সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
দারুল উলূম মিশিগানের অনুষ্ঠানে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ও সম্মাননা প্রদান। ছবি: সংগৃহীত
দারুল উলূম মিশিগানের ১২তম বার্ষিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে দারুল উলূম মিশিগানের ১২তম বার্ষিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আনন্দঘন ও দ্বীনি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট মাদরাসার ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আলেম-উলামা ও মুসলিম কমিউনিটির সদস্যরা অংশ নেন।   অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন মাওলানা জিল্লুর রহমান উদ্দিন ও মুফতি রবিউল ইসলাম। পরে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ পর্ব পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা মুহাম্মদ সালমান। শিক্ষার্থীরা তাদের অর্জিত দ্বীনি জ্ঞান ও শিক্ষার বিভিন্ন দিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরে।   পরবর্তীতে দারুল উলূম মিশিগানের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ তাজ উদ্দীন বক্তব্য দেন। তিনি মাদরাসার অগ্রগতি, ইসলামী শিক্ষার গুরুত্ব এবং নতুন প্রজন্মকে কুরআন-সুন্নাহর শিক্ষা, ইসলামী মূল্যবোধ, আদব-আখলাক ও উত্তম চরিত্রের মাধ্যমে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ও সম্মাননা প্রদান করা হয়।   অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার (রহ.)-এর বিশিষ্ট খলিফা মাওলানা শায়খ আসগর হুসাইন হাফিযাহুল্লাহ। তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও উপস্থিত মুসল্লিদের উদ্দেশে নসিহত করেন। তাঁর বক্তব্যে দ্বীনি ইলম অর্জন, নেক আমল, উত্তম চরিত্র গঠন এবং মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার গুরুত্ব তুলে ধরা হয়।   অনুষ্ঠানের বিশেষ পর্বে মাওলানা বরকতুল্লাহ আশরাফ নাশিদ পরিবেশন করেন। পরে মাওলানা মুহাম্মদ সালমান বক্তব্য দেন। অনুষ্ঠানের মাঝে যোহরের নামাজ আদায় করা হয়।   দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উস্তাদদের পক্ষ থেকে উপহারসামগ্রী ও গিফট ব্যাগ বিতরণ করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের ব্যাপক অংশগ্রহণে পুরো মাদরাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।   বক্তারা প্রবাসে বেড়ে ওঠা মুসলিম শিশু-কিশোরদের মধ্যে কুরআন-সুন্নাহর শিক্ষা, ইসলামী পরিচয়, আদব-আখলাক ও নৈতিক মূল্যবোধ ধরে রাখতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি একটি আদর্শ ও দ্বীনদার প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।   দারুল উলূম মিশিগানের ১২তম বার্ষিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতির পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টা ও ত্যাগেরও উদযাপনে পরিণত হয়।   অনুষ্ঠানের সমাপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, দারুল উলূম মিশিগানের উত্তরোত্তর উন্নতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ১০:২৭
মার্থা ম্যাককে ও তাকে হত্যাকারী ট্রাভিস লুইস। ছবি: সংগৃহীত
মায়ের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন চাকরি, ২৩ বছর পর তার হাতেই প্রাণ গেল মেয়ের

মাকে হত্যার দায়ে কারাগারে যাওয়া কিশোরকে ক্ষমা করেছিলেন মার্থা ম্যাককে। বছরের পর বছর তার সঙ্গে যোগাযোগ রেখেছেন, প্যারোলে মুক্তির পক্ষে সমর্থন দিয়েছেন, এমনকি কারাগার থেকে বের হওয়ার পর নিজের পারিবারিক সম্পত্তিতেই কাজের সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই দ্বিতীয় সুযোগের পরিণতি হয় মর্মান্তিক। ২০২০ সালে সেই ট্রাভিস লুইসের হাতেই নিহত হন মার্থা।   ঘটনাটি যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের হর্সশু লেক এলাকার ঐতিহাসিক স্নোডেন হাউসকে ঘিরে। একই পরিবারের মা ও মেয়ের মৃত্যুর সঙ্গে একই ব্যক্তির নাম জড়িয়ে যাওয়ায় ঘটনাটি যুক্তরাষ্ট্রের আলোচিত ট্রু ক্রাইম কাহিনিগুলোর একটি হয়ে ওঠে।   ঘটনার শুরু ১৯৯৬ সালে। ওই বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর বয়সী স্যালি স্নোডেন ম্যাককে এবং তার ৫২ বছর বয়সী ভাতিজা জোসেফ ‘লি’ বেকারকে হত্যা করা হয়। বেকার মেমফিসের পরিচিত ব্লুজ ও রক গিটারিস্ট ছিলেন।   হত্যাকাণ্ডের সময় ট্রাভিস লুইসের বয়স ছিল ১৬ বছর। তদন্তের পর তাকে গ্রেফতার করা হয় এবং প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হয়। পরে তিনি হত্যার অভিযোগে দোষ স্বীকার করেন এবং ২৮ বছর ৬ মাসের কারাদণ্ড পান। তবে দোষ স্বীকার করলেও হত্যাকাণ্ডের জন্য অন্য একজন দায়ী বলে দাবি করে গিয়েছিলেন লুইস।   মাকে হারানোর পরও লুইসের প্রতি প্রতিশোধপরায়ণ হননি মার্থা। বরং কারাগারে থাকার সময় তার সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মার্থা বিশ্বাস করতেন মানুষ পরিবর্তিত হতে পারে এবং লুইসও জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য।   মার্থা তার প্যারোলে মুক্তির পক্ষেও সমর্থন দিয়েছিলেন। প্রায় ২৩ বছর কারাভোগের পর ২০১৮ সালে প্যারোলে মুক্তি পান লুইস।   এরপর আরও এক ধাপ এগিয়ে যান মার্থা। পরিবারের ঐতিহাসিক স্নোডেন হাউসে লুইসকে কাজ দেন তিনি। বাড়িটি সংস্কার করে বেড অ্যান্ড ব্রেকফাস্ট ও অনুষ্ঠান আয়োজনের ভেন্যু হিসেবে গড়ে তুলেছিলেন মার্থা।   কিন্তু একসময় তাদের সম্পর্কের অবনতি ঘটে। মার্থার পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির একটি ঝাড়বাতি বিক্রি করে পাওয়া ১০ হাজার ডলার হারিয়ে যাওয়ার পর লুইসকে সন্দেহ করেন তিনি। ওই অর্থ হারানোর সময় লুইস বাড়িতে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এরপর তাকে চাকরি থেকে সরিয়ে দেন মার্থা।   ২০২০ সালের ২৫ মার্চ স্নোডেন হাউসে অ্যালার্ম বেজে ওঠার পর সেখানে ছুটে যান ক্রিটেনডেন কাউন্টি শেরিফের ডেপুটিরা। বাড়ির পেছনের একটি দরজা খোলা দেখতে পান তারা।   বাড়ির ভেতর তল্লাশি চালানোর সময় একজন ব্যক্তিকে দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফিয়ে পালাতে দেখেন পুলিশ সদস্যরা। পরে তাকে ট্রাভিস লুইস হিসেবে শনাক্ত করা হয়।   শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জানালা দিয়ে বেরিয়ে লুইস একটি গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি বাড়ির আঙিনায় আটকে গেলে তিনি নেমে দৌড়ে পাশের হর্সশু লেকে ঝাঁপ দেন।   পানিতে ডুবে যাওয়ার পর তাকে আর ওপরে উঠতে দেখা যায়নি। পরে উদ্ধারকারী দল সোনার প্রযুক্তি ব্যবহার করে লেক থেকে তার মরদেহ উদ্ধার করে।   এরপর স্নোডেন হাউসের ভেতরে পাওয়া যায় ৬৩ বছর বয়সী মার্থা ম্যাককের মরদেহ। তদন্তকারীরা জানান, তাকে ছুরিকাঘাত ও আঘাত করে হত্যা করা হয়েছিল।   সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল হত্যাকারীর পরিচয়। পুলিশ জানায়, মার্থাকে হত্যাকারী ট্রাভিস লুইসই ১৯৯৬ সালে তার মা স্যালি এবং আত্মীয় লি বেকারকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল।   অর্থাৎ যে ব্যক্তির অপরাধের কারণে মার্থা প্রথমে নিজের মাকে হারিয়েছিলেন, ২৩ বছরের বেশি সময় পর সেই ব্যক্তির হাতেই তার নিজের জীবনও শেষ হয়।   ঘটনার পর মার্থার পরিবারও জানিয়েছিল, তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে একই ব্যক্তি তাদের পরিবারের তিন সদস্যের মৃত্যুর জন্য দায়ী।   মার্থার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। বিশেষ করে একজন দণ্ডিত হত্যাকারীকে ক্ষমা করা, তার পুনর্বাসনের সুযোগ তৈরি করা এবং তাকে আবার নিজের জীবনের এত কাছাকাছি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন ওঠে।   তবে মার্থার সিদ্ধান্তকে কেবল সরল বিশ্বাস হিসেবে ব্যাখ্যা করাও পুরো ঘটনাটিকে তুলে ধরে না। বিভিন্ন প্রতিবেদনে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ক্ষমা ও মানুষের পরিবর্তনের সম্ভাবনার প্রতি তার গভীর বিশ্বাস ছিল। লুইস প্রথম হত্যাকাণ্ডে নিজেকে নির্দোষ দাবি করায় সেই বক্তব্যও বিশ্বাস করেছিলেন মার্থা।   শেষ পর্যন্ত তার দেওয়া দ্বিতীয় সুযোগই এক ভয়াবহ পরিণতির সঙ্গে যুক্ত হয়। মায়ের হত্যাকারীকে ক্ষমা করে যে মানুষটিকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছিলেন মার্থা ম্যাককে, সেই মানুষটির হাতেই ২৩ বছর পর নিজের জীবন হারান তিনি।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ১০:১৭
ওয়ারউইকশায়ারের রাগবি এলাকার নিউবোল্ড। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের গ্রাম থেকে ১১ ও ১২ বছরের দুই স্কুলছাত্রী ‘অপহরণ’, তিন নারীসহ গ্রেপ্তার ৬

যুক্তরাজ্যে নিখোঁজ হওয়ার পর ১১ ও ১২ বছর বয়সী দুই স্কুলছাত্রীকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের কর্নওয়াল থেকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুকে কীভাবে এত দূরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ঘটনার তদন্তে তিন নারী ও তিন পুরুষসহ ছয়জনকে অপহরণের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।   ওয়ারউইকশায়ার পুলিশ জানিয়েছে, রাগবি এলাকার নিউবোল্ডে রোববার ভোরে সর্বশেষ দেখা গিয়েছিল ১১ বছর বয়সী অ্যাঞ্জেলিকা ও ১২ বছর বয়সী ভেরিটিকে। এরপর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুই শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বড় পরিসরে অনুসন্ধান শুরু করে পুলিশ।   তল্লাশিতে হেলিকপ্টার ব্যবহারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং ডিজিটাল অনুসন্ধান চালানো হয়। পুলিশ শুরু থেকেই ধারণা করছিল, দুই শিশু একসঙ্গে রয়েছে এবং কর্নওয়ালের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকতে পারে।   দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের কর্মকর্তারা কর্নওয়ালে দুই শিশুকে খুঁজে পান। পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় তারা নিরাপদ ও সুস্থ ছিল।   তবে রাগবি থেকে তারা কীভাবে কর্নওয়ালে পৌঁছাল, সেই প্রশ্ন সামনে আসার পর তদন্ত নতুন দিকে মোড় নেয়। বুধবার ভোরে কর্নওয়ালের টিনট্যাজেল থেকে ৬২ ও ২৫ বছর বয়সী দুই পুরুষ এবং ৫৬ বছর বয়সী এক নারীকে অপহরণের সন্দেহে গ্রেপ্তার করা হয়।   একই অভিযোগে কর্নওয়ালের ফ্যালমাউথ থেকে ৪২ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাগবি থেকে ৭৫ ও ৪৭ বছর বয়সী আরও দুই নারীকে আটক করা হয়। সব মিলিয়ে তিন পুরুষ ও তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।   ওয়ারউইকশায়ার পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট জন বেলচার জানিয়েছেন, গ্রেপ্তার ছয়জনই দুই শিশুর পরিচিত। এ কারণে ঘটনাটিকে সাধারণ মানুষের জন্য বৃহত্তর কোনো নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে না পুলিশ।   পুলিশ এখন মূলত জানার চেষ্টা করছে, দুই স্কুলছাত্রী কী পরিস্থিতিতে রাগবি থেকে কর্নওয়ালে পৌঁছেছিল এবং এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা কী ছিল। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।   গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি। তাদের অপহরণের সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণ পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ১০:২
বাংলাদেশি জনস্বাস্থ্য গবেষক অধ্যাপক ডা. আবদুল্লাহ এইচ বাকী। ছবি: সংগৃহীত
নোয়াখালী থেকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্সে, ডা. আবদুল্লাহ বাকীর গবেষণায় নতুন জীবন লাখো মা ও শিশুর

