নিউইয়র্ক সিটির প্রায় ২৪ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত (রেন্ট-স্ট্যাবিলাইজড) ভাড়াটের জন্য বড় স্বস্তির খবর এসেছে। নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন্স বোর্ড (আরজিবি) ৭-১ ভোটে সিদ্ধান্ত নিয়েছে, আগামী দুই বছরের জন্য ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া বাড়ানো হবে না। ফলে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন হওয়া এক বছর ও দুই বছর উভয় মেয়াদের লিজেই ভাড়া বৃদ্ধির হার থাকবে শূন্য শতাংশ। নিউইয়র্কের ১৫৭ বছরের ইতিহাসে এই প্রথম দুই বছরের লিজের ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধি পুরোপুরি স্থগিত রাখা হলো।
গত সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের ইস্ট হার্লেমের এল মিউজিও দেল বারিও থিয়েটারে অনুষ্ঠিত ভোটাভুটির ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই উপস্থিত শত শত ভাড়াটে উল্লাসে ফেটে পড়েন। কেউ আনন্দে কেঁদেছেন, কেউ স্লোগান দিয়েছেন, আবার অনেকে রাস্তায় নেমে বিজয় উদযাপন করেছেন। ভোটের আগে ভাড়াটেরা ‘ভাড়া স্থির রাখুন’ ও ‘রোলব্যাক চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে সমাবেশ করেন।
নিউইয়র্ক সিটিতে প্রায় ১০ লাখ রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে বসবাস করেন প্রায় ২৪ লাখ মানুষ। এসব ভবনের বেশিরভাগই ১৯৭৪ সালের আগে নির্মিত ছয় বা তার বেশি ইউনিটের আবাসন অথবা সরকারি কর-ছাড় ও ভর্তুকিপ্রাপ্ত ভবন। নতুন সিদ্ধান্তের ফলে এসব বাড়ির ভাড়াটেরা অন্তত দুই বছর অতিরিক্ত ভাড়ার চাপ থেকে মুক্ত থাকবেন।
ভাড়াটে সংগঠনগুলোর দাবি, দীর্ঘদিনের আন্দোলনের ফলেই এই সিদ্ধান্ত এসেছে। মেয়র নির্বাচনের আগে হাজারো ভাড়াটে ভাড়া স্থির রাখার দাবিতে প্রচারণা চালান এবং বিষয়টি নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। নির্বাচিত হওয়ার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সিদ্ধান্তকে ভাড়াটেদের জন্য ‘ঐতিহাসিক বিজয়’ বলে অভিহিত করেন।
চায়নাটাউনভিত্তিক সংগঠন সিএএএভির (CAAAV) ভাড়াটে নেতা লিন্ডা লিন বলেন, শ্রমজীবী ও অভিবাসী ভাড়াটেরা সংগঠিত হয়ে এই অর্জন সম্ভব করেছেন। তাঁর ভাষায়, এটি কেবল শুরু, ভবিষ্যতেও ভাড়াটেদের অধিকার আদায়ের আন্দোলন চলবে।
তবে ভোটের আগে বোর্ডে নাটকীয় পরিস্থিতিরও সৃষ্টি হয়। মালিকপক্ষের প্রতিনিধি ক্রিস্টিনা স্মিথ ভোটের কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, বোর্ড নিজেদের উপাত্ত উপেক্ষা করে রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে। এরপরও কোরাম বজায় থাকায় ভোট অনুষ্ঠিত হয়। মালিকপক্ষের আরেক প্রতিনিধি মাকসিম ওয়িন দীর্ঘ বক্তব্যের পর শেষ পর্যন্ত ভাড়া বৃদ্ধি শূন্য রাখার পক্ষেই ভোট দেন। ফলে সিদ্ধান্তটি ৭-১ ভোটে অনুমোদিত হয়।
ভাড়াটে সংগঠনগুলোর দাবি, গত কয়েক বছরে বাড়ির মালিকদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, অথচ অনেক ভবনে তাপ, গরম পানি ও রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগও বেড়েছে। তাদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, ফেডারেল সামাজিক সহায়তা কর্মসূচিতে কাটছাঁট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত লাখো পরিবারের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। কমিউনিটি সার্ভিস সোসাইটির হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে আগামী চার বছরে নিউইয়র্কের ভাড়াটেরা সম্মিলিতভাবে প্রায় ৭ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবেন।
অন্যদিকে বাড়ির মালিকদের সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। রিয়েল এস্টেট বোর্ড অব নিউইয়র্কের প্রেসিডেন্ট জেমস হোয়েলান বলেন, পরিচালন ব্যয় ক্রমাগত বাড়লেও বোর্ড তা বিবেচনায় নেয়নি। তাঁর মতে, রাজনৈতিকভাবে জনপ্রিয় হলেও এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আবাসন সংকট আরও জটিল করবে। নিউইয়র্ক অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কেনি বার্গোসও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে পুরোনো ভবনের রক্ষণাবেক্ষণ ব্যাহত হতে পারে।
তবে নিউইয়র্ক সিটির স্বাধীন বাজেট দপ্তরের তথ্য বলছে, ভাড়া-নিয়ন্ত্রিত ভবনের আর্থিক সংকট মূলত সীমিতসংখ্যক মালিকের মধ্যে কেন্দ্রীভূত এবং অধিকাংশ মালিক এখনও আর্থিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
