্যানচেস্টারিজম” নামে একটি বিকেন্দ্রীভূত অর্থনৈতিক মডেল প্রস্তাব করছেন।   এই ধারণার মধ্যে রয়েছে স্থানীয় অর্থনীতির পুনর্গঠন, প্রয়োজনীয় পরিষেবাগুলোকে আরও সাশ্রয়ী করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এই আসনের অন্তর্ভুক্ত ছোট ছোট শহরগুলো দীর্ঘদিন ধরে কয়লা খনি, ইস্পাত ও উৎপাদন শিল্পের ওপর নির্ভরশীল ছিল। তবে গত কয়েক দশকে এসব শিল্প প্রায় বিলুপ্ত হয়ে গেছে।   বর্তমানে স্থানীয় বাসিন্দাদের বড় অংশ নির্মাণ, খুচরা ব্যবসা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত। এলাকাটি তুলনামূলকভাবে নিম্ন আয়ের এবং উচ্চ হোমওনারশিপের অঞ্চল হিসেবে চিহ্নিত। বিশ্লেষকদের মতে, এটি একটি পোস্ট-ইন্ডাস্ট্রিয়াল ভোটার বেস, যেখানে ব্রেক্সিট-সমর্থন এবং অভিবাসন ইস্যু রাজনৈতিক আচরণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে।   স্থানীয় ভোটারদের মধ্যে রাজনৈতিক হতাশা এবং মূলধারার দলগুলোর প্রতি আস্থাহীনতা বাড়ছে। কেউ কেউ রিফর্ম ইউকের অভিবাসন নীতিকে সমর্থন করছেন, আবার অনেকে লেবার ও কনজারভেটিভ উভয় দলকেই দায়ী করছেন। এই বিভাজনের মধ্যেই বার্নহ্যাম এবং তার প্রতিদ্বন্দ্বী রিফর্ম ইউকের প্রার্থী রবার্ট কেনিয়ন প্রচারণা চালাচ্ছেন। তবে উভয় প্রার্থীই গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে অনীহা প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   বিশেষজ্ঞদের মতে, এই উপনির্বাচন কেবল একটি স্থানীয় ভোট নয়, বরং যুক্তরাজ্যের কেন্দ্রীয় রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে লেবার পার্টির নেতৃত্ব এবং স্টারমারের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ফলাফল যাই হোক, এই ভোটকে ঘিরে ব্রিটিশ রাজনীতিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা এবং ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৫:২৮
ছবি: প্রতীকী ছবি
পারিবারিক খাবারের টেবিলেও স্মার্টফোনে ব্যস্ত ৭৫ শতাংশ অভিভাবক

পারিবারিকভাবে একসঙ্গে খাবার খাওয়ার সময় স্মার্টফোন ও টিভির ব্যবহার ক্রমেই বাড়ছে—এমনকি অনেক ক্ষেত্রে সন্তানদের চেয়েও বেশি ডিভাইস ব্যবহার করছেন অভিভাবকেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক এক নতুন গবেষণায় উঠে এসেছে, পারিবারিক খাবারের সময় প্রায় তিন-চতুর্থাংশ পরিবারেই কোনো না কোনো ধরনের মিডিয়া ব্যবহার দেখা গেছে।   ‘জামা পেডিয়াট্রিকস’ জার্নালে প্রকাশিত ওই গবেষণায় ৩৫০-এর বেশি অভিভাবকের ওপর জরিপ চালানো হয়। এতে দেখা যায়, ৭৫ শতাংশের বেশি অভিভাবক জানিয়েছেন, তাদের শেষ পারিবারিক খাবারের সময় তারা ফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করেছেন। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে স্মার্টফোন।   গবেষণায় আরও দেখা যায়, ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৭০ শতাংশও খাবারের সময় কোনো না কোনো ধরনের মিডিয়া ব্যবহার করেছে। পরিবার একসঙ্গে খাবার খেলে মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে, পারস্পরিক সম্পর্ক উন্নত হয় এবং শিশুদের খাদ্যাভ্যাসও তুলনামূলকভাবে স্বাস্থ্যকর থাকে। তবে শুধু একসঙ্গে খাওয়াই যথেষ্ট নয়—এর সঙ্গে প্রয়োজন মনোযোগী ও বিভ্রান্তিহীন সময়।   টাফটস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মার্জি স্কিয়ার বলেন, পারিবারিক খাবার মূলত একটি নিয়মিত ‘চেক-ইন’ মুহূর্ত, যেখানে আবেগ ও অনুভূতি ভাগাভাগির সুযোগ তৈরি হয়। তার মতে, এই সময় সন্তানরা অনুভব করে তারা গুরুত্ব পাচ্ছে।   হার্ভার্ড মেডিকেল স্কুলের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অ্যান ফিশেল বলেন, পারিবারিক খাবার একটি গুরুত্বপূর্ণ রুটিন, যা শিশুদের মধ্যে স্থিতিশীলতা ও পারিবারিক পরিচয়ের অনুভূতি তৈরি করে। গবেষক সিসিলিয়া সাদা গারিবায় বলেন, সব ধরনের মিডিয়া ব্যবহার একই রকম নয়। বড় স্ক্রিনে একসঙ্গে কিছু দেখা পারিবারিক বন্ধনের সুযোগ তৈরি করতে পারে, কিন্তু ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহারে প্রত্যেকে আলাদা জগতে চলে যায়—ফলে একসঙ্গে থেকেও সংযোগ কমে যায়।   গবেষণায় বলা হয়, বর্তমানে পরিবারগুলোর মধ্যে একসঙ্গে খাবার খাওয়ার প্রবণতা থাকলেও সেটি অনেক সময় একাকী বা বিভক্ত মিডিয়া ব্যবহারের কারণে কার্যকারিতা হারাচ্ছে।   বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে প্রতিদিন দীর্ঘ সময় না পেলেও অন্তত সপ্তাহে একবার হলেও ডিভাইস ছাড়া একসঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করা যেতে পারে। এমনকি পাঁচ থেকে বিশ মিনিটের ছোট পারিবারিক সময়ও সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হতে পারে। তাদের মতে, প্রযুক্তিকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব না হলেও সীমিত ও সচেতন ব্যবহারই পারিবারিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৫:১৯
ছবি: সংগৃহীত
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি: ইরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ সক্ষমতা বেড়েছে

যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ইরান এখন কার্যত প্রয়োজন হলে যে কোনো সময় হরমুজ প্রণালী বন্ধ করার সক্ষমতা অর্জন করেছে। তিনটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর এই কৌশলগত জলপথ নিয়ে ইরানের প্রভাব ও সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে।   এই মূল্যায়ন অনুযায়ী, চলমান সংঘাত চলাকালীন ইরান প্রমাণ করেছে যে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে পারে। ফলে ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ আবারও নেওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না মার্কিন গোয়েন্দা বিশ্লেষণ।   একজন সূত্র সিএনএনকে বলেন, “আমরা এখন কার্যত ইরানকে এই প্রণালীর ওপর প্রভাবশালী অবস্থানে বসিয়ে দিয়েছি, যা অর্থনৈতিক চাপ সৃষ্টির ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি কার্যকর হতে পারে।”   আরেকটি সূত্র জানায়, যুদ্ধ চলাকালে ইরান উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে লক্ষ্যভিত্তিক হামলার মাধ্যমে ‘অসামরিক চাপ প্রয়োগের সক্ষমতা’ও অর্জন করেছে, যা ভবিষ্যতে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।   যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরান যদি চুক্তির শর্ত না মানে, তবে তারা কোনো সুবিধা পাবে না। তার ভাষায়, “প্রণালী খোলা থাকলেই কেবল সুবিধা দেওয়া হবে।” তিনি আরও বলেন, ওয়াশিংটন ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করবে, যা নির্ভর করবে ইরানের বাস্তব অগ্রগতির ওপর। তবে এই প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত রূপরেখা স্পষ্ট নয়।   অন্যদিকে, গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, হরমুজ প্রণালী আবার পুরোপুরি চালু হলেও অনিশ্চয়তা থেকে যেতে পারে, যার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। বিশ্লেষকদের মতে, ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র, ড্রোন, দ্রুতগামী নৌযান এবং মাইন স্থাপনের সক্ষমতা এই প্রণালীকে ভবিষ্যতেও ঝুঁকিপূর্ণ রাখতে পারে।   প্রতিবেদনে আরও বলা হয়, ইরান তাদের আঞ্চলিক মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের বাব-এল-মান্দেব প্রণালীতে চাপ তৈরির বিকল্প কৌশল নিয়েও ভাবছে, যা কার্যকর হলে বৈশ্বিক বাণিজ্যে আরও বড় বিঘ্ন সৃষ্টি হতে পারে।   মার্কিন কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে, কারণ উভয় পক্ষই এখন কৌশলগত এই জলপথকে ভবিষ্যৎ আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৫:৬
