সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকারী দেশগুলোর তালিকায় আবারও শীর্ষস্থানে বাংলাদেশ
সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবসে (৩০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের জন্য উদ্বেগজনক চিত্র। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকারী দেশগুলোর তালিকায় আবারও শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ । শুধু ইতালি নয়, গ্রিসে সাগরপথে অভিবাসনেও নতুন রেকর্ড তৈরি করেছে দেশটি। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার স্ক্যাম, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মানবঢাল এবং নারী পাচারের মতো ঘটনা মানবপাচার সংকটকে ভয়াবহ আকার দিয়েছে। এ বছরের মার্চে লিবিয়ার তোবরুক থেকে গ্রিসের উদ্দেশে রওনা হওয়া একটি নৌকা দিক হারিয়ে ছয় দিন খাদ্য ও পানীয় ছাড়াই ভেসে থাকে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসানের তথ্য অনুযায়ী, ওই যাত্রায় অন্তত ১৮ জন বাংলাদেশি নিহত হন, যাদের ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন । পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয় । এরপরও থামেনি মৃত্যুযাত্রা।     ব্র্যাকের গবেষণা বলছে, ইউরোপমুখী এসব অভিবাসীর বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছর। তারা মূলত মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা । ঢাকা থেকে মিসর, দুবাই বা তুরস্ক হয়ে তারা লিবিয়া পৌঁছান। গবেষণায় দেখা গেছে, ভালো কাজের প্রলোভন দেখানো হলেও ৭৫ শতাংশ কোনো কাজ পাননি। ৯৩ শতাংশ লিবিয়ায় ক্যাম্পে বন্দি ছিলেন, ৭৯ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং ৬৯ শতাংশ স্বাধীনভাবে চলাফেরার অধিকার হারিয়েছেন । জিম্মি করে পরিবারের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত আদায়ের ঘটনাও রয়েছে । গত ছয় বছরে প্রায় ১৫ হাজার বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে । পাচারকারীরা এখন সামাজিক যোগাযোগমাধ্যম সক্রিয়ভাবে ব্যবহার করছে। ফেসবুকের শতাধিক গ্রুপে সাগরপথে ইতালিতে পৌঁছানো নৌকার ছবি ও যোগাযোগের তথ্য দিয়ে অন্যদের প্রলুব্ধ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামেও এমন গ্রুপ চালু রয়েছে । নতুন মানবপাচার আইন প্রণয়নের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধে আইনটি কার্যকর ভূমিকা রাখবে ।     ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার স্ক্যাম মানবপাচারের নতুন রূপ হয়ে উঠেছে। কম্পিউটার অপারেটর, কল সেন্টারসহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক ও টেলিগ্রামে নিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। পরে চাকরিপ্রার্থীদের কম্বোডিয়া বা মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ডে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয় । জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত দেড় বছরে ১৫ হাজার ৯২১ জন বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে কম্বোডিয়ায় গেছেন, যাদের অধিকাংশই কোনো চাকরি পাননি । কম্বোডিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চলতি বছরের জুনেই ৫৮৩ জন বাংলাদেশি ভুক্তভোগী উদ্ধার হয়ে দেশে ফিরেছেন । ব্র্যাকের গবেষণায় ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। ফিরে আসা ৯৮ শতাংশ মানুষ চাকরির প্রতিশ্রুতি পেলেও কিছুই পাননি। ৯০ শতাংশকে জোর করে জালিয়াতিমূলক কাজে ব্যবহার করা হয়েছে। ৮৮ শতাংশের চলাফেরার স্বাধীনতা ছিল না। ৮৬ শতাংশের পাসপোর্ট ও কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছিল। ২৭ শতাংশ ভয়াবহ শারীরিক এবং ৩৮ শতাংশ মানসিক নির্যাতনের শিকার হয়েছেন । একজন ভুক্তভোগী জানান, তাদের দিয়ে বিদেশি নাগরিকদের অনলাইনে প্রতারণা করতে বাধ্য করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণ করতে না পারলে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়া হতো। স্ক্যাম কম্পাউন্ডের ভেতরে আলাদা নির্যাতন কক্ষ ছিল । শুধু সাগরপথে ইউরোপ বা সাইবার স্ক্যাম নয়—কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও উঠেছে । ব্র্যাকের সঙ্গে রাশিয়ায় আহত কয়েকজন বাংলাদেশি উদ্ধারের জন্য যোগাযোগ করেছেন। স্বজনদের মরদেহ ফেরত আনার আবেদনও এসেছে । ইতিমধ্যে এই যুদ্ধে অর্ধশতাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে । কাজের আশ্বাসে নারী পাচারের ঘটনাও বাড়ছে। বিদেশে পোশাক কারখানা, গৃহকর্মী বা বিউটি পার্লারে কাজের প্রলোভনে অনেক নারীকে জোরপূর্বক ডান্স ক্লাব ও যৌন ব্যবসায় যুক্ত করার তথ্য পাওয়া গেছে । বিশেষ করে দুবাই ও মালয়েশিয়ায় ভ্রমণ ভিসায় নারী পাঠিয়ে এ ধরনের প্রতারণা নিয়মিত ঘটছে । বাংলাদেশ থেকে সাগরপথে রোহিঙ্গা পাচারের ধারাও অব্যাহত রয়েছে । জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা শরণার্থীদের স্টেটলেসনেস ও বাস্তুচ্যুতির দীর্ঘস্থায়ী পরিস্থিতি মানবপাচারের গুরুতর ঝুঁকি তৈরি করছে । ২০২৫ সালে ৬,৫০০ এর বেশি রোহিঙ্গা শরণার্থী সমুদ্রযাত্রায় অংশ নিয়েছেন, যেখানে প্রায় ৯০০ জন প্রাণ হারিয়েছেন। অ্যান্ডামান সাগর ও বঙ্গোপসাগরে নিখোঁজ বা মৃতের হার বিশ্বের সবচেয়ে বেশি । গত আট বছরে কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়াগামী সাড়ে তিন হাজারের বেশি মানুষ উদ্ধার হয়েছে। শতাধিক মামলা হলেও পাচার থামেনি । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মানবপাচার আইনে ১ হাজার ১২৬টি নতুন মামলা হয়েছে । পুরোনো মামলাসহ ২০২৬ সালের মে পর্যন্ত মোট ৫ হাজার ২৮৪টি মামলা ঝুলে আছে। এর মধ্যে ৩ হাজার ৩০৬টি বিচারাধীন এবং ১ হাজার ৯৭৮টি তদন্তাধীন। এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫০০টি নতুন মামলা দায়ের হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র ১৭টি । গত দেড় বছরে দৃষ্টান্তমূলক সাজার কোনো নজির পাওয়া যায়নি; বেশিরভাগ ক্ষেত্রেই আসামিরা খালাস পেয়েছেন ।     সরকার নতুন 'মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬' প্রণয়ন করেছে । এতে অভিবাসী চোরাচালানকে আলাদা অপরাধ হিসেবে চিহ্নিত করে সংঘবদ্ধ পাচারের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে । আইনটি তদন্ত ক্ষমতা বাড়িয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ দিয়েছে এবং ভুক্তভোগীদের সুরক্ষা জোরদার করেছে । তবে ব্র্যাকের শরিফুল ইসলাম হাসান মনে করেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে । মূল অপরাধীদের বিচারের আওতায় আনা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং পাচারপ্রবণ জেলাগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা জরুরি ।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২৩:১২
শিশুর মৃত্যুর পর গবেষণা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত
পরীক্ষামূলক জিন থেরাপিতে ৬ বছরের শিশুর মৃত্যু, ৮ লাখ ৬০ হাজার ডলার ব্যয় করা পরিবার তুলল গুরুতর অভিযোগ

