সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

সুইডেন

নিরাপত্তা হুমকিতে সুইডেনে ছয় মাসের সীমান্ত নিয়ন্ত্রণ
নিরাপত্তা হুমকিতে সুইডেনে ছয় মাসের সীমান্ত নিয়ন্ত্রণ, বাংলাদেশি ভ্রমণকারী ও প্রবাসীদের যে নথি সঙ্গে রাখতে হবে

ইউরোপের দেশ সুইডেনে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শেনজেনভুক্ত দেশগুলোর সঙ্গে অভ্যন্তরীণ সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও ছয় মাসের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ নভেম্বর থেকে ২০২৭ সালের ১১ মে পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুইডেনের বিচার মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সরকারের দাবি, জনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর গুরুতর হুমকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সুইডিশ সরকার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের পর ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এর ফলে শেনজেন অঞ্চলে হাইব্রিড হামলা, বিদেশি রাষ্ট্রসমর্থিত তৎপরতা এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শত্রুভাবাপন্ন গোষ্ঠী ও ব্যক্তিদের শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ চলাচল সুইডেনের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।   সুইডেনের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ পুনর্বহালের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের প্রচলিত আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশ সীমান্ত অতিক্রমকারী সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং নিরাপত্তা হুমকি শনাক্ত করার সুযোগ পাবে। কর্তৃপক্ষের মতে, সম্ভাব্য অপরাধ, নাশকতা কিংবা বিদেশি শক্তির ক্ষতিকর তৎপরতা প্রতিরোধে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   সুইডেন শেনজেন অঞ্চলের সদস্য হওয়ায় সাধারণ পরিস্থিতিতে অন্য শেনজেন দেশ থেকে প্রবেশের সময় নিয়মিত পাসপোর্ট পরীক্ষা করা হয় না। তবে নিরাপত্তা হুমকি দেখা দিলে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী সদস্যদেশগুলো সাময়িকভাবে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ চালু করতে পারে। সুইডেন ২০১৫ সাল থেকেই বিভিন্ন সময়ে এ ধরনের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আগের ছয় মাসের মেয়াদ ১১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকায় নতুন সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী ছয় মাসের অনুমোদন দেওয়া হয়েছে।   নতুন ব্যবস্থার আওতায় সড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরে প্রয়োজন অনুযায়ী পরিচয় ও ভ্রমণসংক্রান্ত নথি পরীক্ষা করা হতে পারে। বিশেষ করে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড থেকে সুইডেনে প্রবেশকারী যাত্রীদের যাচাইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথায়, কখন এবং কীভাবে পরীক্ষা চালানো হবে, সে সিদ্ধান্ত নেবে সুইডিশ পুলিশ কর্তৃপক্ষ। এর অর্থ সব সীমান্ত বন্ধ করে দেওয়া কিংবা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে দীর্ঘ পরীক্ষার মুখোমুখি করা নয়।   সুইডিশ পুলিশের নির্দেশনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের ভ্রমণের সময় বৈধ পাসপোর্ট, প্রযোজ্য ভিসা এবং বসবাসের অনুমতিসংক্রান্ত নথি সঙ্গে রাখা প্রয়োজন। বাংলাদেশি নাগরিকসহ অন্য দেশের যাঁরা সুইডেনে পড়াশোনা, চাকরি কিংবা বসবাস করছেন, তাঁদের জন্যও পরিচয় ও বৈধ অবস্থানের প্রমাণ দেখানোর প্রয়োজন হতে পারে। শেনজেনভুক্ত অন্য দেশে বৈধভাবে অবস্থান করলেও সুইডেনে প্রবেশের সময় প্রয়োজনীয় নথি যাচাই করা হতে পারে।   এদিকে শুধু সুইডেন নয়, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক ও নরওয়ের মতো ইউরোপীয় দেশগুলোও বিভিন্ন নিরাপত্তা হুমকির কারণে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ চালু রেখেছে। সুইডিশ সরকার জানিয়েছে, নতুন ছয় মাসের সিদ্ধান্ত নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং নিয়ন্ত্রণ কার্যক্রম প্রয়োজন অনুযায়ী পরিচালিত হবে।   সংবাদসূত্র: সুইডেনের বিচার মন্ত্রণালয় , আরব নিউজ।

নুরুল্লাহ সাইদ নভেম্বর ৫, ২০২৬ ১৩:০ 0
বাংলাদেশে জমা দেওয়া শেনজেন ভিসার আবেদনের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সুইডিশ মাইগ্রেশন এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে
বাংলাদেশিদের শেনজেন ভিসার আবেদন নেবে না সুইডেন দূতাবাস ,জানাল বিকল্প নিয়ম

