যুক্তরাষ্ট্রের ভিসায় আবেদন ফি নেই ৭ ক্যাটাগরির, কারা পাবেন এই সুবিধা
যুক্তরাষ্ট্রে ননইমিগ্র্যান্ট ভিসার আবেদন করার সময় নির্দিষ্ট কিছু আবেদনকারীকে প্রসেসিং ফি দিতে হয় না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরকারি তথ্য অনুযায়ী, মোট ৭ ধরনের আবেদনকারী এই ফি-মওকুফের আওতায় পড়তে পারেন। তবে এই সুবিধা সব ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য নয় এবং নিজে থেকেই কার্যকরও হয় না।
প্রথমত, A, G, C-2, C-3, NATO ও কূটনৈতিক ভিসার জন্য আবেদনকারীদের ননইমিগ্র্যান্ট ভিসা আবেদন প্রসেসিং ফি দিতে হয় না। এসব ভিসা মূলত কূটনীতিক, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও ন্যাটোর সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট সরকারি কাজে ভ্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
দ্বিতীয়ত, J ভিসায় যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত নির্দিষ্ট শিক্ষামূলক ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়া আবেদনকারীদের আবেদন ফি মওকুফ করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, এই ছাড় নির্দিষ্ট সরকারি অর্থায়ন ও প্রোগ্রাম সিরিয়াল নম্বরের সঙ্গে যুক্ত।
তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন এমন আবেদনকারীরা, যাদের মেশিন-রিডেবল ভিসা নতুন করে প্রতিস্থাপন বা পুনরায় ইস্যু করতে হচ্ছে আবেদনকারীর কোনো ভুল ছাড়াই। যেমন, আগের ভিসাটি সঠিকভাবে পাসপোর্টে সংযুক্ত না হলে নির্দিষ্ট শর্তে নতুন ভিসা ইস্যুর জন্য আবেদন ফি নেওয়া হয় না।
চতুর্থত, আন্তর্জাতিক চুক্তির আওতায় ফি থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা এই সুবিধা পেতে পারেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ স্বীকৃত জাতিসংঘ সদর দপ্তরের কোনো পর্যবেক্ষক মিশনের সদস্য ও কর্মী এবং তাদের নিকট পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত হতে পারেন। বিষয়টি ভিসা সার্ভিসেসের নির্ধারণের ওপর নির্ভর করে।
পঞ্চম ক্যাটাগরিতে রয়েছেন দাতব্য বা মানবিক সেবা দিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ব্যক্তিরা, তবে তাদের ক্ষেত্রে ফি ছাড় প্রযোজ্য হবে কি না, তা ভিসা সার্ভিসেস নির্ধারণ করে।
ষষ্ঠত, যুক্তরাষ্ট্র সরকারের কর্মীরা সরকারি দায়িত্বে বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করলে তাদের ননইমিগ্র্যান্ট ভিসা আবেদন প্রসেসিং ফি দিতে হয় না।
সপ্তম ক্যাটাগরিতে রয়েছেন কর্তব্যরত অবস্থায় নি হত বা গুরুতর আহ ত মার্কিন সরকারি কর্মীর নিকট পরিবারের সদস্যরা। কর্মস্থলে মৃ ত্যুবরণ করা সরকারি কর্মীর জানাজা বা দাফনে অংশ নিতে যাওয়া বাবা-মা, ভাই-বোন, স্বামী বা স্ত্রী ও সন্তানরা নির্দিষ্ট শর্তে ফি ছাড় পেতে পারেন। একইভাবে দায়িত্ব পালনের সময় গুরুতর আহত সরকারি কর্মীকে জরুরি চিকিৎসা বা সুস্থ হওয়ার সময়ে দেখতে যাওয়া নিকট পরিবারের সদস্যরাও এই ছাড়ের আওতায় পড়তে পারেন।
তবে সাধারণ পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী বা অধিকাংশ কর্মসংক্রান্ত ভিসার আবেদনকারীদের জন্য এই ফি-মওকুফ প্রযোজ্য নয়। উদাহরণ হিসেবে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী সাধারণ নন-পিটিশনভিত্তিক ননইমিগ্র্যান্ট ভিসার আবেদন প্রসেসিং ফি ১৮৫ ডলার; আর কিছু পিটিশনভিত্তিক ভিসায় ফি আরও বেশি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদন ফি মওকুফ আর ভিসা ইস্যু ফি এক বিষয় নয়। কোনো আবেদনকারী ফি-মওকুফের যোগ্য হলেও তার জাতীয়তা বা ভিসার ধরন অনুযায়ী আলাদা রেসিপ্রোসিটি বা ইস্যুয়েন্স ফি প্রযোজ্য