কয়েক সপ্তাহ আগেই ‘উন্মাদ জিহাদি’ উল্লেখ এবার এল-সায়েদকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ বলে প্রশংসায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তাব নিয়ে মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর ড. আবদুল এল-সায়েদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ সত্ত্বেও স্বাস্থ্যসেবা খাতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান। আবদুল এল-সায়েদের প্রস্তাবিত ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির নাম ‘ট্রাম্পকেয়ার’ রাখার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
ট্রাম্প বলেন, এল-সায়েদ একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি খুব ভালো কাজ করেছেন। তাঁর সঙ্গে আমার বৈঠক হবে। সম্ভবত আমরা কোনো একটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারব। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি প্রেসিডেন্ট।
গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোনালি রঙের একটি প্রস্তাবিত হেলথ ইন্স্যুরেন্স কার্ডের নমুনা প্রকাশ করেন আবদুল এল-সায়েদ। কার্ডটিতে ‘ট্রাম্পকেয়ার’ নামের পাশাপাশি প্রেসিডেন্টের স্বাক্ষরও রাখা হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মার্কিন নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গত শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই পোস্টটি শেয়ার করেন। এর প্রতিক্রিয়ায় এল-সায়েদ জানান, প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার কর্মসূচির আওতায় মূলত ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাস্থ্যসেবার সুবিধা পান। প্রস্তাবিত ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির লক্ষ্য হচ্ছে বয়স বা আয়ের সীমাবদ্ধতা ছাড়াই সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবার কভারেজ নিশ্চিত করা।
তবে এই প্রস্তাব নিয়ে রিপাবলিকানদের মধ্যে বিরোধিতা রয়েছে। তাঁদের আশঙ্কা, এমন কর্মসূচি চালু হলে সরকারি ব্যয় ও করের বোঝা বাড়তে পারে। অন্যদিকে, সমর্থকদের দাবি, এটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের চিকিৎসা ও হেলথ ইন্স্যুরেন্সের ব্যয় কমবে।
আগামী ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিশিগানে জন্ম নেওয়া চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবদুল এল-সায়েদ। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের কঠোর সমালোচক হলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
তবে ট্রাম্পের বৈঠকের ঘোষণা মানেই প্রস্তাবটির অনুমোদন নয়। কর্মসূচি বাস্তবায়নের জন্য কংগ্রেসে আইন পাসসহ প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
871 এসএ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টারজিস শহরে মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার দাবিতে জমা দেওয়া একটি নাগরিক আবেদন সর্বসম্মতভাবে নাকচ করেছে নগর কমিশন। সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সভায় কমিশনাররা প্রস্তাবটিকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী ও যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। শহরের মেয়র ফ্র্যাঙ্ক পেরেজ আবেদনটিকে ‘নিখাদ ঘৃণা’ বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য, এ ধরনের মনোভাবের কোনো জায়গা স্টারজিস শহরে হওয়া উচিত নয়। ডন মারকেল নামে স্থানীয় এক বাসিন্দা গত ৯ নভেম্বর আবেদনটি জমা দেন। এতে শহরের সীমানার মধ্যে এখন থেকে ভবিষ্যতে কোনো মসজিদ নির্মাণের অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। আবেদনে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর ও বিদ্বেষমূলক বক্তব্যও উল্লেখ করা হয়েছিল। স্টারজিস শহরের সরকারি নথি অনুযায়ী, আবেদনটি কমিশনে উত্থাপনের জন্য প্রয়োজন ছিল ৩০১টি বৈধ স্বাক্ষর। সেখানে জমা পড়া স্বাক্ষরের মধ্যে ৩১৬টি বৈধ হিসেবে যাচাই করা হয়। শহরের সনদ অনুযায়ী, সর্বশেষ স্থানীয় নির্বাচনে কমিশনার পদে পড়া মোট বৈধ ভোটের ১৫ শতাংশ সমর্থন পেলেই কোনো নাগরিক প্রস্তাব নগর কমিশনে উত্থাপন করা যায়। গত ৩ নভেম্বরের নির্বাচনে কমিশনার পদে ২ হাজার ৯টি বৈধ ভোট পড়েছিল। সেই হিসাবে প্রয়োজনীয় স্বাক্ষরের সংখ্যা দাঁড়ায় ৩০১। প্রয়োজনীয় সমর্থন পাওয়ায় আবেদনটি কমিশনের আলোচ্যসূচিতে স্থান পায়। তবে যথেষ্ট স্বাক্ষর জমা পড়লেও শেষ পর্যন্ত প্রস্তাবটি অনুমোদন করেননি কমিশনাররা। সভায় আবেদনকারী ডন মারকেল নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন। তিনি যুক্তরাষ্ট্রকে খ্রিষ্টান রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটিতে ইসলাম ধর্মের চর্চা বন্ধের পক্ষে অবস্থান জানান। ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ধর্মটি দ্রুত নির্মূল করার আহ্বানও জানান তিনি। তবে তাঁর বক্তব্যের সঙ্গে একমত হননি উপস্থিত কমিশনাররা। বরং ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের বিষয়টি তুলে ধরে প্রস্তাবটির বিরোধিতা করেন তাঁরা। শহরের আইন কর্মকর্তা টি জে রিড কমিশনারদের জানান, প্রস্তাবটি আইন হিসেবে কার্যকর করা সম্ভব হবে না। তাঁর মতে, এটি যুক্তরাষ্ট্রের সংবিধান, মিশিগান অঙ্গরাজ্যের সংবিধান এবং অন্যান্য কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে। বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার মতো সাংবিধানিক অধিকারকে লক্ষ্য করে কোনো নির্দিষ্ট ধর্মীয় উপাসনালয় নির্মাণে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা আইনগতভাবে টিকবে না বলে তিনি মনে করেন। কোনো আদালত এ ধরনের বিধান কার্যকর করতে অনুমতি দেবে বলেও তিনি মনে করেন না। নগর কমিশনার অ্যারন মিলার বলেন, আবেদনটি যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে যায় না। এমনকি এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তিনি তার বিরোধিতা করবেন বলে জানান। আরেক কমিশনার জাস্টিন উইকি বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের স্বাধীনতা ও অধিকার সীমিত করার চেষ্টা। অন্যদিকে উপমেয়র জেফ মুলিনস ৩১৬ জনের স্বাক্ষর পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। মেয়র ফ্র্যাঙ্ক পেরেজও বলেন, এমন বিদ্বেষপূর্ণ মনোভাব শহরের পরিচয় হতে পারে না। সভায় স্থানীয় এক বাসিন্দাও প্রস্তাবটির বিরোধিতা করেন। তিনি খ্রিষ্টধর্মের প্রতিবেশীর প্রতি ভালোবাসার শিক্ষার কথা উল্লেখ করে বলেন, ধর্মের ভিত্তিতে প্রতিবেশীদের মধ্যে বিভাজন তৈরি করা উচিত নয়। কোনো বাসিন্দা প্রস্তাবটির পক্ষে বক্তব্য দেননি বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। পরে উপস্থিত কমিশনারদের ভোটে আবেদনটি সর্বসম্মতভাবে প্রত্যাখ্যাত হয়। তবে কমিশনার রিচার্ড বার ও ড্যানিয়েল বোরিং ওই সভায় উপস্থিত ছিলেন না। স্টারজিস শহরের সনদ অনুযায়ী, প্রয়োজনীয় স্বাক্ষরসহ কোনো নাগরিক প্রস্তাব জমা পড়লে নগর কমিশন সেটি অনুমোদন করতে পারে অথবা ভোটের জন্য নির্বাচনে পাঠাতে পারে। এ ক্ষেত্রে পরবর্তী সম্ভাব্য নির্বাচনের তারিখ ছিল ২০২৭ সালের ৪ মে। তবে আইন কর্মকর্তার মতামতের ভিত্তিতে কমিশন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। শহরের ক্লার্ক কেনেথ রোডস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশ না এলে প্রস্তাবটি নির্বাচনে যাওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, স্টারজিস শহরে সাম্প্রতিক সময়ে কোনো মসজিদ নির্মাণের নির্দিষ্ট প্রস্তাব জমা পড়ার তথ্যও পাওয়া যায়নি। তথ্যসূত্র: সিটি অব স্টারজিসের সরকারি নথি ও ওয়াটারশেড ভয়েস। 872 আইজেট
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রচেষ্টায় আবারও আদালতের বাধা
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সংগীত প্রযোজকের মৃ ত্যু, অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার আইসের
সামরিক স্কুলে বর্ণ ও লিঙ্গবিষয়ক শিক্ষায় বিধিনিষেধ, দেশপ্রেমে জোর দিচ্ছে পেন্টাগন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বেপরোয়া গাড়ি চালিয়ে এক তরুণী নার্সকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার (হিট-অ্যান্ড-রান) ঘটনায় কয়েক মাসের নিবিড় তদন্ত শেষে অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। গ্রেফতারকৃত ওই চালকের নাম জাস্টিন মেরকাডো (২২), তিনি স্টেটেন আইল্যান্ডের বাসিন্দা। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকালে ব্রুকলিনের ৭২তম প্রিসিঙ্কট থানায় তিনি আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে। পরবর্তীতে ব্রুকলিন সুপ্রিম কোর্টে হাজির করা হলে তাঁর বিরুদ্ধে নরহত্যা (ম্যানস্লটার), অপরাধমূলক অবহেলাজনিত হত্যা, গুরুতর আঘাত, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ইনডাইটমেন্ট) দাখিল করা হয়। পুলিশ ও ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে এনওয়াইইউ ল্যাঙ্গোন ব্রুকলিন হাসপাতালের ২৮ বছর বয়সী নার্স জিয়ায়ি ঝেং রাতের শিফট শেষে হাসপাতালের পোশাক (স্ক্রাবস) পরা অবস্থায় হেঁটে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে সানসেট পার্ক এলাকার ৫৫তম স্ট্রিট এবং থার্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ক্যাডিলাক গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে রাস্তায় পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে তাঁর নিজ কর্মস্থল এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় জাস্টিন মেরকাডো নির্ধারিত গতিসীমার প্রায় দ্বিগুণ অর্থাৎ ঘণ্টায় প্রায় ৫০ মাইল বেগে গাড়ি চালাচ্ছিলেন এবং লাল বাতি (রেড লাইট) অমান্য করে জিয়ায়ি ঝেংকে চাপা দেন। ঘটনার পর এনওয়াইপিডি গোয়েন্দারা দীর্ঘ সময় ধরে শহরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন। ফুটেজ ধরে তাঁরা দেখতে পান, অভিযুক্ত চালক ম্যানহাটনের একটি হোটেল থেকে বের হয়ে সানসেট পার্কের দুর্ঘটনাস্থল অতিক্রম করেন এবং পরবর্তীতে গাড়িটি স্টেটেন আইল্যান্ডে ফেলে রেখে আত্মগোপন করেন। বুধবার সকালে হাতকড়া পরিয়ে থানা থেকে বের করার সময় সাংবাদিকরা দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করলে মেরকাডো কোনো উত্তর দেননি। পুলিশ রেকর্ড অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে; এর আগে ২০২৪ সালের অক্টোবরে বড় ধরনের চুরির (গ্র্যান্ড লার্সেনি) অভিযোগে তিনি দুবার গ্রেফতার হয়েছিলেন এবং গত ১২ আগস্ট স্থগিত লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর দায়ে স্টেটেন আইল্যান্ডে তাঁকে আটক করা হয়েছিল। এদিকে, প্রাণবন্ত ও পরোপকারী সহকর্মী জিয়ায়ি ঝেংয়ের এমন অকাল মৃত্যুতে এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে।
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান মো. ইসলাম সরকারের সার্জেন্ট পদে পদোন্নতি
ট্রাম্প প্রশাসনের নির্বাসন পরিকল্পনায় আপস, নিজের পছন্দের দেশে যাচ্ছেন আব্রেগো
ট্রাম্প একসময় ‘জিহাদি’ বলেছিলেন, সেই প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে চান এল-সায়েদ
চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সদ্য পুনর্বহাল হওয়া জেনসেন হুয়াংয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো ধরনের ক্ষমা বা ‘পার্ডন’ নেওয়ার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানিয়েছিলেন যে, প্রযুক্তির এই শীর্ষ নির্বাহীকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় নিতে তিনি প্রস্তুত রয়েছেন। তবে বুধবার (২৫ নভেম্বর) নিজ অঙ্গরাজ্য ওহাইওর রাইট-প্যাটারসন এয়ার ফোর্স বেসে মার্কিন সামরিক সদস্যদের প্রাক-থ্যাংকসগিভিং মধ্যাহ্নভোজ পরিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স স্পষ্ট করেন যে, হুয়াং কোনো অপরাধ করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স জানান, তিনি বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল, মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এবং জাতীয় নিরাপত্তা সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভ্যান্স নিশ্চিত করেন যে জেনসেন হুয়াং বর্তমানে কোনো ধরনের তদন্তের আওতায় নেই। তিনি আরও বলেন, যদি হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত চলমান থাকত, তবে প্রশাসন অবশ্যই জনগণকে তা জানাত; কিন্তু বাস্তবে তেমন কিছুই নেই এবং তাই তাঁর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনীয়তাও দেখা যাচ্ছে না। উল্লেখ্য, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর গত ১২ নভেম্বর আকস্মিকভাবে এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। ওই সম্পর্কগুলোর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক একটি ক্লায়েন্ট প্রতিষ্ঠানের এক নির্বাহীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি সামনে আসে, যাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনার জেরে মার্কিন রাজনৈতিক মহলে জাতীয় নিরাপত্তা ও চিপ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠলেও নেপথ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সক্রিয় উদ্যোগেই হুয়াং আবারও এনভিডিয়ার নেতৃত্বে ফিরে আসতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হয়।
নিউইয়র্কের পার্কে ছুরিকাঘাতের নাটক, হামলার আগে নিজেই কিনেছিলেন ছুরি
যুক্তরাষ্ট্রে মাছ ধরার সফর শেষে মর্মান্তিক পরিণতি, বিমান দুর্ঘটনায় নি হত একই পরিবারের ৬ সদস্য