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মা ও নবজাতকের জীবন বাঁচানোর উপায় খুঁজতে দুই দশকের বেশি আগে শুরু হয়েছিল একটি গবেষণা উদ্যোগ। সেই উদ্যোগই এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন বাংলাদেশি চিকিৎসক ও জনস্বাস্থ্য গবেষক অধ্যাপক ডা. আবদুল্লাহ এইচ বাকী। বর্তমানে তিনি জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ম্যাটারনাল অ্যান্ড নিউবর্ন হেলথের পরিচালক।   সম্প্রতি জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ ডা. বাকী এবং বাংলাদেশের ‘প্রজন্ম’ রিসার্চ ফাউন্ডেশনের দীর্ঘ যাত্রা তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, তাদের গবেষণা থেকে পাওয়া প্রমাণ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মা ও নবজাতকের স্বাস্থ্যনীতি ও কর্মসূচিতে প্রভাব ফেলেছে।   ‘প্রজন্ম’ এর যাত্রা শুরু ২০০১ সালে। ডা. বাকী বাংলাদেশি গবেষকদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীদারত্বে এটি গড়ে তুলেছিলেন। লক্ষ্য ছিল শুধু গবেষণাপত্র প্রকাশ নয়, বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে কম খরচে কার্যকর স্বাস্থ্যসেবা পদ্ধতি খুঁজে বের করা এবং সেই গবেষণাকে জাতীয় নীতিতে কাজে লাগানো।   এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর একটি পরিচালিত হয় সিলেটের গ্রামীণ এলাকায়। প্রশিক্ষিত কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মাধ্যমে বাড়িতে গিয়ে নবজাতকের প্রয়োজনীয় সেবা দেওয়ার কার্যকারিতা পরীক্ষা করেন গবেষকেরা।   ২০০৮ সালে দ্য ল্যানসেটে প্রকাশিত সেই গবেষণায় দেখা যায়, বাড়িভিত্তিক সমন্বিত নবজাতক সেবার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় নবজাতকের মৃত্যুহার ৩৪ শতাংশ কমানো সম্ভব হয়েছিল। গবেষণাটি ওই বছর দ্য ল্যানসেটের উল্লেখযোগ্য গবেষণাগুলোর একটি হিসেবেও স্বীকৃতি পায়।   এই গবেষণার প্রভাব গবেষণাগারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, এর ভিত্তিতে বাংলাদেশ সরকার ২০০৯ সালে জাতীয় নবজাতক স্বাস্থ্য কৌশল তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফও উচ্চ মৃত্যুহারের দেশগুলোতে নবজাতকের মৃত্যুঝুঁকি কমাতে প্রসবের পর বাড়িতে গিয়ে সেবা দেওয়ার সুপারিশে এই ধরনের গবেষণার প্রমাণ ব্যবহার করে।   প্রজন্মের আরেকটি গবেষণায় নবজাতকের নাভিতে ক্লোরহেক্সিডিন ব্যবহারের সুফল পাওয়া যায়। সেই গবেষণার ফলও পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ এবং এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নবজাতক স্বাস্থ্যনীতিতে প্রভাব ফেলে।   হাসপাতালে নেওয়া সম্ভব নয় এমন গুরুতর সংক্রমণে আক্রান্ত নবজাতকদের জন্য তুলনামূলক সহজ অ্যান্টিবায়োটিক চিকিৎসা নিয়েও গবেষণা করেছে প্রজন্ম। সেই গবেষণা থেকে পাওয়া প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন পরিবর্তন এবং হাসপাতালের বাইরে জীবনরক্ষাকারী চিকিৎসার সুযোগ বাড়াতে ভূমিকা রাখে।   দীর্ঘ এই পথচলায় গবেষণা প্রকল্পটি ধীরে ধীরে বাংলাদেশের নিজস্ব প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। ২০১৭ সালে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশি এনজিও হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি স্থানীয় নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং জনস হপকিন্স বিভিন্ন গবেষণায় টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করছে।   জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, সিলেটের বাইরে বাংলাদেশের আরও ১১ জেলায় প্রজন্মের কার্যক্রম বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণার আওতায় এখন ক্লিনিক্যাল ট্রায়াল, স্বাস্থ্যব্যবস্থায় নতুন পদ্ধতির বাস্তবায়ন, নীতিমূল্যায়ন এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নের বিভিন্ন প্রকল্প রয়েছে।   ডা. আবদুল্লাহ বাকী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ থেকে ১৯৮৫ সালে এমপিএইচ এবং ১৯৯০ সালে ডক্টর অব পাবলিক হেলথ ডিগ্রি অর্জন করেন। জনস হপকিন্সে যোগ দেওয়ার আগে তিনি প্রায় ২২ বছর আইসিডিডিআরবিতে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন।   তার গবেষণার মূল ক্ষেত্র নবজাতক, শিশু ও মাতৃস্বাস্থ্য। জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, পিয়ার রিভিউড বৈজ্ঞানিক জার্নালে তার প্রায় ৩০০ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর বেশ কয়েকটি গবেষণা বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্বাস্থ্যনীতি ও কর্মসূচি তৈরিতে ভূমিকা রেখেছে।   তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. বাকীকে নিয়ে ছড়িয়ে পড়া কিছু গল্পের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। বিশেষ করে ‘জ্যাকসন হাইটসের বেসমেন্ট থেকে জনস হপকিন্সের গবেষক’, ‘একসময় টিউশনি করে চলতেন’ কিংবা তিনি নোয়াখালীর সন্তান, এমন দাবিগুলো জনস হপকিন্সের প্রকাশিত জীবনী ও সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ নেই। একইভাবে তার গল্পে ‘কাঁদছে আমেরিকা’ ধরনের দাবিরও যাচাইযোগ্য ভিত্তি পাওয়া যায়নি।   এ কারণে তার প্রকৃত অর্জনই গল্পটির সবচেয়ে শক্তিশালী অংশ। বাংলাদেশের গ্রাম থেকে পাওয়া গবেষণার ফল আন্তর্জাতিক স্বাস্থ্যনীতিতে জায়গা করে নেওয়া, নবজাতকের মৃত্যুহার কমানোর কার্যকর পদ্ধতি উদ্ভাবন এবং স্থানীয় গবেষকদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তোলাই ডা. আবদুল্লাহ বাকী ও তার সহকর্মীদের দীর্ঘ পথচলার সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য।   জনস হপকিন্সের ভাষ্য অনুযায়ী, প্রজন্মের গবেষণা থেকে তৈরি প্রমাণ এখন বিশ্বজুড়ে লাখ লাখ মা ও নবজাতককে প্রভাবিত করা স্বাস্থ্যনীতি ও কর্মসূচিতে অবদান রাখছে। দুই দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা এই বাংলাদেশি নেতৃত্বাধীন গবেষণা প্ল্যাটফর্ম দেখিয়েছে, স্থানীয় পর্যায়ে শুরু হওয়া বৈজ্ঞানিক উদ্যোগও একসময় বৈশ্বিক জনস্বাস্থ্য নীতি বদলে দেওয়ার শক্তি অর্জন করতে পারে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৯:৪৯
নতুন বিশ্বরেকর্ড গড়া চীনের পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। ছবি: সংগৃহীত
মাত্র ৫ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি, নতুন বিশ্বরেকর্ড গড়ল চীনের ট্রেন

চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ যান স্থির অবস্থা থেকে মাত্র ৫ দশমিক ৩ সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। মধ্য চীনের হুবেই প্রদেশে এক কিলোমিটার দীর্ঘ বিশেষ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়। অত্যন্ত অল্প দূরত্বে এত দ্রুত গতি অর্জনকে উচ্চগতির ইলেক্ট্রোম্যাগনেটিক প্রপালশন প্রযুক্তিতে বড় অগ্রগতি হিসেবে দেখছেন গবেষকেরা।   তবে এটিকে যাত্রীবাহী বুলেট ট্রেন হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না। পরীক্ষায় ব্যবহৃত যানটি ছিল প্রায় ১ দশমিক ১ টন ওজনের একটি ম্যাগলেভ মডেল ভেহিকল। এটি বর্তমানে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছে না।   চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, হুবেইয়ের ইস্ট লেক ল্যাবরেটরির গবেষকেরা এক হাজার মিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে যানটি চালান। স্থির অবস্থা থেকে যাত্রা শুরুর পর প্রায় ৬০০ মিটারের মধ্যেই এটি ঘণ্টায় ৮০০ কিলোমিটার সর্বোচ্চ গতিতে পৌঁছে যায়।   সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পুরো পরীক্ষাটি শেষ হয় মাত্র আট সেকেন্ডে। সর্বোচ্চ গতি অর্জনের পর একই পরীক্ষামূলক ট্র্যাকের মধ্যেই যানটিকে নিয়ন্ত্রিতভাবে থামানো সম্ভব হয়।   গবেষকদের দাবি, স্বল্প দূরত্বের ম্যাগলেভ অ্যাকসেলারেশন পরীক্ষায় এটি নতুন বিশ্বরেকর্ড। এই সাফল্যের পেছনে ব্যবহার করা হয়েছে পার্মানেন্ট ম্যাগনেট ইলেকট্রিক সাসপেনশন গাইডেন্স এবং ইলেক্ট্রোম্যাগনেটিক প্রপালশন প্রযুক্তির সমন্বিত ব্যবস্থা।   প্রচলিত ট্রেনের মতো ম্যাগলেভের চাকা রেলের সঙ্গে ঘর্ষণের মাধ্যমে চলে না। শক্তিশালী চৌম্বকীয় প্রযুক্তির সাহায্যে যানটি ট্র্যাকের ওপর ভাসমান অবস্থায় চলতে পারে। ফলে চাকা ও রেলের সরাসরি সংস্পর্শ না থাকায় অত্যন্ত উচ্চগতিতে চলার ক্ষেত্রে ঘর্ষণজনিত বাধা উল্লেখযোগ্যভাবে কমে যায়।   তবে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি অর্জন করাই একমাত্র চ্যালেঞ্জ ছিল না। এত অল্প দূরত্বে যানটির স্থিতিশীলতা ধরে রাখা, সঠিক অবস্থান নির্ণয়, অত্যন্ত কম বিলম্বের যোগাযোগ ব্যবস্থা এবং নির্ভুলভাবে মোটর নিয়ন্ত্রণের মতো প্রযুক্তিগত সমস্যাও সমাধান করতে হয়েছে গবেষকদের।   এই পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দ্রুত ব্রেকিং। ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছানোর পর যানটিকে এক কিলোমিটার দীর্ঘ ট্র্যাকের শেষ হওয়ার আগেই নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে থামানো হয়েছে।   ইস্ট লেক ল্যাবরেটরির জন্য এটিই প্রথম গতির রেকর্ড নয়। একই গবেষণা দল ২০২৫ সালের জুনে পরীক্ষামূলক যানকে ঘণ্টায় ৬৫০ কিলোমিটার এবং জুলাইয়ে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে নিয়ে গিয়েছিল। এরপর ৮০০ কিলোমিটারের মাইলফলক স্পর্শ করে তারা নিজেদের আগের রেকর্ডও ভেঙেছে।   গবেষণাটির লক্ষ্য শুধু দ্রুতগতির ট্রেন তৈরি নয়। এক হাজার মিটারের এই পরীক্ষামূলক প্ল্যাটফর্ম ভবিষ্যতের ম্যাগলেভ পরিবহন ব্যবস্থা, অ্যারোস্পেস ইলেক্ট্রোম্যাগনেটিক লঞ্চ এবং অন্যান্য উচ্চগতির প্রযুক্তি নিয়ে গবেষণায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে।   চীন একই সময়ে যাত্রী পরিবহনের জন্য আলাদাভাবে সিআর৪৫০ হাইস্পিড ট্রেনও পরীক্ষা করছে। সেই ট্রেন পরীক্ষায় ঘণ্টায় সর্বোচ্চ ৪৫৩ কিলোমিটার গতি অর্জন করেছে এবং ভবিষ্যতে ঘণ্টায় ৪০০ কিলোমিটার বাণিজ্যিক গতিতে চালানোর জন্য তৈরি করা হচ্ছে।   সিআর৪৫০ এবং ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতির এই ম্যাগলেভ পরীক্ষাকে তাই এক করে দেখা যাবে না। সিআর৪৫০ পূর্ণাঙ্গ যাত্রীবাহী হাইস্পিড ট্রেন হিসেবে বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে ৮০০ কিলোমিটার গতির রেকর্ডটি একটি বিশেষ পরীক্ষামূলক ম্যাগলেভ মডেল ভেহিকলের।   ইস্ট লেক ল্যাবরেটরির এই পরীক্ষা দেখিয়েছে, অত্যন্ত সীমিত দূরত্বের মধ্যেও ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তি ব্যবহার করে একটি ভারী যানকে কয়েক সেকেন্ডের মধ্যে অস্বাভাবিক উচ্চগতিতে নিয়ে গিয়ে আবার নিয়ন্ত্রিতভাবে থামানো সম্ভব। এই প্রযুক্তি সরাসরি যাত্রী পরিবহনে কবে ব্যবহার করা যাবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ভবিষ্যতের অতিদ্রুত পরিবহন ও অ্যারোস্পেস প্রযুক্তির গবেষণায় এটি গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হয়ে উঠেছে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৯:৩৯
ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় ব্যবধানে জয়ী কংগ্রেসওম্যান ইলহান ওমর। ছবি: সংগৃহীত
আবারো মিনেসোটায় ডেমোক্রেটিক প্রাইমারিতে ভূমিধস জয় ইলহান ওমরের

