সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

আঘাতে ১০ বছরের পালিত শিশুর মৃত্যু, অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আগেও নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১০:৪৫
আঘাতে ১০ বছরের পালিত  শিশুর মৃত্যু, অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আগেও নির্যাতনের অভিযোগ
আঘাতে ১০ বছরের পালিত শিশুর মৃত্যু, অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আগেও নির্যাতনের অভিযোগ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ১০ বছর বয়সী পালিত শিশু মালেশিয়া আলফোর্ডের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পালক মা কারপ্রাইস উইলিয়ামসের বিরুদ্ধে আগেও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছিল। পাঁচ বছর আগে তাঁর তত্ত্বাবধানে থাকা চার বছর বয়সী আরেক শিশুকে গুরুতর অপুষ্টি ও মস্তিষ্কে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই ঘটনার পর উইলিয়ামসকে ভবিষ্যতে আর পালক অভিভাবক হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ করা হয়েছিল বলে আদালতে দাখিল করা একটি মামলায় উল্লেখ রয়েছে। নতুন করে এই তথ্য সামনে আসায় যুক্তরাষ্ট্রের পালক শিশু পরিচর্যা ব্যবস্থার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

 

মার্কিন সংবাদমাধ্যম এবিসি ১৩ হিউস্টনের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে উইলিয়ামসের বাড়িতে থাকা চার বছর বয়সী এক শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা শিশুটির শরীরে অপুষ্টি, মস্তিষ্কে আঘাত, মুখে ক্ষত এবং নির্যাতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আঘাতের চিহ্ন শনাক্ত করেন। চিকিৎসকেরা ঘটনাটিকে প্রায় প্রাণঘাতী পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছিলেন। শিশুটির পরিবারের পক্ষে আইনজীবী নাদিম বেজার জানিয়েছেন, ওই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুতর অভিযোগ জমা পড়েছিল।

 

২০২৪ সালে ওই শিশুর পরিবারের পক্ষে তাবর চিলড্রেনস সার্ভিসেসের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যথাযথ ব্যবস্থা নেয়নি। আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ঘটনার পর রাজ্য ও নগর কর্তৃপক্ষের একটি পর্যালোচনা প্যানেল উইলিয়ামসকে ভবিষ্যতে আর কোনো শিশুর পালক অভিভাবক হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ করেছিল। মামলাটি ২০২৬ সালে ২০ লাখ ডলারে নিষ্পত্তি হয়। তবে পেনসিলভানিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, উইলিয়ামসের আপিলের পর আগের ঘটনায় তাঁর বিরুদ্ধে করা শিশু নির্যাতনের ইঙ্গিতবাহী সরকারি প্রতিবেদন বাতিল করা হয়েছিল। অর্থাৎ আগের অভিযোগে তাঁকে ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত করা হয়নি।

 

এদিকে মালেশিয়া আলফোর্ডের মৃত্যুর ঘটনায় উইলিয়ামসের বিরুদ্ধে হত্যা, শিশুর কল্যাণ বিপন্ন করা, আলামত নষ্ট করা এবং মরদেহের অবমাননাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পুলিশের নথি অনুযায়ী, গত ২২ অক্টোবর শিশুটিকে সর্বশেষ জীবিত দেখা যায়। ২৬ অক্টোবর তাকে নিখোঁজ দেখিয়ে পুলিশকে জানানো হয়। প্রায় ১০ দিন অনুসন্ধানের পর গত ৪ নভেম্বর নিউ জার্সির লিন্ডেনওল্ড এলাকার একটি গাড়ির ট্রাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে ভোঁতা বস্তুর আঘাত শনাক্ত করা হয়েছে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

 

তদন্তকারীদের বরাত দিয়ে এনবিসি ১০ জানিয়েছে, মালেশিয়ার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগের পক্ষে কয়েকজন শিশু সাক্ষ্য দিয়েছেন। তাঁদের দাবি, উইলিয়ামস শিশুটিকে মারধর করতেন, খাবার ও পানি দেওয়া বন্ধ রাখতেন এবং ভারী ভেস্ট পরিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বাধ্য করতেন। এসব অভিযোগ পুলিশি নথিতে উল্লেখ রয়েছে। তদন্তকারীরা আরও দাবি করেছেন, শিশুটি মারা যাওয়ার পর তার ফোন ব্যবহার করে এমন বার্তা পাঠানো হয়েছিল, যাতে তাকে জীবিত ও অন্যত্র অবস্থান করছে বলে মনে হয়। তবে এসব অভিযোগের বিচার এখনো সম্পন্ন হয়নি।

