সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

ডাইভারসিটি ভিসা

গ্রিন কার্ড লটারি পুনরায় চালুর জন্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত এক রুশ অভিবাসী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ডিভি লটারি পুনরায় চালুর দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন মামলা

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচির নিবন্ধন চালুর দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। ২০২৭ ও ২০২৮ সালের কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে রুশ নাগরিক ইভান ইভাননিকভ এই মামলা করেছেন। এর কয়েক দিন আগে দেশটির একটি আপিল আদালত নিম্ন আদালতের দেওয়া লটারি পুনরায় চালুর নির্দেশ স্থগিত করেন। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা কর্মসূচিটি নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে।   নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, গত ১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বিবাদী করা হয়েছে। ইভাননিকভের দাবি, পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ ও ডিভি-২০২৮ কর্মসূচির জন্য নিবন্ধন চালু করতে বাধ্য করা হোক। তিনি নিজেও এই দুই কর্মসূচিতে অংশ নিতে চান বলে মামলায় উল্লেখ করেছেন।   এর আগে গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল জেলা আদালত ডিভি-২০২৭ কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশ অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা, ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ এবং ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত ব্যক্তিদের আবেদন করার যোগ্যতা সম্পর্কে জানানোর কথা ছিল। তবে ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করে জরুরি ভিত্তিতে তা স্থগিত করার আবেদন জানায়।   গত ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত সরকারের সেই আবেদন মঞ্জুর করেন। এর ফলে নিম্ন আদালতের নির্দেশ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত হয়ে যায়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আগের মামলার বাদী অভিবাসন আইনটির মাধ্যমে সুরক্ষিত স্বার্থের আওতায় পড়ে কি না, তা প্রতিষ্ঠা করতে পারেনি। বিচারক এন র‌্যান্ডি স্মিথ পৃথক মতামতে প্রতিষ্ঠানটির সাংবিধানিকভাবে মামলা করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। তবে আদালত স্পষ্ট করে জানায়, নিবন্ধন চালু না করার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তকে তারা সমর্থন করছে না।   নতুন মামলার বাদী ইভান ইভাননিকভের জন্ম রাশিয়ার মস্কোতে। তাঁর আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দেশটির হায়ার স্কুল অব ইকোনমিকসে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিনের স্কুল অব ল থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজস্ব অভিবাসন আইনবিষয়ক চর্চা শুরু করেন। বর্তমানে তিনি কর্মসংস্থানভিত্তিক ভিসা ও গ্রিন কার্ড পেতে আগ্রহীদের আইনি সহায়তা দেন।   মামলার নথিতে বলা হয়েছে, ইভাননিকভ বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন এবং ও-১এ শ্রেণির অস্থায়ী কর্মভিসার আওতায় যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন। বিশেষ দক্ষতা বা অসাধারণ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এই ভিসা দেওয়া হয়। তাঁর ও-১এ আবেদন ২০২৯ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুমোদিত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি রয়েছে একই বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।   