- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙের প্রতীক বহন করছে। এই উদ্যোগের মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঐতিহাসিক মাইলফলকই উদযাপন করা হয়নি, পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক অংশীদারিত্বের বার্তাও তুলে ধরা হয়েছে। আয়োজকদের ভাষ্য, রিকশা বাংলাদেশের অন্যতম পরিচিত সাংস্কৃতিক প্রতীক হওয়ায় এই মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে দুই দেশের বন্ধুত্বের প্রতিফলন হিসেবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক গত কয়েক দশকে বাণিজ্য, শিক্ষা, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। বিশেষভাবে তরুণ প্রজন্মের মধ্যে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় বাড়াতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন তারা। লাল, সাদা ও নীল রঙে সাজানো রিকশাগুলো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলাচল করবে বলে জানা গেছে। এতে স্থানীয় মানুষের পাশাপাশি বিদেশি নাগরিকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ঐতিহ্যবাহী বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় উদযাপনকে একত্রিত করার এই প্রচেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি প্রতীকী উপস্থাপন হিসেবে বিবেচিত হচ্ছে।
পর্যাপ্ত ঘুম কেবল শরীরের ক্লান্তিই দূর করে না, বরং হৃদযন্ত্রের সুরক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শুধু দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমানোই যথেষ্ট নয়; ঘুমের সময়সূচিতে অনিয়ম বা ‘স্লিপ ইরেগুলারিটি’ হার্ট অ্যাটাক ও স্ট্রোকসহ অন্যান্য হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে, প্রতিদিন আলাদা সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস হৃদযন্ত্রের কার্যকলাপে নীরবে মারাত্মক ক্ষতি সাধন করে। নিয়মিত ঘুমের সময় পরিবর্তন করলে শরীরের 'সার্কাডিয়ান রিদম' বা প্রাকৃতিক জৈবঘড়ির ভারসাম্য নষ্ট হয়, যা হৃৎস্পন্দন, রক্তচাপ ও হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই ছন্দপতনের ফলে শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। সাধারণত রাতে রক্তচাপ স্বাভাবিকভাবে কমে যাওয়ার কথা থাকলেও অনিয়মিত ঘুমের কারণে তা বাধাপ্রাপ্ত হয় এবং হার্ট ও রক্তনালির ওপর চাপ বাড়াতে থাকে। ফলে ঘুমের দৈর্ঘ্য ঠিক থাকলেও ভুল সময়ের কারণে উচ্চ রক্তচাপ, ক্লান্তি এবং শরীরের প্রদাহ কমছে না। ব্যস্ত জীবনে রাত জেগে সিরিজ দেখা বা একেক দিন একেক সময়ে ঘুমানো এখন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। অনেকেই একে সামান্য ব্যাপার মনে করলেও চিকিৎসকেরা একে শরীরের ওপর অত্যাচার করার শামিল বলে অভিহিত করেছেন। সুস্থ হৃদযন্ত্র নিশ্চিত করতে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত গভীর ঘুম নিশ্চিত করা ভীষণ জরুরি বলে তারা পরামর্শ দিয়েছেন। হৃদযন্ত্র ভালো রাখতে এবং ঘুমের সময় নির্দিষ্ট করতে চিকিৎসকেরা কিছু কার্যকরী উপায় অনুসরণের পরামর্শ দিয়েছেন। প্রথমত, নিজের কাজের ওপর ভিত্তি করে কখন ঘুমাতে যাবেন এবং কখন উঠবেন তা নির্দিষ্ট করতে হবে। প্রয়োজনে ঘুমানো ও ওঠার জন্য ঘড়িতে রিমাইন্ডার বা অ্যালার্ম ব্যবহার করা যেতে পারে, যাতে ফোনের সংকেত পাওয়া মাত্রই সব কাজ বা ডিভাইস ছেড়ে বিশ্রামের আবহ তৈরি করা যায়। এ ছাড়া, ভালো ঘুমের জন্য ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে ফোন বা ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ দূরে রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ স্ক্রিনের ব্লু-লাইট মেলাটোনিন হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটায়। একই সাথে সন্ধ্যার পর চা বা কফির মতো ক্যাফিনজাতীয় পানীয় সেবনের পরিমাণ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে, যা দ্রুত ঘুমাতে যাওয়া এবং ঘুমের ব্যাঘাত ঘটার ঝুঁকি কমাতে সাহায্য করবে।
থাইল্যান্ড সরকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল অবস্থানের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ৩০ দিনের বেশি দেশটিতে থাকতে হলে পর্যটকদের ভিসার জন্য আবেদন করতে হবে। সরকারি সিদ্ধান্তে বলা হয়েছে, আগে কোভিড পরবর্তী অর্থনীতি চাঙা করতে ২০২৪ সালের জুলাই থেকে ৯৩টি দেশের পর্যটকদের ৬০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকার সুযোগ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি মন্ত্রিসভা সেই সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে। নতুন নীতিমালায় বিদেশি পর্যটকদের অবস্থানের সময়সীমা দেশভিত্তিকভাবে নির্ধারণ করা হবে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নির্ভর করবে। নিরাপত্তা জোরদার এবং ভিসা ব্যবস্থায় জটিলতা কমানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে দেশটিতে মাদক ও মানবপাচারের মতো অপরাধে বিদেশি নাগরিকদের জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সরকার কঠোর অবস্থান নিয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ভারসাম্য রক্ষার জন্য বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন হয়েছে। ৬০ দিনের ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি ও স্পেন ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব দেশের নাগরিকদেরও ৩০ দিনের বেশি অবস্থানের জন্য ভিসা নিতে হবে, যদিও কিছু ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে সময়সীমা ভিন্ন হতে পারে। সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই দেশের নাগরিকদের জন্য একাধিক ভিসা সুবিধা থাকায় অনেক সময় বিভ্রান্তি তৈরি হতো। নতুন নীতির মাধ্যমে সেই জটিলতা কমানোর চেষ্টা করা হচ্ছে। পর্যটননির্ভর অর্থনীতির জন্য পরিচিত থাইল্যান্ডে ২০১৯ সালে প্রায় ৪ কোটি পর্যটক ভ্রমণ করেছিলেন। মহামারির ধাক্কা কাটিয়ে পর্যটন খাত পুনরুদ্ধারের পথে থাকলেও সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগ নীতিগত এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয় তুলে নিয়ে পাকিস্তানকে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এমন কৃতিত্ব দেখাল টাইগাররা। ম্যাচের পঞ্চম দিনে ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত অলআউট হয় পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শেষ করা সফরকারীরা শেষ দিনে জয়ের আশা জাগালেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে তা টিকেনি। দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের জুটি প্রতিরোধ গড়ে তোলে, যা কিছুটা চাপ তৈরি করে স্বাগতিকদের ওপর। দিনের শুরুতেই রিজওয়ানের একটি ক্যাচ মিস হওয়ায় ম্যাচে উত্তেজনা বাড়ে। এরপর রিজওয়ান ও সাজিদ খান ধীরে ধীরে ব্যবধান কমাতে থাকেন। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলকে স্বস্তি এনে দেন। তিনি সাজিদ খানকে আউট করে জুটি ভাঙেন এবং নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। সাজিদ ৩৬ বলে ২৮ রান করেন। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তিনি আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে। শেষদিকে খুররাম শেহজাদকে আউট করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তাইজুল। এর আগে মিরপুর টেস্টে জয় দিয়ে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ সিলেটেও দাপুটে পারফরম্যান্স ধরে রাখে। এই জয়ের মাধ্যমে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করল বাংলাদেশ।
ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তির লড়াইয়ে টিকে থাকতে নিজেদের মূল সার্চ ইঞ্জিনে বড় ধরনের পরিবর্তন আনছে গুগল। এবার সার্চ ইঞ্জিনের সঙ্গেই যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্বয়ংক্রিয় ‘এজেন্ট’ এবং কোডিং টুল। এর পাশাপাশি এক দশকেরও বেশি সময় পর বাজারে নতুন প্রযুক্তির স্মার্ট চশমা বা গ্লাস আনার ঘোষণাও দিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ‘আই/ও’ কনফারেন্সে মঙ্গলবার এই নতুন উদ্ভাবনগুলো উন্মোচন করা হয়। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানান, তাদের নতুন ‘জেমিমনাই ৩.৫ ফ্ল্যাশ’ মডেলের ওপর ভিত্তি করে এই নতুন সার্চ ইঞ্জিন পরিচালিত হবে। আরও বেশি দক্ষ ও বুদ্ধিমান এআই এজেন্ট তৈরির ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি। সুন্দর পিচাই বলেন, আমরা দীর্ঘদিন ধরে ডেভেলপার ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এআই এজেন্ট নিয়ে কাজ করছি। তবে এখন আমাদের মূল লক্ষ্য হলো এই এজেন্টের ক্ষমতা সাধারণ গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে এটি সবার দৈনন্দিন জীবনে কাজে আসে। গুগল সার্চের এই পরিবর্তনের মূল আকর্ষণ হলো ‘স্পার্ক’ নামের একটি নতুন এআই অ্যাসিস্ট্যান্ট। এই এজেন্টটি ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে জিমেইল বা ম্যাপসের মতো সেবাগুলো থেকে তথ্য নিয়ে তাদের ব্যক্তিগত কাজ গুছিয়ে দেবে এবং প্রশাসনিক জটিলতা কমাবে। এমনকি ব্যবহারকারীর সরাসরি তদারকি ছাড়াই এটি ইন্টারনেট ঘুরে কেনাকাটা করা, খবরের আপডেট রাখা, নির্দিষ্ট পণ্য খুঁজে দেওয়া বা কোনো অনুষ্ঠানের টিকিট বুকিংয়ের মতো কাজগুলো একাই করতে পারবে।. গুগলের সার্চ বিভাগের প্রধান লিজ রিড এই প্রযুক্তি সম্পর্কে বলেন, সার্চ ইঞ্জিনের সেরা কার্যকারিতার সঙ্গে এআই প্রযুক্তির সেরা সুবিধাগুলোকে এক সুতোয় বেঁধে ফেলার যাত্রায় এটি আমাদের পরবর্তী ধাপ। সার্চ ইঞ্জিনের পাশাপাশি মেটা এবং অন্যান্য প্রতিযোগী সংস্থাকে চ্যালেঞ্জ জানাতে স্মার্ট চশমার বাজারেও ফিরছে গুগল। ২০১৫ সালে প্রথম সংস্করণের 'গুগল গ্লাস' প্রকল্পটি বন্ধ করে দেওয়ার এক দশকেরও বেশি সময় পর এই নতুন উদ্যোগ নেওয়া হলো। ক্যামেরা ও স্পিকারযুক্ত এই চশমা তৈরিতে গুগল এবার হাত মিলিয়েছে স্যামসাং, ওয়ার্বি পার্কার এবং জেন্টল মনস্টারের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে। বর্তমানে কোটি কোটি ব্যবহারকারীর ডেটা এবং নিজেদের বিস্তৃত সেবার সুবিধা নিয়ে এআই বাজারের শীর্ষস্থান দখল করতে চায় গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক ব্যবহারে বিশেষ করে প্রফেশনাল কোডিং ও বিজনেস অটোমেশনের ক্ষেত্রে বর্তমানে ওপেনএআই ও অ্যানথ্রোপিক প্রত্যেকে প্রায় ৪০ শতাংশ বাজার দখল করে আছে, যেখানে গুগলের অংশ মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস জানান, তাদের নতুন জেমিমনাই ৩.৫ মডেলটি প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিকের ‘ক্লড কোড’ বা ওপেনএআইয়ের ‘কোডেক্স’-এর সমকক্ষ হলেও এটি অনেক দ্রুত কাজ করে এবং এর পরিচালনা খরচও প্রায় অর্ধেক। আগামী মাসে জেমিমনাই ৩.৫-এর আরও শক্তিশালী ‘প্রো’ সংস্করণ বাজারে আসবে বলেও তিনি জানান। তিনি আরও মন্তব্য করেন যে, মানুষের চেয়েও বুদ্ধিমান প্রযুক্তি বা ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) এখন আর বেশি দূরে নয়। বিনিয়োগকারীরাও গুগলের এই নতুন প্রযুক্তির ওপর আস্থা রাখছেন। গত ১২ মাসে গুগলের শেয়ারের দাম প্রায় ১৩০ শতাংশ বেড়েছে, যার ফলে এর বাজারমূল্য এখন প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে।
কানাডার জনপ্রিয় এশিয়ান গ্রোসারি চেইন ‘টিঅ্যান্ডটি সুপারমার্কেট’ ক্যালিফোর্নিয়ায় তাদের প্রথম শাখা খুলতে যাচ্ছে। আগামী ১৮ জুন বে এরিয়ার সান জোসে আনুষ্ঠানিকভাবে এই মেগাশপটির উদ্বোধন করা হবে। দ্য সান ফ্রান্সিসকো ক্রনিকলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সান জোসের ১৬০০ সারাটোগা অ্যাভিনিউয়ের ওয়েস্টগেট সেন্টারে নতুন এই সুপারশপটি অবস্থিত। উদ্বোধনী দিন সকাল ৮টায় শুরু হবে উৎসবমুখর আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৯টায় সাধারণ ক্রেতাদের জন্য সুপারশপের দরজা খুলে দেওয়া হবে। টিঅ্যান্ডটি মূলত তাদের প্রস্তুতকৃত খাবার, বেকারি আইটেম এবং এশিয়ান মুদি পণ্যের বিশাল সংগ্রহের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সান জোসের এই শাখায় চীন, জাপান, কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার পণ্য পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির নিজস্ব ব্র্যান্ডের কিছু বিশেষ পণ্য ক্রেতাদের অন্যতম আকর্ষণ হতে পারে। এর মধ্যে রয়েছে পর্ক স্যুপ ডাম্পলিং, গ্রিন অনিয়ন প্যানকেক, কালবি সস এবং তাইওয়ানিজ স্টাইলের সসেজ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিনা লি এক বিবৃতিতে বলেন, সান জোসের এই শাখাটি নিয়ে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। তারা শুধু মানসম্পন্ন খাবারই আনছেন না, সেই সাথে কানাডা থেকে এক নতুন জীবনধারার পরিচয় করাচ্ছেন, যা খাদ্যের ঐতিহ্য ও সতেজতাকে ধারণ করে। টিনা লি আরও জানান, এশিয়ান পরিবারগুলোকে তাদের শেকড়ের খাবারের সঙ্গে যুক্ত রাখা তাদের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের কাছে এশিয়ান খাবারের এক নতুন গন্তব্য তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় এশিয়ান মুদি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। টিঅ্যান্ডটির এই আগমন ওই অঞ্চলের ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে নতুন মাত্রা যোগ করবে। এইচ মার্ট, টোকিও সেন্ট্রাল এবং ওসাকা মার্কেটপ্লেসের মতো বিশেষায়িত শপগুলোও বর্তমানে এই অঞ্চলে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। সিলিকন ভ্যালির এই মার্কেটটি ছাড়াও ক্যালিফোর্নিয়ায় আরও দুটি শাখা খোলার ঘোষণা দিয়েছে টিঅ্যান্ডটি। ২০২৬ সালের শীত মৌসুমে সান ফ্রান্সিসকোর মেসনিক অ্যাভিনিউ সংলগ্ন গিয়ারি বুলেভার্ডের সিটি সেন্টার এবং মিলব্রের ফ্রেন্ডশিপ প্লাজায় নতুন দুটি স্টোর চালু হতে পারে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে নিজেদের অ্যাপের মাধ্যমে ক্রেতাদের বিনামূল্যে সদস্যপদ পাওয়ার সুযোগ দিচ্ছে টিঅ্যান্ডটি। এছাড়া আগামী ৬ থেকে ৭ জুন এবং ১৩ থেকে ১৪ জুন স্যান্টানা রো-তে বিশেষ পপ-আপ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। সেখানে ক্রেতাদের জন্য নানা রকম স্ন্যাকস, গেম ও উপহারের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, ১৯৯৩ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে প্রতিষ্ঠিত হয় টিঅ্যান্ডটি সুপারমার্কেট। এর সদর দপ্তর রিচমন্ডে অবস্থিত। গত ২০২৪ সালে ওয়াশিংটনের বেলভ্যুতে স্টোর চালুর মাধ্যমে তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে।
উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) আগামী বছর তাদের ৪০তম কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ায়। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল সিটির ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী এ সম্মেলন। “উন্নয়নের পথে আগামী প্রত্যয়ে প্রবাস বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের কনভেনশনে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক, সামাজিক ও পেশাগত সংযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকরা বলছেন, উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা এতে অংশ নেবেন। আয়োজকরা আরও জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে থাকছে ব্যবসায়িক নেটওয়ার্কিং, সেমিনার, সাহিত্য ও কবিতা আসর, যুব ফোরাম, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশবিষয়ক আলোচনা, ট্যালেন্ট শো, ফোবানা স্কলারশিপ কার্যক্রম এবং দেশীয় খাবার ও কারুশিল্প প্রদর্শনী। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়ার জন্য দেশ বিদেশের জনপ্রিয় একাধিক শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত শিল্পীদের তালিকায় রয়েছেন লুইপা, ঋতুপর্ণা, মিলা, সাগর বাউল, নকিব খান, রবি চৌধুরী, রোমেল খান, মুজা ও আলিফ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে আরও শিল্পীর নাম ঘোষণা করা হবে। এবারের ফোবানা কনভেনশনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বিএসি)। আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল করিম বেলাল, এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রউফ, কনভেনর ড. জয়নুল আবেদীন এবং মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, নতুন প্রজন্মের অংশগ্রহণ বৃদ্ধি এবং বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে ফোবানা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতি বছরের এ কনভেনশনকে ঘিরে উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য আয়োজকদের ওয়েবসাইটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আসন্ন উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। মঙ্গলবার পর্তুগিজ কোচ রবের্তো মার্তিনেস এই দল ঘোষণা করেন। ঘোষিত এই স্কোয়াডে বিশ্বমঞ্চে দারুণ কিছুর প্রত্যাশায় অভিজ্ঞ ও একঝাঁক তরুণ প্রতিভার চমৎকার সমন্বয় ঘটিয়েছেন তিনি। এবারের আসরেও রোনালদোর কাঁধেই থাকছে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব, যা তাঁর ফুটবল ক্যারিয়ারে আরও একটি অনন্য মাইলফলক যোগ করতে যাচ্ছে। ঘোষিত এই শক্তিশালী স্কোয়াডে রোনালদোর পাশাপাশি জায়গা পেয়েছেন ইউরোপীয় ফুটবলের পরীক্ষিত তারকা ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স ও গনসালো রামোসের মতো ফরোয়ার্ডরা। দল ঘোষণার সময় কোচ মার্তিনেস এক আবেগঘন বার্তা দেন। গত বছর অকালে না-ফেরার দেশে চলে যাওয়া দলের ফরোয়ার্ড দিয়োগো জোটাকে সম্মান জানিয়ে প্রতীকীভাবে তাকে এই স্কোয়াডের ‘২৭তম সদস্য’ হিসেবে উল্লেখ করেন কোচ, যা ফুটবলপ্রেমীদের বেশ আবেগাপ্লুত করেছে। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা, যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোনালদোর দল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন মিয়ামিতে শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। ঘোষিত স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস ও দিওগো দালোতের মতো বিশ্বমানের ডিফেন্ডাররা। এছাড়া মাঝমাঠ ও আক্রমণভাগের ধার বাড়াতে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে থাকছেন ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা, জোয়াও নেভেস, বার্নার্দো সিলভা, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো ও গনসালো রামোস।
যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়ায় স্বাক্ষর সংক্রান্ত নতুন কঠোর নীতি চালু করতে যাচ্ছে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনপত্রে স্বাক্ষরের সামান্য ত্রুটিও আবেদন বাতিলের কারণ হতে পারে, যা আবেদনকারীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। ইউএসসিআইএস জানিয়েছে, ২০২৬ সালের ১০ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই নীতির আওতায় কোনো আবেদন ফর্মে বৈধ স্বাক্ষর না থাকলে তা গ্রহণ পর্যায়েই বাতিল করা হবে অথবা পরবর্তী যাচাই পর্যায়ে নাকচ করা যাবে। এ ক্ষেত্রে আবেদন ফি ফেরত দেওয়ার বাধ্যবাধকতাও থাকবে না। সংস্থাটি বলছে, সাম্প্রতিক সময়ে ভুয়া বা অননুমোদিত স্বাক্ষরের ব্যবহার বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সফটওয়্যার-নির্ভর স্বাক্ষর, কপি-পেস্ট করা ছবি বা অনুমোদনহীন ব্যক্তির স্বাক্ষর ব্যবহারের কারণে যাচাই প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছিল। নতুন নীতিমালায় বলা হয়েছে, হাতে লেখা স্বাক্ষর অথবা মূল স্বাক্ষরের পরিষ্কার স্ক্যান কপি গ্রহণযোগ্য হবে। তবে টাইপ করা নাম, ডিজিটালভাবে তৈরি স্বাক্ষর, সিগনেচার স্ট্যাম্প কিংবা অনুমোদনহীন ব্যক্তির দেওয়া স্বাক্ষর গ্রহণযোগ্য হবে না। এই পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এইচ-১বি ভিসা ও কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায়। এসব আবেদন সাধারণত প্রতিষ্ঠান বা আইনজীবীদের মাধ্যমে জমা দেওয়া হয়, যেখানে স্বাক্ষর সংক্রান্ত ছোট ত্রুটিও বড় জটিলতা তৈরি করতে পারে। ইউএসসিআইএস আরও জানিয়েছে, আবেদন জমা দেওয়ার পরেও যদি কোনো পর্যায়ে স্বাক্ষর নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে পুরো আবেদন বাতিল করা হতে পারে। এমন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে, ফলে আবেদনকারীদের আর্থিক ক্ষতির পাশাপাশি কাজের অনুমতি বা অভিবাসন স্ট্যাটাস ঝুঁকিতে পড়তে পারে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, নতুন নিয়ম কার্যকর হলে আবেদনকারী ও নিয়োগদাতা উভয় পক্ষকে আরও সতর্ক হতে হবে। প্রতিটি স্বাক্ষরের ক্ষেত্রে যথাযথ অনুমোদন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা জরুরি হয়ে উঠবে। নতুন নীতির বিষয়ে জনমত গ্রহণ চলবে ২০২৬ সালের জুলাই পর্যন্ত। তবে একই দিন থেকেই এটি কার্যকর হওয়ার কথা রয়েছে, ফলে প্রস্তুতির সময় সীমিত।
‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের পাঁচ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নতুন নোটটির সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি ব্যবহার করা হয়েছে। নোটের পিছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এই পাঁচ টাকার নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটটির নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ এবং তার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’। পাশাপাশি ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ও সংযুক্ত করা হয়েছে। এছাড়া নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে। নোটের বাম পাশে দুই মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যা কাগজের ভেতরে প্রবিষ্ট এবং আলোর বিপরীতে ধরলে দুই পাশ থেকেই দেখা যায়। নোটের সম্মুখভাগের নিচের অংশে গ্লিউইশ প্যাটার্নের ওপর মাইক্রো পয়েন্ট আকারে অসংখ্য ‘BANGLADESH’ শব্দও মুদ্রিত রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকেই প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোটটি ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি পাওয়া যাবে। একই সঙ্গে বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে বলেও জানানো হয়েছে। মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমানের নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে। বিনিময় অযোগ্য এই নোট বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
বিশ্বের ৯৩টি দেশের পর্যটক ও দর্শনার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কাটছাঁট করে অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। এতদিন এই সুবিধার আওতায় দেশটির বিমানবন্দরে নেমেই ৬০ দিনের ভিসা পাওয়া যেত, যা এখন কমিয়ে ৩০ দিন করা হয়েছে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকায়েও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে অনেক বিদেশি পর্যটক থাইল্যান্ডে এসে সেটির অপব্যবহার করছেন। মূলত এই অবৈধ অপব্যবহার রোধ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার ভিসার মেয়াদ ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিনে নামিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। থাই পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন-অ্যারাইভাল ভিসার পাশাপাশি অন্যান্য ক্যাটাগরির ভিসার নিয়মকানুনও আরও কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে, যাতে দেশে প্রবেশকারী ব্যক্তিরা প্রকৃত উদ্দেশ্যেই থাইল্যান্ডে অবস্থান করছেন কি না তা নিশ্চিত করা যায়। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অবকাশযাপনের জন্য থাইল্যান্ড অন্যতম প্রধান ও আকাঙ্ক্ষিত একটি গন্তব্য। তবে সম্প্রতি ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে দেশটিতে বিদেশি পর্যটকের আগমন কিছুটা হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত দেশটিতে মোট ১ কোটি ১৪ লাখ বিদেশি পর্যটক এসেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪৩ শতাংশ কম।