বাংলাদেশ থেকে সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশের শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ঢাকার সুইডেন দূতাবাসের পরিবর্তে আবেদন যাচাই ও ভিসার বিষয়ে সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি। তবে বাংলাদেশিদের শেনজেন ভিসার আবেদন বন্ধ হয়নি। আগের মতোই ঢাকার ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। সোমবার (২ নভেম্বর) সুইডেন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানা গেছে।   বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে জমা দেওয়া শেনজেন ভিসার আবেদনের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সুইডিশ মাইগ্রেশন এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে ঢাকার সুইডেন দূতাবাস এখন আর এসব আবেদন প্রক্রিয়াকরণ কিংবা অনুমোদন ও প্রত্যাখ্যানের সিদ্ধান্ত দেওয়ার দায়িত্বে নেই। একই সঙ্গে আবেদনসংক্রান্ত প্রশ্ন, আমন্ত্রণপত্র, আপিল এবং নির্দিষ্ট আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নতুন নিয়মে আবেদনকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিসার আবেদন জমা দেওয়ার স্থান পরিবর্তন হয়নি। বাংলাদেশ থেকে সুইডেনের শেনজেন ভিসা পেতে আগ্রহীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত দিনে আবেদনপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী বায়োমেট্রিক তথ্যও দিতে হবে।   ভিএফএস গ্লোবাল আবেদন গ্রহণ, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং পাসপোর্ট ফেরত দেওয়ার মতো প্রশাসনিক দায়িত্ব পালন করবে। অন্যদিকে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি আবেদন যাচাই করে ভিসা দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আবেদন জমা দেওয়ার প্রতিষ্ঠান এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের দায়িত্ব আলাদা করা হয়েছে। এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের একটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ভিএফএস গ্লোবালে আবেদন জমা দেওয়া গেলেও প্রতিষ্ঠানটি ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় না। একইভাবে ঢাকার সুইডেন দূতাবাসও নতুন ব্যবস্থায় শেনজেন ভিসার আবেদনসংক্রান্ত সিদ্ধান্ত দেওয়ার দায়িত্বে নেই। তাই আবেদন প্রক্রিয়ার অগ্রগতি, প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র কিংবা সিদ্ধান্তসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।   সুইডিশ কর্তৃপক্ষ বাংলাদেশে ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ ও স্লোভেনিয়ার শেনজেন ভিসার আবেদনেও প্রতিনিধিত্ব করে। ফলে এসব দেশের কোনোটি প্রধান ভ্রমণ গন্তব্য হলে একই ব্যবস্থায় আবেদন জমা দেওয়া যাবে। তবে এই প্রতিনিধিত্ব কেবল স্বল্পমেয়াদি শেনজেন ভিসার জন্য প্রযোজ্য। সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় ভিসা বা রেসিডেন্স পারমিটের আবেদন এই ব্যবস্থার আওতায় পড়ে না। সুইডেন দূতাবাসের সরকারি তথ্য অনুযায়ী, শেনজেন ভিসার আবেদন সুইডিশ মাইগ্রেশন এজেন্সির কাছে পৌঁছানোর পর প্রক্রিয়াকরণে ১৫ ক্যালেন্ডার দিন পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা ৪৫ দিন পর্যন্ত বাড়তে পারে। আবেদনকারীরা নির্ধারিত ভ্রমণের সর্বোচ্চ ছয় মাস আগে আবেদন জমা দিতে পারবেন। তাই ভ্রমণের তারিখ বিবেচনায় পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।   শেনজেন ভিসার মাধ্যমে সাধারণত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেন অঞ্চলে অবস্থান করা যায়। পর্যটন, পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং স্বল্পমেয়াদি ব্যবসায়িক সফরের মতো উদ্দেশ্যে এই ভিসার আবেদন করা যায়। তবে ভিসা পাওয়ার জন্য আবেদনকারীকে ভ্রমণের উদ্দেশ্য, প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করতে হয়। সুইডিশ মাইগ্রেশন এজেন্সির নির্দেশনা অনুযায়ী, সাধারণ আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, পূরণ করা আবেদনপত্র, ভ্রমণের উদ্দেশ্যসংক্রান্ত কাগজপত্র, পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং কমপক্ষে ৩০ হাজার ইউরোর চিকিৎসা ব্যয় কাভার করে এমন ট্রাভেল ইন্স্যুরেন্স জমা দিতে হয়। আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী অতিরিক্ত কাগজপত্রও প্রয়োজন হতে পারে।   ঢাকায় সুইডেনের শেনজেন ভিসার আবেদন জমা দেওয়ার কেন্দ্রটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বোরাক মেহনুর ভবনের সপ্তম তলায় অবস্থিত। সরকারি নির্দেশনা অনুযায়ী, আবেদন জমা দেওয়ার আগে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আবেদনসংক্রান্ত সাধারণ সহায়তার জন্য ভিএফএস হেল্পডেস্কের সঙ্গেও যোগাযোগ করা যাবে। সুইডেন দূতাবাসের প্রকাশিত নির্দেশনায় দায়িত্ব পরিবর্তনের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিবর্তন শুধু আবেদন মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বের ক্ষেত্রে প্রযোজ্য। আবেদন জমা দেওয়ার প্রচলিত পদ্ধতি অপরিবর্তিত রয়েছে।   ফলে বাংলাদেশিদের জন্য মূল বার্তা হলো, সুইডেনের শেনজেন ভিসা বন্ধ হয়নি। ঢাকার সুইডেন দূতাবাস আর এসব আবেদনের সিদ্ধান্ত নেবে না। আবেদনকারীরা ভিএফএস গ্লোবালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন এবং ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।  