ইভাননিকভের আইনজীবী কার্টিস লি মরিসন নিউজউইককে বলেন, ডাইভারসিটি ভিসা লটারি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই লটারিতে অংশ নেন, কারণ তাঁরা যুক্তরাষ্ট্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন। তাঁর মতে, বিভিন্ন দেশের যোগ্য অভিবাসনপ্রত্যাশীদের এই সুযোগ দেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের স্বপ্ন ও বহুমাত্রিক সমাজকে আরও সমৃদ্ধ করবে।   মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে বেআইনি বিলম্ব এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ আনা হয়েছে। বাদীপক্ষের দাবি, ডিভি কর্মসূচির নিবন্ধন বন্ধ রাখা পররাষ্ট্রমন্ত্রীর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে। এ ছাড়া আদালতের মাধ্যমে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য করার আবেদনও জানানো হয়েছে। মামলায় ডিভি-২০২৭ ও ডিভি-২০২৮ উভয় কর্মসূচির জন্য কমপক্ষে ৩০ দিনের নিবন্ধন সময় নির্ধারণ এবং নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদন প্রক্রিয়া চালু রাখার নির্দেশ চাওয়া হয়েছে। ইভাননিকভের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা প্রাথমিক নিষেধাজ্ঞা জারির আবেদনও করবেন।   এদিকে, যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা কর্মসূচি কয়েক দশক ধরে দেশটির অভিবাসন ব্যবস্থার একটি অংশ। ১৯৮০-এর দশকে কংগ্রেসের উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচির উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠায় এমন দেশগুলোর নাগরিকদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়ানো। এর আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়া হয়। যোগ্য দেশগুলোর আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিরা পরবর্তী সময়ে ভিসার জন্য আবেদন করার সুযোগ পান।   ডিভি কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা শুরু হয় ২০২৫ সালের ৫ নভেম্বর। ওই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, লটারিতে অংশগ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে এবং ডিভি-২০২৭-এর নিবন্ধনের তারিখ যথাসম্ভব দ্রুত ঘোষণা করা হবে। তবে নিবন্ধন শুরু হয়নি। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর ট্রাম্প প্রশাসন ডাইভারসিটি ভিসা ইস্যু স্থগিতের ঘোষণা দেয়। এরপর থেকেই কর্মসূচিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।   নতুন মামলার বিষয়ে নিউজউইককে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না। নতুন মামলার শুনানি ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ডিভি-২০২৭ ও ডিভি-২০২৮ কর্মসূচির নিবন্ধন চালুর ভবিষ্যৎ। আপাতত ডিভি-২০২৭ নিবন্ধন চালুর বিষয়ে কোনো কার্যকর আদালতের নির্দেশ নেই।   সূত্র: নিউজউইক, যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত।

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ২, ২০২৬ ১৩:০ 0
ডিভি লটারি চালু করতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ
ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, ১ নভেম্বর থেকে আবেদন শুরুর সময়সীমা

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না হওয়ায় আদালত এ নির্দেশ দেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে।   গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু থাকতে পারে। তবে আবেদন শুরুর চূড়ান্ত তারিখ, যোগ্যতার শর্ত এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে সম্ভাব্য আবেদনকারীদের। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছিল একটি আইন প্রতিষ্ঠান। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত ডিভি লটারি কর্মসূচি আটকে রেখেছে। এতে সম্ভাব্য আবেদনকারীদের পাশাপাশি লটারি-সংক্রান্ত আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠানটিরও আর্থিক ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করা হয়। মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পররাষ্ট্র দপ্তরকে জবাবদিহির আওতায় আনা হয়। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবেদন গ্রহণ শুরু করলে কর্মসূচির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বিচারক মনে করেন, সময়সীমা পেরিয়ে যাওয়াকে কারণ দেখিয়ে কংগ্রেস অনুমোদিত কর্মসূচি বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। এ বিবেচনায় তিনি নিবন্ধন চালুর নির্দেশ দেন। ডিভি লটারি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি নামেও পরিচিত। এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে কম অভিবাসী পাঠায়—এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। নির্বাচিত ব্যক্তিরা নির্ধারিত শর্ত পূরণ করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন। অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার বিপরীতে ডিভি লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব কিংবা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয় না। তবে লটারিতে নির্বাচিত হওয়া মানেই গ্রিন কার্ড নিশ্চিত হওয়া নয়। আবেদনকারীদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণ, কাগজপত্র জমা এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আবেদনের জন্য সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা বা সমমানের যোগ্যতা থাকা প্রয়োজন। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করার সুযোগ থাকতে পারে। আদালতের নির্দেশ অনুসারে নিবন্ধন চালু হলে যোগ্য দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে আবেদন করার আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা, যোগ্য দেশের তালিকা এবং আবেদনের শর্ত যাচাই করা জরুরি। নিবন্ধন চালুর নির্দেশ থাকলেও চূড়ান্ত সময়সূচি ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সরকারি নির্দেশনাই অনুসরণ করতে হবে।

অলিনা রহমান অক্টোবর ২০, ২০২৬ ১৪:০ 0
২০২৭ সালের ডাইভারসিটি ভিসা লটারি চালুর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডিভি লটারি চালুর নির্দেশ, ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন শুরু

যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারির নিবন্ধন চালুর নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না করায় ট্রাম্প প্রশাসনকে এই কর্মসূচি চালু করতে হবে। তবে ২০ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিবন্ধন এখনো শুরু হয়নি। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি প্রকাশ করতে এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে। নিবন্ধন অন্তত ৩০ দিন চালু রাখার নির্দেশও রয়েছে।   গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ বিষয়ে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। ডাইভারসিটি ভিসা কর্মসূচির নিবন্ধন চালু না করায় রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিল। মামলাটিতে প্রতিষ্ঠানটি যুক্তি দেয়, সরকার নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না করায় কর্মসূচিটি কার্যত বন্ধ হয়ে গেছে এবং এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। আদালত প্রাথমিকভাবে বাদীপক্ষের যুক্তির পক্ষে অবস্থান নিয়ে কর্মসূচি চালুর নির্দেশ দেন।   বিচারক ওহতা তাঁর আদেশে বলেন, পর্যাপ্ত ব্যাখ্যা ছাড়াই নিবন্ধন শুরু না করায় সরকারের পদক্ষেপ আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার আদালতে যুক্তি দিয়েছিল, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিবন্ধন চালু করলে কর্মসূচির সময়সীমা-সংক্রান্ত বিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে বিচারক মনে করেন, স্বাভাবিক সময়সূচি অনুসরণের অজুহাতে নিবন্ধন বন্ধ রাখলে ২০২৭ অর্থবছরের লটারি আয়োজনই সম্ভব হবে না। এ কারণে কর্মসূচি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদেশ বাস্তবায়নের বিষয়ে আদালত নজরদারি বজায় রাখবেন।   