সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
অভিবাসন পথে মৃত্যুমিছিল; এক বছরেই ঝরে গেল প্রায় ৮ হাজার প্রাণ!

বিশ্বজুড়ে অভিবাসন সংকট কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তা প্রকাশ পেল জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাম্প্রতিক পরিসংখ্যানে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে উন্নত জীবনের আশায় পাড়ি জমানো অন্তত ৭ হাজার ৯০০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন, যাঁদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।   আইওএম-এর ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অভিবাসন পথে ৮০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। তবে সংস্থাটি সতর্ক করে দিয়েছে যে, এই সংখ্যাটি কেবল নথিভুক্ত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দুর্গম পথ এবং সমুদ্রে সলিল সমাধির অনেক ঘটনাই অগোচরে থেকে যায় বলে প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।   আন্তর্জাতিক এই সংস্থাটি এই মৃত্যুমিছিল রোধে বিশ্বনেতাদের আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জীবন বাঁচাতে মরিয়া এই মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সামনের দিনগুলোতে বৈশ্বিক অভিবাসন পরিস্থিতি আরও বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রকাশ : এপ্রিল ২১, ২০২৬ ০:৫৮
মৃত শিশুর মরদেহ নিয়ে যাচ্ছেন যুবক | ছবি : সংগৃহীত
মৃত শিশু কোলে রাস্তায় ঘুরছেন বাবা

রাজধানীর মহাখালী এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ফুটওভার ব্রিজ পার হয়ে রাস্তায় হেঁটে যেতে দেখা যায় এক যুবককে, যার কোলে কাপড়ে মোড়ানো একটি শিশুর মরদেহ।    স্থানীয় সূত্র ও ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শিশুটির বয়স আনুমানিক ৩ থেকে ৫ বছর। ধারণা করা হচ্ছে, শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। ধারণা করা হচ্ছে যে যুবককের কোলে শিশু টির মরাদেহ দেখা গিয়েছে তিনি শিশুটির বাবা   এ বিষয়ে ছবি ও তথ্য অনুযায়ী জানা যায়, শিশুটির নাম সাদমান। তাকে চিকিৎসার জন্য কামরাঙ্গীরচর এলাকা থেকে ঢাকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   ছবিতে হাসপাতালের সামনে কয়েকজন নারীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে। পরে শিশুটির মরদেহ নিয়ে স্বজনরা রাস্তায় ফিরে যান বলে ধারণা করা হচ্ছে।   তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এবং প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : এপ্রিল ২১, ২০২৬ ০:৪৯
ছবি: সংগৃহীত
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিষ্কার: প্রধানমন্ত্রী

সংবাদপত্রের স্বাধীনতায় সরকার বিশ্বাসী এবং এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।   প্রধানমন্ত্রী বলেন, “সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।”   মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন নোয়াবের নেতারা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।   প্রেস সচিব আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন উল্লেখ করে বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে থাকেন।   গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নোয়াব সদস্যদের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক।   বৈঠকে নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাজ্জেল হক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।

প্রকাশ : এপ্রিল ২১, ২০২৬ ০:৪০
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ | ছবি: সংগৃহীত
সংসদে হাসনাতের ‘গাড়ি আবদার’, শফিকুর রহমানের পজিটিভ রিঅ্যাকশন; ছোটদের কি ‘না’ বলতে নেই?

জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের জন্য গাড়ির সুবিধা চেয়ে এক মজার ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সংসদে তিনি আক্ষেপ করে বলেন, "ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানদের গাড়ি থাকলেও আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়, যা অত্যন্ত লজ্জার।" জনগণের কাছে যাওয়ার সুবিধার্থে তিনি সরকারের কাছে গাড়ির দাবি জানান।   হাসনাতের এই ‘আবদারের’ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর অনুশাসন স্মরণ করিয়ে দিয়ে জানান, সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না—এমন সিদ্ধান্ত আগেই হয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে কোনো বিহিত করা যায় কি না, তা নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন। ঠিক এই মুহূর্তেই বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে হাসনাতের পক্ষ সমর্থন করে রসিকতার সুরে বলেন, "ছোটদের কখনো ‘না’ বলতে নেই, তাদের আবদারে ‘হ্যাঁ’ বলতে হয়।"   একই অধিবেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ সদস্যদের জন্য প্রতিটি উপজেলা পরিষদে একটি করে ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দের সরকারি আদেশ জারির ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই কক্ষগুলো তৈরি করা হচ্ছে যেখানে এটাচ বাথরুম ও আসবাবপত্র থাকবে। বসার জায়গা পেয়ে হাসনাত খুশি হলেও গাড়ির দাবি নিয়ে সংসদের এই প্রাণবন্ত আলোচনা এখন রাজনৈতিক মহলে বেশ চর্চিত হচ্ছে।  

