কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, স্কুল ভবনের ভেতর থেকে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের জীবন নিয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এছাড়া কমিউনিটির একটি আবাসিক ভবন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার ছোট এই শহরে আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পাঠানো হয়েছে।
পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানায়, হামলার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘লকডাউন’ এবং ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ ব্যবস্থা কার্যকর করা হয়।
এলাকার আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসা সহায়তা মোতায়েন করা হয়েছে। তবে চলমান তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং হামলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।