সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ৪৮ ঘণ্টা: ভিসা জটিলতায় বিতর্কের মুখে যুক্তরাষ্ট্র

২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন দেশের খেলোয়াড়, কর্মকর্তা, রেফারি ও সমর্থকদের ভিসা জটিলতা, দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির একাধিক ঘটনা সামনে এসেছে। গত ৪৮ ঘণ্টায় ঘটে যাওয়া এসব ঘটনায় বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।   সুইজারল্যান্ডের ফুটবলার ব্রিল এম্বোলোর ভিসা পুনঃপর্যালোচনার আওতায় নেওয়া হয়, যার ফলে নির্ধারিত সময়ের কয়েক দিন পর তিনি দলের সঙ্গে যোগ দিতে সক্ষম হন। একই সময়ে ইরাক জাতীয় দলের তারকা খেলোয়াড় আইমান হুসেইন যুক্তরাষ্ট্রে প্রবেশের পর প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।   ইরান জাতীয় দলকেও ভিসা পেতে দীর্ঘ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তুরস্কে অবস্থিত মার্কিন কনস্যুলেটে কয়েক দিন ধরে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হয় দলটিকে। পরে ম্যাচের দিনগুলোতে কেবল তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এছাড়া ইরানি প্রতিনিধিদলের ১৫ সদস্যের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে।   আফ্রিকান ফুটবল কনফেডারেশনের ২০২৫ সালের সেরা রেফারি নির্বাচিত সোমালিয়ার ওমর আবদুলকাদির আরতানও ভিসা পাননি। কূটনৈতিক পাসপোর্ট থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং ফেরত পাঠানো হয়। পরে ফিফা নিশ্চিত করে, তিনি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে পারবেন না।   দক্ষিণ আফ্রিকা জাতীয় দলও ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। প্রতিনিধিদলের কয়েকজন সদস্য ভিসা না পাওয়ায় পুরো দলের সফর বিলম্বিত হয়।   এদিকে সেনেগাল জাতীয় দলের কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দীর্ঘ তল্লাশির শিকার হন। তাদের জুতা খুলতে বাধ্য করা হয় এবং দীর্ঘ সময় ধরে নিরাপত্তা পরীক্ষা চালানো হয়। এ ঘটনায় বর্ণবাদী আচরণের অভিযোগও উঠেছে।   উজবেকিস্তান জাতীয় দলকে বিস্ফোরক শনাক্তকারী কুকুর দিয়ে তল্লাশি করার একটি ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।   শুধু দল বা কর্মকর্তারাই নন, ভোগান্তির শিকার হয়েছেন সমর্থকরাও। স্কটল্যান্ডের কিছু সমর্থক, যারা ইএসটিএ কর্মসূচির আওতায় ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্য ছিলেন, তাদের ভ্রমণ অনুমোদন যাত্রার মাত্র কয়েক দিন আগে বাতিল করা হয়।   এছাড়া অনেক সমর্থক ম্যাচের টিকিট ও আবাসন বুকিং সম্পন্ন করার পরও ভিসা না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এতে বিশ্বকাপ ঘিরে ভ্রমণ পরিকল্পনা করা হাজারো দর্শকের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।   বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের মধ্যে একের পর এক ভিসা ও প্রবেশসংক্রান্ত জটিলতার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে এসব ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সমন্বিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২৩:০
ছবি: সংগৃহীত
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে ভিসার অপব্যবহার ঠেকাতে বিশ্বজুড়ে অভিযান জোরদার যুক্তরাষ্ট্রের

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিজিটর ভিসার অপব্যবহার ঠেকাতে বিভিন্ন দেশে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ট্রাম্প প্রশাসনের সময় থেকে কঠোর হওয়া এই অবস্থানের অংশ হিসেবে সম্প্রতি পশ্চিম আফ্রিকা, ইউরোপ ও উত্তর আফ্রিকায় একাধিক “বার্থ ট্যুরিজম” চক্র শনাক্ত ও বন্ধ করার দাবি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।   মার্কিন কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে কেউ ভিজিটর ভিসা ব্যবহার করতে পারবেন না। এ ধরনের কর্মকাণ্ডকে তারা মার্কিন অভিবাসন ব্যবস্থার অপব্যবহার হিসেবে দেখছে।   স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি মার্কিন দূতাবাস ১০০ জনের বেশি বিদেশি নাগরিককে জড়িত একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক শনাক্ত করেছে। অভিযোগ রয়েছে, ভুয়া নথিপত্র ও তথাকথিত “ভিসা ফিক্সারদের” সহায়তায় এসব ব্যক্তি মার্কিন ভিসা নেওয়ার চেষ্টা করছিলেন, যাতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তাদের শিশুর নাগরিকত্ব নিশ্চিত করা যায়।   তদন্তের পর সংশ্লিষ্টদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অনুরূপ আরও নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে।   ইউরোপেও ২০২৪ সাল থেকে ৪০০টির বেশি সন্দেহজনক “বার্থ ট্যুরিজম” ঘটনার তথ্য পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তদন্তে অন্তত ছয়টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠান আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারে কী বলতে হবে তা শেখানো, যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা করা এবং সন্তান জন্মদানের পরিকল্পনা সাজিয়ে দেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করছিল।   স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধও করা হয়েছে।   এদিকে উত্তর আফ্রিকায় অবস্থিত আরেকটি মার্কিন দূতাবাস “বার্থ ট্যুরিস্ট” হিসেবে সন্দেহভাজন ১০০টির বেশি ব্যক্তির ভিসা বাতিল করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, তথ্য বিশ্লেষণ প্রযুক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব নেটওয়ার্ক শনাক্ত করা সম্ভব হয়েছে।   মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ।” সংস্থাটি আরও জানায়, ভিসা জালিয়াতি ও জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পরিচালিত অবৈধ কার্যক্রম বন্ধে বিশ্বজুড়ে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২২:৪৮
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
আট বছরের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে অবশেষে স্বপ্নের বিশ্বকাপ ট্রফিতে মেসির চুমু