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার মায়ের ভিসা জটিলতা কাটছে, যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়ায় প্রশাসনের সহায়তা

বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণকারী দেশগুলোর নাগরিক এবং ভিসার সব শর্ত পূরণ করতে সক্ষম ক্রীড়াবিদ ও দলের সদস্যদের জন্য বন্ডের শর্ত মওকুফ করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে কেপ ভার্দের জাতীয় দলের গোলরক্ষক ভোজিনহার মাকে যুক্তরাষ্ট্রে আনার বিষয়ে সহায়তা করছে মার্কিন প্রশাসন।   মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার মাকে তার ছেলের বিশ্বকাপ খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আনার জন্য সহায়তার চেষ্টা চলছে। সোমবার স্পেনের বিপক্ষে কেপ ভার্দের চমকপ্রদ ড্রয়ের পর ভোজিনহা বলেন, তার মা ম্যাচটি দেখতে আসতে পারেননি, কারণ তিনি ভিসার জন্য প্রয়োজনীয় বন্ডের অর্থ পরিশোধ করতে পারেননি।   ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ভিসার কারণে তিনি এখানে আসতে পারেননি... ভিসার জন্য যে অর্থ আমাদের দিতে হয়, সেটির কারণেই। আমরা সময়মতো সেটি করতে পারিনি এবং আমি চাই তিনি এখানে থাকুন।”   কেপ ভার্দে এমন ৫০টি দেশের একটি, যেসব দেশের নাগরিকদের ট্রাম্প প্রশাসনের নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হয়। এই নীতির কারণ হিসেবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার উচ্চ হারের বিষয়টি উল্লেখ করা হয়।   ভোজিনহার মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, খেলোয়াড়টির মায়ের কোনো ভিসা আবেদনের নথি তাদের কাছে নেই। তিনি আরও জানান, “সব খেলোয়াড়ের স্বজনদের জন্য এই বন্ডের শর্ত মওকুফ করা হয়।”   তিনি বলেন, “মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে এই ব্যক্তির ভিসা আবেদনের কোনো রেকর্ড নেই। খেলোয়াড়দের সব স্বজন ভিসা বন্ড মওকুফের সুবিধা পাওয়ার যোগ্য এবং ভিসাসংক্রান্ত সহায়তা দিতে দপ্তরটি সক্রিয়ভাবে এই খেলোয়াড়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।”   ৪০ বছর বয়সী ভোজিনহা পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবে খেলেন। স্পেনের বিপক্ষে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সাতটি গোল রক্ষা করেন এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলকে গোলশূন্য ড্র এনে দেন।   অনেকেই ধারণা করেছিলেন, ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে কেপ ভার্দে বড় ব্যবধানে পরাজিত হবে। তবে ৯০ মিনিটের লড়াইয়ে ভোজিনহা ও তার রক্ষণভাগের খেলোয়াড়রা স্পেনের আক্রমণ প্রতিহত করেন এবং কেপ ভার্দের ফুটবল ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।   প্রায় পাঁচ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটির এই সাফল্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এই পারফরম্যান্সের পর ভোজিনহার জনপ্রিয়তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত বৃদ্ধি পায়, যেখানে তার অনুসারীর সংখ্যা কয়েক হাজার থেকে বেড়ে প্রায় ৯৭ লাখে পৌঁছে যায়।   কেপ ভার্দে তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী রোববার সন্ধ্যা ৬টায়, যেখানে তারা মিয়ামিতে উরুগুয়ের মুখোমুখি হবে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৪:৫৩
ছবি: সংগৃহীত
শোকাহতদের টার্গেট করে দীর্ঘদিনের প্রতারণা, টেক্সাস দম্পতির বিরুদ্ধে ফেডারেল অভিযোগ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের নর্থ টেক্সাসে আবেগগতভাবে ভেঙে পড়া ও শোকাহত ব্যক্তিদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরে ‘ভবিষ্যদ্বক্তা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, এই চক্রের মাধ্যমে অন্তত ২.৫ মিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে।   ফ্রিস্কো শহরের বাসিন্দা ৪৭ বছর বয়সী ব্রিজেট ডোরিন ইভান্স এবং তার স্বামী ৪৪ বছর বয়সী ভিনি জন উয়ানাওয়িচের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ষড়যন্ত্র করে ডাক ও ইন্টারনেট জালিয়াতি এবং একাধিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।   অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ইভান্স সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘জোলিন ট্র্যাভিস’ নামে একজন জ্যোতিষী হিসেবে পরিচয় দিয়ে এমন ব্যক্তিদের লক্ষ্য করতেন, যারা ডিভোর্স, বিচ্ছিন্নতা বা প্রিয়জন হারানোর শোকে ছিলেন।   প্রসিকিউটরদের ভাষ্যমতে, তিনি ভুক্তভোগীদের বোঝাতেন যে তাদের জীবনের আর্থিক ও ব্যক্তিগত দুর্দশার পেছনে একটি ‘অভিশাপ’ কাজ করছে। ওই অভিশাপ দূর করার জন্য সম্পদ বিক্রি করে নগদ অর্থ বা স্বর্ণমুদ্রা পাঠাতে বলা হতো, যা পরে ‘আধ্যাত্মিক পরিশুদ্ধির’ পর ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হতো।   তদন্তে বলা হয়েছে, এই অর্থ আর কখনোই ফেরত দেওয়া হয়নি। বরং অল্প কিছু অর্থ মাঝে মাঝে ফেরত দিয়ে ভুক্তভোগীদের আস্থা ধরে রাখার চেষ্টা করা হতো। একজন ভুক্তভোগী একাই দুই মিলিয়নেরও বেশি ডলার পাঠিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে। আরেকজনের কাছ থেকে ৮৬ হাজার ডলার এবং অন্য একজনের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার ডলার নেওয়ার অভিযোগ রয়েছে।   অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এক ঘটনায় ইভান্স ভুক্তভোগীকে ‘কার্মিক ঋণ’ পরিশোধের কথা বলে ক্রেডিট কার্ড খুলতে এবং গাড়ি ঋণ নিতে বাধ্য করেন, যার মাধ্যমে একটি শেভরোলেট করভেট কেনা হয়। তার স্বামী উয়ানাওয়িচ প্রতারণার অর্থ গ্রহণ, ব্যাংক হিসাব পরিচালনা এবং স্বর্ণমুদ্রা বিক্রিতে সহায়তা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।   যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ইভান্স এর আগেও একই ধরনের প্রতারণার মামলায় দোষ স্বীকার করেছিলেন। তদন্তে আরও উঠে এসেছে, তিনি কারাগারে থাকাকালেও তার সহযোগীরা একই ছদ্মনামে প্রতারণা চালিয়ে যায়। এফবিআই জানিয়েছে, ঘটনাটি এখনো তদন্তাধীন এবং সম্ভাব্য আরও ভুক্তভোগীদের সামনে আসার আহ্বান জানানো হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৪:৪৫