সিদ্ধান্ত ঘোষণার পর শত শত ভাড়াটে রাস্তায় নেমে উদযাপন করেন। ভাড়াটে সংগঠনের নেতারা বলেন, এই রায় শুধু ভাড়া স্থির রাখার সিদ্ধান্ত নয়, বরং সংগঠিত আন্দোলনের শক্তিরও প্রমাণ। তাঁদের মতে, নিউইয়র্কে দীর্ঘদিন ধরে আবাসন নীতিতে প্রভাবশালী রিয়েল এস্টেট লবির বিপরীতে এবার ভাড়াটেদের কণ্ঠই গুরুত্ব পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে ছয় বছরের এক শিশুকন্যা ও তার বাবার মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে। পুলিশ জানিয়েছে, পারামাট্টা নদীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ৪৭ বছর বয়সী মওলিক ধান্ধুকিয়া এবং তার ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সিডনির কনকর্ড এলাকার কাছে একটি নৌকা ভাড়া করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। তার সঙ্গে ছিলেন ছয় বছর বয়সী কন্যা। কিছু সময় পর নদীতে জরুরি পরিস্থিতির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো। আরও পড়ুন...টেক্সাসে স্বামীর গুলিতে স্ত্রী নিহত, পরে পুলিশের গুলিতে স্বামী নিহত; দুই শিশুকে পুলিশের তথ্য অনুযায়ী, দুপুরের কিছু আগে মওলিক ধান্ধুকিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এরপর প্রায় সাত ঘণ্টা ধরে শিশুটির সন্ধানে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। উদ্ধারকারীরা শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৫টার দিকে শিশুকন্যার মরদেহ নদী থেকে উদ্ধার করেন। ঘটনার তদন্তে সহায়তার জন্য আশপাশের বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় একটি স্থাপনার সিসিটিভি ফুটেজও তদন্তকারীদের হাতে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়েছে, আগামী শুক্রবার রাউস হিলের ক্যাসেলব্রুক ক্রেমেটোরিয়ামে বাবা ও মেয়ের যৌথ শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শোকবার্তায় লেখা হয়েছে, “দুই কোমল ও সদয় আত্মা, যারা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। তাদের আত্মার শান্তি কামনা করছি।” তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার আগে কয়েক দফা নৌকা ভাড়া করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। একবার তার স্ত্রী প্রীতিবেন ধান্ধুকিয়াও তার সঙ্গে ছিলেন বলে জানা গেছে। আরও পড়ুন...টেক্সাসে বিস্ফোরণের আগুনে পুড়েও বাড়ি ও নাতি-নাতনিদের বাঁচালেন এক সাহসী দাদা পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যা তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এর বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। কেন এমন ঘটনা ঘটল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রায় দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। সেখানে তিনি ২০০৫ সালে জিমে ব্যায়াম করার সময় ঘাড়ে পাওয়া আঘাতের কারণে দীর্ঘদিন ধরে ভোগা শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ঘাড়ের দীর্ঘস্থায়ী ব্যথা তার জীবনের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমআরআই পরীক্ষায় তার মেরুদণ্ডের ঘাড়ের অংশে স্নায়ুর ওপর চাপের বিষয়টি ধরা পড়ে বলেও তিনি উল্লেখ করেন। মওলিক ধান্ধুকিয়া পেশাগত জীবনে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন। ২০২২ সাল থেকে তিনি সাউথ ইস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন সাপোর্ট বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া ও ভারতে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই ঘটনার পর পরিবারটির জন্য সহায়তা তহবিলও গঠন করেছেন স্বজন ও পারিবারিক বন্ধুরা। তহবিল সংগ্রহের আহ্বানে বলা হয়েছে, প্রীতিবেন ধান্ধুকিয়া একসঙ্গে তার স্বামী ও একমাত্র কন্যাকে হারিয়েছেন। এই কঠিন সময়ে তাকে আর্থিক ও মানসিক সহায়তা দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ▶️ ট্রাম্পের লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের তহবিলের অর্থ শেষকৃত্যের ব্যয়, ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং নিকট আত্মীয়দের যাতায়াত ও আবাসন খাতে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট ক্রিস্টিন ম্যাকডোনাল্ড ঘটনাটিকে “পরিবার ও সমাজের জন্য এক গভীর ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সব দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি এবং কোনো সম্ভাবনাই উপেক্ষা করা হবে না।” পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে পারিবারিক সহিংসতার কোনো উপাদান ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বাবা ও মেয়ের একসঙ্গে শেষকৃত্যের খবর আরও আবেগঘন পরিবেশ তৈরি করেছে। স্বজন ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্মরণ করে শোক প্রকাশ করছেন।