 

আইনজীবী নাদিম বেজার প্রশ্ন তুলেছেন, আগের ঘটনায় গুরুতর নির্যাতনের অভিযোগ এবং ভবিষ্যতে পালক অভিভাবক হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ থাকার পরও কীভাবে উইলিয়ামস আবার একটি শিশুর দায়িত্ব পেয়েছিলেন। তাঁর মতে, শুধু পালক অভিভাবক নয়, শিশুদের দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকাও তদন্ত করা প্রয়োজন। মালেশিয়ার দেখভালের দায়িত্বে ছিল ফিলাডেলফিয়ার শিশু কল্যাণ বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ ক্যাথলিক কমিউনিটি সার্ভিসেস।

 

এ ঘটনায় ফিলাডেলফিয়ার শিশু কল্যাণ বিভাগ ও সংশ্লিষ্ট পালক পরিচর্যা সংস্থাগুলোর তদারকি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। মালেশিয়ার মৃত্যুর পর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নথিপত্র ও শিশুটির পালক পরিবারে অবস্থানের বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে অভিযুক্ত উইলিয়ামসের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং আদালত তাঁকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দিয়েছেন। তদন্তকারীরা এখন শুধু শিশুটির মৃত্যুর ঘটনা নয়, আগের অভিযোগের পরও কীভাবে তিনি আবার পালক অভিভাবক হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেটিও খতিয়ে দেখছেন।

 

সংবাদসূত্র: এবিসি ১৩ হিউস্টন, ৬এবিসি ফিলাডেলফিয়া।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
নিউইয়র্কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিতে বাংলাদেশিদের পরিচালিত মসজিদের কার্যক্রম বন্ধ
নিউইয়র্কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিতে বাংলাদেশিদের পরিচালিত মসজিদের কার্যক্রম বন্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি থাকায় বাংলাদেশিদের পরিচালিত অন্যতম বড় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) বন্ধ করে দিয়েছে নগরীর ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই)। মসজিদে চলমান সম্প্রসারণ প্রকল্পে স্বয়ংক্রিয় স্প্রিংকলার বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ফায়ার সেফটি বা অগ্নিঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত ৬ নভেম্বর শুক্রবার ওই মসজিদে জুমার নামাজও স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।   এফডিএনওয়াই-এর স্পেশাল ইন্সপেকশন ইউনিটের ফায়ার প্রোটেকশন ইন্সপেক্টর টমাস ফোর্ড জানান, বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর তারা মসজিদটি পরিদর্শনে যান। সেখানে স্প্রিংকলার ব্যবস্থা না থাকায় মুসল্লিদের নিরাপত্তার জন্য তা সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুরোপুরি স্থাপন না করা পর্যন্ত মসজিদের কার্যক্রম বন্ধ রাখতে হবে।   ধর্মীয় এই প্রতিষ্ঠানের প্রতি সম্মান রেখেই তিনি বলেন, জনগণের নিরাপত্তাকেই সবার আগে অগ্রাধিকার দিতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি। টমাস ফোর্ড আরও জানান, স্প্রিংকলার স্থাপনের কাজ শেষ হলে তারা পুনরায় পরিদর্শন করবেন এবং সব নিরাপত্তা মানদণ্ড পূরণ হওয়ার বিষয়টি নিশ্চিত হলে তবেই পুনরায় কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হবে।   জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টি ও কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জানান, স্প্রিংকলার স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা আশা করেছিলেন আগামী সপ্তাহের মধ্যেই এটি সম্পন্ন হবে। তবে এর আগেই জুমার নামাজের ঠিক আগে কার্যক্রম স্থগিতের এই নির্দেশ আসে।   তিনি জানান, নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং মসজিদ কর্তৃপক্ষ শুরু থেকেই সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জুমার নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি আশা জানান যে আগামী এক সপ্তাহের মধ্যেই তারা আবারও কার্যক্রম শুরু করতে পারবেন। এই সময়ের মধ্যে নিয়মিত মুসল্লিদের সাময়িকভাবে আশেপাশের অন্যান্য মসজিদে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন তিনি।   জেএমসির চলমান এই সম্প্রসারণ প্রকল্পের অধীনে মসজিদের হিফজ বিভাগটি দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় স্থানান্তর, প্রায় ১৮০ জন মুসল্লির জন্য নামাজের অতিরিক্ত জায়গার ব্যবস্থা করা, ভবনের পুরোনো ও নতুন অংশের সংযোগ উন্নত করা এবং একটি নতুন লিফট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই অবশিষ্ট সম্প্রসারণ কাজের জন্য গত ২৪ অক্টোবর আয়োজিত এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রায় ১ মিলিয়ন (১০ লাখ) ডলারের অনুদান ও প্রতিশ্রুতি পেয়েছিল মসজিদ কর্তৃপক্ষ।