চীনে বিরল জিনগত সমস্যায় আক্রান্ত ছয় বছর বয়সী এক শিশুর চিকিৎসায় পরিবার প্রায় ৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ব্যয় করেছিল। নতুন ধরনের জিন সম্পাদনা প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি হবে এমন আশাই দেখানো হয়েছিল। কিন্তু চিকিৎসার কয়েক দিনের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। পরে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা প্রমাণ ছাড়াই চিকিৎসাটি মানুষের ওপর প্রয়োগ করা হয়েছিল এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে পরিবারকে পূর্ণাঙ্গভাবে জানানো হয়নি।   বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির পরিবারের অনুরোধে তার প্রকৃত নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে তাকে ‘মেই’ নামে উল্লেখ করা হয়েছে। মেই বিরল সিএইচডি৩ (CHD3) জিনের পরিবর্তনের কারণে স্নাইডার্স ব্লক-ক্যাম্পো সিনড্রোমে আক্রান্ত ছিল। এ ধরনের রোগে আক্রান্ত শিশুদের সাধারণত বুদ্ধিবিকাশ, ভাষা ও শেখার ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও এটি সাধারণত প্রাণঘাতী নয় এবং সময়ের সঙ্গে দ্রুত অবনতি ঘটে না।   মেইয়ের শিক্ষকরা তার লেখালেখি ও ভাষাগত দক্ষতার দুর্বলতার কথা অভিভাবকদের জানিয়েছিলেন। এরপর পরিবারটি বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ নেয়। সেসময় গবেষক জিলং কিউ তাদের ‘বেস এডিটিং’ নামে অত্যাধুনিক জিন সম্পাদনা প্রযুক্তির মাধ্যমে চিকিৎসার প্রস্তাব দেন। এটি এমন একটি প্রযুক্তি, যা এখনো বিশ্বজুড়ে পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে এবং মানুষের ওপর এর ব্যবহার খুবই সীমিত।   সায়েন্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, কিউ নিজেও স্বীকার করেছিলেন যে খুব কম গবেষকই এই প্রযুক্তিতে দক্ষ। তবে তিনি অভিভাবকদের আশ্বস্ত করেছিলেন যে তিনি এ ক্ষেত্রে বিশ্বের শীর্ষ গবেষকদের একজন। জিন থেরাপিতে সাধারণত বিশেষ ধরনের ভাইরাস ব্যবহার করে কোষে জিন পৌঁছে দেওয়া হয়। কিন্তু মেইয়ের ক্ষেত্রে লক্ষ্য ছিল মস্তিষ্ক, যেখানে পৌঁছাতে রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক (ব্লাড-ব্রেন ব্যারিয়ার) বড় বাধা হিসেবে কাজ করে। সে কারণে চিকিৎসায় বিপুল পরিমাণ ভাইরাস শরীরে প্রবেশ করাতে হয়েছিল।   প্রতিবেদন অনুযায়ী, মানুষের ওপর এই চিকিৎসা প্রয়োগের আগে গবেষককে ইঁদুর ও বানরের ওপর সফল পরীক্ষা দেখাতে হতো। কিউ পরিবারকে জানান, ইঁদুরের পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে। পরে তিনি বানরের মস্তিষ্কের কিছু ছবি দেখিয়ে দাবি করেন, চিকিৎসাটি নিরাপদ এবং কার্যকর।   তবে সায়েন্স যখন স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে সেই তথ্য ও ছবি পর্যালোচনা করায়, তারা ছবিগুলোকে পর্যাপ্ত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য মনে করেননি। পারডু বিশ্ববিদ্যালয়ের জীবরসায়নবিদ ডেভিড স্যান্ডার্স বলেন, উপস্থাপিত তথ্য এতটাই দুর্বল ছিল যে এর ভিত্তিতে মানুষের ওপর পরীক্ষা চালানোর মতো আত্মবিশ্বাস তৈরি হওয়ার কথা নয়।   আরও উদ্বেগজনক বিষয় হলো, মেইয়ের চিকিৎসার এক মাস আগে একই থেরাপি দেওয়া চারটি বানরের সবারই মাঝারি থেকে গুরুতর লিভারের ক্ষতি হয়। তাদের মধ্যে একটির কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এটি জিন থেরাপির পরিচিত ও প্রাণঘাতী জটিলতা ‘থ্রমবোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি’-র লক্ষণ হতে পারে।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিকিৎসা চালিয়ে নিতে গবেষক দলের পক্ষ থেকে পরিবারকে বিভিন্ন ফাউন্ডেশন, গবেষণা প্রতিষ্ঠান এমনকি গবেষণা দলের কয়েকজন সদস্যের ব্যক্তিগত হিসাবেও অর্থ পাঠাতে বলা হয়। এর মধ্যে একটি গবেষণাগারের দায়িত্বে থাকা এক গবেষককে সরাসরি এক লাখ ৩০ হাজার ডলার দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। এসব লেনদেন নিয়ে পরিবারের মধ্যেও ধীরে ধীরে উদ্বেগ তৈরি হয়।   ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চিকিৎসকরা পরিবারকে জানান, মেইয়ের সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে ভাইরাসবাহী উপাদানের বিরুদ্ধে শরীরে আগে থেকে অ্যান্টিবডি থাকা। তা ছাড়া চিকিৎসাটি ‘তুলনামূলকভাবে নিরাপদ’ বলেও তাদের আশ্বস্ত করা হয়। পরের মাসে মেইয়ের মেরুদণ্ডের তরলে বিপুল পরিমাণ ভাইরাস প্রবেশ করিয়ে চিকিৎসা শুরু হয়, যাতে তা মস্তিষ্কে পৌঁছাতে পারে। চিকিৎসার কয়েক দিনের মধ্যেই মেইয়ের জ্বর দেখা দেয়। এরপর তার প্রস্রাব বন্ধ হয়ে যায়, যা কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত ছিল। দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরদিন তার মৃত্যু হয়।   হাসপাতালের জরুরি নৈতিকতা কমিটির তদন্তে সিদ্ধান্ত হয়, চিকিৎসাজনিত জটিলতার কারণেই মেইয়ের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে থ্রমবোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথির কথা উল্লেখ করা হয়, যা বানরের পরীক্ষাতেও দেখা গিয়েছিল।   এ ঘটনার পর হাসপাতালকে প্রায় ৩ হাজার ৬০০ ডলার জরিমানা করা হয়। আর যে চিকিৎসক পরিবারকে চিকিৎসাটি তুলনামূলক নিরাপদ বলেছিলেন, তাকে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়। এদিকে মেইয়ের পরিবার গবেষক জিলং কিউকে তার গবেষণাপত্র প্রত্যাহারের অনুরোধ জানায়। শুরুতে তিনি রাজি হলেও পরে পরিবারের সঙ্গে আর যোগাযোগ রাখেননি। পরবর্তীতে আন্তর্জাতিক সাময়িকী নেচার কিউর গবেষণাপত্র প্রকাশ করে। তবে সেখানে মেইয়ের মৃত্যুর কোনো উল্লেখ ছিল না। পরিবার বিষয়টি নেচার কর্তৃপক্ষকে জানালেও সাময়িকীটি জানায়, অভিযোগগুলো তথ্যের নির্ভুলতার আওতার বাইরে পড়ে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ নেওয়া উচিত।   সায়েন্স-এর প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যেই সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন জানিয়েছে, তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।   এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গবেষণায় নৈতিকতা, রোগীর সম্মতি, পরীক্ষামূলক চিকিৎসার নিরাপত্তা এবং গবেষণার তদারকি নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ ইতোমধ্যে নেচারে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য ও ছবিগুলোর স্বাধীনভাবে পুনর্মূল্যায়নেরও দাবি জানিয়েছেন।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২৩:৬
ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর নর্থ ডাকোটায় দায়ের হয়েছে নতুন মামলা। ছবি: সংগৃহীত
চিকিৎসা সেবার নামে চরম প্রতারণা: রোগীদের অজান্তে নিজের শুক্রাণু ব্যবহারের অভিযোগে কাঠগড়ায় মার্কিন চিকিৎসক

যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে একজন উর্বরতা বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ এনে দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, রোগীর সম্মতি ছাড়াই সন্তান ধারণের চিকিৎসার সময় তিনি দাতার শুক্রাণুর পরিবর্তে নিজের শুক্রাণু ব্যবহার করেছিলেন। বহু বছর পর ডিএনএ পরীক্ষায় বিষয়টি প্রকাশ্যে আসে।   দ্য ফোরাম অব ফার্গো-মুরহেড-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুলাই ওয়ার্ড কাউন্টি আদালতে দায়ের করা মামলায় টাশিনা গ্রিভস, জানাই নেলসন রেমন্ড এবং তাদের মা জিন অ্যান নেলসন বাদী হয়েছেন।   মামলার অভিযোগ অনুযায়ী, ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে সন্তান ধারণে সমস্যার কারণে জিন অ্যান নেলসন চিকিৎসক ডেনিস লুটজের শরণাপন্ন হন। চিকিৎসার অংশ হিসেবে তিনি কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে গর্ভধারণ করেন।   প্রথমবার গর্ভধারণের পর গর্ভপাত হলেও পরবর্তী দুটি গর্ভধারণে ১৯৮৫ সালের ১৪ ফেব্রুয়ারি টাশিনা গ্রিভস এবং ১৯৮৬ সালের ২২ মে জানাই নেলসন রেমন্ডের জন্ম হয়। সে সময় লুটজ নর্থ ডাকোটার মিনোট শহরে চিকিৎসা করতেন।   মামলায় বলা হয়েছে, চিকিৎসক নেলসনকে জানিয়েছিলেন যে, তার স্বামী ওয়ারেন নেলসনের শুক্রাণুর সঙ্গে একজন দাতার শুক্রাণু মিশিয়ে ব্যবহার করলে স্বামীর জিনগত বৈশিষ্ট্য বহনকারী সন্তান হওয়ার সম্ভাবনা বাড়বে।   তবে বাদীপক্ষের দাবি, এই ব্যাখ্যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আরও গুরুতর অভিযোগ হলো, দাতার শুক্রাণু ব্যবহার না করে চিকিৎসক নিজের শুক্রাণুই ব্যবহার করেন এবং বিষয়টি কখনোই রোগীকে জানাননি।   মামলার ভাষ্য অনুযায়ী, এটি কোনো ভুল, দুর্ঘটনা বা চিকিৎসাগত সিদ্ধান্ত ছিল না; বরং রোগীর অধিকার সম্পর্কে সচেতন থেকেও ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে। সম্প্রতি ডিএনএ পরীক্ষা করার পর টাশিনা গ্রিভস ও জানাই নেলসন রেমন্ড জানতে পারেন, তাদের জৈবিক বাবা আসলে চিকিৎসক ডেনিস লুটজ। বাদীপক্ষের আইনজীবীরা জানান, এই তথ্য জানার পর দুই নারী এবং তাদের মা গভীর মানসিক আঘাত, পরিচয়সংকট এবং আবেগগত ক্ষতির শিকার হয়েছেন।   মামলায় আরও দাবি করা হয়েছে, ডিএনএ পরীক্ষায় আরও কয়েকজন সম্ভাব্য সৎ ভাইবোনের অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। এতে আশঙ্কা করা হচ্ছে, একই চিকিৎসকের মাধ্যমে অন্য রোগীদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগপত্রে বলা হয়েছে, এই ঘটনা শুধু তিনজন বাদীর অধিকার লঙ্ঘনের বিষয় নয়; বরং একই সময়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া অন্য রোগীরাও একই ধরনের ঘটনার শিকার হয়ে থাকতে পারেন, যা গভীর উদ্বেগের বিষয়।   ডেনিস লুটজের বিরুদ্ধে প্রতারণা, চিকিৎসাগত অননুমোদিত হস্তক্ষেপ, রোগীর প্রতি বিশ্বাসভঙ্গ, ইচ্ছাকৃত মানসিক ক্ষতি এবং জৈবিক পিতৃত্ব গোপন করার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।   বাদীপক্ষের আইনজীবী কেলেন বুবাক এক বিবৃতিতে বলেন, “এই মামলার মূল বিষয় হলো রোগীর সম্মতি, প্রজনন-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার, চিকিৎসকের প্রতি আস্থা এবং সন্তানদের নিজেদের জৈবিক পরিচয় ও চিকিৎসা-ইতিহাস জানার অধিকার।”   তিনি আরও বলেন, “অভিযোগগুলো চিকিৎসা সেবার সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলোর একটির সঙ্গে জড়িত। নেলসন পরিবার শুধু জবাবদিহি নিশ্চিত করতেই সামনে আসেনি, তারা আশঙ্কা করছে অন্য পরিবারও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।”   এ কারণে এ ধরনের ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তার আইন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। মামলায় বাদীপক্ষ ৫০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ এবং জুরি বিচারের আবেদন জানিয়েছে। আদালতের নথি অনুযায়ী, বর্তমানে ডেনিস লুটজ নিউ মেক্সিকোতে বসবাস করেন। তিনি ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটার মেডিকেল স্কুলের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।   বিশ্ববিদ্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট ডেভিড ডডস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে লুটজ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভাগের প্রধান। তবে তিনি বলেন, মামলার মাধ্যমে প্রকাশিত অভিযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয় আগে জানত না। ব্যক্তিগত আইনি বিষয় বা কর্মী-সংক্রান্ত বিষয়ে মন্তব্য না করার নীতির কারণে এ মুহূর্তে তাদের আর কোনো বক্তব্য নেই।   অন্যদিকে, লুটজের আইনজীবীর কাছে গণমাধ্যমের পক্ষ থেকে প্রতিক্রিয়া চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি বিচারাধীন রয়েছে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২২:৫৩
অ্যারিজোনায় প্রসাধনী চুরির মামলায় অভিযুক্ত দুই বোন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৩ দোকান থেকে ৭৫ হাজার ডলারের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী সামগ্রী বিক্রির জনপ্রিয় সুপারশপ 'আল্টা বিউটি'-র ১৩টি শাখায় একের পর এক চুরির ঘটনা ঘটেছে। এই অভিনব কায়দায় চুরির মাধ্যমে ৭৫ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের প্রসাধনী লোপাটের অভিযোগে দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'এজেডফ্যামিলি' এবং 'গ্রে নিউজ'-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দুই নারীর নাম ইভোন বুইত্রাগো-কাবরেরা এবং ইয়োরাইমা বুইত্রাগো-কাবরেরা। তারা মূলত কলম্বিয়ার নাগরিক। পুলিশ জানিয়েছে, চলিত জুলাই মাসের শুরুর দিকে মাত্র তিন দিনে এই দুই বোন অ্যারিজোনার বিভিন্ন আল্টা বিউটি স্টোরে সাধারণ ক্রেতা সেজে প্রবেশ করেন। এরপর বড় ব্যাগে প্রসাধনী পুরে কাউন্টারে কোনো মূল্য পরিশোধ না করেই সটকে পড়েন।   ফিনিক্স পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অ্যারিজোনা এবং ক্যালিফোর্নিয়া দুই অঙ্গরাজ্য মিলিয়ে এই দুই বোনের বিরুদ্ধে মোট ১ লাখ ৫৫ হাজার ডলারেরও বেশি মূল্যের পণ্য চুরির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। চুরির ঘটনার প্রাথমিক মামলার পর তদন্তে নেমে পুলিশ আরও চার জায়গায় চুরির তথ্য উদ্ধার করে। কেবল কসমেটিকস শপ নয়, ল্যাকোস্টে, অ্যাডিডাস, পুমা এবং ক্রোকসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমেও এই দুই নারী চুরির ঘটনার সাথে জড়িত ছিলেন বলে প্রমাণ মিলেছে।   বর্তমানে দুই বোনকে অ্যারিজোনায় সংঘটিত চুরির ঘটনায় ৯টি সুসংগঠিত রিটেইল অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের জামিনের জন্য ৭৫ হাজার ডলারের নগদ বন্ড ধার্য করেছেন আদালত। অ্যারিজোনার আইন অনুযায়ী, এটি ক্লাস-৪ পর্যায়ের গুরুতর অপরাধ, যার শাস্তি হিসেবে এক থেকে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।   আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ কার্ল ডে লা গুয়েরা এই ধরনের অপরাধ প্রসঙ্গে বলেন, এই ধরনের শোরুমগুলোতে চুরির ঘটনা এত ঘনঘন ঘটে যে তা ঠেকানো খুচরা বিক্রেতাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সেন্টারিং অন শ্যাডো ইকোনমিক্সের সিইও ও ফিনিক্স পুলিশের সাবেক সার্জেন্ট ডেভিড লেক জানান, তামাক, অ্যালকোহল ও ওষুধের মতো প্রসাধনী সামগ্রী বাজারে দ্রুত ও চড়া দামে পুনর্বিক্রি করা যায় বলে অপরাধীরা এগুলোকে বেশি নিশানা বানায়।   ডেভিড লেক আরও বলেন, সংগঠিত চুরির প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানের বাইরেও ছড়িয়ে পড়ে। পণ্যের ক্ষতি পুষিয়ে নিতে না পেরে অনেক সময় কর্মচারীরা চাকরি হারান এবং পুরো এলাকা থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো।   চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে অ্যারিজোনার মেরিকোপা কাউন্টি অ্যাটর্নি অফিসে ৩৪৪টি সংগঠিত চুরির মামলা জমা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিশেষ টাস্কফোর্স গঠন করে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২২:৪০
ট্রেসি ব্রুমফিল্ডের জীবন বদলে দেয় এক সড়ক দুর্ঘটনা
'ঐ দুর্ঘটনা না হলে আজ বাঁচতাম না' পাহাড়ে গাড়ি বিধ্বস্তে হাসপাতালে গিয়ে চমকে গেলো দম্পতি

মিশিগানের মেট্রো ডেট্রয়েটের বাসিন্দা ট্রেসি ব্রুমফিল্ডের জীবন বদলে দেয় এক সড়ক দুর্ঘটনা। ৩৪ বছর বয়সে মন্টানায় পার্টনার সাথে রোড ট্রিপে গিয়েছিলেন তিনি। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ঘুরে পশ্চিম উপকূলের দিকে যাওয়ার সময় বৃষ্টিতে রাস্তায় পানি জমে গাড়ি স্কিড করে পাহাড়ের সাথে ধাক্কা খায়।     দুর্ঘটনার পর দুজনকেই আপাতদৃষ্টিতে ঠিক মনে হলেও বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে যান ট্রেসি। সিটি স্ক্যানে দেখা গেল, দুর্ঘটনায় কোনো আঘাত না থাকলেও অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) একটি ভর (মাস) রয়েছে। এটি ছিল 'সলিড সিউডোপ্যাপিলারি টিউমার', অগ্ন্যাশয়ের অত্যন্ত বিরল এক ধরনের টিউমার। মেডিক্যাল জার্নাল রেডিওপিডিয়ার তথ্যমতে, এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক টিউমারের মাত্র ১ থেকে ২ শতাংশ হয় এই টিউমার। বেশিরভাগ ক্ষেত্রেই এই টিউমার সৌম্য (বেনাইন) হলেও প্রায় ১৫ শতাংশ ক্ষেত্রে তা মারাত্মক (ম্যালিগন্যান্ট) হতে পারে। ট্রেসির সার্জন জানান, সময়মতো অপসারণ না করলে টিউমারটি ক্যান্সারে রূপ নিতে পারত। ভাগ্যক্রমে অস্ত্রোপচারের মাধ্যমে পুরো টিউমারটি অপসারণ করা সম্ভব হয়। তবে অগ্ন্যাশয়ের অর্ধেক অংশ কেটে ফেলায় পরবর্তীতে ডায়াবেটিসে আক্রান্ত হন তিনি। অস্ত্রোপচারের পর তিন মাসের মধ্যেই সেরে ওঠেন ট্রেসি। কিন্তু এই সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়—দুর্ঘটনা, টিউমার আবিষ্কার, অস্ত্রোপচার এবং একই সময়ে বাবার মৃত্যু। নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে ট্রেসি বলেন, 'আমি পুরোপুরি ভাগ্যবান বোধ করছি যে গাড়ি দুর্ঘটনাটি ঘটেছিল এবং টিউমারটি আবিষ্কৃত হয়েছিল।' সম্প্রতি থ্রেডস অ্যাকাউন্টে পেটের দাগের ছবি শেয়ার করে তিনি লেখেন, 'অন্তত একটি মজার গল্প তো আছে!'     চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, প্যানক্রিয়াসের টিউমার প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ দেয় না বলে তা শনাক্ত করা কঠিন। ট্রেসির মতো আকস্মিক আবিষ্কারই অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচিয়ে দেয়। এই ঘটনা নিয়মিত চিকিৎসা পরীক্ষার গুরুত্ব ও সচেতনতার বার্তা দেয় বলেও মনে করছেন তারা।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২২:৩৮
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর
চীন-আমেরিকা টানাপোড়েনের মাঝে, ঢাকায় ট্রাম্পের ঘনিষ্ঠ দূত সার্জিও গোর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা সফরে আসছেন। এটি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশটিতে কোনো মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সফর । তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন তিনি । গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং বর্তমানে তিনি ভারতেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন । তার এই সফরকে বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি চীন সফরের পরিপ্রেক্ষিতে । জুন মাসে চীন সফরে প্রতিরক্ষা, শিল্প ক্লাস্টার স্থাপন এবং তিস্তা নদীর উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পে সম্মত হয়েছে বাংলাদেশ । ওয়াশিংটনের উদ্বেগের মূল কারণ চীনের এই ক্রমবর্ধমান প্রভাব এবং সম্প্রতি চীনের আগ্রহ মিয়ানমারের সাথে একটি অর্থনৈতিক করিডোর স্থাপনে ।   যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ চীন বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলে নৌ ও সামুদ্রিক সুবিধা স্থাপনে আগ্রহী, যা ওয়াশিংটনের জন্য অত্যন্ত উদ্বেগজনক । বিশেষ দূত গোর এই ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে চাইবেন । পাশাপাশি, ডিজিটাল খাতে চীনের আধিপত্য প্রতিষ্ঠা রোধ করাও ওয়াশিংটনের অন্যতম লক্ষ্য । এর অংশ হিসেবে সম্প্রতি স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড’ (এআরটি)-এর ডিজিটাল খাত সংশ্লিষ্ট ধারা বাস্তবায়নে চাপ দিতে পারেন তিনি । এই চুক্তি অনুযায়ী, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডিজিটাল পণ্যের প্রতি বৈষম্যমূলক কোনো পদক্ষেপ নিতে পারবে না । ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক দেলওয়ার হোসেন মনে করেন, এই সফরে গোর মূল্যায়ন করবেন কীভাবে বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক নীতির অগ্রাধিকারের সাথে সঙ্গতিপূর্ণ । অন্যদিকে, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি আরোপিত ১০ শতাংশ মার্কিন শুল্ক প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর জন্য নীতি সংস্কারের দাবি জানানোর ওপর গুরুত্ব দিয়েছেন ।     সফরের শেষ দিন বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন । পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন । রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করবেন গোর । পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই সফর নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করছে ‘আমেরিকা বাংলা’।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২২:২০
নিউইয়র্কের একটি স্কুলে ব্যবহারের জন্য পরিকল্পিত এআইচালিত মানবাকৃতির রোবট ‘স্যালি’। ছবি: সংগৃহীত
৬০ হাজার ডলারের রোবট শিক্ষক নিয়ে বিতর্ক, নিউইয়র্কে থমকে গেল এআই রোবট শিক্ষক চালুর উদ্যো

শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি স্কুলে ৬০ হাজার ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মানবাকৃতির রোবট ব্যবহারের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। রোবটটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বাস্তবধর্মী যৌন পুতুল তৈরির একটি প্রতিষ্ঠানের সম্পর্ক এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের সালামাঙ্কা সিটি সেন্ট্রাল স্কুল ডিস্ট্রিক্ট তাদের উচ্চবিদ্যালয়ে ‘স্যালি’ নামে একটি এআইচালিত মানবাকৃতির রোবট ব্যবহারের পরিকল্পনা করেছিল। সেনেকা নেশন অব ইন্ডিয়ানস সংরক্ষিত এলাকার এই স্কুল ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের আশা ছিল, রোবটটি রোবোটিক্স ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।   প্রায় ৬০ হাজার ডলার মূল্যের স্থির অবস্থানে ব্যবহারের উপযোগী এই রোবটটির লম্বা কালো চুল রয়েছে এবং এটি রিয়েলবোটিক্স (Realbotix) নামের একটি প্রতিষ্ঠানের তৈরি। স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট মার্ক বিহলার জানান, রোবটটি শিক্ষার্থীদের বিভিন্ন প্রযুক্তিগত বিষয় বুঝিয়ে দিতে পারবে। যেমন, কোনো শিক্ষার্থী যদি ‘আরডুইনো’ বোর্ড প্রোগ্রামিংয়ে সমস্যায় পড়ে, তাহলে রোবটটি তা ব্যাখ্যা করতে সক্ষম হবে। পাশাপাশি শিক্ষার্থীরা রোবটটির রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের প্রক্রিয়াও কাছ থেকে শিখতে পারবে।   তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য কোনো শিক্ষককে প্রতিস্থাপন করা নয়। বরং এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ, যার অংশ হিসেবে ভার্চুয়াল এআই সহকারী এবং বাড়িতে বসে শিক্ষার্থীদের জন্য এআইভিত্তিক সহায়ক শিক্ষাসেবাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রকল্পটির খবর প্রকাশ্যে আসার পরই অভিভাবক ও শিক্ষক মহলের একাংশ উদ্বেগ প্রকাশ করেন। তাদের আশঙ্কা ছিল, রোবটটি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করতে পারে।   যদিও স্কুল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, রোবটটি কোনো শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করবে না এবং অডিও বা ভিডিওও ধারণ করবে না। এদিকে শিক্ষক ইউনিয়নের নেতারা আরেকটি বিষয় সামনে আনেন। তাদের অভিযোগ, রিয়েলবোটিক্সের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে বাস্তবধর্মী যৌন পুতুল উৎপাদনকারী প্রতিষ্ঠান রিয়েলডলের মালিকানাগত সম্পর্ক রয়েছে।   নিউইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্সের সভাপতি মেলিন্ডা পারসন বলেন, “যে প্রতিষ্ঠানের সঙ্গে যৌন পুতুল তৈরির ব্যবসার সম্পর্ক রয়েছে, তাদের তৈরি রোবটের শ্রেণিকক্ষে কোনো স্থান হওয়া উচিত নয়।” সমালোচনার জবাবে রিয়েলবোটিক্স জানিয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো তথ্য এনক্রিপ্টেড থাকবে এবং সেগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্কুল ডিস্ট্রিক্টের হাতেই থাকবে।   প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, ‘স্যালি’ কোনো বিদ্যমান যৌন পুতুলকে পরিবর্তন করে তৈরি করা হয়নি। এটি সম্পূর্ণ নতুনভাবে শিক্ষা খাতের জন্য তৈরি একটি বিশেষ রোবট। রিয়েলবোটিক্স জানায়, তাদের বর্তমান ব্যবসার মূল লক্ষ্য স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য বাণিজ্যিক খাতে এআইচালিত মানবাকৃতির রোবট তৈরি করা। যদিও প্রতিষ্ঠানটি ইন্টিমা এলএলসির সঙ্গে যুক্ত, আর ওই প্রতিষ্ঠানের মালিকানার অংশ রয়েছে যৌন পুতুল নির্মাতা রিয়েলডলে।   বিতর্কের মধ্যে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সালামাঙ্কা সিটি সেন্ট্রাল স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এ সময়ে তারা স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে আরও আলোচনা করবে এবং শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় আরও কঠোর গোপনীয়তা চুক্তি চূড়ান্ত করবে। এরপরই প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২২:২০
পেনসিলভানিয়ায় জন্ম নেওয়া বিরল দুই মাথার ক্রেস্টেড গেকো। ছবি: সংগৃহীত
এক দেহে দুই মাথা, সব শঙ্কা উড়িয়ে সুস্থভাবে বেড়ে উঠছে বিরল গেকো

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জন্ম নেওয়া বিরল দুই মাথার একটি গেকো টিকে থেকে বিস্ময় সৃষ্টি করেছে। জন্মের পর এর দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হলেও, চার সপ্তাহ পার করে এখন সুস্থভাবে বেড়ে উঠছে প্রাণীটি। এর দুটি মাথার নাম রাখা হয়েছে ‘সাইমন’ ও ‘গারফাঙ্কেল’।   নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব পেনসিলভানিয়ার সরীসৃপ প্রজনন প্রতিষ্ঠান ‘রকস্টার গেকোস’-এ গত ২৯ জুন এই বিরল গেকোটির জন্ম হয়। জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির ভিডিও প্রকাশ করলে তা দ্রুতই ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।   প্রতিষ্ঠানটি জানায়, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় এ ধরনের ঘটনা মাত্র দ্বিতীয়বার ঘটেছে। সাধারণত এ ধরনের প্রাণী দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না। তবু শুরু থেকেই বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একটি প্রাণীর একাধিক মাথা নিয়ে জন্মানোর ঘটনাকে ‘পলিসেফালি’ বলা হয়। ভ্রূণের বিকাশের সময় জিনগত ত্রুটি বা পরিবেশগত বিভিন্ন কারণে এমনটি ঘটতে পারে।   দুই মাথার প্রাণীর ক্ষেত্রে প্রতিটি মাথার আলাদা মস্তিষ্ক থাকে। তবে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ তারা যৌথভাবে নিয়ন্ত্রণ করে। এ কারণে চলাফেরা, খাবার গ্রহণ কিংবা দিক নির্ধারণে অনেক সময় সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দুটি মাথা ভিন্ন দিকে যেতে চাইলে চলাফেরা অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে, যা বন্য পরিবেশে তাদের টিকে থাকার সম্ভাবনা আরও কমিয়ে দেয়।   তবে সাইমন ও গারফাঙ্কেলের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। রকস্টার গেকোস জানিয়েছে, শুরুতে দুটি মাথা কখনও কখনও ভিন্ন দিকে যেতে চাইলেও ধীরে ধীরে তারা চলাফেরায় সমন্বয় তৈরি করেছে। এখন পর্যন্ত কোনো মাথাকেই অন্যটির ওপর প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। সাম্প্রতিক হালনাগাদ তথ্যে প্রতিষ্ঠানটি জানায়, গেকোটির বয়স এখন চার সপ্তাহ। ওজন মাত্র ১ দশমিক ৮ গ্রাম হলেও এটি স্বাভাবিকভাবে খাবার খেতে পারছে। দুটি মাথাই আলাদাভাবে কোনো সহায়তা ছাড়াই খাবার গ্রহণ করছে।   আরও একটি স্বস্তির বিষয় হলো, গেকোটির মাথা দুটি এমনভাবে অবস্থান করছে যে তারা একে অপরকে আক্রমণ করতে পারে না। ফলে নিজেদের মধ্যে সংঘাতের ঝুঁকিও নেই। নিউ ক্যালেডোনিয়ার স্থানীয় এই প্রজাতির ক্রেস্টেড গেকো পূর্ণবয়সে সাধারণত ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং ওজন হয় ৩৫ থেকে ৪৫ গ্রাম। তবে দুই মাথার এই গেকোটি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে কি না, তা জানতে এখনও আরও সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।   প্রাণীপ্রেমীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে গেকোটির জন্য শুভকামনা জানাচ্ছেন। অনেকেই শুরু থেকেই এর বেড়ে ওঠার খবর অনুসরণ করছেন। কেউ কেউ আশা প্রকাশ করেছেন, বিরল এই প্রাণীটি সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করবে। রকস্টার গেকোস জানিয়েছে, গেকোটির পাঁচ সপ্তাহ পূর্ণ হলে তারা আবারও এর নতুন অবস্থা সবার সঙ্গে ভাগ করে নেবে।   বিশেষজ্ঞরা বলছেন, দুই মাথার প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় সাপ ও কচ্ছপের মধ্যে। তবে মাছ, শূকর, ছাগলসহ বিভিন্ন প্রাণীর মধ্যেও অতীতে পলিসেফালির ঘটনা নথিভুক্ত হয়েছে। তবু সুস্থভাবে বেড়ে ওঠা এমন প্রাণীর সংখ্যা খুবই কম।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২২:১
ওহাইওতে আলোচিত হত্যা মামলার শুনানিতে অভিযুক্ত স্যামুয়েল হকস্টেটলার। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে তরুণীকে ধর্ষণের পর হত্যা, এরপর পরিবারকে শেষকৃত্যের সহায়তার প্রস্তাব আমিস যুবকের

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ২৮ বছর বয়সী এক নারীকে যৌন সহিংসতার সময় হত্যা করার অভিযোগে ১৯ বছর বয়সী এক যুবক আদালতে দোষ স্বীকার করেছেন। মামলার বিচার শুরুর মাত্র কয়েক দিন আগে তিনি আদালতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই স্বীকারোক্তি দেন। পরে আদালত তাকে ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।   পিপল ম্যাগাজিন, মেইগস কাউন্টি প্রসিকিউটরস অফিস এবং কোর্ট টিভির তথ্য অনুযায়ী, ওহাইওর রাটল্যান্ড এলাকার বাসিন্দা স্যামুয়েল হকস্টেটলার ২০২৫ সালে ২৮ বছর বয়সী রোজানা কিনসিঙ্গারের মৃত্যুর ঘটনায় ‘অ্যাগ্রাভেটেড মার্ডার’ বা গুরুতর হত্যার অভিযোগে দোষ স্বীকার করেন। মামলার বিচার ২৭ জুলাই জুরি বোর্ডের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ এবং শ্বাসরোধের অভিযোগও আনা হয়েছিল। তবে আদালতের সঙ্গে হওয়া সমঝোতার অংশ হিসেবে তিনি গুরুতর হত্যার অভিযোগে দোষ স্বীকার করেন।   প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ মার্চ রোজানা কিনসিঙ্গারের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে, তার সম্মতি ছাড়া যৌন নির্যাতনের সময় এমনভাবে তাকে চেপে ধরা হয়েছিল যে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান। কোর্ট টিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন হকস্টেটলার ও কিনসিঙ্গার অন্য কয়েকজনের সঙ্গে একটি গ্রিনহাউস নির্মাণকাজে অংশ নিয়েছিলেন। তদন্তে জানা যায়, হকস্টেটলার আগে কয়েকবার কিনসিঙ্গারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তাতে আগ্রহ দেখাননি।   প্রসিকিউটর জেমস স্ট্যানলি আদালতে জানান, তদন্তে পাওয়া প্রমাণে দেখা গেছে, যৌন সহিংসতার সময় অভিযুক্ত ভুক্তভোগীর মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে। পরদিন ১৩ মার্চ রোজানা কিনসিঙ্গারের মরদেহ তার ট্রেলারবাড়ি থেকে উদ্ধার করা হয়। কর্মস্থলে তিনি উপস্থিত না হওয়ায় পরিচিতজনেরা খোঁজ নিতে গিয়ে বিষয়টি জানতে পারেন।   মামলার সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি ছিল ঘটনার পর অভিযুক্তের আচরণ। প্রসিকিউটরদের দাবি, রোজানার মৃত্যুর খবর তিনিই প্রথম তার বাবাকে জানান। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের শেষকৃত্যের প্রস্তুতিতে সহায়তার প্রস্তাবও দেন। প্রসিকিউটর জেমস স্ট্যানলি আদালতে বলেন, রোজানার বাবা-মা ও ভাইবোন জানতেই পারেননি যে যাকে তারা ঘরে স্বাগত জানিয়েছিলেন এবং শোকের মুহূর্তে পাশে পেয়েছিলেন, তিনিই তাদের স্বজন হত্যার জন্য দায়ী।   রায়ের পর আদালত স্যামুয়েল হকস্টেটলারকে ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে সহিংস অপরাধী এবং তৃতীয় স্তরের যৌন অপরাধী হিসেবে সরকারি নিবন্ধনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে আদালতে অভিযুক্ত নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান। তার আইনজীবী দাবি করেছিলেন, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না এবং এটি একটি দুর্ঘটনা। এছাড়া মামলার শুরুতে আদালত তার দেওয়া স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয় বলে যে সিদ্ধান্ত দিয়েছিল, সেটিই পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে দোষ স্বীকারের পথ তৈরি করে।   আদালতে হকস্টেটলার বলেন, "আমি যা করেছি, তার জন্য আমি দুঃখিত। যদি অতীতে ফিরে গিয়ে অন্যভাবে জীবন গড়তে পারতাম। আমি কতটা অনুতপ্ত, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।"

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২১:৫২
আকস্মিক হামলার জবাব হিসেবে এই সামরিক অভিযান
ব্যালিস্টিক হামলার জবাবে ইরানে সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়িয়েছে। ইরানের ভূখণ্ডে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মঙ্গলবার ইরানের পক্ষ থেকে চালানো এক সিরিজ আকস্মিক হামলার জবাব হিসেবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে পেন্টাগন সূত্রে জানা গেছে।  খবরটি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা। তাঁদের ভাষ্য অনুযায়ী, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবারের ঘটনার পর থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অবস্থানও জোরদার করা হয়েছে। যদিও এখন পর্যন্ত হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা স্পষ্ট নয়।     যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপের মধ্যেই তেলের দাম আবারও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা বৈশ্বিক অর্থনীতির জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তেহরানের কূটনৈতিক সূত্রগুলো এই হামলাকে 'আগ্রাসন' হিসেবে আখ্যায়িত করেছে।    এই প্রতিবেদন পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। সিরিজ হামলার পর পুরো অঞ্চলজুড়ে বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি এড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে বলে জানা গেছে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২১:৪৮
দুই বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়েছে কানসাসের দুই কিশোর। ছবি: সংগৃহীত
দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় মা ও ভাই, একই দিনে এবার মোটরসাইকেল দুর্ঘটনায় বাবাকেও হারাল দুই শিশু

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে মাত্র দুই বছরের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা ও বাবাকে হারিয়েছে দুই কিশোর। আরও মর্মান্তিক বিষয় হলো, দুই দুর্ঘটনাই ঘটেছে একই তারিখে, ২৭ জুলাই। এই ঘটনায় ১১ ও ১৪ বছর বয়সী দুই ভাই এখন বাবা-মা দুজনকেই হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।   মার্কিন সংবাদমাধ্যম কেডব্লিউসিএইচ (KWCH)-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) রাতে ৪৬ বছর বয়সী গুয়েরেরো মোরেনো জুনিয়র কানসাসের ভ্যালি সেন্টারের উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। সেডগউইক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, একটি এসইউভি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।   এই দুর্ঘটনার ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ২৭ জুলাই, কানসাস টার্নপাইকে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান তার স্ত্রী এরিন মোরেনো। তিনি ভ্যালি সেন্টার স্কুল জেলার একজন শিক্ষক ছিলেন। সেই দুর্ঘটনায় মোরেনো দম্পতির ১৭ বছর বয়সী এক ছেলেও নিহত হয়েছিল। ফলে দুই বছরের ব্যবধানে এই পরিবার চার সদস্য থেকে নেমে এসেছে মাত্র দুই সদস্যে। বর্তমানে পরিবারের বেঁচে থাকা দুই ছেলে, যাদের বয়স ১১ ও ১৪ বছর, বাবা-মা দুজনকেই হারিয়ে গভীর শোকের মধ্যে রয়েছে।   পরিবারটির সহায়তায় অনলাইনে একটি গোফান্ডমি তহবিল খোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, অল্প বয়সেই এত বড় ক্ষতির মুখোমুখি হওয়া দুই শিশুর জন্য এই পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক। তহবিল সংগ্রহের বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, গুয়েরেরো মোরেনো জুনিয়রের জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল তার দুই ছেলে। এখন তারা এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে বাবা-মা দুজনকেই ছাড়াই বড় হতে হবে।   এই তহবিল থেকে গুয়েরেরো মোরেনো জুনিয়রের শেষকৃত্যের ব্যয় বহনের পাশাপাশি দুই শিশুর তাৎক্ষণিক প্রয়োজন এবং ভবিষ্যতের শিক্ষা ও জীবনযাপনের খরচে সহায়তা করার পরিকল্পনা রয়েছে।   ঘটনাটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। একই পরিবারের ওপর এত অল্প সময়ের ব্যবধানে এমন দুটি মর্মান্তিক দুর্ঘটনা যুক্তরাষ্ট্রজুড়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২১:৪১
আমেরিকার জনপ্রিয় পাইকারি খুচরা বিক্রেতা কোস্টকো হোলসেল কর্পোরেশন
কসকোতে কেনাকাটা করেছেন? ১৪ মিলিয়ন ডলারের নিষ্পত্তি থেকে টাকা পেতে পারেন

আমেরিকার জনপ্রিয় পাইকারি খুচরা বিক্রেতা কোস্টকো হোলসেল কর্পোরেশন ১৪ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে একটি মামলার নিষ্পত্তিতে। অভিযোগ ছিল, প্রমোশনাল ইমেইলের সাবজেক্ট লাইনে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে গ্রাহকদের জরুরি কেনাকাটার চাপ তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি যদিও কোনো দোষ স্বীকার করেনি, তবে এড়িয়ে যাওয়ার ঝামেলা এড়াতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। 'মাইকেল আলান্ড বনাম কোসকো হোলসেল কর্পোরেশন' শীর্ষক এই মামলার প্রাথমিক শুনানি হয়েছে ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে। মামলার অভিযোগ, ২০২১ সালের ২ জুন থেকে ২০২৬ সালের ৭ জুলাইয়ের মধ্যে কোস্টকো যে সমস্ত প্রমোশনাল ইমেইল পাঠিয়েছে, তার সাবজেক্ট লাইনে লেখা ছিল "আজ সদস্য-এক্সক্লুসিভ সঞ্চয়ের শেষ দিন" অথবা "হট বাই শুধুমাত্র ৫ দিনের জন্য উপলব্ধ" — যা আসলে শেষ সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রতিষ্ঠানটি অভিযোগ জানায়, বিক্রয় শেষ হওয়ার সময় পেরিয়ে গেলেও প্রমোশনগুলো বাড়ানো হত।     ওয়াশিংটনের কমার্শিয়াল ইলেকট্রনিক মেইল অ্যাক্ট ও কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয় এই মামলায়। ওই আইন অনুযায়ী, বিভ্রান্তিকর বাণিজ্যিক ইমেইল পাওয়া প্রতি ইমেইলের জন্য সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে। তবে এই নিষ্পত্তি থেকে প্রতিজন কত টাকা পাবেন, তা নির্ভর করবে কতজন বৈধ দাবি জানান তার ওপর। যেহেতু মোট তহবিল নির্দিষ্ট, তাই বেশি লোক দাবি জানালে প্রত্যেকের ভাগ কমবে। ওয়াশিংটন রাজ্যের বাসিন্দা যাঁরা নিম্নলিখিত শর্ত পূরণ করেন, তাঁরাই এই নিষ্পত্তির আওতায় পড়তে পারেন: ২০২১ সালের ২ জুন থেকে ২০২৬ সালের ৭ জুলাইয়ের মধ্যে কোস্টকো বা তাদের পক্ষ থেকে কোনো বাণিজ্যিক ইমেইল পেয়েছেন,ইমেইল পাওয়ার সময় ওয়াশিংটন রাজ্যের বাসিন্দা ছিলেন,ইমেইল ঠিকানাটি কোস্টকোর রেকর্ডে সংরক্ষিত ছিল।   যোগ্য ব্যক্তিদের ২০২৬ সালের ২৪ আগস্টের মধ্যে একটি দাবিপত্র (ক্লেইম ফর্ম) জমা দিতে হবে। এজন্য কোনো কেনাকাটার রসিদ বা অতিরিক্ত প্রমাণের প্রয়োজন নেই। দাবি জানানোর সবচেয়ে দ্রুত উপায় হলো অনলাইনে ওয়াশিংটনকমার্শিয়ালইমেইলসেটেলমেন্ট ডটকম-এ গিয়ে ফর্ম পূরণ করা। যাঁরা ইতিমধ্যে ইমেইলে নোটিফিকেশন পেয়েছেন, তাঁরা সেখানে উল্লেখিত ক্লেইম আইডি ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না জানালে কোনো অর্থই পাওয়া যাবে না। এই নিষ্পত্তি এখনও চূড়ান্ত নয়। আদালতের অনুমোদন পেতে হবে, যার শুনানি ২০২৬ সালের ২ অক্টোবর সিয়াটলে অনুষ্ঠিত হবে। তবেই অর্থ বিতরণ করা সম্ভব। যাঁরা এই নিষ্পত্তির আওতায় পড়েন কিন্তু দাবি জানান না, তাঁরা ভবিষ্যতে কোস্টকোর বিরুদ্ধে এই একই বিষয়ে আলাদা মামলা করতে পারবেন না। অন্যদিকে, যাঁরা আলাদাভাবে মামলা করার অধিকার সংরক্ষণ করতে চান, তাঁদের ২৪ আগস্টের মধ্যে এই নিষ্পত্তি থেকে বেরিয়ে যেতে হবে (অপ্ট-আউট)।   মামলার নথি অনুযায়ী, এই মামলার সম্ভাব্য ক্লাস সদস্যের সংখ্যা প্রায় ৩৩ লাখ ৪০ হাজার। তবে সবাই দাবি জানাবেন না, তাই প্রকৃত অর্থপ্রাপ্তির পরিমাণ এখনও অনিশ্চিত। এই নিবন্ধের তথ্য ফক্স বিজনেস ও আদালতের নথির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২১:৩৩
১৪ মাসের শিশু হেনরি ব্রাউন। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় ১৪ মাসের শিশুকে নির্মম নির্যাতনে হত্যা, মা ও প্রেমিকের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার মা ও মায়ের প্রেমিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। শিশুটির শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন পাওয়া গেলেও আগে থেকেই তার নিরাপত্তা নিয়ে অভিযোগ ওঠার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল বলে মামলার নথিতে উঠে এসেছে।   দ্য প্রেস-এন্টারপ্রাইজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সান বার্নার্ডিনো কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক আলেকজান্ডার আর. মার্টিনেজ এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে ৩৬ বছর বয়সী সামান্থা ভিক্টোরিয়া গারভারকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি স্বেচ্ছাকৃত হত্যাকাণ্ড (Voluntary Manslaughter) এবং গুরুতর শারীরিক ক্ষতি সাধনকারী শিশু নির্যাতনের অভিযোগে দোষ স্বীকার করেছিলেন।   অন্যদিকে, ৩৪ বছর বয়সী সার্জিও ভিনসেন্ট মেনা দ্বিতীয়-ডিগ্রির হত্যাকাণ্ড এবং গুরুতর শারীরিক ক্ষতি সাধনকারী শিশু নির্যাতনের অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত তাকে ২১ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১ অক্টোবর ক্যালিফোর্নিয়ার বিগ বেয়ার এলাকার সুগারলোফে অবস্থিত বাড়ি থেকে ১৪ মাসের হেনরি হুইটলি ব্রাউনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে পোড়া ও আঘাতের অসংখ্য চিহ্ন ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।   রায় ঘোষণার পর সান বার্নার্ডিনো কাউন্টি জেলা অ্যাটর্নির কার্যালয় এক বিবৃতিতে জানায়, কোনো সাজাই ছোট্ট হেনরিকে ফিরিয়ে আনতে পারবে না কিংবা তার ওপর চালানো নির্যাতনের কষ্ট মুছে দিতে পারবে না। তবে এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে এবং দোষীরা আর কোনো শিশুর ক্ষতি করতে পারবে না।   তদন্তে উঠে এসেছে, হেনরির নিরাপত্তা নিয়ে মৃত্যুর আগেই একাধিকবার অভিযোগ করা হয়েছিল। শিশুটির পিতামহী স্টেফানি ডানকান জানান, হেনরির জন্মের পর তিনি অন্তত ছয়বার শিশু ও পরিবার সেবা বিভাগে অভিযোগ করেছিলেন। কিন্তু তার অভিযোগ গুরুত্ব পায়নি। ডানকানের ভাষ্য, হেনরিকে নিয়মিত তাদের বাড়িতে দেখাশোনা করা হতো। তিনি বলেন, শিশুটি প্রায়ই নোংরা বোতল, পর্যাপ্ত পোশাক বা ডায়াপার ছাড়া আসত। ২০২৩ সালের জুনে হেনরির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে তিনি পুলিশে খবর দেন।   একজন শেরিফের ডেপুটি শিশুটিকে পরীক্ষা করে জানান, যে বয়সের শিশু হাঁটতেও শেখেনি, তার শরীরে এ ধরনের আঘাত স্বাভাবিক নয়। এরপর তিনি বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও হেনরিকে তার মা ও মেনার কাছেই থাকতে দেওয়া হয়। তদন্ত নথিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর সামান্থা গারভার জানিয়েছিলেন, তিনি রাতে বাইরে যাওয়ার সময় হেনরিকে সার্জিও মেনার কাছে রেখে যান। অথচ তিনি জানতেন, মেনা দুই দিন ধরে না ঘুমিয়ে মাদক সেবন করছিলেন।   মেনা পরে তদন্তকারীদের জানান, তিনি মাদক গ্রহণের সময় হেনরিকে চলমান গরম পানির বাথটাবে রেখে দেন। পরদিন সকালে বাড়ি ফিরে গারভার দেখতে পান, শিশুটির যৌনাঙ্গ ও পায়ের নিচের অংশে মারাত্মক দগ্ধের চিহ্ন রয়েছে। তদন্তকারীদের ধারণা, তাকে অত্যন্ত গরম পানিতে ডুবিয়ে দেওয়ার কারণেই এসব আঘাতের সৃষ্টি হয়।   মামলার নথি অনুযায়ী, গুরুতর আহত অবস্থায়ও হেনরিকে প্রায় ১২ ঘণ্টা চিকিৎসা দেওয়া হয়নি। শুধু একটি অ্যালার্জির ওষুধ খাওয়ানো হয়। এরপর রাত ৮টার দিকে জরুরি সেবা নম্বরে ফোন করা হয়। প্রাথমিকভাবে অভিযুক্তরা দাবি করেছিলেন, ফোন করার ২০ মিনিট আগে শিশুটির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তবে তদন্তকারীদের বিশ্বাস, তার মৃত্যু আরও আগেই হয়েছিল।   ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হেনরির শরীরে বিভিন্ন সময়ে সৃষ্ট আঘাতের চিহ্ন ছিল। এর আগে তার একটি হাত স্থানচ্যুত হয়েছিল এবং কয়েকটি দাঁতও ভেঙে পড়েছিল।   মামলাটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আদালতের নথি অনুযায়ী, সামান্থা গারভার ২০১৩ সালেও শিশু নির্যাতনের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেই মামলায় আদালতের নির্দেশনা পুরোপুরি পালন না করায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবুও পরবর্তী সময়ে তিনি কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যান এবং শিশু সুরক্ষা সংস্থার একাধিক অভিযোগের পরও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২১:২৯
সিস্যাটসের স্বয়ংক্রিয় সমুদ্র ড্রোনের ধারণ করা চীনা যুদ্ধজাহাজের দৃশ্য। ছবি: সংগৃহীত
ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে চীনা যুদ্ধজাহাজের ভিডিও প্রকাশ, আলোচনায় মার্কিন ড্রোন

ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি সমুদ্রে অবস্থানরত একটি চীনা যুদ্ধজাহাজের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সামুদ্রিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিস্যাটস (Seasats)। প্রতিষ্ঠানটির দাবি, তাদের স্বয়ংক্রিয় সমুদ্র ড্রোনের ধারণ করা এই ভিডিও বেসরকারি কোনো মার্কিন প্রতিষ্ঠানের প্রকাশিত এ ধরনের প্রথম ফুটেজ।   প্রতিষ্ঠানটির প্রকাশিত ৪২ সেকেন্ডের ভিডিওতে একটি চীনা নৌবাহিনীর টাইপ-০৫২ডি ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারকে ফিলিপাইনের লুজন দ্বীপ থেকে প্রায় ৬৫ মাইল দূরে বাশি চ্যানেলে ভাসতে দেখা যায়। রয়টার্স জাহাজটির ডেকের নকশা, সুপারস্ট্রাকচার, ক্রেন ও মাস্টের গঠন বিশ্লেষণ করে এটিকে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর টাইপ-০৫২ডি যুদ্ধজাহাজ হিসেবে শনাক্ত করেছে।   সিস্যাটস জানিয়েছে, তাদের 'লাইটফিশ' নামের মানববিহীন সমুদ্রযান (ইউএসভি) তাইওয়ান প্রণালিতে স্বয়ংক্রিয়ভাবে দীর্ঘ সময় পরিচালনার সক্ষমতা যাচাইয়ের একটি বাণিজ্যিক অভিযানে ছিল। ওই অভিযানের সময়ই এটি চীনা যুদ্ধজাহাজটির ভিডিও ধারণ করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ফ্লানিগান বলেন, তাদের ড্রোন চীনা যুদ্ধজাহাজের খুব কাছাকাছি গিয়ে ছবি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এমন তথ্য সংগ্রহ স্বয়ংক্রিয় সামুদ্রিক প্রযুক্তির কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।   মাত্র ১২ ফুট লম্বা 'লাইটফিশ' ড্রোনটি দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করতে পারে। এটি পানির নিচে ধ্বনিভিত্তিক সংকেত গ্রহণ করে সেগুলোকে রেডিও সংকেতে রূপান্তর করে স্যাটেলাইটের মাধ্যমে স্থলভাগের নিয়ন্ত্রণকেন্দ্রে পাঠায়। এছাড়া এটি যুদ্ধজাহাজের অবস্থান শনাক্ত, আবহাওয়া পর্যবেক্ষণ, সাবমেরিনের সঙ্গে যোগাযোগ, চোরাচালান ও অবৈধ মাছ ধরার কার্যক্রম নজরদারির মতো কাজও করতে পারে।   রয়টার্সের প্রশ্নের জবাবে চীন ওই নির্দিষ্ট যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ফিলিপাইন সরকার জানিয়েছে, তারা সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা বাড়াতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, বিশেষ করে কেউ যদি ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অনধিকার প্রবেশ করে।   সিস্যাটসের দাবি, এর আগেও তাদের ড্রোন একাধিকবার চীনা যুদ্ধজাহাজের মুখোমুখি হয়েছে। চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠানটি জানায়, 'লাইটফিশ' তাইওয়ান প্রণালি স্বয়ংক্রিয়ভাবে অতিক্রম করার সময় একাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত করে। তখন জাহাজগুলো স্বয়ংক্রিয় পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) বন্ধ রেখেছিল। এরপরও ড্রোনটি সেগুলো অনুসরণ করে ছবি সংগ্রহ করতে সক্ষম হয়।   প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, বর্তমানে উপগ্রহ নজরদারি অত্যন্ত উন্নত হলেও সমুদ্রে অনেক সময় জাহাজ নিজেদের অবস্থান গোপন রাখতে সক্ষম হয়। এ কারণে দীর্ঘপাল্লার স্বয়ংক্রিয় সমুদ্রযান উপকূলীয় রাডারের সীমার বাইরে থেকেও গুরুত্বপূর্ণ নজরদারি চালাতে পারে।   সান ডিয়েগোভিত্তিক সিস্যাটস ইতোমধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৪ কোটি ডলার এবং বিভিন্ন সরকারি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ১০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার জন্য স্বয়ংক্রিয় সমুদ্রযান তৈরি করছে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২১:১৮
ভাইরাল সংঘর্ষের পর আইনি জটিলতায় জড়ানো নিউইয়র্কের আবাসন ভবন। ছবি: সংগৃহীত
উচ্ছেদ ঠেকাতে আদালতের দরজায় পরিবার, নিউইয়র্কের অভিজাত আবাসনে জাতিগত বিদ্বেষ ও সংঘাতের জল গড়ালো বহুদূর

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের ইস্ট সাইডে অবস্থিত একটি যৌথ মালিকানাধীন আবাসিক ভবনে (কো-অপ) দীর্ঘদিনের অমীমাংসিত কোন্দল এবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে। জাতিগত বিদ্বেষ, দারোয়ানের সাথে মারামারি এবং পরবর্তীতে ফ্ল্যাট থেকে উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিজের ৫৭ বছর বয়সী সন্তানকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন এক বয়স্ক দম্পতি।   যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-এর এক প্রতিবেদনে ম্যানহাটন সুপ্রিম কোর্টে দায়ের করা নথির বরাত দিয়ে এই আইনি লড়াইয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। আদালতের নথি বিশ্লেষণ করে জানা যায়, ২০২৪ সালের অক্টোবরে আর্ভিং কার্টেন এবং ক্যারল কার্টেন দম্পতি ৩৩৯ ইস্ট ৫৮তম স্ট্রিটের একটি ১০ তলা ভবনের পেন্টহাউস ইউনিটটি প্রায় ৪ লাখ ডলারে কেনেন। লক্ষ্য ছিল তাঁদের ৫৭ বছর বয়সী ছেলে কেভিন কার্টেন সেখানে বসবাস করবেন। কেভিন পেশায় একজন ঠিকাদার এবং ফ্লোরিডায় তাঁর নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে। তবে ভবনে ওঠার পর থেকেই সেখানকার দারোয়ান লরেন্স মনটগোমারির সাথে তাঁর সম্পর্কের অবনতি ঘটে।   আইনি নথি অনুযায়ী, বিবাদের সূত্রপাত ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর, যখন কেভিন ভবন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘নিউ বেডফোর্ড ম্যানেজমেন্ট’-এর কাছে দারোয়ান লরেন্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ইহুদি ধর্মাবলম্বী কেভিন দাবি করেন, লরেন্স ইচ্ছা করে তাঁর চিঠি বা পার্সেল আটকে রাখতেন, তাঁর প্রেমিকাকে না জানিয়ে স্পর্শ করেছিলেন এবং ক্রমাগত বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করতেন।   অভিযোগের ঠিক পরদিনই, অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ভবনের ভেতরেই দুজনের মধ্যে এক তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে, যা ক্যামেরায় রেকর্ড হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দারোয়ান লরেন্স ফোন উঁচিয়ে কেভিনের মুখের সামনে ধরলে কেভিন সেটি থাপ্পড় দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এর পরপরই লরেন্স তাকে আঘাত করেন, যার ফলে কেভিনের চোখে গুরুতর জখম হয়। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে কেভিনকেও একাধিকবার অসংবেদনশীল ও আপত্তিকর বর্ণবাদী শব্দ ব্যবহার করতে এবং দারোয়ানের মোবাইল ফোন কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মারতে দেখা যায়।   ঘটনার পর পুলিশ এসে উভয়কেই গ্রেপ্তার করে। দারোয়ান লরেন্সের বিরুদ্ধে শারীরিক আক্রমণ ও আক্রমণের চেষ্টা এবং কেভিনের বিরুদ্ধে সম্পদের ক্ষতি ও হেনস্তার অভিযোগ আনা হয়। আদালতের আদেশে মামলাটি আপাতত গোপনীয় রাখা হয়েছে।   এই ঘটনার পর কো-অপ পরিচালন পর্ষদ দারোয়ান লরেন্সের পাশে দাঁড়ায় এবং ২০২৫ সালের ৩১ অক্টোবর কেভিনকে সতর্কীকরণ নোটিশ পাঠায়। এতে বলা হয়, ভবনের শান্তি বজায় না রাখলে তাঁকে অযোগ্য বাসিন্দা হিসেবে গণ্য করা হবে। তবে কার্টেন পরিবারের আইনজীবী এর বিরোধিতা করে জানান, কো-অপ কর্তৃপক্ষ ঘটনার কোনো সঠিক তদন্ত করেনি এবং জাতিগত বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।   সমস্যার এখানেই শেষ নয়; কেভিনের সাথে প্রতিবেশীদেরও বিরোধ তৈরি হয়। কেভিনের পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা কো-অপ পর্ষদের সদস্য ছিলেন। কার্টেন পরিবারের দাবি, টেরাসে গাছ রাখা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ওই পর্ষদ সদস্যের স্ত্রী কেভিনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন।   সবশেষ পরিস্থিতির অবনতি ঘটে যখন গত ২২ জুলাই কো-অপ পরিচালন পর্ষদ একটি জরুরি সভা ডেকে কার্টেন পরিবারের ইজারা বাতিল, তাঁদের শেয়ার নিলামে বিক্রি এবং কেভিনকে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার নোটিশ জারি করে। নোটিশে পর্ষদ সদস্যকে হেনস্তার অস্পষ্ট অভিযোগ আনা হলেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে দাবি কার্টেন পরিবারের।   উচ্ছেদের বিরুদ্ধে কার্টেন পরিবার জরুরিভিত্তিতে আদালতের আশ্রয় নিলে ম্যানহাটনের এক বিচারক আগামী ১২ আগস্ট পর্যন্ত পর্ষদের উচ্ছেদ প্রস্তাবের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কার্টেন পরিবার মামলায় চুক্তির শর্ত ভঙ্গ এবং বৈষম্যমূলক আচরণের জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে।   উভয় পক্ষের আইনি লড়াই ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই আবাসন এলাকার বিষয়টি এখন নিউ ইয়র্কের স্থানীয় রাজনীতি ও আইনি অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২১:৭
সম্প্রতি আইসিই কর্মকর্তারা চেক-ইন কাউন্টার ও বোর্ডিং গেটে প্লেইনক্লথে অবস্থান নিয়ে অভিযান চালাচ্ছেন
গ্রিনকার্ড থাকলেও বিমানবন্দরে আইসিই'র হাতে আটক হতে পারেন যাত্রীরা, যা জানা জরুরি

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অভিবাসন কর্মকর্তাদের অভিযান এখন নতুন মাত্রা পেয়েছে। শুধু অবৈধ অভিবাসীরাই নন, বৈধ ভিসা ও গ্রিনকার্ডধারীদেরও তল্লাশির মুখে পড়তে হচ্ছে। অন্তত ১৫টি বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। যাত্রীদের বাড়তি সতর্কতা দিচ্ছেন অভিবাসন আইনজীবীরা। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের ভেতরে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠলেও ঝুঁকি এড়াতে পারেন না কেউ। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বিমানবন্দরে এক মা ও তাঁর মেয়েকে আটকের ঘটনা ভাইরাল হয়েছে। অন্যদিকে টেক্সাসে কানাডার এক নাগরিক ও তাঁর প্রতিবন্ধী মেয়েকে আটক করা হয়েছে বলে জানা গেছে।     বিশেষজ্ঞরা বলছেন, ভিসা নবায়ন বা গ্রিনকার্ডের আবেদন প্রক্রিয়াধীন থাকলেও বিমানে চড়া এড়িয়ে চলা উচিত। কারণ সম্প্রতি আইসিই কর্মকর্তারা চেক-ইন কাউন্টার ও বোর্ডিং গেটে প্লেইনক্লথে অবস্থান নিয়ে অভিযান চালাচ্ছেন। যদিও সরকারি ভাষ্য অনুযায়ী তাঁরা টিএসএ’র সহায়তায় যাত্রী প্রবাহ নিয়ন্ত্রণে কাজ করছেন, তবে তাঁদের অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। আমেরিকার বিমানবন্দরগুলোর এই পরিস্থিতি তৈরি হয়েছে গত ফেব্রুয়ারি থেকে। তখন টিএসএ’র প্রায় ৫০ হাজার কর্মী বিনাবেতনে কাজ করছিলেন, যার কারণে নিরাপত্তা জট লেগেছিল। সেই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প আইসিই কর্মীদের বিমানবন্দরে মোতায়েনের নির্দেশ দেন। যদিও অভিযান বাড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তবে আইনজীবীরা বলছেন, শান্ত থাকা ও নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া জরুরি।   সবশেষে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন প্রবাসী নেতারা। বৈধ কাগজপত্র সব সময় সঙ্গে রাখা, অপ্রয়োজনে ভ্রমণ এড়ানো এবং কোনো আইসিই কর্মকর্তার মুখোমুখি হলে নীরব থাকার অধিকার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২১:৫
দক্ষিণ ফ্রান্সে নৌভ্রমণের সময় ক্যাটি পেরি ও জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত
নৌভ্রমণে ক্যাটি পেরির বুকে সানস্ক্রিন মেখে দিলেন জাস্টিন ট্রুডো, ফ্রান্সে ধরা পড়ল প্রেমের অন্য রূপ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা ক্যাটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দক্ষিণ ফ্রান্সে একসঙ্গে অবকাশযাপনের নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নৌভ্রমণের সময় দুজনের আন্তরিক মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ার পর সেসব ছবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।   ডেইলি এক্সপ্রেস ইউএসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে বেরিয়েছিলেন এই তারকা জুটি। সে সময় ক্যাটি পেরিকে রোদ থেকে সুরক্ষিত রাখতে তার শরীরে সানস্ক্রিন মাখিয়ে দিতে দেখা যায় জাস্টিন ট্রুডোকে। নৌকায় বসে দুজনকে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ সময় কাটাতে, একসঙ্গে ছবি তুলতে এবং আলাপচারিতায় মগ্ন থাকতে দেখা গেছে।   সেদিন ক্যাটি পেরির পরনে ছিল হালকা নীলাভ-সবুজ রঙের পোশাক। এর সঙ্গে তিনি পরেছিলেন ক্যাট-আই সানগ্লাস, সোনালি কানের দুল ও স্যান্ডেল। অন্যদিকে ট্রুডোকে দেখা যায় জলপাই রঙের শার্ট, খয়েরি প্যান্ট ও আরামদায়ক জুতা পরিহিত অবস্থায়।   এই অবকাশযাপনকে অনেকেই তাদের সম্পর্কের এক বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে দেখছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে কানাডার মন্ট্রিয়ালে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। একই বছরের ডিসেম্বরে জাপানের টোকিও সফরের ছবি প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন ক্যাটি পেরি। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও জনসমক্ষে একাধিকবার একসঙ্গে উপস্থিত হয়েছেন তারা।   গত মাসে নিউইয়র্কের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে ক্যাটি পেরির কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘ক্যাটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর, লাইভ ফ্রম প্যারিস’-এর প্রিমিয়ারেও একসঙ্গে অংশ নেন তারা। সেই অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ট্রুডোকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ বলে উল্লেখ করেন পেরি। তিনি বলেন, জীবনের প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ এনে দেয় এবং এই সম্পর্ক তাকে আরও স্থির ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।   পেরি আরও জানান, ২০২৫ সালে দীর্ঘ সময় ধরে চলা তার ‘লাইফটাইমস ট্যুর’ শেষ করার পর তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ অনুভব করছেন। তার ভাষায়, জীবনের বিশেষ একজন মানুষের উপস্থিতি তাকে মানসিকভাবে দৃঢ় ভিত্তি দিয়েছে এবং সেটি তার ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলেছে।   অন্যদিকে, ট্রুডো বর্তমানে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্বে নেই। দায়িত্ব ছাড়ার পর ব্যক্তিগত জীবন নিয়ে আগের তুলনায় বেশি সময় দিচ্ছেন তিনি। ক্যাটি পেরির সঙ্গে তার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বিনোদনমাধ্যমে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হলেও এ বিষয়ে দুজনই খুব সীমিত মন্তব্য করেছেন।   দক্ষিণ ফ্রান্সে তাদের সাম্প্রতিক নৌভ্রমণের ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তদের একাংশ তাদের নতুন ছবিকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও, অনেকেই তারকা এই জুটির ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য করছেন।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২০:৫৫
কাট দ্য কাটলারি
নিউ জার্সিতে ১ আগস্ট থেকে প্লাস্টিকের কাঁটাচামচ ও চামচ নিষিদ্ধ, যা জানা জরুরি

পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে নিউ জার্সি রাজ্য। আগামী ১ আগস্ট থেকে রাজ্যজুড়ে সব রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং খাদ্য পরিবেশক প্রতিষ্ঠানকে প্লাস্টিকের কাটলারি, কন্ডিমেন্ট প্যাকেট এবং ন্যাপকিন স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করা বন্ধ করতে হবে । "স্কিপ দ্য স্টাফ" (Skip the Stuff) নামে পরিচিত এই নতুন আইনটি গ্রাহকদের সুনির্দিষ্ট অনুরোধ ছাড়া এই ধরনের একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । ২০২৬ সালের জানুয়ারিতে সিনেট বিল এস৩১৯৫ (S3195) হিসেবে পাস হওয়া এই আইনটি নিউ জার্সির পরিবেশ সচেতনতার ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক । ইতিপূর্বে ২০২২ সালে রাজ্যটি প্লাস্টিকের শপিং ব্যাগ এবং পলিস্টাইরিনের খাবারের পাত্র নিষিদ্ধ করেছিল । নতুন আইনে খাবারের অর্ডারের সময় নিম্নলিখিত নিয়মগুলি কার্যকর হবে:  টেকআউট বা ডেলিভারির ব্যাগে আর স্বয়ংক্রিয়ভাবে প্লাস্টিকের কাটলারি বা কন্ডিমেন্ট প্যাকেট রাখা যাবে না। গ্রাহককে সেটি সুনির্দিষ্টভাবে চাইতে হবে । অনলাইন অর্ডারে পরিবর্তন: অনলাইনে অর্ডারের ক্ষেত্রে সেটিংস 'কাটলারি বা কন্ডিমেন্ট ছাড়া' রাখা হবে। পেতে হলে গ্রাহককে সক্রিয়ভাবে অপ্ট-ইন করতে হবে । ডাইন-ইনে বাধ্যবাধকতা: যেসব রেস্তোরাঁয় ১০ বা তার বেশি আসন রয়েছে, সেখানে বসে খাওয়ার জন্য পুনঃব্যবহারযোগ্য ধাতব কাটলারি সরবরাহ করতে হবে । স্ব-সেবা ব্যবস্থা: আলাদা প্যাকেটে না বেঁধে, খোলা ডিসপেনসার থেকে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী কাটলারি নিতে পারবেন । এই আইনের কিছু ব্যতিক্রমও রয়েছে। প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় (কে-১২), স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কাউন্টি ও রাজ্যের কারাগার, এবং প্রাক-প্যাকেটজাত খাবারের সাথে প্রস্তুতকালীন সংযুক্ত কাটলারি এই নিয়মের আওতার বাইরে থাকবে । এছাড়া, ফুড কোর্টের দোকানগুলোকে ২০২৮ সালের ১ আগস্ট পর্যন্ত এই আইন মেনে চলার জন্য সময় দেওয়া হয়েছে ।   আইন অমান্য করলে জরিমানার বিধান রাখা হয়েছে। প্রথমবার অমান্য করলে সতর্কতা, দ্বিতীয়বার অমান্য করলে ১০০ ডলার এবং তৃতীয় ও পরবর্তী প্রতিটি অমান্য করলে ২৫০ ডলার জরিমানা দিতে হবে । এই জরিমানার অর্থ 'ক্লিন কমিউনিটিজ প্রোগ্রাম ফান্ডে' জমা হবে, যা আবর্জনা পরিষ্কার ও সচেতনতা বৃদ্ধিতে ব্যবহৃত হবে । রাজ্য কর্তৃপক্ষ এই নতুন আইন সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে 'কাট দ্য কাটলারি' শীর্ষক একটি প্রচারাভিযান শুরু করেছে । নিউ জার্সি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশনের  মতে, এই আইনের লক্ষ্য অপচয় হ্রাস করা এবং রাস্তাঘাট ও জলাশয় থেকে অব্যবহৃত প্লাস্টিক দূর করা । নিউ জার্সি কনজারভেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যালিসন মিচেল বলেছেন, "একটি সরল ও বুদ্ধিমান পদক্ষেপের মাধ্যমে আমরা অযথা প্লাস্টিক দূষণ কমাতে পারি এবং ব্যবসায়ীদেরও খরচ বাঁচাতে সাহায্য করতে পারি" । শেষ পর্যন্ত, নিউ জার্সির বাসিন্দাদের এখন খাবার অর্ডার করার সময় প্লাস্টিকের কাটলারি ও কন্ডিমেন্টের প্রয়োজন আছে কিনা তা নিয়ে সচেতন হতে হবে এবং সেটি আলাদাভাবে অনুরোধ করতে হবে। নতুন নিয়ম মেনে চলতে এবং অভ্যস্ত হতে বিশেষজ্ঞরা কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন ।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২০:৪৬
৩৭ সন্তানের সঙ্গে পল ও জিন ব্রিগসের পরিবারের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত
৫ সন্তানের স্বপ্ন থেকে ৩৭ সন্তানের পরিবার, দত্তক নিয়েই বদলে দিলেন অসহায় শিশুদের জীবন

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার এক দম্পতির পরিবার এখন ৩৭ সন্তানের। তবে এত বড় পরিবার গড়ার পরিকল্পনা তাদের কখনোই ছিল না। জীবনের বিভিন্ন সময়ে অসহায় ও পরিত্যক্ত শিশুদের আশ্রয় দিতে দিতে আজ তারা হয়ে উঠেছেন ৩৭ সন্তানের মা-বাবা।   মার্কিন সাময়িকী পিপল-এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে পল ও জিন ব্রিগস দম্পতির ব্যতিক্রমী জীবনের গল্প। ১৯৭৬ সালে বিয়ের পর তারা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিকই, কিন্তু একসময় তাদের পরিবারে ৩৭ সন্তান হবে, এমন কল্পনাও করেননি।   বর্তমানে ৭১ বছর বয়সী পল ব্রিগস তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেন। তার স্ত্রী ৬৯ বছর বয়সী জিন ব্রিগস দীর্ঘদিন ধরে পুরো পরিবারের দেখভাল করছেন। তাদের মোট ৩৭ সন্তানের মধ্যে পাঁচজন জৈবিক সন্তান এবং ৩২ জন দত্তক নেওয়া। সন্তানদের বয়স ১০ থেকে ৪৭ বছরের মধ্যে।   পল ব্রিগস বলেন, কখনোই নির্দিষ্ট সংখ্যক সন্তান নেওয়ার লক্ষ্য ছিল না। বরং সময়ের সঙ্গে এমন অনেক শিশুর মুখোমুখি হয়েছেন, যাদের একটি পরিবারের প্রয়োজন ছিল। সেই পরিস্থিতিগুলোই তাদের বারবার নতুন সন্তানকে পরিবারে স্বাগত জানাতে উদ্বুদ্ধ করেছে।   তাদের দত্তক নেওয়ার যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে। সে সময় তারা মেক্সিকো থেকে আব্রাহাম নামের এক শিশুকে দত্তক নেন। পরিত্যক্ত অবস্থায় পাওয়া ওই শিশুটি দৃষ্টিপ্রতিবন্ধী ছিল। বর্তমানে সে প্রাপ্তবয়স্ক হলেও বাবা-মায়ের সঙ্গেই থাকে। এরপর ধীরে ধীরে বিভিন্ন দেশ থেকে আরও অনেক শিশুকে দত্তক নেন তারা, যাদের অনেকেই বিশেষ চাহিদাসম্পন্ন বা অন্য পরিবারের কাছে দত্তক যাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম।   ব্রিগস দম্পতির ভাষ্য, তাদের ধর্মীয় বিশ্বাসও এ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা প্রতিটি দত্তক নেওয়ার আগে প্রার্থনা করতেন এবং মনে করতেন, যেসব শিশুকে নিয়ে তাদের মনে দৃঢ় বিশ্বাস জন্মাত, তারাই তাদের পরিবারের অংশ হওয়ার জন্য উপযুক্ত।   বর্তমানে পশ্চিম ভার্জিনিয়ার ফলিং ওয়াটার্সে পাঁচ হাজার বর্গফুটেরও বেশি আয়তনের বাড়িতে তাদের সঙ্গে ১৪ সন্তান বসবাস করছে। এত বড় পরিবার পরিচালনা করতে সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কেউ রান্নার প্রস্তুতিতে সাহায্য করে, কেউ খাবারের টেবিল সাজায়, কেউ আবার বাসার রক্ষণাবেক্ষণের কাজ করে।   জিন ব্রিগস পরিবারের প্রধান রাঁধুনি। রান্নায় সন্তানরাও তাকে সহযোগিতা করে। স্প্যাগেটি, গ্রিলড চিজ, স্যুপ কিংবা রাতের খাবারে সকালের নাশতার মেনু, সবই পরিবারের সদস্যদের পছন্দের তালিকায় রয়েছে। বড় পরিবারের জন্য রান্নার পরিমাণ ঠিক রাখতে তারা আলাদা পরিমাপের তালিকাও ব্যবহার করেন। পরিবারের আর্থিক ব্যয় মূলত পলের চাকরির আয় ও কর্মস্থলের বিভিন্ন সুবিধার মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন তিন সন্তানের জন্য সরকারি সহায়তাও পান তারা।   ২০০৫ সালে ইউক্রেনের একটি এতিমখানা থেকে ১৫ বছর বয়সে দত্তক নেওয়া হয় জোসেফকে। বর্তমানে তিনি মেরিল্যান্ডের একটি স্যামস ক্লাব শাখার ব্যবস্থাপক। তার ভাষায়, নতুন পরিবার পাওয়ার পরই তিনি প্রথমবারের মতো নিরাপদ আশ্রয়, পরিচ্ছন্ন পোশাক, আর ভালোবাসার অনুভূতি পেয়েছিলেন।   জোসেফসহ ব্রিগস পরিবারের ১৭ সন্তান ওয়ালমার্ট বা স্যামস ক্লাবে কর্মজীবন শুরু করেছেন। ওয়ালমার্টের শিক্ষা সহায়তা কর্মসূচির মাধ্যমে পরিবারের পাঁচ সদস্য উচ্চশিক্ষার জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও পেয়েছেন।   এদিকে তাদের বড় মেয়ে মেরি কেট জনসনও বাবা-মায়ের পথ অনুসরণ করেছেন। তার নিজের ১৪ সন্তানের মধ্যে চারজনকে তিনি ঘানা থেকে দত্তক নিয়েছেন। তিনি বাবা-মায়ের বাড়ি থেকে অল্প দূরেই থাকেন এবং বলেন, নতুন ভাইবোন পরিবারে আসার প্রতিটি মুহূর্তই ছিল আনন্দের।   দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতায় সন্তানদের জন্য কিছু নিয়মে নমনীয় হলেও পারিবারিক মূল্যবোধ ধরে রেখেছেন ব্রিগস দম্পতি। তাদের দাবি, বড় পরিবার হলেও সময়মতো সবাইকে নিয়ে গির্জায় পৌঁছানো বা পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করার ক্ষেত্রে তারা এখনো শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম।   আর ভবিষ্যতে আবারও কোনো শিশুকে দত্তক নেবেন কি না, এমন প্রশ্নে জিন ব্রিগস হাসতে হাসতে বলেন, যদি কোনো অসহায় শিশুর প্রয়োজন হয়, তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন, তবে এবার তিনি চান শিশুটি যেন নবজাতক না হয়।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ২০:৩৬
নিউইয়র্কের আবাসন সংকট মোকাবিলায় কুইন্সে ৬০০-এর বেশি সাশ্রয়ী ফ্ল্যাট, থাকছে ডে-কেয়ার ও ইনডোর পুল
নিউইয়র্কের আবাসন সংকট মোকাবিলায় কুইন্সে ৬০০-এর বেশি সাশ্রয়ী ফ্ল্যাট, থাকছে ডে-কেয়ার ও ইনডোর পুল

নিউইয়র্ক শহরের কুইন্সে একটি চমৎকার লোকেশনে শিগগিরই শত শত সাশ্রয়ী মূল্যের আবাসন সুবিধা আসতে যাচ্ছে। নিউইয়র্ক সিটি হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-এর কমিশনার ডিনা লেভি গত বুধবার এক ঘোষণায় জানান, হান্টার্স পয়েন্ট সাউথের একটি খালি জায়গায় 'দ্য ওরিয়ন' নামক নতুন এই বহুমুখী উন্নয়ন প্রকল্পটি নির্মাণ করা হবে।   শহরজুড়ে চলমান তীব্র আবাসন সংকট মোকাবিলার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই খালি জায়গাটিকে প্রায় ১ হাজার নতুন বাসস্থানে রূপান্তরিত করা হবে। কমিশনার লেভির তথ্যমতে, এর মধ্যে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬০০-এর বেশি ফ্ল্যাট অত্যন্ত নিম্ন থেকে মাঝারি আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে বরাদ্দ থাকবে। এছাড়া, সব নিউইয়র্কারদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থানের প্রতিশ্রুতি রক্ষার্থে এই প্রকল্পে ১৪৫টির বেশি সাপোর্টিভ হাউজিং ইউনিট বা সহায়তামূলক আবাসন অন্তর্ভুক্ত করা হয়েছে।   শুধু বাসস্থানই নয়, বাসিন্দাদের জীবনমান উন্নয়নে এই প্রকল্পে থাকছে নানা ধরনের নাগরিক সুবিধা। এখানে একটি ডে-কেয়ার সেন্টার, একটি ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট সেন্টার এবং একটি ইনডোর কমিউনিটি পুলের ব্যবস্থা থাকবে। ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট সেন্টারটিতে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের বিষয়েও সহায়তা করা হবে। তাছাড়া কেন্দ্রটি বিভিন্ন অনুষ্ঠান ও সভার জন্য একটি কমিউনিটি স্পেস বা সামাজিক মিলনায়তন হিসেবেও ব্যবহৃত হবে।   ইস্ট রিভারের জলসীমা ঘেঁষা হান্টার্স পয়েন্ট সাউথ মূলত ৩০ একর আয়তনের একটি শিল্প এলাকা ছিল। ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের বিড ব্যর্থ হওয়ার পর সিটি কর্মকর্তারা এই এলাকাটিকে একটি মিশ্র আয়ের আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেন।   নতুন এই 'দ্য ওরিয়ন' প্রকল্পটি মূলত বর্তমান মেয়র জোহরান মামদানির 'ব্লক বাই ব্লক' কর্মসূচির একটি অংশ। এই কর্মসূচির আওতায় আগামী দুই বছরে শহরে নতুন সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পগুলোতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ঠিক কবে নাগাদ এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। কাজ শুরু করার আগে ডেভেলপারদের সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে।

প্রকাশ : জুলাই ২৯, ২০২৬ ১৯:৪৪