ঢাকা টেস্ট জয়ের পর সিলেট টেস্টেও পাকিস্তানের বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের বাকি ৩টি উইকেট তুলে নিতে পারলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের জয়ের জন্য এখনো প্রয়োজন ১৩৭ রান। চতুর্থ দিনের খেলা শেষে উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী বলে মনে করলেও শেষ দিনে পাকিস্তানকে অলআউট করে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট। মঙ্গলবার (১৯ মে) চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে টেইট বলেন, "আমার মনে হয় ক্রিকেটের জন্য দিনটা বেশ ভালো কেটেছে, কারণ দুই দলই দারুণ ক্রিকেট খেলেছে। তারা খুব ভালো ব্যাটিং করেছে এবং সত্যি বলতে আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী ছিল। তবে আমাদের ছেলেরা লড়াইয়ে ছিল। একটা সময় তারা আমাদের ওপর চেপে বসেছিল, কিন্তু দিনের শেষের দিকে ওই দুটি উইকেট তুলে নেওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময় সবাই বেশ খুশি ছিল।" আজ দলের কঠিন সময়ে পাকিস্তানের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। সেই রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে কোচ বলেন, "বিশেষ করে ওই রান আউটের সুযোগটা যখন হাতছাড়া হলো, আমাদের মনে হয়েছিল সেটাই হয়তো কাঙ্ক্ষিত ব্রেকথ্রু হতে পারত। এরপর তাইজুলের মাধ্যমে সেই সাফল্য আসে। ডাগআউটে রোমাঞ্চ ছিল। তবে ব্যক্তিগতভাবে আমি একদমই চিন্তিত ছিলাম না।" কঠিন কন্ডিশনেও দল ভালো অবস্থানে রয়েছে দাবি করে টেইট আরও বলেন, "আজকের কন্ডিশনটা বেশ কঠিন ছিল, মনে হয়েছে এটাই সবচেয়ে গরম দিন। উইকেটও ব্যাটিংয়ের জন্য সত্যিই ভালো হয়ে উঠেছিল। তবে এগুলো কোনো অজুহাত নয়। দিনশেষে আমরা এখন ভালো অবস্থানে আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ দিনের কথা বললে, আমার মনে হয় আমরা কাল তাদের অলআউট করে দেব। আশা করি এটাই হবে।
ইসলামি বিশ্বাস অনুযায়ী জিলহজ মাসের প্রথম দশ দিনকে বছরের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। শেষ দশ রাত যেমন বিশেষ মর্যাদাপূর্ণ, তেমনি এই দশ দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সময় হিসেবে বিবেচিত। সামর্থ্য থাকুক বা না থাকুক, এই সময়ে বিভিন্ন আমলের মাধ্যমে বেশি সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। এই বরকতময় দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। হজ পালনকারীরা তালবিয়া পাঠ করেন, আর যারা হজে যাননি তারা বেশি বেশি আল্লাহর স্মরণে সময় কাটাতে উৎসাহিত হন। কোরআনে বলা হয়েছে, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। এ সময় দান-সদকার গুরুত্বও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী দান করা, সেবা করা কিংবা মানুষের উপকারে আসা কাজও সদকার অন্তর্ভুক্ত। কোরআনে বলা হয়েছে, প্রকাশ্যে বা গোপনে আল্লাহর পথে ব্যয়কারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। জিলহজের নবম দিন, অর্থাৎ আরাফার দিনে রোজা রাখাকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী, এই রোজা পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহ মাফের কারণ হতে পারে। এই সময় নফল ইবাদত হিসেবে চাশতের নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। সূর্যোদয় থেকে জোহরের আগ পর্যন্ত অন্তত দুই রাকাত নামাজ আদায়কে উৎসাহিত করা হয়। এছাড়া পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা, উপহার বিনিময় এবং ভালো আচরণ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আরাফার দিন বিশেষ দোয়ার গুরুত্বও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সামর্থ্য থাকলে হজ পালনকে এই সময়ের শ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য করা হয়। কোরবানির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা এবং এর মাংস দরিদ্রদের মধ্যে বিতরণ করার মাধ্যমে ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা পাওয়া যায়। এ সময় পরিবার ও সমাজে ভালো কাজের আহ্বান জানানো এবং অন্যদের উৎসাহিত করাও একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য রাস্তায় পুলিশি তল্লাশির মুখে পড়া একটি পরিচিত অভিজ্ঞতা। এ মুহূর্তে আতঙ্কিত না হয়ে কী করতে হবে এবং আমেরিকার সংবিধান একজন সাধারণ নাগরিককে কতটা সুরক্ষা দেয়, সে বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। সঠিক তথ্য জানা থাকলে এ ধরনের পরিস্থিতি শান্তভাবে এবং আইনসম্মতভাবে সামলানো সম্ভব। প্রথম করণীয়: শান্ত থাকুন পুলিশের সাইরেন শুনলে প্রথমেই আতঙ্কিত হওয়া যাবে না। ধীরে ধীরে রাস্তার ডান পাশে নিরাপদ স্থানে গাড়ি থামাতে হবে। দুই হাত স্টিয়ারিং হুইলের ওপর রাখুন, যাতে পুলিশ বাইরে থেকে স্পষ্ট দেখতে পান। হঠাৎ কোনো অঙ্গভঙ্গি বা তাড়াহুড়ো করলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। পুলিশ না বললে গাড়ি থেকে নামবেন না। কাগজপত্র দেখানো বাধ্যতামূলক পুলিশ কাছে এলে গাড়ির জানালা অর্ধেক নামান এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের কাগজ দেখান। এগুলো দেখানোর আইনগত বাধ্যবাধকতা রয়েছে। কাগজ খোঁজার আগে পুলিশকে জানিয়ে নিন, যাতে হাত নাড়াচাড়াকে ভুলভাবে না দেখা হয়। চুপ থাকার অধিকার: ফিফথ অ্যামেন্ডমেন্ট পুলিশ প্রশ্ন করতে শুরু করলে জেনে রাখুন, আমেরিকার সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী আপনি নিজের বিরুদ্ধে যেতে পারে এমন কোনো বক্তব্য দিতে বাধ্য নন। শান্তভাবে বলতে পারেন, 'আমি আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছু বলতে চাই না।' এটি আপনার সাংবিধানিক অধিকার এবং পুলিশ সেই অধিকারকে সম্মান দেখাতে বাধ্য। গ্রেপ্তারের মুখে পড়লে: সিক্সথ অ্যামেন্ডমেন্ট পুলিশ যদি গ্রেপ্তার করতে চায়, তাহলে সংবিধানের ষষ্ঠ সংশোধনী অনুযায়ী আইনজীবীর সাহায্য চাওয়ার অধিকার আপনার আছে। স্পষ্টভাবে বলুন, 'আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই।' এই মুহূর্তে যত কম কথা বলবেন, ততই নিরাপদ। কারণ আপনার প্রতিটি কথা আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে। তল্লাশির ক্ষেত্রে: ফোর্থ অ্যামেন্ডমেন্ট পুলিশ গাড়ি বা ব্যাগ তল্লাশি করতে চাইলে প্রশ্ন করুন সার্চ ওয়ারেন্ট আছে কিনা। সংবিধানের চতুর্থ সংশোধনী নাগরিকদের অযৌক্তিক তল্লাশি থেকে সুরক্ষা দেয়। তল্লাশিতে আপনার সম্মতি না থাকলে তা