সামিয়া ইসলাম নভেম্বর ১, ২০২৬ ১৩:০ 0
কোরআন অবমাননার ঘটনায় স্যান্ডবার্গকে স্থগিত কারাদণ্ড ও জরিমানা করেছেন স্টকহোম জেলা আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
সুইডেনে কোরআন পোড়ানো ও অবমাননার দায়ে জেড স্যান্ডবার্গকে দোষী সাব্যস্ত করেছেন আদালত

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার ঘটনায় উগ্র ডানপন্থী কর্মী জেড স্যান্ডবার্গকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। ২০২৪ সালের ওই ঘটনার প্রায় দুই বছর পর গত ৩০ অক্টোবর স্টকহোম জেলা আদালত এ রায় দেন। ৫০ বছর বয়সী স্যান্ডবার্গকে স্থগিত কারাদণ্ডের পাশাপাশি ৩ হাজার সুইডিশ ক্রোনা জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৩৫ হাজার টাকা।   তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ও দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী স্যান্ডবার্গকে প্রতিদিন ১০০ ক্রোনা হিসাবে মোট ৩ হাজার ক্রোনা জরিমানা দিতে হবে। এ ছাড়া অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তা তহবিলে ১ হাজার ক্রোনা এবং সরকারি আইনজীবীর খরচ বাবদ রাষ্ট্রকে ১৭ হাজার ক্রোনা পরিশোধ করতে হবে। সব মিলিয়ে জরিমানা ও অন্যান্য খরচ বাবদ তার ওপর ২১ হাজার ক্রোনা আর্থিক দায় নির্ধারণ করা হয়েছে।   তবে ২০২৫ সালে স্টকহোমের একটি মসজিদের সামনে দেওয়া বক্তব্যের ঘটনায় স্যান্ডবার্গকে খালাস দিয়েছেন আদালত। ওই ঘটনায় তার বিরুদ্ধে ‘আমরা আমাদের রাস্তায় কোনো মুসলিম দেখতে চাই না’ বলে স্লোগান দেওয়ার অভিযোগ ছিল। আদালত ওই বক্তব্য-সংক্রান্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেননি। ফলে ২০২৪ সালের কোরআন অবমাননার ঘটনায় দণ্ডিত হলেও পরের বছরের ওই অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন।   মামলার সূত্রপাত ২০২৪ সালের ২৪ আগস্ট। সেদিন স্টকহোমের ওডেনপ্লান স্কয়ারে প্রকাশ্যে পবিত্র কোরআনের একটি কপি পোড়ান জেড স্যান্ডবার্গ। এরপর বইটিতে লাথি মারেন তিনি। পুরো ঘটনাটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন। এ ঘটনার পর তার বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করলেন।   সুইডেনে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে স্বীকৃত হলেও দেশটির আইনে কোনো জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো কিংবা তাদের অবমাননা করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। ধর্মীয় মতাদর্শের সমালোচনা এবং কোনো ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে লক্ষ্য করে অবমাননাকর বক্তব্য বা আচরণের মধ্যে আইনি পার্থক্য রয়েছে। স্যান্ডবার্গের মামলার রায়েও ২০২৪ সালের কর্মকাণ্ডের জন্য তাকে দণ্ডিত করা হয়েছে, তবে ২০২৫ সালের বক্তব্য-সংক্রান্ত অভিযোগে খালাস দেওয়া হয়েছে।   সূত্র: আনাদোলু এজেন্সি, টিআরটি ওয়ার্ল্ড।

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ১, ২০২৬ ১৩:০ 0
সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ টিউশন ফি ও মাসিক জীবনযাত্রার ভাতাসহ মাস্টার্স করার সুযোগ
বিনা টিউশন ফিতে সুইডেনে মাস্টার্স, সঙ্গে মাসে ১ লক্ষ ৮০  হাজার টাকা ভাতা!

সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ টিউশন ফি ও মাসিক জীবনযাত্রার ভাতাসহ মাস্টার্স করার সুযোগ পাবেন  আবেদনকারীরা। সুইডিশ ইনস্টিটিউটের এসআই স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসের আওতায় ২০২৭ থেকে ২০২৮ শিক্ষাবর্ষে এই বৃত্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে ১৬ অক্টোবর। বৃত্তির জন্য আলাদা আবেদন গ্রহণ শুরু হবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি।  সুইডিশ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, নির্বাচিতদের মাস্টার্স প্রোগ্রামের সম্পূর্ণ টিউশন ফি সরাসরি বিশ্ববিদ্যালয়ে পরিশোধ করা হবে। পাশাপাশি পড়াশোনার সময়ে জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রতি মাসে দেওয়া হবে ১২ হাজার সুইডিশ ক্রোনা। বাংলাদেশি বৃত্তিপ্রাপ্তদের জন্য এককালীন ভ্রমণ অনুদান থাকবে ১৫ হাজার ক্রোনা। তবে আগে থেকেই সুইডেনে বসবাসকারীরা এই ভ্রমণ অনুদান পাবেন না।    বৃত্তিটি নির্ধারিত পূর্ণকালীন এক বা দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রযোজ্য। এর আওতায় স্বাস্থ্যবিমা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি কিংবা সঙ্গে যাওয়া পরিবারের সদস্যদের বাড়তি খরচ বহন করা হয় না। ফলে টিউশন ফি ও মাসিক ভাতা পাওয়া গেলেও কিছু ব্যয় আবেদনকারীকে নিজস্বভাবে বহন করতে হবে। স্বাস্থ্যবিমার ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তথ্যও দেখে নিতে হবে।    বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো কাজের অভিজ্ঞতা। ২০২৭ সালের ফেব্রুয়ারির আগে অন্তত তিন হাজার ঘণ্টার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ তিনজন নিয়োগকর্তার অধীনে অর্জিত অভিজ্ঞতা মিলিয়ে এই শর্ত পূরণ করা যাবে। পাশাপাশি বর্তমান বা আগের কর্মক্ষেত্র, নিজস্ব উদ্যোগ কিংবা সামাজিক সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার প্রমাণ প্রয়োজন হবে।  আবেদনকারীকে নির্বাচিত মাস্টার্স প্রোগ্রামের শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতাও পূরণ করতে হবে। শুধু বাংলাদেশের নাগরিক হওয়া কিংবা কাজের অভিজ্ঞতা থাকলেই বৃত্তি নিশ্চিত হবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং এসআইয়ের বৃত্তির যোগ্যতা আলাদাভাবে বিবেচিত হবে। বৃত্তির চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্ধারিত প্রোগ্রামে ভর্তি অথবা শর্তসাপেক্ষ ভর্তির অনুমোদন প্রয়োজন।    এই বৃত্তি সুইডেনের সব মাস্টার্স প্রোগ্রামের জন্য উন্মুক্ত নয়। সুশাসন, জনস্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবন এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতসংশ্লিষ্ট নির্ধারিত ইংরেজি মাধ্যমের প্রোগ্রাম এতে অন্তর্ভুক্ত থাকবে। ২০২৭ থেকে ২০২৮ শিক্ষাবর্ষের যোগ্য প্রোগ্রামের তালিকা এবং বৃত্তির আবেদনের প্রয়োজনীয় নথি আগামী ১৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। প্রোগ্রাম বাছাইয়ের সময় সেই তালিকার সঙ্গে মিলিয়ে নিতে হবে।  আবেদনের প্রথম ধাপে ইউনিভার্সিটি অ্যাডমিশনসের মাধ্যমে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। এই ধাপের শেষ সময় ২০২৭ সালের ১৫ জানুয়ারি। প্রয়োজনীয় সহায়ক কাগজপত্র জমা দেওয়া এবং প্রযোজ্য আবেদন ফি পরিশোধের শেষ সময় ১ ফেব্রুয়ারি। মাস্টার্সে ভর্তির ফল প্রকাশ হবে ১ এপ্রিল। বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেই এসআই বৃত্তির আবেদন সম্পন্ন হবে না।    দ্বিতীয় ধাপে এসআইয়ের নির্ধারিত পোর্টালে বৃত্তির আবেদন জমা দিতে হবে ৮ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে। শেষ দিন মধ্য ইউরোপীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে পোর্টাল বন্ধ হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৃত্তির ফল প্রকাশ হবে ২২ এপ্রিল। আবেদনকারীদের সিভি, রেফারেন্স, কাজ ও নেতৃত্বের অভিজ্ঞতার প্রমাণসহ প্রয়োজনীয় নথি এসআইয়ের হালনাগাদ নির্দেশনা ও নির্ধারিত ফরম অনুসারে প্রস্তুত করতে হবে।   

সামিয়া ইসলাম অক্টোবর ২৩, ২০২৬ ১৪:০ 0
বাংলাদেশ থেকে সুইডেনের শেনজেন ভিসার জন্য আবেদনকারীদের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশিদের জন্য সুইডেনের শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন

বাংলাদেশ থেকে সুইডেনের শেনজেন ভিসার জন্য আবেদনকারীদের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস ভিসা আবেদনের বিষয়ে যাচাই-বাছাই বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এর পরিবর্তে বাংলাদেশ থেকে জমা পড়া সব শেনজেন ভিসা আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত সরাসরি সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে নেওয়া হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস।   দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা আবেদনের সিদ্ধান্ত গ্রহণের স্থান পরিবর্তন হলেও আবেদনকারীদের জন্য আবেদন জমা দেওয়ার মূল প্রক্রিয়ায় কোনো ধরনের রদবদল হচ্ছে না। অর্থাৎ, আগের নিয়ম অনুযায়ীই আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত পদ্ধতিতেই শেনজেন ভিসার জন্য আবেদন জমা দিতে হবে। নতুন এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের শুধু আবেদনের সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রটি পরিবর্তিত হচ্ছে, যা ঢাকার দূতাবাসের হাত থেকে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির কাছে স্থানান্তরিত হচ্ছে।   শেনজেন ভিসা আবেদনের এই নতুন ব্যবস্থাসহ যাবতীয় খুঁটিনাটি বিষয়ে জানতে আবেদনকারীদের সুইডেন দূতাবাসের প্রকাশিত হালনাগাদ নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং, আগামী ১৫ অক্টোবরের পর থেকে যাঁরা সুইডেনের শেনজেন ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক, তাঁদের ভিএফএস গ্লোবালের মাধ্যমে আগের প্রক্রিয়ায় আবেদন জমা দিয়ে সুইডেনের মাইগ্রেশন এজেন্সির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

তাবাস্সুম সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৪:০ 0
সুইডেনে মুসলিমদের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতার দাবি জানিয়েছে ভিজন পার্টি। ছবি: সংগৃহীত
মুসলিমদের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান সুইডেনের ভিজন পার্টির

সুইডেনে মুসলিমদের সমঅধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং বৈষম্য থেকে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে দেশটির রাজনৈতিক দল ভিজন পার্টি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দলটি বলেছে, মুসলিমদের শুধু অভিবাসী জনগোষ্ঠী হিসেবে দেখার সুযোগ নেই। তাঁরা সুইডিশ সমাজের নাগরিক, পেশাজীবী, অভিভাবক ও ভোটার এবং তাঁদের ধর্মীয় পরিচয়ের অধিকারও অন্য নাগরিকদের মতোই সুরক্ষিত হওয়া উচিত।   ২০২৩ সালে প্রতিষ্ঠিত ভিজন পার্টি সংখ্যালঘু অধিকার, বৈষম্যবিরোধী নীতি, মুসলিমদের রাজনৈতিক প্রতিনিধিত্ব, পরিবারনীতি এবং সমতার বিষয়গুলোকে তাদের রাজনৈতিক কর্মসূচির অংশ করেছে। নির্বাচনের আগে আনাদোলু এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে দলটি বলেছে, এবারের নির্বাচন সুইডেনের গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা।   দলটির অভিযোগ, সুইডেনের রাজনৈতিক আলোচনায় সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম, মুসলিম জনগোষ্ঠী এবং উগ্রবাদকে অনেক সময় একই আলোচনার মধ্যে আনা হচ্ছে। ভিজন পার্টির মতে, সহিংস উগ্রবাদ মোকাবিলা করা এবং শান্তিপূর্ণভাবে ধর্ম পালনকারী মুসলিমদের অধিকার রক্ষা করা দুটি আলাদা বিষয়। তাদের আশঙ্কা, উগ্রবাদের বিরুদ্ধে পদক্ষেপের আড়ালে সাধারণ মুসলিম ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপরও অতিরিক্ত বিধিনিষেধ আরোপের প্রবণতা তৈরি হচ্ছে।   এদিকে সুইডেনের রাজনীতিতে অভিবাসন ও ইসলাম নিয়ে বিতর্ক নির্বাচনের আগে আরও জোরালো হয়েছে। দেশটির ডানপন্থি সুইডেন ডেমোক্র্যাটস দলের শীর্ষ নেতা রিচার্ড জোমশফ সাম্প্রতিক সময়ে ইসলাম নিয়ে তাঁর কঠোর অবস্থানের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। আগস্টে সুইডিশ সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছিল, জোমশফ এক সাক্ষাৎকারে সুইডিশ মুসলিমদের ইসলাম ধর্ম ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। তাঁর এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনও সমালোচনা করেন এবং বলেন, ধর্মীয় স্বাধীনতা সুইডেনের মৌলিক মূল্যবোধ।   জোমশফ অবশ্য নিজের অবস্থান থেকে সরে আসেননি। এসভিটির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইসলামকে সুইডেনের গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখেন এবং নির্বাচনের আগে ইসলাম নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ভবিষ্যৎ সরকারে এমন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন, যেখানে ইসলাম ও তথাকথিত ‘ইসলামায়ন’ বিষয়টি নিয়ে কাজ করা হবে।   এই রাজনৈতিক পরিবেশের মধ্যেই ভিজন পার্টি জানিয়েছে, তারা সুইডেনে মুসলিমদের অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি তুলেছে। দলটির দাবি, তারা জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার অধীন তিনজন বিশেষ প্রতিবেদকের কাছে ২১ পৃষ্ঠার একটি নথি জমা দিয়েছে। সেখানে সুইডেনে মুসলিমদের প্রতি বৈষম্য নিয়ে ৮৮টি তথ্যসূত্র ও নথিভিত্তিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে দলটি জানিয়েছে।   