ছবি: সংগৃহীত
ইংলিশ চ্যানেলে ব্রিটিশ নৌযানের কাছে রুশ যুদ্ধজাহাজে গুলি, ক্ষুব্ধ স্টারমার

ইংলিশ চ্যানেলে একটি ব্রিটিশ পতাকাবাহী নৌযানের কাছে রুশ নৌবাহিনীর একটি ফ্রিগেটের ‘হুঁশিয়ারি গুলি’ ছোড়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে “বেপরোয়া” এবং “গভীরভাবে উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন।   বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি বলেন, রুশ নৌবাহিনীর জাহাজের এমন আচরণ “ঘটা উচিত ছিল না”। তার ভাষায়, “এটি বেপরোয়া। নৌযানে থাকা দম্পতি নিশ্চিতভাবে ভীষণ আতঙ্কিত হয়েছিলেন।”   ঘটনার সময় ‘ব্রাইট ফিউচার’ নামের ব্রিটিশ পতাকাবাহী একটি ইয়ট ইংলিশ চ্যানেলে চলছিল। ইয়টটিতে থাকা নাবিক জেন কেলভি বিবিসিকে জানান, রুশ যুদ্ধজাহাজটি শুরুতে পাঁচবার হর্ন বাজিয়ে সতর্ক সংকেত দেয়, এরপর ছোট অস্ত্র দিয়ে হুঁশিয়ারি গুলি ছোড়ে।   তিনি বলেন, নৌযান দুটি কোনোভাবেই সংঘর্ষের পথে ছিল না। তার দাবি অনুযায়ী, পরিস্থিতি তখনই উদ্বেগজনক হয়ে ওঠে যখন গুলি ছোড়া হয়, যা “সম্পূর্ণ অপ্রয়োজনীয়” ছিল।   তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন অবস্থান জানিয়েছে। তাদের দাবি, ইয়টটি বিপজ্জনকভাবে যুদ্ধজাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল এবং একাধিক রেডিও সতর্কবার্তার পরও অবস্থান পরিবর্তন করেনি। পরে সংঘর্ষ এড়াতে সতর্ক গুলি ছোড়া হয় এবং শেষ পর্যন্ত ইয়টটি দিক পরিবর্তন করে।   যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুলিটি সরাসরি নৌযানকে লক্ষ্য করে নয়, বরং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। স্টারমার আরও বলেন, ঘটনাটি এমন সময়ে ঘটল যখন দুই দিন আগে ইংলিশ চ্যানেলে রাশিয়ার সঙ্গে যুক্ত একটি তেলবাহী জাহাজ আটক করে যুক্তরাজ্যের বাহিনী।   ঘটনার সময় রুশ ফ্রিগেট ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’-কে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস মার্সি পর্যবেক্ষণ করছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   এখন পর্যন্ত দুই পক্ষই ঘটনাটিকে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী নিজেদের অবস্থান সঠিক বলে দাবি করছে। তবে বিষয়টি ঘিরে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৪:৩৫
ছবি: সংগৃহীত
ট্রাম্প-সমর্থিত প্রার্থীর জয়-পরাজয়ের মিশ্র চিত্র জর্জিয়া নির্বাচনে, রিপাবলিকান রাজনীতিতে নতুন সমীকরণ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারি রানঅফ নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থী রিপাবলিকান পার্টির মনোনয়ন জয় করলেও একই সময়ে রাজ্যের অন্য গুরুত্বপূর্ণ নির্বাচনে ট্রাম্প ও গভর্নর ব্রায়ান কেম্প সমর্থিত প্রার্থীদের পরাজয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে রিপাবলিকান রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য ও ট্রাম্পের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   নির্বাচনে কংগ্রেস সদস্য মাইক কলিন্স ট্রাম্প-সমর্থিত প্রার্থী হিসেবে জয়ী হয়ে আগামী নভেম্বরে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, গভর্নর নির্বাচনে ট্রাম্প ও কেম্প উভয়ের সমর্থন থাকা প্রার্থী জনসন পরাজিত হয়েছেন স্ব-অর্থায়িত ব্যবসায়ী রিক জ্যাকসনের কাছে।   জর্জিয়ার রিপাবলিকান প্রাইমারি রানঅফ মূলত ট্রাম্প ও গভর্নর ব্রায়ান কেম্পের রাজনৈতিক প্রভাবের একটি অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হচ্ছে। কেম্প সমর্থন দিয়েছিলেন সাবেক ফুটবল কোচ ডেরেক ডুলিকে, যিনি তুলনামূলকভাবে মধ্যপন্থি অবস্থান থেকে প্রচারণা চালান।   অন্যদিকে, ট্রাম্প শেষ মুহূর্তে মাইক কলিন্সকে সমর্থন দেন। কলিন্স নিজেকে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা MAGA আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করেন। ট্রাম্প এক ফোনালাপে বলেন, ২০২০ সালের নির্বাচনে জর্জিয়ায় তার পরাজয় নিয়ে কেম্পের অবস্থান নিয়ে তিনি এখনো অসন্তুষ্ট, যা এই রাজনৈতিক টানাপোড়েনকে আরও তীব্র করেছে।   ডেমোক্র্যাট সিনেটর জন অসফ আগামী নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। তার প্রচার তহবিলে বর্তমানে প্রায় ৩২ মিলিয়ন ডলার রয়েছে, যা রিপাবলিকান প্রার্থী কলিন্সের তুলনায় অনেক বেশি।   অসফকে ডেমোক্র্যাটদের সম্ভাব্য ২০২৮ সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী নভেম্বরে এই নির্বাচনের ফলাফলই তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   গভর্নর নির্বাচনে বড় ধরনের চমক দেখা গেছে। ব্যবসায়ী রিক জ্যাকসন স্ব-অর্থায়নে ৯১ মিলিয়ন ডলারের বেশি প্রচারণা ব্যয় করে রিপাবলিকান মনোনয়ন জয় করেন। তিনি ট্রাম্প ও কেম্প সমর্থিত প্রার্থীকে পরাজিত করেন।   জ্যাকসন নিজেকে রাজনৈতিক প্রভাবমুক্ত একজন ‘আউটসাইডার’ হিসেবে উপস্থাপন করেন এবং প্রচারণায় সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। তিনি এখন ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক আটলান্টা মেয়র কেশা ল্যান্স বটমসের মুখোমুখি হবেন।   চলতি বছরে ট্রাম্প সমর্থিত একাধিক প্রার্থীর পরাজয়ের প্রবণতা সামনে এসেছে। এর আগে আইওয়া ও টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্প-সমর্থিত প্রার্থীরা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় হেরে যান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের সমর্থন এখনো রিপাবলিকান ভোটারদের বড় অংশে প্রভাব ফেললেও সব ক্ষেত্রে এটি নিশ্চিত জয় এনে দিচ্ছে না।   জর্জিয়ার এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য সমীকরণেও ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে জর্জিয়ার মতো সুইং স্টেটগুলোতে ভোটার বিভাজন এবং দলীয় প্রভাব ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৪:২০
ছবি: সংগৃহীত
ইরান চুক্তির লিখিত ভাষার বাইরে রয়েছে গুরুত্বপূর্ণ সমঝোতা, দাবি মার্কিন কর্মকর্তাদের