স্পষ্টভাবে জানিয়ে দিন। সম্মতি ছাড়া তল্লাশি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। ভাষা সমস্যায় অনুবাদক চাওয়ার অধিকার ইংরেজিতে সাবলীল না হলে ঘাবড়ানোর কিছু নেই। ১৯৬৪ সালের সিভিল রাইটস অ্যাক্ট অনুযায়ী আপনি অনুবাদক চাইতে পারেন। সরাসরি বলুন, 'আমি বাংলায় কথা বলি, অনুবাদক চাই।' এই অনুবাদক সহায়তা আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত সম্পত্তির বাইরে যেকোনো সর্বজনীন স্থানে পুলিশের কার্যক্রম রেকর্ড করা যাবে। সংবিধানের প্রথম সংশোধনী মত প্রকাশের এই স্বাধীনতা দেয়। তবে রেকর্ড করার বিষয়টি পুলিশকে জানিয়ে করুন এবং তাদের কাজে কোনোভাবে বাধা দেবেন না। ঘটনার সময়, স্থান, পুলিশ অফিসারের নাম ও ব্যাচ নম্বর লিখে রাখুন। মনে হলে স্থানীয় সিভিল লিবার্টি সংস্থায় অভিযোগ দায়ের করতে পারেন। আমেরিকার সংবিধান প্রতিটি মানুষকে এই সুরক্ষা দেয়। তবে সেই সুরক্ষা তখনই কাজে আসে, যখন একজন নাগরিক নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকেন।
ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে রাজধানী ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ পরীক্ষামূলকভাবে চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা। তবে এই আধুনিক প্রযুক্তির কৃতিত্ব কার—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশ এটিকে বিএনপির সফলতা হিসেবে প্রচার করলেও অনুসন্ধানে জানা গেছে, মূল উদ্যোগ ও টেন্ডার প্রক্রিয়াটি ছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের। সম্প্রতি রাজধানীর কারওয়ানবাজারের সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে গিয়ে দেখা যায় এক ভিন্ন চিত্র। একসময় যেখানে এক লেনের যানবাহন আটকে অন্য লেন ছাড়তে ট্রাফিক পুলিশকে রীতিমতো গলদঘর্ম হতে হতো, সেখানে এখন আর কোনো দৌড়ঝাঁপ নেই। সিগন্যালে লাল-সবুজ বাতি জ্বলার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে থেমে যাচ্ছে ও চলতে শুরু করছে সব ধরনের যানবাহন। চালকদের মধ্যেও ট্রাফিক আইন মানার এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে, যা রাজধানীর চিরচেনা যানজটের চিত্রে কিছুটা স্বস্তি এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফলতার প্রশংসা করে অনেকেই এটিকে রাজনৈতিক দল বিএনপির অবদান হিসেবে উল্লেখ করছেন। তবে ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারই প্রথম ঢাকায় এআই ক্যামেরা স্থাপনের এই দূরদর্শী উদ্যোগ নিয়েছিল। প্রকল্পের শুরুতেই গুলশান-২ গোলচত্বর এলাকায় পরীক্ষামূলকভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা বসানো হয়। সেখানে দেখা যায়, ট্রাফিক আইন অমান্যকারী যেকোনো যানবাহনকে মুহূর্তে শনাক্ত করছে এই এআই ক্যামেরা এবং সেই স্বয়ংক্রিয় তথ্য সরাসরি চলে যাচ্ছে ট্রাফিক বিভাগের সেন্ট্রাল কমান্ড সেন্টারে। গুলশানের এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ার পর পর্যায়ক্রমে বিজয় সরণিসহ রাজধানীর আরও vanished ছয়টি গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরা বসানোর কাজ প্রক্রিয়াধীন ছিল। প্রযুক্তির এই আধুনিকায়নে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ নগরবাসী ও শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম উল ইসলাম নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, লাল বাতি জ্বলছে আর সমস্ত গাড়ি নিজ থেকেই থেমে যাচ্ছে, এটা আমাদের জন্য একদম নতুন এক অভিজ্ঞতা। আশা করি এর মাধ্যমে ঢাকার সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনা কিছুটা হলেও দূর হবে। তবে এই প্রযুক্তির কারণে অসাবধানী চালকদের গুনতে হচ্ছে জরিমানা। নতুন এই ব্যবস্থার মুখে পড়া মোটরসাইকেল চালক সোহেল রানা জানান, প্রথম দিন বিষয়টা বুঝতে পারিনি। ট্রাফিক আইন ভঙ্গের কারণে হঠাৎ মোবাইলে ২০০০ টাকা মামলার মেসেজ পাই। এরপর থেকে রাস্তায় চলাচল করার সময় খুব সতর্ক থাকি। এদিকে সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানালেও চালকদের সচেতনতার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, সিগন্যালগুলোকে পুরোপুরি আধুনিক ও কার্যকর করতে হলে চালকদের আইন মানার প্রবণতা বা কমপ্লায়েন্স অত্যন্ত জরুরি। চালকরা যদি সচেতন না হন, তবে কোনো উন্নত প্রযুক্তিই শেষ পর্যন্ত কাজে আসবে না। বিদ্যমান ট্রাফিক ব্যবস্থার সীমাবদ্ধতা উল্লেখ করে এই বিশেষজ্ঞ আরও বলেন, "বর্তমানে সড়কে গাড়ি থামিয়ে মামলা দেওয়ার যে প্রচলিত পদ্ধতি রয়েছে, তাতে বেশ কিছু সমস্যা হয়। একটি গাড়ি থামালে পেছনের সবগুলো গাড়ি আটকে গিয়ে কৃত্রিম যানজট তৈরি হয়। অনেক সময় চালক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডায় সময় নষ্ট হয়। এছাড়া ভিআইপি যানবাহনের ক্ষেত্রে আইন প্রয়োগে অনেক সময় পুলিশ দ্বিধায় পড়ে। এই বাস্তবতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইনির্ভর স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থার কোনো বিকল্প নেই।" উদ্যোগটি যার আমলেই নেওয়া হোক না কেন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং চালকদের আইন মানার মানসিকতা বজায় থাকলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: দ্য ডেল্টা লেন্স
