সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ফাইল ছবি
র‍্যাবের বিদায়, আসছে ‘এসআরবি’: আইনশৃঙ্খলা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের এই বিশেষায়িত ইউনিটকে নতুন কাঠামোয় রূপ দিতে আইন সংশোধনের খসড়াও প্রস্তুত করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।   সূত্র জানায়, প্রস্তাবিত আইনটি আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের মতামত নিয়ে শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে।   র‍্যাব ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। একই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের নিরাপত্তা দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রথম অপারেশনাল কার্যক্রম শুরু করে ইউনিটটি। পরে ২১ জুন থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করে র‍্যাব।   প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে র‍্যাব সমালোচিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই বাহিনী বিলুপ্তির দাবি জানিয়ে আসছে। গুমসংক্রান্ত তদন্ত কমিশনও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বলে জানা গেছে।   সরকার পরিবর্তনের পর র‍্যাব পুনর্গঠন নিয়ে একটি কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ। ওই কমিটি র‍্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ রাখার সুপারিশ করেছিল, যা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করেন বলেও সূত্রে জানা গেছে।   সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, র‍্যাবের বিদ্যমান আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহিনীটির স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।   রাজধানীর উত্তরা র‍্যাব ফোর্সেস সদর দপ্তরে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠার শুরুতে যে উদ্দেশ্যে র‍্যাব গঠন করা হয়েছিল, সে উদ্দেশ্যেই প্রথমদিকে কার্যক্রম পরিচালিত হয়েছে। পরবর্তী সময়ে রাজনৈতিক ব্যবহারের অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়।   সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে র‍্যাব সদস্যদের আধুনিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বলপ্রয়োগ নীতিমালা অনুসরণ, মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ, অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং নতুন কৌশলগত সক্ষমতা উন্নয়ন।   এ ছাড়া জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং জনআস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেছে সরকার।   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, কিছু সদস্যের কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা উচিত নয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে পেশাদারভাবে পরিচালনার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৬:২৫
তেহরানে সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের সমর্থনে সমাবেশ । গেটি ইমেজ
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ঘিরে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, কোন দেশ কী বলল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা বা চুক্তি হয়েছে বলে ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু দেশ এটিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর এবং স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে। তবে কিছু দেশ বাস্তবায়ন ও নিরাপত্তা শর্ত নিয়ে সতর্ক মন্তব্যও করেছে।   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক ঘোষণায় বলেন, “ইরান ইসলামিক রিপাবলিকের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ।” তিনি আরও লেখেন, “বিশ্বের জাহাজগুলো ইঞ্জিন চালু করুক। তেল প্রবাহ শুরু হোক।”   ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, নিষেধাজ্ঞা শিথিলসহ আরও বিস্তৃত একটি চুক্তি ৬০ দিনের যুদ্ধবিরতি সময়ের মধ্যে চূড়ান্ত করা হবে।   পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সুইজারল্যান্ডে শুক্রবার এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তাঁর ভাষায়, এটি কয়েক মাস ধরে চলা সংঘাতের পর একটি “বড় অগ্রগতি”, যার ফলে হাজারো মানুষের প্রাণহানি হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।   কাতার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি পার্থক্য নিরসনে কূটনৈতিক পথ অনুসরণের একটি ইতিবাচক উদাহরণ।   রাষ্ট্রীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফি আশা প্রকাশ করেন, এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখবে এবং বাকি ইস্যুগুলোর সমাধানে দায়িত্বশীল সংলাপকে উৎসাহিত করবে।   পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সংঘাত সমাধানে কূটনৈতিক পথ বেছে নিয়েছে। তিনি কাতার, সৌদি আরব ও তুরস্কের ভূমিকারও প্রশংসা করেন।   ইসরায়েল চুক্তি ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, লেবাননে নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েল কোনোভাবেই সেনা প্রত্যাহার করবে না।   তিনি বলেন, ইরান যদি লেবাননে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে, তবে তেহরানের বিরুদ্ধে “কঠোর শক্তি” প্রয়োগ করা হবে।   অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই চুক্তিকে ইসরায়েল ও “পুরো মুক্ত বিশ্বের জন্য ক্ষতিকর” বলে মন্তব্য করেন। তাঁর দাবি, ইরানকে দুর্বল করতে যে অগ্রগতি হয়েছে তা নষ্ট হতে দেওয়া যাবে না।   তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, এই চুক্তি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, আঙ্কারা ভবিষ্যতেও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগে সহায়তা করবে।   জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই চুক্তিকে “সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন।   ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তির দ্রুত ও পূর্ণ বাস্তবায়ন। তাঁর মতে, নৌপথে বাধাহীন চলাচল পুনরুদ্ধার করা জরুরি।   যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চুক্তিকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হরমুজ প্রণালীতে বাধাহীন চলাচল নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে যুক্তরাজ্য মাইন অপসারণ কার্যক্রমে সহায়তা করতে প্রস্তুত।   ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হরমুজ প্রণালী অবিলম্বে পুনরায় চালুর আহ্বান জানান। তিনি বলেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির জন্য অপরিহার্য।   বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সবসময়ই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। তারা আশা প্রকাশ করে চুক্তিটি কার্যকর ও টেকসই হবে।   জার্মানি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, এই চুক্তি বৈশ্বিক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারে এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে।  

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৬:১৫
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
‘বাজে চুক্তি’: যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলে তীব্র অসন্তোষ ও রাজনৈতিক বিরোধিতা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা সামনে আসার আগেই ইসরায়েলে তীব্র রাজনৈতিক অসন্তোষ ও বিরোধিতা দেখা দিয়েছে। দেশটির জনপ্রিয় হিব্রু দৈনিক ‘ইয়েদিওত আহরোনত’-এর রোববার সংখ্যার প্রধান শিরোনামে এই সম্ভাব্য চুক্তিকে দুই শব্দে আখ্যা দেওয়া হয়েছে—“বাজে চুক্তি”, যা ইসরায়েলের বর্তমান জনমত ও রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।   সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারকের কাঠামোতে হরমুজ প্রণালি উন্মুক্ত করা, মার্কিন অবরোধ শিথিল এবং ইরানি বন্দরের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। একই সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন পর্যন্ত বাড়ানোর কথাও আলোচনায় রয়েছে। এই সময়ে দুই দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে বিস্তারিত আলোচনায় বসবে বলে জানা গেছে।   তবে এসব আলোচনায় ইসরায়েলের প্রত্যাশিত মূল নিরাপত্তা ইস্যুগুলো অন্তর্ভুক্ত না হওয়ায় দেশটির নীতিনির্ধারক মহলে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের বিষয়টি আলোচনার প্রাথমিক কাঠামোতে না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।   ইসরায়েলের সাবেক ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব নাগেল এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, শেষ পর্যন্ত যাই ঘটুক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে নিজের কূটনৈতিক অর্জন হিসেবে উপস্থাপন করবেন। তিনি আরও বলেন, চুক্তির যেসব সম্ভাব্য বিষয় সামনে এসেছে, সেখানে ইরানের ব্যালিস্টিক সক্ষমতা বা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রসঙ্গ স্পষ্টভাবে নেই। অন্যদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে এটিকে দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে উল্লেখ করেন। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদও সম্ভাব্য চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি ইসরায়েলের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির ইতিহাসে একটি বড় ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে।   বর্তমান সরকারে উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করছেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধে না গিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ইসরায়েলি প্রশাসন। চুক্তির সম্ভাব্য কাঠামো অনুযায়ী ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ ব্যবস্থাপনা, আঞ্চলিক মিত্রবাহিনীর প্রতি সমর্থন বন্ধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তগুলো এখনো স্পষ্ট নয়। এই অনিশ্চয়তা ইসরায়েলের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।   একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, আঞ্চলিক গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধ এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে পর্যাপ্ত কাঠামো নেই বলে ইসরায়েল মনে করছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তবে চলমান আলোচনায় সেই অবস্থান কতটা প্রতিফলিত হবে তা নিয়ে সংশয় রয়েছে।   আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও এই বিতর্ককে আরও জোরদার করেছে। ক্ষমতাসীন জোটের ভেতর থেকে শুরু করে বিরোধী শিবির পর্যন্ত, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সিদ্ধান্তে ইসরায়েলের অবস্থান দুর্বল হচ্ছে বলে সমালোচনা উঠছে।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৫:৫৫
ছবি: সংগৃহীত
আদালতের নির্দেশে ট্রাম্পের নাম সরাল কেনেডি সেন্টার, গঠন হচ্ছে নতুন ‘ট্রাম্প ফান্ড’

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টার আদালতের নির্দেশে ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণ করলেও তাঁর নামে একটি নতুন তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে ‘ট্রাম্প কেনেডি সেন্টার ফান্ড’ নামে নতুন তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়। বোর্ডের সদস্যদের মতে, এই তহবিলের মাধ্যমে পারফর্মিং আর্টস সেন্টারের উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।   কেনেডি সেন্টারের জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোমা দাভারি এক বিবৃতিতে বলেন, নতুন তহবিলের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানটির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করা। এর আগে ওয়াশিংটন ডিসির একটি আদালত রায় দেয় যে, কেনেডি সেন্টারের নামের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করা এবং ভবনটি দুই বছরের জন্য বন্ধ রেখে সংস্কারের পরিকল্পনা আইনসঙ্গত নয়। আদালতের নির্দেশ অনুযায়ী ১২ জুনের মধ্যে ভবন থেকে ট্রাম্পের নাম অপসারণ করতে হয় কর্তৃপক্ষকে।   তবে কেনেডি সেন্টারের বোর্ড এই রায়ের বিরুদ্ধে জরুরি আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের দাবি, ভবনে ট্রাম্পের নাম না থাকলে সম্ভাব্য অনুদান ও আর্থিক প্রতিশ্রুতিগুলো ঝুঁকির মুখে পড়বে এবং ইতোমধ্যে সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। অন্যদিকে, মামলার বাদীপক্ষের আইনজীবীরা প্রশাসনের আপিলকে ‘শেষ মুহূর্তের কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জয়েস বিটি বলেন, আদালতের এই সিদ্ধান্ত কেনেডি সেন্টারকে পুনরায় জনগণের প্রতিষ্ঠানে পরিণত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।   কেনেডি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্প বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং প্রতিষ্ঠানটি আগের মতোই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডির স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচালিত হবে।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৫:২৪
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনা

যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামসহ প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।   সোমবার (১৫ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, অপেক্ষাকৃত নিরাপদ ওয়েবসাইটে লাইভস্ট্রিমিং সুবিধা সীমিত করা এবং অনলাইন গেমের ভেতরে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ বন্ধ করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।   সরকারি সূত্রগুলো এই পরিকল্পনাকে “অস্ট্রেলিয়া-প্লাস” হিসেবে বর্ণনা করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা প্রথম দেশ হিসেবে এই ধরনের পদক্ষেপ নেয়। যুক্তরাজ্যের প্রস্তাবিত নীতিটি সেই ব্যবস্থার চেয়েও বেশি কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “অনলাইনে শিশুদের সুরক্ষিত রাখা আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একজন বাবা হিসেবে আমি জানি, প্রতিটি অভিভাবকই চান তাঁদের সন্তান নিরাপদ পরিবেশে বড় হোক।” তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল কাঠামো শিশুদের যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তাই প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার করে নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।   দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা মোট ১০টি বড় প্ল্যাটফর্মে কার্যকর হতে পারে। এর মধ্যে টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউব, রেডিট, টুইচ, এক্স, থ্রেডস, ফেসবুক ও কিক অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সময়সীমা নির্ধারণ, রাতের কারফিউ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়ও বিবেচনায় রয়েছে।   সরকারের তিন মাসব্যাপী এক গণপরামর্শে প্রায় ১ লাখ ১৬ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ অভিভাবক ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণের পক্ষে মত দেন।   তবে এই প্রস্তাব ঘিরে সমালোচনাও রয়েছে। অনলাইনে ক্ষতিকর কনটেন্ট দেখে ১৪ বছর বয়সে আত্মহত্যা করা কিশোরী মলি রাসেলের বাবা ইয়ান রাসেল এই উদ্যোগকে “অত্যন্ত দুঃখজনক” এবং “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেছেন।   তার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা শিশুদের মধ্যে ভুয়া নিরাপত্তাবোধ তৈরি করতে পারে এবং তারা অনলাইন জগতের আরও ঝুঁকিপূর্ণ অংশে প্রবেশ করতে পারে।   অন্যদিকে ব্রিটেনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লিসা নন্দী জানিয়েছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল নিজেদের নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করার জন্য। এখন শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৪:২৪
আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত। ফেসবুক থেকে
অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে একটি আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মধ্যমা প্রদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে অনলাইনে আলোচনা-সমালোচনার পাশাপাশি রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।   রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব-পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।   অনুষ্ঠান শেষে অক্সফোর্ড ইউনিয়নের বাইরে বের হওয়ার সময় আওয়ামী লীগ সমর্থক পরিচয়ে উপস্থিত কয়েকজন ব্যক্তির বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ। এ সময় গাড়িতে থাকা অবস্থায় তার মধ্যমা প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে।   ছবিটি প্রকাশের পরপরই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে শেয়ার হতে থাকে। অনেক ব্যবহারকারী এটিকে রাজনৈতিক প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে অনেকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্বকারী রাজনীতিকের কাছ থেকে এমন অঙ্গভঙ্গি প্রত্যাশিত কি না, সে প্রশ্নও তুলেছেন।   ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে সমর্থন করেছেন, আবার কেউ রাজনৈতিক শিষ্টাচার ও কূটনৈতিক আচরণের প্রসঙ্গ তুলে সমালোচনা করেছেন।   তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাল হওয়া ছবিটি সম্পর্কে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৪:১৩
ছবি: সংগৃহীত
ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, বদল এলো স্লট বুকিং প্রক্রিয়ায়

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই প্রকাশ করা হবে।   সোমবার (১৫ জুন) প্রকাশিত এক নির্দেশনায় আইভ্যাক জানায়, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন। যেসব আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তারা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন।   নির্দেশনায় বলা হয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে। এই ফাইল ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। এছাড়া কোনো ধরনের পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না।   মেডিকেল ভিসা আবেদনকারীদের জন্যও আলাদা নির্দেশনা দিয়েছে আইভ্যাক। এতে বলা হয়েছে, মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়া আবেদনকারীদের অবশ্যই সেই হাসপাতালে চিকিৎসা নিতে হবে, যে হাসপাতালের ভিত্তিতে তাদের ভিসা ইস্যু করা হয়েছে।   হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে আবেদনকারীকে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমোদন নিতে হবে। আইভ্যাক জানিয়েছে, এফআরআরও-এর অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।   নির্দেশনায় আরও বলা হয়, এ ধরনের বিধি লঙ্ঘনের কারণে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির ভারতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৪:২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো সফরে যেতে পারেন উইটকফ ও কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের সম্ভাব্য মস্কো সফরের কথাও জানিয়েছে রাশিয়া।   পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার খুব শিগগিরই আবার রাশিয়া সফরে যেতে পারেন। তবে সম্ভাব্য এই সফরের বিষয়ে ওয়াশিংটন কিংবা সংশ্লিষ্ট মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।   রাশিয়ার দাবি অনুযায়ী, বর্তমানে উইটকফ ও কুশনার ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। মস্কোর পক্ষ থেকে তাদের সফরের যে তথ্য দেওয়া হয়েছে, তা অন্য কোনো স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়েও কিয়েভ বা ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।   সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউরি উশাকভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক নিয়েই ট্রাম্প ও পুতিনের আলোচনার বড় অংশ আবর্তিত হয়েছে। ক্রেমলিন আরও জানিয়েছে, ফোনালাপে ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিও উঠে এসেছে।   এদিকে সোমবার থেকে ফ্রান্সের এভিওঁ শহরে শুরু হতে যাচ্ছে জি-৭ সম্মেলন। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা রয়েছে। সম্মেলনের আগে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যোগাযোগ বৃদ্ধির এই খবর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।   ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রোববার তারও ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে। জেলেনস্কির কার্যালয় প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের এই আলাপকে কূটনীতি, যুদ্ধ এবং শান্তি প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বর্ণনা করেছে।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, তিনি ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে শান্তি আলোচনার বিষয়টিও ছিল।   তিনি আরও জানান, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান কীভাবে শক্তিশালী করা হয়েছে, সে বিষয়েও ট্রাম্পকে অবহিত করেছেন। জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ইউক্রেনবিষয়ক একটি ওয়ার্কিং সেশনে অংশ নিতে সম্মতি দিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দুই নেতার মধ্যে কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক এখনো নির্ধারিত হয়নি।   ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে তিনি দ্রুত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চান। তবে ইউক্রেনকে কিছু বিষয়ে ছাড় দেওয়ার সম্ভাবনার কথা বলায় কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর হোয়াইট হাউসে এক বৈঠকে জেলেনস্কিকে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ট্রাম্প। ওই ঘটনার পর থেকে দুই নেতার সম্পর্ক কিছুটা অস্বস্তিকর অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয়।   অন্যদিকে পুতিন ইউক্রেন সংকটসহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় মধ্যস্থতার পরিবর্তে সরাসরি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কৌশল অনুসরণ করছেন। জি-৭ সম্মেলনের আগে মস্কোর এই বার্তা অনেকের কাছে এমন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে যে ট্রাম্পের ঘনিষ্ঠ পরিমণ্ডলের সঙ্গে রাশিয়ার যোগাযোগ এখনো সক্রিয় রয়েছে।   এদিকে ইউরোপীয় নেতারা চাইছেন, ইউক্রেন ইস্যুতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন তাদের পাশ কাটিয়ে এককভাবে কোনো সমঝোতায় না পৌঁছে। কূটনৈতিক তৎপরতার মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় জি-৭ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। সম্মেলনে যোগ দেওয়ার আগে অনেক নেতা জেনেভায় অবস্থান করায় সেখানে বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়।   বিক্ষোভকারীরা জি-৭ জোটকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণের প্রতীক হিসেবে আখ্যা দেন। পুলিশের হিসাবে মিছিল শুরুর সময় প্রায় ৭ হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরে সংবাদমাধ্যমের প্রতিবেদনে অংশগ্রহণকারীর সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি পৌঁছানোর কথা বলা হয়। বিক্ষোভ চলাকালে একটি টেসলা গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৩:৫১
ছবি: সংগৃহীত
শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মঞ্চে, ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার নেস্টরি ইরানকুন্ডা

তানজানিয়ার একটি শরণার্থী শিবির থেকে শুরু হয়েছিল যাত্রা। সেই পথ পেরিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে ইতিহাস গড়লেন ২০ বছর বয়সী অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা। ভ্যাঙ্কুভারে তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২-০ গোলের জয়ের ম্যাচে দলের প্রথম গোলটি করে তিনি সকারুদের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড গড়েছেন।   একই সঙ্গে বিদেশি বংশোদ্ভূত প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন সংগ্রাম এবং ক্যারিয়ারের অন্যতম বড় ঝুঁকি নেওয়ার গল্প।   ২০২৪ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনাইটেড ছেড়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দেন ইরানকুন্ডা। হ্যারি কেইনের মতো বিশ্বমানের ফুটবলারের সঙ্গে অনুশীলনের সুযোগ পেলেও মূল দলে নিয়মিত খেলার সুযোগ পাননি। ফলে ২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ে। একপর্যায়ে অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকেও বাদ পড়তে হয় তাকে।   বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে গত গ্রীষ্মে বড় সিদ্ধান্ত নেন এই তরুণ ফরোয়ার্ড। নিয়মিত খেলার আশায় বায়ার্ন মিউনিখ ছেড়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ওয়াটফোর্ডে যোগ দেন তিনি। সিদ্ধান্তটি নিয়ে পরে ইরানকুন্ডা বলেন, “এটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমার সবচেয়ে বড় লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা। ২০২৬ বিশ্বকাপ খুব কাছাকাছি চলে আসছিল এবং আমার নিয়মিত মাঠে থাকা প্রয়োজন ছিল।”   ওয়াটফোর্ডের জার্সিতে ৪২ ম্যাচে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে আবারও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা ফিরে পান।   তুরস্কের বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে নিজের গতি ও শারীরিক শক্তির দারুণ প্রদর্শনীতে গোল করেন ইরানকুন্ডা। গোলের পর অস্ট্রেলিয়ার কিংবদন্তি টিম কাহিলের বিখ্যাত ‘কর্নার ফ্ল্যাগ পাঞ্চ’ উদযাপন করে নিজের আনন্দ প্রকাশ করেন। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা অবিশ্বাস্য। আমার স্বপ্ন সত্যি হয়েছে।”   ইরানকুন্ডা জানান, অস্ট্রেলিয়ার সাবেক তারকা টিম কাহিল এবং আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার ফুটবল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।   তার সতীর্থ মোহাম্মদ তুরে ইরানকুন্ডাকে ‘হুডিনি’ বলে অভিহিত করেন এবং তার খেলায় ইংল্যান্ডের তারকা জুড বেলিংহ্যামের ছাপ দেখেন। অস্ট্রেলিয়ার সাবেক কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলুও এই তরুণের প্রশংসা করে বলেন, “একটি ভালো বিশ্বকাপ একজন খেলোয়াড়ের পুরো পৃথিবী বদলে দিতে পারে।”   বায়ার্ন মিউনিখের মতো ক্লাব ছেড়ে নিয়মিত খেলার জন্য যে ঝুঁকি নিয়েছিলেন নেস্টরি ইরানকুন্ডা, বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ে সেই সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করলেন তিনি।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ৩:২৩
বাণিজ্যিক রকেটে ৮ উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশে চীনের আরেক সাফল্য
বাণিজ্যিক রকেটে ৮ উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশে চীনের আরেক সাফল্য

চীন সফলভাবে একটি বাণিজ্যিক রকেটের মাধ্যমে একসঙ্গে আটটি উপগ্রহ মহাকাশের নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পাইলট জোন থেকে সোমবার (১৫ জুন) এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হয়।   তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, ‘লিজিয়ান-১’ নামের ক্যারিয়ার রকেটটি নির্ধারিত সময়েই উৎক্ষেপণ করা হয় এবং কোনো ধরনের প্রযুক্তিগত জটিলতা ছাড়াই সবকটি উপগ্রহকে সফলভাবে তাদের নির্ধারিত কক্ষপথে পৌঁছে দেয়।   চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, লিজিয়ান-১ রকেট সিরিজ বর্তমানে দেশটির বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোমবারের এই মিশনটি ছিল এই সিরিজের ১৩তম সফল উৎক্ষেপণ, যা রকেটটির নির্ভরযোগ্যতা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ বহন করে।   উন্নত প্রযুক্তিতে নির্মিত এই রকেটটি তৈরি করেছে ‘ক্যাস স্পেস’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সংস্থাটি চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীন ইনস্টিটিউট অব মেকানিক্সের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। চীনের মহাকাশ খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই ধরনের প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।   বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে একাধিক উপগ্রহ উৎক্ষেপণের সক্ষমতা অর্জনের মাধ্যমে চীন শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, বরং বৈশ্বিক বাণিজ্যিক মহাকাশ বাজারেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, নেভিগেশন এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য এসব উপগ্রহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।   সাম্প্রতিক বছরগুলোতে চীন ধারাবাহিকভাবে মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে এবং রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বেসরকারি খাতকে উৎসাহিত করছে। ফলে দেশটি দ্রুত বিশ্ব মহাকাশ প্রতিযোগিতায় একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।   সূত্র: আনাদোলু এজেন্সি, সিনহুয়া

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ২:৪৩
শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিষ্পত্তি অনিশ্চিত
আপিল ঝুলে সাত মাস: শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিষ্পত্তি অনিশ্চিত

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া রায়ের আপিল সাত মাস পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। একইভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার আপিলও শুনানির অপেক্ষায় রয়েছে, যা বিচারপ্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন তৈরি করছে।   ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। পাশাপাশি আপিল দায়েরের পর ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধানও আছে। তবে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, এই সময়সীমা বাধ্যতামূলক নয়, বরং নির্দেশনামূলক। ফলে নির্ধারিত সময় অতিক্রম করলেও আপিলের কার্যকারিতা বহাল থাকে।   প্রসঙ্গত, গত বছরের ১৭ নভেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।   এরপর গত বছরের ১৫ ডিসেম্বর প্রসিকিউশন পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা আরও কঠোর করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে আপিল করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই আপিলের শুনানি শেষ হয়নি।   এ বিষয়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, আইনে ৬০ দিনের একটি নির্দেশনামূলক সময়সীমা রয়েছে। তবে এই সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি না হলেও তা বাতিল হয়ে যায় না। তিনি জানান, এখনো শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আপিল কার্যক্রম এগোয়নি।   তিনি আরও বলেন, “আমরা এখনো শুনানির উদ্যোগ নিইনি, কারণ আপিলটি শুনানির জন্য পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি।”   একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান ঘিরে চাঁনখারপুলে সংঘটিত হত্যাযজ্ঞ এবং আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলাগুলোর ক্ষেত্রেও। এসব মামলার আপিলও এখনও ঝুলে রয়েছে।   এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার রায় চলতি মাসের মধ্যেই ঘোষণা হতে পারে।   আইনজীবী ও বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ এসব মামলার আপিল শুনানিতে বিলম্ব বিচারপ্রক্রিয়ার ওপর জনআস্থা ক্ষুণ্ন করতে পারে। একই সঙ্গে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও তারা মনে করছেন।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ১:৪৪
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতা: দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার মুখে পড়ে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আগাম কূটনৈতিক অবহিতকরণ থাকা সত্ত্বেও তাকে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং প্রবেশের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।   রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান ডা. জাহেদ। সেখানে সোমবার (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।   সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সফরকে কেন্দ্র করে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। সেই অনুযায়ী তার সফরসূচি ও অংশগ্রহণের বিষয়টি আগে থেকেই জানানো ছিল।   তবে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে এবং তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। বিষয়টি কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।   পরিস্থিতিকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচনা করে ডা. জাহেদ উর রহমান নিজেই পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার কাছে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।   রাতেই তিনি তৃতীয় একটি দেশের মাধ্যমে দেশে ফেরার জন্য ফ্লাইট ধরেন। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।   ঘটনাটি কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে একটি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণের জন্য আগত একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধির সঙ্গে এমন আচরণ ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ১:১
ইউরোপের চার দেশের ঘোষণা
ইউরোপের চার দেশের ঘোষণা: ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতার পর ইউরোপের চার প্রভাবশালী দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   রোববার (১৪ জুন) এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে ভবিষ্যৎ পদক্ষেপ কী হয়—তা পর্যবেক্ষণ করে তারা নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের জন্য প্রস্তুত রয়েছে। বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেন, “ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এ লক্ষ্য সামনে রেখে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।”   এর আগে স্থানীয় সময় রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার কিছুক্ষণ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দেন, তাঁর দেশের মধ্যস্থতায় সোমবার ভোরে এই সমঝোতা হয়েছে।   জানা গেছে, সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। যদিও চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। তবে শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন, এই সমঝোতায় সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা হয়েছে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।   ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাত থেকেই লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।   ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় একটি বিস্তৃত চুক্তির বিষয়ে আলোচনা চলবে। সেখানে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও পরবর্তী আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগে থেকেই রয়টার্সকে জানিয়েছিল সংশ্লিষ্ট সূত্রগুলো।   এই ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটি আগেই জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার অংশ তারা নয়।   এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি আগামী শুক্রবার থেকে আবারও খুলে দেওয়া হবে। কয়েক মাস ধরে ইরান এই জলপথ কার্যত বন্ধ করে রেখেছিল বলে যুক্তরাষ্ট্রের দাবি।   তিনি আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করো—তেল প্রবাহিত হতে দাও।”   এই ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সোমবার দিনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশের বেশি হ্রাস পায়। পাশাপাশি এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।   বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। তবে চুক্তির শর্তগুলো কীভাবে কার্যকর করা হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো কতটা প্রতিশ্রুতি রক্ষা করে—সেটিই এখন দেখার বিষয়।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ০:৫৩
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা

দীর্ঘ উত্তেজনার পর অবশেষে যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তির বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের পরপরই বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর আগে তিনি ‘অবিলম্বে’ প্রণালিটি খুলে দেওয়ার কথা বলেছিলেন। ফলে চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা আসার পরই অনেকেই জলপথটি খুলে দেওয়ার আশা করেছিলেন। তবে পরে ট্রাম্প পরিষ্কার করেন, চুক্তি সইয়ের পরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।   ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে মোট ১৪টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার। চুক্তি কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে এই অবরোধ তুলে নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।   হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালির কার্যক্রম স্বাভাবিক থাকা আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।   রোববার নিউইয়র্ক টাইমসকে দেওয়া প্রায় আধা ঘণ্টার এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর এটি স্থায়ীভাবে টোলমুক্ত রাখা হবে। অর্থাৎ এই পথ ব্যবহারকারী কোনো জাহাজকেই আর টোল দিতে হবে না।   তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ওয়াশিংটন আবার সামরিক পদক্ষেপ নিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্র ‘মধ্যপ্রাচ্যের অভিভাবক’ হিসেবে ভূমিকা পালন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে অঞ্চল থেকে অর্জিত রাজস্বের একটি অংশ যুক্তরাষ্ট্র পেতে পারে বলেও ইঙ্গিত দেন।   ইরানের সঙ্গে এই সমঝোতার বিষয়টি ট্রাম্প নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন। সেখানে তিনি এই চুক্তিকে ‘মহান চুক্তি’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।   প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান, যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র, যার ফলে দেশটির সমুদ্রবাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ে।   বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই শান্তিচুক্তি বাস্তবায়িত হলে শুধু আঞ্চলিক উত্তেজনা কমবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও স্বস্তি ফিরতে পারে। তবে চুক্তির শর্তগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হয়, তার ওপরই নির্ভর করছে পরিস্থিতির ভবিষ্যৎ দিকনির্দেশনা।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ০:৩২
মিজৌরিতে স্কাইডাইভিং বিমানের ভয়াবহ দুর্ঘটনা
মিজৌরিতে স্কাইডাইভিং বিমানের ভয়াবহ দুর্ঘটনা: নিহত ১২