পরবর্তী সময়ে আদালতের সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনসংক্রান্ত ঘোষণা প্রকাশ করতে হবে এবং ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন চালু করতে হবে। আবেদন গ্রহণের সময়সীমা হবে অন্তত ৩০ দিন। নির্বাচিত আবেদনকারীদের বিষয়ে ৩ ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশও রয়েছে। তবে নিবন্ধন শুরুর সুনির্দিষ্ট সময়, আবেদন করার ওয়েবসাইট ও যোগ্যতার বিস্তারিত শর্ত জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা করতে হবে। আদালতের নির্দেশ জারি হওয়া মানেই নিবন্ধন ইতিমধ্যে চালু হয়েছে, এমন নয়।   ১৯৯০ সালে মার্কিন কংগ্রেসের মাধ্যমে চালু হওয়া ডাইভারসিটি ভিসা কর্মসূচির লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে তুলনামূলক কমসংখ্যক অভিবাসী পাঠায় এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া। এ কর্মসূচিতে বছরে সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা বরাদ্দ থাকে। লটারিতে নির্বাচিত হলেই অবশ্য গ্রিন কার্ড নিশ্চিত হয় না। আবেদনকারীকে নির্ধারিত যোগ্যতা পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং ভিসা প্রক্রিয়ার অন্যান্য শর্ত সম্পন্ন করতে হয়।   যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নিউজউইককে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে ভিসা প্রক্রিয়ায় মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চলমান বা বিচারাধীন মামলা নিয়ে সাধারণত মন্তব্য করে না বলেও জানিয়েছে দপ্তরটি। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন অতীতে ডাইভারসিটি ভিসা কর্মসূচির বিরোধিতা করেছে এবং অভিবাসনসংক্রান্ত বিভিন্ন ব্যবস্থায় কঠোরতা এনেছে।   বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, লটারি চালুর আদালতের নির্দেশকে এখনই আবেদন গ্রহণ শুরু হওয়ার ঘোষণা হিসেবে ধরে নেওয়া যাবে না। নিবন্ধনের তারিখ, যোগ্য দেশের তালিকা ও আবেদনপদ্ধতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। ভুয়া ওয়েবসাইট বা অর্থের বিনিময়ে নিশ্চিতভাবে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাপারেও সতর্ক থাকা জরুরি।   সূত্র: নিউজউইক, কোর্টহাউস নিউজ সার্ভিস, মার্কিন আদালতের সংশোধিত সময়সূচিসংক্রান্ত প্রতিবেদন।

মোহাম্মদ ইব্রাহিম অক্টোবর ১৯, ২০২৬ ১৪:০ 0
২০২৭ সালের গ্রিন কার্ড লটারি চালু করতে আদালতের নির্দেশ
বিচারকের নির্দেশে ২০২৭ সালের গ্রিন কার্ড লটারি চালুর পথে ট্রাম্প প্রশাসন, সুযোগ ফিরছে আবেদনকারীদের

যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালতের বিচারক। নির্ধারিত সময়ে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু না করায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বাধীন পররাষ্ট্র দপ্তরকে নিবন্ধনের সময়সীমা ঘোষণা ও আবেদন গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে। বুধবার, ১৪ অক্টোবর দেওয়া এই আদেশের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার অন্যতম একটি পথ আবারও চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।   যুক্তরাষ্ট্রের জেলা বিচারক জিনসুক ওহতা এ বিষয়ে একটি প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। আদেশ অনুযায়ী, পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ লটারির নিবন্ধনপর্ব প্রকাশ্যে ঘোষণা করতে হবে এবং অন্তত ৩০ দিন আবেদন গ্রহণের সুযোগ রাখতে হবে। পরবর্তী সময়ে নির্বাচিত আবেদনকারীদের আবেদন প্রক্রিয়াকরণও চালিয়ে যেতে হবে। তবে মোট ৫৫ হাজার ভিসা বরাদ্দ শেষ হয়ে গেলে অথবা ২০২৭ অর্থবছর শেষ হলে—যেটি আগে ঘটবে, সে অনুযায়ী প্রক্রিয়া সীমিত হবে।   