দুই দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার সঙ্গে গভীর সম্পর্ক টিকিয়ে রেখেছেন সময় প্রকাশনের প্রকাশক। ভিসাজটিলতা পেরিয়ে ২০০৬ সালে প্রথমবার এই বইমেলায় পা রেখেই প্রেমে পড়েছিলেন তিনি। এবার ৩৫তম আসরের প্রাক্কালে সেই স্মৃতি ও অনুভূতির কথা লিখেছেন তিনি। ২০০২ সালে প্রথম চেষ্টায় ভিসা মেলেনি। ২০০৫ সালে আবেদন করলেও নিরাপত্তা যাচাইয়ের জটিলতায় সেবারও আমেরিকা যাওয়া হয়নি। অবশেষে ২০০৬ সালে বইমেলার আমন্ত্রণপত্রের সুবাদে প্রথম পা রাখেন নিউইয়র্কে। সঙ্গে ছিলেন স্ত্রী তানি আহমেদ, লেখক আনিসুল হক ও প্রকাশক মনিরুল হক। ছোট আয়োজনে আন্তরিকতার সেই অভিজ্ঞতা আজও ভোলেননি তিনি। বইমেলাটির সূচনা থেকেই ঢাকার প্রকাশকদের যুক্ত করতে নিরলস কাজ করেছেন প্রবাসী উদ্যোক্তা বিশ্বজিত সাহা। সেই সময়ে পোস্ট অফিসের চিঠি আর ট্রাংক কলে যোগাযোগ রেখে তিনি প্রকাশকদের অনুপ্রাণিত করে গেছেন। আমেরিকার নাগরিকত্ব পাওয়ার পরদিনই পরবর্তী ফ্লাইট ধরে ঢাকায় ছুটে এসেছিলেন, এমনই দেশপ্রেম ছিল তাঁর। ২০০৬ সালে মাত্র দুটি প্রকাশনা সংস্থা সরাসরি ঢাকা থেকে অংশ নিয়েছিল। পরের বছরগুলোয় সেই সংখ্যা ক্রমশ বেড়েছে। অনেক লেখক ও প্রকাশক বইমেলাকে উপলক্ষ করে আমেরিকা সফর করেছেন, কেউ কেউ সেখানেই স্থায়ী হয়েছেন। ২০০৭ সালে 'বাঙলা উৎসব' সাবটাইটেল যুক্ত হয়ে বইমেলাটি নতুন মাত্রা পায়। পরে নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত হয়ে এটি এখন সারা বিশ্বের বাংলাভাষীদের মিলনমেলায় পরিণত হয়েছে। প্রবাসে জন্ম নেওয়া শিশুরা এই বইমেলা দেখে দেখে বড় হয়েছে। তাদের মধ্যে বাংলা বই ও সংস্কৃতির বীজ বপনে বইমেলার ভূমিকা অনস্বীকার্য বলে মনে করেন এই প্রকাশক। ঢাকার অমর একুশে বইমেলা যখন জৌলুস হারাচ্ছে, তখন নিউইয়র্কের এই বইমেলা দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ৩৫তম আসরে এসে এই বইমেলা এখন পূর্ণ প্রাপ্তবয়স্ক এক উৎসব, যা কেবল প্রবাসীদের নয়, গোটা বাঙালি জাতির গর্বের সম্পদ বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আগামীকাল ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মধ্যে বাড়ছে উৎসাহ, আলোচনা ও রাজনৈতিক সচেতনতা। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ প্রবাসী কমিউনিটিতে নতুন আশাবাদ তৈরি করেছে। নির্বাচনের আগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন থেকে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে। কমিউনিটির নেতারা বলছেন, অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠকে মূলধারার রাজনীতিতে আরও শক্তভাবে তুলে ধরতে এই নির্বাচনে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জর্জিয়ার সাবেক স্টেট সিনেটর নাবিলাহ পার্কেস। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে তিনি লেফটেন্যান্ট গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি প্রকাশিত আটলান্টা জার্নাল-কনস্টিটিউশনের (এজেসি) এক জরিপে তাকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে থাকতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার জনপ্রিয়তা বিশেষ করে তরুণ ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বাড়ছে। নাবিলাহ পার্কেস জর্জিয়ার ইতিহাসে প্রথম মুসলিম নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে স্টেট সিনেটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। ফলে তার বর্তমান প্রার্থিতা শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং অভিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। এছাড়া জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ আসনে শেখ রহমানের প্রার্থিতাও বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত শেখ রহমানকে অনেকেই কমিউনিটির শক্তিশালী কণ্ঠ হিসেবে দেখছেন। অন্যদিকে, জর্জিয়া স্টেট হাউস ডিস্ট্রিক্ট-৯৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী তানজিনা। স্থানীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক কার্যক্রমে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যেই পরিচিত মুখে পরিণত হয়েছেন। তার সমর্থকদের মতে, শিক্ষা, কমিউনিটি উন্নয়ন ও অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন। নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা। বিভিন্ন পোস্টে ভোটারদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, “ভোট শুধু অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব।” পাশাপাশি সংখ্যালঘু ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশী কমিউনিটি একটিভিস্টদের মতে, জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক উপস্থিতিকে আরও দৃশ্যমান করে তুলছে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করবে বলেও মনে করা হচ্ছে।
নিউইয়র্ক শহরের প্রতিটি বরোতে একটি করে সরকারি সুপারমার্কেট চালুর যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র মামদানি, তা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী বছর ব্রঙ্কসের হান্টস পয়েন্টে শহরের প্রথম সরকারি মুদি দোকানটি চালু হতে যাচ্ছে বলে সোমবার ঘোষণা দিয়েছেন তিনি। নিউইয়র্ক ডেইলি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০ হাজার বর্গফুট আয়তনের বিশাল এই দোকানটি তৈরি হবে 'দ্য পেনিনসুলা' নামের একটি সাশ্রয়ী আবাসন প্রকল্পে। জায়গাটি একসময় স্পফোর্ড জুভেনাইল ডিটেনশন ফ্যাসিলিটি বা কিশোর উন্নয়ন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণাকালে আয়োজিত এক সমাবেশে মেয়র মামদানি বলেন, এই দোকান এবং সামগ্রিকভাবে দ্য পেনিনসুলা প্রকল্প মানুষের সামনে এই প্রমাণ তুলে ধরবে যে, সরকার চাইলেই ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সরকার যে মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে, এটি তারই বাস্তব প্রমাণ। নতুন এই সরকারি দোকানে ডিম ও সতেজ শাকসবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো সাধারণ বাজারের চেয়ে কম দামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মেয়র। তবে এর বাইরের অন্যান্য পণ্যগুলো বাজারের সাধারণ দামেই কেনা যাবে। ব্রঙ্কসের এই এলাকাটিকে বেছে নেওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। মেয়রের তথ্যমতে, এলাকাটির মাত্র সিকি মাইলের মধ্যে কেবল একটি পূর্ণাঙ্গ সুপারমার্কেট রয়েছে। অথচ এর খুব কাছেই অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য বিতরণ কেন্দ্র হান্টস পয়েন্ট কোঅপারেটিভ মার্কেট। সমাবেশে পয়েন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট মারিয়া তোরেস বলেন, আমরা জানি খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ধরনের পরীক্ষামূলক প্রকল্পগুলো আমাদের এলাকার পরিবারগুলোকে খাদ্যের উচ্চমূল্য থেকে কিছুটা স্বস্তি দেবে। পাশাপাশি স্বাস্থ্যকর খাবারের বিকল্প তৈরি করবে, যা