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) পূর্ণাঙ্গ পাঠ দ্রুত প্রকাশের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা বলছেন, চুক্তির লিখিত ভাষাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ এতে দুই পক্ষের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ আড়ালের সমঝোতা বা ‘ব্যাক-চ্যানেল’ অঙ্গীকারগুলোর প্রতিফলন নেই।   মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বক্তব্যে কর্মকর্তারা জানান, চুক্তির পাঠ ইচ্ছাকৃতভাবে বেশ অস্পষ্ট রাখা হয়েছে। এর উদ্দেশ্য হলো সামনে শুরু হতে যাওয়া জটিল ও কারিগরি পর্যায়ের সরাসরি আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। একই সঙ্গে এমন ভাষা ব্যবহার করা হয়েছে, যাতে ইরান নিজ দেশের জনগণের কাছে চুক্তিটিকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে পারে।   মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে দেড় পৃষ্ঠার সমঝোতা স্মারকের কথা বলেছেন, তাতে ইরানের দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের উল্লেখ নেই। তাদের দাবি, এসব প্রতিশ্রুতিই যুক্তরাষ্ট্রকে চুক্তিতে সম্মত হতে অতিরিক্ত আস্থা জুগিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেন, “এমওইউর ভাষা নিয়ে মানুষের বেশি কিছু অনুমান করা উচিত নয়।” তিনি চুক্তিটিকে মূলত একটি “রাজনৈতিক দলিল” হিসেবে উল্লেখ করেন।   তিনি আরও বলেন, “আসল দলিলের চেয়ে আমাদের পারস্পরিক বোঝাপড়াগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চুক্তি এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে নিষেধাজ্ঞা শিথিল করা, পারমাণবিক ইস্যুতে সমঝোতা করা এবং জব্দকৃত অর্থ ছাড়ের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভব হবে।”   তবে তিনি স্পষ্ট করেন, আলোচনায় অগ্রগতির ওপর নির্ভর করেই নিষেধাজ্ঞা শিথিল ও তহবিল ছাড় করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া ও শর্ত নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এসব সুবিধা কার্যকর হবে না।   চুক্তির পাঠ দেখেছেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতির উল্লেখ নেই। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়াম ধ্বংসের প্রক্রিয়া তদারকি করবে। চুক্তিতে কেবল বলা হয়েছে, ইরান “কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না”। উল্লেখ্য, ২০১৫ সালে ওবামা প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিতেও তেহরান একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল।   তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, আনুষ্ঠানিক নথিতে না থাকলেও গোপন যোগাযোগের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ট্রাম্প প্রশাসনের প্রত্যাশিত কিছু ছাড় দিতে প্রস্তুত। এর মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সমন্বয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়টিও রয়েছে বলে তারা জানিয়েছেন।   চুক্তির আর্থিক অংশে তুলনামূলকভাবে বেশি বিস্তারিত তথ্য রয়েছে। কর্মকর্তাদের মতে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে ইরান ৩০০ বিলিয়ন ডলারের একটি উন্নয়ন তহবিল থেকে সুবিধা পেতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দুজনই জোর দিয়ে বলেছেন, এই তহবিলে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না।   ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়েও চুক্তিতে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, ভবিষ্যৎ আলোচনায় অগ্রগতি হলে এসব সম্পদ ধাপে ধাপে ছাড় করা হবে এবং ইরানের জন্য সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য করা হবে। চুক্তি অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরান আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি করতে পারবে। এ জন্য প্রয়োজনীয় নিষেধাজ্ঞা ছাড়পত্রও যুক্তরাষ্ট্র প্রদান করবে।   একজন মার্কিন কর্মকর্তা বলেন, চুক্তিটি পুরোপুরি “কর্মসম্পাদনভিত্তিক”। ইরান কেবল তখনই এর সুবিধা পাবে, যখন তারা চুক্তির সব শর্ত মেনে চলবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি না করা, সমৃদ্ধ ইউরেনিয়াম নিরপেক্ষ করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা না দেওয়া।   চুক্তির পূর্ণাঙ্গ পাঠ এখনো প্রকাশ না হলেও এর কপি ইতোমধ্যে ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া ইউরোপীয় ও অন্যান্য দেশের কর্মকর্তাদের মধ্যে ঘুরছে বলে জানা গেছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বিভিন্ন দেশের নেতা ট্রাম্পের কাছে চুক্তির কয়েকটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন বলে জানা যায়।   চুক্তির গোপনীয়তা নিয়ে ট্রাম্পের রাজনৈতিক মিত্রদের মধ্যেও প্রশ্ন উঠেছে। তাদের জানতে চাওয়া, ইতোমধ্যে স্বাক্ষরিত একটি কাঠামোগত চুক্তি কেন এখনো জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তিটি প্রকাশ করতে চায়। তবে কূটনৈতিক প্রক্রিয়া এবং মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে প্রকাশের সময়সূচি সমন্বয় করা হচ্ছে।   ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কাতার ও পাকিস্তান পুরো আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তারা চেয়েছে চুক্তি প্রকাশের প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হোক।” সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা দ্রুত চুক্তির পাঠ প্রকাশ করতে আগ্রহী হলেও ইরানের অভ্যন্তরীণ প্রক্রিয়ার প্রতি কিছুটা ছাড় দেওয়া হয়েছে।   একজন কর্মকর্তা বলেন, “আমরা চাই চুক্তির পাঠ প্রকাশ করা হোক। তারা আমাদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। তবে আমরা এর আগেই প্রকাশের অনুমতি পাওয়ার চেষ্টা করছি।” কর্মকর্তাদের মতে, বিষয়টিকে আরও জটিল করে তুলেছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অবস্থান। তিনি সমঝোতা স্মারকে নীরব সমর্থন দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। শুক্রবার সুইজারল্যান্ডে নির্ধারিত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আগে তিনি কোনো বিবৃতি দেবেন কি না, তা নিয়েও তেহরানে আলোচনা চলছে।   মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি একটি “আনুষ্ঠানিক পরিবেশে” চুক্তিটি প্রকাশ করতে চান। একই সঙ্গে তিনি দাবি করেন, দলিলটির বিষয়বস্তু নিয়ে তিনি এতটাই সন্তুষ্ট যে চাইলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে শব্দে শব্দে তা পড়ে শোনাতে পারবেন। তিনি আরও বলেন, বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরবর্তী দফার আলোচনা প্রথম পর্বের তুলনায় অনেক সহজ হবে।   শুক্রবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমাকে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা “পরীক্ষামূলক পর্ব” হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য, এই সময়ের মধ্যে ওয়াশিংটন মূল্যায়ন করবে ইরান তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা আন্তরিক এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কতদূর ছাড় দিতে প্রস্তুত। একজন কর্মকর্তা বলেন, “আমরা মূলত দীর্ঘমেয়াদি চুক্তি নিয়েই বেশি মনোযোগী। শেষ পর্যন্ত আস্থা তৈরি এবং বাস্তব বিষয়গুলোতে অগ্রগতি অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৪:১২