হতে পারে। তাই আবেদন করার আগে নিজের ভিসার ধরন, ভ্রমণের উদ্দেশ্য ও প্রযোজ্য ছাড়ের শর্ত যাচাই করা জরুরি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটিতে প্রকাশ্যে থুতু ফেলা এবং গাড়ির ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকার ঘটনায় সাধারণভাবে জরিমানার টিকিট না দিতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। তবে গণপরিবহনের ভেতরে থুতু ফেলা এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাড়ির ইঞ্জিন চালু রাখার ঘটনায় ব্যবস্থা নেওয়ার সুযোগ বহাল থাকছে। শুক্রবার (৬ নভেম্বর) এনওয়াইপিডির অভ্যন্তরীণ নির্দেশনায় এসব বিষয় জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত ক্রসওয়াক ছাড়া রাস্তা পার হওয়ার ঘটনায় টিকিট না দেওয়ার বিষয়টিও পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নিউইয়র্কে ছোটখাটো আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের বাড়তি অভিযান নিয়ে সমালোচনার মধ্যেই এই নির্দেশনা এলো। বিশেষ করে ব্রুকলিনের ব্রাউনসভিলে থুতু ফেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। গত অক্টোবরে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, থুতু ফেলার অভিযোগে এক ব্যক্তিকে থামানোর পর পুলিশ কর্মকর্তা তাঁকে জোরপূর্বক গ্রেফতার করছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য ক্রিস ব্যাংকস ঘোষণা দেন, শহরের পরিচ্ছন্নতাসংক্রান্ত বিধিমালা থেকে প্রকাশ্যে থুতু ফেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বাদ দেওয়ার প্রস্তাব আনবেন তিনি। ব্যাংকসের বক্তব্য, শহর পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা জরুরি। তবে ছোটখাটো অপরাধের অভিযোগে পুলিশের পদক্ষেপ যেন অপ্রয়োজনীয় সংঘাত কিংবা নাগরিকদের মর্যাদাহানির কারণ না হয়। এদিকে এনওয়াইপিডি জানিয়েছে, শুক্রবারের নির্দেশনা কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন বা সমালোচনার প্রতিক্রিয়ায় দেওয়া হয়নি। পুলিশ সদস্যদের আইন প্রয়োগের নিয়ম ও দায়িত্ব সম্পর্কে নিয়মিতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অংশ হিসেবেই এটি জারি করা হয়েছে। এর আগে এনওয়াইপিডির মুখপাত্র ব্র্যাডলি উইকস জানিয়েছিলেন, নগরবাসীর কাছ থেকে ৩১১ নম্বরে অভিযোগ বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান ও জনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে। গত অর্থবছরে ৫৪৯টি থুতু ফেলার টিকিট নিউইয়র্ক সিটির শুনানি ও বিচারসংক্রান্ত দপ্তরের তথ্য অনুযায়ী, জুনে শেষ হওয়া গত অর্থবছরে প্রকাশ্যে থুতু ফেলার অভিযোগে এনওয়াইপিডি মোট ৫৪৯টি দেওয়ানি জরিমানার নোটিশ দিয়েছে। একই সময়ে গাড়ির ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকার অভিযোগে দেওয়া হয়েছে ২২২টি টিকিট। নিউইয়র্কে গাড়ি পার্ক করে দীর্ঘ সময় ইঞ্জিন চালু রাখার ক্ষেত্রে নির্দিষ্ট পরিবেশগত বিধিনিষেধ রয়েছে। তবে নতুন পুলিশি নির্দেশনার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট আইন বাতিল হয়ে গেছে। নির্দিষ্ট অভিযোগ এবং প্রযোজ্য বিধির আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে। রাস্তা পার হওয়ার নিয়মেও পরিবর্তন নিউইয়র্কে নির্ধারিত ক্রসওয়াক ছাড়া রাস্তা পার হওয়া, যা জে-ওয়াকিং নামে পরিচিত, ২০২৪ সালে বৈধ করা হয়। সিটি কাউন্সিলে অনুমোদিত আইনটি তৎকালীন মেয়র এরিক অ্যাডামস ভেটো না দেওয়ায় কার্যকর হয়। ফলে শুধু নির্ধারিত ক্রসওয়াক ব্যবহার না করার কারণে পথচারীদের আর আগের মতো টিকিট দেওয়ার কথা নয়। তবে সড়কে পথচারীদের অবস্থানসংক্রান্ত অন্য কিছু