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১০:৪৬
আঘাতে ১০ বছরের পালিত  শিশুর মৃত্যু, অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আগেও নির্যাতনের অভিযোগ

আঘাতে ১০ বছরের পালিত শিশুর মৃত্যু, অভিযুক্ত মায়ের বিরুদ্ধে আগেও নির্যাতনের অভিযোগ

দক্ষিণ আফ্রিকা ছেড়ে মাত্র ১৭ বছর বয়সে কানাডায় পাড়ি জমিয়েছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

১৭ বছর বয়সে আড়াই হাজার কানাডিয়ান ডলার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইলন মাস্ক!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্পের নেতৃত্ব ও মাগা আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি: সংগৃহীত

ট্রাম্পের নেতৃত্বেই আস্থা হারাচ্ছেন মাগা সমর্থকদের একাংশ, নির্বাচনী বিপর্যয়ের পর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্র ছেড়ে সপরিবারে নিজ দেশ ইসরায়েলে স্থায়ীভাবে ফিরে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গ্যাল গ্যাডট। ছবি: সংগৃহীত
ইসরায়েলিদের পৃথিবী ছোট হয়ে আসছে, যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে দেশে ফিরছেন গ্যাল গ্যাডট

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গ্যাল গ্যাডট যুক্তরাষ্ট্র ছেড়ে সপরিবারে নিজ দেশ ইসরায়েলে স্থায়ীভাবে ফিরে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে। তবে অভিনেত্রী নিজে কিংবা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র ছাড়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত খবর হিসেবে প্রতিষ্ঠিত নয়।   ইসরায়েলে জন্ম নেওয়া গ্যাল গ্যাডট দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্পে কাজ করছেন। হলিউডে আন্তর্জাতিক পরিচিতি পেলেও নিজ দেশের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক যোগাযোগ রয়েছে। স্বামী জ্যারন ভারসানো এবং চার মেয়েকে নিয়ে তাঁর পারিবারিক জীবনও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে।   গত ২৭ অক্টোবর ইসরায়েলের চ্যানেল টুয়েলভের জনপ্রিয় ব্যঙ্গাত্মক অনুষ্ঠান ‘এরেতজ নেহেদেরেত’-এ অংশ নিয়ে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান গ্যাডট। ইসরায়েলের নির্বাচনে ভোট দিতে তিনি যুক্তরাষ্ট্র থেকে সেখানে গিয়েছিলেন। অনুষ্ঠানে বিদেশে বসবাসের অভিজ্ঞতা, ইসরায়েলি পরিচয়ের কারণে বিরূপ প্রতিক্রিয়া এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি।   গ্যাডট জানান, বর্তমান পরিস্থিতিতে বিদেশে ইসরায়েলি পরিচয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনেক সময় বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয় তাঁকে। এমনকি সুপারমার্কেটসহ জনসমাগমস্থলে যাওয়ার সময় পরিচয় আড়াল করতে মুখে মাস্ক পরেন বলেও জানান অভিনেত্রী।   ইসরায়েলে ফিরে বসবাসের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে গ্যাডট বলেন, তাঁরা দেশে ফিরতে চান এবং ইতিমধ্যে সেখানে একটি বাড়ি নির্মাণ করছেন। স্বামী ও চার মেয়েকে নিয়েই এই পরিকল্পনা করেছেন তিনি। তবে কবে যুক্তরাষ্ট্র ছেড়ে স্থায়ীভাবে ইসরায়েলে যাবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি।   অভিনেত্রী জানান, তাঁর চার মেয়ের মধ্যে একজনের জন্ম ইসরায়েলে এবং বাকি তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে। সন্তানরা আমেরিকায় বড় হলেও ইসরায়েলের ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। দেশে বেড়াতে গেলে অল্প সময়ের মধ্যেই তারা স্থানীয় ভাষা ও জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেয়।   প্রায় ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন গ্যাল গ্যাডট। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ চলচ্চিত্র সিরিজের মাধ্যমে হলিউডে পরিচিতি পাওয়ার পর ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।   এদিকে, গত ২৬ অক্টোবর ইসরায়েলের বার ইলান ইউনিভার্সিটি তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আন্তর্জাতিক চলচ্চিত্রে অবদান ও ইসরায়েলের সঙ্গে তাঁর সম্পৃক্ততার স্বীকৃতিতে এই সম্মাননা দেওয়া হয়।   গ্যাডটের বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা নিয়ে তাঁর অসন্তোষ রয়েছে এবং ভবিষ্যতে পরিবারসহ ইসরায়েলে ফেরার ইচ্ছাও রয়েছে। তবে তাঁর এই পরিকল্পনা বাস্তবায়নের সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১০:১৯
বিশ্ববিদ্যালয়ের ছাত্র অ্যারন লেভির পাঠানো একটি ইমেইলের জবাবে তাঁর স্টার্টআপে বিনিয়োগ করেছিলেন বিলিয়নিয়ার মার্ক কিউবান। ছবি: সংগৃহীত

