পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের কেচ জেলার বুলেদা তেহসিলের মিনাজ এলাকায় সশস্ত্র হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় পুলিশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সামা টিভি।
পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীরা একটি বাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং মর্টার শেল নিক্ষেপ করে। হামলা চালানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহতরা হলেন—মুসলিম, মোল্লা ইউসুফ, ফাজিলা, গুল নাজ, চাঙ্গেইজ ও জাহরা। এ ঘটনায় আবদুল গফ্ফার এবং তার দুই মেয়ে সারা ও আয়েশা আহত হয়েছেন।
আহতদের ও নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এ ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।