কাতারের লুসাইল স্টেডিয়ামের আলো ঝলমলে মঞ্চে গোল্ডেন বল হাতে নিয়ে যখন লিওনেল মেসি দাঁড়ালেন, তখন ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের চোখ ছিল তাঁর দিকে। সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে এই গোল্ডেন বল তিনি ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও পেয়েছিলেন, কিন্তু সেই নেওয়ার সাথে ২০২২ সালের এই প্রাপ্তির আকাশ-পাতাল পার্থক্য ছিল। পুরস্কারটি হাতে নিয়ে ঘোরার সময়ই তাঁর চোখ পড়ে সামনে রাখা ঝকঝকে সোনার বিশ্বকাপ ট্রফিটির দিকে, যা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু। আনুষ্ঠানিকভাবে ট্রফিটি হাতে তুলে দেওয়ার জন্য মাত্র কয়েক মিনিটের অপেক্ষা থাকলেও সেই সংযম আর সইল না; মেসি ঝুঁকে পড়ে পরম মমতায় আলতো করে ট্রফিটিতে একটি এবং পরপর দুটি চুমু খেলেন।   মেসির এই দুটি চুমুর গভীরতা ও তীব্রতা বুঝতে হলে ফুটবলপ্রেমীদের ঠিক আট বছর পেছনে অর্থাৎ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের সেই কালরাত্রিতে ফিরে যেতে হবে। সেবার জার্মানির কাছে ফাইনালে হেরে যাওয়ার পর শূন্য চোখে, ভাঙা হৃদয়ে পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে গোল্ডেন বল নিতে হয়েছিল মেসিকে, যার ঠিক সামনেই রাখা ছিল অধরা সেই বিশ্বকাপ ট্রফি। নিয়ম অনুযায়ী বিজয়ী দল ছাড়া কেউ ট্রফি স্পর্শ করতে পারে না বলে মেসি সেবার শুধু অপলক চোখে তাকিয়েই ছিলেন, হাত বাড়ানোর অধিকার তাঁর ছিল না। সেই রাতের শূন্য চোখের মেসির ছবি আজও অনেকের মনে দাগ কেটে আছে, যেখানে গোল্ডেন বলটি তাঁর কাছে কেবলই একটি মূল্যহীন ধাতব বস্তু মনে হয়েছিল।   আট বছর পর লুসাইলের মঞ্চে দাঁড়িয়ে ট্রফিটির দিকে তাকানোর পর মেসির হয়তো সেই যন্ত্রণাদায়ক রাতের কথাই মনে পড়েছিল, যা তাঁর সংযমের বাঁধ ভেঙে দেয়। তাঁর আগে আর্জেন্টিনার সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার নিতে আসা একুশ বছর বয়সী এঞ্জো ফার্নান্দেজ কিংবা সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া এমিলিয়ানো মার্তিনেজ কেউই ট্রফিটি ছোঁয়ার সাহস করেননি। পুরো টুর্নামেন্টে পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ানো মার্তিনেজ কিংবা তরুণ এঞ্জো হয়তো মনে মনে জানতেন, এই ট্রফির ওপর প্রথম স্পর্শের অধিকার কেবল তাঁরই, যার এক জীবনের সাধনা জড়িয়ে আছে এর সাথে। এরপর মেসি যখন এলেন, তখন আর কোনো নিয়ম বা সংযম কাজ করেনি, তিনি ট্রফিটি নিজের করে নিলেন।   আসলে এই দুটি চুমু শুধু একটা আবেগের মুহূর্ত নয়, এর পেছনে জড়িয়ে আছে রোজারিওর মাটি, বার্সেলোনার করিডোর, চারটি বিশ্বকাপের ভাঙা স্বপ্ন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর এবং পুনরায় ফিরে আসার এক মহাকাব্যিক গল্প। ১৯৮৭ সালে রোজারিওর পারানা নদীর পাড়ে জন্ম নেওয়া এই ফুটবল জাদুকরের ১১ বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিশিয়েন্সি ধরা পড়েছিল, যার চিকিৎসার খরচ জোগাতে আর্জেন্টিনার কোনো ক্লাব রাজি হয়নি। পরবর্তীতে স্পেনের ক্লাব বার্সেলোনা একটি ন্যাপকিন পেপারে চুক্তির মাধ্যমে তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় এবং সেখানে বড় হতে হতে মেসি ফুটবল মাঠে যা ছুঁয়েছেন, তাই সোনায় পরিণত করেছেন। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ আর একের পর এক ব্যালন ডি'অর জিতলেও দেশের জার্সিতে বারবার ট্র্যাজেডির শিকার হতে হয়েছে তাঁকে।   ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপে নীল-সাদা জার্সি গায়ে দিলেই এক অদৃশ্য চাপ এসে ভর করত মেসির কাঁধে, শুনতে হতো দেশের হয়ে বড় মঞ্চে ব্যর্থতার অপবাদ। তবে ২০২২ সালের ১৮ই ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নাটক, ভয়, বিস্ময় আর স্নায়ুযুদ্ধের পেনাল্টি শুটআউট শেষে যখন শেষ বাঁশি বাজল, তখন ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেসি হাঁটু গেড়ে বসে পড়লেন, চোখ ভিজে উঠল এবং দুই হাতে তুলে ধরলেন তাঁর সারাজীবনের আরাধ্য সেই সোনালি ট্রফি। বুয়েনোস আইরেস থেকে শুরু করে ঢাকার রাস্তা—যেখানেই নীল-সাদা পতাকা উড়েছে, সেখানেই রাতটি উৎসবে পরিণত হয়েছিল, কারণ এই বিজয় ছিল প্রতিটি মানুষের স্বপ্ন ও দীর্ঘ অপেক্ষার এক পরম পূর্ণতা।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২২:৪৪
ছবি: সংগৃহীত
বিশ্বমঞ্চে উদীয়মান কক্সবাজার: সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন বিকাশে বাংলাদেশের চ্যালেঞ্জ