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে একটি স্কাইডাইভিং বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনাটি রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ঘটে, যা এলাকাজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে।   বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি স্কাইডাইভিং কোম্পানি ভাড়া নিয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নির্ধারিত উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। পরে এটি হঠাৎ বাঁ দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের অদূরে, মাত্র প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সব ১২ আরোহী ঘটনাস্থলেই নিহত হন।   বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেন, “আমরা এটিকে বড় ধরনের প্রাণহানির ঘটনা হিসেবে দেখছি।” তিনি আরও জানান, দুর্ঘটনায় পতিত বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের নয়; এটি একটি স্থানীয় বিমান, যা ওই বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।   যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের ছিল—যা সাধারণত স্কাইডাইভিং কার্যক্রমে ব্যবহৃত হয়। সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটির জন্য কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস সক্রিয় ছিল না। তবে সংশ্লিষ্ট আকাশসীমার নিয়ম অনুযায়ী এমন যোগাযোগ বাধ্যতামূলক ছিল না বলেও ব্যাখ্যা করা হয়েছে।   দুর্ঘটনার পর স্থানীয় উদ্ধারকর্মীরা আশপাশের এলাকা তল্লাশি চালান, যাতে নিশ্চিত হওয়া যায় দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।   শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের মধ্যে কয়েকজনের স্বজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা নিজের চোখে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, যা পরিস্থিতিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।   মিজৌরির বাটলার শহরটি কানসাস সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার কারণ উদঘাটনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা উড্ডয়নের সময় কোনো জটিলতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।   এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। স্কাইডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রমে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

প্রকাশ : জুন ১৫, ২০২৬ ০:২৫
ছবি: সংগৃহীত
ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা চুক্তিকে ঘিরে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না। একই সঙ্গে তিনি বলেছেন, এ কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।   ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি, ইসরাইলের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত কথা বলেন।   ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত রাখার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে নীতি অনুসরণ করেছে, তা ইসরাইলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, “সত্যি বলতে, এ জন্য তাদের আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।”   সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলা এমন এক সময়ে ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান একটি গুরুত্বপূর্ণ সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে ছিল। তার মতে, ওই হামলা চূড়ান্ত চুক্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারত।y   নেতানিয়াহু সম্পর্কে ট্রাম্প বলেন, “তিনি খুবই কঠিন একজন মানুষ।” তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে, আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।   ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়ে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এবং পূর্ববর্তী হামলাগুলো তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রেখেছে। তার মতে, ইরান আরও সংঘাত বা নতুন হামলার ঝুঁকি নিতে চায়নি বলেই সমঝোতার পথে এগিয়েছে।   তিনি বলেন, “তারা তৃতীয় হামলা চায়নি। তারা বেঁচে থাকতে চায়।” ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রভাব এতটাই ছিল যে, তা ইরানকে নতুন বাস্তবতা মেনে নিতে বাধ্য করেছে।   মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে চূড়ান্ত সমঝোতা বাস্তবায়িত না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে। যদিও তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ তৈরি করবে।   সাম্প্রতিক মাসগুলোতে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ব্যাপক উত্তেজনাপূর্ণ ছিল। আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নতুন করে কূটনৈতিক আশার জন্ম দিয়েছে।   তবে বিশ্লেষকদের মতে, সমঝোতার ঘোষণার পরও অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা জটিল রয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ইসরাইলের নিরাপত্তা উদ্বেগ এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাতের মতো বিষয়গুলো আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।   এদিকে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে। বিশেষ করে ইসরাইলের নিরাপত্তা, ইরানের সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রকাশ : জুন ১৪, ২০২৬ ২৩:৪৯
ছবি: সংগৃহীত
ব্রাজিলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুটি উড়োজাহাজই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং এলাকায় আছড়ে পড়ে আগুন ধরে যায়, যা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।   আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রি এবং আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউবার গ্যাসপার প্রিম দিয়াজ, যিনি ‘গ্যাসপি’ নামে পরিচিত, রয়েছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পর মরদেহগুলোর আনুষ্ঠানিক শনাক্তকরণ প্রক্রিয়া চলমান থাকায় কর্তৃপক্ষ শুরুতে সতর্ক অবস্থান নেয়। পরে বিভিন্ন সূত্র নিহতদের পরিচয় নিশ্চিত করে।   দুর্ঘটনাটি ঘটে রিও ডি জেনিরোর রেক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড ধাক্কা লাগে। সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই একটি হেলিকপ্টার বৈদ্যুতিক গাড়ি রাখা একটি পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। এতে সেখানে থাকা একাধিক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।   প্রত্যক্ষদর্শীদের একজন জানান, সংঘর্ষের পর তিনি একটি হেলিকপ্টারকে আগুনে জ্বলতে দেখেন। একই সঙ্গে একজন যাত্রীকে নিচে লাফ দিতে দেখেছেন বলেও দাবি করেন তিনি। তবে ওই ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ৩২ বছর বয়সী অলিভার ট্রি সংগীত জগতে তার ব্যতিক্রমী উপস্থাপনা ও জনপ্রিয় গান ‘লাইফ গোজ অন’ এবং ‘মিস ইউ’-এর জন্য পরিচিত ছিলেন। দুর্ঘটনার আগে তিনি বিশ্ব সফরের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকায় অবস্থান করছিলেন। অন্যদিকে ২৩ বছর বয়সী গ্যাসপি আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা ছিলেন। তার ইউটিউব চ্যানেলের অনুসারী ছিল কয়েক মিলিয়ন।   দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ব্রাজিলের বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি, যোগাযোগ ব্যবস্থার সমস্যা এবং আকাশপথে চলাচল নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। রিও ডি জেনিরোতে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে হেলিকপ্টার ব্যবহারের হার তুলনামূলক বেশি। ফলে শহরের আকাশপথে প্রায়ই উল্লেখযোগ্য সংখ্যক হেলিকপ্টার চলাচল করে। সাম্প্রতিক এই দুর্ঘটনা আকাশপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।   দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অলিভার ট্রি ও গ্যাসপির অসংখ্য ভক্ত। সংগীত ও ডিজিটাল কনটেন্ট জগতের বিভিন্ন ব্যক্তিত্বও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য না করার আহ্বান জানিয়েছে ব্রাজিলের কর্তৃপক্ষ।

প্রকাশ : জুন ১৪, ২০২৬ ২৩:২৩
ছবি: সংগৃহীত
কেপ ভার্দের বিপক্ষে খেলছেন লামিন ইয়ামাল, নিশ্চিত করলেন স্পেন কোচ

