- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করা নিউজিল্যান্ডের ২০ বছর বয়সী এক তরুণকে জোরপূর্বক নির্বাসন নথিতে সই করানোর অভিযোগ উঠেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের বিরুদ্ধে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা জজ নোয়েল ওয়াইজ আইসিই-এর এই বেআইনি পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন এবং ওই তরুণকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন। আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের কঠোর নির্বাসন ব্যবস্থার ওপর একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের দ্বারা মৌলিক আইনি সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে। আদালতের তিন পৃষ্ঠার আদেশে বলা হয়েছে, কর্নেলিয়াস কাইহাউ হোলানি নামের ওই তরুণ টোঙ্গান বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক। তার বিরুদ্ধে অতীতে কোনো অপরাধ বা অভিবাসন আইন লঙ্ঘনের রেকর্ড নেই। ২০২৩ সালের জুলাই মাসে বাইডেন প্রশাসনের ভিসা ওয়েভার প্রোগ্রামের অধীনে ১৭ বছর বয়সে তিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। হোলানি সিয়াটলে বসবাস করেন, তার বয়স্ক দাদির যত্ন নেন এবং স্থানীয় চার্চে ঐতিহ্যবাহী টোঙ্গান নাচ শেখান। তা সত্ত্বেও গত ৩১ জুলাই ওকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় চারজন সাদা পোশাকের আইসিই এজেন্ট তাকে হাতকড়া পরিয়ে আটক করে এবং সান ফ্রান্সিসকোর একটি অফিসে নিয়ে যায়। আদালতের নথি থেকে জানা যায়, সান ফ্রান্সিসকোর অফিসে নিয়ে যাওয়ার পর হোলানিকে একটি নথিতে সই করতে বাধ্য করা হয়। তিনি এটি নির্বাসন সংক্রান্ত কোনো কাগজ কি না তা জানতে চাইলে একজন কর্মকর্তা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলেন যে এটি তেমন কিছু নয়। না জেনেই হোলানি নথিতে সই করেন এবং পরবর্তীতে এই সই করা নথিটিকেই সরকার তার নির্বাসন বা স্ট্যাটাস পরিবর্তনের অধিকার বাতিলের প্রমাণ হিসেবে উপস্থাপন করে। বিচারক ওয়াইজ তার রায়ে জানান, হোলানিকে কোনো আইনি শুনানি ছাড়াই আটক করা হয়েছিল এবং তাকে আটকে রাখা হলে তা 'অপূরণীয় ক্ষতি'র কারণ হতে পারে। আদালত সরকারকে ৪ আগস্ট রাত ১১টার মধ্যে হোলানিকে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টে ফিরিয়ে এনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, আদালতের পরবর্তী শুনানি ছাড়া তাকে পুনরায় আটক বা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনাটি ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ এবং মার্কিন ফেডারেল আদালতের মধ্যে চলমান আইনি লড়াইয়ের আরেকটি প্রতিচ্ছবি, যেখানে প্রশাসন প্রায়শই অভিবাসন নীতিতে বাধা দেওয়া বিচারকদের 'অ্যাক্টিভিস্ট বিচারক' হিসেবে আখ্যায়িত করে আসছে। আগামী ১৩ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ডোমিনিকান রিপাবলিকে ব্রেস্ট ইমপ্ল্যান্ট অপসারণের সার্জারির পর জটিলতায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক অফিসারের মৃত্যু হয়েছে। ৩১ বছর বয়সী রেবেকা ডি পাউলা তিন সন্তানের মা ছিলেন এবং ব্রঙ্কসের ৪৬তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এনওয়াইপিডি ও সহকর্মীদের মধ্যে শোক নেমে এসেছে। ডোমিনিকান রিপাবলিকের একটি সংবাদমাধ্যমের বরাতে এবিসি সেভেন নিউইয়র্ক জানিয়েছে, ব্রেস্ট ইমপ্ল্যান্ট অপসারণের সার্জির পর তৈরি হওয়া জটিলতায় ডি পাউলার মৃত্যু হয়। পরিবারের দাবি, অপারেশনের পর তিনি গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হয়েছিলেন। তবে তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনো তদন্তাধীন। ডি পাউলা ২০২৫ সালের জানুয়ারিতে এনওয়াইপিডিতে যোগ দেন। মাত্র ১৮ মাসের চাকরিজীবনে তিনি সহকর্মী ও কমিউনিটির কাছে নিবেদিতপ্রাণ পুলিশ অফিসার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। চলতি বছরের মার্চে ব্রঙ্কসের ৪৬তম প্রিসিঙ্কটের ‘অফিসার অব দ্য মান্থ’ নির্বাচিত হন তিনি। পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রি এক বিবৃতিতে ডি পাউলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিউইয়র্কবাসীকে তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডি পাউলা স্ত্রী ও মা হওয়ার পাশাপাশি স্বামীর সঙ্গে ধর্মীয় কাজেও যুক্ত ছিলেন। তার তিন সন্তান রয়েছে। সাবেক প্রশিক্ষক ও সহকর্মীরা তাকে সহানুভূতিশীল, প্রাণবন্ত এবং উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী একজন মানুষ হিসেবে স্মরণ করেছেন। পরিবার এখন সার্জারি ও পরবর্তী চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। ডোমিনিকান কর্তৃপক্ষের ফরেনসিক প্রক্রিয়া শেষে তার মরদেহ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনাটি বিদেশে কসমেটিক সার্জারি করাতে যাওয়া রোগীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এ ধরনের সার্জারিতে ইনফেকশন, রক্ত জমাট বাঁধা এবং হৃদ্যন্ত্র বা ফুসফুসের জটিলতাসহ গুরুতর ঝুঁকি থাকতে পারে। তাই বিদেশে চিকিৎসা নেওয়ার আগে ক্লিনিক, সার্জন, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং পরবর্তী ফলোআপ সম্পর্কে ভালোভাবে যাচাই করা জরুরি।
যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করা এক অভিবাসীকে জোরপূর্বক ডিপোর্টেশনের কাগজে সই করানো হয়েছিল বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক। একই সঙ্গে ওই তরুণকে মুক্তির নির্দেশ দিয়ে আদালত বলেছেন, আইসিই কর্মকর্তাদের আচরণে তার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আদালতের নথি অনুযায়ী, নিউজিল্যান্ডের নাগরিক এবং টোঙ্গান বংশোদ্ভূত ২০ বছর বয়সী কর্নেলিয়াস কাইহাউ হোলানি বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। গত মাসে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আইসিই কর্মকর্তারা তাকে আটক করে সান ফ্রান্সিসকোর একটি অফিসে নিয়ে যান। সেখানে তাকে এমন একটি নথিতে স্বাক্ষর করানো হয়, যা পরে সরকার তার ডিপোর্টেশনের অধিকার চ্যালেঞ্জ করার সুযোগ ত্যাগ হিসেবে উপস্থাপন করে। নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার যুক্তরাষ্ট্র জেলা আদালতের বিচারক নোয়েল ওয়াইজ তার তিন পৃষ্ঠার আদেশে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে মনে হচ্ছে আইসিই কর্মকর্তারা জোরপূর্বক ওই স্বাক্ষর নিয়েছেন। ফলে হোলানির যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণ। বিচারক আরও নির্দেশ দেন, মামলার পরবর্তী কার্যক্রম চলাকালে হোলানিকে মুক্তি দিতে হবে। আদালত উল্লেখ করেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড বা পূর্বে অভিবাসন আইন ভঙ্গের ইতিহাস পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে সাম্প্রতিক মাসগুলোতে একাধিক আইনি চ্যালেঞ্জের মধ্যে এটি নতুন একটি গুরুত্বপূর্ণ রায় হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কিছু ক্ষেত্রে অভিবাসীদের পর্যাপ্ত আইনি পরামর্শ ছাড়াই বিভিন্ন নথিতে স্বাক্ষর করতে চাপ দেওয়া হয়। তবে এই মামলায় সরকারের পক্ষ থেকে আদালতে কী যুক্তি উপস্থাপন করা হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি এখনো শেষ হয়নি। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া চলবে।
নিজস্ব প্রতিবেদক, পাবনা জুলাই গণঅভ্যুত্থ্যান দিবস অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে ছাত্রদল নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্য, কোষাধ্যক্ষের বক্তব্য ছাড়াই দোয়ার মাধ্যমে দ্রুত প্রোগ্রাম শেষ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। জানা গেছে, পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থ্যান দিবস উপলক্ষ্যে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ শুরু হয়। এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৪ আগস্ট পাবনায় যুবলীগ-আওয়ামীলীগের গুলিতে শহীদ হওয়া শহীদ মাহবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম আজাদ। এরপর ৪ আগস্টে আরেক শহীদ জাহিদুল ইসলামের পিতাকে বক্তব্য রাখার জন্য মঞ্চে ডাকলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে বাইরে থেকে মিছিল নিয়ে কনভেনশন সেন্টারে প্রবেশ করেন। এরপর অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘পাবিপ্রবি ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘জুলাইয়ের দালালেরা হুশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না পিঠের চামড়া থাকবেনা’, ‘আবু সাইদের দালালেরা হুশিয়ার সাবধান’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান’ এবং ‘আহ্বায়ক ভুয়া, ভুয়া’ প্রভৃতি স্লোগান দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশিদুল হক এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামরুজ্জামানের ছাত্রদলের নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করলে তারা শিক্ষকদের সাথে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। ঘটনার এক পর্যায়ে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন তাদেরকে থামার জন্য বললে ছাত্রদল কর্মী নিশানকে ঐ শিক্ষকের দিকে তেড়ে আসতে দেখা যায়। এরপর উপাচার্য মাইক নিয়ে ছাত্রদল নেতা-কর্মীদের অনুষ্ঠানের পরে আলোচনায় বসার আহ্বান জানালে তারা উপাচার্যকে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করে ওঠেন। পরবর্তীতে ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া শুরু করলে ‘স্বাধীনতা হল’ মসজিদের ইমাম মুফতী শাখাওয়াত হোসেন দোয়া পরিচালনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন। সংবাদ সংগ্রহকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিকের সাথে ছাত্রদলের নেতা-কর্মীদের দুর্ব্যবহার করতে দেখা যায়। তবে ছাত্রদলের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের এই কর্মসূচিতে জুলাইয়ের ‘স্টেক হোল্ডারদের’ দাওয়াত না দেওয়া এবং অনুষ্ঠানে বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি রাখার কারণে তারা কর্মসূচির প্রতিবাদ করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলন একজন জুলাই যোদ্ধার চেতনার প্রতীক। প্রকৃত জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে জুলাইকে কেন্দ্র করে কোনো আয়োজন আমরা মেনে নিতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি আয়োজন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় ও পাবনার যেসব সমন্বয়ক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের আমন্ত্রণ জানানো হয়নি।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘জুলাই স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছেন বা আহত হয়েছেন, তাদের কাউকেই দাওয়াত দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় ও পাবনা জেলার সমন্বয়ক মঞ্জুরুল, সহ-সমন্বয়ক রুমেল এবং গুম হওয়া নিশান-কেউ আমন্ত্রণ পাননি। অথচ আওয়ামী লীগের দোসরদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে। এ কারণেই আমরা প্রতিবাদ জানিয়েছি।’ তবে অভিযোগ অস্বীকার করে আলোচনা সভার আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘কমিটির পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। রেজিস্ট্রার দপ্তর থেকে প্রতিটি বিভাগেও চিঠি পাঠানো হয়েছে। জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো না হলে সাকিব, মাসুম কীভাবে অনুষ্ঠানে এল? এমনকি হল ফিস্ট উপলক্ষে রাতের খাবারের জন্যও আমি ব্যক্তিগতভাবে তাদের ফোন করে দাওয়াত দিয়েছি।’ এম এস রহমান, পাবনা থেকে।