বিধি এখনো কার্যকর রয়েছে। এসব বিধির আওতায় পুলিশ সদস্যরা ব্যবস্থা নিচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। জন জে কলেজের ডেটা কোলাবোরেটিভ ফর জাস্টিসের বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর সড়কে পথচারীদের অবস্থানসংক্রান্ত একটি বিধি লঙ্ঘনের অভিযোগে কয়েক ডজন ফৌজদারি টিকিট দেওয়া হয়েছে। এর অধিকাংশই স্ট্যাটেন আইল্যান্ডের একটি নির্দিষ্ট পুলিশ প্রিসিঙ্কট থেকে দেওয়া হয়। হাজার হাজার টিকিট বাতিল নিউইয়র্কে ছোটখাটো আইন লঙ্ঘনের অভিযোগে দেওয়া জরিমানার টিকিটের একটি বড় অংশ শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে। গত অর্থবছরে প্রকাশ্যে মদ্যপান, জনসমক্ষে প্রস্রাব করাসহ বিভিন্ন ঘটনায় এনওয়াইপিডি ৯৮ হাজারের বেশি দেওয়ানি জরিমানার নোটিশ দিয়েছে। এর প্রায় অর্ধেকই শুনানি কর্মকর্তারা বাতিল করেছেন। অনেক ক্ষেত্রে টিকিটে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, ভুলভাবে নোটিশ লেখা অথবা অভিযুক্ত ব্যক্তির পরিচয় সঠিকভাবে উল্লেখ না করার কারণে এমন সিদ্ধান্ত এসেছে। লিগ্যাল এইড সোসাইটির ফৌজদারি আইন সংস্কার বিভাগের নীতিনির্ধারণী পরিচালক আমান্ডা জ্যাক বলেছেন, এসব টিকিটের কারণে অনেক নিউইয়র্কবাসীকে অপ্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাঁর মতে, শেষ পর্যন্ত বাতিল হয়ে যাওয়া অভিযোগের জন্যও মানুষকে আদালতে হাজির হতে হচ্ছে এবং সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে এনওয়াইপিডির মুখপাত্র ব্র্যাডলি উইকসের দাবি, অনেক টিকিট কারিগরি ত্রুটির কারণে বাতিল হয়েছে। এর অর্থ এই নয় যে পুলিশ সদস্যরা আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। ফৌজদারি টিকিটের ক্ষেত্রেও একই চিত্র ডেটা কোলাবোরেটিভ ফর জাস্টিসের আরেকটি বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে ফৌজদারি টিকিটসংক্রান্ত মামলার ৬৫ শতাংশের বেশি আদালতে বাতিল হয়েছে। একই বছরে দেওয়া এসব টিকিটের মাত্র ৯ শতাংশের ক্ষেত্রে শেষ পর্যন্ত অপরাধ প্রমাণিত হয়। গবেষকদের মতে, ছোটখাটো অভিযোগে টিকিট পাওয়ার পর আদালতে হাজিরা, সময় ব্যয় এবং আইনি প্রক্রিয়ার চাপ অনেক বাসিন্দার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে কোনো ব্যক্তি ফৌজদারি টিকিটের বিষয়ে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঝুঁকি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে গত মাসে ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় বকেয়া ফৌজদারি টিকিটসংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তির জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করে। ব্রুকলিনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গনজালেজ বলেছেন, ছোটখাটো অভিযোগে গ্রেফতারি পরোয়ানা ঝুলে থাকলে অনেক বাসিন্দা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে অনাগ্রহী হয়ে পড়তে পারেন। মামদানির পুলিশনীতি নিয়ে আলোচনা নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারণার সময় কমিউনিটিভিত্তিক জননিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। তিনি পুলিশ সদস্যদের গুরুতর অপরাধ মোকাবিলায় বেশি মনোযোগ দেওয়ার পক্ষে অবস্থান নেন। তবে মেয়র নির্বাচিত হওয়ার পর এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশকে দায়িত্বে বহাল রাখেন। টিশের নেতৃত্বে সাবেক মেয়র এরিক অ্যাডামসের সময় থেকেই শহরের জনশৃঙ্খলা ও জীবনযাত্রার মানসংক্রান্ত বিধি প্রয়োগে পুলিশের অভিযান জোরদার করা হয়েছিল। নতুন নির্দেশনার বিষয়ে মেয়রের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নিউইয়র্কবাসীর জন্য কী পরিবর্তন আসছে নতুন নির্দেশনা অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেলা এবং গাড়ির ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকার ঘটনায় এনওয়াইপিডি সাধারণভাবে টিকিট দেওয়া থেকে বিরত থাকবে। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে আইন প্রয়োগের সুযোগ থাকছে। এটি সংশ্লিষ্ট সব আইন বাতিল হওয়ার ঘোষণা নয়। বরং কোন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা জরিমানার টিকিট দেবেন, সেই বিষয়ে বিভাগীয় নির্দেশনার পরিবর্তন।
মাত্র ৩০ ডলারের লটারির টিকিটে অপ্রত্যাশিতভাবে ২০ লাখ ডলার জিতে হতবাক মিশিগানের নারী
পেনসিলভানিয়ায় ৫০ হাজার ডলারের ওভারটাইম অর্থ আত্মসাতে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা
খ্রিষ্টান পরিবারে জন্ম, ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। প্রায় এক বছরের আইনি লড়াই শেষে নির্বাচনের ফল নিজের পক্ষে আনতে সক্ষম হন তিনি। এর মধ্য দিয়ে শহরটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হওয়ার গৌরব অর্জন করলেন মাহমুদ। রোববার (৮ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, অঙ্গরাজ্যের আইনপ্রণেতা এবং বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। মুহিত মাহমুদের মেয়র হওয়ার পথ সহজ ছিল না। ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে মাত্র ১১ ভোটের ব্যবধানে অ্যাডাম আলহারবির কাছে পরাজিত হন তিনি। ওই ফলাফলের ভিত্তিতে চলতি বছরের জানুয়ারিতে মেয়র হিসেবে দায়িত্ব নেন আলহারবি। তবে নির্বাচনের পরদিন সিটি ক্লার্কের অফিসে গণনার বাইরে থাকা ৩৭টি অ্যাবসেন্টি ব্যালট পাওয়া যায়। এসব ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা নিয়ে শুরু হয় আইনি বিরোধ। মাহমুদের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হলে দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়ার পর ব্যালটগুলো গণনার নির্দেশ দেওয়া হয়। গত ১৬ অক্টোবর আদালতের নির্দেশে ব্যালটগুলো যাচাই করা হয়। এর মধ্যে দুটি বাতিল হয় এবং বাকি ৩৫টি গণনায় অন্তর্ভুক্ত করা হয়। নতুন করে গণনা করা ভোটের ৩০টি পান মাহমুদ। এতে আগের ১১ ভোটের পরাজয় বদলে ১২ ভোটের জয়ে পরিণত হয়। চূড়ান্ত হিসাবে মুহিত মাহমুদ পান ২ হাজার ৮৯ ভোট এবং অ্যাডাম আলহারবি পান ২ হাজার ৭৭ ভোট। এরপরও মাহমুদের মেয়র হওয়া নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হয়। তিনি হ্যামট্রামেকের বাসিন্দা কি না, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন আলহারবি। তবে ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায় দেন, মাহমুদ শহরটির বাসিন্দা এবং মেয়র হওয়ার জন্য প্রয়োজনীয় আইনি যোগ্যতা তাঁর রয়েছে। পরে ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স সংশোধিত নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে। এর মধ্য দিয়ে মাহমুদের শপথ গ্রহণের পথ খুলে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস ডেট্রয়েট ও ডব্লিউএক্সওয়াইজেডের প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার পর মুহিত মাহমুদ শহরের সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, অতীতের বিভেদ পেছনে ফেলে হ্যামট্রামেকের উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে আবাসনব্যবস্থা, জননিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। তবে নির্বাচনী ফলাফল নিয়ে আইনি বিরোধ পুরোপুরি শেষ হয়নি। সাবেক মেয়র অ্যাডাম আলহারবির আইনজীবী নাবিহ আয়াদ জানিয়েছেন, তাঁরা নির্বাচনী