ছিদ্দিকুর রহমান বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকতের শহর কক্সবাজার ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নিজের অবস্থান শক্ত করছে। নীল সমুদ্র, সবুজ পাহাড়, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং তুলনামূলক সাশ্রয়ী ভ্রমণ ব্যয়ের কারণে বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়ছে বাংলাদেশের এই পর্যটন নগরীকে ঘিরে। তবে কক্সবাজারের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়লেও সামগ্রিকভাবে বাংলাদেশ এখনও বিদেশি পর্যটক আকর্ষণে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে।   পর্যটন বিশেষজ্ঞদের মতে, বিপুল প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ থাকা সত্ত্বেও নীতিগত সীমাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা, আন্তর্জাতিক প্রচারণার ঘাটতি এবং পর্যটকবান্ধব সেবার অভাব বাংলাদেশের পর্যটন খাতের বিকাশকে বাধাগ্রস্ত করছে।   কক্সবাজার কেন বিদেশিদের কাছে আকর্ষণীয় পর্যটন বিশ্লেষকদের মতে, কক্সবাজারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর ১২০ কিলোমিটার দীর্ঘ অবিচ্ছিন্ন সমুদ্রসৈকত। বিশ্বের অন্যান্য জনপ্রিয় সমুদ্রসৈকতগুলোর তুলনায় এর বিস্তৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য একে অনন্য করেছে।   কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ বর্তমানে বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। একদিকে উত্তাল বঙ্গোপসাগর, অন্যদিকে পাহাড়ি বনাঞ্চল—এই সড়ককে দক্ষিণ এশিয়ার অন্যতম মনোরম উপকূলীয় পথ হিসেবে বিবেচনা করা হচ্ছে।   এছাড়া সেন্ট মার্টিন দ্বীপ, ছেঁড়াদ্বীপ, ইনানী সৈকত, হিমছড়ি, মহেশখালী এবং টেকনাফের প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করছে।   পর্যটন সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ, আধুনিক রেল যোগাযোগ এবং আন্তর্জাতিক মানের হোটেল প্রতিষ্ঠার ফলে বিদেশি পর্যটকদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।   আন্তর্জাতিক পর্যটন বিকাশে বাংলাদেশের প্রধান বাধা ভিসা প্রক্রিয়ার জটিলতা বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশে প্রবেশের প্রথম বাধা হচ্ছে ভিসা ব্যবস্থা। অনেক দেশের নাগরিককে আগাম ভিসা সংগ্রহ করতে হয় এবং বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।   পর্যটন খাতের উদ্যোক্তারা মনে করেন, পূর্ণাঙ্গ ই-ভিসা ব্যবস্থা চালু এবং ভিসা অন অ্যারাইভালের সুযোগ সম্প্রসারণ করলে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।   আন্তর্জাতিক প্রচারণার ঘাটতি বাংলাদেশের পর্যটন সম্পদ নিয়ে বিশ্বব্যাপী কার্যকর প্রচারণা প্রায় নেই বললেই চলে। মালদ্বীপ, থাইল্যান্ড কিংবা ভারতের মতো দেশগুলো আন্তর্জাতিক পর্যটন মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও বাংলাদেশের উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত। ফলে বিশ্বের অনেক পর্যটক এখনও বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না।   ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতা আন্তর্জাতিক পর্যটকদের বড় একটি অংশ নগদ অর্থ বহনের পরিবর্তে কার্ড বা ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে অভ্যস্ত। কিন্তু দেশের অধিকাংশ পর্যটন এলাকায় আন্তর্জাতিক কার্ড গ্রহণের সুবিধা এখনও সীমিত।   হোটেল ছাড়া অনেক রেস্টুরেন্ট, পরিবহন সেবা ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক লেনদেনের সুযোগ না থাকায় বিদেশি পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়।   পেশাদার গাইড ও সেবার অভাব বাংলাদেশে আন্তর্জাতিক মানের বহুভাষিক ট্যুর গাইডের সংখ্যা এখনও অপ্রতুল। ইংরেজির পাশাপাশি ফরাসি, জাপানি, চীনা বা স্প্যানিশ ভাষায় দক্ষ গাইডের অভাব বিদেশি পর্যটকদের অভিজ্ঞতাকে সীমিত করে।   এছাড়া পর্যটনসেবার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়, মূল্য নিয়ে বিভ্রান্তি এবং অপ্রফেশনাল আচরণের অভিযোগও রয়েছে।   যাতায়াত ও ট্রাফিক সমস্যা বিদেশি পর্যটকদের একটি বড় অংশ ঢাকা হয়ে দেশের অন্যান্য অঞ্চলে ভ্রমণ করেন। রাজধানীর দীর্ঘ যানজট, বিমানবন্দরের চাপ এবং কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ যোগাযোগের সীমাবদ্ধতা তাদের জন্য নেতিবাচক অভিজ্ঞতা তৈরি করে।   বিশেষজ্ঞদের মতে, পর্যটনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।   সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ বিদেশি পর্যটক, বিশেষ করে নারী পর্যটকদের ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত কৌতূহলী দৃষ্টি, অনাকাঙ্ক্ষিত ছবি তোলা কিংবা ব্যক্তিগত গোপনীয়তার অভাবের অভিযোগ পাওয়া যায়।   পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয় জনগণের মধ্যে পর্যটন সচেতনতা বৃদ্ধি এবং পর্যটকবান্ধব আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।   নৈশকালীন বিনোদনের সীমাবদ্ধতা বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে সন্ধ্যার পরও পর্যটকদের জন্য নানা ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম থাকে। কিন্তু বাংলাদেশে এ ধরনের সুযোগ সীমিত।   ফলে দীর্ঘ সময় অবস্থানকারী আন্তর্জাতিক পর্যটকদের জন্য পর্যাপ্ত বিনোদন নিশ্চিত করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। সম্ভাবনার নতুন দিগন্ত পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে, কক্সবাজারকে কেন্দ্র করে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটনের নতুন গন্তব্য হিসেবে আবির্ভূত হওয়ার বাস্তব সম্ভাবনা রাখে। এ জন্য প্রয়োজন, সহজ ও দ্রুত ই-ভিসা ব্যবস্থা চালু করা। আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী ব্র্যান্ডিং ও প্রচারণা বৃদ্ধি। পর্যটন এলাকাগুলোতে আধুনিক ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করা। বহুভাষিক প্রশিক্ষিত ট্যুর গাইড তৈরি করা। পর্যটক নিরাপত্তা ও সেবার মান উন্নয়ন। বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলা। পরিবহন ও যোগাযোগ অবকাঠামোর আরও উন্নয়ন। বিশ্ব পর্যটন শিল্পে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড়, বনভূমি, সংস্কৃতি এবং আতিথেয়তার সমন্বয়ে বাংলাদেশ একটি ব্যতিক্রমী পর্যটন গন্তব্য হওয়ার সব উপাদান ধারণ করে। কক্সবাজার ইতোমধ্যে সেই সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।   তবে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে নয়, বরং আধুনিক নীতি, আন্তর্জাতিক মানের সেবা, সহজ ভিসা ব্যবস্থা এবং কার্যকর বৈশ্বিক প্রচারণার মাধ্যমেই বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটনের বিশ্বমঞ্চে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২২:২৯
ছবি: সংগৃহীত
মিয়ানমারে মার্কিন দূতাবাসের কর্মকর্তা খুন, থাই নারী আটক