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে থাকা অনিশ্চয়তার অবসান ঘটিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি নিশ্চিত করেছেন, বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে মাঠে নামবেন বার্সেলোনার এই উদীয়মান ফুটবলার।   ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, ইয়ামাল পুরোপুরি সুস্থ আছেন এবং খেলার জন্য প্রস্তুত। তবে তিনি পুরো ৯০ মিনিট খেলবেন কি না, সে বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন স্পেন কোচ। তার ভাষায়, ইয়ামাল ম্যাচের একটি নির্দিষ্ট সময় মাঠে থাকবেন এবং দলের পরিকল্পনার অংশ হিসেবেই তাকে ব্যবহার করা হবে।   শুধু ইয়ামালই নন, স্পেন শিবিরে স্বস্তি ফিরিয়েছে নিকো উইলিয়ামসের সুস্থতাও। তিনিও ম্যাচের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দে লা ফুয়েন্তে। ফলে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে বড় দুই তারকাকে পাওয়া স্পেনের জন্য ইতিবাচক খবর।   সংবাদ সম্মেলনে নিজের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেছে স্পেন কোচকে। বিশেষ করে মিডফিল্ড বিভাগ নিয়ে তার মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। দে লা ফুয়েন্তে দাবি করেন, বর্তমান সময়ে বিশ্বের সেরা মিডফিল্ড স্পেনেরই।   তিনি বলেন, তাদের দলে ব্যালন ডি’অরজয়ী ফুটবলার রয়েছে, পাশাপাশি মার্টিন জুবিমেন্দি, ফাবিয়ান রুইজ, পেদ্রি ও আলেক্স বায়েনার মতো প্রতিভাবান খেলোয়াড় আছেন। এত বেশি মানসম্পন্ন খেলোয়াড় থাকায় একাদশ নির্বাচনই কখনও কখনও সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। একজনকে খেলাতে গেলে আরেকজন ভালো খেলোয়াড়কে বেঞ্চে রাখতে হয়, যা কোচ হিসেবে তার জন্য সুখকর সমস্যার মতো।   তবে আত্মবিশ্বাস থাকলেও আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না স্পেন কোচ। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। দে লা ফুয়েন্তে বলেন, স্পেন ম্যাচ ধরে ধরে এগোতে চায়। দলের আত্মবিশ্বাস আছে, কিন্তু প্রতিটি প্রতিপক্ষই কঠিন। তাই শুরু থেকেই সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হবে। নিজেদের অন্যদের চেয়ে এগিয়ে ভাবার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।   প্রথম ম্যাচের প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়েও বেশ সতর্ক স্পেন কোচ। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও আফ্রিকার এই দলটিকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না তিনি। দে লা ফুয়েন্তের মতে, বর্তমান বিশ্বকাপে ইতোমধ্যেই বেশ কয়েকটি অপ্রত্যাশিত ফল দেখা গেছে। তাই র‌্যাঙ্কিং কিংবা কাগজে-কলমের হিসাব দিয়ে কোনো ম্যাচ বিচার করার সুযোগ নেই। তিনি কেপ ভার্দেকে একটি সুসংগঠিত ও দ্রুতগতির দল হিসেবে বর্ণনা করেন এবং স্মরণ করিয়ে দেন যে তারা ইতোমধ্যেই শক্তিশালী প্রতিপক্ষ ক্যামেরুনকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে।   স্পেন কোচের বিশ্বাস, এবারের বিশ্বকাপের অন্যতম চমকপ্রদ দল হতে পারে কেপ ভার্দে। সে কারণেই উদ্বোধনী ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামছে স্পেন। ইউরোপীয় ফুটবলের ঐতিহ্য, অভিজ্ঞতা এবং প্রতিভাবান তরুণদের সমন্বয়ে গড়া দলটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। আর সেই অভিযানের শুরুতেই লামিন ইয়ামালের মাঠে নামার বিষয়টি স্প্যানিশ সমর্থকদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর হয়ে এসেছে।

প্রকাশ : জুন ১৪, ২০২৬ ২৩:২
ছবি: সংগৃহীত
বিলিয়নেয়ারের ১১০ বছর পর বিশ্ব পেল প্রথম ট্রিলিয়নেয়ার

একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের উত্থান ঘটত তেল, ইস্পাত কিংবা রেলপথের মতো ঐতিহ্যবাহী শিল্পখাত থেকে। বিংশ শতকের শুরুতে তেল ব্যবসার মাধ্যমে জন ডি. রকফেলার হয়েছিলেন বিশ্বের প্রথম বিলিয়নেয়ার। সেই ঘটনার ১১০ বছর পর বিশ্ব অর্থনীতির ইতিহাসে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে ইতিহাস গড়েছেন।   আন্তর্জাতিক আর্থিক বিশ্লেষণ প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক এবং প্রতিষ্ঠানটির বাজারমূল্যের রেকর্ড উত্থানের পর মাস্কের মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন।   বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ইলন মাস্কের এই অবস্থানে পৌঁছানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি এবং উন্নত পরিবহন ব্যবস্থার বাজার দ্রুত সম্প্রসারিত হওয়ায় তার ব্যবসায়িক সাম্রাজ্যের মূল্যও ব্যাপকভাবে বেড়েছে।   বর্তমান অবস্থানে পৌঁছাতে অবশ্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে মাস্ককে। ২০২০ সালের জানুয়ারিতে তিনি বিশ্বের ৩৫তম ধনী ব্যক্তি ছিলেন। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৮ বিলিয়ন ডলার। মাত্র সাড়ে ছয় বছরের ব্যবধানে সেই সম্পদ প্রায় ৩৮ গুণ বেড়ে ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।   বিশ্লেষকদের মতে, আধুনিক অর্থনৈতিক ইতিহাসে এত দ্রুত সম্পদ বৃদ্ধির নজির খুব কমই রয়েছে। ২০২০ সালের পর টেসলার শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। একই সময়ে স্পেসএক্স বাণিজ্যিক মহাকাশ খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করে এবং একের পর এক বড় প্রকল্প হাতে নেয়। ফলে দুই প্রতিষ্ঠানের বাজারমূল্য দ্রুত বৃদ্ধি পায়।   ইলন মাস্ক প্রথমবার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির আসনে বসেন ২০২১ সালের জানুয়ারিতে। সে সময় তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসকে পেছনে ফেলেছিলেন। এরপর টেসলার শেয়ারদরের ওঠানামা এবং বিভিন্ন ব্যবসায়িক কারণে কয়েকবার তার অবস্থান পরিবর্তিত হলেও শেষ পর্যন্ত আবারও তিনি শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হন।   বিশ্বের প্রথম বিলিয়নেয়ার জন ডি. রকফেলারের গল্পও অর্থনৈতিক ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। কর্মজীবনের শুরুতে তিনি একজন সহকারী হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। পরে তেল ব্যবসায় প্রবেশ করে গড়ে তোলেন স্ট্যান্ডার্ড অয়েল। ১৯১৬ সালে তার সম্পদ এক বিলিয়ন ডলার অতিক্রম করে, যা সে সময়ের বিশ্ব অর্থনীতিতে ছিল অভাবনীয় ঘটনা। শেয়ারবাজারে স্ট্যান্ডার্ড অয়েলের ব্যাপক উত্থান তাকে ইতিহাসের প্রথম বিলিয়নেয়ারে পরিণত করে।   অর্থনীতিবিদদের মতে, রকফেলারের যুগ ছিল জ্বালানি খাতের আধিপত্যের যুগ। অন্যদিকে মাস্কের উত্থান প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবননির্ভর অর্থনীতির প্রতীক। এই দুই ব্যক্তির সাফল্যের মধ্যে এক শতাব্দীর বেশি সময়ের ব্যবধান থাকলেও উভয়েই নিজ নিজ যুগের অর্থনৈতিক রূপান্তরের প্রতিনিধিত্ব করেন।   বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার মাধ্যমে ইলন মাস্ক শুধু ব্যক্তিগত সম্পদের নতুন রেকর্ডই গড়েননি, বরং দেখিয়ে দিয়েছেন যে আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো কীভাবে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিস্তারের সঙ্গে সঙ্গে বিশ্বের সম্পদ কাঠামোতে আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে।   তবে মাস্কের এই রেকর্ড নতুন বিতর্কও উসকে দিয়েছে। একদিকে যেমন অনেকেই এটিকে উদ্ভাবন ও উদ্যোক্তা সাফল্যের প্রতীক হিসেবে দেখছেন, অন্যদিকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সম্পদ বৈষম্যের প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে। ফলে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ারের আবির্ভাব শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও রাজনৈতিক আলোচনারও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

