বিশ্বকাপের সুপার সিক্সে টিকে থাকার লড়াইয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১৩৬ রানে অলআউট হয়েছে যুব টাইগাররা। ৩৮.১ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন জাওয়াদ আবরার (৬)। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন রিফাত বেগ। ৩৬ বলে ৩১ রানের ইনিংস খেললেও বড় স্কোরে রূপ দিতে পারেননি তিনি। দলীয় ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পরই ফের চাপে পড়ে বাংলাদেশ।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪৬ বল খেলে করেন মাত্র ২০ রান। তার মন্থর ইনিংস মাঝের ওভারগুলোতে রানের গতি আরও কমিয়ে দেয়। কালাম সিদ্দিকি আলীন (১০) ও রিজান হোসেন (৯) দ্রুত ফিরলে ব্যাটিং ধস স্পষ্ট হয়ে ওঠে।
মাঝের দিকে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন উইকেটকিপার মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি ৩৪ বলে ২৫ রান করেন। তবে অপরপ্রান্তে নিয়মিত উইকেট পড়ায় সেই প্রচেষ্টাও কাজে আসেনি। শেষদিকে শাহরিয়ার আহমেদ ৩২ বলে ১৮ রান করলেও স্কোর খুব বেশি দূর এগোয়নি। শেষ পর্যন্ত মেহেদি ইমন ২ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের বোলাররা ছিল দারুণ শৃঙ্খলাবদ্ধ।
সেবাস্টিয়ান মরগান ৩ উইকেট নেন ২৮ রানে। ম্যানি লামসডেন মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এছাড়া রালফি অ্যালবার্ট নেন ২টি উইকেট। জেমস মিন্টো ও অ্যালেক্স গ্রিনও গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন।