ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলকর্মী মো. হানিফ কবিরাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন–এর সিদ্ধান্তে মো. জাকারিয়া আনসার মিলনকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে মো. হানিফ কবিরাজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় খাজানগর কবর হাট এলাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে হানিফ কবিরাজের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।