যুক্তরাষ্ট্রের মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন কংগ্রেসওম্যান ইলহান ওমর। মঙ্গলবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি। এর মধ্য দিয়ে টানা পঞ্চম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সোমালি বংশোদ্ভূত এই মার্কিন রাজনীতিক।   সিবিএস নিউজের প্রজেকশন অনুযায়ী, প্রাইমারিতে ইলহান ওমরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলি টি লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নাট শ্লুটার। তবে তাদের কেউই বর্তমান কংগ্রেসওম্যানকে বড় ধরনের চ্যালেঞ্জ জানাতে পারেননি।   মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট দীর্ঘদিন ধরেই ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি। মিনিয়াপোলিসসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত এই আসনকে মিনেসোটার সবচেয়ে ডেমোক্রেটিক ঝোঁকসম্পন্ন কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে বিবেচনা করা হয়।   ২০১৮ সালে প্রথমবার এই আসন থেকে কংগ্রেসে নির্বাচিত হন ইলহান ওমর। এরপর প্রতিটি নির্বাচনেই আসনটি ধরে রেখেছেন তিনি। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রায় ৫০ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ওমর। একই বছরের ডেমোক্রেটিক প্রাইমারিতে তার জয়ের ব্যবধান ছিল ১৩ পয়েন্ট।   এবারের প্রাইমারিতে পরিস্থিতি ছিল আরও স্বস্তিদায়ক। আগের কয়েকটি নির্বাচনের তুলনায় শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি তাকে। শেষ পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট পাওয়ায় নিজ দলের ভোটারদের মধ্যে তার শক্ত অবস্থান আবারও স্পষ্ট হলো।   ওমরের প্রধান রাজনৈতিক অবস্থানগুলোর একটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতির বিরোধিতা। ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন ক্র্যাকডাউনের বিরুদ্ধে লড়াইকে নিজের অন্যতম অগ্রাধিকার হিসেবেও উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে ট্রাম্পও দীর্ঘদিন ধরে ওমরের কঠোর সমালোচক।   প্রাইমারির ঠিক আগমুহূর্তে ইলহান ওমরের একটি টাউন হলের বাইরে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের একজন আন্ডারকভার এজেন্টের উপস্থিতি নিয়েও বিতর্ক তৈরি হয়।   ওমরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৬ আগস্ট রিচফিল্ডে তার টাউন হল চলাকালে কমিউনিটি সেন্টারের বাইরে ওই এজেন্টকে একটি গাড়িতে অবস্থান করতে দেখা যায়। বিষয়টি সামনে আসার পর ওমর হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছেন।   ওমরের অভিযোগ, ওই এজেন্ট কেন তার কংগ্রেশনাল অনুষ্ঠানের বাইরে অবস্থান করছিলেন এবং তিনি কীভাবে টাউন হলের বিষয়ে জানতে পেরেছিলেন, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। ওই কর্মকর্তা কোনো রাজনৈতিক নজরদারির অংশ হিসেবে সেখানে ছিলেন কি না, সেটিও জানতে চেয়েছেন তিনি।   তবে ওই এজেন্ট স্থানীয় পুলিশকে জানিয়েছিলেন, তিনি একটি আন্ডারকভার ড্রাগ অপারেশনের কাজে সেখানে ছিলেন। এ কারণে ওমরের অনুষ্ঠানকে লক্ষ্য করে তাকে সেখানে পাঠানো হয়েছিল, এমনটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।   নিরাপত্তা নিয়ে ওমরের উদ্বেগের পেছনে সাম্প্রতিক আরেকটি ঘটনাও রয়েছে। গত জানুয়ারিতে মিনিয়াপোলিসে একটি টাউন হলের সময় এক ব্যক্তি তার দিকে এগিয়ে এসে একটি তরল পদার্থ ছুড়ে মারেন। পরে সেটি আপেল সিডার ভিনেগার হিসেবে শনাক্ত হয়। ঘটনার পরও ওমর অনুষ্ঠান চালিয়ে যান এবং জানান, তাকে ভয় দেখিয়ে থামানো যাবে না।   এদিকে পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান প্রাইমারিতে জন নাগেল ৫২ দশমিক ১ শতাংশ ভোট নিয়ে জয়ী হওয়ার প্রজেকশন পেয়েছেন। ফলে নভেম্বরে সাধারণ নির্বাচনে ইলহান ওমরের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তিনি।   তবে ডিস্ট্রিক্টটির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক নির্বাচনের ফল বিবেচনায় সাধারণ নির্বাচনে ইলহান ওমরই শক্তিশালী অবস্থানে থাকছেন। ১১ আগস্টের প্রাইমারিতে ৮০ শতাংশের বেশি ভোটের এই জয় সেই অবস্থানকে আরও সুসংহত করেছে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৯:২৬
ইকুয়েডরের হাসপাতালে চিকিৎসাধীন সেই চার মাস বয়সী শিশুকন্যা। ছবি: সংগৃহীত
শিশুকে হাসপাতালে ফেলে গেছে পরিবার, কেউ পাশ দিয়ে গেলেই মাথা তুলে তাকায় ফেরার অপেক্ষায়

বয়স মাত্র চার মাস। জীবনের প্রায় পুরো সময়টাই কেটে গেছে হাসপাতালের বিছানায়। ইকুয়েডরের গুয়াকিল শহরের ফ্রান্সিসকো দে ইকাজা বুস্তামান্তে শিশু হাসপাতালে গত মার্চ থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে এই শিশুকন্যা। পরিবারের কেউ তার দায়িত্ব নিতে না আসায় সম্ভাব্য পরিত্যাগের ঘটনা হিসেবে বিষয়টি তদন্ত করছে দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।   শিশুটির ঘটনা প্রকাশ্যে আসার পর ইকুয়েডরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্চে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সেখানেই রয়েছে সে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল এবং তাকে সার্বক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় যত্ন দেওয়া হচ্ছে।   তবে শিশুটিকে সত্যিই পরিবার পরিত্যাগ করেছে কি না এবং এর পেছনের পরিস্থিতি কী, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে ‘সম্ভাব্য পরিত্যাগ’ হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, ঘটনাটি তদন্ত করছে ইকুয়েডরের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।   স্থানীয় কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর দীর্ঘ সময় ধরে শিশুটির পরিবারের কেউ তার দায়িত্ব নিতে আসেননি। তার ভবিষ্যৎ সুরক্ষা ও আইনি অবস্থান কী হবে, সেটি নির্ধারণে সংশ্লিষ্ট শিশু সুরক্ষা কর্তৃপক্ষও কাজ করছে।   সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে ঘিরে আরও একটি আবেগঘন বর্ণনা ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, হাসপাতালের বিছানার পাশ দিয়ে কেউ হেঁটে গেলে শিশুটি মাথা তুলে তাকানোর চেষ্টা করে। যেন পরিচিত কাউকে খুঁজছে কিংবা কেউ তাকে কোলে নেবে সেই অপেক্ষায় রয়েছে।   তবে শিশুটি কেন এভাবে তাকায় বা সে কী অনুভব করছে, তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতিতেও এই আচরণের বিষয়ে কিছু বলা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বর্ণনাকে নিশ্চিত তথ্য হিসেবে না দেখে শিশুটিকে ঘিরে মানুষের আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।   চার মাস বয়সী একটি শিশুর দীর্ঘদিন হাসপাতালে পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ার পর বহু মানুষ তাকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। অনেকে আবার শিশুটির জন্য অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে চান।   এরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক সতর্কতা দিতে হয়। ফ্রান্সিসকো দে ইকাজা বুস্তামান্তে শিশু হাসপাতাল স্পষ্ট জানিয়েছে, হাসপাতাল কিংবা ইকুয়েডরের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোনো দত্তক প্রক্রিয়া পরিচালনা করে না। শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট বিচারিক ও শিশু সুরক্ষা কর্তৃপক্ষের।   একই সঙ্গে শিশুটির নামে অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েও সতর্ক করেছে হাসপাতাল। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিশুটির জন্য কোনো ডোনেশন ক্যাম্পেইন শুরু করেনি এবং অর্থ পাঠানোর জন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট, ফোন নম্বর কিংবা অন্য কোনো মাধ্যম অনুমোদন দেয়নি।   হাসপাতালের নাম বা শিশুটির ঘটনা ব্যবহার করে তৃতীয় পক্ষের কোনো অর্থ সংগ্রহের উদ্যোগে টাকা না পাঠানোর আহ্বানও জানানো হয়েছে। এ ধরনের উদ্যোগের সঙ্গে হাসপাতালের কোনো সংশ্লিষ্টতা নেই বলে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে।   শিশুটির ব্যক্তিগত পরিচয় ও পরিবারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অপ্রাপ্তবয়স্ক শিশুর নিরাপত্তা ও গোপনীয়তার কারণে তার ভবিষ্যৎ আইনি প্রক্রিয়ার অনেক তথ্যও জনসমক্ষে আসেনি।   আপাতত তার পৃথিবী হাসপাতালের চিকিৎসক, নার্স এবং পরিচর্যাকারীদের ঘিরেই। তারা সার্বক্ষণিকভাবে শিশুটির চিকিৎসা ও যত্ন নিশ্চিত করছেন। একই সময়ে প্রসিকিউটররা খতিয়ে দেখছেন, কী পরিস্থিতিতে চার মাস বয়সী শিশুটিকে পরিবারের কাউকে ছাড়াই এত দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হলো।   তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিশুটির পরবর্তী সুরক্ষা ব্যবস্থা নির্ধারণ করতে হবে। পরিবারে ফেরানো সম্ভব হবে কি না, নাকি অন্য কোনো আইনসম্মত সুরক্ষা ব্যবস্থায় তাকে নিতে হবে, সেই সিদ্ধান্ত নির্ভর করবে তদন্ত ও শিশু সুরক্ষা প্রক্রিয়ার ওপর।   জীবনের প্রথম চার মাসেই পরিবারের পরিবর্তে হাসপাতালকে আশ্রয় হিসেবে পাওয়া এই শিশুর ঘটনা এখন ইকুয়েডরে শিশু সুরক্ষা নিয়ে নতুন করে মানুষের দৃষ্টি কেড়েছে। হাসপাতালের বিছানায় চিকিৎসকদের যত্নে সে নিরাপদ ও স্থিতিশীল থাকলেও তার স্থায়ী ঠিকানা কোথায় হবে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৯:৬
কমান্ড সেন্টারের ভেতরে কর্তব্যরত মার্কিন নৌবাহিনীর নাবিক। ছবি:সংগৃহীত
টানা ২০৭ দিন সমুদ্রে মার্কিন রণতরী, নিজেদের মধ্যে গোলাগুলিতে ৭ নৌসেনা নিহতের দাবি ইরানি সংবাদমাধ্যমের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে গোলাগুলিতে সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। ১১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করা হয়। তবে ঘটনাটি এখনো মার্কিন নৌবাহিনী বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফলে নিহতের সংখ্যা বা গোলাগুলির ঘটনা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।   প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা রণতরীটিতে নৌসেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার পর পরিস্থিতি সহিংস রূপ নেয়। একপর্যায়ে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে সাতজন নিহত ও আরও কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের পক্ষে কোনো স্বাধীন মার্কিন সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়নি।   ইউএসএস আব্রাহাম লিংকনের দীর্ঘমেয়াদি মোতায়েনের বিষয়টি অবশ্য আলাদাভাবে নিশ্চিত হয়েছে। মার্কিন সামরিক বিষয়ক সংবাদমাধ্যম স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদনে বলা হয়, রণতরীটি টানা ২০৭ দিন সমুদ্রে অবস্থান করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে কোভিড-১৯ মহামারির সময় ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার টানা ২০৬ দিন সমুদ্রে থাকার রেকর্ড করেছিল।    দীর্ঘ এই মোতায়েনের কারণে রণতরীটির নৌসেনাদের ওপর শারীরিক ও মানসিক চাপ নিয়ে এরই মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে নৌসেনাদের পরিবারের সদস্যরা দীর্ঘ সময় সমুদ্রে থাকা, সীমিত বিশ্রাম এবং পরিবারের সঙ্গে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রণতরীটিতে প্রায় ৫ হাজার নৌসেনা ও মেরিন দায়িত্ব পালন করেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   ইউএসএস আব্রাহাম লিংকন মূলত একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকে একাধিক যুদ্ধজাহাজ নিয়ে গঠিত ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে রণতরীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে ইরান একাধিকবার রণতরীটিকে লক্ষ্য করে হামলার দাবি করলেও এসব দাবির কয়েকটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অস্বীকার করেছে। মার্চে সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত করেনি।    চলতি বছরের মার্চে আব্রাহাম লিংকে বিমান পরিচালনার সময় একজন মার্কিন নৌসেনা আহত হওয়ার ঘটনাও ঘটে। মার্কিন পঞ্চম নৌবহর জানিয়েছিল, ঘটনাটি যুদ্ধজনিত ছিল না এবং আহত নৌসেনার অবস্থা জীবনহানির ঝুঁকিমুক্ত ছিল। পরে তাকে তীরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।    ইরানি সংবাদমাধ্যমের সর্বশেষ দাবিটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা তীব্র। এর আগে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি দাবি করেছিলেন, তাদের বাহিনী ইউএসএস আব্রাহাম লিংকনের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে। ইরানের এসব সামরিক দাবি অবশ্য আলাদাভাবে যাচাই করা যায়নি।    সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাতজন নৌসেনা নিহত হওয়ার দাবিটি এখনো শুধু ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করছে। মার্কিন নৌবাহিনী, প্রতিরক্ষা দপ্তর বা অন্য কোনো স্বাধীন নির্ভরযোগ্য সূত্র থেকে ঘটনার নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত এটিকে নিশ্চিত মৃত্যু বা গোলাগুলির ঘটনা হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৮:৫৪
ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) এজেন্ট। ছবি : সংগৃহীত।
মার্কিন নাগরিকের দিকে বন্দুক তাক করলেন আইসিই এজেন্ট, ভিডিওতে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক মার্কিন নাগরিকের গাড়ি ঘিরে ধরে তার দিকে বন্দুক তাক করার অভিযোগ উঠেছে আইসিই এজেন্টের বিরুদ্ধে। নর্দার্ন ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনার ড্যাশক্যাম ও সেলফোন ভিডিও ছড়িয়ে পড়ার পর আইসিই এজেন্টদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির দাবি, ওই নারী গাড়ি ব্যবহার করে এজেন্টদের ক্ষতি করার চেষ্টা করেছিলেন।   ঘটনাটি ঘটে সোমবার, ১০ আগস্ট বিকেলে। ওই নারীর নাম ক্যারোলিনা মোলিনা। তিনি একজন মার্কিন নাগরিক এবং লাইসেন্সধারী প্রফেশনাল কাউন্সেলর। ইমিগ্রেশন কেসে অ্যাটর্নিদের সঙ্গে কাজ করে তিনি সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনও করে থাকেন।   এনবিসি ওয়াশিংটন ও ফক্স ৫ ডিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় মোলিনা কলাম্বিয়া পাইকের কাছে বিভিন্ন ল অফিসে নিজের বিজনেস কার্ড দিতে গিয়েছিলেন। সেখানে তিনি আইসিই এজেন্টদের দুই ব্যক্তিকে আটক করতে দেখেন।   মোলিনার ভাষ্য অনুযায়ী, আইসিই এজেন্টদের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তিনি তাদের উদ্দেশে ক্ষুব্ধ মন্তব্য করেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। পরে একটি অফিসে ফিরে যাওয়ার প্রয়োজন হওয়ায় গাড়ি ঘুরিয়ে আবার ওই এলাকায় আসেন।   ড্যাশক্যাম ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণের মধ্যে দুটি এসইউভি তার গাড়ির সামনে ও পেছনে অবস্থান নেয়। এরপর মুখ ঢাকা কয়েকজন এজেন্ট গাড়ির কাছে এগিয়ে আসেন। একজন এজেন্ট তাকে প্রশ্ন করেন, তিনি তাদের অনুসরণ করছেন কি না। মোলিনা তা অস্বীকার করেন।   পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সেলফোন ভিডিওতে এক এজেন্টকে মোলিনার বিরুদ্ধে গাড়ি দিয়ে তাদের চাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ করতে শোনা যায়। একই সময় ওই এজেন্টের হাতে বন্দুক দেখা যায়। ভিডিওতে তাকে মোলিনার গাড়ির ড্রাইভার সাইডের জানালার কাছে অস্ত্র হাতে কথা বলতে দেখা গেছে।   একপর্যায়ে এজেন্ট তাকে গ্রেফতারের হুমকিও দেন। জবাবে মোলিনা জানান, তিনি একজন মার্কিন নাগরিক। এজেন্ট তখন বলেন, এতে তার কিছু যায় আসে না।   মোলিনা আইসিই এজেন্টদের অভিযোগ অস্বীকার করে জানান, তার গাড়িতে ড্যাশক্যাম রয়েছে এবং পুরো ঘটনা রেকর্ড হয়েছে। এনবিসি ওয়াশিংটনের প্রতিবেদনে বলা হয়েছে, এজেন্ট গাড়ি থেকে বের হওয়ার সময় থেকেই তার হাতে বন্দুক ছিল। ভিডিওতে ধারণ হওয়া পুরো মুখোমুখি অবস্থানটি প্রায় ৫০ সেকেন্ড স্থায়ী হয়।   ফক্স ৫ ডিসিকে মোলিনা বলেন, তাকে গাড়ি থেকে নামতে বলা হয়নি এবং গ্রেফতারও করা হয়নি। পরে তাকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেওয়া হয়। তার দাবি, তিনি কাউকে গাড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেননি।   ঘটনার পর মোলিনা বলেন, পরিস্থিতি যেভাবে দ্রুত বিপজ্জনক হয়ে উঠেছিল, তাতে তিনি আতঙ্কিত হয়েছেন। তার পরিবার ও সন্তান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো পরিস্থিতিতে নিজেকে জড়ানোর ইচ্ছা তার ছিল না।   তবে মোলিনার বক্তব্য প্রত্যাখ্যান করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। সংস্থাটির দাবি, ফলস চার্চে আইসিই একটি নির্দিষ্ট ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অপারেশন পরিচালনা করছিল। এ সময় এক আইসিইবিরোধী ব্যক্তি গাড়ি নিয়ে এজেন্টদের আশপাশে ঘোরাঘুরি করেন এবং গাড়িকে ব্যবহার করে তাদের ক্ষতি করার চেষ্টা করেন।   ডিএইচএসের দাবি, নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার পর আইসিই এজেন্টরা ওই গাড়ি থামান এবং চালকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। ওই নারীর বিরুদ্ধে ভবিষ্যতে ক্রিমিনাল প্রসিকিউশন হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। তবে বুধবার পর্যন্ত মোলিনাকে গ্রেফতার করা হয়নি।   ডিএইচএস আরও জানিয়েছে, ওই দিনের অভিযানে হিট অ্যান্ড রান ও ড্রাগ ট্রাফিকিংয়ের মতো অপরাধে অভিযুক্ত এবং ফাইনাল রিমুভাল অর্ডার থাকা ব্যক্তিদের টার্গেট করা হয়েছিল।   ঘটনার ভিডিও প্রকাশের পর আইসিই এজেন্টের বন্দুক বের করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মোলিনার দাবি, একজন মার্কিন নাগরিক হিসেবে এজেন্টদের কর্মকাণ্ডের সমালোচনা করার অধিকার তার রয়েছে এবং সেই মন্তব্যের কারণে তার বিরুদ্ধে এ ধরনের শক্তি প্রদর্শন যুক্তিসঙ্গত ছিল না।   অন্যদিকে ডিএইচএস বলছে, এজেন্টরা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতিতে নিজেদের প্রশিক্ষণ অনুযায়ী কাজ করেছেন। ফলে ঘটনাটিকে ঘিরে এখন দুই পক্ষের সম্পূর্ণ ভিন্ন বক্তব্য সামনে এসেছে। তবে ড্যাশক্যাম ও সেলফোনে ধারণ হওয়া ভিডিওটি ছড়িয়ে পড়ায় নর্দার্ন ভার্জিনিয়ায় চলমান আইসিই অভিযানের সময় এজেন্টদের বলপ্রয়োগ ও সাধারণ মানুষের সঙ্গে আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৮:৪১
জোহরান কোয়ামে মামদানি। ছবি:সংগৃহীত
ধনীদের বাড়িতে কর বসাতে বাধা , মামদানির পরিকল্পনা আটকাল আদালতে