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তরণ এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার সুযোগকে সামনে রেখে দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। জার্মানির ফেডারেল ফরেন অফিসের (এফএফও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টম্যান বলেছেন, বাংলাদেশকে আরও নিবিড়ভাবে জানতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী।   মঙ্গলবার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রাঙ্ক হার্টম্যান এবং এফএফওর দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান স্টিফেন কোখ গত ৯ থেকে ১১ জুন বাংলাদেশ সফর করেন। সফরকালে তারা সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন।   হার্টম্যান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে গেছে এবং এর মাধ্যমে দেশটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকার পেয়েছে। এ প্রেক্ষাপটে জার্মানি ও ইউরোপ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়।   জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের উপস্থিতিতে প্রতিনিধি দলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ড. মু. নজরুল ইসলাম এবং মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।   সাক্ষাৎকালে উভয় পক্ষ দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগ্রহও তুলে ধরে।   বৈঠকে রোহিঙ্গা সংকট গুরুত্বপূর্ণ স্থান পায়। ফ্রাঙ্ক হার্টম্যান বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে জার্মানি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।   জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে এবং বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করবে।   সফরকালে প্রতিনিধি দলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করে। এ সময় বাণিজ্যমন্ত্রী ব্যবসা-বাণিজ্য সহজতর করা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং চামড়া, পাট ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।   ফ্রাঙ্ক হার্টম্যান স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের আগে অর্থনৈতিক সংস্কারের গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।   সফরের অংশ হিসেবে জার্মান কর্মকর্তারা কাশিমপুরে ডিবিএল গ্রুপের টেক্সটাইল উৎপাদন কারখানা পরিদর্শন করেন। সেখানে তারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন প্রক্রিয়া এবং টেকসই উন্নয়ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৩:৪১
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ‘রেন্ট ফ্রিজ’ দাবিতে বিক্ষোভ, ২৪ লাখ ভাড়াটিয়ার জন্য ভাড়া না বাড়ানোর আহ্বান

নিউইয়র্ক সিটির প্রায় ২৪ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত (রেন্ট স্ট্যাবিলাইজড) অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত বা ‘রেন্ট ফ্রিজ’ করার দাবিতে মঙ্গলবার ম্যানহাটনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক স্টেট টেন্যান্ট ব্লক, CAAAV এবং ম্যানহাটনের বিভিন্ন ভাড়াটিয়া সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে রাস্তায় নেমে আসেন।   সমাবেশের আগে জোয়ান অব আর্ক পার্কে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রামলাইন ও নৃত্যের আয়োজন করা হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সিম্ফনি স্পেসে পৌঁছে সমাবেশ করেন। বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ভাড়া না বাড়ানোই সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ।   আয়োজকদের দাবি, গত মাসে নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইনস বোর্ডের প্রাথমিক ভোটে এক ও দুই বছরের নবায়নযোগ্য লিজের ক্ষেত্রে শূন্য শতাংশ ভাড়া বৃদ্ধির বিকল্প বিবেচনায় রাখা হয়েছে। সংগঠনগুলোর মতে, দুই বছরের লিজেও প্রথমবারের মতো ভাড়া না বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে।   নিউইয়র্ক স্টেট টেন্যান্ট ব্লকের নির্বাহী পরিচালক সুমাথি কুমার বলেন, ভাড়াটিয়ারা বর্তমানে মূল্যস্ফীতি, ফেডারেল সামাজিক সুবিধা কমে যাওয়া এবং অভিবাসন অভিযানের মতো নানা চাপে রয়েছেন। অন্যদিকে, তাঁর দাবি অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে অনেক বাড়িওয়ালার পরিচালন মুনাফা বেড়েছে। এ কারণে এক ও দুই বছরের লিজে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।   আয়োজক সংগঠনগুলোর ভাষ্য, ম্যানহাটনের মতো ব্যয়বহুল এলাকায় ভাড়া-নিয়ন্ত্রিত বাসস্থান নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য উচ্ছেদ এবং অতিরিক্ত ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করে।   তাদের দাবি, সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, ভাড়া স্থগিত রাখলে অধিকাংশ বাড়িওয়ালার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। পাশাপাশি ভবন রক্ষণাবেক্ষণের জন্য বাড়িওয়ালাদের সহায়তায় বিভিন্ন সরকারি কর্মসূচিও বিদ্যমান রয়েছে।   সমাবেশে বক্তব্য দেন চায়নাটাউনের দীর্ঘদিনের বাসিন্দা এবং CAAAV-এর ভাড়াটিয়া নেতা শুঝেন লিউ। তিনি বলেন, গত ৩১ বছরে তাঁর ভবনের মালিক একাধিকবার পরিবর্তিত হলেও ভবনের রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।   তাঁর অভিযোগ, ভাড়া বৃদ্ধি বাড়িওয়ালাদের জবাবদিহিতা বাড়ানোর পরিবর্তে দায়িত্বজ্ঞানহীন আচরণকে উৎসাহিত করে। তাই তিনি সব ধরনের লিজে ‘রেন্ট ফ্রিজ’ কার্যকর করার আহ্বান জানান।   সংগঠনগুলোর দাবি, নিউইয়র্কে ভাড়াটিয়ারা শহরের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। তাদের মতে, গত কয়েক বছরে ভাড়া বাড়লেও অনেক ভবনে বসবাসের পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং গরম পানি ও তাপ সরবরাহের মতো মৌলিক সেবা নিয়ে অভিযোগ বেড়েছে।   তারা আরও অভিযোগ করে, কিছু বাড়িওয়ালা ভবন সংস্কারের পরিবর্তে ভাড়ার অর্থ ঋণ পরিশোধ বা নতুন সম্পত্তি কেনার কাজে ব্যবহার করেছেন। অন্যদিকে, বাড়িওয়ালাদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়ে আসছে। তাদের দাবি, ভবন রক্ষণাবেক্ষণ ব্যয়, সম্পত্তি কর, বীমা এবং অন্যান্য পরিচালন খরচ ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে ভাড়া সমন্বয় ছাড়া ভবন পরিচালনা কঠিন হয়ে পড়ছে।   রেন্ট গাইডলাইনস বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভাড়াটিয়া ও বাড়িওয়ালা উভয় পক্ষের বক্তব্য এবং অর্থনৈতিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে থাকে। এখন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নিউইয়র্কের লাখো ভাড়াটিয়া ও বাড়িওয়ালা।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৩:৩২
ইউরোপীয় ইউনিয়নের পতাকা |সংগৃহীত
অভিবাসন আইন আরও কঠোর করছে ইউরোপীয় ইউনিয়ন

