- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার পর অধিকাংশ ক্রেতাই ১৫ বা ৩০ বছরের মর্টগেজ বা হোম লোনের পথ বেছে নেন। দীর্ঘমেয়াদি এই ঋণের ফলে মাসিক কিস্তির চাপ তুলনামূলক কম থাকলেও বছরের পর বছর সুদ পরিশোধ করতে হয়। তবে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা, নিয়মিত অতিরিক্ত ঋণ পরিশোধ এবং সঠিক কৌশল অনুসরণ করলে অনেক ক্ষেত্রেই ৩০ বছরের হোম লোন নির্ধারিত সময়ের অনেক আগেই পরিশোধ করা সম্ভব বলে জানিয়েছেন অধিকাংশ মর্টগেজ ল্যান্ডেররা। ব্যাংক অফ আমেরিকার মর্টগেজ ঋণ কর্মকর্তা রবার্ট মুলার জানিয়েছেন, দ্রুত ঋণমুক্ত হওয়ার অন্যতম কার্যকর উপায় হলো মাসিক কিস্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ সরাসরি ঋণের মূল অংশ বা প্রিন্সিপাল ব্যালেন্সে পরিশোধ করা। মূল ঋণের পরিমাণ দ্রুত কমে গেলে ভবিষ্যতে সেই অর্থের ওপর সুদও কম ধার্য হয়। ফলে মোট সুদের খরচ কমার পাশাপাশি ঋণের মেয়াদও উল্লেখযোগ্যভাবে কমে আসে। তিনি আরও জানান বছরে এক বা একাধিকবার অতিরিক্ত অর্থ প্রিন্সিপাল হিসেবে জমা দেওয়া যেতে পারে। বোনাস, ট্যাক্স রিফান্ড বা অন্য কোনো অতিরিক্ত আয়ের একটি অংশ এ কাজে ব্যবহার করা গেলে দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব পড়ে। আরেকটি জনপ্রিয় পদ্ধতি হলো ‘বাই-উইকলি পেমেন্ট’। এতে মাসে একবার পুরো কিস্তি পরিশোধের পরিবর্তে প্রতি দুই সপ্তাহে অর্ধেক কিস্তি দেওয়া হয়। এর ফলে বছরে মোট ২৬টি অর্ধেক কিস্তি বা ১৩টি পূর্ণ মাসিক কিস্তির সমপরিমাণ অর্থ পরিশোধ হয়। এতে প্রতি বছর একটি অতিরিক্ত কিস্তির সমপরিমাণ অর্থ ঋণের মূল অংশে চলে যায়, যা মর্টগেজের মেয়াদ কমাতে সহায়তা করতে পারে। তবে এই সুবিধা সব ঋণদাতা প্রতিষ্ঠান বা মর্টগেজ সার্ভিসার একইভাবে পরিচালনা করে না। তাই এ ধরনের পরিকল্পনা গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা জেনে নেওয়া উচিত। অতিরিক্ত অর্থ পরিশোধের সময় আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই অর্থ যেন ‘প্রিন্সিপাল অনলি পেমেন্ট’ হিসেবে প্রয়োগ হয়, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কিছু ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ভবিষ্যতের মাসিক কিস্তি হিসেবে সমন্বয় করা হতে পারে, ফলে ঋণের মূল পরিমাণ প্রত্যাশিত হারে কমবে না। একই সঙ্গে মর্টগেজ চুক্তিতে আগাম ঋণ পরিশোধের জন্য কোনো ‘প্রিপেমেন্ট পেনাল্টি’ বা অতিরিক্ত ফি রয়েছে কি না, সেটিও আগে যাচাই করা উচিত। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রচলিত আবাসিক মর্টগেজে এ ধরনের জরিমানা থাকে না, তবুও ঋণের ধরনভেদে ব্যতিক্রম থাকতে পারে। রবার্ট মুলার আরও জানান আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে একক কোনো কৌশল সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়। যাদের মর্টগেজের সুদের হার তুলনামূলক কম, তাদের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ঋণ পরিশোধের পরিবর্তে অবসরকালীন সঞ্চয়, বিনিয়োগ বা উচ্চ সুদের অন্যান্য ঋণ পরিশোধে ব্যবহার করা আর্থিকভাবে বেশি লাভজনক হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আয়, ব্যয়, সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য বিবেচনা করে প্রয়োজনে একজন আর্থিক পরামর্শকের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন তিনি। পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা, নিয়মিত অতিরিক্ত প্রিন্সিপাল পরিশোধ এবং সঠিক আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারলে অনেক ক্ষেত্রেই ৩০ বছরের হোম লোন ১০ বছর বা তার কাছাকাছি সময়ের মধ্যেও পরিশোধ করা সম্ভব হতে পারে। তবে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত আর্থিক সক্ষমতা, ধারাবাহিকতা এবং সুপরিকল্পিত বাজেট ব্যবস্থাপনা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থ ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের (ফোর্ট ওর্থ আইএসডি) বিরুদ্ধে মামলা করেছেন দীর্ঘদিনের শিক্ষিকা ও প্রশাসক শাইমা আলজুবি। সম্প্রতি একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে করা অতীতের কিছু পোস্টকে কেন্দ্র করে সেই নিয়োগ বাতিল করা হয়। এবার তিনি অভিযোগ করেছেন, তার মতপ্রকাশের স্বাধীনতা এবং সমান আইনি সুরক্ষার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি তার মুসলিম পরিচয় ও ফিলিস্তিনি বংশোদ্ভূত হওয়াও জেলা কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে দাবি করা হয়েছে মামলায়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৪-এর প্রতিবেদন অনুযায়ী, শাইমা আলজুবি দীর্ঘদিন ধরে ফোর্ট ওর্থ আইএসডিতে শিক্ষক ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। গত মে মাসে তাকে ওয়েস্টার্ন হিলস হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে জেলা কর্তৃপক্ষ। ফোর্ট ওর্থ আইএসডি জানায়, আলজুবির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অতীতে করা কিছু পোস্ট নিয়ে তদন্ত চলছিল। সেই তদন্তের কারণেই তার নিয়োগ বাতিল করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচিত পোস্টগুলোর মধ্যে ছিল কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর প্রতি সমর্থন, যুক্তরাষ্ট্রে শিশু অবস্থায় আসা অভিবাসীদের সুরক্ষা কর্মসূচি ‘ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা)’-এর পক্ষে মত এবং করোনা মহামারির সময় মাস্ক ব্যবহারের সমর্থনে লেখা পোস্ট। নিয়োগ বাতিলের পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়। গত মে মাসের শেষ দিকে বিভিন্ন ধর্মীয় নেতা, শিক্ষক এবং কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, অনলাইনে রক্ষণশীল গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় এক কমিউনিটি নেতা ফাদিয়া সালেম বলেন, এই ঘটনার মাধ্যমে অত্যন্ত উদ্বেগজনক বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ‘৮১৭ পডকাস্ট’-এর ইজে ক্যারিয়নের ভাষ্য, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টই মূল সমস্যা। অথচ বাস্তবে অনলাইনভিত্তিক ডানপন্থী প্রভাবশালীদের চাপ প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এদিকে ফেডারেল আদালতে দায়ের করা মামলায় আলজুবি আদালতের কাছে অন্তর্বর্তীকালীন আদেশ চেয়ে আবেদন করেছেন। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ওয়েস্টার্ন হিলস হাই স্কুলের প্রধান শিক্ষক পদে পুনর্বহালের নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মামলায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা এবং চতুর্দশ সংশোধনী অনুযায়ী সমান আইনি সুরক্ষার অধিকার তার ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বিষয়বস্তুর কারণে নয়, বরং অন্তত আংশিকভাবে তার মুসলিম পরিচয় এবং জাতিগত উৎস দ্বারা প্রভাবিত হয়েছে। অন্যদিকে ফোর্ট ওর্থ আইএসডি মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জেলা কর্তৃপক্ষের দাবি, এটি কর্মী-সংক্রান্ত গোপনীয় বিষয়। তবে এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, শাইমা আলজুবিকে ‘প্রিন্সিপাল প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর’ নামে জেলা পর্যায়ের একটি নেতৃত্বের পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন। কিন্তু আদালতে জমা দেওয়া নথিতে আলজুবির আইনজীবীরা দাবি করেছেন, এই পদটি বাস্তবে নতুন করে তৈরি করা হয়েছে এবং আলজুবি সেটি গ্রহণ করেননি। তার লক্ষ্য আগের ঘোষিত প্রধান শিক্ষক পদেই ফিরে যাওয়া। এখন আদালত ফোর্ট ওর্থ আইএসডির জবাব পাওয়ার পর অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মামলার ফলাফল শুধু আলজুবির কর্মজীবন নয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় বৈষম্য সংক্রান্ত বিতর্কেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সূত্র: ফক্স ৪, আদালতের নথি এবং ফোর্ট ওর্থ আইএসডির বিবৃতি।
ইউরোপের অন্যতম ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম। সাম্প্রতিক এক জনমিতিক (ডেমোগ্রাফিক) সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে বসবাসরত মুসলিম জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে ২৫ লাখের মাইলফলক অতিক্রম করেছে। স্পেনের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে এই পরিবর্তনকে একটি বড় রূপান্তর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্পেনের এই ক্রমবর্ধমান মুসলিম জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (অনূর্ধ্ব ৫০ শতাংশ) অংশই এখন দেশটির স্থায়ী নাগরিকত্ব লাভ করেছেন। তাঁদের একটি বড় অংশ স্পেনে জন্মগ্রহণ করেছেন এবং বাকিরা পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছেন। বিশ্লেষকেরা বলছেন, এই পরিসংখ্যান স্পষ্ট প্রমাণ করে যে মুসলিম সম্প্রদায় এখন আর কেবল অস্থায়ী অভিবাসী বা বহিরাগত জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই; বরং তারা স্পেনের মূলধারার সমাজ, রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে স্থায়ীভাবে মিশে গেছে। বর্তমানে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া, আন্দালুসিয়া এবং রাজধানী মাদ্রিদে মুসলিমদের বসতি ও ঘনত্ব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে এই সম্প্রদায় দেশটির দৈনন্দিন জীবনযাত্রা ও সামগ্রিক সমাজব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সমাজবিজ্ঞানীদের মতে, জনসংখ্যাগত এই রূপান্তর, সুনিয়ন্ত্রিত অভিবাসন নীতি এবং নতুন প্রজন্মের দ্রুত বিকাশের ফলে স্পেনের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে মুসলিম সম্প্রদায়ের এই শক্তিশালী উপস্থিতি আগামী বছরগুলোতে আরও বেশি দৃশ্যমান ও প্রভাবশালী হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ডলারের স্মারক মুদ্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। বুধবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। মূলত দেশের আড়াই শতক পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ মুদ্রার নকশা করা হয়েছে। গত অক্টোবরে প্রকাশিত প্রাথমিক খসড়ায় ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত এবং 'ফাইট, ফাইট, ফাইট' স্লোগান থাকলেও, চূড়ান্ত নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই মুদ্রার সামনের অংশে ট্রাম্পের ছবির পাশাপাশি 'লিবার্টি', 'ইন গড উই ট্রাস্ট' এবং '১৭৭৬-২০২৬' লেখা থাকবে। অপরদিকে মুদ্রার পেছনের অংশে প্রেসিডেন্সিয়াল সিল থেকে নেওয়া একটি টাক মাথার ঈগলের (বল্ড ঈগল) ছবি ব্যবহার করা হবে। নিজেকে মুদ্রায় দেখার এই উদ্যোগে ভীষণ আপ্লুত হয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এমন সম্মান পেয়ে তিনি অভিভূত, কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে জীবন্ত কারও ছবি মুদ্রায় স্থান পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তবে মার্কিন ট্রেজারি বিভাগের এই পদক্ষেপ নিয়ে এরই মধ্যে আইনি বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের মতে, ১৮৬৬ সালের মার্কিন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো কারেন্সিতে কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা বেআইনি। অবশ্য এই আইনটি কেবল ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংয়ের ছাপানো কাগজের নোটের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু নতুন এই মুদ্রা তৈরি করবে ইউএস মিন্ট। এছাড়া ২০২০ সালে মার্কিন কংগ্রেস ট্রেজারি সেক্রেটারিকে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ডলারের মুদ্রা তৈরির ক্ষমতা দিয়ে একটি আইন পাস করলেও, সেখানেও কোনো জীবিত ব্যক্তির ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। এসব আইনি বিতর্কের বিষয়ে মার্কিন ট্রেজারি বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট মিয়ামি-ডেডের একটি চার্টার স্কুলের সাবেক ব্যান্ড শিক্ষকের বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত মঙ্গলবার হেইহাচিরো নাকশিমা (৩৩) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে মিয়ামি-ডেড শেরিফ অফিস। তদন্তের ভিত্তিতে ক্ষমতার অপব্যবহার করে অশ্লীল ও কামুক কার্যকলাপে জড়িত থাকার তিনটি পৃথক অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। সিবিএস নিউজ মিয়ামির প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা জেসুস ল্যানেসের নেতৃত্বাধীন একটি তদন্তে জানা গেছে, গত মার্চ থেকে জুনের মধ্যে ডেডল্যান্ড মলের কাছে নাকশিমার অ্যাপার্টমেন্টে এই আপত্তিকর ঘটনাগুলো ঘটে। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের এক সদস্য বিষয়টি প্রথম শেরিফ অফিসকে অবহিত করেন। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারক মিন্ডি গ্লেজার অভিযুক্তকে ভুক্তভোগীর কাছ থেকে কঠোরভাবে দূরে থাকার নির্দেশ দেন। একইসঙ্গে ৪৫ হাজার ডলারের জামিন নির্ধারণ করে জিপিএস মনিটরসহ তাকে গৃহবন্দী (হাউস অ্যারেস্ট) রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তারি প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত নাকশিমা পাম গ্লেডস প্রিপারেটরি একাডেমি হাইস্কুলে শিক্ষকতা করতেন। তদন্তকারী কর্মকর্তা ল্যানেস জানান, শিক্ষক-ছাত্রী সম্পর্কের সুযোগ নিয়েই এই অনৈতিক সম্পর্কের সূত্রপাত হয়। অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে বিভিন্ন জিনিসপত্র কিনে দিয়ে তার বিশ্বাস অর্জন করতেন এবং প্রেমের মিথ্যা জালে ফাঁসিয়েছিলেন। এমনকি তিনি নিজের বিভিন্ন মিউজিক্যাল পারফরম্যান্সের টিকিটও ওই ছাত্রীকে দিতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিভাবক ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোয়েন্দা ল্যানেস। তিনি বলেন, সন্তানরা হঠাৎ করে দামি বা অজানা কোনো জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরলে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। যদি তাদের কোনো আয়ের উৎস না থাকে, তবে তারা কীভাবে এসব জিনিস পাচ্ছে তা অভিভাবকদের গুরুত্বের সাথে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি সন্তানদের মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপেও নিয়মিত নজর রাখার তাগিদ দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করছে যে, এই শিক্ষকের দ্বারা আরও কেউ হয়রানির শিকার হয়ে থাকতে পারে। তাই এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, শুনানিকালে নাকশিমার আইনজীবী দাবি করেন যে, তার মক্কেল পালিয়ে যাওয়ার কোনো ঝুঁকিতে নেই বা সমাজের জন্য তিনি হুমকিস্বরূপ নন। কারণ তার আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং তিনি স্বেচ্ছায় গোয়েন্দাদের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে চার্টার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অতিরিক্ত মদ্যপান করে ভুল পথে গাড়ি চালিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নতুন এক তদন্ত প্রতিবেদনে। গত মে মাসে রুট ১-এ সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন ম্যাসাচুসেটস স্টেট পুলিশের ট্রুপার কেভিন ট্রেইনর (৩০) এবং ঘাতক জিপ চালক হার্নান মারেরো (৫০)। জানা গেছে, দুর্ঘটনার ঠিক আগে সাগাস শহরের একটি রেস্তোরাঁ থেকে টানা নয়টি অ্যালকোহলিক ড্রিংক পান করেছিলেন অভিযুক্ত চালক। এসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পল টাকার বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানান, চালক মারেরো সেদিন রাতে মোট দশটি ড্রিংক পান করেন। ওয়ালথামের একটি রেস্তোরাঁ থেকে প্রথম ড্রিংক পানের পর তিনি সাগাসের 'ট্রিবু মেক্সিকান কিচেন অ্যান্ড বার'-এ যান এবং মধ্যরাত পর্যন্ত আরও নয়টি ড্রিংক পান করেন। ময়নাতদন্তের টক্সিকোলজি রিপোর্টে দেখা যায়, মারেরোর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১৯২, যা ম্যাসাচুসেটসের বৈধ সীমার দ্বিগুণেরও বেশি। অতিরিক্ত সময় ও বিনামূল্যে মদ পরিবেশনের অভিযোগে ওই রেস্তোরাঁটির বিরুদ্ধে সিভিল রেগুলেশন ভঙ্গের নোটিশ দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। আগামী ২৮ জুলাই এ বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাত প্রায় ২টার দিকে মারেরো ভুল পথে (রং ওয়ে) গাড়ি চালানো শুরু করেন। রাস্তায় ‘রং ওয়ে’ বা ‘প্রবেশ নিষেধ’ লেখা স্পষ্ট সাইনবোর্ড থাকা সত্ত্বেও তিনি সেগুলো তোয়াক্কা না করে তীব্র গতিতে এগিয়ে যান। অন্যদিকে, ট্রুপার কেভিন ট্রেইনর তার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে রেডিওতে ভুল পথে আসা গাড়ির খবর পান এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেটি থামানোর চেষ্টা করেন। প্রায় ৬০ মাইল বেগে আসা জিপটির সঙ্গে তার পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মতে, নিজের জীবনের বিনিময়ে ট্রেইনরের এই সাহসী পদক্ষেপ হয়তো আরও বড় কোনো প্রাণহানির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করেছে।
ইরানের ভূখণ্ডে নতুন করে শত্রুপক্ষের আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের কথিত ‘ইসলামাবাদ সমঝোতা’ লঙ্ঘনের পর আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই ঘোষণার পর থেকে ইরানি সামরিক ও রাজনৈতিক মহলে তাদের প্রতিরোধ সক্ষমতা এবং সশস্ত্র বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ইরানের সামরিক বিশ্লেষকদের দাবি, তেহরানের সমন্বিত সামরিক শক্তির কাছে মাথা নত করে বৃহত্তর সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনী ও আইআরজিসি বর্তমানে একটি একীভূত কমান্ড কাঠামোর অধীনে কাজ করছে। ফলে পশ্চিমা প্রতিপক্ষকে এখন আর আলাদা বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে না, বরং একটি সুসংগঠিত ও সমন্বিত সামরিক শক্তির মোকাবিলা করতে হচ্ছে। দ্রুতগতির নৌযান, সাবমেরিন, ড্রোন এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে একটি বহুমুখী ও দুর্ভেদ্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে তেহরান। সম্প্রতি সেনাবাহিনী ও আইআরজিসির মুখপাত্রদের এক যৌথ বৈঠকে এই সমন্বিত শক্তি প্রদর্শনের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। বৈঠকে আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করার আন্তর্জাতিক প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে ইরানের সেনাবাহিনী। দেশের স্বার্থ রক্ষায় শত্রুপক্ষের যেকোনো অপপ্রচার ও সামরিক পদক্ষেপ একযোগে মোকাবিলার অঙ্গীকার করেন তারা। এদিকে, হরমুজ প্রণালি বন্ধের এই হুমকি নিছক কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল রহিম সাফাভি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, ২০১১-১২ সালেই তৎকালীন সর্বোচ্চ নেতার নির্দেশে এবং আইআরজিসির শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে প্রণালিটি বন্ধের একটি সুনির্দিষ্ট ও বিস্তৃত পরিকল্পনা তৈরি করা হয়েছিল। ইরানি কর্মকর্তাদের মতে, এই প্রতিরোধ ব্যবস্থা তখনই শতভাগ সফল হয়, যখন প্রতিপক্ষ বুঝতে পারে যে হামলার সম্ভাব্য লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অত্যন্ত ভয়াবহ হবে। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দীর্ঘকাল ধরে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের চেষ্টা করলেও তা সফল হয়নি। বরং সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতার ওপর ভর করে দেশটির প্রতিরক্ষা খাত আরও শক্তিশালী হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র বৃহত্তর সংঘাতে জড়ালে চরম বিপর্যয়ের মুখে পড়বে জেনেই তারা ইরানে বড় ধরনের কোনো হামলা চালানো থেকে বিরত থাকছে। তবে এই দাবিগুলো সম্পূর্ণভাবে ইরানের রাষ্ট্রীয় ও সামরিক মহলের দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক অঙ্গনে হরমুজ প্রণালির নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গত মার্চ মাস থেকেই তীব্র দাবদাহ বইছে। সল্টলেক সিটি থেকে শুরু করে বোস্টন পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ চরম তাপপ্রবাহের সতর্কতার মধ্যে বসবাস করছেন। তবে এর মধ্যেও অন্তত একটি মেট্রোপলিটন এলাকা অন্যান্য বড় শহরের তুলনায় অনেকটাই শীতল রয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো হলো যুক্তরাষ্ট্রের ৪৮টি সংলগ্ন অঙ্গরাজ্যের মধ্যে একমাত্র বড় শহর, যেখানে তাপমাত্রা কখনোই ১০০ ডিগ্রি ফারেনহাইট স্পর্শ করেনি। ইরি হ্রদের পূর্ব তীরে অবস্থিত হওয়ায় প্রাকৃতিকভাবেই শহরটি একটি স্বয়ংক্রিয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পেয়ে গেছে, যা একে গ্রীষ্মের চরম বৈরী আবহাওয়া থেকে সুরক্ষিত রেখেছে। অনেকের কাছেই বাফেলো মানেই বিলস দল, চিকেন উইংস আর প্রচুর বরফ। তবে যে ভৌগোলিক সুবিধা শহরটিকে গ্রীষ্মে শীতল রাখে, সেটিই আবার শীতকালে এখানে প্রচুর তুষারপাতের কারণ ঘটায়। ইউনিভার্সিটি অব বাফেলোর চিফ সাসটেইনেবিলিটি অফিসার রায়ান ম্যাকফারসনের মতে, গ্রেট লেকসের পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় শহরটি প্রাকৃতিকভাবেই একটি স্থিতিশীল ও নাতিশীতোষ্ণ পরিবেশ উপভোগ করে। শহরের বিস্তৃত পার্ক সিস্টেম, প্রচুর গাছপালা এবং উত্তরাঞ্চলীয় অবস্থান এই শীতলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাফেলো পুরোপুরি সুরক্ষিত নয়। ম্যাকফারসন শহরটিকে 'ক্লাইমেট হ্যাভেন' বা জলবায়ু স্বর্গ আখ্যা দেওয়ার বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করেন। তিনি মনে করেন, জলবায়ুর যে বর্তমান গতিপ্রকৃতি, তাতে কোনো এক সময় বাফেলোতেও তাপমাত্রা ১০০ ডিগ্রি ছুঁতে পারে। এছাড়া ২০২৩ সালে কানাডার দাবানলের ধোঁয়া এবং ক্রমবর্ধমান ভারী বৃষ্টিপাত প্রমাণ করেছে যে, চরম তাপমাত্রাই শহরটির একমাত্র সমস্যা নয়। তবে বাফেলোর এই সাময়িক জলবায়ুগত সুবিধাটি স্থানীয় আবাসন এবং বিমা বাজারে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলছে। প্রাইভেট রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ডায়ান ডেলানির মতে, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া বা টেক্সাসের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে বিমা কোম্পানিগুলো যখন কঠোর শর্ত দিচ্ছে এবং প্রিমিয়াম ব্যাপক হারে বাড়িয়ে দিচ্ছে, তখন বাফেলোর চিত্র বেশ স্বস্তিদায়ক। ইনস্যুরিফাই-এর তথ্যমতে, বাফেলোতে একটি ৩ লাখ ডলারের সম্পদের গড় বার্ষিক প্রিমিয়াম মাত্র ১,২৮৫ ডলার। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে এটি ২,৩৬৪ ডলার এবং মিয়ামিতে আকাশছোঁয়া ১৪,৫২০ ডলার। তবে ডেলানি ও ম্যাকফারসন দুজনেই একমত যে, জলবায়ুর পরিবর্তনশীল এই সময়ে কোনো অঞ্চলকেই সম্পূর্ণ নিরাপদ ভাবার সুযোগ নেই। তাই পরিস্থিতি থেকে বাঁচতে কেবল শহর পরিবর্তন না করে, বাফেলোর মতো থার্মাল এনার্জি নেটওয়ার্কসহ অন্যান্য টেকসই অবকাঠামো ও জলবায়ু সহনশীল প্রকল্পে এখনই বিনিয়োগ করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের ১৮ বছর বয়সী দুই যমজ বোন অ্যাঞ্জেলি জেরেজ-মেদিনা ও অ্যালেক্সকা জেরেজ-মেদিনাকে আটক করে দুটি ভিন্ন অঙ্গরাজ্যের অভিবাসন আটককেন্দ্রে পাঠিয়েছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের (Asylum) আবেদন প্রক্রিয়ায় থাকা এই দুই মেধাবী শিক্ষার্থীর আকস্মিক আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেস সদস্য, অঙ্গরাজ্য ও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক থেকে শুরু করে ধর্মীয় নেতারা একযোগে তাদের অবিলম্বে মুক্তির দাবিতে সরব হয়েছেন। গত ২৪ জুন নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো এলাকায় একটি গ্রীষ্মকালীন পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় আইসিই কর্মকর্তারা এই দুই বোনকে আটক করেন। ডেট্রয়েট ফ্রি প্রেসের প্রতিবেদন অনুযায়ী, আটকের পর তাদের একজনকে টেক্সাসের এল পাসো এবং অন্যজনকে লুইজিয়ানার একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। ডেট্রয়েটের ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল হাই স্কুলের এই দুই শিক্ষার্থী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত। তাদের একজন স্কুলের জেআরওটিসি (JROTC) কর্মসূচির সক্রিয় সদস্য এবং অপরজন বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখছেন। স্থানীয় শিক্ষক ও কমিউনিটি সদস্যদের মতে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক অভিযোগ নেই এবং তারা স্থানীয় গির্জার বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিয়মিত অংশ নিতেন। এই দুই শিক্ষার্থীর মুক্তির দাবিতে মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব আইসিইর কাছে বিশেষভাবে আবেদন জানিয়েছেন। এছাড়া মিশিগানের একাধিক অঙ্গরাজ্য সিনেটর, প্রতিনিধি, ডেট্রয়েট সিটি কাউন্সিলের সদস্য এবং স্থানীয় এক যাজক যৌথভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সচিব ও আইসিইর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে অ্যাঞ্জেলি ও অ্যালেক্সকাকে মানবিক দৃষ্টিকোণ থেকে মুক্তি দিয়ে তাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কমিউনিটিতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার জোরালো আহ্বান জানানো হয়েছে। এদিকে, জননিরাপত্তার জন্য কোনো হুমকি না হওয়া সত্ত্বেও সাধারণ শিক্ষার্থী ও আশ্রয়প্রার্থীদের ওপর এমন কঠোর অভিবাসন অভিযানের প্রতিবাদে ডেট্রয়েট ও বাফেলোতে বিক্ষোভ সমাবেশ করেছেন মানবাধিকারকর্মীরা। তবে আইসিই কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো বিস্তারিত মন্তব্য করেনি।
২০১৯ সালে বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভর্তি সিস্টেমে থাকা একটি মারাত্মক নিরাপত্তা ত্রুটি জনসমক্ষে আসে। দীর্ঘ সাত বছর পর জানা গেল, সেই ত্রুটিটি যিনি ধরিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রযুক্তি বিশেষজ্ঞ অশ্বিন রামাস্বামী। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক ব্যক্তিগত প্রবন্ধে তিনি জানান যে, তিনিই ছিলেন সেই নাম প্রকাশে অনিচ্ছুক স্ট্যানফোর্ডের ছাত্র, যিনি নিজের নথির অনুরোধ করতে গিয়ে এই বিশাল গলদটি আবিষ্কার করেছিলেন। বর্তমানে অশ্বিন সাইবার নিরাপত্তা বিষয়ক স্টার্টআপ ‘করিডোর’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে কর্মরত আছেন। ঘটনাটির সূত্রপাত ঘটে যখন অশ্বিন ‘ফ্যামিলি এডুকেশনাল রাইটস অ্যান্ড প্রাইভেসি অ্যাক্ট’-এর (FERPA) অধীনে নিজের ভর্তির নথিপত্র দেখার জন্য আবেদন করেন। ভর্তির সময় কর্মকর্তারা কী মন্তব্য করেছিলেন, সেটি দেখাই ছিল তার মূল লক্ষ্য। মন্তব্যগুলো দেখতে না পেলেও তিনি গুগল ক্রোমের ডেভেলপার টুল ব্যবহার করে খেয়াল করেন যে, ইউআরএল-এ (URL) থাকা নথির একটি নির্দিষ্ট সংখ্যা (ID) পরিবর্তন করলেই অন্য শিক্ষার্থীদের ভর্তির সংবেদনশীল তথ্য লোড হয়ে যাচ্ছে। ওয়েব নিরাপত্তার ভাষায় এটিকে ‘ইনসিকিউর ডাইরেক্ট অবজেক্ট রেফারেন্স’ বা আইডিওআর (IDOR) বলা হয়। এই ত্রুটির ফলে আবেদনকারীদের ব্যক্তিগত প্রবন্ধ, ট্রান্সক্রিপ্ট, বাড়ির ঠিকানা, নাগরিকত্বের তথ্য, আর্থিক সহায়তার তথ্য, এমনকি কিছু ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা নম্বরের (SSN) মতো অতি গোপন তথ্যও উন্মুক্ত হয়ে পড়েছিল। ত্রুটিটি আবিষ্কারের পর তিনি বিষয়টি স্ট্যানফোর্ড ডেইলিকে জানান, যেখানে তিনি তখন পত্রিকার প্রথম প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করতেন। পরবর্তীতে আইনি জটিলতা এবং ‘কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট’ (CFAA)-এর অধীনে সম্ভাব্য শাস্তির কথা ভেবে আইনজীবীর পরামর্শে তিনি সিস্টেমে প্রবেশ করা বন্ধ করেন। স্ট্যানফোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা নেয়। তদন্তে দেখা যায়, মোট ৯৩ জন শিক্ষার্থীর তথ্য অননুমোদিতভাবে দেখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং সিস্টেম সুরক্ষিত করে। অশ্বিনকে আশ্বস্ত করা হয়েছিল যে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তবে তাকে বাধ্যতামূলক কিছু কাউন্সেলিং সেশনে অংশ নিতে হয়েছিল। এই ঘটনার পর স্ট্যানফোর্ড তাদের বাগ বাউন্টি প্রোগ্রামকে আরও প্রসারিত করে। অশ্বিন জানান, এই অনাকাঙ্ক্ষিত আবিষ্কারটি তার সাইবার নিরাপত্তা, প্রযুক্তি নীতি এবং দায়িত্বশীল দুর্বলতা প্রকাশের বিষয়ে কাজ করার আগ্রহকে আরও দৃঢ় করেছিল। এই ঘটনার পরই তিনি সাইবার নিরাপত্তা ও ডিজিটাল নজরদারি নিয়ে বিশদ পড়াশোনা করেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সিতে (CISA) যোগ দেন। সেখানে তিনি নির্বাচনী অবকাঠামোর দুর্বলতা শনাক্তের সরঞ্জাম নিয়ে কাজ করেছেন। পরবর্তীতে তিনি জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারে পড়াশোনা শেষে সাইবার নিরাপত্তা গবেষক জ্যাক কেবলের সঙ্গে মিলে ‘করিডোর’ প্রতিষ্ঠা করেন, যার ভিত্তি মূলত রচিত হয়েছিল স্ট্যানফোর্ডের সেই আলোচিত ঘটনার মধ্য দিয়েই।
যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক গবেষণায় এক বিশাল ধাক্কা দিয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নোবেলজয়ী প্রখ্যাত রসায়নবিদ ওমার ইয়াঘি। মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOFs) নিয়ে যুগান্তকারী কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার জেতেন তিনি। লস অ্যাঞ্জেলেস টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসি বার্কলে) ছেড়ে এই শীর্ষ বিজ্ঞানী চীনের বেইজিংয়ে অবস্থিত মর্যাদাপূর্ণ সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। বিজ্ঞানীদের মতে, যুক্তরাষ্ট্রে গবেষণা খাতে সরকারি তহবিল ব্যাপকভাবে হ্রাস এবং বিজ্ঞানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই শীর্ষস্থানীয় মেধাবীরা ধীরে ধীরে বিদেশমুখী হচ্ছেন। চীনে গিয়ে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে নবগঠিত 'এআই কেমিস্ট্রি অ্যান্ড ম্যাটেরিয়ালস রিসার্চ ইনস্টিটিউট' (AIMATRY)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ওমার ইয়াঘি। তার এই নতুন যাত্রার মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বস্তুবিজ্ঞানের (ম্যাটেরিয়ালস সায়েন্স) সমন্বয় ঘটিয়ে বৈজ্ঞানিক আবিষ্কারের গতিকে অভাবনীয় মাত্রায় ত্বরান্বিত করা। এই প্রতিষ্ঠানের নেতৃত্বে থেকে তিনি অত্যাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন উপকরণের গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়াকে অন্তত দশগুণ দ্রুততর করার পরিকল্পনা করেছেন। মূলত জলবায়ু পরিবর্তন, কার্বন ক্যাপচার (বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণ) এবং বিশুদ্ধ পানির তীব্র সংকটের মতো গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাই হবে তার এই গবেষণার প্রধান লক্ষ্য। শীর্ষস্থানীয় এই বিজ্ঞানীর এমন হাই-প্রোফাইল দলবদল বিশ্বজুড়ে বৈজ্ঞানিক প্রতিভা আকর্ষণের এক তীব্র প্রতিযোগিতাকেই সামনে নিয়ে এসেছে। ভূ-রাজনৈতিকভাবে এটি অত্যন্ত স্পর্শকাতর একটি সময়, কারণ একদিকে যুক্তরাষ্ট্র যখন চীনের সাথে বিভিন্ন যৌথ গবেষণা উদ্যোগে একের পর এক বিধিনিষেধ আরোপ করছে, ঠিক তখনই চীন বিদেশি অভিজাত স্কলারদের আকৃষ্ট করতে ব্যাপকভাবে বিনিয়োগ বাড়িয়ে চলেছে। বিশ্বের সেরা বিজ্ঞানীরা গবেষণার জন্য সবসময় মার্কিন প্রতিষ্ঠানগুলোকেই বেছে নেবেন—দীর্ঘদিনের এই প্রচলিত ধারণাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ইয়াঘির এই সিদ্ধান্ত। এ ঘটনা যুক্তরাষ্ট্রের উদ্ভাবন খাত এবং গবেষণায় অর্থায়নের ভবিষ্যৎ নিয়ে দেশটিতে নতুন করে গভীর ও জরুরি বিতর্কের জন্ম দিয়েছে।
নিউইয়র্কে ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় ১৮ বছর বয়সী এক কিশোর পর্যটকের মর্মান্তিক মৃত্যুর পর, বিপজ্জনক এই শিল্পটি চিরতরে নিষিদ্ধ করতে আইনপ্রণেতাদের কাছে আকুল আবেদন জানিয়েছে নিহতের পরিবার। নিহত রোমাঞ্চ মহাজন নামের ওই তরুণের বাবা-মা শহর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, তাদের সন্তানের অকাল মৃত্যু যেন কোনোভাবেই বৃথা না যায়। এই মর্মান্তিক ঘটনার পর দীর্ঘদিনের বিতর্কিত এই পর্যটন আকর্ষণটি বন্ধের দাবিতে নতুন করে সোচ্চার হয়েছেন নিউইয়র্ক সিটির আইনপ্রণেতারাও। গত বুধবার সিটি কাউন্সিল চেম্বারে কান্নাজড়িত স্ত্রী প্রিয়ার পাশে বসে নিহত কিশোরের বাবা দীপক মহাজন তার হৃদয়বিদারক অনুভূতির কথা তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, বিশ্বের কোনো পরিবারের ভাগ্যেই যেন এমন পরিণতি না জোটে; কেউই তাদের সন্তানের এমন মৃত্যু আশা করে না, কিন্তু তাদের সাথে সেটাই ঘটেছে এবং পুরো পরিবার আজ চরমভাবে বিপর্যস্ত। পূর্ববর্তী প্রশাসনের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করে তিনি জানান, আগে প্রস্তাবিত আইনটি পাস হলে গত ১ জুনের মধ্যেই ঘোড়ার গাড়ির চলাচল বন্ধ হয়ে যেত এবং ১৭ জুন তার ছেলে রোমাঞ্চকে প্রাণ হারাতে হতো না। এটি কোনোভাবেই অপ্রত্যাশিত দুর্ঘটনা ছিল না বলে তিনি জোর দাবি করেন। রোমাঞ্চের মৃত্যুর মাত্র কয়েকদিন আগে লোয়ার ম্যানহাটনের কাউন্সিলম্যান ক্রিস মার্টে এ বিষয়ে একটি নতুন বিল উত্থাপন করেছিলেন। পরবর্তীতে স্পিকার জুলি মেনিনসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা এই বিলে তাদের সমর্থন জানান। শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানিতে স্পিকার মেনিন বলেন, রোমাঞ্চকে ফিরিয়ে আনার কোনো উপায় তাদের হাতে নেই, তবে তার প্রতি সম্মান জানিয়ে এমন ভয়াবহ ট্র্যাজেডি যেন আর কখনো না ঘটে, তা নিশ্চিত করাই এখন তাদের মূল লক্ষ্য। তিনি জানান, এই মৃত্যুর মধ্য দিয়ে তারা একটি চূড়ান্ত সন্ধিক্ষণে পৌঁছেছেন এবং এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। স্পিকারের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে কাউন্সিলম্যান মার্টে বলেন, প্রতিটি ঘটনার পরই এটিকে একটি 'বিচ্ছিন্ন ঘটনা' ও নিরাপদ শিল্প বলে অজুহাত দেওয়া হয়। কিন্তু গত তিন থেকে চার বছরের বাস্তব পরিসংখ্যান অত্যন্ত ভয়াবহ। এই সময়ে ১২৮টি দুর্ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, অন্তত ৩০টি ঘোড়ার মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অসংখ্য ঘোড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু যানবাহন এবং সর্বশেষ ঝরে গেল এক নিরপরাধ পর্যটকের প্রাণ। এদিকে, সাবেক কুইন্স কাউন্সিলম্যান বব হোল্ডেন অতীতে অবিকল একই ধরনের একটি বিল উত্থাপন করলেও তৎকালীন সিটি কাউন্সিল নেতৃত্ব তা আমলে না নেওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ইস্ট সেন্ট লুইসে পড়াশোনা নিয়ে সামান্য পারিবারিক বিরোধের জেরে নিজের পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরী এবং তার ১৬ বছর বয়সী প্রেমিক জা’ইমিয়ার ডেভিসের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত গণগুলিবর্ষণ’ (টার্গেটেড মাস শুটিং) হিসেবে বর্ণনা করেছে। গত রবিবার তিনটি ভিন্ন স্থানে চালানো এই ভয়াবহ হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত কিশোরীর মামলাটি বর্তমানে জুভেনাইল আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। শোকার্ত বাবা মার্কাস মে অত্যন্ত আবেগঘন কণ্ঠে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এক নিমেষেই তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন। নিহতরা সবাই ওই কিশোরীর আপন রক্তসম্পর্কীয় আত্মীয়। নিহতদের মধ্যে রয়েছেন মার্কাসের ৭৪ বছর বয়সী মা প্যাট্রিসিয়া মে, ৪৯ বছর বয়সী বোন চেরি মে, ২৪ বছর বয়সী ভাগ্নে ডেভিন মে এবং দুই সৎ সন্তান কোয়েন্টিন থম্পসন (২১) ও শানিয়া থম্পসন (২৫)। প্রসিকিউটরদের দায়ের করা ১২টি অভিযোগের নথিতে জানা গেছে, নৃশংসতার এখানেই শেষ নয়; অভিযুক্ত কিশোরীর প্রেমিক ডেভিস হত্যার পর বৃদ্ধা প্যাট্রিসিয়ার হাতের বুড়ো আঙুল কেটে বিচ্ছিন্ন করে ফেলে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ হিসেবে মার্কাস মে জানান, স্কুলে নানা ঝামেলা করায় কিশোরীটিকে স্কুল থেকে ছাড়িয়ে বাড়িতেই পড়াশোনা (হোমস্কুলিং) করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিভাবকেরা। এতেই ক্ষিপ্ত হয়ে মা-বাবার সঙ্গে তীব্র বিরোধে জড়ায় সে। এর আগেও কয়েকবার বাড়ি থেকে পালিয়ে যাওয়া এবং মায়ের ডেবিট কার্ড চুরির রেকর্ড ছিল তার। ঘটনার কয়েকদিন আগে সে তার মায়ের একটি আগ্নেয়াস্ত্র চুরি করে আবারও বাড়ি থেকে পালিয়ে যায়, যা নিয়ে থানায় অভিযোগও করা হয়েছিল। এমনকি মেয়েটি আগে একবার এমন গণগুলিবর্ষণের পরিকল্পনা করছে বলে আভাস দিলেও পরিবারের কেউ তা তখন গুরুত্বের সঙ্গে নেয়নি। রবিবার সকালে রক্তাক্ত এই তাণ্ডব চালানোর পর পুলিশ ইস্ট সেন্ট লুইসের বিভিন্ন স্থান থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। শানিয়ার মরদেহ একটি পরিত্যক্ত বাড়ির পেছনে রাখা গাড়ি থেকে এবং কোয়েন্টিনের মরদেহ স্থানীয় জোনস পার্ক থেকে উদ্ধার করা হয়। ওই পার্কটি থেকেই আরও দুজনকে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কয়েক মাইল দূরের একটি আবাসন এলাকা থেকে অন্য দুটি মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ইলিনয় স্টেট পুলিশ ধাওয়া করে দুই অভিযুক্ত কিশোর-কিশোরীর গাড়িটি থামায় এবং একটি পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সংযুক্ত আরব আমিরাতে পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সাবলীল করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দুবাই। বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য স্পনসর বা আয়োজক ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করা হয়েছে। এই নতুন সুবিধার ফলে পর্যটকরা এখন থেকে একটিমাত্র ভিসার মাধ্যমেই আগামী পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আরব আমিরাতে অবাধে প্রবেশের দারুণ এক সুযোগ পাবেন। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি এই দীর্ঘমেয়াদি ভিসা সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ভিসার আওতায় একজন দর্শনার্থী প্রতিটি সফরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। তবে পর্যটকরা চাইলে এই মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়ানোর সুযোগ পাবেন। এক্ষেত্রে কর্তৃপক্ষের একমাত্র শর্ত হলো, কোনোভাবেই এক বছরের মধ্যে মোট অবস্থানের মেয়াদ ১৮০ দিনের বেশি অতিক্রম করা যাবে না। জিডিআরএফএ আরও স্পষ্ট করেছে যে, বিশ্বের যেকোনো দেশের নাগরিকরাই এই আকর্ষণীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এজন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু নথিপত্র এবং আর্থিক সক্ষমতার প্রমাণ দাখিল করতে হবে। আবেদনের অত্যাবশ্যকীয় শর্ত অনুযায়ী, আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি জমা দিতে হবে। এছাড়া আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্টে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা তার সমপরিমাণ ব্যালেন্স দেখাতে হবে। এর পাশাপাশি প্রত্যেক আবেদনকারীর বৈধ স্বাস্থ্য বীমা এবং দেশে ফেরার কনফার্মড রিটার্ন বিমান টিকিট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই শর্তগুলো পূরণ করে যে কেউ দীর্ঘমেয়াদে আমিরাত ভ্রমণের সুবিধা নিতে পারবেন।
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ইরান। দেশটির মহাকাশ সংস্থার চেয়ারম্যান হাসান সালারিয়েহ সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন। মহাকাশ গবেষণায় এটিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী প্রকল্প হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, প্রযুক্তিগত কিছু চ্যালেঞ্জের কারণে পূর্বনির্ধারিত সময়সূচি থেকে সামান্য পিছিয়ে গেলেও বর্তমানে স্যাটেলাইটটির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে এবং এটি দ্রুতই আলোর মুখ দেখতে যাচ্ছে। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও মহাকাশ সংস্থার প্রধান সালারিয়েহ জানান, ২০২৬ সালের শুরুর দিকে ‘রাদ-১’ উন্মোচনের প্রাথমিক পরিকল্পনা ছিল। মহাকাশ প্রকল্পগুলোতে সচরাচর যেসব প্রযুক্তিগত জটিলতা দেখা যায়, তার কারণেই এই সামান্য বিলম্ব। তবে এই স্যাটেলাইট উৎক্ষেপণ ইরানের মহাকাশ শিল্পের সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি মনে করেন। একইসঙ্গে তিনি সুখবর দিয়েছেন যে, ইতিমধ্যে ‘রাদ-২’ নামে আরও উন্নত সংস্করণের একটি রাডার স্যাটেলাইটের উন্নয়নকাজও পুরোদমে এগিয়ে চলছে। নতুন এই স্যাটেলাইটটি ‘রাদ-১’-এর তুলনায় আরও নিখুঁত ও উচ্চমানের ছবি ধারণে সক্ষম হবে। ইরানের মহাকাশ খাতের এই বিশাল অগ্রগতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও ক্রমশ বাড়ছে বলে উল্লেখ করেন সালারিয়েহ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি আগামী প্রজন্মের মাইক্রো ও ন্যানো স্যাটেলাইটগুলোর চিত্র ধারণ ক্ষমতা হবে আরও অত্যাধুনিক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বর্তমানে স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ও চিত্রভিত্তিক সেবার সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যা ভবিষ্যতে দেশের বিভিন্ন খাতে দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মালয়েশিয়ার ভূখণ্ডে কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কঠোর অবস্থানের কথা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার যে অনড় নীতি মালয়েশিয়ার রয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তাতে কোনোভাবেই আপস করা হবে না। সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে যে, দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট এবং নাগরিকত্বের নথি ব্যবহার করে কয়েকজন ইসরায়েলি নাগরিক জোহর রাজ্যে প্রবেশ করেছেন। এই চাঞ্চল্যকর অভিযোগের পর মালয়েশিয়ার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে জোরদার তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছেন যে, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। যদি কোনো ইসরায়েলি নাগরিকের অনুপ্রবেশের সত্যতা মেলে, তবে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বহিষ্কার করা হবে। এ বিষয়ে তদন্ত শেষে উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জামব্রি আবদুল কাদির শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে। এদিকে জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে অবস্থিত ‘নেটওয়ার্ক স্কুল’ নামের একটি প্রযুক্তিভিত্তিক আবাসিক কমিউনিটিকে ঘিরে সন্দেহ ঘনীভূত হওয়ায় সেখানেও ব্যাপক তদন্ত শুরু হয়েছে। জোহরের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির আহ্বানে গত ১৪ জুলাই মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম), রয়্যাল মালয়েশিয়া পুলিশ এবং অন্যান্য সংস্থা যৌথ অভিযান পরিচালনা করে। জানা গেছে, ২০২৪ সালে প্রযুক্তি বিনিয়োগকারী বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ৪০টি দেশের ২৬৬ জন বিদেশি নাগরিক বসবাস করছেন। মাসিক দেড় হাজার ডলার ফি দিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানে ইসরায়েলি নাগরিকদের গোপন সম্পৃক্ততা থাকতে পারে বলে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিরসনে এই চিরুনি অভিযান চালানো হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে বিদেশিদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া গেলেও তারা ইমিগ্রেশন আইন (১৯৫৯/৬৩) পুরোপুরি মেনে চলছেন কি না, তা নিশ্চিতে নিবিড় তদন্ত চলছে। পরিচয় গোপন, ভ্রমণ নথির জালিয়াতি কিংবা অভিবাসন সুবিধার অপব্যবহার প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় স্বার্থ, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অভিবাসন আইনের যেকোনো লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীনভাবে সতর্ক করেছেন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগামী মাস থেকে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্যাকেজিংয়ের ওপর নতুন ফি কার্যকর হতে যাচ্ছে। পরিবেশ দূষণ রোধে রাজ্য সরকারের নেওয়া এই প্রশংসনীয় উদ্যোগের বিপরীতে বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যাওয়ার জোরালো আশঙ্কা তৈরি হয়েছে। ২০২২ সালে পাস হওয়া ‘প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও প্যাকেজিং উৎপাদক দায়বদ্ধতা আইন’ বা সেনেট বিল ৫৪ (SB 54)-এর আওতায় এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আইনের মূল লক্ষ্য হলো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং ২০৩২ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া সব ধরনের প্যাকেজিং পুনর্ব্যবহারযোগ্য বা কম্পোস্টযোগ্য করা। নতুন নিয়মের ফলে পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচের সুবিধা পাবে, অন্যদিকে যারা পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্যাকেজিং ব্যবহার করবে, তাদের অতিরিক্ত ফি গুণতে হবে। ক্যালিফোর্নিয়া সরকারের হিসাব অনুযায়ী, নতুন এই ফি কার্যকর হলে উৎপাদক প্রতিষ্ঠানগুলো তাদের অতিরিক্ত খরচ পণ্যের দামের মাধ্যমে ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে পারে। ফলে প্রতিটি পরিবারকে বছরে অতিরিক্ত ৬৬ থেকে ১৯০ ডলার পর্যন্ত ব্যয় করতে হতে পারে। রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা ‘ক্যালরিসাইকেল’ জানিয়েছে, প্রায় ৫ হাজার ৭৪১টি প্রতিষ্ঠানকে নতুন বিধিমালা মেনে চলতে হবে, যাদের বার্ষিক গড় সম্মতি ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪ লাখ ৫৭ হাজার ডলারে। তবে যেসব ছোট প্রতিষ্ঠানের বার্ষিক মোট বিক্রি ১০ লাখ ডলারের কম, তারা এই আইনের অনেক শর্ত থেকেই ছাড় পাবে। ক্যালরিসাইকেলের হিসাবে, প্রায় ৭ হাজার ৮৭৪টি এমন ছোট প্রতিষ্ঠানের জন্য বছরে গড়ে মাত্র ১৫৫ ডলার প্রশাসনিক খরচ হতে পারে। উৎপাদকরা যদি নতুন ফি সামাল দিতে পণ্যের দাম বাড়ায়, তবে ক্যালিফোর্নিয়ার প্রায় ৫ লাখ ৪৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠানও পরোক্ষভাবে বাড়তি ব্যয়ের মুখে পড়বে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানকে বছরে গড়ে প্রায় ৪ হাজার ৮০৬ ডলার অতিরিক্ত খরচ করতে হতে পারে। তবে উৎপাদক ও খুচরা বিক্রেতারা যদি বাড়তি ব্যয়ের মাত্র ৩০ শতাংশ সাধারণ ভোক্তার ওপর চাপায়, তবে একজন ভোক্তার বছরে গড়ে মাত্র ২০ ডলার অতিরিক্ত ব্যয় হবে বলে রাজ্য সরকার অনুমান করছে। তবে সরকারি এই হিসাবের বাইরে বিশেষজ্ঞদের ধারণা আরও উদ্বেগজনক। ডেইরি ইনস্টিটিউট অব ক্যালিফোর্নিয়ার নির্বাহী পরিচালক কেটি ডেভির মতে, বাস্তবে এই ব্যয় সরকারের হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। তিনি সতর্ক করে জানান, নতুন বিধিমালার কারণে ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দাকে বছরে গড়ে প্রায় ১ হাজার ৩০০ ডলার অতিরিক্ত ব্যয় করতে হতে পারে। তিনি আরও বলেন, ক্যালিফোর্নিয়ায় জীবনযাত্রার ব্যয় এমনিতেই অনেক বেশি, নতুন নিয়ম কার্যকর হলে পরিস্থিতি সাধারণ মানুষের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ব্যাপক আকারে হ্রাস পেয়েছে। সম্প্রতি প্রকাশিত নতুন এক জাতীয় জরিপে এই তথ্য উঠে এসেছে, যা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে। 'এশেলন ইনসাইটস'-এর জুলাই ২০২৬ সালের জরিপ অনুযায়ী, বিশেষ করে ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা লক্ষণীয়ভাবে কমেছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই তরুণ ভোটাররাই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। প্রকাশিত জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে সামগ্রিকভাবে ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে মাত্র ৩৮ শতাংশ মানুষের, যেখানে ৬১ শতাংশ মানুষই তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট। অন্যদিকে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন আরও কম। এই বয়সীদের মাত্র ৩৫ শতাংশ তার কাজের অনুমোদন দিয়েছেন এবং ৬৫ শতাংশ মানুষই তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় এক বছরের ব্যবধানে সামগ্রিকভাবে ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে ১৫ পয়েন্ট এবং তরুণ ভোটারদের মধ্যে সমর্থন কমেছে ১৪ পয়েন্ট। আর ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে হিসাব করলে তরুণদের মাঝে তার জনপ্রিয়তা কমেছে প্রায় ৩৭ পয়েন্ট। তরুণ ভোটারদের এই দ্রুত দূরে সরে যাওয়ার পেছনে মূলত অর্থনৈতিক সংকট দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়, আবাসন সংকট এবং আর্থিক অনিশ্চয়তাকে তরুণরা তাদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তবে এই জরিপের বিপরীতে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল দাবি করেছেন যে, ট্রাম্পের প্রশাসন দেশের ভেতর এবং আন্তর্জাতিকভাবে নানা ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল আগামীতে আরও স্পষ্ট হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রে করোনা মহামারিকালীন বাড়ি কেনার তুমুল প্রতিযোগিতা ও তীব্র উন্মাদনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং বাজারে এখন ক্রেতারা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। আবাসন তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান 'রেডফিন'-এর সাম্প্রতিক জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী, দেশটির বড় শহরগুলোর প্রায় ৭০ শতাংশই এখন ক্রেতাদের বাজারে পরিণত হয়েছে। মূলত মায়ামি, হিউস্টন এবং অস্টিনের মতো সান বেল্ট অঞ্চলের জনপ্রিয় শহরগুলোতে অতিরিক্ত আবাসন বা বাড়ির মজুত গড়ে ওঠার কারণে বাজারে এই বড় পরিবর্তন এসেছে, যেখানে মহামারি-পরবর্তী সময়ে বাড়ি কেনার সামগ্রিক চাহিদা অনেকটাই ধীরগতির হয়ে পড়েছে। গত জুনে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার জন্য প্রস্তুত থাকা মানুষের চেয়ে বাড়ি বিক্রেতার সংখ্যা ছিল আগের মাসের তুলনায় প্রায় ৫ লাখ বা ৪৮.৫ শতাংশ বেশি। রেডফিনের সিনিয়র অর্থনীতিবিদ আসাদ খান জানান, বর্তমানে সাধারণ মানুষের বাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো সাধ্যের বাইরে চলে যাওয়া অতিরিক্ত খরচ। তবে রেকর্ড পরিমাণ বেশি দাম এবং চড়া বন্ধকী সুদের হারের মধ্যেও যাদের এখন বাড়ি কেনার মতো পর্যাপ্ত বাজেট রয়েছে, বাজার নিয়ন্ত্রণের আসল ক্ষমতা ও সুবিধা এখন প্রধানত তাদের হাতেই রয়েছে। অর্থনীতিবিদদের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ক্রেতাদের জন্য বেছে নেওয়ার মতো প্রচুর বাড়ি খোলা রয়েছে। এর ফলে আগে বাড়ি কেনা নিয়ে বাজারে যে কাড়াকাড়ি বা নিলামের তীব্র প্রতিযোগিতা হতো, তা এখন আর নেই বললেই চলে। এখন ক্রেতারা বাড়ির চূড়ান্ত দাম নির্ধারণ, বাড়ি কেনার অন্যান্য আনুষঙ্গিক খরচ কমানো এবং প্রয়োজনীয় মেরামতের ব্যয়ের বিষয়ে বিক্রেতাদের সাথে বেশ স্বাচ্ছন্দ্যে দর কষাকষি করার সুযোগ পাচ্ছেন, যা আগে প্রায় অসম্ভব ছিল। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি নির্দিষ্ট বড় বাজারে—বিশেষ করে মায়ামি, ন্যাশভিল এবং টেক্সাসের কিছু অংশে ক্রেতাদের তুলনায় বিক্রেতার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। এই বিক্রেতা উদ্বৃত্তের হার মায়ামিতে ১৪০ শতাংশ, ন্যাশভিলে ১২৯ শতাংশ, হিউস্টনে ১২৪ শতাংশ, সান আন্তোনিওতে ১১৭ শতাংশ এবং অস্টিনে ১০১ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে মায়ামিতে কন্ডোগুলোর অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ফি বৃদ্ধি, আকাশচুম্বী আবাসন বীমা প্রিমিয়াম এবং অতিরিক্ত দামের কারণে অনেক সম্ভাব্য ক্রেতাই এখন বাড়ি কেনা থেকে সাময়িকভাবে পিছিয়ে যাচ্ছেন। সামগ্রিকভাবে ২০২০ সালের পর চলতি বছরের জুনেই সবচেয়ে বেশি নতুন বাড়ি বিক্রির জন্য বাজারে তালিকাভুক্ত হয়েছে। এর বিপরীতে মাত্র সাতটি এলাকা এখনও বিক্রেতাদের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে নিউইয়র্ক সিটির নিকটবর্তী নাসাউ কাউন্টি, নেওয়ার্ক, নিউ ব্রান্সউইক এবং সান ফ্রান্সিসকো অন্যতম। নিউইয়র্কের আশেপাশের এলাকাগুলোতে বাড়ির তীব্র সংকটের কারণে বিক্রেতারা সুবিধাজনক অবস্থানে আছেন। অন্যদিকে, সান ফ্রান্সিসকোতে নতুন বাড়ি নির্মাণের ঘাটতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দারুণ জোয়ারের কারণে ধনী প্রযুক্তি ক্রেতারা বড় বেতনের টাকা দিয়ে দ্রুত বাড়ি কিনে নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের কংগ্রেস নির্বাচনে অংশ নেওয়া ডেমোক্র্যাট প্রার্থী মেলিসা চৌধুরী এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, মুসলিম ভোটাররা অসন্তুষ্ট হতে পারেন এই ভয়ে তিনি সমকামী (এলজিবিটিকিউ+) অধিকারের পক্ষে প্রকাশ্যে কোনো কথা বলছেন না। অথচ তার নির্বাচনী এলাকায় মুসলিম ভোটারদের সংখ্যা একেবারেই কম। ৩৪ বছর বয়সী মেলিসা চৌধুরী ২০২৪ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর ওয়াশিংটনের নবম নির্বাচনী এলাকা থেকে দ্বিতীয়বারের মতো কংগ্রেস প্রার্থী হয়েছেন। তিনি হিজাব পরিধান করেন এবং তার স্বামী মোহাম্মদ জাহিদ চৌধুরী একজন মুসলিম সেনা সদস্য। সম্প্রতি সিয়াটলভিত্তিক স্থানীয় সংবাদপত্র 'দ্য স্ট্রেঞ্জার'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিসাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি নিজেকে সমকামী অধিকারের সমর্থক দাবি করলেও তার নির্বাচনী ওয়েবসাইটে এই বিষয়ে কেন কোনো কিছু উল্লেখ করেননি? জবাবে মেলিসা বলেন, "কারণ দুর্ভাগ্যবশত অনেক মুসলিম এই বিষয়টি ওভাবে (ইতিবাচকভাবে) দেখেন না।" ২০২৫ সালের পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪১ শতাংশ মুসলিম মনে করেন সমকামিতা সমাজে গ্রহণযোগ্য হওয়া উচিত। এদিকে মেলিসার নির্বাচনী এলাকার বেশিরভাগ অংশ যে সিয়াটলে অবস্থিত, সেখানকার মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মুসলিম। বিপরীতে সিয়াটলে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৭ শতাংশ মানুষ নিজেদের সমকামী বা রূপান্তরকামী হিসেবে পরিচয় দেন। এই সাক্ষাৎকারের পর সমকামী অধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন মেলিসা। ওয়াশিংটন স্টোনওয়াল ডেমোক্র্যাটসের সভাপতি অ্যান্ড্রু আশিওফু ফেসবুকে লেখেন, "আমাদের সম্প্রদায় ফেলে দেওয়ার মতো নয় এবং সমকামী অধিকার ঐচ্ছিক কিছু নয়। ডেমোক্র্যাট দলের সমর্থন পেতে চাওয়া যেকোনো প্রার্থীর জন্য এটি মৌলিক বিষয়।" এর জবাবে মেলিসা ফেসবুকে দাবি করেন, সমকামীরা তার কাছে নিরাপদ। তিনি আরও জানান যে তার নিজের বোনও সমকামী সম্পর্কে আছেন এবং তার একজন প্রতিবন্ধী লেসবিয়ান বন্ধুও রয়েছে। তবে এই জবাবের প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ড্রু আশিওফু বলেন, "তিনি অন্যদের ওপর দোষ চাপাচ্ছেন এবং বলছেন তার সমকামী বন্ধু আছে। এটা কোনো বর্ণবাদীর ‘আমার কৃষ্ণাঙ্গ বন্ধু আছে’ বলার মতোই বিষয়।"