ভিজন পার্টির ভাষ্য, তারা সুইডেনকে আনুষ্ঠানিকভাবে ইসলাম নিষিদ্ধ করার অভিযোগ করছে না। বরং ধর্মীয় স্বাধীনতা, বৈষম্য ও সংখ্যালঘু অধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদকদের হস্তক্ষেপ চেয়েছে। দলটির দাবি, সংশ্লিষ্ট প্রতিবেদকেরা বিষয়টি পর্যালোচনা করে সুইডিশ সরকারের কাছে উদ্বেগ জানাতে পারেন।   তবে সুইডেনে ইসলাম নিয়ে রাজনৈতিক বিতর্ক যে শুধু ভিজন পার্টির অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ, তা নয়। রিচার্ড জোমশফের বক্তব্য নিয়ে দেশটির অন্যান্য রাজনৈতিক দল থেকেও সমালোচনা এসেছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন বলেছেন, রাজনৈতিক ইসলাম ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া যেতে পারে, কিন্তু ধর্মীয় স্বাধীনতা সুইডেনের মৌলিক অধিকার।   জোমশফের বক্তব্যের পক্ষে তাঁর দল সুইডেন ডেমোক্র্যাটসের নেতা জিমি অকেরসনও অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনী বিতর্কে জোমশফের বক্তব্য রাখার অধিকার রয়েছে। তবে বক্তব্যটি কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন।   এর আগে ইসলাম নিয়ে জোমশফের বিভিন্ন মন্তব্য নিয়ে সুইডেনে বিতর্ক হয়েছে। ২০২৩ সালে ইসলামকে কঠোর ভাষায় আক্রমণ করে তাঁর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর সোশ্যাল ডেমোক্র্যাটরা তাঁর পদত্যাগ দাবি করেছিল। ২০২৪ সালেও ইসলামবিরোধী ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়।   ভিজন পার্টি বলেছে, মুসলিমদের জন্য তারা কোনো বিশেষ সুবিধা দাবি করছে না। তাদের দাবি মূলত সংবিধান ও আইনে স্বীকৃত সমঅধিকার বাস্তবায়ন। দলটির মতে, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্যের শিকার না হন এবং মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন নিরাপদ পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।   দলটি ধর্মীয় বৈষম্য ও ঘৃণাভিত্তিক অপরাধের বিরুদ্ধে কার্যকর আইন প্রয়োগ, মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং ধর্মীয় পোশাক, উপাসনা কিংবা মুসলিমদের পরিচালিত সংগঠনের ক্ষেত্রে অযৌক্তিক বিধিনিষেধ না দেওয়ার আহ্বান জানিয়েছে।   ভিজন পার্টির তাৎক্ষণিক রাজনৈতিক লক্ষ্য স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিত্ব বাড়ানো। দীর্ঘমেয়াদে ২০৩০ সালের মধ্যে জাতীয় সংসদে আসন পাওয়ার লক্ষ্যও জানিয়েছে দলটি। তাদের বক্তব্য, মুসলিমদের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাকে পরস্পরবিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। বরং ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করা সুইডেনের গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।   সুইডেনের ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে অভিবাসন, নাগরিকত্ব, ধর্মীয় স্বাধীনতা ও জাতীয় পরিচয় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। এর মধ্যে মুসলিমদের অধিকার নিয়ে ভিজন পার্টির অবস্থান এবং জোমশফের ইসলামবিষয়ক বক্তব্য দেশটির নির্বাচনী বিতর্কে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকারের প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে।   সূত্র: আনাদোলু এজেন্সি, এসভিটি নিউজ