প্রকাশ : এপ্রিল ২১, ২০২৬ ০:২৮
ছবি: সংগৃহীত
প্রথম দিনেই কেন অনুপস্থিত ২৫ হাজার পরীক্ষার্থী?

সারাদেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিতির এক বিশাল পরিসংখ্যান সামনে এনেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তথ্য অনুযায়ী, প্রথম দিনে দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৬ জন শিক্ষার্থীকে।   কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত নথিতে জানানো হয়, এবার ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিল ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। সাধারণ ৯টি বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১১ হাজার ৮৯০ জন হলেও মাদ্রাসা বোর্ডে এই হার উদ্বেগজনক; সেখানে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন শিক্ষার্থী।   কারিগরি বোর্ডেও ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এবং সেখানে একজন কক্ষ পরিদর্শককে দায়িত্ব অবহেলার কারণে বহিষ্কার করা হয়েছে। বড় অংকের এই অনুপস্থিতির নেপথ্যে কোনো নির্দিষ্ট কারণ আছে কি না, তা নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রথম দিনের এই চিত্র কি সামনের পরীক্ষাগুলোতেও বজায় থাকবে?

প্রকাশ : এপ্রিল ২১, ২০২৬ ০:৮
যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগম | ছবি: সংগৃহীত
কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন সেই নেত্রী ও শিশু!

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় দেড় মাসের শিশুসন্তানসহ কারাগারে পাঠানোর আদেশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাতে এক বিশেষ শুনানির পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।   এর আগে বিকেলে শিল্পীর ৪৬ দিনের সন্তানকে কোলে নিয়ে আদালত প্রাঙ্গণে কান্নাকাটি ও হাজতখানায় যাওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মানবিক দিক ও শিশুর স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী পুনরায় জামিনের আবেদন করলে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত তাঁর জামিন বহাল রাখার আদেশ দেন।   মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন এক শিক্ষার্থীর বাসায় হামলা ও ভাঙচুরের নির্দেশদাতা ছিলেন এই নেত্রী। সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনি জটিলতা কাটিয়ে বুধবার সকালে তিনি কারামুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। এক দিনের ব্যবধানে একই মামলায় জেল হাজত এবং জামিন—আদালত পাড়ায় এই ঘটনাটি এখন টক অফ দ্য টাউন।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২৩:৫৫
বাংলার জয়যাত্রা
কেন হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পাচ্ছে না বাংলাদেশি জাহাজ?

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তাপের আঁচ এবার সরাসরি গায়ে লাগছে বাংলাদেশের। দীর্ঘদিনের বন্ধুপ্রতিম দেশ হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে অনুমতি দিচ্ছে না ইরান। ৩৭ হাজার টন সার নিয়ে গত কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় আটকা পড়ে আছে জাহাজটি।  মূলত যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধে বাংলাদেশের ‘অস্পষ্ট’ অবস্থান এবং তেহরানের প্রতি যথাযথ শোক প্রকাশ না করায় এই কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং পরবর্তী উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতি নিয়ে অসন্তুষ্ট তেহরান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শুরুতে দেওয়া বিবৃতিতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে উল্টো ইরানের পাল্টা হামলার নিন্দা জানানোয় ক্ষুব্ধ হয়েছে আইআরজিসি (ইসলামিক বিপ্লবী গার্ড কোর)। যদিও পরে শোক প্রকাশ করে আরেকটি বিবৃতি দেওয়া হয়, তবে তা তেহরানের কাছে ‘যথেষ্ট’ মনে হয়নি। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটি বর্তমানে রাস আল খাইর বন্দর থেকে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানের পথে ছিল। দুই দফায় হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও ইরানি নৌবাহিনীর বাধার মুখে ফিরে আসতে বাধ্য হয় জাহাজটি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, কূটনৈতিক পর্যায়ে জোর তৎপরতা চলছে এবং দ্রুতই জট খোলার আশা করছেন তারা। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী সরাসরিই উষ্মা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। এমনকি শোক বইতে সই করতে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার না যাওয়াকেও ভালোভাবে নেয়নি দেশটি। সাবেক কূটনীতিকদের মতে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ‘নৈতিক ভিত্তি’ এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থনের বিষয়ে অবস্থান অস্পষ্ট হওয়ার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। বর্তমানে তুরস্কে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে জাহাজটির নিরাপদ প্রস্থানের অনুরোধ জানিয়েছেন। এখন দেখার বিষয়, এই কূটনৈতিক ‘মনোকষ্ট’ কাটিয়ে বাংলার জয়যাত্রা কবে নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারে।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২৩:৩৮
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ ও বিতর্কে চাপে ট্রাম্প, জনপ্রিয়তা নেমেছে সর্বনিম্নে