আদালতের নির্দেশের আগে ডিভি-২০২৭ লটারির নিবন্ধন শুরুর কোনো নির্ধারিত সময়সূচি ঘোষণা করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। সাধারণত প্রতিবছর এই কর্মসূচির জন্য আবেদন গ্রহণ করা হয়। কিন্তু এবার নতুন নিবন্ধনপর্ব চালু না হওয়ায় আগ্রহী আবেদনকারীরা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। সরকারের নিষ্ক্রিয়তার কারণে পুরো কর্মসূচি কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।   আদালতের নথি ও সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক প্রথমে নির্দেশ দেন, ১৫ অক্টোবর মধ্যরাতের মধ্যে নিবন্ধনপর্বের ঘোষণা দিতে হবে। ঘোষণায় আবেদন শুরুর ও শেষের তারিখ, অনলাইনে আবেদন জমা দেওয়ার ওয়েবসাইট এবং অংশগ্রহণের শর্ত উল্লেখ করার কথা বলা হয়। পাশাপাশি পররাষ্ট্র দপ্তরের প্রচলিত সরকারি যোগাযোগমাধ্যম এবং ফেডারেল রেজিস্টারের মাধ্যমেও তথ্য প্রকাশ করতে হবে।   তবে পরবর্তী সময়ে সময়সীমা বাড়ানোর বিষয়ে সরকার ও মামলাকারী পক্ষ যৌথভাবে আবেদন করে। মামলাকারী প্রতিষ্ঠানের আইনজীবী কার্টিস মরিসনের দেওয়া তথ্য অনুযায়ী, নিবন্ধন চালুর সময়সূচি এবং নির্বাচিতদের জানানোর সময়সীমা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার প্রস্তাবে আদালত সম্মতি দিয়েছেন। ফলে প্রাথমিক আদেশে উল্লেখ করা সময়সূচির পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের তাই নিবন্ধন শুরুর চূড়ান্ত তারিখ জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে হবে।   কেন আদালতের দ্বারস্থ হয়েছিল প্রতিষ্ঠানটি   ক্যালিফোর্নিয়াভিত্তিক অভিবাসন আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল গ্রিন কার্ড লটারি চালু না করার সিদ্ধান্তের বিরুদ্ধে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে মামলা করে। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, আইন অনুযায়ী পরিচালিত হওয়ার কথা এমন একটি কর্মসূচির নিবন্ধন শুরু না করে সরকার কার্যত সেটি স্থগিত রেখেছে। এতে সম্ভাব্য আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি ডিভি আবেদনকারীদের আইনি সহায়তা দিয়ে কাজ করা প্রতিষ্ঠানটিরও আর্থিক ক্ষতি হচ্ছে।   মামলাটিতে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রমসংক্রান্ত আইনের আওতায় সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে। তাদের যুক্তি ছিল, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার অজুহাতে লটারি পুরোপুরি বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। বরং কংগ্রেসের অনুমোদিত কর্মসূচিটি বাস্তবায়নে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।   অন্যদিকে, সরকারের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, নিবন্ধন চালুর স্বাভাবিক সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন নতুন করে আবেদন গ্রহণ শুরু করা ফেডারেল বিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব না হলে আদালতের নির্দেশেও তা চালু করা আইনগত জটিলতা তৈরি করতে পারে।   বিচারক ওহতা সরকারের এই যুক্তি গ্রহণ করেননি। তাঁর পর্যবেক্ষণে, নিবন্ধন না খোলার কারণে কংগ্রেস অনুমোদিত কর্মসূচিটি কার্যত স্থগিত হয়ে পড়েছে। সরকারের এই নিষ্ক্রিয়তা আইনবহির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মনে করেন। প্রাথমিক নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত আপাতত কর্মসূচিটি চালুর নির্দেশ দিয়েছেন। এটি মামলার প্রাথমিক পর্যায়ের আদেশ; চূড়ান্ত রায় নয়।   ডিভি লটারিতে কীভাবে সুযোগ পাওয়া যায়   ১৯৯০ সালে মার্কিন কংগ্রেস ডাইভারসিটি ভিসা কর্মসূচি চালু করে। এর উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রে যেসব দেশ থেকে তুলনামূলক কমসংখ্যক মানুষ অভিবাসন করেন, সেসব দেশের যোগ্য নাগরিকদের স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করা। এই কর্মসূচির মাধ্যমে প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা বরাদ্দ থাকে।   