সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের: চীনের জন্য সর্বোচ্চ, বাংলাদেশের জন্য হতে পারে ২০ শতাংশ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১০:৩৯
বাংলাদেশ ও চীনসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও চীনসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিয়ে বাংলাদেশ, চীন ও ভারতসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে। বুধবার এই প্রস্তাব দেওয়া হয়েছে।

 

যুক্তরাষ্ট্র তার অন্যতম প্রধান বাণিজ্য অংশীদারগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের একগুচ্ছ প্রস্তাব ঘোষণা করেছে। উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে 'সেকশন ৩০১' তদন্তের পর এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

যেসব অর্থনীতির বিরুদ্ধে এই তদন্ত পরিচালিত হয়েছে, তার মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত।

 

বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে শুল্কের হার ভিন্ন ভিন্ন হবে। এর মধ্যে চীনের ওপর সর্বোচ্চ '৪০ শতাংশ পর্যন্ত' শুল্ক আরোপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আসতে পারে এবং বাকি দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ শতাংশ অথবা ২৫ শতাংশ হতে পারে।

 

মার্কিন কর্মকর্তার তথ্যমতে, প্রস্তাবিত শুল্কের তালিকায় বাংলাদেশের পাশাপাশি কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম রয়েছে। আপাতত মেক্সিকো ও নরওয়েকে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।

 

নতুন শুল্ক নির্ধারণে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পাদিত বিভিন্ন বাণিজ্য চুক্তি বিবেচনায় নেওয়া হবে এবং আগের কয়েক দফা শুল্কের ওপর এগুলো চাপানো হবে না। এতে অনেক দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের খরচ বড় আকারে নাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবুও নতুন বাণিজ্য বোঝার আশঙ্কায় বুধবার বৈশ্বিক শেয়ারবাজারে চাপ পড়ে; এমএসসিআইয়ের বৈশ্বিক শেয়ার সূচক ০ দশমিক ৫ শতাংশ কমে যায়। আইএনজির বিশ্লেষকদের মতে, শুল্ক আরোপের আইনি যুক্তি বদলালেও যুক্তরাষ্ট্রের সংরক্ষণবাদী নীতি থেকে সরে আসা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

 

আলোচনার সীমা ছাড়াবে না নতুন শুল্ক
যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বাড়ার পেছনে ট্রাম্পের শুল্কনীতি ভূমিকা রেখেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর রয়টার্স/ইপসসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের প্রচেষ্টাকে সমর্থন করবেন।

 

তবে গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, তা পুনর্গঠনের পরিকল্পনার কথা ট্রাম্প আগেই জানিয়েছিলেন। অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে সেকশন ৩০১-এর আওতায় আট মাসের তদন্তের পর এই নতুন প্রস্তাব এসেছে।

 

মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির শুল্কসীমা নতুন শুল্ক অতিক্রম করবে না। আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া এক বছরের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনের জন্য ২০ শতাংশের সীমাও এর অন্তর্ভুক্ত। এ ছাড়া দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় শুল্ক কমানোর বিবেচনায় থাকা প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা আমদানি পণ্যেও এই শুল্ক প্রযোজ্য হবে না। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের সঙ্গে এগুলো যুক্ত হবে।

 

পাশাপাশি, জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাইয়ে ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের ওপরও এই প্রস্তাবিত শুল্ক চাপানো হবে না। বুধবার মার্কিন ফেডারেল রেজিস্টারে নির্দিষ্ট হার প্রকাশের কথা রয়েছে। অন্যান্য অংশীদারদের সঙ্গে করা চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই শুল্কহার নির্ধারিত হবে—এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশের সীমা রয়েছে।

 

প্রস্তাবিত এই শুল্ক কার্যকর হওয়ার আগে গণবিজ্ঞপ্তি, মতামত গ্রহণ এবং শুনানির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। মার্কিন কর্মকর্তার মতে, এতে শুল্ক কার্যকর হওয়ার সময় জানুয়ারিতে গড়াতে পারে।

 