ইরান যুদ্ধ, মূল্যস্ফীতি এবং ধর্মীয় নেতাকে ঘিরে বিতর্ক- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তীব্র চাপের মুখে পড়েছেন। রয়টার্স-ইপসসের সর্বশেষ জরিপে দেখা গেছে, তার জনপ্রিয়তা বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।   ছয় দিনব্যাপী জাতীয় এই জরিপে ট্রাম্পের কাজের প্রতি সমর্থন ৩৬ শতাংশে স্থির রয়েছে, যা এক মাস আগের মতোই। তবে এটি তার মেয়াদকালের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তার সর্বোচ্চ অনুমোদন ছিল ৪৭ শতাংশ।   ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর জ্বালানির দাম বৃদ্ধি পায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে। জরিপে দেখা যায়, জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় ট্রাম্পের অনুমোদন মাত্র ২৬ শতাংশ, যা তার অন্যতম সর্বনিম্ন স্কোর।   ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতি জনসমর্থনও সীমিত। জরিপে ৩৬ শতাংশ উত্তরদাতা এ হামলাকে সমর্থন করেছেন, তবে মাত্র ২৬ শতাংশ মনে করেন, এটি ব্যয়ের তুলনায় সার্থক হয়েছে। জরিপে ট্রাম্পের আচরণ ও মানসিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। মাত্র ২৬ শতাংশ উত্তরদাতা তাকে “শান্ত স্বভাবের” নেতা হিসেবে দেখেন। গত এক বছরে তার মানসিক তীক্ষ্ণতা কমেছে বলে মনে করেন ৫১ শতাংশ অংশগ্রহণকারী।   এদিকে ইরান যুদ্ধের সমালোচনা করায় পোপ লিওকে নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জরিপে দেখা যায়, ৬০ শতাংশ উত্তরদাতা পোপ লিও সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন, যেখানে ট্রাম্পের ক্ষেত্রে এ হার ৩৬ শতাংশ।   নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ দেশটিকে আরও নিরাপদ করবে। একইসঙ্গে অধিকাংশই ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার ধারণার বিরোধিতা করেছেন।   বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং ব্যক্তিগত আচরণ নিয়ে বিতর্ক এই তিনটি বড় ইস্যুতে একসঙ্গে চাপে পড়েছেন ট্রাম্প। সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় এই পরিস্থিতি হোয়াইট হাউসের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২২:৫৯
ছবি: সংগৃহীত।
যুদ্ধের প্রভাবে এবার দুর্মূল্য হতে যাচ্ছে কনডম!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতার প্রভাব এবার পড়ছে ব্যক্তিগত সুরক্ষা পণ্যের বাজারে। বিশ্বের বৃহত্তম কনডম প্রস্তুতকারক মালয়েশীয় কোম্পানি ‘কারেক্স’ তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এই দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। কারেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, লোহিত সাগরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে নৌপরিবহন ব্যয় বহুগুণ বেড়ে গেছে। জাহাজ চলাচলে দীর্ঘসূত্রতার ফলে বিশ্বজুড়ে সরবরাহ চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে অনেক আমদানিকারক ও বিক্রেতার গুদাম প্রায় শূন্য হয়ে পড়েছে, যা বাজারে এই পণ্যের চাহিদা ও সংকট উভয়ই বাড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, "বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। পরিবহন ও কাঁচামালসহ সবকিছুর ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে উৎপাদনের বাড়তি খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।" উল্লেখ্য, কারেক্স বছরে প্রায় ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে। শুধু কনডমই নয়, যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পেট্রোকেমিক্যাল খাতে অস্থিরতা চলায় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত গ্লাভস উৎপাদনকারীরাও একই ধরনের সংকটে পড়েছেন। সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের এই পণ্যের দাম বৃদ্ধির ঘোষণা আন্তর্জাতিক বাজারে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২২:৫৭