অবৈধ অভিবাসীদের আটক ও বহিষ্কারের ক্ষমতা বাড়াতে নতুন ও কঠোর অভিবাসননীতির চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত ভোটে অনুমোদন পেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে ‘ডিপোর্টেশন সেন্টার’ বা নির্বাসন কেন্দ্র স্থাপনের পথও উন্মুক্ত হবে।   দীর্ঘ আইন প্রণয়ন প্রক্রিয়া শেষে এই সংস্কার এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অভিবাসন নিয়ন্ত্রণে রাজনৈতিক চাপ বৃদ্ধি এবং ইউরোপজুড়ে জনমতের পরিবর্তনের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।   ইইউর অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, “এই আইন স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে পাচারকারীরা নয়, বরং আমরাই সিদ্ধান্ত নেব ইউরোপীয় ইউনিয়নে কে থাকতে পারবে এবং কাকে চলে যেতে হবে।”   নতুন আইনে এমন বিধান রাখা হয়েছে, যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ বা বহিষ্কার কেন্দ্র স্থাপন করা যাবে। যেসব অভিবাসীর ইউরোপে থাকার বৈধ অধিকার নেই, তাদের এসব কেন্দ্রে পাঠানোর সুযোগ থাকবে।   মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে এই পরিকল্পনার সমালোচনা করেছে। তবে ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি ও নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশ এ ধরনের কেন্দ্র স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।   সম্প্রতি ইইউভুক্ত দেশগুলোর একটি বড় অংশ এসব কেন্দ্র পরিচালনায় ইউরোপীয় অর্থায়নের উদ্যোগকে সমর্থন জানিয়েছে। যদিও ফ্রান্স ও স্পেন এ পরিকল্পনার বিরোধিতা করেছে।   গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, “আমাদের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে এসব কেন্দ্র স্থাপনের প্রথম চুক্তি সম্পন্ন করা, যাতে ২০২৭ সাল থেকে এগুলো কার্যকরভাবে পরিচালনা করা যায়।”   ইউরোপীয় দেশগুলোতে অভিবাসন ইস্যুতে জনমত ক্রমেই কঠোর হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশে ডানপন্থি রাজনৈতিক দলের উত্থানের ফলে সরকারগুলোও অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপের পথে হাঁটছে।   ২০২৫ সালে ইউরোপে অভিবাসীর আগমন কিছুটা কমে এলেও ব্রাসেলস এখন মূলত প্রত্যাবাসন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। বর্তমানে ইউরোপ থেকে বহিষ্কারের নির্দেশ পাওয়া অভিবাসীদের মধ্যে মাত্র ৩০ শতাংশ নিজ দেশে ফিরে গেছে।   ইইউ কর্মকর্তাদের মতে, নতুন আইন কার্যকর হলে অবৈধ অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসন এবং বহিষ্কার প্রক্রিয়া আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ৩:৫
ছবি: সংগৃহীত
ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত নতুন চুক্তির আওতায় ইরানে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ৩০০ বিলিয়ন ডলারের একটি বিশাল বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। চুক্তি সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, তহবিলটির অর্ধেকেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।   নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে অর্থনৈতিকভাবে উৎসাহিত করতেই এই তহবিলের ধারণা তৈরি করা হয়েছে। আগামী শুক্রবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তহবিলটির পুরো অর্থই আসবে বেসরকারি খাত থেকে। এতে কোনো সরকারি অর্থ বা অনুদান থাকবে না। যুক্তরাষ্ট্র, উপসাগরীয় আরব দেশগুলো, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন কোম্পানি এতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।   গত রোববার মার্কিন ও ইরানি কর্মকর্তারা যুদ্ধবিরতির বিষয়ে একটি প্রাথমিক সমঝোতার কথা জানান। চুক্তি কার্যকর হলে ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।   সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, এটি কোনো যুদ্ধ-পরবর্তী ক্ষতিপূরণ বা পুনর্গঠন তহবিল নয়; বরং একটি বেসরকারি বিনিয়োগ প্ল্যাটফর্ম। তহবিলের অর্থ মূলত জ্বালানি, পরিবহন, উৎপাদন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ করা হবে।   রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরান প্রথমে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ৪০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। তবে যুক্তরাষ্ট্র সেই দাবি প্রত্যাখ্যান করলে বিকল্প হিসেবে ‘পুনর্গঠন ও উন্নয়ন তহবিল’ গঠনের ধারণা সামনে আসে।   এই তহবিলের আওতায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মোবারকেহ স্টিল কমপ্লেক্স, বিভিন্ন তেল শোধনাগার, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা অন্তর্ভুক্ত থাকতে পারে।   দীর্ঘ কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক পুঁজিবাজার থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল ইরানের অর্থনীতি। অথচ দেশটির রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং চতুর্থ বৃহত্তম তেলের মজুদ। পাশাপাশি ৯ কোটির বেশি জনসংখ্যা এবং পেট্রোকেমিক্যাল, খনি, কৃষি ও পর্যটনের মতো সম্ভাবনাময় খাত রয়েছে।   সূত্রটি জানিয়েছে, ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা বা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার সঙ্গে এই তহবিলের কোনো সরাসরি সম্পর্ক নেই। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এটি কার্যকর হবে না। পরিকল্পনা অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিন প্রকল্পের কাঠামো, বিনিয়োগ পরিকল্পনা এবং বাস্তবায়ন রূপরেখা চূড়ান্ত করার কাজ চলবে।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই উদ্যোগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। তবে এ বিষয়ে পাকিস্তান বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানকে এই তহবিলের সুবিধা পেতে হলে পারমাণবিক কর্মসূচি বন্ধ, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস এবং আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থার মতো কয়েকটি শর্ত পূরণ করতে হবে।   দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের একাধিক কোম্পানি তহবিলে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও কৌশলগত কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। আগামী দুই মাসে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে একাধিক আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাবে দুই দেশ।   সূত্র: রয়টার্স

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২:৫৯
মোদি–মেলোনির রসিকতায় সরগরম নেটদুনিয়া, ‘মেলোডি’ আবার আলোচনায়
মোদি–মেলোনির রসিকতায় সরগরম নেটদুনিয়া, ‘মেলোডি’ আবার আলোচনায়