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট)। এই মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়াঙ্গুনের স্থানীয় পুলিশ ইতিমধ্যেই এক থাইল্যান্ডের নাগরিক নারীকে আটক করে হেফাজতে নিয়েছে। ইয়াঙ্গুনে অবস্থানরত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাধিক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চিত করেছেন। থাইল্যান্ডে কর্মরত মার্কিন কর্মকর্তা এবং মিয়ানমারে অবস্থিত মার্কিন দূতাবাস এই মামলার যাবতীয় প্রশ্ন সরাসরি স্টেট ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে।   মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক ই-মেইল বার্তায় ইয়াঙ্গুন দূতাবাসে কর্মরত একজন ‘যুক্তরাষ্ট্র সরকারি কর্মকর্তা’র মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেও এর চেয়ে অতিরিক্ত কোনো বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে, নিহতের পরিবার এবং প্রিয়জনদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে তারা কোনো ধরনের বিশদ তথ্য প্রদান করতে পারছেন না। তবে মিয়ানমারের কূটনৈতিক মিশনের নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় দুই সপ্তাহ আগে ইয়াঙ্গুনের বিখ্যাত ‘সাকুরা রেসিডেন্স অ্যান্ড হোটেল’ থেকে ওই কূটনীতিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।   দীর্ঘমেয়াদী ভাড়ার জন্য সুপরিচিত এই বিলাসবহুল আবাসিক হোটেলটি আন্তর্জাতিক ব্যবসায়ী, বিদেশি পর্যটক এবং কূটনীতিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এটি মার্কিন দূতাবাস থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় পুলিশ এই ঘটনাটিকে একটি সম্ভাব্য হত্যাকাণ্ড বিবেচনা করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এরই মধ্যে এক থাই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে মিয়ানমারের জান্তা সরকার কিংবা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এই স্পর্শকাতর মামলার বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে।   মিয়ানমারের বর্তমান জান্তা সরকার গণমাধ্যমের কাছে যেকোনো ধরনের তথ্য দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখে। যে কারণে সাকুরা হোটেলটি যে থানা এলাকার অন্তর্ভুক্ত, সেই থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কোনো মন্তব্য না করে এপির প্রতিবেদকের ফোন কেটে দেন। এছাড়া সাকুরা হোটেলের ব্যবস্থাপক এবং ইয়াঙ্গুনে অবস্থিত থাইল্যান্ডের দূতাবাস বা থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ও আটক নারী সন্দেহভাজনকে কোনো ধরনের কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে টু শব্দ করতে রাজি হয়নি। ২০২১ সালে অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার জুড়ে সামরিক জান্তা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র গৃহযুদ্ধ চলছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২২:৯
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিনেসোটাতে ভয়াবহ ঝড় ও উপড়ে পড়া গাছে বিদ্যুৎহীন হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ওপর দিয়ে রাতারাতি একটি তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রঝড় বয়ে গেছে। এই আকস্মিক ঝড়ে ঘণ্টায় ৮০ মাইলেরও বেশি বেগে দমকা হাওয়া বয়ে যায়, যার ফলে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় আজ বুধবার খুব ভোরে সেন্ট পলের ক্যাথেড্রাল হিল এলাকায় ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি ছিল, যেখানে রাস্তার পাশে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ির ওপর বিশাল গাছের ডাল ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।   ঝড়ের প্রথম ধাপটি মূলত গত মঙ্গলবার গভীর রাতে ডাকোটা এবং নেব্রাস্কা অঞ্চলে তৈরি হয়েছিল। পরবর্তীতে এটি একটি শক্তিশালী ঝড়ের লাইনে রূপান্তরিত হয়ে বুধবার ভোররাত ৩টার দিকে টুইন সিটিস বা মিনিয়াপলিস ও সেন্ট পল এলাকায় আঘাত হানে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম মিনেসোটার মারিয়েটা শহরের কাছে একটি আবহাওয়া স্টেশনে রাত ১টার পরপরই সর্বোচ্চ ৮৩ মাইল বেগে ঝড়ের গতি রেকর্ড করা হয়। এছাড়া ম্যাডিসন এলাকায় ৭৮ মাইল এবং গ্লেনউডে ৭৪ মাইল বেগে তীব্র বাতাস বয়ে যায়।   উদ্বেগজনক পরিস্থিতির কারণে গ্র্যান্ট কাউন্টির হফম্যান শহরের স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া শহরের পার্কগুলোতে প্রবেশ না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে পার্কের বহু গাছ উপড়ে গেছে এবং বর্তমান পরিস্থিতি জনসাধারণের জন্য মোটেও নিরাপদ নয়। ঝড়ের প্রভাবে বুধবার ভোর ৫টা পর্যন্ত মিনেসোটার বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রায় ৭০ হাজারেরও বেশি গ্রাহক সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন বলে রিপোর্ট করেছে।   বিদ্যুৎ বিপর্যয় সামাল দিতে স্থানীয় পাওয়ার ইউটিলিটি কোম্পানি এক্সেল এনার্জি জানিয়েছে, লাইন মেরামতের জন্য তাদের প্রায় ২৭৫টি জরুরি কর্মী দল বর্তমানে মাঠে কাজ করছে এবং দুপুরের পর আরও অতিরিক্ত দল তাদের সাথে যোগ দেবে। তারা সর্বসাধারণকে মাটিতে পড়ে থাকা বা ঝুলে থাকা বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে এবং যেকোনো তারকে সচল ও বিপজ্জনক মনে করার আহ্বান জানিয়েছে। একটি কোল্ড ফ্রন্টের সাথে অঞ্চলের অত্যন্ত উত্তপ্ত ও আর্দ্র বাতাসের সংঘর্ষের ফলেই মূলত এই তীব্র বজ্রঝড়ের সৃষ্টি হয়েছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২১:৫৪
ছবি: সংগৃহীত
নিউ জার্সিতে বিশ্বকাপ ফুটবলের ট্রেন চলাচল নিয়ে যাত্রীদের চরম উদ্বেগ ও ক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ ও সংশয় দেখা দিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ততম সময়ে ট্রেনের শিডিউল বিপর্যয় ও একের পর এক ট্রেইল বাতিল হওয়ার ঘটনা এই উদ্বেগের জন্ম দিয়েছে। এর ফলে কয়েক দিনের মধ্যে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা হাজার হাজার ফুটবল ভক্তের চাপ এই ভঙ্গুর পরিবহন ব্যবস্থা কীভাবে সামাল দেবে, তা নিয়ে সাধারণ যাত্রী ও প্রবাসীদের মনে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে।   আঞ্চলিক ট্রেন সেবাদানকারী প্রতিষ্ঠান এনজে ট্রানজিটের নিয়মিত যাত্রীরা এই অব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে রেললাইনের ওপরের বৈদ্যুতিক তারের জটিলতার কারণে গত মঙ্গলবার বিকেলে যাত্রীদের প্রায় ৪৫ মিনিট পর্যন্ত স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে বলে মার্কিন রেল কর্তৃপক্ষ অ্যামট্র্যাক নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে নিউ জার্সি এবং নিউ ইয়র্ক অঞ্চলের রেল যোগাযোগে ঘটে যাওয়া একের পর এক বড় ধরনের যান্ত্রিক ও কাঠামোগত সমস্যার এটি সর্বশেষ উদাহরণ, যা বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক আসরের প্রাক্কালে স্থানীয় প্রশাসনকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।   রেলওয়ের এই ধারাবাহিক বিপর্যয় কেবল সাম্প্রতিক কোনো ঘটনা নয়, বরং মাত্র দুই সপ্তাহ আগেই পেন স্টেশনের ভেতরে একটি অ্যামট্র্যাক ওয়ার্ক ট্রেনের ইঞ্জিন বা বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই অগ্নিকাণ্ডের জের ধরে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মধ্যকার পুরো রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ থমকে গিয়েছিল এবং ঘণ্টার পর ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এমন তিক্ত অভিজ্ঞতার কারণে স্থানীয় বাসিন্দা মরিন হ্যাগানের মতো সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, বিশ্বকাপের সময় এই যাতায়াত ব্যবস্থা সাধারণ মানুষের জন্য একটি দুঃস্বপ্ন হতে চলেছে এবং যারা খেলা দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য তিনি এখনই বেশ সমবেদনা বোধ করছেন।   পরিবহন ব্যবস্থার এই চরম অনিশ্চয়তার কারণে অনেক অভিজ্ঞ নিত্যযাত্রী ফুটবল দর্শকদের ট্রেনের ওপর ভরসা না করার পরামর্শ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে অনেকেই বলছেন যে, যারা ট্রেনকে বিশ্বকাপের একমাত্র যাতায়াত মাধ্যম হিসেবে ধরে রেখেছেন, তাদের বিকল্প ভাবা উচিত। খেলা মিস করতে না চাইলে দর্শকদের ট্রেন বাদ দিয়ে নিজস্ব গাড়ি ড্রাইভ করে, বাসে চড়ে কিংবা প্রয়োজনে সাইকেল চালিয়ে হলেও স্টেডিয়ামে যাওয়ার প্রস্তুতি রাখা দরকার। কারণ মেটলাইফ স্টেডিয়ামের ম্যাচগুলোর দিন ট্রেন সময়মতো প্ল্যাটফর্মে আসবে কিংবা বগিতে জায়গা পাওয়া যাবে, এমন কোনো নিশ্চয়তা এই মুহূর্তে এনজে ট্রানজিট দিতে পারছে না।   উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এনজে ট্রানজিট কর্তৃপক্ষ ম্যাচ টিকিটধারীদের জন্য বিশেষ ট্রেন টিকিটের ব্যবস্থা করেছে, যার অধীনে নিউ ইয়র্ক সিটি থেকে স্টেডিয়াম পর্যন্ত যাওয়া-আসার একটি রাউন্ড-ট্রিপ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৮ ডলার। প্রতি ম্যাচের জন্য এমন ৪০ হাজার বিশেষ টিকিট এনজে ট্রানজিট অ্যাপের মাধ্যমে শুধুমাত্র ভেরিফাইড ফুটবল টিকিটধারীদের কাছে বিক্রি করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে পেন স্টেশনের মাধ্যমে সরাসরি মেটলাইফ এবং গার্ডেন স্টেট থেকে আসা যাত্রীরা সিকাকাস জংশনে সংযুক্ত হয়ে ম্যাডোল্যান্ডস লাইনের মাধ্যমে সরাসরি মূল ভেন্যুতে পৌঁছাতে পারবেন। পাশাপাশি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে একটি ডিজিটাল কনসিয়ার্জ প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে, যা দর্শকদের রিয়েল-টাইম তথ্য ও আঞ্চলিক নানা কার্যক্রমের খোঁজ দেবে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২১:২৭
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ৪.২ শতাংশ, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সৃষ্ট ধাক্কায় যুক্তরাষ্ট্রে মে মাসে মূল্যস্ফীতির গতি আরও ত্বরান্বিত হয়েছে। দেশটির ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বার্ষিক ৪.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৩.৮ শতাংশ। এর মাধ্যমে মার্কিন মুলুকে মূল্যস্ফীতি ২০২৩ সালের এপ্রিলের পর গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছাল।   আর্থিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্যাক্টসেটের জরিপে অর্থনীতিবিদরা মে মাসে মূল্যস্ফীতি বার্ষিক ৪.২ শতাংশে পৌঁছানোর যে পূর্বাভাস দিয়েছিলেন, তা এই প্রতিবেদনের মাধ্যমে মিলে গেল। মূলত জ্বালানির দাম বৃদ্ধিই মূল্যস্ফীতিকে এই পর্যায়ে নিয়ে গেছে। মে মাসের সিপিআই বৃদ্ধির ৬০ শতাংশেরও বেশি অবদান ছিল এই জ্বালানি খাতের।   চলতি বছরের জানুয়ারিতে বার্ষিক মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ থাকলেও ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে তা এখন তিন বছরের মধ্যে সর্বোচ্চ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী সরবরাহ চেইন ব্যাহত হয়েছে। এর ফলে মার্কিন বাজারে পেট্রল থেকে শুরু করে বিমান ভাড়া পর্যন্ত সবকিছুর দাম আকাশচুম্বী হয়েছে।   শ্রম বিভাগের মে মাসের প্রতিবেদনে জানানো হয়েছে, আগের বছরের তুলনায় পেট্রলের দাম ৪০.৫ শতাংশ বেড়েছে। তবে জুন মাসে এসে জ্বালানির দাম কিছুটা কমেছে, যা মে মাসের এই উপাত্তে অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া খাদ্য ও জ্বালানির মতো উদ্বায়ী খাত বাদে মূল বা ‘কোর’ মূল্যস্ফীতি মে মাসে বার্ষিক ২.৯ শতাংশ হারে বেড়েছে, যা এপ্রিলে ছিল ২.৮ শতাংশ।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২১:১৭
ব্যবসা করার সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সবাইকে ব্যবসার সমান সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সবার জন্য সমানভাবে ব্যবসা করার সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি পরিবেশ গড়ে তোলা হচ্ছে, যেখানে সবাই সহজে ব্যবসা করতে পারবেন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।   বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।   কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের পর দেশের অর্থনীতি দুর্নীতি ও অর্থপাচারের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি।   তিনি বলেন, আসন্ন বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের সুবিধা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবসায়ী, শিল্পপতি ও উদ্যোক্তা—সবাই যেন স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই বাজেট সাজানো হচ্ছে।   প্রধানমন্ত্রী আরও জানান, দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।   তিনি বলেন, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে অনলাইনের মাধ্যমে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। রপ্তানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯ প্রণয়নের কাজ চলছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাজারে প্রবেশ করতে পারেন।   এ ছাড়া রপ্তানিমুখী আমদানিতে অশুল্ক বাধা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ডেড ও নন-বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে ফ্রি অব কস্ট (এফওসি) ভিত্তিতে আমদানির সুযোগ সম্প্রসারণের কাজ চলছে।   আমদানি প্রক্রিয়া সহজ করতে মূল্য পরিশোধ পদ্ধতিও সহজ করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি সব আমদানিকারকের জন্য নির্দিষ্ট সীমা ছাড়াই চুক্তির মাধ্যমে এলসি ছাড়াই আমদানির সুযোগ রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।   বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুযায়ী বাণিজ্য প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত করতে ট্রেড ফ্যাসিলিটেশন ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।   বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২০:১৭
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতায় কঠোর অবস্থান পশ্চিমাদের, নতুন নিষেধাজ্ঞা আরোপ
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতায় কঠোর অবস্থান পশ্চিমাদের, নতুন নিষেধাজ্ঞা আরোপ

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে একাধিক পশ্চিমা দেশ। এ সহিংসতায় অর্থায়ন, সহায়তা এবং সরাসরি হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর একযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নরওয়ে।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ জুন) ঘোষিত এই পদক্ষেপের আগে গত সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও একই ধরনের নিষেধাজ্ঞা দেয়। ফলে মোট ছয়টি দেশ এখন পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডে জড়িত নেটওয়ার্ক, অর্থায়নকারী এবং হামলাকারীদের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নিয়েছে।   চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর চরম সহিংসতার জন্য দায়ী কট্টর বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনা এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তারা একই সঙ্গে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান, যেন এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।   ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানান, তার দেশ ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচসহ কয়েকজন বসতি নেতা এবং মোট ২১ জন বসতি স্থাপনকারীকে ফ্রান্সে প্রবেশে নিষিদ্ধ করেছে।   যুক্তরাজ্য মূলত অর্থপ্রবাহ বন্ধে জোর দিয়ে একটি নির্মাণ কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যাদের সম্পদ ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংসে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। কানাডাও একটি নির্মাণ প্রতিষ্ঠান ও তার মালিকদের ওপর অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করেছে।   কূটনীতিকদের মতে, পশ্চিম তীরে চলমান এই সহিংসতা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ওই এলাকায় লাখ লাখ ইসরায়েলি বসতি গড়ে উঠেছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত।   অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এসব পদক্ষেপ ইহুদিবিদ্বেষ মোকাবেলায় ব্যর্থতার প্রতিফলন এবং এটি আরও উত্তেজনা সৃষ্টি করবে। একই সঙ্গে ইসরায়েলি পক্ষ বলছে, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে রাজনৈতিকভাবে বসতি স্থাপনের বিষয়টিকে চাপের মুখে ফেলা হচ্ছে।   পশ্চিম তীরের ইহুদি বসতি পরিষদের প্রধান ইসরায়েল গান্জ আরও এক ধাপ এগিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিলুপ্ত করার দাবি জানিয়েছেন এবং পুরো পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।   বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলমান, তবে নতুন এই বহুপাক্ষিক নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও কূটনৈতিক চাপের মুখে ফেলেছে। যৌথ বিবৃতিতে দেশগুলো সতর্ক করে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ২০:০
হেরাতে হিজাব বিতর্কে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের অভিযোগ
হেরাতে হিজাব বিতর্কে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের অভিযোগ

আফগানিস্তানের হেরাত প্রদেশে ‘শালীনভাবে’ হিজাব না পরার অভিযোগে নারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিরল এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।   ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।   প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আফগান নিরাপত্তা বাহিনী লাঠি, চাবুক এবং গুলি ব্যবহার করে। কিছু ক্ষেত্রে তাজা গুলি ছোড়ার ঘটনাও ঘটে। বিক্ষোভে শুধু নারীরাই নয়, অনেক পুরুষও অংশ নেন।   আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে এক বিক্ষোভকারী জানান, পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠি, চাবুক ও অস্ত্র ব্যবহার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আকাশের দিকে গুলিও ছোড়ে।   এএফপির এক ফটোগ্রাফার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশকে বিক্ষোভকারীদের মারধর করতে এবং গুলি ছুড়তে দেখা গেছে। তার ভাষ্য অনুযায়ী, বহু মানুষ আহত হয়েছেন।   এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, কিছু নারী মারধর বন্ধের জন্য চিৎকার করছেন। একই সময় আশপাশ থেকে গুলির শব্দও শোনা যায় বলে দাবি করা হয়েছে।   তবে হেরাত পুলিশের পক্ষ থেকে বিক্ষোভে কেউ নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। হেরাত পুলিশ কমান্ডের মুখপাত্র সৈয়দ মাসুদ হোসেনি বলেন, বিক্ষোভকারীদের কারণে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়।   উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে নারীদের পোশাক, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এসব নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।   বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক এই ঘটনা দেশটিতে নারীর অধিকার ও জনসমাবেশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৮:২৭
জাল লাইসেন্সে ১৭ বছর ধরে শত শত ফ্লাইট, কানাডায় সাবেক পাইলট গ্রেপ্তার
জাল লাইসেন্সে ১৭ বছর ধরে শত শত ফ্লাইট, কানাডায় সাবেক পাইলট গ্রেপ্তার

প্রয়োজনীয় ও উচ্চতর লাইসেন্স ছাড়াই প্রায় ১৭ বছর ধরে শত শত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অভিযোগে কানাডায় এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ।   দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে জালিয়াতিসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ওন্টারিও প্রদেশের পিল অঞ্চলের পুলিশ। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।   পুলিশ জানায়, ৫৯ বছর বয়সী জিওফ্রে ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে এয়ার কানাডার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনকালে জাল পাইলট লাইসেন্স ব্যবহার করে ৯০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করেন। এই সময় তিনি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চালান বলে তদন্তে উঠে এসেছে।   তদন্তে আরও বলা হয়, ওয়ালের একটি বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স থাকলেও বড় যাত্রীবাহী বিমান চালানোর জন্য প্রয়োজনীয় এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স তার ছিল না। তবুও তিনি এয়ার কানাডা কর্তৃপক্ষ এবং দেশের বেসামরিক বিমান চলাচল সংস্থাকে দীর্ঘদিন বিষয়টি সম্পর্কে অন্ধকারে রেখেছিলেন।   পিল আঞ্চলিক পুলিশের প্রধান নিশান দুরাইআপ্পা এক বিবৃতিতে ঘটনাটিকে “গভীর উদ্বেগজনক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রতারণা জননিরাপত্তা ও যাত্রীদের আস্থার ওপর সরাসরি আঘাত হেনেছে, কারণ অভিযুক্ত ব্যক্তি বহু বছর ধরে শত শত ফ্লাইটে বিপুল সংখ্যক যাত্রী পরিবহন করেছেন।   অন্যদিকে এয়ার কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। তবে তাদের দাবি, যাত্রী নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। সংস্থাটি জানায়, প্রতিটি পাইলটকে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, এবং অভিযুক্ত পাইলটও এসব পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন।   ঘটনা প্রকাশ পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিষয়টি কানাডার পরিবহন কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট কানাডাকে জানানো হয়। পরবর্তীতে সংস্থাটি তাদের সব পাইলটের লাইসেন্স যাচাই করলেও নতুন কোনো অনিয়ম পাওয়া যায়নি।   এদিকে বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা ঘটনাটিকে বিরল ও ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের প্রধান হাসান শাহিদি বলেন, এখানে মূল সমস্যা অদক্ষতা নয়, বরং দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রক ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ঘটনা। তার মতে, এটি লাইসেন্স যাচাই ও তদারকি ব্যবস্থার দুর্বলতাকেও সামনে এনেছে।   তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ, এবং আদালতে মামলার অগ্রগতির ওপর এখন সবার নজর রয়েছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৭:৫৯
ইন্দোনেশিয়ায় চার সেনা কর্মকর্তার কারাদণ্ড
মানবাধিকারকর্মীর ওপর অ্যাসিড হামলা: ইন্দোনেশিয়ায় চার সেনা কর্মকর্তার কারাদণ্ড

ইন্দোনেশিয়ায় মানবাধিকারকর্মীর ওপর নৃশংস অ্যাসিড হামলার ঘটনায় চার সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন একটি সামরিক আদালত। বুধবার প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   রায়ে বিচারক জানান, দোষী সাব্যস্ত চার কর্মকর্তাকে যথাক্রমে তিন বছর, আড়াই বছর, দুই বছর ও দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা দেশটির সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স এজেন্সির সদস্য।   মামলার তথ্য অনুযায়ী, কমিশন ফর মিসিং পারসন্স অ্যান্ড ভিকটিমস অব ভায়োলেন্সের (কন্ট্রাস) উপ-সমন্বয়ক আন্দ্রি ইউনুসের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানোর দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। গত এপ্রিলে রাজধানী জাকার্তায় এই মামলার বিচার শুরু হয়।   এর আগে গত মার্চে জাকার্তার সড়কে মোটরসাইকেল চালানোর সময় আন্দ্রি ইউনুসের ওপর হামলা হয়। আরেকটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার দিকে অ্যাসিড ছুড়ে মারলে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান। পাশাপাশি তার মুখ ও শরীরের ২০ শতাংশের বেশি অংশ পুড়ে যায়।   ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। সমালোচনার মুখে সামরিক গোয়েন্দা সংস্থাটির প্রধান পদত্যাগ করেন, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি।   এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ঘটনাটিকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে জাতিসংঘের বিশেষ দূত মেরি ললার এটিকে ‘ভয়াবহ’ আখ্যা দেন।   উল্লেখ্য, আন্দ্রি ইউনুস ইন্দোনেশিয়ায় বেসামরিক প্রশাসনে সামরিক বাহিনীর ভূমিকা বাড়ানোর বিরোধিতা করে আসছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, দেশটিতে এ ধরনের হামলার ঘটনায় শাস্তির নজির খুবই কম। এ কারণে তিনি শুরু থেকেই সামরিক আদালতের পরিবর্তে বেসামরিক আদালতে বিচার চেয়েছিলেন এবং আদালতের ওপর অনাস্থা জানিয়ে কোনো শুনানিতে উপস্থিত হননি।   বিশ্লেষকদের মতে, এই রায় ইন্দোনেশিয়ায় মানবাধিকার পরিস্থিতি এবং সামরিক বাহিনীর জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করবে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৭:২৩
বৃক্ষরোপণে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান ডা. জুবাইদা রহমানের
বৃক্ষরোপণে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা করে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী এবং কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, গাছ লাগানো শুধু পরিবেশ সুরক্ষাই নিশ্চিত করে না, বরং মানুষের জন্য ছায়া, সৌন্দর্য এবং টেকসই ভবিষ্যৎ তৈরির পথও উন্মুক্ত করে।   বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।   ডা. জুবাইদা রহমান বলেন, দেশের বিভিন্ন সংকটের বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের গ্রাম ও শহরগুলো আরও সবুজ, নির্মল ও নান্দনিক হয়ে উঠবে।   বৃক্ষরোপণকে কেবল আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না দেখে তা জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের একটি ‘সবুজ বিপ্লব’-এ রূপ দেওয়ার ওপর জোর দেন তিনি। এ লক্ষ্য অর্জনে গ্রিন ভলান্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, জলবায়ু বিষয়ক তরুণ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক উদ্যোগে তহবিল গঠনের প্রস্তাবও দেন।   শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে স্কুলের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবার বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করেন।   তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের নানা সমস্যার কার্যকর সমাধান সম্ভব। নতুন উদ্ভাবন মানুষের কষ্ট লাঘব করবে এবং উন্নত বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।   জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং বার্ষিকী উপলক্ষে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জেডআরএফের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন ও কৃষিবিদ বয়জার রহমান।   অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফে ছানী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৬:৫১
ইউরোপে জেট জ্বালানি সরবরাহ বাড়িয়েছে সৌদি আরব
ইউরোপে জেট জ্বালানি সরবরাহ বাড়িয়েছে সৌদি আরব, বিকল্প রুটে রপ্তানি জোরদার

হরমুজ প্রণালি অচল হয়ে পড়ায় বিকল্প রুট ব্যবহার করে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সৌদি আরব। লোহিত সাগর ঘেঁষা ইয়ানবু বন্দর ব্যবহার করে চলতি জুনেই দেশটি ইউরোপের বাজারে আগের চেয়েও বেশি জেট ফুয়েল পাঠাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।   রয়টার্সের প্রতিবেদনে আন্তর্জাতিক শিপিং ট্র্যাকার কেপলার ও ভরটেক্সার তথ্য তুলে ধরা হয়েছে। কেপলারের হিসাবে, জুনের প্রথম সপ্তাহে ইয়ানবু বন্দর থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে দৈনিক প্রায় ১ লাখ ১৮ হাজার ব্যারেল জেট জ্বালানি পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের আগস্টের পর সর্বোচ্চ। অন্যদিকে ভরটেক্সার হিসেবে এই সরবরাহ দৈনিক প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যারেল পর্যন্ত পৌঁছেছে।   এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই রুট দিয়ে সৌদির দৈনিক রপ্তানি ছিল প্রায় ৭৭ হাজার ব্যারেল। তবে সাম্প্রতিক এই সরবরাহ বৃদ্ধির বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।   বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়েছে। এর ফলে সৌদি আরব দ্রুত বিকল্প রুট হিসেবে লোহিত সাগরের ইয়ানবু বন্দরকে ব্যবহার করে ইউরোপমুখী জ্বালানি সরবরাহ বজায় রাখার চেষ্টা করছে।   পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই ইউরোপে সবচেয়ে বেশি জেট জ্বালানি যেত এবং তখন হরমুজ প্রণালি দিয়ে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল জ্বালানি পরিবহন করা হতো। একই সময়ে ভারত, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি মিলিয়ে ইউরোপের মোট চাহিদা ছিল গড়ে দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল।   বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে ইউরোপে জ্বালানি সরবরাহ বেড়েছে। গত মে মাসে এই দুই দেশ থেকে সম্মিলিত সরবরাহ দৈনিক প্রায় ২ লাখ ব্যারেলে পৌঁছায়।   এর আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে বলেছিল, হরমুজ সংকট দীর্ঘায়িত হলে জুন মাসেই ইউরোপে উড়োজাহাজের জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে। তবে ইউরোপের কয়েকটি বড় এয়ারলাইনস এই আশঙ্কাকে তেমন গুরুত্ব দিচ্ছে না। তাদের দাবি, বিকল্প সরবরাহ ব্যবস্থার কারণে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকবে।   বিশ্লেষকদের মতে, সৌদি আরব যদি দীর্ঘমেয়াদে এই বিকল্প রুটে সরবরাহ ধরে রাখতে পারে, তাহলে হরমুজ প্রণালি বন্ধের প্রভাব অনেকটাই সামাল দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৬:৩৪
ছবি: সংগৃহীত
চীন–উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ

চীন ও উত্তর কোরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও দীর্ঘমেয়াদি কাঠামোয় এগিয়ে নিতে ‘সুদূরপ্রসারী পরিকল্পনা’ গ্রহণ করেছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। বুধবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।   প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফর করেন। এই সফরের সময় দুই দেশ ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়ে সম্মত হয়।   শি জিনপিংয়ের এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন উত্তর কোরিয়া ও রাশিয়ার ঘনিষ্ঠতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।   কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়নে সন্তোষ প্রকাশ করেছেন।   সংস্থাটির ভাষ্য অনুযায়ী, দুই দিনের এই সফরে চীন ও উত্তর কোরিয়া তাদের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পাশাপাশি দুই দেশ তাদের সম্পর্ককে কৌশলগতভাবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়।   সফর শেষে কিম জং উনকে পাঠানো এক চিঠিতে শি জিনপিং বলেন, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছেন এবং গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে অভিন্ন সমঝোতায় পৌঁছেছেন।   চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, এই বৈঠক দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করা, যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় পক্ষের অঙ্গীকারকে প্রতিফলিত করে।   সূত্র: বিএসএস

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৫:১৫
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, বিনামূল্যে খেলা দেখার সুযোগ নিউইয়র্কবাসীর

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ ঘিরে বড় ধরনের গণ-প্রদর্শনীর আয়োজন ঘোষণা করেছে নিউইয়র্ক সিটি ও নিউইয়র্ক অঙ্গরাজ্য প্রশাসন। আগামী ১৯ জুলাই ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের গ্রেট লনে অনুষ্ঠিত হবে এই আয়োজন, যেখানে প্রায় ৫০ হাজার দর্শক একসঙ্গে বিনামূল্যে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন।   নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি, নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, নিউইয়র্ক-নিউ জার্সি আয়োজক কমিটি, গ্লোবাল সিটিজেন এবং সেন্ট্রাল পার্ক কনজারভেন্সির যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।   আয়োজকদের তথ্য অনুযায়ী, সেন্ট্রাল পার্কের উন্মুক্ত প্রান্তরে তিনটি বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হবে, যেখানে হাজারো ফুটবলপ্রেমী একসঙ্গে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে পারবেন। এই প্রদর্শনীকে বিশ্বের অন্যতম বৃহৎ বিনামূল্যের বিশ্বকাপ ফাইনাল ভিউয়িং ইভেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।   অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো টিকিট ফি থাকবে না। তবে দর্শকদের জন্য লটারিভিত্তিক নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে। আগামী ১১ জুন সকাল ১০টা থেকে নিবন্ধন শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে। মোট টিকিটের ২০ শতাংশ স্থানীয় অলাভজনক সংস্থা এবং নিউইয়র্ক সিটি সার্ভিসের স্বেচ্ছাসেবকদের জন্য সংরক্ষিত থাকবে।   অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ১২টায় খুলে দেওয়া হবে এবং বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। খেলা ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় খাবারের স্টল এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বের উপস্থিতি থাকবে।   এছাড়া ‘ফিফা অ্যারেনা’ নামে একটি অস্থায়ী ক্ষুদ্র ফুটবল মাঠও চালু করা হয়েছে, যা ১০ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ, কমিউনিটি টুর্নামেন্ট এবং সব বয়সী মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে।   মেয়র মামদানি বলেন, বিশ্বকাপ শুধু উচ্চমূল্যের টিকিটধারীদের জন্য নয়, বরং পুরো শহরের মানুষের জন্য একটি উৎসব। তার ভাষায়, কর্মজীবী ও মধ্যবিত্ত নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।   গভর্নর হোকুল বলেন, বিশ্বকাপের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখা সবার জন্য সম্ভব নয়। তবে সেন্ট্রাল পার্কের এই আয়োজনের মাধ্যমে লাখো মানুষ একসঙ্গে ফুটবল উন্মাদনা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। প্রকল্প বাস্তবায়নে নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার ৬ মিলিয়ন ডলার এবং নিউইয়র্ক সিটি সরকার ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় করছে।   বিশ্বকাপ ২০২৬ ঘিরে নিউইয়র্ক ইতোমধ্যেই বৈশ্বিক নজর কাড়ছে। সেন্ট্রাল পার্কের এই আয়োজনকে শুধু ম্যাচ প্রদর্শনী নয়, বরং বৈচিত্র্য, সম্প্রীতি ও নগর সংস্কৃতির এক বৃহৎ জনউৎসব হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ : জুন ৯, ২০২৬ ১৫:৫
ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালির চিত্র । ছবি: রয়টার্স
হরমুজ সংকটের মধ্যেও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ

হরমুজ প্রণালি ঘিরে চলমান অস্থিরতার মধ্যেও ইউরোপে জেট ফুয়েল রপ্তানি বাড়িয়েছে সৌদি আরব। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার এবং ভরটেক্সার তথ্য অনুযায়ী, চলতি মাসে ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ হরমুজ প্রণালি খোলা থাকার সময়ের তুলনায়ও বেশি হয়েছে।   কেপলারের তথ্য বলছে, জুনের প্রথম সপ্তাহে সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু বন্দর থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে প্রতিদিন গড়ে ১ লাখ ১৮ হাজার ব্যারেল জেট ফুয়েল রপ্তানি হয়েছে। এটি ২০২৫ সালের আগস্টের পর সর্বোচ্চ রপ্তানি প্রবাহ।   অন্যদিকে ভরটেক্সারের হিসাব অনুযায়ী এই সময়কালে রপ্তানির পরিমাণ আরও বেশি, দৈনিক প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যারেল পর্যন্ত পৌঁছেছে।   কেপলারের পরিসংখ্যানে আরও বলা হয়, চলতি বছরের শুরুতে সৌদি আরবের সর্বোচ্চ মাসিক সরবরাহ ছিল জানুয়ারিতে, তখন দৈনিক গড় রপ্তানি ছিল ৭৭ হাজার ব্যারেল।   সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো ইউরোপে জেট ফুয়েল রপ্তানি বৃদ্ধির বিষয়ে কোনো মন্তব্য করেনি।   তথ্য অনুযায়ী, ২০২৫ সালে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৩ লাখ ব্যারেল জেট ফুয়েল সরবরাহ হতো, যা ইউরোপের প্রধান জোগানদাতাদের মধ্যে মধ্যপ্রাচ্যকে শীর্ষে রেখেছিল। ওই সময়ে ভারত, নাইজেরিয়া এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ইউরোপে মোট আমদানি ছিল প্রতিদিন গড়ে সাড়ে ৫ লাখ ব্যারেল।   বর্তমান পরিস্থিতিতে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে বিকল্প রুট হিসেবে লোহিত সাগরের ইয়ানবু বন্দর ব্যবহার বাড়িয়েছে সৌদি আরব। এতে ইউরোপে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা মিলছে বলে বাজার পর্যবেক্ষকদের ধারণা।   এদিকে ইউরোপ যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকেও জেট ফুয়েল আমদানি বাড়িয়েছে। মে মাসে এই দুই দেশ থেকে ইউরোপে দৈনিক গড়ে প্রায় ২ লাখ ব্যারেল জেট ফুয়েল সরবরাহ করা হয়েছে।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১:১৯
এক লটারিতে ভাগ্য বদলে গেল তায়েব খানের । ছবি: সংগৃহীত
আমিরাতে লটারিতে ১০০ কোটি টাকা জিতলেন নিরাপত্তাকর্মী, ভাগ দিবেন পাঁচ বন্ধুকেও

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত এক নেপালি নিরাপত্তা কর্মী লটারিতে প্রায় ৩০ মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০ কোটি ৩৮ লাখ টাকা, জিতেছেন। ২৬ বছর বয়সী ওই ব্যক্তি তোয়াব খান নামে পরিচিত। দীর্ঘদিন নিরাপত্তাকর্মীর কাজ করার পর হঠাৎ এই জ্যাকপট জয়ে তার জীবন সম্পূর্ণ বদলে গেছে।   আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, তোয়াব খান ‘দ্য ইউএই লটারি’র “লাকি ডে” ড্রতে এই বিপুল অঙ্কের পুরস্কার জেতেন। তিনি জানিয়েছেন, তিনি সরাসরি ড্র দেখেননি; পরে ই-মেইলের মাধ্যমে ফলাফল জানতে পারেন।   তোয়াব খান বলেন, এর আগেও ছোটখাটো পুরস্কারের নোটিফিকেশন পেয়েছিলেন, তাই প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। তবে ই-মেইল খুলে ৩০ মিলিয়ন দিরহামের কথা দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন। তার ভাষায়, “হাত-পা কাঁপছিল, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি।”   তিনি জানান, এই পুরস্কারের পুরো অর্থ একাই পাচ্ছেন না। পাঁচজন বন্ধু মিলে নিয়মিত টাকা জমিয়ে যৌথভাবে লটারির টিকিট কিনতেন। সেই নিয়ম অনুযায়ী, পুরস্কারের অর্থ সমানভাবে পাঁচ ভাগে ভাগ হবে। ফলে প্রত্যেকে পাবেন প্রায় ৬ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৮ লাখ টাকা।   বন্ধুদের সঙ্গে যৌথভাবে টিকিট কেনার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তারা নিয়মিতভাবে টাকা জমাতেন এবং প্রতি সপ্তাহে পালাক্রমে লটারির নম্বর বাছাই করা হতো।   তোয়াব খান জানান, লটারিতে জেতার পর প্রথমে তিনি তার চাচার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমার চাচার কারণেই আমি এই দেশে কাজ করতে এসেছিলাম। যখন তাকে জয়ের খবর জানালাম, তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।”   লটারি জয়ের পর তিনি নিরাপত্তাকর্মীর চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিকল্পনায় রয়েছে ব্যবসা ও বিনিয়োগে যুক্ত হওয়া, পাশাপাশি পরিবারের জন্য একটি নতুন বাড়ি তৈরি করা।   তিনি আরও বলেন, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিবারের জন্য একটি সুন্দর বাসস্থান তৈরি করা। এখন সেই লক্ষ্য পূরণের সুযোগ এসেছে।   অর্থের একটি অংশ দিয়ে তিনি ব্যক্তিগত ঋণ পরিশোধ, পরিবারকে সহায়তা এবং ভবিষ্যৎ বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। পাশাপাশি দেশে ফিরে ছোট একটি ব্যবসা শুরু করার কথাও ভাবছেন।   এই বিরল লটারি জয়ের ঘটনা প্রবাসী শ্রমিকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকে এটিকে ভাগ্য পরিবর্তনের একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে দেখছেন।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১:১৫
ফাইল ছবি
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় থাকতে পারবে না ইরান, ম্যাচের আগের দিন প্রবেশের অনুমতি

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান জাতীয় দলকে যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। নির্দেশনা অনুযায়ী, ইরান দলকে এখন থেকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় অবস্থানের অনুমতি দেওয়া হবে না; বরং প্রতিটি ম্যাচের আগের দিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।   ইরান দল বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছে। দলটি মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন ক্যাম্প পরিচালনা করছে বলে জানা গেছে। তাদের বিশ্বকাপের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।   ডিএইচএস-এর এক মুখপাত্র স্থানীয় সময় মঙ্গলবার জানান, ইরান দলের ক্ষেত্রে ম্যাচের দিনই প্রবেশ ও একই দিনে প্রস্থান করতে হবে—এমন দাবি সঠিক নয়। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী দলটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।   এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইরান দলকে শুধু ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে ঢুকতে এবং একই দিনে দেশ ত্যাগ করতে হবে। এই তথ্যের কারণে দলটির লজিস্টিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠে। তবে মার্কিন কর্তৃপক্ষ ওই দাবি নাকচ করে দিয়েছে।   অন্যদিকে ইরানের মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত আবোলফজল পাসানদিদেহ জানান, দলের কিছু সদস্যের ভিসা দেওয়া হয়নি। তিনি বলেন, টিম ম্যানেজার, দুইজন বিশ্লেষক, মিডিয়া পরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ভিসা পাননি। তবে যেসব ভিসা দেওয়া হয়েছে, সেখানে অবস্থানের সময়সীমা নির্দিষ্টভাবে উল্লেখ নেই বলে তিনি দাবি করেন।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ফুটবল দলের সব খেলোয়াড়কে গত শুক্রবার যুক্তরাষ্ট্র ভিসা দিয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ স্টাফ সদস্য এখনো ভিসা পাননি বলে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে।   ইরান বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। তৃতীয় ম্যাচটি ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে অনুষ্ঠিত হবে।   প্রাথমিকভাবে দলের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত ছিল। তবে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনার পর সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে স্বাগত। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে ইরান দলের অবস্থান তাদের নিরাপত্তার জন্য উপযুক্ত নয়।

প্রকাশ : জুন ১০, ২০২৬ ১:১০