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ভয়াবহ ‘স্ট্রিট টেকওভার’, পুলিশের গাড়িতে হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে অবৈধ ‘স্ট্রিট টেকওভার’ ঘিরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার ভোররাত প্রায় দুইটার দিকে মাসপেথ এলাকার ৬৯ স্ট্রিট ও এলিয়ট অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুটি গ্যাস স্টেশনের মাঝামাঝি ওই মোড়ে ডজন ডজন গাড়ি জড়ো হয়ে রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে তার চারপাশে বেপরোয়া ড্রাইভিং শুরু করে। আগুনের রিং ঘিরে গাড়িগুলো ‘ডোনাট’ করতে থাকে এবং শত শত মানুষ ভিড় করে উল্লাস করে। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা একটি নীল রঙের গাড়িকে বৃত্তাকারে বেপরোয়াভাবে ঘুরতে দেখেন। এছাড়া একটি রুপালি রঙের বিএমডব্লিউ এক্সথ্রি এবং একটি সাদা বিএমডব্লিউ গাড়িও সেখানে ছিল।   পুলিশ ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুইজন ব্যক্তি একটি চিহ্নিত পুলিশ গাড়ির বনেটে লাফিয়ে উঠে ভাঙচুর চালায়। এতে গাড়িটির উইন্ডশিল্ড ফেটে যায় এবং বনেট ক্ষতিগ্রস্ত হয়। পরে সন্দেহভাজনরা একটি কালো নিসান গাড়িতে করে পালিয়ে যায়।   এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আটজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন। একজন বাসিন্দা বলেন, পুলিশের প্রতি সম্মান কমে যাচ্ছে এবং আইনশৃঙ্খলার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ দুর্বল হয়ে পড়ছে।   সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্কে এ ধরনের স্ট্রিট টেকওভারের ঘটনা বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিশেষ করে রাতের বেলায় বাণিজ্যিক এলাকা ও গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে এসব ঘটনার পুনরাবৃত্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে।   উল্লেখ্য, ঘটনাস্থলটি কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও উডসাইড এলাকার কাছাকাছি হওয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২২:৫৩
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে মিরসরাই অ্যাসোসিয়েশনের বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির অভিষেক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন, ঈদ পুনর্মিলনী এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করেছে মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ এনএ ইনক।   গত ১৮ এপ্রিল জ্যামাইকার ইকরা পার্টি হলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী মিরসরাইবাসীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কমিউনিটি নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, নারী-পুরুষ, শিশু থেকে বয়স্ক- সব বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।   অনুষ্ঠানে নতুন কমিটির অভিষেকের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে প্রবাসে বসবাসরত মিরসরাইবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।   বর্ণিল এই আয়োজনে দেশীয় ও আঞ্চলিক গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা প্রবাসী দর্শকদের মাঝে দেশীয় সংস্কৃতির আবহ তৈরি করে। শিশুদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।   এ ছাড়া দেশীয় স্বাদের নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল অনুষ্ঠানে। মাছ-মাংসসহ বিভিন্ন পদ প্রবাসীদের কাছে দেশের স্বাদ ফিরিয়ে আনে।   সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী আড্ডার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের পাশাপাশি ঈদ পুনর্মিলনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু তাহের মিয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম উপস্থিত থেকে নববর্ষ ও ঈদের শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান। এছাড়া আয়োজক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব জিএম মোর্শেদ, যুগ্ম সদস্য সচিব শাওন ও হায়দার টিপু, যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দিন খোন্দকার ও সাজেদা বেগম সাজুসহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।   আয়োজকরা জানান, প্রবাসে মিরসরাইবাসীদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২২:৪২
ছবি: সংগৃহীত
৪৬ দিনের সন্তান কোলে হাজতখানায় যুব মহিলা লীগ নেত্রী; আদালত প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্য!

রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় ১ মাস ১৬ দিন বয়সী কন্যাসন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে (৩৭)। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। আদালত প্রাঙ্গণে কোলের শিশুকে দুধ পান করানোর সময় পুলিশ তাঁকে হাজতখানায় নিতে চাইলে এক আবেগঘন ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।   আসামিপক্ষের আইনজীবীরা মানবিক দিক বিবেচনা করে জামিনের জোর আবেদন জানালেও আদালত তা মঞ্জুর করেননি। শিল্পী বেগমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, সিজারের মাধ্যমে জন্ম নেওয়া এই শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন এবং কারাগারে মা ও শিশুর নিরাপত্তা ও মানবাধিকার চরম ঝুঁকির মুখে পড়বে। আদালতের এই সিদ্ধান্তে আইনজীবীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।   মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তার দাবি, তিনি ওই আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়। রাজনীতির মারপ্যাঁচে নিষ্পাপ শিশুর এই কারাবাস নিয়ে আদালত পাড়ায় চলছে নানা আলোচনা।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২২:৩১
পারমাণবিক বোম
শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের পারমাণবিক ভাণ্ডারের নজিরবিহীন বিস্তার

শি জিনপিংয়ের দূরদর্শী সামরিক কৌশলের অধীনে চীন তাদের পারমাণবিক সক্ষমতাকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা বর্তমান বিশ্ব নিরাপত্তার সমীকরণকে আমূল বদলে দিচ্ছে। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২০ সালে চীনের কাছে যেখানে প্রায় ৩০০টি কার্যকর পারমাণবিক ওয়ারহেড ছিল, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সেই সংখ্যা দ্বিগুণ হয়ে অন্তত ৬০০-তে পৌঁছেছে। এই দ্রুতগতির বিস্তার প্রমাণ করে যে, বেইজিং কেবল তার আঞ্চলিক প্রতিরক্ষা নিশ্চিত করতে চায় না, বরং ২০৩০-এর দশকের মাঝামাঝি নাগাদ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ একটি বৈশ্বিক পারমাণবিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। ধারণা করা হচ্ছে, চীনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে তাদের ওয়ারহেড সংখ্যা ১,৫০০-এ পৌঁছাতে পারে, যা বিশ্বজুড়ে এক নতুন এবং বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।   চীনের এই পারমাণবিক আধুনিকীকরণের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো তাদের প্রযুক্তির বহুমুখিতা এবং গোপনীয়তা। দেশটির পশ্চিমাঞ্চলীয় মরুভূমিগুলোতে শত শত নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (ICBM) সাইলো বা ভূগর্ভস্থ নিক্ষেপণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেখান থেকে অত্যাধুনিক ডিএফ-৪১ (DF-41) ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।   একইসাথে চীন তাদের 'নিউক্লিয়ার ট্রায়াড' বা তিন স্তরীয় পারমাণবিক আক্রমণ ব্যবস্থা (স্থল, আকাশ ও সমুদ্র) সম্পূর্ণ করতে অত্যন্ত সক্রিয়। তারা যেমন সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক হামলার জন্য অত্যাধুনিক সাবমেরিন তৈরি করছে, তেমনি আকাশে তাদের দূরপাল্লার বোমারু বিমানের বহরকেও ঢেলে সাজাচ্ছে। যদিও চীন দাবি করে আসছে যে তাদের এই পরমাণু নীতি কেবল "ন্যূনতম প্রতিরোধ"গড়ার জন্য এবং তারা কখনোই প্রথমে পারমাণবিক হামলা করবে না, তবুও তাদের ভাণ্ডারের এই বিশাল আকার ও আধুনিকায়ন আন্তর্জাতিক মহলে বিশেষ করে ওয়াশিংটনে চরম অস্বস্তি সৃষ্টি করেছে। বৈশ্বিক ভূ-রাজনীতির এই সন্ধিক্ষণে চীনের এই পারমাণবিক উত্থান আগামী দিনে ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে |

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২১:৪৯
ছবি: সংগৃহীত।
মার্কিন ভিসা বুলেটিনে বড় পরিবর্তনের আভাস: ভারতীয় ও চীনাদের পর কি প্রভাব পড়বে বাংলাদেশেও?