অস্ট্রেলিয়ার স্বল্পমূল্যের বিমান সংস্থা জেটস্টার আগামী বছর থেকে কেবিনের ওভারহেড বিনে হাতব্যাগ বা ক্যারি অন ব্যাগ রাখার জন্য যাত্রীদের কাছ থেকে আলাদা ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতির আওতায় টিকিটের মূল ভাড়ায় শুধু সিটের নিচে রাখা যায় এমন একটি ছোট ব্যক্তিগত ব্যাগ বহনের সুযোগ থাকবে। বড় ব্যাগ ওভারহেড বিনে রাখতে চাইলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। এয়ারলাইনটির ঘোষণা অনুযায়ী, নতুন নিয়ম কার্যকর হবে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে। রুটভেদে ওভারহেড বিন ব্যবহারের ফি ২৫ থেকে ৫২ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে। এই ফি পরিশোধ করলে যাত্রীরা “প্রায়োরিটি ক্যারি অন” সুবিধাও পাবেন, যার মাধ্যমে আগে বিমানে ওঠার সুযোগ মিলবে। তবে যাত্রীরা বিনা খরচে একটি ছোট ব্যাকপ্যাক, হ্যান্ডব্যাগ বা ল্যাপটপ ব্যাগ সঙ্গে নিতে পারবেন, যদি সেটি সামনের সিটের নিচে রাখা যায়। একই সঙ্গে কেবিন ব্যাগের আগের ৭ কেজি ওজনসীমাও তুলে দেওয়া হচ্ছে, ফলে নতুন নিয়মে ওভারহেড বিনে রাখা ব্যাগের সর্বোচ্চ ওজন হবে ১০ কেজি। জেটস্টারের প্রধান নির্বাহী স্টেফানি টালি বলেছেন, ওভারহেড বিন নিয়ে যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের চাপ ও বিশৃঙ্খলা কমানো এবং দ্রুত বোর্ডিং নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। তার ভাষ্য, যাত্রীরা যাতে কেবল প্রয়োজনীয় সেবার জন্যই অর্থ পরিশোধ করেন, সেই লক্ষ্যেই নতুন মূল্যনীতি চালু করা হচ্ছে। তবে ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ভোক্তা অধিকার সংগঠনগুলোর মধ্যে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, মূল টিকিটের দাম কমানো ছাড়াই আগে যে সুবিধা ছিল, সেটির জন্য এখন অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। তারা এটিকে যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অনেক স্বল্পমূল্যের এয়ারলাইন বহু বছর ধরেই ক্যারি অন ব্যাগের জন্য অতিরিক্ত ফি নিয়ে আসছে। জেটস্টারের এই সিদ্ধান্ত সেই একই ব্যবসায়িক মডেলের অনুসরণ হলেও অস্ট্রেলিয়ায় এটি প্রথম বড় ধরনের পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
গ্রিসের রাজধানী এথেন্সে একটি পরিত্যক্ত ভবনে স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার হওয়া ৩৮ বছর বয়সী ব্রিটিশ সমাজকর্মী এলিজাবেথ জেন রস হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলিজাবেথ জেন রস স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে গ্রিসে শরণার্থী ও অসহায় মানুষের সহায়তায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন। তিনি জুলাই মাসে বন্ধুদের সঙ্গে দেখা করতে এথেন্সে যান। ১৫ জুলাই নিখোঁজ হওয়ার তিন দিন পর ১৮ জুলাই শহরের কিপসেলি এলাকার একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে সবুজ রঙের একটি স্যুটকেসের ভেতর তার মরদেহ পাওয়া যায়। তদন্তে গ্রিক পুলিশ জানায়, ২৬ বছর বয়সী এক আফগান বংশোদ্ভূত পেশাদার বক্সারকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রিসের গোপনীয়তা আইনের কারণে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ করেনি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি প্রথমে দাবি করেন তিনি রসকে মৃত অবস্থায় পেয়েছিলেন এবং ভয় পেয়ে মরদেহ স্যুটকেসে ভরে ফেলে দেন। তবে তদন্তকারীরা বলছেন, সিসিটিভি ফুটেজে তাকে স্যুটকেস টেনে নিয়ে যেতে দেখা গেছে। এছাড়া রসের মোবাইল ফোন ও ব্যাংক কার্ড ব্যবহার করার অভিযোগও রয়েছে। পুলিশ তার বাসা থেকে একটি ছুরি ও একটি নকল পিস্তল উদ্ধার করেছে। ময়নাতদন্তে মরদেহে পচন ধরায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে শ্বাসরোধে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। আদালত অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে। এরপর তাকে পুনরায় আদালতে হাজির করা হবে। তদন্তে গ্রিক পুলিশ ছাড়াও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, পুলিশ স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহায়তা করছেন। তবে মামলাটি এখনো বিচারাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনগতভাবে দোষী বলা যাবে না।
থাইল্যান্ডের নাগরিক বিউট পিম্পাপর্ন (৩৩) ইতালির মিলান থেকে ব্যাংককে ফিরছিলেন । ডাবাইয়ে সংযোগকারী ফ্লাইটে ওঠার পর সেখান থেকে ব্যাংককের উদ্দেশে ছয় ঘণ্টার যাত্রা শুরু হয়। মা ও তার মেয়ে ফ্লাইটে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে তিনি দেখেন পাশের আসনে বসা পুরুষ যাত্রী তার নিতম্ব চেপে ধরেছেন এবং অশ্লীল কাজ করছেন। অভিযুক্ত যাত্রী পরে বিনোদনের স্ক্রিন সামঞ্জস্য করার ভান করতে থাকেন এবং বারবার তার দিকে তাকাতে থাকেন । মা বিউট পিম্পাপর্ন ফ্লাইটে হৈ চৈ সৃষ্টি না করে ব্যাংকের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর কেবিন ক্রুদের বিষয়টি জানান । ফ্লাইট অ্যাটেনডেন্টরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন । অভিযুক্ত যাত্রী এবং তার সঙ্গে থাকা পাকিস্তানি ট্যুর গ্রুপের সদস্যরা ক্ষমা চান। অভিযুক্ত যাত্রী কেঁদে তার কাছে ক্ষমা চান এবং তার পায়ে হাত দিয়ে অনুরোধ করেন । কিন্তু কেবিন ক্রুরা বিষয়টি গুরুতর বলে পুলিশকে জানান এবং বিমান থেকে মেয়েটিকে সরিয়ে নেন যেন তিনি ঘটনা দেখতে না পান । বিমান নামার পর ট্যুরিস্ট পুলিশ ও ইমিগ্রেশন কর্মকর্তারা অভিযুক্ত রজা আলীকে বিমান থেকে নামিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যান । ডন মুয়াং জেলা পুলিশ স্টেশনের পুলিশ লেফটেন্যান্ট কর্নেল চামন্যান্ট কঙ্কং জানিয়েছেন, অভিযুক্তকে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং প্রাথমিকভাবে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করা হবে । ভুক্তভোগী মা তার পরনের কাপড় জমা দিয়েছেন এবং ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তিনি জানিয়েছেন, তিনি মামলা করতে চান এবং ক্ষতিপূরণ দাবি করবেন । তিনি তার পরিচয় প্রকাশ করে অন্যান্য নারীদের সতর্ক করেছেন যে একা ভ্রমণের সময় সাবধান থাকতে হবে এবং কোনও অস্বস্তি বোধ করলে সাহসের সাথে প্রতিবাদ করতে হবে । ফ্লাইটটি পরিচালনাকারী সংস্থা ফ্লাইদুবাইয়ের একজন মুখপাত্র বলেছেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং চলমান তদন্তের বিষয়ে তারা কোনো মন্তব্য করছেন না ।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে কান্না থামানোর চেষ্টা হিসেবে মাত্র ৯ দিনের এক নবজাতকের মুখে বারবার কামড় দেওয়ার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়ার পর তার পুরো বাঁ গালে গুরুতর কালশিটে ও কামড়ের দাগ দেখা গেলে ঘটনাটি সামনে আসে। আদালতের নথির বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তের নাম কেডেন শ্রাম। গত ১৫ জুলাই শিশুটিকে ব্লুমিংটনের এক শিশু চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক আঘাতগুলো দেখে ইন্ডিয়ানা ডিপার্টমেন্ট অব চাইল্ড সার্ভিসেস এবং পুলিশকে জানান। শিশুটির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে প্রকাশ্যে বিস্তারিত জানানো হয়নি। তদন্তকারীদের কাছে শ্রাম দাবি করেন, ভোর প্রায় চারটার দিকে শিশুটি তার তত্ত্বাবধানে থাকা অবস্থায় কান্না শুরু করে। কান্না থামাতে প্রথমে তিনি শিশুটির গালে হালকা কামড় দিতে শুরু করেন। পরে সেটি আরও সহিংস হয়ে ওঠে এবং তিনি শিশুটির গালের চামড়ে বারবার জোরে কামড় দেন বলে আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর শিশুটির মুখের অবস্থা বর্ণনা করতে গিয়ে শ্রাম একটি অত্যন্ত অমানবিক মন্তব্য করেন। তদন্তকারীদের কাছে দেওয়া তার বক্তব্যও মামলার নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসপাতালে থাকা অবস্থায় শ্রাম পুলিশ ও পরিবারের সদস্যদের কাছে শিশুটির আঘাতের জন্য নিজেকে দায়ী করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অভিযুক্তের সঙ্গে নবজাতকের সম্পর্ক কী, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কেডেন শ্রামের বিরুদ্ধে ১৪ বছরের কম বয়সী শিশুকে আঘাত করার অভিযোগে ফেলোনি ব্যাটারি চার্জ আনা হয়েছে। পৃথক কয়েকটি মামলায় তার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ব্যাটারি, ক্রিমিনাল রেকলেসনেস এবং মিসডিমিনর ব্যাটারির অভিযোগও রয়েছে বলে কোর্ট রেকর্ডে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। রিপোর্ট অনুযায়ী, শিশুর ওপর নির্যাতনের মামলায় ২১ জুলাই তিনি ৫ হাজার ৫০০ ডলারের বন্ডে মুক্তি পেয়েছিলেন। পরে অন্য মামলার বন্ড বাতিলসংক্রান্ত ওয়ারেন্টে তাকে আবার গ্রেপ্তার করা হয়। ঘটনাটি শিশুদের দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আচরণ এবং নবজাতকের কান্নার সময় নিরাপদভাবে পরিস্থিতি সামলানোর গুরুত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইন্ডিয়ানায় শিশু নির্যাতন বা অবহেলার সন্দেহ হলে রাজ্যের চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড নেগলেক্ট হটলাইনে পরিচয় গোপন রেখেও রিপোর্ট করা যায়।
যুক্তরাষ্ট্রে কলেজে ভর্তির দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া সহজ করতে জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্মগুলো এখন “ডাইরেক্ট অ্যাডমিশন” পদ্ধতি চালু করছে। এই ব্যবস্থায় অনেক শিক্ষার্থীকে আলাদা করে আবেদন করার আগেই কলেজ থেকে ভর্তি ও স্কলারশিপের প্রাথমিক অফার দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এতে আবেদন ফি, দীর্ঘ অপেক্ষা এবং জটিল আবেদন প্রক্রিয়ার চাপ কমতে পারে। বর্তমানে এনআইচি এবং কমন অ্যাপের মতো প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা নিজেদের একাডেমিক তথ্য, গ্রেড পয়েন্ট গড় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করলে অংশগ্রহণকারী কলেজগুলো সেই তথ্য মূল্যায়ন করে সরাসরি ভর্তি ও স্কলারশিপের অফার পাঠাতে পারে। তবে এসব অফার চূড়ান্ত ভর্তি নয়। শিক্ষার্থীকে পরে অফিসিয়াল ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় নথি জমা দিয়ে কলেজের শর্ত পূরণ করতে হয়। শিক্ষাবিষয়ক বিশ্লেষকদের মতে, এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো অনেক শিক্ষার্থী আগে থেকেই জানতে পারেন কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ এবং কী পরিমাণ স্কলারশিপ পেতে পারেন। ফলে অপ্রয়োজনীয় আবেদন কমে আসে এবং কলেজ বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডাইরেক্ট অ্যাডমিশনের অফার পেলেই সেটি গ্রহণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। শিক্ষার্থীরা চাইলে একাধিক কলেজের অফার তুলনা করে নিজেদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান বেছে নিতে পারেন। অনেক ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণও শিক্ষার্থীর ফলাফল, বিষয় নির্বাচন, আবাসন পরিকল্পনা বা অন্যান্য তথ্য যাচাইয়ের পর পরিবর্তিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে কলেজে ভর্তির খরচ ও আবেদন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ বাড়ার পর ডাইরেক্ট অ্যাডমিশন ব্যবস্থা দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাবি, এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে প্রথম প্রজন্মের কলেজগামী এবং নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আগ্রহী হতে আরও উৎসাহিত হবেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, চলতি বছরের ৭ জুলাইয়ের পর থেকে বিদেশে পরিচালিত সামরিক অভিযানে অন্তত ২৩৮ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম। নতুন তথ্য অনুযায়ী, ২৬ জুলাই থেকে পেন্টাগন তাদের হতাহত সংক্রান্ত তালিকায় *"ওভারসিজ অপারেশনস"* নামে নতুন একটি বিভাগ যুক্ত করেছে। এই বিভাগে ৭ জুলাইয়ের পর বিদেশে সংঘটিত সামরিক অভিযানে নিহত ও আহত সেনাসদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। অন্যদিকে "অপারেশন এপিক ফিউরি" এর হতাহতের হিসাব রাখা হচ্ছে ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মে পর্যন্ত সময়ের জন্য। পেন্টাগনের তথ্যে আরও বলা হয়েছে, জুলাই মাসে চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন জর্ডানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হন এবং আরেকজন ইরাকে একটি ড্রোন নিষ্ক্রিয় করার সময় প্রাণ হারান। এদিকে আহত সেনাসদস্যদের চিকিৎসা ও হতাহতের তথ্য প্রকাশে বিলম্ব নিয়ে ওয়াশিংটনে বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একাংশ অভিযোগ করেছেন, আহত সেনাদের চিকিৎসা এবং হতাহতের তথ্য প্রকাশে স্বচ্ছতার ঘাটতি ছিল। তারা এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন। তবে পেন্টাগন বলছে, নতুন বিভাগ যুক্ত করার উদ্দেশ্য হলো বিদেশে পরিচালিত চলমান সামরিক অভিযানের হতাহতের তথ্য আলাদাভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে বার পরীক্ষার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়া এক পরীক্ষার্থীকে সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, ওই নারী শ্বাসকষ্টে ভুগে অচেতন হয়ে পড়েন এবং শরীর নীলচে হয়ে যেতে শুরু করলেও পরীক্ষা কক্ষের তদারককারীরা অন্য পরীক্ষার্থীদের পরীক্ষা চালিয়ে যেতে