লটারিতে নির্বাচিত হলেই কেউ সরাসরি গ্রিন কার্ড পেয়ে যান না। নির্বাচিত হওয়ার পরও প্রয়োজনীয় নথিপত্র জমা, যোগ্যতা যাচাই, সাক্ষাৎকার এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়। সব শর্ত পূরণ করে ভিসা অনুমোদন পেলেই কেবল যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যায়।   এ ছাড়া, কোন দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট যোগ্যতার নিয়ম রয়েছে। ফলে বাংলাদেশসহ কোনো দেশের নাগরিকদের ক্ষেত্রে আবেদনযোগ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বছরের সরকারি নির্দেশনা যাচাই করা জরুরি।   এবারের বিলম্বের কারণে ডিভি-২০২৭ কর্মসূচির সময়সূচি স্বাভাবিক বছরের তুলনায় সংকুচিত হতে পারে। আদালতের নির্দেশে নিবন্ধন চালুর পথ তৈরি হলেও আবেদন গ্রহণ, নির্বাচিতদের জানানো এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাতে সময় তুলনামূলক কম থাকবে।   আদালতের আদেশ অনুযায়ী, পররাষ্ট্র দপ্তরকে বরাদ্দ শেষ হওয়া অথবা ২০২৭ অর্থবছরের সমাপ্তি—এই দুই সীমার মধ্যে ভিসা প্রক্রিয়া চালাতে হবে। অর্থবছরটি শেষ হবে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর। ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে না পারলে নির্বাচিত সবাই যে ভিসা পাবেন, এমন নিশ্চয়তা নেই।   বাংলাদেশসহ বিভিন্ন দেশের সম্ভাব্য আবেদনকারীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিবন্ধন শুরুর সরকারি ঘোষণা, আবেদনের নির্ধারিত সময়সীমা এবং যোগ্যতার শর্ত সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করা। আদালতের আদেশ লটারি চালুর সুযোগ তৈরি করেছে, তবে আবেদন জমা দেওয়ার আগে সরকারি নির্দেশনা যাচাই করাই হবে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

অলিনা রহমান অক্টোবর ১৪, ২০২৬ ১৪:০ 0
যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও বৈধ অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব, সিনেটে নতুন বিল উত্থাপন

যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল। ‘আমেরিকানস ফার্স্ট ইমিগ্রেশন অ্যাক্ট’ নামে প্রস্তাবিত বিলটিতে ডাইভারসিটি ভিসা লটারি বাতিল, নাগরিকদের বাবা-মায়ের জন্য গ্রিন কার্ডের পথ সীমিত করা এবং কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের বর্তমান কাঠামো বদলে পয়েন্টভিত্তিক ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।   আলাবামার সিনেটর টিউবারভিল ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিলটি সিনেটে উত্থাপন করেন। বিলটির নম্বর S. 5485। সিনেটে উত্থাপনের পর এটি দুইবার পাঠ করা হয়েছে এবং বিচারবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। অর্থাৎ, এটি এখনো প্রস্তাবিত আইন এবং যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন আইনে কোনো পরিবর্তন আনেনি।   প্রস্তাবটি এর আগে প্রতিনিধি ব্যারি মুরের নেতৃত্বে ২৯ এপ্রিল প্রতিনিধি পরিষদে H.R. 8586 হিসেবে উত্থাপন করা হয়েছিল। ওই বিলের সহ-উদ্যোক্তা ছিলেন রিপাবলিকান প্রতিনিধি গ্লেন গ্রথম্যান, ওয়েসলি হান্ট ও ট্রয় নেহলস।   টিউবারভিলের প্রস্তাবিত আইনে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসনের ক্ষেত্রে পরিবারের সম্পর্কের পাশাপাশি শিক্ষা, দক্ষতা, ইংরেজি ভাষাজ্ঞান, বেতন, বয়স, সামরিক সেবা এবং বিশেষ অর্জনকে বেশি গুরুত্ব দেওয়ার কাঠামো তৈরি করা হয়েছে। বিলটির পক্ষে টিউবারভিল বলেছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া উচিত যারা দেশটির আইন মেনে চলবেন এবং সমাজ ও অর্থনীতিতে অবদান রাখবেন।   