সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নিহত লোরেঞ্জো সালগাদো আরাউহোর ছেলে রোনালদো সালগাদো। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আইসিই এজেন্টের গুলিতে প্রবাসী মেক্সিকান নিহত, ভিডিওতে বাবার মৃত্যু দেখলেন সন্তান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর অভিযানের সময় গুলিতে নিহত হয়েছেন মেক্সিকান বংশোদ্ভূত অভিবাসী শ্রমিক লোরেঞ্জো সালগাদো আরাউহো। পরিবারের দাবি, তিনি প্রতিদিনের মতোই নির্মাণকাজে যাচ্ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তার বড় ছেলে রোনালদো সালগাদো বুঝতে পারেন, নিহত ব্যক্তিই তার বাবা।   দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে রোনালদোর মা ফোন করে জানান, তার বাবা কাজে যাওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করছেন। এরপর রোনালদো দ্রুত হিউস্টনের উত্তরাঞ্চলে নির্মাণস্থলের দিকে রওনা হন, যেখানে তার বাবা দীর্ঘদিন ধরে কাজ করতেন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি দেখতে পান, আইসের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা ব্যক্তিটি তার বাবা।   পরিবারের সদস্যরা জানান, লোরেঞ্জো সালগাদো আরাউহো প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। বৈধ কাগজপত্র না থাকলেও নির্মাণশ্রমিক হিসেবে কঠোর পরিশ্রম করে তিনি পরিবারের দায়িত্ব পালন করেছেন এবং তিন ছেলেকেই কলেজে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। রোনালদো বলেন, তার বাবা ছিলেন একজন পরিশ্রমী ও পরিবারকেন্দ্রিক মানুষ। তিনি বিশ্বাস করেন, বাবার পিছু নেওয়া চিহ্নবিহীন (Unmarked) সরকারি গাড়িগুলো দেখে তিনি ভয় পেয়ে থাকতে পারেন। তার ধারণা, যারা তাকে অনুসরণ করছিল তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এটি হয়তো তার বাবা বুঝতে পারেননি।   পরিবারের দাবি, লোরেঞ্জোর জীবনের একমাত্র লক্ষ্য ছিল পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলা। তিনি আশা করেছিলেন, একদিন হয়তো বৈধ অভিবাসন মর্যাদা পাবেন এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণ হবে। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের ধরন এবং আইসের অভিযান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে অভিযানে প্রাণঘাতী শক্তি ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিবাসী অধিকারকর্মীরা।   এদিকে আইসের পক্ষ থেকে ঘটনাটির তদন্ত চলছে বলে জানানো হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুলির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না বা তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।   লোরেঞ্জো সালগাদো আরাউহোর মৃত্যুর ঘটনায় তার পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, একজন পরিশ্রমী শ্রমিক, যিনি তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে কাজ করে পরিবারের জন্য জীবন উৎসর্গ করেছেন, তার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ২১:১৪
ইসলামিক ধর্মতত্ত্ব অনুষদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামিক ধর্মতত্ত্ব অনুষদ, যাত্রা শুরু ২০২৭ সালে

জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয় ইউরোপের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বতন্ত্র ইসলামিক ধর্মতত্ত্ব (Islamic Theology) অনুষদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর লক্ষ্যে বর্তমানে নির্মাণাধীন ‘ক্যাম্পাস অব রিলিজিয়নস’-এ ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং ইসলামিক ধর্মতত্ত্বের অনুষদগুলোকে একই ক্যাম্পাসে একত্রিত করা হবে।   জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে (DW)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম জার্মানির মুনস্টার শহরে ২০২১ সাল থেকে ‘ক্যাম্পাস অব রিলিজিয়নস’-এর নির্মাণকাজ চলছে। নতুন এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মধ্যে একাডেমিক সহযোগিতা, গবেষণা এবং পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি করা।   নবগঠিত ইসলামিক ধর্মতত্ত্ব অনুষদের প্রতিষ্ঠাতা ডিন মোহানাদ খোরশিদে বলেন, এই উদ্যোগের অংশ হতে পারা তার জন্য অত্যন্ত গর্বের। মুনস্টার বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ বছর কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসেবে এই অনুষদের প্রতিষ্ঠা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তার মতে, নতুন অনুষদে ইসলামের উদার, গবেষণাভিত্তিক এবং মুক্তচিন্তার ব্যাখ্যা নিয়ে কাজ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এর প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বের অন্যান্য মুসলিম সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।   খোরশিদে এর আগে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক থিওলজি-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন অনুষদ প্রতিষ্ঠার ফলে ইসলামিক ধর্মতত্ত্ব বিভাগ এখন নিজস্বভাবে পিএইচডি এবং অন্যান্য উচ্চতর গবেষণা ডিগ্রি প্রদান করতে পারবে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা অনুদান ও বিভিন্ন তহবিল পাওয়ার সুযোগও আরও বাড়বে। ২০১২ সালে মাত্র ১৫ জন শিক্ষার্থী এবং তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিল সেন্টার ফর ইসলামিক থিওলজি। বর্তমানে সেখানে আটজন অধ্যাপক এবং ৫০ জনের বেশি শিক্ষক-কর্মকর্তা কাজ করছেন। আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   জার্মানির সরকারি বিদ্যালয়গুলোতে ইসলাম ধর্ম শিক্ষা সম্প্রসারণের ফলে দক্ষ শিক্ষকের চাহিদাও দ্রুত বেড়েছে। দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়া-তে প্রায় তিন হাজার ইসলাম ধর্মের শিক্ষকের প্রয়োজন হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৩০ জন। ফলে নতুন অনুষদটি শিক্ষক সংকট দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খোরশিদে জানান, ২০২৭ সাল থেকে ‘ইসলাম অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক’ নামে একটি নতুন স্নাতকোত্তর কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে। এই কোর্সের মাধ্যমে যুব উন্নয়ন, হাসপাতালভিত্তিক ধর্মীয় পরামর্শ, প্রবীণদের সেবা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক খাতে দক্ষ পেশাজীবী তৈরি করা হবে।   নতুন অনুষদের নীতিমালায় ইসলাম ও গণতন্ত্রের সহাবস্থান, কোরআনের সমসাময়িক ও গবেষণাভিত্তিক ব্যাখ্যা এবং আন্তধর্মীয় সংলাপকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চরমপন্থা, ইসলামবাদ এবং ইহুদিবিদ্বেষের বিরোধিতার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। খোরশিদে বলেন, অনুষদ প্রতিষ্ঠার ঘোষণা প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের গণমাধ্যম বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বিশেষ করে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় এ উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।   তার মতে, বিশ্বের অনেক মানুষ ইসলামের উদার ও গবেষণানির্ভর ব্যাখ্যার প্রতি আগ্রহী। দীর্ঘমেয়াদে মুনস্টার বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ বৈশ্বিক ইসলামিক গবেষণা ও চিন্তাচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র নরবার্ট রবার্স বলেন, একই ক্যাম্পাসে খ্রিস্টান ও ইসলামিক ধর্মতত্ত্বের অনুষদ প্রতিষ্ঠা আন্তধর্মীয় বোঝাপড়া এবং সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।   অন্যদিকে জার্মানির সাবেক শিক্ষামন্ত্রী আনেত্তে শাভান এই উদ্যোগকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, এটি ইউরোপে একাডেমিক ধর্মতত্ত্ব চর্চাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ২১:১