নির্দেশ দেন। মামলার নথি অনুযায়ী, নিউ জার্সির ৩৬ বছর বয়সী মেরি জেন জাং ২০২৫ সালের ৩০ জুলাই নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় অংশ নেওয়ার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। অভিযোগে বলা হয়েছে, তিনি মেঝেতে পড়ে যাওয়ার পর দ্রুত জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়নি। একই সঙ্গে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন এবং স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর ব্যবহারেও অযথা বিলম্ব করা হয়, যার ফলে তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয় এবং পরে বুকে ডিফিব্রিলেটর প্রতিস্থাপন করতে হয়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, কয়েকজন পরীক্ষার্থী সাহায্য করতে এগিয়ে এলে তাদের নিরুৎসাহিত করা হয় এবং পরীক্ষা চালিয়ে যেতে বলা হয়। বাদীপক্ষের দাবি, মূল্যবান কয়েকটি মিনিট নষ্ট হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে হফস্ট্রা বিশ্ববিদ্যালয় অভিযোগ অস্বীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, তাদের জননিরাপত্তা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই কার্ডিওপালমোনারি রিসাসিটেশনসহ প্রাথমিক জীবনরক্ষাকারী চিকিৎসা শুরু করেন এবং পরে প্যারামেডিকরা এসে রোগীকে হাসপাতালে নিয়ে যান। নিউইয়র্ক স্টেট বোর্ড অব ল এক্সামিনার্সের চেয়ারপারসনও বলেছেন, পরীক্ষার্থী অচেতন হয়ে পড়ার প্রায় আড়াই মিনিটের মধ্যেই সহায়তা পৌঁছেছিল। ফোর্ডহ্যাম ল স্কুল থেকে স্নাতক মেরি জেন জাং বর্তমানে ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। তার আইনজীবীর ভাষ্য, এই মামলার উদ্দেশ্য শুধু ক্ষতিপূরণ আদায় নয়, ভবিষ্যতে বার পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় জরুরি চিকিৎসা-সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনা এবং এমন পরিস্থিতিতে মানবিক ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি চার সদস্যের বাংলাদেশি পরিবারের মাসিক বাজার খরচ এখন কত এ প্রশ্নের উত্তর খুঁজতে সরকারি মূল্যস্ফীতি-সংক্রান্ত তথ্য, বাজারদর এবং বাংলাদেশি কমিউনিটির কেনাকাটার ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, পরিবারভেদে প্রতি মাসে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্রায় ৬৫০ থেকে ১ হাজার ৪০০ ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। বিশেষ করে দেশি চাল, মাছ, গরুর মাংস ও মসলার কারণে অনেক বাংলাদেশি পরিবারের বাজার খরচ জাতীয় গড়ের তুলনায় কিছুটা বেশি হয়। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত এক বছরে মুদি পণ্যের দাম প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে বাংলাদেশি পরিবারের খাদ্যাভ্যাস মূলধারার মার্কিন পরিবারের তুলনায় আলাদা হওয়ায় তাদের মাসিক বাজারের হিসাবেও পার্থক্য দেখা যায়। বাজার বিশ্লেষণ ও বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি পরিবারের অভিজ্ঞতার ভিত্তিতে দেখা গেছে, একটি চার সদস্যের পরিবারের মাসিক খরচ সাধারণত চারটি ভাগে বিভক্ত। দুধ, ডিম, রুটি, মুরগির মাংস, ভোজ্যতেল, টিস্যু, সাবানসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে মাসে প্রায় ৩৫০ থেকে ৪৫০ ডলার ব্যয় হয়। অন্যদিকে দেশি চাল, রুই বা কোরাল মাছ, হালাল গরুর মাংস, খাসির মাংস, ডাল, মসলা ও অন্যান্য দেশি খাদ্যপণ্যে গড়ে আরও ২৫০ থেকে ৩৫০ ডলার খরচ হয়। সবজি ও ফলমূলের জন্য মাসে প্রায় ১০০ থেকে ১৫০ ডলার এবং শিশুদের নাস্তা, জুস ও স্কুলে নেওয়ার খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসে আরও ৮০ থেকে ১২০ ডলার ব্যয় হতে পারে। সব মিলিয়ে হিসাব করলে মিতব্যয়ী একটি বাংলাদেশি পরিবারের মাসিক বাজার খরচ সাধারণত ৬৫০ থেকে ৮০০ ডলারের মধ্যে থাকে। মাঝারি ব্যয়ের পরিবারের ক্ষেত্রে এই খরচ ৮৫০ থেকে ১ হাজার ১০০ ডলার পর্যন্ত পৌঁছায়। আর যারা নিয়মিত দেশি মাছ, গরুর মাংস বা খাসির মাংস কেনেন এবং তুলনামূলক স্বচ্ছন্দ জীবনযাপন করেন, তাদের মাসিক বাজার খরচ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ ডলার পর্যন্ত হতে পারে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একটি চার সদস্যের পরিবারের গড় খাদ্য ব্যয় প্রায় ১ হাজার ৫০ ডলার। তবে বাংলাদেশি পরিবারের ক্ষেত্রে দেশি খাদ্যপণ্যের চাহিদার কারণে এই ব্যয় গড়ে আরও ১৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। বাংলাদেশি কমিউনিটির অনেকেই খরচ কমাতে কয়েকটি কৌশল অনুসরণ করেন। বড় পরিমাণে মাংস, ডিম ও দুধ একসঙ্গে কিনলে তুলনামূলক কম দাম পড়ে। আবার অনেক পরিবার একসঙ্গে বেশি পরিমাণ মাছ কিনে ভাগ করে সংরক্ষণ করেন, এতে প্রতি পাউন্ডে কয়েক ডলার পর্যন্ত সাশ্রয় হয়। এছাড়া বিভিন্ন সুপারমার্কেটের সাপ্তাহিক মূল্যছাড় ও ডিজিটাল কুপন ব্যবহার করেও প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বাঁচানো সম্ভব। তবে বাজার খরচ অঙ্গরাজ্য, শহর, পরিবারের সদস্যসংখ্যা এবং খাদ্যাভ্যাস অনুযায়ী ভিন্ন হতে পারে। বিশেষ করে নিউইয়র্ক সিটি ও ক্যালিফোর্নিয়ার মতো উচ্চ ব্যয়বহুল এলাকায় একই ধরনের পরিবারের মাসিক বাজার খরচ অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। এই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান, বাজারদর এবং বাংলাদেশি কমিউনিটির কেনাকাটার ধারা বিশ্লেষণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। প্রকৃত ব্যয় পরিবার ও এলাকার ভিত্তিতে ভিন্ন হতে পারে।
মিশিগানের ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারিতে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে পৌঁছেছেন চিকিৎসক ও প্রগতিশীল নেতা ডা. আবদুল এল-সায়েদ। নভেম্বরের সাধারণ নির্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হবেন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ের মাধ্যমে এল-সায়েদ শুধু দলীয় মনোনয়নই নিশ্চিত করেননি, জাতীয় পর্যায়েও আলোচনায় উঠে এসেছেন তার নির্বাচনী এজেন্ডার কারণে। স্বাস্থ্যসেবা সংস্কার, অভিবাসন নীতির পরিবর্তন এবং গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে তার অবস্থান প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল। ভোট গণনার অধিকাংশ শেষ হওয়ার পর প্রকাশিত ফল অনুযায়ী, এল-সায়েদ প্রায় ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্সকে পেছনে ফেলেন। স্টিভেন্স পান প্রায় ৪৭ দশমিক ৪ শতাংশ ভোট। এ ফলের মাধ্যমে তিনি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেন এবং নভেম্বরের সাধারণ নির্বাচনের টিকিট অর্জন করেন। এল-সায়েদের প্রচারণার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরোধিতা। তিনি প্রকাশ্যে বলেছেন, মার্কিন করদাতাদের অর্থ এমন সামরিক সহায়তায় ব্যয় হওয়া উচিত নয়, যা বেসামরিক মানুষের প্রাণহানির সঙ্গে যুক্ত। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং মানবাধিকারভিত্তিক পররাষ্ট্রনীতির পক্ষে অবস্থান নেন। স্বাস্থ্যসেবা খাতেও তিনি উচ্চাভিলাষী সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তার নির্বাচনী অঙ্গীকারের অন্যতম ছিল ‘মেডিকেয়ার ফর অল’ বাস্তবায়ন, যাতে সব মার্কিন নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা যায়। এছাড়া তিনি আয় বৈষম্য কমানো, করব্যবস্থায় পরিবর্তন এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় হ্রাসের পক্ষে প্রচারণা চালান। অভিবাসন নীতিতেও তিনি বর্তমান ব্যবস্থার সমালোচক। এল-সায়েদ দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর বর্তমান কাঠামো বিলুপ্ত করে আরও মানবিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দিয়ে আসছেন। তার মতে, বিদ্যমান ব্যবস্থায় অভিবাসীদের সঙ্গে অনেক ক্ষেত্রে অন্যায্য আচরণ করা হয় এবং এতে ব্যাপক সংস্কার প্রয়োজন। মিশিগানে বাংলাদেশি কমিউনিটি নেতাদের মতে, স্বাস্থ্যসেবা, গাজা যুদ্ধ এবং অভিবাসন নিয়ে স্পষ্ট অবস্থানের কারণে তরুণ ভোটার, প্রগতিশীল ডেমোক্র্যাট, আরব-আমেরিকান এবং মুসলিম ভোটারদের মধ্যে এল-সায়েদ উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন। বিশেষ করে মিশিগানের বৃহৎ আরব ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নভেম্বরের সাধারণ নির্বাচন। সেখানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করতে পারলে ডা. আবদুল এল-সায়েদ শুধু মিশিগানের নতুন সিনেটরই হবেন না, যুক্তরাষ্ট্রের দুই শতাব্দীরও বেশি সময়ের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হিসেবেও নতুন এক অধ্যায়ের সূচনা করবেন।
রিয়েলিটি টিভি তারকা ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ান বলেছেন, সাবেক স্বামী কানিয়ে ওয়েস্টের অনিশ্চিত ও অপ্রত্যাশিত আচরণই ছিল তাদের দাম্পত্য জীবনের সবচেয়ে কঠিন দিক। সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটময় সময়ে কানিয়ে কখনো কখনো তাদের পাঁচটি ল্যাম্বরগিনি বন্ধুদের দিয়ে দিতেন, আবার পরে নতুন গাড়ি কিনতেন, এভাবে একই ঘটনা বারবার ঘটত। কিম জানান, এমন পরিস্থিতিতে তিনি কখনোই বুঝতে পারতেন না পরদিন কী ঘটতে যাচ্ছে। এই অনিশ্চয়তা তাকে মানসিকভাবে অস্থির করে তুলেছিল এবং আর্থিক নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন করে তুলেছিল। তার ভাষায়, তিনি শারীরিক নয়, বরং মানসিক ও আর্থিকভাবে নিজেকে নিরাপদ মনে করতেন না। সাক্ষাৎকারে কিম আরও বলেন, সম্পর্কের শুরুতে তিনি কানিয়ের পাশে থাকার এবং তাকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং অনিশ্চয়তা ক্রমেই বাড়তে থাকায় তিনি উপলব্ধি করেন, নিজের মানসিক সুস্থতা ও সন্তানদের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিম কার্দাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট ২০১৪ সালে বিয়ে করেন। তাদের চার সন্তান রয়েছে। ২০২১ সালে কিম বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০২২ সালে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ সেই সম্পর্ককে তিনি ব্যর্থতা হিসেবে দেখেন না, কারণ সেই সম্পর্ক থেকেই তাদের চার সন্তানের জন্ম হয়েছে।
পাকিস্তানের লাহোরের গাজীবাদ থানায় মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক সহকারী উপ-পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা, তদারকিতে ব্যর্থতা এবং প্রশাসনিক অবহেলার অভিযোগে থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও)সহ মোট ৭৮ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। লাহোর পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা তদন্ত শাখার এএসআই ইমরান। অভিযোগ রয়েছে, একটি মামলার তদন্তের প্রয়োজন রয়েছে বলে তরুণীর পরিবারকে জানিয়ে তিনি তাকে মোটরসাইকেলে করে গাজীবাদ থানা প্রাঙ্গণে নিয়ে যান। পরে থানার ভেতরের একটি কক্ষে ওই তরুণীকে ধর্ষণ করেন। ঘটনার পর অভিযুক্ত এএসআই ইমরানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরানের নির্দেশে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার রাতে তিনি নিজে গাজীবাদ থানা পরিদর্শন করেন। অভিযোগ পাওয়ার পরও দ্রুত ব্যবস্থা না নেওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত না করার কারণে থানার এসএইচওসহ পুরো স্টাফকে বরখাস্তের নির্দেশ দেন। বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন একজন এসএইচও, দুইজন সাব-ইনস্পেক্টর, আটজন এএসআই, ফ্রন্ট ডেস্কের কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারীসহ মোট ৭৮ জন। ডিআইজি ফয়সাল কামরান বলেন, থানার ভেতরে কী ঘটছে সে বিষয়ে এসএইচওর পূর্ণাঙ্গ ধারণা থাকা উচিত। দুর্বল তদারকি ও প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। লাহোর পুলিশের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, থানায় শৃঙ্খলা বজায় রাখা, কার্যকর তদারকি নিশ্চিত করা এবং পেশাদার কর্মপরিবেশ বজায় রাখা এসএইচও ও সংশ্লিষ্ট সব কর্মকর্তার অন্যতম প্রধান দায়িত্ব। এদিকে বরখাস্তের পর গাজীবাদ থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে আলী জেব দস্তগীরকে নতুন স্টেশন হাউস অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযুক্ত এএসআই ইমরানের বিরুদ্ধে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
মিশিগানের ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারিতে জয় পেয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে পৌঁছেছেন প্রগতিশীল নেতা ও চিকিৎসক ডা. আবদুল এল-সায়েদ। নভেম্বরের সাধারণ নির্বাচনে বিজয়ী হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হবেন। এনবিসি নিউজের প্রজেকশন অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এল-সায়েদ তার প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্সকে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন। ভোট গণনার প্রায় ৯৫ শতাংশ শেষ হওয়ার সময় এল-সায়েদ পান ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট, আর স্টিভেন্স পান ৪৭ দশমিক ৪ শতাংশ। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল প্রায় ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট। চূড়ান্ত প্রত্যয়িত ফল প্রকাশের পর এ সংখ্যায় সামান্য পরিবর্তন হতে পারে। এই প্রাইমারি ছিল ২০২৬ সালের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডেমোক্র্যাটিক সিনেট নির্বাচনের একটি। দলীয় প্রতিষ্ঠিত নেতৃত্বের সমর্থন পাওয়া হেইলি স্টিভেন্সের বিপরীতে এল-সায়েদকে সমর্থন দেন ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল শিবিরের প্রভাবশালী নেতারা। শেষ পর্যন্ত তৃণমূল পর্যায়ের সমর্থন ও জোরালো প্রচারণার মাধ্যমে তিনি বিজয় অর্জন করেন। ৪১ বছর বয়সী আবদুল এল-সায়েদ মিশিগানের সাবেক জনস্বাস্থ্য পরিচালক। ২০১৮ সালে তিনি মিশিগানের গভর্নর পদে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তিনি কোভিড-১৯ মহামারির সময় এবং স্বাস্থ্যনীতি নিয়ে বিভিন্ন জাতীয় আলোচনায় পরিচিতি লাভ করেন। নির্বাচনী প্রচারণায় তিনি ‘মেডিকেয়ার ফর অল’ বাস্তবায়ন, ধনীদের ওপর বেশি কর আরোপ, অভিবাসন ব্যবস্থার সংস্কার এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিলুপ্তির পক্ষে অবস্থান নেন। একই সঙ্গে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান। এই অবস্থান তাকে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এবং প্রগতিশীল ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন এনে দেয়। মিশিগানে বাংলাদেশি ভোটারদের মতে, মিশিগানে আরব-আমেরিকান ও মুসলিম ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের সমর্থন এল-সায়েদের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যনীতি নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটিও এই নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নভেম্বরের সাধারণ নির্বাচন। সেখানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করতে পারলে আবদুল এল-সায়েদ শুধু মিশিগানের নতুন সিনেটরই হবেন না, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরেরও বেশি রাজনৈতিক ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হিসেবেও নতুন অধ্যায়ের সূচনা করবেন।
বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আর্ডে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। পিএইচডি গবেষণাপত্রে চৌর্যবৃত্তির অভিযোগের পাশাপাশি, আরও দুটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করার দাবি নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো বলছে, আর্ডে কখনোই সেখানে আনুষ্ঠানিকভাবে কর্মরত ছিলেন না। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেসন আর্ডের বিরুদ্ধে অভিযোগ, তার পিএইচডি অভিসন্দর্ভে ১০০টিরও বেশি অংশ অন্য একজন গবেষকের কাজ থেকে যথাযথ স্বীকৃতি ছাড়া নেওয়া হয়েছে। পাশাপাশি নিজের জীবনীতে তিনি ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব গ্লাসগো এবং ডারহাম ইউনিভার্সিটিতে একাডেমিক পদে কাজ করার দাবি করেছিলেন। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো জানিয়েছে, তাদের এমন কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই। জেসন আর্ডে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়, যেখান থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন, ইতোমধ্যে অভিযোগ তদন্ত করে কোনো একাডেমিক অসদাচরণের প্রমাণ পায়নি। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্তে তার আপত্তি নেই। এদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ও জানিয়েছে, অভিযোগের বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা অসদাচরণবিষয়ক নীতিমালা অনুযায়ী, প্রয়োজন হলে অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হতে পারে। জেসন আর্ডে ২০২৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে আলোচনায় আসেন। অটিজমে আক্রান্ত এবং শৈশবে বাকপ্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার তার ব্যক্তিগত জীবনসংগ্রাম আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল। তবে সাম্প্রতিক অভিযোগগুলো তার একাডেমিক বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
‘বার্বি’, ‘ব্রিজারটন’, ‘দ্য ক্রাউন’ ও ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিজে কাজ করা ব্রিটিশ মেকআপ শিল্পী আভা গিলিস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৬ বছর। নর্থ ইয়র্কশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাই ইংল্যান্ডের রেলটন এলাকায় আভা গিলিসের চালানো সাদা ভক্সওয়াগেন পোলো গাড়ির সঙ্গে একটি কালো অডি এ৪-এর সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রত্যক্ষদর্শী বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে তা পুলিশের কাছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মাত্র পাঁচ বছরের কিছু বেশি সময়ের ক্যারিয়ারেই আভা গিলিস চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। তার কাজের তালিকায় রয়েছে ‘বার্বি’, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’, ‘স্নো হোয়াইট’, ‘দ্য ক্রাউন’, ‘ব্রিজারটন’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য অ্যাকোলাইট’-এর মতো আন্তর্জাতিক প্রযোজনা। ২০২৩ সালে তিনি উদীয়মান সৃজনশীল প্রতিভাদের জন্য ব্রিটিশ একাডেমির, বাফটা কর্মসূচির সদস্যও নির্বাচিত হন। পুলিশের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আভার পরিবার জানায়, তার মৃত্যু তাদের জন্য অপূরণীয় ক্ষতি। তারা তাকে একজন প্রতিভাবান, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানুষ হিসেবে স্মরণ করেছেন, যার কাজ চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত ছিল। আভা গিলিসের মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সহকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শেষকৃত্যের সময়সূচি পরে ঘোষণা করা হবে।