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন যাদের রয়েছে, বিশেষ করে বিনিয়োগ কোটায় (ইবি-৫ ভিসা), তাদের জন্য সতর্কবার্তা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সাম্প্রতিক এক বুলেটিনে জানানো হয়েছে, ২০২৬ সালের মে মাস নাগাদ ভারত ও চীনের বিনিয়োগকারীদের জন্য ভিসার সহজলভ্যতা বা 'প্রায়োরিটি ডেট' অনেক পিছিয়ে যেতে পারে। যদিও এই সতর্কতা মূলত ভারতীয় ও চীনা নাগরিকদের জন্য, তবে এর প্রভাব বিশ্বব্যাপী এবং বাংলাদেশি উচ্চবিত্ত বিনিয়োগকারীদের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। ইবি-৫ ভিসা আসলে কী? যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ (বর্তমানে সাধারণত ৮ লাখ ডলার থেকে ১০ লাখ ৫০ হাজার ডলার) এবং অন্তত ১০ জন মার্কিন কর্মীর কর্মসংস্থান তৈরির বিনিময়ে যে গ্রিন কার্ড পাওয়া যায়, তাকেই ইবি-৫ বা 'গোল্ডেন ভিসা' বলা হয়। মে ২০২৬-এর সতর্কবার্তায় কী আছে? স্টেট ডিপার্টমেন্টের মে ২০২৬-এর ভিসা বুলেটিনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ওই সময়ের মধ্যে আবেদনের সংখ্যা ভিসা কোটার চেয়ে অনেক বেড়ে যেতে পারে। এর ফলে তৈরি হবে ‘ব্যাকলগ’। অর্থাৎ, আজ যারা আবেদন করবেন, তাদের গ্রিন কার্ড পেতে বর্তমান সময়ের চেয়ে অনেক বেশি বছর অপেক্ষা করতে হতে পারে। বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য এর গুরুত্ব: বাংলাদেশ থেকে যারা বৈধ পথে বা বিদেশে থাকা সম্পদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে নাগরিকত্ব পেতে চান, তাদের জন্য এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। যদি ভারত ও চীনের মতো বিশাল ব্যাকলগ অন্যান্য দেশের ক্ষেত্রেও তৈরি হয়, তবে দ্রুত আবেদন না করলে কয়েক বছরের দীর্ঘসূত্রিতায় পড়ার ঝুঁকি থাকে।  

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২১:৪০
সংসদে রুমিন ফারহানা | ফাইল ছবি
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার; সংসদে রুমিন ফারহানা

নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক খাত থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে, এমন তথ্য তুলে ধরে জাতীয় সংসদে সরকারের তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সংসদে দেওয়া বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সরকার অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ আছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।   রুমিন ফারহানার সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এই ঋণের বড় অংশই মূলত বিগত সরকারের রেখে যাওয়া দেনার ধারাবাহিকতা বা ‘ক্যারিওভার’। এটি বর্তমান সরকারের নতুন কোনো আর্থিক বোঝা নয়। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির অর্থনৈতিক লক্ষ্য হলো স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনা, যার প্রতিফলন আগামী বাজেটে দেখা যাবে।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২১:২৪
স্বপ্নের শহর ছাড়ছেন হাজারো অভিবাসী
নিউইয়র্কে আর টেকা দায়! স্বপ্নের শহর ছাড়ছেন হাজারো অভিবাসী, দিশেহারা বাংলাদেশিরাও