প্রস্তাবটির অন্যতম বড় পরিবর্তন হবে ডাইভারসিটি ভিসা লটারি বাতিল। বর্তমানে এই কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতার দেশগুলোর নাগরিকদের মধ্যে লটারির ভিত্তিতে অভিবাসী ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। টিউবারভিলের বিলটি এ ব্যবস্থা বন্ধ করে দক্ষতা ও যোগ্যতার ওপর ভিত্তি করে অভিবাসন ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে ধর্মীয় কর্মীদের জন্য বছরে ৩ হাজার অভিবাসী ভিসার একটি সীমিত ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।   পরিবারভিত্তিক অভিবাসনেও বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমান আইনে ২১ বছর বা তার বেশি বয়সী মার্কিন নাগরিকরা তাদের বাবা-মায়ের জন্য তাৎক্ষণিক আত্মীয় হিসেবে অভিবাসন প্রক্রিয়া শুরু করতে পারেন। প্রস্তাবিত আইনে বাবা-মাকে এই শ্রেণি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। ফলে পরিবারভিত্তিক অভিবাসনের সুযোগ মূলত স্বামী বা স্ত্রী এবং সন্তানদের মধ্যে সীমিত করার কাঠামো তৈরি হবে।   শুধু নতুন আবেদনকারী নয়, বর্তমানে অভিবাসন প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদের ওপরও প্রস্তাবিত পরিবর্তনের প্রভাব পড়তে পারে। যেসব পরিবারভিত্তিক আবেদনের শ্রেণি বিলটির আওতায় বাদ যাবে, সেগুলোর অপেক্ষমাণ আবেদন অনুমোদনের সুযোগ থাকবে না। আগে অনুমোদিত কিছু আবেদনের ক্ষেত্রেও নতুন পরিবর্তন অনুযায়ী ভিসা দেওয়ার ওপর সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছে।   কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড ব্যবস্থায়ও প্রস্তাবটি বড় পরিবর্তন আনতে চায়। বর্তমানে কর্মসংস্থানভিত্তিক অভিবাসী ভিসা বিভিন্ন শ্রেণিতে বিভক্ত। প্রস্তাবিত ব্যবস্থায় এসব শ্রেণির পরিবর্তে একটি প্রতিযোগিতামূলক পয়েন্টভিত্তিক পদ্ধতি চালুর কথা বলা হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় বছরে বিশ্বব্যাপী ১ লাখ ৯২ হাজার ভিসা দিয়ে শুরু করার কথা বলা হয়েছে, যদিও বিলের নির্দিষ্ট সূত্র অনুযায়ী এই সংখ্যা কমতে পারে।   এই পদ্ধতিতে আবেদনকারীর যুক্তরাষ্ট্রে চাকরির প্রস্তাব থাকতে হবে। আবেদনকারীকে কমপক্ষে ১৬ পয়েন্ট অর্জন করতে হবে এবং ইংরেজি ভাষার দক্ষতার একটি নির্দিষ্ট ন্যূনতম মান পূরণ করতে হবে। পাশাপাশি আবেদন করার সময় বয়স ১৮ থেকে ৫১ বছরের মধ্যে হওয়ার শর্ত রাখা হয়েছে।   বেতনের বিষয়টিও নতুন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সাধারণভাবে আবেদনকারীর প্রস্তাবিত বেতন সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের মধ্যম বেতনের অন্তত ২০০ শতাংশ হতে হবে। তবে যুক্তরাষ্ট্রের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ধরনের ডিগ্রি পাওয়া বা পাওয়ার কাছাকাছি থাকা আবেদনকারীদের ক্ষেত্রে এই সীমা ১৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।   পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে উচ্চ বেতন, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে উচ্চতর ডিগ্রি, চিকিৎসাবিষয়ক ডিগ্রি, ইংরেজি ভাষাজ্ঞান, বয়স, যোগ্য সামরিক সেবা এবং অসাধারণ অর্জন বিবেচনা করা হবে। উচ্চ বেতন বা নির্দিষ্ট ধরনের উচ্চতর ডিগ্রির মাধ্যমে সর্বোচ্চ ৩৫ পয়েন্ট পর্যন্ত পাওয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে।   প্রস্তাবিত ব্যবস্থায় নিয়োগদাতাদের ওপরও নতুন দায়িত্ব আরোপ করা হবে। কোনো বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের কর্মীদের নিয়োগের চেষ্টা করতে হবে। একই পদে সমান বা বেশি যোগ্য মার্কিন কর্মী থাকলে তাকে চাকরির প্রস্তাব দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।   কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ২৫ হাজার ডলার জরিমানার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। আর এমন লঙ্ঘনের কারণে কোনো মার্কিন কর্মী চাকরি হারালে জরিমানা ৫০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। নিয়ম না মানার ধারাবাহিক বা নিয়মিত চর্চা প্রমাণিত হলে অন্তত ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা এবং সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধানও প্রস্তাবটিতে রয়েছে।   পয়েন্টভিত্তিক ব্যবস্থায় নির্বাচিত অভিবাসী এবং যোগ্য স্বামী-স্ত্রী ও সন্তানদের প্রথমে শর্তসাপেক্ষ স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই শর্তসাপেক্ষ সময় হবে দুই বছর। এ সময়ে নির্দিষ্ট সরকারি সুবিধা গ্রহণ, কিছু ধরনের অপরাধে দণ্ডিত হওয়া কিংবা প্রয়োজনীয় কর্মসংস্থানের মান বজায় রাখতে ব্যর্থ হলে প্রধান আবেদনকারীর স্থায়ী বসবাসের মর্যাদা হারানোর ঝুঁকি থাকবে। এর প্রভাব নির্ভরশীল স্বামী-স্ত্রী ও সন্তানদের ওপরও পড়তে পারে।   বিলটিতে অভিবাসীদের কাছ থেকে একটি বিশেষ ঘোষণাপত্র নেওয়ার কথাও বলা হয়েছে। ‘প্রটেকশন অব আমেরিকান ভ্যালুজ’ নামে ওই ঘোষণায় সংবিধানসম্মত নীতির প্রতি আনুগত্যের বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণহত্যা, নিপীড়ন, তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যা, যৌন সহিংসতা, পারিবারিক সহিংসতা এবং নারী যৌনাঙ্গ বিকৃতকরণের মতো নির্দিষ্ট কর্মকাণ্ডে জড়িত না থাকার বিষয়েও ঘোষণা দিতে হবে।   সিনেটের প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের আগের বিলের সঙ্গে অনেক ক্ষেত্রে মিল থাকলেও কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। যেমন, নিয়োগদাতার ইচ্ছাকৃত লঙ্ঘনের সর্বোচ্চ জরিমানা বাড়ানোর পাশাপাশি নিয়ম লঙ্ঘনের ধারাবাহিক চর্চার ক্ষেত্রে ফৌজদারি শাস্তির ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। অসাধারণ সক্ষমতার জন্য পয়েন্ট দেওয়ার ক্ষেত্রেও দুই বিলের মধ্যে পার্থক্য রয়েছে।   এ ছাড়া শর্তসাপেক্ষ স্থায়ী বসবাসের বিধান তুলে নেওয়ার সময় কিছু সাক্ষাৎকার মওকুফের সুযোগ প্রতিনিধি পরিষদের প্রস্তাবে ছিল, যা সিনেটের সংস্করণে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যমান কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড ব্যবস্থা বাতিল করে নতুন পদ্ধতি চালুর সময়সীমাতেও দুই প্রস্তাবের মধ্যে পার্থক্য রয়েছে।   উচ্চশিক্ষার ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। বৈধ স্থায়ী বাসিন্দা নন এমন শিক্ষার্থীদের জন্য সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তুলনামূলক অঙ্গরাজ্যের বাইরের শিক্ষার্থীদের সমপরিমাণ টিউশন, ফি ও অন্যান্য খরচ নেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এ বিধান লঙ্ঘন করলে নির্দিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের পূর্ণকালীন পড়াশোনার জন্য অনুমোদন হারানোর ঝুঁকি থাকতে পারে।   বিলটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বিভিন্ন পরিবর্তন আনছে। তবে টিউবারভিলের প্রস্তাবিত আইন এবং প্রশাসনের নেওয়া নির্বাহী বা প্রশাসনিক পদক্ষেপ এক বিষয় নয়। S. 5485 এখনো কংগ্রেসের বিচারবিষয়ক কমিটিতে রয়েছে এবং আইন হিসেবে কার্যকর হয়নি।   প্রস্তাবটির ভবিষ্যৎ নিয়েও এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেই। সিনেটে বিলটি কমিটির পরবর্তী পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। প্রতিনিধি পরিষদের সংশ্লিষ্ট বিল H.R. 8586-ও এপ্রিল মাসে কমিটিতে পাঠানো হয়েছিল এবং এখনো আইনে পরিণত হয়নি। ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড, পরিবারভিত্তিক অভিবাসন বা কর্মসংস্থানভিত্তিক স্থায়ী বসবাসের নিয়ম এই প্রস্তাবের কারণে পরিবর্তিত হয়নি।   সূত্র: নিউজউইক

মোহাম্মদ ইব্রাহিম সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

Top week

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০