মোহাম্মদ ইব্রাহিম সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১৪:০ 0
ভালোবাসার টানে ১৯৭৭ সালে ভারতের দিল্লি থেকে সাইকেল চালিয়ে সুইডেনে থাকা শার্লটের কাছে পাড়ি জমিয়েছিলেন শিল্পী পি কে মহানন্দিয়া। ছবি: সংগৃহীত
বিমানের টিকিটের টাকা ছিল না, ভালোবাসার মানুষটির জন্য সাইকেলেই গেলেন ভারত থেকে সুইডেন

ভালোবাসার মানুষটি ফিরে গেছেন হাজার হাজার কিলোমিটার দূরের দেশ সুইডেনে। বিমানের টিকিট কেনার সামর্থ্য নেই। তাই ১৯৭৭ সালে ভারতীয় শিল্পী পি কে মহানন্দিয়া এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন, যা কয়েক দশক পরও বিশ্বের আলোচিত প্রেমকাহিনিগুলোর একটি হয়ে আছে। নিজের জিনিসপত্র বিক্রি করে একটি পুরোনো সাইকেল কিনে তিনি রওনা দিয়েছিলেন সুইডেনে থাকা শার্লট ফন শেডভিনের কাছে।   তাদের পরিচয় অবশ্য আরও আগে। ১৯৭৫ সালে সুইডেন থেকে ভারতে ঘুরতে এসেছিলেন শার্লট। দিল্লির কনট প্লেসে তখন মানুষের প্রতিকৃতি এঁকে পরিচিতি পাচ্ছিলেন মহানন্দিয়া। সেখানেই শার্লটের সঙ্গে তার পরিচয়। মহানন্দিয়ার কাছে নিজের প্রতিকৃতি আঁকাতে এসেছিলেন তিনি। সেই পরিচয়ই অল্প সময়ের মধ্যে ভালোবাসায় রূপ নেয়।   সম্পর্ক গভীর হওয়ার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু একসময় শার্লটকে সুইডেনে ফিরে যেতে হয়। মহানন্দিয়া তখন ভারতে থেকে যান। দূরত্ব তৈরি হলেও তাদের যোগাযোগ বন্ধ হয়নি। চিঠির মাধ্যমে সম্পর্ক ধরে রেখেছিলেন দুজন।   একপর্যায়ে আর অপেক্ষা করতে চাননি মহানন্দিয়া। কিন্তু সুইডেনে যাওয়ার বিমানের টিকিট কেনার মতো অর্থ তার ছিল না। শার্লটের কাছ থেকে ভ্রমণের টাকা নেওয়ার প্রস্তাবও তিনি গ্রহণ করেননি বলে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন।   শেষ পর্যন্ত নিজের জিনিসপত্র বিক্রি করে একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনেন তিনি। ১৯৭৭ সালের ২২ জানুয়ারি দিল্লি থেকে শুরু হয় তার দীর্ঘ যাত্রা।   প্রতিদিন গড়ে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতেন মহানন্দিয়া। পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও তুরস্ক হয়ে ইউরোপের দিকে এগিয়ে যান তিনি। পুরো যাত্রায় সব পথ অবশ্য সাইকেলে পাড়ি দেওয়া হয়নি। সুযোগ পেলে অন্য যানবাহনেও কিছু পথ অতিক্রম করেছিলেন এবং ইউরোপে পৌঁছানোর পর ভিয়েনা থেকে ট্রেনে সুইডেনের গোথেনবার্গে যান।   পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থ। সঙ্গে খুব বেশি টাকা ছিল না। তখন কাজে আসে তার ছবি আঁকার দক্ষতা। বিভিন্ন জায়গায় মানুষের প্রতিকৃতি এঁকে অর্থ উপার্জন করতেন। কেউ টাকা দিতেন, আবার কেউ খাবার কিংবা রাতে থাকার জায়গা করে দিতেন।   চার মাসের বেশি সময় ধরে চলা সেই যাত্রা শেষে ১৯৭৭ সালের মে মাসে তিনি ইউরোপে পৌঁছান। এরপর সুইডেনে গিয়ে আবার দেখা হয় শার্লটের সঙ্গে।   মহানন্দিয়া পরে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, দীর্ঘ যাত্রায় তার পায়ে ব্যথা হতো, ক্লান্তিও আসত। কিন্তু শার্লটের সঙ্গে আবার দেখা হবে, এই ভাবনাই তাকে সামনে এগিয়ে নিয়ে যেত।   সুইডেনে পৌঁছানোর পরও তাদের সামনে বাধা ছিল। ভিন্ন দেশ, সংস্কৃতি ও সামাজিক পটভূমির এই সম্পর্ক সহজভাবে গ্রহণ করা হয়নি শুরুতে। তবে শেষ পর্যন্ত তারা একসঙ্গে জীবন শুরু করেন এবং সুইডেনেই সংসার গড়েন।   তাদের দুই সন্তান রয়েছে। কয়েক দশক পেরিয়ে গেলেও মহানন্দিয়া ও শার্লট একসঙ্গেই আছেন। মহানন্দিয়া সুইডেনে শিল্পী হিসেবেও নিজের কাজ চালিয়ে গেছেন।   বছরের পর বছর ধরে তাদের গল্প নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে, বইও লেখা হয়েছে। কিন্তু নিজের সেই দীর্ঘ সাইকেলযাত্রাকে মহানন্দিয়া কখনো বীরত্বের ঘটনা হিসেবে দেখেননি। তার কাছে কারণটি ছিল অনেক সহজ - তিনি সাইকেল ভালোবেসে এত দূর যাননি, গিয়েছিলেন ভালোবাসার মানুষটির কাছে পৌঁছাতে।

তাবাস্সুম আগস্ট ১৭, ২০২৬ ১৪:০ 0
সুইডেনের পূর্ব উপকূলের গোটল্যান্ড দ্বীপে একটি প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ নিচ্ছেন নতুন রিক্রুটরা | ছবি: দ্য গার্ডিয়ান
রাশিয়ার হামলার আশঙ্কায় যুদ্ধের জোর প্রস্তুতি নিচ্ছে সুইডেনের এক দ্বীপ