তদন্তে জব্দ হওয়া অস্ত্র ও নগদ অর্থের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার সিনালোয়া কার্টেলের শীর্ষ নেতা, স্বর্ণখচিত অস্ত্র ও বিপুল মাদকের তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে সিনালোয়া কার্টেলের কথিত শীর্ষ নেতা কার্লোস পায়েজ পেরেদাকে (Carlos Paez Pereda) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মাদক পাচার, অর্থপাচার, মাদক-সংশ্লিষ্ট সন্ত্রাসবাদ, অপহরণ, হত্যাকাণ্ডে জড়িত থাকা এবং সংঘবদ্ধ অপরাধ পরিচালনার মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ।   মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নির কার্যালয় এক অভিযোগপত্রে জানায়, পেরেদা ‘কার্লিতোস’ এবং ‘কার্লিতোস রাগর্যাটস’ নামেও পরিচিত। তিনি সিনালোয়া কার্টেলের ‘লস রাগর্যাটস’ নামে পরিচিত একটি অংশের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।   অভিযোগপত্র অনুযায়ী, গত এক দশকে তিনি সিনালোয়া থেকে তিজুয়ানা সীমান্ত করিডর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মেথঅ্যামফেটামিন, ফেন্টানিল ও কোকেন পাচারের সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে এসব মাদক বিক্রির মাধ্যমে অর্জিত শত শত মিলিয়ন ডলার অর্থপাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মার্কিন মাদকবিরোধী সংস্থা ডিইএ-এর (DEA) সান ডিয়েগো বিভাগের বিশেষ এজেন্ট জেমস নানালির ভাষ্য, পেরেদা দীর্ঘদিন ধরে সহিংসতা, ভয়ভীতি ও সশস্ত্র বাহিনী ব্যবহার করে তার অপরাধ চক্র পরিচালনা করেছেন।   তিনি বলেন, অভিযোগ অনুযায়ী, এই সংগঠন নিজেদের প্রভাব ধরে রাখতে হত্যা, অপহরণ এবং সশস্ত্র হামলার মতো কর্মকাণ্ড চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদকের প্রবাহ অব্যাহত রেখে অসংখ্য পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে। তদন্তকারীদের দাবি, পেরেদা শুধু মাদক পাচার নেটওয়ার্ক পরিচালনাই করতেন না, তিনি কার্টেলের হয়ে সশস্ত্র সদস্য ও ভাড়াটে হত্যাকারীদেরও নির্দেশ দিতেন। এসব সদস্য হত্যাকাণ্ড, সশস্ত্র অপহরণ এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ড পরিচালনা করতেন।   গ্রেপ্তারের আগে পেরেদার বিরুদ্ধে এফবিআই একটি 'সশস্ত্র ও বিপজ্জনক' সতর্কতা জারি করেছিল। গত মার্চ মাসে তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজের অস্ত্রভাণ্ডারের বিভিন্ন ছবি প্রকাশ করতেন। সেখানে অন্তত তিনটি অ্যাসল্ট রাইফেলের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, 'My 3 Fav' (আমার তিনটি প্রিয়)। এছাড়া স্বর্ণখচিত একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ নগদ অর্থ এবং একটি অস্ত্রে নিজের পদবি ও আরেকটিতে 'Rugrats' খোদাই করা ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।   মার্কিন বিচার বিভাগ (DOJ) জানিয়েছে, পেরেদা সিনালোয়া কার্টেলের 'লস মায়োস' অংশের হয়ে মাদক বিতরণ কার্যক্রম পরিচালনা করতেন। সাম্প্রতিক সময়ে কার্টেলের 'লস মায়োস' এবং 'লস চাপিতোস' অংশের মধ্যে সংঘর্ষেও তিনি অর্থ, অস্ত্র, যোদ্ধা এবং অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এফবিআইয়ের সান ডিয়েগো ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট মার্ক রেমিলি বলেন, 'লস রাগর্যাটস' শুধু মেক্সিকোতেই সহিংসতা ছড়ায়নি, তাদের মাদক পাচারের প্রভাব যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটিতেও পৌঁছেছে।   যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, এই মামলাটি মেক্সিকান মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ। তারা আরও দাবি করেছে, সিনালোয়া কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের পর এই তদন্ত আরও জোরদার হয় এবং তারই ধারাবাহিকতায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।   তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কার্লোস পায়েজ পেরেদা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ২০:৫০
ওয়াশিংটনের মেট্রো ট্রেনে রসওয়েল এনসিনাকে ঘিরে প্যাট্রিয়ট ফ্রন্টের সদস্যরা। ছবি: সংগৃহীত
মেট্রো ট্রেনে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীর মুখোমুখি এশীয় বংশোদ্ভূত যাত্রী, ‘ভয় আর অনিশ্চয়তায় জমে গিয়েছিলাম’

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্বাধীনতা দিবসের (৪ জুলাই) শোভাযাত্রার সময় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিসেবে পরিচিত প্যাট্রিয়ট ফ্রন্ট নামের একটি সংগঠনের সদস্যদের সঙ্গে একই মেট্রো ট্রেনে যাত্রা করতে গিয়ে আতঙ্কের মুহূর্ত পার করেছেন এশীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।   মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ওয়াশিংটন জানিয়েছে, ওই ব্যক্তির নাম রসওয়েল এনসিনা। স্বাধীনতা দিবসে তিনি মেরিল্যান্ডে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই মুখোশ পরা প্যাট্রিয়ট ফ্রন্টের সদস্যরা তার মেট্রো ট্রেনে ওঠেন। পরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা গেটি ইমেজেস-এর তোলা কয়েকটি ছবিতে দেখা যায়, একা বসে থাকা এনসিনাকে ঘিরে রয়েছেন মুখোশধারী কয়েকজন সদস্য।   এনবিসি ওয়াশিংটনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এনসিনা বলেন, “এ ধরনের পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত থাকে না। এমন মুহূর্তে শরীর শক্ত হয়ে আসে, আর মনে প্রশ্ন জাগে, আসলে কী ঘটছে।” তিনি জানান, পরিস্থিতি বুঝতে পেরে তিনি ইচ্ছাকৃতভাবে কারও সঙ্গে চোখাচোখি করেননি। নিজেকে নিরাপদ রাখাই ছিল তার প্রধান লক্ষ্য।   তবে এই অভিজ্ঞতার মধ্যেও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাস থেকে সাহস নেওয়ার চেষ্টা করেছেন। এনসিনা বলেন, “আমি প্রথম ব্যক্তি নই, যিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। রুবি ব্রিজেসসহ পঞ্চাশ ও ষাটের দশকে অসংখ্য আফ্রিকান-আমেরিকান শিশু, কিশোর ও শিক্ষার্থী আরও কঠিন সময় পার করেছেন। তখন বুঝতে পারি, তাদের মতো সাহসই আমাকে ধরে রাখতে হবে।”   এটি এনসিনার জীবনের প্রথম বৈষম্যমূলক অভিজ্ঞতাও নয়। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে একই মেট্রোতে যাত্রার সময় একদল কিশোর তার এবং আরেক এশীয় বংশোদ্ভূত যাত্রীর ওপর কফি ছুড়ে মারে। কিন্তু একই ট্রেনের অন্য অ-এশীয় যাত্রীদের তারা কিছুই করেনি। সে সময়ও তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। এনসিনার ভাষায়, “পাঁচ বছর পেরিয়ে গেলেও মনে হচ্ছে যেন একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, এই দেশে এখনো বিভাজন রয়ে গেছে।”   এদিকে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অন এক্সট্রিমিজম-এর গবেষক লুক বাউমগার্টনার এনবিসি ওয়াশিংটনকে বলেন, প্যাট্রিয়ট ফ্রন্টের মতো সংগঠনগুলো মূলত জনসম্মুখে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। তার ভাষায়, “তাদের মূল বার্তা হলো, আমেরিকা শুধু শ্বেতাঙ্গদের জন্য। প্রচার পাওয়াই তাদের প্রধান লক্ষ্য এবং অধিকাংশ উগ্রপন্থী সংগঠন এ ধরনের কৌশলই অনুসরণ করে।”   উল্লেখ্য, অ্যান্টি-ডিফেমেশন লীগ (ADL) প্যাট্রিয়ট ফ্রন্টকে একটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনটি বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মিছিল ও জনসমাবেশের মাধ্যমে নিজেদের মতাদর্শ প্রচারের চেষ্টা করে।   সবকিছুর পরও মানবতার প্রতি নিজের বিশ্বাস হারাতে চান না এনসিনা। তিনি বলেন, “আমাদের আশা ধরে রাখতে হবে। এমন সময়গুলোতে আশাই সবচেয়ে বড় ভরসা। আমি এখনো বিশ্বাস করি, অধিকাংশ মানুষ মূলত ভালো।”