নিউইয়র্ক সিটির বিলাসবহুল সেকেন্ড হোমের ওপর নতুন পিয়েদ-আ-তের ট্যাক্স কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে আটকে দিয়েছেন স্ট্যাটেন আইল্যান্ডের এক বিচারক। নিজেদের প্রাইমারি রেসিডেন্সকেও ভুলভাবে এই ট্যাক্সের আওতাভুক্ত করা হয়েছে অভিযোগ করে কয়েকজন বাড়ির মালিক মামলা করার পর আদালত এ আদেশ দেন।   রিচমন্ড কাউন্টি সুপ্রিম কোর্টের বিচারক ওয়েন ওজি সোমবার একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নির্দেশে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সকে প্রায় ৯ লাখ ৬০ হাজার আবাসিক প্রপার্টির একটি প্রকাশিত তালিকা সরিয়ে নিতে বলা হয়। একই সঙ্গে ইতোমধ্যে পাঠানো নোটিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতেও সাময়িকভাবে বাধা দেওয়া হয়।   তবে এই আদেশের পর নিউইয়র্ক সিটি আপিল করেছে। আপিলের কারণে বিচারকের অস্থায়ী আদেশের কার্যকারিতা আপাতত স্থগিত হয়েছে। মামলার পরবর্তী হিয়ারিং নির্ধারিত রয়েছে ৩১ আগস্ট। ফলে নতুন ট্যাক্সের বাস্তবায়ন নিয়ে আইনি লড়াই এখনো শেষ হয়নি।   মূল বিরোধ ট্যাক্সটি বৈধ কি না, তা নিয়ে নয়। মামলাকারীদের আপত্তির কেন্দ্রবিন্দু হচ্ছে ট্যাক্স কার্যকরের পদ্ধতি। তাদের অভিযোগ, কোন বাড়ি প্রকৃতপক্ষে সেকেন্ড হোম তা আগে নিশ্চিত করার বদলে সিটি কর্তৃপক্ষ বিপুলসংখ্যক প্রপার্টিকে সম্ভাব্য তালিকায় রেখেছে এবং অনেক মালিকের ওপর নিজেদের বাড়ি প্রাইমারি রেসিডেন্স প্রমাণ করার দায়িত্ব চাপিয়ে দিয়েছে।   নিউইয়র্ক সিটির নতুন পিয়েদ-আ-তের ট্যাক্স মূলত এমন উচ্চমূল্যের আবাসিক প্রপার্টির জন্য, যেগুলো মালিকের প্রধান বাসস্থান নয়। চলতি বছরের শুরুতে মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল এই উদ্যোগ সামনে আনেন। তাদের লক্ষ্য ছিল বিলাসবহুল সেকেন্ড হোম থেকে অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করে নিউইয়র্ক সিটির বাজেট ঘাটতি মোকাবিলায় সহায়তা করা।   প্রাথমিক প্রস্তাবে ৫০ লাখ ডলার বা তার বেশি মূল্যের বিলাসবহুল সেকেন্ড হোমকে লক্ষ্য করার কথা বলা হলেও পরে অনুমোদিত কাঠামোয় প্রপার্টির ধরন অনুযায়ী মূল্যসীমা নির্ধারণ করা হয়। এক থেকে তিন পরিবারের বাড়ির ক্ষেত্রে ৫০ লাখ ডলার বা তার বেশি মূল্য এবং কন্ডো ও কো-অপের ক্ষেত্রে নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতিতে ১০ লাখ ডলার থেকে ট্যাক্সের আওতায় আসার সুযোগ রাখা হয়েছে।   কিন্তু বাস্তবায়নের শুরুতেই বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়। প্রায় ৯ লাখ ৬০ হাজার প্রপার্টির তথ্য প্রকাশের পাশাপাশি প্রায় ১৭ হাজার বাড়ির মালিককে নোটিশ পাঠানো হয়। এর মধ্যে এমন অনেক মালিক রয়েছেন বলে অভিযোগ উঠেছে, যারা সংশ্লিষ্ট বাড়িতেই নিয়মিত বসবাস করেন এবং সেটিই তাদের প্রাইমারি রেসিডেন্স।   মামলাটি করেছেন র‍্যাচেল ও’ব্রায়েন, কারমাইন মোরানো ও সাইমন হেডলি। তাদের দাবি, সিটির পদ্ধতির কারণে প্রকৃত নিউইয়র্কবাসীকেও অপ্রয়োজনীয়ভাবে নিজেদের বসবাসের প্রমাণ দিতে হচ্ছে। মামলায় তারা ট্যাক্সের মূল উদ্দেশ্যের পরিবর্তে এটি বাস্তবায়নে ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের ব্যবহৃত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন।   মামদানি প্রশাসনের যুক্তি, নিউইয়র্কে উচ্চমূল্যের সেকেন্ড হোম থাকা ধনী ও শহরের বাইরে বসবাসকারী মালিকদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা হলে সাধারণ নিউইয়র্কবাসীর ওপর নতুন চাপ না দিয়েই গুরুত্বপূর্ণ সিটি সার্ভিসে অর্থায়ন সম্ভব হবে। মেয়র ও গভর্নর উদ্যোগটি ঘোষণার সময় বছরে প্রায় ৫০ কোটি ডলার রাজস্ব আসতে পারে বলে ধারণা দিয়েছিলেন।   তবে নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের অফিসের পর্যালোচনায় বলা হয়েছে, ট্যাক্সটির নকশা ও বাস্তবায়নের বিভিন্ন বিষয়ের ওপর প্রকৃত রাজস্ব নির্ভর করবে। তাদের হিসাবে বছরে সর্বোচ্চ প্রায় ৫১ কোটি ডলার সংগ্রহ সম্ভব হলেও বিভিন্ন অনিশ্চয়তার কারণে তা ৩৪ কোটি থেকে ৩৮ কোটি ডলারের মধ্যেও নেমে আসতে পারে।   এখন আদালতের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সিটি কর্তৃপক্ষ ট্যাক্সের আওতাভুক্ত প্রপার্টি চিহ্নিত করতে আইনসম্মত ও যথাযথ পদ্ধতি অনুসরণ করেছে কি না। ৩১ আগস্টের পরবর্তী কোর্ট হিয়ারিংয়ে এ বিষয়ে আরও স্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে। তার আগে মামদানি প্রশাসনের বহুল আলোচিত এই নতুন ট্যাক্সের বাস্তবায়ন ঘিরে আইনি অনিশ্চয়তা অব্যাহত থাকছে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৮:২৪
গোলাম রুহানি ও বিপ্লব। ছবি:সংগৃহীত
চাকরি হারালেন রাব্বানীর ভাই ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী এবং আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার, ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।   সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।   বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সুদীপ কুমার চক্রবর্তী।   এদের মধ্যে গোলাম রুহানী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং একসময় ডিএমপির রমনা জোনে দায়িত্ব পালন করেছেন।   ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় রুহানীর বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৫ সালের জুলাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। সে সময় সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছিল, তিনি ২০২৪ সালের ১১ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।   বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বিপ্লব কুমার সরকার দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের যে তালিকা সামনে আসে, সেখানে তার নামও ছিল।   সুদীপ কুমার চক্রবর্তী ও কাজী আশরাফুল আজীমের নামও এর আগে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত করা পুলিশ কর্মকর্তাদের তালিকায় আসে। জুলাই গণঅভ্যুত্থানের পর কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভিন্ন অভিযোগে পুলিশের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে পর্যায়ক্রমে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় সরকার।   এর আগে ২০২৬ সালের জুলাইয়ে পুলিশের ৫৭ কর্মকর্তাকে বরখাস্তের প্রক্রিয়া শুরু হওয়ার তথ্য সামনে আসে। সেই তালিকায় সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, সৈয়দ নুরুল ইসলাম, নূরে আলম মিনাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম ছিল।   তবে বুধবারের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিপ্লব কুমার সরকার, গোলাম রুহানীসহ এই ছয় কর্মকর্তার ক্ষেত্রে সরকার চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত জানাল।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৭:৫৭
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ ।ছবি:সংগৃহীত
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি দেয়ার পরিকল্পনা

ভারতের উত্তর প্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প চালু হয়েছে। রাজ্যের বুলন্দশহরের ১৫টি গ্রামে শুরু হওয়া এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র সর্বোচ্চ ২০ রুপি দরে কেনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মাধ্যমে কৃষকদের পাশাপাশি গোমূত্র সংগ্রহে যুক্ত গ্রামীণ নারীদেরও বাড়তি আয়ের সুযোগ তৈরির কথা বলা হচ্ছে।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের উদ্যোগে প্রকল্পটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য গরু পালনকে আরও লাভজনক করা এবং দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরু পালনে কৃষকদের আর্থিক উৎসাহ তৈরি করা।   বুলন্দশহরের সায়ানা তহসিলের নরসাইনা গ্রামকে কেন্দ্র করে একটি কৃষক উৎপাদক সংগঠনের মাধ্যমে গোমূত্র সংগ্রহের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটির আওতায় থাকা ১৫টি গ্রাম থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।   পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি পর্যন্ত দামে কেনা হতে পারে। সংগ্রহ করা গোমূত্র সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে।   প্রকল্পটিতে স্থানীয় নারীদেরও যুক্ত করা হয়েছে। গ্রামে গোমূত্র সংগ্রহে সহায়তাকারী নারীরা প্রতি লিটারের জন্য ২ রুপি কমিশন পাচ্ছেন। প্রায় ৩০০ নারী এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের প্রকল্পের শেয়ারহোল্ডার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   সরকারের পরিকল্পনা অনুযায়ী, সংগৃহীত গোমূত্র কৃষিকাজে ব্যবহারের উপযোগী বিভিন্ন পণ্য তৈরির কাঁচামাল হিসেবে কাজে লাগানো হবে। রাসায়নিকনির্ভর কৃষি উপকরণের কিছু বিকল্প তৈরির সম্ভাবনাও এই প্রকল্পের মাধ্যমে যাচাই করা হচ্ছে।   উত্তর প্রদেশ সরকারের প্রত্যাশা, গরু দুধ দেওয়া বন্ধ করার পরও যদি গোমূত্র বিক্রি করে কৃষকরা আয় করতে পারেন, তাহলে ওই গরুগুলো পালন চালিয়ে যাওয়ার জন্য তাদের আর্থিক প্রণোদনা তৈরি হবে। রাজ্যটিতে পরিত্যক্ত ও ভবঘুরে গবাদিপশুর সমস্যা দীর্ঘদিন ধরেই একটি আলোচিত বিষয়।   পরীক্ষামূলক প্রকল্পের ফলাফল ইতিবাচক হলে গোমূত্র সংগ্রহ ও কেনার বিষয়ে আনুষ্ঠানিক নীতিমালা তৈরির পরিকল্পনা রয়েছে। এরপর বুলন্দশহরের বাইরে উত্তর প্রদেশের অন্যান্য এলাকাতেও এই ব্যবস্থা সম্প্রসারণ করা হতে পারে।   তবে প্রকল্পটি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি উদ্যোগটিকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উন্নয়নের নামে রাজনৈতিক উদ্দেশ্যে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতেই এমন প্রকল্প নেওয়া হয়েছে।   সমাজবাদী পার্টির মুখপাত্র মোহাম্মদ আজম খান প্রকল্পটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। রাজ্যের গোশালা এবং সেখানে থাকা গরুগুলোর পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, নতুন এই উদ্যোগ বাস্তবে কোনো উন্নয়ন আনবে না।   বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির মুখপাত্র হিরো বাজপাই বলেছেন, রাজ্য সরকার কোনো উন্নয়নমূলক উদ্যোগ নিলেই সমাজবাদী পার্টি তাতে ত্রুটি খোঁজে। প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী আর্থিকভাবে উপকৃত হতে পারে বলেও দাবি করেছেন তিনি।   তবে প্রকল্পটি নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর এসব বক্তব্য তাদের নিজস্ব দাবি। পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর এর অর্থনৈতিক কার্যকারিতা, কৃষকদের আয় এবং সংগৃহীত গোমূত্রের বাণিজ্যিক ব্যবহার কতটা সফল হয়, তার ওপরই রাজ্যজুড়ে প্রকল্পটি সম্প্রসারণের ভবিষ্যৎ নির্ভর করবে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৭:৫৩
ড্রাইভিং এ ফেল হওয়ার প্রতীকী।ছবি:সংগৃহীত
নিউইয়র্কে ড্রাইভিং টেস্টে ফেল হওয়ার বড় ৩ কারণ, শুরুতেই যা যাচাই করেন ইন্সপেক্টর