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস-এর আওতায় থাকা অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি নেওয়ার অথবা দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশে লাখ লাখ অভিবাসীর মানবিক সুরক্ষা বাতিল করার পর এই মন্তব্য করলেন তিনি। সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মুলিন জানান, এই রায়ের ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হাইতি ও সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত ও চরম দারিদ্র্যপীড়িত দেশের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ পেল। মুলিন তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, অভিবাসীদের আইনি কাগজপত্র পূরণের মাধ্যমে স্থায়ী বৈধতা নেওয়ার চেষ্টা করতে হবে, অন্যথায় প্রশাসন তাদের নিজ দেশে ফিরে যেতে সাহায্য করবে। প্রত্যাবর্তনের জন্য প্রশাসন বিমান ভাড়ার পাশাপাশি নতুন করে জীবন শুরু করতে মাথাপিছু প্রায় ২,১০০ ডলার আর্থিক সহায়তা দেবে বলেও তিনি জানান। তিনি জোর দিয়ে বলেন, আদালতের নির্দেশ এবং নাম অনুযায়ীই ‘টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস’ বা টিপিএস কোনো স্থায়ী বৈধতা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পালিয়ে আসা মানুষদের সাময়িক আইনি বৈধতা হিসেবে এই সুবিধা দেওয়া হয়েছিল। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর হাইতিয়ানদের এবং ২০১২ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরীয়দের এই সুরক্ষা দেওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়ের ফলে প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান এবং ৬ হাজার সিরীয় অভিবাসী এখন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হাতে আটক বা সরাসরি দেশে ফেরত পাঠানোর হুমকির মুখে পড়েছেন। অথচ আশ্চর্যের বিষয় হলো, মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো ব্যাপক সহিংসতা, অপরাধ ও সন্ত্রাসের কারণে হাইতি এবং সিরিয়ায় ভ্রমণের ওপর কড়া সতর্কতা জারি করে রেখেছে। এই রায়ের পর হাইতিয়ান অভিবাসী এবং মানবাধিকার কর্মীরা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ওহাইওর স্প্রিংফিল্ডে বসবাসরত হাইতিয়ানরা চরম অনিশ্চয়তায় দিন পার করছেন। ফ্রাঙ্কি পিয়েরে নামের এক হাইতিয়ান অভিবাসী জানান, এই রায়ের ফলে বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবেন, যা সেখানকার অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের ধস নামাবে। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প স্প্রিংফিল্ডের হাইতিয়ানদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন, যার জেরে শহরটিতে বোমাতঙ্ক ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মিছিলের মতো ঘটনা ঘটেছিল। তবে শুধুমাত্র অভিবাসীরাই নন, খোদ রিপাবলিকান দলের অনেক নেতাও সুপ্রিম কোর্টের এই রায়ের সমালোচনা করেছেন। ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডিউইন এই রায়কে একটি ‘ভুল’ আখ্যা দিয়ে বলেছেন, হাইতির বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং সেখানকার অর্থনীতি ও সরকার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এছাড়া মাইক ললার ও ডন বেকনের মতো অন্যান্য রিপাবলিকান কংগ্রেসম্যানরাও হাইতিয়ান অভিবাসীদের টিপিএস মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বর্তমানে ১৭টি দেশের প্রায় ১৭ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে টিপিএস সুবিধার আওতায় রয়েছেন। অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন হয়তো অন্যান্য অভিবাসীদের ক্ষেত্রেও এই সুবিধা বাতিল করে ১৯৯০ সালে শুরু হওয়া এই কর্মসূচির পুরোপুরি ইতি টানতে পারে।