প্রক্রিয়া ও ক্ষমতা হস্তান্তরের বৈধতা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদের দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যামট্রামেক শহরে বাংলাদেশি ও ইয়েমেনি বংশোদ্ভূত অভিবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। শহরটির সিটি কাউন্সিলের সদস্য হিসেবে এর আগেও দায়িত্ব পালন করেছেন মুহিত মাহমুদ। এবার মেয়রের দায়িত্ব গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকারে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।
যুক্তরাষ্ট্রে মসজিদে হামলার হুমকির তদন্তে বেরিয়ে এলো অন্য অপরাধ, যুবকের ১৫ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে, গ্রাহকদের সতর্কতা
অন্যদের চাকরি থেকে বাদ দেওয়ার দায়িত্বে ছিলেন, ছয় সপ্তাহ পর নিজেরই চাকরি গেল
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। প্রায় এক বছরের আইনি লড়াই শেষে মাত্র ১২ ভোটের ব্যবধানে নিশ্চিত হওয়া তাঁর জয় এবার উঠে এসেছে ‘Donald Trump For President’ নামের একটি ট্রাম্প-সমর্থক ফেসবুক পেজে প্রকাশিত বলে জানানো পোস্টের বিবরণে। সেখানে তুলে ধরা হয়েছে, কীভাবে নির্বাচনের পর খুঁজে পাওয়া ৩৭টি ব্যালট পাল্টে দেয় মেয়র নির্বাচনের ফলাফল। একই সঙ্গে আলোচনায় এসেছে মাহমুদের দীর্ঘ আইনি লড়াই এবং মেয়র হিসেবে তাঁর শপথ গ্রহণের ঘটনা। ওই ফেসবুক পোস্টের দেওয়া বিবরণ অনুযায়ী, মুহিত মাহমুদের শপথ গ্রহণের ছবি যুক্ত করে তাঁর নির্বাচনী বিজয়ের পটভূমি তুলে ধরা হয়েছে। পেজটির নাম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত হলেও এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আনুষ্ঠানিক সরকারি পেজ নয়। পেজটি তাঁর প্রচার টিম পরিচালনা করে কি না, সেটিও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ফলে বিষয়টিকে ট্রাম্পের ব্যক্তিগত বক্তব্য বা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই। তবে মার্কিন রাজনীতির আলোচনামূলক একটি সমর্থক পেজে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়রের জয়ের গল্প প্রকাশের বিষয়টি প্রবাসী বাংলাদেশিদের জন্য উল্লেখযোগ্য। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ডেট্রয়েট ও ডব্লিউএক্সওয়াইজেডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে প্রাথমিকভাবে এডাম আলহারবি ১১ ভোটের ব্যবধানে বিজয়ী হন। পরে তিনি ২০২৬ সালের জানুয়ারিতে মেয়র হিসেবে দায়িত্ব নেন। কিন্তু নির্বাচনের পরদিন সিটি ক্লার্কের কার্যালয়ে আগে গণনায় অন্তর্ভুক্ত না হওয়া ৩৭টি ডাকযোগে দেওয়া ব্যালট পাওয়া যায়। এসব ব্যালট খোলা খামের মধ্যে সংরক্ষিত থাকায় সেগুলোর নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে ব্যালটগুলো গণনা করা হবে কি না, তা নিয়ে শুরু হয় আইনি বিরোধ। সাবেক সিটি ক্লার্ক রানা ফারাজ ব্যালট সংরক্ষণের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, ব্যালটগুলো সংরক্ষিত থাকার সময় অনুমতি ছাড়া কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট কার্যালয়ে প্রবেশ করেছিলেন। এ কারণে ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করার ধারাবাহিকতা অক্ষুণ্ণ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। বিষয়টি নিয়ে ওয়েইন কাউন্টির নির্বাচন ফল যাচাইকারী বোর্ডে মতবিরোধ দেখা দেয় এবং ব্যালটগুলো প্রথমে গণনা করা হয়নি। অন্যদিকে মুহিত মাহমুদ আদালতে যুক্তি দেন, নির্বাচন কর্মকর্তাদের ত্রুটির কারণে বৈধ ভোটারদের ভোট গণনার বাইরে রাখা উচিত নয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে চলতি বছরের ১৬ অক্টোবর বিতর্কিত