যুক্তরাষ্ট্রে নতুন জীবন গড়ার স্বপ্ন নিয়ে বহু বছর ধরে হাজারো অভিবাসীর প্রথম পছন্দ ছিল নিউ ইয়র্ক সিটি। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির কাছে এই শহর ছিল সুযোগ, আয় এবং স্থায়ী ভবিষ্যতের প্রতীক।   তবে সময় বদলেছে। আকাশছোঁয়া বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি, চাকরির অনিশ্চয়তা এবং করের চাপের কারণে এখন অনেকেই বলছেন—নিউইয়র্কে আর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।   আরো পড়ুন: জর্জিয়া স্টেট: নতুন স্বপ্নের ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশিদের জন্য   সাম্প্রতিক বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ ও স্থানীয় প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত কয়েক বছরে নিউ ইয়র্ক সিটি থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অন্য স্টেটে চলে যাচ্ছেন। শুধু উচ্চবিত্ত নয়, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারও এখন শহর ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যেও।   আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের ২০২৬ মিডটার্ম নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে ১ কোটি ৬০ লাখ অভিবাসী ভোটার   অনেক বাংলাদেশি পরিবার জানিয়েছেন, আগে যেখানে একটি পরিবারের একজন উপার্জন করেই সংসার চালানো যেত, এখন সেখানে দুইজন কাজ করেও খরচ সামলানো কঠিন হয়ে যাচ্ছে। বাড়িভাড়া, গাড়ি বীমা, স্বাস্থ্যসেবা, শিশুর ডে-কেয়ার ও মুদি বাজারের খরচ বেড়ে যাওয়ায় অনেক পরিবার সঞ্চয় করতে পারছে না।   আরো পড়ুন: মামদানির বক্তব্যে নিউইয়র্কের পর জাতীয় রাজনীতির আভাস   ফলে অনেকে নিউ জার্সি, পেনসিলভানিয়া, ফ্লোরিডা, টেক্সাস এবং জর্জিয়া -এর মতো তুলনামূলক কম খরচের স্টেটে চলে যাচ্ছেন।   বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্কে চাকরির সুযোগ এখনও রয়েছে, তবে সেই আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। অনেক ছোট ব্যবসায়ীও বাড়তি ভাড়া ও শ্রম ব্যয়ের কারণে দোকান বা রেস্টুরেন্ট টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। এতে নতুন অভিবাসীদের জন্যও শহরে শুরুটা আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে।   বাংলাদেশি কমিউনিটির অনেকেই বলছেন, একসময় নিউইয়র্ক মানেই ছিল স্বপ্নের ঠিকানা। এখন সেই স্বপ্নের শহরে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। কেউ কেউ পরিবার নিয়ে অন্য স্টেটে চলে যাচ্ছেন, আবার কেউ অপেক্ষা করছেন পরিস্থিতি বদলের।   সব মিলিয়ে, সুযোগের শহর হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটি এখন নতুন বাস্তবতার মুখে দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে—স্বপ্নের শহর কি ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে?   সূত্র: স্থানীয় অর্থনৈতিক বিশ্লেষণ, অভিবাসন প্রবণতা প্রতিবেদন, নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২১:১২
ছবি: সংগৃহীত।
বিশ্বজুড়ে সংকটের মধ্যেও অজেয় চীনের ‘জ্বালানি দুর্গ’?

বর্তমান উত্তাল বিশ্ব রাজনীতিতে জ্বালানি তেলের বাজার যখন টালমাটাল, তখন চীন এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ইরান-ইসরায়েল সংঘাত এবং লোহিত সাগরের অস্থিরতার ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানি তেলের দাম আকাশচুম্বী এবং সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে, তখন বেইজিং তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুফল ভোগ করছে। গত এক দশকেরও বেশি সময় ধরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে দেশটি গড়ে তুলেছে এক অজেয় ‘জ্বালানি দুর্গ’। সিএনএন-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক এই চরম সংকটের সময়েও চীন অনেকটা স্বস্তিতে রয়েছে। এর পেছনে রয়েছে তাদের তিনটি প্রধান কৌশল: ১. নবায়নযোগ্য শক্তির বিপ্লব: চীন বর্তমানে সৌর বিদ্যুৎ, বায়ু শক্তি এবং জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তাদের শিল্প খাতের একটি বড় অংশ এখন আমদানিকৃত তেলের বদলে নিজস্ব ক্লিন এনার্জির ওপর নির্ভরশীল। ২. বিশাল মজুত ব্যবস্থা: জ্বালানি নিরাপত্তার কথা মাথায় রেখে চীন বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মজুত করে রেখেছে। এই মজুত দিয়ে তারা যেকোনো জরুরি পরিস্থিতি দীর্ঘ সময় মোকাবিলা করতে সক্ষম। ৩. বৈদ্যুতিক যানবাহনের প্রসার: চীনের রাস্তায় এখন পেট্রোল-ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ির (EV) জয়জয়কার। ফলে সাধারণ পরিবহনের ক্ষেত্রে তাদের তেলের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমেছে। কলম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির গবেষক এরিকা ডাউনস বলেন, "চীন এই সংকটের সময় পেছন ফিরে তাকিয়ে বলতে পারে যে, তাদের নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক ছিল।" যখন এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলো জ্বালানি আমদানিতে হিমশিম খাচ্ছে, তখন চীনের এই স্বনির্ভরতা বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে। বেইজিং প্রমাণ করছে যে, ভূ-রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে জ্বালানি নিরাপত্তার কোনো বিকল্প নেই।  