পাখিরা নিজেদের মধ্যে কীভাবে যোগাযোগ করে এবং তাদের ডাকের আড়ালে কী অর্থ লুকিয়ে থাকে, তা প্রথমবারের মতো উন্মোচন করেছেন এক মার্কিন বিজ্ঞানী। পাখির এই ভাষা বা ‘বার্ডসং’ ডিকোড করার অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতিস্বরূপ ১ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন তিনি। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির গবেষক ড. জুলি এলি এ বছর ‘কলার-ডলিটল প্রাইজ ২০২৬’ লাভ করেছেন। মানুষের সাথে পশুপাখির দ্বিমুখী যোগাযোগ স্থাপন করার বৈজ্ঞানিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হয়। ড. জুলি মূলত ‘জেব্রা ফিঞ্চ’ (Zebra Finch) নামক ছোট গায়ক পাখির ওপর দীর্ঘ ১৫ বছর ধরে গবেষণা চালিয়েছেন। তিনি এই পাখির ডাকের ১১টি মূল ধরন এবং সেগুলোর সুনির্দিষ্ট অর্থ সফলভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। তার গবেষণায় দেখা গেছে, জেব্রা ফিঞ্চরা তাদের নির্দিষ্ট কণ্ঠস্বরের মাধ্যমে নিজেদের পরিচয় দেয়, তারা সে মুহূর্তে কী করছে তা অন্য পাখিদের জানায় এবং একে অপরকে চিনে রাখে। এই কাজের জন্য ড. জুলি এক দশকেরও বেশি সময় ধরে পাখিদের বিভিন্ন ডাক রেকর্ড করেন। পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে সেই আওয়াজগুলো বিশ্লেষণ করে তিনি এই ভাষা বুঝতে পারেন। গবেষণার সত্যতা যাচাই করতে ড. জুলি পাখিদের নিয়ে একটি বিশেষ পরীক্ষাও চালান। সেখানে পাখিদের সামনে একটি বোতাম রাখা হয়, যা চাপলে বিভিন্ন আওয়াজ তৈরি হতো। কিছু নির্দিষ্ট আওয়াজের পর পাখিদের পুরস্কার হিসেবে খাবার দেওয়া হতো। পরীক্ষা চলার একপর্যায়ে পাখিরা বুঝতে পারে কোন আওয়াজের পর খাবার পাওয়া যাবে না, এবং তারা স্মার্টফোনে ভিডিও স্ক্রোল করার মতো করে সেই আওয়াজগুলো বোতাম চেপে এড়িয়ে যেতে শুরু করে। জেরেমি কলার ফাউন্ডেশন এবং তেল আবিব ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ২০২৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। মানুষ ও প্রাণীর মধ্যে সরাসরি যোগাযোগের কোড উদ্ধার করার জন্য এই ফাউন্ডেশন ১০ মিলিয়ন ডলারের একটি মহাপুরস্কারও ঘোষণা করে রেখেছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের জেরেমি কলার আশা প্রকাশ করেছেন যে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির কারণে ২০৩০ সালের মধ্যেই মানুষ পশুপাখির সাথে সরাসরি কথা বলতে সক্ষম হবে। সূত্র: দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে চার্লস নদী থেকে ওঠার সময় যাত্রীসহ একটি পর্যটকবাহী বিশেষ ‘ডাক বোট’ উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলের এই দুর্ঘটনায় অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। ঘটনার আকস্মিকতায় এবং বোটের যাত্রীদের চিৎকারে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও ম্যাসাচুসেটস স্টেট পুলিশ জানায়, শনিবার দুপুর ৩টার পরপরই লিঞ্চ ফ্যামিলি স্কেট পার্কের কাছে এই দুর্ঘটনা ঘটে। বোটটি নদী থেকে অর্ধেক উপরে ওঠার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে পুরোপুরি উল্টে যায়। কেমব্রিজ পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই জলযানটিতে চালকসহ মোট ৩২ জন যাত্রী আরোহী হিসেবে ছিলেন। মূলত বোটটি নদীতে থাকা অবস্থাতেই যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল। এরপর আরেকটি বোট দিয়ে সেটিকে দড়ি বেঁধে টেনে তীরের দিকে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু নদী থেকে ওঠার র্যাম্পে ওঠার মুহূর্তে টানার দড়িটি হঠাৎ ছিঁড়ে যায়। এতে বোটটি দ্রুত পেছনের দিকে যেতে শুরু করে এবং দুপাশের পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বোটে থাকা পর্যটকদের কোনো সিটবেল্ট বাঁধা ছিল না। ফলে বোটটি উল্টে যাওয়ার সাথে সাথে ভেতরের সমস্ত যাত্রী একে অপরের ওপর ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই চারদিকে মানুষের কান্নাকাটি ও চিৎকার শুরু হয় এবং অনেককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বোস্টন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ম্যাসাচুসেটস স্টেট পুলিশ এবং কেমব্রিজ ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে বোটে থাকা সব যাত্রীর অবস্থান নিশ্চিত করে। এই ঘটনার পর ‘বোস্টন ডাক ট্যুরস’ কর্তৃপক্ষ ইউএস কোস্ট গার্ডের সাথে মিলে তদন্ত শুরু করেছে এবং সাময়িকভাবে তাদের সকল বোট চলাচল বন্ধ ঘোষণা করেছে।