রাশিয়া যেকোনো সময় মরিয়া হয়ে ন্যাটোর শক্তি পরীক্ষা করতে পারে—এমন আশঙ্কা থেকে বাল্টিক সাগরে অবস্থিত নিজেদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোটল্যান্ড দ্বীপে ব্যাপক সামরিক ও বেসামরিক প্রস্তুতি জোরদার করছে সুইডেন। পুতিনের সম্ভাব্য আকস্মিক হামলা প্রতিহত করতে এই দ্বীপে শত শত তরুণ-তরুণীকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাত্র ১৯ বছর বয়সী তরুণী এলা আদমানসহ অনেক নতুন রিক্রুট এখন সেখানে দিনরাত কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন।   সুইডিশ প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার সামরিক ছিটমহল কালিনিনগ্রাদ থেকে মাত্র ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটির ওপর আকস্মিক আকাশ বা নৌ হামলা হতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, গোটল্যান্ডের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, সে পুরো বাল্টিক সাগরের আকাশ ও নৌপথের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে। ২০০৫ সালে এই দ্বীপ থেকে সামরিক রেজিমেন্ট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছিল। তবে ক্রাইমিয়া ও ইউক্রেনে রুশ আগ্রাসনের পর ২০১৮ সাল থেকে এখানে নজিরবিহীন গতিতে পুনরায় সামরিক ঘাঁটি পুনর্নির্মাণ শুরু হয়।   গোটল্যান্ডের সামরিক প্রধান কর্নেল আন্দ্রেয়াস গুস্তাফসন জানান, বর্তমান পরিস্থিতিতে ইউরোপের সব দেশ সামরিক সরঞ্জাম কিনতে শুরু করায় ভারী অস্ত্র বা কামান পেতে কিছুটা সময় লাগছে। তবে যেকোনো মূল্যে গোটল্যান্ডকে রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের সাথে কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হলে রাশিয়া দ্রুত তাদের সেনাদের ফিনল্যান্ড বা বাল্টিক দেশগুলোর দিকে নিয়োজিত করতে পারে। তাই তারা কোনো ঝুঁকি নিতে চান না।   প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে সামরিক শক্তির পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও স্বনির্ভর করার জন্য 'স্টার্ক সকেন' নামক একটি বিশেষ সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকেরা নিজেদের উদ্যোগে বিদ্যুৎ, পানি ও যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করছেন। কোনো কারণে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও যেন সাধারণ মানুষ অন্তত দুই সপ্তাহ স্বনির্ভর থাকতে পারে, সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে।   সুইডেনের সিভিল ডিফেন্স এজেন্সির ডিরেক্টর জেনারেল মিকেল ফ্রিসেল জানান, গোটল্যান্ডকে সম্পূর্ণ সুরক্ষিত করতে একটি শক্তিশালী সামরিক উপস্থিতির পাশাপাশি একটি স্থিতিস্থাপক বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। এই দ্বীপের সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা সফল হলে তা পুরো ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থায় বড় অবদান রাখবে। এই বছরই দ্বীপে একটি জরুরি বেসামরিক স্থানান্তর মহড়াও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাবাস্সুম জুলাই ৪, ২০২৬ ১৪:০ 0
ছেলে অ্যাডামের সঙ্গে সুইডেনের জলবায়ুবিষয়ক মন্ত্রী রোমিনা পোরমোখতারি। ছবি: রয়টার্স
শিশু সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, জোটের ইতিহাসে প্রথম ঘটনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু নীতি নিয়ে মন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। কিন্তু আলোচনার বিষয়বস্তুর বাইরে সবার দৃষ্টি কেড়ে নেয় এক বিশেষ অতিথি। তিনি কোনো রাজনীতিক বা কূটনীতিক নন, মাত্র তিন মাস বয়সী এক শিশু।   বৃহস্পতিবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ কাউন্সিলের বৈঠকে নিজের ছেলে অ্যাডামকে সঙ্গে নিয়ে হাজির হন সুইডেনের জলবায়ুবিষয়ক মন্ত্রী রোমিনা পোরমোখতারি। ইইউ কাউন্সিলের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মন্ত্রী পর্যায়ের এমন বৈঠকে কোনো শিশুর অংশগ্রহণের ঘটনা এটিই প্রথম।   পোরমোখতারি জানান, কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে নারীদের একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয়—এই বার্তা দিতেই তিনি সন্তানকে সঙ্গে নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন।   রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাজ ও পরিবারের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার বাধ্যবাধকতা নেই—এমন একটি উদাহরণ তৈরি করতে চেয়েছিলেন তিনি। তবে এর জন্য পরিবারে সহযোগিতাপূর্ণ পরিবেশ এবং দায়িত্ব ভাগাভাগির মানসিকতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।   ৩০ বছর বয়সী পোরমোখতারি ২০২২ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় সুইডেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী মন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন। সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি আবার কাজে ফিরেছেন।   তার স্বামী বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং আগামী সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন পর্যন্ত এই ছুটি অব্যাহত থাকবে। অ্যাডামের দেখাশোনার দায়িত্ব পালন করতে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে লুক্সেমবার্গ সফরে গিয়েছেন।   সুইডেনে বিশ্বের অন্যতম উদার প্যারেন্টাল লিভ বা মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি নীতি চালু রয়েছে। দেশটিতে বাবা-মা মিলে প্রায় ১৬ মাসের সবেতন ছুটি পান। এর মধ্যে নির্দিষ্ট সময় বাবা ও মায়ের জন্য পৃথকভাবে বরাদ্দ থাকে, যা একে অপরের কাছে হস্তান্তর করা যায় না। নির্ধারিত সময় ব্যবহার না করলে সেই ছুটি বাতিল হয়ে যায়।   ‘ড্যাড মান্থস’ নামে পরিচিত এই নীতির লক্ষ্য বাবাদের সন্তান লালন-পালনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। পোরমোখতারি বলেন, সরকারের নীতি এবং সহকর্মীদের সহযোগিতার কারণেই তার কাজের সময় স্বামীর সন্তানের দেখাশোনা করাটা খুবই স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে।   তিনি আরও বলেন, পরিবারবান্ধব নীতি শুধু ছুটির সুবিধা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং বাবা-মায়ের মধ্যে দায়িত্ব ভাগাভাগি সহজ করা এবং সাশ্রয়ী মূল্যে শিশু পরিচর্যা সুবিধা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।   এদিকে পোল্যান্ডের উপ-জলবায়ুমন্ত্রী ক্রিজস্টফ বোলেস্তা বলেন, বৈঠকে একটি শিশুর উপস্থিতি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করেনি। তার ভাষায়, “এটি দারুণ একটি বিষয়। এটি কোনো বাধা নয়, বরং জীবনেরই স্বাভাবিক অংশ।”

Unknown জুন ২৫, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

Top week

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০