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২০:৫৬
ছবি: সংগৃহীত
নোয়াব সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।   প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকরা অংশ নেন।   সভায় নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফসহ বিভিন্ন পত্রিকার শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।   এছাড়া সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ২০:৩১
সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংসদে দেশের বর্তমান বৈদেশিক ঋণের হিসাব দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।   মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।   প্রশ্নে সংসদ সদস্য দেশের বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ, তা পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং সরকার ক্ষমতায় আসার পর কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কি না—এসব বিষয়ে জানতে চান।   জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।   তিনি আরও বলেন, সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) নিয়মিতভাবে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধে সম্ভাব্য ব্যয়ের একটি পূর্বাভাস তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়। এরপর নির্ধারিত সময়সূচি মেনে পুরো অর্থবছর জুড়ে ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ১৯:৩১
ছবি: সংগৃহীত।
মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা দেখাচ্ছে ‘বাথটাব রিং’

লাল গ্রহ মঙ্গলে এক সময় কি সত্যিই নীল জলরাশি বয়ে চলত? এই প্রশ্ন দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা এমন এক জোরালো প্রমাণ পেয়েছেন, যা এই সম্ভাবনাকে প্রায় নিশ্চিত করে তুলেছে। সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলের উত্তর গোলার্ধে এক বিশাল প্রাচীন সমুদ্রের উপকূলীয় স্তর বা 'কোস্টাল শেলফ' (Coastal Shelf) খুঁজে পেয়েছেন গবেষকরা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (ক্যালটেক) এবং ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন-এর গবেষকদের মতে, কয়েকশ কোটি বছর আগে মঙ্গলের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা সমুদ্রের নিচে ছিল। এই সমুদ্রটি ছিল অনেকটা পৃথিবীর মহাদেশীয় সোপানের (Continental Shelf) মতো। গবেষক দলের প্রধান আবদুল্লাহ জাকি জানান, তারা নাসার ‘মার্স অরবিটার লেজার অল্টিমিটার’ (MOLA) থেকে প্রাপ্ত ডেটা ব্যবহার করে মঙ্গলের ভূ-প্রকৃতি বিশ্লেষণ করেছেন। সেখানে তারা এমন এক সমতল ভূমি বা উপকূলীয় ধাপের সন্ধান পেয়েছেন, যা কেবল দীর্ঘস্থায়ী এবং বিশাল কোনো সমুদ্রের ঢেউ ও পলির মাধ্যমেই সৃষ্টি হওয়া সম্ভব। একে বিজ্ঞানীরা বর্ণনা করছেন অনেকটা 'বাথটাব রিং'-এর মতো—যেমন বাথটাবের জল কমে গেলে দেয়ালে একটি দাগ থেকে যায়, ঠিক তেমনি মঙ্গলের বুকে এই চিহ্নটি প্রাচীন সমুদ্রের অস্তিত্ব জানান দিচ্ছে। গবেষণায় আরও দেখা গেছে, এই উপকূলীয় স্তরটি প্রায় ৬৬০ থেকে ১৩০০ ফুট চওড়া। এটি ইঙ্গিত দেয় যে, মঙ্গলের এই সমুদ্রটি কেবল অল্প সময়ের জন্য ছিল না, বরং কয়েক মিলিয়ন বছর ধরে স্থিতিশীল ছিল। নদীগুলো যখন সমুদ্রে এসে পড়ত, তখন তারা প্রচুর পলি ও কাদা বহন করে নিয়ে আসত, যা কালক্রমে এই শেলফ তৈরি করেছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার কেবল মঙ্গলের ইতিহাস নয়, বরং সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাকেও আরও জোরালো করে তুলল। যদি সেখানে দীর্ঘকাল সমুদ্র থেকে থাকে, তবে সেখানে অণুজীব বা অন্য কোনো প্রাণের বিবর্তন ঘটাও অসম্ভব নয়। ২০৩০ সালে মঙ্গলে অবতরণ করতে যাওয়া ইউরোপীয় স্পেস এজেন্সির ‘রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন’ রোভারটি এই অঞ্চলে প্রাণের সন্ধান চালাবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ১৯:১০