জি-৭ সম্মেলনের আনুষ্ঠানিক ব্যস্ততার মাঝেও এক অনানুষ্ঠানিক মুহূর্ত ঘিরে আলোচনায় উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনস্থলে রাষ্ট্রনেতাদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও কথোপকথনের ফাঁকে এই দুই নেতার সংক্ষিপ্ত আলাপচারিতা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।   সম্মেলনের এক পর্যায়ে অন্যান্য নেতাদের সঙ্গে আলাপরত অবস্থায় মেলোনি কাছে আসতেই মোদি এগিয়ে যান। তখন দুজনের মধ্যে হালকা হাস্যরসাত্মক কথোপকথন হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মেলোনি মোদিকে উদ্দেশ করে বলেন, “আবার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে।” এরপর মজার ছলে তিনি যোগ করেন, “আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”   মেলোনির এই মন্তব্যে সায় দিয়ে মোদিও তাদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘মেলোডি’ ট্রেন্ডের প্রসঙ্গ তোলেন। মুহূর্তটি দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।   ‘মেলোডি’ শব্দটি মূলত মোদি ও মেলোনির নামের সংমিশ্রণ। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ জলবায়ু সম্মেলনে মেলোনি মোদির সঙ্গে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ‘মেলোডি’ হ্যাশট্যাগ ব্যবহার করলে বিষয়টি প্রথম ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকেই দুই নেতার প্রতিটি সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মিম, ভিডিও ও রসাত্মক কনটেন্ট।   এই জনপ্রিয়তাকে আরও উসকে দেয় সম্প্রতি রোম সফরের একটি ঘটনা। ওই সফরে মোদি মেলোনিকে ‘মেলোডি’ নামের একটি টফি উপহার দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্দগালা স্যুট পরিহিত মোদি মেলোনির হাতে টফির একটি প্যাকেট তুলে দিচ্ছেন। সাদা স্যুট পরা মেলোনি হাসিমুখে উপহার গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান।   ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন... খুব, খুব ভালো টফি।” এ সময় দুই নেতাকেই বেশ স্বতঃস্ফূর্ত ও হাস্যোজ্জ্বল দেখা যায়।   বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনীতির কঠোর আনুষ্ঠানিকতার বাইরে এমন স্বতঃস্ফূর্ত ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত বিশ্বনেতাদের মানবিক দিকটি সামনে আনে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে আলাদা আগ্রহও তৈরি করে। মোদি ও মেলোনির এই ‘মেলোডি’ রসায়নও তার ব্যতিক্রম নয়।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২:৩১
হোয়াইট হাউসে ইউএফসি ইভেন্টে হামলার ছক ভেস্তে দিল এফবিআই, পাঁচজন গ্রেপ্তার
হোয়াইট হাউসে ইউএফসি ইভেন্টে হামলার ছক ভেস্তে দিল এফবিআই, পাঁচজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি উচ্চপ্রচারিত ইউএফসি (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) ইভেন্টকে ঘিরে পরিকল্পিত বড় ধরনের হামলার ষড়যন্ত্র নস্যাৎ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।   প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বহুস্তরীয় হামলার পরিকল্পনা করেছিল। প্রথম ধাপে বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে অনুষ্ঠানস্থলের আশপাশের ভবনগুলোতে আঘাত হানার পরিকল্পনা ছিল। এরপর বিশৃঙ্খলার মধ্যে আতঙ্কিত জনতাকে লক্ষ্য করে গুলি চালানো এবং স্নাইপারদের সামনে ঠেলে দেওয়ার কৌশল নির্ধারণ করা হয়। শেষ ধাপে হোয়াইট হাউসের প্রধান ফটকে হামলা চালানোরও পরিকল্পনা ছিল তাদের।   গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ওহাইওর ১৯ বছর বয়সী টাইসেন সি প্রোপার, ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এস্ক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।   আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদিও তাদের সবাই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।   তদন্তকারীরা জানিয়েছেন, এই ষড়যন্ত্রের সূত্রপাত হয় টাইসেন প্রোপারকে কেন্দ্র করে। গত ১০ জুন তার মা স্থানীয় কর্তৃপক্ষকে ফোন করে জানান, ছেলে অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ করছে এবং অনলাইনে সাবেক সামরিক সদস্য ও ধর্মভিত্তিক একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে—যা তাকে উদ্বিগ্ন করে তোলে। ওই তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।   এফবিআইয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা নিজেদের ‘দেশপ্রেমিক’ হিসেবে দেখালেও তারা বিশ্বাস করত যুক্তরাষ্ট্র ভুল পথে পরিচালিত হচ্ছে এবং বর্তমান রাষ্ট্রব্যবস্থা ভেঙে নতুন কাঠামো গড়া প্রয়োজন। সরকারি দুর্নীতি, আলোচিত এপস্টাইন ফাইলস, ডেটা সেন্টারের কারণে জলসংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছিল।   তদন্তে আরও জানা গেছে, প্রথমে টিকটকের একটি গ্রুপের মাধ্যমে তাদের যোগাযোগ শুরু হয়। পরে যাচাই-বাছাই শেষে তারা এনক্রিপটেড মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’-এ ছোট ছোট দলে ভাগ হয়ে পরিকল্পনা এগিয়ে নেয়। ডিওজের দাবি, আব্রাহাম আলভারেজ হামলার সমন্বয় এবং ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা ওয়াশিংটনের মানচিত্রে সম্ভাব্য স্নাইপার অবস্থান, ড্রোন উড্ডয়নের স্থান এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে নিজেদের মধ্যে আদান-প্রদানও করেছিল।   এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হামলা কার্যকর হওয়ার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি সিক্রেট সার্ভিসের উপপরিচালক ম্যাট কুইন।   এদিকে জি-৭ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কিছুই শোনেননি।   উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে রোববার হোয়াইট হাউসের সাউথ লনে ‘দ্য ক্ল’ নামে একটি উন্মুক্ত মঞ্চে ইউএফসির বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত প্রায় ৪ হাজার ৩০০ অতিথি উপস্থিত ছিলেন, আর আশপাশে প্রায় ৮৫ হাজার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।   দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেককে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। এছাড়া টাইসেন প্রোপারের বিরুদ্ধে হোয়াইট হাউস প্রাঙ্গণে সহিংসতার ষড়যন্ত্রের অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে। মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ২:১