প্রকাশ : জুন ১৪, ২০২৬ ২২:৪৬
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে খেলা শেষে গ্যালারি পরিষ্কার করে ভাইরাল জাপানের সমর্থকেরা

বিশ্বকাপের মাঠে জাপান ও নেদারল্যান্ডসের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। তবে খেলা শেষ হওয়ার পর ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে জাপানি সমর্থকদের একটি পরিচিত ও প্রশংসিত অভ্যাস। ম্যাচ শেষে গ্যালারিতে পড়ে থাকা আবর্জনা নিজেরাই পরিষ্কার করতে দেখা গেছে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে।   যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচ শেষে জাপানের সমর্থকদের হাতে দেখা যায় বড় বড় ময়লার ব্যাগ। তারা গ্যালারির বিভিন্ন অংশে ঘুরে প্লাস্টিকের বোতল, খাবারের মোড়ক এবং অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। অনেকেই নিজেদের আসনের আশপাশের পাশাপাশি অন্য দর্শকদের ফেলে যাওয়া আবর্জনাও তুলে নেন।   স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ কাভারেজে দায়িত্ব পালন করা সাবেক এনএফএল তারকা এবং বর্তমানে সম্প্রচারক জেমিস উইনস্টনকেও কয়েকজন জাপানি সমর্থকের সঙ্গে আবর্জনা সংগ্রহে অংশ নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দ্রুতই ব্যাপক সাড়া ফেলে।   জাপানের জাতীয় ফুটবল দল ‘সামুরাই ব্লু’-এর সমর্থকদের এই অভ্যাস নতুন নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করে বিশ্বব্যাপী আলোচনায় এসেছিলেন তারা। এরপর বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরেও একই আচরণ দেখা গেছে। এবারের বিশ্বকাপেও সেই ঐতিহ্য অক্ষুণ্ন রেখেছেন জাপানি দর্শকেরা।   জাপানের সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও ইতিহাসের অধ্যাপক কোইচি নাকানো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আন্তর্জাতিক ক্রীড়া আসরে জাপানি সমর্থকদের এই আচরণ তাদের সামাজিক ও শিক্ষাগত সংস্কৃতিরই প্রতিফলন। ছোটবেলা থেকেই তারা শিখে যে কোনো স্থান ব্যবহার করার পর সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় রেখে যেতে হবে।   ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে জাপানি একটি বহুল প্রচলিত প্রবাদও উল্লেখ করা হয়েছে। “তাতসু তোরি আতো ও নিগোসাজু” নামে পরিচিত এই কথাটির অর্থ হলো, “যেভাবে পেয়েছিলে, সেভাবেই রেখে যাও।” জাপানে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের নিজেদের শ্রেণিকক্ষ ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার দায়িত্ব পালন করতে শেখানো হয়। অনেকেই মনে করেন, আন্তর্জাতিক ক্রীড়া আসরে জাপানি সমর্থকদের আচরণের পেছনে এই সামাজিক শিক্ষার বড় ভূমিকা রয়েছে।   অন্যদিকে মাঠের খেলাটিও ছিল দারুণ উপভোগ্য। প্রথমার্ধে কোনো দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। নেদারল্যান্ডসের হয়ে ভার্জিল ফন ডাইক ও ক্রিসেনসিও সামারভিল দুটি গোল করেন। তবে প্রতিবারই জবাব দেয় জাপান। ম্যাচের ৮৮তম মিনিটে দাইচি কামাদার হেড থেকে পাওয়া গোলে ২-২ সমতা ফেরায় ‘সামুরাই ব্লু’।   শেষ পর্যন্ত উভয় দলই একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। তবে ম্যাচের পর গ্যালারি পরিষ্কার করার দৃশ্য অনেকের কাছেই খেলাটির সবচেয়ে ইতিবাচক মুহূর্ত হয়ে উঠেছে।   বিশ্বকাপের মতো বড় আসরে সাধারণত সমর্থকদের আবেগ, উল্লাস এবং প্রতিদ্বন্দ্বিতা বেশি আলোচিত হয়। কিন্তু জাপানি সমর্থকদের এই উদ্যোগ আবারও দেখিয়ে দিয়েছে, ক্রীড়াসুলভ আচরণ শুধু মাঠের ভেতরেই সীমাবদ্ধ নয়, মাঠের বাইরেও দায়িত্বশীল নাগরিকত্বের মাধ্যমে তা প্রকাশ করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ব্যবহারকারী তাদের এই উদ্যোগকে অন্য দেশের সমর্থকদের জন্যও অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

প্রকাশ : জুন ১৪, ২০২৬ ২২:১২