ব্যালটগুলো পরীক্ষা ও গণনা করা হয়। নতুন ফলাফলে মুহিত মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯ এবং এডাম আলহারবির ভোট হয় ২ হাজার ৭৭। এতে আগের ১১ ভোটের পরাজয় পাল্টে ১২ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাহমুদ। তবে এই ফল প্রকাশের পরও তিনি সঙ্গে সঙ্গে মেয়রের দায়িত্ব নিতে পারেননি। কারণ তাঁর হ্যামট্রামিক শহরে বসবাসের যোগ্যতা নিয়ে আলহারবির পক্ষ থেকে পৃথক আইনি চ্যালেঞ্জ জানানো হয়েছিল। গত ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টির আদালত রায় দেন, মুহিত মাহমুদ হ্যামট্রামিকের বাসিন্দা এবং মেয়র হিসেবে দায়িত্ব পালনের প্রয়োজনীয় আবাসিক যোগ্যতা তাঁর রয়েছে। আদালতের এই সিদ্ধান্তের পর ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স সংশোধিত নির্বাচনী ফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে। এর মাধ্যমে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পথ পরিষ্কার হয় মাহমুদের। তবে আলহারবির আইনজীবী জানিয়েছেন, ব্যালট গণনা ও আবাসিক যোগ্যতার সিদ্ধান্ত নিয়ে তাঁদের আইনি আপত্তি এখনো শেষ হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সব জটিলতা পেরিয়ে রোববার (৮ নভেম্বর) হ্যামট্রামিকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ নেন মুহিত মাহমুদ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, অঙ্গরাজ্যের আইনপ্রণেতা এবং কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর মাহমুদ জানান, শহরের সব বাসিন্দার জন্য কাজ করাই এখন তাঁর প্রধান দায়িত্ব। affordable housing বা সাশ্রয়ী আবাসন, জননিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিকে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি। একই সঙ্গে নির্বাচনী বিরোধ পেছনে ফেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে শহরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। হ্যামট্রামিক যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটসংলগ্ন একটি শহর। এখানে বাংলাদেশি ও ইয়েমেনি বংশোদ্ভূত অভিবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। দীর্ঘদিন ধরে শহরটির স্থানীয় রাজনীতি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ বাড়ছে। মুহিত মাহমুদ শহরটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হওয়ায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকেই তাঁর শপথ গ্রহণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। ডব্লিউএক্সওয়াইজেডের প্রতিবেদনে শপথ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দাদের এমন প্রতিক্রিয়াও উঠে এসেছে। প্রায় এক বছরের আইনি লড়াই, বিতর্কিত ব্যালট গণনা এবং আবাসিক যোগ্যতার বিরোধ পেরিয়ে মুহিত মাহমুদের মেয়র হওয়া যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিতে আলোচিত ঘটনা হয়ে উঠেছে। এখন তাঁর সামনে রয়েছে নির্বাচনী বিভাজন কাটিয়ে শহরের বিভিন্ন জনগোষ্ঠীকে একসঙ্গে নিয়ে কাজ করার চ্যালেঞ্জ। অন্যদিকে নির্বাচনের ফল নিয়ে বিরোধীপক্ষের আইনি আপত্তিও এখনো পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যেই তাঁর শপথ গ্রহণ ও বিজয়ের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সংবাদসূত্র: CBS News Detroit, WXYZ Detroit
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের বাসার সামনে বর্ণবাদী আচরণের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তদন্ত শুরু
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তৎপর মামদানি, শ্রমিক নেতাদের সঙ্গে গোপন বৈঠক