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র, বিনিয়োগের সুযোগ তৈরির কথা বললেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দেওয়ার খবর সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটন সরাসরি তেহরানকে কোনো অর্থ দিচ্ছে না; বরং সম্ভাব্য চুক্তির শর্ত পূরণ সাপেক্ষে অন্য দেশগুলোর বিনিয়োগের পথ খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।   সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষাপটে মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বিষয়টি পরিষ্কার করেন।   ‘দ্য মেগান কেলি শো’-তে সাংবাদিক মেগান কেলির প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান যদি চুক্তির শর্ত মেনে চলে এবং তাদের আচরণে পরিবর্তন আনে, তাহলে দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এতে করে আন্তর্জাতিক বিনিয়োগের পরিবেশ তৈরি হবে এবং অর্থনৈতিক কার্যক্রম বাড়বে।   ভ্যান্স উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত যদি ইরানে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করতে চায়, তাহলে বর্তমান নিষেধাজ্ঞা কাঠামোর কারণে তা সম্ভব নয়। তবে ইরান শর্ত পূরণ করলে এই বাধাগুলো শিথিল হতে পারে।   তিনি আরও বলেন, “যারা বলছেন আমরা ইরানকে অর্থ দিচ্ছি, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমরা কেবল এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে ইরান তাদের নীতিতে পরিবর্তন আনলে অন্যান্য দেশ সেখানে বিনিয়োগ করতে পারবে এবং দেশের পুনর্গঠন ও জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।”   এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান কাঠামোগত চুক্তির অংশ হিসেবে একটি বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে, যার আকার হতে পারে প্রায় ৩০০ বিলিয়ন ডলার। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ ইতোমধ্যে বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে প্রতিশ্রুত হয়েছে।   তবে এই তহবিল সরকারি নয় বলে স্পষ্ট করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র সরকারের কোনো অর্থ বা অনুদান থাকবে না। বরং যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশসমূহ, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বেসরকারি কোম্পানিগুলো এতে বিনিয়োগ করবে। জ্বালানি, পরিবহন, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার মতো খাতে এসব অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।   ‘রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড’ নামে পরিচিত এই তহবিলের মূল লক্ষ্য হচ্ছে—ইরানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে অর্থনৈতিক প্রণোদনা দেওয়া।   একটি ইরানি সূত্র জানিয়েছে, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে তেহরান প্রথমে যুক্তরাষ্ট্রের কাছে ৪০০ বিলিয়ন ডলার দাবি করেছিল। কিন্তু ওয়াশিংটন সরাসরি সেই দাবি প্রত্যাখ্যান করে। পরিবর্তে বিনিয়োগনির্ভর পুনর্গঠন প্রক্রিয়ার প্রস্তাব সামনে আনে।   দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ইরান বৈশ্বিক বিনিয়োগ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল। যদিও দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ—বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ও তেলের মজুদ রয়েছে সেখানে। পাশাপাশি বড় জনসংখ্যা ও সম্ভাবনাময় শিল্পখাত থাকলেও বিদেশি বিনিয়োগের অভাবে সেসব সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।   সূত্রগুলো আরও জানায়, সম্ভাব্য এই তহবিল গঠন এবং কার্যক্রম শুরু হবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর। সমঝোতা স্মারক সইয়ের পরবর্তী ৬০ দিনের মধ্যে বিনিয়োগ কাঠামো চূড়ান্ত করা হতে পারে। এই সময়ের মধ্যে প্রকল্প নির্ধারণ ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলবে।   এর আগে গত রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক কাঠামোতে সম্মত হওয়ার কথা জানান। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানানো হয়।   বিশ্লেষকদের মতে, সরাসরি অর্থ সহায়তার পরিবর্তে বিনিয়োগের সুযোগ তৈরি করা হলে তা ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে চুক্তির বাস্তবায়ন ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির ওপরই এর সাফল্য অনেকাংশে নির্ভর করবে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ১:১৪
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে বক্তব্য, এমপি জেবা আমিন খানকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে বক্তব্য, এমপি জেবা আমিন খানকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় বাংলা ও ইংরেজি মিশিয়ে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান। মঙ্গলবার (১৬ জুন) সংসদ অধিবেশনে দেওয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।   সংসদ সূত্রে জানা যায়, ওইদিন বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দলের কয়েকজন সদস্য সরকারের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করেন। এর জবাবে বক্তব্য দিতে গিয়ে জেবা আমিন খান মিশ্র ভাষায় বক্তব্য উপস্থাপন করেন, যা সংসদ কক্ষে যেমন দৃষ্টি আকর্ষণ করে, তেমনি পরে অনলাইনে ব্যাপকভাবে আলোচিত হয়।   বক্তব্যে তিনি রংপুর-৬ আসনের এক সংসদ সদস্যের মন্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, দেশের বহু সড়ক এখনো খারাপ অবস্থায় রয়েছে, যার জন্য তিনি পূর্ববর্তী সরকারের দুর্নীতিকে দায়ী করেন। তার ভাষায়, অতীতে বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও তা সাধারণ মানুষের উপকারে আসেনি; বরং ব্যাপক লুটপাট হয়েছে। এ কারণেই গ্রামীণ এলাকায় এখনো কাঁচা রাস্তা রয়ে গেছে বলে দাবি করেন তিনি।   বর্তমান সরকারের সময়কাল উল্লেখ করে জেবা আমিন খান বলেন, সরকার মাত্র একশ দিনের কিছু বেশি সময় পেয়েছে, তাই কার্যকর পরিবর্তন আনতে আরও সময় প্রয়োজন। তিনি বিরোধী দলের সদস্যদের প্রতি আহ্বান জানান, উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে ঘোষণার মতো উদ্যোগের প্রশংসা করতে।   এদিকে নির্ধারিত সময়ের বেশি বক্তব্য দেওয়ায় একপর্যায়ে স্পিকার তাকে থামিয়ে দেন। স্পিকার উল্লেখ করেন, সাধারণত সদস্যদের ছয় মিনিট সময় দেওয়া হলেও তাকে আট মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এরপর তাকে বক্তব্য শেষ করতে আরও এক মিনিট সময় দেওয়া হয়।   তবে অতিরিক্ত সময় চেয়ে জেবা আমিন খান নিজের নির্বাচনী এলাকা ঝালকাঠির শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরতে চান। তিনি অতীত সরকারের মন্ত্রীদের ডিও লেটারের মাধ্যমে কাজ করার সংস্কৃতিরও সমালোচনা করেন। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার তাকে বক্তব্য সমাপ্ত করতে অনুরোধ করেন এবং ভবিষ্যতে আরও সুযোগ দেওয়ার আশ্বাস দেন।   সংসদের এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মিশ্র ভাষার ব্যবহারে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিষয়টি হাস্যরসের সঙ্গে দেখছেন। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে, যেখানে সংসদীয় ভাষা ও উপস্থাপনার ধরন নিয়ে নানা মত উঠে আসছে।

প্রকাশ : জুন ১৭, ২০২৬ ০:৪৭