২০ বছর বয়সে এক ইমেইলে পেলেন সাড়ে ৩ লাখ ডলার, গড়লেন ৪৬০ কোটি ডলারের কোম্পানি

নিউইয়র্কের ব্রুকলিনে জগিং করার সময় কেটি সুয়ারেজ হত্যার ঘটনায় সায়েদ মোহাসিব নামের এক স্কুলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ব্রুকলিনে জগিং করতে গিয়ে নারীকে খুন, হত্যার অভিযোগে স্কুলকর্মী সায়েদ মোহাসিব গ্রেফতার

ভারত-পাকিস্তান যু দ্ধ বাধলে পাকিস্তানের পক্ষ নেবেন ইহুদিরা

ভারত-পাকিস্তান যু দ্ধ বাধলে পাকিস্তানের পক্ষ নেবেন ইহুদিরা, ‘মূর্তিপূজকদের বেঁচে থাকার অধিকার নেই’ বললেন রাব্বি

ফিলাডেলফিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন প্রবাসী বাংলাদেশি আমানুর রহমান (মুকুল)। ছবি: সংগৃহীত
ফিলাডেলফিয়ায় প্রবাসী বাংলাদেশি আমানুর রহমান মুকুলের মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় প্রবাসী বাংলাদেশি আমানুর রহমান (মুকুল) ইন্তেকাল করেছেন। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ফিলাডেলফিয়া ও আশপাশের বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।   মরহুম আমানুর রহমান পেনসিলভানিয়ার আপার ডার্বির বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার (বিটিএসপি) সম্মানিত সদস্য এবং সংগঠনটির সাবেক নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি ফিলাডেলফিয়ার বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ছিলেন।   মরহুমের নামাজে জানাজা আজ রবিবার (৮ নভেম্বর) জোহরের নামাজের পর মসজিদ আল মদিনা, আপার ডার্বি, পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিয়ে মরহুমের জন্য দোয়া করতে কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।   এদিকে তাঁর মৃত্যুতে বন্ধু, স্বজন ও কমিউনিটির পরিচিতজনেরা শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।   মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন। আমিন।

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ৯:৪১
যুক্তরাষ্ট্রে ২৯ হাজার বেবি বোতল স্টেরিলাইজার প্রত্যাহার, রয়েছে পুড়ে যাওয়ার ঝুঁকি

যুক্তরাষ্ট্রে ২৯ হাজার বেবি বোতল স্টেরিলাইজার প্রত্যাহার, রয়েছে পুড়ে যাওয়ার ঝুঁকি

বিমানবন্দরে ভেন্ডিং মেশিনে  পানি কিনেও দিতে হচ্ছে টিপস

বিমানবন্দরে ভেন্ডিং মেশিনে পানি কিনেও দিতে হচ্ছে টিপস, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

ক্যালিফোর্নিয়ায় চেকপোস্টে ধরা খেল দুই মাদক পাচারকারী, জব্দ প্রায় ১ কোটি ডলারের কোকেন

ক্যালিফোর্নিয়ায় চেকপোস্টে ধরা খেল দুই মাদক পাচারকারী, জব্দ প্রায় ১ কোটি ডলারের কোকেন

0 Comments