নিউইয়র্কে ড্রাইভার লাইসেন্সের রোড টেস্ট দিতে গিয়ে ছোট একটি ভুলও পরীক্ষার্থীর ফলাফলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্টপ সাইনে পুরোপুরি না থামা, ব্লাইন্ড স্পট না দেখা, লেন পরিবর্তনের আগে যথাযথ পর্যবেক্ষণ না করা এবং প্যারালাল পার্কিংয়ে নিয়ন্ত্রণ হারানোর মতো ভুল এড়াতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেয় নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালস বা ডিএমভি।   তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রোড টেস্ট সংক্রান্ত বিভিন্ন তথ্যে অতিরঞ্জিত ও ভুল দাবিও রয়েছে। যেমন, ‘৯০ শতাংশ বাংলাদেশি তিনটি নির্দিষ্ট ভুলে ফেল করেন’ এমন কোনো পরিসংখ্যান নিউইয়র্ক ডিএমভি প্রকাশ করেছে বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। একইভাবে পরীক্ষক গাড়িতে ওঠার ‘প্রথম ১০ সেকেন্ডেই’ নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট কেটে দেন, এমন দাবিরও সরকারি ভিত্তি পাওয়া যায়নি।   রোড টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো চারপাশের ট্রাফিক সম্পর্কে সচেতন থাকা। গাড়ি চালানো শুরু করা, লেন পরিবর্তন, পার্কিং বা অন্য কোনো ম্যানুভারের সময় শুধু মিররের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। প্রয়োজন অনুযায়ী ব্লাইন্ড স্পটও পরীক্ষা করতে হবে। পরীক্ষক দেখতে চান, চালক আশপাশের গাড়ি, পথচারী ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন কি না।   স্টপ সাইনেও নিয়মটি পরিষ্কার। নিউইয়র্ক ডিএমভির ড্রাইভার্স ম্যানুয়াল অনুযায়ী, স্টপ সাইনে গাড়িকে সম্পূর্ণ থামাতে হবে। স্টপ লাইন থাকলে তার আগে থামতে হবে। স্টপ লাইন না থাকলেও ক্রসওয়াক থাকলে সেটিতে প্রবেশের আগে থামতে হবে। কোনোটিই না থাকলে ইন্টারসেকশনে ঢোকার আগে এমন স্থানে থামতে হবে, যেখান থেকে অন্য দিকের ট্রাফিক দেখা যায়।   তবে ‘স্টপ সাইনে বাধ্যতামূলকভাবে তিন সেকেন্ড থামতে হবে’ এমন নির্দিষ্ট সময়সীমা নিউইয়র্ক ডিএমভির নিয়মে নেই। মূল শর্ত হলো গাড়ি সম্পূর্ণ থামানো এবং নিরাপদ হলে তবেই আবার চলা শুরু করা। ফলে পরীক্ষার প্রস্তুতিতে ‘তিন সেকেন্ডের নিয়ম’ মুখস্থ করার চেয়ে গাড়িকে সত্যিকার অর্থে সম্পূর্ণ থামানোর অভ্যাস করাই গুরুত্বপূর্ণ।   প্যারালাল পার্কিংও নিউইয়র্কের রোড টেস্টের অংশ। ডিএমভির নির্দেশনায় বলা হয়েছে, গাড়ি পেছনে নেওয়ার সময় চালককে গাড়ির চারপাশ এবং পেছনের এলাকা পর্যবেক্ষণ করতে হবে। ব্যাকআপ ক্যামেরা বা সেন্সর থাকলেও শুধু সেগুলোর ওপর নির্ভর করা উচিত নয়। গাড়ির নিরাপদ নিয়ন্ত্রণের দায়িত্ব চালকেরই।   লেন পরিবর্তনের ক্ষেত্রেও পর্যবেক্ষণ এবং সঠিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। লেন পরিবর্তনের আগে সিগন্যাল দেওয়া, মিরর দেখা, প্রয়োজন অনুযায়ী ব্লাইন্ড স্পট পরীক্ষা করা এবং নিরাপদ জায়গা নিশ্চিত হওয়ার পর লেন পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা উচিত। শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, দুর্ঘটনার ঝুঁকি কমাতেও এই অভ্যাস জরুরি।   রোড টেস্টের আগে গাড়িটিও পরীক্ষার উপযোগী অবস্থায় থাকতে হবে। ডিএমভি পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং গাড়ির শর্ত আগে থেকেই যাচাই করে নেওয়া ভালো। সিটবেল্ট ব্যবহারসহ মৌলিক নিরাপত্তার নিয়মগুলোও শুরু থেকেই মেনে চলতে হবে।   পরীক্ষার্থীদের আরেকটি সাধারণ ভুল হলো অতিরিক্ত নার্ভাস হয়ে খুব ধীরে বা অনিশ্চিতভাবে গাড়ি চালানো। পরীক্ষক শুধু দ্রুতগতির ভুল দেখেন না, চালক পরিস্থিতি অনুযায়ী নিরাপদ ও স্বাভাবিক গতিতে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ।   রোড টেস্টের ফল এখন নিউইয়র্ক ডিএমভির নির্ধারিত অনলাইন ব্যবস্থার মাধ্যমে পাওয়া যায়। ফলাফল দেখার পর কোন কোন দক্ষতায় ঘাটতি ছিল, সেগুলো চিহ্নিত করে পরবর্তী পরীক্ষার আগে অনুশীলন করা যায়।   সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোড টেস্টের প্রস্তুতির সময় সামাজিক যোগাযোগমাধ্যমের ‘গোপন নিয়ম’ বা ‘নিশ্চিত পাসের কৌশল’কে সরকারি নিয়ম হিসেবে ধরে না নেওয়া। স্টপ সাইনে সম্পূর্ণ থামা, চারপাশ পর্যবেক্ষণ করা, ব্লাইন্ড স্পট দেখা, সঠিকভাবে সিগন্যাল ব্যবহার, নিরাপদ গতিতে গাড়ি চালানো এবং প্যারালাল পার্কিংসহ মৌলিক ড্রাইভিং দক্ষতায় ভালো প্রস্তুতিই নিউইয়র্কের রোড টেস্টে সফল হওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য পথ।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৭:২১
বিবাহ জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার পর, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি ২০২৬ সালের আগস্ট মাসে তাঁর মেয়ে ডঃ প্রজ্ঞা তিওয়ারিকে সঙ্গে নিয়ে স্বামীর পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। ছবি:সংগৃহীত
মেয়ের জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর জানলেন আড়াই বছর পর

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে একের পর এক নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত প্রখর ত্রিবেদী প্রায় ২৫ নারীকে বিয়ে করেছেন বলে অভিযোগ করেছেন রাজ্যটির সেভাতা আসনের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি। তার নিজের মেয়েও প্রখরের সঙ্গে বিয়ের পর প্রতারণার শিকার হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি।   ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সীতাপুরের বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, প্রখর ত্রিবেদী ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এবং বিয়ে করতেন। এভাবে প্রায় ২৫ নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।   জ্ঞান তিওয়ারির অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে প্রখরের সঙ্গে তার মেয়ে প্রজ্ঞা তিওয়ারির বিয়ে হয়। প্রখরের বাবা অনুজ ত্রিবেদী উত্তর প্রদেশের মিসরিখ এলাকার বাসিন্দা। বিয়ের আগে অনুজ নিজেকে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে দাবি বিধায়কের।   বিধায়কের অভিযোগ, বিয়ের সময় প্রখরের অতীত সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছিল। বিয়ের প্রস্তাব আসার পর পরিবারটি স্থানীয়ভাবে খোঁজখবর নেয় এবং বিভিন্ন পরিচিত ব্যক্তির কাছ থেকেও তথ্য সংগ্রহ করে। তখন সন্দেহজনক কিছু জানতে না পারায় বিয়েতে সম্মতি দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।   তবে বিয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। জ্ঞান তিওয়ারির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার পরিবার প্রখরের অতীত সম্পর্কে জানতে শুরু করে। এরপরই তার বিরুদ্ধে ভুয়া পরিচয়ে একাধিক নারীকে বিয়ে এবং আর্থিক প্রতারণার অভিযোগ সামনে আসে।   বিধায়কের অভিযোগ, প্রখর বিভিন্ন জায়গায় ভিন্ন পরিচয় ব্যবহার করে নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। পরে তাদের বিয়ে করে অর্থ হাতিয়ে নিতেন। মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে একই কৌশলে তিনি প্রায় ২৫টি বিয়ে করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এই সংখ্যা এখন পর্যন্ত পুলিশের তদন্তে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।   ঘটনা জানার পর জ্ঞান তিওয়ারি মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিজের কাছে ফিরিয়ে আনেন এবং অভিযুক্ত পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন। তিনি প্রকাশ্যেও বিষয়টি সামনে এনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।   বিধায়কের অভিযোগের পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণাসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রখরের বিরুদ্ধে অতীতে অন্য কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না এবং কথিত ২৫টি বিয়ের দাবির পক্ষে কী ধরনের তথ্যপ্রমাণ পাওয়া যায়, সেগুলোও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।   ঘটনাটি সামনে আসার পর উত্তর প্রদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একজন ক্ষমতাসীন দলের বিধায়কের পরিবারই এমন অভিযোগের শিকার হওয়ায় বিয়ের আগে পরিচয় ও অতীত যাচাইয়ের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। তবে প্রখর ত্রিবেদী ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগগুলোকে পুলিশের কাছে করা দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৭:১০
সেন্ট অ্যান্ডরুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি:সংগৃহীত
সম্পূর্ণ রিসার্চ নিজে লিখেও, নিখুঁত হওয়ায় এআই ব্যবহারের অভিযোগ শিক্ষার্থীর বিরুদ্ধে

নিজের হাতে পুরো ডিসার্টেশন লেখার পরও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অভিযোগ উঠেছিল যুক্তরাজ্যের এক মেডিকেল শিক্ষার্থীর বিরুদ্ধে। নিখুঁত ব্যাকরণ, লেখার একই ধরনের ছন্দ এবং কিছু বিরামচিহ্নের ব্যবহার দেখে তার কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন একজন পরীক্ষক।   অভিযোগ প্রমাণিত ধরে প্রথমে তার নম্বর সীমিত করে দেওয়া হয় এবং বিষয়টি ভবিষ্যৎ চিকিৎসক হিসেবে তার পেশাগত রেকর্ডেও প্রভাব ফেলতে পারত। তবে দীর্ঘ আপিল প্রক্রিয়ার পর অভিযোগ থেকে মুক্তি পান তিনি এবং শেষ পর্যন্ত ডিসার্টেশনে পূর্ণ নম্বর পান।   বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের মেডিকেল শিক্ষার্থী হ্যারিসন শার্পলসের সঙ্গে ঘটনাটি ঘটে। গত বছরের আগস্টে ২০ বছর বয়সী এই শিক্ষার্থী জানতে পারেন, তার ডিসার্টেশনে এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে একাডেমিক অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে।   শার্পলসের ডিসার্টেশনের বিষয় ছিল হাসপাতালে ভর্তি শিশুদের উদ্বেগ কমাতে প্লে থেরাপির প্রভাব। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তার কাজ দুজন মানব পরীক্ষক মূল্যায়ন করেন। তাদের একজন লেখাটিতে সম্ভাব্য এআই ব্যবহারের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।   বিবিসির দেখা পরীক্ষকের নোটে শার্পলসের লেখার অত্যন্ত পরিশীলিত ও একই ধরনের ভাষাশৈলী নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় ধারাবাহিকভাবে প্রায় নিখুঁত ব্যাকরণ, বাক্য ও অনুচ্ছেদের গঠনে মিল এবং লেখার কিছু বৈশিষ্ট্যের কথা। একই সঙ্গে তার লেখায় এম ড্যাশের ব্যবহারও সন্দেহের কারণগুলোর একটি হিসেবে উঠে আসে।   শার্পলস অবশ্য শুরু থেকেই দাবি করেন, পুরো ডিসার্টেশন তিনি নিজেই লিখেছেন। তার ভাষ্য অনুযায়ী, কাজটি শেষ করার জন্য তার হাতে পর্যাপ্ত সময় ছিল এবং বিষয়টি নিয়ে লিখতেও তিনি আগ্রহী ছিলেন। ফলে এআই ব্যবহার করার প্রয়োজনই তিনি অনুভব করেননি।   অভিযোগ ওঠার পর তাকে ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের একটি প্যানেলের সামনে অনলাইন শুনানিতে অংশ নিতে হয়। সেখানে ডিসার্টেশনে ব্যবহৃত বিভিন্ন শব্দ ও মেডিকেল টার্মের অর্থ জানতে চাওয়া হয়। শার্পলস পরে জানান, এমন ধরনের প্রশ্নের জন্য তিনি প্রস্তুত ছিলেন না এবং শুনানিতে নিজের অবস্থান প্রত্যাশামতো তুলে ধরতে পারেননি।   প্রথম শুনানির এক সপ্তাহ পর তাকে জানানো হয়, এআই ব্যবহারের অভিযোগ বহাল রাখা হয়েছে। এর ফলে তার ডিসার্টেশনের গ্রেড সীমিত করে দেওয়া হয়। বিষয়টি তার ভবিষ্যৎ চিকিৎসা পেশার রেকর্ডেও প্রভাব ফেলতে পারে বলে জানতে পেরে তিনি সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেন।   শার্পলসের আপিলের অন্যতম ভিত্তি ছিল প্রথম শুনানির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আপিল গৃহীত হওয়ার পর দ্বিতীয়বার তার বিষয়টি পর্যালোচনা করা হয়। নতুন শুনানিতে তার লেখার প্রক্রিয়া ও কীভাবে তিনি ডিসার্টেশন তৈরি করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়।   দ্বিতীয় শুনানিতে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে এআই ব্যবহারের অভিযোগ বহাল থাকেনি। পরে ডিসার্টেশনের জন্য তাকে পূর্ণ নম্বর দেওয়া হয়। তবে পুরো প্রক্রিয়ার কারণে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং গ্র্যাজুয়েশনও পিছিয়ে যায়।   ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ বিবিসিকে জানিয়েছে, তারা কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত মামলার বিস্তারিত নিয়ে মন্তব্য করে না। তবে বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে, ওই শিক্ষার্থীর আপিল গ্রহণের সিদ্ধান্তটি প্রথম শুনানির আয়োজনসংক্রান্ত একটি প্রক্রিয়াগত সমস্যার ভিত্তিতে নেওয়া হয়েছিল।   বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, উচ্চশিক্ষায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে তারা নিজেদের প্রতিষ্ঠানের ভেতরে এবং বৃহত্তর শিক্ষা খাতের সঙ্গে কাজ করছে।   ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখায় এআই ব্যবহার শনাক্ত করা নিয়ে বিশ্বজুড়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। শার্পলসের ঘটনা দেখিয়েছে, শুধু লেখার ধরন, নিখুঁত ব্যাকরণ বা নির্দিষ্ট বিরামচিহ্নের মতো বৈশিষ্ট্যকে সন্দেহের ভিত্তি হিসেবে ব্যবহার করলে মানুষের নিজের লেখা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৬:৫৯
যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে জুলাইয়ে কর্মসংস্থান কমেছে ২৩ হাজার, বেকারত্বের হার নেমেছে ৪.১ শতাংশে। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে দুর্বলতার ইঙ্গিত, জুলাইয়ে কর্মসংস্থান কমেছে।

চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগদাতা ও কর্মসংস্থান সহায়তা সংস্থার সঙ্গে যুক্ত করতে কুইন্সে চাকরি নিয়োগ মেলা আয়োজন করতে যাচ্ছে নিউইয়র্ক সিটি। অনুষ্ঠানটি ২৫ আগস্ট ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।   অনুষ্ঠানের স্থান দ্য গ্রেটার অ্যালেন এএমই ক্যাথেড্রাল অব নিউইয়র্ক, ১১০-৩১ মেরিক বুলেভার্ড, কুইন্স। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পেশাগত সহায়তা পাওয়া যাবে।   চাকরিপ্রার্থীদের আগেভাগে নিবন্ধন করার জন্য উৎসাহিত করা হয়েছে। অনুষ্ঠানে পরিপাটি পেশাগত পোশাক, ছবিযুক্ত পরিচয়পত্র এবং কয়েক কপি জীবনবৃত্তান্ত সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। কিছু নিয়োগদাতা ঘটনাস্থলেই সাক্ষাৎকার নিতে পারেন।   আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে বিভিন্ন ধরনের চাকরির সুযোগের পাশাপাশি জীবনবৃত্তান্ত তৈরি, চাকরির আবেদন এবং কর্মজীবন উন্নয়ন সম্পর্কিত সহায়তাও পাওয়া যাবে।   নিউইয়র্ক সিটি বিভিন্ন এলাকায় এ ধরনের চাকরির মেলার মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে নতুন চাকরি খুঁজছেন এমন ব্যক্তি ও কর্মজীবন পরিবর্তনে আগ্রহীদের জন্য এসব আয়োজন গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।  

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৬:৩২
আফগানিস্তানে তালেবান শাসন এবং সেখানে নারী শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংকটের চিত্র। ছবি:সংগৃহীত
তালেবান শাসনে স্কুলে ফিরতে পারছে না ২৪ লাখ আফগান মেয়ে, মুছে যাচ্ছে দুই দশকের অগ্রগতি

কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছর পরও মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত লাখো কিশোরী; নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইউনেস্কোর।   তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছর পর আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে প্রায় ২৪ লাখ মেয়ে। এতে দেশটির মেয়েদের শিক্ষায় গত দুই দশকে অর্জিত অগ্রগতির বড় অংশই কার্যত পিছিয়ে গেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।   মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনেস্কো আফগান মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ফেরার অধিকার ‘অবিলম্বে ও নিঃশর্তভাবে’ পুনর্বহালের আহ্বান জানিয়েছে।   ইউনেস্কোর তথ্য অনুযায়ী, আফগানিস্তান বর্তমানে বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের প্রাথমিক স্তরের পর শিক্ষা গ্রহণ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ।   ২০২১ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার শুরু করার সময় তালেবান আবার ক্ষমতা দখল করে। এরপর ধাপে ধাপে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।   এর ফলে আগের দুই দশকে মেয়েদের শিক্ষায় যে অগ্রগতি হয়েছিল, তা বড় ধরনের ধাক্কার মুখে পড়ে।   ইউনেস্কো বলছে, ২০০১ সালে আফগান মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। কিন্তু ২০২১ সালের মধ্যে প্রায় ১০ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষায় ভর্তি হয়েছিল। পাঁচ বছর পর সেই শিক্ষাব্যবস্থা থেকে প্রায় ২৪ লাখ মেয়ে বাইরে রয়েছে।   ইউনেস্কোর জরুরি পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমের সমন্বয়ক হোদা জাবেরিয়ান বলেন, পাঁচ বছর কোনো শিশুর শিক্ষাজীবনে সাময়িক বিরতি নয়। এটি প্রায় পুরো একটি মাধ্যমিক শিক্ষাচক্রের সমান সময়।   শুধু শিক্ষাই নয়, তালেবানের বিভিন্ন নীতির প্রভাব নারীদের কর্মজীবন ও সামাজিক জীবনেও পড়েছে। অধিকাংশ বেতনভুক্ত চাকরি ও জনসম্মুখের পেশায় নারীদের প্রবেশ সীমিত করা হয়েছে। অনেক ক্ষেত্রে পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণের ওপরও বিধিনিষেধ রয়েছে।   ইউনেস্কোর ভাষায়, নারীদের জনজীবন থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি নতুন প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হয়ে বেড়ে উঠছে, যা তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।   শিক্ষাবঞ্চনার অর্থনৈতিক প্রভাব নিয়েও সতর্ক করেছে সংস্থাটি। আফগানিস্তানের প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকায় পরিবারে তাদের আর্থিক অবদান এবং দেশের অর্থনীতিতে অংশগ্রহণ—দুই ক্ষেত্রেই ক্ষতি হচ্ছে।   মেয়েদের দীর্ঘদিন স্কুলের বাইরে রাখার ফলে বাল্যবিবাহের ঝুঁকি, মানসিক ও শারীরিক স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করেছে ইউনেস্কো।   এর প্রভাব পড়ছে ছেলেদের শিক্ষার ওপরও। ইউনেস্কোর মতে, নারী শিক্ষকদের ছেলেদের পড়ানোর ওপর নিষেধাজ্ঞা শিক্ষক সংকট আরও বাড়িয়ে দিচ্ছে এবং সামগ্রিকভাবে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।   তবে আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ বন্ধ থাকলেও মেয়েদের শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে বিকল্প কর্মসূচি চালাচ্ছে ইউনেস্কো। কমিউনিটিভিত্তিক শিক্ষা, সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন ও মানসিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় ৭০ হাজার মানুষ এসব উদ্যোগে অংশ নিয়েছে। অংশগ্রহণকারীদের প্রায় ৭৩ শতাংশ নারী।   স্থানীয় কমিউনিটি স্পেস ও প্রশিক্ষকদের বাড়িতেও কিছু শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচিতে এক হাজারের বেশি সাক্ষরতা প্রশিক্ষক যুক্ত রয়েছেন।   ইউনেস্কো বলছে, এসব বিকল্প কর্মসূচি কিছু ক্ষেত্রে পরিবারের আয় ও জীবিকার উন্নতিতে সহায়তা করেছে। তবে এগুলো কোনোভাবেই আনুষ্ঠানিক মাধ্যমিক ও উচ্চশিক্ষার বিকল্প হতে পারে না।   ইউনেস্কোর কর্মকর্তারা বলছেন, আফগান মেয়েদের শিক্ষা কোনো রাজনৈতিক বিষয় নয়; এটি তাদের মৌলিক মানবাধিকার। তাই মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মেয়েদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবি থেকে সরে আসবে না সংস্থাটি।   তালেবান সরকারের ওপর জাতিসংঘ, মানবাধিকার সংগঠন, বিভিন্ন দেশ ও ইসলামি বিশ্বের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত মেয়েদের শিক্ষার ওপর আরোপিত বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হয়নি।   ফলে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছর পর আফগানিস্তানে একটি পুরো প্রজন্মের মেয়ের শিক্ষা থমকে আছে—যে অগ্রগতি দুই দশকে তৈরি হয়েছিল, তা এখন দীর্ঘমেয়াদি সংকটে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৬:২৬
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ৬ বছর বয়সী একটি অটিস্টিক শিশু জন মেদিনা এবং তার পরিবার। ছবি:সংগৃহীত
স্যান্ডউইচে বন্দুকের আকৃতি বানিয়ে সহপাঠীকে তাক করায় ৬ বছরের অটিজম শিশু বরখাস্ত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে স্যান্ডউইচ কামড়ে বন্দুকের আকৃতি তৈরি করে সহপাঠীর দিকে সেটি তাক করার অভিযোগে ৬ বছরের এক অটিজম আক্রান্ত শিশুকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে শিশুটির বাবা-মা এখন স্কুলের শাস্তিমূলক নীতি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি এর প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।   শিশুটির নাম জন মেদিনা। গত মার্চে ফায়েট কাউন্টির সারাহ হার্প এলিমেন্টারি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ার সময় তাকে সাময়িকভাবে স্কুল থেকে বরখাস্ত করা হয়।   জনের বাবা-মা ক্রিস্টিন ও হুয়ান ‘রিকি’ মেদিনা জানিয়েছেন, তাদের ছেলে চার বছর বয়সে অটিজমে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। পরে তার এডিএইচডিও শনাক্ত করা হয়। এসব বিকাশগত অবস্থার কারণে সামাজিক আচরণ ও নির্দিষ্ট পরিস্থিতিতে উপযুক্ত প্রতিক্রিয়া বোঝা তার জন্য কখনো কখনো কঠিন হয়ে পড়ে বলে জানান তারা।   তাদের দাবি, জন পড়াশোনায় অত্যন্ত মেধাবী হলেও স্কুলে তার আচরণকে ঘিরে ২০২৩ সাল থেকে প্রায় ১৫ বার সাময়িক বরখাস্ত এবং দুই ডজনের বেশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।   বাবা-মায়ের ভাষ্য, এর মধ্যে কিছু ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কারণ থাকলেও বেশ কয়েকটি ঘটনা ছিল তুলনামূলকভাবে নিরীহ। যেমন হাত দিয়ে বন্দুকের ভঙ্গি করা, ‘বন্দুক’ শব্দটি বলা কিংবা খেলাচ্ছলে অস্ত্রের ছবি আঁকার মতো আচরণও স্কুলের নজরে এসেছে।   স্যান্ডউইচের ঘটনাটি তাদের কাছে বিশেষভাবে হতাশাজনক হয়ে ওঠে। দুপুরের খাবারের সময় জন স্যান্ডউইচ কামড়ে বন্দুকের মতো আকৃতি তৈরি করে এবং সেটি সহপাঠীর দিকে তাক করে। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এর পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।   জনের মা ক্রিস্টিন বলেন, সন্তানকে শাস্তি দেওয়ার বদলে ঘটনাটিকে শেখানোর সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত ছিল। তার মতে, শিশুটিকে বোঝানো দরকার ছিল স্কুলে এ ধরনের আচরণ কেন উপযুক্ত নয় এবং কীভাবে সে পরিস্থিতিতে অন্যভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।   পরিবারের অভিযোগ, স্কুলে ছোটখাটো আচরণও কখনো কখনো শাস্তির পর্যায়ে চলে যায়। তাদের দাবি, হাত দিয়ে বন্দুকের ইঙ্গিত করা বা ‘বন্দুক’ শব্দটি বলার মতো ঘটনাও স্কুলের শাস্তিমূলক ব্যবস্থায় জমা হতে থাকে এবং পরবর্তী সময়ে তা সাময়িক বরখাস্তের কারণ হয়ে ওঠে।   তবে জনের বাবা-মা স্বীকার করেছেন, তাদের ছেলে কয়েকটি গুরুতর আচরণেও জড়িয়েছে। এর মধ্যে শরীরচর্চার ক্লাসে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া এবং একটি ডাল দিয়ে সহপাঠীকে আঘাত করার ঘটনাও রয়েছে।   তবে তাদের মতে, এসব ঘটনার পাশাপাশি যেসব আচরণ তুলনামূলকভাবে নিরীহ, সেগুলোকেও একই ধরনের শাস্তির আওতায় আনা জনের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলেছে।   বাবা-মায়ের দাবি, জন এখন নিজেকে কখনো কখনো ‘খারাপ ছেলে’ হিসেবে ভাবতে শুরু করেছে। স্কুলে বন্ধু তৈরি করতে তার সমস্যা হয় এবং বারবার শাস্তির কারণে সে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করছে।   পরিবারটির আরও অভিযোগ, জনের বিকাশগত সমস্যার জন্য প্রয়োজনীয় বিশেষ সহায়তা পেতেও শুরুতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ক্রিস্টিনের দাবি, প্রথম দিকে স্কুল কর্তৃপক্ষ তাকে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা বা আইইপি দিতে রাজি হয়নি। কারণ হিসেবে তার একাডেমিক দক্ষতা এবং স্কুলে অটিজমের প্রভাব স্পষ্টভাবে না দেখার বিষয়টি সামনে আনা হয়েছিল বলে জানান তিনি।   পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় দেড় বছর, ১০ থেকে ১২টি সাময়িক বরখাস্ত এবং দ্বিতীয়বার মূল্যায়নের পর যেখানে এডিএইচডি শনাক্ত হয় জনের জন্য আইইপি অনুমোদন করা হয়।   বর্তমানে জনের জন্য একটি আচরণগত পরিকল্পনা রয়েছে। স্কুলের তুলনামূলক অনিয়ন্ত্রিত সময় যেমন দুপুরের খাবার, বিরতি ও শরীরচর্চার সময় তার সঙ্গে একজন সহকারী থাকেন। পাশাপাশি শান্ত পরিবেশের ছোট একটি শ্রেণিকক্ষেও সে সময় কাটায়। সেখানে তার পারফরম্যান্স ভালো বলে জানিয়েছেন তার বাবা-মা।   বিশেষ শিক্ষা বিষয়ে একজন পরামর্শককে পরিবারের পক্ষ থেকে নিয়োগ দেওয়ার পর স্কুলে সাময়িক বরখাস্তের ঘটনাও কমেছে বলে দাবি করেছেন তারা।   অন্যদিকে, জনের বাবা-মা জানিয়েছেন, কঠোর শাস্তির বদলে আচরণগত সমস্যাগুলো নিয়ে তার সঙ্গে কথা বলা এবং পরিস্থিতি থেকে শেখার সুযোগ তৈরি করাই বেশি কার্যকর হতে পারে।   তাদের মতে, জনের একাডেমিক সক্ষমতাও তার সম্ভাবনার দিকটি স্পষ্ট করে। আগের শিক্ষাবর্ষের শেষে সে তৃতীয় শ্রেণির সমপর্যায়ের পড়ার দক্ষতা অর্জন করেছিল এবং মেধাবৃত্তিক বা প্রতিভাবান শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় পরীক্ষার ফল থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে ছিল।   ফায়েট কাউন্টি পাবলিক স্কুলস জনের নির্দিষ্ট ঘটনা নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি। তবে স্কুল জেলা জানিয়েছে, একটি বিচ্ছিন্ন ঘটনার ওপর গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীর সম্পূর্ণ শাস্তিমূলক ইতিহাস এবং ঘটনার সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা উচিত।   ঘটনাটি যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আচরণগত সমস্যা মোকাবিলায় শাস্তি বনাম সহায়ক শিক্ষা পদ্ধতি নিয়ে চলমান বিতর্ককেও সামনে এনেছে। জনের পরিবারের মূল দাবি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখেও তার অটিজম ও বিকাশগত প্রয়োজনকে বিবেচনায় নিয়ে শাস্তির বদলে শেখানো ও সহায়তার সুযোগ বাড়ানো।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৬:১২
লুইজিয়ানা হাইওয়েতে ১৮ চাকার ট্রেইলর ট্রাক থেকে লিভিংস্টন প্যারিশ শেরিফ অফিসের ডেপুটিদের প্রায় ৮০০ পাউন্ড মেথামফেটামিন জব্দ করার ঘটনা। ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ১৮-চাকার ট্রাক থেকে ৪০ লাখ ডলারের ৭৯০ পাউন্ড মেথামফেটামিন জব্দ করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি ১৮-চাকার ট্রাক থেকে প্রায় ৭৯০ পাউন্ড মেথামফেটামিন জব্দ করেছে পুলিশ। ঘটনাটিকে অঙ্গরাজ্যের ইতিহাসে মেথামফেটামিন জব্দের অন্যতম বড় ঘটনা বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।   লিভিংস্টন প্যারিশ শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ডেনহাম স্প্রিংস এলাকায় আই-১২ মহাসড়কে নিয়মিত ট্রাফিক স্টপের সময় ট্রাকটি থামানো হয়। এলাকাটি ব্যাটন রুজ শহর থেকে প্রায় ২০ মাইল দূরে।   ট্রাকটির চালক হিসেবে অ্যান্টন ভিতালিয়েভিচ রাকভ নামে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধ অনুমতি না থাকা এবং বহিষ্কারযোগ্য বিদেশি হিসেবে বর্ণনা করেছে।   শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাকভকে আটকের পর ট্রাকটির ট্রেইলারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রায় ৩৫৮ দশমিক ১৪ কেজি বা ৭৮৯ দশমিক ৫৬ পাউন্ড মেথামফেটামিন উদ্ধার করা হয়।   জব্দ করা মাদকগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো বড় বড় প্যাকেটে রাখা ছিল। প্রকাশিত ছবিতে বিপুল পরিমাণ মাদক কয়েকটি বড় কনটেইনারে এবং টেবিলের ওপর সাজানো অবস্থায় দেখা যায়। একটি ছবিতে তদন্তকারীকে ট্রাকের ওপরের অংশ পরীক্ষা করতেও দেখা গেছে।   লিভিংস্টন প্যারিশের শেরিফ জেসন আরড ঘটনাটিকে অঙ্গরাজ্যের অন্যতম বড় মেথামফেটামিন জব্দের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।   তবে ট্রাকটি ঠিক কী কারণে প্রথমে থামানো হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।   গ্রেপ্তারের পর রাকভকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কাছে হস্তান্তর করা হয়েছে এবং তিনি হেফাজতে রয়েছেন।   এই জব্দের মাত্রা সাম্প্রতিক কয়েকটি বড় মাদক উদ্ধারের ঘটনাকেও ছাড়িয়ে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই লিভিংস্টন প্যারিশে একটি ট্রাফিক স্টপের সময় প্রায় ৩৬১ পাউন্ড মেথামফেটামিন উদ্ধার করা হয়েছিল। ওই মাদকের আনুমানিক মূল্য ছিল প্রায় ৪০ লাখ ডলার বলে মার্কিন বিচার বিভাগের তথ্য জানিয়েছিল।   এর আগে মার্চে ডিইএ, এফবিআই ও লুইজিয়ানা স্টেট পুলিশের সমন্বিত একটি মাদকবিরোধী টাস্কফোর্স ১৮-চাকার একটি ট্রাক থেকে প্রায় ৩২৫ পাউন্ড মাদক উদ্ধার করে। মাদকগুলো আইসক্রিম ফ্রিজারের ভেতরে লুকানো বিশেষ ধাতব বাক্সে রাখা হয়েছিল।   নতুন এই ঘটনায় বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি ট্রাকের চালকের অভিবাসন অবস্থাও সামনে এসেছে। তবে মাদকগুলো কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল এবং এই চালানের সঙ্গে আর কারা জড়িত—এসব বিষয়ে তদন্তকারীরা এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৫:৪৪
ভ্রমণরত বড় জাহাজ। ছবি:সংগৃহীত
মেক্সিকো ভ্রমণে বাড়ছে খরচ, ক্রুজযাত্রীদের প্রবেশ ফি দ্বিগুণ

মেক্সিকো ভ্রমণে বিদেশি ক্রুজযাত্রীদের খরচ আরও বাড়ছে। দেশটির জনপ্রিয় কয়েকটি ক্রুজ পর্যটনকেন্দ্রে নামা বিদেশি যাত্রীদের প্রবেশ ফি ৫ ডলার থেকে দ্বিগুণ করে ১০ ডলার করা হয়েছে।   নতুন ফি গত ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। মেক্সিকোর ধাপে ধাপে কর ও ফি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় রয়েছে জনপ্রিয় ক্রুজ গন্তব্য কাবো সান লুকাস, পুয়ের্তো ভালার্তা, কোজুমেল ও কোস্টা মায়া।   ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘দ্য পয়েন্টস গাই’-এর ব্যবস্থাপনা সম্পাদক ক্লিন্ট হেন্ডারসন বলেন, ভ্রমণের সঙ্গে যুক্ত বিভিন্ন কর ও ফি ক্রমেই বাড়ছে। ফলে মেক্সিকো ভ্রমণের মোট খরচও ধীরে ধীরে বাড়তে পারে।   তবে ১০ ডলারের এই ফি-ই শেষ নয়। মেক্সিকোর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে ফি বেড়ে ১৫ ডলার হবে। এরপর ২০২৮ সালের ১ আগস্ট থেকে তা ২১ ডলারে উন্নীত হওয়ার কথা রয়েছে।   অর্থাৎ, আগামী দুই বছরে জনপ্রিয় এসব পর্যটনকেন্দ্রে ক্রুজযাত্রীদের প্রবেশ ফি বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে।   মেক্সিকো অবশ্য এর আগে আরও বেশি ফি আরোপের পরিকল্পনা করেছিল। ২০২৪ সালের ডিসেম্বরে বিদেশি ক্রুজযাত্রীদের জন্য ৪২ ডলারের একটি ফি পুনর্বহাল করা হয়েছিল। তবে ক্রুজ শিল্পের ব্যাপক আপত্তির পর তা কমিয়ে ৫ ডলার করা হয়, যা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছিল।   এবার নতুন করে ফি বাড়ানোর সিদ্ধান্তে ভ্রমণ খাতে খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পরিবার নিয়ে ক্রুজ ভ্রমণে গেলে যাত্রীসংখ্যা বেশি হওয়ায় অতিরিক্ত ফি মোট খরচে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।   শুধু মেক্সিকো নয়, সামগ্রিকভাবেই ক্রুজ ভ্রমণের খরচ বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। জ্বালানি, খাবার, কর্মী ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বিভিন্ন ক্রুজ কোম্পানিও অতিরিক্ত চার্জ আরোপ করছে।   এরই মধ্যে মালয়েশিয়াভিত্তিক স্টারড্রিম ক্রুজেস এশিয়াগামী কিছু ভ্রমণে দৈনিক জ্বালানি সারচার্জ চালু করেছে। যাত্রাপথ অনুযায়ী এই অতিরিক্ত ফি প্রতিদিন সর্বোচ্চ ২৬ ডলার পর্যন্ত হতে পারে।   এ ছাড়া সেলিব্রিটি ক্রুজেস প্রতিদিনের গ্র্যাচুইটি বা সেবা ফিও যাত্রীপ্রতি ১ দশমিক ৫০ ডলার বাড়িয়েছে। এ সিদ্ধান্ত নিয়েও যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।   ফলে মেক্সিকোর নতুন প্রবেশ ফি কেবল একটি অতিরিক্ত খরচ নয়; বরং কর, জ্বালানি ও সেবা ফি সব মিলিয়ে ক্রুজ ভ্রমণের সামগ্রিক ব্যয় বাড়ার একটি বৃহত্তর প্রবণতার অংশ হয়ে উঠছে।

প্রকাশ : আগস্ট ১২, ২০২৬ ৫:৩৪