সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
তরুণদের ক্ষোভের মুখে মেয়র জোহরান মামদানি
“ভাড়া অসম্ভব বেশি”: ব্রঙ্কসের গণশুনানিতে তরুণদের ক্ষোভের মুখে মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির তীব্র আবাসন সংকট এবং লাগামহীন ভাড়া বৃদ্ধির কারণে ব্রঙ্কসের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা কীভাবে নিজেদের চেনা শহর থেকে ছিটকে পড়ছে, সেই বাস্তবতা সরাসরি শুনেছেন সিটির নতুন মেয়র জোহরান মামদানি।   গত বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ব্রঙ্কসের হোসটোস কমিউনিটি কলেজের রেপার্টরি থিয়েটারে আয়োজিত এক বিশেষ গণশুনানিতে কয়েক শ শিক্ষার্থী, ভাড়াটে, অ্যাক্টিভিস্ট এবং স্থানীয় বাসিন্দা মেয়রের মুখোমুখি হন।   অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অর্থনৈতিক ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘মোর পারফেক্ট ইউনিয়ন’-এর উচ্চশিক্ষা শাখা ‘মোর পারফেক্ট ইউনিভার্সিটি’ এবং মেয়রের কার্যালয়ের যৌথ উদ্যোগে। আয়োজিত এই “স্টুডেন্টস রেন্টাল রিপঅফ হিয়ারিং”-এ অংশগ্রহণকারীরা সরাসরি আবাসন সংকট, উচ্ছেদ, নিরাপত্তাহীনতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির অভিজ্ঞতা তুলে ধরেন।   অনুষ্ঠানের শুরু থেকেই মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত অনেক শিক্ষার্থীর মাথায় ছিল মেয়রের সিগনেচার রঙ হলুদ ও লালে লেখা স্লোগান “দি রেন্ট ইজ টু ড্যাম হাই”। শুনানিতে একের পর এক শিক্ষার্থী ও তরুণ ভাড়াটে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।   সাউথ ব্রঙ্কসে জন্ম নেওয়া এক কলেজ সিনিয়ার ও ভাড়াটে সংগঠক জানান, ভাড়া বৃদ্ধির কারণে তার পরিবার চেনা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ‘সিইউএনডব্লিউ কেয়ার্স’-এর লিড অ্যাডভোকেট ব্রিটানি লাঞ্জানো জানান, ব্রঙ্কসে একটি অ্যাপার্টমেন্টের ভাড়া ২৫০০ ডলারে পৌঁছানোর পর চার বছর আগে তিনি কুইন্সে চলে যান, যেখানে ভাড়া প্রায় এক হাজার ডলার কম ছিল।   ন্যাশনাল ক্লিন ওয়াটার কালেক্টিভ ইয়ুথ কাউন্সিলের এক শিক্ষক প্রশ্ন তোলেন, সিটির ইতিহাসে সর্বোচ্চ ভাড়া পরিশোধের পরও কেন নিরাপদ পানির মতো মৌলিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না।   গণশুনানির দুই দিন আগে মেয়র মামদানির প্রশাসন সিটির নতুন আবাসন এজেন্ডা “ব্লক বাই ব্লক: দ্য হাউজিং প্ল্যান ফর আ নিউ এরা” ঘোষণা করে। শুনানিতে তিনি পরিকল্পনার মূল দিকগুলো তুলে ধরেন।   পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২২ বিলিয়ন ডলারের পুঁজি বিনিয়োগের মাধ্যমে ২ লাখ সাশ্রয়ী ও স্থায়ী রেন্ট-স্ট্যাবিলাইজড আবাসন নির্মাণ এবং আরও ২ লাখ আবাসন সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।   এছাড়া ভাড়াটেদের অধিকার শক্তিশালী করতে ‘টেন্যান্ট ইউনিয়ন’ কাঠামো জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি। কোনো ভবনের সংখ্যাগরিষ্ঠ ভাড়াটে সংগঠিত হলে সিটি এজেন্সিগুলো পুরো ভবনে সমন্বিত পরিদর্শন ও ব্যবস্থা নিতে পারবে বলে জানান মেয়র। অসৎ বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে “ফিক্স দ্য সিটি” নামে নতুন কর্মসূচি চালুর কথাও উল্লেখ করা হয়। এর মাধ্যমে ইতিমধ্যে ৬৫ মিলিয়ন ডলার জরিমানা আদায় করা হয়েছে বলে জানানো হয়।   তিনি বলেন, শহরের প্রশাসন এখন ভাড়াটেদের বৃহৎ অংশকে অবহেলার চোখে দেখবে না এবং আবাসন সংকট সমাধানে কাঠামোগত পরিবর্তন আনা হবে।   আবাসনের গুণগত মান নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে, সংকট শুধু উচ্চ ভাড়ার নয়, বরং জরাজীর্ণ ও অনিরাপদ বাসস্থানেরও। এ সমস্যা সমাধানে পরিদর্শন ব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়ম ভঙ্গকারী বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।   তিনি আরও বলেন, গুরুতর অনিয়মকারী মালিকদের সম্পত্তি প্রয়োজনে অলাভজনক সংস্থা বা ভাড়াটেদের নিয়ন্ত্রণে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সহজ করা হবে।   হোসটোস কমিউনিটি কলেজ দীর্ঘদিন ধরে ব্রঙ্কসের সামাজিক ও নাগরিক আন্দোলনের একটি কেন্দ্র হিসেবে পরিচিত। আগামী ৮ জুন সেখানে নিউইয়র্ক সিটি রেন্ট গাইডলাইনস বোর্ডের বার্ষিক ব্রঙ্কস পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ভাড়ার হার ও আবাসন পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ মতামত দিতে পারবেন।  

প্রকাশ : জুন ২, ২০২৬ ১৯:৩২
গ্রাফিক্স: আমেরিকা বাংলা
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ এবং তা কঠোরভাবে বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর অধীনে এই সিদ্ধান্ত আসতে পারে বলে মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে জানায় ইউএসটিআর। ফলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।   ইউএসটিআর-এর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকাতে দেশগুলোর ব্যর্থতার কারণে মার্কিন বাজারে সস্তা পণ্য প্রবেশ করছে। এতে যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য অসদুপায় ও অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং বৈধভাবে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর মুনাফা ক্ষতিগ্রস্ত হচ্ছে।   তদন্ত প্রতিবেদনে দেশগুলোকে দুই ভাগে ভাগ করে শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম ভাগে রয়েছে এমন দেশ, যারা আংশিক নিয়ম কার্যকর করেছে বা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে জোরপূর্বক শ্রমের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে। এই তালিকায় কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইকুয়েডর, ইন্দোনেশিয়া ও পাকিস্তান রয়েছে।   দ্বিতীয় ভাগে রয়েছে এমন দেশ, যারা সম্পূর্ণভাবে এই নিষেধাজ্ঞা আরোপ বা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। এই তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে যুক্তরাজ্য, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সুইজারল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ ৫৪টি দেশ রয়েছে।   ইউএসটিআর একটি ‘টেক্সটাইল মেকানিজম’-এর প্রস্তাব করেছে, যার আওতায় নির্দিষ্ট কিছু দেশ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য হ্রাসকৃত শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এই উদ্যোগ কোনো স্বস্তি আনতে পারে কি না, তা পরবর্তী শুনানির পর স্পষ্ট হবে।   যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার বলেন, প্রধান ব্যবসায়িক অংশীদাররা জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে ব্যর্থ হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। তিনি আরও বলেন, এই বৈষম্য আর সহ্য করা হবে না।   প্রস্তাবিত শুল্ক এখনো চূড়ান্ত হয়নি। এটি বর্তমানে অংশীজনদের মতামত ও শুনানির পর্যায়ে রয়েছে। আগামী ২২ জুন গণশুনানিতে অংশ নেওয়ার জন্য আবেদন এবং বক্তব্যের সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ৬ জুলাই প্রস্তাবিত শুল্ক নিয়ে লিখিত মতামত বা আপত্তি জমা দেওয়ার শেষ সময়। ৭ জুলাই এ বিষয়ে আনুষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হবে।   যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। প্রস্তাব কার্যকর হলে তৈরি পোশাকসহ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক যুক্ত হতে পারে। এতে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ৬ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলো, যেমন বিজিএমইএ ও বিকেএমইএ, শুনানিতে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার এবং তৈরি পোশাক খাতের জন্য বিশেষ ছাড় আদায়ের সুযোগ পাবে।

প্রকাশ : জুন ২, ২০২৬ ১৭:২৭
ছবি:  আমেরিকা বাংলা অনলাইন গ্রাফিক্স
সামাজিক মাধ্যমের ছবির ‘ভিক্টরি সাইন’ থেকে যেভাবে চুরি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট

বন্ধুদের সাথে আড্ডায় কিংবা কোনো সাফল্যের আনন্দে ‘ভিক্টরি’ বা ‘লাইক’ সাইন দিয়ে ছবি তুলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করা আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ একটি অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আপনার আপলোড করা এই হাই-রেজল্যুশনের ছবিগুলোতেই হয়তো লুকিয়ে আছে মারাত্মক এক সাইবার ঝুঁকি।    আপনি যখন ছবিতে লাইক-কমেন্টের বন্যায় ভাসছেন, ঠিক তখনই হয়তো স্ক্রিনের ওপাশে থাকা কোনো হ্যাকার আপনার ছবির সেই আঙুল জুম করে খুঁটিয়ে দেখছে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে আঙুলের সেই রেখাগুলো বিশ্লেষণ করে তারা তৈরি করে ফেলতে পারে আপনার আঙুলের ছাপের হুবহু ক্লোন। পাসওয়ার্ড চুরি হলে তা সহজে বদলে ফেলা যায়, কিন্তু আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক ডেটা একবার হ্যাকারের হাতে চলে গেলে তা আর পরিবর্তনের কোনো উপায় থাকে না।   পুরো বিষয়টি শুনতে হলিউডের কোনো স্পাই থ্রিলার বা ‘মিশন ইম্পসিবল’ সিনেমার মতো মনে হলেও, বাস্তবে এর সত্যতা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বেশ কিছু পোস্ট সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কারিগরিভাবে ছবি থেকে ফিঙ্গারপ্রিন্ট চুরি করা সম্পূর্ণ সম্ভব।    কেউ যদি হাই-রেজল্যুশনের ক্যামেরায় খুব কাছ থেকে দুই আঙুল উঁচিয়ে ছবি তোলেন, তবে এআই টুলের সাহায্যে সেই আঙুলের রেখাগুলোকে স্পষ্ট করে ক্লোন তৈরি করা যায়। পেনসিলভানিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ব্যাস শেখরও বিষয়টির তাত্ত্বিক সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মানুষ যখন হাই-রেজল্যুশনের ছবি পোস্ট করে, তখন এই ঝুঁকি আরও বেড়ে যায়।   এর আগে ২০১৪ সালে এক হ্যাকার সংবাদ সম্মেলনে তোলা ছবি থেকে জার্মানির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করার দাবি করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন।   তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক জাস্টিন ক্যাপোসের মতে, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধরনের সাইবার হামলার শিকার হওয়ার ঝুঁকি খুবই সামান্য। কারণ, কেবল ছবি থেকে আঙুলের ছাপ পেলেই হবে না, ব্যাংক অ্যাকাউন্ট বা ফোন হ্যাক করতে হলে হ্যাকারকে শারীরিকভাবে ওই ব্যক্তির ডিভাইস বা বায়োমেট্রিক স্ক্যানারের কাছাকাছি পৌঁছাতে হবে।   সাধারণত অতি গুরুত্বপূর্ণ বা ‘হাই-ভ্যালু’ ব্যক্তিরাই হ্যাকারদের এমন সুনির্দিষ্ট লক্ষ্যের শিকার হয়ে থাকেন। সাধারণ মানুষের ক্ষেত্রে ফিশিং স্ক্যাম বা ম্যালওয়্যার লিংকের মাধ্যমে প্রতারিত হওয়ার আশঙ্কাই তুলনামূলকভাবে অনেক বেশি বলে মনে করেন এই বিশেষজ্ঞ।   তারপরও ডিজিটাল যুগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিবিদরা কিছু বাড়তি সতর্কতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। শুধুমাত্র আঙুলের ছাপের ওপর নির্ভর না করে অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (টু-এফএ) বা দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা সবচেয়ে কার্যকর সমাধান। এছাড়াও গুগল বা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের অথেন্টিকেটর অ্যাপস, মাল্টি-ফ্যাক্টর বায়োমেট্রিকস এবং এনক্রিপ্টেড পাসকি ব্যবহার করা যেতে পারে।   একইসাথে, খুব কাছ থেকে হাতের তালু বা আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যায় এমনভাবে ‘ভিক্টরি’ বা ‘লাইক’ সাইন দিয়ে ছবি তোলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘র’ ফাইল বা অরিজিনাল হাই-রেজল্যুশন ছবি আপলোড করার ক্ষেত্রেও ব্যবহারকারীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : জুন ২, ২০২৬ ১৬:৩৯
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান | ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।   নির্বাচনে ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। জাতিসংঘের সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।   জাতিসংঘ সূত্রে জানা গেছে, মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি দেশের সমর্থন লাভ করেন। অন্যদিকে আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১টি ভোট।   প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন পদ্ধতি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকোরিস এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।   নির্বাচনে জয়ী হয়ে ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।   জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামগুলোর একটি হলো সাধারণ পরিষদ। এর সভাপতি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার সমন্বয়, অধিবেশনের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে কূটনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রকাশ : জুন ২, ২০২৬ ০:৩
বাংলাদেশের ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস | ছবি: সংগৃহীত
মার্কিন ইমিগ্রান্ট ভিসা স্থগিতাদেশ বহাল, ঢাকায় দ্রুত প্রক্রিয়াকরণ শুরু হলেও মিলছে না ভিসা

যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট ভিসা কার্যক্রমের ওপর আরোপিত স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে। ট্রাম্প প্রশাসনের ঘোষণায় বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রান্ট ভিসা প্রদান ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সেই সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে এবং বিষয়টি নিয়ে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে আইনি লড়াই চলমান।   এদিকে স্থগিতাদেশ বহাল থাকলেও ঢাকাস্থ মার্কিন দূতাবাস ১ জুন থেকে ইমিগ্রান্ট ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন একটি ব্যবস্থা চালু করেছে। দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সব ধরনের ইমিগ্রান্ট ভিসা আবেদন দুই কার্যদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারীরা আগের মতোই আবেদন জমা দিতে এবং সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। তবে বর্তমান স্থগিতাদেশ বহাল থাকায় প্রক্রিয়া সম্পন্ন হলেও ভিসা ইস্যু করা হবে না এবং আবেদনকারীরা পাসপোর্টে ভিসা পাবেন না।   মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নীতির পক্ষে যুক্তি দিয়ে বলেছে, তালিকাভুক্ত দেশগুলোর কিছু অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বহন করেন, যা ‘পাবলিক চার্জ’ হিসেবে বিবেচিত হয়। তবে অভিবাসন অধিকারকর্মী, আইনজীবী এবং বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন এই ব্যাখ্যার বিরোধিতা করেছে।   তাদের দাবি, জাতীয়তার ভিত্তিতে কোনো দেশের নাগরিকদের জন্য সামগ্রিকভাবে ইমিগ্রান্ট ভিসা বন্ধ করে দেওয়া মার্কিন অভিবাসন আইনের মৌলিক নীতির পরিপন্থী। এ বিষয়ে নিউইয়র্কের ফেডারেল আদালতে চলমান CLINIC v. Rubio মামলায় বাদীপক্ষের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট জাতীয়তার ভিত্তিতে ইমিগ্রান্ট ভিসা প্রদানে বৈষম্য নিষিদ্ধ করেছে এবং ৭৫টি দেশের নাগরিকদের ওপর একযোগে নিষেধাজ্ঞা সেই আইনের লঙ্ঘন হতে পারে।   মামলাটি ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দায়ের করা হয়। বাদীপক্ষের মধ্যে রয়েছে ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার, ডেমোক্র্যাসি ফরওয়ার্ড, লিগাল এইড সোসাইটি অব নিউইয়র্ক, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসসহ একাধিক অধিকারভিত্তিক সংগঠন। এছাড়া এমন কয়েকজন মার্কিন নাগরিকও মামলায় যুক্ত আছেন, যারা এই নীতির কারণে তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনতে পারছেন না।   বাদীপক্ষ আদালতের কাছে চারটি প্রধান দাবি উত্থাপন করেছে। তারা চায় আদালত এই নীতিকে বেআইনি ঘোষণা করুক, স্থগিতাদেশ স্থায়ীভাবে বাতিল করুক, স্টেট ডিপার্টমেন্টকে আগের নিয়মে প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়নের নির্দেশ দিক এবং যেসব আবেদনকারী এই নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নতুন করে সুযোগ দেওয়া হোক।   বর্তমানে মামলাটি ‘ক্রস-মোশন ফর পার্শিয়াল সামারি জাজমেন্ট’ পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে।   আদালত বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা সীমিত। ইমিগ্রান্ট ভিসা প্রদান পুনরায় শুরু হতে পারে মূলত দুটি উপায়ে। প্রথমত, ফেডারেল আদালত স্থগিতাদেশ বাতিলের নির্দেশ দিতে পারে। দ্বিতীয়ত, প্রশাসন নিজ উদ্যোগে নীতিটি প্রত্যাহার করতে পারে।   উল্লেখযোগ্য যে, এই স্থগিতাদেশ কেবল ইমিগ্রান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ফলে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের মর্যাদা অর্জনের জন্য আবেদনকারীরাই এর সরাসরি প্রভাবের মুখে পড়েছেন। অন্যদিকে পর্যটন, শিক্ষা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত অ-অভিবাসী ভিসা, যেমন বি-১/বি-২, এফ-১ এবং এইচ-১বি, এই স্থগিতাদেশের আওতাভুক্ত নয়।   তবে বাংলাদেশের নাগরিকদের জন্য বি-১/বি-২ ভিসা আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার একটি নতুন শর্ত যুক্ত হয়েছে বলে জানা গেছে।   ফলে বর্তমানে ঢাকায় ইমিগ্রান্ট ভিসা আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের সুযোগ চালু হলেও, স্থগিতাদেশ বহাল থাকায় আবেদনকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখনো অনিশ্চিত রয়ে গেছে। কবে আবার ইমিগ্রান্ট ভিসা প্রদান স্বাভাবিক হবে, তার উত্তর নির্ভর করছে আদালতের রায় এবং মার্কিন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের ওপর।

প্রকাশ : জুন ১, ২০২৬ ২৩:১৫
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে সবচেয়ে প্রবীণ ও কনিষ্ঠ ফুটবলার কে, জানেন?

আগামী বিশ্বকাপকে সামনে রেখে আলোচনায় উঠে এসেছে অংশগ্রহণকারী ফুটবলারদের বয়সের নানা রেকর্ড। একদিকে ৪০ পেরিয়েও মাঠ মাতাতে প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা।   বিশ্বকাপ শুরু হওয়ার দিন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডনের বয়স হবে ৪৩ বছর ১৬২ দিন। ফলে তিনি টুর্নামেন্টের সবচেয়ে প্রবীণ খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন।    তবে গোলরক্ষকদের বাইরে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হবেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ শুরুর দিন তাঁর বয়স হবে ৪১ বছর ১২৬ দিন।   রোনালদো এবার রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। একই কীর্তি গড়তে পারেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং মেক্সিকোর গোলরক্ষক গুইলার্মো ওচোয়াও।   অন্যদিকে, এবারের আসরের সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হচ্ছেন মেক্সিকোর গিলবার্তো মোরা। বিশ্বকাপ শুরুর দিন তাঁর বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। সবচেয়ে কম বয়সী গোলরক্ষক হিসেবে থাকছেন বেলজিয়ামের মাইক পেন্ডার্স। টুর্নামেন্ট শুরুর সময় তাঁর বয়স হবে ২০ বছর ৩১৫ দিন। অধিনায়কদের মধ্যে সবচেয়ে কম বয়সী হবেন কানাডার আলফনসো ডেভিস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনের দিন তাঁর বয়স হবে ২৫ বছর ২২১ দিন।   খেলোয়াড়দের পাশাপাশি কোচদের মধ্যেও বয়সের ব্যবধান চোখে পড়ার মতো। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কুরাসাওয়ের প্রধান কোচ ডিক অ্যাডভোকাট হবেন টুর্নামেন্টের সবচেয়ে প্রবীণ কোচ। বিশ্বকাপ শুরুর দিন তাঁর বয়স হবে ৭৮ বছর ২৫৭ দিন।   অন্যদিকে, জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগলসমান থাকবেন সবচেয়ে কম বয়সী কোচদের তালিকার শীর্ষে। বিশ্বকাপ শুরুর সময় তাঁর বয়স হবে ৩৮ বছর ৩২৩ দিন।

প্রকাশ : জুন ১, ২০২৬ ২২:৪৭
রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়
নীরব ঘাতক উচ্চ রক্তচাপ! সময়মতো সচেতন না হলে বাড়তে পারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি

রক্তচাপ বেড়ে গেছে শুনলেই মনে হয় বুঝি সারাজীবনের জন্য ওষুধ খেতে হবে। কিন্তু জানেন কি, সঠিক জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব? বাংলাদেশে প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন, অথচ অনেকেই জানেন না যে তাদের এই সমস্যা আছে। রক্তচাপকে ‘নীরব ঘাতক’ বলা হয় কারণ এটি নিজে কোনো উপসর্গ দেখায় না, কিন্তু হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনি রোগের মতো মারাত্মক সমস্যার কারণ হতে পারে। আজকের এই ব্লগে আমরা জানবো রক্তচাপ কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন। রক্তচাপ কী এবং কত হওয়া উচিত? রক্তচাপ হলো হৃদপিণ্ড থেকে রক্ত পাম্প করার সময় রক্তনালীর দেয়ালে যে চাপ পড়ে তার পরিমাপ। রক্তচাপ মাপার যন্ত্র অনুযায়ী এটি দুটি সংখ্যায় প্রকাশ করা হয় যেমন ১২০/৮০। প্রথম সংখ্যাটি (সিস্টোলিক) হলো হৃদপিণ্ড সংকুচিত হওয়ার সময়ের চাপ এবং দ্বিতীয় সংখ্যাটি (ডায়াস্টোলিক) হলো হৃদপিণ্ড শিথিল হওয়ার সময়ের চাপ।   উচ্চ রক্তচাপের কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু কারণে রক্তচাপ বাড়ে। এই কারণ সমূহ হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া, শারীরিক পরিশ্রম কম করা, মানসিক চাপে থাকা, ধূমপান ও মদ্যপান করা ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বংশগত কারণেও হয়ে থাকে। সাধারণত ৪০ বছরের পর রক্তচাপ বাড়ার ঝুঁকি বেড়ে যায়।   রক্তচাপ বেশি হলে কী হয়? অনেকেই ভাবেন মাথা ব্যথা, মাথা ঘোরা হলেই রক্তচাপ বেশি। কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ থাকে না। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকলে হৃদরোগ ও হার্ট অ্যাটাক, স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ), কিডনি নষ্ট হয়ে যাওয়া, চোখের ক্ষতি ও দৃষ্টিশক্তি হারানো এবং পায়ে রক্ত চলাচল কমে যাওয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।   রক্তচাপ নিয়ন্ত্রণের কার্যকর উপায় এবার জানবো কীভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে অনেক ক্ষেত্রে ওষুধ ছাড়াই রক্তচাপ স্বাভাবিক রাখা সম্ভব।   লবণ কম খাওয়া এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রান্নায় লবণ কম দিতে হবে এবং খাওয়ার সময় আলাদা লবণ একদমই নেওয়া যাবে না। প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, চানাচুর, আচার, সস, ফাস্ট ফুড যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।   ওজন নিয়ন্ত্রণে রাখা প্রতি ১ কেজি ওজন কমালে রক্তচাপ ১ mmHg কমে যায়। যদি আপনার ওজন বেশি থাকে তাহলে ৫-১০ কেজি ওজন কমিয়ে দেখুন, রক্তচাপ তুলনামূলক কমে যাবে।   নিয়মিত ব্যায়াম করা সপ্তাহে কমপক্ষে ৫ দিন ৩০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। হাঁটা সবচেয়ে সহজ এবং কার্যকর ব্যায়াম। সকালে বা বিকেলে দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটার মতো যেকোনো একটি করুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন।   স্বাস্থ্যকর খাবার খাওয়া সুস্থ জীবন যাপন করতে চাইলে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যেসকল খাবার আমাদের প্রতিনিয়ত খাওয়া উচিৎ তা হচ্ছে তাজা ফল ও সবজি, ডাল, বাদাম, মাছ, লাল চাল বা ঢেঁকিছাঁটা চাল এবং দই। আর যে সকল খাবার এড়িয়ে চলা উচিৎ ভাজাপোড়া, কোমল পানীয় ও প্যাকেটজাত জুস, অতিরিক্ত মিষ্টি এবং গরু ও খাসির মাংস সপ্তাহে ১ দিনের বেশি নয়।   ধূমপান ও মদ্যপান ছেড়ে দেওয়া একটি সিগারেট খাওয়ার পর ২০ মিনিট পর্যন্ত রক্তচাপ বেড়ে থাকে। দীর্ঘমেয়াদী ধূমপান রক্তনালী শক্ত করে দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েকগুণ বাড়ায়। মদ্যপানও রক্তচাপ বাড়ায় এবং ওষুধের কার্যকারিতা কমায়।   মানসিক চাপ কমান মানসিক চাপ কমাতে যোগব্যায়াম, ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান। অবসর সময়ে শখের কাজ যেমন বই পড়া, বাগান করা এসব করুন।   নিয়মিত রক্তচাপ মাপুন ৪০ বছরের পর মাসে অন্তত একবার রক্তচাপ মাপুন। বাড়িতে একটি ডিজিটাল BP মেশিন রাখতে পারেন। বর্তমান বাজারে ভালো মানের ডিজিটাল বিপি মেশিনের দাম ২,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে মাপুন। পরিমাপের আগে ১০ মিনিট বিশ্রাম নিন এবং এই সময় ধূমপান বা কফি খাবেন না।   নিয়মিত ওষুধ খান ডাক্তার যদি ওষুধ দিয়ে থাকেন, তাহলে নিয়মিত সময়মতো ওষধ খেতে হবে। রক্তচাপ স্বাভাবিক মনে হলেও নিজে নিজে ওষুধ বন্ধ করা যাবে না। অনেকে মনে করেন যে রক্তচাপ ১২০/৮০ হলেই ওষুধ ছেড়ে দেবেন, তবে এটা ভুল। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ পরিবর্তন বা বন্ধ করা বিপজ্জনক।   পটাসিয়াম সমৃদ্ধ খাবার খান পটাসিয়াম লবণের ক্ষতিকর প্রভাব কমায়। কলা, কমলা, টমেটো, পালং শাক, মিষ্টি আলু, মটরশুঁটি এসবে প্রচুর পটাসিয়াম আছে। তবে কিডনি রোগী হলে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পটাসিয়াম খাবেন না।   ক্যাফেইন কমান দিনে ২-৩ কাপের বেশি চা বা কফি খাবেন না। ক্যাফেইন সাময়িক রক্তচাপ বাড়ায়। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য গ্রিন টি ভালো বিকল্প হতে পারে।   উচ্চ রক্তচাপ মানে জীবনের শেষ নয়, বরং সুস্থ জীবনের নতুন শুরু। সঠিক জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চললে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্পূর্ণভাবে সম্ভব। ৩০ বছর বয়স থেকেই সচেতন হন, নিয়মিত রক্তচাপ মাপুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন।

প্রকাশ : জুন ১, ২০২৬ ২০:১১
ছবি: সংগৃহীত
সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজ বাধ্যতামূলক, ফুড স্ট্যাম্প হারানোর ঝুঁকিতে হাজারো মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষের জন্য চালু থাকা খাদ্য সহায়তা কর্মসূচিতে নতুন নিয়ম কার্যকর হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ফেডারেল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের প্রতি সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজ করতে হবে। অন্যথায় তারা খাদ্য সহায়তার সুবিধা হারাতে পারেন।   নতুন এই নিয়ম ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিউইয়র্কসহ বড় শহরগুলোতে অনেক মানুষ এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শুধু নিউইয়র্ক শহরেই প্রায় ৪০ হাজার মানুষ খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে আছেন।   খাদ্য সহায়তা কর্মসূচি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিম্নআয়ের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। বাজারের উচ্চ মূল্য, বাড়িভাড়া ও চিকিৎসা ব্যয়ের চাপ সামাল দিতে লাখো মানুষ এই সহায়তার ওপর নির্ভরশীল। তবে নতুন নিয়মে বলা হয়েছে, নির্ভরশীল সন্তান ছাড়া কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের নিয়মিত চাকরি, প্রশিক্ষণ অথবা অনুমোদিত স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিতে হবে।   সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মানুষকে কর্মসংস্থানে উৎসাহিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে সামাজিক সংগঠন ও অধিকারকর্মীদের অভিযোগ, বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই কঠোর শর্ত আরোপ করা হয়েছে। তাদের মতে, যারা অনিয়মিত কাজ করেন বা স্থায়ী চাকরি খুঁজে পাচ্ছেন না, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।   নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নতুন নীতির সমালোচনা করে বলেন, “মানুষকে কাজের সুযোগ না দিয়ে খাদ্য সহায়তায় কড়াকড়ি বাড়ালে ক্ষুধা ও দুর্ভোগই বাড়বে।” তিনি আরও বলেন, অনেক মানুষ আগে থেকেই কাজ করছেন, কিন্তু বর্তমান জীবনযাত্রার ব্যয় এত বেশি যে শুধুমাত্র উপার্জনের ওপর নির্ভর করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।   সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, খাদ্য সহায়তা পাওয়া অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে আয়মূলক কাজে যুক্ত কিন্তু খণ্ডকালীন চাকরি, কম মজুরি এবং উচ্চ ব্যয়ের কারণে তারা এখনো সরকারি সহায়তার প্রয়োজন অনুভব করেন।   নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অনেক মানুষ তাদের যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন সামাজিক সেবা বিভাগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠন এখন মানুষকে সহায়তা করার চেষ্টা করছে। ফোন কল, সচেতনতামূলক প্রচার এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে মানুষকে নতুন নিয়ম সম্পর্কে জানানো হচ্ছে।   বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে খাদ্য সহায়তা কমে গেলে নিম্নআয়ের পরিবারগুলোর সংকট আরও বাড়তে পারে। বিশেষ করে অভিবাসী পরিবার, গৃহহীন ব্যক্তি এবং অস্থায়ী কর্মসংস্থানের ওপর নির্ভরশীল মানুষেরা সবচেয়ে বেশি চাপে পড়বেন।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন কর্মক্ষম মানুষকে কাজের আওতায় আনার উদ্যোগ ইতিবাচক হতে পারে। আবার অনেকে বলছেন, পর্যাপ্ত চাকরির সুযোগ ও ন্যায্য মজুরি নিশ্চিত না করে এমন কঠোর নিয়ম সাধারণ মানুষের জন্য নতুন সংকট তৈরি করবে।

প্রকাশ : জুন ১, ২০২৬ ১৬:১৯
গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে শক্তিশালী অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সেরা অর্থনীতির অঙ্গরাজ্যের স্বীকৃতি পেয়েছে ম্যাসাচুসেটস । ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের মধ্যে সেরা অর্থনীতির অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস

যুক্তরাষ্ট্রের অর্থনীতি বৈশ্বিক প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অঙ্গরাজ্যগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এক গবেষণায় অর্থনৈতিক শক্তি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং ব্যবসাবান্ধব পরিবেশের সমন্বিত মূল্যায়নে ম্যাসাচুসেটসকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।   ব্যক্তিগত অর্থনীতি ও ভোক্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়ালেটহাবের সাম্প্রতিক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিকে ২৮টি অর্থনৈতিক সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নে জিডিপি প্রবৃদ্ধি, বেকারত্বের হার, নতুন ব্যবসা প্রতিষ্ঠার প্রবণতা, উচ্চপ্রযুক্তি খাতে কর্মসংস্থান এবং উদ্ভাবন সক্ষমতার মতো বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।   গবেষণায় শীর্ষস্থান অর্জন করেছে ম্যাসাচুসেটস। প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক বিনিয়োগ রাজ্যটির অর্থনৈতিক সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। গবেষণা ও উন্নয়ন খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফলে রাজ্যটিতে উদ্ভাবনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাথাপিছু আবিষ্কার-সংক্রান্ত পেটেন্টের সংখ্যার বিচারে ম্যাসাচুসেটস বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অবস্থানে রয়েছে।   দক্ষ জনশক্তির ক্ষেত্রেও রাজ্যটি এগিয়ে। উচ্চপ্রযুক্তি শিল্পে কর্মরত মানুষের অনুপাত দেশটির মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে কর্মরত জনশক্তির হারেও ম্যাসাচুসেটস তৃতীয় অবস্থানে রয়েছে। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, দ্রুত বিকাশমান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তালিকা ‘টেকনোলজি ফাস্ট ৫০০’-এ অন্তর্ভুক্ত কোম্পানির হারও ম্যাসাচুসেটসে সবচেয়ে বেশি। এর ফলে রাজ্যটি প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।   তালিকায় ম্যাসাচুসেটসের পর দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াশিংটন অঙ্গরাজ্য এবং তৃতীয় স্থানে রয়েছে উটাহ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি খাতে বিনিয়োগ, উদ্ভাবনমুখী পরিবেশ এবং দক্ষ কর্মশক্তির সমন্বয় এসব অঙ্গরাজ্যের অর্থনৈতিক সাফল্যের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।   ওয়ালেটহাবের বিশ্লেষক চিপ লুপো বলেন, শক্তিশালী অর্থনীতি থাকলেই যে প্রতিটি নাগরিক আর্থিকভাবে সফল হবেন, এমন নয়। তবে একটি শক্তিশালী অর্থনীতি মানুষের জন্য আর্থিক সাফল্যের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। তার মতে, কম বেকারত্ব, বেশি গড় আয় এবং ব্যবসাবান্ধব পরিবেশ নাগরিকদের বাড়ি কেনা, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তুলতে সহায়তা করে।   চিপ লুপো আরও বলেন, সফল অঙ্গরাজ্যগুলো বর্তমান অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নতুন ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতাও তৈরি করে। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউইয়র্ক এবং ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যগুলোর অর্থনীতি এত বড় যে সেগুলোকে স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করা হলে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির মধ্যেই স্থান পেত।   তবে অর্থনীতির সামগ্রিক আকারের বাইরে গিয়ে প্রবৃদ্ধি, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসার পরিবেশ বিবেচনায় ম্যাসাচুসেটস বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশ : জুন ১, ২০২৬ ১:৫৪
ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে আর্জেন্টিনা!

কাতারে ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর পর এবার লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে রয়েছে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ৪৮ দলের এই মেগা বিশ্বকাপে কোচ লিওনেল স্কালোনির মূল ভরসা আবারও মেসি। এবারের আর্জেন্টিনা দলে ২০২২ বিশ্বকাপের ১৭ জন অভিজ্ঞ ফুটবলারের পাশাপাশি ৯ জন নতুন তারকার দারুণ এক ভারসাম্য রয়েছে, যা শিরোপা ধরে রাখার জন্য যথেষ্ট।   ফুটবল বিশেষজ্ঞদের মতে, ১৯৬২ সালের পর এবারই প্রথম কোনো দলের সামনে টানা দুটি বিশ্বকাপ জয়ের সবচেয়ে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে মাত্র দুটি দেশ এই কীর্তি গড়তে পেরেছে। প্রথম দল হিসেবে ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং পরবর্তীতে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে পেলের ব্রাজিল এই রেকর্ড গড়েছিল। গত ৬৪ বছরে আর কোনো দেশ এই অর্জনে নাম লেখাতে পারেনি। ১৯৯০ সালে ম্যারাডোনার আর্জেন্টিনা, ১৯৯৮ সালে ব্রাজিল এবং ২০২২ সালে ফ্রান্স ফাইনাল পর্যন্ত গেলেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল।   তবে কিছু বিশেষ লক্ষণ এবার আর্জেন্টিনাকে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে রাখছে। বড় টুর্নামেন্টে সাফল্যের জন্য সবচেয়ে জরুরি হলো দলীয় স্থিতিশীলতা এবং ড্রেসিং রুমের চমৎকার পরিবেশ, যা স্কালোনির দলে স্পষ্টভাবে বিদ্যমান। সাম্প্রতিক সময়ের আধুনিক ক্রীড়াঙ্গনের ফলাফলও এই ধারাবাহিকতার পক্ষেই কথা বলছে।   উদাহরণস্বরূপ, বড় বড় তারকাদের নিয়ে ব্যর্থ হওয়ার পর কেবল একাত্মতা ও টিম স্পিরিটের জোরে কোচ লুইস এনরিকের অধীনে থাকা পিএসজি গত ৩০ মে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। ক্রিকেটেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তারকা নির্ভরতা কমিয়ে দলগত সংহতির জোরে টানা দুই আসরে শিরোপার স্বাদ পেয়েছে। এছাড়া ফুটবল ক্লাব বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের অধীনে টানা দু’বার লা লিগা এবং বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে যে, স্থিতিশীলতাই সাফল্যের মূল চাবিকাঠি।   আর্জেন্টাইন শিবিরে এখন এই রহস্যমন্ত্রের সব উপাদানই রয়েছে। মেসির নেতৃত্বে দলটির ভেতরের এই অভূতপূর্ব ঐক্য যদি টুর্নামেন্টজুড়ে বজায় থাকে, তবে আগামী ১৯ জুলাই ফাইনালে আবারও বিশ্বজয়ের উল্লাসে মাতবে আলবিসেলেস্তেরা—এমনটাই ভাবছেন ফুটবল বোদ্ধারা।

প্রকাশ : মে ৩১, ২০২৬ ২২:৫৯
ছবি: সংগৃহীত
রক্তচাপ নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি: জীবনযাপন ও খাদ্যাভ্যাসেই কমতে পারে ঝুঁকি

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার বর্তমানে বিশ্বের মতো বাংলাদেশেও একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। চিকিৎসকদের ভাষায় এটি একটি ‘নীরব ঘাতক’, কারণ অধিকাংশ ক্ষেত্রে কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং দৃষ্টিশক্তি হারানোর মতো জটিল রোগের অন্যতম প্রধান কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো শনাক্তকরণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।   বাংলাদেশে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের একটি বড় অংশ জানেন না যে তাদের রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি।   রক্তচাপ হলো হৃদপিণ্ড থেকে রক্ত সারা শরীরে প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর দেয়ালে সৃষ্ট চাপের পরিমাপ। এটি সাধারণত দুটি সংখ্যায় প্রকাশ করা হয়, যেমন ১২০/৮০। এর মধ্যে প্রথম সংখ্যা বা সিস্টোলিক চাপ হৃদপিণ্ড সংকুচিত হয়ে রক্ত পাম্প করার সময়ের চাপ নির্দেশ করে। দ্বিতীয় সংখ্যা বা ডায়াস্টোলিক চাপ হৃদপিণ্ড শিথিল অবস্থায় থাকার সময়ের চাপ নির্দেশ করে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত লবণ গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ, ধূমপান, মদ্যপান এবং বংশগত কারণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ ঝুঁকিও বাড়তে থাকে। সাধারণত ৪০ বছরের পর উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে।   অনেকেই মনে করেন মাথাব্যথা বা মাথা ঘোরা উচ্চ রক্তচাপের প্রধান লক্ষণ। তবে বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপ কোনো উপসর্গ সৃষ্টি করে না। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে এটি হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, চোখের ক্ষতি এবং শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালনজনিত জটিলতার কারণ হতে পারে।   রক্তচাপ নিয়ন্ত্রণে লবণ কম খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসকরা রান্নায় লবণের পরিমাণ কমানো এবং খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ না খাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি চিপস, চানাচুর, আচার, সস এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার আহ্বান জানান। ওজন নিয়ন্ত্রণেও রক্তচাপ কমাতে সহায়ক ভূমিকা রয়েছে। অতিরিক্ত ওজন থাকলে তা কমানোর মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। এ কারণে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।   সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট করে হাঁটা বা ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা কিংবা অন্যান্য শারীরিক কার্যক্রম হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। দৈনন্দিন জীবনে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করাও শারীরিক সক্রিয়তা বাড়াতে সহায়ক হতে পারে।   খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও সচেতনতা প্রয়োজন। প্রতিদিনের খাদ্যতালিকায় তাজা ফলমূল, শাকসবজি, ডাল, মাছ, বাদাম, দই এবং লাল চাল বা ঢেঁকিছাঁটা চাল রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে ভাজাপোড়া খাবার, কোমল পানীয়, প্যাকেটজাত জুস এবং অতিরিক্ত মিষ্টি খাবার সীমিত রাখতে বলা হয়। গরু ও খাসির মাংস খাওয়ার ক্ষেত্রেও সংযমের পরামর্শ দেওয়া হয়।   ধূমপান ও মদ্যপান উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত। একটি সিগারেট গ্রহণের পর কিছু সময়ের জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। দীর্ঘমেয়াদে ধূমপান রক্তনালীর ক্ষতি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। একইভাবে মদ্যপানও রক্তচাপ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলে। মানসিক চাপও উচ্চ রক্তচাপ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। এ কারণে যোগব্যায়াম, ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং পছন্দের কাজে সময় দেওয়ার পরামর্শ দেওয়া হয়।   চিকিৎসকরা নিয়মিত রক্তচাপ পরিমাপের ওপরও গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সীদের অন্তত মাসে একবার রক্তচাপ পরীক্ষা করা উচিত। বর্তমানে বাজারে সহজলভ্য ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র ব্যবহার করে ঘরেই নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব। তবে পরিমাপের আগে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া এবং ধূমপান বা ক্যাফেইন গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।   যাদের জন্য চিকিৎসক ওষুধ নির্ধারণ করেছেন, তাদের নিয়মিত ওষুধ সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তচাপ স্বাভাবিক মনে হলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ হতে পারে।   পটাসিয়ামসমৃদ্ধ খাবারও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। কলা, কমলা, টমেটো, পালং শাক, মিষ্টি আলু এবং মটরশুঁটিতে পর্যাপ্ত পটাসিয়াম পাওয়া যায়। তবে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত পটাসিয়াম গ্রহণ করা উচিত নয়। এ ছাড়া অতিরিক্ত চা ও কফি পান কমানোরও পরামর্শ দেওয়া হয়। ক্যাফেইন কিছু মানুষের ক্ষেত্রে সাময়িকভাবে রক্তচাপ বাড়াতে পারে। তাই দৈনিক চা বা কফির পরিমাণ সীমিত রাখা উপকারী হতে পারে।   চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা। অল্প বয়স থেকেই সচেতনতা গড়ে তুলতে পারলে উচ্চ রক্তচাপজনিত জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।  

প্রকাশ : মে ৩১, ২০২৬ ২১:৪২
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং | ছবি: সংগৃহীত
মাউস-কিবোর্ডের দিন শেষ! ল্যাপটপ ও কম্পিউটারের জন্য এনভিডিয়ার নতুন 'সুপারচিপ'

কম্পিউটার প্রযুক্তির দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়া। প্রতিষ্ঠানটি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি নতুন 'সুপারচিপ' উন্মোচন করেছে। এনভিডিয়ার দাবি, এই প্রযুক্তির ফলে ভবিষ্যতে কম্পিউটার পরিচালনায় মানুষের ঐতিহ্যবাহী মাউস এবং কিবোর্ড ব্যবহারের আর কোনো প্রয়োজনই থাকবে না।   তাইওয়ানের 'কম্পিউটেক্স' সম্মেলনে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং 'আরটিএক্স স্পার্ক' (RTX Spark) নামের এই চিপটির ঘোষণা দেন। মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যারের সঙ্গে যুক্ত হয়ে এই চিপটি কাজ করবে। চলতি বছরেই ডেল, লেনোভো, আসুস এবং এইচপির মতো শীর্ষস্থানীয় কম্পিউটার নির্মাতারা তাদের ডিভাইসে এই নতুন চিপ ব্যবহার শুরু করবে।   মাইক্রোসফটের সঙ্গে দীর্ঘ তিন বছরের যৌথ গবেষণায় তৈরি এই চিপটিতে মূলত একটি মাইক্রোপ্রসেসর ও গ্রাফিক্স চিপের সমন্বয় করা হয়েছে। তাইওয়ানের মিডিয়াটেক-এর সহায়তায় তৈরি এই চিপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি দূরবর্তী ক্লাউড কম্পিউটিংয়ের ওপর নির্ভর না করে সরাসরি কম্পিউটারের ভেতরেই এআই এজেন্ট পরিচালনা করতে পারবে। ফলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এজেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের সব কাজ সম্পন্ন করতে পারবে, যা মাউস ও কিবোর্ডের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে।   প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আবিষ্কারটি কম্পিউটারের দুনিয়ায় আইফোন বা চ্যাটজিপিটির মতোই একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর মাধ্যমে সাধারণ পিসিগুলো একটি অতি-বুদ্ধিমান ডিজিটাল সহকর্মীতে রূপান্তরিত হবে। একই সম্মেলনে এনভিডিয়া তাদের 'ভেরা' (Vera) সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও উন্মোচন করেছে, যা ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানগুলো ব্যবহার করবে।   কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের চাকরি হারানোর আশঙ্কার বিষয়ে জেনসেন হুয়াং বলেন, "এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এআই প্রযুক্তির কারণে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং এর ফলে উল্টো আরও বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।"

প্রকাশ : মে ৩১, ২০২৬ ২০:৫৪
তরুণ নির্মাতা কেন পারসন্স | ছবি: সংগৃহীত
ইউটিউবের হরর গল্প দিয়ে মার্কিন বক্স অফিসে ২০ বছরের তরুণের বিশ্বরেকর্ড

মাত্র ২০ বছর বয়সে নিজের প্রথম চলচ্চিত্র দিয়ে উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষস্থান দখল করে ইতিহাস গড়েছেন তরুণ নির্মাতা কেন পারসন্স। তার পরিচালিত 'ব্যাকরুমস' নামের এই ভৌতিক ছবিটি প্রথম সপ্তাহান্তেই রেকর্ড পরিমাণ ৮ কোটি ১০ লাখ (৮১ মিলিয়ন) মার্কিন ডলারের ব্যবসা করে চলচ্চিত্র খাত বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। একই সঙ্গে এটি বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান 'এটুয়েন্টিফোর' (A24)-এর ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড।   এর আগে ২০১১ সালে ২৭ বছর বয়সে 'ক্রনিকল' ছবি দিয়ে বক্স অফিসের শীর্ষে আসার রেকর্ড গড়েছিলেন নির্মাতা জশ ট্র্যাঙ্ক। পারসন্স তার চেয়েও সাত বছর কম বয়সে এই বিশ্বরেকর্ড নিজের নামে করে নিলেন। 'ব্যাকরুমস' ছবিটি মূলত পারসন্সের নিজেরই একটি জনপ্রিয় ইউটিউব সিরিজের ওপর ভিত্তি করে তৈরি, যা ইন্টারনেটের কাল্পনিক হরর গল্প বা 'ক্রিপিপাস্তা' থেকে অনুপ্রাণিত। চলচ্চিত্র সমালোচকদের মতে, এটি একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং মানসিকভাবে নাড়া দেওয়ার মতো বৈপ্লবিক ভৌতিক ছবি।   তবে পারসন্সের এত কম বয়সে এমন বিশাল সাফল্য ইন্টারনেটে কিছু বিতর্কেরও জন্ম দিয়েছে। অনেকেই দাবি করছেন, এত কম বয়সে তার একার পক্ষে এই ছবি পরিচালনা করা সম্ভব নয়। এই গুজবের জবাবে ছবির অভিনেতা মার্ক ডুপ্লাস বলেন, "শুটিং সেটে কেন শতভাগ নিয়ন্ত্রণে ছিল। তার চেয়ে তিনগুণ বেশি বয়সী অনেক পরিচালকের চেয়েও সে চমৎকারভাবে কাজটি করেছে।" নির্মাতা পারসন্স নিজেও রসিকতা করে এই গুজব উড়িয়ে দিয়েছেন।   'ব্যাকরুমস'-এর এই অভাবনীয় সাফল্য স্বল্প বাজেটের ভৌতিক ছবির বাজারে নতুন জোয়ার এনেছে। এর ঠিক আগেই গত মে মাসে মুক্তি পাওয়া ২৬ বছর বয়সী নির্মাতা কারি বার্কারের কম বাজেটের ভৌতিক ছবি 'অবসেশন' চার সপ্তাহে ১০ কোটি ৪৭ লাখ ডলারের ব্যবসা করে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।  

প্রকাশ : মে ৩১, ২০২৬ ২০:৪৩
ছবি: সংগৃহীত
বিনামূল্যে বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন ১৪ হাজার দর্শক

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে তুমুল সমালোচনা চললেও মেক্সিকোর ১৪ হাজার দর্শক একেবারে বিনামূল্যে উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে তারা নিজেদের ঐতিহাসিক অধিকার ধরে রাখতে সক্ষম হয়েছেন। আগামী ১২ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এই বিশ্বকাপের পর্দা উঠবে।   এই ঘটনার সূত্রপাত প্রায় ৬০ বছর আগে। ১৯৬০-এর দশকে আজটেকা স্টেডিয়ামটি নির্মাণের সময় অর্থসংকটে পড়ে কর্তৃপক্ষ ৬০০টি বক্স ও প্রায় ৮ হাজার গ্যালারি আসন আগাম বিক্রি করে। তখন ক্রেতাদের শর্ত দেওয়া হয়েছিল যে, ২০৬৫ সাল পর্যন্ত এই স্টেডিয়ামে আয়োজিত যেকোনো ইভেন্ট তারা অতিরিক্ত কোনো টিকিট ছাড়াই দেখতে পারবেন। বর্তমানে এই সুবিধাভোগীদের মোট আসনসংখ্যা প্রায় ১৪ হাজার।   এর আগে ১৯৮৬ বিশ্বকাপেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই আসনগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চেয়ে ব্যর্থ হয়েছিল। ২০২৬ বিশ্বকাপের আগে আবারও ফিফা ও স্টেডিয়াম পরিচালনাকারী প্রতিষ্ঠান আসনগুলো নিজেদের টিকিট বিক্রির আওতায় আনার চেষ্টা করলে আসন মালিকদের সংগঠন আদালতের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত আদালত আসন মালিকদের পক্ষেই রায় দেয় এবং এই আসনগুলো বিক্রি করতে না পারায় স্টেডিয়াম কর্তৃপক্ষকে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণও দিতে হয়েছে।   আসন মালিকদের সংগঠনের মহাসচিব রবার্তো রুয়ানো ওর্তেগা আদালতের এই স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তবে বিশ্বকাপের এক সপ্তাহ আগে পর্যন্ত ইলেকট্রনিক টিকিট হাতে না পৌঁছানোয় তিনি সতর্ক করে বলেছেন, স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া না হলে তারা আবারও বলপ্রয়োগের আইনি ব্যবস্থা চাইবেন। সমস্ত নাটকীয়তার মধ্যেও ১৪ হাজার আসনের মালিকরা ফ্রিতে এই বিশ্বমঞ্চের উদ্বোধনী ম্যাচ উপভোগ করবেন বলে দৃঢ় বিশ্বাস রাখছেন।

প্রকাশ : মে ৩১, ২০২৬ ১৯:৩৯
লস অ্যাঞ্জেলেসে, সোফাই স্টেডিয়ামে কর্মরত ২,০০০-এরও বেশি আতিথেয়তা কর্মীর প্রতিনিধিত্বকারী একটি শ্রমিক ইউনিয়ন হুমকি দিয়েছে যে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা যদি দূরে না থাকে, তবে তারা ধর্মঘটে যাবে । ছবি: এএফপি
বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে অভিবাসী সংগঠনগুলোর সতর্কতা, আইস আতঙ্কে তৎপরতা

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরে অভিবাসী অধিকার সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা সংস্থা আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)-এর সম্ভাব্য অভিযান ও গ্রেপ্তার আতঙ্কের কারণে দর্শক ও স্থানীয়দের সতর্ক করতে অন্তত ১২০টিরও বেশি সংগঠন একত্র হয়েছে।   প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস, ডালাস, মিয়ামি, সিয়াটলসহ বিভিন্ন শহরে শ্রমিক ইউনিয়ন, মানবাধিকার সংগঠন ও আইনজীবীরা জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তুলছে। তাদের লক্ষ্য হচ্ছে বিশ্বকাপ চলাকালীন সম্ভাব্য অভিবাসন আইন প্রয়োগ কার্যক্রমের সময় দ্রুত আইনি সহায়তা ও প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করা।   লস অ্যাঞ্জেলেসে সোফাই স্টেডিয়ামে কর্মরত দুই হাজারের বেশি হোটেল ও পরিষেবা কর্মীর প্রতিনিধিত্বকারী একটি শ্রমিক ইউনিয়ন হুমকি দিয়েছে, স্টেডিয়াম এলাকায় আইসিই এজেন্টদের উপস্থিতি বন্ধ না হলে তারা ধর্মঘটে যাবে। ডালাসে মানবাধিকার সংগঠন এল মুভিমিয়েন্তো ডিএফডব্লিউ গির্জা, দোকান এবং আবাসিক এলাকায় ‘হুইসেল কিট’ বিতরণ করছে। এতে আইসিই উপস্থিতি সম্পর্কে তথ্য ও বিনামূল্যে অভিবাসন আইনজীবীর সঙ্গে যোগাযোগের উপায় রাখা হয়েছে।   একাধিক সংগঠন যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ১ কোটি দর্শনার্থীর উদ্দেশে সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে “অবৈধভাবে প্রবেশ নিষেধাজ্ঞা, গ্রেপ্তার, আটক ও নির্বাসনের ঝুঁকি” থাকতে পারে। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসর এমন এক সময়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশটির অভিবাসন নীতিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন দমননীতির কারণে এই উদ্বেগ আরও বেড়েছে বলে দাবি করছে অধিকার সংগঠনগুলো।   তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে। সংস্থাটির মতে, দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।   অধিকার সংগঠনগুলো জানিয়েছে, তারা জরুরি প্রতিক্রিয়া নেটওয়ার্ক, আইনজীবী সহায়তা এবং দ্রুত তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তুলছে, যাতে কোনো অভিযান বা গ্রেপ্তার ঘটলে দ্রুত সাড়া দেওয়া যায়। সিয়াটলে শ্রম অধিকার সংগঠন ‘ওয়ার্কিং ওয়াশিংটন’ জানিয়েছে, তারা রেস্তোরাঁ ও কর্মস্থলে কর্মীদের জন্য সাংবিধানিক অধিকার বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে। এর মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হলে করণীয় ও যোগাযোগ কৌশল।   মিয়ামিতে, যেখানে অভিবাসী গ্রেপ্তারের হার তুলনামূলকভাবে বেশি, সেখানে বিশেষ হটলাইন এবং আইন পর্যবেক্ষক দল সক্রিয় করা হয়েছে। এসব দল আইসিই উপস্থিতি নথিভুক্ত করার কাজ করবে।   কিছু সংগঠন বিশ্বকাপকে কেন্দ্র করে ‘নো আইসিই ইন দ্য কাপ’ নামের একটি জাতীয় প্রচারণা শুরু করেছে। এর মাধ্যমে আয়োজক শহরগুলোতে নিরাপদ অঞ্চল, কমিউনিটি সহায়তা কেন্দ্র এবং অভিবাসীদের জন্য সহায়তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সিয়াটলে কিছু সংগঠন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও রেস্তোরাঁর সঙ্গে কাজ করে “সেফ জোন” ঘোষণা করার উদ্যোগ নিয়েছে, যেখানে অভিবাসীরা সহায়তা ও তথ্য পেতে পারবেন।   অধিকারকর্মীদের মতে, এই উদ্যোগ কেবল রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। তাদের যুক্তি, নিরাপত্তা উদ্বেগ ও অভিবাসন অভিযান যদি পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, তবে তা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রকাশ : মে ৩১, ২০২৬ ১৮:৪৫
ক্তরাষ্ট্রের একটি শহরের রাস্তায় অস্থায়ী আশ্রয়ে বসবাসরত গৃহহীন মানুষদের দৃশ্য । ছবি: ফাইল ফটো
যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা কমেছে, ক্যালিফোর্নিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন

যুক্তরাষ্ট্রে গত এক বছরে গৃহহীন মানুষের সংখ্যা সামগ্রিকভাবে কমেছে বলে মার্কিন গৃহায়ন ও নগর উন্নয়ন বিভাগ (HUD)–এর নতুন প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বিশেষভাবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গৃহহীনতার উল্লেখযোগ্য হ্রাসের কথা বলা হয়েছে, যা গভর্নর গ্যাভিন নিউসামের নীতিগত উদ্যোগের আংশিক সফলতা হিসেবে দেখা হচ্ছে।   HUD-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ক্যালিফোর্নিয়ায় মোট গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৯৩৪ জনে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম। একই সঙ্গে জাতীয় পর্যায়েও ২০১৬ সালের পর প্রথমবারের মতো গৃহহীনতার হার কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৩ শতাংশ কমেছে। ২০২৫ সালের জানুয়ারিতে এক রাতের গণনায় দেশটিতে মোট ৭ লাখ ৪৫ হাজার ৬৫২ জন গৃহহীন মানুষ পাওয়া যায়।   HUD-এর প্রতিবেদনে আরও বলা হয়, কিছু অঙ্গরাজ্যে গৃহহীনতা তুলনামূলকভাবে বেশি হারে কমেছে। এর মধ্যে ইলিনয় অঙ্গরাজ্যে প্রায় ৪৪ শতাংশ, হাওয়াইতে ৪১ শতাংশ, ফ্লোরিডায় ১১ শতাংশ এবং নিউইয়র্কে ৮ শতাংশ হ্রাস দেখা গেছে। তবে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ বড় অঙ্গরাজ্যগুলোতে এখনো বিপুল সংখ্যক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে, যা স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।   যুক্তরাষ্ট্রের গৃহায়ন ও নগর উন্নয়ন বিভাগের প্রধান স্কট টার্নার এক বিবৃতিতে বলেন, বর্তমান নীতি কাঠামো গৃহহীনতা সমস্যার সমাধানে কার্যকর নয়। তিনি জানান, সরকার এখন পুনর্বাসন ও স্বনির্ভরতা নিশ্চিত করার দিকে জোর দিচ্ছে এবং করদাতাদের অর্থ বাস্তব সুবিধাভোগীদের জন্য ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে চায়।   প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে গৃহহীনতার হার এখনো প্রায় ২৭ শতাংশ বেশি।   ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম সাম্প্রতিক বছরগুলোতে গৃহহীনতা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছেন। চলতি বছরের মে মাসে তিনি স্থানীয় প্রশাসনের জন্য নতুন নির্দেশিকা জারি করেন, যার লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী গৃহহীন ক্যাম্প বা অস্থায়ী বসতি নিয়ন্ত্রণ করা। এছাড়া রাজ্যজুড়ে গৃহহীনতা মোকাবিলা, মাদকাসক্তি চিকিৎসা এবং আবাসন কর্মসূচি সম্প্রসারণে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল অনুমোদিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   গৃহহীনতা বিষয়ক বিভিন্ন অধিকার সংগঠন বলছে, সাম্প্রতিক হ্রাস মূলত আগের বছরগুলোর আবাসন সহায়তা ও জরুরি ভাউচার কর্মসূচির ফল। তবে তারা সতর্ক করেছে যে সহায়তা কর্মসূচিতে কাটছাঁট হলে এই অগ্রগতি ব্যাহত হতে পারে। অন্যদিকে, ফেডারেল নীতির কিছু পরিবর্তনের মধ্যে রয়েছে ফেডারেল আবাসন ভাউচার প্রাপকদের জন্য চিকিৎসা-সংক্রান্ত শর্ত আরোপ এবং কিছু এলাকায় ক্ষতি-হ্রাসমূলক উদ্যোগে সীমাবদ্ধতা।   বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক পরিসংখ্যান কিছু অগ্রগতির ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্রে গৃহহীনতার সংকট এখনো গভীর। বড় শহরগুলোতে আবাসন সংকট, মাদকাসক্তি এবং অর্থনৈতিক বৈষম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

প্রকাশ : মে ৩১, ২০২৬ ১৭:১৫
ছবি: সংগৃহীত
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন ব্যাখ্যা, নীতি অপরিবর্তিত থাকার স্পষ্টীকরণ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাম্প্রতিক ভিসা প্রক্রিয়া সংক্রান্ত একটি আপডেটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে দূতাবাসের ওয়েবসাইট ও কনস্যুলার নীতিমালার ব্যাখ্যায় বলা হয়েছে, ভিসা আবেদন, সাক্ষাৎকার এবং অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং আগের মতোই স্বাভাবিকভাবে চালু আছে। নীতিমালায় কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি।   দূতাবাসের ব্যাখ্যা অনুযায়ী, পরিবর্তন এসেছে মূলত ভিসা আবেদন-পরবর্তী প্রক্রিয়ায়, যেখানে অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন একটি ধাপ যুক্ত করা হয়েছে। ১ জুন থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের এখন দুইবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসে উপস্থিত হতে হবে।   প্রথম দিন থাকবে নথি যাচাই-বাছাই, ফিঙ্গারপ্রিন্ট ও ছবি সংগ্রহের প্রক্রিয়া। এ সময় আবেদনকারীদের সব মূল কাগজপত্র ও কপি সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে পূর্বে নির্দেশিত নিয়ম অনুযায়ী CEAC অ্যাকাউন্টে প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপলোড করা থাকতে হবে।   দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে কনস্যুলার অফিসারের সঙ্গে ভিসা ইন্টারভিউ বা সাক্ষাৎকার। দূতাবাস সূত্রে বলা হয়েছে, প্রয়োজনীয় সব নথি সঠিকভাবে জমা থাকলে সাধারণত একই সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে।   যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, ২১ জানুয়ারি ২০২৬ থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত রয়েছে। বাংলাদেশও ওই তালিকায় অন্তর্ভুক্ত। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীরা এখনো ভিসার আবেদন জমা দিতে পারবেন, সাক্ষাৎকার দিতে পারবেন এবং দূতাবাস অ্যাপয়েন্টমেন্টও নির্ধারণ করবে। তবে এই সময়কালে ভিসা ইস্যু কার্যক্রম স্থগিত থাকবে।     দূতাবাসের ব্যাখ্যায় স্পষ্ট করা হয়েছে, নতুন “two-day processing” ব্যবস্থা পূর্বের ভিসা ইস্যু স্থগিতাদেশ বাতিল বা পরিবর্তন করেনি। অর্থাৎ আবেদন প্রক্রিয়ার ধাপগুলো চলমান থাকলেও ভিসা ইস্যু সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।   এ অবস্থায় অভিবাসন প্রত্যাশীদের জন্য প্রক্রিয়াগত ধাপগুলো অব্যাহত থাকলেও চূড়ান্ত ভিসা প্রদানের সিদ্ধান্ত পূর্বের স্থগিত নীতির অধীনেই পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

প্রকাশ : মে ৩১, ২০২৬ ১৬:৫২
ছবি: এআই নির্মিত
আইইএলটিএস ছাড়াই হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে আবেদনের দারুণ সুযোগ

বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষকদের উদ্যোগে পরিচালিত সম্পূর্ণ অর্থায়িত ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’-এর আবেদন গ্রহণ আবারো শুরু হয়েছে। নেতৃত্ব দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির এই অনন্য সুযোগটি লুফে নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো আইইএলটিএস স্কোরের প্রয়োজন হবে না। মূলত ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের জন্য ডিজাইন করা ৮ সপ্তাহের এই অনলাইন প্রোগ্রামে হার্ভার্ডসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি ক্লাস নিয়ে থাকেন।   ২০১৭ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষকদের হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগটি পূর্বে ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ নামে পরিচিত ছিল, যা বর্তমানে ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা স্নাতক সম্পন্ন হতে হবে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ইংরেজি জ্ঞান থাকা বাধ্যতামূলক।   বিশেষ করে, পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন, তারা এই প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।   নির্বাচিত অংশগ্রহণকারীরা এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান, নিজস্ব আইডিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন এবং বিশ্বজুড়ে মেধাবী তরুণ-তরুণীদের সঙ্গে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার মতো আকর্ষণীয় সুবিধাও থাকছে এখানে।   তরুণদের ক্যারিয়ার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্বদানে প্রস্তুত করতে এই প্রোগ্রামটি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি দারুণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

প্রকাশ : জুন ১, ২০২৬ ২:৫৬
ছবি: সংগৃহীত
৪০তম ফোবানা কনভেনশন সফল করতে ক্যালিফোর্নিয়ায় ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ, আসছে টাউন হল সভা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ৪০তম ফোবানা কনভেনশনকে সফল করার লক্ষ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এক ঐক্য সভায় মিলিত হয়েছেন। শুক্রবার রাতে হলিউডের অর্কিড কিচেন অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।   সভায় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর স্বার্থে বিভেদ ভুলে একসাথে কাজ করার এখনই উপযুক্ত সময়। ফোবানা কনভেনশনকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং সবাইকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।   সভায় উপস্থিত ছিলেন হোস্ট কমিটির কনভেনার ডা: জয়নুল আবেদীন, কো-কনভেনার হাবিব টিয়া এবং সদস্য সচিব মোহাম্মদ ইকবাল। এছাড়াও ফোবানার বিদায়ী চেয়ারম্যান এবং বাংলাদেশ কমিউনিটি অব লস অ্যাঞ্জেলেসের সভাপতি মাসুদ রব চৌধুরী উপস্থিত ছিলেন।   স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া তরঙ্গ অ্যাসোসিয়েশনের সভাপতি শিপার চৌধুরী, বাংলাদেশ আমেরিকান সোসাইটির সভাপতি সেন্টু হক, কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম, রফিকুল ইসলাম এবং আনন্দ মেলার মোহাম্মদ আলী।   সভায় বক্তারা জানান, আগামী ৪ জুন একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি কমিউনিটির সকল সদস্যকে সম্পৃক্ত করতে শিগগিরই বৃহৎ পরিসরে একটি “টাউন হল সভা” আয়োজন করা হবে। ওই সভায় ফোবানা কনভেনশন ঘিরে বিভিন্ন পরিকল্পনা, প্রস্তুতি এবং কমিউনিটির ঐক্যবদ্ধ উদ্যোগ সম্পর্কে সবাইকে অবহিত করা হবে।   আয়োজকরা জানান, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা কনভেনশন। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন ফোবানা (FOBANA) প্রতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এ সম্মেলনের আয়োজন করে থাকে।   সভায় কনভেনশনের সার্বিক প্রস্তুতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ফোবানা কনভেনশন আরও সফল, অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত হয়ে উঠবে।   ফোবানা দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আয়োজকরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের এবারের কনভেনশনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রকাশ : মে ৩১, ২০২৬ ০:১৩
ছবি: সংগৃহীত
চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টরপন্থী কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বৈধ ও অনিবন্ধিত অভিবাসীদের চাকরি, চিকিৎসাসেবা, আবাসন ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্পের অভিবাসন এজেন্ডার মূল রূপকার স্টিফেন মিলারের তত্ত্বাবধানে ফেডারেল বিধিমালার ক্ষমতা ব্যবহার করে অভিবাসীদের দেশ ছাড়তে বাধ্য করতে এই আমলাতান্ত্রিক কলকাঠি নাড়া হচ্ছে। ইতিমধ্যে এর প্রভাবে বিমানবন্দর ও বিভিন্ন সুরক্ষিত এলাকার চাকরি থেকে বহু অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস সুবিধাভোগী কর্মীকে ছাঁটাই করা হয়েছে এবং 'স্বেচ্ছায় দেশত্যাগ' কর্মসূচির আওতায় ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন।     নতুন নীতিমালায় গ্রিন কার্ডধারীসহ সব অনাগরিকের জন্য সরকার-সমর্থিত ক্ষুদ্র ব্যবসা ঋণ এবং ট্রাকচালকদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে। পাশাপাশি, যেসব শিশুর মা-বাবার অন্তত একজন মার্কিন নাগরিক নন, তাদের শিশু দিবাযত্নকেন্দ্র বা ডে-কেয়ারের সরকারি ভর্তুকি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইউএসসিআইএস এমন নিয়মের প্রস্তাব করেছে যা অনিবন্ধিত আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পাওয়া কার্যত বন্ধ করে দেবে, যেখানে সংস্থাটির মুখপাত্র জ্যাক কাহলার মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রে কাজ করা একটি বিশেষ সুবিধা, কোনো অধিকার নয়।   প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের আর্থিক পরিষেবা ও আবাসন ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করার জোর প্রচেষ্টা চালাচ্ছে। ব্যাংকে গ্রাহকদের অভিবাসন স্থিতি কঠোরভাবে যাচাইয়ের নির্বাহী আদেশের পাশাপাশি গৃহায়ণ ও নগর উন্নয়ন বিভাগ মিশ্র অভিবাসী পরিবারগুলোকে সরকারি বাসস্থানে থাকা নিষিদ্ধ করার পরিকল্পনা করছে, যার ফলে প্রায় ২০ হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া করদাতার মা-বাবা অনিবন্ধিত অভিবাসী হওয়ায় মার্কিন নাগরিকত্ব থাকা সত্ত্বেও লাখ লাখ শিশু চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।     স্বাস্থ্যসেবা খাতেও ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে অভিবাসন স্থিতির প্রমাণ জমার বাধ্যবাধকতা আরোপ করায় ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারাসহ বিভিন্ন অঞ্চলের ক্লিনিকগুলোতে রোগীর সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। গ্রেপ্তার, কারাবাস ও চিকিৎসা সুবিধা হারানোর ভয়ে সাধারণ অভিবাসীরা এখন ট্যাক্স জমা দিতে বা চিকিৎসকের কাছে যেতেও চরম আতঙ্ক বোধ করছেন।

প্রকাশ : মে ৩০, ২০২৬ ২৩:৪৪