সূত্র: বিবিসি

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
মিশিগানের স্টারজিস শহরে মসজিদ নির্মাণ নিষিদ্ধের আবেদন সর্বসম্মতভাবে নাকচ করেন কমিশনাররা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের মিশিগানে মসজিদ নির্মাণ বন্ধের আবেদন সর্বসম্মতিক্রমে বাতিল করেছে নগর কমিশন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টারজিস শহরে মসজিদ নির্মাণ নিষিদ্ধ করার দাবিতে জমা দেওয়া একটি নাগরিক আবেদন সর্বসম্মতভাবে নাকচ করেছে নগর কমিশন। সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সভায় কমিশনাররা প্রস্তাবটিকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী ও যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। শহরের মেয়র ফ্র্যাঙ্ক পেরেজ আবেদনটিকে ‘নিখাদ ঘৃণা’ বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য, এ ধরনের মনোভাবের কোনো জায়গা স্টারজিস শহরে হওয়া উচিত নয়।   ডন মারকেল নামে স্থানীয় এক বাসিন্দা গত ৯ নভেম্বর আবেদনটি জমা দেন। এতে শহরের সীমানার মধ্যে এখন থেকে ভবিষ্যতে কোনো মসজিদ নির্মাণের অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। আবেদনে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর ও বিদ্বেষমূলক বক্তব্যও উল্লেখ করা হয়েছিল। স্টারজিস শহরের সরকারি নথি অনুযায়ী, আবেদনটি কমিশনে উত্থাপনের জন্য প্রয়োজন ছিল ৩০১টি বৈধ স্বাক্ষর। সেখানে জমা পড়া স্বাক্ষরের মধ্যে ৩১৬টি বৈধ হিসেবে যাচাই করা হয়।   শহরের সনদ অনুযায়ী, সর্বশেষ স্থানীয় নির্বাচনে কমিশনার পদে পড়া মোট বৈধ ভোটের ১৫ শতাংশ সমর্থন পেলেই কোনো নাগরিক প্রস্তাব নগর কমিশনে উত্থাপন করা যায়। গত ৩ নভেম্বরের নির্বাচনে কমিশনার পদে ২ হাজার ৯টি বৈধ ভোট পড়েছিল। সেই হিসাবে প্রয়োজনীয় স্বাক্ষরের সংখ্যা দাঁড়ায় ৩০১। প্রয়োজনীয় সমর্থন পাওয়ায় আবেদনটি কমিশনের আলোচ্যসূচিতে স্থান পায়। তবে যথেষ্ট স্বাক্ষর জমা পড়লেও শেষ পর্যন্ত প্রস্তাবটি অনুমোদন করেননি কমিশনাররা।   সভায় আবেদনকারী ডন মারকেল নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন। তিনি যুক্তরাষ্ট্রকে খ্রিষ্টান রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটিতে ইসলাম ধর্মের চর্চা বন্ধের পক্ষে অবস্থান জানান। ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ধর্মটি দ্রুত নির্মূল করার আহ্বানও জানান তিনি। তবে তাঁর বক্তব্যের সঙ্গে একমত হননি উপস্থিত কমিশনাররা। বরং ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের বিষয়টি তুলে ধরে প্রস্তাবটির বিরোধিতা করেন তাঁরা।   শহরের আইন কর্মকর্তা টি জে রিড কমিশনারদের জানান, প্রস্তাবটি আইন হিসেবে কার্যকর করা সম্ভব হবে না। তাঁর মতে, এটি যুক্তরাষ্ট্রের সংবিধান, মিশিগান অঙ্গরাজ্যের সংবিধান এবং অন্যান্য কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে। বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার মতো সাংবিধানিক অধিকারকে লক্ষ্য করে কোনো নির্দিষ্ট ধর্মীয় উপাসনালয় নির্মাণে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা আইনগতভাবে টিকবে না বলে তিনি মনে করেন। কোনো আদালত এ ধরনের বিধান কার্যকর করতে অনুমতি দেবে বলেও তিনি মনে করেন না।   নগর কমিশনার অ্যারন মিলার বলেন, আবেদনটি যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে যায় না। এমনকি এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তিনি তার বিরোধিতা করবেন বলে জানান। আরেক কমিশনার জাস্টিন উইকি বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের স্বাধীনতা ও অধিকার সীমিত করার চেষ্টা। অন্যদিকে উপমেয়র জেফ মুলিনস ৩১৬ জনের স্বাক্ষর পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। মেয়র ফ্র্যাঙ্ক পেরেজও বলেন, এমন বিদ্বেষপূর্ণ মনোভাব শহরের পরিচয় হতে পারে না।   সভায় স্থানীয় এক বাসিন্দাও প্রস্তাবটির বিরোধিতা করেন। তিনি খ্রিষ্টধর্মের প্রতিবেশীর প্রতি ভালোবাসার শিক্ষার কথা উল্লেখ করে বলেন, ধর্মের ভিত্তিতে প্রতিবেশীদের মধ্যে বিভাজন তৈরি করা উচিত নয়। কোনো বাসিন্দা প্রস্তাবটির পক্ষে বক্তব্য দেননি বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। পরে উপস্থিত কমিশনারদের ভোটে আবেদনটি সর্বসম্মতভাবে প্রত্যাখ্যাত হয়। তবে কমিশনার রিচার্ড বার ও ড্যানিয়েল বোরিং ওই সভায় উপস্থিত ছিলেন না।   স্টারজিস শহরের সনদ অনুযায়ী, প্রয়োজনীয় স্বাক্ষরসহ কোনো নাগরিক প্রস্তাব জমা পড়লে নগর কমিশন সেটি অনুমোদন করতে পারে অথবা ভোটের জন্য নির্বাচনে পাঠাতে পারে। এ ক্ষেত্রে পরবর্তী সম্ভাব্য নির্বাচনের তারিখ ছিল ২০২৭ সালের ৪ মে। তবে আইন কর্মকর্তার মতামতের ভিত্তিতে কমিশন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। শহরের ক্লার্ক কেনেথ রোডস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশ না এলে প্রস্তাবটি নির্বাচনে যাওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, স্টারজিস শহরে সাম্প্রতিক সময়ে কোনো মসজিদ নির্মাণের নির্দিষ্ট প্রস্তাব জমা পড়ার তথ্যও পাওয়া যায়নি।   তথ্যসূত্র: সিটি অব স্টারজিসের সরকারি নথি ও ওয়াটারশেড ভয়েস। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২০:৩২
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রচেষ্টায় আবারও আদালতের বাধা