এই এলাকায় গত কয়েক দশক ধরে ছিল না। নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের পাঁচটি বরোতেই এমন সরকারি দোকান নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। এর আগে তিনি ম্যানহাটনের ইস্ট হারলেমের লা মার্কেটা এলাকায় এমন একটি দোকান নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। ব্রঙ্কসের দোকানটির মতো সেটি আগে থেকে থাকা কোনো ভবনে হচ্ছে না, বরং একদম শূন্য থেকে সেটি নির্মাণ করা হবে। ম্যানহাটনের ওই স্টোরটি ২০২৯ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। আসন্ন অর্থবছরের বাজেটে এই মুদি দোকানগুলোর জন্য ৭ কোটি ডলার বরাদ্দের প্রস্তাব করেছেন মেয়র মামদানি। বিষয়টি নিয়ে বর্তমানে সিটি কাউন্সিলের সঙ্গে মেয়র কার্যালয়ের আলোচনা চলছে। তবে মেয়রের এই পরিকল্পনা নিয়ে স্থানীয় মুদি দোকান ও বোদেগা বা ছোট দোকানগুলোর মালিকরা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, সরকারি এই উদ্যোগ তাদের ব্যবসায় নেতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি করতে পারে। এর জবাবে মামদানি জানিয়েছেন, তার প্রশাসন এসব স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। তিনি বলেন, সরকারি দোকানগুলো চালুর পরও এই আলোচনা অব্যাহত থাকবে। পুরো ব্যবসায়ী সমাজ যাতে সুষ্ঠুভাবে টিকে থাকতে পারে, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এদিকে ব্রুকলিন, কুইন্স এবং স্টেটেন আইল্যান্ডে এমন দোকান নির্মাণের জন্য উপযুক্ত জায়গার সন্ধান করছে নগর কর্তৃপক্ষ। এসব এলাকায় স্টোর নির্মাণের জন্য জমির মালিকদের কাছে প্রস্তাবও চাওয়া হয়েছে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ঘোষিত এই দলে সবচেয়ে বড় খবর হিসেবে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেখানে দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফেরানো হয় নেইমারকে। চোট, অস্ত্রোপচার ও ফিটনেস নিয়ে অনিশ্চয়তার পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। নেইমারের ফেরায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও রিয়াল মাদ্রিদের তরুণ তারকা রদ্রিগোর বাদ পড়া বড় চমক হিসেবে দেখা হচ্ছে। ফলে ঘোষিত দলে কিছু জায়গায় পরিবর্তন নিয়েও আলোচনা চলছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল এবার অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কাসেমিরো, মারকিনিওস ও থিয়াগো সিলভার মতো অভিজ্ঞদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তরুণদের নিয়েই সাজানো হয়েছে দল। ব্রাজিল খেলবে সি গ্রুপে। আগামী ১৩ জুন নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ১৯ জুন হাইতি
যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও ধরপাকড় অভিযানের কারণে আগামী ১০ বছরে ফেডারেল সরকারের প্রায় ৪৭৯ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর বিশেষজ্ঞ ও বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, নথিপত্রহীন অভিবাসীদের মধ্যে আতঙ্ক বেড়ে যাওয়ায় তারা কর রিটার্ন দাখিল থেকে সরে আসছেন, যার সরাসরি প্রভাব পড়ছে দেশটির রাজস্ব আয়ে। অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অভিযানের ভয়ে বহু নথিপত্রহীন অভিবাসী কর ফাইল করা বন্ধ করে দিয়েছেন বলে ট্যাক্স পরামর্শকরা জানিয়েছেন। তাঁদের মতে, করদাতাদের ব্যক্তিগত তথ্য অভিবাসন সংস্থার সঙ্গে শেয়ার করার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি নথিপত্রহীন অভিভাবকদের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধা বাতিল হওয়ায় কর দাখিলের আগ্রহ কমে গেছে। ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের একাধিক ট্যাক্স সেবা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, অনেক নিয়মিত ক্লায়েন্ট এবার কর রিটার্ন দাখিল করেননি। স্প্রিংফিল্ডের একটি ট্যাক্স কনসালটেন্সি প্রতিষ্ঠানের মালিক জানান, তাঁদের প্রায় ৭৫ শতাংশ নিয়মিত ক্লায়েন্ট কর ফাইল করেননি। মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার আরেক ট্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান জানায়, তাদের ৩০ থেকে ৪০ শতাংশ ক্লায়েন্ট এবার কর দাখিল থেকে বিরত থেকেছেন। যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের জন্য কর প্রদান আইনগতভাবে বাধ্যতামূলক হলেও বহু বছর ধরে অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ করদাতাদের তথ্য গোপন রাখার নীতি অনুসরণ করে আসছে। তবে গত বছর একটি বিতর্কিত চুক্তির মাধ্যমে কিছু তথ্য হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলে উদ্বেগ আরও বাড়ে। পরে একটি ফেডারেল আদালত ওই চুক্তির ওপর স্থগিতাদেশ দেয়। তবুও করদাতাদের মধ্যে আস্থার ঘাটতি রয়ে গেছে। ইনস্টিটিউট অন ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির তথ্য অনুযায়ী, ২০২২ সালে নথিপত্রহীন অভিবাসীরা প্রায় ৯৬.৭ বিলিয়ন ডলার কর প্রদান করেছেন। ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের হিসাব অনুযায়ী, কর ফাইল করার হার কমে গেলে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের রাজস্ব ক্ষতি ১৪৭ বিলিয়ন থেকে ৪৭৯ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের হিসাব বলছে, স্বেচ্ছায় কর প্রদান মাত্র ১ শতাংশ কমলেও বছরে প্রায় ৪৬ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। অভিবাসন নীতির প্রভাব শিশুদের ওপরও পড়ছে। নতুন নিয়ম অনুযায়ী, নথিপত্রহীন অভিভাবকের সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে প্রায় ২৭ লাখ শিশু এই সুবিধা হারাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রভাবে শিশু দারিদ্র্যের হার বৃদ্ধি পেয়েছে। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অভিবাসী পরিবারের বড় একটি অংশ বর্তমানে বিতাড়নের আশঙ্কায় রয়েছে। অভিবাসন সংক্রান্ত আইনি বিশেষজ্ঞরা করদাতাদের তথ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে অভিবাসীরা আবারও কর ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারেন।