- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের হিলসবরোর অরেঞ্জ হাইস্কুলের এক সাবেক নারী কাউন্সিলরকে শিক্ষার্থীদের কাছে নিজের আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ৩৭ বছর বয়সী ওই শিক্ষিকা লেসলি ল্যামবেথ ব্রায়ান্ট পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ এবং অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনাগুলো মূলত ২০২৫ সালের নভেম্বরে ঘটেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউজ অব অরেঞ্জ কাউন্টির প্রতিবেদনে জানানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়, লেসলি ব্রায়ান্ট স্ন্যাপচ্যাটের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন এবং সেখানেই তিনি নিজের যৌন উত্তেজক ছবি ও ভিডিও পাঠাতেন। গত ৪ জুন অরেঞ্জ কাউন্টি স্কুল কর্তৃপক্ষের কাছে তাঁর এই যৌন অসদাচরণের খবর পৌঁছালে তাৎক্ষণিকভাবে তাঁকে বেতনে স্থগিতাদেশ (পেইড সাসপেনশন) দিয়ে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে শেরিফ অফিস স্কুলের সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে। এরপর ১২ জুন স্কুল কাউন্সিলরের পদ থেকে তিনি পদত্যাগ করেন বলে স্কুল কর্তৃপক্ষের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন। এই ঘটনার পর অরেঞ্জ কাউন্টি স্কুল কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও মঙ্গলের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। যেহেতু বিষয়টি এখন একটি ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে গেছে, তাই তদন্ত সংক্রান্ত যাবতীয় বিষয় শেরিফ অফিস তদারকি করছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযুক্ত লেসলি ব্রায়ান্টকে বর্তমানে অরেঞ্জ কাউন্টি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং বিচারক তাঁর জন্য ৫০ হাজার ডলারের জামিন বন্ড নির্ধারণ করেছেন।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আসন্ন ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা ও মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন মুসলিম প্রার্থী ও চিকিৎসক ড. আবদুল এল-সায়েদকে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, প্রভাবশালী লবি-সমর্থিত সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটিগুলো (সুপার প্যাক) এল-সায়েদকে পরাজিত করতে কোটি কোটি ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স বলেন, ড. আবদুল এল-সায়েদকে হারাতে AIPAC-সংশ্লিষ্ট এবং অন্যান্য বিলিয়নিয়ার-অর্থায়িত সুপার প্যাক বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা করছে। তার দাবি, এসব গোষ্ঠী এমন প্রার্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যারা প্রতিষ্ঠিত ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ করেন এবং সাধারণ মানুষের স্বার্থে অবস্থান নেন। বার্নি স্যান্ডার্সের মতে, ড. এল-সায়েদ একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবাকে মৌলিক মানবাধিকার হিসেবে দেখেন এবং যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচির সমর্থক। এছাড়া তিনি শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধি, শ্রমিক ইউনিয়নের অধিকার শক্তিশালী করা এবং সরকারি ব্যয়ের অগ্রাধিকার নিয়ে ভিন্নধর্মী অবস্থান নিয়েছেন। একই পোস্টে স্যান্ডার্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তারও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিপুল অর্থ ব্যয় করে প্রভাবশালী স্বার্থগোষ্ঠীগুলো নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে চায় এবং জনগণের পক্ষে অবস্থান নেওয়া প্রার্থীদের পরাজিত করার চেষ্টা করছে। তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অর্থের প্রভাব নয়, ভোটারদের ঐক্যই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে। তাই মিশিগানের ডেমোক্র্যাট ভোটারদের ড. আবদুল এল-সায়েদের পক্ষে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। ড. আবদুল এল-সায়েদ একজন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মিশিগানের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা। তিনি এর আগে ২০১৮ সালে মিশিগানের গভর্নর পদে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার অন্যতম পরিচিত মুখ হিসেবে বিবেচিত হন। অন্যদিকে, AIPAC (American Israel Public Affairs Committee) যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং সংগঠন। যদিও সংগঠনটি নিজে সুপার প্যাক নয়, তবে এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যয়কারী সংগঠনগুলো বিভিন্ন নির্বাচনে প্রার্থী সমর্থন বা বিরোধিতায় উল্লেখযোগ্য অর্থ ব্যয় করে থাকে। আগামী ৪ আগস্ট মিশিগানে ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে স্যান্ডার্সের এই প্রকাশ্য সমর্থন এবং নির্বাচনী অর্থায়ন নিয়ে তার অভিযোগ ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে স্যান্ডার্সের উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সুপার প্যাকগুলোর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ক্যাটি শহরে এক ১৫ বছর বয়সী উচ্চবিদ্যালয় শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার শোবার ঘর পরিদর্শনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষার্থীর মা অভিযোগ করেছেন, তিনি কর্মস্থলে থাকা অবস্থায় কোনো পূর্ব নোটিশ বা অনুমতি ছাড়াই স্কুলের প্রিন্সিপাল ও স্কুল ডিস্ট্রিক্ট পুলিশের একজন কর্মকর্তা তার বাড়িতে প্রবেশ করেন। পরে বাড়ির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি জানতে পারেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম KHOU 11-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি মঙ্গলবার দুপুরে Katy Independent School District (Katy ISD)-এর আওতাধীন Katy High School-এর এক শিক্ষার্থীর বাড়িতে ঘটে। নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা যায়, দুপুর ২টার কিছু আগে স্কুলের প্রিন্সিপাল ড. হল এবং Katy ISD পুলিশের একজন কর্মকর্তা বাড়িতে এসে নিজেদের পরিচয় দেন। তারা জানান, শিক্ষার্থীর বাসস্থান (রেসিডেন্সি) যাচাইয়ের অংশ হিসেবে তারা এসেছেন। ভিডিওতে দেখা যায়, দরজা খুলে দিলে প্রিন্সিপাল শিক্ষার্থীকে জানান, বাসস্থান যাচাইয়ের জন্য তার শোবার ঘরটি দেখতে হবে। শিক্ষার্থী সম্মতি দিলে দুই কর্মকর্তা বাড়ির ভেতরে প্রবেশ করেন, তার কক্ষ পরিদর্শন করেন এবং প্রায় তিন মিনিট পর সেখান থেকে বেরিয়ে যান। শিক্ষার্থীর মা, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি, বলেন তিনি তখন কর্মস্থলে ছিলেন এবং এ ধরনের পরিদর্শনের আগে বা চলাকালে স্কুল কর্তৃপক্ষ তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তার ভাষায়, নিরাপত্তা ক্যামেরার ভিডিও দেখে তিনি হতবাক হয়ে যান। তিনি বলেন, পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরাও তার ছেলের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করে না, সেখানে কোনো অভিভাবকের উপস্থিতি ছাড়াই স্কুল কর্মকর্তাদের শোবার ঘরে প্রবেশ করা তার কাছে ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন বলে মনে হয়েছে। ওই অভিভাবক আরও জানান, যৌথ অভিভাবকত্বের কারণে গত পাঁচ বছর ধরে তিনি নিয়মিতভাবে বাসস্থান প্রমাণের জন্য রেসিডেন্সি অ্যাফিডেভিট এবং প্রয়োজনীয় নথিপত্র Katy ISD-তে জমা দিয়ে আসছেন। তার দাবি, অ্যাফিডেভিটে স্কুল ডিস্ট্রিক্ট প্রয়োজনে বাসস্থান যাচাই করতে পারে বলে উল্লেখ থাকলেও সেই যাচাই কীভাবে পরিচালিত হবে বা অভিভাবককে আগে থেকে জানানো হবে কি না—সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল ডিস্ট্রিক্টে শিক্ষার্থীরা নির্ধারিত এলাকার বাসিন্দা কি না, তা নিশ্চিত করতে রেসিডেন্সি ভেরিফিকেশন একটি প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া। এর উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট এলাকার বাইরে বসবাসকারী কেউ যাতে ভুয়া ঠিকানা ব্যবহার করে বিদ্যালয়ে ভর্তি হতে না পারে। তবে এ ধরনের যাচাইয়ের সময় শিক্ষার্থী ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা কীভাবে রক্ষা করা হবে, তা নিয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন অঙ্গরাজ্যে আলোচনা রয়েছে। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বাড়িতে কোনো অভিভাবক উপস্থিত না থাকলে কেবল একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সম্মতির ভিত্তিতে স্কুল কর্মকর্তাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ এবং শোবার ঘর পরিদর্শন কতটা যৌক্তিক। অন্যদিকে, কেউ কেউ বলছেন, স্কুল ডিস্ট্রিক্টের বাসস্থান যাচাইয়ের ক্ষমতা থাকলেও সেই প্রক্রিয়ায় অভিভাবকদের সঙ্গে পূর্ব যোগাযোগ এবং স্পষ্ট নীতিমালা অনুসরণ করা উচিত। এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত Katy ISD-এর পক্ষ থেকে ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।
মাত্র ১৪০০ ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে এক মার্কিন নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার ইসরায়েলের স্টেট অ্যাটর্নি অফিস এই অভিযোগ গঠন করে। ইসরায়েলে সাম্প্রতিক গুপ্তচরবৃত্তির মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো মার্কিন নাগরিককে এমন গুরুতর অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ২১ বছর বয়সী অভিযুক্ত এলি লাভন জেরুজালেমের একটি ইহুদি সেমিনারির শিক্ষার্থী ছিলেন। প্রসিকিউটরদের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ঘুরতে গিয়ে টেলিগ্রাম অ্যাপে একটি চাকরির বিজ্ঞাপনে সাড়া দেন লাভন। এর এক মাস পর তিনি যখন ইসরায়েলে ফিরে আসেন, তখন ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক বিদেশি এজেন্ট টেলিগ্রামে তার সঙ্গে যোগাযোগ করে। এরপর থেকে তাকে বিভিন্ন কাজ দেওয়া শুরু হয়। লাভন জেরুজালেমের একটি ধর্মীয় এলাকার একটি পরিত্যক্ত ভবন এবং একটি মুদি দোকানের ভেতরের ভিডিও ধারণ করে পাঠান। এমনকি নির্দেশ মোতাবেক জেরুজালেমের হাদার মলের একটি বাথরুমের ডাস্টবিনে একটি সিগারেটের প্যাকেটে "কাজ শেষ" লেখা চিরকুটও লুকিয়ে রাখেন তিনি। এসব কাজের জন্য লাভনকে শত শত ডলার ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধ করা হয়। এজেন্টদের সঙ্গে যোগাযোগের জন্য তিনি দুটি ভিন্ন টেলিগ্রাম অ্যাকাউন্ট ও তিনটি ফোন ব্যবহার করতেন। প্রথম এজেন্টকে ব্লক করে দিলেও পরবর্তীতে তিনি ইরানি গোয়েন্দাদের আরেক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে লাভন ৫০ শেকেলের নোটে মোড়ানো একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ জেরুজালেমের একটি রেস্তোরাঁয় লুকিয়ে রাখেন এবং নিজের পাসপোর্টের ছবি তুলে পাঠান। দ্বিতীয় এজেন্টটি তার সহপাঠীদের নাম জানতে চাইলে তিনি বন্ধুদের জড়াতে অস্বীকৃতি জানান। এসব কাজের জন্য তিনি মোট ১,৩৭৯ ডলারের ক্রিপ্টো পান। গত ৯ জুন লাভনকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তার বিরুদ্ধে বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ ও শত্রুকে তথ্য সরবরাহের মোট ১৬টি অভিযোগ আনা হয়েছে। জেরুজালেমের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের কর্মকর্তা রনিত শেন্টজার ইয়াকোবি জানান, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে ডিজিটাল জগতকে কাজে লাগিয়ে ইসরায়েলের ভেতর থেকে মানুষ নিয়োগ করছে, এই মামলাই তার একটি বড় প্রমাণ। তবে লাভনের আইনজীবী রাজ বার জভি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করলেই তাকে 'ভয়ংকর গুপ্তচর' বলা যায় না। তিনি মনে করেন, আইনি বাস্তবতাকে প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া উচিত এবং এই অভিযোগগুলো পুরোপুরি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
ফ্রান্সে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশিসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বড় দুঃসংবাদ সামনে এসেছে। ফরাসি সরকার তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসন-সহায়তা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অ-ইইউ শিক্ষার্থীদের একটি বড় অংশ সরকারি আবাসন ভাতা বা এপিএল কর্মসূচির বাইরে থেকে যাবেন। ফ্রান্সের উচ্চশিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইইএ) এবং সুইজারল্যান্ডের বাইরের যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী ক্রুসের (CROUS) সামাজিক বৃত্তি পান না, তাঁরা আর কাফের (CAF) মাধ্যমে দেওয়া এপিএল আবাসন ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এতদিন ফ্রান্সে পড়তে যাওয়া অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী মাসিক বাসাভাড়ার একটি বড় অংশ সরকারি সহায়তা হিসেবে পেতেন, যা শহর ও বাসস্থানের ধরন অনুযায়ী তাঁদের জন্য উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি এনে দিত। নতুন নীতির ফলে সেই সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীর মাসিক ব্যয় বহুগুণ বেড়ে যাবে। ফরাসি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত সরকারি ব্যয় আরও কার্যকরভাবে পরিচালনা করতে এবং প্রকৃত প্রয়োজনীয়দের মাঝে সামাজিক সহায়তা কেন্দ্রীভূত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা আগের মতোই এই আবাসন ভাতা পাবেন। এর পাশাপাশি ক্রুসের সামাজিক বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় থাকবেন। সরকার আরও নিশ্চিত করেছে যে, আবাসন ভাতার নিয়ম পরিবর্তন হলেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ক্রুস পরিচালিত অন্যান্য সুবিধা, যেমন—স্বল্পমূল্যের খাবার এবং সামাজিক সহায়তা কর্মসূচিগুলো আগের মতোই চালু থাকবে। শিক্ষা বিশ্লেষকদের মতে, সরকারের এই সিদ্ধান্তের সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ওপর। কারণ, এসব দেশের অনেক শিক্ষার্থী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ফ্রান্সে পড়াশোনা করতে যান এবং খরচের দিক থেকে তাঁরা এই আবাসন ভাতার ওপর বেশ নির্ভরশীল থাকেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, নতুন নীতি কার্যকর হওয়ার পর শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ফলে ভবিষ্যতে ফ্রান্সে পড়াশোনার পরিকল্পনা করা শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক প্রস্তুতি নিতে হবে এবং অনেকেই হয়তো উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যান্য দেশে সুযোগ খোঁজার দিকে ঝুঁকবেন।
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বড় ধরনের মেরুকরণ তৈরি হয়েছে। আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা ভারসাম্য বজায় রাখতে সৌদি আরবের নেতৃত্বে কাতার, মিসর, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে নতুন একটি অনানুষ্ঠানিক জোট আত্মপ্রকাশ করেছে। তবে দীর্ঘদিনের কৌশলগত মিত্র হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই বলয় থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন পথে অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের প্রভাব মোকাবিলার ক্ষেত্রে রিয়াদ ও আবুধাবির ভিন্নধর্মী কৌশল ও স্বার্থের কারণেই মধ্যপ্রাচ্যে এই নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম হয়েছে। বিশ্লেষণধর্মী মার্কিন সাময়িকী 'ফরেন পলিসি'-এর এক প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে কোনো নাম না দেওয়া হলেও ইসরায়েলি গণমাধ্যম এই বলয়টিকে 'সুন্নি জোট' বা 'বর্ধিত ইসলামিক ন্যাটো' হিসেবে আখ্যা দিচ্ছে। এই জোটের মূল লক্ষ্য দুটি— সিরিয়া ও লেবাননে ইরানের সামরিক ও রাজনৈতিক সম্প্রসারণ প্রতিহত করে নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধার করা এবং একইসঙ্গে ইসরায়েলের লাগামহীন সামরিক অভিযানের ওপর আঞ্চলিক চাপ সৃষ্টি করা। বিশেষ করে কাতারের রাজধানী দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের পর উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ চরম আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিনের বৈরিতা ভুলে সৌদি আরব ও তুরস্ক কৌশলগতভাবে কাছাকাছি এসেছে। এই জোটে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে একটি বড় প্রতিরোধ-শক্তি বা ডেটারেন্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, আরব বসন্ত-পরবর্তী ভূরাজনীতিতে একসময়কার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও আমিরাতের বর্তমান অগ্রাধিকার সম্পূর্ণ আলাদা। আমিরাত যেখানে 'আব্রাহাম চুক্তি'র অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ও নিবিড় অর্থনৈতিক-প্রতিরক্ষামূলক সহযোগিতার পথে হাঁটছে, রিয়াদ সেখানে ইসরায়েলের কট্টর সমালোচক দেশগুলোকে কাছে টানছে। সাম্প্রতিক এই যুদ্ধ সৌদি আরবের নিরাপত্তা ঝুঁকি বাড়ালেও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিতে দেশটির অর্থনীতিকে সুবিধাজনক স্থানে রেখেছে। পাশাপাশি, এই নতুন মেরুকরণ থেকে জোটের অন্য দেশগুলোও নিজেদের স্বার্থ হাসিলে তৎপর। মিসর তাকিয়ে আছে সৌদি আরবের বিশাল অবকাঠামোগত বিনিয়োগের দিকে, তুরস্ক খুঁজছে তাদের সমরাস্ত্র রপ্তানির নতুন বাজার এবং পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বিপরীত দিকে, আরব আমিরাত সম্পূর্ণ নিজস্ব ধারায় নিজেদের নিরাপত্তা বলয় সাজাচ্ছে। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে তারা ফুজাইরাহ ও ওমান উপসাগরীয় বন্দরগুলোর সক্ষমতা বাড়াচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন মতে, যুদ্ধ চলাকালে আমিরাত ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সুবিধাও লাভ করেছে। সার্বিক বিশ্লেষণে দেখা যায়, মধ্যপ্রাচ্য এখন কার্যত দুটি ভিন্ন ও বিপরীতমুখী কৌশলগত শিবিরে বিভক্ত। একদিকে সৌদি নেতৃত্বাধীন বলয়টি ইরান ও ইসরায়েল—উভয় শক্তিরই প্রভাব সীমিত করে অঞ্চলে ভারসাম্য আনতে চাইছে, আর অন্যদিকে আমিরাত ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তামূলক সম্পর্ক জোরদারে চূড়ান্ত অগ্রাধিকার দিচ্ছে। ভূরাজনৈতিক এই সুস্পষ্ট বিভক্তিই আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, সংঘাত ও কূটনীতির মূল গতিপথ নির্ধারণ করবে।
ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোতে ইউক্রেনে জন্ম নেওয়া ব্যবসায়ী ভাদিম ইয়েরমোলায়েভকে লক্ষ্য করে সংঘটিত বোমা হামলার ঘটনায় ৩৯ বছর বয়সী এক ইউক্রেনীয় নারীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে তদন্তকারী সংস্থাগুলো। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মোনাকোর প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন আনাস্তাসিয়া বেরেজোভস্কা হামলার সময় নিজের পরিচয় গোপন করতে পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ দেখে অনেকেই হামলাকারীকে পুরুষ বলে ধারণা করেছিলেন। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায়, তিনি একজন নারী। তদন্তে জানা গেছে, একটি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে হামলাটি চালানো হয়। এতে ইয়েরমোলায়েভসহ একই পরিবারের আরও দুইজন আহত হন, যার মধ্যে একজন শিশু রয়েছে। বিস্ফোরণের পর সন্দেহভাজন ব্যক্তি মোনাকো ছেড়ে ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড হয়ে জার্মানিতে পালিয়ে যান বলে ধারণা করছে কর্তৃপক্ষ। জার্মান পুলিশ ইতোমধ্যে তার ব্যবহৃত একটি বাসা ও গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করেছে। ভাদিম ইয়েরমোলায়েভ ইউক্রেনে জন্মগ্রহণ করলেও পরে সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে মোনাকোতে বসবাস করছেন। রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ব্যবসায়িক কার্যক্রমের অভিযোগে ২০২৩ সালে ইউক্রেন সরকার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তদন্তকারীরা বলেন, হামলাটি অত্যন্ত পরিকল্পিত ছিল এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রকাশ করা হয়নি। মোনাকো, জার্মানি ও ইন্টারপোল যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশে আর্জেন্টিনার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল-সাদা জার্সি, বিশ্বকাপের উন্মাদনা আর লিওনেল মেসির জাদুকরী ফুটবল। প্রতি বিশ্বকাপেই বাংলাদেশের শহর থেকে গ্রাম—সবখানেই উড়তে দেখা যায় আর্জেন্টিনার পতাকা। তবে ফুটবলের এই দেশটির আরেকটি পরিচয় অনেকের কাছেই অজানা। আর্জেন্টিনায় বসবাস করেন আনুমানিক ৮ লাখ থেকে ১০ লাখ মুসলমান, যারা দেশটির সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার মধ্যে শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় জীবন পালন করছেন। বিশ্বের বিভিন্ন গবেষণা ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার মুসলিম সম্প্রদায় মূলত সিরিয়া, লেবানন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চল থেকে কয়েক প্রজন্ম আগে অভিবাসন করে সেখানে স্থায়ী হওয়া পরিবারগুলোর উত্তরসূরি। বর্তমানে রাজধানী বুয়েনস আইরেসসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। আর্জেন্টিনার সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। ফলে মুসলমানরা স্বাধীনভাবে মসজিদে নামাজ আদায়, রমজানে রোজা পালন, ঈদ উদযাপন এবং ইসলামিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন। দেশজুড়ে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ধর্মীয় সংগঠন ও মসজিদগুলো নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। রাজধানী বুয়েনস আইরেসে অবস্থিত কিং ফাহদ ইসলামিক কালচারাল সেন্টার দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ ইসলামিক কেন্দ্র হিসেবে পরিচিত। মসজিদটির বিশাল স্থাপত্য, ইসলামিক লাইব্রেরি, শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, পর্যটকদেরও আকর্ষণ করে। এটি দেশটির ধর্মীয় সহাবস্থান ও বহুসাংস্কৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। শুধু ধর্মীয় কর্মকাণ্ডই নয়, আর্জেন্টিনার মুসলিম সম্প্রদায় ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, আইন, সংস্কৃতি ও বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের অনেকেই দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকার অন্যতম বড় মুসলিম সম্প্রদায়ের আবাস আর্জেন্টিনা। যদিও মুসলমানরা দেশটির মোট জনসংখ্যার একটি ছোট অংশ, তবুও তারা নিজেদের ধর্মীয় পরিচয় ও সংস্কৃতি ধরে রেখে সমাজের মূলধারায় সফলভাবে অংশগ্রহণ করছেন। বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি মানুষের আবেগ মূলত ফুটবলকে ঘিরে। কিন্তু অনেকেরই জানা নেই, যে দেশকে কোটি বাংলাদেশি ভালোবাসে, সেই দেশেই প্রায় ১০ লাখ মুসলমান শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং সাংবিধানিক অধিকার অনুযায়ী স্বাধীনভাবে তাদের ধর্মীয় জীবন পালন করছেন। এটি আর্জেন্টিনার এমন একটি দিক, যা ফুটবলের বাইরেও দেশটিকে নতুনভাবে জানার সুযোগ করে দেয়।
নিজেদের জন্মভূমির হাজারো হৃদরোগীর জীবন বাঁচাতে ২৬ লাখ ডলার মূল্যের আধুনিক চিকিৎসা সামগ্রী নিয়ে মানবিক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই চিকিৎসক। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কর্মরত এই চিকিৎসক দম্পতি তাদের অলাভজনক সংস্থা Heart Attack Ethiopia-এর মাধ্যমে ইথিওপিয়ায় জীবনরক্ষাকারী হৃদরোগ চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছেন। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন পিডমন্ট হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. টেসফায়ে টেলিলা এবং মোরহাউস স্কুল অব মেডিসিনের শিক্ষক ডা. অবসিনেট মেরিড। দুজনই ইথিওপিয়ায় জন্মগ্রহণ করলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাসেবা দিচ্ছেন। তাদের লক্ষ্য, নিজ দেশের মানুষকে উন্নত হৃদরোগ চিকিৎসার সুযোগ করে দেওয়া। তাদের এই মিশনে প্রায় ২৬ লাখ ডলার মূল্যের কার্ডিয়াক ক্যাথেটার, অস্ত্রোপচারের যন্ত্রপাতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ইথিওপিয়ায় নেওয়া হচ্ছে। চিকিৎসক দম্পতির প্রতিষ্ঠিত সংস্থা Heart Attack Ethiopia জানিয়েছে, এটি তাদের পঞ্চম মানবিক চিকিৎসা মিশন। এবার যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এতে অংশ নিচ্ছেন। তারা ইথিওপিয়ায় গিয়ে প্রায় ২০০ জন রোগীর হৃদরোগের জটিল অস্ত্রোপচার ও চিকিৎসা দেবেন। একই সঙ্গে স্থানীয় চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণও প্রদান করা হবে, যাতে ভবিষ্যতে দেশটি নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে পারে। ডা. টেসফায়ে টেলিলা জানান, ইথিওপিয়ায় পর্যাপ্ত হৃদরোগ চিকিৎসা না পাওয়ায় তার এক নিকটাত্মীয়ের মৃত্যু হয়েছিল। সেই ব্যক্তিগত অভিজ্ঞতাই তাকে এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যে চিকিৎসা সহজলভ্য, ইথিওপিয়ায় এখনো তা অনেক মানুষের নাগালের বাইরে। বিশেষজ্ঞদের মতে, ইথিওপিয়ায় এটি কোনো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগজনিত সংকট নয়; বরং দীর্ঘদিন ধরে দেশটিতে হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিয়াক সার্জন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে। ফলে হাজারো রোগী প্রয়োজনীয় চিকিৎসার অপেক্ষায় থাকেন এবং অনেকেই সময়মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারান। চিকিৎসক দম্পতি আশা প্রকাশ করেছেন, এই মানবিক উদ্যোগ শুধু তাৎক্ষণিকভাবে শত শত রোগীর জীবন বাঁচাতেই নয়, বরং ভবিষ্যতে ইথিওপিয়ার হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল মুরিলের বিরুদ্ধে ১৬টি ফেলোনি (গুরুতর অপরাধ) অভিযোগ গঠন করা হয়েছে। দ্য টাইমস-পিকায়ুন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নিউ অরলিন্সের ফৌজদারি আদালতের একটি গ্র্যান্ড জুরি দীর্ঘ পর্যালোচনার পর এই অভিযোগগুলো গঠন করে। এর মধ্যে ৮টি ক্ষমতার অপব্যবহার এবং বাকি ৮টি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। মার্কিন রাজনীতিতে স্টেট অ্যাটর্নি জেনারেলদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। মূলত নিউ অরলিন্সের ফৌজদারি এবং জেলা আদালতের ক্লার্ক পদ একত্রীকরণের একটি আইনের প্রকাশ্য সমালোচনা করেছিলেন নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেসন উইলিয়ামস। অভিযোগ উঠেছে, এই সমালোচনার প্রতিশোধ নিতে অ্যাটর্নি জেনারেল মুরিল ওই সরকারি কর্মকর্তাদের ক্যারিয়ার ধ্বংসের হুমকি দিয়েছিলেন। এই মামলার দেখভালের জন্য বিশেষ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিচারক লরি হোয়াইট। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তারা যদি প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মধ্যে থাকেন, তবে কেউ আর জনসেবায় বা নির্বাচনে অংশ নিতে চাইবেন না। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল মুরিল তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তাঁর আইনজীবীর দাবি, বিশেষ প্রসিকিউটর হোয়াইট এবং মুরিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারক লিওন রোচের মধ্যে ব্যক্তিগত স্বার্থের সংঘাত রয়েছে, যা এই অভিযোগ গঠনকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া গ্র্যান্ড জুরির সদস্যরা সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে গোপনীয়তা লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ তোলে বিবাদীপক্ষ। এদিকে, আদালতে অভিযোগ গঠনের দিন চরম বিশৃঙ্খল এক পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদমাধ্যমের কর্মীরা আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। এমনকি শেরিফ ডেপুটিরা এক সাংবাদিককে হাতকড়াও পরান বলে দ্য টাইমস-পিকায়ুনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন রাজনীতিতে এ ধরনের ঘটনা নতুন নয়; এর আগে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখোমুখি হয়েছিলেন, যদিও পরে তিনি খালাস পান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি। শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তাঁর জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় লাখো মানুষের ঢল নামে। তবে শোকাহত এই বিশাল আয়োজনে উপস্থিত সবার দৃষ্টি আটকে যায় খামেনির কফিনের ঠিক পাশেই রাখা একটি ছোট কফিনের দিকে। ইরানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্রমতে, জাতীয় পতাকায় মোড়ানো ওই ছোট কফিনটিতে রয়েছে খামেনির মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির নিথর দেহ। ভয়াবহ সেই হামলায় আলী খামেনির সঙ্গে তাঁর পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য নিহত হন। শুক্রবার খামেনির মরদেহের পাশাপাশি তাঁদের কফিনগুলোও শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। নিহতদের মধ্যে রয়েছেন খামেনির বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি এবং তাঁর ছেলের বউ (বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী) জাহরা হাদ্দাদ আদেল। তবে সকলের মাঝে সবচেয়ে বেশি শোকের ছায়া ফেলেছে ছোট্ট শিশু জাহরার কফিনটি। কফিনটির পাশে শিশুটির একটি ছবিও রাখা ছিল, যা উপস্থিত দর্শনার্থীদের আবেগাপ্লুত করে তোলে এবং বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এই শেষ বিদায়ের অনুষ্ঠানটি কেবল একজন শীর্ষ নেতার প্রয়াণের মাঝেই সীমাবদ্ধ থাকেনি; বরং যুদ্ধের কারণে সাধারণ মানুষ ও শিশুদের ওপর নেমে আসা মর্মান্তিক পরিণতির এক শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তেহরানে শুরু হওয়া এই শোকযাত্রা চলবে আগামী কয়েকদিন ধরে, এবং এরপর মাশহাদে ইমাম রেজার মাজারে তাঁকে সমাহিত করার কথা রয়েছে। হাজারো মানুষের ভিড়ে ছোট্ট জাহরার কফিনটি যেন এই সংঘাতময় পরিস্থিতিতে যুদ্ধের নির্মমতার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে পুরো বিশ্বের সামনে এক নীরব বার্তা দিয়ে যাচ্ছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উইটন ইন্টারন্যাশনাল স্কুল (ডব্লিউআইএস) ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) ‘হিফজ ও এ লেভেল সমাবর্তন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়াশোনার পাশাপাশি এই প্রতিষ্ঠান দুটি থেকে এবার ১০০ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। একই সঙ্গে ‘এ’ লেভেলে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখা ৫ জন শিক্ষার্থীকেও এই অনুষ্ঠানে সম্মাননা পদক, সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটির দেওয়া তথ্যমতে, বর্তমানে ডব্লিউআইএস ও জিআইএসে এক হাজারের বেশি শিক্ষার্থী হিফজুল কুরআন বিভাগে অধ্যয়নরত। মূলত আধুনিক ইংরেজি মাধ্যম শিক্ষার সঙ্গে আদর্শ ইসলামিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়ের মাধ্যমে তারা একটি স্বতন্ত্র ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা পরিচালনা করে আসছে। সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা ইসলামিক নাশিদ, নাট্য পরিবেশনা, আবৃত্তি এবং দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি তাঁর বক্তব্যে আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্ম গড়ার ওপর জোর দেন। সততা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ভবিষ্যৎ জীবন গড়ার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ.এফ.এম. খালিদ হোসাইন। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে কুরআনের শিক্ষার বাস্তব প্রতিফলনের মাধ্যমেই হিফজের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি হাফেজদের দেশ ও মানবতার কল্যাণে কাজ করার দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, জাতীয় সংসদের হুইপ মিয়া নূরউদ্দীন অপু, প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম প্রমুখ। এছাড়াও অক্সফোর্ড, কেমব্রিজ, পিয়ারসন এডএক্সেল এবং ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ জোগান। তারা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে প্রতিষ্ঠান দুটির সমন্বিত শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ জামান সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে হাফেজে কুরআনের পিতা-মাতার পরকালীন মর্যাদার কথা তুলে ধরেন। তিনি বলেন, সমাবর্তন কেবল শিক্ষাজীবনের সমাপ্তি নয়, বরং নতুন দায়িত্ব গ্রহণের সূচনা। সনদ ও পদক প্রদানকালে সন্তানদের এমন অভাবনীয় সাফল্যে অনেক অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই দিনটিকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে অভিহিত করেন। সবশেষে ডব্লিউআইএস ও জিআইএসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে এই সমন্বিত ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বর্তমানে ইরানে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আজ শুক্রবার (৩ জুলাই) তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক আনুষ্ঠানিক ও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে দুই দেশের শীর্ষ আইনপ্রণেতাদের এই সাক্ষাৎ আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। ওই হামলার মধ্য দিয়েই মূলত ইরানে যুদ্ধের সূচনা ঘটে। চরম বৈরী পরিস্থিতি ও যুদ্ধাবস্থার কারণে দীর্ঘ সময় স্থগিত থাকার পর অবশেষে জুলাইয়ের শুরুতে তেহরানসহ অন্যান্য শহরে খামেনির বিশাল রাষ্ট্রীয় শোকমিছিল শুরু হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত এই ঐতিহাসিক ও শোকাবহ পরিবেশে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় তিনি শোকাহত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। আনুষ্ঠানিক এই বৈঠকে উভয় দেশের নেতাদের মধ্যে অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক লক্ষ করা যায়। দুই দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তাঁরা করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে দ্বিপাক্ষিক বন্ধুত্বের জোরালো বার্তা দেন। আলোচনা পর্বে সংসদীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ইরানের স্পিকার গালিবাফকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বর্তমান বৈশ্বিক অস্থিরতা এবং আঞ্চলিক সঙ্কটের এই ক্রান্তিলগ্নে একটি হাই-প্রোফাইল আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের এমন সরব কূটনৈতিক অংশগ্রহণ বেশ প্রশংসিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, বন্ধুপ্রতিম একটি রাষ্ট্রের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বাংলাদেশের এই সহমর্মিতা প্রদর্শন দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে সৎমায়ের দীর্ঘদিনের নির্যাতন, অনাহার ও অবহেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীর ওজন নেমে আসে মাত্র ১৬ কেজিতে। আদালতে সেই কিশোরীর হৃদয়বিদারক বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই। পরে সৎমা মেলিসা গুডম্যানকে ১৫ বছরের কারাদণ্ড দেন বিচারক। আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার সময় তার ওজন ছিল মাত্র ৩৫ পাউন্ড, অর্থাৎ প্রায় ১৬ কেজি। দীর্ঘদিনের অপুষ্টির কারণে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে জীবন রক্ষাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রায় ঘোষণার আগে আদালতে কিশোরীর রেকর্ড করা বক্তব্য শোনানো হয়। সেখানে তিনি সৎমাকে উদ্দেশ করে বলেন, “তুমি আমার শৈশব ধ্বংস করে দিয়েছ। আমাকে সেই পরিবার থেকেও বিচ্ছিন্ন করেছিলে, যারা সত্যিই আমার যত্ন নিত। যখন আমার সাহায্যের প্রয়োজন ছিল, তখন তুমি সাহায্য করার সুযোগ পেয়েও তা করোনি। বরং নির্যাতন ও অবহেলায় অংশ নিয়েছিলে। আশা করি জেলেই ভালো থাকবে, কারণ তোমার থাকার জায়গা সেখানেই।” স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিশোরীর বক্তব্য চলাকালে আদালতের পরিবেশ ভারী হয়ে ওঠে। উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। তদন্তে উঠে এসেছে, বছরের পর বছর কিশোরীকে পর্যাপ্ত খাবার দেওয়া হতো না। তাকে ঘরের ভেতরে আটকে রাখা হতো এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগও সীমিত করে রাখা হয়েছিল। প্রসিকিউটরদের দাবি, পরিকল্পিত অবহেলা ও নির্যাতনের কারণেই শিশুটির ওজন অস্বাভাবিকভাবে কমে যায় এবং সে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়। যদিও আসামিপক্ষ দাবি করেছিল, কিশোরীর অটিজম থাকায় সে স্বাভাবিকভাবে খাবার খেতে চাইত না। তবে চিকিৎসকেরা আদালতকে জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর সে স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তার ওজন বাড়তে থাকে। এতে তদন্তকারীদের ধারণা আরও জোরালো হয় যে, শিশুটি দীর্ঘদিন পর্যাপ্ত খাবার থেকে বঞ্চিত ছিল। শিশু নির্যাতন, গুরুতর অবহেলা এবং অবৈধভাবে আটকে রাখার অভিযোগে মেলিসা গুডম্যানকে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি কারাভোগ শেষে আরও ১০ বছর আদালতের তত্ত্বাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা ওয়াল্টার গুডম্যান, মেলিসা গুডম্যানের মেয়ে সাভানা লেফেভার এবং লেফেভারের সঙ্গী কায়লা স্টেমলারের বিরুদ্ধেও পৃথক অভিযোগ আনা হয়েছে। তাদের মামলার বিচারিক কার্যক্রম এখনও চলমান।
ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টির ড. ফিলিপস এলাকায় ছুরি হাতে এক নারীর সঙ্গে পুলিশের মুখোমুখি হওয়ার ঘটনায় তিন ডেপুটির গুলিতে তার মৃত্যুর এক মাস পর বডি-ওয়ার্ন ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে অরেঞ্জ কাউন্টি শেরিফের কার্যালয়। গত বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ডেপুটিদের একাধিক সতর্কবার্তার পরও ওই নারী ছুরি হাতে তাদের দিকে এগিয়ে গেলে গুলি চালানো হয়। শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ৩ জুন দুপুরে টিভোলি ড্রাইভ এলাকার একটি বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির খবর পেয়ে ঘটনাস্থলে যান ডেপুটিরা। সেখানে তারা ৫৯ বছর বয়সী রোসালিয়া হজেসকে একটি বড় ছুরি হাতে বাড়ি থেকে বের হতে দেখেন। প্রকাশিত বডিক্যাম ভিডিওতে দেখা যায়, ডেপুটিরা নিরাপদ দূরত্ব বজায় রেখে বারবার তাকে ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দেন। তবে তিনি সেই নির্দেশ অমান্য করেন। তদন্তকারীদের ভাষ্য, একপর্যায়ে তিনি ডেপুটিদের উদ্দেশে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করেন। পরিস্থিতিকে তাৎক্ষণিক ঝুঁকিপূর্ণ মনে করে তিনজন ডেপুটি একযোগে গুলি চালান। গুলি লাগার পর ঘটনাস্থলেই ডেপুটিরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অরেঞ্জ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, প্রাণঘাতী পুলিশি শক্তি ব্যবহারের ঘটনায় স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে তাদের নীতিমালা অনুযায়ী বডিক্যাম ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ পুরো ঘটনার প্রেক্ষাপট দেখতে পারেন। ঘটনার পর গুলি চালানো তিন ডেপুটিকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে, যা এ ধরনের ঘটনার পর প্রচলিত প্রক্রিয়ার অংশ। একই সঙ্গে ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট (FDLE) স্বাধীনভাবে ঘটনাটির তদন্ত করছে। তদন্ত শেষ হলে তা স্টেট অ্যাটর্নির কার্যালয়ে পাঠানো হবে এবং আইন অনুযায়ী ডেপুটিদের ব্যবহৃত প্রাণঘাতী শক্তি যৌক্তিক ছিল কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রে পুলিশি গুলির ঘটনার ক্ষেত্রে বডি-ওয়ার্ন ক্যামেরার ভিডিও প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরেই জনস্বার্থ ও স্বচ্ছতার প্রশ্ন গুরুত্ব পেয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থ বিবেচনায় নির্দিষ্ট সময় পর এসব ভিডিও প্রকাশের নীতি অনুসরণ করছে।
ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিস অঙ্গরাজ্যের নতুন আইনের আওতায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR), মুসলিম ব্রাদারহুড এবং অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ ঘোষণা করেছেন। একই সঙ্গে ৯০টিরও বেশি বিদেশি সন্ত্রাসী সংগঠন ও বিভিন্ন মাদক কার্টেলকে ফ্লোরিডার আইনের আওতায় তালিকাভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। গভর্নরের কার্যালয় জানিয়েছে, চলতি মাসে কার্যকর হওয়া ফ্লোরিডার নতুন আইন এইচবি-১৪৭১ রাজ্য সরকারকে প্রথমবারের মতো দেশীয় ও বিদেশি সংগঠনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার ক্ষমতা দিয়েছে। এ আইনের আওতায় ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল’ এনফোর্সমেন্টের সুপারিশের ভিত্তিতে গভর্নর ও রাজ্যের ক্যাবিনেট যৌথভাবে কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন। ডি-স্যান্টিস বলেন, নতুন আইনটি ফ্লোরিডাকে সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও কার্যকর আইনি ভিত্তি দিয়েছে। তার ভাষায়, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাংবিধানিক অধিকারও সংরক্ষণ করা হবে। গভর্নরের প্রস্তাবিত তালিকায় থাকা CAIR যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ধর্মীয় স্বাধীনতা, বৈষম্যবিরোধী আইনি সহায়তা এবং মুসলিম সম্প্রদায়ের নাগরিক অধিকার নিয়ে কাজ করে আসছে। অন্যদিকে মুসলিম ব্রাদারহুড মিসরে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ইসলামপন্থী আন্দোলন, যার বিভিন্ন দেশে অনুসারী ও সংশ্লিষ্ট সংগঠন রয়েছে। এছাড়া বামপন্থী বিকেন্দ্রীভূত আন্দোলন অ্যান্টিফাকেও তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ফ্লোরিডার গভর্নরের এই ঘোষণা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। নাগরিক অধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞদের একাংশের দাবি, CAIR বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সন্ত্রাসী সংগঠনের তালিকায় নেই। তাদের মতে, কোনো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া ও পর্যাপ্ত প্রমাণ থাকা জরুরি। অন্যদিকে ডি-স্যান্টিস প্রশাসন বলছে, নতুন আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাব কার্যকর হওয়ার আগে ফ্লোরিডা ক্যাবিনেটের অনুমোদনসহ আইনে নির্ধারিত অন্যান্য ধাপ সম্পন্ন করতে হবে। বিশ্লেষকদের মতে, ফ্লোরিডার এই উদ্যোগ জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম অধিকার সংগঠন CAIR-কে তালিকাভুক্ত করার প্রস্তাব বাস্তবায়িত হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের হ্যারিস কাউন্টির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ‘কাউন্টি অ্যাডমিনিস্ট্রেটর’-এ নিয়োগকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বছরে ৪ লাখ ১১ হাজার ডলার বেতনের এই পদে ৪০১ জন আবেদন করলেও শেষ পর্যন্ত নিয়োগ পান প্রয়াত মার্কিন কংগ্রেসওম্যান শীলা জ্যাকসন লির মেয়ে এরিকা লি কার্টার। পরে প্রকাশিত নথিতে দেখা গেছে, প্রাথমিক মূল্যায়নে তিনি শীর্ষে ছিলেন না; বরং প্রথম দফার র্যাংকিংয়ে তার অবস্থান ছিল চতুর্থ। স্থানীয় টেলিভিশন স্টেশন এবিসি-১৩-এর অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের জন্য তারা জনতথ্য আইনের আওতায় আবেদনকারীদের নথি সংগ্রহ করে এবং নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পর্যালোচনা করে। হ্যারিস কাউন্টি প্রশাসনের এই পদটিকে কাউন্টির প্রধান নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা বা ‘চিফ অপারেটিং অফিসার (সিওও)’-এর সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়। এটি কাউন্টির সপ্তম সর্বোচ্চ বেতনভোগী পদ। গত বছরের আগস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ৪০১টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক, ফেডারেল সরকারের কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গরাজ্যের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা। এমনকি ইতালির মিলান থেকেও একজন প্রার্থী আবেদন করেছিলেন। এছাড়া হ্যারিস কাউন্টি ও হিউস্টন সিটি প্রশাসনের অন্তত ৩০ জন বর্তমান কর্মকর্তা এই পদে আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই শেষে ১০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয়। হ্যারিস কাউন্টির প্রতিটি কমিশনারের কার্যালয় এবং কাউন্টি জাজের কার্যালয়ের প্রতিনিধিরা সাক্ষাৎকার নিয়ে প্রার্থীদের নম্বর দেন। সেই মূল্যায়নের ভিত্তিতে একটি র্যাংকিং তালিকাও তৈরি হয়। এবিসি-১৩-এর হাতে আসা সেই তালিকা অনুযায়ী, প্রথম দফার মূল্যায়নে এরিকা লি কার্টারের অবস্থান ছিল চতুর্থ। তবে পরবর্তী পর্যায়ে গত ১২ ফেব্রুয়ারি কাউন্টি কমিশনাররা সর্বসম্মতিক্রমে তাকে কাউন্টি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দেন। নিয়োগের সময় প্রিসিঙ্কট-৩ কমিশনার টম র্যামসি বলেন, “হ্যারিস কাউন্টিকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না।” এরিকা লি কার্টার ২০২৪ সালে মায়ের মৃত্যুর পর প্রায় তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেন। কংগ্রেসে যাওয়ার আগে এবং পরে তিনি দীর্ঘদিন হ্যারিস কাউন্টি কমিশনার রডনি এলিসের নীতিনির্ধারণী দলে কাজ করেছেন। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক এবং সাবেক সিটি ম্যানেজার জেমস থারমন্ড বলেন, কোনো প্রতিষ্ঠানের ভেতর থেকে যোগ্য কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া ইতিবাচক হতে পারে। তবে বাইরের অভিজ্ঞ প্রার্থীদের সুযোগ দিলে নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন ধারণা প্রশাসনে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়। প্রতিবেদন অনুযায়ী, আবেদনকারীদের তালিকা সংগ্রহ করতে সংবাদমাধ্যমটিকে ডিজিটাল কপির জন্য প্রায় ৫০০ ডলার ফি দিতে বলা হয়েছিল। পরে তারা কম খরচে সরাসরি কাউন্টি প্রশাসনের কার্যালয়ে গিয়ে কয়েক ঘণ্টা ধরে নথি পর্যালোচনা করে তথ্য সংগ্রহ করে। নিয়োগ-সংক্রান্ত নথি প্রকাশের পর স্থানীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হলেও হ্যারিস কাউন্টি কর্তৃপক্ষ নিয়োগে কোনো অনিয়মের অভিযোগ স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক নারী ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ স্বীকার করেছেন। তদন্তকারীদের কাছে তিনি দাবি করেছেন, দীর্ঘদিনের আর্থিক সংকট ও ঋণের চাপ থেকেই তিনি এমন পরিকল্পনা করেছিলেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোররাত প্রায় ২টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার গলায় গভীর ক্ষত থাকলেও চিকিৎসকদের দ্রুত হস্তক্ষেপে তিনি প্রাণে বেঁচে যান। তদন্তে জানা যায়, প্রথমে অভিযুক্ত নারী ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। তিনি পুলিশকে বলেন, তার স্বামী ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার কথা বলেছিলেন। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেছিলেন। শেরিফের দপ্তরের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত নারী তদন্তকারীদের আরও জানান, তিনি স্বামীকে হত্যা, এরপর বাড়িতে আগুন লাগানো এবং শেষ পর্যন্ত আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। তবে শেষ মুহূর্তে ভয় পেয়ে পরিকল্পনার বাকি অংশ বাস্তবায়ন করেননি বলে দাবি করেন তিনি। ঘটনার পেছনে তিনি গুরুতর আর্থিক সমস্যাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ৫৮ বছর বয়সী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালতে মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক তদন্ত শেষ হলেও ঘটনার পূর্ণ প্রেক্ষাপট, পারিবারিক বিরোধ এবং আর্থিক সংকটের প্রকৃত অবস্থা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনের দৃষ্টিতে নির্দোষ বলে গণ্য হবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি বলেন, “দেশের এক ইঞ্চি জমি তো দূরের কথা, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ-এর পাশে দেশের মানুষও দাঁড়াবে।” আজ শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সব নাগরিকের দায়িত্ব। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ইস্যুতে তিনি সরকারের সমালোচনা করে বলেন, সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিল আনা হলেও শুধু নিয়ন্ত্রণ নয়, মাদকের সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করতে হবে। তার ভাষায়, “মাদককে নিয়ন্ত্রণে রাখা নয়, সমাজ থেকে পুরোপুরি নির্মূল করতে হবে। মাদক একটি প্রজন্মকে ধ্বংস করছে।” তিনি আরও বলেন, সংসদে একজন সদস্য দাবি করেছেন যে দেশের বড় একটি মাদক চালান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা দিয়ে আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনতে হবে। তবে তিনি এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, জনস্বার্থে সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করা হবে। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সংসদে কঠোর বিরোধিতা করা হবে। উন্নয়নের নামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার সুযোগ আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি নেত্রকোনার স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার, সীমান্ত হত্যা বন্ধ, অর্থবছরের সময়সূচি পুনর্বিবেচনা এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ। সঞ্চালনা করেন জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফ্লোরিডার অরল্যান্ডো শহরের একটি বাসস্টপে ৭০ বছর বয়সী এক নারীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৭ বছর বয়সী কেভিন আর্জেনিস মিলারেস আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং এর পরবর্তী শুনানির প্রস্তুতি চলছে। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ৮ জুন অরল্যান্ডোর আজালিয়া পার্ক এলাকায় প্রতিদিনের মতো হাঁটতে বের হওয়া ওই বৃদ্ধা একটি বাসস্টপের কাছে পৌঁছালে এক অজ্ঞাত ব্যক্তি তার পেছন থেকে পরপর তিনটি গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। ভুক্তভোগী পুলিশকে জানান, তিনি হামলাকারীকে চিনতেন না এবং কেন তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। ঘটনার পর আশপাশের বাড়ির নজরদারি ক্যামেরার ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্তকারীরা কেভিন মিলারেসকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন। পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে পাওয়া গুলির খোসার সঙ্গে মিল রয়েছে এমন গোলাবারুদ এবং সন্দেহভাজনের পরিহিত পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু সামগ্রী উদ্ধার করে বলে জানায়। এরপর অভিযুক্ত ফ্লোরিডা ছেড়ে নিউইয়র্কে পালিয়ে যান। পরে U.S. Marshals Service তাকে নিউইয়র্কে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ফ্লোরিডায় প্রত্যর্পণের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। প্রসিকিউশন তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে। তবে আদালতে হাজির হয়ে মিলারেস অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় আদালত দোষী সাব্যস্ত না করা পর্যন্ত প্রত্যেক অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হন।