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রচেষ্টায় আবারও আদালতের বাধা

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সংগীত প্রযোজকের মৃ ত্যু, অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার আইসের

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সংগীত প্রযোজকের মৃ ত্যু, অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার আইসের

সামরিক স্কুলে বর্ণ ও লিঙ্গবিষয়ক শিক্ষায় বিধিনিষেধ, দেশপ্রেমে জোর দিচ্ছে পেন্টাগন

সামরিক স্কুলে বর্ণ ও লিঙ্গবিষয়ক শিক্ষায় বিধিনিষেধ, দেশপ্রেমে জোর দিচ্ছে পেন্টাগন

ব্রুকলিনে নার্সকে চাপা দিয়ে পালানো চালক গ্রেফতার, সিসিটিভিতে মিলল সূত্র
ব্রুকলিনে নার্সকে চাপা দিয়ে পালানো চালক গ্রেফতার, সিসিটিভিতে মিলল সূত্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বেপরোয়া গাড়ি চালিয়ে এক তরুণী নার্সকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার (হিট-অ্যান্ড-রান) ঘটনায় কয়েক মাসের নিবিড় তদন্ত শেষে অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। গ্রেফতারকৃত ওই চালকের নাম জাস্টিন মেরকাডো (২২), তিনি স্টেটেন আইল্যান্ডের বাসিন্দা।   গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকালে ব্রুকলিনের ৭২তম প্রিসিঙ্কট থানায় তিনি আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে। পরবর্তীতে ব্রুকলিন সুপ্রিম কোর্টে হাজির করা হলে তাঁর বিরুদ্ধে নরহত্যা (ম্যানস্লটার), অপরাধমূলক অবহেলাজনিত হত্যা, গুরুতর আঘাত, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ইনডাইটমেন্ট) দাখিল করা হয়।   পুলিশ ও ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে এনওয়াইইউ ল্যাঙ্গোন ব্রুকলিন হাসপাতালের ২৮ বছর বয়সী নার্স জিয়ায়ি ঝেং রাতের শিফট শেষে হাসপাতালের পোশাক (স্ক্রাবস) পরা অবস্থায় হেঁটে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে সানসেট পার্ক এলাকার ৫৫তম স্ট্রিট এবং থার্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ক্যাডিলাক গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়।   ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে রাস্তায় পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে তাঁর নিজ কর্মস্থল এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।   তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় জাস্টিন মেরকাডো নির্ধারিত গতিসীমার প্রায় দ্বিগুণ অর্থাৎ ঘণ্টায় প্রায় ৫০ মাইল বেগে গাড়ি চালাচ্ছিলেন এবং লাল বাতি (রেড লাইট) অমান্য করে জিয়ায়ি ঝেংকে চাপা দেন। ঘটনার পর এনওয়াইপিডি গোয়েন্দারা দীর্ঘ সময় ধরে শহরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন।   ফুটেজ ধরে তাঁরা দেখতে পান, অভিযুক্ত চালক ম্যানহাটনের একটি হোটেল থেকে বের হয়ে সানসেট পার্কের দুর্ঘটনাস্থল অতিক্রম করেন এবং পরবর্তীতে গাড়িটি স্টেটেন আইল্যান্ডে ফেলে রেখে আত্মগোপন করেন।   বুধবার সকালে হাতকড়া পরিয়ে থানা থেকে বের করার সময় সাংবাদিকরা দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করলে মেরকাডো কোনো উত্তর দেননি। পুলিশ রেকর্ড অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে; এর আগে ২০২৪ সালের অক্টোবরে বড় ধরনের চুরির (গ্র্যান্ড লার্সেনি) অভিযোগে তিনি দুবার গ্রেফতার হয়েছিলেন এবং গত ১২ আগস্ট স্থগিত লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর দায়ে স্টেটেন আইল্যান্ডে তাঁকে আটক করা হয়েছিল।   এদিকে, প্রাণবন্ত ও পরোপকারী সহকর্মী জিয়ায়ি ঝেংয়ের এমন অকাল মৃত্যুতে এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে এখনো শোক ও ক্ষোভ বিরাজ করছে।

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১৬:১২
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান মো. ইসলাম সরকারের সার্জেন্ট পদে পদোন্নতি

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান মো. ইসলাম সরকারের সার্জেন্ট পদে পদোন্নতি

ট্রাম্প প্রশাসনের নির্বাসন পরিকল্পনায় আপস, নিজের পছন্দের দেশে যাচ্ছেন আব্রেগো

ট্রাম্প প্রশাসনের নির্বাসন পরিকল্পনায় আপস, নিজের পছন্দের দেশে যাচ্ছেন আব্রেগো

ট্রাম্পের সঙ্গে সমঝোতায় মামদানির অভিজ্ঞতা কাজে লাগাতে চান এল-সায়েদ

ট্রাম্প একসময় ‘জিহাদি’ বলেছিলেন, সেই প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে চান এল-সায়েদ

জেনসেন হুয়াংকে ক্ষমা করার প্রয়োজন দেখছেন না ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট
হুয়াংয়ের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই, ক্ষমার প্রয়োজনও নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সদ্য পুনর্বহাল হওয়া জেনসেন হুয়াংয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো ধরনের ক্ষমা বা ‘পার্ডন’ নেওয়ার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।   এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানিয়েছিলেন যে, প্রযুক্তির এই শীর্ষ নির্বাহীকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় নিতে তিনি প্রস্তুত রয়েছেন। তবে বুধবার (২৫ নভেম্বর) নিজ অঙ্গরাজ্য ওহাইওর রাইট-প্যাটারসন এয়ার ফোর্স বেসে মার্কিন সামরিক সদস্যদের প্রাক-থ্যাংকসগিভিং মধ্যাহ্নভোজ পরিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স স্পষ্ট করেন যে, হুয়াং কোনো অপরাধ করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।   সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স জানান, তিনি বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল, মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এবং জাতীয় নিরাপত্তা সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভ্যান্স নিশ্চিত করেন যে জেনসেন হুয়াং বর্তমানে কোনো ধরনের তদন্তের আওতায় নেই। তিনি আরও বলেন, যদি হুয়াংয়ের বিরুদ্ধে কোনো তদন্ত চলমান থাকত, তবে প্রশাসন অবশ্যই জনগণকে তা জানাত; কিন্তু বাস্তবে তেমন কিছুই নেই এবং তাই তাঁর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনীয়তাও দেখা যাচ্ছে না।   উল্লেখ্য, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর গত ১২ নভেম্বর আকস্মিকভাবে এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং। ওই সম্পর্কগুলোর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক একটি ক্লায়েন্ট প্রতিষ্ঠানের এক নির্বাহীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি সামনে আসে, যাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনার জেরে মার্কিন রাজনৈতিক মহলে জাতীয় নিরাপত্তা ও চিপ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠলেও নেপথ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সক্রিয় উদ্যোগেই হুয়াং আবারও এনভিডিয়ার নেতৃত্বে ফিরে আসতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হয়।

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১৪:২৬
নিউইয়র্কের পার্কে ছুরিকাঘাতের নাটক, হামলার আগে নিজেই কিনেছিলেন ছুরি

নিউইয়র্কের পার্কে ছুরিকাঘাতের নাটক, হামলার আগে নিজেই কিনেছিলেন ছুরি

বিমান দুর্ঘটনায় নি হত একই পরিবারের ৬ সদস্য

যুক্তরাষ্ট্রে মাছ ধরার সফর শেষে মর্মান্তিক পরিণতি, বিমান দুর্ঘটনায় নি হত একই পরিবারের ৬ সদস্য

ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডারিক

রিপাবলিকান দুর্গ ভেঙে ঐতিহাসিক জয়: টেনেসিতে চমক দেখানো কে এই ভিক্টোরিয়া?

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...