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ২০:৪০
জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে নতুন আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
জন্মসূত্রে নাগরিকত্ব মামলায় আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবারও আইনি লড়াইয়ে নামছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার (Rehearing) আবেদন করবেন।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ইতোমধ্যে যেসব মামলার পূর্ণাঙ্গ শুনানি শেষে রায় দিয়েছে, সেগুলো পুনর্বিবেচনার আবেদন গ্রহণের নজির অত্যন্ত বিরল। কয়েক দশক ধরে এমন কোনো আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট।   গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের সেই নির্বাহী আদেশ বাতিল করে দেয়, যার মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা করা হয়েছিল। আদালত রায়ে উল্লেখ করে, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং দেশটির আইনগত এখতিয়ারের আওতাভুক্ত ব্যক্তিরা জন্মসূত্রেই মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকারী। আদালতের মতে, ট্রাম্পের নির্বাহী আদেশ ওই সাংবিধানিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক।   ট্রাম্প এই রায়কে ‘ন্যায়বিচারের ব্যর্থতা’ (Miscarriage of Justice) বলে আখ্যা দিয়েছেন। প্রধান বিচারপতি John Roberts রচিত এই রায়ের কঠোর সমালোচনা করে তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, “আমেরিকার নাগরিকত্ব বিক্রির জন্য নয়। নাগরিকত্ব নিয়ে যে অপব্যবহার হচ্ছে, তা অপরাধ। তাই সুপ্রিম কোর্টের এই রায় ভুল। আমি অবিলম্বে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করব।”   দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প অবৈধ ও বৈধ উভয় ধরনের অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণে একাধিক নির্বাহী আদেশে সই করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, বর্তমান আইনের সুযোগ নিয়ে কিছু বিদেশি পরিবার যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জনের চেষ্টা করছে। অন্যদিকে নাগরিক অধিকার সংগঠন ও অভিবাসন বিশেষজ্ঞরা শুরু থেকেই এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে সমালোচনা করে আসছিলেন।   আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ থাকলেও তা গ্রহণ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আদালত সাধারণত কেবল অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে এমন আবেদন বিবেচনা করে থাকে। ফলে ট্রাম্পের নতুন উদ্যোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও আইনি দৃষ্টিকোণ থেকে এটি সফল হওয়ার সম্ভাবনা সীমিত বলেই মনে করা হচ্ছে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ২০:২৮
ম্যাডি ওলসন ও তাঁর স্বামী I ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে নিজের হাতে স্বপ্নের বাড়ি গড়লেন দম্পতি, মাসিক মর্টগেজ ৯০০ ডলারেরও কম

বাড়ি তৈরির বিশাল নির্মাণ ব্যয় বাঁচাতে এক অভিনব ও সাহসী উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক দম্পতি। কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নিজেদের স্বপ্নের বাড়ি নিজেদের হাতেই গড়ে তুলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ম্যাডি ওলসন ও তাঁর স্বামী। মূলত নির্মাণ খরচ কমিয়ে বাড়ির মাসিক মর্টগেজ বা ঋণের কিস্তি সাধ্যের মধ্যে রাখতেই তাঁরা এই চ্যালেঞ্জিং সিদ্ধান্ত গ্রহণ করেন। অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের জোরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে মাত্র নয় মাসের মধ্যেই তাঁরা নিজেদের এই নতুন বাড়ির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করেছেন।   বাড়ি তৈরির এই দীর্ঘ যাত্রাপথ মোটেও সহজ ছিল না। বাড়ির দুটি বাথরুমের মেঝে ও দেয়ালে টাইলস বসানোর মতো অত্যন্ত দক্ষ কাজের কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না ম্যাডি ওলসনের। কিন্তু এই অনভিজ্ঞতা তাঁদের দমিয়ে রাখতে পারেনি। কাজে বারবার ভুল হওয়া এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে তাঁরা হার না মেনে একটু একটু করে এগিয়ে গেছেন। নিজেদের এই 'ডু ইট ইওরসেলফ' (DIY) বা স্বাবলম্বী উদ্যোগের ফলে তাঁরা পেশাদার মিস্ত্রি ও ঠিকাদারদের পেছনে ব্যয় হওয়া বিপুল পরিমাণ অর্থ বাঁচাতে সক্ষম হয়েছেন।   নিজেদের এই প্রথম বাড়িটি তৈরি করার পুরোটা সময় জুড়ে ওলসন দম্পতি অত্যন্ত কঠোরভাবে তাঁদের নির্ধারিত বাজেটের মধ্যে থাকার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত তাঁরা সফলও হয়েছেন। বর্তমানে তাঁদের এই পরিশ্রমের ফসল বাড়িটির জন্য মাসিক মর্টগেজ বা কিস্তি বাবদ ৯০০ ডলারেরও কম অর্থ পরিশোধ করতে হচ্ছে। নিজেদের একাগ্রতা আর শ্রমে গড়া এই বাড়িটি এখন শুধু তাঁদের কাছে একটি নিরাপদ আশ্রয়ই নয়, বরং সাশ্রয়ী উপায়ে মাথা গোঁজার ঠাঁই করতে চাওয়া অসংখ্য মানুষের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৯:৫৫
মানা জাম্পালা I ছবি: সংগৃহীত
১২ বছর বয়সেই এআই উদ্ভাবক, ব্যবসার জন্য তৈরি করল স্মার্ট রিসেপশনিস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যে নতুন প্রজন্মের উদ্ভাবকদের জন্য অভাবনীয় সব সুযোগ তৈরি করছে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মানা জাম্পালা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দা এই কিশোরীর বয়স মাত্র ১২ বছর। আর এই বয়সেই সে 'ভোক্সা' (Voxa) নামের একটি এআই-চালিত রিসেপশনিস্ট বা স্বয়ংক্রিয় অভ্যর্থনাকারী সিস্টেম তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে গ্রাহক সেবায় সহায়তা করার অভিনব এক লক্ষ্য নিয়েই প্রযুক্তিটি উদ্ভাবন করেছে খুদে এই উদ্যোক্তা।   গত ২০২৫ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে 'ভোক্সা' বাজারে আনে মানা জাম্পালা। ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক সময় লোকবলের অভাবে বা কাজের চাপে সব গ্রাহকের ফোন কল রিসিভ করতে পারে না, যার ফলে সম্ভাব্য ক্রেতা বা ক্লায়েন্ট হারানোর প্রবল ঝুঁকি থাকে। মানার তৈরি এই আধুনিক এআই রিসেপশনিস্ট ঠিক সেই সমস্যারই সমাধান নিয়ে এসেছে।   এটি স্বয়ংক্রিয়ভাবে নির্ভুলতার সাথে গ্রাহকদের ফোন কল গ্রহণ করতে এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে সক্ষম। এর ফলে কোনো প্রতিষ্ঠানেরই আর নতুন কোনো গ্রাহক হারানোর ভয় থাকবে না।   সম্প্রতি সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে মানা জানায়, এমন একটি দরকারি প্রযুক্তি উদ্ভাবনের পেছনের অনুপ্রেরণা সে পেয়েছিল তার বাবার কর্মস্থল থেকে। বাবার অফিসে সময় কাটানোর সময়ই সে প্রথম লক্ষ্য করে যে, কীভাবে ছোট ব্যবসাগুলো প্রতিদিন গ্রাহকদের কল সামলাতে গিয়ে হিমশিম খায়।   সেখান থেকেই তার মাথায় এআই প্রযুক্তি ব্যবহার করে একটি স্মার্ট ও সাশ্রয়ী রিসেপশনিস্ট তৈরির আইডিয়া আসে। মাত্র ১২ বছর বয়সেই এমন একটি বাস্তবমুখী ও কার্যকরী প্রযুক্তি তৈরি করে মানা প্রমাণ করেছে যে, মেধা ও উদ্ভাবনী চিন্তার কাছে বয়স কোনো বাধাই নয়।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৯:৩৬
অবিনাশ নারনে I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নববিবাহিত স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে লাশের ছবি পাঠালেন ভারতীয় স্বামী

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে অবিনাশ নারনে নামের এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই স্ত্রীর নাম রাজিতা সাব্বিনেনি (২৭)। যুক্তরাষ্ট্রের বেলভিউ পুলিশ দীর্ঘ নয় মাসের তদন্ত শেষে সম্প্রতি ৩০ বছর বয়সী অবিনাশকে ফার্স্ট-ডিগ্রি বা পরিকল্পিত হত্যার অভিযোগে অভিযুক্ত করেছে।   পুলিশের দাবি, ভারতে থাকা এক নারীর সঙ্গে নিজের গোপন প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতেই অবিনাশ এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে পুরো বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে সাজানোর চেষ্টা করেছেন।   ২০২৫ সালের অক্টোবরের এক রাতে পুলিশ অবিনাশের কল পেয়ে তাদের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সে সময় অবিনাশ দাবি করেছিলেন, তার স্ত্রী বাথরুমে ঢুকে আর সাড়া দিচ্ছেন না। পুলিশ বাথরুমের দরজা ভেঙে রাজিতাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করতে অবিনাশ জানিয়েছিলেন, তিনি কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলেন এবং প্রায় ৪০ মিনিট পর ফিরে এসে দেখেন বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ।   তবে ময়নাতদন্তের প্রতিবেদনে বেরিয়ে আসে যে, রাজিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে অ্যাপার্টমেন্টের স্মার্ট-লক ও নিরাপত্তা ক্যামেরার ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে, অবিনাশের বাইরে থাকা অবস্থায় অন্য কোনো ব্যক্তি ওই ঘরে প্রবেশ করেনি।   তদন্তে এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ হিসেবে অবিনাশের একটি গোপন প্রেমের সম্পর্ক উঠে আসে। প্রসিকিউটরদের মতে, বিয়ের আগে থেকেই ভারতে এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, যা বিয়ের পরও অব্যাহত থাকে। এমনকি ওই নারী তাদের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। রাজিতার মৃত্যুর দিনও অবিনাশ ওই প্রেমিকাকে অন্তত চারবার কল করেছিলেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, হত্যার পরদিন প্রেমিকার কাছে স্ত্রীর লাশের একটি ছবিও পাঠিয়েছিলেন তিনি, যা পুলিশের জেরার মুখে অবিনাশ স্বীকারও করেছেন।   হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ আগে স্বামী-স্ত্রীর মধ্যে আদান-প্রদান হওয়া বেশ কিছু মেসেজও পুলিশের হাতে এসেছে। সেখানে রাজিতা একাধিকবার অভিযোগ করেছিলেন যে, তার স্বামীর দেওয়া পানীয়গুলোর স্বাদ অস্বাভাবিক রকমের তেতো। এমনকি মৃত্যুর দিনও তিনি অবিনাশের বানানো একটি স্মুদিকে 'ওষুধ' ও 'কফ সিরাপ'-এর মতো স্বাদের বলে উল্লেখ করেছিলেন।   দীর্ঘ আট মাস ধরে ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের পর গত ১ জুলাই একটি স্থানীয় আদালত অবিনাশকে আনুষ্ঠানিকভাবে পরিকল্পিত হত্যার দায়ে অভিযুক্ত করে। বর্তমানে তিনি ৫০ লাখ ডলার (প্রায় ৪৮ কোটি রুপি) জামিনে কারাগারে বন্দি রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ওয়াশিংটনের আইন অনুযায়ী এই ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৯:২০
ফিলাডেলফিয়ায় গুলিতে নিহত বাংলাদেশি প্রবাসী মাহফুজুল হক | ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফুড ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি মাহফুজুল হকের জানাজা আগামীকাল

নিহত মাহফুজুল হকের নামাজে জানাজা আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে (১৪২১ Tyson Avenue, Philadelphia, PA 19111) অনুষ্ঠিত হবে। জীবিকার তাগিদে ডোরড্যাশে কাজ শুরুর আগে তিনি উইলো গ্রোভ এলাকার আল-শাম রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। অকালে প্রাণ হারানো এই প্রবাসী মৃত্যুকালে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।   স্থানীয় পত্রিকা ফিলাডেলফিয়া পেপারের সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম (আরিফ) জানান, এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো কমিউনিটি গভীরভাবে শোকাহত। শোকস্তব্ধ প্রবাসীরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।   উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় গত মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে এক মর্মান্তিক হামলায় প্রাণ হারান ৪৩ বছর বয়সী এই বাংলাদেশি। পুলিশ ও স্থানীয় সূত্রমতে, শহরের কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে ডোরড্যাশের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।   আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাস্থল থেকে মাহফুজুল হকের ব্যবহৃত গাড়িটি ইঞ্জিন চালু অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এছাড়া সেখান থেকে ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং বেশ কয়েকটি গুলির ব্যবহৃত খোসাও আলামত হিসেবে সংগ্রহ করেছিলেন তদন্তকারীরা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকেই সন্দেহ করছেন যে, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে।   তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশের রাজশাহীর সন্তান মাহফুজুল হক সপরিবারে ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় বসবাস করতেন। তাঁর এই অকাল প্রয়াণে গোটা প্রবাসী কমিউনিটিতে শোকের পাশাপাশি চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বিরাজ করছে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৮:৫৯
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন ভারতীয় এইচ-১বি ও স্টুডেন্ট ভিসাধারীরা
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন ভারতীয় এইচ-১বি ও স্টুডেন্ট ভিসাধারীরা

যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক এবং বর্তমানে সেখানে কর্মরত পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। সদ্য পাওয়া তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের সম্ভাব্য নতুন অভিবাসন নীতির কারণে বহুল আলোচিত এইচ-১বি (H-1B) ভিসা প্রোগ্রাম, কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা মেয়াদে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।   একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি (OPT) প্রোগ্রামেও ব্যাপক কড়াকড়ি আরোপের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই প্রকাশ হতে যাওয়া এই চূড়ান্ত নীতিমালায় এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টের (EAD) স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির দীর্ঘদিনের সুবিধাও বাতিল করা হবে।   নতুন এই নিয়মগুলো বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের পেশাজীবী ও শিক্ষার্থীরা। প্রস্তাবিত নীতি অনুযায়ী, এইচ-১বি ভিসার ক্ষেত্রে বার্ষিক ৮৫ হাজার কোটার বাইরে যেসব বিশেষ ছাড় ছিল, সেগুলো সীমিত করা হতে পারে। পাশাপাশি থার্ড-পার্টি ক্লায়েন্টের কাছে কর্মী পাঠানোর ক্ষেত্রে নিয়োগকর্তাদের আরও বেশি নথিপত্র দাখিলের শর্ত জুড়ে দেওয়া হবে।   অন্যদিকে ইএডি (EAD) বা কাজের অনুমতির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আর বাড়বে না। ফলে বর্তমান অনুমতির মেয়াদ শেষ হয়ে গেলে ইউএসসিআইএস (USCIS)-এর নতুন অনুমোদন না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ চালিয়ে যেতে পারবেন না, যা অভিবাসীদের আর্থিক ও পেশাগত জীবনে মারাত্মক প্রভাব ফেলবে।   আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও আসছে বড় ধরনের ধাক্কা। বর্তমানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা বা প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধায় যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। কিন্তু নতুন নিয়মে ভিসার মেয়াদ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত (সম্ভবত চার বছর) বেঁধে দেওয়া হতে পারে। এরপর সেখানে থাকতে চাইলে অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন করতে হবে।   এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বা স্টেম (STEM) শিক্ষার্থীদের জন্য থাকা দুই বছরের ওপিটি (OPT) মেয়াদ বৃদ্ধির সুবিধাতেও কাঁটছাঁট করার কথা ভাবা হচ্ছে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের এই সম্ভাব্য পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের মেধাভিত্তিক অভিবাসন ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের মাঝে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৮:৩৪
ছবি: নিউইয়র্ক পোস্ট
নিউজার্সিতে নিজ বাড়িতে স্ত্রীকে গুলি করে হত্যার পর ফেডারেল এজেন্টের আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নিজ বাড়িতে স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজেই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন এক মার্কিন ফেডারেল এজেন্ট। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নিউজার্সির সেয়ারভিল এলাকার একটি বাড়িতে। মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, শুক্রবার রাতে ৪৬ বছর বয়সী কেলি আইটাউরোকে তাদের বাড়ির ভেতরে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পাওয়া যায়।   অন্যদিকে, ৫২ বছর বয়সী স্বামী ক্রিস্টোফার আইটাউরোর মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির পেছনের উঠান থেকে। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।   স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই চাঞ্চল্যকর ঘটনাটিকে একটি 'মার্ডার-সুইসাইড' বা হত্যা ও আত্মহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে, যেখানে ক্রিস্টোফারকেই মূল সন্দেহভাজন শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ ও রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।   স্থানীয় সংবাদমাধ্যমের প্রাপ্ত রেকর্ড অনুযায়ী, ক্রিস্টোফার আইটাউরো মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন স্পেশাল বা বিশেষ এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে সেয়ারভিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকার সকল বাসিন্দাকে সাময়িকভাবে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়। সেসময় অন্তত ৪০ মিনিটের জন্য রাস্তাটির একাংশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।   এদিকে, এই আকস্মিক ও নির্মম ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন নিহত কেলির ননদ, যেখানে তিনি কেলির শেষকৃত্যানুষ্ঠানের কথাও জানান। ফেসবুকে তিনি লেখেন, "শুক্রবার আমার সুন্দর মনের ভাবি কেলিকে আমাদের কাছ থেকে চরম অমানবিক ও আকস্মিকভাবে কেড়ে নেওয়া হয়েছে।" কেলিকে একজন অত্যন্ত দয়ালু, সহানুভূতিশীল ও অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, যারাই কেলির সান্নিধ্য পেয়েছেন, তাদের সবার মাঝেই তিনি এক চিরস্থায়ী ইতিবাচক ছাপ রেখে গেছেন।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৮:৪
ছবি: নিউইয়র্ক পোস্ট
অ্যালাবামায় শাসন করায় জন্মদাত্রী মাকে কুপিয়ে হত্যা করল ছেলে, রাস্তায় আহত পিতার আর্তনাদ

যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় পারিবারিক কলহের জেরে নিজের মায়ের প্রাণ কেড়ে নিয়েছে ১৭ বছর বয়সী এক কিশোর। ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হয়েছেন ৩৭ বছর বয়সী মা সামান্থা বেকার। একই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন তার বাবা, ৪৬ বছর বয়সী ল্যান্স বেকার। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় প্রতিবেশীদের দ্বারে দ্বারে ঘুরে বাঁচার জন্য আর্তনাদ করতে থাকেন। গত রোববার রাত ৯টার দিকে অ্যালাবামার বাল্ডউইন কাউন্টির বেলফরেস্ট এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।   স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনার রাতে সন্তানকে শাসন করা নিয়ে পরিবারের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। একপর্যায়ে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে তার মা-বাবার ওপর প্রাণঘাতী হামলা চালায়। বাড়ির ভেতরে ও বাইরে উভয় স্থানেই তাদের ছুরিকাঘাত করা হয়। প্রাণ বাঁচাতে ওই দম্পতি পালানোর চেষ্টা করেন।   হামলা চালানোর পর ওই কিশোর নিজেকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখে এবং নিজেই পুলিশকে ফোন করে। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সামান্থা বেকারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সংকটাপন্ন অবস্থায় তার স্বামী ল্যান্স বেকারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।   ল্যান্স বেকার মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ ব্যাটালিয়নের একজন কমান্ডার হিসেবে কর্মরত। হামলার পর রক্তাক্ত অবস্থায় তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের দরজায় কড়া নেড়ে সাহায্য চাইতে থাকেন। শন স্কারি নামের এক প্রতিবেশী জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে ল্যান্স বেকারের বাঁচার আকুতি ধরা পড়েছে। ভিডিওতে তাকে বারবার বলতে শোনা যায়, "দয়া করে আমাকে সাহায্য করুন... আমি মরতে চাই না।" প্রতিবেশী শন আরও জানান, ওই ব্যক্তি একটি খোলা দরজার খোঁজে রাস্তায় হন্যে হয়ে ছোটাছুটি করছিলেন।   বাল্ডউইন কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। প্রাপ্তবয়স্ক হিসেবেই তার বিচারকার্য পরিচালিত হবে। সোমবার আদালতে হাজির করার পর তাকে ১০ লাখ ডলারের বন্ডে কারাগারে পাঠানো হয়েছে। নিহত সামান্থা বেকার পেশায় একজন রিয়েল এস্টেট এজেন্ট ছিলেন এবং স্বামী ল্যান্সের মতো তিনিও একসময় মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন। তাদের অপর এক ছোট ছেলে হামলার সময় বাড়িতে ছিল না বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন পারিবারিক বিষয় হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় শেরিফ বিভাগ।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৭:৩০
মার্কিন যুদ্ধ বিমান I ছবি: সংগৃহীত
ট্রাম্পের নির্দেশে ইরানে ফের বিমান হামলা, মধ্যপ্রাচ্যে নতুন সংকটের শঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, তারা ইরানের ওপর নতুন করে আরেক দফা সামরিক হামলা শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে সেন্টকম জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বাহিনী এই অভিযান পরিচালনা করছে।   মূলত হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতায় বিঘ্ন ঘটানোর এবং হুমকি তৈরি করার যে সক্ষমতা ইরানের রয়েছে, তা আরও দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই অতিরিক্ত হামলা চালানো হচ্ছে বলে বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।   এই মার্কিন ঘোষণার ঠিক আগেই ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোও ওই অঞ্চলে একাধিক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে।   তবে এখন পর্যন্ত এই হামলায় ঠিক কী পরিমাণ সামরিক বা বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষ থেকেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই আকস্মিক হামলার পর হরমুজ প্রণালীসহ সমগ্র মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৭:৫
কোলাজ: আমেরিকা বাংলা
ফ্লোরিডায় কুমিরের মুখ থেকে ছেলেকে ছিনিয়ে আনলেন বাবা, তবু বাঁচানো গেল না হাত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাছ ধরার সময় ১১ বছর বয়সী এক কিশোরের ওপর বিশালাকার এক কুমির হামলা চালিয়েছে। তবে সন্তানের জীবন বাঁচাতে নিজের জীবনের পরোয়া না করে খালি হাতেই কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়েন পেনসিলভেনিয়া থেকে আসা বাবা পিটার ডিটুরি। গত ২৭ জুন ম্যারিয়ন কাউন্টিতে পরিবারের সাথে ছুটি কাটানোর সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভয়াবহ এই হামলায় কিশোর ব্রোডি ডিটুরির ডান হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, যা পরে চিকিৎসকরা কেটে ফেলতে বাধ্য হন।   স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে পিটার ডিটুরি জানান, ঘটনার দিন তারা বাবা-ছেলে মিলে মাছ ধরছিলেন। একটি মাছ ধরে পুনরায় পানিতে ছেড়ে দেওয়ার সময় আচমকা ৮ ফুট ৭ ইঞ্চি লম্বা একটি কুমির ব্রোডির ডান হাত কামড়ে ধরে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রবৃত্তিগতভাবেই কুমিরটির ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। সেটির বিশাল চোয়াল টেনে খোলার চেষ্টা করার পাশাপাশি জরুরি নম্বর ৯১১-তে কল করার জন্য সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। ঠিক তখনই কুমিরটি শিকারকে ডোবানো বা ছিঁড়ে ফেলার চিরাচরিত কৌশল হিসেবে পানিতে ঘুরপাক খেতে শুরু করে। এর ফলেই ব্রোডির হাতের ওই অংশটি বিচ্ছিন্ন হয়ে যায়।   ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পিটার যদি কুমিরটির ওপর ঝাঁপিয়ে না পড়তেন, তবে সেটি ব্রোডিকে পুরোপুরি পানির গভীরে টেনে নিয়ে যেত। ছেলের এমন করুণ পরিণতিতে কান্নাজড়িত কণ্ঠে পিটার উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিপদের মুহূর্তে যারা দ্রুত সাহায্যে এগিয়ে এসেছেন, তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। ফ্লোরিডায় মাছ ধরা ব্রোডির ভীষণ প্রিয় হলেও, এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সে এখন এই জায়গাকে প্রচণ্ড ভয় পাচ্ছে বলে জানান তার বাবা। বর্তমানে ব্রোডির হাতের জন্য কৃত্রিম অঙ্গ বা ট্রান্সপ্লান্টের সম্ভাবনা নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করছে তার পরিবার।  

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৬:৫০
এমিলি কারোলস্কি I ছবি: সংগৃহীত
মিশিগানে নবজাতকদের সেবায় নিয়োজিত নার্সের বাড়িতে মিলল ৮০টি মৃত বিড়াল, হতবাক স্থানীয়রা

যুক্তরাষ্ট্রের মিশিগানে এক নার্সের বাড়িতে তল্লাশি চালিয়ে গা শিউরে ওঠা এক বীভৎস দৃশ্য আবিষ্কার করেছে পুলিশ। এমিলি কারোলস্কি নামের ওই নার্সের বাড়ি থেকে প্রায় ৮০টি মৃত এবং ১০০টিরও বেশি জীবিত বিড়াল উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় কোরওয়েল হেলথের একজন নার্স প্র্যাকটিশনার, যিনি হাসপাতালে সদ্য জন্ম নেওয়া নবজাতকদের নিবিড় পরিচর্যার দায়িত্বে ছিলেন। এমন একটি সংবেদনশীল পেশায় নিযুক্ত ব্যক্তির বাড়িতে চরম অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণীদের আটকে রাখার এই ঘটনা স্থানীয় কমিউনিটিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।   উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানকার ভয়াবহ দুর্গন্ধের কারণে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। বমি ভাব ও মাথা ঘোরার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় বাধ্য হয়ে তাদের রেসপিরেটর বা বিশেষ শ্বাসযন্ত্র ব্যবহার করে বাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। পুলিশ জানিয়েছে, পুরো বাড়িটি ছিল চরম নোংরা ও আবর্জনায় পূর্ণ। রান্নাঘরের বিভিন্ন স্থানে এবং এমনকি রেফ্রিজারেটরের ভেতরেও মৃত বিড়াল স্তূপ করে রাখা ছিল, যা দেখে উদ্ধারকর্মীরাও হতবাক হয়ে যান।   এই অমানবিক ও মর্মান্তিক ঘটনার পর এমিলি কারোলস্কির বিরুদ্ধে প্রাণী নিষ্ঠুরতা এবং মৃত প্রাণী যথাযথভাবে সৎকার না করার অভিযোগে ফেলোনি বা গুরুতর অপরাধের মামলা দায়ের করা হয়েছে। তবে এত ভয়াবহ অভিযোগ থাকা সত্ত্বেও তাকে মাত্র আড়াই হাজার ডলারের বন্ডে জামিন দেওয়া হয়েছে। যে ব্যক্তির ওপর হাসপাতালে নবজাতক শিশুদের জীবনের ভার তুলে দেওয়া হয়েছিল, তার এমন ভয়াবহ মানসিকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে এখন সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৬:২৯
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম I ছবি: সংগৃহীত
আইসের গুলিতে মেক্সিকান নাগরিকের মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা মেক্সিকোর

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টের গুলিতে এক মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম এই কড়া হুঁশিয়ারি দেন।   তিনি জানান, যুক্তরাষ্ট্রে মেক্সিকান নাগরিকদের ওপর এমন দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাই তারা শুধু কূটনৈতিক চিঠি চালাচালি বা আন্তঃআমেরিকান মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, বরং এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। প্রেসিডেন্ট শিনবাউম আক্ষেপ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য কোম্পানিতে কর্মরত থাকা সত্ত্বেও শুধুমাত্র বৈধ অভিবাসন নথিপত্র না থাকার কারণেই এক মেক্সিকান নাগরিককে আটকের নামে প্রাণ দিতে হলো।   গত মঙ্গলবার হিউস্টনে এই প্রাণঘাতী গোলাগুলির ঘটনা ঘটে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) দাবি করেছে, তারা অবৈধভাবে বসবাসকারী এক ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট তল্লাশি অভিযান চালাচ্ছিল। লরেঞ্জো সালগাদো আরউজো নামের ওই মেক্সিকান নাগরিককে গাড়ি থামানোর নির্দেশ দিলে তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করেন।   আইস কর্তৃপক্ষের ভাষ্যমতে, লরেঞ্জো তার গাড়ি দিয়ে আইসের একটি গাড়িতে ধাক্কা দেন এবং এক এজেন্টকে চাপা দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে ওই এজেন্ট গুলি চালালে লরেঞ্জো গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।   তবে এই ঘটনার পর বুধবার নিহতের পরিবারের সদস্য এবং স্থানীয় কমিউনিটি নেতারা পুরো ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। নিহত লরেঞ্জো সালগাদো আরউজোর ছেলে জানিয়েছেন, তার বাবা প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। এমনকি তিনি তার ওয়ার্ক পারমিট বা কাজের বৈধ অনুমতিপত্র পাওয়ার আইনি প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। বৈধতা পাওয়ার দ্বারপ্রান্তে থাকা একজন দীর্ঘস্থায়ী বাসিন্দাকে এভাবে গুলি করে হত্যার ঘটনায় প্রবাসী কমিউনিটিতে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৬:১২
মুনা জর্জিয়া পিকনিকের ভেন্যু পরিবর্তন
মুনা জর্জিয়া পিকনিকের ভেন্যু পরিবর্তন, ১১ জুলাই নতুন স্থানে অনুষ্ঠিত হবে দিনব্যাপী আয়োজন

আবাসন সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিতব্য MUNA (Muslim Ummah of North America) Georgia Picnic 2026-এর ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত স্থানের পরিবর্তে আগামী শনিবার, ১১ জুলাই, পিকনিকটি অনুষ্ঠিত হবে জর্জিয়ার অ্যাকওয়ার্থ শহরের রেড টপ মাউন্টেন স্টেট পার্কে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নতুন ভেন্যুর তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।   আয়োজকদের ঘোষণা অনুযায়ী, পিকনিকটি ১১ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত চলবে। নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে Red Top Mountain State Park-এর Group Shelter #2, যার ঠিকানা 50 Lodge Rd SE, Acworth, Georgia 30102।   প্রতিবছরের মতো এবারও পরিবারকেন্দ্রিক এই আয়োজনে বিভিন্ন ধরনের খাবার, বিনোদনমূলক কার্যক্রম এবং ইসলামী পরিবেশে মিলনমেলার ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে চিকেন বারবিকিউ, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আইসক্রিম, তাজা তরমুজসহ আরও বিভিন্ন পদ।   আয়োজকদের তথ্য অনুযায়ী, শিশু ও বড়দের জন্য থাকবে মজাদার খেলাধুলার আয়োজন এবং ইসলামী জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। এছাড়া ইসলামী শালীনতা বজায় রাখতে ভাই ও বোনদের জন্য সম্পূর্ণ পৃথক ও আরামদায়ক বসার ব্যবস্থা রাখা হয়েছে।   রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে একক অংশগ্রহণকারীর জন্য ২০ ডলার এবং সর্বোচ্চ চার সদস্যের পরিবারের জন্য ৪০ ডলার। চারজনের বেশি সদস্য হলে অতিরিক্ত প্রতিজনের জন্য ১০ ডলার করে দিতে হবে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। তবে পার্কে প্রবেশের জন্য ১০ ডলারের পার্কিং ফি পার্ক কর্তৃপক্ষকে আলাদাভাবে পরিশোধ করতে হবে।   নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য আয়োজকদের প্রকাশিত ফ্লায়ারের কিউআর কোড ব্যবহার করতে অথবা আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের জন্য আব্দুল্লাহ মামুন (৪০৪-৭০৪-৭৭৫৩), সাজিদ শোভন (৫৭০-৪১৭-৪৮৪৩) এবং রেজাউল করিমের (৪০৪-৪৫২-৮৩২২) নম্বর দেওয়া হয়েছে।   মুনা উত্তর আমেরিকায় বসবাসরত মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক বন্ধন শক্তিশালী করতে নিয়মিত বিভিন্ন শিক্ষা, দাওয়াহ ও কমিউনিটিভিত্তিক কার্যক্রম আয়োজন করে থাকে। জর্জিয়ার এই বার্ষিক পিকনিকও সেই ধারাবাহিকতার অংশ, যেখানে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের সুযোগ তৈরি হয়।   আয়োজকরা সবাইকে নতুন ভেন্যুর তথ্য নিশ্চিত করে পরিবারসহ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্থান পরিবর্তনের বিষয়টি পরিচিতদের জানিয়ে দেওয়ার অনুরোধ করেছেন, যাতে কেউ পূর্বনির্ধারিত স্থানে চলে না যান।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৫:৫৮
ছবি: নিউইয়র্ক পোস্ট
টেক্সাসে ইচ্ছাকৃতভাবে প্রচণ্ড গরমে বন্ধ গাড়িতে ফেলে রাখায় ১৫ মাসের শিশুর মৃত্যু, মায়ের ২৫ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গ্রীষ্মের প্রচণ্ড গরমে নিজের ১৫ মাস বয়সী শিশুকে ইচ্ছাকৃতভাবে গাড়ির ভেতর রেখে কাজে যাওয়ার দায়ে এক মাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মর্মান্তিক এই ঘটনায় শিশুটির মৃত্যু হয়। এমনকি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই মা খাবার কেনার জন্য ম্যাকডোনাল্ডসেও থেমেছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। ভেনেসা এসকুইভেল নামের ২৮ বছর বয়সী ওই নারীকে ফার্স্ট-ডিগ্রি মার্ডার বা প্রথম মাত্রার খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।   গত বছরের ১৬ আগস্ট ডালাস থেকে প্রায় ২৫ মাইল উত্তরে অবস্থিত ফ্রিসকো শহরে এই ঘটনা ঘটে। ফ্রিসকো পুলিশের তথ্য অনুযায়ী, ভেনেসা জানতেন যে তার গাড়ির এয়ার কন্ডিশনিং (এসি) নষ্ট এবং সে সময় বাইরের তাপমাত্রা ছিল অন্তত ৯৫ ডিগ্রি ফারেনহাইট। তা সত্ত্বেও তিনি শিশুটিকে গাড়িতে আটকে রেখে ‘হ্যান্ড অ্যান্ড স্টোন ম্যাসাজ অ্যান্ড ফেসিয়াল স্পা’-তে নিজের শিফটে কাজ করতে যান।   পুলিশ নিশ্চিত করেছে যে, ওই দিন দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত তিনি সেখানে কাজ করেছিলেন। কাজ শেষে গরমে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে নিয়ে তিনি মেডিকেল সিটি প্ল্যানো হাসপাতালে যান। তবে একটি তদন্তকারী সূত্রের বরাত দিয়ে পিপল ম্যাগাজিন জানিয়েছে, হাসপাতালে যাওয়ার পথেই তিনি ম্যাকডোনাল্ডসে যাত্রাবিরতি নিয়েছিলেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।   ঘটনার পর ভেনেসা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে দাবি করেছিলেন যে, তিনি সেদিন কাজে যাননি বরং এসি নষ্ট থাকায় শিশুটিকে নিয়ে গাড়ি চালিয়ে ঘুরছিলেন। তবে তদন্তে তার এই দাবি মিথ্যা প্রমাণিত হয়। ঘটনার পরের দিন এক সহকর্মীর সাথে ফোনে কথা বলার সময় ভেনেসা নিজের দোষ স্বীকার করেন। রেকর্ড করা ওই ফোনালাপে তিনি জানান, সন্তানকে দেখাশোনার জন্য কাউকে না পেয়ে তিনি চরম বিপাকে পড়েছিলেন এবং বাধ্য হয়েই শিশুটিকে গাড়িতে রেখে যান। ফক্স ফোর নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভেনেসা ফোনালাপে স্বীকার করেছিলেন যে এই ঘটনা সম্পূর্ণ তার নিজের দোষ এবং তিনি বুঝতে পারছিলেন সন্তানের মৃত্যুর দায়ে তাকে গ্রেপ্তার হতে হবে।   এই মামলার প্রধান প্রসিকিউটর অ্যাশলে উডল রায়ের পর এক প্রতিক্রিয়ায় জানান, এত ছোট শিশুদের কখনোই গাড়িতে একা ফেলে রাখা উচিত নয়, বিশেষ করে গ্রীষ্মকালে এবং টেক্সাসের মতো জায়গায় তো নয়ই। তিনি আরও বলেন, প্রতি বছরই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে যা অত্যন্ত হতাশাজনক। তবে জুরি বোর্ডের এই রায় সমাজের এমন দায়িত্বহীন অভিভাবকদের জন্য একটি কড়া সতর্কবার্তা।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৫:৫৩
মামলায় অভিযুক্ত কাতেরিনা ইভানোভনা মার্কিভ
মিনেসোটায় ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের পর প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ, তরুণীর বিরুদ্ধে হত্যা মামলা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের স্টি. ক্লাউড শহরে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ২৩ বছর বয়সী কাতেরিনা ইভানোভনা মার্কিভের বিরুদ্ধে দুটি দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত ২৫ বছর বয়সী কুইন্টন ম্যাককে হিউজ ঘটনাস্থলেই মারা যান বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।     আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, গত ৮ ডিসেম্বর ভোর ৪টার কিছু পর স্টি. ক্লাউড পুলিশ একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায়। পুলিশ যাওয়ার আগে হিউজ নিজেই ৯১১ নম্বরে ফোন করে জানান যে, একটি “সামান্য ঝগড়ার” সময় তিনি ছুরিকাঘাতের শিকার হয়েছেন। পরে জরুরি সেবাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।     তদন্তে পুলিশ একটি রক্তমাখা প্রায় ৮ ইঞ্চি লম্বা ছুরি উদ্ধার করে। অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনাস্থলে মার্কিভকে আহত হিউজের বুকে চাপ দিয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে দেখা যায়। ৯১১ কলে তাকে বারবার ক্ষমা চাইতেও শোনা গেছে বলে তদন্ত নথিতে উল্লেখ রয়েছে।     তদন্তকারীদের কাছে দেওয়া বক্তব্যে মার্কিভ জানান, ঘটনার আগে তারা দুজনই মদ্যপান করেছিলেন। পরে তাদের মধ্যে তর্কের সূত্রপাত হয়, কারণ তিনি যৌন সম্পর্ক করতে চাইলে হিউজ রাজি হননি। তিনি দাবি করেন, তর্কের একপর্যায়ে রাগের মাথায় ছুরি নাড়ানোর সময় হিউজের গায়ে আঘাত লাগে। তার ভাষ্য, তিনি ইচ্ছাকৃতভাবে হত্যা করতে চাননি; কেবল আঁচড় দিতে চেয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে, তার রাগ নিয়ন্ত্রণে সমস্যা রয়েছে এবং ঘটনার সময় তিনি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন।    তদন্তে আরও জানা যায়, মার্কিভ ও হিউজ একই কর্মস্থলে কাজ করতেন এবং কয়েক মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সহকর্মীদের একজন তদন্তকারীদের জানান, মার্কিভ আবেগপ্রবণ ছিলেন এবং রেগে গেলে নিজেকে সামলাতে কষ্ট হতো।     স্টিয়ার্নস কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে মার্কিভের বিরুদ্ধে দুটি দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। বর্তমানে তিনি স্টিয়ার্নস কাউন্টি জেলে আটক রয়েছেন।     তবে মামলাটি এখনো বিচারাধীন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাতেরিনা ইভানোভনা মার্কিভ আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন। মামলার চূড়ান্ত নিষ্পত্তি আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতে নির্ধারিত হবে।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৫:২১
ছবি: মাইকেল এম. সান্তিয়াগো/গেটি ইমেজেস
মার্কিন ইহুদিদের কাছে জনপ্রিয়তায় নেতানিয়াহুর চেয়ে এগিয়ে জোহরান মামদানি

অ্যাসোসিয়েটেড প্রেস-নর্ক সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের সর্বশেষ এক জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদিরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে বেশি ইতিবাচক দৃষ্টিতে দেখেন। গত ১১ থেকে ১৭ জুনের মধ্যে দেশজুড়ে ১,০২২ জন প্রাপ্তবয়স্ক ইহুদির ওপর পরিচালিত এই জরিপের ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে দেখা যায়, মার্কিন ইহুদিদের ৪৪ শতাংশ মামদানির প্রতি অত্যন্ত বা মোটামুটি ইতিবাচক মনোভাব পোষণ করেন। অন্যদিকে, মাত্র ৩২ শতাংশ উত্তরদাতা নেতানিয়াহুকে ইতিবাচক হিসেবে দেখেন। জরিপ অনুযায়ী, ৩৯ শতাংশ মার্কিন ইহুদি মামদানিকে এবং ৫৯ শতাংশ নেতানিয়াহুকে নেতিবাচক দৃষ্টিতে মূল্যায়ন করেছেন।   নেতৃত্বের পছন্দের পাশাপাশি মার্কিন রাজনীতি নিয়েও ইহুদি সম্প্রদায়ের স্পষ্ট অবস্থান উঠে এসেছে এই সমীক্ষায়। জরিপ অনুযায়ী, ৭০ শতাংশ মার্কিন ইহুদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেতিবাচক হিসেবে দেখেন এবং মাত্র ২৯ শতাংশ তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। জাতীয় গড়ের তুলনায় এই চিত্রটি বেশ ভিন্ন, যেখানে সাধারণ মার্কিনিদের মধ্যে ট্রাম্পের প্রতি ইতিবাচক ও নেতিবাচক মনোভাব যথাক্রমে ৩৮ ও ৫৯ শতাংশ। ট্রাম্প প্রশাসনের নীতি নিয়েও বেশিরভাগ ইহুদি অসন্তুষ্ট। অর্থনীতি পরিচালনায় ৭৪ শতাংশ, অভিবাসন নীতিতে ৬৯ শতাংশ এবং ইরান ইস্যুতে ৭৩ শতাংশ ইহুদি ট্রাম্পের নীতির প্রতি অসমর্থন জানিয়েছেন। ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের ভূমিকা নিয়েও জরিপে অংশগ্রহণকারী ৫৮ শতাংশ উত্তরদাতা অসন্তোষ প্রকাশ করেছেন।   ইসরায়েলের সাথে ব্যক্তিগত সম্পর্ক ও মার্কিন পররাষ্ট্রনীতি প্রসঙ্গেও চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশের কাছে ইসরায়েল ব্যক্তিগতভাবে "অত্যন্ত বা খুব গুরুত্বপূর্ণ" এবং ২৮ শতাংশের কাছে "কিছুটা গুরুত্বপূর্ণ"। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে "অতিরিক্ত সমর্থন" দিচ্ছে বলে মনে করেন ৩৮ শতাংশ ইহুদি। বিপরীতে ২৮ শতাংশ মনে করেন সমর্থন অপর্যাপ্ত এবং ৩২ শতাংশ মনে করেন সমর্থন ঠিক পর্যায়ে রয়েছে। পাশাপাশি, ফিলিস্তিনিদের প্রতি মার্কিন সমর্থন যথেষ্ট নয় বলে মত দিয়েছেন ৪৩ শতাংশ উত্তরদাতা। পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৩ শতাংশ মার্কিন ইহুদি, যেখানে ৩৬ শতাংশ এর বিরোধিতা করেছেন এবং ৩০ শতাংশ নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।   জরিপে হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিয়েও প্রশ্ন রাখা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, ৭ শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ন্যায়সঙ্গত ছিল। এমনকি ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর হামাসের অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানানোকে যৌক্তিক মনে করেন ১৪ শতাংশ উত্তরদাতা। তবে বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ বা ৭৯ শতাংশ ৭ অক্টোবরের হামলাকে সম্পূর্ণ অন্যায় বলে অভিহিত করেছেন। পাশাপাশি, হামাসের হামলার জবাবে ইসরায়েলের তাৎক্ষণিক সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন ৭৩ শতাংশ ইহুদি। গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ৩০ শতাংশ উত্তরদাতা "হ্যাঁ" বলেছেন এবং ৪৯ শতাংশ এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন; বাকি ২১ শতাংশ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।   জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ইহুদি ধর্মীয়ভাবে খুব একটা সক্রিয় নন বলে জানা গেছে। ধর্মীয় উপাসনায় অংশগ্রহণের বিষয়ে জানতে চাওয়া হলে ৩৪ শতাংশ জানান তারা কখনোই যান না, ১৮ শতাংশ বছরে একবারের কম যান এবং ১৬ শতাংশ বছরে এক বা দুবার যান। ধর্মতাত্ত্বিক পরিচয়ের দিক থেকে মাত্র ১০ শতাংশ ছিলেন গোঁড়া বা অর্থোডক্স ইহুদি। অন্যদিকে ৪৩ শতাংশ নিজেদের রিফর্ম এবং ২৩ শতাংশ কনজারভেটিভ হিসেবে পরিচয় দিয়েছেন। ১৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তাদের নির্দিষ্ট কোনো ধর্মীয় বিভাজন নেই।

প্রকাশ : জুলাই ৮, ২০২৬ ১৫:৯