যুক্তরাষ্ট্রে নতুন আসা অনেক বাংলাদেশি এমন কিছু নিয়ম সম্পর্কে অবগত নন, যেগুলো অমান্য করলে কয়েকশ থেকে শুরু করে হাজার হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। বিশেষ করে বিমানবন্দরে কাস্টমস ঘোষণা, অভিবাসন সংক্রান্ত তথ্য হালনাগাদ, কর দাখিল এবং স্থানীয় আইন মেনে চলার ক্ষেত্রে অসাবধানতা বড় ধরনের আর্থিক ও আইনি ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এবং বিভিন্ন অঙ্গরাজ্যের সরকারি নির্দেশনা অনুযায়ী, নতুন অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ১০টি সতর্কতার বিষয় তুলে ধরা হলো। সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হলো খাবার বা কৃষিজ পণ্য ঘোষণা না করা। অনেকেই বাংলাদেশ থেকে আনা শুঁটকি, আচার, মাংস কিংবা বিমানে দেওয়া ফল সঙ্গে নিয়ে আসেন, কিন্তু তা কাস্টমসে ঘোষণা করেন না। সিবিপি জানিয়েছে, এ ধরনের পণ্য ঘোষণা না করলে কয়েকশ ডলার থেকে শুরু করে গুরুতর ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা হতে পারে। তবে আগে থেকেই ঘোষণা করলে অনেক ক্ষেত্রে শুধু পণ্যটি জব্দ বা ফেলে দিতে হয়, অতিরিক্ত জরিমানার মুখে পড়তে হয় না। একইভাবে ১০ হাজার মার্কিন ডলারের বেশি নগদ অর্থ, ট্রাভেলার্স চেক বা সমমানের আর্থিক দলিল নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তা অবশ্যই ঘোষণা করতে হবে। আইন অনুযায়ী অর্থ বহন করা বৈধ হলেও ঘোষণা না করলে অর্থ জব্দ হওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক জরিমানা ও আইনি জটিলতা তৈরি হতে পারে। ওষুধ আনার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রেসক্রিপশন ছাড়া বা মূল লেবেলবিহীন অবস্থায় ওষুধ বহন করলে সেগুলো জব্দ হতে পারে। নিয়ন্ত্রিত ওষুধের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বিদেশ থেকে কেনা পণ্যের প্রকৃত মূল্য গোপন করাও শাস্তিযোগ্য অপরাধ। যুক্তরাষ্ট্রে নির্ধারিত সীমার বেশি মূল্যের পণ্য নিয়ে প্রবেশ করলে তা সঠিকভাবে ঘোষণা করতে হয়। মূল্য কম দেখানো বা তথ্য গোপন করলে পণ্য বাজেয়াপ্ত হওয়ার পাশাপাশি জরিমানা এবং গ্লোবাল এন্ট্রি সুবিধা বাতিল হতে পারে। অভিবাসন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো ঠিকানা পরিবর্তনের তথ্য হালনাগাদ করা। অধিকাংশ নন-সিটিজেনকে নতুন ঠিকানায় যাওয়ার ১০ দিনের মধ্যে USCIS-এ AR-11 ফর্মের মাধ্যমে ঠিকানা পরিবর্তনের তথ্য জানাতে হয়। এটি না করলে ভবিষ্যতের ইমিগ্রেশন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। অনেক অঙ্গরাজ্যে বৈধ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির বীমা ছাড়া গাড়ি চালালে কয়েকশ থেকে হাজার ডলার পর্যন্ত জরিমানা, এমনকি লাইসেন্স স্থগিত হওয়ার ঘটনাও ঘটতে পারে। এছাড়া স্থানীয় ট্রাফিক আইন অমান্য, নির্ধারিত স্থান ছাড়া রাস্তা পার হওয়া সিটবেল্ট ব্যবহার না করা কিংবা অন্যান্য ট্রাফিক নিয়ম ভঙ্গের জন্যও বিভিন্ন অঙ্গরাজ্যে আলাদা জরিমানার বিধান রয়েছে। কর দাখিলের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে নিয়ম অত্যন্ত কঠোর। যাদের কর দাখিল বাধ্যতামূলক, তারা নির্ধারিত সময়ে টেক্স রটার্ন জমা না দিলে আইআরএস বিলম্বজনিত জরিমানা ও সুদ আরোপ করতে পারে। অনেক শহর ও কাউন্টিতে অনুমতি ছাড়া বাড়িতে নির্মাণকাজ, বেসমেন্ট সংস্কার বা ভাড়া দেওয়ার ক্ষেত্রেও স্থানীয় আইন অনুযায়ী জরিমানা হতে পারে। তাই কোনো নির্মাণ বা পরিবর্তনের আগে স্থানীয় সিটি কর্তৃপক্ষের নিয়ম জেনে নেওয়া জরুরি। এ ছাড়া পাবলিক স্থানে আবর্জনা ফেলা, নিষিদ্ধ স্থানে খোলা অ্যালকোহল পানসহ বিভিন্ন পৌর আইন ভঙ্গ করলেও অঙ্গরাজ্য ও শহরভেদে কয়েকশ ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন অভিবাসীদের উচিত যুক্তরাষ্ট্রে আসার পর ফেডারেল ও অঙ্গরাজ্যভিত্তিক মৌলিক আইন সম্পর্কে ধারণা নেওয়া এবং কোনো বিষয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছ থেকে তথ্য যাচাই করা। বিশেষ করে CBP কর্মকর্তাদের একটি প্রচলিত পরামর্শ হলো, "সন্দেহ হলে ঘোষণা করুন।" অধিকাংশ ক্ষেত্রে সঠিকভাবে তথ্য জানানোই ভবিষ্যতের বড় ধরনের আর্থিক ও আইনি ঝুঁকি এড়ানোর সবচেয়ে নিরাপদ উপায়।
উত্তর কোরিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নাগরিকদের গরম মোকাবিলায় কুকুরের মাংসের স্যুপ (ডানগোগি গুক) খাওয়ার পরামর্শ দিয়েছে। শাসক দল ওয়ার্কার্স পার্টির মুখপত্র রোদং সিনমুন সম্প্রতি প্রকাশিত স্বাস্থ্যবিষয়ক নির্দেশনায় এ পরামর্শ দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড গরমে শরীরের শক্তি ধরে রাখতে তরমুজ, শসা, মাছের পায়েস, লাল শিমের পায়েসের পাশাপাশি কুকুরের মাংসের স্যুপকে ‘উচ্চ পুষ্টিগুণসম্পন্ন খাবার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচারণায় দীর্ঘদিন ধরেই এই খাবারকে গ্রীষ্মকালের ঐতিহ্যবাহী স্বাস্থ্যকর খাদ্য হিসেবে উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে উত্তর ও দক্ষিণ কোরিয়াজুড়ে রেকর্ড তাপপ্রবাহ চলছে। উত্তর কোরিয়ার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ উচ্চ তাপমাত্রা সতর্কতাও জারি করেছে। উত্তর কোরিয়ায় গ্রীষ্মের সবচেয়ে উষ্ণ সময় সামবক মৌসুমে কুকুরের মাংস খাওয়ার একটি পুরোনো সাংস্কৃতিক বিশ্বাস রয়েছে। ধারণা করা হয়, এ ধরনের খাবার শরীরের শক্তি ফিরিয়ে আনে এবং অতিরিক্ত গরম সহ্য করতে সাহায্য করে। যদিও এ দাবির পক্ষে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। অন্যদিকে, প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়ার প্রচলন দ্রুত কমে গেছে। প্রাণীকল্যাণ নিয়ে জনমত পরিবর্তন এবং নতুন আইনি বিধিনিষেধের কারণে দেশটিতে কুকুরের মাংসের শিল্প কার্যত বিলুপ্তির পথে। এ কারণে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচারণা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে।